Tag: India vs Pakistan

India vs Pakistan

  • Asia Cup 2023: আজ ফের ম্যাচ, ক্লান্ত কোহলি! পাকিস্তান-বধে পাঁচ উইকেটের রহস্য জানালেন কুলদীপ

    Asia Cup 2023: আজ ফের ম্যাচ, ক্লান্ত কোহলি! পাকিস্তান-বধে পাঁচ উইকেটের রহস্য জানালেন কুলদীপ

    মাধ্যম নিউজ ডেস্ক: শ্রীলঙ্কার এই গরমে টানা তিন দিন খেলা বেশ ক্লান্তির, জানালেন কিং কোহলি। রবিবার ২৪ ওভার, সোমবার খেলতে হল ৫৭ ওভার, মঙ্গলবার আবার মাঠে নেমে ১০০ ওভার খেলতে হতে পারে। এশিয়া কাপে ভারতের কঠিন সূচির কথা মেনে নিলেন বিরাট। পাকিস্তানকে হারিয়ে ম্যাচের সেরার পুরস্কার নিতে এসে সঞ্চালক সঞ্জয় মঞ্জরেকরকে আগে ভাগেই কোহলি বলে দিলেন, “আমি অনুরোধ করব আপনি যাতে সাক্ষাৎকারটা খুব ছোট নেন। আমি প্রচণ্ড ক্লান্ত।”

    টানা ক্রিকেটের ধকল বিরাটের মুখে

    সোমবার বৃষ্টির কারণে স্বাভাবিক সময়ে খেলা শুরু হয়নি। প্রায় দেড় ঘণ্টার বেশি দেরি হয়েছে শুরু হতে। মাঝেও বৃষ্টিতে অনেক ক্ষণ খেলা বন্ধ থেকেছে। পাকিস্তান পুরো ৫০ ওভার খেললে রাত প্রায় ১টা বেজে যেত ম্যাচ শেষ হতে। মঙ্গলবার শ্রীলঙ্কার মুখোমুখি ভারত। ক্লান্তি প্রসঙ্গে কোহলি বললেন, “মাঠে প্রচুর দৌড়ে রান নিয়েছি। প্রত্যেক সময়েই মনে হচ্ছিল, কাল আবার দুপুর ৩টের সময় আমাদের মাঠে নামতে হবে। ভাগ্য ভাল যে আমরা নিয়মিত টেস্ট খেলি। আমি ১০০টার উপর টেস্ট খেলেছি। তাই কী ভাবে পর দিন মাঠে নামতে হয় সেটা আমার জানা। তবে এটাও ঠিক, এই মাঠে প্রচণ্ড গরম। নভেম্বরে আমার ৩৫ বছর বয়স হবে। তাই শরীরের দিকে বাড়তি খেয়াল তো রাখতেই হবে। চাইব যত দ্রুত সম্ভব নিজেকে তৈরি করতে।”

    কোহলির রেকর্ড

    এদিন এক দিনের ক্রিকেটে ১৩ হাজার রান হয়ে গেল কোহলির। দ্রুততম ব্যাটার হিসাবে এই কৃতিত্ব অর্জন করলেন তিনি। সোমবার রিজার্ভ ডে-র দিনে শুরু থেকেই চালিয়ে খেলতে শুরু করেন তিনি। কোহলির আগ্রাসী ব্যাটিংয়ের সামনে পাকিস্তানের ক্রিকেটারেরা দাঁড়াতেই পারেননি। হ্যারিস রউফকে হারিয়ে এমনিতেই একটু চাপে ছিল পাকিস্তান। শাহিন আফ্রিদি, নাসিম শাহেরা কোহলির আগ্রাসনের সামনে দাঁড়াতে পারেননি। এই নিয়ে ২৭৭ ইনিংসে ১৩ হাজার রান করলেন কোহলি। টপকে গেলেন সচিন তেন্ডুলকরকে, যিনি ৩২১ ইনিংসে ১৩ হাজার রান করেছিলেন। শাহিনের বলে দু’রান নিয়ে এই কৃতিত্ব অর্জন করেন কোহলি। এক দিনের ক্রিকেটে ৪৭তম শতরান হল কোহলির। শীর্ষে থাকা সচিনের থেকে আর দু’টি শতরান পিছনে তিনি।

    আরও পড়ুন: কুলদীপের কেরামতি! কোহলি-রাহুলের শতরান, পাকিস্তানের বিরুদ্ধে সহজ জয় ভারতের

    কুলদীপের কেরামতি

    কিছু দিন পরে ভারতের মাটিতে শুরু হচ্ছে এক দিনের বিশ্বকাপ। সেই প্রতিযোগিতায় ভারতের অন্যতম অস্ত্র কুলদীপ যাদব। পাঁচ উইকেট নিয়ে একার হাতে পাকিস্তানকে গুঁড়িয়ে দিয়ে এদিন কুলদীপ বলেন, “চার বছর আগে ২০১৯-এর বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে খেলেছিলাম। ওদের দলের বেশির ভাগ ক্রিকেটারকেই চিনি। তাই স্পিন ওরা কী ভাবে খেলে সেটাও জানি। চেষ্টা করেছিলাম বলের মধ্যে বৈচিত্র আনতে। উইকেট লক্ষ্য করে বল করতে চেয়েছিলাম। স্পিন ভাল খেলে এমন দলের বিরুদ্ধে খেলার সুবাদে দেখেছি, ওরা শুধু সুইপ এবং রিভার্স সুইপ মারার চেষ্টা করে। ওখানেই উইকেট নেওয়ার সুযোগ চলে আসে।”

    কুলদীপ জানিয়েছেন, পাঁচ উইকেট নেওয়া কখনওই তাঁর লক্ষ্য ছিল না। তিনি চেয়েছিলেন ভাল বল করতে। কুলদীপের কথায়, “প্রথম ওভার থেকেই ভাল ছন্দ পেয়ে গিয়েছিলাম। ধারাবাহিক ভাবে ভাল বল করে গিয়েছি। পাঁচ উইকেট পেলে ভাল লাগে ঠিকই। কিন্তু চারটে উইকেট পেয়ে যাওয়ার পরে কখনও ভাবি না যে আর একটা উইকেট আমাকে পেতেই হবে। সেই মুহূর্তে ভাল লেংথে বল করাই আমার লক্ষ্য থাকে। কিন্তু পাঁচ উইকেট পাওয়ার অনুভূতি যে আলাদা সেটা স্বীকার করতে বাধা নেই।”

