Tag: Madhyom

Madhyom

  • Water under moon surface: চাঁদের মাটিতে আরও জলের সন্ধান! গবেষণায় বড় দাবি ইসরোর

    Water under moon surface: চাঁদের মাটিতে আরও জলের সন্ধান! গবেষণায় বড় দাবি ইসরোর

    মাধ্যম নিউজ ডেস্ক: চাঁদে এত পরিমাণ জল (Water under moon surface) রয়েছে যে তা ভেবে কল্পনা করা কঠিন। সম্প্রতি আবারও চাঁদের মাটিতে জলের সন্ধান পেল ইসরো। আইআইটি কানপুর, ইউনিভার্সিটি অফ সাউদার্ন ক্যালিফোর্নিয়া, জেট প্রপালশন ল্যাব এবং আইআইটি ধানবাদের গবেষকদের সহায়তায় স্পেস অ্যাপ্লিকেশন সেন্টার, ইসরোর (ISRO) বিজ্ঞানীরা জানিয়েছেন চাঁদের গর্তগুলিতে জমে রয়েছে বরফ। ইসরোর প্রকাশিত এক জার্নালে বলা হয়েছে, যে ভূপৃষ্ঠের কয়েক মিটার নীচে বরফের পরিমাণ ভূপৃষ্ঠের তুলনায় ৫ থেকে ৮ গুণ বেশি। সেই কারণেই অনুমান, চাঁদে ঠিক এতটা পরিমাণ জল রয়েছে যা কল্পনারও বাইরে।  

    প্রায় দ্বিগুণ পরিমাণ জলের হদিশ (Water under moon surface) 

    যদিও চাঁদের মাটিতে জলের সন্ধান আগেই পাওয়া গিয়েছিল। এ বার বিজ্ঞানীরা আগের তুলনায় অনেক বেশি পরিমাণ জলের সন্ধান পেয়েছেন। গবেষণা থেকে জানা গিয়েছে, দক্ষিণ মেরুর তুলনায় উত্তর মেরুতে প্রায় দ্বিগুণ পরিমাণ জল বরফ আকারে সঞ্চিত রয়েছে। চাঁদে এই বিপুল পরিমাণ জলের হদিশ পেয়ে উৎসাহিত বিজ্ঞানীরা। 
    এই গবেষণায় বিজ্ঞানীরা সাতটি যন্ত্রের ব্যবহার করেছেন, যার মধ্যে রয়েছে র‍্যাডার, লেজার, অপটিক্যাল, নিউট্রন স্পেক্ট্রোমিটার, আলট্রাভায়োলেট স্পেক্ট্রোমিটার এভং থার্মাল রেডিওমিটার। তবে চাঁদের মাটিতে জলের সন্ধান পেতে সাহায্য করেছে ভারতের পাঠানো চন্দ্রযান ২-ও। 

    চাঁদের মাটিতে কীভাবে জমল বরফ?

    গবেষণায় দেখা গিয়েছে যে ৩.৮৫ বিলিয়ন বছর আগে ইমব্রিয়ান সময়কালে ঘটে যাওয়া আগ্নেয়গিরির অগ্নুৎপাতের কারণে চাঁদের গর্তগুলিতে জল জমেছিল। সেই জলই (Water under moon surface) এখন বরফে পরিনত হয়েছে। মনে করা হচ্ছে পরবর্তীকালে ইসরো বা অন্যান্য মহাকাশ সংস্থাগুলি চাঁদে জল খোঁজার জন্য ড্রিলিং মেশিন পাঠাতে পারে।

    আরও পড়ুন: ধেয়ে আসছে কালবৈশাখী, ঝমঝমিয়ে বৃষ্টি কোথায়, কখন জানেন?

    ভবিষ্যতে চন্দ্র অভিযানে সহায়ক হবে এই বরফ 

    ইসরো বলেছে যে এই তথ্য ভবিষ্যতের চন্দ্র অভিযান মিশনে বরফের নমুনা সংগ্রহ করতে বা চাঁদে মানুষের দীর্ঘমেয়াদী উপস্থিতির জন্য সহায়তা করবে। এমনকি এই বরফের (Water under moon surface) উপর নির্ভর করে, ভবিষ্যতে চাঁদে অবতরণের জন্য সঠিক স্থান এবং সঠিক নমুনা সংগ্রহের পয়েন্ট নির্বাচন করাও সহজ হবে। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Weather Update: ধেয়ে আসছে কালবৈশাখী, ঝমঝমিয়ে বৃষ্টি কোথায়, কখন জানেন?

    Weather Update: ধেয়ে আসছে কালবৈশাখী, ঝমঝমিয়ে বৃষ্টি কোথায়, কখন জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: তাপপ্রবাহ কমেছে। গরমের দহন জ্বালা জুড়োতে ধেয়ে আসছে কালবৈশাখী (Weather Update)। আজ, সোমবার রাজ্যের আট জেলায় হতে পারে কালবৈশাখী ঝড়। আগামী কয়েকদিন রাজ্যজুড়ে বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। স্বাভাবিকভাবেই তাপমাত্রা কমতে পারে ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস। শীতল হবে শরীর।

    আসছে কালবৈশাখী (Weather Update)

    দু’সপ্তাহেরও বেশি সময় ধরে দাবদাহে পুড়ছিল দক্ষিণবঙ্গ। খাস কলকাতায় তাপমাত্রার পারদ ছুঁয়েছিল ৪২ ডিগ্রি। রাজ্যের কোথাও কোথাও পারা চড়েছিল ৪৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। চাতকের মতো ফটিক জল করে কাল কাটাচ্ছিলেন বঙ্গবাসী। শেষমেশ তাঁদের সে আশা পূরণ হতে চলেছে, ধেয়ে আসছে কালবৈশাখী (Weather Update)। এদিন কালবৈশাখী ঝড় হতে পারে বীরভূম, মুর্শিদাবাদ, হাওড়া, হুগলি এবং দুই চব্বিশ পরগনায়। বৃষ্টির সঙ্গে সঙ্গে ঘণ্টায় হাওয়া বইতে পারে ৬০ কিলোমিটার বেগে। ভারী বৃষ্টি হতে পারে বীরভূম ও মুর্শিদাবাদে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায়ই বৃষ্টির সঙ্গে সঙ্গেই বইবে দমকা হাওয়া।

