Tag: Madhyom

Madhyom

  • RG Kar Incident: সন্দীপ ঘোষের আরও এক জোড়া ফ্ল্যাটের হদিশ, ইডি হাজির শ্যালিকার বাড়িতেও

    RG Kar Incident: সন্দীপ ঘোষের আরও এক জোড়া ফ্ল্যাটের হদিশ, ইডি হাজির শ্যালিকার বাড়িতেও

    মাধ্যম নিউজ ডেস্ক: স্বাস্থ্য-সিন্ডিকেটের মাথা! আরজি করে (RG Kar Incident) আর্থিক দুর্নীতির হোতা প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের (Sandip Ghosh) বেলেঘাটার বাড়িতে একাধিকবার তল্লাশি চালিয়েছে কেন্দ্রীয় সংস্থা। ইতিমধ্যেই ক্যানিংয়ে সন্দীপের একটি বাংলার হদিশ পাওয়া গিয়েছে। এবার মিলল বেলেঘাটায় আরও দুটি ফ্ল্যাটের সন্ধান। সেখানেও হাজির এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। একই সঙ্গে কলকাতা এয়ারপোর্টের কাছে একটি আবাসনে হানা দিয়েছে ইডি। সেখানে সন্দীপ ঘোষের শ্যালিকা থাকেন বলে জানা যাচ্ছে। 

    সন্দীপের শ্যালিকাও ইডির নজরে

    জানা গিয়েছে, সন্দীপের (Sandip Ghosh) শ্যালিকা ইএসআই হাসপাতালের চিকিৎসক। এয়ারপোর্ট ২ নম্বর গেট এলাকার মিলনপল্লিতে তাঁর বাড়ি। গত ৯ অগাস্ট, অর্থাৎ আরজি করে (RG Kar Incident) তরুণী চিকিৎসকের ক্ষত-বিক্ষত দেহ উদ্ধার হওয়ার পর ওই ঠিকানায় চলে আসেন শ্যালিকার বাবা-মা অর্থাৎ সন্দীপের শ্বশুর ও শাশুড়ি। সংশ্লিষ্ট এলাকাতেই একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকতে শুরু করেন তাঁরা। সেখানেই বেশ কয়েক ঘণ্টা ধরে তল্লাশি চালায় ইডি, জিজ্ঞাসাবাদও করা হয় বলে সূত্রের খবর। শুক্রবার সকালে সন্দীপ ঘোষের শ্বশুরবাড়ি চন্দননগরে পৌঁছে গিয়েছিল ইডি। সেখানে গিয়ে দেখা যায়, বাড়িটিতে তালা দেওয়া। কাউকে দেখতে না পেয়ে ফিরে যান আধিকারিকরা। এয়ারপোর্টের ঠিকানা পাওয়া যায় সেখান থেকেই। এরপরে ইডি আধিকারিকরা এদিন দুপুরে এয়ারপোর্ট সংলগ্ন মিলনপল্লি এলাকায় শ্যালিকার ফ্ল্যাটে পৌঁছে যান। 

    আরও পড়ুন: ফের নির্যাতিতার বাড়িতে সিবিআই, দীর্ঘক্ষণ কথা, পুলিশের বিরুদ্ধে কী বললেন বাবা-মা?

    বেলেঘাটায় আরও দুটি ফ্ল্যাট

    এদিকে, বেলেঘাটায় যে চারতলা বাড়িতে সন্দীপ ঘোষ (Sandip Ghosh) থাকেন, তার অদূরেই রয়েছে সন্দীপের আরও দুটি ফ্ল্যাট। গ্যারাজে রয়েছে ঝাঁ চকচকে গাড়িও। এই দুটি ফ্ল্যাটের হদিশ পেয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বেলেঘাটা আইডি হাসপাতাল সংলগ্ন একটি আবাসনের দুটি ফ্ল্যাটই যে সন্দীপের তা জানিয়েছেন আবাসনের কেয়ারটেকার। গ্রাউন্ড ফ্লোরে অর্থাৎ নীচের তলায় একটি ফ্ল্যাট অফিস হিসেবে ব্যবহার করতেন সন্দীপ। এছাড়াও তিন তলায় আরও একটি ফ্ল্যাট রয়েছে বলেও জানিয়েছেন ওই কেয়ারটেকার। তবে সেখানে খুব বেশি যেতেন না সন্দীপ ঘোষ। মাঝে মধ্যে গিয়ে থাকতেন। আবাসনের পার্কিং স্পেসে এসইউভি গাড়িটি দেখেই বোঝা যাচ্ছে, তার বয়স বেশি নয়। কেয়ারটেকার জানান, ৩-৪ মাস আগে ওই গাড়িটি কেনা হয়েছিল। তারপর থেকে এই গ্যারাজেই থাকত। বেলেঘাটা সংলগ্ন এইটুকু জায়গার মধ্যে কেন সন্দীপের তিনটি ফ্ল্যাট তা-ও ভাবাচ্ছে তদন্তকারীদের।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Health Scam: ‘‘রাজ্য জুড়ে স্বাস্থ্যক্ষেত্রে বড় দুর্নীতি’’, সিবিআই তদন্তের দাবি শুভেন্দুর

