Tag: Madhyom

Madhyom

  • Dilip Ghosh: বর্ধমানে তৃণমূল নেতা সুনীলের বাড়িতে গিয়ে সাক্ষাৎ! ভোট শুরুর প্রথম দিনেই কী বার্তা দিলীপের?

    Dilip Ghosh: বর্ধমানে তৃণমূল নেতা সুনীলের বাড়িতে গিয়ে সাক্ষাৎ! ভোট শুরুর প্রথম দিনেই কী বার্তা দিলীপের?

    মাধ্যম নিউজ ডেস্ক: তৃণমূলের প্রাক্তন সাংসদ সুনীল মণ্ডলের বাড়িতে গেলেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। বৃহস্পতিবার রাতে বর্ধমানের উল্লাসে সুনীল মণ্ডলের বাড়িতে পৌঁছন দিলীপ। দু’জনের মধ্যে এক ঘণ্টারও বেশি সময় কথা হয়। প্রসঙ্গত দিলীপ ঘোষের জন্মদিন উপলক্ষে কেক কাটারও ব্যবস্থা করেছিলেন সুনীল। তবে বিষয়টিকে সৌজন্য সাক্ষাৎ বলে উল্লেখ করেছেন দুজনেই। লোকসভা নির্বাচন চলাকালীন দলের কর্মসূচিতে দেখা যাচ্ছে না এই তৃণমূল নেতাকে। তিনি বলেন, “দল ডাকেনি তাই নামিনি।” অপর দিকে একাধিক ইস্যুতে তৃণমূলকে প্রথম দফার ভোটে আক্রমণ করেন দিলীপ ঘোষ।

    কী কারণে সুনীল-দিলীপের সাক্ষাৎ (Dilip Ghosh)?

    বর্ধমান শহরে ঢোকার মুখেই দু-নম্বর জাতীয় সড়কের পাশে সাংসদ সুনীল কুমার মণ্ডলের বাড়ি। তাঁর বাড়ির নাম অভিযান। কী কারণে সুনীল মণ্ডলের সঙ্গে সাক্ষাৎ? এই প্রশ্নের উত্তরে দিলীপ ঘোষ (Dilip Ghosh) বলেন, “সুনীলদা আমার পুরনো বন্ধু। আমার জন্মদিন উপলক্ষে কেক কাটা হল। একই ভাবে সেই কেক খাওয়ানো হয়েছে আমাকে। কিছুই করছেন না তিনি। অনুরোধ না করতেই চলে এসেছি আমি। রাজনীতির সঙ্গে কোনও যোগ নেই। এখন দেখা যাক কী করেন তিনি, কোথায় যান।”

    প্রথম দফায় অশান্ত নির্বাচন! প্রতিক্রিয়া দিলীপের

    প্রথম দফা নির্বাচন প্রসঙ্গে দিলীপ ঘোষ (Dilip Ghosh) বলেন, “তৃণমূলের পুরনো অভ্যাস, কোথাও বোমা পাওয়া যাচ্ছে, বন্দুক পাওয়া যাচ্ছে। আমার যেটা মনে হচ্ছে এবার পশ্চিমবঙ্গের ভোট শান্তিপূর্ণ হবে। যেমন রাম নবমীর মিছিল শান্তিপূর্ণ হয়েছে। টিএমসির অভ্যাস ঝগড়া করা, ভয় দেখানোর চেষ্টাও করে থাকে। মানুষ বুঝে গিয়েছে, তাই জবাব দেবে মানুষ।” প্রসঙ্গত বর্ধমানের কার্জন গেট চত্বরে বিজেপির পতাকা ছেঁড়া হয়। এনিয়ে শুরু হয় অশান্তি। এপ্রসঙ্গে দিলীপ ঘোষ প্রতিক্রিয়া দিয়ে বলেন, “এসব ছিঁচকে চোরের মতো কোথাও দেওয়াল মুছে দিচ্ছে, পতাকা ছিঁড়ে দিচ্ছে। এসব করে ভোট হয়? যারা লড়তে পারে না, তারা এই ধরনের কাজ করে। তবে বেশিদিন চলবে না, ঠিক হয়ে যাবে। আমরাও দেখছি পুলিশ কী করছে, না হলে বাকিটা আমরাই করব।”

    আরও পড়ুনঃ কোথাও তৃণমূলের বুথ দখল, কোথাও ছাপ্পা, হামলা! ভোটে অশান্ত উত্তরবঙ্গ

    শীতলকুচি প্রসঙ্গে বক্তব্য

    শীতলকুচি প্রসঙ্গে দিলীপ (Dilip Ghosh) বলেন, “শীতলকুচি, সিতাই, দিনহাটা উদয়ন গুহর জায়গা, গন্ডগোল হবেই। ওরা যেকটা আছে গন্ডগোল করে। গতবারের শিতলকুচি, সীতাইয়ের প্রার্থী এবারের লোকসভার প্রার্থী হয়েছে, সে লোকসভা ভোটের পরে পালিয়ে গিয়েছিল এলাকা ছেড়ে, ছ’মাস আসেনি। আমরা বলেছিলাম কাউকে তাড়াব না আমরা। দিনহাটা, কোচবিহারে বাংলাদেশ থেকে গুন্ডা নিয়ে আসা হয়, উৎপাত করা হয়। তারপরেও শীতলকুচি বিধানসভায় আমরা জিতেছি। এবার সব জায়গায় লিড পাবে বিজেপি।” অন্যদিকে প্রথম দফা ভোটের আগে বিভিন্ন জায়গায় অশান্তি। সকাল থেকেই শুরু হয়েছে অশান্তি। রাজ্যের প্রথম দফার ভোটে কোচবিহারে সকাল সাতটা থেকে শুরু হয়েছে নির্বাচন। এখনও পর্যন্ত ভোটের যা অভিযোগ, প্রায় সবই এই জেলা থেকে। রাজখরা, চান্দিমারি-সহ জেলার একাধিক জায়গা থেকে বিক্ষিপ্ত অশান্তির খবর পাওয়া গিয়েছে। শীতলকুচি থেকেও তৃণমূল-বিজেপির সংঘর্ষের খবর পাওয়া গিয়েছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Lok Sabha Election 2024: কোথাও তৃণমূলের বুথ দখল, কোথাও ছাপ্পা, হামলা! ভোটে অশান্ত উত্তরবঙ্গ

