Tag: Madhyom

Madhyom

  • Khardah: সৌগতর সমর্থনে শহর তৃণমূলের মিছিল, গরহাজির প্রার্থী, বিধায়ক, পুর চেয়ারম্যান, তৃণমূলের কোন্দল প্রকাশ্যে

    Khardah: সৌগতর সমর্থনে শহর তৃণমূলের মিছিল, গরহাজির প্রার্থী, বিধায়ক, পুর চেয়ারম্যান, তৃণমূলের কোন্দল প্রকাশ্যে

    মাধ্যম নিউজ ডেস্ক: দমদম লোকসভার খড়দায় (Khardah) শাসক দলের কোন্দল একেবারে প্রকাশ্যে চলে এসেছে। শহর তৃণমূলের সভাপতির ডাকা মিছিলে গরহাজির পুরসভার চেয়ারম্যান সহ একাধিক কাউন্সিলর। ফলে, ভোট যত এগিয়ে আসছে তত বেআব্রু হচ্ছে খড়দায় শাসক দলের কোন্দল। পরিস্থিতি এমন যে রীতিমতো আড়াআড়ি বিভাজন হয়ে গিয়েছে তৃণমূল।

    তৃণমূলের মিছিলে নেই বিধায়ক, চেয়ারম্যান ও একাধিক কাউন্সিলর (Khardah)

    গত ১ মার্চ খড়দা (Khardah) রবীন্দ্রভবনে নির্বাচনী কমিটির চেয়ারম্যান স্থানীয় বিধায়ক ও মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের আহ্বানে দমদমের তৃণমূল প্রার্থী সৌগত রায়ের সমর্থনে কর্মী সভায় অনুপস্থিত থাকতে দেখা গিয়েছিল খড়দা পুরসভার একাধিক কাউন্সিলর সহ ব্লক স্তরের অনেক নেতাকে। সেই কাউন্সিলরদেরই একাংশ খড়দা শহর তৃণমূলের ব্যানারে রহড়া মন্দিরপাড়া থেকে মাঠ রাস্তা মোড় পর্যন্ত সৌগত রায়ের সমর্থনে মিছিল করলেন। যদিও এদিনের মিছিলে মন্ত্রী কিংবা তাঁর গোষ্ঠীর কেউ, পুরসভার পুরপ্রধান থেকে গোটা আটেক কাউন্সিলর অনুপস্থিত ছিলেন।  রাজনৈতিক মহলের ব্যাখ্যা, এদিনের মিছিল ছিল পাল্টা শক্তি প্রদর্শন। মিছিলের সামনের সারিতে শহর তৃণমূল সভাপতি ও কাউন্সিলর সুকণ্ঠ বণিক, উপ পুরপ্রধান সায়ন মজুমদার সহ কয়েকজন কাউন্সিলর উপস্থিত ছিলেন।

    আরও পড়ুন: সন্দেশখালি গেল সিবিআই টিম, কথা বললেন গ্রামের বাসিন্দাদের সঙ্গে

    পাল্টা মিছিলের ডাক তৃণমূল বিধায়কের

    মন্ত্রীর ডাকা কর্মী সভায় সৌগত রায় উপস্থিত থাকলেও এদিনের মিছিলে সৌগত রায়ের অনুপস্থিতি নিয়ে শুরু হয়েছে তরজা। যদিও আয়োজকদের দাবি, হঠাৎ করেই মিছিল ঠিক হওয়ায় সৌগত রায়ের অন্য জায়গায় প্রচার কর্মসূচি থাকায় তিনি আসতে পারেননি। এতে অবশ্য তারা দোষের কিছু দেখছেন না। এদিকে জানা গিয়েছে, এদিনের মিছিলের পাল্টা হিসেবে আগামী রবিবার মন্ত্রীর গোষ্ঠীর লোকজন মন্ত্রী এবং তাদের প্রার্থীকে সঙ্গে নিয়ে মোড়লপাড়া থেকে খড়দা স্টেশন পর্যন্ত মিছিলের ডাক দিয়েছে। তবে, খড়দা দ্বন্দ্ব যে সহজেই মিটবে না, তা শোভনদেব এবং সৌগত রায়ের কথাতেই স্পষ্ট হওয়া গিয়েছে। শোভনদেব বলেন, “মিছিল সম্পর্কে আমাকে কিছু জানানো হয়নি। গোষ্ঠী থাকতে পারে, দ্বন্দ্ব তো করছি না। আমি কোনও কর্মসূচি করলে একজনকে বাদ দিয়ে সবাইকেই বলি।”  কিন্তু সেই একজন কে, তা খোলসা করেননি মন্ত্রী। আবার সৌগত রায় বলেন, “যারা আলাদা মিছিল করেছেন, তারাও দলের অনুগত সৈনিক। আমি বিশ্বাস করি তারা এমন কিছু করবেন না যাতে দলের ক্ষতি হয়।”

    প্রার্থী আসেননি বলে বিধায়ককে জানানো হয়নি

    খড়দহ শহর তৃণমূলের সভাপতি সুকণ্ঠ বণিক বলেন, “মন্ত্রী প্রচণ্ড ব্যস্ত মানুষ। যেহেতু এদিন প্রার্থী সময় দিতে পারবেন না বলে জানিয়েছিলেন, তাই ওনাকে আমন্ত্রণ জানানো হয়নি। প্রার্থী এলে অবশ্যই বলতাম।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Panta Bhat: এই গরমে হিট স্ট্রোক এড়ানোর চাবিকাঠি ‘পান্তা ভাত’

    Panta Bhat: এই গরমে হিট স্ট্রোক এড়ানোর চাবিকাঠি ‘পান্তা ভাত’

