Tag: Madhyom

Madhyom

  • Navaratri 2023: আজ মহাষষ্ঠী, জানুন মাতা কাত্যায়নী কীভাবে হয়ে উঠেছিলেন ‘মহিষাসুরমর্দিনী’

    Navaratri 2023: আজ মহাষষ্ঠী, জানুন মাতা কাত্যায়নী কীভাবে হয়ে উঠেছিলেন ‘মহিষাসুরমর্দিনী’

    মাধ্যম নিউজ ডেস্ক: হিমালয়ের কোলে ঘন অরণ্যঘেরা এক ঋষির আশ্রম। ‘কাত্য’ গোত্রধারী ওই ঋষির নাম কাত্যায়ন (Navaratri 2023)। দীর্ঘদিন তিনি মাতা অম্বিকাকে নিজের কন্যা রূপে পাওয়ার জন্য তপস্যায় রত ছিলেন। পুরাণে কথিত আছে, দেবী তাঁর এই তপস্যায় প্রসন্ন হয়েছিলেন এবং তাঁকে এরূপ বর দিয়েছিলেন যে, ‘‘যখন দেবতাদের প্রয়োজন হবে, তখন তিনি তাঁর কন্যা রূপে অবতীর্ণ হবেন।’’ বামন পুরাণ অনুযায়ী, মহিষাসুরের কাছে স্বর্গরাজ্য হারিয়ে বিতাড়িত দেবতারা শরণাপন্ন হয়েছিলেন ত্রিদেব অর্থাৎ ব্রহ্মা-বিষ্ণু-মহেশ্বরের। মহর্ষি কাত্যায়নের আশ্রমে এই ত্রিদেবের তেজ থেকে উদ্ভব হয়  অষ্টাদশভূজা এক নারী মূর্তির, ইনিই মাতা কাত্যায়নী। নবরাত্রির (Navaratri 2023) মহাষষ্ঠীর দিন আরাধিতা হন দেবী কাত্যায়নী। মহর্ষি কাত্যায়নের আশ্রমে সমস্ত দেবগণ নিজেদের অস্ত্র দ্বারা সাজাতে শুরু করলেন মাতা কাত্যায়ানীকে। শিব দিলেন তাঁর ত্রিশূল, ভগবান বিষ্ণু প্রদান করলেন তাঁর সুদর্শনচক্র,অগ্নি দিলেন শক্তি, বায়ু দিলেন ধনুক, সূর্য দিলেন তিরভরা তূণীর, ইন্দ্র দিলেন বজ্র, কুবের দিলেন গদা, ব্রহ্মা দিলেন অক্ষমালা ও কমণ্ডলু, কাল দিলেন খড়্গ ও ঢাল এবং বিশ্বকর্মা দিলেন কুঠার ও অন্যান্য যুদ্ধাস্ত্র। এইভাবে সমস্ত দেবতা তাঁদের অস্ত্র তুলে দিলেন দেবীর হাতে মহিষাসুর বধের নিমিত্তে।

    মহিষাসুরের সঙ্গে যুদ্ধ

    পুরাণে কথিত আছে, এরপর দেবী গেলেন মহিষাসুরের সঙ্গে যুদ্ধ করতে। মহিষাসুরের দু’জন চর দেবীকে দেখে, মহিষাসুরের নিকটে গিয়ে তাঁর রূপ বর্ণনা করলেন। দেবীর রূপে মুগ্ধ মহিষাসুর,দেবীকে লাভ করতে চাইলেন। মাতা কাত্যায়নী তখন শর্ত দিলেন যে, ‘‘তাঁকে লাভ করার পূর্বে যুদ্ধে পরাস্ত করতে হবে।’’ শুরু হল মহিষাসুরের সঙ্গে মাতা কাত্যায়নীর এক প্রবল যুদ্ধ। মাতা কাত্যায়নী ছিলেন তাঁর বাহন সিংহের উপর সওয়ার, অন্যদিকে মহিষাসুর ছিলেন মহিষের রূপে। পুরাণে আরও উল্লেখ রয়েছে, যুদ্ধ চলাকালীন মাতা কাত্যায়নী পা দিয়ে তীব্র আঘাত করেন ওই ছদ্মবেশী মহিষকে। আঘাতে মহিষাসুর ধরাতলে পতিত হলে, মাতা কাত্যায়নী তাঁকে ত্রিশূল দ্বারা বধ করেন। এভাবেই মাতা কাত্যায়নী হয়ে ওঠেন ‘মহিষাসুরমর্দিনী’। যে মহিষাসুরমর্দিনীকে (Navaratri 2023) কেন্দ্র করেই প্রতি বছর সম্পন্ন হয় দুর্গাপুজো। যে মহিষাসুরমর্দিনীর স্তব প্রত্যহ মহালয়ার ভোরবেলায় বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কন্ঠে আমরা শুনতে পাই। পুরাণ অনুযায়ী, দেবতারা যুদ্ধ শেষে মাতার কাত্যায়নীর উদ্দেশে পুষ্পবৃষ্টি করেন। রম্ভাপুত্র মহিষাসুরের অত্যাচারে যে দেবতারা স্বর্গ থেকে বিতাড়িত হয়েছিলেন, তাঁরাই আবার স্বর্গরাজ্যের অধিকার ফিরে পেলেন মাতা কাত্যায়নীর কৃপায়।

    দেবী কাত্যায়নীর প্রথম উল্লেখ মেলে তৈত্তিরীয় আরণ্যক গ্রন্থে

    দেবী কাত্যায়নীর প্রথম উল্লেখ পাওয়া যায় তৈত্তিরীয় আরণ্যক গ্রন্থে। মার্কণ্ডেয় রচিত ‘দেবী মাহাত্ম্য’-এ মাতা কাত্যায়নীর দিব্যলীলার বর্ণনা রয়েছে। এর সঙ্গে সঙ্গে দেবী ভাগবত পুরাণেও মাতা কাত্যায়নীর (Navaratri 2023) লীলা বর্ণিত হয়েছে। আবার বৈষ্ণবদের ভাগবত পুরাণেও মাতা কাত্যায়নীর পুজোর উল্লেখ পাওয়া যায়। ভাগবত পুরাণে, এটি কাত্যায়নী ব্রত নামেই পরিচিত। ব্রজের গোপীরা শ্রীকৃষ্ণকে পতি রুপে পেতে এই ব্রত উদযাপন করত। মাঘ মাস জুড়ে এই ব্রত চলত। যমুনা নদীর তীরে মাতা কাত্যায়নীর মাটির মূর্তি তৈরি করে দীপ, ফল, চন্দন, ধূপ দ্বারা মাতার আরাধনা করার পরম্পরা ছিল উত্তর ভারতে। আবার একই ভাবে মকর সংক্রান্তিতে, দক্ষিণ ভারতের তামিলনাড়ুতে পোঙ্গল উৎসবে মাতা কাত্যায়নীর পুজো চালু রয়েছে।

