Tag: madhyom bangla

madhyom bangla

  • Daily Horoscope 14 March 2026: বিবাদ এড়িয়ে যান এই রাশির জাতকরা

    Daily Horoscope 14 March 2026: বিবাদ এড়িয়ে যান এই রাশির জাতকরা

    চাকরি থেকে ব্যবসা, বন্ধু থেকে ব্যক্তিগত জীবন, ভ্রমণ থেকে স্বাস্থ্য—কী বলছে ভাগ্যরেখা? কেমন কাটতে পারে দিন?

    মেষ

    ১) আজ মিশ্র পরিণাম লাভ করবেন।

    ২) ব্যবসাতে মন্দার কারণে চিন্তিত থাকবেন।

    ৩) পরিজনদের পূর্ণ সহযোগিতা লাভ করবেন।

    বৃষ

    ১) বন্ধুর কাছ থেকে সুসংবাদ পেতে পারেন।

    ২) জনকল্যাণের কাজে লাগাতার অগ্রসর হতে থাকবেন।

    ৩) ব্যবসায়িক সিদ্ধান্ত গ্রহণের সময় ভাইদের পরামর্শ নিন।

    মিথুন

    ১) সাহস ও পরাক্রম বৃদ্ধি পাবে।

    ২) জীবনসঙ্গী আপনাকে শপিংয়ে নিয়ে যেতে পারেন।

    ৩) যে কোনও পরিস্থিতিতে নিজের ধৈর্য ধরে রাখুন।

    কর্কট

    ১) নতুন কাজ শুরু করলে ভালো ফলাফল পাবেন।

    ২) আপনার শত্রুরা নিজেদের মধ্যে লড়াই করে ধ্বংস হবে।

    ৩) কারও শোনা কথায় কান দেবেন না।

    সিংহ

    ১) আকস্মিক লাভ অর্জন করায় আনন্দের সীমা থাকবে না।

    ২) ছোটদের ভুল ক্ষমা করুন।

    ৩) লগ্নির বিষয়ে রুচি বাড়বে।

    কন্যা

    ১) মা-বাবাকে ধর্মীয় যাত্রায় নিয়ে যেতে পারেন।

    ২) শত্রুরা আপনার কাজে বাধা দেবে, সতর্ক থাকুন।

    ৩) সন্তানকে দায়িত্ব দিন।

    তুলা

    ১) পরিবারের কোনও সদস্য দূরে চাকরি পেতে পারেন।

    ২) কর্মক্ষেত্রে কোনও কাজের কারণে অযথা অবসাদে থাকবেন।

    ৩) পৈতৃক সম্পত্তি সংক্রান্ত বিবাদে জয়ী হবেন।

    বৃশ্চিক

    ১) কোনও বড় চুক্তি চূড়ান্ত করতে পারেন।

    ২) ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষার পথ প্রশস্ত হবে।

    ৩) ছোট দূরত্বের ভ্রমণ করবেন আজ।

    ধনু

    ১) আজকের দিনের সূচনা কিছুটা দুর্বল থাকবে।

    ২) ঝুঁকিপূর্ণ কাজ করবেন না।

    ৩) আকস্মিক যাত্রা।

    মকর

    ১) বন্ধুর সঙ্গে বিবাদের সমাধান হবে।

    ২) স্বাস্থ্যের প্রতি কোনও গাফিলতি করবেন না।

    ৩) বড়সড় রোগের মুখোমুখি হবেন।

    কুম্ভ

    ১) টাকা ধার নেবেন না।

    ২) বিবাদ এড়িয়ে যান।

    ৩) রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তিরা বড়সড় পদ অর্জন করতে পারেন।

    মীন

    ১) আজকের দিনটি খুব ভালো কাটবে।

    ২) ছাত্রছাত্রীদের পড়াশোনার প্রতি রুচি বাড়বে।

    ৩) সময়ের মধ্যে জরুরি কাজ সম্পন্ন করুন।

     DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না।

  • Presidential Protocol Issue: রাষ্ট্রপতিকে ‘অসম্মান’! দার্জিলিংয়ের জেলাশাসক ও শিলিগুড়ির পুলিশ কমিশনারকে ডেপুটেশনে চাইল কেন্দ্র

    Presidential Protocol Issue: রাষ্ট্রপতিকে ‘অসম্মান’! দার্জিলিংয়ের জেলাশাসক ও শিলিগুড়ির পুলিশ কমিশনারকে ডেপুটেশনে চাইল কেন্দ্র

    মাধ্যম নিউজ ডেস্ক: রাষ্ট্রপতির সফরে প্রোটোকল-স্থান (Presidential Protocol Issue) বদল বিতর্কে নতুন মোড়। বিতর্কের আবহেই ২ অফিসারকে চেয়ে রাজ্যকে চিঠি কেন্দ্রের। প্রোটোকল ভাঙার অভিযোগে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের সিপিকে কেন্দ্রীয় ডেপুটেশনে চাইল কেন্দ্র। রাষ্ট্রপতির সফরের দায়িত্বে ছিলেন দার্জিলিংয়ের ডিএম মণীশ মিশ্র। তাঁকে ডেপুটেশনে চেয়েছে কেন্দ্র।

    কেন এই পদক্ষেপ

    গত ৭ মার্চ শিলিগুড়ির গোঁসাইপুরে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর (Draupadi Murmu) অনুষ্ঠান ঘিরে তৈরি হওয়া বিতর্কের জল গড়াল অনেক দূর। নিরাপত্তা ও স্থান পরিবর্তন সংক্রান্ত অব্যবস্থাপনা এবং ‘অসৌজন্যের’ অভিযোগ খতিয়ে দেখে এবার কড়া পদক্ষেপ নিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। রাজ্যের পাঠানো রিপোর্ট পর্যালোচনার পর দার্জিলিংয়ের জেলাশাসক মণীশ মিশ্র এবং শিলিগুড়ির পুলিশ কমিশনার সি সুধাকরকে ডেপুটেশনে চাইল কেন্দ্র। এই দুই আইপিএস ও আইএএস অফিসারই বেঙ্গল ক্যাডারে রয়েছেন বলে জানা যাচ্ছে। এই সমস্ত উচ্চ পদমর্যাদার অফিসারদের ক্যাডার নিয়ন্ত্রণকারী সংস্থা হল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। ফলে তারাই এই দুই অফিসারকে ডেপুটেশনে চাইছে।

    যেতেই হবে ডেপুটেশনে

    রাষ্ট্রপতি যেহেতু দেশের সংবিধানিক প্রধান তাই তাঁর নিরাপত্তা বা প্রোটোকলে কোনও গাফিলতি হয়ে থাকলে সে ক্ষেত্রে কেন্দ্র চাইলে রাজ্য সরকারকে কিছু না বলেও কেন্দ্রীয় ডেপুটেশনে তাঁদের তুলে নিতে পারে। সুপ্রিম কোর্ট আইপিএস (ক্যাডার) রুলস, ১৯৫৪-এর রুল ৬(১)-এর বৈধতা নিশ্চিত করেছে। এই নিয়ম অনুযায়ী আইপিএস অফিসারদের ট্রান্সফার ও ডেপুটেশন নিয়ে রাজ্যের সিদ্ধান্তকে কেন্দ্র প্রয়োজনে অগ্রাহ্য করতে পারে। এখন কোনও রাজ্য সরকার যদি নির্বাচিত অফিসারকে কেন্দ্রীয় ডেপুটেশনে পাঠাতে অস্বীকার করে, তবে সেই অফিসারকে ৫ বছরের জন্য কেন্দ্রীয় ডেপুটেশন থেকে নিষিদ্ধ করা যেতে পারে। ২০১১ ব্যাচ বা তার পরের আইপিএস অফিসারদের জন্য কমপক্ষে ২ বছরের কেন্দ্রীয় ডেপুটেশন বাধ্যতামূলক, নইলে তাঁরা ইন্সপেক্টর জেনারেল পদে এমপ্যানেলমেন্টের জন্য যোগ্য হবেন না।