    মাধ্যম নিউজ ডেস্ক: চৈত্র মাস থেকেই নিজের তেজ দেখাতে শুরু করেছিল সূর্য দেব। আর বৈশাখ পড়তেই সূর্যের তেজে জ্বলে পুড়ে যাচ্ছে বাংলা। ইতিমধ্যেই ৪৩ ডিগ্রি তাপমাত্রা ছুঁয়ে ফেলেছে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলা। তাপপ্রবাহের (heat wave) সতর্কবার্তাও জারি করেছে আলিপুর আবহাওয়া অফিস। আর এই গরমে শরীরকে সুস্থ রাখাই হল চ্যালেঞ্জের। প্রচুর পরিমাণে জল খাওয়ার পাশাপাশি খাওয়া-দাওয়া নিয়েও সচেতন থাকতে হবে। আর এই নাজেহাল পরিস্থিতিতে পান্তা ভাতের (Panta Bhat) উপকারিতা ভীষণ। এই গরমে যদি নিয়ম করে পান্তা ভাত খান, হিট স্ট্রোকের (heat stroke) ঝুঁকি এড়াতে পারবেন। শরীরে ঠান্ডা রাখার পাশাপাশি একাধিক রোগের বিপদ কমায় এই ‘পান্তা ভাত’।

    আসুন আজকের এই প্রতিবেদনে আমরা জেনেনি পান্তা ভাতের উপকারিতা

    পুষ্টিগুণের দিক থেকে পান্তাভাত একশোয় একশো

    রিহাইড্রেশন পান্তা ‘বডি রিহাইড্রেটিং ফুড’ হিসেবে পরিচিত। পান্তা ভাত শরীরকে ঠান্ডা করে। এই খাবারে যেহেতু তরলের পরিমাণ বেশি থাকে, তাই শরীরকে হাইড্রেটেডও রাখে।

    উপকারি ব্যাকটেরিয়া

    প্রোবায়োটিক্সে ভরপুর পান্তা ভাত। যা হজম শক্তি রক্ষায় সাহায্য করে। সেই সঙ্গে পান্তা সারাদিন কাজ করার জন্য শক্তি যোগাতে সাহায্য করে।

    অ্যাসিডিটি থেকে মুক্তি

    বিজ্ঞানীদের মতে পান্তাভাত পিএইচ ব্যালেন্স করতে সাহায্য করে। গ্যাস-অম্বল, অ্যাসিডিটি, আলসারের মতো সমস্যা থেকে মুক্তি দেয় এই খাবার।

    কোষ্ঠকাঠিন্যের সমস্যা

    ন্যাচারাল ল্যাক্সেটিভ হিসেবে কাজ করে। ফলে এটি কোষ্ঠকাঠিন্য কমাতে সহায়তা করে।

    রক্তচাপ নিয়ন্ত্রণ

    রক্তচাপের রোগীদের ক্ষেত্রে এটি বেশ কার্যকরী। সাধারণ ভাতের তুলনায় এতে সোডিয়ামের পরিমাণ কম। অন্যদিকে পটাশিয়ামের পরিমাণ যথেষ্ট বেশি। যা রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়ক। এছাড়াও অনিদ্রার সমস্যা দূরেও বিশেষ সহায়ক এই পান্তা ভাত।

    আরও পড়ুনঃ নববর্ষের ঢালাও মিষ্টিমুখের জেরে ডায়াবেটিসের বিপদ বাড়িয়ে তুলছেন না তো!

    গবেষণা কী বলছে?

    পান্তাভাতের প্রশংসাতেই পঞ্চমুখ চিকিৎসকেরাও। গবেষণা বলছে যে আগের দিন রেঁধে রাখা ভাত জল দিয়ে রেখে দিলে নাকি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে দারুণ কার্যকর। এছাড়াও পান্তা ভাত (Panta Bhat) খেলে শরীরের শক্তি বাড়ে। অসুখ-বিসুখ নাকি সহজে কাবু করতে পারে না। তাছাড়া খরচও কম আর খেতেও বেশ সুস্বাদু। মাছ, মাংস, ডিম, দুধ, ফলের মতো পুষ্টিকর খাবার ফেলে পান্তা ভাত খেয়ে কারও গায়ের জোর হতে পারে এটা ভাবাই যায় না। তাই আর দেরি নয় এই গরমে শরীর সুস্থ রাখতে কাল থেকেই শুরু করুন পান্তা খাওয়া। রাত্রে খাওয়ার পর অতিরিক্ত ভাতে জল ঢেলে সারারাত রেখে দিন। অথবা সকালের তৈরি গরম ভাতে জল ঢেলে রাত্রে কাঁচা লঙ্কা, পেঁয়াজ, লেবু সহযোগে তৃপ্তি করে খান পান্তা ভাত।

    DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না। এখানে বলা যে কোনও উপদেশ পালন করার আগে অবশ্যই কোনও চিকিৎসক বা বিশেষজ্ঞের পরামর্শ নিন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Weather Update: রবিতেও নিষ্কৃতি নেই, তাপমাত্রা আরও বাড়ার ইঙ্গিত, তাপপ্রবাহের লাল সতর্কতা

    Weather Update: রবিতেও নিষ্কৃতি নেই, তাপমাত্রা আরও বাড়ার ইঙ্গিত, তাপপ্রবাহের লাল সতর্কতা

    মাধ্যম নিউজ ডেস্ক: শনিবার বিকেল পাঁচটা পথে বেরোতেই গরম হলকা বইছে। শহর কলকাতায় অফিস ফেরতা পথচারীরা ঘেমে-নেয়ে একসার। কবে মিলবে মুক্তি? প্রশ্ন একটাই। তবে এখনই নিষ্কৃতি নেই। রবিবারও ঝাঁ-ঝাঁ রোদে পুড়তে চলেছে বাংলা। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, রবিবার দক্ষিণবঙ্গে অতি তীব্র তাপপ্রবাহ চলবে। শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছুঁয়ে ফেলল ৪১ ডিগ্রি।

    রবিতেও তাপপ্রবাহ

    শনিবার দুপুরে প্রকাশিত আবহাওয়া দফতরের সতর্কবার্তা বলছে, কলকাতা-সহ দক্ষিণবঙ্গর সমস্ত জেলাতেই তীব্র তাপপ্রবাহ চলবে রবিবার পর্যন্ত। এ ছাড়া ছ’টি জেলা পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রাম, বীরভূম এবং পশ্চিম বর্ধমানে জারি করা হয়েছে লাল সতর্কতা। এই ছয় জেলায় রবিবার পর্যন্ত অতি তীব্র তাপপ্রবাহ চলবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। 

