Tag: Madhyom

Madhyom

  • Pakistan: সেনার সঙ্গে বালুচ বিদ্রোহীদের সংঘর্ষ, হত অন্তত ১৮ পাক সেনা

    Pakistan: সেনার সঙ্গে বালুচ বিদ্রোহীদের সংঘর্ষ, হত অন্তত ১৮ পাক সেনা

    মাধ্যম নিউজ ডেস্ক: সেনার সঙ্গে বিদ্রোহীদের সংঘর্ষে নিহত হয়েছেন নিরাপত্তাবাহিনীর অন্তত ১৮ জন সদস্য (Rebels Killed)। মৃত্যু হয়েছে ২৩ জন বিদ্রোহীরও। পাকিস্তানের (Pakistan) বালুচিস্তানের ঘটনা। বর্তমানে পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল সৈয়দ আসিম মুনির বালুচিস্তান সফর করছেন। সেই সময়ই সেনার সঙ্গে বিদ্রোহীদের গুলির লড়াই হয়েছে। যার মাশুল দিতে হল পাক সেনার অন্তত ১৮ জন সদস্যকে।

    হামলার দায় স্বীকার (Pakistan)

    পাক সেনার ওপর হামলার দায় স্বীকার করেছে বালুচিস্তান লিবারেশন আর্মি (BLA)। সংগঠনের মুখপাত্র আজাদ বালোচের দাবি, কালাটে (এই জায়গায়ই সেনার সঙ্গে বিদ্রোহীদের গুলি বিনিময় হয়) হামলা তাঁদের অন্যতম সাফল্য। আরও হামলা চালানোর হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। আজাদ জানান, সেনা চৌকিগুলিতে হামলা চালানো হবে। তাঁর দাবি, কালাটে পাক সেনার ওপর হামলা চালিয়েছে তাঁদের ১০০ সদস্য। বালুচিস্তান লিবারেশন আর্মির এই হামলার জবাব দেওয়া হবে বলে পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন পাক প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তাঁদের সাফ কথা, বালুচিস্তানে জারি রাখা হবে সেনা অভিযান (Pakistan)।

    বিদ্রোহী দমন অভিযান

    গত এক মাস ধরে খাইবার পাখতুনখোয়া এবং বালুচিস্তানে বিদ্রোহী দমন অভিযান চালাচ্ছে পাক সেনা। শনিবার আফগানিস্তানের সীমান্তলাগোয়া জেলা বালুচিস্তানের কালাটে মূল রাস্তা বন্ধ করে দিয়েছিল বিদ্রোহীরা। খবর পেয়ে অভিযানে যায় পাক সেনা। শুরু হয় দুপক্ষে গুলির লড়াই। শুক্রবার রাত থেকে শুরু হওয়া গুলির লড়াই জারি থাকে শনিবারও। রাতে এক বিবৃতিতে পাক সেনা জানিয়েছে, রাতভর গুলির লড়াইয়ে নিহত হয়েছে ২৩ জঙ্গি। মৃত্যু হয়েছে ১৮ জন সেনাকর্মীরও।

    গত অগাস্টেই আট থেকে দশ ঘণ্টা বালুচিস্তান প্রদেশটাই পাকিস্তান থেকে যেন বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। সেই সময় বালুচিস্তানে সেনা-পুলিশ-প্রশাসনকে কোথাও খুঁজে পাওয়া যায়নি। ওয়াকিবহাল মহলের মতে, বালুচিস্তান কোনওদিনই পাকিস্তানের অংশ ছিল না। বালুচিস্তানের সিংহভাগ বাসিন্দাই ভারতের সঙ্গে জুড়ে যাওয়ার পক্ষপাতী। পাকিস্তানের সঙ্গে জুড়ে যাওয়াটা তাঁরা কোনওদিনই মন থেকে মেনে নিতে পারেননি। সেই কারণেই পাকিস্তানের কবল মুক্ত হতে চাইছেন তাঁরা। অশান্তির সূত্রপাত সেখানেই। স্বাধীনতা ছিনিয়ে নিতে মরিয়া (Rebels Killed) বালুচিস্তানের বাসিন্দারা (Pakistan)।

  • Khalistani: মণিপুরে খ্রিস্টানদের আলাদা দেশ গড়তে উস্কানি দিয়েছেন পান্নুন, ট্রাইব্যুনালে জানাল কেন্দ্র

    Khalistani: মণিপুরে খ্রিস্টানদের আলাদা দেশ গড়তে উস্কানি দিয়েছেন পান্নুন, ট্রাইব্যুনালে জানাল কেন্দ্র

    মাধ্যম নিউজ ডেস্ক: বুধবারই ইউএপিএ-র একটি ট্রাইব্যুনালে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক একটি আবেদন দাখিল করে। সেখানেই খালিস্তানপন্থী সন্ত্রাসবাদী সংগঠন শিখ ফর জাস্টিসের (Sikhs for Justice) বিরুদ্ধে মারাত্মক অভিযোগ তোলা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, মণিপুরে মুসলিম, তামিল এবং খ্রিস্টান সম্প্রদায়কে ভারত থেকে বিচ্ছিন্ন হতে উস্কানি দিয়েছে ওই সংগঠন। গোয়েন্দা সংস্থাগুলি এ বিষয়ে তদন্ত করে সেই রিপোর্ট জমা দিয়েছে ট্রাইব্যুনালের সামনে। প্রসঙ্গত, গত ২৭ জানুয়ারি ওই ট্রাইব্যুনাল শিখ ফর জাস্টিস-এর ওপর আরও পাঁচ বছরের নিষেধাজ্ঞা বহাল রাখে। খালিস্তানপন্থী এই সন্ত্রাসবাদী সংগঠন পান্নুনের (Khalistani) নেতৃত্বে চলে। ২০১৯ সালে প্রথমে পাঁচ বছরের জন্য ওই সংগঠনের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল।

