Tag: Madhyom

Madhyom

  • Flood In Delhi: দেশে ফিরেই দিল্লির বন্যা পরিস্থিতির খোঁজ নিলেন মোদি! তলব উপ রাজ্যপালকে

    Flood In Delhi: দেশে ফিরেই দিল্লির বন্যা পরিস্থিতির খোঁজ নিলেন মোদি! তলব উপ রাজ্যপালকে

    মাধ্যম নিউজ ডেস্ক: দিল্লির বন্যা (Flood In Delhi) পরিস্থিতি ক্রমশই ভয়াবহ আকার ধারণ করেছে। এনিয়ে যথেষ্ট চিন্তিত কেন্দ্রের মোদি সরকার। প্রসঙ্গত, ফ্রান্স এবং সংযুক্ত আরব আমিরশাহি সফর শেষে শনিবার রাতেই দিল্লি ফিরেছেন প্রধানমন্ত্রী। বন্যা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন প্রধানমন্ত্রী ফ্রান্স থেকেই ফোনে খবর নিয়েছিলেন বলে সূত্রের খবর। আবার এদিন দেশে ফিরেই দিল্লির উপ রাজ্যপাল তথা লেফটেন্যান্ট গভর্নর ভিকে সাক্সেনাকে ডেকে পাঠান মোদি। রাজধানীর বন্যা (Flood In Delhi) পরিস্থিতি নিয়ে আলোচনা হয় দুজনের মধ্যে। দিল্লিতে বন্যা পরিস্থিতি কেমন, দুর্গতদের উদ্ধারকাজ এবং দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার জন্য সরকারের তরফে উদ্যোগ, এসবই খতিয়ে দেখছেন প্রধানমন্ত্রী। জানা গিয়েছে, বিদেশ সফর শেষে ফিরে কালবিলম্ব করেননি মোদি। তড়িঘড়ি সাক্সেনাকে তলব করেন।

    প্রসঙ্গত, গত কয়েক দিন ধরে একটানা প্রবল বৃষ্টিতে দিল্লির জনজীবন কার্যত বিপর্যস্ত। যমুনার জল বিপদসীমা অতিক্রম করেছে আগেই। বন্যা পরিস্থিতি এতটাই ভয়ঙ্কর যে লালকেল্লার দেওয়ালেও যমুনার জলোচ্ছ্বাস দেখা গিয়েছে। গোটা রাজধানী যেন নেমে এসেছে ত্রাণশিবিরে। দুর্যোগ কবলিত অনেককে উদ্ধার করে সেখানে ঠাঁই দেওয়া হয়েছে। এরই মাঝে বানভাসি দিল্লিতে অগ্নিকাণ্ডের খবর মিলেছে। রাজধানীর কনট প্লেসের একটি বহুতলে শনিবার আগুন লাগে। হতাহতের কোনও খবর এখনও পর্যন্ত পাওয়া যায়নি।

    ভয়াবহ বন্যা পরিস্থিতি দিল্লিতে (Flood In Delhi)

    একনাগাড়ে বৃষ্টি চলছেই দিল্লিতে। থামার কোনও লক্ষণই নেই। সূত্রের খবর, একমাত্র বৃষ্টিই দিল্লি বন্যার (Flood In Delhi) জন্য দায়ী নয়। হরিয়ানার হাথনি থেকে রেকর্ড পরিমাণে জল ছাড়ার ফলেই এই সমস্যা তৈরি হয়েছে বলে মনে করা হচ্ছে। এই কারণেই বিপদসীমা অতিক্রম করেছে যমুনা। রবিবার সকালেও দেখা গিয়েছে, রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানগুলিতে জল জমেছে। রাজঘাট সুপ্রিম কোর্ট চত্বরেও পৌঁছেছে যমুনার জল। প্রশাসন বলছে, উদ্ধার কর্মীরা সারারাত ধরে দিল্লিতে জল সরানোর কাজ করেই চলেছে। রবিবার সকালেও বিপদসীমার ওপরেই বইছে যমুনা। জানা গিয়েছে, জলস্তর  এখন ২০৬.১৪ মিটার। প্রসঙ্গত, বিগত সপ্তাহ থেকেই যমুনা বিপদসীমার ওপর দিয়ে বইছে। শেষবারের মতো এমন পরিস্থিতি হয়েছিল ১৯৭৮ সালে। তখন যমুনার জলস্তর হয়েছিল ২০৭.৪৯ মিটার। নিম্ন অঞ্চলের বাসিন্দাদের ইতিমধ্যে উদ্ধার করা হয়েছে। সারা রাজধানী জুড়েই খোলা হয়েছে ত্রাণ শিবির। বন্যা দুর্গতদের খাবার এবং অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দিচ্ছে সরকার।

