Tag: Madhyom

Madhyom

  • Suvendu Adhikari: মমতা ঘনিষ্ঠ হলেই ডবল চাকরি! ট্যুইটে তোপ শুভেন্দুর

    Suvendu Adhikari: মমতা ঘনিষ্ঠ হলেই ডবল চাকরি! ট্যুইটে তোপ শুভেন্দুর

    মাধ্যম নিউজ ডেস্ক: কর্মসংস্থান নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) কটাক্ষ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আজ্ঞাবাহক বড় অফিসার হলেই ডবল ডবল চাকরি নিশ্চিত বলে অভিমত শুভেন্দুর। রাজ্যে এটাই এখন অঘোষিত সরকারি পদ্ধতি এবং রীতিতে পরিণত হয়েছে বলেও চাঞ্চল্যকর অভিযোগ বিরোধী দলনেতার।

    মমতাকে কটাক্ষ শুভেন্দুর

    তৃণমূল সরকারের বিরুদ্ধে খোঁচা দিয়ে সোশ্যাল মিডিয়ায় শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) লিখেছেন, ‘‘২০২১ সালের বিধানসভা নির্বাচনের প্রচারে মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) ডবল ডবল চাকরির প্রতিশ্রুতি দিয়েছিলেন। তিনি তাঁর প্রতিশ্রুতি পালন করছেন, তবে শুধুমাত্র তাঁর একান্ত অনুগত আমলা বা আধিকারিকরা যারা অবসরের দোরগোড়ায় পৌঁছে গিয়েছেন অথবা সদ্য অবসর নিয়েছেন, এমন কিছু বিশেষ আমলা বা আধিকারিকদের এক্সটেনশন দিয়ে মেয়াদ বৃদ্ধি করে অথবা পুনরায় কোনও পদে নিয়োজিত করে ডবল ডবল চাকরি দিয়ে চলেছেন।’’ মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে ট্যুইটে সরকারি নথি তুলে ধরেছেন শুভেন্দু। তিনি দাবি করনে, ‘‘এই প্রথা দিল্লিতে কর্মরত রাজ্যের রেসিডেন্ট কমিশনার শ্রী আর ডি মীনা (আইএএস)-কে দিয়ে শুরু হয়। ওনার মেয়াদ মুখ্যমন্ত্রী মাত্র ১২ বার বাড়িয়েছেন।’’  

    আরও পড়ুন: মরশুমের শুরুতেই একের পর এক মৃত্যু! ডেঙ্গি সংক্রমণ হতে পারে লক্ষাধিক!

    একইসঙ্গে শুভেন্দু (Suvendu Adhikari) অভিযোগ করেন, মমতা বন্দ্যোপাধ্যায় বা তাঁর ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) ঘনিষ্ঠ না হলেই সমস্যা দেখা দিচ্ছে। তাঁরা না খেতে পেয়ে হতাশায় ডুবে যাচ্ছে। শুভেন্দু অধিকারীর কথায়, ‘‘রাজ্যে বেকারের সংখ্যা দিনদিন বেড়েই চলেছে। যুব সম্প্রদায় কাজ না পেয়ে ভিনরাজ্যে পাড়ি দিচ্ছেন কাজের খোঁজে ৷ মেধাবী যোগ্য চাকরি প্রার্থীরা রাস্তায় বসে আছেন বছরের পর বছর, আন্দোলন করছেন, আর একটা বড় অংশ হতাশায় নিমজ্জিত হচ্ছেন। এদের জন্য ডবল তো দুরস্ত সিঙ্গল চাকরিরও কোনও ব্যবস্থা নেই।’’

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

  • Harmanpreet Kaur: বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে স্টাম্প ভাঙার শাস্তি! দুই ম্যাচ নির্বাসিত হরমনপ্রীত

    Harmanpreet Kaur: বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে স্টাম্প ভাঙার শাস্তি! দুই ম্যাচ নির্বাসিত হরমনপ্রীত

    মাধ্যম নিউজ ডেস্ক: আইসিসির (ICC) আচরণবিধি ভঙ্গের দায়ে দুই ম্যাচের জন্য নির্বাসিত করা হল ভারতীয় দলের অধিনায়ক হরমনপ্রীত কৌরকে (Harmanpreet Kaur)। মঙ্গলবার, ২৫ জুলাই আইসিসির তরফে হরমনপ্রীতকে নির্বাসিত করার সিদ্ধান্তটি ঘোষণা করা হয়। দু’ম্যাচ নির্বাসনের ফলে এশিয়ান গেমসের কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালে খেলা হবে না হরমনপ্রীতের। ভারত ফাইনালে উঠলে খেলতে পারবেন তিনি। 

    কী ঘটেছিল

    বাংলাদেশের বিরুদ্ধে শনিবারের ম্যাচে আউট হওয়ার পর ব্যাট দিয়ে উইকেট ভেঙে দিয়েছিলেন হরমনপ্রীত। সেটার জন্য তাঁকে তিনটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয় এবং ম্যাচ ফি কেটে নেওয়া হয়। আইসিসির লেভেল ২ ধারায় এই দোষের জন্য হরমনপ্রীতের ম্যাচ থেকে প্রাপ্ত ৫০ শতাংশ বেতন কাটা যায়। আইসিসির আচরণবিধির ২.৮ অনুযায়ী আম্পায়ারের সিদ্ধান্তের বিরুদ্ধে অসন্তোষ প্রকাশের জন্য এই শাস্তি পান হরমনপ্রীত। পরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রকাশ্যে আম্পায়ারদের সমালোচনা করেন হরমনপ্রীত। সেই কারণে তাঁর ম্যাচ ফি-র আরও ২৫ শতাংশ কেটে নেওয়া হল। অর্থাৎ ম্যাচ ফি-র মোট ৭৫ শতাংশ কেটে নেওয়া হল হরমনপ্রীতের। সেই সঙ্গে দু’টি ডিমেরিট পয়েন্ট পেলেন তিনি। এর ফলে একটি টেস্ট অথবা দু’টি এক দিনের ম্যাচ বা টি-টোয়েন্টি থেকে নির্বাসিত হরমনপ্রীত।