    উস্কানি শিখ সৈন্যদের

    ২০২৪ সালের জুলাই মাসে এই নিষেধাজ্ঞা (Khalistani) আরও পাঁচ বছরের জন্য বাড়ানো হয়। প্রসঙ্গত, শিখ ফর জাস্টিস নামের এই সংগঠন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কেন্দ্রীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালকে খুনের হুমকি পর্যন্ত দিয়েছে। শুধু তাই নয়, পাঞ্জাব পুলিশের মধ্যে যে সমস্ত শিখ সম্প্রদায়ভুক্ত কর্মী রয়েছেন, তাঁদেরও উস্কানি দিয়েছে এই সংগঠন। এর পাশাপাশি ভারতীয় সেনাবাহিনীতে যে শিখ সৈন্যরা রয়েছেন, তাঁদেরও বিদ্রোহের জন্য উস্কানি দিয়েছে এই সংগঠন। পান্নুন এক উস্কানি বার্তায় জানিয়েছেন, ভারত সরকার তাঁদেরকে (শিখ সৈন্য) যে বেতন দেয় শিখ ফর জাস্টিস সংগঠনের হয়ে কাজ করলে তাঁদের আরও পাঁচ হাজার টাকা বেশি বেতন দেওয়া হবে। একই সঙ্গে লাদাখে যে সমস্ত সৈন্য মোতায়ন করা আছে, সেই সৈন্যদের উদ্দেশে পান্নুন উস্কানি দিয়েছেন যে চিনা আগ্রাসনের বিরুদ্ধে যেন ভারতের হয়ে তাঁরা লড়াই না করেন।

    দ্রাবিড়স্তান ও উর্দুস্তান গড়ার উস্কানি

    প্রসঙ্গত, পান্নুন পাঞ্জাব পুলিশের উচ্চপদস্থ কর্তাদের উস্কানি দেন। তিনি সেই সময় জলন্ধর, পাঠানকোট প্রভৃতি স্থানে সংখ্যালঘু সম্প্রদায়কে, অন্যান্য সম্প্রদায়ের বিরুদ্ধে উসকে দিয়ে (Khalistani) সাম্প্রদায়িক ভিত্তিতে জনগণকে বিভক্ত করার চেষ্টা করেন। কেন্দ্রীয় গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী, মণিপুরে খ্রিস্টান সম্প্রদায়কে একটি পৃথক দেশ তৈরির জন্য আওয়াজ তুলতে উস্কানি দেন পান্নুন। একইভাবে তামিল এবং মুসলমানদের জন্যও দ্রাবিড়স্তান ও উর্দুস্তান তৈরির উস্কানি দেন তিনি।

  • Don: বলিউড কাঁপানো ডনের রিমেক হচ্ছে হলিউডে, কী বললেন  অভিনেতা কাল পেন?

    Don: বলিউড কাঁপানো ডনের রিমেক হচ্ছে হলিউডে, কী বললেন  অভিনেতা কাল পেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: বলিউড কাঁপানো ছবি ‘ডন’ (Don)। তোলপাড় ফেলেছিল তামাম ভারতে। বিদেশেও ভীষণভাবে সমাদৃত হয়েছিল অমিতাভ বচ্চন অভিনীত এই ছবিটি। বলিউডের পর এবার এই ছবিটিরই রিমেক হবে টলিউডে। যিনি রিমেক করার ইচ্ছে প্রকাশ করেছেন, তিনিও বিশ্বশ্রুত অভিনেতা আমেরিকার ‘কাল পেন’।

    কাল পেনের ইচ্ছে (Don)

    দ্য ‘নেমশেক’ ছবিতে আত্মসচেতন গোগোলের ভূমিকায় অভিনয় করেছিলেন। ‘হ্যারল্ড অ্যান্ড কুমার’ ফ্র্যাঞ্চাইজিতে অভিনয় করেছিলেন স্টোনার কুমার প্যাটেলের ভূমিকায়। অমিতাভ বচ্চনের ফ্যানেদের মধ্যে রয়েছেন সেই কাল পেনও। তিনিই ইচ্ছে প্রকাশ করেছেন ‘ডন’ ছবিটি রিমেক করবেন। পেনের বেড়ে ওঠা মার্কিন যুক্তরাষ্ট্রের এক ভারতীয় অভিবাসী পরিবারে। তিনিই নতুনভাবে তৈরি করতে চান বচ্চনের আইকনিক চলচ্চিত্র ‘ডন’। ছবিটির প্রধান চরিত্রে অভিনয়ও করতে চান তিনি।

