Tag: Madhyom

Madhyom

  • Amit Shah-JP Nadda: আজ রাতে শাহ-র সঙ্গে শহরে নাড্ডা, বৈঠক মঙ্গলবার

    Amit Shah-JP Nadda: আজ রাতে শাহ-র সঙ্গে শহরে নাড্ডা, বৈঠক মঙ্গলবার

    মাধ্যম নিউজ ডেস্ক: শুধু অমিত শাহ নন, একইসঙ্গে সোমবার রাতে শহরে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা (Amit Shah-JP Nadda)। লোকসভা নির্বাচনের আগে বিজেপির দুই শীর্ষস্থানীয় নেতার উপস্থিতি নিয়ে জোর চর্চা বঙ্গ রাজনীতিতে। যদিও দুই নেতাই মূলত আসছেন একটি গুরুদ্বারে অনুষ্ঠানে অংশ নিতে। তাঁরা কালীঘাটে পুজোও দেবেন। এরপরই আসন্ন লোকসভা নির্বাচনে দলীয় কর্মীদের দায়িত্ব ও করনীয় প্রসঙ্গে পাঠ দেবেন শাহ-নাড্ডা।

    কখন আসবেন দুই নেতা

    বিজেপি সূত্রের খবর, সোমবার রাত পৌনে ১২টা নাগাদ একই বিমানে কলকাতায় নামার কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও জে পি নাড্ডার। এর পরে তাঁদের যাওয়ার কথা নিউ টাউনের একটি হোটেলে। সেখানে মধ্য রাতেই রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে এক প্রস্ত বৈঠক সারতে পারেন শাহ-নাড্ডা। বিমান বন্দরে দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিজেপির দুই শীর্ষ নেতাকে স্বাগত জানাতে যাবেন। 

    কী কী কর্মসূচি

    প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘোষণা করেছেন, গুরু গোবিন্দ সিংয়ের পুত্রদের ‘বীরাগাথা’ উদযাপন করতে ২৬ ডিসেম্বর ‘বীর বাল দিবস’ পালন করা হবে। সেই উদযাপনের অংশ হিসেবেই মঙ্গলবার সকালে মহাত্মা গান্ধী রোডের গুরুদ্বারে অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা শাহ ও নাড্ডার। ‘বীর বাল দিবসে’র কর্মসূচি সেরে তাঁরা কালীঘাট মন্দিরে পুজো দিতে যেতে পারেন। সেখানেও দুই শীর্ষ নেতার সঙ্গে থাকার কথা সুকান্ত ও শুভেন্দুর। তাঁদের পরবর্তী গন্তব্য হতে পারে আলিপুরে জাতীয় গ্রন্থাগারের ভাষা ভবন।

    আরও পড়ুন: রামের শ্বশুরবাড়ি থেকে অযোধ্যায় আসছে নানা উপহার! কী কী থাকছে?

    বিজেপি সূত্রের খবর, ওখানেই একটি গুরুত্বপূর্ণ বৈঠকে যোগ দেবেন শাহ ও নাড্ডা (Amit Shah-JP Nadda)। ওই বৈঠকে রাজ্য নেতা, মোর্চার পদাধিকারী ছাড়াও এমন কিছু ব্যক্তিকে ডাকা হতে পারে, যাঁদের কাউকে কাউকে আসন্ন লোকসভা নির্বাচনে গেরুয়া শিবিরের প্রার্থী হিসেবে দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। ওই বৈঠকের পরে নড্ডাদের নিউ টাউনের হোটেলে ফিরে যাওয়ার কথা। সেখানে রাজ্য বিজেপির শীর্ষ নেতা, পর্যবেক্ষকদের সঙ্গে আবার এক প্রস্ত বৈঠক সারতে পারেন বিজেপির দুই সর্বভারতীয় শীর্ষ নেতা। বৈঠক শেষে মঙ্গলবার বিকেলেই তাঁদের দিল্লি ফিরে যাওয়ার কথা রয়েছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

     

  • COVID-19: বড়দিনে করোনার কামড়! কোন রাজ্যে আক্রান্তের সংখ্যা কত?

    COVID-19: বড়দিনে করোনার কামড়! কোন রাজ্যে আক্রান্তের সংখ্যা কত?

    মাধ্য়ম নিউজ ডেস্ক: প্রতিদিন বাড়ছে সংক্রমণ। আবার চোখ রাঙাচ্ছে করোনা (Covid-19)। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত ৬২৮ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের (Union Health Ministry) দেওয়া তথ্য অনুসারে, সারা দেশে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৪ হাজার ছাড়িয়েছে।

    জেএন-১ সংক্রমণ

    এক লাফে জেএন-১ আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৩। ২৪ ডিসেম্বর পর্যন্ত দেশের একাধিক রাজ্যে থাবা বসিয়েছে এই ভ্যারিয়ান্ট। বড়দিনের দিন এই পরিসংখ্যান রীতিমতো উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। স্বাস্থ্য মন্ত্রক সূত্রে খবর, সবচেয়ে বেশি সংখ্যক জেএন-১ আক্রান্তের হদিশ মিলেছে গোয়া। সেখানে মোট ৩৪ জনের শরীরে এই ভাইরাসের প্রজাতির অস্তিস্ব মিলেছে।  এ ছাড়া মহারাষ্ট্রে জেএন-১ -এ আক্রান্ত হয়েছেন ন’জন। কর্নাটকে আট জন, কেরালায় ছয় জন, তামিলনাড়ুতে চার জন এবং তেলঙ্গানায় দু’জন এই ভ্যারিয়ান্টে আক্রান্ত। 