    মঙ্গলেও শান্তি বারি

    সোমের পর মঙ্গলবারেও হবে বৃষ্টি। এদিন ভারী বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় জেলায়। এই দুই জেলায় বৃষ্টি হতে পারে ১০০ মিলিমিটার কিংবা তারও বেশি। বৃষ্টির সঙ্গে সঙ্গে হবে বজ্রপাতও। দুই মেদিনীপুরে প্রতি ঘণ্টায় ঝোড়ো হাওয়া বইবে ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে। কেবল এই দু’দিনই নয়, শনিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। বীরভূম, নদিয়া ও মুর্শিদাবাদের কিছু জায়গায় ঘণ্টায় ৭০ থেকে ১১০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। মঙ্গলবারও কমলা সতর্কতা জারি করা হয়েছে কলকাতা, হাওড়া, দুই চব্বিশ পরগনা, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং দুই মেদিনীপুরে। এদিন কলকাতায়ও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। উপকূলে অপেক্ষাকৃত বেশি বৃষ্টি হবে।

    আরও পড়ুুন: “আগুন নিয়ে খেলছে কংগ্রেস”, বিস্ফোরক রাজনাথ

    রবিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.৪ ডিগ্রি সেলসিয়াস। সোমবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯.৮ ডিগ্রি সেলসিয়াস। এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ৩৬ ডিগ্রি। সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে ২৯ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। মার্চে ছ’দিনে কলকাতায় বৃষ্টি হয়েছিল  মোট ২৮ মিলিমিটার। এপ্রিলে শহরে হালকা বৃষ্টি হয়েছিল মাত্র একদিন। আবহাওয়া দফতরের পূর্বাভাস, বুধবার উত্তরের পার্বত্য জেলায় বেশি বৃষ্টি হবে। উত্তরের সমতলের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে (Weather Update)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Good Sleep Benefits: বসে কাজ নয়! প্রতিদিন ব্যায়াম ও পর্যাপ্ত ঘুমই সুস্থ থাকার রসায়ন

    Good Sleep Benefits: বসে কাজ নয়! প্রতিদিন ব্যায়াম ও পর্যাপ্ত ঘুমই সুস্থ থাকার রসায়ন

    মাধ্যম নিউজ ডেস্ক: শরীর ও মনের সার্বিক সুস্থতায় পর্যাপ্ত ঘুমের গুরুত্ব (Good Sleep Benefits) অপরিসীম। এক জন পূর্ণবয়স্ক মানুষের ক্ষেত্রে প্রতি দিন অন্তত ৬ থেকে ৮ ঘণ্টা নিরবিচ্ছিন্ন ঘুমের প্রয়োজন। ঘুম অত্যন্ত প্রয়োজনীয় একটি শারীরবৃত্তীয় ক্রিয়া। প্রতিটি মানুষের সুস্থ জীবন ও দীর্ঘ জীবনীশক্তির জন্য পর্যাপ্ত ঘুমের প্রয়োজন অনস্বীকার্য। বলা হয়ে থাকে ঘুম আর ব্যায়াম যথার্থ শয্যাসঙ্গী। ভালো ঘুম শরীরের কার্যক্ষমতা বাড়াতে পারে। আর ব্যায়াম শরীর এবং পেশী মজবুত রাখে। ঘুম কম হলে একজনের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হতে পারে।

    ঘুম ও ব্যায়াম

    ব্রেন বা মস্তিষ্কে বেশি পরিমাণে অ্যাডনোসিন তৈরির ক্ষেত্রে ব্যায়ামের একটি রাসায়নিক প্রভাব রয়েছে, আর অ্যাডেনোসিন আমাদের মধ্যে  ঘুমের ভাব (Good Sleep Benefits) তৈরি করে। কয়েকটি সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে যে উচ্চ-তীব্রতার (হাই ইনটেনসিটি)ব্যায়ামের ফলে ঘুমবর্ধনকারী হরমোন অ্যাডেনোসিন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। গবেষণায় প্রমাণিত, ব্যায়াম শরীরকে ক্লান্ত করে দেয় আর ঘুম বাড়ায়। শরীর সক্রিয় থাকলে সারাদিন পর্যাপ্ত পরিমাণে ওয়ার্কআউট করলে আর পরিমিত ঘুমোলে হৃদরোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কমে। ডায়াবেটিস, উচ্চ রক্তচাপের ঝুঁকিও কমে যায়।

    বসে থেকে কাজ নয়

    দীর্ঘক্ষণ বসে থাকার অভ্যাস এখন সবার মধ্যেই তৈরি হয়েছে। বিশেষ করে কর্মজীবীরা বাধ্য হয়েই বসে কাজ করেন। শুধু অফিসের কারণেই নয়, অনেক তরুণরাও ঘণ্টার পর ঘণ্টা বসে ল্যাপটপ বা কম্পিউটার ব্যবহার করেন। একটানা বা দিনের বেশিরভাগ সময় বসে থাকার ফলে নিজের অজান্তেই নানা রোগের ঝুঁকি বাড়াচ্ছেন অনেকেই। জানলে অবাক হবেন, মাত্রাতিরিক্ত বসে থাকার কারণে আয়ু কমে যেতে পারে। এ ছাড়াও আক্রান্ত হতে পারেন হৃদরোগ, ডায়াবেটি-সহ স্থূলতায়। বিশেষজ্ঞদের মতে, অতিরিক্ত বসে থাকার কারণে আয়ু অনেকখানি কমে যায়। এর মূল কারণ হলো কঠিন ও দীর্ঘমেয়াদি রোগে আক্রান্ত হওয়া। এটা ঠিক নয় যে, ওয়ার্ক আউট বা এক্সারসাইজ করলে আয়ু বাড়ার সম্ভাবনা থাকে। তবে শরীর সুস্থ রাখতে অনেকখানি সাহায্য করে শরীরচর্চা। গবেষণায় দেখা গিয়েছে, টানা বসে থাকার কারণে অনেকেরই ডিমেনশিয়া বা ভুলে যাওয়ার রোগ দেখা দেয়। এ ছাড়া হার্টের অসুখ, উচ্চ রক্তচাপ, স্ট্রোক, ডায়াবেটিস এসব রোগের ঝুঁকি বেড়ে যায়। তাই দীর্ঘক্ষণ না বসে একটু হাঁটাচলা করুন। টানা বসে থাকায় আপনার মেরুদণ্ড, পিঠ ও ঘাড়ে চাপ পড়ে। তাই পিঠ ও কোমরে ব্যথা শুরু হয়। এক্ষেত্রে যতো আরামদায়ক চেয়ারই বেছে নেওয়া হোক না কেন, দিন শেষে এই ব্যথা থাকবেই। তাই চেষ্টা করুন টানা বসে না থেকে আধা ঘণ্টা পরপর উঠে হাঁটাচলা করা।