    কী বললেন বিশ্বশ্রুত অভিনেতা

    শুক্রবার জয়পুর সাহিত্য উৎসবে ‘ইউ ক্যান্ট বি সিরিয়াস’ শীর্ষক এক আলোচনা সভায় অংশ নিয়েছিলেন ‘হাউস’ অভিনেতা পেন। সেখানেই বছর সাতচল্লিশের এই অভিনেতা বলেন, “আমার ওপর যে প্রভাবগুলো পড়েছিল, সেগুলোর বেশিরভাগই ছিল আমেরিকান, যেমন টম হ্যাঙ্কস, ডেনজেল ওয়াশিংটন, এবং অবশ্যই মীরা নায়ার—শৈশব থেকেই, বিশেষ করে যখন তিনি ‘মিসিসিপি মসালা’ করেছিলেন। তাঁকে দেখে আমি ভাবতাম, যদি এই নারী এটি করতে পারেন, তবে হয়তো আমার জন্যও একটি পথ রয়েছে।” এর পরেই তিনি বলেন, “আমি এখনও… মানে, কে না অমিতাভ বচ্চনের বিশাল ভক্ত? আসল ডন-এর রিমেক করতেই আমি ভালোবাসব। তবে এটি এখনও বিনোদনমূলক হতে পারে। এটি এখনও একইভাবে, একই রঙের প্যালেটে থাকতে পারে, কেবল (Don) ব্রুকলিন বা ওহাইওতে সেট করা যেতে পারে।”

    পেনকে সম্প্রতি জনপ্রিয় হিন্দি কমেডি শো ‘তারক মেহতা কা উল্টা চশমা’র সেটে দেখা গিয়েছে। হিন্দি ভাষায় সড়গড় হতে তিনিসাথ নিভানা সাথিয়াসিরিয়াল দেখতে দেখতে “আসক্ত” হয়ে পড়েন। বলেন, “যখনই আমি ভারতে কাজ করি, আমি চেষ্টা করি দুমাস আগে থেকেই স্ক্রিপ্ট পেতে। হিন্দি শেখার এবং এই ভাষায় তাল মিলিয়ে চলার একটি উপায় হল সিরিয়াল দেখা। তাই আমি সাথ নিভানা সাথিয়া-তে আসক্ত হয়ে পড়েছিলাম। যেমন, কোকিলা বেন একেবারে দুর্দান্ত! তুমি ওঁকে অতিক্রম করতে চাইব না। আর গোপী তো স্পষ্টতই একটা মিম—গোপী ল্যাপটপ ধোয়ার দৃশ্যটাই ধরো।” তিনি বলেন এগুলোই আমার সাম্প্রতিক কিছু অনুপ্রেরণার অংশ (Don)।”

  • PM Modi: কেন্দ্রীয় বাজেটকে ‘জনগণের বাজেট’ আখ্যা প্রধানমন্ত্রীর

    PM Modi: কেন্দ্রীয় বাজেটকে ‘জনগণের বাজেট’ আখ্যা প্রধানমন্ত্রীর

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রত্যেক ভারতীয়ের স্বপ্নপূরণ করবে এ বারের বাজেট (Budget)। এই বাজেটকে ‘জনগণের বাজেট’ বলে উল্লেখ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। সংসদে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন শনিবার বাজেট পেশ করেন। তারপরেই এই কথাগুলি বলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘‘১৪০ কোটি ভারতীয়ের আকাঙ্ক্ষা পূরণের জন্য সরকারের প্রতিশ্রুতিই বাজেটে প্রতিফলিত হয়েছে।’’ প্রধানমন্ত্রী (PM Modi) বলেন, ‘‘মধ্যবিত্ত কর প্রদানকারী, বেতনভোগী কর্মীদের বড় সুবিধা দেবে।’’ উল্লেখ্য, এ বারের বাজেটে কেন্দ্রীয় অর্থমন্ত্রী দেশের কর কাঠামোয় বড়সড় পরিবর্তনের কথা ঘোষণা করেছেন। তিনি জানিয়েছেন, সরকারি ও বেসরকারি সংস্থার বেতনভোগীদের বছরে ১২ লক্ষ ৭৫ হাজার টাকা পর্যন্ত আয়ে শূন্য রাখা হয়েছে আয়করের পরিমাণ। সে কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘‘এ বারের বাজেটে সব আয় গোষ্ঠীর জন্য কর কমানো হয়েছে। যা থেকে মধ্যবিত্তেরা উপকৃত হবেন।’’

    আমরা দেশের তরুণদের জন্য অনেক পথ খুলেছি

    তিনি (PM Modi) আরও বলেন, ‘‘ভারতের উন্নয়ন যাত্রাকে আরও মসৃণ করবে কেন্দ্রীয় বাজেট। আমরা দেশের তরুণদের জন্য অনেক পথ খুলেছি।’’ ‘জনগণের বাজেট’ পেশ করার জন্য সীতারামনকে অভিনন্দনও জানিয়েছেন প্রধানমন্ত্রী। বাজেটের কথা বলতে গিয়ে মোদি বলেন, ‘‘কী ভাবে সরকারি কোষাগার ভরবে, সেটাই সাধারণত বাজেটে প্রতিফলিত হয়। কিন্তু এ বার তা উল্টো হয়েছে। এ বারের বাজেটের মূল লক্ষ্য ছিল কী ভাবে সাধারণ মানুষের পকেট ভরবে, কী ভাবে সঞ্চয় হবে। এই বাজেট এই সবের জন্য খুবই শক্তিশালী ভিত্তিপ্রস্তর স্থাপন করবে।’’ সংস্কারের ক্ষেত্রে এ বারের বাজেট খুব উল্লেখযোগ্য বলেই মনে করেন প্রধানমন্ত্রী। তাঁর কথায়, ‘‘আমি সেই সব সংস্কার নিয়ে আলোচনা করতে চাই যা ভবিষ্যতে একটি বড় পরিবর্তন আনতে চলেছে।’’

    কৃষক কল্যাণ নিয়ে কী বললেন প্রধানমন্ত্রী?