    Health Scam: ‘‘রাজ্য জুড়ে স্বাস্থ্যক্ষেত্রে বড় দুর্নীতি’’, সিবিআই তদন্তের দাবি শুভেন্দুর

    মাধ্যম নিউজ ডেস্ক: আরজি করকাণ্ডের পর রাজ্যের একের পর এক মেডিক্যাল কলেজে দুর্নীতি নিয়ে সরব হয়েছেন চিকিৎসকদের একাংশ। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে নম্বর দুর্নীতি সামনে এসেছে। সেই ঘটনায় সেখান ডিন পদত্যাগ করেছেন। মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজের দুর্নীতি নিয়ে সরব হয়েছেন চিকিৎসকদের একাংশ। এই আবহের মধ্যে এবার ফের ‘স্বাস্থ্যক্ষেত্রে দুর্নীতি’ (Health Scam) নিয়ে সরব হলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

    সিবিআই তদন্তের দাবি (Health Scam)

    শুভেন্দু বলেন, ‘‘স্বাস্থ্যক্ষেত্রে দুর্নীতি, নিয়োগ-রেশন কেলেঙ্কারির থেকেও বড়। স্বাস্থ্য দফতরের (Health Scam) বড় অংশ রাজ্যের বিভিন্ন হাসপাতালে এই দুর্নীতির সঙ্গে জড়িত। শুধু আরজি কর মেডিক্যাল নয়, স্বাস্থ্যক্ষেত্রে রাজ্যজুড়ে বড়সড় দুর্নীতি হয়েছে। কোভিড-কালে পিএম কেয়ারের যে টাকা এসেছিল, তার বড় অংশই নয়ছয় করা হয়েছে। আরজি কর হাসপাতালে যে দুর্নীতির অভিযোগ উঠে আসছে, স্বাস্থ্য দফতরের একটা বড় অংশ রাজ্যের বিভিন্ন হাসপাতালে এই দুর্নীতির সঙ্গে জড়িত। আমরা চাই সব মেডিক্যাল কলেজের দুর্নীতি নিয়ে তদন্ত করুক সিবিআই।”

    আরও পড়ুন: ফের রাজ্য-রাজভবন সংঘাত! মমতার ‘অপরাজিতা বিল’ রাষ্ট্রপতিকে পাঠালেন বোস

    সন্দীপের মাথায় মমতার হাত!

    আরজি কর কাণ্ডের দুর্নীতি (Health Scam) নিয়ে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে তুলোধনা করলেন শুভেন্দু। একইসঙ্গে কাঠগড়ায় তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও। ফের প্রশ্ন তুললেন কলকাতা পুলিশের ভূমিকা নিয়েও। শুভেন্দু বলেন, ‘‘সরকারের মিথ্যাচার সামনে এসেছে। দেখা গিয়েছে পুলিশকে দিয়ে কীভাবে মিথ্যা বলানো হয়েছিল, ডাক্তার বোনের মা-বাবা যেভাবে মুখ খুলেছেন তাতে পুলিশের মুখোশ টেনে খুলে দিয়েছেন।’’ তিনি আরও বলেন, ‘‘সন্দীপ ঘোষের আরজি করকে ভাঙচুর করার চিঠি (অর্ডার) সামনে এসেছে। শাহজাহানের মতো, কেষ্ট মণ্ডলের মতো, পার্থ চট্টোপাধ্যায়ের মতো সন্দীপ ঘোষের একটার পর একটা আলিশান বাংলোর খোঁজ পাওয়া যাচ্ছে। ওর মাথায় ডাক্তার এসপি দাসের হাত ছিল, তার মানে মুখ্যমন্ত্রীর হাত ছিল।’’