    সাধারণত কোনও এলাকার তাপমাত্রা স্বাভাবিকের থেকে সাড়ে ছয় ডিগ্রি সেলসিয়াস বেশি হলে অতি তীব্র তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়। স্বাভাবিকের থেকে সাড়ে চার ডিগ্রি সেলসিয়াস বেশি তাপমাত্রা থাকলে বলা হয় তীব্র তাপপ্রবাহ। রাজ্যে তাপপ্রবাহের পরিস্থিতি বুধবার পর্যন্ত বদলানোর কোনও লক্ষণ নেই। বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গ জুড়ে তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে তারা। দুই ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি এবং নদিয়ায় তাপপ্রবাহের সতর্কতা জারি থাকলেও বাকি ৯টি জেলায় তীব্র তাপপ্রবাহ চলবে।

    আরও পড়ুন: ভারতে বিক্রিত বেবি ফুডে অতিরিক্ত চিনি! নেসলের বিরুদ্ধে কড়া পদক্ষেপের পথে কেন্দ্র

    গরমে সতর্কতা

    এই গরমে দেহে কোনওভাবেই জলের ঘাটতি হতে দেওয়া যাবে না। সাধারণ জলের পাশাপাশি নুন-চিনির জল খান। প্রয়োজনে ওআরএস-এর জলও খাওয়া যেতে পারে। এতে দেহে সোডিয়াম ও পটাশিয়ামের ভারসাম্য বজায় থাকবে। দেহে তরলের ঘাটতি বজায় রাখার জন্য ডায়েটে প্রচুর পরিমাণে মরসুমি ফল রাখুন। যে সব ফলে জলের ভাগ বেশি যেমন তরমুজ, শসা, পাকা পেঁপে ইত্যাদি বেশি করে খান। বেলা ১১টা থেকে বিকাল ৪ টের মধ্যে বাড়ির বাইরে বেরোতে বারণ করা হচ্ছে সকলকেই। গরম থেকে বারবার এসি-তে না ঢোকার পরামর্শ দিচ্চছেন চিকিৎসকরা। প্রচণ্ড গরম থেকে প্রচণ্ড ঠান্ডা—এই ট্রানজিশনের মধ্যে কিছু সময় দিন, যাতে শরীরটা আবহাওয়ার সঙ্গে খাপ খাইয়ে নিতে পারে। তবে, এসি ঘরে থাকলেও তাপমাত্রা খুব কম রাখবেন না।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Lok Sabha Election 2024: ৩৭০ ধারা প্রত্যাহার, প্রথমবার বহিরাগত প্রার্থী পেল জম্মু কাশ্মীর

    Lok Sabha Election 2024: ৩৭০ ধারা প্রত্যাহার, প্রথমবার বহিরাগত প্রার্থী পেল জম্মু কাশ্মীর

    মাধ্যম নিউজ ডেস্ক: জম্মু-কাশ্মীরে ৩৭০ ধারা (Lok Sabha Election 2024) বিলোপের পর প্রথম লোকসভা ভোট হতে চলেছে। জম্মু-কাশ্মীরে এবার ন্যাশনাল কনফারেন্স, পিপলস ডেমোক্র্যাটিক পার্টি, কংগ্রেস এবং বিজেপি ভোটের ছবিতে থাকলেও আঞ্চলিক কিছু ছোট দলও রয়েছে। কাশ্মীরে ৩৭০ ধারা প্রত্যাহারের ফলে এবার প্রথম ‘বহিরাগত’ প্রার্থী পেল উপত্যকা। ৩৭০ ধারা বাতিল করার পরে নির্বাচন কমিশন জানিয়েছিল, জম্মু ও কাশ্মীরে বসবাসকারী ভিন্নরাজ্যের মানুষও বিধানসভা নির্বাচনে এখন থেকে ভোটাধিকার পাবেন। জম্মু-কাশ্মীরের ‘ভূমিপুত্র’ না হলেও ভোট দিতে পারবে এই অঞ্চলের বসবাসকারী ব্যাক্তিরা। এমনকি, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার অধিকারও পাবে তারা। 

    প্রথম ‘বহিরাগত’ প্রার্থী

    কাশ্মীরের (Lok Sabha Election 2024) ইতিহাসে প্রথম ভিন্‌রাজ্যের বাসিন্দা হিসাবে লোকসভা ভোটে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন বলদেব কুমার। অনন্তনাগ-রজৌরি লোকসভা কেন্দ্রের নির্দল প্রার্থী হিসাবে শনিবার মনোনয়ন পেশ করছেন পঞ্জাবের মোহালির বাসিন্দা বলদেব কুমার। তিনি আদতে মোহালির নয়াগাঁও এলাকার বাসিন্দা হলেও বর্তমানে কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীরে থাকেন। মনোনয়ন পেশের পরে বলদেব বলেন, ‘‘আমি ২০১৪ সালের বন্যার সময় থেকে কাশ্মীরের মানুষের জন্য কাজ করেছি। বছরের অনেকটা সময় এখানেই কাটে। জম্মু ও কাশ্মীরের অনেক শিক্ষার্থীর শিক্ষার পৃষ্ঠপোষকতা করেছি। কাশ্মীর থেকে যে রোগীরা পঞ্জাবে স্বাস্থ্যপরীক্ষা এবং চিকিৎসার জন্য যান, তাদের জন্য একটি ভবন তৈরি করে রেখেছি, যাতে সেখানে তারা থাকতে পারেন।’’ জম্মু ও কাশ্মীরের মানুষের দাবি মেনেই তিনি ভোটে দাঁড়িয়েছেন বলে দাবি করেছে স্থানীয় একটি স্বেচ্ছাসেবী সংস্থার কর্ণধার বলদেব কুমার।

    আরও পড়ুন: ভারতে বিক্রিত বেবি ফুডে অতিরিক্ত চিনি! নেসলের বিরুদ্ধে কড়া পদক্ষেপের পথে কেন্দ্র