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • India vs Pakistan: একদিনের ম্যাচ গড়াল দু’দিন! রবিবার থমকে যাওয়া ভারত-পাক দ্বৈরথ চলবে আজও

    India vs Pakistan: একদিনের ম্যাচ গড়াল দু’দিন! রবিবার থমকে যাওয়া ভারত-পাক দ্বৈরথ চলবে আজও

    মাধ্যম নিউজ ডেস্ক: দফায় দফায় বৃষ্টির জেরে এশিয়া কাপে ভারত-পাকিস্তান সুপার ফোরের ম্যাচ গড়াল রিজার্ভ ডে-তে। তবে সোমবারও রয়েছে বৃষ্টির সম্ভবনা। এতে পাকিস্তানের খুব একটা অসুবিধা হবে না। কিন্তু রোহিতদের সমস্যা হতে পারে। টানা তিন দিন ক্রিকেট মাঠে থাকতে হবে তাঁদের। ১৭৬ ওভার খেলতে হতে পারে ভারতকে।

    আজও বৃষ্টি হতে পারে

    রবিবার ভারতের ইনিংসে ২৪.১ ওভারের সময় শুরু হয় বৃষ্টি। সেই সময় ভারতের রান ছিল ২ উইকেটে ১৪৭। কেএল রাহুল (১৭) ও বিরাট কোহলি (৮) ব্যাট করছিলেন। বৃষ্টি প্রথমে ধীরে শুরু হলেও পরে তা গতি বাড়ায়। এরসঙ্গে যুক্ত হয় ঝোড়ো হাওয়া। এরফলে একাধিকবার পিচের কভার সরে যায়। বৃষ্টির বন্ধের পর শুরু হয় মাঠ তৈরি করার কাজ। রাত আটটা ২০ নাগাদ পিচ তৈরি হয় খেলার জন্য। সাড়ে আটটার সময় ফের শুরু হয় বৃষ্টি। ফলে দিনের মত ম্যাচ বাতিলের সিদ্ধান্ত নেন আম্পায়াররা। সোমবার, অর্থাৎ রিজার্ভ ডে-তে ম্যাচ আবার সেখান থেকেই শুরু হবে। পুরো ৫০ ওভারেরই ম্যাচ হবে। যদি সোমবার বৃষ্টি বাধা না দেয় তা হলে ভারতকে বাকি ২৫.৫ ওভার ব্যাট করতে হবে। তার পরে পাকিস্তানের ইনিংসের ৫০ ওভার রয়েছে। অর্থাৎ রোহিতদের মাঠে থাকতে হতে পারে প্রায় ৭৬ ওভার। মঙ্গলবার সুপার ফোরে শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচ রয়েছে ভারতের। সেই ম্যাচেও বৃষ্টি না এলে ১০০ ওভার খেলতে হতে পারে রোহিতদের। পর পর দিন তিন মাঠে থাকাই নয়, এত পরিশ্রম কী ভাবে সামলাবেন রোহিতেরা সেটা নিয়ে প্রশ্ন উঠেছে।

    আরও পড়ুন: আজ মহারণে ভারত-পাকিস্তান, দুই দলের শক্তি ও দুর্বলতার দিক কোনগুলি?

    আজ, সোমবার বৃষ্টি না হলে দুপুর তিনটে থেকে ম্যাচ শুরু হবে, ব্যাট করতে নামবেন বিরাট কোহলি ও কেএল রাহুল। স্ট্রাইক রাখবেন বিরাট কোহলি। আর ম্যাচ শুরু হবে ২৪.২ ওভার থেকে। বল করবেন শাদাব খান। রবিবারের ম্যাচে এমনিতেই পিঠের চোটের কারণে ছিটকে গিয়েছেন শ্রেয়স আয়ার। মঙ্গলবারের ম্যাচে তাঁকে পাওয়া যাবে কি না তা নিয়ে সন্দেহ রয়েছে। সুপার ফোর থেকে ফাইনালে ওঠার জন্যে পাকিস্তান এবং শ্রীলঙ্কা দুটি ম্যাচই জিতলে এগিয়ে থাকবে রোবহিতরা। বাংলাদেশের বিপক্ষে  শেষ ম্যাচের আগেই ফাইনালের টিকিট নিশ্চিত করতে চায় টিম ইন্ডিয়া। 

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Asia Cup 2023: বুমরাহীন টিম ইন্ডিয়া! আজ এশিয়া কাপের দ্বিতীয় ম্যাচে নেপালের মুখোমুখি রোহিতরা

    Asia Cup 2023: বুমরাহীন টিম ইন্ডিয়া! আজ এশিয়া কাপের দ্বিতীয় ম্যাচে নেপালের মুখোমুখি রোহিতরা

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারত পাকিস্তান মহারণ ভেস্তে গিয়েছিল বৃষ্টিতে। দুই দলের ঝুলিতে জমা পড়েছিল এক পয়েন্ট করে। সেই সুবাদে বাবর আজামরা এশিয়া কাপের সুপার ফোরে জায়গা পাকা করে ফেলেছে। কারণ গ্রুপের প্রথম ম্যাচে পাকিস্তান বড় ব্যাবধানে হারিয়েছিল নেপালকে। এক পয়েন্ট নিয়ে আপাতত দ্বিতীয় স্থানে টিম ইন্ডিয়া। এই পরিস্থিতিতে নেপালের মুখোমুখি হওয়ার আগে দেশে ফিরলেন দলের এক নম্বর বোলার যশপ্রীত বুমরাহ। বাবা হলেন তিনি। সোমবার সকালে সোশ্যাল সাইটে এই খবর শেয়ার করেন তিনি।

    আজ, সোমবার নেপালকে হারাতে পারলেই রোহিত বাহিনীও সুপার ফোরে পৌঁছে যাবে। রোহিতরা সুপার ফোরে পৌঁছলে দলের সঙ্গে যোগ দেবেন বুমরাহ। তবে হেরে গেলেই বিপদ। সেক্ষেত্রে খালি হাতে দেশে ফিরতে হবে রাহুল দ্রাবিড়ের দলকে। যা বিশ্বকাপের আগে মোটেও ভালো বিজ্ঞাপন হবে না। আর বৃষ্টিতে যদি ম্যাচ ভেস্তে যায়, তাহলে সুবিধা পাবে ভারত।

