Tag: Lionel Messi

Lionel Messi

  • Messi in Kolkata: “জোঁকের মতো চিটে নেতা-মন্ত্রী!” মেসি-কাণ্ডে তৃণমূলকে তুলোধোনা শুভেন্দুর, গ্রেফতার মূল উদ্যোক্তা

    Messi in Kolkata: “জোঁকের মতো চিটে নেতা-মন্ত্রী!” মেসি-কাণ্ডে তৃণমূলকে তুলোধোনা শুভেন্দুর, গ্রেফতার মূল উদ্যোক্তা

    মাধ্যম নিউজ ডেস্ক: আন্তর্জাতিক ক্রীড়াক্ষেত্রে নষ্ট হল বাংলার ভাবমূর্তি। এই দাগ মুছে ফেলার নয়। ইঙ্গিতে যেন সেটা মেনেও নিচ্ছে রাজ্য সরকার। এদিন তারকা ফুটবলার মেসি (Messi in Kolkata) এবং তাঁকে দেখতে মাঠে আগত ক্রীড়াপ্রেমীদের কাছে ক্ষমা চাইতে বাধ্য হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কালিমালিপ্ত হল কলকাতা ফুটবলের প্রাণকেন্দ্র যুবভারতী ক্রীড়াঙ্গন। বিরোধীদের সমালোচনা ও ফুটবল পাগল দর্শকদের আবেগের চাপে অবশেষে গ্রেফতার হলেন মেসিকে কলকাতায় আনার মূল উদ্যোক্তা শতদ্রু দত্ত। লিওনেল মেসিকে কলকাতায় আনার মূল আয়োজকের বিরুদ্ধে ভুরিভুরি অভিযোগ এনেছেন ফুটবলপ্রেমীরা। একই সঙ্গে ফুটবলের রাজপুত্রকে ঘিরে শাসকদলের নেতা-মন্ত্রীদের মনোভাবকে কটাক্ষ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

    মানুষের আবেগ নিয়ে ব্যবসা তৃণমূল নেতা মন্ত্রীদের

    সোশ্যাল মিডিয়া পোস্টে যুবভারতী ক্রীড়াঙ্গনের বিশৃঙ্খলা নিয়ে শুভেন্দু অধিকারী লিখেছেন, “যুবভারতীতে লিওনেল মেসির অনুষ্ঠানে চরম বিশৃঙ্খলা, মেসির গায়ে জোঁকের মতো চিটে রইলেন নেতা-মন্ত্রী-তারকারা, আর যাদের পিঠে কাঁঠাল ভেঙে মেসিকে দেখতে পাওয়ানোর লোভ দেখিয়ে হাজার হাজার টাকার টিকিট কাটানো হল, সেই ফুটবলপ্রেমীদের ভাগ্যে জুটলো ৫-৭ মিনিটের জায়ান্ট স্ক্রিনের দর্শন !!!” তিনি আরও লিখেছেন, “ফুটবলের রাজপুত্র লিয়োনেল মেসি যুবভারতীতে ঢোকা মাত্র অন্তত ১০০ জন নেতা মন্ত্রী ও তাদের আত্মীয় পরিজন সাগরেদদের ভিড় ঘিরে ধরে তাঁকে। ফলে গ্যালারি থেকে তাঁকে দেখার কোনো উপায় ছিল না।” তাঁর কথায়, “মোটা টাকায় টিকিট কেটে গিয়েও প্রিয় তারকাকে দেখতে পেলেন না দর্শকরা যাদের জলের বোতল পর্যন্ত নিয়ে যেতে দেওয়া হয়নি, আর বাধ্য করা হয় ২০ টাকার জল ২০০ টাকায় কিনতে। অথচ তৃণমূল নেতা মন্ত্রীরা ব্যবসা করে নিলেন এই সুযোগে। এদের থেকে শকুনও ভালো !” সেই সঙ্গে তাঁর দাবি, “গ্যালারির সমস্ত দর্শকদের ১০০% টিকিটের দাম ফেরত দিতে হবে। ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, মন্ত্রী সুজিত বসু এবং প্রধান আয়োজক শতদ্রু দত্তকে এই বিশৃঙ্খলা, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির দায়ে গ্রেফতার করতে হবে। গোটা বিশ্বের সামনে পশ্চিমবঙ্গের সম্মানহানির জন্যে মমতা বন্দ্যোপাধ্যায়কে অবিলম্বে পদত্যাগ করতে হবে। ভোটের আগে লিওনেল মেসির সঙ্গে ছবি তুলে ‘খেলা হবে’ করতে গেছিলেন ! উল্টে প্রতারিত দর্শক খেলা দেখিয়ে দিয়েছে…”

    জবাব তলব রাজ্যপালের

    গোটা ঘটনায় কার্যত অবাক হয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Ananda Bose)। এই পরিস্থিতিতে নবান্নের কাছে রিপোর্ট তলব করলেন রাজ্যপাল। তাঁর বয়ান অনুযায়ী, যারা অনেক দাম দিয়ে টিকিট কিনেছেন, সেই খুব কম সংখ্যক মানুষই তারকা ফুটবলার মেসিকে দেখতে পাবেন। পাশাপাশি মেসির এই সফরের মাধ্যমে যে বেসরকারি ব্যক্তি টাকা রোজগার করছেন, তাঁর বিষয়ে পুরো রিপোর্ট দেওয়া হোক। সাধারণ মানুষ কেন মেসিকে দেখতে পারছেন না?’ এরই সঙ্গে রাজ্য সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে রাজ্যপাল আরও বলেন, ‘সাধারণ মানুষের আবেগের সুযোগ নিয়ে কেন একজন বেসরকারি ব্যক্তিকে অর্থ উপার্জনের অনুমতি দেওয়া হল। ফুটবল ভক্তদের কাছ থেকে ফোন এবং ইমেল আসছে, যেখানে তাঁরা অভিযোগ করছেন যে টিকিটের দাম তাঁদের নাগালের বাইরে। এমনটা কেন হল? কেন সাধারণ মানুষ বঞ্চিত রইলেন মেসিকে দেখার থেকে? জবাব দিতে হবে রাজ্যকে।’

    গ্রেফতারির নির্দেশ রাজ্যপালের

    এই বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ে মুখ খুলে আয়োজকদের দ্রুত গ্রেফতার করার পক্ষে সওয়াল করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এদিন তিনি বলেন, ‘আয়োজককে এখনই গ্রেফতার করতে হবে। যারা কষ্টের উপার্জন দিয়ে হাজার হাজার টাকার টিকিট কেটেছিলেন তাঁদের টাকাও ফেরত দিতে হবে। পাশাপাশি ক্রীড়াঙ্গনের যে ক্ষতি হল, সেটির ক্ষতিপূরণও দিতে হবে আয়োজক সংস্থাকে।’মেসির অনুষ্ঠান ঘিরে তৈরি উত্তেজনা, বিশৃঙ্খলার নেপথ্যে ‘অব্য়বস্থাকেই’ দায়ী করেছেন রাজ্যপাল বোস। তাঁর কথায়, ‘কোনও রকম পূর্বপরিকল্পনা, সঠিক ব্যবস্থাপনা ছিল না। আয়োজকরা গোটা অনুষ্ঠানের উপর নজরদারি চালায়নি। মুখ্যমন্ত্রী সেখানে পৌঁছতে পারলেন না। এই ঘটনা পুলিশের দায়বদ্ধতাও রয়েছে।’