    কেন্দ্রীয়  সরকার ২০১৯ সালের ৫ অগস্ট ৩৭০ ধারা বাতিল করার ফলে বিশেষ অধিকার খুইয়েছে জম্মু ও কাশ্মীর (Jammu Kashmir)। আর সেই আইন বদলকে হাতিয়ার করেই এ বার লোকসভা ভোটে প্রথম ‘বহিরাগত’ প্রার্থী দেখলো কাশ্মীর উপত্যকা। ৩৭০ ধারা বাতিলের পরে এই অঞ্চলে নয়া ভোটার তালিকায় আরও কয়েক লক্ষ নাম যুক্ত হয়েছে। জম্মু ও কাশ্মীরের বিশেষ অধিকার ‘প্রত্যাহৃত’ না হলে  কয়েক লক্ষ মানুষ কোনও দিনই ভোটাধিকার পেতেন না। ভোটে দাঁড়ানোর সুযোগ পেতেন না বলদেবের মতো ‘বহিরাগত’রাও। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Bangladesh Temple Attacked: আগুন লাগানো হল কালী মন্দিরে! ফের বাংলাদেশের হিন্দু ধর্মস্থানে হামলা

    Bangladesh Temple Attacked: আগুন লাগানো হল কালী মন্দিরে! ফের বাংলাদেশের হিন্দু ধর্মস্থানে হামলা

    মাধ্যম নিউজ ডেস্ক: আবারও মন্দিরে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনা। এবারে ঘটনাস্থল বাংলাদেশ। বৃহস্পতিবার রাতে বাংলাদেশের (Bangladesh) ফরিদপুরের একটি মন্দিরে (Bangladesh Temple) আগুন লাগিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। এই ঘটনার পর ক্ষিপ্ত জনতা হামলা চালায় মন্দিরের পাশে নির্মাণ কাজে নিযুক্ত শ্রমিকদের উপর। ঘটনায় ২ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। তবে বাংলাদেশে হিন্দুমন্দিরে আগুন বা ভাংচুর নতুন ঘটনা নয়। দুষ্কৃতীদের লক্ষ্য থাকে হিন্দু মন্দিরগুলিতে। ঘটনায় গোটা হিন্দু সমাজের মধ্যে ভয়ভীতির পরিবেশ তৈরি হয়েছে।

    মধুখালী উপজেলায় মন্দিরে আগুন (Bangladesh Temple)?

    ফরিদপুরের (Faridpur) মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নের পঞ্চপল্লী মূলত হিন্দু অধ্যুষিত এলাকা। সেখানে রয়েছে একটি কালী মন্দির (Kali Temple )। মন্দিরের পাশেই রয়েছে একটি প্রাথমিক স্কুল। সেখানেই শৌচাগার নির্মাণের কাজ করছিলেন কয়েকজন নির্মাণ শ্রমিক। স্থানীয়দের দাবি, বৃহস্পতিবার সন্ধ্যা সাতটা নাগাদ তাঁরা দেখেন মন্দিরে আগুন (Bangladesh Temple) লেগে গিয়েছে। জানা গেছে, এর পরই কয়েকশ উন্মত্ত জনতা ক্ষিপ্ত হয়ে স্কুলে থাকা ওই শ্রমিকদের ওপর হামলা চালায়। ক্ষুব্ধ জনতার অভিযোগ নির্মাণ কাজে নিযুক্ত ওই দুষ্কৃতীরাই মন্দিরে আগুন লাগিয়েছে।

    পুলিশের বক্তব্য

    এপ্রসঙ্গে ফরিদপুরের ডিসি কামরুল হাসান তালুকদার বলেন, “ওই ঘটনায় (Bangladesh Temple) দুজন শ্রমিক মারা গিয়েছেন এবং আহত হয়েছেন আরও পাঁচজন। হামলার পরেই আহতদের নিয়ে আসা হয় ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর মেডিক্যাল কলেজ হাসপাতালে। সেখানেই মৃত্যু হয় ওই দুজনের। এই ঘটনায় হতাহতরা সবাই মধুখালী এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে।”

    ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বক্তব্য

    এপ্রসঙ্গে ডুমাইন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান তপন সাংবাদিকদের বলেন,”খবর (Bangladesh Temple) পেয়েই আমরা সেখানে আসি। উত্তেজিত জনতাকে শান্ত করার চেষ্টা করেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারিনি। পরে পুলিশ এবং প্রশাসনের লোকজন এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।”

    আরও পড়ুনঃ সন্দেশখালির ছায়া বীরভূমে, বউ সুন্দরী না হলে মিলবে না প্রকল্পের সুবিধা!

    কিন্তু ওই মন্দিরে (Bangladesh Temple) কীভাবে আগুন লাগলো? কেউ কী সেখানে আগুন লাগিয়েছিল সেটা নিশ্চিত করে বলতে পারেননি সেখানের পুলিশ সুপার মোরশেদ আলম। তবে সেখানে যাতে আর নতুন করে উত্তেজনা না ছড়ায় সেদিকে নজর রাখতে এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত বিজিবি (Border Guard Bangladesh-BGB)। এলাকায় ব্যাপক উত্তেজনা রয়েছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Mithun Chakraborty: সুকান্তর সমর্থনে মিঠুনের রোড শোয়ে জনজোয়ার, দুর্নীতি নিয়ে তৃণমূলকে তোপ

    Mithun Chakraborty: সুকান্তর সমর্থনে মিঠুনের রোড শোয়ে জনজোয়ার, দুর্নীতি নিয়ে তৃণমূলকে তোপ

    মাধ্যম নিউজ ডেস্ক: লোকসভা নির্বাচনে বিজেপির প্রার্থী সুকান্ত মজুমদারের হয়ে জেলায় এসেছেন বলিউডের সুপারস্টার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty) । শুক্রবার তপন বিধানসভা এলাকায় মিঠুন জনসভা করার পর এদিন গঙ্গারামপুরে রোডশো করলেন। বালুরঘাটের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারের সমর্থনে জনসভা ও রোডশো করলেন মহাগুরু মিঠুন চক্রবর্তী। সঙ্গে ছিলেন রুদ্রনীল ঘোষ। সুকান্ত মজুমদার ও গঙ্গারামপুরের বিধায়ক সত্যেন রায়।

    গঙ্গারামপুরে মিঠুনের রোডশো (Mithun Chakraborty)