    টপ অর্ডার নিয়ে চিন্তা

    পাকিস্তানের বিরুদ্ধে ভারতের টপ অর্ডার ব্যাট্যাররা ব্যর্থ হয়েছিলেন। শাহিন আফ্রিদির আগুনে বোলিংয়ের সামনে দাঁড়াতে পারেননি রোহিত শর্মা, বিরাট কোহলি, শুভমান গিল। তাই সুপার ফোর লড়াইয়ে নামার আগে রোহিত, কোহলিরা অবশ্যই চাইবেন রানে ফিরতে। কারণ এর পর লড়াই আরও কঠিন। ফের মুখোমুখি হবে ভারত পাকিস্তান। তাই দুর্বল নেপালের বিরুদ্ধে ভারতীয় টপ অর্ডার কেমন পারফর্ম করেন, সেদিকে নজর থাকবে। চার নম্বর নিয়ে ভারতীয় দলের মাথাব্যাথা নতুন নয়। অনেকেই আশা করেছিলন, শ্রেয়স আইয়ার ফিট হয়ে দলে ফেরায় তিনি সমস্যার সমাধানে সফল হবেন। কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে শুরুটা ভালো করেও হঠাৎ উইকেট ছুড়ে দেন তিনি। সেদিন যদি ঈশান কিষান ও হার্দিক পান্ডিয়া হাল না ধরতেন তাহলে সমস্যায় পড়ত ভারত। কিন্তু ঈশানের ৮২ ও হার্দিক এর ৮৭ টিম ইন্ডিয়াকে স্বস্তি দিয়েছিল।

    বাবা হলেন বুমরাহ

    এই ম্যাচে আবার পাওয়া যাবে না বুমরাহকে। আচমকা তিনি দেশে ফিরে এসেছেন। প্রথম বার বাবা হয়েছেন ভারতের তারকা পেসার। আর সেই কারণেই নাকি মাঝে ক’টা দিন ছুটি নিয়ে মুম্বইয়ে স্ত্রী এবং পরিবারের কাছে রয়েছন তিনি। খুশির খবর পুত্র সন্তান হয়েছে। নাম রাখা হয়েছে অঙ্গদ। নিজেই সোশ্যাল সাইটে এই খবর জানিয়েছেন তিনি। ভারতীয় দল সুপার ফোরে কোয়ালিফাই করলেই, তিনি দলের সঙ্গে আবার যোগ দেবেন বলে খবর। তাই খেলতে পারেন মহম্মদ শামি। বাকি দুই পেসার হতে পারেন সিরাজ ও শার্দুল ঠাকুর। স্পিনার হিসাবে জাদেজার সঙ্গী হবেন কুলদীপ যাদব। নেপালের হারানোর কিছু নেই। ভারতের মতো শক্তিশালী দলের বিরুদ্ধে খেলতে নামা তাদের কাছে বড় অভিজ্ঞাতা সঞ্চয়ের সুযোগ।

  • Asia Cup 2023: বৃষ্টিতে ভেস্তে গেল ভারত-পাক মহারণ! এশিয়া কাপের সুপার ফোরে পাকিস্তান

    Asia Cup 2023: বৃষ্টিতে ভেস্তে গেল ভারত-পাক মহারণ! এশিয়া কাপের সুপার ফোরে পাকিস্তান

    মাধ্যম নিউজ ডেস্ক: বৃষ্টি হওয়ার আশঙ্কা ছিল। সেটাই সত্যি হল শনিবার ভারত-পাকিস্তান ম্যাচে। বৃষ্টির জন্য ভেস্তে গেল খেলা। পয়েন্ট ভাগ করে দেওয়া হল দুই দলের মধ্যে। এক পয়েন্ট করে পেল ভারত এবং পাকিস্তান। পাকিস্তান ইতিমধ্যেই নেপালকে হারিয়ে দু’পয়েন্ট পেয়েছে। মোট তিন পয়েন্ট নিয়ে সুপার ফোরে চলে গেল পাকিস্তান। ভারত এক পয়েন্ট পেল তাতে নেপালের বিরুদ্ধে ৪ সেপ্টেম্বর জিততেই হবে রোহিতদের। তবেই সুপার ফোরে উঠতে পারবেন তাঁরা। 

    ব্যাটিংয়ে ভরাডুবি

    ফাস্ট বোলারদের বিপক্ষে ভারতের ব্যাটিংয়ের চিরকালীন দুর্বলতা আবারও প্রকট হল। পাকিস্তানের বিপক্ষে এশিয়া কাপ অভিযান করতে নেমে প্ৰথম ম্যাচেই ভারতের ভরাডুবি। পুরো ৫০ ওভার-ও ব্যাটিং করতে পারল না টিম ইন্ডিয়া। ৪৮.৫ ওভারে ২৬৬ রানে অলআউট ভারত। হাফসেঞ্চুরির মুখ দেখলেন ঈশান কিষান এবং হার্দিক পান্ডিয়া। বাকিরা সেই ব্যর্থ। বড় ম্যাচই নাকি চিনিয়ে দেয় কে বড় খেলোয়াড়। তাই ভারত-পাকিস্তান ম্যাচে নজর থাকে রোহিত শর্মা, বিরাট কোহলি, বাবর আজমদের মতো ক্রিকেটারদের দিকে। কিন্তু শনিবার ক্যান্ডিতে রোহিত বা বিরাট নায়ক হতে পারলেন না। তরুণ ঈশান কিশন এবং হার্দিক পান্ডিয়া ভারতের হয়ে ইনিংস গড়ার কাজটি করলেন। ৪৮.৫ ওভার ব্যাট করে ভারত তুলল ২৬৬ রান।

    আরও পড়ুন: খেতাব জয়ের থেকে একধাপ দূরে! ডুরান্ড ফাইনালে টিকিটের হাহাকার ইস্ট-মোহন সমর্থকদের মধ্যে