    এখনই থামবে না বৃষ্টি

    বন্যায় (Flood In Delhi) গাড়িগুলি যেন খেলনার মতো ভেসে যাচ্ছে এদিক সেদিক। চলাচলের অযোগ্য হয়েছে কম বেশি সব রাস্তাই। যমুনার জলে ভেসে গিয়েছে দিল্লির একাধিক এলাকা। প্রতিনিয়ত ফুঁসছে যমুনা। রেহাই মিলবে কবে? এই প্রশ্নে কোনও সুখবর শোনাতে পারল না মৌসম ভবন। উপরন্তু উদ্বেগ বাড়িয়ে হাওয়া অফিস বলছে, দিল্লিতে (Flood In Delhi) আগামী পাঁচদিন বৃষ্টি থামার কোনও লক্ষণই নেই। হাওয়া অফিসের এক আধিকারিক বলেন, ‘‘আগামী পাঁচদিন দিল্লি, হরিয়ানা এবং সংলগ্ন এলাকাগুলিকে হতে পারে বৃষ্টিপাত। ১৭ এবং ১৮ তারিখ সামান্য বাড়তে পারে বৃষ্টি। তবে দিল্লির পরিস্থিতি স্থানীয় বৃষ্টিপাতের জন্য হয়নি। যমুনা নদী ফুঁসে ওঠার কারণে হয়েছে।’’ প্রসঙ্গত, হরিয়ানা সমেত হিমাচলে জল ছাড়ার কারণেই এই বন্যা পরিস্থিতি বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Wimbledon 2023: জাবেউরকে হারিয়ে উইম্বলডন খেতাব জয় মার্কেতার

    Wimbledon 2023: জাবেউরকে হারিয়ে উইম্বলডন খেতাব জয় মার্কেতার

    মাধ্যম নিউজ ডেস্ক: ২০১৯ সালে ফরাসি ওপেনের ফাইনালে উঠেছিলেন মার্কেতা ভনদ্রুসোভাই। এর পর মাঝখানে কেটে গিয়েছে ৪টি বছর। কোনও গ্র্যান্ড স্লামেরই ফাইনালে ওঠা হয়নি। উইম্বলডনে (Wimbledon 2023) সেই মার্কেতা ভনদ্রুসোভাই চ্যাম্পিয়ন হলেন।

    খেতাব জিতলেন মার্কেতা

    মহিলাদের সিঙ্গলসে খেতাব জিতলেন তিউনিশিয়ার ওনস জাবেউরকে স্ট্রেট সেটে হারিয়ে। চার বছর আগে ফরাসি ওপেনের ফাইনালে উঠেছিলেন, তখন তাঁকে নিয়ে মাতামাতিও হয়। চেক প্রজাতন্ত্রের এই তরুণী জিততে পারেননি। ফাইনালের পরে কার্যত হারিয়ে যান তিনি। কিন্তু এভাবে কামব্যাক! একেবারে আশ্চর্য করে দিয়েছেন সবাইকে। কেরিয়ারের সবচেয়ে বড় ব্রেক থ্রু!তিউনিশিয়ার ওনস জাবেউরের বিরুদ্ধে দূর্দান্ত খেললেন মার্কেতা। ৬-৪, ৬-৪ ব্যবধানে স্ট্রেট সেটে জিতলেন। চেক প্রজাতন্ত্রের তৃতীয় খেলোয়াড় হিসেবে উইম্বলডন (Wimbledon 2023) জয় মার্কেতার। ডব্লিটিএ ব়্যাঙ্কিংয়ে তাঁর স্থান ৪২! এত নীচের ক্রমতালিকায় থেকে এ এক অনন্য রেকর্ড।

    ফাইনালে ফেভারিট ছিলেন জাবেউর

    অন্যদিকে গত কয়েক বছর মহিলাদের টেনিসে নজর কেড়েছেন ওনস জাবেউর। এবারও উইম্বলডনের (Wimbledon 2023) ফাইনালে উঠতে তাঁকে অনেক ধাপই পেরতে হয়েছে। পেত্রা কিতোভা, এলিনা রিবাকিনা, আরিয়ানা সাবালেঙ্কার মতো তারকাদের পরাস্ত করতে হয়েছে তাঁকে। ফাইনালেও ফেভারিটই ছিলেন জাবেউর, কিন্তু সবাইকে চমকে জিতে যান মার্কেতা। প্রসঙ্গত, গত পাঁচটি গ্র্যান্ড স্লামে এটা ছিল জাবেউরের তৃতীয় ফাইনাল। প্রথম রাউন্ড থেকে জাবেউরের আগ্রাসী খেলা দর্শকদের নজর কাড়ে। ফাইনালের দিকে যত এগোচ্ছিলেন ততই যেন অপ্রতিরোধ্য হয়ে উঠছিলেন জাবেউর। কিন্তু ফাইনালে ভুল করার কারণেই মিলল না খেতাব। হাই ভোল্টেজ ফাইনালে জাবেরের ‘আনফোর্সড এরর’-এর (অনিচ্ছাকৃত ভুল) সংখ্যা ৩১। যেখানে মার্কেতা মাত্র ১৩টি মেরেছেন। ফলে ফাইনালে ফেভারিট থাকলেও নিজের ভুলের কারণে ম্যাচটা হাতছাড়া হল তাঁর। প্রথম সেটে এক সময় জেতার মুখেও ছিলেন তিনি। কিন্তু টানা চারটি গেম জিতে খেতাব জয় করেন মার্কেতা।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • PM Modi: ফ্রান্স ও আমিরশাহি সফর শেষে দিল্লি ফিরলেন প্রধানমন্ত্রী মোদি