    কতক্ষণ ওয়ার্কআউট করবেন

     সারা দিনে আপনার ঘুমনোর সময়, বসে থাকার সময় হিসেব করে সেই অনুপাতে ওয়ার্কআউট করুন। বর্তমানে অনিয়মিত জীবনযাপনের কারণে সবার মধ্যেই ডায়াবেটিসের ঝুঁকি বাড়ছে। সেই সঙ্গে একটানা বসে থাকার ফলে ডায়াবেটিসের ঝুঁকি আরও বেড়ে যায়। এর কারণ হলো শরীর থেকে কোনো ক্যালরি বা ফ্যাট না ঝরানো। যে কারণে ইনসুলিন হরমোন ক্ষরণ কম হয় ও রক্তে চিনি ও কোলেস্টেরল এর মাত্রা বেড়ে যায়। তাই পর্যাপ্ত ঘুম ও ব্যায়াম প্রয়োজন। আপনার যদি টানা বসে থাকেন; তাহলে ওজন বেড়ে যেতে পারে। এ ছাড়াও শরীরের নিম্নাঙ্গে মেদ জমে। এজন্য অতিরিক্ত ওজন যাতে না বেড়ে যায়, এজন্য নিয়মিত ওয়ার্ক আউট করুন। পাশাপাশি বসে থাকার পরিমাণ কমাতে হবে। মাত্রাতিরিক্ত বসে কাজ করার কারণে অনেকেরই ঠিকমতো ঘুম হয় না। এক্ষেত্রে ঘুমের ব্যাঘাতের কারণে দুশ্চিন্তার মাত্রা বেড়ে যায়। নিয়মিত শরীরচর্চা বার্ধক্য ঠেকাতে পারে।

    আরও পড়ুন: শিক্ষকদের আদর্শ আচরণবিধি নিয়ে নির্দেশ কলকাতা হাইকোর্টের

    কতক্ষণ ঘুমোবেন

    যুক্তরাষ্ট্রের ন্যাশনাল স্লিপ ফাউন্ডেশন বলছে, বয়স অনুযায়ী মানুষের ঘুমের (Good Sleep Benefits) সময়টাও ভিন্ন হবে। শৈশবে, কৈশোরে, তারুণ্যে, যৌবনে আর বার্ধক্যে ঘুমের চাহিদাও আলাদা আলাদা। যেমন শিশুদের একটু বেশি ঘুমাতে হয় প্রবীণ ও প্রাপ্তবয়স্কদের তুলনায়। শূন্য থেকে ৩ মাস বয়সি শিশুদের ১৪ থেকে ১৭ ঘণ্টা ঘুমানো প্রয়োজন। ৪ মাস থেকে ১১ মাস বয়সি শিশুদের জন্য ১২ থেকে ১৫ ঘণ্টা ঘুম দরকার হয়।  ১ থেকে ২ বছর বয়সি শিশুদের দরকার হয় ১১ থেকে ১৪ ঘণ্টার ঘুম। ৩ থেকে ৫ বছর বয়সিদের জন্য ১০ থেকে ১৩ ঘণ্টা। ৬ থেকে ১৩ বছর বয়সি শিশুদের রাতে অন্তত ৯-১১ ঘণ্টা ঘুমানো প্রয়োজন। তবে নিয়মিত ৭-৮ ঘণ্টা ঠিকঠাক ঘুমাতে পারলেও ওরা নিজেকে চালিয়ে নিতে পারে।  ৮-১০ ঘণ্টা ঘুম প্রয়োজন ১৪ থেকে ১৭ বছর বয়সিদের। ১৮ থেকে ২৫ বছর বয়সি মানুষের রাতে ৭-৯ ঘণ্টা ঘুমানো প্রয়োজন। ২৬ থেকে ৬৪ বছর বয়সি মানুষের রাতে ৭-৯ ঘণ্টা ঘুমানো প্রয়োজন। ৬৫ বছরের চেয়ে বেশি বয়সিদের জন্য ঘুমানো প্রয়োজন ৭-৮ ঘণ্টা। স্বাস্থ্য বিজ্ঞান বলছে, অনশনে মানুষ ১৪ দিন বাঁচতে পারে। না ঘুমিয়ে ১০ দিনের বেশি বাঁচা যায় না। তাই শরীর সুস্থ রাখতে, কাজ ভালো করতে ও মগজকে রিচার্জ করতে ঘুম অত্যন্ত জরুরি। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Dilip Ghosh: “মহিলাদেরকে অসম্মানজনক কাজে লাগিয়ে বাংলায় ক্ষমতায় থাকার চেষ্টা করছে তৃণমূল”,  তোপ দিলীপের

    Dilip Ghosh: “মহিলাদেরকে অসম্মানজনক কাজে লাগিয়ে বাংলায় ক্ষমতায় থাকার চেষ্টা করছে তৃণমূল”, তোপ দিলীপের

    মাধ্যম নিউজ ডেস্ক: “মহিলাদেরকে অসম্মানজনক কাজে লাগিয়ে বাংলায় ক্ষমতায় থাকার চেষ্টা করছে তৃণমূল।” সোমবার সকালে কাঁকসার গোপালপুর এলাকায় প্রাতঃভ্রমণ ও চা চক্রে যোগ দিয়ে পশ্চিমবঙ্গের রাজ্যপালের বিরুদ্ধে ওঠা শ্লীলতাহানির অভিযোগ নিয়ে এমনই মন্তব্য করলেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী দিলীপ ঘোষ (Dilip Ghosh)। মূলত, ভোটের আবহে সন্দেশখালি, নিয়োগ দুর্নীতিতে অনেকটাই ব্যাকফুটে তৃণমূল। তাই, এই ধরনের ইস্যু তৈরি করে ভোটে ঘুরে দাঁড়াতে চাইছে। এমনই মনে করছে রাজনৈতিক মহল।