    এদিন গঙ্গারামপুরের প্রধান সড়ক ধরে রোড শো চলতে থাকে। হাজার হাজার বিজেপি কর্মী-সমর্থক মিছিলে হাঁটেন। দেখা গেল, গঙ্গারামপুরের জনপ্রিয় ক্ষীর দই মিঠুন (Mithun Chakraborty) চক্রবর্তীর হাতে তুলে দেন সুকান্ত মজুমদার। গঙ্গারামপুরে সিপিএমের জেলা পার্টি অফিসের সামনে অনেকক্ষণ মিঠুন চক্রবর্তীর রোডশো দাঁড়িয়ে যায়। পার্টি অফিসে অনেকেই দেখা গেল ব্যালকনিতে। বালুরঘাট লোকসভায় তৃণমূলের প্রার্থী হয়েছে বিপ্লব মিত্র। আর গঙ্গারামপুরে তাঁর বাড়ি। তৃণমূলের প্রার্থী বিপ্লব মিত্রর বাড়ির এলাকায় রোড শো করেন বিজেপির রাজ্য জেলা সভাপতি তথা বিজেপির প্রার্থী সুকান্ত মজুমদার ও মিঠুন চক্রবর্তী। জেলার রাজনীতিতে গঙ্গারামপুরকে তৃণমূলের গড় হিসেবে ধরা হয়। সেই এলাকায় মিঠুন চক্রবর্তী ও সুকান্ত মজুমদারের  রোড শোয়ে সাধারণ মানুষের ভিড় ও উৎসাহ দেখে জয় নিশ্চিত বলে  বিজেপি কর্মীরা আশা করছেন।

    আরও পড়ুন: সন্দেশখালি গেল সিবিআই টিম, কথা বললেন গ্রামের বাসিন্দাদের সঙ্গে

    দুর্নীতিগ্রস্তদের উচিত শিক্ষা দিয়ে দিন

    গঙ্গারামপুরের রোডশোর পাশাপাশি কুশমন্ডিতে এক জনসভা করেন সুকান্ত মজুমদার ও মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। মিঠুন নাম না করে কয়লা চুরি বালি চুরি, গরু চুরি কিছুই বাদ রাখেননি। মহাগুরু বলেন, যে দল কয়লা, বালি, গরু চুরি সঙ্গে যুক্ত সেই দলের প্রার্থীকে ভোট না দিয়ে বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারকে ভোটে জেতানো আহ্বান জানান। তিনি আরও বলেন, আমি সাপের ডায়লগটা বলার জন্য আমার ওপর মামলা করেছিল। তাই আমি কিছু ডায়লগ ঘুরিয়ে বলছি। আমি জল ঢোরা নই, বালি বড়াই নই, আমি সেই সাপ যে ছোট ছোট ইঁদুর খুঁজে বেরোচ্ছি। আমরা দুর্নীতিগ্রস্ত নই। রেশন চুরি, কয়লা চুরি ও মানুষের লেখাপড়া বিদ্যা চুরি করি না। আমরা সুন্দর বাংলা প্রদান করব। ওরা দুর্নীতিগ্রস্ত। মেয়েদের সঙ্গে দুর্ব্যবহার করে। তাই এবারে সময় বুঝে দুর্নীতিগ্রস্তদের উচিত শিক্ষা দিয়ে দিন। আর সুকান্ত মজুমদারকে দ্বিতীয় বারের জন্য সাংসদ করুন।

    ৫০ হাজার লিড পাব!

    এই বিষয়ে সুকান্ত মজুমদার বলেন, গঙ্গারামপুরে মিঠুনের রোড শোয়ে যেরকম মানুষের ভিড় ও উৎসাহ দেখলাম তাতে গঙ্গারামপুর থেকে ৫০ হাজার ভোটে লিড পাবো। আমরা মিঠুন চক্রবর্তীকে গঙ্গারামপুরের বিখ্যাত ক্ষীর দই উপহার দিলাম। তিনি দই খেয়ে সুনাম করলেন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Karnataka: কর্নাটকে লাভ জিহাদ, কলেজেই কংগ্রেস নেতার মেয়েকে কুপিয়ে হত্যা মুসলিম সহপাঠীর

    Karnataka: কর্নাটকে লাভ জিহাদ, কলেজেই কংগ্রেস নেতার মেয়েকে কুপিয়ে হত্যা মুসলিম সহপাঠীর

    মাধ্যম নিউজ ডেস্ক: কলেজ ক্যাম্পাসের মধ্য়েই কর্নাটকে (Karnataka) কংগ্রেস নেতার মেয়েকে কুপিয়ে খুন করা হল। ছুরির কোপ মেরে কংগ্রেস নেতা নীরঞ্জন হিরেমাথের মেয়েকে খুন করা হয়েছে বলে অভিযোগ। অভিযুক্তর প্রস্তাবে রাজি না হওয়ার তাঁকে খুন করা হয়, দাবি নিহত নেহা হীরেমাথের পরিবারের। এই ঘটনাকে লাভ-জিহাদের (Love Jihad) আখ্যা দিয়েছে নিহতের পরিবার। তবে ঘটনাটিকে আড়াল করতে উঠে পড়ে লেগেছে কর্নাটকের কংগ্রেস সরকার। এই নিয়ে সিদ্দারামাইয়া প্রশাসনকে তুলোধনা করেছে কর্নাটক বিজেপি। 

    কী ঘটেছিল

    কর্নাটকের কেএলই টেকনোলজিক্যাল বিশ্ববিদ্য়ালয়ে কম্পিউটার অ্যাপ্লিকেশনের স্নাতকোত্তরের (MCA) প্রথম বর্ষে পড়তেন নেহা। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত ফয়াজ নেহার পরিচিত। বেলাগাভি জেলার সাভাদত্তির বাসিন্দা ফয়াজও ওই একই কলেজে পড়ত। তবে ছয় মাস আগে পরীক্ষায় ফেল করার পর কলেজে আসা বন্ধ করে দিয়েছিল সে। বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে কলেজে আসে ফয়াজ। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, নেহা পিছনের দিকে হেঁটে যাচ্ছিলেন। সেই সময় ফয়জের সঙ্গে সামান্য কথোপকথনে জড়ান। হঠাৎই ফয়াজ তাঁর উপর আক্রমণ চালায়। পরপর এলোপাথাড়ি ছুরির কোপ মারতে থাকে। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন নেহা। দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। খুনের পর ঘটনাস্থল ছেড়ে পালিয়ে গিয়েও শেষরক্ষা হয়নি। পুলিশের হাতে ধরা পড়ে অভিযুক্ত। হুব্বালি ধরওয়াদের পুলিশ কমিশনার রেনুকা সুকুমার জানিয়েছেন, অপরাধের পর পালিয়ে গেলেও তাকে ৩০ মিনিটের মধ্য় গ্রেফতার করা হয়েছে। 