    কীভাবে সন্তুষ্ট হন মাতা কাত্যায়নী

    মাতা কাত্যায়নীর এই স্বরূপ শৌর্য, তেজ এবং পরাক্রমের প্রতীক বলেই বিবেচিত হয়। পুরাকালে মাতা কাত্যায়নী যেমন মহিষাসুরকে বধ করে আসুরিক শক্তি তথা অশুভ শক্তির বিনাশ করেছিলেন, ঠিক একইভাবে ভক্তদের জীবন থেকে সমস্ত অশুভ শক্তিকে তিনি বিনষ্ট করেন এবং আসুরিক যা কিছু প্রবৃত্তি সেটাও তিনি ধ্বংস করেন বলেই বিশ্বাস রয়েছে ভক্তদের। মাতার এই রূপের উপাসনা করলে সমস্ত অশুভ প্রভাব থেকে নিজেকে মুক্ত করা যায়, জীবনের সমস্ত বাধাবিঘ্ন দূর হয়, রোগ, ভয়, ব্যাধি সমস্ত কিছু মাতা হরণ করে নেন বলেই ভক্তদের ধারণা। মাতা কাত্যায়নীর ভক্তরা নৈবেদ্যতে (Navaratri 2023) মায়ের উদ্দেশে মধু নিবেদন করেন। এতে মা সন্তুষ্ট হন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Navaratri 2023: আজ মহাপঞ্চমীর মাহাত্ম্য কী? জানুন দেবী স্কন্দমাতার পৌরাণিক আখ্যান

    Navaratri 2023: আজ মহাপঞ্চমীর মাহাত্ম্য কী? জানুন দেবী স্কন্দমাতার পৌরাণিক আখ্যান

    মাধ্যম নিউজ ডেস্ক: পুরাণ অনুযায়ী, দেবাদিদেব মহাদেবের পুত্র হলেন দেব সেনাপতি কার্তিক। তাঁর অপর নাম স্কন্দ। স্কন্দমাতা মানে হল কার্তিকের মাতা। দেবী পার্বতীর এই রূপেরই পুজো করা হয় নবরাত্রির পঞ্চমীর দিন। কার্তিকের জন্মবৃত্তান্ত এবং মাতা পার্বতীর স্কন্দমাতা হয়ে ওঠার কাহিনি জানতে হলে অপর একটি পৌরাণিক কাহিনি শুনতে হবে (Navaratri 2023)।

    অসুর-দেবতা যুদ্ধ

    পুরাকালে বজ্রাঙ্গ নামে এক অসুর রাজা ছিলেন। তিনি ছিলেন দিতির পুত্র। দেবতাদের রাজা ইন্দ্রকে বজ্রাঙ্গ সিংহাসনচ্যুত করে বন্দি করেন। দেবতাদের প্রতি বজ্রাঙ্গের এই রোষ আসলে ছিল তাঁর প্রতিশোধ। কারণ ইতিপূর্বে দিতির অসংখ্য পুত্রকে মানে বজ্রাঙ্গের নিজ ভাইদের দেবতারা হত্যা করেছিলেন। বজ্রাঙ্গের হাতে বন্দি ইন্দ্রকে মুক্ত করতে আসেন ব্রহ্মা এবং কাশ্যপ মুনি। কাশ্যপ মুনি ছিলেন বজ্রাঙ্গের পিতা, অর্থাৎ দিতির স্বামী। ব্রহ্মা এবং কাশ্যপ মুনির অনুরোধে বজ্রাঙ্গ তখনকার মতো ইন্দ্রকে (Navaratri 2023) মুক্ত করেন। 

    দৈত্য হয়েও এমন দয়ার ভাব বজ্রাঙ্গের মধ্যে দেখতে পেয়ে ব্রহ্মা তাঁকে বরদান করতে ইচ্ছাপ্রকাশ করলেন। বজ্রাঙ্গ তখন তপস্বী হওয়ার বর প্রার্থনা করলেন এবং বাকি জীবন যেন তিনি ধর্মপথে চলতে পারেন, সেই আশীর্বাদ ব্রহ্মার কাছে চাইলেন। ব্রহ্মা তাঁর মানসকন্যা বরাঙ্গীর সঙ্গে বজ্রাঙ্গের বিবাহ দিলেন। বজ্রাঙ্গ এবং বরাঙ্গী বনের মধ্যে কুটির বানিয়ে ধর্মকর্ম করতে লাগলেন। বজ্রাঙ্গ তপস্যায় রত থাকতেন এবং বরাঙ্গী গৃহস্থের কর্ম সম্পাদন করতেন।

    একদিন দেবরাজ ইন্দ্র ওই কুটিরের পাশ দিয়ে যেতে যেতে বরাঙ্গীকে দেখতে পেয়ে পুরনো অপমানের বদলা নিতে চাইলেন। কখনও বানর সেজে, কখনও ভেড়া বা কখনও সাপ হয়ে কুটির লন্ডভন্ড করতে লাগলেন। ক্রন্দনরত অবস্থায় বরাঙ্গী তাঁর স্বামী বজ্রাঙ্গকে এসব বিষয়ে বললে, বজ্রাঙ্গ ব্রহ্মাকে স্মরণ করলেন। ব্রহ্মা প্রকট হয়ে বর দিতে চাইলে বজ্রাঙ্গ বললেন, “আমাকে এমন পুত্র দিন, যে দেবতাদের উপর অত্যাচার করতে সমর্থ হবে।”‌ ব্রহ্মা বজ্রাঙ্গের মনোমতো বরদান করলেন। বরাঙ্গীর গর্ভে জন্ম হল তারক নামের অসুরের‌। 