    মহিলাদের দিয়ে অসম্মানজনক কাজে করিয়ে ক্ষমতায় থাকতে চাইছে তৃণমূল (Dilip Ghosh)

    এদিন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ (Dilip Ghosh) রাজ্যপালের হয়ে সওয়াল করলেন। শুধু পাশে দাঁড়ানো নয়, এই ইস্যুতে কার্যত তৃণমূলকে তুলোধনা করলেন। তিনি বলেন, রাজ্যপাল একজন শিক্ষিত মানুষ। তিনি যেহেতু তৃণমূলের বশ্যতা স্বীকার করেনি তাই তাঁর বিরুদ্ধে নানান অভিযোগ তোলার পাশাপাশি কখনো তাকে কালো পতাকা দেখানো এবং নানাভাবে অসম্মান করার কাজ করছে। এখন আবার মহিলাদের দিয়ে অসম্মানজনক কাজে লাগিয়ে বাংলায় ক্ষমতায় থাকতে চাইছে তৃণমূল। সমাজ এর জবাব দেবে। শুধুমাত্র ক্ষমতা এবং টাকার জন্য তৃণমূল এই ধরনের কাজ করছে। তিনি বলেন, বর্তমানে তৃণমূল এতটাই বদনাম হয়ে গিয়েছে যে কোথাও কোনও পোস্টারে তৃণমূল লেখা থাকছে না, শুধুমাত্র জোড়া ফুল চিহ্ন দেওয়া হচ্ছে পোস্টারে। কারণ, তৃণমূল শব্দ তাই বদনাম হয়ে গিয়েছে।

    আরও পড়ুন: অভিষেকের সভার দিনই বোমা বিস্ফোরণে মৃত্যু কিশোরের, উড়ল হাত, শোরগোল

    সন্দেশখালি ইস্যু নিয়ে মুখ খুললেন দিলীপ

    সন্দেশখালি প্রসঙ্গে তিনি (Dilip Ghosh) বলেন, সন্দেশখালিতে যে ঘটনা ঘটেছে সেটা একজন দুজন মহিলার সঙ্গে নয় অনেক মহিলাকে অসম্মান করা হয়েছে, যার কারণে হাজার হাজার মহিলা রাস্তায় ঝাঁটা নিয়ে প্রতিবাদ করেছেন। আর এই সন্দেশখালিতে ইস্যুতে তৃণমূল কোণঠাসা হয়ে পড়েছে। মানুষ আর ওদের চাইছে না। আর সন্দেশখালিতে বিজেপি নেতার ভাইরাল ভিডিও প্রসঙ্গে তিনি বলেন, সত্য উদঘাটন হবে। মানুষ সবই দেখতে পাবে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • International No Diet Day 2024: কম ক্যালোরির চেয়ে পুষ্টি বেশি জরুরি, বলছেন চিকিৎসকরা

    International No Diet Day 2024: কম ক্যালোরির চেয়ে পুষ্টি বেশি জরুরি, বলছেন চিকিৎসকরা

    মাধ্যম নিউজ ডেস্ক: সোমবার খেয়াল খুশি মত খাওয়ার দিন। এই দিনটি সারা বিশ্বে ‘নো ডায়েট ডে’ (International No Diet Day 2024) হিসেবে পরিচিত। স্বাস্থ্য সচেতন যুগে অনেকেই ডায়েটের নামে শীর্ণকায় শরীরে অবতীর্ণ হচ্ছে। তাঁদের জন্য আজ পেট পুরে খাওয়ার দিন। কয়েক বছর ধরে সোশ্যাল মিডিয়া থেকে টিভির পর্দা খুললেই দেখা যায় কীভাবে ওজন ঝরাতে হবে তার আইডিয়ায় ভর্তি। আমাদের মস্তিষ্ক ভরিয়ে দেওয়া হয়েছে কঠিন ডায়েট পরিশ্রম ও ব্যায়াম, ক্যালরি কমানোর (Balanced Diet Chart) হরেক রকম আইডিয়া দিয়ে। দিনের পর দিন ক্যালোরি ও ভিটামিন কম নিয়ে আমরা নিজের শরীরকে রোগা করার তুলনায় বেশি অসুস্থ করে ফেলি। নো ডায়েট দিবসে জেনে নিন ক্যালোরি কমানো দরকার নাকি সঠিক পরিমাণে সুষম খাবার খাওয়া দরকার।

    ক্যালোরি কম বনাম সুষম খাদ্য

    আজকাল অনেক ক্ষেত্রেই পুষ্টিবিদরা বলেন, সঠিক পরিমানে ক্যালোরি (Calorie) নেওয়া দরকার। তাঁরা ডায়েট চার্ট (Diet Chart) দিয়ে থাকেন। ক্যালোরির দিকে না ঝুঁকে সঠিক সময়ে সঠিক পরিমাণে খাওয়া প্রয়োজন। তাতে সঠিক ক্যালোরি এমনিতেই দেহে পৌঁছবে। ক্যালোরির চিন্তা না করে সঠিক সময়ে ও সঠিক পরিমাণে পুষ্টিকর (Balanced Diet Chart) খাবার খাওয়া দরকার। তাতে শরীর ভালো থাকবে।

    উত্তরবঙ্গে এবার ইলিশ মিলবে কম দামে, হিলিতে চালু হবে ‘ইন্টিগ্রেটেড চেকপোস্ট’

    শরীরেরও জ্বালানি প্রয়োজন

    গাড়ি যেভাবে চার্জ কিংবা জ্বালানি ছাড়া চলতে পারে না। একই ভাবে শরীরের জ্বালানি হল খাবার। ওজন বৃদ্ধি বা ওজন কমের জন্য শুধুমাত্র খাওয়া-দাওয়া (Balanced Diet Chart) দায়ী থাকে না। অনেকগুলি কারণ রয়েছে যার ফলে আমাদের শরীরের ওজন বৃদ্ধি পায় কিংবা ওজন কমে যায়। কিছু ক্ষেত্রে রোগের কারণে ওজন বাড়ে-কমে। আবার প্রয়োজন রয়েছে সঠিক পরিমাণে পরিশ্রম করার। চিকিৎসকদের পরামর্শ নিয়ে ব্যায়াম করা খুবই জরুরি। অল্প খেলেও শুয়ে বসে থাকলে ওজন বাড়তে পারে। সঠিক পরিমাণে পরিশ্রম করলে শরীরে এক ধরনের হরমোন বের হয় যাকে বলা হয় ‘হাঙ্গার হরমোন’ খিদে পেলে খাবার খাওয়া দরকার। এর ফলে আমরা মেটাবলিজম ভালো রাখতে পারি।