    সাইনিং শাহিন

    এশিয়া কাপে শ্রীলঙ্কার মাটিতে মুখোমুখি হয়েছিল ভারত এবং পাকিস্তান। টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন রোহিত। পাকিস্তানের বাঁহাতি পেসারের বিরুদ্ধে ভারত অধিনায়ক বার বার ধাক্কা খেয়েছেন। তাই এই ম্যাচে কী হবে, সেই দিকে নজর ছিল। শনিবারের লড়াইয়ে আবার জিতলেন আফ্রিদি। পর পর দু’টি বল আউট সুইং করার পর একটি ইনসুইং করলেন। তাতেই শেষ রোহিত (১১)। প্রথম উইকেট হারায় ভারত। দলের রান তখন ১৫। রোহিত আউট হতেই ক্যান্ডির মাঠে নামতে দেখা গেল বিরাটকে। তাঁর মারা একটি কভার ড্রাইভ দেখে হাসি ফিরেছিল ভারতীয় সমর্থকদের মুখে। কিন্তু তা ছিল ক্ষণিকের জন্য। আফ্রিদি অফ স্টাম্পের বাইরে বল ভিতরে টেনে এনে আউট হলেন বিরাট। ব্যর্থ শুভমন, শ্রেয়সও। সেখান থেকেই ভারতকে ম্যাচে ফেরান ঈশান কিষান। ঋষভ পন্থ খেললে হয়ত যাঁর খেলাই হত না। কঠিন সময় থেকেই হাফসেঞ্চুরি করে দলকে ম্যাচে ফেরালেন তিনি। সেখান থেকে ভারত ম্যাচে ফেরে ঈশান-হার্দিক পান্ডিয়ার ১৩৮ রানের পার্টনারশিপে ভর করে। ঈশান কিষানকে শেষ পর্যন্ত ফেরান হ্যারিস রউফ। ৮১ বলে ৮২ রানের ইনিংসে নয় বাউন্ডারি, জোড়া ওভার বাউন্ডারি হাঁকান তিনি। হার্দিক পান্ডিয়া ৯০ বলে ৮৭ করেন। হ্যারিস রউফ এবং নাসিম শাহ তিনটে করে উইকেট নেন। শাহিন শাহ আফ্রিদি চার উইকেট দখল করেন।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • India vs Pakistan: শাহিন-সাইন! বৃষ্টি-বিঘ্নিত ভারত পাকিস্তান ম্যাচে আফ্রিদির দাপটে চাপে রোহিতরা

    India vs Pakistan: শাহিন-সাইন! বৃষ্টি-বিঘ্নিত ভারত পাকিস্তান ম্যাচে আফ্রিদির দাপটে চাপে রোহিতরা

    মাধ্যম নিউজ ডেস্ক: সাইনিং শাহিন! পর পর দু’ওভারে ফিরিয়ে দিলেন ভারতের অন্যতম দুই সেরা ব্যাটারকে। রোহিত-বিরাট ফিরতেই চাপে ভারত। বৃষ্টির আশঙ্কা উড়িয়ে নির্ধারিত সময়ে টস করতে নামলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা ও পাকিস্তান ক্যাপটেন বাবর আজম। টসে জিতে প্রথমে ব্যাটিং নিলেন রোহিত। কারণ বৃষ্টিতে ম্যাচে বিঘ্ন ঘটতে পারে পরের দিকে। তাই বড় রান তুলে রাখলে ডাকওয়ার্থ লুইস নিয়মে সুবিধা পাবে টিম ইন্ডিয়া। এশিয়া কাপে ভারতের এটা প্রথম ম্যাচ। পাকিস্তান (India vs Pakistan) জয় দিয়ে অভিযান শুরু করেছে। বাবরের সেঞ্চুরিতে ভর করে নেপালকে বশ মানিয়েছিল তারা।

    চাপে ভারত

    তবে ম্যাচ শুরু হতেই চার ওভারের মাথায় বৃষ্টি নামে। বৃষ্টির সম্ভাবনা ছিল। আশঙ্কা করা হয়েছিল যে, বৃষ্টিতে খেলা বন্ধ হতে পারে। সেটাই হল। মাত্র ৪.২ ওভার খেলা হওয়ার পরেই বৃষ্টি শুরু হয়ে যায়। ভারত তখন বিনা উইকেটে ১৫ রান তোলে। বৃষ্টি থামতেই তাল কাটে ভারতের ব্যাটিংয়ে। শাহিনের বলে বোল্ড হন রোহিত। খেলা শুরু হতেই আউট হয়ে যান ভারত অধিনায়ক। বৃষ্টির পর খেলা শুরু হতে পর পর দুটো বলে আউট সুইং করিয়েছিলেন শাহিন আফ্রিদি। পরের বলটি ইনসুইং করেন। তাতে বোল্ড হলেন রোহিত। এরপর স্টাম্পের বাইরে থেকে বল উইকেটে টেনে আনলেন বিরাট। শাহিন পর পর দু’ওভারে ফিরিয়ে দিলেন রোহিত আর কোহলিকে। হ্যারিস রউফের বলে পুল করতে গিয়ে আউট হলেন শ্রেয়স আয়ার। 

    বিশ্বকাপের মহড়া

    এশিয়া কাপ (Asia Cup 2023) মূলত বিশ্বকাপের মহড়া। এই টুর্নামেন্টে অনেকেই দল গুছিয়ে নিতে চাইছে। চার নম্বর ব্যাটিং অর্ডার নিয়ে ভারতীয় (India vs Pakistan) টিম ম্যানেজমেন্টের মাথা ব্যাথা নতুন নয়। বিশেষ করে চার নম্বর নিয়ে অনেক পরীক্ষা নিরীক্ষা হয়েছে। কিন্তু শেষ পর্যন্ত পাকিস্তান ম্যাচে বিরাট কোহলির উপর চার নম্বরের দায়িত্ব দিল দল। যা বেশ বড় চমক। রোহিতের সঙ্গে ওপেন করলেন শুভমান গিল। সিনিয়র দলের হয়ে এটাই তাঁর প্রথম পাক ম্যাচ। তিন নম্বরে নামবেন ঈশান কিষান। পাঁচে নামবেন শ্রেয়স আইয়ার। অল রাউন্ডার হার্দিক পান্ডিয়া আছেন দলে।

    বোলিংয়ে আছে চমক। ব্যাটিং শক্তিশালী করতে সামির বদলে শারদুলকে খেলানো হয়েছে বুমরাহ ও সিরাজের সঙ্গে। স্পিনার কুলদীপ যাদব। টসে জিতে রোহিত বলেন, ‘‘বৃষ্টির আশঙ্কা রয়েছে। কিন্তু সেটা নিয়ে বেশি ভাবতে চাই না। ভাল ক্রিকেট খেলতে চাই। নিজেদের চ্যালেঞ্জ জানাতে চাই। কঠিন পরিস্থিতির মধ্যে দলের ছেলেদের ফেলতে চাই।’’ পাকিস্তানের বিরুদ্ধে নামার আগে তাঁদের প্রস্তুতি ভাল হয়েছে বলেই জানিয়েছেন ভারত অধিনায়ক। রোহিত বলেন, ‘‘ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এক দিনের সিরিজ খেলেছি। তার পরে বেঙ্গালুরুতে শিবির হয়েছে আমাদের। সেখানে প্রস্ততি ভাল হয়েছে। দলের ক্রিকেটারেরা মাঠে নামার জন্য তৈরি। নিজেদের সেরাটা দিতে মুখিয়ে আছে ওরা।’’

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • India vs Pakistan: পাক পেস আক্রমণকে সমীহ কোহলির! কোন ছকে জয়ের খোঁজে রোহিত?