    পরবর্তীতে তারকাসুরের উপর ব্রহ্মার বরদান ছিল যে- “একমাত্র শিবের বালকপুত্র ছাড়া, কারও হাতে তিনি হত হবেন না।” ব্রহ্মার বরদানে অজেয়, অপ্রতিরোধ্য হয়ে ওঠেন তারকাসুর। কারণ তিনি জানতেন শিব কখনও বিবাহ করবেন না এবং ত্রিভুবনে ব্রহ্মার বরদানে তাঁকে হত্যা করতে পারে, এমন ক্ষমতা কোনও দেবতা, মানুষ বা জীবজন্তুর নেই। তারকাসুর দেবলোক নিজের দখলে আনেন। দেবরাজ ইন্দ্র সিংহাসনচ্যুত হলেন। বিতাড়িত দেবতারা বুঝতে পারলেন শিবের বিয়ে দিতে পারলে তবে তাঁর পুত্রই তারকাসুরকে বধ করতে পারবেন।

    শিব-পার্বতীর বিবাহ

    আয়োজন শুরু হল শিব-পার্বতীর বিবাহের। সেখানেও তারকাসুরের আক্রমণ হল। পার্বতী দেবী, মাতা চন্দ্রঘণ্টার রূপধারণ করে অসুরদের বিতাড়িত করলেন। এরপর সুসম্পন্ন হল শিব-পার্বতীর বিবাহ। জন্ম হল কার্তিকের। মাতা পার্বতী তখন হলেন স্কন্দমাতা অর্থাৎ কার্তিক জননী। দৈববাণী পেয়ে দেবরাজ ইন্দ্র কার্তিককে সেনাপতি নিযুক্ত করলেন। এক প্রবল যুদ্ধে কার্তিকের হাতে তারকাসুর হত হলেন। দেবতারা তাঁদের হৃত স্বর্গরাজ্য পুনরায় নিজেদের দখলে আনলেন। এমনটাই লেখা রয়েছে “স্কন্দ পুরাণে”।

    স্কন্দমাতার বিবরণ

    স্কন্দমাতার অপর নাম কার্তিকেয়। ত্রিনয়নী মাতার কোলে তাঁর শিশুপুত্রকে দেখতে পাই আমরা। এই শিশুপুত্রই হলেন স্কন্দ বা কার্তিক। স্কন্দমাতা স্নেহ, মায়া, সন্তান বাৎসল্য-এর প্রতীক। মাতার ভক্তরা মনে করেন দেবীর পুজো করলে সমস্ত মনোবাঞ্ছা পূরণ হয়, জীবনের সকল বাধাবিঘ্ন দূর হয়, অশুভ শক্তি বিনষ্ট হয়, সুখ, স্বাচ্ছন্দ্য, সমৃদ্ধিতে পরিপূর্ণ হয়ে ওঠে জীবন। দেবী পদ্মাসনা। তাঁর বাহন সিংহ। তাঁর দুই হাতে দুটি পদ্ম। একহাতে কার্তিককে ধরে থাকেন। অপর হাত বর-মুদ্রার ভঙ্গিতে থাকে। যার দ্বারা ভক্তদের উদ্দেশে সর্বদাই আশীর্বাদ বর্ষিত হয়। স্কন্দমাতার পুজো করলে শত্রু বিনাশ হয়, শক্তি বৃদ্ধি হয়, এমনটাই মনে করেন ভক্তরা। স্কন্দমাতার পুজোতে সাদা রঙের পোশাক পরলে মাতা প্রসন্ন হন, এমনটাই প্রচলিত ধারণা রয়েছে। দেবীর আশীর্বাদ পেতে ভক্তরা নৈবেদ্যতে কলা বা কদলী ভোগ দেন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Amit Shah: কলকাতায় রামমন্দির! উদ্বোধনে অমিত শাহ, দুপুর ২টোয় বিমানবন্দরে নামবেন স্বরাষ্ট্রমন্ত্রী

    Amit Shah: কলকাতায় রামমন্দির! উদ্বোধনে অমিত শাহ, দুপুর ২টোয় বিমানবন্দরে নামবেন স্বরাষ্ট্রমন্ত্রী

    মাধ্যম নিউজ ডেস্ক: সোমবারই কলকাতায় পা রাখছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অমিত শাহের (Amit Shah)  এই সফরকে সুন্দর এবং সুশৃংখলভাবে সম্পন্ন করতে আলোচনাতেও বসে বিজেপির রাজ্য নেতৃত্ব। প্রসঙ্গত, কলকাতায় সন্তোষ মিত্র স্কোয়ারের এবারের থিম রাম মন্দির। সেই পুজোরই উদ্বোধন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী। সূত্রের খবর, বিমানবন্দর থেকেই অমিত শাহের সফরসঙ্গী হবেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অন্যদিকে, সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো উপলক্ষে মানুষের ঢল নামতে দেখা গিয়েছে মহালয়া ঠিক পরের দিন থেকেই। রবিবার ব্যাপক ভিড় দেখা যায় প্যান্ডেলে। ২০২৪ সালের জানুযারিতে উদ্বোধন হতে চলেছে রামমন্দির, তার আগেই খাস কলকাতায় দেখা যাবে রামমন্দিরের এক ঝলক। এনিয়ে দর্শনার্থীদের মধ্যে কৌতূহল তুঙ্গে।

    শনিবার থেকেই মণ্ডপ চত্বরে নিরাপত্তার দায়িত্ব নিয়েছে কেন্দ্রীয় বাহিনী

    অমিত শাহের (Amit Shah)  সোমবারে সফরকে ঘিরে, শনিবার থেকেই মণ্ডপ চত্বরের নিরাপত্তার দায়িত্ব নিয়েছে কেন্দ্রীয় বাহিনী। জানা গিয়েছে, অমিত শাহের এই সফর ঘণ্টা দুয়েকের, তবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে কাছে পেয়ে রাজ্যের দুর্নীতি এবং আইন-শৃঙ্খলা সহ নানা বিষয়ে রিপোর্ট তুলে দিতে চলেছে বিজেপি নেতৃত্ব। সম্ভাবনা রয়েছে বাংলার বিজেপি নেতাদের সঙ্গে শাহি বৈঠকেরও।

    আরও পড়ুুন: জাল পাসপোর্ট কাণ্ডের সিবিআই তদন্তে এবার হদিশ মিলল আন্তর্জাতিক নারীপাচার চক্রের