    PM Modi: ফ্রান্স ও আমিরশাহি সফর শেষে দিল্লি ফিরলেন প্রধানমন্ত্রী মোদি

    মাধ্যম নিউজ ডেস্ক: ফ্রান্স ও সংযুক্ত আরব আমিরশাহি সফর শেষে শনিবারই দেশে ফিরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রসঙ্গত, ১৪ জুলাই ফ্রান্সে ছিল বাস্তিল দিবস। সেই উপলক্ষ্যে সে দেশের প্রেসিডেন্টের আমন্ত্রণে ফ্রান্স গিয়েছিলেন মোদি। ফ্রান্সের বাস্তিল দিবস বা ফরাসি জাতীয় দিবসের কুচকাওয়াজের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। অন্যদিকে একাধিক বিষয়ে আলোচনা হয় সংযুক্ত আরব আমিরশাহির প্রেসিডেন্টের সঙ্গেও।

    ফ্রান্স সফরে একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা

    প্রতি বছরের মতো এ বছরও প্রথামাফিক বাস্তিল দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছিল ফ্রান্সের রাজধানী প্যারিসের রাজপথ শঁজেলিজে-তে। সেই প্যারেডে অংশগ্রহণ করেছিল ভারতীয় সামরিক বাহিনীর তিন শাখা-স্থল, নৌ ও বায়ুসেনার প্রতিনিধি দল। দুই দেশের মধ্যে একাধিক ইস্যুতে সদর্থক আলোচনা হয়েছে বলেও জানা গিয়েছে। মহাকাশ গবেষণা, উড়ান, জ্বালানি সমেত আরও নানা বাণিজ্যিক ইস্যুতে আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে। দুই দেশের আগামী ২৫ বছরের বাণিজ্যিক সম্পর্কের রোডম্যাপও তৈরি হয়েছে মোদির ফ্রান্স সফরে। সে দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান ‘গ্র্যান্ড ক্রস অব দ্য লিজিয়ন অব অনার’ দেওয়া হয় নরেন্দ্র মোদিকে।

    আরব আমিরশাহিতেও দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক নিয়ে আলোচনা

    অন্যদিকে, আরব আমিরশাহিতে সে দেশের প্রেসিডেন্ট শেখ মহম্মদ বিন জায়েদের সঙ্গে বাণিজ্য, বিনিয়োগ, শক্তি, খাদ্য নিরাপত্তা, বিজ্ঞান ও প্রযুক্তি সহ একাধিক বিষয়ে আলোচনা হয় প্রধানমন্ত্রীর (PM Modi)। জানা গিয়েছে, দিল্লি আইআইটির ক্যাম্পাস সেখানে স্থাপনের বিষয়ে আলোচনা হয়েছে দুই রাষ্ট্রপ্রধানের। সূত্রের খবর, আবুধাবির প্রেসিডেন্টকে প্রধানমন্ত্রী বলেন, “প্রতিটি ভারতবাসী আপনাকে প্রকৃত বন্ধুর চোখে দেখেন।” দ্বিপাক্ষিক সম্পর্কের ভিত মজবুত করতে দুই দেশের মধ্যে স্বাক্ষরিত হয় বাণিজ্য, শক্তি, শিক্ষা এবং মুদ্রা সংক্রান্ত একাধিক মউ। প্রধানমন্ত্রী (PM Modi) জানিয়েছেন, দুই দেশের মধ্যে বাণিজ্যের পরিমাণ আগের তুলনায় বৃদ্ধি পেয়েছে ২০ শতাংশ।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Daily Horoscope: জেনে নিন আপনার রাশিফল (রবিবার, ১৬/০৭/২০২৩)

    Daily Horoscope: জেনে নিন আপনার রাশিফল (রবিবার, ১৬/০৭/২০২৩)

    চাকরি থেকে ব্যবসা, বন্ধু থেকে ব্যক্তিগত জীবন, ভ্রমণ থেকে স্বাস্থ্য–কেমন কাটবে দিন?

    মেষ

    ১)  খাওয়া-দাওয়ার প্রতি যত্ন নিন। তা না-হলে পেটের সমস্যা দেখা দিতে পারে। 

    ২) প্রেম জীবনের জন্য আজকের দিনটি খুব ভালো।

    বৃষ

    ১) আর্থিক বা বাড়িতে কোনও লোকসানের কারণে পরিবারের কোনও সদস্যের সঙ্গে কথা কাটাকাটি হতে পারে। 