    নিজের সরকারের বিরুদ্ধে কংগ্রেস কাউন্সিলর 

    কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার সাম্প্রতিক বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন নিহত নেহার বাবা কংগ্রেস কাউন্সিলর নিরঞ্জন হিরেমাথ। সম্প্রতি সিদ্দারামাইয়া বলেন, ব্যক্তিগত কারণে নেহাকে খুন করা হয়েছে। নিরঞ্জন এই বক্তব্যের সমালোচনা করে বলেন, “এই মন্তব্য হতাশাজনক। পরিস্থিতির সম্পূর্ণ না বুঝে এই ধরনের বিবৃতি দেওয়া থেকে বিরত থাকার জন্য অনুরোধ করছি।”  “ব্যক্তিগত কারণ” শব্দটি অন্যায়ভাবে হিরেমাথ পরিবার এবং তার মেয়ের সুনামকে কলঙ্কিত করতে পারে, বলে মনে করেন নিরঞ্জন। তাঁর কথায়, কোনওদিনই নেহা ও অভিযুক্ত ফয়াজের মধ্যে কোনও সম্পর্ক ছিল না।তাঁরা শুধু এক কলেজে পড়তেন। ফয়াজ নেহাকে বিরক্ত করত। নেহা প্রত্যাখ্যান করায় তাঁকে খুন করা হয়েছে।

    আরও পড়ুন: ভারতে বিক্রিত বেবি ফুডে অতিরিক্ত চিনি! নেসলের বিরুদ্ধে কড়া পদক্ষেপের পথে কেন্দ্র

    ন্যায়বিচারের জন্য প্রতিবাদ

    দলিত সংগঠনের সদস্যরা নেহার ন্যায়বিচারের দাবিতে এবং অভিযুক্তদের কঠোরতম শাস্তির দাবিতে শহরে বিক্ষোভ করেছে। শ্রী রাম সেনার প্রধান প্রমোদ মুতালিকও এই জঘন্য অপরাধের তীব্র নিন্দা জানিয়ে নেহার জন্য শোক প্রকাশ করেছেন।  এবিভিপি সদস্যরা বিভিবি কলেজের কাছে ব্যস্ত হুবলি-ধারওয়াদ রোড অবরোধ করে হুব্বলিতে বিক্ষোভ করেছে। বেলাগাভিতেও বিক্ষোভ দেখিয়েছে এবিভিপি কর্মীরা। বজরং দলের কর্মীরা এবং হিন্দু জন জাগৃতি সমিতির সদস্যরা অভিযুক্তদের দ্রুত শাস্তির দাবি জানিয়েছে। সিদ্দারামাইয়া প্রশাসনের আমলে কর্নাটকের আইশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরব বিজেপি। দলের মুখপাত্র শেহজাদ পুনেওয়ালা ও গৌরব ভাটিয়া কংগ্রেসের সংবেদনহীনতাকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Sandeshkhali: সন্দেশখালি গেল সিবিআই টিম, কথা বললেন গ্রামের বাসিন্দাদের সঙ্গে

    Sandeshkhali: সন্দেশখালি গেল সিবিআই টিম, কথা বললেন গ্রামের বাসিন্দাদের সঙ্গে

    মাধ্যম নিউজ ডেস্ক: কলকাতা হাইকোর্টের নির্দেশে সন্দেশখালি (Sandeshkhali) ঘটনার তদন্তভার সিবিআই নেওয়ার পর বেশ কয়েক বার থানায় এসেছেন কেন্দ্রীয় সংস্থার তদন্তকারী আধিকারিকেরা। শনিবারও তদন্তের সন্দেশখালি যায় সিবিআই টিম। জানা গিয়েছে, সন্দেশখালিতে সিবিআই ইতিমধ্যে নিজস্ব একটি পোর্টাল চালু করেছে। সেখানে সন্দেশখালির মানুষ তাদের অভাব অভিযোগ, নারী নির্যাতন, জমি লুট সহ একাধিক অভিযোগ জানাতে পারবে বলা হয়েছিল। ইতিমধ্যে সিবিআই সূত্রের খবর, সেখানে বেশ কিছু অভিযোগ জমা পড়েছে। একটি দল থানায় যায়। আর অন্য একটি দল যায় গ্রামে।

    কেন সন্দেশখালিতে সিবিআই? (Sandeshkhali)

    সিবিআই সূত্রে জানা গিয়েছে, পোর্টালে অভিযোগের তদন্ত করতে এদিন ১০ জন সিবিআই আধিকারিক সন্দেশখালি (Sandeshkhali) থানার সুন্দরখালি, কর্ণ খালি, মাঝেরপাড়া, পাত্রপাড়া, নতুন পড়াসহ একাধিক পাড়ায় গিয়ে গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন। তাদের অভিযোগের ভিত্তিতে সত্যতা জানার চেষ্টা করেন। সন্দেশখালি কান্ড নিয়ে ইতিমধ্যে বসিরহাট পুলিশ জেলার পুলিশ সুপার হোসেন মেহেদি রহমান ও ন্যাজাট থানার পুলিশ আধিকারিকের কাছ থেকে ১৬ এপ্রিল সিবিআই তথ্য নিতে এসেছিল। তারপর এবার সন্দেশখালিতে সিবিআই টিম হানা দিল। প্রসঙ্গত, বসিরহাট পুলিশ জেলার পক্ষ থেকে ন্যাজাট ও সন্দেশখালি থানার দশটি জায়গায় পুলিশ অভিযোগ গ্রহণ কেন্দ্র খোলা হয়েছিল। সেখানে প্রচুর অভিযোগ জমা পড়েছিল, সেই অভিযোগগুলো সিবিআই আধিকারিকরা রাজ্য পুলিশের কাছ থেকে হস্তান্তর করে নিজের দায়িত্বে নেন। তারপর এদিন সেই অভিযোগের সত্যতা জানতে সন্দেশখালিতে হাজির হন তাঁরা।