    সোমবার ঠিক দুপুর দুটো নাগাদ অমিত শাহ কলকাতা বিমানবন্দরে নামবেন

    সোমবার ঠিক দুপুর দুটো নাগাদ অমিত শাহের (Amit Shah)  কলকাতা বিমানবন্দরে নামার কথা রয়েছে। এরপর চপারে তিনি ফোর্ট উইলিয়ামের কাছে একটি মাঠে নামবেন। এরপর শাহি কনভয় যাবে মণ্ডপের কাছে। সন্ধ্যা ছয়টা নাগাদ ফের দিল্লি উড়ে যাবেন তিনি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পাশাপাশি আগামী ২০ অক্টোবর জেপি নাড্ডার পুজোর উদ্বোধনে আসার কথা রয়েছে। সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোর অন্যতম আয়োজক বিজেপি নেতা সজল ঘোষ জানিয়েছেন, ‘ভার্চুয়ালি নয়। সশরীরে এই পুজোর উদ্বোধন করবেন অমিত শাহ।’

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Daily Horoscope: জেনে নিন আপনার রাশিফল (সোমবার, ১৬/১০/২০২৩)

    Daily Horoscope: জেনে নিন আপনার রাশিফল (সোমবার, ১৬/১০/২০২৩)

    চাকরি থেকে ব্যবসা, বন্ধু থেকে ব্যক্তিগত জীবন, ভ্রমণ থেকে স্বাস্থ্য–কেমন কাটবে দিন?

    মেষ

    ১) কাজ ও ব্যবসায় দুপুর পর্যন্ত যে পরিশ্রম করবেন, সন্ধ্যার পর তার ফলাফল পাবেন।

    ২) আকস্মিক সুসংবাদে উৎসাহিত হয়ে পড়বেন। 

    বৃষ

    ১) আকস্মিক দুর্ঘটনা বা অন্য কারণে শারীরিক কষ্ট হতে পারে। হাত-পায়ে দুর্বলতা থাকবে, যে কারণে দৈনন্দিন কাজ প্রভাবিত হবে।

    ২) ব্যবসায়িক কাজে অধিক পরিশ্রম করতে হবে, তবে দেরিতে লাভ অর্জন করবেন।

    মিথুন

    ১) ঋণের টাকা ফিরে পেতে পারেন।

    ২) সরকারি বা পৈতৃক কাজ পুরো করার চেষ্টা করুন, লাভ হবে।

    কর্কট

    ১) অসুস্থতার কারণে অফিসের কাজে সমস্যা দেখা দিতে পারে। বুকে সংক্রমণ হতে পারে।

    ২) দায়িত্বপূরণ করতে না-পারায় বয়স্করা ক্ষুব্ধ হবেন।

    সিংহ 

    ১) লোকদেখানো স্বভাবের জন্য পরিবারের সুখ-সুবিধায় ব্যয় করবেন। পরবর্তীকালে আর্থিক সমস্যায় জড়াতে পারেন।

    ২) পারিবারিক শান্তি ভঙ্গ হবে।

    কন্যা

    ১) যে কাজ করার চিন্তা করবেন তাতে কোনও না-কোনও বাধা আসায় চিন্তিত থাকবেন।

    ২) আর্থিক লেনদেনে স্পষ্টতা রাখুন, যা করার পাকাপাকি করুন।

    তুলা 

    ১) ভবিষ্যতের জন্য অর্থ সঞ্চয় করতে পারেন।

    ২) বাড়িতে কোনও না-কোনও কারণে অধিক দৌড়ঝাপ করতে হবে।

    বৃশ্চিক

    ১) কঠিন পরিশ্রমের পর কাজে সাফল্য অর্জন করতে পারবেন।

    ২) মহিলাদের বাড়ির কাজে অধিক দৌড়ঝাপ করতে হবে। সকলে তাঁদের ত্রুটি বের করবেন।

    ধনু

    ১) নিজের প্রতিশ্রুতি পূরণ না-করায় ব্যবসা ও পরিবারে বিবাদ বাঁধতে পারে।

    ২) কাজের চেয়ে বেশি আনন্দকে গুরুত্ব দিলে লোকসান হতে পারে।

    মকর

    ১) কোনও কথায় তৎক্ষণাৎ প্রতিক্রিয়া জানাবেন না, এর ফলে পরিবেশ নষ্ট হবে।
     
    ২) ছোটখাটো কথায় আঘাত পেতে পারেন।

    কুম্ভ

    ১) ব্যবসায়ীরা অংশীদারের সঙ্গে পুরনো বিবাদ ভুলে নতুন ভাবে কাজ শুরু করুন।

    ২) সহকর্মীরা আপনার ব্যবহারে তুষ্ট থাকবেন। এর ফলে নির্ধারিত সময়ের মধ্যে কাজ পূর্ণ করতে পারবেন।

    মীন

    ১) শেয়ার ও অন্যান্য ঝুঁকিপূর্ণ প্রকল্পে লগ্নি করলে চটজলদি ফল পাবেন।

    ২) বন্ধু ও আত্মীয়দের সঙ্গে সম্পর্কে ঘনিষ্ঠতা বাড়বে।

     

     

     
    DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না।

  • Passport Scam: জাল পাসপোর্ট কাণ্ডের সিবিআই তদন্তে এবার হদিশ মিলল আন্তর্জাতিক নারীপাচার চক্রের

    Passport Scam: জাল পাসপোর্ট কাণ্ডের সিবিআই তদন্তে এবার হদিশ মিলল আন্তর্জাতিক নারীপাচার চক্রের

    মাধ্যম নিউজ ডেস্ক: গরিব মহিলাদের পাচার করে পাঠানো হত মধ্যপ্রাচ্যে। জাল পাসপোর্ট (Passport Scam) কাণ্ডে সিবিআইয়ের হাতে এলো চাঞ্চল্যকর তথ্য। গতকাল নকশালবাড়ি থেকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা হানা দিয়ে রাশি রাশি পাসপোর্ট উদ্ধার করে। ঘটনায় গ্রেফতার হয়েছে বরুণ সিং রাঠোর নামক এক ব্যক্তি। তাকে ট্রানজিট রিমান্ডে দিল্লি নিয়ে যাওয়া হবে বলে জানা গেছে। একাধিক রাজ্য থেকে নারীপাচার হতো বলে অনুমান সিবিআইয়ের। 

    আন্তর্জাতিক নারীপাচারের সঙ্গে যোগসূত্র (Passport Scam)