    তৃণমূল মানেই অসভ্যতা

    কেন্দ্রীয় মন্ত্রী ও রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি সুকান্ত মজুমদার এই ঘটনার জন্য রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস ও রাজ্য সরকারকেই দায়ী করেছেন। সুকান্ত বলেন, “আরও একবার প্রমাণিত হল তৃণমূল মানেই অসভ্যতা। মেসির মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ফুটবলার পশ্চিমবঙ্গে আসা গর্বের বিষয় হওয়ার কথা ছিল। কিন্তু শুরু থেকেই এই কর্মসূচি তৃণমূল হাইজ্যাক করেছে। স্টেডিয়ামে যারা ঢিল, বোতল ছুড়েছে, তারাও তৃণমূলের লোক। টিকিট বিক্রি হয়েছে পাঁচ থেকে আট হাজার টাকায়, চূড়ান্ত কালোবাজারি হয়েছে। পশ্চিমবঙ্গ পুলিশ ভিড় সামলাতে ব্যর্থ হয়েছে। এই বিশৃঙ্খলার জন্য তৃণমূল কংগ্রেস ও রাজ্য সরকারই দায়ী।”

    ক্ষমা চাইলেন মমতা

    যুবভারতী ক্রীড়াঙ্গনে তৈরি বিশৃঙ্খল পরিস্থিতির জন্য কাদের দায়? জানতে তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার মেসির সঙ্গে ক্রীড়াঙ্গনে গিয়ে দেখা করার কথা ছিল তাঁর। কিন্তু পরিস্থিতি হাতের বাইরে বেরিয়ে যাওয়ায় সেখানে পৌঁছতে পারেননি তিনি। ঘুরিয়ে নেন নিজের কনভয়ের অভিমুখ। তারপরেই এল তদন্তের নির্দেশ। নিজের এক্স হ্য়ান্ডেলে তিনি লিখেছেন, ‘এই অনভিপ্রেত ঘটনার জন্য লিওনেল মেসি-সহ সকল ক্রীড়াপ্রেমী ও তাঁর অনুরাগীদের কাছে আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি।’

    ‘কুম্ভীরাশ্রু’-র সঙ্গে তুলনা

    ইতিমধ্যেই মমতার ক্ষমা চাওয়ার এই বিষয়টিকে ‘কুম্ভীরাশ্রু’-র সঙ্গে তুলনা করেছেন বিজেপি নেতা অমিত মালব্য। মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমা চাইলেও রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস ও সুজিত বসুর বিরুদ্ধে এফআইআর-এর দাবি তুলেছে বিরোধীরা। বিজেপির আইটি সেল প্রধান অমিত মালব্য লেখেন, “কুমিরের কান্না বন্ধ করুন। এই অব্যবস্থাপনা ও দুর্নীতি আপনার সরকারের প্রতিটি কাজের সঙ্গেই অঙ্গাঙ্গিভাবে জড়িত। তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গের মানুষের আবেগের উপর সরাসরি আঘাত হেনেছে এবং প্রতিটি ফুটবলপ্রেমীকে অপমান করেছে। দায়ীদের পদত্যাগ নিশ্চিত করতে হবে।” পাশাপাশি তিনি অরূপ বিশ্বাস ও সুজিত বসুর বিরুদ্ধে অবিলম্বে এফআইআর দায়ের করার কথা বলেন।

  • Lionel Messi in Kolkata: কর্তা-মন্ত্রীদের ঘেরাটোপে মেসি! চড়া দামে টিকিট কেটেও বঞ্চিত দর্শকেরা, রণক্ষেত্র যুবভারতী

    Lionel Messi in Kolkata: কর্তা-মন্ত্রীদের ঘেরাটোপে মেসি! চড়া দামে টিকিট কেটেও বঞ্চিত দর্শকেরা, রণক্ষেত্র যুবভারতী

    মাধ্যম নিউজ ডেস্ক: শুধু একবার স্বপ্নের নায়ক মেসিকে সামনে থেকে এক ঝলক দেখবেন। হাজার হাজার টাকার টিকিট কেটে এমনকী হুইল চেয়ারে করেও শনিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে ভিড় জমিয়েছিল মেসি-ভক্তরা (Lionel Messi in Kolkata)। কিন্তু মাঠে নয় মেসিকে দেখতে হল যুবভারতী ক্রীড়াঙ্গনে থাকা ৩টি জায়ান্ট স্ক্রিনে। সাধারণ অনুরাগী নয় মাঠে ভিড় করে রইলেন রাজ্য সরকারের অনুরাগীরা। মেসি মাঠে প্রবেশের আগাগোড়া সময়ে তাঁকে ঘিরে রাখেন রাজ্য সরকারের মন্ত্রী ও প্রশাসনিক কর্তারা। এর ফলে গ্যালারিতে বসে থাকা দর্শকরা সরাসরি মাঠে মেসিকে দেখতে পাননি। মোটা অঙ্কের টিকিট কেটেও মেসিকে না দেখতে পাওয়ার আক্ষেপ রাগে পরিণত হল কয়েক মিনিটেই। কিন্তু মেসি যতক্ষণ মাঠে ছিলেন, একটুকুও অরাজকতা দেখায়নি গ্যালারি। মেসির বিরক্তি প্রকাশ পেয়েছে তাঁকে ঘিরে মাঠে অহেতুক ভিড় দেখে। মেসি মাঠ ছাড়তেই উত্তাল হল গ্যালারি। শুরু হল ভাঙচুর।

    রণক্ষেত্র যুবভারতী

    শনিবার সকাল সাড়ে এগারোটা নাগাদ ফুটবলের রাজপুত্র লিওনেল মেসির গাড়ি স্টেডিয়ামে পৌঁছনোর পর থেকেই পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। মেসির সঙ্গে এদিন উপস্থিত ছিলেন ফুটবল তারকা লুইস সুয়ারেজ ও রদ্রিগো ডি পল। তাঁদের এক ঝলক দেখার আশায় হাজার হাজার দর্শক স্টেডিয়ামে ভিড় জমিয়েছিলেন। তবে অভিযোগ, তাঁদের মেসিকে দেখতে হয়েছে শুধুমাত্র স্টেডিয়ামে বসানো তিনটি জায়ান্ট স্ক্রিনে। এই পরিস্থিতিতে ক্ষুব্ধ হয়ে ওঠেন একাংশ দর্শক। গ্যালারিতে শুরু হয় ভাঙচুর। কিছুক্ষণের মধ্যেই বহু দর্শক গ্যালারি থেকে নেমে এসে মাঠের ফেন্সিং ভেঙে মাঠে ঢুকে পড়েন। ঘটনাস্থলে পর্যাপ্ত পুলিশ বাহিনী মোতায়েন থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কার্যত নাজেহাল হতে হয় পুলিশ কর্মীদের। মুহূর্তের মধ্যেই গোটা যুবভারতী ক্রীড়াঙ্গন রণক্ষেত্রের চেহারা নেয়। অনুমান করা হচ্ছে, কয়েক হাজার দর্শক মাঠে নেমে পড়েছিলেন। চূড়ান্ত বিশৃঙ্খলা সামাল দিতে না পেরে শেষ পর্যন্ত দ্রুত মেসি, লুইস সুয়ারেজ ও রদ্রিগো ডি পলকে স্টেডিয়াম থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়।