    India vs Pakistan: পাক পেস আক্রমণকে সমীহ কোহলির! কোন ছকে জয়ের খোঁজে রোহিত?

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারত- পাকিস্তান ম্যাচ মানেই আলাদা উত্তেজনা। নাছোড় মনোভাব নিয়ে মাঠে নামে দুই দলই। বিনা যুদ্ধে কেউ কাউকে বাইশ গজের এক ইঞ্চিও ছাড়তে রাজি থাকে না। ম্যাচের আগে তা আরও একবার স্পষ্ট করে দিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। বিপক্ষ বোলারদের সমীহ করলেও তাঁদের বিরুদ্ধে নিজের সেরাটা দিতে বদ্ধ পরিকর সাম্প্রতিক সময়ে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের সেরা ব্যাটার বিরাট কোহলিও। 

    পাক দলকে সমীহ

    ওয়ান ডে ফর্ম্যাটে এখনও পর্যন্ত পাকিস্তানের সঙ্গে মোট ১৪ বারের সাক্ষাতে ৭বার ভারত জয় ছিনিয়ে নিয়েছে। পাকিস্তান পাঁচবার জিতেছে। শেষ পাঁচবারের সাক্ষাতেও ভারত চারবার জিতেছে। এই পরিস্থিতিতে আজকের ম্যাচে খাতায় কলমে এগিয়ে রয়েছে ভারতীয় দল। তবে উল্টোদিকে যখন পাকিস্তান, তখন তো কোনওভাবেই হাল্কাভাবে নেওয়া উচিত নয়। অভিমত রোহিতের। ভারত অধিনায়ক বলছেন, ”দেখুন, নেটে তো আর শাহিন, নাসিম বা রউফকে খেলতে পারব না। যারা আছে তাদের নিয়ে অনুশীলন করি। তবে প্রত্যেকেই ভাল মানের বোলার। তাই অভিজ্ঞতা কাজে লাগিয়েই ওদের বিরুদ্ধে ম্যাচ জিততে চাই।”

    প্রতিপক্ষ শিবিরকে সমীহ করে রোহিত বলছেন, ”সাম্প্রতিক কালে এক দিনের ক্রিকেট এবং টি-টোয়েন্টিতে পাকিস্তান ভাল খেলছে। বিশ্বের এক নম্বর দল হওয়া কঠিন ব্যাপার। তাই নিজেদের কাল একটা পরীক্ষার মধ্যে ফেলতে পারব। তবে উল্টো দিকে কোন দল রয়েছে তা ভাবতে চাই না। মাঠে নেমে সব কাজ ঠিকঠাক করতে চাই। এশিয়া কাপে ছ’টা দলই কঠিন। যে কোনও দিন যে কোনও দল জিততে পারে।” নিজের ব্যাটিং প্রসঙ্গে রোহিত বলেন, ”দল যাতে ভালো শুরু করতে পারে, সেটা টপ-অর্ডার ব্যাটার হিসেবে আমার কর্তব্য। আমি বেশিক্ষণ ক্রিজে থাকার চেষ্টা করব। ১৬ বছরে যে যে অভিজ্ঞতা হয়েছে, সেটা ব্যবহার করেই খেলতে চাই।”

    বোলাররাই আসল শক্তি

    ভারতীয় ব্যাটিং তারকা বিরাট কোহলিও এশিয়া কাপ অভিযান শুরুর আগে পাকিস্তানের বোলিং আক্রমণ নিয়ে মুখ খুলেছেন। ডানহাতি তারকা ব্যাটসম্যানের মতে, বোলিংই পাকিস্তানের আসল শক্তি। তারকা ব্যাটার বলেছেন, ‘আমি মনে করি, বোলিং পাকিস্তানের শক্তি। এবং ওদের কিছু সত্যিই প্রভাবশালী বোলার রয়েছে, যারা তাদের দক্ষতার উপর ভিত্তি করে যে কোনও সময়ে খেলার গতিপথ পরিবর্তন করতে পারে। তাই তাদের মোকাবিলা করার জন্য আপনাকে সেরাটা দিতে হবে।’ কোহলি নিঃসন্দেহে পাকিস্তান বোলারদের জন্য গুরুত্বপূর্ণ উইকেট। আসলে ৩৪ বছরের তারকার পাকিস্তানের বিরুদ্ধে ওডিআইতে একটি দুর্দান্ত রেকর্ড রয়েছে। ১৩ ম্যাচে ৪৮.৭৩ গড়ে ৫৩৬ রান করেছেন। কোহলির ওডিআই-এ সেরা স্কোর ১৮৩ রান করেছিলেন ২০১২ সালের এশিয়া কাপের সময়ে। তাও চিরপ্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে। 

    আরও পড়ুন: সম্মুখসমরে ভারত-পাকিস্তান! বৃষ্টির সম্ভাবনা কতটা?

    রেকর্ড ভারতের পক্ষে

    পাল্লেকেলে স্টেডিয়ামে ওয়ান ডে-তে ভারতের রেকর্ড অবশ্য দেশের ক্রিকেটপ্রেমীদের উৎসাহিত করে তোলার মতোই। কারণ, এই মাঠে ওয়ান ডে-তে এখনও পর্যন্ত অপরাজিত ভারতীয় দল। পাল্লেকেলে স্টেডিয়ামে এখনও পর্যন্ত ৩টি ওয়ান ডে ম্যাচ খেলেছে ভারত। ৩টি ম্যাচেই জিতেছে টিম ইন্ডিয়া। জয়যাত্রা শুরু হয়েছিল মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে। বিরাট কোহলির নেতৃত্বে দুটি ম্যাচ জিতেছে ভারত। তিন ম্যাচেই ভারতের প্রতিপক্ষ ছিল শ্রীলঙ্কা।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • India Vs Pakistan: সম্মুখসমরে ভারত-পাকিস্তান! বৃষ্টির সম্ভাবনা কতটা?

    India Vs Pakistan: সম্মুখসমরে ভারত-পাকিস্তান! বৃষ্টির সম্ভাবনা কতটা?