    Lok Sabha Election 2024: কোথাও তৃণমূলের বুথ দখল, কোথাও ছাপ্পা, হামলা! ভোটে অশান্ত উত্তরবঙ্গ

    মাধ্যম নিউজ ডেস্ক: কড়া নিরাপত্তার ঘেরাটোপের মধ্যে চলছে ২০২৪ সালের লোকসভা ভোটগ্রহণ (Lok Sabha Election 2024)। শুক্রবার সকাল থেকেই কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি আসনে প্রথম দফার ভোটগ্রহণ (phase 1 Voting) শুরু হয়ে গিয়েছে। এবার লোকসভা নির্বাচনে কোচবিহারকে পাখির চোখ করেছে নির্বাচন কমিশন (Election Commission), কিন্তু এত নিরাপত্তার মধ্যেও ভোটগ্রহণ শুরু হতেই একাধিক জায়গায় বিজেপির ওপর তৃণমূলের হামলার অভিযোগ উঠে এসেছে। এলাকা অশান্ত করে বুথ দখল, ছাপ্পা এবং অপহরণের চিত্র উঠে এসেছে সর্বত্র।

    কোচবিহার-জলপাইগুড়িতে বিক্ষিপ্ত অশান্তি (Lok Sabha Election 2024)

    ভোট (Lok Sabha Election 2024) গ্রহণের দিনে সকাল থেকেই কোচবিহারের কিছু জায়গায় বিক্ষিপ্ত অশান্তির খবর উঠে এসেছে। বিজেপির (BJP) তরফ থেকে ইতিমধ্যেই কমিশনের কাছে পাঁচটি অভিযোগ জমা পড়েছে। কোথাও বুথ দখল, কোথাও ছাপ্পা, কোথাও বা বিজেপির পোলিং এজেন্টকে (BJP Polling Agent) ঢুকতে বাধা। এমনকী অপহরণেরও অভিযোগ এসেছে বিজেপির তরফে। শিলিগুড়ির কাছে জলপাইগুড়ি লোকসভায় ডাবগ্রাম-ফুলবাড়ি বিধানসভা এলাকায় ভালোবাসা মোড়ে ৮৬ নং বিজেপির পার্টি অফিস পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। আবার জলপাইগুড়ি রাজগঞ্জ বিধানসভার ১৮/৯৭ বুথের দুটি বিজেপি পরিবারের ওপর হামলার অভিযোগ উঠেছে। অভিযোগের তির তৃণমূলের দিকে। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।

    শীতলকুচিতে বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ

    শীতলকুচির গোসাইহাট গ্রাম পঞ্চায়েতের বড় ধাপের চাত্রা এলাকায় ভোট (Lok Sabha Election 2024) দিতে যাবার সময় এক বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ, এদিন তিনি বড় ধাপের চত্রায় এলাকায় ২০১ নং বুথে ভোট দিতে যাচ্ছিলেন সেই সময় তৃণমূল (TMC) কর্মীরা তাঁকে বাঁশ দিয়ে মারধর করে। যদিও তৃণমূল এই অভিযোগ অস্বীকার করেছে। আবার শালবাড়িতে বিজেপির এক যুব নেতাকে মারধরের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার রাতে বক্সিরহাট থানার শালবাড়ির ঘটনা। রাজগঞ্জের ১৮/২৫৪ নম্বর বুথে বিজেপির বুথ অফিসের সামনে তৃণমূলের পতাকা লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে।

    বিজেপির পোলিং এজেন্টকে অপহরণ

    কোচবিহারের দিনহাটায় বিজেপির পোলিং এজেন্ট বিশ্বনাথ পালকে বুথ (Lok Sabha Election 2024) থেকে অপহরণের অভিযোগ উঠেছে। শুকারুরকুটির কুরশারহাটের ২২১ নম্বর বুথের সামনে থেকে বিজেপির পোলিং এজেন্টকে তৃণমূলের বাইক বাহিনী অপহরণ করে নিয়ে যায় বলে জানা গিয়েছে। কোচবিহার দক্ষিণের চারটি কেন্দ্রে বিজেপির পোলিং এজেন্টদের বুথে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে।

    আরও পড়ুনঃ রাজ্যে হিংসা প্রসঙ্গে নির্বাচন কমিশনের ভূমিকায় অসন্তোষ প্রকাশ শুভেন্দুর

    বাড়ি ভাঙচুরের অভিযোগ

    দক্ষিণ কোচবিহারের গিরিয়াকুঠিতে বিজেপি সমর্থক কর্মীদের বাড়ি ভাঙচুরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। বিজেপির (BJP) অভিযোগ, বেছে বেছে তাদের সমর্থকদের বাড়ি চিহ্নিত করা হচ্ছে। বাঁশ, লাঠি, লোহার রড নিয়ে বাড়িতে ব্যাপক ভাঙচুর চালিয়েছে। সমস্ত ঘটনায় প্রথম পর্বের ভোটে (Lok Sabha Election 2024) তৃণমূলের দিকে আঙুল তুলেছে বিজেপি।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Suvendu Adhikari: রাজ্যে হিংসা প্রসঙ্গে নির্বাচন কমিশনের ভূমিকায় অসন্তোষ প্রকাশ শুভেন্দুর 