    পেশি নির্মাণ বনাম চর্বি কমানো

    সুষম খাদ্য ও পুষ্টি (Balanced Diet Chart) শরীরের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। অতিরিক্ত জাঙ্ক ফুড না খেয়ে এবং কম চর্বি জাতীয় খাবার কম খেয়ে আমরা আমাদের শরীর ঠিক রাখতে পারি। তবে শরীরে প্রোটিন, কার্বোহাইড্রেট, চর্বি ভিটামিন সবকিছুরই প্রয়োজন আছে। চর্বি একেবারে বাদ দিলেও শরীরের ক্ষতি হতে পারে। অন্যদিকে সুষম খাদ্য গ্রহণ করে আমরা দীর্ঘস্থায়ীভাবে সুস্থ থাকতে পারি। অনেকে মনে করেন পেশি নির্মাণ সুস্থতার লক্ষণ। পেশি নির্মাণের সঙ্গে সুস্থতার কোন সম্পর্ক নেই। সুঠাম শরীর দেখতে ভাল লাগতেই পারে। কিন্তু অতিরিক্ত পেশি নির্মাণও নানান ধরনের সমস্যা বয়ে নিয়ে আসতে পারে। অতিরিক্ত পেশি নির্মাণ করে পরে ব্যায়াম ছেড়ে দিলে শরীর আবার স্থুল হয়ে পড়তে পারে। ফলে আপনি আপনার প্রয়োজন বুঝে রোগা থাকবেন নাকি পেশি নির্মাণ করবেন সেটি নির্ণয় আপনাকেই করতে হবে। তবে একটি দিন চিন্তা ভুলে খেয়ে নিন।

    ইতিহাস

    আন্তর্জাতিক নো ডায়েট দিবস (International No Diet Day 2024) প্রথম পালিত হয় ব্রিটেনে। ব্রিটিশ নাগরিক মেরি ইভান্স ইয়াংকে এই আন্দোলন শুরু করার কৃতিত্ব দেওয়া হয়। প্রথম নো ডায়েট দিবসটি ৫ মে ১০১২ খ্রিষ্টাব্দে অনুষ্ঠিত হয়েছিল। লন্ডনের হাইড পার্কে এক ডজন মহিলা পিকনিক করে এই দিন উদযাপন করেছিলেন।  সকলেই একটি স্টিকার পরতেন তাতে লেখা ছিল ” ডিচ দ্যাট ডায়েট”। তিনি এই দিনটিকে আন্তর্জাতিক ছুটির দিন (International No Diet Day 2024) করার চেষ্টা করেছিলেন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Astronaut Sunita Williams: সঙ্গে থাকছে গণেশের মূর্তি, ফের মহাকাশের পথে সুনীতা উইলিয়ামস

    Astronaut Sunita Williams: সঙ্গে থাকছে গণেশের মূর্তি, ফের মহাকাশের পথে সুনীতা উইলিয়ামস

    মাধ্যম নিউজ ডেস্ক: ৫৮ বছর বয়সে ফের মহাকাশে পাড়ি দিচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নভশ্চর সুনীতা উইলিয়ামস। এ নিয়ে তৃতীয়বার মহাকাশে পাড়ি দিচ্ছেন সুনীতা (Astronaut Sunita Williams)। জানা গিয়েছে, বোয়িংয়ের পরীক্ষামূলক অভিষেক অভিযানে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের উদ্দেশে তাঁর যাত্রা শুরু হবে (ভারতীয় সময় অনুযায়ী) ৭ মে সকাল ৮টা ৪ মিনিটে। তাঁর এবারের যাত্রায় বোয়িংয়ের স্টারলাইনার মহাকাশযানে সঙ্গী হচ্ছেন বুচ উইলমোর। 

    সুনীতার (Astronaut Sunita Williams) সঙ্গে থাকবে গণেশের মূর্তি

    ক্রিউ ফ্লাইট টেস্ট নামে এই অভিযানটি নাসার তত্ত্বাবধানে হবে। অ্যাটলাস ফাইভ রকেটের মাথায় বসবে স্টারলাইনার ক্যাপসুলটি। ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল স্পেস ফোর্স স্টেশন থেকে এটি উৎক্ষেপণ করা হবে। এ প্রসঙ্গে নাসার অ্যাডমিনিস্ট্রেটর বিল নেলসন বলেন, বাণিজ্যিকভাবে মহাকাশচারী নিয়ে স্পেস স্টেশনে পাড়ি দেওয়ার গুরুত্বপূর্ণ মুহূর্ত এটা। আমরা এর সাফল্যের দিকে অধীর আগ্রহে তাকিয়ে আছি। সম্প্রতি, একটি সাক্ষাৎকারে সুনীতা তাঁর ‘গুড লাক চার্ম’ বা সৌভাগ্যের প্রতীক সম্পর্কে খোলসা করেছিলেন। তিনি জানিয়েছিলেন, গণেশ তাঁর সবসময়ের সঙ্গী। তাই এই মিশনে তিনি গণেশের মূর্তি তিনি সঙ্গে নিয়ে যাবেন। এর আগে, সুনীতা ভাগবত গীতার কপি সঙ্গে নিয়ে মহাকাশে গিয়েছিলেন।

    তৃতীয়বার মহাকাশের উদ্দেশে পাড়ি

    আনুমানিক ১০ দিনের অভিযানে উইলিয়ামস (Astronaut Sunita Williams) এবং উইলমোর  স্টারলাইনারের প্রযুক্তি ব্যবস্থা এবং ক্ষমতা যাচাই করে দেখবেন। এই পরীক্ষার পরেই স্টারলাইনার মহাকাশ স্টেশনে মানুষ নিয়ে যেতে পারবে কিনা তার সিদ্ধান্ত নেওয়া হবে। দুই নভশ্চর প্রায় এক সপ্তাহ কক্ষপথে থাকবেন। তারপর দক্ষিণ-পশ্চিম আমেরিকার কাছাকাছি পৃথিবীতে অবতরণ করবেন। তখন ক্রিউ ক্যাপসুলটি প্যারাশ্যুটের মতো নেমে আসবে, যেখানে সেফ ল্যান্ডিংয়ের জন্য এয়ারব্যাগও থাকবে।