    সূত্রের খবর, টাকার বিনিময়ে ভুয়ো নথির মাধ্যমে পাসপোর্ট (Passport Scam) তৈরি করে দেওয়া হচ্ছিল বলে অভিযোগ ওঠে। এরপর সূত্র ধরে শিলিগুড়ি, গ্যাংটকের নানান জায়গায় তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এরপর তদন্তে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। প্রমাণ মেলে এই চক্রের সঙ্গে নেপাল যোগের কথা। পাসপোর্টের সঙ্গে আন্তর্জাতিক নারী পাচারের যোগসূত্র রয়েছে। মূলত বিভিন্ন এলাকার পিছিয়ে থাকা গরীব মহিলাদের টার্গেট করা হতো।

    গ্রেফতার এক ব্যক্তি

    শনিবার নকশালবাড়ি এলাকা থেকে পাসপোর্ট জালিয়াতি (Passport Scam) কাণ্ডে বরুণ সিং রাঠোর নামক এক ব্যক্তিকে গ্রফতার করা হয়, ইতিমধ্যেই তাকে সিকিমের আদালতে তোলা হবে বলে জানা গেছে। এরপর তাকে আপাতত দিল্লিতে নিয়ে গিয়ে, আরও জিজ্ঞাসাবাদ করা হবে। তার কাছে অনেক জাল পাসপোর্টে উদ্ধার করা হয়েছে। এই জাল পাসপোর্টগুলি ডেলিভারি দেওয়ার অপেক্ষায় ছিলমাত্র সে। অভিযুক্ত ব্যক্তি দেশের নানা রাজ্যে থেকে পাসপোর্ট তৈরি করত বলে জানা গেছে। গোয়েন্দাদের অনুমান, গরিব মহিলাদেরকে কাজের প্রলোভন দেখিয়ে, টাকা নিয়ে জাল পাসপোর্ট দিয়ে, মধ্যপ্রাচ্যে পাঠিয়ে দিত সে। ফলে এই জাল পাসপোর্টের সঙ্গে আন্তর্জাতিক নারী পাচারের সম্পর্ক রয়েছে।

    তদন্তে সিবিআই

    সূত্রে জানা গেছে, এই ভুয়ো পাসপোর্ট (Passport Scam) মামলাটি অন্য রাজ্যের মামলা। সম্প্রতি সিবিআই মোট এখনও পর্যন্ত ২৪ জনের বিরুদ্ধে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। সেই সূত্র ধরেই পশ্চিমবঙ্গ এবং সিকিমে তল্লাশি অভিযান চালাচ্ছে সিবিআই। একসঙ্গে ৫০ টির বেশী জায়গায় হানা দেয় বলে জানা গেছে। বরুণ সিং নিজে এক সরকারি দফতরে চাকরি করত কিন্তু বেআইনি কাজের জন্য তাকে সরিয়ে দেওয়া হয়। এরপর থেকেই সে এই নকল পাসপোর্টের কারবার শুরু করে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Durga Puja: পুজোর আনন্দ কী, তা জানেন না এই গ্রামের বাসিন্দারা! কোথায় সেই গ্রাম জানেন?

    Durga Puja: পুজোর আনন্দ কী, তা জানেন না এই গ্রামের বাসিন্দারা! কোথায় সেই গ্রাম জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: যোগাযোগ বিচ্ছিন্ন দ্বীপের মধ্যে জীবন কাটিয়ে, পুজোর (Durga Puja) আনন্দ কী জিনিস, তা ভুলেই গিয়েছেন পূর্ব বর্ধমানের কেতুগ্রাম ২ ব্লকের বিধানপল্লি গ্রামের বাসিন্দারা। পুজোর দিনগুলিতে যখন আপামর বাঙালি আনন্দ-উচ্ছ্বাসে মেতে ওঠে,পুজোর ক’টা দিন ঘরে বসেই দিন কাটে গ্রামবাসীদের।

    কেন এই অবস্থা এই গ্রামের? (Durga Puja)

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এই গ্রামটিতে বসতি গড়ে উঠেছিল ১৯৪৯ সালে। এককালে ছোট নদীটি পারাপারের জন্য কাঠের সেতু ছিল একটি। কিন্তু, পরে তা ভেঙে যায়। কয়েক বছর আগে নতুন করে একটি কাঠের সাঁকো বানানো হয়েছিল। কিন্তু সেটিও ভেঙে গিয়েছে। এখন চাষের ক্ষেতের পাশ দিয়ে প্রায় দেড় কিলোমিটারের আল পথ ধরে হেঁটে গিয়েই তাঁদের রাস্তায় উঠতে হয়। মূলত যোগাযোগের কারণে কার্যত বিচ্ছিন্ন এই গ্রাম। গ্রামে ঢোকা ও বেরনোর জন্য একটি মূল রাস্তা আছে। কিন্তু, সেখানেও প্রায় দেড় কিলোমিটার জমির আল পথ পেরোতে হয়। এরপর একটা ছোট্ট নদী, যাকে স্থানীয় ভাষায় বলে কাঁদর। সেই ছোট নদী পেরিয়ে, তারপর বড় রাস্তা। নদী পারাপার করার ক্ষেত্রেও অনেক সমস্যা। অল্প কিছু ছোট ছোট ডিঙি আছে। সেগুলিও আবার নিজস্ব মালিকানাধীন। মালিকদের অনুরোধ করলে, নদী পার করে দেয়। যোগাযোগের এই সমস্যার কারণেই গ্রামে দুর্গাপুজো হয়ে ওঠে না। দুর্গা প্রতিমা নিয়ে গ্রামে ঢোকার ব্যবস্থা নেই। তাই গ্রামের ছোট থেকে বড় সকলেই বঞ্চিত পুজোর (Durga Puja) আনন্দ থেকে।

    স্থানীয় বাসিন্দারা কী বললেন?

    স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, পুজোর (Durga Puja) আনন্দ এই গ্রামে হয় না। প্রতিমা নিয়ে আসার মতো অবস্থা নেই। ফলে, গ্রামে কোনও পুজো হয় না। এত বছর কেটে গিয়েছে, যোগাযোগ ঠিক করার বিষয়ে কেউ উদ্যোগ নেয়নি। তাঁদের আমাদের গ্রামে আলাদা করে পুজোর আনন্দ নেই।

    পঞ্চায়েত সমিতির সভাপতি কী বললেন?