    ২) পরিশ্রমের পর আটকে থাকা টাকা পেতে পারেন।      

    মিথুন

    ১) কাউকে টাকা ধার দিয়ে থাকলে, তা আজ ফিরে পেতে পারেন।

    ২)  দৈনন্দিন প্রয়োজনীয়তা পূরণের জন্য অর্থ ব্যয় করবেন।     

    কর্কট

    ১) চাকরিজীবীরা আজ কিছু ভালো সুযোগ পাবেন। 

    ২) আজ ভালোভাবে চিন্তাভাবনা করে যে কোনও সিদ্ধান্ত নিন।       

    সিংহ 

    ১) ছোট বাচ্চাদের কেরিয়ার সম্পর্কে চিন্তিত থাকবেন। 

    ২) নিজের জন্য সময় বের করে শপিং করতে যেতে পারেন।    

    কন্যা

    ১)  সম্পত্তি ক্রয়-বিক্রয়ের পরিকল্পনা করে থাকলে সময় ভালো নয়।  
     
    ২) সন্তানের বিবাহে আগত বাধা কোনও বরিষ্ঠ সদস্যের সাহায্যে দূর হবে।       

    তুলা 

    ১) কাউকে টাকা ধার দিয়ে থাকলে তা ফিরে পাবেন। 

    ২) প্রেম জীবনে কোনও কারণে আপস করতে হতে পারে।

    বৃশ্চিক

    ১) বিদেশি আত্মীয়দের কাছ থেকে কোনও সুসংবাদ পেতে পারেন। 

    ২) সামাজিক জীবনে পদ-প্রতিষ্ঠা বৃদ্ধি পাবে।     

    ধনু

    ১) সরকারি কাজ আটকে থাকলে তা পূরণ করার চেষ্টা করবেন, তা না-হলে দেরি হতে পারে। 
     
    ২) মন খুলে নিজের চিন্তাভাবনা প্রকাশ করবেন।  

    মকর

    ১) কাউকে ভুলেও টাকা ধার দেবেন না, কারণ সেই টাকা ফিরে পাওয়ার সম্ভাবনা কম।

    ২) সন্ধ্যাবেলা কোনও সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।         

    কুম্ভ

    ১) মান-সম্মান বৃদ্ধি পাবে। 

    ২) সামাজিক ও ধর্মীয় আয়োজনে সক্রিয় ভূমিকা পালন করবেন।        

    মীন

    ১) প্রয়োজনীয়তা পূরণ না-হওয়ায় আত্মীয়রা আপনার ওপর রেগে যেতে পারেন। 
     
    ২) বন্ধুদের সাহায্যে বড়সড় চুক্তি চূড়ান্ত করতে পারেন।         

     

    DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না।

  • TMC: অভিষেকের কাছে নালিশের জন্য দলীয় কর্মীকে বেধড়ক মার, গ্রেফতার অভিযুক্ত তৃণমূল নেতা

    TMC: অভিষেকের কাছে নালিশের জন্য দলীয় কর্মীকে বেধড়ক মার, গ্রেফতার অভিযুক্ত তৃণমূল নেতা

    মাধ্যম নিউজ ডেস্ক: তৃণমূল (TMC) কর্মী ও তাঁর স্বামীকে মারধর করার অভিযোগ ওঠে তৃণমূল কংগ্রেসের বাঁকুড়ার ওন্দা ব্লকের সাধারণ সম্পাদক আশিস দে ও তাঁর অনুগামী আর এক তৃণমূল নেতা দোলন প্রামাণিকের বিরুদ্ধে। বাঁকুড়ার ওন্দা থানা এলাকার রামসাগরের ঘটনা। আক্রান্ত কর্মীরা থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে তৃণমূল নেতা আশিস দে সহ  দুজনকে পুলিশ গ্রেফতার করেছে। শনিবার আদালতে তোলা হলে বিচারক দুজনকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। এই ঘটনাকে কেন্দ্র করে তৃণমূলের গোষ্ঠী কোন্দল একেবারে প্রকাশ্যে চলে আসে।

    তৃণমূল (TMC) নেতার হামলা চালানোর কারণ কী?

    প্রিয়াঙ্কা গোস্বামী নামে আক্রান্ত তৃণমূল (TMC) কর্মী ওন্দা ব্লক তৃণমূলের সাধারণ সম্পাদক আশিস দে-কে করোনা মহামারির সময় ‘কাজ দেওয়ার নাম করে প্রায় ৯৫ হাজার টাকা দিয়েছিলেন। তারপর সেখানে তিনি প্রতারিত হন। এবিষয়ে তিনি পুলিশেও লিখিত অভিযোগ দায়ের করেন। এই ঘটনা তিনি বৃদ্ধার ছদ্মবেশে ওন্দায় গত ১২ এপ্রিল মাসে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে আশিস দে কে তৃণমূল থেকে বহিষ্কার এবং শাস্তির দাবি জানিয়েছিলেন। সেই নালিশের বদল নিতেই পরে গত ১২ জুলাই ওন্দার রামসাগর বাজারে তাঁর স্বামী সুব্রত গোস্বামী ও বন্ধুরা মিলে পিকনিক করছিলেন। সেই সময় তৃণমূল নেতা আশিস দে, দোলন প্রামাণিক সহ অন্যান্যরা তাদের উপর হামলা চালায়। পরে তিনি নিজে ঘটনাস্থলে পৌঁছালে তাঁকেও মারধর করা হয় বলে অভিযোগ।

    কী বললেন আক্রান্ত তৃণমূল (TMC) কর্মী?

    প্রিয়ঙ্কা গোস্বামী বলেন, আশিস দে অত্যন্ত দুর্নীতিগ্রস্ত মানুষ। এই ধরনের মানুষ দলে থাকলে মানুষ আমাদের দল করবে না। অভিষেকের কাছেই সেটা নালিশ জানিয়েছিলাম। তাই, ওরা পরিকল্পিতভাবে আমাদের উপর হামলা চালিয়েছে।

    কী বললেন ধৃত তৃণমূল (TMC) নেতা?