    আরও পড়ুন: দায়িত্ব পালনে ব্যর্থ! ভোটের মধ্যেই মুর্শিদাবাদের দুই ওসিকে সাসপেন্ড করল কমিশন

    বাড়ি বাড়ি গিয়ে গ্রামবাসীদের সঙ্গে কথা বলে সিবিআই টিম

    সিবিআই আধিকারিকরা বাড়ি বাড়ি গিয়ে গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন। সংশ্লিষ্ট মামলার তদন্তে এর আগে ওই এলাকায় সিবিআই গিয়েছে বলে শোনা যায়নি। সন্দেশখালিতে (Sandeshkhali) ইডির ওপর হামলার ঘটনায় ধৃতদের জিজ্ঞাসাবাদ করে বেশ কিছু তথ্য পেয়েছেন তদন্তকারীরা। সেই সূত্র ধরেই সুন্দরীখালিতে অভিযান বলে মনে করা হচ্ছে। সন্দেশখালি এবং ন্যাজাট থানায় ২০১৮ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত মহিলা নির্যাতন, জমির জবরদখল, স্থানীয় বাসিন্দাদের ওপর জুলুমবাজির যে সমস্ত অভিযোগ দায়ের হয়েছে, তার মধ্যে শাহজাহান শেখ ছাড়া নাম ছিল শিবু হাজরা এবং অন্যদের। যাঁদের বেশিরভাগই শাসকদলের সঙ্গে যুক্ত ছিলেন অথবা এখনও রয়েছেন। সেই বিষয়ে জানতে এদিন আধিকারিকরা সন্দেশখালি যান।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Nestle India: ভারতে বিক্রিত বেবি ফুডে অতিরিক্ত চিনি! নেসলের বিরুদ্ধে কড়া পদক্ষেপের পথে কেন্দ্র

    Nestle India: ভারতে বিক্রিত বেবি ফুডে অতিরিক্ত চিনি! নেসলের বিরুদ্ধে কড়া পদক্ষেপের পথে কেন্দ্র

    মাধ্যম নিউজ ডেস্ক: খাদ্যসুরক্ষা নিয়ে বিরাট প্রশ্নের মুখে পড়ল নেসলে ইন্ডিয়া (Nestle India)। অভিযোগ, ভারতের বাজারে বিক্রিত শিশুখাদ্যে চিনি মেশাচ্ছে নেসলে সংস্থা। যা শিশুদের পক্ষে একাধিক সমস্যার কারণ হতে পারে। ‘পাবলিক আই’ নামক এক সুইস সংস্থার অনুসন্ধানে এই তথ্য উঠে এসেছে। এর ফলে এবার কড়া শাস্তির মুখে পড়তে পারে নেসলে। কোম্পানির বিরুদ্ধে এবার তদন্তে নামছে কেন্দ্রীয় সংস্থা ফুড সেফটি অ্যান্ড স্ট্য়ান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া (FSSAI)। অভিযোগ প্রমাণিত হলে ভারত থেকে ব্যবসা গোটানোর নির্দেশ জারির রয়েছে সমূহ সম্ভাবনা। 

    কেন চিনি খারাপ

    বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে দুই বছরের কম বয়সি শিশুদের চিনি না খাওয়ানোর পরামর্শ দেওয়া হয়েছে। ২০২২ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে এই নিয়ে কড়া নির্দেশ জারি করে বলা হয়, শিশুরা খেতে পারে এমন কোনও খাবারে চিনি মেশানো যাবে না। অল্প বয়সে চিনি খেলে পরবর্তীকালে চিনিজাতীয় খাবারের দিকেই আসক্তি বাড়ে। যা থেকে ওবেসিটি, ডায়াবেটিস, পেটের সমস্যা, হার্ট ও লিভারের সমস্যা তৈরি হয়।

    নেসলের বিরুদ্ধে অভিযোগ

    অভিযোগ, ভারতের বাজারে বিক্রিত শিশুখাদ্যে চিনি মেশানো হলেও ব্রিটেন ও ইউরোপীয় বাজারে বিক্রিত শিশুখাদ্যে কোনও চিনি মেশানো হয় না। পাবলিক আই ও ইন্টারন্যাশনাল বেবিফুড অ্যাকশন নেটওয়ার্কের যৌথ গবেষণায় এই পার্থক্য ধরা পড়েছে। এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকা থেকে নেসলের শিশুখাদ্যের নমুনা সংগ্রহ করা হয়েছিল। সেই নমুনা বেলজিয়ামের গবেষণাগারে পাঠানো হয়। সেখানেই দেখা যায়, ব্রিটেন ও ইউরোপে বিক্রিত খাবারের মধ্যে চিনি নেই। অথচ এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার দেশগুলিতে বিক্রিত খাবারের মধ্যে চিনি মেশানো হয়। ভারতে প্রতি পরিবেশনে ২.২ গ্রাম চিনি মেশায় নেসলে ইন্ডিয়া।