    Suvendu Adhikari: রাজ্যে হিংসা প্রসঙ্গে নির্বাচন কমিশনের ভূমিকায় অসন্তোষ প্রকাশ শুভেন্দুর 

    মাধ্যম নিউজ ডেস্ক: নির্বাচন কমিশনের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার উত্তরবঙ্গে ভোটের (Loksabha Election 2024) প্রচারে গিয়েছিলেন তিনি। সেখানেই নির্বাচন কমিশনের (Election Commission) ভূমিকায় যে একেবারে খুশি নন, তা স্পষ্ট করে জানিয়ে দেন তিনি। তাঁর মতে, একাধিক বিষয়ে নির্বাচন কমিশনের পদক্ষেপ আরও কঠোর হওয়া উচিত ছিল, কিন্তু তা হয়নি। রাম নবমীর অশান্তির কারণ মমতা। তাঁকে গ্রেফতার করা উচিত ছিল। ঠিক এমনটাই জানান শুভেন্দু।

    কী বললেন শুভেন্দু (Suvendu Adhikari)?

    শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari), মমতার উস্কানিমূলক ভাষণ প্রসঙ্গে বলেন, “সংখ্যালঘু ভোট হারাচ্ছে তৃণমূল কংগ্রেস। অশান্তি ছড়ানো হচ্ছে। রাজ্যের বিভিন্ন জায়গায় গোলমাল পাকানোর চেষ্টা হচ্ছে। পুলিশ যদি আগেভাগে ব্যবস্থা নিত, তাহলে এই ঘটনা ঘটার কথাই নয়। হিংসা নিয়ে সাত দিন ধরে চিৎকার করে গেছেন মমতা। নির্বাচন কমিশনের সাহস থাকলে তাঁকে গ্রেফতার করা উচিত ছিল।” রাম নবমীর অশান্তির কারণ হিসেবে মমতার ষড়যন্ত্রকেই দায়ী করেছেন বিরোধী দলনেতা। তিনি রাজ্যপালের উত্তরবঙ্গ সফর প্রসঙ্গে বলেন, “রাজ্যপালকে যে ভাবে উত্তরবঙ্গে আসা থেকে আটকেছে নির্বাচন কমিশন, সেটা সমর্থনযোগ্য নয়।”

    আরও পড়ুনঃ প্রথম দফা লোকসভা ভোটের আগেই কোচবিহারে কর্তব্যরত জওয়ানের মৃত্যু

    ফাঁসিদেওয়া ব্লকে নির্বাচনী প্রচারে শুভেন্দু

    বৃহস্পতিবার শিলিগুড়ি (Siliguri) মহকুমা পরিষদের ফাঁসিদেওয়া ব্লকে নির্বাচনী প্রচারে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী। দার্জিলিং-এর বিজেপি প্রার্থী রাজু বিস্তার (Raju Bista) সমর্থনে প্রচার কর্মসূচি ছিল তাঁর। সেখানেই মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল নেতৃত্বকে কটাক্ষ করেন বিরোধী দলনেতা। তাঁর ভাষণে উঠে আসে রাজনৈতিক হিংসার প্রসঙ্গ। আগেভাগেই মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন রাম নবমীতে হিংসা হবে। এরপরই দেখা যায় বুধবার রাম নবমীর দিন মুর্শিদাবাদে গোষ্ঠী সংঘর্ষের ঘটনা ঘটে। অগ্নিসংযোগ করা হয়। আশপাশের বাড়ি থেকে মিছিলকে লক্ষ্য করে পাথর ছোড়া হয়। এরপর নির্বাচন কমিশনের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু (Suvendu Adhikari)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Lok Sabha Election 2024: প্রথম দফা লোকসভা ভোটের আগেই কোচবিহারে কর্তব্যরত জওয়ানের মৃত্যু

    Lok Sabha Election 2024: প্রথম দফা লোকসভা ভোটের আগেই কোচবিহারে কর্তব্যরত জওয়ানের মৃত্যু

    মাধ্যম নিউজ ডেস্ক: লোকসভা (Lok Sabha Election 2024) ভোট শুরুর আগেই ঘটল অঘটন। মৃত্যু হল কোচবিহারে (Cooch Behar) কর্তব্যরত এক জওয়ানের। মৃত জওয়ানের নাম কুমার নীলু। কোচবিহারের মাথাভাঙার বেলতলা এলাকায় একটি স্কুলে ভোটের ডিউটিতে ছিলেন ৪২ বছরের ওই জওয়ান। বিহার থেকে ভোটের ডিউটি (Election Duty) করতে কোচবিহারে এসেছিলেন তিনি। কর্তব্যরত অবস্থাতেই তিনি অসুস্থ হয়ে পড়েন বলে জানা গিয়েছে। সঙ্গে সঙ্গে তাঁকে মাথাভাঙা মহকুমা হাসপাতাল নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করা হয়। ইতিমধ্যেই কেন্দ্রীয় বাহিনীর এই জওয়ানের (CRPF jawan) আকস্মিক মৃত্যু ঘিরে ধোঁয়াশা তৈরি হয়েছে। গোটা বিষয়টির ওপর নজর রয়েছে নির্বাচন কমিশনের।

    ঠিক কী ঘটেছিল (Lok Sabha Election 2024)?