    মাধ্যম নিউজ ডেস্ক: অপেক্ষা আর মাত্র কয়েক ঘণ্টা, তারপরই শুরু ভারত পাকিস্তান (India vs Pakistan) মহারণ। বাইশগজে এশিয়ার সেরা হওয়ার লড়াই। আজ ক্যান্ডির পাল্লেকেলে স্টেডিয়ামে মুখোমুখি যুযুধান দুই দল। এই ম্যাচ দেখার অপেক্ষায় সারা বিশ্বের ক্রিকেট প্রেমীরা।  শনিবার এই ম্যাচ দিয়েই অভিযান শুরু করবে ভারতীয় দল।

    ভারত-পাকিস্তান মর্যাদার লড়াই

    ভারত-পাকিস্তান ম্যাচ মানেই টানটান উত্তেজনা। মর্যাদার লড়াই। যে লড়াইয়ে হারতে চায় না কোনও দলই। বুধবার নেপালের বিরুদ্ধে সতীর্থদের ফর্ম দেখে নিয়েছেন বাবর। ভারতের বিরুদ্ধে এই বাড়তি সুবিধা নিয়েই মাঠে নামবে আইসিসির এক দিনের ক্রমতালিকায় শীর্ষে থাকা পাকিস্তান। রোহিত শর্মাদের বিরুদ্ধে প্রথম একাদশ জানিয়ে দিয়েছে পাকিস্তান শিবির। নেপালের বিরুদ্ধে খেলা প্রথম একাদশে কোনও পরিবর্তন করেননি বাবরেরা। উইনিং কম্বিনেশন ভাঙতে চাননি তাঁরা।

    ভারত-পাকিস্তান কে এগিয়ে

    আইসিসির ক্রমতালিকা অনুযায়ী, এক দিনের ক্রিকেটে পাকিস্তান এখন এক নম্বর দল। ভারত রয়েছে তৃতীয় স্থানে। এই ম্যাচে আইসিসির র‌্যাঙ্কিংয়ের কোনও গুরুত্ব নেই। কোনও দিন ছিলও না। খাতায় কলমে দলগত শক্তির হিসাবও ভারত-পাকিস্তান ম্যাচে কার্যত অপ্রাসঙ্গিক। এগিয়ে থেকে মাঠে নামে না কেউ। ক্রিকেটপ্রেমীরা তাকিয়ে থাকবেন শুধু ব্যাট বলের লড়াইয়ের দিকে। এক দিকে বিরাট কোহলি, রোহিত শর্মা, শুভমন গিলদের সঙ্গে লড়াই হবে শাহিন আফ্রিদি, নাসিম শাহ, হ্যারিস রউফদের। আবার বাবর আজম, মহম্মদ রিজওয়ান, ইফতিকার আহমেদদের চ্যালেঞ্জ জানাবেন যশপ্রীত বুমরা, মহম্মদ শামি, মহম্মদ সিরাজেরা।

    আরও পড়ুন: ভিলেন হতে পারে বৃষ্টি! শনিবার ভারত-পাক ব্লকবাস্টার ম্যাচ কখন, কোথায় দেখতে পাবেন

    ভারত-পাক ম্যাচে ভিলে‌ন বৃষ্টি

    মহারণে ভিলে‌ন হতে পারে বৃষ্টি, এমন আশঙ্কা বিগত কয়েকদিন ধরেই করা হচ্ছিল। তবে শনিবার সকালে কিছুটা স্বস্তির খবর শুনিয়েছে শ্রীলঙ্কার হাওয়া অফিস। সকালের আকাশ আপাতত পরিষ্কার রয়েছে। শুক্রবার রাতে ক্যান্ডিতে বৃষ্টি হয়নি। তবে, বৃষ্টির প্রকোপ থেকে ম্যাচ পুরোপুরি পরিত্রাণ পাবে এমন আশা করা একটু কঠিন।

    আবহাওয়ার যা পূর্বাভাস তাতে টসের সময় বা ম্যাচ শুরুর নির্ধারিত সময়ে বৃষ্টি হতে পারে। সময় যত এগোবে ততই আকাশ পরিষ্কার হবে এবং বৃষ্টিপাতের সম্ভব‌না কমবে।

    ভারতের সম্ভাব্য প্রথম একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, ঈশান কিষাণ (উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, হার্দিক পান্ডিয়া, কুলদীপ যাদব, মহম্মদ শামি অথবা শার্দূল ঠাকুর, মহম্মদ সিরাজ, জসপ্রীত বুমরা।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • ICC World Cup 2023: চোখের নিমেষে শেষ! বিশ্বকাপে ভারত-পাক ম্যাচের টিকিট আর কি পাওয়া যাবে?

    ICC World Cup 2023: চোখের নিমেষে শেষ! বিশ্বকাপে ভারত-পাক ম্যাচের টিকিট আর কি পাওয়া যাবে?

    মাধ্যম নিউজ ডেস্ক: ‘হাউসফুল’! এক ঘণ্টার মধ্যে শেষ বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট। মঙ্গলবার অনলাইনে প্রথম দফার টিকিট বিক্রি শুরু হওয়ার পর এক ঘণ্টায় শেষ হয়ে যায় সব টিকিট। এক দশক পর ভারতের মাটিতে আরও একবার ভারত বনাম পাকিস্তান ক্রিকেট ম্যাচের আয়োজন করা হচ্ছে। ম্যাচের এখনও মাস দেড়েক সময় বাকি থাকলেও এখন থেকেই ক্রিকেট বিশ্বে উত্তেজনা চরমে। চলছে টিকিটের জন্য হাহাকার।

    সার্ভারে ট্রাফিক জ্যাম

    আগামী ১৪ অক্টোবর আমেদাবাদে বিশ্বকাপের লিগ পর্বের ম্যাচে মুখোমুখি হবেন রোহিত শর্মা এবং বাবর আজমেরা। মঙ্গলবার সন্ধ্যা ৬টায় আইসিসি টিকিটিং সহযোগী সংস্থার ওয়েব সাইটে প্রি-সেল উইন্ডো খোলার সঙ্গে সঙ্গে ক্রিকেটপ্রেমীরা টিকিট কেনার চেষ্টা শুরু করে দেন। ঘড়িতে ৭টা বাজার আগেই বিক্রি হয়ে যায় সব টিকিট। একটা সময় তো যে পোর্টালে আইসিসি বিশ্বকাপের টিকিট বিক্রি করা হচ্ছিল, সেখানেই কার্যত ট্রাফিক জ্যামের পরিস্থিতি তৈরি হয়। পোর্টালে ক্লিক করলেও, ক্রিকেটপ্রেমীদের যে সার্ভারে লম্বা অপেক্ষা করতে হয়েছে, সেটা আর বলার অপেক্ষা রাখে না। ভারতের মাটিতে ২০১৩ সালের ৬ জুন শেষবার পাকিস্তান ক্রিকেট ম্যাচ খেলতে নেমেছিল। দিল্লিতে সেই ম্যাচে ১০ রানে জিতেছিল ভারত।