    আরও পড়ুন: ট্রফি নিয়ে ৬৫ তলা থেকে ঝাঁপ দুই সেনাকর্তার, কলকাতায় অভিনব উদ্বোধন ডুরান্ড কাপের 

    এশিয়ান গেমস শুরু হচ্ছে ২৩ সেপ্টেম্বর থেকে। আইসিসি ক্রমতালিকা অনুযায়ী সরাসরি কোয়ার্টার ফাইনালে খেলবে ভারত। অর্থাৎ, তার আগে হরমনপ্রীতকে শাস্তি দেওয়ায় কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালে খেলতে পারবেন না তিনি। দল যদি ফাইনালে ওঠে তা হলে সরাসরি তিনি ফাইনালে খেলতে পারবেন।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Manik Bhattacharya: বুধবার সকালেও ফের প্রেসিডেন্সি জেলে সিবিআই, আবারও মানিককে জেরা শুরু

    Manik Bhattacharya: বুধবার সকালেও ফের প্রেসিডেন্সি জেলে সিবিআই, আবারও মানিককে জেরা শুরু

    মাধ্যম নিউজ ডেস্ক: মঙ্গলবার রাতে এক দফা জেরা-পর্ব হয়েছিল। এবার বুধবার সকালেই দ্বিতীয় দফায় প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যকে (Manik Bhattacharya) জেরার জন্য কলকাতার প্রেসিডেন্সি জেলে পৌঁছলেন সিবিআই আধিকারিকেরা। এদিন সকাল ৯টা নাগাদ আবারও প্রেসিডেন্সি জেলে যান তদন্তকারীরা। পোস্টিং-দুর্নীতি সংক্রান্ত বিষয়েই তাঁকে জেরা করা হবে বলে সিবিআই সূত্রের খবর। আজ কি মানিককে হেফাজতে নেবে সিবিআই? বাড়ছে জল্পনা।

    এর আগে, মঙ্গলবার দুপুরেই প্রাথমিক নিয়োগকাণ্ডের (Primary TET Scam) নতুন মামলায় প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন চেয়ারম্যান মানিক ভট্টাটার্যকে রাতেই জেরা করার নির্দেশ সিবিআইকে দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Ganguly)। সেই মতো মঙ্গলবার রাতেই প্রেসিডেন্সি জেলে পৌঁছে যায় সিবিআই আধিকারিকের দল। প্রায় দু’ঘণ্টার ওপর সময় ধরে জেলবন্দি মানিককে করা হয় জেরা। 

    জেরায় চার সদস্যের সিবিআই টিম

    তদন্তকারী সংস্থা সূত্রের খবর, রাত সাড়ে ন’টা নাগাদ প্রেসিডেন্সি জেলে (Presidency Jail) পৌঁছয় সিবিআইয়ের ৪ সদস্যের টিম। ওই টিমের নেতৃত্বে ছিলেন একজন এসপি পদমর্যাদার অফিসার। ছিলেন, দু’জন ইন্সপেক্টর। বিচারপতির নির্দেশ ছিল, গোটা জিজ্ঞাসাবাদ প্রক্রিয়ার ভিডিওগ্রাফি করতে হবে। সেই মোতাবেক, এদিন সিবিআই টিমে ছিলেন একজন ভিডিয়োগ্রাফি এক্সপার্টও। সূত্রের খবর, জেলের ভিতর ইন্টারোগেশন রুমে নিয়ে যাওয়া হয় প্রাক্তন পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্যকে (Manik Bhattacharya)। সেখানেই এসপি কল্যাণ ভট্টাচার্যের নেতৃত্বে মানিককে জেরা করছেন দু’টি পৃথক মামলার তদন্তকারী আধিকারিক মলয় দাস, ওয়াসিম আক্রম। প্রায় আড়াই ঘণ্টা জেলে ছিল সিবিআই। জিজ্ঞাসাবাদের পর রাত ১১টা ৫০ মিনিট নাগাদ বেরিয়ে যান তাঁরা।

    কী নিয়ে নতুন মামলা?

    প্রাথমিক শিক্ষকদের ‘পোস্টিং’ নিয়ে দুর্নীতির (Teacher Posting Scam) অভিযোগ তুলে একটি মামলা করেন সুকান্ত প্রামাণিক। তাঁর দাবি, ২০২০ সালের নিয়োগ প্রক্রিয়া চলাকালীন তাঁদের বলা হয়েছিল নিজের জেলায় কোনও শূন্যপদ নেই। অভিযোগ, কাউন্সেলিং-এর ঠিক ১৭ দিন পরই চার জেলায় ৪০০ জনকে নিয়োগ করা হয়েছে। গতকাল, এই মামলার শুনানি হয় হাইকোর্টে। শুনানি চলছিল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Justice Abhijit Ganguly) এজলাসে। কাদের সুবিধা পাইয়ে দেওয়া হয়েছিল, টাকার লেনদেন হয়েছিল কি না, সেটাই জানতে চায় আদালত। সেখানেই বিচারপতি তাঁর পর্যবেক্ষণে জানান, প্রাথমিকের নিয়োগে এটা পরিকল্পিত ভাবে দুর্নীতি হয়েছে। মানিক ছক কষে এই দুর্নীতি ‘ডিজাইন্ড কোরাপশন’ করেছেন। মানিক এই মামলার ‘মাস্টারমাইন্ড’ বলেও মন্তব্য করেছিলেন বিচারপতি। তিনি নির্দেশ দেন, প্রয়োজনে মানিককে হেফাজতেও নিতে পারে সিবিআই। এমনকী, এই মামলায় আর্থিক দুর্নীতির দিক উঠে আসলে, তার তদন্তে ইডি-কে যুক্ত করা হবে বলে জানিয়ে দেন বিচারপতি।

    আরও পড়ুন: ছক কষেই দুর্নীতি! জেলে গিয়ে মানিককে জেরা করার নির্দেশ সিবিআই-ইডিকে

    ‘ডিজাইন্ড কোরাপশন’ ঠিক কী?