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, কেন্দ্রীয় বাহিনীর জওয়ান (CRPF jawan) কুমার নীলু বৃহস্পতিবার রাতে বাইশগুড়ি হাই স্কুলে ডিউটি করছিলেন। ভোট কেন্দ্রে ডিউটি করার সময়েই অসুস্থ হয়ে পড়েন এবং তাঁর নাক-মুখ থেকে রক্তপাত হতে শুরু করে। এরপর গভীর রাতে কুমার নীলুকে অসুস্থ অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখেছিলেন তাঁর সহকর্মীরা। সেই অবস্থায় দেখে সঙ্গে সঙ্গে উদ্ধার করে মাথাভাঙা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত (Unnatural death) বলে ঘোষণা করেন। এরপর দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তবে চিকিৎসকদের প্রাথমিক অনুমান, হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে ওই কেন্দ্রীয় বাহিনী জওয়ানের। তবে রিপোর্ট না আসা পর্যন্ত মৃত্যুর কারণ স্পষ্ট ভাবে বলা সম্ভবপর নয়।

    আরও পড়ুনঃভোট-হিংসা ঠেকাতে কমিশনকে বার্তা রাজ্যপালের, কালীঘাট মন্দিরে দিলেন পুজো

    ১৯ এপ্রিল প্রথম দফার ভোট

    উল্লেখ্য, ১৯ এপ্রিল শুক্রবার সকাল থেকেই শুরু হয়ে গেছে ২০২৪ সালের লোকসভা নির্বাচন (phase 1 Voting)। রাজ্যের আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ির সঙ্গে ভোট শুরু হল কোচবিহারেও। তফশিলি জাতিদের জন্য সংরক্ষিত আসনে মোট ২০৪৩টি বুথে ভোট নেওয়া হচ্ছে। কোচবিহার লোকসভা কেন্দ্রের অন্তর্গত ৭টি বিধানসভা এলাকাতেই চলছে ভোটগ্রহণ। রাজ্য পুলিশের পাশাপাশি মোতায়েন করা হয়েছে ১১২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। ইতিমধ্যেই ভোটদানের জন্য বুথে বুথে লাইন পড়েছে। যদিও ভোটের প্রথম দিনেই বিক্ষিপ্ত কিছু হিংসার খবর কোচবিহার থেকে এসেছে। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Iran Israel Conflict: প্রত্যাঘাত করল ইজরায়েল, ইরানের ‘লক্ষ্যবস্তু’তে ক্ষেপণাস্ত্র হামলা তেল আভিভের

    Iran Israel Conflict: প্রত্যাঘাত করল ইজরায়েল, ইরানের ‘লক্ষ্যবস্তু’তে ক্ষেপণাস্ত্র হামলা তেল আভিভের

    মাধ্যম নিউজ ডেস্ক: ইরানকে জবাব দিল ইজরায়েল (Iran Israel Conflict)। শুক্রবার ভোরে ইরানের লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তেলআভিভ। মার্কিন সংবাদ মাধ্যমের পাশাপাশি ইসফাহানে বিস্ফোরণের বার্তা সম্প্রচার করা হয়েছে ইরানের সরকারি টেলিভিশনেও। ইরানের একটি বিমানবন্দরেও ক্ষেপণাস্ত্র হানা হয়েছে বলে খবর।

    হুঁশিয়ারি ছিল আগেই (Iran Israel Conflict)

    ইরানের ইসফাহানেই রয়েছে নাতাঞ্জ-সহ কয়েকটি পরমাণু গবেষণা কেন্দ্র। রয়েছে ইউরেনিয়াম পরিশোধন কেন্দ্রও। প্রসঙ্গত, গত শনিবার ইরানিয়ান সেনা তিনশোটিরও বেশি ড্রোন এবং ক্ষেপণাস্ত্র  হামলা চালিয়েছিল ইজরায়েলে। তবে লক্ষ্যবস্তুতে আঘাত করার আগেই সেগুলিকে গুলি করে নামিয়ে ফেলেছিল মার্কিন সেনা। পরে টেলিভিশনে জাতির উদ্দেশে ভাষণ দিতে গিয়ে ইজরায়েলি ফৌজের মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি বলেছিলেন, ইরান ড্রোন ও মিসাইল হামলা শুরু করেছে। আমরা সব ধরনের পরিস্থিতির জন্য তৈরি।

    প্রত্যাঘাতের বার্তা

    এর পরেই ইরানকে (Iran Israel Conflict) প্রত্যাঘাতের বার্তা দিয়েছিলেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ইজরায়েল যে প্রত্যাঘাত করবেই তা জানিয়েছিলেন ব্রিটেনের বিদেশমন্ত্রী ডেভিড ক্যামেরনও। পশ্চিম এশিয়ায় অশান্তির কালো মেঘ ঘনাতেই ইজরায়েলকে ইরানে প্রত্যাঘাত করা থেকে বিরত থাকার অনুরোধ জানায় আমেরিকা, রাশিয়া সহ বিশ্বের বেশ কয়েকটি দেশ। ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করও দুই দেশে ফোন করে কূটনৈতিক স্তরে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করার কথা বলেছেন। এমনই আবহে ইরানিয়ান শহরে হামলা চালাল ইজরায়েল।

    এই হামলার চব্বিশ ঘণ্টা আগেই ইরানের আইআরজিসি কমান্ডার হুমকি দিয়েছিলেন, ইজারায়েলের নিউক্লিয়ার সাইটগুলিতে হামলা চালানো হবে। এর পরেই অ্যাটোমিক ফেসিলিটিকে ধ্বংস করতে মিসাইল ছুড়ল তেল আভিভ। এখানকার নিরাপত্তার দায়িত্বে থাকা জেনারেল আহমেদ হাগতালাব বলেন, “ইজরায়েলের এই আক্রমণের পর ইরানকে এবার নিউক্লিয়ার ডকট্রিন নিয়ে বিশদে ভাবনাচিন্তা করতে হবে।” জানা গিয়েছে, শুক্রবার কাকভোরে ইরানে আছড়ে পড়ে বেশ কয়েকটি ইজরায়েলি ক্ষেপণাস্ত্র। ইরানের দাবি, ইজরায়েলের ক্ষেপণাস্ত্রগুলিকে প্রতিহত করেছে তারা। একাধিক মিসাইল গুলি করে নামিয়েছে তেহরান। ইরানেরই অন্য এক সামরিক আধিকারিক অবশ্য অস্বীকার করেছেন হামলার কথা। এছাড়া সিরিয়া এবং ইরাকেও হামলা চালিয়েছে ইজরায়েল। ঘটনার জেরে ইরান দেশের বেশ কয়েকটি স্থানের বিমান চলাচল বন্ধ করে দিয়েছে (Iran Israel Conflict)।