    প্রশাসনিক গাফিলতি, বিরক্ত মেসি

    এদিন মেসি যখন মাঠে প্রবেশ করেন তখন দেখা মেলেনি পুলিশের। ভিড় সামলাতে দেখা যায়নি নিরাপত্তারক্ষীদেরও। তাঁরা ব্যাস্ত ছিলেন মন্ত্রী-আমলাদের গাইড করতে। হোটেল থেকে মাঠে পৌঁছনোর পথে ফুটবলপ্রেমীদের উন্মাদনা দেখে উচ্ছ্বসিত দেখায় মেসিকে। তবে মাঠে গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গে বেশ কিছু মানুষ ঘিরে ধরেন তাঁকে। ফলে গ্যালারি থেকে শুধু মেসিকে নয়, লুইস সুয়ারেজ এবং রদ্রিগো ডি’পলকেও দেখা যায়নি। এক সময় ক্ষুব্ধ ফুটবলপ্রেমীরা ‘উই ওয়ান্ট মেসি’ স্লোগান দিতে শুরু করেন। মেসি যুবভারতীতে পৌঁছোতেই অন্তত ৭০-৮০ জন মানুষের ভিড় ঘিরে ধরে তাঁকে। মূলত মন্ত্রী, কর্তারাই ঘিরে ধরেন মেসিকে। অনেকে প্রায় প্রতিপক্ষ ডিফেন্ডারের মতো এলএম টেনের শরীরে ঘেঁষে ছিলেন। মেসিকে ভালো করে হাঁটার জায়গাটুকুও দিচ্ছিলেন না কেউ কেউ! ক্যামেরা এবং মোবাইল হাতে ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়েন। মেসিকে ঘিরে রাখেন নিরাপত্তারক্ষীরা। অপ্রীতিকর কোনও পরিস্থিতি তৈরি না হলেও তাঁরা আয়োজকদের ভিড় সরানোর অনুরোধ করেন। গ্যালারি থেকে তাঁকে দেখা যাচ্ছিল না। তাঁকে ঘিরে সেলিব্রিটি ও প্রাক্তন ফুটবলারদের ভিড়ে বিরক্ত হন মেসিও। কষ্ট করে মুখে হাসি ধরে রেখে এর পর মাঠ ছেড়ে বেরিয়ে যান মেসি। ক্ষোভে ফেটে পড়ে মেসি অনুরাগীরা।

    শুধুই অরূপ-শুভশ্রী

    এদিন মেসিকে স্বাগত জানাতে মাঠে থাকার কথা ছিল বলিউড বাদশা শাহরুখ খানের। কিন্তু মাঠ জুড়ে শুধু মেসির সঙ্গে ছবি তুললেন তৃণমূল ঘনিষ্ঠ টলিউড অভিনেত্রী শুভশ্রী। অনুষ্ঠানে গিয়ে মেসির সঙ্গে টলিপাড়ার নায়িকা শুভশ্রী ছবি তোলেন আর সেই ছবি পোস্ট করতেই ট্রোলের মুখে পড়েন রাজ-ঘরণী। ক্ষুব্ধ দর্শকদের অভিযোগ, মেসিকে তৃণমূলের নেতা-মন্ত্রীরা ঘিরে ধরার জন্য তাঁরা তাঁকে দেখতে পারেননি। প্রসঙ্গত, মেসির গোটা মাঠ প্রদক্ষিণ করার কথা থাকলেও, সেই পরিকল্পনা বাতিল করতে হয়। পেনাল্টি শট মারার কথা থাকলেও একবারও বলে পা দিতে দেখা যায়নি ফুটবলের রাজপুত্রকে। মোহনবাগান এবং ডায়মন্ড হারবারের প্রাক্তন ফুটবলারদের সঙ্গে মেসি পরিচিত হওয়ার সময়ও ভিড় ঘিরে ছিল তাঁকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস এবং প্রধান আয়োজক শতদ্রু দত্তকে মাইক্রোফোনে ঘোষণা করতে হয়। তাতেও পরিস্থিতি স্বাভাবিক হয়নি।

    লজ্জিত কলকাতা, দায় কার?

    মেসি যে ১৬-১৭ মিনিট মাঠে ছিলেন, সেই সময় গ্যালারি থেকে এক বারও দেখা যায়নি তাঁকে। ১১.৫২ মিনিটে মেসিকে বার করে নিয়ে যাওয়া হয়। আর্জেন্টিনার তারকা মাঠ থেকে বেরিয়ে যেতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। শুরু হয় গ্যালারিতে লাগানো হোর্ডিং ভাঙচুর। পরে গ্যালারির চেয়ার ভেঙে মাঠে ছুড়তে শুরু করেন ক্ষুব্ধ ফুটবলপ্রেমীরা। মাঠে পড়তে শুরু করে বোতল। এই সময় গ্যালারিতে কোনও পুলিশকর্মীকে দেখা যায়নি। মেসিকে দেখতে না পাওয়ার হতাশায় ক্রমশ বাড়তে থাকে উত্তেজনা। এক সময় মাঠের ধারে ফেন্সিংয়ের গেট ভেঙে হু-হু করে মাঠে লোক ঢুকতে শুরু করে। প্রথমে পুলিশ ছিল দিশাহারা। কিছুটা পর সম্বিত ফেরে পুলিশকর্মীদের। লাঠি উঁচিয়ে ক্ষুব্ধ জনতাকে তাড়া করে গ্যালারিতে পাঠিয়ে দেওয়া হয়। কিন্তু মিনিট পাঁচেকের মধ্যেই ফুটবলপ্রেমীরা আবার মাঠে ফিরে আসেন। সব মিলিয়ে যুবভারতী রণক্ষেত্রের চেহারা নেয়। মাঠের দখল নিয়ে নেয় অন্তত হাজার দুয়েক লোক। মাঠে ঢুকে কেউ ডিগবাজি খেয়েছেন, কেউ নিজস্বী তুলেছেন, কেউ আবার লাফিয়েছেন। বলা ভাল, যুবভারতীর মাঠে যে যা খুশি করেছেন। শেষ পর্যন্ত র‌্যাফ নামাতে হয় গ্যালারিতে। ব্যবহার করতে হয় কাঁদানে গ্যাস। পুলিশ-জনতা খণ্ডযুদ্ধ শুরু হয়ে যায়। মেসি বিমানবন্দরের পথে রওনা হয়ে যাওয়ার পরও যুবভারতীয় পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারেনি পুলিশ-প্রশাসন।

  • FIFA World Cup 2026: চূড়ান্ত ফিফা বিশ্বকাপের গ্রুপ, আর্জেন্টিনা-ব্রাজিল কে কার বিরুদ্ধে খেলবে আগামী বছর?

    FIFA World Cup 2026: চূড়ান্ত ফিফা বিশ্বকাপের গ্রুপ, আর্জেন্টিনা-ব্রাজিল কে কার বিরুদ্ধে খেলবে আগামী বছর?