    গত ২৪ ঘণ্টায় দেশে মোট ৬২৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। দেশে এই মুহূর্তে অ্যাক্টিভ কেসের সংখ্যা ৪ হাজার ৫৪ জন। সবচেয়ে বেশি সংক্রমণ ধরা পড়েছে কেরালাতে। এই রাজ্যেই অ্যাক্টিভ কেসের সংখ্যা প্রায় ৩ হাজার। দেশে একমাত্র করোনা রোগীর মৃত্যু হয়েছে কেরালায়। কর্নাটকে গত ২৪ ঘণ্টায় ১০৪ জন নতুন করে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে অ্যাক্টিভ কেসের সংখ্যা ২৭১। যার মধ্যে ২৫৮ জন হোম আইসোলেশনে রয়েছেন। বাকি ১৩ জন ভর্তি রয়েছেন হাসপাতালে।

    আরও পড়ুন: আইএস জঙ্গিদের তহবিলে টাকা দিতেন ভারতীয় রেলের ক্লার্ক! তদন্তে এনআইএ

    হু’র সতর্কবার্তা

    ইতিমধ্যে দক্ষিণ এশিয়ার দেশগুলিতে ভয়াবহ আকার নিয়েছে জেএন-১ সংক্রমণ। এবার করোনা ভাইরাসের এই প্রজাতির সংক্রমণ নিয়ে সতকর্তা দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। করোনা ভাইরাসের নয়া প্রজাতির সংক্রমণের হাত থেকে বাঁচতে পুনরায় কোভিড-বিধি মেনে চলার পরামর্শ দিচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। নজরদারি এবং করোনা পরীক্ষা বাড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে হু’র তরফে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • AI Technology: স্রষ্টার পেটেই ছুরি! পেটিএমের হাজারেরও বেশি কর্মীর চাকরি গিলে খেল এআই

    AI Technology: স্রষ্টার পেটেই ছুরি! পেটিএমের হাজারেরও বেশি কর্মীর চাকরি গিলে খেল এআই

    মাধ্যম নিউজ ডেস্ক: মানুষের তৈরি যন্ত্র সৃষ্টিকর্তার পেটেই আমূল বসিয়ে দিচ্ছে চকচকে ধারাল ছুরি! মগজ খাটিয়ে যে মানুষ আবিষ্কার করেছিল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI Technology), তারই পেটে টানের কারণ হয়ে দাঁড়াচ্ছে তারই তৈরি ‘ডঃ ফ্র্যাঙ্কেস্টাইন’! সাম্প্রতিক এক ঘটনার কথা জানলে, মনের কোণে উঁকি দেবে গল্প কিংবা কল্পলোকের এই সব নজির। ফেরা যাক, আসল কথায়।

    বড়দিনের সপ্তাহে ‘বড়’ উপহার!!!

    অনলাইন পেমেন্ট সংস্থা পেটিএমে ছাঁটাই করা হয়েছে হাজারেরও বেশি কর্মীকে। বড়দিনেই সপ্তাহেই এই কর্মীদের ঘাড় ধাক্কা দিয়েছে সংস্থা। কারণ হিসেবে বলা হয়েছে, বারংবার একই কাজ করার যেসব চাকরি, সেগুলিকেই এআই প্রযুক্তি দিয়ে বদলে দিয়েছে তারা। তাই উদ্বৃত্ত কর্মীদের ছাঁটাই করা হয়েছে। দীর্ঘদিন ধরে নিজেদের শ্রম দিয়ে লাভের কড়ি তুলে দিয়েছেন যে সংস্থার ঘরে, বড়দিনের সপ্তাহে সেই সংস্থার এই ‘বড়’ উপহারে যারপরনাই বিস্মিত কর্মীরা। এই বয়সে কোথায় কাজ পাবেন, আদৌ পাবেন কিনা, সেসব ভাবতে ভাবতেই বাড়ি ফিরে গিয়েছেন পেটিএমের হতভাগ্য কর্মীরা।

    কী বলছেন পেটিএম কর্তারা?

    অল্প খরচে এআই (AI Technology) বসিয়ে কাজ হাসিল হয়ে যাওয়ায় পেটিএমের মাদার কনসার্ন ওয়ান৯৭ কমিউনিকেশন লিমিটেড কর্মিছাঁটাই প্রক্রিয়া শুরু করেছিল অক্টোবরে, পুজোর মাসেই। বড় দিনের সপ্তাহে তারাই পেটিএম সহ বিভিন্ন বিভাগ থেকে ছাঁটাই করেছে হাজারেরও বেশি কর্মীকে। সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়ে সংস্থার মুখপাত্র বলেন, “সংস্থাকে আরও কর্মক্ষম বানাতেই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। এই একটি সিদ্ধান্তে আমাদের সংস্থার যেমন উন্নতি হবে, তেমনই খরচও কমবে। তাই সব দিক ভেবেচিন্তেই আমরা নিজেদের কর্মী সংখ্যা সামান্য কমিয়েছি।” তিনি জানান, এআইয়ের কাজে তাঁরা খুশি। এই সিদ্ধান্তের জন্য এক লপ্তে ১০-১৫ শতাংশ কর্মীর খরচও কমানো যাবে।

    আরও পড়ুুন: বিজেপির চাপেই কি হিজাব নিয়ে ঢোঁক গিলল কর্নাটকের কংগ্রেস সরকার?