    আরও পড়ুুন: ‘‘আরও বেশি করে ভোট দিন’’, পাঁচ ভাষায় প্রথম বারের ভোটারদের আবেদন মোদির

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Lok Sabha Election 2024: ভোট-হিংসা ঠেকাতে কমিশনকে বার্তা রাজ্যপালের, কালীঘাট মন্দিরে দিলেন পুজো

    Lok Sabha Election 2024: ভোট-হিংসা ঠেকাতে কমিশনকে বার্তা রাজ্যপালের, কালীঘাট মন্দিরে দিলেন পুজো

    মাধ্যম নিউজ ডেস্ক: লোকসভা ভোটের (Lok Sabha Election 2024) প্রথম দফায় ভোট চলছে উত্তরবঙ্গের তিন জেলায়। জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে সেভাবে না হলেও কোচবিহারে সকাল থেকে বুথ দখল , ঝামেলার খবর মিলেছে। ভোটের দিন উত্তরের এই জেলায় সমস্যা হতে পারে ভেবেই সেখানে যেতে চেয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Ananda Bose)। কিন্তু কমিশন তাঁকে সেখানে যেতে বারণ করেছিলেন। তাই আর কোচবিহার যাননি রাজ্যপাল। শুক্রবার ভোটের দিন সকালে রাজ্যের মানুষের জন্য প্রার্থনা করতে কালীঘাট মন্দিরে গিয়েছিলেন রাজ্যপাল বোস। সেখান থেকেই কড়া বার্তা দিলেন তিনি ৷

    রাজ্যপালের বার্তা

    শুক্রবার সকালে মন্দির চত্বর থেকেই রাজ্যপাল জানান, কোথাও হিংসা হলে কঠোর ব্যবস্থা নিতে হবে নির্বাচন কমিশনকে ৷ এদিন রাজ্যপাল বলেন, “বাংলার মানুষ শান্তি ও সম্প্রীতি চায় ৷ বাংলার মানুষের সেটাই প্রাপ্য। বিশেষ করে নির্বাচনের সময় রাজ্যে আইন-শৃঙ্খলা নিশ্চিত করার দায়িত্ব সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। যে কোনও হিংসা এবং হিংসা ছড়ানো ব্যক্তির বিরুদ্ধে মামলা করা উচিত ৷ কঠোর ব্যবস্থা নেওয়া উচিৎ ৷ এটি নির্বাচন কমিশনের দায়িত্ব।” তিনি ইমেল বা টেলিফোনে পিস রুমের মাধ্যমে ভোটের দিন সর্বক্ষণ মানুষের সঙ্গে থাকবেন বলে আশ্বাস দিয়েছেন।

    শুক্রবার উত্তরবঙ্গে যেতে চেয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Ananda Bose)। নির্বাচনের সময়ে কোচবিহারেই সারাদিন থাকতে চেয়েছিলেন তিনি। কিন্তু তাঁকে বারণ করে দেয় নির্বাচন কমিশন। এরপর তৃণমূল অভিযোগ করেছিল, রাজ্যপাল আলিপুরদুয়ারও যেতে চাইছেন। অবশেষে নানা বিতর্কের পর উত্তরবঙ্গ সফরই বাতিল করেন বোস। শুক্রবার সকালে (Lok Sabha Election 2024) অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচনের প্রার্থনা করে কালীঘাট মন্দিরে পুজো দিলেন তিনি।  তাঁর কথায়, ভোট শান্তিপূর্ণ করার দায়িত্ব নির্বাচন কমিশনের। সাধারণ মানুষের অধিকার রয়েছে নির্ভয়ে, নির্বিঘ্নে ভোট দেওয়ার। তেমনটাই যেন হয়, কালীঘাট মন্দিরে এসে এই প্রার্থনা করেছেন তিনি, জানান রাজ্যপাল।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Weather Update: কলকাতার তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁইছুঁই! চরম তাপপ্রবাহের সতর্কবার্তা আট জেলায়

    Weather Update: কলকাতার তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁইছুঁই! চরম তাপপ্রবাহের সতর্কবার্তা আট জেলায়

    মাধ্যম নিউজ ডেস্ক: সপ্তাহ শেষের ছুটিতেও স্বস্তির নিশ্বাস ফেলতে পারবে না দক্ষিণবঙ্গবাসী (Weather Update)। আপাতত তীব্র গরম, লু-এর মতো পরিস্থিতি, আর্দ্রতা ভোগাবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গকে। পশ্চিমের শুকনো হাওয়ায় গরম ও অস্বস্তি আরো বাড়বে বলেই ধারণা আবহাওয়া দফতরের। আজ, শুক্রবার থেকে দক্ষিণবঙ্গের সব জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করা হয়েছে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এই আট জেলায় চরম তাপপ্রবাহের সতর্কবার্তা দিয়েছে হাওয়া অফিস। শুক্রবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা আবহাওয়াবিদদের।

    কলকাতা ও শহরতলির তাপমাত্রা

    বৃহস্পতিবারই কলকাতার সল্টলেকে দিনের তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের গণ্ডি ছাড়িয়েছে। সেখানে বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০.৩ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ৪.২ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল। দমদমে দিনের তাপমাত্রা ৪০-এর একটু আগেই থেমে গিয়েছে। বৃহস্পতিবার সেখানে দিনের তাপমাত্রা (Weather Update) ছিল ৩৯.৬ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯.৭ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ৪.১ ডিগ্রি সেলসিয়াস বেশি। আজ, শুক্রবার শহরের তাপমাত্রা ৪০ ডিগ্রি পেরোতে পারে বলে আশঙ্কা। এদিন আকাশ সারাদিন পরিষ্কার থাকবে। গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি আরও বাড়বে। শহরে সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ২৫ থেকে ৮৯ শতাংশ। 