    ভারত-পাক ম্যাচের টিকিট এখনও পাবেন

    আশার কথা ভারত-পাকিস্তান ম্যাচের সব টিকিট অবশ্য বিক্রি হয়ে যায়নি। আগামী ৩ সেপ্টেম্বর দ্বিতীয় দফার টিকিট বিক্রি হবে। সংশ্লিষ্ট সংস্থার এক কর্তা জানিয়েছেন, ‘‘আইসিসি অন্যতম সহযোগী একটি সংস্থার ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইন্ডিয়া কার্ড বা ইন্টারন্যাশনাল কার্ড যাঁদের রয়েছে, শুধু তাঁরাই প্রথম দিন টিকিট কেনার সুযোগ পেয়েছেন। প্রত্যেক ক্রেতার জন্য দু’টি করে টিকিট বরাদ্দ ছিল। এক ঘণ্টা মধ্যেই এ দিনের সব টিকিট শেষ হয়ে গিয়েছে।’’ আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে এক লাখ ৩২ হাজার দর্শকাসন রয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের এক কর্তা বলেছেন, ‘ক্রিকেটপ্রেমীদের হতাশ হওয়ার কিছু নেই। ৩ সেপ্টেম্বরের জন্য প্রচুর টিকিট রয়েছে।’’

    আরও পড়ুন: এশিয়া কাপে ভারত-পাক ম্যাচের পরের দিনই বিশ্বকাপের দল ঘোষণা করবে বিসিসিআই?

    এশিয়া কাপে ভারত-পাক ম্যাচের বিজ্ঞাপন-মূল্য

    তবে বিশ্বকাপের আগে এশিয়া কাপে মুখোমুখি হতে চলেছে ভারত-পাকিস্তান। এই ম্যাচে ১০ সেকেন্ডের বিজ্ঞাপনের জন্য ৩০ লাখ টাকা পর্যন্ত দর উঠতে পারে বলে আশা ডিজনি স্টার-এর। এর থেকেই বোঝা যায়, ক্রিকেটপ্রেমীদের মধ্যে এই ম্যাচের চাহিদা। এশিয়া কাপে কেবল বিজ্ঞাপন থেকেই টিভি ও ডিজিটাল মিলিয়ে স্টার প্রায় ৩৫০ থেকে ৪০০ কোটি টাকা আয় করতে পারে। এর জন্য ইতিমধ্যেই ১৭টি স্পনসর এবং ১০০-র বেশি বিজ্ঞাপনদাতার সঙ্গে চুক্তি স্বাক্ষর করা হয়েছে। এই টুর্নামেন্টে কমপক্ষে একবার ও সর্বোচ্চ তিনবার ভারত পাকিস্তানের খেলা হতে চলেছে। মূলত সেটা ধরেই বিজ্ঞাপন বিক্রি হচ্ছে হট-কেকের মতো। 

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Ind vs Pak Hockey: অপরাজিত থেকে সেমিফাইনালে! হকিতে পাকিস্তানকে ৪-০ গোলে চুরমার করল ভারত

    Ind vs Pak Hockey: অপরাজিত থেকে সেমিফাইনালে! হকিতে পাকিস্তানকে ৪-০ গোলে চুরমার করল ভারত

    মাধ্যম নিউজ ডেস্ক: পাকিস্তানের বিরুদ্ধে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে দাপট দেখিয়ে জিতল ভারত।  ঘরের মাঠে পাকিস্তানকে ৪-০ গোলে হারাল মেন ইন ব্লু। জোড়া গোল করে ম্যাচের নায়ক ভারত অধিনায়ক হরমনপ্রীত সিং। এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে টিকে থাকতে হলে এই ম্যাচে অন্তত পক্ষে ড্র করতে হত পাকিস্তানকে। হেরে যাওয়ায় প্রতিযোগিতা থেকে ছিটকে গেল তারা। গ্রুপ শীর্ষে থেকেই সেমিফাইনালে গেল ভারত।  সেমিফাইনালে তাদের সামনে জাপান। অন্য সেমিফাইনালে মুখোমুখি মালয়েশিয়া ও দক্ষিণ কোরিয়া। পঞ্চম স্থানের জন্য চিনের সঙ্গে খেলবে পাকিস্তান। ট্যুইটারে হরমনপ্রীতদের শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর, বিসিসিআই সচিব জয় শাহ।

    পাকিস্তানের বিরুদ্ধে দাপট 

    ভারতে পা রেখেই পাকিস্তান হকি দলের কোচ হুঙ্কার ছেড়েছিলেন, চিরপ্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে তারাই সুবিধাজনক জায়গায় থাকবেন। মনে করিয়ে দিয়েছিলেন, বড় টুর্নামেন্টে তাদের রেকর্ডও। ভারতীয় শিবির যদিও নীরবই ছিল। কেন তাঁরা পাকিস্তান শিবিরের হুঁশিয়ারিতে কান দেননি, বুধবার তা দেখিয়ে দিলেন হরমনপ্রীতরা। চেন্নাইতে এদিন ভারত-পাকিস্তান ম্যাচের আগে দু-দলের খেলোয়াড়দের সঙ্গে মিলিত হন তামিলনাডুর মুখ্যমন্ত্রী এম কে স্টালিন, ভারতীয় দলের ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন এবং হকি ইন্ডিয়ার প্রেসিডেন্ট দিলীপ তিরকে। দু-দেশের জাতীয় সঙ্গীতের পর।