    এআই প্রযুক্তি (AI Technology) ব্যবহার করে ‘ডিপ ফেক’ তৈরি নিয়ে ব্যাপক হইচই হয়েছিল দেশজুড়ে। এই প্রযুক্তির অপব্যবহার নিয়ে সরব হয়েছিলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবার এআইয়ের আরও ভয়ঙ্কর রূপ দেখলেন পেটিএমের ছাঁটাই হওয়া কর্মীরা। যদিও পেটিএম জানিয়েছে, অচিরেই তারা ১৫ হাজার কর্মী নিয়োগ করবে। সেক্ষেত্রে কপাল খুলবে ১৫ হাজার তরুণ-তরুণীর। মাঝ বয়সে তাঁদেরও চাকরি গিলে খাবে না তো এআই? প্রশ্নটা কিন্তু উঠছেই।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Hijab Ban Row: বিজেপির চাপেই কি হিজাব নিয়ে ঢোঁক গিলল কর্নাটকের কংগ্রেস সরকার?

    Hijab Ban Row: বিজেপির চাপেই কি হিজাব নিয়ে ঢোঁক গিলল কর্নাটকের কংগ্রেস সরকার?

    মাধ্যম নিউজ ডেস্ক: দলের নাম কংগ্রেস। সরকারও তাদেরই। তবে মাত্র দু’ দিনের ব্যবধানে হিজাব (Hijab Ban Row) নিয়ে প্রকাশ্যে চলে এসেছে মুখ্যমন্ত্রী বনাম স্বরাষ্ট্রমন্ত্রীর মতবিরোধ। দিন দুই আগেই কর্নাটকের মুখ্যমন্ত্রী বলেছিলেন, “এখন হিজাবের ওপর কোনও নিষেধাজ্ঞা থাকবে না।” মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের পর সোমবার তাঁরই মন্ত্রিসভার সদস্য স্বরাষ্ট্রমন্ত্রী জি পরমেশ্বর একটি বিবৃতি জারি করে জানিয়ে দিয়েছেন, “এ বিষয়ে চিন্তাভাবনা করেই সিদ্ধান্ত নেবে কংগ্রেস সরকার।”

    হিজাবে নিষেধাজ্ঞা জারি শিক্ষা প্রতিষ্ঠানে 

    বিজেপি জমানায় শিক্ষা প্রতিষ্ঠানে নিষেধাজ্ঞা জারি করা হয় স্কুল-কলেজে হিজাব পরে আসার ওপর। বিষয়টি গড়িয়েছে সুপ্রিম কোর্ট পর্যন্ত। এমতাবস্থায় মে মাসে পালাবদল হয় কর্নাটকে। ক্ষমতায় আসে কংগ্রেস। অভিযোগ, তার পরেই শুরু হয়েছে মুসলমান তোষণ। লোকসভা নির্বাচনের আগে মুসলমান ভোট পেতে দিন দুই আগে ইসোরে এক জনসভায় ভাষণ দিতে গিয়ে মুখ্যমন্ত্রী কংগ্রেসের সিদ্দারামাইয়া বলেন, “পোশাক বেছে নেওয়ার সম্পূর্ণ অধিকার রয়েছে মেয়েদের।”

    মুখ্যমন্ত্রীর বক্তব্য 

    তিনি বলেন, “কর্নাটক সরকার রাজ্যে হিজাবের (Hijab Ban Row) ওপর নিষেধাজ্ঞা তুলে নিতে চলেছে। মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া বলছেন, এখন হিজাবের ওপর কোনও নিষেধাজ্ঞা থাকবে না। হিজাব নিষিদ্ধের সিদ্ধান্ত প্রত্যাহার করবে রাজ্য সরকার।” মুখ্যমন্ত্রীর এহেন প্রকাশ্য-ভাষণের পর আটচল্লিশ ঘণ্টার মধ্যেই বিবৃতি জারি করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “এ বিষয়ে চিন্তাভাবনা করেই সিদ্ধান্ত নেবে কংগ্রেস সরকার।” সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়ে তিনি বলেন, “সরকার হিজাব নিষিদ্ধ করার বিষয়ে কোনও আদেশ জারি করেনি। সরকার গভীরভাবে বিবেচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।”

    হিজাব নিষেধাজ্ঞা নিয়ে কংগ্রেসের এই ভোলবদলে গ্র্যান্ড ওল্ড পার্টিকে নিশানা করেছে ভারত রাষ্ট্র সমতি। দলের নেতা কেটি রামা রাও বলেন, “সিদ্দারামাইয়া সরকার এখনও রাজ্যে হিজাবের ওপর নিষেধাজ্ঞা তুলে নেয়নি এবং তারা এখনও এ ব্যপারে ভাবনাচিন্তা করছে। মানুষ দেখছে, কংগ্রেসের আচরণ। তারা ক্ষমতায় আসার আগে কী বলেছিল এবং ক্ষমতায় আসার পরে কীভাবে বদলে গিয়েছে।