    এ বারের বাজেটে দেশের সেরা ৫০টি পর্যটনস্থলের উন্নয়ন করা হবে বলেও ঘোষণা করা হয়েছে। বাজেট পেশ করার সময় সেই প্রকল্পের কথাও ঘোষণা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এনিয়ে প্রধানমন্ত্রী জানান, এই প্রকল্প ভবিষ্যতে কর্মসংস্থানের জন্য বড় ঘোষণা। শনিবার বাজেট পেশের সময় কৃষক কল্যাণের কথাও উল্লেখ করেন দেশের অর্থমন্ত্রী। তিনি জানান, কিষান ক্রেডিট কার্ডে ঋণ নেওয়ার পরিমাণ তিন লক্ষ থেকে বৃদ্ধি করে পাঁচ লক্ষ করা হবে। মৎস্যজীবীদের জন্য বিশেষ অর্থনৈতিক অঞ্চল তৈরি করা হবে বলেও জানিয়েছেন অর্থমন্ত্রী। এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী (PM Modi) বলেন, ‘‘এই ঘোষণা কৃষিক্ষেত্রে একটি নতুন বিপ্লবের ভিত্তি হয়ে উঠবে।’’

  • Daily Horoscope 02 February 2025: মিথ্যা বদনাম থেকে সাবধান থাকতে হবে এই রাশির জাতকদের

    Daily Horoscope 02 February 2025: মিথ্যা বদনাম থেকে সাবধান থাকতে হবে এই রাশির জাতকদের

    চাকরি থেকে ব্যবসা, বন্ধু থেকে ব্যক্তিগত জীবন, ভ্রমণ থেকে স্বাস্থ্য—কী বলছে ভাগ্যরেখা? কেমন কাটতে পারে দিন?

    মেষ

    ১) বুদ্ধির ভুলের জন্য ক্ষতি হতে পারে।

    ২) ব্যবসায় কর্মচারীদের সঙ্গে বিবাদ।

    ৩) দিনটি অনুকূল।

    বৃষ

    ১) মিথ্যা বদনাম থেকে সাবধান।

    ২) প্রেমে আনন্দ লাভ।

    ৩) বন্ধুদের সাহায্য পাবেন।

    মিথুন

    ১) দাম্পত্য কলহের সম্ভাবনা রয়েছে।

    ২) ব্যবসায় লাভের পরিমাণ বৃদ্ধির ব্যাপারে আলোচনা।

    ৩) সখপূরণ হবে।

    কর্কট

    ১) পারিবারিক ভ্রমণে বাধা পড়তে পারে।

    ২) প্রেমের ক্ষেত্রে সুখের দিন।

    ৩) বিবাদে জড়াবেন না।

    সিংহ

    ১) ব্যবসায় বিবাদের যোগ থাকলেও লাভ বাড়তে পারে।

    ২) কৃষিকাজে সাফল্য পাবেন।

    ৩) গুরুজনদের পরামর্শ মেনে চলুন।

    কন্যা

    ১) ব্যবসায় অর্থাভাব ও শত্রুর দ্বারা ক্ষতির সম্ভাবনা।

    ২) স্ত্রীর কারণে প্রচুর খরচ হওয়ার সম্ভাবনা।

    ৩) ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন।

    তুলা

    ১) আর্থিক সুবিধা পেতে পারেন।

    ২) কোনও প্রতিবেশীর জন্য সম্মানহানি।

    ৩) পরিবারের সঙ্গে সময় কাটান।

    বৃশ্চিক

    ১) সকালের দিকে কোনও দুশ্চিন্তা মাথা খারাপ করবে।

    ২) শিক্ষকদের জন্য ভালো খবর।

    ৩) ডাক্তারের কাছে যেতে হতে পারে।

    ধনু

    ১) বিষয়-সম্পত্তি ক্রয়-বিক্রয় নিয়ে গুরুজনের সঙ্গে মনোমালিন্য।

    ২) কোনও মহিলার জন্য আনন্দ লাভ।

    ৩) ধৈর্য ধরুন।

    মকর

    ১) সকালের দিকে পেটের ব্যথায় কষ্ট পেতে পারেন।

    ২) কেনাকাটার জন্য খরচ বাড়তে পারে।

    ৩) সবাইকে বিশ্বাস করবেন না।

    কুম্ভ

    ১) সম্মানহানির সম্ভাবনা রয়েছে।

    ২) কোনও কাজে সময় নষ্ট হতে পারে।

    ৩) দিনটি প্রতিকূল।

    মীন

    ১) মা-বাবার সঙ্গে জরুরি বিষয়ে আলোচনা।

    ২) ব্যবসায় লাভের যোগ।

    ৩) ভালোই কাটবে দিনটি।

    DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না।

  • Union Budget 2025: প্রতিরক্ষা খাতে বরাদ্দ ৬.৮১ লক্ষ কোটি টাকা, বৃদ্ধি গতবারের তুলনায় ৯.৫ শতাংশ