    আরও পড়ুন: সামনে বিশ্বকাপ! গভীর রাতে আগুনে পুড়ল ইডেনের ঐতিহ্যবাহী ড্রেসিং রুম

    শুরু থেকেই আক্রমণে ভারত

    ম্যাচ শুরুর ৩ মিনিটের মাথায়, প্রথম কোয়ার্টারে প্রথম বিপক্ষের সার্কলে ঢুকে পড়ে ভারতই। হার্দিক সিংয়ের এরিয়ান বল পান শামসের সিং। কোনওমতে বিপদ এড়ায় পাকিস্তান। এরপরই পাকিস্তান একটি গোল করে। যদিও ভারত রিভিউ নেওয়ার পর সেই গোল বাতিল হয়। একটি পেনাল্টি কর্নার পায় পাক দল। ভারতের গোলকিপার কৃষ্ণণ বাহাদুর পাঠক গোল বাঁচিয়ে দেন। কিন্তু গোলের গন্ধ পেয়ে যেন তেড়েফুঁড়ে খেলতে শুরু করে পাক দল। বারবার ভারতের ডি-তে ঢুকে আক্রমণ শানাচ্ছিল পাকিস্তান। তবে প্রথম কোয়ার্টার শেষ হওয়ার ঠিক আগে গোল পায় ভারত। পেনাল্টি কর্নার থেকে গোল করেন অধিনায়ক হরমনপ্রীত সিং। প্রথম কোয়ার্টার শেষ হয় ভারতের পক্ষে ১-০ ব্যবধানে। দ্বিতীয় কোয়ার্টারে গোল শোধ করতে মরিয়া হয়ে ওঠে পাকিস্তান। কিন্তু ২৩ মিনিটের মাথায় ফের গোল পায় ভারত। গোলদাতা, ফের অধিনায়ক হরমনপ্রীত। পেনাল্টি কর্নার থেকেই ফের গোল করেন তিনি। ভারত এগিয়ে যায় ২-০।

    তৃতীয় কোয়ার্টারে ৩৬ মিনিটের মাথায় ফের পেনাল্টি কর্নার পায় ভারত। জোরাল শট থেকে গোল করেন যুগরাজ সিং। ভারত এগিয়ে যায় ৩-০। ৩৯ মিনিটের মাথায় চতুর্থ গোল করে ভারত। কিন্তু ভিডিও রেফারেল নিয়ে তা বাতিল করেন আম্পায়ার। ম্যাচ শেষ হওয়ার ঠিক ৫ মিনিট আগে, ৫৫ মিনিটের মাথায় চতুর্থ গোল ভারতের। গোল করেন আকাশদীপ সিং। ৪-০ গোলে ম্যাচ শেষ হয়। পাকিস্তান দু’এক বার আক্রমণ করলেও অমিত রুইদাসের নেতৃত্বে ভারতীয় রক্ষণ সজাগ ছিল। টুর্নামেন্টে ইতিমধ্যে ৭টি গোল করেছেন হরমনপ্রীত। সব কটিই করেছেন পেনাল্টি কর্নার থেকে। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • ODI World Cup 2023: শুধু ভারত-পাকিস্তান নয়, বদলাতে পারে বিশ্বকাপের আরও ম্যাচের সূচি

    ODI World Cup 2023: শুধু ভারত-পাকিস্তান নয়, বদলাতে পারে বিশ্বকাপের আরও ম্যাচের সূচি

    মাধ্যম নিউজ ডেস্ক: ক্রিকেট বিশ্বকাপের (ODI World Cup 2023) ক্রীড়া সূচিতে কিছুটা পরিবর্তনের ইঙ্গিত দিলেন বোর্ড সচিব (BCCI) জয় শাহ (Jay Shah)। আগামী ১৫ অক্টোবর আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে হওয়ার কথা ভারত – পাকিস্তান মহারণ। যা নিয়ে ইতিমধ্যে ক্রিকেট প্রেমীদের মধ্যে প্রবল উৎসাহ দেখা গিয়েছে। অনেকে আগে থেকে হোটেল বুকিং করে ফেলেছেন। কারণ হোটেলের ট্যারিফ ঊর্ধ্বমুখী। ফ্লাইটের দরও আকাশ ছুঁয়েছে।

    নিরাপত্তার সমস্যা

    এরই মধ্যে হঠাৎ করে গুজরাট পুলিশ ও অন্য নিরাপত্তা সংস্থাগুলি ভারত-পাকিস্তান ম্যাচের নিরাপত্তা নিয়ে আশঙ্কার কথা শুনিয়েছে। কারণ, নবরাত্রির প্রথম দিনে পড়েছে ম্যাচটি। এমনিতেই নবরাত্রি উপলক্ষ্যে বহু মানুষের সমাগম ঘটে আমেদাবাদে। তার উপর ভারত – পাক বিশ্বকাপ ম্যাচ, লক্ষাধিক দর্শক থাকবে মাঠে। তার ফলে নিরাপত্তার ত্রুটি থেকে যেতে পারে বলে কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থার পক্ষ থেকে আশঙ্কা করা হয়েছে। এমনকী ম্যাচটি যাতে এগিয়ে দেওয়া যায় তার প্রস্তাব দেওয়া হয়েছে বিসিসিআইকে। সে কারণেই বৃহস্পতিবার বোর্ডের বিশ্বকাপ কমিটির বৈঠক ডাকা হয়েছিল। তবে মিটিংয়ে সূচি পরিবর্তন নিয়ে বিস্তারিত আলোচনা হয়নি বলেই খবর।

    আরও পড়ুন: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সহজ জয় পেল ভারত! তবে চিন্তায় রাখল ব্যাটিং

    বদল কোন কোন ম্যাচে

    বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বোর্ড সচিব জয় শাহ বিশ্বকাপের ক্রীড়া সূচিতে কিছু পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন। যা হয়তো কয়েক দিনেই স্পষ্ট হয়ে যাবে। আসলে বেশ কিছু ক্রিকেট বোর্ড বিশ্বকাপের (ODI World Cup 2023) ক্রীড়া সূচি নিয়ে অসন্তুষ্ট। সেই দিকটাও মাথায় রাখতে হবে। তাছাড়া ভারত – পাকিস্তান ম্যাচ যদি একদিন এগিয়ে ১৪ অক্টোবর হয় তাহলে সমস্যা হবে বাবর আজমদের। কারণ তাঁদের ম্যাচ রয়েছে ১২ অক্টোবর হায়দ্রাবাদে। তার একদিন পর ম্যাচ হলে প্রস্তুতির সুযোগ পাবে না পাক দল। ফলে ওই ম্যাচটির দিন বদলের সম্ভাবনা রয়েছে। উল্লেখ্য, ইতিমধ্যে এক দফা বিশ্বকাপের ক্রীড়া সূচি বদল হয়েছে। তবে এবার সেটা হতে যাচ্ছে আরও বৃহৎ আকারে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

LinkedIn
Share