    মাধ্যম নিউজ ডেস্ক: চূড়ান্ত হয়ে গেল ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২৬ সালের সব গ্রুপ। শুক্রবার আমেরিকার ওয়াশিংটনের জন এফ কেনেডি সেন্টার ফর পারফর্মিং আর্টসে হয়ে গেল বিশ্বকাপের গ্রুপবিন্যাস। এই প্রথমবারের মত ৪৮টি দলের টুর্নামেন্ট হতে চলেছে। ব্রাজিল, আর্জেন্টিনা, পর্তুগাল, ফ্রান্সের মতো দেশ জেনে গেল তাদের প্রতিপক্ষের নাম। চারটি দলের ১২টি গ্রুপ রয়েছে। তুলনামূলক সহজ গ্রুপে পড়েছে ব্রাজিল এবং আর্জেন্টিনা। ফ্রান্স একটু কঠিন গ্রুপে। গ্রুপ পর্বেই দেখা যাবে কিলিয়ান এমবাপে বনাম আর্লিং হালান্ডের লড়াই। পর্তুগালেরও লড়াই তেমন কঠিন নয়। আমেরিকা, কানাডা এবং মেক্সিকোতে অনুষ্ঠিত হবে এই বিশ্বকাপ।

    গ্রুপ অফ ডেথ নেই বললেই চলে

    পরের বছরই প্রথম বার ৪৮টি দেশ নিয়ে বিশ্বকাপ আয়োজন করা হচ্ছে। দেশের সংখ্যা বেড়ে যাওয়ায় ড্র সহজ হতে পারে, এমন অনুমান আগেই করা হয়েছিল। আদপে হলও তাই। ১২টি গ্রুপের কোনওটিকেই সে ভাবে ‘গ্রুপ অফ ডেথ’ বা মারণগ্রুপ বলা যায় না। তিনটি শক্তিশালী দেশ রয়েছে, এমন গ্রুপ হয়ইনি। গ্রুপ পর্বের ড্র অনুষ্ঠানে তিনটি পট থেকে প্রথম তিনটি বল তোলেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি, মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেইনবাউম ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোস্ট মেক্সিকো ‘এ’ গ্রুপে, কানাডা ‘বি’ এবং যুক্তরাষ্ট্র ‘ডি’ গ্রুপে থাকবে, তা আগে থেকেই নির্ধারিত ছিল। এদিনই প্রকাশ্যে আসে ২০২৬ বিশ্বকাপের থিম সং ‘ডিজায়ার’। সেই গান পরিবেশন করেন ব্রুস স্প্রিংস্টিন এবং নিকোল শারজিঙ্গার।

    কোন গ্রুপে কোন দল রয়েছে

    গ্রুপ এ : মেক্সিকো, দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ কোরিয়া, ইউরোপিয়ান প্লে-অফ ডি জয়ী দল

    গ্রুপ বি : কানাডা, কাতার, সুইজারল্যান্ড, ইউরোপিয়ান প্লে-অফ এ জয়ী দল

    গ্রুপ সি : ব্রাজিল, মরক্কো, হাইতি, স্কটল্যান্ড

    গ্রুপ ডি : মার্কিন যুক্তরাষ্ট্র, প্যারাগুয়ে, অস্ট্রেলিয়া, ইউরোপিয়ান প্লে-অফ সি জয়ী দল

    গ্রুপ ই : জার্মানি, কুরাসাও, আইভরি কোস্ট, ইকুয়েডর

    গ্রুপ এফ : নেদারল্যান্ডস, জাপান, তিউনিশিয়া, ইউরোপিয়ান প্লে-অফ বি জয়ী দল

    গ্রুপ জি : বেলজিয়াম, মিশর, ইরান, নিউজিল্যান্ড

    গ্রুপ এইচ : স্পেন, কেপ ভার্দে, সৌদি আরব, উরুগুয়ে

    গ্রুপ আই : ফ্রান্স, সেনেগাল, নরওয়ে, ফিফা প্লে-অফ ২ জয়ী দল

    গ্রুপ জে : আর্জেন্টিনা, আলজেরিয়া, অস্ট্রিয়া, জর্ডান

    গ্রুপ কে : পর্তুগাল, উজবেকিস্তান, কলম্বিয়া, ফিফা প্লে-অফ ১ জয়ী দল

    গ্রুপ এল : ইংল্যান্ড, ক্রোয়েশিয়া, ঘানা, পানামা।

  • Lionel Messi: কোহলি-ধোনিদের সঙ্গে ক্রিকেট খেলবেন? ডিসেম্বরে ভারতে আসছেন মেসি

    Lionel Messi: কোহলি-ধোনিদের সঙ্গে ক্রিকেট খেলবেন? ডিসেম্বরে ভারতে আসছেন মেসি

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারতীয় ক্রীড়ামোদীদের জন্য বড় খবর। ভারতে আসেছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফুটবলার লিওনেল মেসি। শুধু আসছেনই না শোনা যাচ্ছে আগামী ডিসেম্বরে ভারতে এসে বিরাট কোহলি, মহেন্দ্র সিং ধোনির সঙ্গে ওয়াংখেড়েতে ক্রিকেট খেলবেন ফুটবলের রাজপুত্র মেসি। সূত্রের খবর, আগামী ১৩ থেকে ১৫ ডিসেম্বরের মধ্যে মেসি কলকাতা, দিল্লি ও মুম্বাই; এই তিন শহরে একাধিক অনুষ্ঠানে অংশ নেবেন। কলকাতায় ইডেন গার্ডেন্সে তাঁকে সংবর্ধনা দেওয়ার পরিকল্পনা রয়েছে।

    ক্রিকেট কী খেলবেন?

    মেসি ১৪ ডিসেম্বর একটি অনুষ্ঠানে অংশ নিতে ওয়াংখেড়ে স্টেডিয়ামে আসছেন। অনুষ্ঠানটি টিকিট কেটে দেখা যাবে বলে জানা গিয়েছে। এর জন্য আয়োজক সংস্থা অনুমতি চেয়েছে। মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের অ্যাপেক্স কাউন্সিলের সাম্প্রতিক এক সভায় বিষয়টি নিয়ে আলোচনা হয় এবং অনুমতি প্রদান করা হয়, বলে খবর। এই অনুষ্ঠানে কয়েকজন সুপারস্টার ক্রিকেটারও উপস্থিত থাকতে পারেন। ভারতীয় ক্রিকেটারদের ভক্ত বিশ্বজুড়েই রয়েছে। দেশে ক্রিকেট নিয়ে ভক্ত-সমর্থকদের কী পরিমাণ আবেগ, তা হয়তো কারোরই অজানা নয়। মেসি ১৪ ডিসেম্বর ওয়াংখেড়ে স্টেডিয়ামে থাকবেন। তিনি প্রাক্তন ও বর্তমান ক্রিকেটারদের সঙ্গে একটি প্রীতি ক্রিকেট ম্যাচেও অংশ নিতে পারেন। সবকিছু চূড়ান্ত হলে আয়োজকরা সম্পূর্ণ সূচি প্রকাশ করবে, বলে খবর।

    কলকাতায় মেসি

    আগামী ১৩ ডিসেম্বর মাসে নাকি ‘ঈশ্বরের বরপুত্র’ কলকাতায় পা রাখতে চলেছেন। তবে এখানে রয়েছে একটি ‘ছোট্ট টুইস্ট’। মেসি নাকি ভারতীয় ফুটবলের মক্কা কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে আসবেন না। তিনি আসবেন ক্রিকেটের নন্দনকানন ইডেন গার্ডেন্সে। শোনা যাচ্ছে, মেসির আগমন উপলক্ষ্যে একটি প্রীতি ম্য়াচের আয়োজন করা হতে পারে। নাম দেওয়া হয়েছে ‘গোট কাপ’। দুই দলে ৭ জন করে ফুটবলার খেলবেন। যদিও সেই ম্য়াচে মেসি খেলবেন না। তিনি শুধুমাত্র বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এর আগে ২০১১ সালে প্রথমবার কলকাতায় এসেছিলেন লিওনেল মেসি। সেইসময় ভেনেজুয়েলার বিরুদ্ধে একটি প্রীতি ম্য়াচ খেলেছিলেন তিনি। সেই ম্য়াচে মেসি গোল করতে না পারলেও, তাঁকে একটাবার স্বচক্ষে দেখার জন্য গোটা ভারতবর্ষ কার্যত কলকাতায় ভিড় জমিয়েছিল।

  • Lionel Messi: ১৪ বছর পর ফের ভারতে আসছেন মেসি! কবে, কোথায় খেলবেন ফুটবলের রাজপুত্র?