    ২০২০ সালের প্রাথমিক নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে হয়েছিল কাউন্সেলিং। পরের বছর জুলাই মাসে কাউন্সেলিংয়ের বিজ্ঞপ্তি জারি করে পর্ষদ। সেখানে চতুরতার সঙ্গে ড্রাফট লেখা হয়েছিল। হোম ডিস্ট্রিক্ট ফাঁকা না দেখিয়ে, প্রেফার্ড ডিস্ট্রিক্টকে পছন্দ করতে বাধ্য করা হয়েছিল। কাউন্সেলিং পর্বে প্রার্থীদের বলা হয় ‘লাস্ট চান্স’। যদিও সেবারই তাঁরা প্রথম সুযোগ পাচ্ছিলেন। এখানেই দুর্নীতির অভিযোগ উঠে আসছে, পর্যবেক্ষণ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের (Justice Abhijit Ganguly)। তিনি জানান, যে মামলায় সুপ্রিম কোর্টের রক্ষাকবচ পেয়েছেন মানিক (Manik Bhattacharya), সেই মামলার সঙ্গে এই নতুন মামলার কোনও যোগ নেই। উল্লেখ্য, সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল, তদন্ত চালিয়ে গেলেও, মানিকের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করতে পারবে না সিবিআই।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Siliguri: সালিশি সভায় আদিবাসী মহিলাকে বিবস্ত্র করে মার, গ্রেফতার ৪, এলাকায় শোরগোল

    Siliguri: সালিশি সভায় আদিবাসী মহিলাকে বিবস্ত্র করে মার, গ্রেফতার ৪, এলাকায় শোরগোল

    মাধ্যম নিউজ ডেস্ক: হাওড়া, মালদার ছায়া এবার শিলিগুড়িতে। সালিশি সভায় পঞ্চায়েত সদস্যের উপস্থিতিতে এক আদিবাসী মহিলাকে বিবস্ত্র করে নিগ্রহের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি (Siliguri) মহকুমার বাগডোগরা থানার ভুজিয়াপানি গ্রাম পঞ্চায়েত এলাকায়। এই ঘটনায় পুলিশ চারজনকে গ্রেফতার করেছে। পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম প্রদীপ সরকার, গৌরী সরকার, শিবা বাল্মিকী, ললিতা বাল্মিকী। মঙ্গলবার শিলিগুড়ি আদালতে তাদের তোলা হয়। পাশাপাশি গোটা ঘটনা নিয়ে রিপোর্ট তৈরি করতে আদিবাসী কল্যাণ সমিতির রাজ্য নেতৃত্ব এদিন ঘটনাস্থলে গিয়ে নির্যাতিতার সঙ্গে কথা বলে।

     ঠিক কী হয়েছিল?

    ভুজিয়াপানির বাসিন্দা প্রদীপ সরকারের সঙ্গে এলাকার এক মহিলার পরকীয়া সম্পর্ক ছিল। এনিয়ে গত ১৯ জুলাই এলাকায় সালিশি সভা বসে। সেখানে প্রদীপ সরকারের স্ত্রী ও অপর এক মহিলার সঙ্গে হাতাহাতি হয়। তাদের ছাড়াতে গেলে হাতাহাতিতে জড়িয়ে পড়েন ওই নির্যাযিতা মহিলাও। ঘটনার পরের দিন আবার ওই ঘটনা নিয়ে সালিশি সভা ডাকা হয়। উপস্থিত ছিলেন কংগ্রেসের স্থানীয় পঞ্চায়েত সদস্য বুলবুলি সিংহ। শিলিগুড়ির (Siliguri) এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

     কী বললেন নির্যাতিতা মহিলা?

    নির্যাতিতা আদিবাসী মহিলা বলেন, সালিশি সভার প্রথম দিন প্রদীপ সরকারের সঙ্গে যে মহিলার পরকীয়া চলছিল, তার সঙ্গে গৌরিদেবীর হাতাহাতি শুরু হয়। গৌরিদেবী প্রদীপ সরকারের স্ত্রী।  আমি হাতাহাতি থামাতে গেলে আমাকে মারধর করা হয়। তারপর সবাই মিটমাট করে দিলে বাড়ি চলে আসি। পরের দিন আবার সালিশি সভা ডাকা হয়। আমি যাইনি। আমাকে ডেকে নিয়ে যাওয়া হয়। পৌঁছতেই অভিযুক্ত মহিলা আমার উপর ঝাঁপিয়ে পড়ে মারধর শুরু করে। পঞ্চায়েত সদস্যের সামনে এই ঘটনা ঘটে। তারপর আরও কয়েকজন আমাকে মারধর করে। সকলের সামনেই আমাকে বিবস্ত্র করেই হামলা চলে। আমি মাটিতে পড়ে যেতেই সকলে চলে যায়। কয়েকজন এসে আমাকে গামছা চাপা দিয়ে লজ্জা নিবারণ করে। খবর পেয়ে আমার ছেলে বাড়ি থেকে নাইটি নিয়ে যায়। সেই নাইটি পরে বাড়িতে ফিরে আসি। বাড়িতে ফেরার পর রবিবার রাতে আমার নড়ার ক্ষমতা ছিল না। সেই সঙ্গে লজ্জায় বাড়ির বাইরে বের হইনি। বাড়িতে শুয়েই ছিলাম। সোমবার স্থানীয় কয়েকজনের পরামর্শে আমি পুলিশে অভিযোগ দায়ের করি। 

    কী বললেন পঞ্চায়েত সদস্য?