    ধৃত ওন্দা ব্লক তৃণমূলের (TMC) সাধারণ সম্পাদক আশিস দে’ বলেন, প্রিয়াঙ্কা গোস্বামী ও তাঁর স্বামী সুব্রত গোস্বামী আমাকে মিথ্যা মামলায় ফাঁসিয়েছেন। ওই ঘটনার সঙ্গে আমি কোনভাবেই যুক্ত নই। আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হচ্ছে।

    কী বললেন বিজেপি বিধায়ক ?

    প্রসঙ্গত, এই আশিস দে এবার ওন্দা পঞ্চায়েত সমিতির  রামসাগরের ৩৫ নম্বর আসনে ভোটে তৃণমূল (TMC) প্রার্থী হিসেবে লড়াই করে বিজেপি অঞ্জন নাগ চৌধুরির কাছে ৭৮৯ ভোটে হেরেছেন। এই দুর্নীতিবাজ নেতার ওপর মানুষের আস্থা নেই তা প্রমাণ হতেই আশিস দে কে গ্রেফতারের পথে হাঁটল বলে এলাকার রাজনৈতিক মহলে জোর চর্চা চলছে। এদিকে ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা বলেন এই আশিস দে- কে আগেই গ্রেফতার করা উচিত ছিল। এতদিন পর প্রশাসনের শুভবুদ্ধির উদয় হয়েছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Suvendu Adhikari: “আমতাকে বগটুই করার চেষ্টা করেছিল তৃণমূল”, বিস্ফোরক শুভেন্দু

    Suvendu Adhikari: “আমতাকে বগটুই করার চেষ্টা করেছিল তৃণমূল”, বিস্ফোরক শুভেন্দু

    মাধ্যম নিউজ ডেস্ক: ভোট পরবর্তী হিংসায় তৃণমূলের তাণ্ডব দেখল হাওড়ার আমতার মানুষ। শনিবার আমতা সেই কাঁকরোল গ্রামে তৃণমূলের সন্ত্রাসের ঘটনাস্থল পরিদর্শন করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এক সপ্তাহের মধ্যে জয়পুর থানা ঘেরাও করার ডাক দিলেন তিনি। দলের দুই প্রার্থীদের সঙ্গে তিনি কথা বললেন। একইসঙ্গে পরিবারের বাচ্চাদের বই কেনার জন্য এবং কিছুটা পরিবারের আর্থিক সমস্যা সামলে নেওয়ার জন্য তাঁদের কিছুটা আর্থিক সাহায্য করলেন তিনি।

    বিরোধী দলনেতাকে (Suvendu Adhikari) কী বললেন আক্রান্তরা?

    প্রসঙ্গত,বৃহস্পতিবার গভীর রাতে আমতার  জয়পুর থানার অমরাগোড়ী অঞ্চলের  কাঁকরোল গ্রামে দুই মহিলা বিজেপি প্রার্থীর ঘরে আগুন ধরিয়ে দেওয়া হয়। অভিযোগ ওঠে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। একটি দোকান সহ মোট ৬টি ঘর সম্পূর্ণ  ভস্মীভূত হয়ে যায়। ভোটের ফল বের হওয়ার পর পরই শুরু হয় তৃণমূলীদের তাণ্ডব। ঘটনার পর থেকেই চরম আতঙ্কে রয়েছেন আক্রান্ত পরিবারের লোকজন। এদিন গ্রামে শুভেন্দু (Suvendu Adhikari) আক্রান্ত পরিবারের লোকজনের সঙ্গে দেখা করতে যান। তাঁকে সামনে পেয়ে পায়ে ধরে বিচারের আকুতি জানান আক্রান্তরা। আক্রান্তদের সবরকমভাবে পাশে থাকার আশ্বাস দেন তিনি।

    আমতাকে বগটুই করার চেষ্টা তৃণমূলের, অভিযোগ বিরোধী দলনেতার (Suvendu Adhikari)?

    বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দাবি, আমতায় আরও একটা বগটুই করার চেষ্টা হয়েছে। কপাল ভাল, তাই অত বড় ক্ষতি হয়নি। শীঘ্রই এ নিয়ে আইনি লড়াইয়েও নামা হবে। সুর চড়ালেন শাসকদলের বিরুদ্ধে। আওয়াজ তুললেন ছাপ্পা ভোট, ভোট পরবর্তী হিংসা নিয়েও। তিনি বলেন, বিজেপি করার অপরাধে কী করেছে দেখুন। আমি এদের নিয়ে সোমবার রিট-পিটিশন দাখিল করব।

    গ্রামবাসীদের নিয়ে কী বললেন শুভেন্দু (Suvendu Adhikari)?