    পঞ্চায়েত সমিতির সভাপতি বিকাশ বিশ্বাস বলেন, দ্রুত গ্রামে যাওয়ার রাস্তা তৈরি করে দেওয়া হবে। পাশাপাশি নদীর উপরে যে সাঁকোটি ছিল, সেটিও নতুন করে তৈরি করে দেওয়ার বিষয়ে আলোচনা চলছে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Student Death: দুর্গাপুরের গবেষক ছাত্রীর রহস্যজনক মৃত্যু সুইডেনে! পরিবারের দাবি খুন

    Student Death: দুর্গাপুরের গবেষক ছাত্রীর রহস্যজনক মৃত্যু সুইডেনে! পরিবারের দাবি খুন

    মাধ্যম নিউজ ডেস্ক: সুইডেনে রহস্য জনক ভাবে মৃত্যুর (Student Death) ঘটনা ঘটল দুর্গাপুরের এক গবেষক ছাত্রীর। পরিবার, এই মৃত্যুর পিছনে খুনের অভিযোগ তুলেছেন। ছাত্রীর সঙ্গে গত ২৯ সেপ্টেম্বর শেষ কথা হয় বাড়ির লোকজনের। আর এরপর থেকে এই গবেষক ছাত্রীর সঙ্গে আর যোগাযোগ করা যায়নি। অবশেষে হঠাৎ ১৩ অক্টোবর তারিখে মৃত্যুর খবর দেয় স্থানীয় পুলিশ প্রশাসন। ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। পরিবারে শোকের ছায়া।

    কে এই ছাত্রী গবেষক (Student Death)

    দুর্গাপুরে বেশ মেধাবী ছাত্রী হিসাবে পরিচিত ছিলেন এই ছাত্রী। তাঁর নাম রোশনি দাস (Student Death), বয়স হয়েছিল ৩২। তিনি ভুবনেশ্বরের কলিঙ্গ বিশ্ববিদ্যালয়ে বায়োটেকনোলজির ছাত্রী ছিলেন। গবেষণার জন্য সুইডেনে কাজ করতে গিয়েছিলেন। সুইডেন দূতাবস থেকে ভারতীয় দূতাবাসকে খবর দেওয়া হয় যে রোশনির মৃত্যু হয়েছে। এরপর স্থানীয় পুলিশ পরিবারকে মৃত্যুর খবর জানায়। তবে পরিবারের দাবি, রোশনির মৃত্যু সাধারণ ভাবে হয় নি। রীতিমতো তাঁকে খুন করা হয়েছে অভিযোগ তুলেছে পরিবার। দোষীদের অবিলম্বে গ্রেফতার করার দাবি তোলেন পরিবার। 

    পরিবারের বক্তব্য

    মৃত রোশনি দাসের পরিবারের পক্ষ থেকে বলা হয়, “গত ২৯ সেপ্টেম্বরে ওর সঙ্গে শেষ কথা হয়। এরপর থেকে ওর সঙ্গে মোবাইলে সংযোগ করা সম্ভবপর হয়ে ওঠেনি। বাড়িতে গত ১৩ অক্টোবরে পুলিশ এসে মৃত্যুর (Student Death) খবর দিয়ে যায়।” মৃত ছাত্রীর মা বলেন, “ওকে সেখানে খুন করা হয়েছে। এমনি এমনি আমার মেয়ের মৃত্যু হতে পারে না।” সূত্রে আরও জানা গেছে যে এই মৃত্যুর পর সুইডেন পুলিশ তদন্ত শুরু করেছে। ইতিমধ্যে এক সন্দেহজনক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। পরিবারের তরফ থেকে রোশনির দেহ দেশে ফিরিয়ে আনার জন্য অনুরোধ করা হয়েছে। এলাকার সাংসদের কাছে দারস্থ হয়েছেন পরিবার। কেন্দ্রীয় সরকারের বিদেশ মন্ত্রকের কাছে ইতিমধ্যেই দেহ ফেরানোর জন্য আর্জি করা হয়েছে।      

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Murshidabad: কেন্দ্রীয় মন্ত্রীর উদ্যোগে দুর্গাপুজোর আগেই খোলা হল বহরমপুর বাইপাস

    Murshidabad: কেন্দ্রীয় মন্ত্রীর উদ্যোগে দুর্গাপুজোর আগেই খোলা হল বহরমপুর বাইপাস

    মাধ্যম নিউজ ডেস্ক: কেন্দ্রীয় সড়ক মন্ত্রী নীতিন গডকড়ির উদ্যোগে জাতীয় সড়ক সম্প্রসারণের কাজ দ্রুত গতিতে এগোচ্ছে সারাদেশে। পুজোর আগেই এই রাজ্যের কলকাতার সঙ্গে শিলিগুড়ির অন্যতম প্রধান জাতীয় সড়ক ৩৪ নম্বর সম্প্রসারণের কাজ আরও এক ধাপ এগিয়ে গেল। সাংসদ অধীর রঞ্জন চৌধুরী, কেন্দ্রীয় সড়ক মন্ত্রীকে আবেদন করেছিলেন। আর তার ফলে মহালয়ার দিনে মুর্শিদাবাদের (Murshidabad) বহরমপুরে শহরের যানজট কমাতে বাইপাস খুলে দেওয়া হল। রাস্তা সম্পূর্ণ না হলেও একটা অংশ খুলে উদ্বোধন করলেন এলাকার সাংসদ। পুজোর আগে বহরমপুরবাসীর কাছে এক আনন্দের খবর। এলাকাবাসী বলছেন, যানজটের কবল থেকে শহরের মানুষ অনেকটাই মুক্তি পাবে।

    খোলা হল বহরমপুর বাইপাস (Murshidabad)

    উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের সঙ্গে সংযোগকারী ৩৪ নম্বর জাতীয় সড়ক, মুর্শিদাবাদের (Murshidabad) বহরমপুর শহরের মধ্যপথ দিয়ে গিয়েছে। শহরে জনসংখ্যার ঘনত্ব বৃদ্ধির ফলে ব্যাপক যানজট তৈরি হয়। তাই জাতীয় সড়ক সম্প্রসারণ এবং পুনঃনির্মানের মধ্যে দিয়ে বহরমপুর শহরের বাইরে দিয়ে একটি বাইপাস রাস্তা করা হয়। যদিও, এখনও জাতীয় সড়কের কাজ সম্পূর্ণ হয়নি। কিন্তু এই উৎসবের মরশুমে শহরবাসী তথা সারা বাংলার সাধারণ মানুষের সুবিধার্থে এবং অধীর চৌধুরীর অনুরোধে জাতীয় সড়ক মন্ত্রকের পক্ষ থেকে পুজোর কিছুদিন সাময়িক ভাবে বাইপাস খোলা হল। রাস্তা চালু হওয়ায় উপকৃত হলেন অগণিত মানুষ।