    কংগ্রেসের পঞ্চায়েত সদস্য বুলবুলি সিংহ সালিশি সভা ও আদিবাসী  মহিলাকে নিগ্রহের ঘটনা স্বীকার করেছেন। তবে তিনি বলেন, ওই মহিলাকে মারধর করা হলেও বিবস্ত্র করা হয়নি।

    নিন্দায় সরব আদিবাসি কল্যাণ সমিতি

    এই খবর পেয়ে এদিন ওই নির্যাতিতা মহিলার সঙ্গে দেখা করে গোটা ঘটনা শোনে আদিবাসি কল্যাণ সমিতির নেতৃত্ব। সমিতির অন্যতম সদস্য মন্টু বরাইক বলেন,  আদিবাসী কল্যাণ সমিতির  রাজ্য নেতৃত্ব এই ঘটনার রিপোর্ট চেয়ে পাঠিয়েছে। হাওড়া, মালদার পর শিলিগুড়িতে এধরনের ঘটনা ঘটায় আমরা উদ্বিগ্ন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Recruitment Scam: শিক্ষক নিয়োগের মামলায় ওএমআর শিট দেখতে চাইল সুপ্রিম কোর্ট

    Recruitment Scam: শিক্ষক নিয়োগের মামলায় ওএমআর শিট দেখতে চাইল সুপ্রিম কোর্ট

    মাধ্যম নিউজ ডেস্ক: একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের (Recruitment Scam) মামলায় উত্তরপত্র (ওএমআর শিট) দেখতে চাইল সুপ্রিম কোর্ট। তবে নিয়োগ দুর্নীতি মামলায় ওএমআর শিট জনসমক্ষে প্রকাশ নয়, জমা দিতে হবে সিলবন্ধ খামে। মঙ্গলবার এই নির্দেশ দিয়েছে দেশের শীর্ষ আদালত। 

    সুপ্রিম নির্দেশ

    নিয়োগ দুর্নীতি (Recruitment Scam) মামলায় স্কুল সার্ভিস কমিশনকে ওএমআর শিট প্রকাশের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। তবে সেই নির্দেশের উপর আজ স্থগিতাদেশ দিয়েছে শীর্ষ আদালতের বিচারপতি অনিরুদ্ধ বসু ও বিচারপতি বেলা ত্রিবেদীর নেতৃত্বাধীন বেঞ্চ। ওএমআর শিট জনসমক্ষে প্রকাশ করার বদলে সিলবন্ধ খামে করে তা সুপ্রিম কোর্টে জমা করার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী সপ্তাহে এই মামলার পরবর্তী শুনানি রয়েছে আদালতে। গত ৭ জুলাই কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন, ২০১৬ সালে একাদশ-দ্বাদশ শ্রেণির নিয়োগ প্রক্রিয়ায় যে ৫,৫০০ জনকে চাকরি দেওয়া হয়েছিল, তাঁরা-সহ ওয়েটিং লিস্টে থাকা চাকরিপ্রার্থীদের উত্তরপত্র (ওএমআর শিট) প্রকাশ করতে হবে কমিশনকে। উত্তরপত্রের পাশাপাশি নাম, বাবার নাম, ঠিকানা, স্কুলের নাম-সহ ৯০৭ জনের তালিকাও প্রকাশ করতে হবে, যাঁদের বিকৃত উত্তরপত্র উদ্ধার করেছিল সিবিআই। মঙ্গলবার শীর্ষ আদালত ওএমআর শিট প্রকাশে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিলেও নাম, ঠিকানা সম্বলিত তালিকা প্রকাশের নির্দেশ বহাল রেখেছে। 

    আরও পড়ুন: নিয়োগ প্রক্রিয়ায় উপদেষ্টা কমিটি কেন? গঠনই বা করল কে? উত্তর খুঁজছে সিবিআই

    এই মামলার শুনানিতেই গতকাল, অর্থাৎ সোমবার সুপ্রিম কোর্টের বিচারপতি দীপঙ্কর দত্ত বলেছিলেন, শিক্ষক নিয়োগ দুর্নীতিতে (Recruitment Scam) যা হয়েছে তা পুরোপুরি রাজনৈতিক। এক্ষেত্রে যা পরিস্থিতি তাতে একমাত্র ভগবানই পারে রাজ্যকে বাঁচাতে। শিক্ষক নিয়োগের মামলা শুনেই বিচারপতি দীপঙ্কর দত্ত বলেন, “দিনের পর দিন কী হচ্ছে এটা? সবেতেই রাজনীতি জড়িয়ে যাচ্ছে। প্রাথমিক শিক্ষক নিয়োগ হলেই মামলা হয়ে যাচ্ছে। এ তো দেখছি একমাত্র ভগবানই পারে বাংলাকে বাঁচাতে।” 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Chandrayaan 3: সফল পঞ্চম কক্ষপথ বৃদ্ধি প্রক্রিয়া, শেষ বারের মতো পৃথিবীর চক্কর কাটছে ‘চন্দ্রযান ৩’

    Chandrayaan 3: সফল পঞ্চম কক্ষপথ বৃদ্ধি প্রক্রিয়া, শেষ বারের মতো পৃথিবীর চক্কর কাটছে ‘চন্দ্রযান ৩’