    এদিকে শুভেন্দুকে (Suvendu Adhikari)  কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়েন আক্রান্ত পরিবারের লোকজনেরা। ছুটে আসেন গ্রামবাসীরাও। তাঁদের দেখিয়েই শুভেন্দু বলেন, গোটা গ্রাম আজ এসেছে। আমরা কাউকে ডাকিনি। এদের ভোট লুট হয়ে গিয়েছে। এদের কাউকে কাউন্টিংয়ের দিন ঢুকতে দেয়নি। প্রহসনের ছাপ্পার পঞ্চায়েত ভোট হয়েছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • TMC: বাড়ি কিনে তোলাবাজির মুখে শিক্ষক, ৫ লক্ষ টাকা না দেওয়ায় বাড়িতে তাণ্ডব, অভিযুক্ত তৃণমূল কাউন্সিলার

    TMC: বাড়ি কিনে তোলাবাজির মুখে শিক্ষক, ৫ লক্ষ টাকা না দেওয়ায় বাড়িতে তাণ্ডব, অভিযুক্ত তৃণমূল কাউন্সিলার

    মাধ্যম নিউজ ডেস্ক: নতুন বাড়ি কিনেছেন। আর কাউন্সিলারের কাছে নজরানা পাঠাননি। এটাই পানিহাটি পুরসভার ২৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সোমনাথ সর্দারের অপরাধ। পেশায় শিক্ষক সোমনাথবাবু এত সব নিয়ম জানতেন না। তাই, বাড়ি কেনার পর পরই স্থানীয় তৃণমূল (TMC) কাউন্সিলারের কাছে থেকে তাঁর কাছে ৫ লক্ষ টাকা তোলা চেয়ে ফোন আসে বলে অভিযোগ। সেই টাকা না দিলে তার বাড়িতে তাণ্ডব চালায় হয় বলে অভিযোগ।

    ঠিক কী অভিযোগ?

    স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে,  সোমনাথ সর্দারের বাবা অসুস্থ। বাড়িতে সদ্যোজাত সন্তান রয়েছে। পরিবারের আরও অনেক সদস্যদের সামনে তৃণমূল (TMC) কাউন্সিলারের অনুগামীরা চড়াও হন। এর আগে ১০ জুলাই কাউন্সিলারের ছেলেরা চড়াও হয়েছিলেন। এবার চড়াও হয়ে বাড়ির লোকজনকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়। ৫ লক্ষ টাকা অবিলম্বে কাউন্সিলারে কাছে পৌঁছে দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়। পরে, সোমনাথবাবু থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

    কী বললেন অভিযোগকারী শিক্ষক?

    সোমনাথবাবু বলেন, নতুন বাড়ি কেনা কী আমার অপরাধ? আমার কাছে থেকে ৫ লক্ষ কাউন্সিলারের লোকজন দাবি করছে। তৃণমূল (TMC) কাউন্সিলার নিজে ফোন করে দেখা করতে বলছে। আর দাবি মতো ৫ লক্ষ টাকা দিতে রাজি হয়নি বলে ওরা আমাকে প্রাণনাশের হুমকি দিয়েছে। বাড়ির ভিতরে তাণ্ডব চালায়। আমার ভাইকে মারধর করেছে। আমার অসুস্থ বাবাকে শারীরীকভাবে হেনস্থা করা হয়। এই ঘটনার পর চরম আতঙ্কে রয়েছি।

    অভিযুক্ত তৃণমূল (TMC) কাউন্সিলারের কী বক্তব্য?

    অন্যদিকে, এই অভিযোগ অস্বীকার করেছেন ২৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল (TMC) কাউন্সিলার হিমাংশু দেব। তিনি উল্টে অভিযোগ করেন, সোমনাথবাবু তাঁর শ্বশুর ও শালির কাছ থেকে ১৭ লক্ষ টাকা নিয়ে না দেয়নি। শুধু তাই নয় একজন বিধবা মহিলার কাছ থেকে স্থানীয় ক্লাবের নাম করে ৫ লাখ টাকা তিনি নিয়েছেন। সকলেই আমার কাছে জানিয়েছে। অখন তিনি নিজে এসব ঘটনা জড়িয়ে রয়েছেন বলে আমার নামে মিথ্যা অভিযোগ করছেন।

    কী বললেন বিজেপি নেতৃত্ব?

    বিজেপির  উত্তর কলকাতা শহরতলির জেলার সহ-সভাপতি কৌশিক চট্টোপাধ্যায়  বলেন, এই ঘটনা নতুন নয়। গোটা রাজ্যজুড়েই এমন চলছে। মানুষকে  ভয় দেখানোর চেষ্টা চলছে। সাধারণ মানুষ যেন ভয় না পেয়ে প্রতিবাদ করে, রাস্তায় বেড়িয়ে এসে সকলকে একসঙ্গে নিয়ে প্রতিবাদ জানান।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Soil Smuggling: আরামবাগে অবৈধ মাটি পাচার! সব জেনেও চুপ প্রশাসন, অভিযোগ স্থানীয়দের

    Soil Smuggling: আরামবাগে অবৈধ মাটি পাচার! সব জেনেও চুপ প্রশাসন, অভিযোগ স্থানীয়দের

    মাধ্যম নিউজ ডেস্ক: ফের মাটি মাফিয়াদের (Soil Smuggling) দৌরাত্ম আরামবাগে। কখনও রাতের অন্ধকারে আবার কখনও প্রকাশ্য দিবালোকে জেসিবি মেশিন দিয়ে পুকুর থেকে কাটা হচ্ছে মাটি। আর সেই মাটি পাচার হয়ে যাচ্ছে অন্যত্র।
    এমনকি মাফিয়াদের (Soil Smuggling) দৌরাত্ম্যর কারণে মুখ খুলতে ভয় পাচ্ছেন এলাকার মানুষ। ক্যামেরার সামনে মুখ খুলতে চাননি পুলিশ ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিকরাও। যদিও বিষয়টি খতিয়ে দেখা ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন আরামবাগ এসডিও। কিন্তু প্রশ্ন উঠেছে, সব কিছু জানা সত্ত্বেও পুলিশ কেন চুপ রয়েছে? 