    অসন্তুষ্ট রাষ্ট্রপতি, কী ঘটেছিল

    সাঁওতালদের একটি আন্তর্জাতিক সংগঠনের অনুষ্ঠানে যোগ দিতে উত্তরবঙ্গ সফরে এসেছিলেন রাষ্ট্রপতি। প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তার কারণ দেখিয়ে শেষ মুহূর্তে মূল অনুষ্ঠানস্থল পরিবর্তন করা হয়, যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন স্বয়ং রাষ্ট্রপতি। পরবর্তীতে ফাঁসিদেওয়ার বিধাননগরে সন্তোষিনী বিদ্যাচক্রের মাঠ পরিদর্শনকালে তিনি মন্তব্য করেন যে, ওই মাঠে আরও বেশি সাধারণ মানুষের সমাগম হতে পারত। সেখানেই মুখ্যমন্ত্রীর নাম করে তিনি বলেন, “উনি আমার ছোট বোনের মতো। কিন্তু হয়তো কোনও কারণে উনি আমার উপর রুষ্ট হয়েছেন। যে কারণে সভা করতে দিলেন না।” রাষ্ট্রপতিকে ‘অসম্মান’ নিয়ে এক্স হ্যান্ডলে তৃণমূল সরকারকে নিশানা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি লেখেন, “পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস সরকার সত্যিই সমস্ত সীমা লঙ্ঘন করেছে। রাষ্ট্রপতির প্রতি এই অসম্মানের জন্য তাদের প্রশাসনই দায়ী।” এরপর তৃণমূল ও বিজেপির মধ্যে এই নিয়ে রাজনৈতিক তরজা বাড়তে থাকে। দুই দলেরই একাধিক নেতা এই নিয়ে পরস্পরকে তোপ দাগেন।

  • Abrar Ahmed in Sunrisers: পাক ক্রিকেটারকে কেনায় বিতর্ক, সানরাইজার্স লিডসের ‘এক্স’ অ্যাকাউন্ট সাসপেন্ড, আইপিএলেও বয়কটের ডাক

    Abrar Ahmed in Sunrisers: পাক ক্রিকেটারকে কেনায় বিতর্ক, সানরাইজার্স লিডসের ‘এক্স’ অ্যাকাউন্ট সাসপেন্ড, আইপিএলেও বয়কটের ডাক

    মাধ্যম নিউজ ডেস্ক: পাকিস্তানের স্পিনার আবরার আহমেদকে দলে নেওয়ার পরই বিপাকে পড়ল ‘সানরাইজার্স লিডস’ (Abrar Ahmed in Sunrisers)। বৃহস্পতিবার ইংল্যান্ডের ঘরোয়া ‘দ্য হান্ড্রেড’ টুর্নামেন্টের নিলামে আবরারকে দলে নেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই বিতর্ক শুরু হয়। কাব্য মারানের দলে পাক স্পিনারের যোগদান ভাল ভাবে নেননি ভারতীয় ক্রিকেটপ্রেমীদের একাংশ। সমাজমাধ্যমে সানরাইজার্স কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন তাঁরা। আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদকে বয়কট করার কথাও বলেছেন অনেকে। বিতর্ক বাড়ায় সানরাইজার্স লিডসের ‘এক্স’ অ্যাকাউন্ট সাসপেন্ড করা হয়েছে। তবে এক্সের তরফে কী কারণে অ্যাকাউন্ট সাসপেন্ড করা হয়েছে তার কোনও ব্যাখা এখনও পর্যন্ত পাওয়া যায়নি। মনে করা হচ্ছে, বহু ক্রিকেটপ্রেমী রিপোর্ট করায় অ্যাকাউন্টটি সাসপেন্ড করা হয়েছে।

    কেন তৈরি হয় বিতর্ক

    সান গ্রুপের মালিকানাধীন এই ফ্র্যাঞ্চাইজির নেতৃত্বে রয়েছেন কালানিধি মারান। জানা গিয়েছে, নিলাম চলাকালীন পাকিস্তানের মিস্ট্রি স্পিনার আবরার আহমেদকে দলে নিতে পরপর বিড করে সানরাইজার্স। প্রায় ২.৩৪ কোটি টাকায় তাঁকে দলে নেওয়া হয়। লন্ডনের পিকাডিলি লাইটসে অনুষ্ঠিত নিলামে ফ্র্যাঞ্চাইজির সিইও কাব্যা মারান নিজে উপস্থিত ছিলেন। সঙ্গে ছিলেন দলের হেড কোচ ড্যানিয়েল ভেত্তোরিও। নিলামের টেবিলে বসে তারা ট্রেন্ট রকেটসকে হারিয়ে আবরার আহমেদকে দলে নেন। উল্লেখযোগ্য বিষয় হল, ইংল্যান্ডের টি–টোয়েন্টি অধিনায়ক হ্যারি ব্রুক এই দলের অধিনায়কত্ব করবেন। কিন্তু এরপরেই শুরু হয় আসল বিতর্ক। কারণ, সাম্প্রতিক বছরগুলিতে এই প্রথম কোনও আইপিএল–সংযুক্ত ফ্র্যাঞ্চাইজি পাকিস্তানের কোনও ক্রিকেটারকে দলে নিল। দলে পাওয়ার পর সমাজমাধ্যমে আবরারের জার্সি পরা ছবিও পোস্ট করা হয়। তার পরই শুরু হয়েছে বিতর্ক। এর সরাসরি প্রভাব পড়েছে আইপিএল ফ্র্যাঞ্চাইজি সানরাইজার্স হায়দরাবাদের ব্র্যান্ড ইমেজে। মাত্র একদিনেই দলের ইনস্টাগ্রাম পেজ থেকে প্রায় ১ লক্ষ ফলোয়ার কমে গিয়েছে। অরেঞ্জ আর্মির চরম ভক্তরাও আগামী আইপিএলে ফ্র্যাঞ্চাইজির ম্যাচ বয়কট করার কথা ঘোষণা করেছেন।

    জাতীয় আবেগ বিরোধী পদক্ষেপ

    এর জেরে সোশ্যাল মিডিয়ায় ভারতীয় সমর্থকদের একাংশ তীব্র ক্ষোভ প্রকাশ করেন। অনেকে আইপিএলে সানরাইজার্স হায়দ্রাবাদকে বয়কট করার ডাকও দেন। সমাজমাধ্যমে সানরাইজার্স কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন তাঁরা। কাব্যের সংস্থার বিরুদ্ধে জাতীয় আবেগ বিরোধী পদক্ষেপের অভিযোগ উঠেছে। সোশ্যাল মিডিয়ায় এক ব্যবহারকারী লিখেছেন, ‘বহু বছর ধরে দেশের প্রতি সম্মান দেখিয়ে ভারতীয় দলগুলো পাকিস্তানি ক্রিকেটারদের এড়িয়ে চলেছে। কিন্তু বিদেশি লিগে টাকা এলেই সেই অবস্থান বদলে যায়। ভারতীয় মালিকানা, ভারতীয় ব্র্যান্ড, কিন্তু দেশের বাইরে অবস্থান অন্যরকম।’

    ভারতীয় সেনাবাহিনীকে কটূক্তি আবরার আহমেদের

    এই বিতর্কের পিছনে মূল কারণ আবরার আহমেদের ২০২৫ সালের মাঝামাঝি সময়ে করা কয়েকটি সোশ্যাল মিডিয়া পোস্ট। সীমান্তে উত্তেজনার সময় আবরার এমন কিছু পোস্ট করেছিলেন বলে অভিযোগ ওঠে যা ভারতীয় সেনাবাহিনীকে ব্যঙ্গ করে করা হয়েছে বলে দাবি করছেন অনেক ভারতীয় সমর্থক। ভারতীয় বায়ুসেনাকে নিয়ে উপহাস করার জন্যও কুখ্যাত আবরার। প্রায়শই এক কাপ চায়ের সঙ্গে ছবি পোস্ট করে ক্যাপশনে তিনি লিখতেন, ‘চমৎকার চা’ (পাকিস্তানে সাময়িক বন্দিদশায় থাকা ভারতীয় উইং কমান্ডার অভিনন্দন বর্তমানের ভিডিয়োর প্রতি যা ইঙ্গিতবাহী)আবরারকে দলে নেওয়ার খবর সামনে আসতেই এক্স হ্যান্ডেলে #ShameOnSRH এবং #BoycottSunrisers হ্যাশট্যাগ ট্রেন্ড করতে শুরু করে। সমালোচকদের দাবি, যে ক্রিকেটার ভারতীয় সেনাবাহিনীকে নিয়ে মন্তব্য করেছিলেন, তাকে মোটা অঙ্কের চুক্তিতে দলে নিয়ে ফ্র্যাঞ্চাইজির মালিকরা দেশের অনুভূতিকে অগ্রাহ্য করেছেন। অনেকে আবার সানরাইজার্স ব্র্যান্ডের মুখ কাব্যা মারানকেও কড়া সমালোচনা করেছেন। বৃহস্পতিবার লন্ডনে অনুষ্ঠিত নিলামে তিনি আবরার আহমেদের জন্য বিড করেন বলেও অভিযোগ উঠেছে।