    মাধ্যম নিউজ ডেস্ক: পৃথিবীর চারদিকে চক্কর কাটার শেষ ল্যাপে ‘চন্দ্রযান ৩’ (Chandrayaan 3)। শেষ বারের মতো পৃথিবীকে প্রদক্ষিণ করছে মহাকাশযান। এর পর, চিরতরে পৃথিবীর মায়া ছেড়ে চাঁদের দেশে পাড়ি দেবে ‘চন্দ্রযান ৩’। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী, মঙ্গলবার দুপুরে মহাকাশযানের পঞ্চম তথা শেষ অরবিট রেইজিং ম্যানুভার বা কক্ষপথ পরিধি প্রসার প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হয়েছে।

    কোথায় রয়েছে ‘চন্দ্রযান ৩’ 

    এদিন ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর তরফে একটি ট্যুইট করে এই খবর জানানো হয়েছে। বলা হয়েছে, বেঙ্গালুরু-স্থিত ইসরোর কমান্ড সেন্টার ‘ইসট্র্যাক’ থেকে সফলভাবে পঞ্চম আর্থ-বাউন্ড ম্যানুভার প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। এদিনের প্রক্রিয়ার ফলে, বর্তমানে পৃথিবী থেকে ১ লক্ষ ২৭ হাজার ৬০৯ কিলোমিটার (অ্যাপোজি বা পৃথিবীর দূরে) X ২৩৬ কিলোমিটার (পেরিজি বা পৃথিবীর নিকট) পরিধির ডিম্বাকৃতি কক্ষপথে প্রতিস্থাপিত হয়েছে ‘চন্দ্রযান ৩’ (Chandrayaan 3)।

    ১ অগাস্ট মধ্যরাতে গুরুত্বপূর্ণ প্রক্রিয়া হতে চলেছে!

    ইসরোর (ISRO Moon Mission) তরফে জানানো হয়েছে, এর পরের ধাপ আসতে চলেছে ১ অগাস্ট। সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ। কারণ, ওই দিন রাত ১২টা থেকে রাত ১টার মধ্যে একটা বড় লাফ দিতে চলেছে ‘চন্দ্রযান ৩’, যাকে বলা হচ্ছে ট্রান্সলুনার ইঞ্জেকশন। বিশেষ রকেট ফায়ার করানোর মাধ্যমে ‘চন্দ্রযান ৩’-কে পাঠিয়ে দেওয়া হবে চাঁদের কক্ষপথের উদ্দেশে। বিজ্ঞানের পরিভাষায় লুনার ট্রান্সফার ট্যাজেক্টরি। এক কথায়, চাঁদের কক্ষপথের দিকে ঠেলে দেওয়া হবে ‘চন্দ্রযান ৩’-কে। এটা এই কারণে গুরুত্বপূর্ণ কারণ, সেদিনই পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তিকে চিরতরে হারিয়ে ৩ লক্ষ ৮৬ হাজার কিলোমিটার দূরে থাকা চাঁদের দিকে এগিয়ে যাবে ‘চন্দ্রযান ৩’। 

    ৫ থেকে ৬ অগাস্টে চাঁদের কক্ষপথে প্রবেশ

    জানা যাচ্ছে, ৫ থেকে ৬ অগাস্ট চাঁদের কক্ষপথে প্রবেশ করবে ‘চন্দ্রযান ৩’। তারপর চাঁদের মাধ্যাকর্ষণ শেষপর্যন্ত ভারতের চন্দ্রযানকে চন্দ্র কক্ষপথে টেনে আনবে। সেখানে একইভাবে বার বার রিভার্স ম্যানুভারিংয়ের মাধ্যমে নিজের কক্ষপথ সঙ্কোচন ও গতি কমানোর প্রক্রিয়া চালাবে ‘চন্দ্রযান ৩’। অবশেষে চাঁদের ১০০ কিলোমিটারের কক্ষপথে পৌঁছে পৃথিবীর একমাত্র প্রাকৃতিক উপগ্রহের বুকে চূড়ান্ত অবতরণের প্রক্রিয়া শুরু হবে। ২৩ বা ২৪ তারিখ চাঁদে অবতরণ করার পর সেখান থেকে ছবি পাঠাবে ‘চন্দ্রযান ৩’ (Chandrayaan 3)।

    ধাপে ধাপে কক্ষপথ পরিধি প্রসারণ

    ১৪ জুলাই, অর্থাৎ, গত শুক্রবার শ্রীহরিকোটার সতীশ ধওয়ান স্পেস সেন্টার থেকে ‘চন্দ্রযান ৩’-কে নিয়ে মহাকাশে পাড়ি দিয়েছিল ‘এলভিএম-৩’ রকেট (ISRO Moon Mission)। পৃথিবীর ওপর একটা নির্দিষ্ট কক্ষপথে প্রতিস্থাপন করা হয়েছিল ‘চন্দ্রযান ৩’-কে। সেই থেকে এখনও পর্যন্ত পৃথিবীর চারদিকে প্রদক্ষিণ করে চলেছে ‘চন্দ্রযান ৩’ (Chandrayaan 3)। বলা যেতে পারে, এখনও পৃথিবীর মাধ্যাকর্ষণ আওতায় রয়েছে ‘চন্দ্রযান ৩’। প্রতি প্রদক্ষিণে নিজের কক্ষপথের আয়তনের সঙ্গে সঙ্গে গতি বৃদ্ধিও করে চলেছে এই মহাকাশযান। এর আগে, ১৫ তারিখে প্রথম, ১৭ তারিখে দ্বিতীয়, ১৮ তারিখে তৃতীয় ও ২০ তারিখে চতুর্থ অরবিট রেইজিং ম্যানুভার সম্পন্ন করেছিল ‘চন্দ্রযান ৩’। প্রতিবার নিজের কক্ষপথের পরিধি বৃদ্ধি করেছে ‘চন্দ্রযান ৩’। মঙ্গলবার অর্থাৎ ২৫ জুলাই সম্পন্ন হল পঞ্চম তথা চূড়ান্ত ম্যানুভার।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Mohun Bagan: মোহনবাগানে বিশ্বকাপার জেসন কামিন্স! সবুজ মেরুনের নতুন জার্সি প্রকাশ