    Lionel Messi: ১৪ বছর পর ফের ভারতে আসছেন মেসি! কবে, কোথায় খেলবেন ফুটবলের রাজপুত্র?

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারতে আসছেন লিওনেল মেসি (Lionel Messi)৷ ২০১১ সালের পর ফের একবার। সেবার কলকাতায় প্রদর্শনী ম্যাচ খেলেছিলেন ফুটবলের রাজপুত্র। ১৪ বছর পর ভারতে আসার কথা মেসির। আগামী বছর কেরলে (Kerala) খেলতে আসতে পারেন তিনি। ২০২৫ সালে ভারতে একটি আন্তর্জাতিক ম্যাচ খেলবে আর্জেন্টিনা। সেই দলে থাকবেন মেসি। বুধবার এমনই জানান কেরলের ক্রীড়ামন্ত্রী ভি আবদুরাহিমন। কেরল সরকারের তত্ত্বাবধানে এই ম্যাচের আয়োজন করা হবে।

    কবে-কোথায় খেলবেন মেসি?

    আবদুরাহিমন বলেন, ‘এই হাই-প্রোফাইল ফুটবল ম্যাচ আয়োজন করতে আর্থিক সাহায্য করবে রাজ্যের শিল্পপতিরা।’ আর্জেন্টিনা ফুটবল সংস্থার সঙ্গে ইতিমধ্যেই আনুষ্ঠানিক কথাবার্তা সেরে রেখেছে কেরল (Kerala) সরকার। এদেশে অন্তত দুটি ম্যাচ খেলবে ২০২২-র বিশ্বকাপ জয়ীরা। তবে মেসি (Lionel Messi) আদৌ খেলবেন কিনা, সেটা সম্পূর্ণ নির্ভর করে আছে আর্জেন্টিনার ফুটবল সংস্থার উপর। এই নিয়ে কেরলের ক্রীড়ামন্ত্রীর বক্তব্য, খুব শীঘ্রই একটি প্রতিনিধি দল কেরলে (Kerala) আসবে পরিকাঠামো পর্যবেক্ষণের জন্য। কোচিতে ৬০ হাজার দর্শকের স্টেডিয়ামে ম্যাচটি হবে বলেই আপাতত জানা যাচ্ছে। তবে প্রতিপক্ষ কে হবে, সে বিষয়ে কিছু জানা যায়নি।

    আরও পড়ুন: উন্নতির জোয়ার! ২০৩০ সালের মধ্যে ১৩ হাজার কোটি ডলারে উন্নীত হবে ভারতের ক্রীড়া শিল্প

    কলকাতায় আসবেন মেসি!

    শোনা যাচ্ছে, শুধুমাত্র কেরল (Kerala) নয়, কলকাতায় আসতে পারেন মেসি (Lionel Messi)। এর আগে একবার কলকাতায় এসেছেন আর্জেন্টাইন তারকা। অধিনায়ক হিসেবে কল্লোলিনীতেই আত্মপ্রকাশ হয় মেসির। দু’দিনের সফরে এসেছিলেন। যুবভারতী ক্রীড়াঙ্গনে ভেনিজুয়েলার বিরুদ্ধে একটি প্রদর্শনী ম্যাচ খেলে আর্জেন্টিনা। আরও একবার বিশ্বকাপজয়ী অধিনায়কের একঝলক পেতে মরিয়া কলকাতার মেসি ভক্তরা।‌ দীর্ঘদিন ধরে তাঁকে শহরে আনার চেষ্টা করছেন এক ক্রীড়া উদ্যোগপতি। কথাবার্তা অনেকদূর এগিয়েছে। রোজারিওতে মেসির বাবার সঙ্গেও দেখা করেন তিনি। কথা প্রায় চূড়ান্ত এখন শেষ লগ্নের প্রস্তুতি। সাল ২০১১, কলকাতা জুড়ে আবেগের ঝড় উঠেছিল নীল-সাদা জার্সির আর্জেন্টিনাকে কেন্দ্র করে। সকলের মধ্যমণি মেসি (Lionel Messi)। এর মধ্যে কলকাতায় ঘুরে গিয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলকিপার এমি মার্টিনেজ। কিন্তু মেসি অনুরাগীদের মন যে আটকে মেসিতেই।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Copa America 2024: লড়াই করেও পারল না কলম্বিয়া, ১৬ বার কোপা জয় আর্জেন্টিনার

    Copa America 2024: লড়াই করেও পারল না কলম্বিয়া, ১৬ বার কোপা জয় আর্জেন্টিনার

    মাধ্যম নিউজ ডেস্ক: পর পর দুবার কোপা জয় (Copa America 2024) আর্জেন্টিনার। ম্যাচে ফেভারিটি হিসেবেই খেলতে নেমেছিল বিশ্বজয়ীরা। কিন্তু এদিন তাঁদের বেশ টক্কর দেয় কলম্বিয়া। খেলার অধিকাংশ সময়ই পাওয়ার ফুটবল খেলছিল হলুদ জার্সিধারীরা। ২০০১ সালের চ্যাম্পিয়ন কলম্বিয়া। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের বিপক্ষে পাল্লা দিয়ে লড়াই করছিল। কিন্তু কোপা জয় হল না কলম্বিয়ার। শেষ অবধি ১-০ ব্যবধানে এবারের কোপা আমেরিকা জিতল আর্জেন্টিনা (Argentina)। 

    দুরন্ত লড়াই (Copa America 2024)

    রোমাঞ্চে ভরা এক কোপা আমেরিকা (Copa America 2024) ফাইনালের সাক্ষী রইল সারা বিশ্ব। মায়ামির হার্ড রক স্টেডিয়ামে ৯০ মিনিট অবধি আর্জেন্টিনা (Argentina) ও কলম্বিয়া (Colombia) দুই দলের কেউই কোনও গোল করতে পারেননি। ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। একটা সময় মনে হচ্ছিল ম্যাচ গড়াবে টাইব্রেকারে। কিন্তু চলতি কোপায় যখনই নেমেছেন, গোল করেছেন লাউতারো মার্টিনেজ। আরও এক বার সেই কাজটা করলেন তিনি। এবারের কোপায় বার বার আর্জেন্টিনার ত্রাতা হয়ে উঠেছেন তিনি। আরও এক বার হলেন। এদিন ১১২ মিনিটের মাথায় লো সেলসোর পাস ধরে বক্সে ঢুকে গোলরক্ষককে পরাস্ত করে গোল করেন লাউতারো। তার পরে সোজা ছুটে যান ডাগ আউটে বসে থাকা মেসির দিকে। জড়িয়ে ধরেন, বুঝিয়ে দেন তাঁদের রাজা তিনিই।  মার্টিনেজ এবারের কোপা আমেরিকার টপ স্কোরার। মোট ৫টি গোল করেছেন তিনি। 

    মেসির চোট (Argentina)

    এদিন খেলা শুরুর পর থেকেই মাঠে অস্বস্তিতে ছিলেন ফুটবলের রাজপুত্র লিয়োনেল মেসি। শরীর আর সায় দিচ্ছে না। ৩১ মিনিটের মাথায় হ্যামস্ট্রিংয়ে চোট পান। খেলার ৬৪ মিনিটের মাথায় বড় ধাক্কা খায় আর্জেন্টিনা। প্রথমার্ধের চোট সামলে দ্বিতীয়ার্ধে নামলেও ভাল দেখাচ্ছিল না মেসিকে। একটি স্প্রিন্ট টানতে গিয়ে নিজেই পড়ে যান তিনি। কোনও ভাবেই আর খেলা চালাতে পারেননি তিনি। মাঠ ছাড়েন মেসি। বেঞ্চে বসে নিজেকে সামলাতে পারেননি তিনি। প্রথমে এক পায়ের জুতো ছুড়ে ফেলেন। হাত দিয়ে মুখ ঢেকে হাউ হাউ করে কাঁদছিলেন মেসি। বোঝা যাচ্ছিল, ফাইনালে খেলতে না পারার যন্ত্রণা তাঁর চোখ বেয়ে গড়িয়ে পড়ছিল। মেসি ওঠার পরে কাঁদতে দেখা যায় আর্জেন্টিনার সমর্থকদেরও। কিন্তু দুঃখ ভোলালেন মার্টিনেজ।