    পাকিস্তানি ক্রিকেটারের প্রতি আগ্রহ দেখায়নি কেউ

    ২০০৯ সাল থেকে আইপিএলে নিষিদ্ধ পাকিস্তানের ক্রিকেটারেরা। সংযুক্ত আরব আমিরশাহি, দক্ষিণ আফ্রিকা বা ওয়েস্ট ইন্ডিজ়ের টি-টোয়েন্টি লিগে ভারতীয়দের মালিকানাধীন দলগুলিতেও পাকিস্তানের ক্রিকেটারদের নেওয়া হয় না। ‘দ্য হান্ড্রেড’-এও তেমন হওয়ার আশঙ্কা ছিল। বিষয়টি আঁচ করে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি) আগেই দলগুলিকে সতর্ক করেছিল। জানিয়ে দেওয়া হয়েছিল, ‘দ্য হান্ড্রেড’-এর নিলামে কোনও নির্দিষ্ট দেশের ক্রিকেটারদের প্রতি বৈষম্যমূলক আচরণ বরদাস্ত করা হবে না। ‘দ্য হান্ড্রেড’-এ ভারতীয় মলিকানাধীন চারটি দল রয়েছে। এগুলি হল ম্যাঞ্চস্টার সুপার জায়ান্টস (সঞ্জীব গোয়েন‌্কার আরপিজি গ্রুপের ৭০ শতাংশ মালিকানা), এমআই লন্ডন (মুকেশ অম্বানীর রিলায়্যান্সের ৪৯ শতাংশ মালিকানা), সাদার্ন ব্রেভ (গ্রান্ধি কিরণ কুমারদের জিএমআর গ্রুপের ৪৯ শতাংশ মালিকানা), সানরাইজার্স লিডস (কলানিথি মারানের সান গ্রুপের ১০০ শতাংশ মালিকানা)। দক্ষিণ আফ্রিকার এসএ-টোয়েন্টি ও সংযুক্ত আরব আমিরশাহির আইএলটি-টোয়েন্টি লিগেও আইপিএল মালিকানাধীন দলগুলিকে পাকিস্তানি ক্রিকেটারদের জন্য বিড করতে দেখা যায়নি।

    আবরারকে নিতে ব্যস্ত কাব্যা

    ‘দ্য হান্ড্রেড’-এর আট দলের এই টুর্নামেন্ট আগামী ২১ জুলাই থেকে ১৬ অগাস্ট পর্যন্ত ইংল্যান্ডে অনুষ্ঠিত হবে। ‘দ্য হান্ড্রেড’-এর নিলামে পাকিস্তানের দু’জন ক্রিকেটার দল পেয়েছেন। নিলামে হ্যারিস রউফ, শাদাব খান ও সাইম আয়ুবকে কোনও দল কেনেনি। চতুর্থ ক্রিকেটার উসমান তারিক দল পান। তাঁকে কেনে বার্মিংহ্যাম ফিনিক্স। সেই দলে কোনও ভারতীয় মালিক নেই। চমক দেখা যায় আবরারের নিলামের সময়। ট্রেন্ট রকেটসের সঙ্গে লড়াই চলে সানরাইজার্সের। কাব্য মারানকে দেখে মনে হচ্ছিল, তিনি আবরারকে কিনে তবেই ছাড়়বেন। সেটাই করেন আইপিএলে অভিষেক শর্মা, ঈশান কিশনদের দলের মালকিন। কিছু ক্ষণের মধ্যেই সানরাইজার্সের জার্সি পরা আবরারের ছবি সমাজমাধ্যমেও পোস্ট করে তারা। এই পোস্টের পরেই শুরু হয়েছে বিতর্ক।

    বিদেশিদের গুরুত্ব দেয় সানরাইজার্স

    চলতি মাসেই শুরু আইপিএল। অনেকে দাবি করেছেন, আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদকে সকলের বয়কট করা উচিত। কেউ কেউ বলেছেন, আইপিএলেও ভারতীয় ক্রিকেটারদের থেকে বিদেশি ক্রিকেটারদের বেশি গুরুত্ব দেয় সানরাইজার্স। যেখানে বাকি ন’দলে ভারতীয় অধিনায়ক রয়েছেন, সেখানে একমাত্র সানরাইজার্সের অধিনায়ক বিদেশি (প্যাট কামিন্স)। এর থেকেই প্রমাণিত, তারা ব্যবসা ছাড়া কিছু বোঝে না। অনেকে তো এ-ও বলেছেন, আইপিএলে মুস্তাফিজুর রহমানের যা হাল হয়েছে, ‘দ্য হান্ড্রেড’ লিগে সেটাই হবে আবরারের। তাও ফিজ (মুস্তাফিজুরের ডাক নাম) ভারত সম্পর্কে কোনও কু-মন্তব্য করেননি। তা সত্ত্বেও ভারত-বাংলাদেশ শীতল সম্পর্কের আবহে নিলামে কিনেও মুস্তাফিজুরকে ছাড়তে বাধ্য হয় কলকাতা নাইট রাইডার্স। ঠিক একই রকম ভাবে আবরারকে লিগ শুরুর আগেই ছাড়তে বাধ্য হবে সানরাইজার্স।

  • Assembly Election 2026: রিটার্নিং অফিসার হবে ন্যূনতম এসডিএম স্তরের আধিকারিক, বাংলায় কমিশনের নিয়ম মেনেই নির্বাচন

    Assembly Election 2026: রিটার্নিং অফিসার হবে ন্যূনতম এসডিএম স্তরের আধিকারিক, বাংলায় কমিশনের নিয়ম মেনেই নির্বাচন

    মাধ্যম নিউজ ডেস্ক: বিধানসভা ভোটের দামামা বেজে গিয়েছে । যে কোনও মুহূর্তে নির্বাচনের (Assembly Election 2026) নির্ঘণ্ট ঘোষণা করা হতে পারে। তার আগেই রাজ্যে নির্বাচন পরিচালনায় বড় বদল আনল জাতীয় নির্বাচন কমিশন। রাজ্যে এই প্রথমবার অন্যান্য রাজ্যের মতো রিটার্নিং অফিসার পদে জেলাশাসকদের বদলে মহকুমা শাসক বা সমমর্যাদার আধিকারিকদের এই পদে নিয়োগ করল কমিশন। ইতিমধ্যেই নির্বাচন কমিশনের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে।

    উচ্চপর্যায়ের আধিকারিকদের রিটার্নিং অফিসার

    নির্বাচন কমিশনের (Election Commission) নয়া বিজ্ঞপ্তিতে রাজ্যের সবকটি অর্থাৎ ২৯৪টি বিধানসভা কেন্দ্রের জন্যই মহকুমা শাসক বা তার উচ্চপর্যায়ের আধিকারিকদের রিটার্নিং অফিসার হিসেবে নিয়োগ করে একটি চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে। কমিশনের সাধারণ নিয়ম অনুযায়ী, ন্যূনতম এসডিএম-দের এই পদে নিয়োগ করার কথা। কিন্তু বিগত নির্বাচনগুলিতে রাজ্যের অনুরোধ মেনে নিচুতলার কর্মীদের রিটার্নিং অফিসার হিসেবে নিয়োগ করেছিল কমিশন। তবে এবার আর নিয়মের কোনও ব্যতিক্রম যে হবে না তা আগেই স্পষ্ট করে দিয়েছিল কমিশন। এবার পশ্চিমবঙ্গে প্রথমবারের জন্য মহকুমাশাসক বা এসডিএম (সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট) পদমর্যাদার অফিসারদের ১৫২টি বিধানসভা কেন্দ্রে রিটার্নিং অফিসার হিসেবে নিয়োগ করা হল বলে জানানো হয়েছে। এখন থেকে সারা দেশের নিয়ম মেনেই পশ্চিমবঙ্গেও এসডিএম সমমর্যাদা বা তার চেয়ে উচ্চপদস্থ কর্মকর্তাদেরই রিটার্নিং অফিসার হিসেবে নিয়োগ করা হবে। এর থেকে নীচের পদের কাউকে নিয়োগ করা হবে না বলে জানান হয়েছে।

    তালিকায় জায়গা পেলেন কারা?

    রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) মনোজ আগরওয়ালের কাছে রাজ্যের মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী যে পূর্ণাঙ্গ তালিকা পাঠিয়েছে, তাতে দেখা যাচ্ছে, অতিরিক্ত জেলাশাসক, মহকুমাশাসক, জেলা পরিষদের সচিব, জেলা পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন আধিকারিক, জেলা সংখ্যালঘু উন্নয়ন আধিকারিক, জেলা তফসিলি জাতি-জনজাতি উন্নয়ন আধিকারিক, জেলা পরিকল্পনা আধিকারিক স্তরের অফিসারেরা এ বার রিটার্নিং অফিসার হিসাবে নিয়োগ পেয়েছেন। অর্থাৎ, সব পদই উচুস্তরের। পশ্চিমবঙ্গে আগে নির্বাচনে ডিএমডিসি (ডেপুটি ম্যাজিস্ট্রেট ডেপুটি কালেক্টর) পদমর্যাদার আধিকারিকেরা রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করলেও এ বার সেই প্রবণতা থেকে যে কমিশন সরে এল সদ্যপ্রকাশিত তালিকাতেই তা স্পষ্ট।

    রিটার্নিং অফিসার নিয়োগে বাড়তি জোর কেন

    সম্প্রতি মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারও সাফ বলেছিলেন ভোটের সময় রাজ্যে কোনওরকম অশান্তি বরদাস্ত করা হবে না। অবাধ ও শান্তিপূর্ণ ভোট করাতে বদ্ধপরিকর কমিশন। সেই লক্ষ্যেই এবার নির্বাচনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা রিটার্নিং অফিসার নিয়োগে বাড়তি জোর দিল কমিশন। এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, নির্বাচনের আগে নিয়মের বাইরে গিয়ে যে একটিও কাজ হবে না, তা পদে পদে বুঝিয়ে দিচ্ছে কমিশন। এতদিন পর্যন্ত রাজ্য সরকার সারা দেশের নির্ধারিত মানের চেয়ে নিম্ন পদমর্যাদারা অধিকারিকদের ইচ্ছামতো রিটার্নিং অফিসার হিসেবে বেছে নিত। তারপর সেই তালিকা পাঠান হতো নির্বাচন কমিশনের কাছে। কিন্তু এবার থেকে আর সেই জিনিস চলবে না। বরং আইন মেনে চলার বিষয়ে নির্বাচন কমিশনের অবস্থান অনেক বেশি কঠোর হয়েছে বলে খবর।

  • BJP Candidate List: বঙ্গভোটে বিধায়ক ও পুরনো নেতাদের অগ্রাধিকার বিজেপির! মোদির বাসভবনে চূড়ান্ত ১৫০ প্রার্থীর নাম?

    BJP Candidate List: বঙ্গভোটে বিধায়ক ও পুরনো নেতাদের অগ্রাধিকার বিজেপির! মোদির বাসভবনে চূড়ান্ত ১৫০ প্রার্থীর নাম?

    মাধ্যম নিউজ ডেস্ক: পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের (WB Assembly Election) জন্য অন্তত ১৫০টি আসনের প্রার্থী (BJP Candidate List) চূড়ান্ত করে ফেলল বিজেপি শীর্ষ নেতৃত্ব৷ এমনটাই খবর সূত্রের। বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ বিজেপির প্রথম সারির নেতাদের নিয়ে প্রধানমন্ত্রীর বাসভবনে বৈঠকে বসেছিল দলের কেন্দ্রীয় নির্বাচন কমিটি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ছাড়াও এ দিনের বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপি-র সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন এবং রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী উপস্থিত ছিলেন৷ এ ছাড়াও কেন্দ্রীয় নেতাদের মধ্যে বিপ্লব দেব, সুনীল বনশল, সতীশ ধন্দ, অমতি মালব্যরাও বৈঠকে উপস্থিত ছিলেন৷

    ১৫০-র বেশি আসনে প্রার্থীদের নাম চূড়ান্ত

    দলীয় সূত্রে খবর, বিজেপি-র এবারের প্রার্থী তালিকায় প্রত্যাশিত ভাবেই বর্তমান বিধায়কদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে৷ পাশাপাশি, দলের পুরনো কর্মী এবং সাংগঠনিক অভিজ্ঞতা রয়েছে, টিকিট দেওয়ার ক্ষেত্রে এরকম নেতা কর্মীদেরই অগ্রাধিকার দেওয়া হয়েছে৷ রাজ্যের ২৯৪টির মধ্যে ১৫০-র বেশি আসনে প্রার্থীদের নাম চূড়ান্ত হয়ে গিয়েছে বৃহস্পতিবারের বৈঠকে। বর্তমান বিধায়কদের সিংহভাগই আবার টিকিট পাচ্ছেন বলে বিজেপি সূত্রে জানা গিয়েছে। রাজ্যে এই মুহূর্তে বিজেপির বিধায়ক সংখ্যা ৬৫। সিদ্ধান্ত হয়েছে, প্রার্থী তালিকায় পুরনো জয়ী প্রার্থীরা অগ্রাধিকার পাবেন। আগে কখনও বিধানসভা বা লোকসভার ভোটে লড়েননি, এমন কিছু নতুন মুখও টিকিট পাচ্ছেন। তবে তাঁরা সকলেই সংগঠনের সঙ্গে দীর্ঘদিন যুক্ত।

    আসনগুলিকে এ, বি এবং সি- এই তিনটি শ্রেণিতে ভাগ 

    ভোটের দিনক্ষণ ঘোষণার সঙ্গে সঙ্গেই অন্তত ১৫০ আসনে প্রার্থীদের নাম ঘোষণা করে দেওয়া হতে পারে। জয়ের সম্ভাবনা বিচার করে রাজ্যের বিধানসভা আসনগুলিকে এ,বি এবং সি- এই তিনটি শ্রেণিতে ভাগ করা হয়েছে। জয়ের সম্ভাবনা সবথেকে বেশি, সেই আসনগুলিকে রাখা হয়েছে৷ এ ক্যাটেগরিতে৷ এই আসনগুলিতে ষোল আনা খাঁটি বিজেপি নেতা, কর্মী ছাড়া কাউকে টিকিট দেওয়া হবে না। বি ক্যাটেগরি মানে যেখানে জয় ও পরাজয়ের মধ্যে খুব বেশি ফারাক নেই। সি ক্যাটেগরি মানে যেখানে জয়ের আশা বিশেষ নেই, তবু লড়াই জারি থাকবে। কলকাতা, দক্ষিণ ২৪ পরগনার একাংশ এবং দার্জিলিং পাহাড়ের তিনটি আসন ছাড়া প্রায় সব আসন নিয়েই রাজ্য নেতৃত্বের সঙ্গে আলোচনা সেরে নিয়েছিলেন বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষকরা। সূত্রের খবর, অগ্নিমিত্রা পাল আসানসোল দক্ষিণ থেকে এবং দিলীপ ঘোষকে খড়্গপুর সদর থেকে প্রার্থী হিসেবে দেখা যেতে পারে।

  • Lieutenant Deeksha Tripathi: নারীশক্তির নয়া নজির! আর্মি মার্শাল আর্টস রুটিন কমব্যাট কোর্সে সফল প্রথম মহিলা অফিসার দীক্ষা ত্রিপাঠী

    Lieutenant Deeksha Tripathi: নারীশক্তির নয়া নজির! আর্মি মার্শাল আর্টস রুটিন কমব্যাট কোর্সে সফল প্রথম মহিলা অফিসার দীক্ষা ত্রিপাঠী