    স্টারলাইনার মহাকাশযানটিতে সাতজন নভশ্চর চড়তে পারেন। এটি একটি পুনর্ব্যবহারযোগ্য মহাকাশযান। যা সর্বোচ্চ ১০ বার যাতায়াতে সক্ষম। এর ব্যাস প্রায় ১৫ ফুট। এই অভিযান সফল হলে বোয়িং কোম্পানি স্পেস এক্সের ক্রিউ ড্রাগনের সমকক্ষ হবে। যারা নিয়মিতভাবে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে নভশ্চর পাঠায় ও ফেরত নিয়ে আসে। 

    আরও পড়ুন: দেশবাসীর মঙ্গলে পুজো, করলেন সন্ধ্যারতি, অযোধ্যায় রামলালা দর্শনে মোদি

    মহিলা হিসেবে স্পেসওয়াকের নজির

    নাসার থেকে পাওয়া তথ্য অনুযায়ী জানা গিয়েছে, ৫৮ বছর বয়সি সুনীতা (Astronaut Sunita Williams) তাঁর জীবনে দু’বার মহাকাশ যাত্রায় ৩২২ দিন মহাকাশে কাটিয়েছেন। একই সঙ্গে একজন মহিলা মহাকাশচারী হয়ে সর্বাধিক মোট সাতবার একটানা স্পেস ওয়াক করেছেন বা মহাকাশে হেঁটে রেকর্ড করেছেন, যার সময়কাল ছিল ৫০ ঘণ্টা ৪০ মিনিট। যদিও এবারের মহাকাশ পাড়ি প্রসঙ্গে খোদ সুনীতা বলেছেন, মহাকাশযান উড়লে তা নিরাপদ এবং আরামদায়ক হবে বলেই মনে হচ্ছে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Bomb Blast: অভিষেকের সভার দিনই বোমা বিস্ফোরণে মৃত্যু কিশোরের, উড়ল হাত, শোরগোল

    Bomb Blast: অভিষেকের সভার দিনই বোমা বিস্ফোরণে মৃত্যু কিশোরের, উড়ল হাত, শোরগোল

    মাধ্যম নিউজ ডেস্ক: সোমবার সাত সকালেই ভয়াবহ বোমা বিস্ফোরণে (Bomb Blast) মৃত্যু হল কিশোরের। বিস্ফোরণের ফলে আরও একজনের হাত উড়ে গিয়েছে। আরও একজন গুরুতর জখম হয়েছে। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে হুগলির পান্ডুয়ার নেতাজি কলোনি এলাকায়। পুলিশ জানিয়েছে, মৃতের নাম মৃত কিশোরের নাম রাজ বিশ্বাস। সে মামার বাড়িতে বেড়াতে এসেছিল। বর্ধমানে বাড়ি ওই কিশোরের। জখম একজনের নাম সৌরভ চৌধুরী। সে সপ্তম শ্রেণিতে পড়ে। জখম দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    ঠিক কী ঘটনা ঘটেছে? (Bomb Blast)

    চলতি মাসের ২০ মে হুগলি জেলায় লোকসভা নির্বাচন ( Lok Sabha Election 2024)। দলীয় প্রার্থীর হয়ে জনসভা করতে আসছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ঠিক তার আগেই ঘটে গেল মর্মান্তিক ঘটনা। সূত্রের খবর, সভাস্থল থেকে দেড় কিলোমিটার দূরে এই ঘটনা ঘটেছে। এমনিতেই পুলিশ কোথাও বোমা মজুত  রয়েছে কি না খতিয়ে দেখতে তল্লাশি করে। এরই মধ্যে এই বিপত্তি। স্থানীয় সূত্রে খবর, পাণ্ডুয়ার নেতাজি কলোনি এলাকায় সকালে পুকুর পাড়ে খেলছিল কয়েকজন কিশোর। বল ভেবে খেলতে গিয়ে বোমা বিস্ফোরণের (Bomb Blast) ঘটনায় তিনজন জখম হয়। পরে, একজনের মৃত্যু হয়। দুজন জখম হন। মৃত কিশোরের মামা অপু মিস্ত্রি বলেন, কয়েকদিনের জন্য মামা বাড়ি এসেছিল ভাগ্নে। পাড়ার ছেলেদের সঙ্গে সে খেলতে বেরিয়েছিল। তারপরই ঘটে গেল এই ঘটনা। মেনে নিতে পারছি না। আমরা ঘটনার তদন্ত দাবি করছি।a

    তদন্ত শুরু করেছে পুলিশ

    ঘটনার পর পরই পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সমস্ত ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। পুরো এলাকাটি কড়া নিরাপত্তার চাদরে মুড়ে রাখা হয়েছে। কী ভাবে ওই এলাকায় বোমা এল? তা খতিয়ে দেখা হচ্ছে। এখনও পর্যন্ত বিষয়টি নিয়ে কোনও মন্তব্য করতে চাইছে না পুলিশ। তবে, ভয়াবহ বিস্ফোরণের ফলেই এই ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে। এত শক্তিশালী বোমা (Bomb Blast) কারা মজুত করেছিল তা জানতে তদন্ত শুরু করেছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • CISCE: এগিয়ে ছাত্রীরা, ফলপ্রকাশ আইসিএসই ও আইএসসির, জেনে নিন কীভাবে দেখবেন রেজাল্ট?

    CISCE: এগিয়ে ছাত্রীরা, ফলপ্রকাশ আইসিএসই ও আইএসসির, জেনে নিন কীভাবে দেখবেন রেজাল্ট?