    Mohun Bagan: মোহনবাগানে বিশ্বকাপার জেসন কামিন্স! সবুজ মেরুনের নতুন জার্সি প্রকাশ

    মাধ্যম নিউজ ডেস্ক: বিশ্বকাপার জেসন কামিন্স (Jason Cummings) এবং অনিরুদ্ধ থাপার হাত ধরে মোহনবাগান সুপার জায়ান্টের (Mohun Bagan Super Giant) নতুন জার্সি প্রকাশ্যে এল। সবুজ-মেরুনের নতুন জার্সি উন্মোচনের সময় উপস্থিত ছিলেন ইনভেস্টর কর্তা সঞ্জীব গোয়েঙ্কা। মঙ্গলবার আরপিএসজি গ্রুপের অফিসে সেই জার্সি প্রকাশ্যে আনা হল। সঞ্জীব গোয়েঙ্কা জানান, সবুজ এবং মেরুন রঙের নতুন জার্সিটি এক সমর্থক নকশা করেছেন। গোয়েঙ্কা বলেন, “সমর্থকেরাই এই জার্সির নকশা করেছেন। ৫০০০ জন জার্সির নকশা জমা দিয়েছিলেন। সেখান থেকেই একটি বেছে নেওয়া হয়েছে।” দলের ওপর ভরসা রেখে সঞ্জীব বলেন, “আমি মনে করি এই লিগে সব থেকে শক্তিশালী দল মোহনবাগানের। দলে খুব ভাল মিডফিল্ডার এবং স্ট্রাইকার রয়েছেন। দলে ভাল গোলরক্ষক রয়েছেন। আশা করব মাঠে নেমে তাঁরা দল হিসাবে নিজেদের উজাড় করে দিতে পারবে।”

    অনিরুদ্ধর অভিমত

    এ বারেই প্রথম মোহনবাগানের হয়ে খেলবেন অনিরুদ্ধ থাপা। জাতীয় দলের হয়ে খেলা ২৫ বছরের এই মিডফিল্ডারকে এই মুহূর্তে দেশের অন্যতম সেরা বলে মনে করা হচ্ছে। তিনি মোহনবাগানে সই করা প্রসঙ্গে বলেন, “এই দলের ইতিহাস রয়েছে। ভারতের অন্যতম সেরা ক্লাব মোহনবাগান। এই দলের উন্নতি করার ইচ্ছা রয়েছে। সেই কারণেই আমি এই ক্লাবে সই করেছি। এখানে আমি দেশের এবং বিদেশের অন্যতম সেরা ফুটবলারদের সঙ্গে সাজঘর ভাগ করে নেওয়ার সুযোগ পাব। আমি মনে করি ভবিষ্যতে আরও ভাল খেলার ক্ষেত্রে এটা আমাকে সাহায্য করবে।”

    আরও পড়ুন: গাভাসকরের সঙ্গে কোহলির মিল, বিরাট-আবেগে ভাসলেন ক্যারিবিয়ান কিপারের মা

    দলে বিশ্বকাপার কামিন্স

    মোহনবাগান এই বছর সই করিয়েছে অস্ট্রেলিয়ার কামিন্সকে। তাঁর জন্ম স্কটল্যান্ডে। সেই দেশের হয়ে ফুটবল খেলেছেন তিনি। পরে অস্ট্রেলিয়ায় চলে আসেন। কাতার বিশ্বকাপের দলেও ছিলেন কামিন্স। সেখানে তাঁর সঙ্গে লিয়োনেল মেসির দেখা হয়। আর্জেন্টিনার অধিনায়কের সঙ্গে হাত মিলিয়েছিলেন তিনি। কামিন্স বলেন, “আমার জীবনের অন্যতম সেরা মুহূর্ত ছিল ওটা। মেসি বিশ্বের অন্যতম সেরা ফুটবলার। ওকে খেলতে দেখাটাই একটা শিক্ষার মতো। আশা করি সেটা আমাকে ভবিষ্যতে ভাল ফুটবলার হয়ে ওঠার ক্ষেত্রে সাহায্য করবে।”

    তিনি আরও বলেন, ‘আমি অবাক হয়েছি এখানকার ফ্যানদের দেখে। তাদের প্যাশান থেকে। আমি বড় ম্যাচে খেলতে ভালোবাসি। আমি বড় ম্যাচের খেলোয়াড়। ভারতীয় ফুটবল নিয়ে আমি আগেই জানতাম। এখানে প্রচুর সমর্থক রয়েছেন। ভোর তিনটের সময় আমি কলকাতায় পৌঁছেছিলাম। তখনও তাঁদের উৎসাহ কম নজরে পড়েনি।’

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Badrinath: বন্ধ বদ্রীনাথ! প্রবল বৃষ্টিতে ভেসে গেল জাতীয় সড়কের বিস্তীর্ণ অংশ

    Badrinath: বন্ধ বদ্রীনাথ! প্রবল বৃষ্টিতে ভেসে গেল জাতীয় সড়কের বিস্তীর্ণ অংশ

    মাধ্যম নিউজ ডেস্ক: বন্যা ও ধসে বিধ্বস্ত উত্তর ভারতের বিস্তীর্ণ অংশ। টানা বৃষ্টির জেরে ধুইয়ে গেল জাতীয় সড়ক। সোমবার উত্তরাখণ্ডের (Uttarakhand) চামোলি জেলার ঋষিকেশ-বদ্রীনাথ জাতীয় সড়কে (Hrishikesh-Badrinath) ধস নেমেছে। নদীর জলের তোড়ে ধুয়ে গিয়েছে জাতীয় সড়কের একাংশ। যার জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে যমুনোত্রী হাইওয়ে। ফলে বদ্রীনাথ ও যমুনোত্রী যাত্রা আপাতত স্থগিত করে দেওয়া হয়েছে। মাঝপথে আটকে পড়েছেন বহু পুণ্যার্থী।