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারতীয় সেনাবাহিনীতে নতুন ইতিহাস গড়লেন লেফটেন্যান্ট দীক্ষা ত্রিপাঠী। তিনি কঠোর ও চ্যালেঞ্জিং আর্মি মার্শাল আর্টস রুটিন (AMAR) কমব্যাট কোর্স সফলভাবে সম্পন্ন করলেন। এই প্রথম কোনও মহিলা সেনা অফিসার এই নজির স্থাপন করেছেন। পুনের আর্মি ইনস্টিটিউট অব ফিজিক্যাল ট্রেনিং (AIPT)-এ এই কঠোর প্রশিক্ষণ কোর্সটি সম্পন্ন করেন তিনি। সেনাবাহিনীর মতে, আর্মি মার্শাল আর্টস রুটিন কোর্সটি অন্যতম কঠিন কমব্যাট প্রশিক্ষণ, যেখানে একজন সেনার শারীরিক সহনশীলতা, মানসিক দৃঢ়তা এবং যুদ্ধক্ষেত্রে তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেওয়ার ক্ষমতাকে কঠোরভাবে পরীক্ষা করা হয়।

    অসাধারণ দৃঢ়তা, অধ্যবসায়ের ফল

    লাদাখভিত্তিক সেনার ফায়ার অ্যান্ড ফিউরি কর্পস মঙ্গলবার এক বিবৃতিতে জানায়, “লেফটেন্যান্ট দীক্ষা ত্রিপাঠী এই কোর্সের কঠিন চ্যালেঞ্জ শুধু সহ্যই করেননি, বরং অসাধারণ দৃঢ়তা, অধ্যবসায় এবং সংকল্পের মাধ্যমে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছেন।” এতে ধারণা করা হচ্ছে যে তিনি লাদাখ অঞ্চলে দায়িত্বে রয়েছেন। ২০২৩ সালে চালু হওয়া এই কোর্সটি একটি আধুনিক ও কাঠামোবদ্ধ কমব্যাট প্রশিক্ষণ পদ্ধতি, যা ভারতীয় ঐতিহ্যবাহী মার্শাল আর্ট এবং আন্তর্জাতিক কৌশলের সমন্বয়ে তৈরি। এতে খালি হাতে যুদ্ধ, অস্ত্রসহ লড়াই, স্ট্যামিনা বৃদ্ধি এবং উচ্চ পার্বত্য অঞ্চলে যুদ্ধের জন্য মানসিক প্রস্তুতির ওপর বিশেষ জোর দেওয়া হয়।

    উচ্চ পার্বত্য ও প্রতিকূল পরিবেশে যুদ্ধের জন্য প্রয়োজনীয়

    এই প্রশিক্ষণের মূল লক্ষ্য হল কাছাকাছি সংঘর্ষের পরিস্থিতিতে সৈনিকদের দক্ষ করে তোলা, যেখানে আগ্নেয়াস্ত্র সবসময় ব্যবহারযোগ্য নাও হতে পারে। এতে আক্রমণাত্মক কৌশল, অস্ত্রভিত্তিক যুদ্ধ এবং ধারালো বা তাৎক্ষণিকভাবে তৈরি অস্ত্রের বিরুদ্ধে প্রতিরক্ষার প্রশিক্ষণ অন্তর্ভুক্ত থাকে। বিশেষ করে উচ্চ পার্বত্য ও প্রতিকূল পরিবেশে যুদ্ধ করার জন্য এই কোর্স অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এমন এলাকায় শারীরিক সক্ষমতা ও মানসিক দৃঢ়তা দুটিই বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়।

    ভারতীয় সশস্ত্র বাহিনীতে নারী শক্তি

    গত কয়েক বছরে ভারতীয় সশস্ত্র বাহিনীতে মহিলাদের অংশগ্রহণ দ্রুত বেড়েছে। আগে যেখানে অনেক ক্ষেত্রেই মহিলাদের প্রবেশ সীমিত ছিল, এখন তারা বিভিন্ন গুরুত্বপূর্ণ ভূমিকায় কাজ করছেন। এর আগে, ২০২২ সালের ডিসেম্বর মাসে, আর্মি মেডিক্যাল কর্পসের মেজর দীক্ষা সি. মুদুদেভান বিশেষ বাহিনীর সদস্যদের পরিচয়বাহী সম্মানজনক ‘বলিদান ব্যাজ’ পাওয়া প্রথম মহিলা হন। বর্তমানে ইনফ্যান্ট্রি ও আর্মার্ড কর্পস বাদে ভারতীয় সেনাবাহিনীর প্রায় সব শাখাতেই মহিলা অফিসাররা কাজ করছেন। এছাড়াও ২০১৬ সালে ভারতীয় বায়ুসেনায় প্রথমবারের মতো মহিলা ফাইটার পাইলট অন্তর্ভুক্ত হওয়ার মাধ্যমে একটি বড় মাইলফলক তৈরি হয়। এখন তারা রাফাল ও সুখোই-৩০-এর মতো আধুনিক যুদ্ধবিমান চালাচ্ছেন এবং নৌবাহিনীর যুদ্ধজাহাজেও দায়িত্ব পালন করছেন। লেফটেন্যান্ট দীক্ষা ত্রিপাঠীর এই সাফল্য ভারতীয় সেনাবাহিনীতে মহিলাদের ক্রমবর্ধমান ভূমিকার আরেকটি উজ্জ্বল উদাহরণ।

  • Modi Pezeshkian Discussion: ‘জ্বালানির অবাধ যাতায়াত নিশ্চিতই ভারতের প্রধান অগ্রাধিকার’ ইরানের প্রেসিডেন্টের সঙ্গে কথা মোদির

    Modi Pezeshkian Discussion: ‘জ্বালানির অবাধ যাতায়াত নিশ্চিতই ভারতের প্রধান অগ্রাধিকার’ ইরানের প্রেসিডেন্টের সঙ্গে কথা মোদির

    মাধ্যম নিউজ ডেস্ক: শান্তির বার্তা নিয়ে ইরানের প্রেসিডেন্ট ডক্টর মাসুদ পেজেশকিয়ানের (Masoud Pezeshkian) সঙ্গে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। মধ্যপ্রাচ্য যখন কার্যত বারুদের স্তূপের ওপর দাঁড়িয়ে, ঠিক সেই সময়েই গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন মোদি (Modi Pezeshkian Discussion)। একই সঙ্গে জানিয়ে দিলেন ভারতীয় নাগরিকদের নিরাপত্তা, সেইসঙ্গে পণ্য ও জ্বালানির অবাধ যাতায়াত নিশ্চিত করাই এখন ভারতের প্রধান অগ্রাধিকার। ১২ মার্চ অনুষ্ঠিত এই আলোচনায় ওই অঞ্চলে বাড়তে থাকা সংঘাত, সাধারণ মানুষের প্রাণহানি এবং গুরুত্বপূর্ণ পরিকাঠামোর ক্ষয়ক্ষতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন মোদি। দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে বর্তমান আঞ্চলিক পরিস্থিতি নিয়ে দীর্ঘক্ষণ কথা হয়। পরে প্রধানমন্ত্রী নিজেই সোশ্যাল হ্য়ান্ডেলে সেই আলোচনার কথা তুলে ধরলেন।

    আন্তর্জাতিক মহলকে উদ্যোগী হওয়ার বার্তা

    সামাজিক মাধ্যমে এক পোস্টে প্রধানমন্ত্রী জানান, বর্তমান পরিস্থিতিতে মানবিক দিকটি বিশেষ গুরুত্ব দিয়ে দেখা জরুরি এবং শান্তিপূর্ণ সমাধানের জন্য আন্তর্জাতিক মহলকে উদ্যোগী হতে হবে। মোদি বলেন, “ওই অঞ্চলের সামগ্রিক পরিস্থিতি নিয়ে ইরানের প্রেসিডেন্ট ডক্টর মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে আলোচনা করেছি।” পশ্চিম এশিয়ায় যেভাবে যুদ্ধের পরিবেশ তৈরি হচ্ছে, যেভাবে একের পর এক হামলায় সাধারণ মানুষের মৃত্যু হচ্ছে, তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। স্পষ্ট ভাষায় লেখেন, “ইরানের প্রেসিডেন্টের সঙ্গে আলোচনায় যেভাবে উত্তেজনার আবহে সাধারণ মানুষের প্রাণহানি হচ্ছে, প্রচুর ক্ষয়ক্ষতি হচ্ছে সে বিষয়েও গভীর উদ্বেগ প্রকাশ করেছি।”