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রকাশিত হল আইসিএসই (দশম শ্রেণি) ও আইএসসি(দ্বাদশ শ্রেণি)-র ফল। সকাল ১১টায় ফল প্রকাশ করা হয়। কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এগজামিনেশন-এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে পরীক্ষার্থীরা ফলাফল দেখতে পারবেন। নয়া দিল্লির পুষ্প বিহারে বোর্ডের অফিস থেকেই সাংবাদিক বৈঠক করে ফল প্রকাশ করা হয়। এ বছর দশমের ফলাফল পরীক্ষা শেষের ৩৭ দিনের মাথায় এবং দ্বাদশের ফলাফল পরীক্ষা শেষ হওয়ার ৪৮ দিনের মাথায় প্রকাশ করা হল।

    ছাত্রীদের পাশের হার বেশি

    রাজ্যে আইসিএসই-এর পাশের হার ৯৯.৪৭ শতাংশ। আইএসসি-র পাশের হার ৯৮.১৯ শতাংশ। আইএসসিই-তে ছাত্রীরা উল্লেখযোগ্য ফল করেছে ছাত্রদের তুলনায়। ছাত্রীদের পাশের হার আইএসসিই-তে ৯৯.৪১ শতাংশ, ছাত্রদের পাশের হার ৯৯.০৭ শতাংশ। আইএসসি তেও ছাত্রদের তুলনায় ছাত্রীদের পাশের হার বেশি। আইএসসি-তে রাজ্যে ছাত্রীদের পাশের হার ৯৮.৪৬ শতাংশ, ছাত্রদের পাশের হার ৯৬.৮৮ শতাংশ। ২০২৩ সালে আইসিএসই-তে পাশের হার ছিল ৯৮.৯৪ শতাংশ। এ বছর রাজ্য থেকে আইসিএসই (ISCE) পরীক্ষা দিয়েছে ৪২,৩৭২ জন, আইএসসি (ISC) পরীক্ষা দিয়েছেন ২৭,৬২১ জন। চলতি বছরে ২১ ফেব্রুয়ারি থেকে ২৮ মার্চ অবধি আইসিএসই পরীক্ষা হয়েছিল। দ্বাদশ শ্রেণির (ISC) পরীক্ষা হয়েছিল ১২ ফেব্রুয়ারি থেকে ২ এপ্রিল পর্যন্ত।

    কীভাবে দেখবেন রেজাল্ট 

    আইসিএসই, আইএসসি-র ছাত্র-ছাত্রীরা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নিজেদের রোল নম্বর দিয়ে ফলাফল দেখতে পাবে।  এছাড়া ৯২৪৮০৮২৮৮৩ (9248082883) নম্বরে ৭ ডিজিটের ইউনিক আইডি পাঠালেও রেজাল্ট দেখা যাবে। যে ওয়েবসাইটগুলিতে ফল জানা যাবে সেগুলি হল-

    cisce.org

    results.cisce.org

    results.digilocker.gov.in

    কত নম্বর পেলে পাশ

    আইসিএসই পরীক্ষায় পাশ করতে ন্যূনতম ৩৩ নম্বর পেতে হবে। আইএসসি পরীক্ষায় পাশের জন্য ন্যূনতম ৪০ নম্বর পেতে হবে। উল্লেখ্য, এবার থেকে বন্ধ করে দেওয়া হয়েছে আইসিএসই ও আইএসসি-র কম্পার্টমেন্ট পরীক্ষা। কোনও পরীক্ষার্থী যদি কোনও বিষয়ে কম নম্বর পেতেন, তবে এই পরীক্ষা দিতেন। এবার থেকে একই বছরের মধ্যে নিজের নম্বর বা গ্রেড বাড়ানোর জন্য পরীক্ষার্থীরা ইমপ্রুভমেন্ট এগজামিনেশন দিতে পারবেন। তবে সর্বাধিক দুটি বিষয়েই পরীক্ষা দেওয়া যাবে। আগামী জুলাই মাসে এই পরীক্ষা হবে। ফলপ্রকাশের পর ১০ মে পর্যন্ত করা যাবে পুনর্মূল্যায়নের আবেদন।

     

    আরও পড়ুন: দেশবাসীর মঙ্গলে পুজো, করলেন সন্ধ্যারতি, অযোধ্যায় রামলালা দর্শনে মোদি

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • IPL 2024: কলকাতায় মুম্বইকে হারালেই প্লে অফে কেকেআর! লখনউ-এর বিপক্ষে বড় জয় নাইটদের

    IPL 2024: কলকাতায় মুম্বইকে হারালেই প্লে অফে কেকেআর! লখনউ-এর বিপক্ষে বড় জয় নাইটদের

    মাধ্যম নিউজ ডেস্ক: দিল্লি, মুম্বই-এর পর লখনউকেও তাদের ঘরের মাঠে হারিয়ে দিল কেকেআর (KKR vs LSG)। পয়েন্ট তালিকায় শীর্ষে উঠে এল তারা। চলতি আইপিএলে (IPL 2024) জয়ের হ্যাটট্রিক করে কলকাতায় ফিরছে নাইটরা। আগামী শুক্রবার, ১১ মে ইডেনে নাইটদের প্রতিপক্ষ মুম্বই। শেষ হোম ম্যাচটা জিততে পারলেই প্লে অফে পৌঁছে যাবে নাইটরা। ফের একবার শাহরুখ-শো দেখার অপেক্ষায় কলকাতা।

    লিগ টেবিলের শীর্ষে

    এত দিন লিগ এক নম্বর জায়গা ছিল রাজস্থান রয়্যালসের। রবিবার লখনউকে হারিয়ে লিগ শীর্ষে কলকাতা। এখন তাদের পয়েন্ট ১৬। একই পয়েন্ট পেয়েছে রাজস্থানও। যদিও তারা কলকাতার থেকে একটি ম্যাচ কম খেলেছে। এই দুই দলের প্লে-অফে ওঠা প্রায় নিশ্চিত। কলকাতা ১১টি ম্যাচের মধ্যে আটটি জিতেছে। আরও একটি জিতলে কলকাতার ১৮ পয়েন্ট হবে। প্লে-অফে জায়গা পাকা করতে ১৮ পয়েন্ট প্রয়োজন। কলকাতার পরের ম্যাচ মুম্বইয়ের বিরুদ্ধে। সেই ম্যাচ জিতলেই ১৮ পয়েন্ট হয়ে যাবে কেকেআরের। তা হলেই প্লে-অফে জায়গা করে ফেলবে তারা। 