    আরও পড়ুন: ‘‘সংরক্ষণ থাকবে, মোদির নামেই প্রথম দফায় বাম্পার ভোট’’, বললেন শাহ

    ভারত সরকারের পদক্ষেপ

    এই তদন্ত রিপোর্টে বিষয়টি সামনে আসার পরই নড়েচড়ে বসে ভারত সরকার। এর পরই ফুড সেফটি অ্যান্ড স্ট্য়ান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া-কে (FSSAI) পুরো বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দেয় কেন্দ্রের নিয়ন্ত্রণাধীন সেন্ট্রাল কনজিউমার প্রোটেকশন অথরিটি (CCPA)। বিষয়টি নিয়ে মুখ খুলেছেন কেন্দ্রের ক্রেতা সুরক্ষা দফতরের সচিব ও সিসিপিএ-র ডিরেক্টর নিধি খারে। তাঁর কথায়, ‘আমরা নেসলের বিরুদ্ধে ওঠা অভিযোগের সঠিক তদন্তের জন্য FSSAI-কে চিঠি লিখেছি। সেখানে সেরেল্যাকের উল্লেখ্য রয়েছে।’ তদন্ত রিপোর্ট পেশ হলে সংস্থার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি। এর আগে শিশু অধিকার রক্ষার জাতীয় কমিশন এনসিপিসিআর-ও তদন্তের বার্তা দিয়ে বিজ্ঞপ্তি জারি করেছিল এফএসএসএআইয়ের উদ্দেশে।

    নেসলের সাফাই

    ইতিমধ্যেই এই বিষয় নিয়ে সাফাই দিয়েছে সুইজারল্যান্ডের বহুজাতিক কোম্পানি। নেসলের দাবি, গত পাঁচ বছরে ধীরে ধীরে চিনির পরিমাণ কমানো হয়েছে শিশুদের জন্য উৎপাদিত খাবারে। গত পাঁচ বছরে ধীরে ধীরে চিনির পরিমাণ কমানো হয়েছে শিশুদের জন্য উৎপাদিত খাবারে। আগেও বিতর্কে জড়িয়েছে নেসলে। ২০১৫-য় এই সংস্থার তৈরি জনপ্রিয় খাদ্যপণ্য ম্যাগিতে লেড এবং মনোসোডিয়াম গ্লুটামেট মেশানোর অভিযোগ ওঠে। ফলে কিছুদিনের জন্য ম্যাগিকে নিষিদ্ধ করে ভারত সরকার।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Saokat Molla: “আরাবুল জেলে, শওকত বাইরে কেন?”, পোস্টারে শোরগোল ভাঙড়ে

    Saokat Molla: “আরাবুল জেলে, শওকত বাইরে কেন?”, পোস্টারে শোরগোল ভাঙড়ে

    মাধ্যম নিউজ ডেস্ক: রাজ্যে শুরু হয়ে গেছে লোকসভা নির্বাচন (Lok sabha vote 2024), আর এরই মধ্যে ভাঙড়ে শোরগোল পড়েছে। শওকত মোল্লার (Saokat Molla) বিরুদ্ধে পড়ল পোস্টার। ক্যানিং পূর্বের এই তৃণমূল বিধায়ক গ্রেফতারির দাবিতে কলকাতা পুলিশের (Kolkata police) পোলেরহাট থানা এলাকার শ্যামনগরে পড়ল পোস্টার। ঘটনার জেরে শনিবার সকাল থেকে এলাকায় উত্তেজনা তৈরি হয়েছে।

    কী লেখা পোস্টারে?

    সাদা কাগজে কালো কালিতে কম্পিউটার প্রিন্টের পোস্টারে ছেয়ে গিয়েছে গোটা এলাকা। পুলিশি নিষ্ক্রিয়তা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে পোস্টারে। পোস্টারে লেখা রয়েছে, “ক্যানিং ও জীবনতলা থেকে লোক এনে ভাঙড়ে (Bhangar) সন্ত্রাস করে খুন করা হল। আর ওই খুনের দায়ে আরাবুল (Arabul Islam) জেলে কিন্তু শওকত মোল্লা বাইরে কেন? প্রশাসন জবাব দাও!” এর পাশাপাশি পোস্টারে আরও লেখা রয়েছে, “জনগনের প্রকল্পের টাকা চুরি করে নেতা-মন্ত্রীরা সব জেলে কেন? কয়লাকাণ্ডের অভিযুক্ত শওকাত মোল্লা জবাব দাও।” এর পাশাপাশি শওকতকে ভাঙড়ে বোমা-গুলির ‘মাস্টার মাইন্ড’ বলেও পোস্টারে কটাক্ষ করা হয়েছে। পোস্টারে লেখা হয়েছে, “‌মুখ্যমন্ত্রী দ্বারা স্বীকৃত বোমা, গুলির মাস্টারমাইন্ড শওকত মোল্লার ভাঙড়ে ঠাঁই নাই।”‌

    শওকত বিরোধী গোষ্ঠীর পোস্টার?

    তবে রাতের অন্ধকারে কে বা কারা ওই পোষ্টার (posters) লাগাল তা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। বিরোধীরা কেউ দিল, নাকি শাসক দলে শওকতের কোনও বিরুদ্ধ গোষ্ঠীর কাজ এটা, তা নিয়ে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে চাপানউতোর ৷ কারণ, পোস্টারে কারও নাম না থাকলেও একাধিক ইস্যুতে কাঠগড়ায় তোলা হয়েছে শুধু শওকতকেই ৷

    আরও পড়ুনঃ মমতার বিরুদ্ধে এবার উস্কানি ও হিংসা ছড়ানোর অভিযোগে কমিশনে দ্বারস্থ বিজেপি

    শওকতের বক্তব্য

    এপ্রসঙ্গে তৃণমূল নেতা শওকত বলেন, “আমি জানি না কারা এই সব করেছে। পক্ষের লোক নাকি বিপক্ষের লোক। তবে যারাই করছে তারা আমাদের আশীর্বাদ করেছে, দোয়া করছে। কারণ এইসব করলে তৃণমূল (TMC) আরও বেশি শক্তিশালী হবে। ভাঙড়ের মানুষ মিথ্যাকে কখনও প্রশ্রয় দেবে না।” তবে স্থানীয় সূত্রে খবর, পোলেরহাট ২ পঞ্চায়েত এলাকা জমি কমিটির আঁতুড়ঘর বলেই পরিচিত। তবে আইএসএফ শ্যামনগর এলাকায় যথেষ্ট শক্তি অর্জন করে রয়েছে। ফলে ওই এলাকায় শওকতের (Saokat Molla) বিরুদ্ধে এমন বিদ্বেষমূলক পোস্টার লাগানোর পিছনে জমি কমিটি নাকি আইএসএফ যুক্ত সেটা খতিয়ে দেখা হচ্ছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

LinkedIn
Share