    আরও পড়ুুন: আইএস জঙ্গিদের তহবিলে টাকা দিতেন ভারতীয় রেলের ক্লার্ক! তদন্তে এনআইএ

    ঘরে-বাইরে চাপের মুখে পড়ে গিয়ে ঢোঁক গিলেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “আমরা সিদ্ধান্ত (হিজাব নিষিদ্ধের) প্রত্যাহারের কথা ভাবছি। আমরা এ বিষয়ে আলোচনা করব।” প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজেপির বাসবরাজ বোমাই বলেন, “গোটা রাজ্যে হিজাবের ওপর কোনও নিষেধাজ্ঞা নেই। কেবল নির্দিষ্ট ড্রেস কোড রয়েছে এমন জায়গায় হিজাব অনুমোদিত নয়।” তাঁর প্রশ্ন, “হিজাবের (Hijab Ban Row) ওপর যখন কোনও নিষেধাজ্ঞাই নেই, তাহলে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার প্রশ্নই বা কোথায়?”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Bengal Premier League: আসছে বেঙ্গল প্রিমিয়ার লিগ! নেপথ্যে সৌরভ, থাকতে পারে কলকাতা, মুম্বই, লখনউ

    Bengal Premier League: আসছে বেঙ্গল প্রিমিয়ার লিগ! নেপথ্যে সৌরভ, থাকতে পারে কলকাতা, মুম্বই, লখনউ

    মাধ্যম নিউজ ডেস্ক: বেঙ্গল প্রিমিয়ার লিগের (Bengal Premier League) আয়োজন করার চিন্তাভাবনা করছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল। এই টুর্নামেন্ট আয়োজনের উদ্যোগ গ্রহণ করছেন প্রাক্তন সিএবি প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। সম্প্রতি আইপিএল নিলামে দেখা গিয়েছে, বাংলার ক্রিকেটাররা কার্যত ব্রাত্যই রয়ে গিয়েছেন। হাতে গোনা কয়েকজন ছাড়া, এবারের নিলামে বাংলা থেকে কোনও নতুন মুখে আস্থা রাখতে পারেনি ফ্র্যাঞ্চাইজিগুলো। সেই জায়গায় এই টুর্নামেন্ট বাংলার তরুণ ক্রিকেটারদের কাছে সুবর্ণ সুযোগ।

    কবে থেকে শুরু লিগ

    কয়েকবছর ধরেই সিএবি বেঙ্গল প্রিমিয়ার লিগের পরিকল্পনা করে যাচ্ছেন। এই টুর্নামেন্ট যে বড়সড় আকারেই আয়োজন করা হবে, তা নিয়ে কোনও সন্দেহ নেই। সিএবি কর্তারা জোর দিচ্ছেন নতুন প্রতিভা তুলে আনার উপরে। যারা জাতীয় স্তরে প্রতিদ্বন্দ্বিতা করার যোগ্য হবে। টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য আইপিএল এ বারে আগে শুরু হয়ে যাচ্ছে। মে মাসের তৃতীয় সপ্তাহের মধ্যে শেষ হয়ে যেতে পারে আইপিএল। তাই জুনের মাঝামাঝি লিগ চালু করতে চায় সিএবি। 

    কটা দলে হবে খেলা

    প্রাথমিক ভাবে যা ঠিক হয়েছে, একই সঙ্গে পুরুষ ও মহিলাদের টি-টোয়েন্টি লিগ চালু করা হবে। যা অন্য কোনও রাজ্য করেনি। অন্যান্য রাজ্যে আইপিএলের ঢংয়ে ফ্র্যাঞ্চাইজি লিগ চালু হলেও শুধু পুরুষদের মধ্যেই তা সীমাবদ্ধ রয়েছে। সিএবি ঠিক করেছে, একই সঙ্গে পুরুষদের লিগ হবে ইডেনে। আর মেয়েদের লিগ হবে সল্ট লেক যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস মাঠে। মেয়েদের ফাইনাল হবে ইডেনে। একই দিনে দু’টি করে ম্যাচ করা হতে পারে। প্রথম বছরে পুরুষদের লিগে থাকবে আটটি দল, মহিলাদের ছ’টি। তার পরে মেয়েদের দলের সংখ্যা বাড়ানো হতে পারে।