    সব জানা সত্ত্বেও কেন চুপ প্রশাসন? প্রশ্ন স্থানীয়দের

    আরামবাগের মাধবপুর পঞ্চায়েতের পাশেই একটি বিশালাকার পুকুর। সেই পুকুর থেকেই দিনের পর দিন মাটি (Soil Smuggling) কেটে পাচার করার অভিযোগ গ্রামবাসীদের। সরকারি নিয়মকে বুড়ো আঙুল দেখিয়েই চলছে অবৈধ পাচার কাজ। শনিবার খবর পেয়ে ঘটনাস্থলে সাংবাদিকরা যেতেই মাটি মাফিয়ারা হুমকি দিতে শুরু করে। সাংবাদিকরা ছবি তুলতে শুরু করলে, প্রথমে দূর থেকেই ছবি না তোলার হুমকি আসতে থাকে। তাও সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা কাজ চালিয়ে যেতে থাকেন। ছবি তোলা শুরু হতেই এলাকা থেকে ট্রাক্টর ও জেসিবি মেশিন নিয়ে পালাতে শুরু করে মাফিয়ারা। যদিও এক মাটি পাচারকারী, অভিযোগ স্বীকার করে নেয়। মাটি কাটার কোনও বৈধ কাগজপত্র দেখাতে না পারলেও সব দফতরই নাকি এই অবৈধ মাটি পাচারের কথা জানে বলে জানান তিনি। বিরোধীরা এখানেই প্রশ্ন তুলছে, সব জেনেও কেন কোনও ব্যবস্থা গ্রহণ করছে না ভূমি সংস্কার দপ্তর?

    কী বলছে বিজেপি-তৃণমূল?

    বিজেপির রাজ্য সম্পাদক তথা পুরশুড়ার বিধায়ক বিমান ঘোষ বলেন, ‘‘তৃণমূলের ঝুড়িতে অনেক শিরোপা দেখেছেন এটাও একটা শিরোপা! এর আগে দেখেছেন গরু চুরি, কয়লা চুরি, বালি চুরি, পাথর চুরি এবার মাটি চুরি (Soil Smuggling)। মাধবপুর থেকে তৃণমূলের নেতাদের মদতে মাটি চুরি চলছে আর এই চুরির টাকায় বিরোধী বিজেপি নেতাকর্মীদের উপর অত্যাচার চালানো হচ্ছে। এলাকার সন্ত্রাস করছে।’’ তৃণমূলের আরামবাগ ব্লক সভাপতি পিসি সরকার সাংবাদিকদের বলেন, ‘‘বিষয়টি আপনাদের মুখ থেকে শুনছি আমি খোঁজখবর নিয়ে দেখছি।’’ এবিষয়ে আরামবাগ এসডিও শুভাষিনী ই বলেন, ‘‘এই অভিযোগটা আগেও এসেছিল আমি ভূমি দফতরকে বিষয়টি খতিয়ে দেখতে বলেছি।’’

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Diarrhea: ডায়রিয়ার থাবায় গোটা গ্রাম! মৃত ১, অপরিশ্রুত পানীয় জলকেই দূষছেন স্থানীয়রা

    Diarrhea: ডায়রিয়ার থাবায় গোটা গ্রাম! মৃত ১, অপরিশ্রুত পানীয় জলকেই দূষছেন স্থানীয়রা

    মাধ্যম নিউজ ডেস্ক: ভোট পরবর্তী সন্ত্রাসের মধ্যেই  ডায়রিয়ার (Diarrhea) হানা। আক্রান্ত আস্ত একটি গ্রাম। বোলপুর সংলগ্ন সিয়ান- মুলুক আদিবাসী অধ্যুষিত বেরুগ্রামে ডায়রিয়ার প্রকোপে কমবেশি ২৫০ জন অসুস্থ বলে জানা গিয়েছে। আতঙ্কিত এলাকার মানুষ। তাঁদের মধ্যে ৩০ জনের বেশি বোলপুর মহকুমা হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

    ডায়রিয়ার (Diarrhea) প্রকোপে মৃত ১

    গ্রামবাসীদের দাবি, পানীয় জলের কোনও ব্যবস্থা নেই। দীর্ঘ পাঁচ বছর ধরে জার্মান প্রকল্প এবং টিউবওয়েলের বেশ কয়েকটি কল থাকলেও সেগুলি অচল। পানীয় জল নিয়ে আসতে হয় তিন কিলোমিটার দূর থেকে। এই ঘটনায় ইতিমধ্যেই জিবা কিস্কু (৬০) নামের এক গ্রামবাসী মারা গিয়েছেন। অপরিশ্রুত পানীয় জল থেকেই এই রোগ ছড়িয়েছে বলে ধারনা গ্রামবাসীদের। সোলার সিস্টেমের একটি জলের ব্যবস্থা থাকলেও প্রায় দিনই খারাপ হয়ে থাকে। স্থানীয় প্রশাসনকে বারংবার জানানো সত্বেও মেলেনি কোনও সুরাহা, এমনটাই অভিযোগ গ্রামবাসীদের। গ্রামবাসীদের অধিকাংশ আক্রান্ত হওয়ার আতঙ্ক ছড়াচ্ছে এলাকা জুড়ে।