    লোডশেডিংয়ের ভয়

    দিনভর ঝলসানো গরমে পাখার নীচেও ঘেমে স্নান করে যেতে হচ্ছে। তারই মধ্যে শহরের বিভিন্ন জায়গায় শুরু হয়েছে বিদ্যুৎ বিভ্রাট। ভুক্তভোগীদের দাবি, কাউকে জানিয়েই লাভ হচ্ছে না। উত্তর-দক্ষিণ দমদম, সিঁথি, রাজারহাট-নিউটাউন চত্বরে বারবার লোডশেডিং হচ্ছে। সিইএসসি-র তরফে যদিও দাবি করা হয়েছে, বিদ্যুতের চাহিদা ও জোগানে সমস্যা নেই। কিছু জায়গায় ফিউজের গন্ডগোল হয়েছে। রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থা আবার এই বিভ্রাটের জন্য দায়ী করছে বেআইনি সংযোগ ও আবেদনহীন এসি-র ব্যবহারকে। সংস্থার এক আধিকারিক বলেন, “বেআইনি বিদ্যুৎ সংযোগ ও বিদ্যুতের বরাদ্দ বাড়ানোর আবেদন না করে এসি বসানোয় বিভিন্ন এলাকায় বিদ্যুৎ বিভ্রাট হচ্ছে। বেআইনি সংযোগ নিয়ে গ্রাহকেরা সচেতন হোন, এই প্রত্যাশা করব।”

    জেলার তাপমাত্রা

    বৃহস্পতিবারও রাজ্যের ১৪টি জায়গায় দিনের তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের গণ্ডি ছাড়িয়ে গিয়েছে। সব থেকে বেশি তাপমাত্রা (Weather Update) ছিল মেদিনীপুরে। সেখানে বৃহস্পতিবার দিনের তাপমাত্রা ছিল ৪২ ডিগ্রি সেলসিয়াস! স্বাভাবিকের থেকে ৫.১ ডিগ্রি সেলসিয়াস বেশি। পানাগড়ে দিনের তাপমাত্রা ছিল ৪১.৭ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ৪.৯ ডিগ্রি সেলসিয়াস বেশি। মেদিনীপুরের পাশাপাশি, হলদিয়ায় দিনের তাপমাত্রা ছিল স্বাভাবিকের থেকে ৭.২ ডিগ্রি সেলসিয়াস বেশি। সেখানে বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০.৭ ডিগ্রি সেলসিয়াস। 

    আরও পড়ুন: প্রতি বুথে কড়া নিরাপত্তা, দ্বিতীয় দফাতেও ১০০ শতাংশ কেন্দ্রীয় বাহিনী, জানাল কমিশন

    বাঁকুড়ায় দিনের তাপমাত্রা ছিল ৪১.২ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ৩.২ ডিগ্রি সেলসিয়াস বেশি। কলাইকুন্ডা, বর্ধমান, আসানসোল, পুরুলিয়া, ব্যারাকপুর, সিউড়ি, ঝাড়গ্রামে দিনের তাপমাত্রা ছিল ৪০ ডিগ্রি সেলসিয়াসের উপরে। পিছিয়ে নেই উপকূলবর্তী জেলাগুলিও। ডায়মন্ড হারবারে দিনের তাপমাত্রা ছিল ৪০.৫ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ৬.৬ ডিগ্রি সেলসিয়াস বেশি। দিঘায় দিনের তাপমাত্রা ছিল ৩৭.৯ ডিগ্রি সেলসিয়াস। সাগরদ্বীপে ছিল ৩৬ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস বেশি। ক্যানিংয়েও ৪০ ডিগ্রির গণ্ডি ছাড়িয়েছে তাপমাত্রা। বৃহস্পতিবার সেখানে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪১ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ৫.৩ ডিগ্রি সেলসিয়াস বেশি। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Lok Sabha Election 2024: প্রতি বুথে কড়া নিরাপত্তা, দ্বিতীয় দফাতেও ১০০ শতাংশ কেন্দ্রীয় বাহিনী, জানাল কমিশন

    Lok Sabha Election 2024: প্রতি বুথে কড়া নিরাপত্তা, দ্বিতীয় দফাতেও ১০০ শতাংশ কেন্দ্রীয় বাহিনী, জানাল কমিশন

    মাধ্যম নিউজ ডেস্ক: শুরু হয়ে গিয়েছে বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের (Lok Sabha Election 2024) উৎসব। সারা দেশ জুড়ে চলছে প্রথম দফার ভোট গ্রহণ। রাজ্যের তিন আসনেও চলছে নির্বাচন। শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে প্রতিটি বুথেই রয়েছে কেন্দ্রীয় বাহিনী। কমিশন সূত্রে জানানো হয়েছে, দ্বিতীয় দফাতেও রাজ্যে ১০০ শতাংশ বুথে কেন্দ্রীয় বাহিনী থাকবে। সেজন্য রাজ্যে আরও অতিরিক্ত ২২ কোম্পানি ফোর্স আনা হয়েছে। এর মধ্যে ৯ কোম্পানি সিকিম থেকে এবং ১৩ কোম্পানি মেঘালয় থেকে।