    আরও পড়ুন: ২০৩৬ অলিম্পিক্স আয়োজনে ভারত! কোথায় বসবে আসর? কী বললেন অমিত শাহ

    কোন কোন ফ্র্যাঞ্চাইজি খেলবে

    সিএবি কথাবার্তা বলছে আইপিএলের কয়েক জন নামী ফ্র্যাঞ্চাইজি মালিকের সঙ্গে। তার মধ্যে শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স রয়েছে। অম্বানীদের মুম্বই ইন্ডিয়ানস আছে। সঞ্জীব গোয়েন্‌কার লখনউ সুপার জায়ান্ট্স রয়েছে। এই তিনটি ফ্র্যাঞ্চাইজির শীর্ষ স্তরে কথা বলেছেন সৌরভ নিজে। তারা আগ্রহও প্রকাশ করেছে বঙ্গ লিগে দল কেনার ব্যাপারে। প্রত্যেকটা দলে ২০ জন করে ক্রিকেটার খেলবেন বলে জানা গিয়েছে। প্রতিটা দলে একজন করে থাকবেন মার্কি প্লেয়ার। সেটা বাংলার একজন করে নাম করা তারকা ক্রিকেটারকেই রাখা হবে। এছাড়া আইপিএল টুর্নামেন্টে যেমন আইকন প্লেয়ার থাকেন, এখানেও সেভাবেই একজন ক্রিকেটারকে রাখা হবে। দলগুলোকে প্রতিটা ম্যাচেই একজন করে জেলার ক্রিকেটার এবং একজন অনূর্ধ্ব ১৯ ক্রিকেটারকে বাধ্যতামূলকভাবে রাখতে হবে। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • ISIS: আইএস জঙ্গিদের তহবিলে টাকা দিতেন ভারতীয় রেলের ক্লার্ক! তদন্তে এনআইএ

    ISIS: আইএস জঙ্গিদের তহবিলে টাকা দিতেন ভারতীয় রেলের ক্লার্ক! তদন্তে এনআইএ

    মাধ্যম নিউজ ডেস্ক: চাকরি করেন ভারতীয় রেলে। অথচ নিয়মিত যোগাযোগ রেখে চলেছেন আইএসআইএস (ISIS) জঙ্গির সঙ্গে! শুধু তাই নয়, ভুয়ো মেডিকেল বিল তৈরি করে রেলের কাছ থেকে অর্থ সংগ্রহ করে সেই টাকা জমা করতেন জঙ্গিদের তহবিলে। এমনই গুরুতর অভিযোগ উঠেছে রেলের এক ক্লার্কের বিরুদ্ধে।

    তদন্তে এনআইএ

    রেলকর্মীর জঙ্গিযোগের মূলে পৌঁছতে তদন্ত শুরু করেছে জাতীয় তদন্তকারী সংস্থা, সংক্ষেপে এনআইএ। দিল্লির একটি থানায় ওই ক্লার্কের বিরুদ্ধে দায়ের হয়েছে এফআইআর। অক্টোবর মাসে তিন আইএসআইএস জঙ্গিকে গ্রেফতার করে দিল্লি পুলিশ। এরা হল, শাহনওয়াজ আলম, মহম্মদ আশরাফ এবং মহম্মদ আরশাদ ওয়ারসি। ধৃতদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট খতিয়ে তাজ্জব বনে যান তদন্তকারীরা। তাঁরা জানতে পারেন, ওই অ্যাকাউন্টগুলিতে কিছু সোর্স থেকে নিয়মিত টাকা ঢুকছে। এর পরেই কোমর কষে নামে পুলিশ।

    রেলের ওই কর্মী ফাইনান্স বিভাগে কর্মরত

    জানা যায়, নয়ডার বাসিন্দা পেশায় রেলকর্মী ওই জঙ্গিদের নিয়মিত টাকার জোগান দিতেন। ওই কর্মীর বিরুদ্ধে (ISIS) এফআইআর দায়ের করেছে উত্তর রেলওয়ে। তাঁর বিরুদ্ধে দায়ের হয়েছে অর্থ জালিয়াতির মামলা। রেলের ওই কর্মী ফাইনান্স বিভাগে কর্মরত। অর্থ সংগ্রহ করতে একাধিকবার ভুয়ো মেডিকেল বিল জমা দেন তিনি। এই টাকাই তিনি পাঠাচ্ছিলেন জঙ্গিদের তহবিলে। তদন্তে নেমেছে এনআইএ। অভিযুক্তের খোঁজে শুরু হয়েছে তল্লাশি।

    আরও পড়ুুন: অটল বিহারী বাজপেয়ীর জন্মদিনে দেশজুড়ে কর্মসূচি বিজেপির, কী বললেন প্রধানমন্ত্রী?

    ৯ ডিসেম্বর দেশজুড়ে আইএসআইএসের খোঁজে মহারাষ্ট্র সহ দেশের ৪৪টি ঠিকানায় হানা দেয় এনআইএ। গ্রেফতার করা হয় ১৫ জনকে। তদন্তকারীরা জানতে পারেন, মহারাষ্ট্র মডিউলের চাঁই হল সাকিবা নাচান। এই মডিউলই গোটা দেশে জঙ্গি হামলার ছক কষছিল। বিবৃতিতে এনআইএ জানিয়েছে, তদন্তে জানা গিয়েছে, মহারাষ্ট্র মডিউলের সব আইএসআইএস সদস্যরা কাজকর্ম চালাচ্ছিল পদ্ম-বোরিভালি এলাকা থেকে। এখানে বসেই তারা দেশজুড়ে হামলার ছক কষছিল। জিহাদ, খিলাফত এসবের নামে জঙ্গিরা (ISIS) নষ্ট করতে চাইছিল দেশের শান্তি। এভাবেই তারা ভারত সরকারের বিরুদ্ধে যুদ্ধ জারি করতে চেয়েছিল।

    মহারাষ্ট্র মডিউলের নাচান নিরাপত্তা বাহিনীর কাছে পরিচিত একটি নাম। তার বিরুদ্ধে সন্ত্রাসবাদী কাজকর্মের সঙ্গে যুক্ত থাকার মামলা রয়েছে এক ডজনেরও বেশি। তার ছেলে শামিল নাচানও সন্ত্রাসবাদী কাজকর্মে যুক্ত ছিল। গ্রেফতার করা হয়েছে শামিলকে (ISIS)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Ram Temple: স্বাধীনতা দিবসের চেয়ে কম গুরুত্বপূর্ণ নয় রাম মন্দিরের উদ্বোধন, বললেন চম্পত