    ভারতীয়দের নিরাপত্তা ও বাণিজ্যিক স্বার্থে জোর

    আলোচনায় প্রধানমন্ত্রী মোদি স্পষ্ট করে জানান, উপসাগরীয় অঞ্চলে বসবাসকারী ভারতীয় নাগরিকদের নিরাপত্তা ভারতের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার। পাশাপাশি দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহ এবং পণ্য পরিবহণ যাতে নির্বিঘ্নে চলতে পারে, সেই বিষয়টিও তিনি গুরুত্ব দিয়ে তুলে ধরেন। মোদি নিজেই তাঁর পোস্টে জানান, যুদ্ধের আবহে ভারতের স্বার্থ রক্ষার পাশাপাশি মধ্যপ্রাচ্যে কর্মরত কয়েক লক্ষ ভারতীয়র সুরক্ষাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন তিনি।

    ভারত শান্তি এবং সুস্থিতির পক্ষে

    ভারত সরকার এই সংকট সমাধানে কূটনৈতিক সংলাপ ও আলোচনার পথেই জোর দিচ্ছে বলে জানান প্রধানমন্ত্রী। আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে সব পক্ষকে সংযম ও আলোচনার পথে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে। ভারত যে কোনওভাবেই যুদ্ধ চায় না, বরং আলোচনার মাধ্যমেই সমাধান খোঁজার পক্ষপাতী, তা আবারও বিশ্বমঞ্চে মনে করিয়ে দিয়েছেন মোদি। তিনি তাঁর পোস্টে লেখেন, “শান্তি ও স্থিতিশীলতার প্রতি ভারতের অঙ্গীকারের কথা আবারও ওনাকে বলেছি। আলোচনা ও কূটনীতির পথে হাঁটার আহ্বান জানিয়েছি।” প্রধানমন্ত্রী মোদির এই বার্তা আবার প্রমাণ করেছে ভারত শান্তি এবং সুস্থিতির পক্ষে।

    মোদিকে বার্তা পেজেশকিয়ানের

    মোদিকে পেজেশকিয়ান বলেন, ইরান যুদ্ধকে দীর্ঘায়িত করতে চায় না। তবে তারা আয়াতোল্লা আলি খামেনেই এবং ইরানের স্কুল ছাত্রীদের মৃত্যুর প্রতিশোধ নিতে বদ্ধপরিকর। এদিকে এই অঞ্চলে শান্তি বজায় রাখতে ব্রিকস গোষ্ঠীর ভূমিকার তাৎপর্য তুলে ধরেন পেজেশকিয়ান। এর আগে ১১ মার্চ রুশ এবং পাক নেতাদের সঙ্গে আলোচনার পরে পেজেশকিয়ান জানিয়েছিলেন, তিন শর্তে ইরান যুদ্ধ বন্ধে রাজি হবে- আন্তর্জাতিক স্তরে ইরানের ন্যায্য অধিকার মেনে নিতে হবে। সাম্প্রতিক হামলায় ইরানের যে ক্ষতি হয়েছে, তার জন্য ক্ষতিপূরণ দিতে হবে। এবং ভবিষ্যতে যাতে আর কোনও হামলা না ঘটে সে বিষয়ে নিশ্চয়তা দিতে হবে।

    উচ্চপর্যায়ের কূটনৈতিক যোগাযোগ

    বিদেশ মন্ত্রক জানিয়েছে, ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর (S Jaishankar) ইতিমধ্যেই ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচির (Abbas Araghchi) সঙ্গে একাধিকবার কথা বলেছেন। এই আলোচনায় বাণিজ্যিক জাহাজ চলাচলের নিরাপত্তা এবং ভারতের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি গুরুত্ব পেয়েছে। বিশেষ করে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে ভারতীয় তেলবাহী জাহাজের নিরাপদ যাতায়াত নিশ্চিত করার বিষয়েও আলোচনা হয়েছে।

    ইরানে থাকা ভারতীয়দের সহায়তা

    বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, বর্তমানে ইরানে প্রায় ৯ হাজার ভারতীয় নাগরিক রয়েছেন, যাদের মধ্যে ছাত্র ও তীর্থযাত্রীরা আছেন। তাদের নিরাপত্তা নিশ্চিত করতে ভারত সরকার সক্রিয়ভাবে কাজ করছে। সংকটের সময় অনেক ভারতীয়কে ইতিমধ্যেই দূতাবাসের সহায়তায় দেশে ফেরানো হয়েছে এবং প্রয়োজনে আরও সহায়তার ব্যবস্থা রাখা হয়েছে। ওই অঞ্চলে থাকা ভারতীয়দের নিরাপদ এলাকায় স্থানান্তর করার কাজও চলছে। সামগ্রিকভাবে ইরানে থাকা ভারতীয় নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করতে সরকার একাধিক পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছে বিদেশ মন্ত্রক। তেহরানে অবস্থিত ভারতীয় দূতাবাস যারা দেশ ছাড়তে চান তাদের জন্য বিশেষ সহায়তা দিচ্ছে। প্রয়োজনে আর্মেনিয়া ও আজারবাইজানের স্থলপথ ব্যবহার করে সেখান থেকে বাণিজ্যিক বিমানে ভারতে ফেরার ব্যবস্থা করা হচ্ছে। দূতাবাস ভিসা প্রক্রিয়া, সীমান্ত পারাপার এবং যাত্রাপথের নিরাপত্তা নিশ্চিত করতেও সক্রিয়ভাবে সাহায্য করছে।

    ‘হরমুজ প্রণালী’

    এদিকে হরমুজ প্রণালী নিয়ে এই সংকটের আবহে বৃহস্পতিবার সংবাদসংস্থা রয়টার্স প্রথমে ভারতীয় সূত্রকে উদ্ধৃত করে দাবি করে, ভারত এবং ইরান, দুই দেশের বিদেশমন্ত্রীদের মধ্য়ে কথা হওয়ার পর, ভারতের জাহাজগুলিকে হরমুজ প্রণালী দিয়ে আসার অনুমতি দিয়েছে ইরান। কিন্তু পরে সংবাদসংস্থা রয়টার্স-ই ইরানের একটি সূত্রকে উদ্ধৃত করে জানায় যে, ভারতের সঙ্গে ইরানের এরকম কোনও চুক্তি হয়নি। ভারতীয় বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, “ভারতের বিদেশমন্ত্রী ও ইরানের বিদেশমন্ত্রীর মধ্যে সম্প্রতি ৩ বার কথোপকথন হয়েছে। শেষ কথা হয়েছে জাহাজ পরিবহণের নিরাপত্তা এবং ভারতের জ্বালানি নিরাপত্তা নিয়ে। এর বেশি আমার পক্ষে বলা সম্ভব নয়।” তবে বুধবারই হরমুজ পার করে আসা একটি জাহাজ মুম্বইতে পৌঁছেছে। এর আগে অবশ্য গোটা বিশ্বের উদ্বেগ বাড়িয়ে ইরানের সদ্য় মনোনীত সর্বোচ্চ নেতা মোজতবা খামেনেই হুঙ্কারের সুরে জানিয়ে দিয়েছেন, কোনওভাবেই ‘হরমুজ প্রণালী’ (Strait of Hormuz) খোলা হবে না। এটাকে আমেরিকা ও ইজরায়েলকে চাপে রাখার কৌশল হিসাবে ব্যবহার করা হবে। তাঁর আরও হুঁশিয়ারি, “শহিদদের মৃত্যুর বদলা আমরা নেবই। কারণ, তাঁরা আমাদের সর্বোচ্চ নেতার জন্য জীবন দিয়েছেন।”

    মোদির বার্তা, ভারত-ইরান যোগ কূটনৈতিক উদ্যোগ

    আমেরিকা-ইজরায়েলের সঙ্গে ইরানের (US-Iran Conflict) অবিরাম যুদ্ধ চলছে। কেউ কাউকে ছেড়ে কথা বলছে না। একের পর এক প্রাণহানি হচ্ছে। এদিকে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ যেতে না দিয়ে ইজরায়েল-আমেরিকার পাশাপাশি কার্যত গোটা বিশ্বের মাথাব্য়াথার কারণ হয়ে দাঁড়িয়েছে ইরান। কারণ এই রুট দিয়েই তেলবহনকারী জাহাজগুলি যাতায়াত করে। একমাত্র রাশিয়া ও চিনকে ‘হরমুজ প্রণালী’ দিয়ে জাহাজ চলাচল করার অনুমতি দিয়েছে ইরান। এই পরিস্থিতিতে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গতমাসে পশ্চিম এশিয়ায় সংঘর্ষ শুরু হওয়ার পর এই প্রথম তাঁদের কথা হল। যা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের মতে, আমেরিকা-ইজরায়েল তো বটেই এবং ইরানের সঙ্গেও ভারতের সুসম্পর্ক রয়েছে। এই পরিস্থিতিতে ভারসাম্য বজায় রেখে প্রধানমন্ত্রী যেভাবে শান্তি ও কূটনীতির বার্তা দিলেন, তা বিশ্বমঞ্চে ভারতের কূটনৈতিক অবস্থানের দৃঢ়তাই আরও স্পষ্ট করছে।