    ইতিহাস আর্জেন্টিনার (Argentina)

    কোপার (Copa America 2024) সেরা লিওনেল মেসির আর্জেন্টিনা (Argentina)। এতদিন উরুগুয়ে ও আর্জেন্টিনার ঝুলিতে ছিল ১৫টি করে কোপার খেতাব। এবার আর্জেন্টিনা কলম্বিয়াকে হারিয়ে টুর্নামেন্টের ১৬ বারের চ্যাম্পিয়ন হল। এই জয়ের ফলে স্পেনকেও স্পর্শ করল আর্জেন্টিনা। ২০০৮ সালে স্পেন ইউরো জিতেছিল। এরপর ২০১০ সালে বিশ্বকাপ এবং ২০১২ সালে ফের ইউরো কাপ জেতে স্পেন। আর্জেন্টিনা ২০২১ সালে কোপা জিতেছিল। এরপর ২০২২ সালে বিশ্বকাপ জেতেন মেসিরা। এ বার ২০২৪ সালে ফের কোপা আমেরিকা জিতল আর্জেন্টিনা। নীল-সাদা জার্সিধারীরা প্রথমবার কোপা আমেরিকা জিতেছিল ১৯২১ সালে। তারপর থেকে ১৯২৫ সাল, ১৯২৭ সাল, ১৯২৯ সাল, ১৯৩৭ সাল, ১৯৪১ সাল, ১৯৪৫ সাল, ১৯৪৬ সাল, ১৯৪৭ সাল, ১৯৫৫ সাল, ১৯৫৭ সাল, ১৯৫৯ সাল, ১৯৯১ সাল, ১৯৯৩ সাল, ২০২১ সাল এবং ২০২৪ সালে কোপা জিতেছে। এছাড়াও মোট ১৪ বার রানার্স-আপ হয়েছে আর্জেন্টিনা। কোপা আমেরিকার খেতাব মোট ন’বার জিতেছে ব্রাজিল।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Copa America 2024: অঘটন! কোপার সেমিতে ১৫ বারের চ্যাম্পিয়ন উরুগুয়েকে হারাল কলম্বিয়া

    Copa America 2024: অঘটন! কোপার সেমিতে ১৫ বারের চ্যাম্পিয়ন উরুগুয়েকে হারাল কলম্বিয়া

    মাধ্যম নিউজ ডেস্ক: কোপা-আমেরিকার (Copa America 2024) সেমিফাইনালে অঘটন। ১৫ বারের চ্যাম্পিয়ন উরুগুয়েকে ১-০ গোলে হারিয়ে দিল কলম্বিয়া (Colombia)। ফাইনালে তাঁরা মুখুমুখি হবে মেসির আর্জেন্টিনার। এই ম্যাচে জেমস রদ্রিগেজ গোল না পেলেও নিজেকে নতুন করেই চিনিয়েছেন তিনি। উইদ্রল ফরওয়ার্ড হিসেবে অনবদ্য ফুটবল খেলেন তিনি। পিছন থেকে একের পর এক ফাইনাল থার্ডে পাস বাড়াতে থাকেন এই বর্ষিয়ান স্ট্রাইকার। সেই সুবাদেই শক্তিশালী উরুগুয়েকে হারিয়ে দিল তাঁরা। 

    ১০ জনে খেলেও জয় (Copa America 2024)

    ব্রাজিলকে হারিয়ে সেমিফাইনালে উঠেছিল উরুগুয়ে। মনে করা হয়েছিল কোপার ফাইনালে (Copa America 2024) উঠবে তারাই। কিন্তু কলম্বিয়ার (Colombia) কাছে হার মানল তারা। প্রথমার্ধেই ১-০ গোলে এগিয়ে যায় কলম্বিয়া। গোল করেন জেফারসন লারমা। তাঁকে গোলের পাস বাড়ান জেমস রদ্রিগেজ। এ বারের প্রতিযোগিতায় ষষ্ঠ বার গোলের পাস বাড়ালেন তিনি। কর্নার থেকে বল তোলেন রদ্রিগেজ। সেই বলে হেড করেন লারমা। বল জালে জড়িয়ে যায়। এগিয়ে যায় কলম্বিয়া। প্রথমার্ধের একদম শেষ দিকে লাল কার্ড দেখেন কলম্বিয়ার ড্যানিয়েল মুনোজ। গোটা দ্বিতীয়ার্ধ ১০ জনে খেলতে হয়েছে কলম্বিয়াকে। কিন্তু ১০ জনের কলম্বিয়াকে পেয়েও গোল শোধ করতে পারেনি উরুগুয়ে।

    ফাইনালে সামনে মেসি (Copa America 2024)

    চলতি টুর্নামেন্টে (Copa America 2024) দুর্দান্ত ছন্দে ছিল ১৫ বারের চ্যাম্পিয়ন উরুগুয়ে (Uruguay)। কিন্তু বৃহস্পতিবার ভোরে (ভারতীয় সময়) খানিক অঘটন ঘটিয়েই সেই উরুগুয়ের বিরুদ্ধে জয় তুলে নিল কলম্বিয়া। ম্যাচের একেবারে প্রথম মিনিট থেকেই দুই শিবিরের লড়াই ছিল টানটান। উরুগুয়ে খাতায়কলমে খানিকটা এগিয়ে থাকলেও এক ইঞ্চিও জমি ছাড়েনি কলম্বিয়া (Colombia)। ফাইনালে রদ্রিগেজদের খেলতে হবে আরও এক ১৫ বারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনার (Argentina) বিরুদ্ধে। দুরন্ত ছন্দে থাকা কলম্বিয়া ফাইনালে বিশ্বজয়ীদের কতটা বেগ দেবে তা জানতে অপেক্ষা করতে হবে। যাইহোক প্রতিপক্ষ  আর্জেন্টিনা, সামনে ফুটবলের রাজপুত্র লিয়োনেল মেসি।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • UEFA Euro 2024: ইউরোয় ফরাসি দুর্গ ভাঙল স্প্যানিশ আর্মাডা, মেসির গোলে কোপা ফাইনালে আর্জেন্টিনা 

    UEFA Euro 2024: ইউরোয় ফরাসি দুর্গ ভাঙল স্প্যানিশ আর্মাডা, মেসির গোলে কোপা ফাইনালে আর্জেন্টিনা 