    বাইপাসের অনুমোদন দেয় কেন্দ্রীয় সড়ক মন্ত্রক

    কেন্দ্রীয় সরকার ১৪ বছর আগে বহরমপুর বাইপাস রাস্তার কাজ শুরু হয়েছিল। কিন্তু জমিজট এবং নানা জটিলতা মিটিয়ে শেষ হওয়ার পথে। বাইপাস সড়কটি সারগাছি থেকে বহরমপুরের দিকে এসে, বলরামপুর থেকে মানকরা হয়ে ভাগীরথীর উপর দিয়ে বাসুদেবখালি হয়ে খাগড়াঘাট স্টেশনের পশ্চিম দিক দিয়ে ফতেপুরের কাজ পর্যন্ত, প্রায় ১১ কিলোমিটার রাস্তা তৈরি হয়েছে। উল্লেখ্য ২০০৯ সালে বাইপাস রাস্তা তৈরির পরিকল্পনা করে কেন্দ্রীয় সরকারের পূর্ত দপ্তর। এই দপ্তরের মন্ত্রী নীতিন গডকড়ী বহরমপুর বাইপাসের কাজ শুরু হওয়ার বরাত দেন।

    সাংসদের বক্তব্য

    সাংসদ (Murshidabad) অধীর চৌধুরী নিজেই, ওই রাস্তায় নিজের সমর্থকদের নিয়ে মোটরসাইকেল চালালেন এবং সেই সঙ্গে বাইকে হাত ছেড়ে সোজা হয়ে একপ্রকার চমক দেখালেন। আজ বলেন তিনি, “পুজোর আগে বহরমপুরকে যানজট মুক্ত করা আমার লক্ষ্য, সেজন্য আমি কেন্দ্রীয় মন্ত্রী নীতিনজির কাছে গিয়েছিলাম এবং সরকারি আধিকারিক, ঠিকাদারদের সঙ্গে আলোচনার মাধ্যমে, আজ মহালয়ার দিনে খুলে দেওয়া হল নতুন বাইপাস ও দ্বিতীয় সেতু।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Nadia: পুজোর আগেই নদিয়ার আমঘাটা-কৃষ্ণনগর রেললাইন দিয়ে ছুটলো মালগাড়ি, জেলাজুড়ে খুশির হাওয়া

    Nadia: পুজোর আগেই নদিয়ার আমঘাটা-কৃষ্ণনগর রেললাইন দিয়ে ছুটলো মালগাড়ি, জেলাজুড়ে খুশির হাওয়া

    মাধ্যম নিউজ ডেস্ক: অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পরেই নদিয়ার (Nadia) আমঘাটা থেকে কৃষ্ণনগর রেললাইনের উপর দিয়ে ছুটলো মালগাড়ি। দীর্ঘদিন ধরেই কৃষ্ণনগর থেকে আমঘাটা পর্যন্ত রেললাইন পাতা ছিল। কিন্তু, বছরের পর বছর অতিক্রান্ত হয়ে গেলেও সেই রেললাইন থেকে ছোটেনি ট্রেন। অবশেষে ফের একবার মালগাড়ি নিয়ে ডিজেল রেল ইঞ্জিন ছুটতে দেখা গেল কৃষ্ণনগর নবদ্বীপ লাইনে।

    প্রকল্পের কী অবস্থা? (Nadia)

    রেল সূত্রে জানা গিয়েছে, ২০১০ সালে পূর্ব রেলের নদিয়ার (Nadia)  নবদ্বীপ ঘাট শান্তিপুর ন্যারোগেজ লাইনটিকে ব্রডগেজ এ রূপান্তর করার কাজ শুরু হয়েছিল। ওই বছরই ১৭ই জানুয়ারি সেই ন্যারোগেজ লাইনে ট্রেন ছুটেছিল শেষবারের মতো। মোট ২৯ কিলোমিটার এ ন্যারোগেজ লাইনটি প্রথম ধাপে শান্তিপুর থেকে কৃষ্ণনগর জংশন পর্যন্ত বড় লাইনে রূপান্তর হয়। এরপর শুরু হয় কৃষ্ণনগর থেকে নবদ্বীপ ঘাট পর্যন্ত ন্যারোগেজ লাইনটিকে ব্রডগেজ লাইনে পরিবর্তন করার কাজ। তবে কৃষ্ণনগর থেকে নবদ্বীপ ব্লকের আমঘাটা পর্যন্ত নির্বিঘ্নে ব্রডগেজ লাইনের কাজ সম্পন্ন হয়ে যায়। পরে, বেশ কিছু জমি জটের কারণে আমঘাটা থেকে নবদ্বীপ ঘাট পর্যন্ত দীর্ঘ প্রায় চার কিলোমিটার অংশে এখনও পর্যন্ত রেললাইন পাতা সম্ভব হয়ে ওঠেনি বলেই খবর রেলসূত্র মারফত।

    স্থানীয় বাসিন্দারা কী বললেন?

    প্রায় ১৩ বছর পর নদিয়ার (Nadia) কৃষ্ণনগর থেকে নবদ্বীপ ঘাটের লাইনে ট্রেন চলতে থেকে খুশি স্থানীয় এলাকার মানুষজনেরাও। দীর্ঘ তেরো বছর পর আবার এই দৃশ্য দেখতেই অনেকেই ক্যামেরা বন্দী করে রাখলেন সেই স্মৃতিকে। দীর্ঘদিন ওই লাইন পড়ে থাকার পর অবশেষে বেশ কয়েক মাস আগে থেকেই শুরু হয়েছে জোরকদমে সংস্কারের কাজ। রেল লাইনের পাশেই রয়েছে নবদ্বীপ ঘাট- কৃষ্ণনগর রাজ্য সড়ক, ঠিক তেমনি রেললাইনের অপরপ্রান্তে শুরু হয়েছে আরও একটি ঢালাই রাস্তার কাজ। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন এই রেলপথ পুনরায় চালু হলে উপকৃত হবেন নিত্য যাত্রী থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারা সকলেই। তারা প্রত্যেকেই চান এই রেলপথ পুনরায় চালু হোক। শনিবার সকালের দিকে নতুন রেল প্যানেল বাহী একটি বিরাট কৃষ্ণনগর থেকে আমঘাটার উদ্দেশ্যে যাত্রা করে। দীর্ঘদিন ধরে ওই ১২ কিলোমিটার পথে রেললাইন পড়ে থাকার কারণে সেটি খারাপ হয়ে গিয়েছে এবং সেই কারণেই পুনরায় নতুন করে রেল প্যানেল বসবে আমঘাটা পর্যন্ত, এমনটাই জানা যাচ্ছে রেলের তরফ থেকে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Skin Care: পুজোর আগে দূষণ আর কড়া রোদের দাপট মোকাবিলা করবেন কীভাবে?