    লজ্জার নজির

    রবিবার আইপিএল ২০২৪-এ (IPL 2024) কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে লজ্জার নজির গড়ে ফেলল লখনউ সুপার জায়ান্টস। এদিন নিজেদের ঘরের মাঠেই হেরে বসে কেএল রাহুলের টিম। তাও ৯৮ রানের বিশাল ব্যবধানে। কেএল রাহুলের নেতৃত্বাধীন লখনউ সুপার জায়ান্টস টুর্নামেন্টের ইতিহাসে এই প্রথম বার এত বড় রানের ব্যবধানে কোনও ম্যাচ হারল। রানের ব্যবধানের ক্ষেত্রে এটি তাদের সবচেয়ে বড় পরাজয়।

    মুম্বইয়ের রেকর্ডে ভাগ

    এক আইপিএল (IPL 2024) মরশুমে এই নিয়ে মোট ছ’বার ২০০ বা তার বেশি রান করার নজির গড়ে ফেলেছে কেকেআর। ছুঁয়ে ফেলেছে মুম্বই ইন্ডিয়ান্সের রেকর্ড। এর আগে ২০২৩ সালে মুম্বইয়েরও এক আইপিএল মরশুমে মোট ছ’বার ২০০ বা তার বেশি রান করার নজির ছিল। যা টুর্নামেন্টের ইতিহাসে এক বিরল কৃতিত্ব। সেই কৃতিত্বে রবিবার (৫ মে) ভাগ বসাল কেকেআর। এদিন তারা একানা স্টেডিয়ামে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ৬ উইকেটে ২৩৫ রান করে। চলতি আইপিএলে এর আগে সানরাইজার্স হায়দরাবাদ, দিল্লি ক্যাপিটালস, রাজস্থান রয়্যালস, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং পঞ্জাব কিংসের বিরুদ্ধেও ২০০-এর বেশি রান সংগ্রহ করেছিল কেকেআর।

    ম্যাচ আপডেট

    এদিন টসে হেরে প্রথমে ব্যাট করে কেকেআর (KKR vs LSG)। ফিল সল্ট ও সুনীল নারিনের ব্যাটিং তান্ডব দেখে মনে হয়েছিল, আড়াইশো পেরোনে নিশ্চিত। যদিও নারিন ফিরতেই কেকেআরের রানে লাগাম। শেষ অবধি ৬ উইকেটে ২৩৫ করে কেকেআর। লখনউতে এটিই সর্বাধিক স্কোরের রেকর্ড। রান তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় লখনউ। ব্যাট হাতে এই ম্যাচে বড় রান পাননি আন্দ্রে রাসেল। বোলিংয়ে পুষিয়ে দিয়েছেন। দুটি গুরুত্বপূর্ণ উইকেট নেন তিনি। নির্বাসন কাটিয়ে ফেরা হর্ষিত রানা নেন তিন উইকেট। ধারাবাহিকতা বজায় রেখেছেন মিস্ট্রি স্পিনার বরুণ চক্রবর্তীও। তাঁর নামেও তিন উইকেট। এর মধ্যে একটা দুর্দান্ত কট অ্যান্ড বোল রয়েছে। শেষ পর্যন্ত ১৩৭ রানেই অলআউট হয়ে যায় লখনউ। আর প্লে-অফ প্রায় নিশ্চিত করে ফেলে কেকেআর।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • PM Modi: দেশবাসীর মঙ্গলে পুজো, করলেন সন্ধ্যারতি, অযোধ্যায় রামলালা দর্শনে মোদি

    PM Modi: দেশবাসীর মঙ্গলে পুজো, করলেন সন্ধ্যারতি, অযোধ্যায় রামলালা দর্শনে মোদি

    মাধ্যম নিউজ ডেস্ক: দেশ জুড়ে চলছে লোকসভা নির্বাচন। প্রচার তথা দেশ গঠনের কাজে ব্যস্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। তারই মধ্যে রবিবার ফের মন্দির নগরী অযোধ্যায় পৌঁছে গেলেন প্রধানমন্ত্রী। উদ্বোধনের পর এই প্রথম রাম মন্দিরে গিয়ে ভগবান রামের নিষ্ঠাভরে পুজো দিলেন প্রধানমন্ত্রী মোদি। রামলালার (Ayodhya Ram Mandir) বিগ্রহকে সাষ্টাঙ্গে প্রণাম করে ১৪০ কোটি দেশবাসীর মঙ্গল কামনা করলেন তিনি। 

    রামলালার কাছে প্রার্থনা

    গত ২২ জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Modi) হাত ধরেই শুভ উদ্বোধন হয়েছে অযোধ্যার বহু প্রতীক্ষিত রাম মন্দিরের। বর্ণাঢ্য এক আয়োজনের মধ্য দিয়ে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হয়েছে। রামলালার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানের পর রবিবার আবার রাম মন্দিরে (Ayodhya Ram Mandir) যান প্রধানমন্ত্রী। প্রদীপের শিখায়, পদ্ম ফুলে ভক্তিভরে এদিন মোদি পুজো দিলেন সবার মঙ্গল কামনা করে। মন্দিরে পুজো দিয়ে গর্ভগৃহে সন্ধ্যারতি করেন তিনি। তার পর সাষ্টাঙ্গে প্রণাম করেন। ঘুরে দেখেন মন্দির চত্বরও। এদিন তাঁকে স্বাগত জানাতে আলোয়-আলোয়, ফুলে-ফুলে সেজে উঠেছিল অযোধ্যা।

    প্রধানমন্ত্রীর রোড শো

    ঝাড়খণ্ড এবং বিহারে দলীয় প্রার্থীদের সমর্থনে জনসভা করার পর রবিবার সন্ধ্যায় অযোধ্যায় যান মোদি (PM Modi)। প্রথমেই যান রামমন্দিরে। পুজো দেওয়ার পর অযোধ্যার বিজেপি প্রার্থীর সমর্থনে দু’কিলোমিটার রাস্তা জুড়ে রোড-শো করেন তিনি। মোদির রোড-শো শুরু হয় অযোধ্যায় সুগ্রীব ফোর্ট এলাকায়। শেষ হয় লতা চকে। মোদির সঙ্গে ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও। প্রধানমন্ত্রীকে চোখের সামনে এক ঝলক দেখার জন্য এদিন মন্দির নগরী অযোধ্যায় রাস্তার দু’পাশে উপচে পড়েছিল অগুণতি মানুষের ভিড়। আগামী ২০ মে পঞ্চম দফায় অযোধ্যা লোকসভা কেন্দ্রে ভোটগ্রহণ।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

LinkedIn
Share