    মাধ্যম নিউজ ডেস্ক: ইউরো কাপে (Euro Cup 2024) ফুল ফোটাচ্ছে স্পেন। এর আগে স্পেন বনাম জার্মানি কোয়ার্টার ফাইনাল ম্যাচকে অনেকে এবারের ইউরোর সেরা ম্যাচ বলছিলেন। স্পেন বনাম ফ্রান্স (Spain vs France) সেমিফাইনাল উত্তেজনায় আর রুদ্ধশ্বাস লড়াইয়ের মেজাজ সেই ম্যাচকেও ছাপিয়ে গেল। প্রথমে গোল করে এগিয়ে গিয়েও শেষরক্ষা হল না ফরাসি দলের। ২-১ গোলে ম্যাচ জিতে ফাইনালে চলে গেল স্পেন। অন্যদিকে অনুরাগীদের অপেক্ষার অবসান ঘটিয়ে কোপা আমেরিকায় (Copa America 2024) গোল পেলেন লিওনেল মেসি (Lionel Messi)।  কানাডার বিরুদ্ধে কোপা আমেরিকার সেমিফাইনালে গোল পেলেন আধুনিক ফুটবলের শ্রেষ্ঠ তারকা। কানাডাকে ২-০ গোলে হারিয়ে কোপা আমেরিকার ফাইনালে পৌঁছে গেল গতবারের চ্যাম্পিয়নরা (Argentina vs Canada)। ফাইনালে উরুগুয়ে বনাম কলম্বিয়া ম্যাচের বিজয়ীর সঙ্গে খেলবে আর্জেন্টিনা। 

    ফ্রান্স-স্পেন টক্কর (Euro Cup 2024)

    ইউরোয়  (Euro Cup 2024) প্রথমবার ফিল্ড গোল ফ্রান্সের। পালটা দিতে নজির গড়া গোল স্পেনের। মঙ্গলবার রাতে এমন হাড্ডাহাড্ডি লড়াইয়ে জমে উঠল ইউরো সেমিফাইনাল। ৯০ মিনিটের দুরন্ত ম্যাচ শেষে জয়ের হাসি স্পেনের মুখে। টুর্নামেন্ট থেকে বিদায় নিল ফ্রান্স। সেই সঙ্গে পেলের রেকর্ড ভেঙে কনিষ্ঠতম ফুটবলার হিসাবে কোনো টুর্নামেন্টের সেমিফাইনালে নামার নজির গড়লেন স্পেনের লামিন ইয়ামাল। ইউরোর ইতিহাসে কনিষ্ঠতম হিসাবে গোলও করলেন তরুণ স্প্যানিশ তারকা। সেমিফাইনালের মরণবাঁচন ম্যাচে মাস্ক খুলে মাঠে নেমেই দুরন্ত পারফরম্যান্স ফরাসি তারকার। তাঁর দুরন্ত ক্রসে মাথা ছুঁইয়েই টুর্নামেন্টে ‘প্রথম’ গোল করল ফ্রান্স। ৯ মিনিটে কোলো মুয়ানির গোলে এগিয়ে যায় ফ্রান্স। তবে গোল খাওয়ার পরে দুরন্ত কামব্যাক স্পেনের, নেপথ্যে সেই রেকর্ড গড়া ইয়ামাল।

    ম্যাচের বয়স ২১ মিনিট গড়াতেই বক্সের বাইরে থেকে চোখধাঁধানো শট নেন ১৬ বছর বয়সি তারকা। গোলকিপারের মাথার পাশ দিয়ে জালে জড়িয়ে যায় বল। চার মিনিট পরে ফ্রান্সকে দ্বিতীয় ধাক্কা দেয় স্পেন। জেসুস নাভাসের কাছ থেকে বল পান ড্যানি অলমো। বল নিজের নিয়ন্ত্রণে রেখে গোল লক্ষ্য করে শট মারেন। বল বাঁচানোর চেষ্টা করেন ফ্রান্সের জুলস কুন্ডে। কিন্তু বল তাঁর পায়ে লেগে গোলে ঢুকে যায়। প্রথমে কুন্ডের আত্মঘাতী গোল দিলেও পরে অলমোর নামেই সেই গোল দেওয়া হয়। ০-১ পিছিয়ে থেকে চার মিনিটের ঝড়ে ২-১ এগিয়ে যায় স্পেন। কিন্তু লড়াই চালিয়ে গেলেও আর গোলমুখ খুলতে পারেনি ফ্রান্স।

    দাপট আর্জেন্টিনার (Copa America 2024)

    রেকর্ড সংখ্যক সপ্তমবার কোপা আমেরিকা টুর্নামেন্টে (Copa America 2024) খেলছেন তিনি। যে নজির বিশ্বের আর কোনও ফুটবলারের নেই। তবে ভক্ত-অনুরাগীদের আক্ষেপ ছিল, এবারের কোপা আমেরিকায় (Copa America 2024) এখনও পর্যন্ত কোনও গোল পাননি প্রিয় নায়ক। অবশেষে চলতি কোপা আমেরিকায় প্রথম গোল করলেন লিয়োনেল মেসি। তাঁর আর্জেন্টিনাও কানাডাকে হারিয়ে পৌঁছে গেল প্রতিযোগিতার ফাইনালে। বুধবার সেমিফাইনালে বিশ্বচ্যাম্পিয়নেরা জিতল ২-০ ব্যবধানে। আর্জেন্টিনার অপর গোলদাতা জুলিয়ান অ্যালভারেজ। ফুটবলপ্রেমীদের চমকে দিয়ে কোপা আমেরিকার সেমিফাইনালে উঠেছিল কানাডা। তাদের স্বপ্নের দৌড় থেমে গেল বিশ্বজয়ীদের সামনে।

    দলগত শক্তির নিরিখে এগিয়ে থেকেই মাঠে নেমেছিল আর্জেন্টিনা। ৮০ হাজার ১০২ জন দর্শকের সামনে আর্জেন্টিনার সঙ্গে কানাডা সমানে সমানে লড়াই করলেন। তবু বিশ্বচ্যাম্পিয়নদের রুখতে পারলেন না। প্রথম মিনিট ৮-১০ প্রতিপক্ষকে মেপে নেওয়ার পর ধীরে ধীরে মাঝমাঠের নিয়ন্ত্রণ নিয়ে নেয় আর্জেন্টিনা। ম্যাচের বাকি সময়টা নিজেদের মতো করে মেসিরা নিয়ন্ত্রণ করলেন খেলার গতি।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Lionel Messi: ইন্টার মায়ামির হয়ে জনসমক্ষে এলেন মেসি! বার্ষিক বেতন কত জানেন?

    Lionel Messi: ইন্টার মায়ামির হয়ে জনসমক্ষে এলেন মেসি! বার্ষিক বেতন কত জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: ইন্টার মায়ামির হয়ে প্রথম জনসমক্ষে এলেন লিয়োনেল মেসি (Lionel Messi)। ভারতীয় সময় সোমবার ভোরে আনুষ্ঠানিক ভাবে মেসিকে হাজির করাল তাঁর ক্লাব মায়ামি। জানা গিয়েছে, শুক্রবার মাঠে নামতে পারেন তিনি।

    সমর্থকদের উল্লাস ধ্বনি ময়দানে

    ঝড়-বৃষ্টির কারণে অনুষ্ঠান কিছুটা সময় এদিন পিছিয়ে যায়। যদিও নির্ধারিত সময়েই মাঠে স্ত্রী, সন্তানদের নিয়ে হাজির হয়ে গিয়েছিলেন এলএম-১০। গ্যালারিও ছিল ভিড়ে ঠাসা। মাঠের একেবারে কেন্দ্রে সাজানো হয়েছিল মঞ্চ। যদিও সব কিছু আয়োজনের পরেই বাধ সাধে বৃষ্টি। বৃষ্টি থামার পর আর্জেন্টিনার বিশ্বজয়ী অধিনায়ককে (Lionel Messi) নিয়ে শুরু হয় মূল অনুষ্ঠান। মঞ্চে তখন হাজির ইন্টার মায়ামির সহ-সভাপতি ডেভিড বেকহ্যাম-সহ অন্য কর্মকর্তারা। মেসি প্রকাশ্যে আসতেই ইন্টার মায়ামি সমর্থকরা উচ্ছ্বাসে ফেটে পড়েন। আতস বাজির আলোর মালা তখন ফ্লোরিডার আকাশে। পরে মঞ্চে আসেন মেসির স্ত্রী এবং তিন সন্তান। জানা গিয়েছে, এদিন ফোর্ট লডারেবলে মেসি বরণে হাজির ছিলেন ২২ হাজার দর্শক। সেখানে মেসির সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হল দলের অন্য ফুটবলারদের। পপ তারকা শাকিরার গানে নাচে মেতে ওঠেন দর্শকরা। জানা গিয়েছে, সোমবার ১৭ জুলাই ইন্টার মায়ামি বিশেষ সাংবাদিক বৈঠক করবে মেসিকে নিয়ে। আনুষ্ঠানিক ভাবে মেসির হাতে এদিন তুলে দেওয়া হল ক্লাবের জার্সি।

    কী বলছেন মেসি (Lionel Messi)?