    দ্বিতীয় দফায় কোথায়, কত বাহিনী

    দ্বিতীয় দফায় ২৬ এপ্রিল ভোট (Lok Sabha Election 2024) নেওয়া হবে রায়গঞ্জ, বালুরঘাট ও দার্জিলিং আসনে। কমিশন সূত্রের খবর, দক্ষিণ দিনাজপুর ৭৩ কোম্পানি ফোর্স থাকবে। একইভাবে রায়গঞ্জ পুলিশ জেলায় ৬০ কোম্পানি, ইসলামপুর পুলিশ জেলায় ৫১ কোম্পানি, দার্জিলিং পুলিশ  জেলায় ৫১ কোম্পানি, শিলিগুড়ি পুলিশ  জেলায় ২১ কোম্পানি এবং কালিম্পং পুলিশ জেলায় ১৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে। মোট ২৭২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকবে দ্বিতীয় দফা ভোটের পাহারায়। অপ্রীতিকর ঘটনা এড়াতে কোনওরকম ঝুঁকি নিতে চাইছে না নির্বাচন কমিশন৷ কড়া নিরাপত্তার চাদরে চলবে ভোটগ্রহণ পর্ব৷ কমিশনের তরফে জানানো হয়েছে, যে সমস্ত বুথে ওয়েব কাস্টিং করা যাবে না, সেখানে সিসিটিভি রেকর্ডিং-এর ব্যবস্থা করা হবে। এছাড়াও থাকবে স্যাটেলাইট ফোনের পরিষেবা।

    আরও পড়ুন: প্রথম দফায় বাংলার কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে শুরু ভোটগ্রহণ

    প্রথম দফাতেও ১০০ শতাংশ বাহিনী

    এবারের লোকসভা নির্বাচনে (Lok Sabha Election 2024) বাংলায় সব থেকে বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকছে। আগেই এই কথা নির্বাচন কমিশনের তরফ থেকে জানানো হয়েছিল। এবার যাতে কোনও রকম হিংসা না হয় রাজ্যে, সেই দিক লক্ষ্য রেখেই কাজ করছে নির্বাচন কমিশন। এরাজ্যে প্রথম দফায় আজ, শুক্রবার কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার আসনে ভোটগ্রহণ চলছে। কোচবিহারে সবথেকে বেশি ১১২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। এছাড়াও প্রায় সাড়ে ৪ হাজার রাজ্য পুলিশ থাকছে ভোটের নিরাপত্তায়। কোচবিহারে মোট বুথের সংখ্যা ২ হাজার ৪৩। জলপাইগুড়িতে ৭৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। ৩ হাজার ৪৭৫ জন রাজ্য পুলিশ মোতায়েন থাকার কথা। জলপাইগুড়িতে মোট বুথের সংখ্যা ১ হাজার ৯০৪। আলিপুরদুয়ারে ৬৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। আলিপুরদুয়ারে মোট বুথের সংখ্যা ১ হাজার ৮৬৭।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Lok Sabha Election 2024: বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের উৎসব শুরু, প্রথম দফার ভোটগ্রহণ চলছে দেশে

    Lok Sabha Election 2024: বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের উৎসব শুরু, প্রথম দফার ভোটগ্রহণ চলছে দেশে

    মাধ্যম নিউজ ডেস্ক: শুরু হয়ে গিয়েছে বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের উৎসব (Lok Sabha Election 2024)। আজ, শুক্রবার ১৯ এপ্রিল থেকেই শুরু হয়ে গিয়েছে ভোট উৎসব। এবার নির্বাচন হবে সাত দফায়। প্রথম দফার নির্বাচনই শুরু হয়ে গিয়েছে এদিন সকাল সাতটায়। লোকসভার ৫৪৩টি আসনে ভোটগ্রহণ হবে সাত দফায়। প্রথম দফায় নির্বাচন হচ্ছে দেশের ১০২টি আসনে। ২১টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এই কেন্দ্রগুলি।

    ভোট-আখ্যান (Lok Sabha Election 2024)

    এদিন উত্তরপূর্বের দুই রাজ্যে চলছে বিধানসভা নির্বাচনও। এই রাজ্যগুলি হল সিকিম ও অরুণাচল প্রদেশ। অরুণাচল প্রদেশের চিন সীমান্ত ঘেঁষা একটি গ্রামে মাত্র একজন ভোটারের ভোট নিতে চলে গিয়েছেন পোলিং অফিসাররা। পাহাড়ের পাকদণ্ডী বেয়ে ৩৯ কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে বুথে পৌঁছেছেন তাঁরা। তৈরি হয়েছে আস্ত একটি বুথও। প্রথম দফায় ভোট করানোর দায়িত্বে রয়েছেন ১৮ লাখ নির্বাচন কর্মী। নির্বাচন (Lok Sabha Election 2024) বিঘ্নহীন করতে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। সারাদেশে ৩৬১ জন অবজারভার। তার মধ্যে ১২৭ জন জেনারেল অবজারভার, ৬৭ জন পুলিশ অবজারভার, ১৬৭ জন এক্সপেন্ডিচার অবজারভার। ৪৬২৭ ফ্লাইং স্কয়ার্ড, ২০২৮ ভিডিও সার্ভেলেন্স টিম। ১৩৭৪ ইন্টার স্টেট, ১৬২ ইন্টারন্যশনাল বর্ডার চেকিং। ভোটগ্রহণ পর্ব শুরু হয়েছে সকাল সাতটায়। চলবে সন্ধে ছ’টা পর্যন্ত। বুথ খোলা হয়েছে ১.৮৭ লাখ। নির্বাচন কমিশন সূত্রে খবর, এদিন যাঁরা মতদান করবেন, তাঁদের মধ্যে পুরুষ ভোটার ৮.৪ কোটি, মহিলা ৮.২৩ কোটি। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১১ হাজার ৩৭১ জন। প্রথম ভোট দিচ্ছেন ৩৫.৬৭ লক্ষ। ২০-২৯ বছর বয়সি ভোটারের সংখ্যা ৩.৫১ কোটি। এই দফায় ১৬২৫ প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে।