    যান চলাচল ব্যাহত

    উত্তরাখণ্ড প্রশাসন সূত্রে খবর, মঙ্গলবার সকালে বদ্রীনাথ জাতীয় সড়কের একাধিক জায়গায় ধস নেমেছে। ফলে যান চলাচল ব্যাহত হচ্ছে। চামোলি জেলার পুলিশ প্রশাসন সূত্রে খবর, বদ্রীনাথ জাতীয় সড়কে নন্দপ্রয়াগ এবং পুরসারির মাঝে ধস নেমেছে। ওই এলাকার ধসের একটি ভিডিয়োও শেয়ার করা হয়েছে।  এই সময়ে চারধাম যাত্রা চলছে।  জাতীয় সড়কগুলির উপর বিভিন্ন জায়গায় ধস নেমে আসায় যান চলাচলও বন্ধ হয়ে গিয়েছে। বিভিন্ন জায়গায় আটকে রয়েছেন পুণ্যার্থীরা। পুলিশ সূত্রে খবর, রাস্তা থেকে ওই ধস সরিয়ে যান চলাচল দ্রুত স্বাভাবিক করার চেষ্টা চলছে। উত্তরাখণ্ডে দু’সপ্তাহেরও বেশি সময় ধরে বৃষ্টির তাণ্ডব চলছে। এর আগেও বদ্রীনাথ জাতীয় সড়কে এই মরসুমে একাধিক বার ধস নেমেছে। যার জেরে ব্যাহত হয়েছে বদ্রীনাথ যাত্রাও। আবার ধস নামায় এই পুণ্যযাত্রায় প্রভাব পড়েছে।

    আরও পড়ুন: ইন্ডিয়ান মুজাহিদিনের সঙ্গে তুলনা! ‘ইন্ডিয়া’ জোট নিয়ে বিরোধীদের কটাক্ষ মোদির

    ভারী বৃষ্টির পূর্বাভাস

    চামোলি প্রশাসন সূত্রে খবর, অবিরাম বৃষ্টির জেরে বদ্রীনাথ হাইওয়ের ৬০-৭০ মিটার ধুয়ে গিয়েছে। এছাড়া বহু বাড়ি, রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন চামোলি জেলা পুলিশের আধিকারিক। তবে সবচেয়ে খারাপ অবস্থা উত্তরকাশী জেলার। উত্তরকাশীর জেলাশাসক জানান, উত্তরকাশী জেলার বিভিন্ন জায়গায় প্রায় ৫০টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। জেলার অন্তত ৫০টি রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে এবং চাষজমি ধুইয়ে গিয়েছে। প্রায় ৪০টি গ্রামে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। অন্যদিকে, দিল্লিতে যমুনা নদীর জল বিপদসীমার উপর দিয়ে বইছে। এর উপর নতুন করে বৃষ্টি শুরু হয়েছে। মৌসম ভবন জানিয়েছে, এখনই বৃষ্টি কমার কোনও সম্ভাবনা নেই। আগামী পাঁচ দিন ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। তারা জানিয়েছে, ২৫ এবং ২৬ জুলাই ভারী বৃষ্টি হবে। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • PM Modi: ইন্ডিয়ান মুজাহিদিনের সঙ্গে তুলনা! ‘ইন্ডিয়া’ জোট নিয়ে বিরোধীদের কটাক্ষ মোদির

    PM Modi: ইন্ডিয়ান মুজাহিদিনের সঙ্গে তুলনা! ‘ইন্ডিয়া’ জোট নিয়ে বিরোধীদের কটাক্ষ মোদির

    মাধ্যম নিউজ ডেস্ক: বিরোধী জোট ‘ইন্ডিয়া’কে আক্রমণ করে নিষিদ্ধ জঙ্গি দল ইন্ডিয়ান মুজাহিদিনের প্রসঙ্গ টানলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। একই সঙ্গে তুলনা করলেন ব্রিটিশদের ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গেও। বাদল অধিবেশনে মঙ্গলবারই ছিল বিজেপির প্রথম সংসদীয় দলের বৈঠক। সংসদের লাইব্রেরি ভবনে এ বৈঠক হয়। এতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, বিজেপি সভাপতি জেপি নাড্ডা সহ সমস্ত কেন্দ্রীয় মন্ত্রীরা। বৈঠকের পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২৬টি বিরোধী দলের জোটকে তীব্র আক্রমণ করেন।

    প্রধানমন্ত্রী মোদির নিশানায় বিরোধী জোট

    বিজেপি সংসদীয় দলের বৈঠকের পরে প্রধানমন্ত্রী মোদি (PM Modi) বলেন, “ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন ভারতে এসেছিল, তখন তার নামেও ইন্ডিয়া শব্দটি ছিল। ইন্ডিয়া নাম নিলেই কিছু হয় না। ইন্ডিয়ান মুজাহিদিনের সঙ্গেও ‘ইন্ডিয়া’র নাম রয়েছে। শুধু নামে ইন্ডিয়া রেখে কিছুই পাওয়া যায় না।” বিরোধী দলগুলিকে কটাক্ষ করে প্রধানমন্ত্রী মোদি বলেন, “বিরোধীরা ছিন্নভিন্ন এবং মরিয়া। বিরোধীদের দৃষ্টিভঙ্গি দেখে মনে হচ্ছে, দীর্ঘদিন ক্ষমতায় আসার ইচ্ছা তাদের নেই।”