    Union Budget 2025: প্রতিরক্ষা খাতে বরাদ্দ ৬.৮১ লক্ষ কোটি টাকা, বৃদ্ধি গতবারের তুলনায় ৯.৫ শতাংশ

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রতিরক্ষা খাতে বরাদ্দ বাড়ল চলতি বছরের বাজেটে (Union Budget 2025)। শনিবার, সংসদে কেন্দ্রীয় বাজেট পেশ করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। সেখানেই তিনি জানান, ২০২৫-২৬ অর্থবর্ষের জন্য প্রতিরক্ষা খাতে বরাদ্দ (Defence Budget Allocation) করা হয়েছে ৬ লক্ষ ৮১ হাজার ২১০ কোটি টাকা। ২০২৪-২৫ অর্থবর্ষে বরাদ্দের পরিমাণ ছিল ৬ লক্ষ ২১ হাজার ৯৪০ কোটি টাকা। ফলে, গতবারের তুলনায় বরাদ্দ বেড়েছে ৯.৫ শতাংশ।

    মূলধন ব্যয় কতটা বাড়ল, তা অতি গুরুত্বপূর্ণ

    প্রতিরক্ষায় খরচের বিভিন্ন দিকের মধ্যে অন্যতম বড় হল মূলধন ব্যয়। এবারের বাজেটে (Union Budget 2025) মূলধন ব্যয় খাতে বরাদ্দ ধরা হয়েছে ১ লক্ষ ৯২ হাজার ৩৮৭ কোটি টাকা। যা গতবারের তুলনায় ১২.৯ শতাংশ বেশি। ২০২৪-২৫ অর্থবর্ষে এই বরাদ্দের (Defence Budget Allocation) পরিমাণ ছিল ১ লক্ষ ৭২ হাজার কোটি টাকা। বাজেটে (Union Budget 2025) পেশ করা নথি অনুযায়ী, এবছর বরাদ্দ হওয়া মূলধন ব্যয়ের মধ্যে ৪৮ হাজার ৬১৪ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বিমান ও ইঞ্জিনের জন্য। ২৪ হাজার ৩৯০ কোটি টাকা বরাদ্দ নৌসেনার জন্য। ৬৩ হাজার ৯৯ কোটি টাকা বরাদ্দ অন্য সরঞ্জামের জন্য। অন্যদিকে, রাজস্ব খরচ বাবদ ধার্য করা হয়েছে ৪ লক্ষ ৮৮ হাজার ৮২২ কোটি টাকা, যার মধ্যে আবার পেনশন বাবদ বরাদ্দ করা হয়েছে ১ লক্ষ ৬০ হাজার ৭৯৫ কোটি টাকা।

    মোদি জমানায় মূলধন ব্যয় বেড়ে দ্বিগুণ

    পরিসংখ্যান বলছে, ২০১৯ সাল থেকে প্রতিরক্ষা খাতে বরাদ্দ (Defence Budget Allocation) প্রতি বছর বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে, মূলধন ব্যয়ের খাতে বরাদ্দের পরিমাণ যথেষ্ট পরিমাণে বেড়েছে। তথ্য বলছে, কোভিড-পূরবর্তী যুগ থেকে এই খাতে বরাদ্দের পরিমাণ ৫০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। পরিসংখ্যান আরও বলছে, ২০১৫-২০ সময়ে প্রতি বছরে মূলধন ব্যয়ের বরাদ্দের বৃদ্ধির হার ছিল ৬ শতাংশ। সেখানে, ২০২০-২৫ সময়ে এই হার বেড়ে দাঁড়ায় ৯.১ শতাংশে। বিগত ১১ বছরে মোদি জমানায় প্রতিরক্ষায় মূলধন ব্যয়ের পরিমাণ বেড়ে প্রায় দ্বিগুণ হয়ে গিয়েছে (Union Budget 2025)। ২০২৪-২৫ অর্থবর্ষে এই খরচের বৃদ্ধির হার ২৭.৭ শতাংশ ছিল, যা এখনও পর্যন্ত সর্বাধিক। তার আগের অর্থবছরে এই হার ছিল ২৫.২ শতাংশ।

    প্রতিরক্ষায় আত্মনির্ভরতার লক্ষ্যে

    প্রতিরক্ষায় আত্মনির্ভরতার লক্ষ্যে ২০২৯-৩০ অর্থবর্ষ নাগাদ দেশের প্রতিরক্ষা উৎপাদনকে ৩ লক্ষ কোটিতে নিয়ে যেতে চায় মোদি সরকার। একইসময়ে, প্রতিরক্ষা রফতানিকে বৃদ্ধি করে ৫০ হাজার কোটি টাকার লক্ষ্যমাত্রা ছুঁতে চায় কেন্দ্র। গত ৫ বছর ধরে পূর্ব ও দক্ষিণ-পূর্ব এশিয়ার একাধিক দেশ ভারতের থেকে অস্ত্র কিনে চলেছে। মায়ানমার ও ভিয়েতনাম ভারতের দীর্ঘদিনের খদ্দের। এর সঙ্গে নাম লিখিয়েছে ফিলিপিন্স এবং ইন্দোনেশিয়াও। গত ১০ বছরে ভারতের অস্ত্র রফতানি ১০ গুণ বৃদ্ধি পেয়েছে। ২০১৪-১৫ সালে যেখানে এই পরিমাণ ছিল ১৯০০ কোটি টাকা। সেখানে ২০২৩-২৪ সালে তা বেড়ে হয়েছে ২১ হাজার কোটি টাকা (Union Budget 2025)।

  • Saraswati Puja 2025: জানেন হলুদ পোশাক কেন পরা হয় সরস্বতী পুজোতে?