    Skin Care: পুজোর আগে দূষণ আর কড়া রোদের দাপট মোকাবিলা করবেন কীভাবে?

    তানিয়া বন্দ্যোপাধ্যায় পাল

    মহালয়া শেষ! এবার ঢাকে কাঠি পড়ার শব্দ আরও জোরে! আর মাত্র কদিন পরেই দুর্গাপুজো! প্যান্ডেলের সঙ্গে সঙ্গে নিজেদেরও সেজে ওঠার শেষ পর্বের প্রস্তুতি চলছে। এদিকে সূর্যের তাপ বাড়ছে। তাই ত্বকে ট্যানের ঝুঁকিও বাড়ছে। কীভাবে মোকাবিলা সম্ভব (Skin Care)?

    কোন ঘরোয়া উপকরণ ব্যবহারের পরামর্শ? (Skin Care)

    বিশেষজ্ঞরা জানাচ্ছেন, ঘরোয়া উপাদানেই রয়েছে উজ্বল ত্বকের রহস্য। তাঁদের পরামর্শ, কৃত্রিম কেমিক্যাল যুক্ত ক্রিম যতটা সম্ভব কম ব্যবহার করা দরকার। ঘরোয়া উপকরণ ব্যবহার করেই ঝকঝকে উজ্বল ত্বক সম্ভব। তাঁদের আরও পরামর্শ, ট্যান মুক্তির জন্য নিয়ম করে টমেটোর রস মুখে মাখলে উপকার পাওয়া যাবে। টমেটোর রসে মুখের কালো ছোপ কমে। পাশপাশি টক দই, বেসন, শশার রস মিশিয়ে মুখে মাখলে ত্বক চকচকে হয়। অনেকের আবার দূষণের জেরে মুখে শুষ্কতা দেখা যায়। তাঁরা বাড়িতেই হানি ট্রিটমেন্ট করতে পারেন। বিশেষজ্ঞরা বলছেন, নিয়মিত মুখ পরিষ্কার করা জরুরি। তারপরে দুধ আর মধু একসঙ্গে ফেটিয়ে মুখে কিছুক্ষণ মেখে রাখার পরে, আবার মুখ পরিষ্কার জলে ধুয়ে নিতে হবে (Skin Care)। তাহলেই মুখের ত্বকের শুষ্কতা কমবে। 
    ত্বকের ট্যান কিংবা কালো ছোপের পাশপাশি ত্বকে অনেকের ব্রণ হয়। নিয়মিত রাতে অ্যালোভেরা পাতার জেল আর নিমপাতা একসঙ্গে মিশিয়ে মাখলে উপকার পাওয়া যাবে বলেও জানাচ্ছেন বিশেষজ্ঞদের একাংশ।

    কেমন হবে খাদ্যাভ্যাস? (Skin Care) 

    পুষ্টিবিদদের একাংশ জানাচ্ছেন, শুধু রূপচর্চা করলেই চলবে না। পুষ্টিকর খাবার মেনুতে থাকলে তবেই ত্বক সুন্দর হবে। ত্বক সুন্দর রাখতে তাই পুষ্টিবিদদের প্রথমেই পরামর্শ, দিনে কমপক্ষে চার লিটার জল খেতে হবে। শরীরে পর্যাপ্ত জল থাকলে তবেই শুষ্কতা, ত্বক খসখসে হওয়ার মতো সমস্যা কমবে।
    ত্বকে ব্রণ বা লাল ছোপের মতো সমস্যা কমাতে অতিরিক্ত তেলমশলা জাতীয় খাবার মেনু থেকে বাদ দিতে হবে। কারণ, অতিরিক্ত চর্বিজাতীয় খাবার দেহের মেদ বাড়িয়ে দেয়। দেহের অতিরিক্ত মেদ ত্বকের একাধিক সমস্যা তৈরি করে। 
    স্থূলতা নিয়ন্ত্রণ যেমন জরুরি, তেমনি সুন্দর ত্বকের প্রয়োজন পুষ্টি। দেহে পুষ্টির ঘাটতি হলে কিন্তু উজ্বল ত্বক পাওয়া সম্ভব নয়। তাই সব্জি, ফল খাওয়ার দিকে বিশেষ নজর দেওয়া দরকার বলেও পরামর্শ দিচ্ছেন পুষ্টিবিদদের একাংশ। তাঁরা জানাচ্ছেন, সবুজ সব্জি যেমন পালং শাক, পটল, লাউয়ের মতো সব্জি লিভার সুস্থ রাখতে বিশেষ সাহায্য করে। তাই এগুলো খেলে ত্বক সতেজ থাকে। আবার সবুজ আপেলের মতো খাবারে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট। তাই এই ধরনের ফল খেলে ত্বক উজ্বল হয় (Skin Care)। 
    পাশপাশি ত্বক সুন্দর রাখতে পর্যাপ্ত ঘুম জরুরি বলেও জানাচ্ছেন বিশেষজ্ঞ মহল। কারণ, পর্যাপ্ত ঘুম না হলে চোখের নীচে কালো দাগ দেখা যায়। এছাড়াও ত্বকের নানান সমস্যা হতে পারে। তাই পুজোয় ত্বক সুন্দর রাখতে খাবারের পাশপাশি ঘুমের সময়ের দিকেও নজরদারি জরুরি।

     

    DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না। এখানে বলা যে কোনও উপদেশ পালন করার আগে অবশ্যই কোনও চিকিৎসক বা বিশেষজ্ঞের পরামর্শ নিন।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share