    বৈঠক শেষে বিজেপি সাংসদ রবিশঙ্কর প্রসাদ বলেন, ‘‘আমরা আমাদের প্রধানমন্ত্রীকে (PM Modi) নিয়ে গর্বিত। ২০২৪ সালে আমরাই ক্ষমতায় ফিরছি। প্রধানমন্ত্রী মোদি বলেছেন যে, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানি তৈরি করেছেন বিদেশি। এখন ইন্ডিয়ান মুজাহিদিন, ইন্ডিয়ান পিপলস ফ্রন্টের মতো নামকরণ করছে লোকেরা। উপর উপর কোনও কিছুকে দেখা এবং ভেতরে ঢুকে তার সত্য অর্থ বোঝা সম্পূর্ণ ভিন্ন বিষয়।’’

    আরও পড়ুুন: পঞ্চায়েতে বোর্ড গঠন করতে কুলপির বিরোধী তিন প্রার্থীকে অপহরণ! অভিযুক্ত তৃণমূল

    বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে বলেছেন, ‘‘ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস তৈরি করেছেন এও হিউম, তিনি এক জন বিদেশি নাগরিক। মুজাহিদিনরা নিজেদেরকে ইন্ডিয়ান মুজাহিদিন বলে উল্লেখ করে। পিএফআই-এর পুরো নাম পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া। যে কোনও কিছুর সঙ্গে ‘ইন্ডিয়া’ শব্দ জুড়ে দেওয়া একটা ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে। ওরা (বিরোধী) শহুরে নকশাল। নিজেদের বৈধ করতে ইন্ডিয়া শব্দ জুড়ছে।’’

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Protest in Meghalaya: মণিপুরের পর মেঘালয়! ঘেরাওয়ে আটকে পড়লেন মুখ্যমন্ত্রী, আহত পাঁচ

    Protest in Meghalaya: মণিপুরের পর মেঘালয়! ঘেরাওয়ে আটকে পড়লেন মুখ্যমন্ত্রী, আহত পাঁচ

    মাধ্যম নিউজ ডেস্ক: মণিপুরের অশান্তির আঁচ এবার গিয়ে পড়ল প্রতিবেশী রাজ্য মেঘালয়ে। জানা গিয়েছে, মেঘালয়ের (Protest in Meghalaya) মুখ্যমন্ত্রী কনরাড সাংমার দফতর ঘেরাও করে হামলা চালিয়েছে কিছু বিক্ষুব্ধ জনতা। ঘটনায় অন্তত পাঁচ নিরাপত্তারক্ষী আহত হয়েছেন।  মেঘালয়ের টুরাকে রাজ্যের শীতকালীন রাজধানী করতে দীর্ঘদিন ধরেই আন্দোলন করছে গারো পাহাড়ের কয়েকটি জনগোষ্ঠী। কয়েকদিন ধরে নাগরিক সমাজের একটি সংগঠন অনশন করে চলেছে। তবে সোমবার সন্ধ্যা থেকে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

    মুখ্যমন্ত্রীর দফতরের সামনে অনশন

    গারো পাহাড়ের বেশ কয়েকটি গোষ্ঠীর অনেকদিনের দাবি, শীতকালীন রাজধানী হিসাবে টুরাকে ঘোষণা করা হোক৷ সেই দাবি নিয়েই সোমবার বিকেল থেকে পার্বত্য রাজ্যের টুরায় মুখ্যমন্ত্রীর দফতরের (Protest in Meghalaya) সামনে অনশন শুরু করেছিলেন প্রতিবাদীরা৷ তার পরে, সোমবার সন্ধ্যার পর হঠাৎই মুখ্যমন্ত্রীর কার্যালয়ের সামনে ভিড় করে আসেন তাঁরা এবং পাথর ছুড়তে শুরু করেন৷ তাতেই আহত হন পাঁচজন পুলিশকর্মী৷ তাঁদের আহত অবস্থায় ওই অফিসের ভিতরে নিয়ে যাওয়া হয়৷ একাধিক ভিডিওতে দেখা গিয়েছে, ভিতরে আহতদের সঙ্গে কথা বলছেন মুখ্যমন্ত্রী সাংমা৷ 

    আরও পড়ুন: চাঞ্চল্যকর রিপোর্ট! গত ২ দিনে মায়ানমার থেকে ৭১৮ জনের অনুপ্রবেশ মণিপুরে

    মুখ্যমন্ত্রীর দফতর থেকে জানানো হয়, এদিন প্রতিবাদকারীদের সঙ্গে ভবনের ভেতরে আলোচনায় বসেছিলেন মুখ্যমন্ত্রী। অনশন (Protest in Meghalaya) বন্ধ করলে আগামী মাসে তাদের দাবি দাওয়া নিয়ে রাজধানী শিলং-এ আলোচনা করা হবে বলে জানান তিনি। দীর্ঘ তিন ঘণ্টার ওই বৈঠকের মধ্যেই হামলার ঘটনা ঘটে। মুখ্যমন্ত্রী দীর্ঘক্ষণ ধরে তার দফতরে আটকে ছিলেন। এছাড়া বেশ কয়েকজন জখম হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। মুখ্যমন্ত্রীর অফিসের তরফ থেকে বলা হয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও উত্তেজনা রয়েছে৷ একটি ভিডিও বার্তায় মুখ্যমন্ত্রী কনরাড সাংমা বলেছেন, ‘এই বিষয়টি নিয়ে আলোচনা চলছে৷ আমি এখনও বিশ্বাস করি, আলোচনার মাধ্যমে সমস্ত সমস্যার সমাধান সম্ভব৷ আমি সেই কারণেই ওঁদের সঙ্গে আরও আলোচনার কথা বলেছি৷’

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share