    শনিবারই চুক্তিপত্রে সই করেছেন মেসি। জানা গিয়েছে, মেসি তাঁর প্রিয় ১০ নম্বর জার্সি পরেই খেলবেন। ইতিমধ্যে সমাজমাধ্যমে ইন্টার মায়ামি যে ভিডিয়ো দিয়েছে, তাতে দেখা যাচ্ছে মেসির (Lionel Messi) গায়ে ১০ নম্বর জার্সি। সামনে এসেছে মেসির বিবৃতি। তাতে মেসি বলেছেন, ‘‘আমেরিকা এবং ইন্টার মায়ামিতে ফুটবল জীবনের নতুন অধ্যায় শুরু করছি। দারুণ উত্তেজনা হচ্ছে। আমার কাছে এটা একটা দুর্দান্ত সুযোগ। সবাই মিলে এই সুন্দর প্রকল্পটাকে এগিয়ে নিয়ে যাব। এক সঙ্গে কাজ করে নতুন কিছু অর্জনের লক্ষ্যমাত্রা ঠিক করেছি আমরা। এটাই এখন আমার নতুন বাড়ি। সকলকে সাহায্য করার জন্য মুখিয়ে রয়েছি।’’ 

    মেসির (Lionel Messi) বেতন কতো জানেন?

    মার্কিন ও ইউরোপীয় বিভিন্ন সংবাদ মাধ্যমের তরফে জানানো হয়েছে, লিও মেসির (Lionel Messi) বার্ষিক বেতন হতে চলেছে ৫০ থেকে ৬০ মিলিয়ন। অর্থাৎ ভারতীয় মুদ্রায় যে অর্থের পরিমাণ প্রায় ৬০০ কোটি টাকা। মানে মাসে ৫০ কোটি বেতন। তবে রোজগার যেমন বেশি, তেমনই করের টাকাও অনেকটাই গুনতে হয় আর্জেন্তাইন সুপারস্টারকে। আমেরিকা সরকার তাঁর কাছে নেয় মোটা অঙ্কের কর।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Lionel Messi: এমবাপে ও বেঞ্জেমাকে হারিয়ে ফিফার বর্ষসেরা ফুটবলার লিওনেল মেসি

    Lionel Messi: এমবাপে ও বেঞ্জেমাকে হারিয়ে ফিফার বর্ষসেরা ফুটবলার লিওনেল মেসি

    মাধ্যম নিউজ ডেস্ক: ফুটবলের রাজপুত্র লিওনেল মেসির মুকুটে ফের নয়া পালক। ফিফার (FIFA The Best Award 2023) বর্ষসেরা ফুটবলারের শিরোপা পেলেন লিওনেল মেসি (Lionel Messi)। বিশ্বকাপ তাঁর হাতে ওঠার পর গোটা বিশ্বেই তাঁর ভক্তরা আবেগে ভেসেছিল। এবার নয়া পালক জুড়ল লিওনেলের মুকুটে। এই লড়াইয়ে ছিলেন ব্যালন ডি’অর জয়ী করিম বেঞ্জেমা। বর্ষসেরা হওয়ার যোগ্য দাবিদার ছিলেন বিশ্বকাপ ফাইনালে হ্যাটট্রিক-সহ কাতারে গোল্ডেন বুট জেতা কিলিয়ান এমবাপেও। তবে সকলকে টেক্কা দিয়ে দিয়েছেন ফুটবলের রাজপুত্র।

    বর্ষসেরা ফুটবলার মেসি

    বর্ষসেরার খেতাব হাতে উঠল আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়কের। তবে এর আগেও ফিফার বর্ষসেরা খেলোয়াড় হিসেবে স্বীকৃতি পেয়েছিলেন লিওনেল মেসি। ২০১৯ সালে এই শিরোপার অধিকারী হয়েছিলেন তিনি। এছাড়াও ২০০৯, ২০১০, ২০১১, ২০১২, ২০১৫ সালেও এই পুরস্কার জিতেছিলেন তিনি। ফলে মোট ৭ বার ফিফার বর্ষসেরার পুরস্কার পেলেন মেসি। ২০১৬ সাল থেকে ফিফা একক ভাবে এই পুরস্কার দিয়ে আসছে। তার আগে অন্য একটি সংস্থার সঙ্গে যৌথ ভাবে এই পুরস্কার দিত ফিফা।

    এমবাপে ও বেঞ্জেমাকে ছাপিয়ে মেসির

    আড়াই মাস আগেও মেসির কাছে রানার-আপ হয়েই সন্তুষ্ট হতে হয়েছিল এমবাপেকে। আর এই বর্ষসেরা পুরস্কারের ক্ষেত্রেও প্রথমেই মেসি। কারণ বর্ষসেরা ফুটবলারের তালিকায় থাকা আরও দু’জন হলেন কিলিয়ান এমবাপে ও করিম বেঞ্জেমা। মেসির সঙ্গে সব থেকে বেশি টক্কর এমবাপের। বিশ্বকাপে সব থেকে বেশি গোল (৮) করে সোনার বুট জিতেছেন এমবাপে। কিন্তু বিশ্বকাপ জিততে পারেননি তিনি। ফিফার বর্ষসেরার তালিকায় এমবাপেকেও টেক্কা দিয়ে গেলেন মেসি।

    অন্যদিকে ২০২২ সাল ভালো গিয়েছে বেঞ্জেমার। রিয়াল মাদ্রিদকে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতিয়েছেন তিনি। কিন্তু বিশ্বকাপের আগেই চোট পান বেঞ্জেমা। ফলে বিশ্বকাপে খেলতে পারেননি এই স্ট্রাইকার। আর এবারে বেঞ্জেমাকেও ছাপিয়ে গেলেন মেসি। মেসি এই পুরস্কার জেতার ক্ষেত্রে ৫২ পয়েন্ট পেয়েছেন। এমবাপে পেয়েছেন ৪৪ পয়েন্ট। তৃতীয় স্থানে থাকা বেঞ্জেমার পয়েন্ট ৩৪।

    ফিফা অ্যাওয়ার্ডের তালিকা দেখুন একনজরে

    বর্ষসেরা খেলোয়ার (পুরুষ) লিওনেল মেসি

    বর্ষসেরা খেলোয়ার (মহিলা) অ্যালেক্সিয়া পুতেলাস

    বর্ষসেরা কোচ (পুরুষ) লিওনেল স্কালোনি

    বর্ষসেরা কোচ (মহিলা) সারিনা উইগম্যান

    বর্ষসেরা গোলরক্ষক (পুরুষ) এমিলিয়ানো মার্তিনেজ

    বর্ষসেরা গোলরক্ষক (মহিলা) মেরি ইরাপ্স

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share