    Saraswati Puja 2025: জানেন হলুদ পোশাক কেন পরা হয় সরস্বতী পুজোতে?

    মাধ্যম নিউজ ডেস্ক: রীতি অনুযায়ী সরস্বতী পুজোয় (Saraswati Puja 2025) হলুদ রঙের পোশাক পরার চল রয়েছে। চলতি বছরে ৩ ফেব্রুয়ারি পালিত হবে সরস্বতী পুজো। পঞ্চমী পড়েছে আজ রবিবার ২ ফেব্র‌ুয়ারি বেলা ১২টা ৩৪ মিনিটে। অন্যদিকে ৩ ফেব্রুয়ারি সকাল ৯টা ৫৯ মিনিটে পঞ্চমী ছাড়বে। সেই কারণে অনেকেই আজ রবিবারেও সরস্বতী পুজো করবেন। এদিন ছেলেদের হলুদ পাঞ্জাবি ও মেয়েদের হলুদ শাড়ি পরতে দেখা যায়। তবে ঠিক কোন কারণে হলুদ পরা হয়? সে কারণই আমরা জানব। মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে (Saraswati Puja) আরাধিত হন দেবী সরস্বতী। অনেকে মনে করেন, এই দিন থেকেই আগমন ঘটে বসন্ত ঋতুর। তাই একে বসন্ত পঞ্চমীও বলা হয়ে থাকে। সরস্বতী পুজোর সঙ্গে হলুদ রঙের বিশেষ সম্পর্ক রয়েছে বলেই জানাচ্ছেন শাস্ত্র বিশেষজ্ঞরা।

    হলুদ রঙকে শুভ বলে মানা হয় (Saraswati Puja 2025)

    হলুদ রঙকে শুভ বলে মানা হয়। হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস, হলুদ রঙ জীবনে আনে সুখ-শান্তি ও সমৃদ্ধি। ঠিক এই কারণেই মা সরস্বতীকে হলুদ রঙের ফুল নিবেদন করা হয়। অন্যদিকে এর বৈজ্ঞানিক কারণও রয়েছে। মনে করা হয়, হলুদ রঙ মানসিক চাপ দূর করে মনে গভীর শান্তি আনে। এর পাশাপাশি হলুদ রঙ আত্মবিশ্বাস বাড়াতেও সাহায্য করে।

    হলুদ রঙে থাকে পজিটিভ এনার্জি (Saraswati Puja 2025)

    সরস্বতী পুজোর সময়ে সর্ষে ফুলে (Saraswati Puja 2025) ছেয়ে যায় চারিদিকে। তাই কেউ কেউ বলেন, হলুদ ফুল দিয়ে ঘর সাজালে পজিটিভ এনার্জি থাকে। একইসঙ্গে হলুদ রঙকে সুখ, আশা, জ্ঞান, সৃজনশীলতা ও রোদের প্রতীক বলে মানা হয়। বসন্ত ও বন্ধুত্বের রঙও হল হলুদ।

    বাস্তুশাস্ত্র মতেও হলুদ রঙের আলাদা মাহাত্ম্য রয়েছে

    বাস্তুশাস্ত্র মতেও হলুদ রঙের আলাদা মাহাত্ম্য রয়েছে। হলুদ রঙের অর্থ কোনও কিছুর নতুন সূচনা। হলুদ রঙ শুভ ও মঙ্গলদায়ক শক্তির দিকে আমাদের আকর্ষণ করে। হলুদ রঙ আশার রঙ হিসেবেও পরিচিত অনেকের কাছে। একে জীবনের এবং শুভবুদ্ধির রঙ বলে মানা হয়। বসন্তের শুরুতে এই রঙ মনে নতুন আশার সঞ্চার (Saraswati Puja 2025) ঘটায় আবার সুস্বাস্থ্যেরও প্রতীকও হলুদ রঙ।

  • Delhi Elections: ভোটের আগে ‘রাম’ধাক্কা খেল আপ, দল ছেড়ে বিধায়করা বিজেপিতে

    Delhi Elections: ভোটের আগে ‘রাম’ধাক্কা খেল আপ, দল ছেড়ে বিধায়করা বিজেপিতে

    মাধ্যম নিউজ ডেস্ক: দুয়ারে দিল্লি বিধানসভার নির্বাচন (Delhi Elections)। তার ঠিক আগে বড়সড় ধাক্কা খেল অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি (AAP)। শুক্রবারই আপের সংস্রব ছেড়েছিলেন আটজন বিধায়ক। শনিবারই তাঁরা যোগ দিলেন বিজেপিতে। তাঁদের সঙ্গে আপের কিছু কাউন্সিলরও ভিড়েছেন পদ্মশিবিরে।

    বিপাকে আপ (Delhi Elections)