  • Telegram: পাইরেটেড কন্টেন্ট রুখতে টেলিগ্রামকে কেন্দ্রের নোটিশ, ৩১০০টিরও বেশি চ্যানেল চিহ্নিত

    Telegram: পাইরেটেড কন্টেন্ট রুখতে টেলিগ্রামকে কেন্দ্রের নোটিশ, ৩১০০টিরও বেশি চ্যানেল চিহ্নিত

    মাধ্যম নিউজ ডেস্ক: ইন্টারনেটে পাইরেসি বা স্বত্ব লঙ্ঘনের বিরুদ্ধে কড়া অবস্থান নিল ভারত সরকার। পাইরেটেড কন্টেন্ট (Pirated Content) অর্থাৎ অবৈধভাবে চলচ্চিত্র বা বই সরবরাহ করার মতো প্রচারের অভিযোগে মেসেজিং অ্যাপ টেলিগ্রামকে (Telegram) একটি নোটিস পাঠিয়েছে কেন্দ্রীয় ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রক।

    বিপুল সংখ্যক চ্যানেল চিহ্নিত (Telegram)

    কেন্দ্রীয় সরকার টেলিগ্রামের (Telegram) প্রায় ৩,১০০টিরও বেশি চ্যানেলকে চিহ্নিত করেছে, যেগুলি বেআইনিভাবে সিনেমা, ওয়েব সিরিজ, বই এবং অন্যান্য শিক্ষামূলক সামগ্রী শেয়ার করছিল। তথ্য ও সম্প্রচার মন্ত্রক (MIB) তথ্য প্রযুক্তি আইন, ২০০০-এর অধীনে টেলিগ্রামকে একটি নোটিশ জারি করেছে, যাতে প্ল্যাটফর্মটিকে পাইরেসির বিরুদ্ধে ব্যবস্থা নিতে এবং অবৈধ বিষয়বস্তু অপসারণের নির্দেশ দেওয়া হয়। জিও সিনেমা এবং অ্যামাজন প্রাইম ভিডিও কেন্দ্রের কাছে অভিযোগ দায়ের করে জানায় যে, তাদের কপিরাইটযুক্ত সামগ্রী টেলিগ্রামে অনুমতি ছাড়াই ব্যাপকভাবে শেয়ার করা হচ্ছে। ওটিটি প্ল্যাটফর্মগুলির অভিযোগ পাওয়ার পরেই, এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

    কঠোর পদক্ষেপের নির্দেশ

    নোটিসে স্পষ্ট জানানো হয়েছে যে, এই চিহ্নিত চ্যানেলগুলি দ্রুত বন্ধ করতে হবে। যদি টেলিগ্রাম (Telegram) কর্তৃপক্ষ এই নির্দেশ পালনে ব্যর্থ হয়, তবে আইটি আইনের আওতায় তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। মূলত চলচ্চিত্র প্রযোজক, প্রকাশনা সংস্থা এবং বিভিন্ন এডু-টেক (Edu-tech) প্ল্যাটফর্মের দীর্ঘদিনের অভিযোগের ভিত্তিতেই সরকার এই পদক্ষেপ নিয়েছে। তাদের দাবি, টেলিগ্রামের এই চ্যানেলগুলোর (Pirated Content) কারণে তারা বিপুল আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে।

    অশ্লীল প্ল্যাটফর্ম বন্ধ

    কেন্দ্র আগেও বেশ কিছু ওটিটি প্ল্যাট ফর্মের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছে। তার মধ্যে হল- ২০২৫ সালের জুলাই মাসে, কেন্দ্র ২৫টি OTT প্ল্যাটফর্মের ওয়েবসাইট এবং অ্যাপ ব্লক করার নির্দেশ দেয়। অভিযোগ ছিল যে তারা পর্নোগ্রাফি বা অশ্লীল বিষয়বস্তু স্ট্রিম করছে। এই প্ল্যাটফর্মগুলির মধ্যে ছিল ALTT, ULLU, Big Shots App, Desiflix, Boomex, Navarasa Lite, Gulab App, Kangan App, Bull App, Jalva App, ShowHit, Wow Entertainment, Look Entertainment, Hitprime, Feneo, ShowX, Sol Talkies, Adda TV, HotX VIP, Hulchul App, MoodX, NeonX VIP, Fugi, Mojflix এবং Triflicks।

    নিরাপত্তা ও গোপনীয়তা

    টেলিগ্রামের (Telegram) ‘এন্ড-টু-এন্ড এনক্রিপশন’ ফিচারের সুযোগ নিয়ে অনেকেই পরিচয় গোপন করে এই ধরনের বেআইনি কাজ চালিয়ে যাচ্ছে। সরকার এবার এই প্ল্যাটফর্মটিকে আরও দায়বদ্ধ করতে চাইছে। ডিজিটাল দুনিয়ায় মেধাস্বত্ব রক্ষা (Pirated Content) এবং সাইবার অপরাধ নিয়ন্ত্রণে ভারত সরকারের এই পদক্ষেপ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। এর আগে পর্নোগ্রাফি এবং শিশু যৌন নির্যাতনের কন্টেন্ট ছড়ানোর বিরুদ্ধেও টেলিগ্রামকে সতর্ক করা হয়েছিল। ফলে সামাজিক মাধ্যমে খারাপ দিকগুলি সম্পর্কে সরকার লাগাতার পদক্ষেপ গ্রহণ করছে।

  • Typhoid in Kolkata: গ্রীষ্মে কলকাতায় বাড়তে পারে টাইফয়েডের ঝুঁকি! কীভাবে রোগ প্রতিরোধ সম্ভব?

    Typhoid in Kolkata: গ্রীষ্মে কলকাতায় বাড়তে পারে টাইফয়েডের ঝুঁকি! কীভাবে রোগ প্রতিরোধ সম্ভব?

    তানিয়া বন্দ্যোপাধ্যায় পাল

    গরমের আঁচ বাড়ছে! তাপমাত্রার পারদ জানান দিচ্ছে, আগামী কয়েক দিনের মধ্যেই রাজ্যে গরমের প্রকোপ‌ দেখা দেবে। আর এই পরিস্থিতিতে কলকাতা ও তার আশপাশের জেলা নিয়ে বাড়তি উদ্বিগ্ন চিকিৎসক মহল। বিশেষত টাইফয়েড জ্বর নিয়ে আগামী কয়েক মাসে বাড়তি সতর্কতা জরুরি বলেই জানাচ্ছেন চিকিৎসকদের একাংশ।

    কলকাতায় টাইফয়েডের ঝুঁকি কতটা?

    চিকিৎসকদের একাংশ জানাচ্ছেন, দেশের মধ্যে অন্যতম টাইফয়েড প্রবণ এলাকা হল কলকাতা। তাই কলকাতা ও তার আশপাশের এলাকায় টাইফয়েড নিয়ে বাড়তি সতর্কতা দরকার। তবে চলতি বছরে কলকাতার পাশপাশি উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি সহ একাধিক জেলায় টাইফয়েড আক্রান্তের সংখ্যা উদ্বেগজনক। গরমের শুরুতেই টাইফয়েডের দাপট জানান দিচ্ছে, আগামী দিনে বাড়তি সতর্কতা প্রয়োজন। ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ-র তথ্য অনুযায়ী, দেশে প্রতি বছর প্রায় ৮০ লাখ মানুষ টাইফয়েডে আক্রান্ত হন। যার একটা বড় অংশ পশ্চিমবঙ্গে থাকেন। তবে টাইফয়েড সাধারণত বর্ষায় প্রকোপ দেখায়। কিন্তু এ বছরে গরমের শুরুতেই টাইফয়েড আক্রান্তের সংখ্যা বাড়ায়, চলতি বছরে এই রোগের প্রকোপ আরও প্রবল হতে পারে বলেই আশঙ্কা চিকিৎসকদের একাংশের।

    কেন গরমে এই রোগের প্রকোপ বাড়তে পারে?