    Ram Temple: স্বাধীনতা দিবসের চেয়ে কম গুরুত্বপূর্ণ নয় রাম মন্দিরের উদ্বোধন, বললেন চম্পত

    মাধ্যম নিউজ ডেস্ক: “২০২৪ সালের ২২ জানুয়ারি ততটাই গুরুত্বপূর্ণ, যতটা ১৯৪৭ সালের ১৫ অগাস্ট ছিল। ১৯৯৯ সালে কার্গিল যুদ্ধে জয় ও ১৯৭১ সালে পাকিস্তানের এক লাখ সেনাকে বন্দি করার ঘটনার মতোই সমান গুরুত্বপূর্ণ রাম মন্দির উদ্বোধন।” কথাগুলি বললেন রাম (Ram Temple) জন্মভূমি ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্পত রাই।

    চম্পতের দাবি

    তিনি বলেন, “রাম মন্দির গোটা দেশের মানুষকে ঐক্যবদ্ধ করেছে। অযোধ্যায় রাম মন্দির তৈরি হওয়ায় এখানকার মানুষ সন্তুষ্ট। এখানকার আশপাশের মানুষজন, সাধু, শিক্ষক থেকে শুরু করে অনেকেই এই রাম মন্দির আন্দোলনের সঙ্গে জড়িয়ে পড়েছিলেন।” চম্পত বলেন, “১৯৮৩ সালের পর থেকে অবশ্য গোটা দেশের মানুষই জড়িয়ে পড়েছিলেন এর সঙ্গে। তার আগে বিষয়টি শুধুমাত্র অযোধ্যায়ই সীমাবদ্ধ ছিল। আর এখন গোটা দেশের শ্রদ্ধার বিষয় হয়ে দাঁড়িয়েছে এটি (Ram Temple)।”

    অগাস্টের গুরুত্ব

    উল্লেখ্য, এই অগাস্ট যেমন স্বাধীনতার মাস, তেমনই ২০২০ সালের অগাস্ট মাসেই অযোধ্যায় রাম মন্দিরের শিলান্যাস করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ২০১৯ সালের অগাস্টেরই পাঁচ তারিখে জম্মু-কাশ্মীরে ৩৭০ ধারা রদ করে মোদি সরকার। তিন তালাক রদে আইনও চালু হয়েছিল অগাস্টেই। 

    আগামী ২২ জানুয়ারি উদ্বোধন হবে রাম মন্দিরের। উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দেবদর্শন শুরু হবে তারও একদিন পর থেকে। এই রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট্রের সম্পাদক চম্পত। বহু বছর ধরে বিশ্ব হিন্দু পরিষদের গুরুত্বপূর্ণ পদে রয়েছেন তিনি। তাঁর কাছে ১৫ অগাস্টের চেয়ে কোনও অংশেই কম গুরুত্বপূর্ণ নয় ২০২৪ সালের ২২ জানুয়ারি।

    আরও পড়ুুন: অটল বিহারী বাজপেয়ীর জন্মদিনে দেশজুড়ে কর্মসূচি বিজেপির, কী বললেন প্রধানমন্ত্রী?

    প্রসঙ্গত, ২২ জানুয়ারি রাম মন্দির উদ্বোধনের আগে এ মাসেই অযোধ্যা যাচ্ছেন প্রধানমন্ত্রী। ৩০ ডিসেম্বর অযোধ্যায় নয়া বিমানবন্দরের উদ্বোধন করবেন। উদ্বোধন করবেন অযোধ্যা রেলস্টেশনেরও। বিমানবন্দর থেকে রেলস্টেশনের দূরত্ব ১৫ কিলোমিটার। এই পথেই এদিন রোড-শো করবেন প্রধানমন্ত্রী।

    প্রসঙ্গত, রাম মন্দির (Ram Temple) উদ্বোধন উপলক্ষে দেশ-বিদেশের বহু অতিথি আসবেন অযোধ্যায়। ওই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীকেও। তবে এদিন বিজেপির সহ প্রতিষ্ঠাতা লালকৃষ্ণ আদবানি ও প্রবীণ বিজেপি নেতা মুরলি মনোহর যোশীকে না আসার অনুরোধ জানিয়েছে রাম জন্মভূমি ট্রাস্ট।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

     

     

  • India vs South Africa: শুরু টেস্ট-প্রস্তুতি! বিশ্বকাপের পর ভারতীয় শিবিরে যোগ দিলেন বিরাট-রোহিত

    India vs South Africa: শুরু টেস্ট-প্রস্তুতি! বিশ্বকাপের পর ভারতীয় শিবিরে যোগ দিলেন বিরাট-রোহিত

    মাধ্যম নিউজ ডেস্ক: রাত পোহালেই ভারত-দক্ষিণ আফ্রিকা (India vs South Africa) প্রথম টেস্ট। ৩১ বছরের ইতিহাসে দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজ জেতেনি ভারত। তাই কঠোর অনুশীলনে ব্যস্ত টিম ইন্ডিয়া। প্রোটিয়াদের বিরুদ্ধে টেস্ট সিরিজ জিততে মরিয়া ভারত। বিশ্বকাপ ফাইনালের সেই রাতের পর আবার মাঠে ফিরলেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা। চলল পুরোদমে প্রস্তুতি।