    ৫ ফেব্রুয়ারি দিল্লি বিধানসভার নির্বাচন। তার আগে আপের একঝাঁক নেতা গেরুয়া শিবিরে যোগ দেওয়ায় পদ্মপার্টির শক্তি যে বাড়ল, তা বলাই বাহুল্য। এদিন যেসব বিধায়ক বিজেপিতে যোগ দিলেন, তাঁরা হলেন ভবনা গৌর, মদন লাল, গিরিশ সোনি, রাজেশ ঋষি, নরেশ যাদব, পবন শর্মা, বিএস জুন, রোহিত মেহরোলিয়া এবং বিজেন্দ্র গর্গ। বিজেন্দ্র প্রাক্তন বিধায়ক। অজয় রাই আপের কাউন্সিলর ছিলেন।

    দুর্নীতির অভিযোগ

    শুক্রবার আপের সংস্রব ত্যাগ করার সময় বিধায়করা অভিযোগ করেছিলেন, অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বাধীন দল তার আদর্শ থেকে বিচ্যুত হয়েছে (Delhi Elections)। কেজরিওয়াল সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগও করেন তাঁরা। আপ ছাড়ার পর বিধায়করা জানান, তাঁরা বিধানসভার স্পিকারের কাছে তাঁদের পদত্যাগপত্র জমা দিয়েছেন, ইস্তফা দিয়েছেন বিধায়ক পদে। আপের পোড়খাওয়া নেতা-কর্মীদের স্বাগত জানিয়ে দিল্লি বিজেপির জাতীয় সহ সভাপতি ও ইনচার্জ বৈজয়ন্ত পান্ডা বলেন, “এটি একটি ঐতিহাসিক দিন। কারণ তাঁরা এএপদা (দুর্যোগ) থেকে মুক্তি পেয়েছেন এবং আশা করছেন যে ৫ ফেব্রুয়ারির নির্বাচন পরবর্তী দিল্লি এই দুর্যোগ থেকে মুক্ত হবে।” উল্লেখ্য, দিল্লি বিধানসভার আসন সংখ্যা ৭০।

    প্রসঙ্গত, মঙ্গলবারই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেছিলেন, আম আদমি পার্টি প্রধান কেজরিওয়াল এবং দিল্লির মুখ্যমন্ত্রী অতীশি উভয়েই পাঁচ ফেব্রুয়ারি বিধানসভা নির্বাচনে তাদের নিজ নিজ আসন হারাবেন। এদিন শাহ বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে দিল্লিতে বিজেপি একটি ডবল ইঞ্জিন সরকার গঠন করবে।” কেজরিওয়ালকে নিশানা করে শাহ বলেন, “গত ১০ বছরে অরবিন্দ কেজরিওয়াল দিল্লিকে আবর্জনার স্তূপে পরিণত করেছে। যমুনা আগের (AAP) চেয়ে বেশি দূষিত এবং শহরের পরিকাঠামো ভেঙে পড়েছে (Delhi Elections)।”

  • Union Budget 2025: “মধ্যবিত্ত শ্রেণি সর্বদা মোদির হৃদয়ে থাকে,” বাজেট প্রসঙ্গে বললেন শাহ

    Union Budget 2025: “মধ্যবিত্ত শ্রেণি সর্বদা মোদির হৃদয়ে থাকে,” বাজেট প্রসঙ্গে বললেন শাহ

    মাধ্যম নিউজ ডেস্ক: “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi) সব সময় মধ্যবিত্ত শ্রেণির স্বার্থকে অগ্রাধিকার দিয়েছেন।” ১ ফেব্রুয়ারি সংসদে বাজেট (Union Budget 2025) পেশ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এই বাজেটে বার্ষিক ১২ লাখ পর্যন্ত আয়করে ছাড় দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। তার পরেই বাজেট নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে এমন মন্তব্য করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

    শাহের পোস্ট (Union Budget 2025)

    এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সব সময় মধ্যবিত্ত শ্রেণির স্বার্থকে অগ্রাধিকার দিয়েছেন।” ২০২৫ সালের বাজেটকে মোদি সরকারের একটি নকশা হিসেবেও বর্ণনা করেন তিনি। এই নকশা প্রতিটি ক্ষেত্রে উন্নত ও সেরা ভারত গড়ার দৃষ্টিভঙ্গিকে প্রতিফলিত করে। ওই পোস্টে তিনি লিখেছেন, “মধ্যবিত্ত শ্রেণি সর্বদা প্রধানমন্ত্রীর মোদির হৃদয়ে থাকে। ১২ লাখ টাকা আয় পর্যন্ত আয়কর শূন্য। প্রস্তাবিত কর ছাড় মধ্যবিত্তের আর্থিক কল্যাণ বাড়ানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই উপলক্ষে সকল উপকারভোগীকে অভিনন্দন।” এই বাজেটকে তিনি মোদি সরকারের উন্নত ও সর্বোত্তম ভারত গঠনের দৃষ্টিভঙ্গির নকশা হিসেবে বর্ণনা করেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি, নির্মলা পরবর্তী প্রজন্মের সংস্কারগুলির জন্য একটি নীল নকশা (Union Budget 2025) তৈরি করেছেন। বিমায় এফডিআইয়ের সীমা বাড়ানো, কর আইনের সরলীকরণ এবং একাধিক পদক্ষেপের জন্য বর্ধিত আর্থিক সহায়তা প্রদানের সময় মধ্যস্থতাকারীদের ওপর শুল্ক কমানোর মতো একাধিক বিষয়ের উল্লেখ আছে বাজেটে।