    বৃহস্পতিবার সকাল থেকেই বাড়তে থাকে প্রকোপ

    বৃহস্পতিবার সকালের পর থেকেই ক্রমশ গ্রামে ডায়রিয়ার (Diarrhea) প্রকোপ বাড়তে থাকে বলে খবর। কারও বমি, মাথাব্যথা, কারও আবার পেট ব্যথা। চিকিৎসা চললেও প্রতিদিনই কোনও না কোনও আক্রান্তের খবর আসছেই।
    জনৈক গ্রামবাসী সুকুল সাহানি, সোমাই সোরেনরা বলছেন, ‘‘পানীয় জল থেকেই সমস্যা তৈরি হয়েছে। একাধিক জার্মান প্রকল্পের কল থাকা সত্ত্বেও সেগুলি অচল। টিউবওয়েল ব্যবহার করা অযোগ্য। বাধ্য হয়েই পাশের গ্রামে তিন কিলোমিটার অতিক্রম করে জল আনতে হয়। গোটা গ্রামই এখন আতঙ্কিত।’’ অন্যদিকে অঙ্গনওয়াড়ি কর্মী রীতা কর্মকার বলেন, ‘‘২৭৪ নম্বর কেন্দ্রেও জল না থাকার কারণেই অসুবিধা সম্মুখীন হতে হচ্ছে। পাশের গ্রাম থেকে জল নিয়ে আসতে হয়। গোটা গ্রামই এখন ডায়রিয়ায় আক্রান্ত।’’

    কী বলছেন মুখ্য স্বাস্থ্য আধিকারিক?

    যদিও মুখ্য স্বাস্থ্য আধিকারিক হিমাদ্রি আড়ি বলেন, ‘‘আবহাওয়ার পরিবর্তনের কারণ অথবা পানীয় জল থেকে এই ধরনের রোগ হতে পারে। অবশ্যই খবর নিয়ে দেখা হবে। ঘাবড়ানোর কিছু নেই। প্রয়োজনে আশা কর্মীদের দিয়ে স্বাস্থ্য পরিষেবা দেওয়া হবে।’’

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Bomb Blast: খেলনা ভেবে খেলতে গিয়ে সালারে বোমা বিস্ফোরণে জখম দুই শিশু

    Bomb Blast: খেলনা ভেবে খেলতে গিয়ে সালারে বোমা বিস্ফোরণে জখম দুই শিশু

    মাধ্যম নিউজ ডেস্ক: খেলনা ভেবে একটি কৌটো নিয়ে খেলতে গিয়ে বোমা বিস্ফোরণে (Bomb Blast) জখম হল হল দুই শিশু। শনিবার সকালে ঘটনা ঘটেছে মুর্শিদাবাদ জেলার সালার থানার কাগ্রাম অঞ্চলের বাবলা গ্রামে। জখমদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক তৈরি হয়েছে।

    কীভাবে বোমা বিস্ফোরণ ঘটল?

    স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে ওই গ্রামেরই বাসিন্দা সাহিল শেখ এবং সাকিব শেখ নামে দুই শিশু বাড়ির কাছেই খেলা করছিল। রাস্তার পাশেই প্লাস্টিকে মোড়া কৌটো বোমা ছিল। তবে, কতগুলি বোমা ছিল তা জানা যায়নি। দুই শিশু সেটিকে খেলনা ভেবে কৌটো বোমা নিয়ে খেলতে গিয়ে বোমা বিস্ফোরণ (Bomb Blast) ঘটে। বিস্ফোরণের  জেরে গুরুতরভাবে দুজন জখম হয়। দুজনকেই চিকিৎসার জন্য সালার গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

    স্থানীয় বাসিন্দারা কী বললেন?

    স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, বাবলা গ্রামে প্রায় পাঁচটি কৌটো বোমা পড়েছিল। আর সেই কৌটো বোমাকে খেলনা ভেবে খেলতে যাই দুই শিশু। একটি কৌটো বোমা বিস্ফোরণ (Bomb Blast) ঘটে। বোমা বিস্ফোরণের পর থেকে ওই এলাকায় আরও চারটি কৌটো বোমা পড়ে আছে। ঘটনায় উত্তেজনা রয়েছে গোটা এলাকায়। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন পরিবারের সদস্যরা। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছই সালার থানার পুলিশ। সামগ্রিক ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কে বা কারা কী উদ্দেশ্যে ওই বোমাগুলি মজুত করে রেখেছিল তা জানতে পুলিশ তদন্ত শুরু করেছে।

    কী বললেন পরিবারের লোকজন?

    জখম শিশুর এক পরিবারের সদস্য বলেন, আক্রান্ত শিশু আমার ভাইপো। এভাবে যেখানে  সেখানে বোমা ফেলে রাখা অন্যায়। আরও হয়তো অনেক বোমা গ্রামে পড়ে রয়েছে। পুলিশ তল্লাশি করলে খুঁজে পাবে। আমাদের দাবি, যে বা যাদের জন্য আমাদের বাড়ির দুই সন্তান এভাবে জখম হল, তাদের আমরা দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share