    কোথায় কত আসনে ভোট

    এদিন তামিলনাড়ুর ৩৯টি আসনেই ভোট হচ্ছে। নির্বাচন হচ্ছে উত্তরাখণ্ডের ৫টি, অরুণাচলের ২টি, মেঘালয়ের ২টি, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের ১টি, মিজোরামের ১টি, নাগাল্যান্ডের ১টি, পুদুচেরির ১টি, সিকিমের ১টি এবং লাক্ষাদ্বীপের ১টি আসনেও। এদিনই মতদান করবেন রাজস্থানের ১২টি, উত্তরপ্রদেশের ৮টি, মধ্যপ্রদেশের ৬টি, আসাম এবং মহারাষ্ট্রের ৫টি করে, বিহারের ৪টি এবং পশ্চিমবঙ্গের ৩টি কেন্দ্রের ভোটাররাও। ভোট দিচ্ছেন ত্রিপুরা, ছত্তিশগড় এবং জম্মু-কাশ্মীরের ১টি করে কেন্দ্রের ভোটাররাও।

    আরও পড়ুুন: দিনহাটাতেই ‘বন্দি’ থাকতে হবে উদয়নকে, ফরমান কমিশনের, বিপাকে তৃণমূল!

    হিংসাদীর্ণ মণিপুরে লোকসভার আসন রয়েছে ২টি – একটি ইনার মণিপুর, অন্যটি আউটার মণিপুর। বিশেষ পরিস্থিতির কারণে আউটার মণিপুরে নির্বাচন হবে দু’দফায়। ইনার মণিপুর আসনে নির্বাচন হচ্ছে এদিনই। আউটার মণিপুরে নির্বাচন হবে ১৯ এপ্রিল ও ২৬ এপ্রিল (Lok Sabha Election 2024)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Daily Horoscope: জেনে নিন আপনার রাশিফল (শুক্রবার ১৯/০৪/২০২৪)

    Daily Horoscope: জেনে নিন আপনার রাশিফল (শুক্রবার ১৯/০৪/২০২৪)

    চাকরি থেকে ব্যবসা, বন্ধু থেকে ব্যক্তিগত জীবন, ভ্রমণ থেকে স্বাস্থ্য—কী বলছে ভাগ্যরেখা? কেমন কাটতে পারে দিন?

    মেষ

    ১) আজকের দিনটি মোটের ওপর ভালো থাকবে।

    ২) নিজের কাজে মনোনিবেশ করুন।

    ৩) সঠিক পরিকল্পনা অনুযায়ী কাজ করুন।

    বৃষ

    ১)  আজকের দিনটি খুবই ভালো।

    ২)  নতুন সূচনা করতে পারেন।

    ৩) কাজে সাফল্য লাভ করবেন।

    মিথুন

    ১) আজকের দিনটি খুবই ভালো।

    ২) জীবনে প্রচুর সুখৃ,সমৃদ্ধি অর্জন করবেন।

    ৩) স্বাস্থ্য ভালো থাকবে ও কাজে সক্রিয় থাকবেন।

    কর্কট

    ১) আজকের দিনটি ভালো।

    ২) স্বাস্থ্যের যত্ন নিন।

    ৩) আত্মীয়দের কাছ থেকে বিশেষ উপহার পেতে পারেন।

    সিংহ

    ১) আজকের দিনটি ভালো। 

    ২) নতুন কিছু শেখার সুযোগ পেতে পারেন।

    ৩)  লক্ষ্য পূরণের জন্য অনুপ্রেরণার অভাব পরিলক্ষিত হতে পারে।

    কন্যা

    ১) স্বাস্থ্যের প্রতি সতর্ক থাকুন।

    ২) পরিবারের সদস্যদের সহযোগিতা লাভ করবেন।

    ৩) তাঁদের সাহায্যে ভালোভাবে নিজের দায়িত্ব পূরণ করতে পারবেন।

    তুলা

    ১) অসম্পূর্ণ ইচ্ছাপূরণ হবে।

    ২) আপনার স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে আজ।

    ৩) কোনও কাজে অত্যন্ত ব্যস্ত থাকবেন।

    বৃশ্চিক

    ১) বন্ধুত্ব প্রেম সম্পর্কে পরিণত হবে।

    ২) ব্যবসায়ে নতুন পরিকল্পনা কার্যকরী করতে পারেন।

    ৩) কাজে সাফল্যের জন্য ভালোভাবে নিজের বুদ্ধির ব্যবহার করুন।

    ধনু

    ১) মনের মধ্যে নতুন আশার সঞ্চার হবে।

    ২) বিবাদ এড়িয়ে যাওয়ার জন্য পরিবারের সঙ্গে ভেবেচিন্তে কথা বলুন।

    ৩) কাজকর্মে অধিক পরিশ্রম করতে হবে।

    মকর

    ১) কাজে অধিক পরিশ্রম করতে হবে।

    ২) বরিষ্ঠদের ওপর নিজের কাজের ভালো প্রভাব বিস্তার করবেন।

    ৩) সকলে আপনার কাজের প্রশংসা করবে।

    কুম্ভ

    ১) আজকের দিনটি খুবই ভালো।

    ২) ব্যবসা এগিয়ে যাওয়ার ভালো সুযোগ পাবেন।

    ৩) সারাদিনের দৌড়ঝাপের পর সন্ধ্যাবেলা আপনজনদের সঙ্গে সময় কাটানোর সুযোগ পেতে পারেন।

    মীন

    ১) চাকরিজীবীরা ব্যস্ত থাকবেন।

    ২) কাজের জন্য প্রশংসিত হবেন।

    ৩) সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন যাঁরা, তাঁরা সুসংবাদ পাবেন।

     

    DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

     

LinkedIn
Share