    চিকিৎসকদের একাংশ জানাচ্ছেন, টাইফয়েড একটি ব্যাকটেরিয়াঘটিত রোগ। মূলত জলের মাধ্যমেই এই রোগ সংক্রমণ ঘটে। তবে খাবারের মাধ্যমেও এই রোগের সংক্রমণ ঘটতে পারে। তাঁরা জানাচ্ছেন, কলকাতা ও তার আশপাশের এলাকায় একাধিক খাবারের দোকান রয়েছে। নিয়মিত অসংখ্য মানুষ এই সব দোকান থেকে খাবার কিনে খান‌। কিন্তু অধিকাংশ জায়গায় খাবারের মান স্বাস্থ্যবিধির মাপকাঠিতে পাশ করে না। গরমে খাবার অনেক সময়েই নষ্ট হয়ে যায়। ব্যাকটেরিয়া বাসা বাঁধে। আর সেই খাবার খাওয়ার ফলে টাইফয়েডের ঝুঁকি বাড়ছে। কলকাতা ও তার আশপাশের মতো ঘনবসতিপূর্ণ এলাকায় টাইফয়েডের ঝুঁকি বেশি। অধিকাংশ জায়গায় দূষণের মাত্রাও মারাত্মক। ফলে জীবাণু সংক্রমণের ঝুঁকি বেশি। আবার এত বেশি মানুষ বাইরের খাবারে অভ্যস্ত, যে গরমেও টাইফয়েডের জীবাণু সক্রিয় থাকছে। রোগ ছড়াতে সক্ষম হচ্ছে।

    কাদের ঝুঁকি বেশি?

    চিকিৎসকদের একাংশ জানাচ্ছেন, যেকোনও মানুষের টাইফয়েড হতে পারে। ছেলে-মেয়ে নির্বিশেষে যেকোনও বয়সেই কেউ এই রোগে আক্রান্ত হতে পারেন। তবে শিশু ও কৈশোরে এই রোগ সবচেয়ে বেশি দাপট দেখায়। তার অন্যতম কারণ শিশুদের রোগ প্রতিরোধ শক্তি তুলনামূলকভাবে কম থাকে। তাই সংক্রামক রোগের প্রকোপও বেশি হয়। তাছাড়া অনেক সময়েই শিশু ও কিশোরদের স্বাস্থ্য বিধি মেনে চলা হয় না। হাত ঠিকমতো না ধুয়ে খাবার খাওয়া, যেকোনও রঙিন সরবত খাওয়া এগুলো রোগ সংক্রমণের ঝুঁকি বাড়িয়ে দেয়। তবে যারা নিয়মিত বাইরে যান, বাইরের খাবার খান, বাইরের জল খান, তাঁদের টাইফয়েডে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে।

    কীভাবে রোগ প্রতিরোধ সম্ভব?

    চিকিৎসকদের একাংশ জানাচ্ছেন, জ্বর, বমি, পেট ব্যথার মতো উপসর্গ টাইফয়েডের জানান দেয়। তাই এই ধরনের সমস্যা দেখা দিলে দ্রুত রোগ নির্ণয় জরুরি। চিকিৎসকদের পরামর্শ মতো চললে বড় বিপদ আটকানো সহজ। তবে প্রথম থেকেই সচেতন থাকলে রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি কমবে। তাই জল পরিশ্রুত কিনা সে দিকে নজর দেওয়া জরুরি। গরমে অপরিচ্ছন্ন এলাকা থেকে খাবার একেবারেই খাওয়া যাবে না। রঙিন সরবত খাওয়া উচিৎ নয়। এছাড়া শৌচালয় ব্যবহারের সময় স্বাস্থ্য বিধি মেনে চলা জরুরি। কারণ অপরিচ্ছন্ন শৌচালয় থেকে টাইফয়েড ছড়ানোর ঝুঁকি সবচেয়ে বেশি থাকে। এই দিকে খেয়াল রাখলে এই ব্যাকটেরিয়া ঘটিত অসুখের দাপট আটকানো সহজ হবে।

     

    DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না। এখানে বলা যে কোনও উপদেশ পালন করার আগে অবশ্যই কোনও চিকিৎসক বা বিশেষজ্ঞের পরামর্শ নিন।

  • Daily Horoscope 13 March 2026: বাতজ রোগে কষ্ট পাওয়ার আশঙ্কা এই রাশির জাতকদের

    Daily Horoscope 13 March 2026: বাতজ রোগে কষ্ট পাওয়ার আশঙ্কা এই রাশির জাতকদের

    চাকরি থেকে ব্যবসা, বন্ধু থেকে ব্যক্তিগত জীবন, ভ্রমণ থেকে স্বাস্থ্য—কী বলছে ভাগ্যরেখা? কেমন কাটতে পারে দিন?

    মেষ

    ১) কোনও নিয়ম লঙ্ঘন করার জন্য আপনাকে বিপদে পড়তে হতে পারে।

    ২) উচ্চশিক্ষার ক্ষেত্রে শুভ যোগ।

    ৩) দিনটি প্রতিকূল।

    বৃষ

    ১) কোনও ভুল কাজের জন্য অনুতাপ হতে পারে।

    ২) অতিরিক্ত দৌড়ঝাঁপ করার ফলে অসুস্থ হয়ে পড়তে পারেন।

    ৩) সতর্ক থাকবেন সব বিষয়ে।

    মিথুন

    ১) কারও কুপ্রভাবে সংসারে অশান্তি হতে পারে।

    ২) সামাজিক সুনাম লাভ বা প্রতিপত্তি বিস্তারের যোগ।

    ৩) বাণীতে সংযম জরুরি।

    কর্কট

    ১) সাংসারিক কারণে মানসিক যন্ত্রণা।

    ২) আজ আপনাকে অবাক করে দেওয়া কোনও সুখবর আসতে পারে।

    ৩) সবাইকে ভালোভাবে কথা বলুন।

    সিংহ

    ১) সম্পত্তি সংক্রান্ত সমস্যা মিটে যেতে পারে।

    ২) অপরের উপকার করতে গেলে বিপদ হতে পারে।

    ৩) প্রতিকূল কাটবে দিনটি।

    কন্যা

    ১) বাতজ রোগে কষ্ট পাওয়ার আশঙ্কা।

    ২) কর্মস্থলে নিজের মতামত প্রকাশ না করাই ভাল হবে।

    ৩) দিনটি অনুকূল।

    তুলা

    ১) বাড়িতে সবাই খুব সতর্ক থাকুন, চুরির ভয় রয়েছে।

    ২) আর্থিক সমস্যার সম্মুখীন হতে হবে।

    ৩) দিনটি মোটামুটি কাটবে।

    বৃশ্চিক

    ১) জমি বা সম্পত্তি ক্রয়-বিক্রয় করার শুভ দিন।

    ২) শেয়ারে বাড়তি লগ্নি চিন্তাবৃদ্ধি ঘটাতে পারে।

    ৩) আশাহত।

    ধনু

    ১) বন্ধুদের বিরোধিতা থেকে সাবধান থাকুন।

    ২) সঞ্চয়ের ব্যাপারে বিশেষ নজর দিন।

    ৩) ধৈর্য ধরতে হবে।

    মকর

    ১) পেটের সমস্যা বাড়তে পারে।

    ২) ব্যবসায় আমূল পরিবর্তন লক্ষ করতে পারবেন।

    ৩) গুরুজনের পরামর্শ মেনে চলুন।

    কুম্ভ

    ১) ব্যবসায় বাড়তি বিনিয়োগ না করাই শ্রেয়।

    ২) মাথাগরম করার ফলে হাতে আসা কাজ ভেস্তে যাবে।

    ৩) আশা পূরণ।

    মীন

    ১) ভাই-বোনের কাছ থেকে সাহায্য পেতে পারেন।

    ২) দাম্পত্য সম্পর্কে উন্নতির যোগ।

    ৩) ভালো-মন্দ মিশিয়ে কাটবে দিনটি।

    DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না।

LinkedIn
Share