    বাজেট নিয়ে প্রতিক্রিয়া মোদির

    বাজেট প্রসঙ্গে এক ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, “আজ ভারতের উন্নয়নযাত্রার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এটি ১৪০ কোটি ভারতীয়ের আকাঙ্খার বাজেট। এটি এমন একটি বাজেট, যা প্রতিটি ভারতীয়ের স্বপ্ন পূরণ করে। আমরা যুব সমাজের জন্য অনেক খাত খুলে দিয়েছি। সাধারণ নাগরিকই বিকশিত ভারতের মিশনকে এগিয়ে নিয়ে যাবে।”

    প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেন, “অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের পেশ করা বাজেট উন্নত ভারতের স্বপ্ন বাস্তবায়নের জন্য একটি দুর্দান্ত বাজেট। এই বাজেটে সমাজের সব অংশের মানুষের কথা ভাবা হয়েছে। এই বাজেট দেশের উন্নয়নের প্রচার (Union Budget 2025) করতে চলেছে (PM Modi)।”

  • Union Budget 2025: মোবাইল থেকে গাড়ি, টিভি থেকে ওষুধ! বাজেটে কীসের দাম বাড়ল, কোনটার কমল?

    Union Budget 2025: মোবাইল থেকে গাড়ি, টিভি থেকে ওষুধ! বাজেটে কীসের দাম বাড়ল, কোনটার কমল?

    মাধ্যম নিউজ ডেস্ক: কেন্দ্রে নরেন্দ্র মোদি সরকার তৃতীয় বার ক্ষমতায় আসার পর অষ্টম বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। একাধিক বড় ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। একাধিক জিনিসের উপর করছাড়ের কথা ঘোষণা করেছেন তিনি। মধ্যবিত্তকে স্বস্তি দিয়ে ১২ লক্ষ টাকা পর্যন্ত আয়করে ছাড় দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বাজেটে প্রবীণ নাগরিকদের জন্যও বড় ঘোষণা রয়েছে। ষাটোর্ধ্বদের ক্ষেত্রে স্ট্যান্ডার্ড ডিডাকশানের পরিমাণ এক লক্ষ টাকা ঘোষণা করেছেন নির্মলা। তবে, কর বাড়িয়ে দেওয়া হয়েছে কিছু জিনিসের উপর।

    কী বললেন নির্মলা

    একাধিক জিনিসের দাম কমতে চলেছে। বৈদ্যুতিন জিনিসে শুল্ক কমানো হয়েছে। তার ফলে সস্তা হবে এলইডি এবং এলসিডি টিভি। মোবাইলের যন্ত্রাংশে শুল্ক কমায় দাম কমবে মোবাইলের। ইলেকট্রনিক ব্যাটারির শুল্ক কমায় সস্তা হবে বৈদ্যুতিন গাড়ি। লেড এবং জিঙ্কের উপর থেকে প্রাথমিক শুল্ক প্রত্যাহার করায় ব্যাটারির দাম কমবে। সস্তা হবে মেডিক্যাল এবং সার্জিক্যাল সরঞ্জামও। চর্মজাত দ্রব্যের উপরে শুল্ক প্রত্যাহার করায় সস্তা হবে জুতো, বেল্ট, ব্যাগের মতো নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম। দাম কমবে জাহাজের যন্ত্রাংশের। দেশে তৈরি পোশাকও সস্তা হবে। সামুদ্রিক মাছ–সহ একাধিক সিফুডের দামও কমবে।

    মেক ইন ইন্ডিয়ায় জোর

    এদিন নির্মলা সীতারামনের ঘোষণা মতো, মেক ইন ইন্ডিয়া উদ্যোগে জোর দিয়ে ‘ইন্টারঅ্যাক্টিভ ফ্ল্যাট প্যানেল’ ডিসপ্লে-তে শুক্ল (বেসিক কাস্টমস ডিউটি) ১০ শতাংশ থেকে বাড়িয়ে ২০ শতাংশ করা হবে। মনে করা হচ্ছে, এতে দেশের অভ্যন্তরে উৎপাদনের প্রবণতা বাড়বে। বস্ত্রবয়নের ক্ষেত্রে সেলাই করা ফেবরিকের দাম বাড়তে পারে। কাপড় বোনার জন্য যে বিশেষ ফেব্রিক (নিটেড ফেব্রিক) ব্যবহার করা হয়, তার উপর শুল্ক বাড়িয়ে প্রতি কেজিতে ১১৫টাকা করা হয়েছে। আগে যা ১০ বা ২০ শতাংশ ছিল, এখন তা ২০ শতাংশ হবে।

    কোন জিনিসের দাম কমল

    ১. মোবাইল

    ২. এলইডি টিভি

    ৩. ইলেকট্রিক কার

    ৪. দেশে তৈরি কাপড়

    ৫. ৩৬টি জীবনদায়ী ওষুধ

    ৬. সামুদ্রিক মাছ

    ৮. মেডিক্যাল সরঞ্জাম

    ৯. ইভি ব্যাটারি

    ১০. চামড়ার জিনিস

    কোন কোন জিনিসের দাম বাড়ল

    ১. স্মার্ট মিটার

    ২. সোলার সেল

    ৩. বিদেশি (Imported) জুতো

    ৪. বিদেশি আলো

    ৫. বিদেশ থেকে আনা জলযান

    ৬. ইন্টার‌্যাকটিভ ফ্ল্যাট প্যানেল।

    ৭. বিদেশি মোটরসাইকেল

    ৮. নিটেড ফেব্রিক

LinkedIn
Share