    নেটে বিরাট

    পরিবারের সঙ্গে দেখা করতে ছুটি নিয়ে কিছু দিন লন্ডনে কাটিয়ে এসেছেন বিরাট কোহলি। দক্ষিণ আফ্রিকার (India vs South Africa) বিরুদ্ধে মাঠে নামার আগে অনুশীলন নেটে বোলারদের খেলার পাশাপাশি কোচ রাহুল দ্রাবিড়ের সঙ্গে আলোচনা করতে দেখা যায় কোহলিকে। অফ স্টাম্পের বাইরের বল ছাড়ায় মনোযোগ দেন তিনি। বাউন্স এবং পেস সহায়ক উইকেটে যা বেশ গুরুত্বপূর্ণ। এক বার থিতু হয়ে যাওয়ার পর বেশ কিছু আগ্রাসী শট খেলেন। পেসারদের বিরুদ্ধেও আত্মবিশ্বাসী দেখিয়েছে তাঁকে।  প্রসিদ্ধ কৃষ্ণের সঙ্গে অনেক ক্ষণ কথা বলেন। তা বোর্ডের ভিডিয়োতেও দেখা গিয়েছে। পরে রোহিতও অনেক ক্ষণ কথা বলেন প্রসিদ্ধের সঙ্গে। দেখে মনে হয়েছে প্রথম টেস্টে খেলতে পারেন প্রসিদ্ধ।

    অনুশীলনে রোহিত

    মনোযোগ দিয়ে অনুশীলন সারলেন ভারত অধিনায়ক রোহিত শর্মাও। বিকল্প উইকেটকিপার কেএস ভরতকে কিপিং করতে দেখাই যায়নি। রাহুলই সেই দায়িত্ব নেন। স্লিপে রাখা হয় শুভমন গিল এবং যশস্বী জয়সওয়ালকে। রবিচন্দ্রন অশ্বিনের বিরুদ্ধে সাবলীল ব্যাট করেন রোহিত। শার্দূল ঠাকুরকেও খেলতে দেখা যায়।

    আরও পড়ুন: ২০৩৬ অলিম্পিক্স আয়োজনে ভারত! কোথায় বসবে আসর? কী বললেন অমিত শাহ

    প্রথম টেস্ট ম্যাচের আগে জোড়া ধাক্কা খেয়েছে ভারতীয় দল। আঙুলের চোটের জন্য টেস্ট সিরিজ থেকেই ছিটকে গিয়েছেন ঋতুরাজ গায়কোয়াড়। এই চোটের কারণেই তিনি তৃতীয় ওয়ান ডে ম্যাচেও খেলতে পারেননি। ঋতুরাজের পাশাপাশি মানসিক স্বাস্থ্যজনিত কারণে ঈশান কিষাণ টেস্ট সিরিজ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। বোর্ডের তরফ থেকে অফিশিয়াল বিবৃতিতে কিছু জানানো না হলেও  সূত্রের খবর,  টানা আন্তর্জাতিক ক্রিকেটের ক্রীড়া সূচি ও সফর করার ফলে এই মুহূর্তে ক্রিকেট থেকে কিছুটা সময় বিরতি নিতে চাইছেন ঈশান কিষাণ।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • BJP: অটল বিহারী বাজপেয়ীর জন্মদিনে দেশজুড়ে কর্মসূচি বিজেপির, কী বললেন প্রধানমন্ত্রী?

    BJP: অটল বিহারী বাজপেয়ীর জন্মদিনে দেশজুড়ে কর্মসূচি বিজেপির, কী বললেন প্রধানমন্ত্রী?

    মাধ্যম নিউজ ডেস্ক: ২৫ ডিসেম্বর, প্রয়াত প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর ৯৯তম জন্মদিনটিকে ‘সুশাসন দিবস’ হিসেবে পালন করছে বিজেপি (BJP)। দিনটির স্মরণে দেশজুড়ে গুচ্ছ কর্মসূচির আয়োজন করেছে পদ্মশিবির।

    শ্রদ্ধা প্রধানমন্ত্রীর

    সোমবার সাত সকালে সদৈব অটলে গিয়ে প্রাক্তন প্রধানমন্ত্রীর স্মৃতিস্তম্ভে মাল্যদান করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বাজপেয়ীকে স্মরণ করে এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, “প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতরত্ন শ্রদ্ধেয় অটল বিহারী বাজপেয়ীকে আন্তরিক শ্রদ্ধা, ভারতীয় রাজনীতির চূড়া, লক্ষ লক্ষ বিজেপি কর্মী ও আমাদের অনুপ্রেরণার উৎস।”

    শ্রদ্ধা জানালেন নাড্ডাও

    শ্রদ্ধা জানিয়েছেন বিজেপির (BJP) সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, “জাতির উন্নতি ও জনসেবায় নিবেদিত তাঁর সমগ্র জীবন সর্বদা আমাদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।” শ্রদ্ধা জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, “প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীকে তাঁর জন্মদিনে আমি স্মরণ ও স্যালুট করি। অটলজি নিঃস্বার্থভাবে দেশ ও সমাজের সেবা করেছেন।”

    প্রসঙ্গত, ১৯২৪ সালের ২৫ ডিসেম্বর জন্মগ্রহণ করেন অটল। মধ্যপ্রদেশের গোয়ালিয়রে জন্ম তাঁর। ১৯৫৭ সালে প্রথমবার বলরামপুর কেন্দ্র থেকে জয়ী হয়ে সাংসদ হন (BJP)। ১৯৯৬ সালে মাত্র ১৩ দিনের জন্য প্রধানমন্ত্রী হয়েছিলেন। ১৯৯৯-২০০৪ সাল পর্যন্ত প্রথম পূর্ণ সময়ের জন্য প্রধামন্ত্রী হন তিনি। রাজনীতির পাশাপাশি সুন্দর কবিতাও লিখতেন।

    পরিচিত ছিলেন বাগ্মী হিসেবে। রাষ্ট্রসঙ্ঘে হিন্দিতে বক্তৃতাও দিয়েছিলেন। ২০১৮ সালের ১৬ অগাস্ট প্রয়াত হন অটল। ২০১৪ সালে ক্ষমতায় আসার পর থেকে প্রতিবছর তাঁর জন্মদিনটিকে বিজেপি পালন করে সুশাসন দিবস হিসেবে। দেশজুড়ে নানা কর্মসূচিও পালন করে বিজেপি (BJP)।

     

    আরও পড়ুুন: আজ শহরে অমিত শাহ! যাবেন কালীঘাট মন্দিরে, দু’দিনে কী কী কর্মসূচি?

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

     

  • 2036 Olympics: ২০৩৬ অলিম্পিক্স আয়োজনে ভারত! কোথায় বসবে আসর? কী বললেন অমিত শাহ

    2036 Olympics: ২০৩৬ অলিম্পিক্স আয়োজনে ভারত! কোথায় বসবে আসর? কী বললেন অমিত শাহ

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারতে বসতে চলেছে অলিম্পিক্সের (2036 Olympics) আসর। ইঙ্গিত দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ইচ্ছা ভারতে অলিম্পিক্স আয়োজন করার। যদি ভারত সেই দায়িত্ব পায় তা হলে গুজরাটের সর্দার প্যাটেল কমপ্লেক্সে সেই প্রতিযোগিতা আয়োজন করা হবে। রবিবার এ কথা জানিয়ে দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

    খেলাধুলোর জন্য বরাদ্দ

    গান্ধীনগর লোকসভা এলাকায় সংসদ খেল প্রতিযোগিতা নামক এক ক্রীড়া অনুষ্ঠানের উদ্বোধনে এসে রাজ্যের সব সাংসদকে অমিত শাহ (Amit Shah) আহ্বান করেছেন নিজেদের এলাকায় খেলাধুলোর প্রসার আরও বাড়ানোর জন্য। এখানেই এক অনুষ্ঠানে তিনি জানালেন, ২০৩৬ সালের অলিম্পিক্স (2036 Olympics) আয়োজন করবে ভারত। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, “এখানেই ২০৩৬ সালের অলিম্পিক্স হবে (যদি ভারতের প্রস্তাব গৃহীত হয়)। সর্দার প্যাটেল স্পোর্টস কমপ্লেক্সের জন্য সরকার ইতিমধ্যেই ৪৬০০ কোটি টাকা অনুমোদন করেছে। ৬০০ কোটি টাকা দেওয়া হয়েছে নবরঙ্গপুর স্পোর্টস কমপ্লেক্সের (আমেদাবাদে) জন্য। এটাই ভারতের সবচেয়ে বড় স্পোর্টস কমপ্লেক্স হবে।”

    আরও পড়ুন: আজ শহরে অমিত শাহ! যাবেন কালীঘাট মন্দিরে, দু’দিনে কী কী কর্মসূচি?

    কেন্দ্র সরকার অজস্র অর্থ ব্যয় করছে দেশের প্লেয়াদের উদ্বুদ্ধ করা এবং খেলার উন্নতির জন্য। অক্টোবর মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘোষণা করেছিলেন ভারতবর্ষে অলিম্পিক্স আয়োজন করার কথা। এবার একই সুর শোনা গেল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর গলায়। ‘সাংসদ খেল প্রতিযোগিতা’ অনুষ্ঠানে এসে উপস্থিত হয়েছিলেন তিনি। সেই মঞ্চ থেকে তিনি ঘোষণা করেন যে ২০৩৬ সালের অলিম্পিক্স (2036 Olympics) আয়োজন করবে ভারত। এর সাথে তিনি যোগ করেন যে উদ্বোধনী খেলাটি হবে তৈরি হতে থাকা সর্দার প্যাটেল কমপ্লেক্সে। তিনি বলেন, ‘আমাদের খেলোয়াড়রা যাতে আন্তর্জাতিক স্তরে উন্নতি করে তার জন্য কি না করেছে সরকার? মোদি সরকার সবরকমভাবে চেষ্টা করেছে দেশের খেলোয়াড়দের ভালোর জন্য। যখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন তখন তাঁর অধীনেই শুরু হয়েছিল খেল মহাকুম্ভ। এর সুফল পেয়েছিল বহু খেলোয়াড়।’

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

LinkedIn
Share