    পুলিশকে তোপ

    কলকাতা পুলিশের বিরুদ্ধে সুর চড়িয়ে শুভেন্দু (Suvendu Adhikari) বলেন, ‘‘কলকাতা পুলিশের ডিসি নর্থ, ডিসি সেন্ট্রাল এবং পুলিশ কমিশনারের সিবিআই কাস্টডি চাইছি। সঙ্গে মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাইছি।’’ প্রসঙ্গত, আরজি কর কাণ্ডের শুরু থেকেই কলকাতা পুলিশের ভূমিকা নিয়ে সুর চড়িয়েছে বিরোধীরা। প্রশ্নের মুখে পড়েছে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের ভূমিকাও। তাঁকে অপসারণের দাবিতে জল গড়িয়েছে আদালতেও। এরই মধ্যে আবার কিছুদিন আগে ঘটনার দিন অকুস্থলে থাকা লোকজনের ছবি দেখিয়ে চাপে পড়ে কলকাতা পুলিশ। যা আবার দেখিয়েছিলেন ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়। সেখানে অভীক দে নামে এক ব্যক্তিকে ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট বলে দেখানো হয়। যা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছিল খোদ আইএমএ। এবার নতুন করে শুভেন্দুর দাবি ঘিরে চলছে চর্চা।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Suvendu Adhikari: আরজি করকাণ্ডের প্রতিবাদ, আগামী কর্মসূচি ঘোষণা শুভেন্দুর, পুজোয় বিশেষ ‘ডিউটি’

    Suvendu Adhikari: আরজি করকাণ্ডের প্রতিবাদ, আগামী কর্মসূচি ঘোষণা শুভেন্দুর, পুজোয় বিশেষ ‘ডিউটি’

    মাধ্যম নিউজ ডেস্ক: রাজ্য বিজেপি নেতা-কর্মীদের পুজোর ছুটি বাতিল করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পুজোর দিনগুলিতে কলকাতা তথা জেলার সব বড় পুজো মণ্ডপের বাইরে বিজেপি নেতা-কর্মীদের বিশেষ ‘ডিউটি’র কথা জানালেন তিনি। দুর্গাপুজোর আর বাকি একমাস। বিরোধী দলনেতার (Suvendu Adhikari) রাজনৈতিক কর্মসূচি নিয়ে চর্চা শুরু হয়েছে।

    ঠিক কী বলেছেন শুভেন্দু? (Suvendu Adhikari)

    শুক্রবার মুরলীধর সেন লেনে বিজেপি দফতরে সাংবাদিক বৈঠকে শুভেন্দু (Suvendu Adhikari) বলেন, ‘‘পুজো মণ্ডপের বাইরে বিজেপি নেতা-কর্মীরা থাকবেন। তাঁদের কাজ হবে দর্শনার্থীদের কাছ থেকে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে স্বাক্ষর সংগ্রহ করা।’’ আরজি কর কাণ্ডের (RG Kar Protest) জেরে রাজ্যজুড়ে রোজ প্রতিবাদ আন্দোলন সংঘটিত হচ্ছে। কিন্তু, তৃণমূলের এক শ্রেণির নেতা-কর্মীর বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করার অভিযোগ উঠেছে। সেই সূত্রে এদিন শুভেন্দু বলেন, ‘‘ওই সব মন্তব্য নারী- বিরোধী। আর তা পশ্চিমবঙ্গের মানুষকে ভুলতে দেওয়া চলবে না। পুজোর সময় ওই সব মন্তব্যের রেকর্ডিং বাজবে।’’ সাংসদ কাকলি ঘোষ দস্তিদার, রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ-সহ তৃণমূলের ১১ জন প্রথম সারির নেতৃত্বের বক্তব্যের রেকর্ডিং বাজানোর দায়িত্ব দলীয় কর্মী সমর্থকদের হাতে তুলে দিয়েছেন শুভেন্দু। তাঁর কথায়, ‘‘দেবীপক্ষ চলাকালীন ওই তৃণমূল নেতাদের ‘নারী-বিরোধী’ মন্তব্য রাজ্যবাসীকে মনে করিয়ে দিতে হবে বিজেপি নেতা-কর্মীদের।’’ পাশাপাশি শুভেন্দু এদিন বলেছেন, ‘‘একদিনে নবান্ন, লালবাজার ও কালীঘাট অভিযান হবে। ’’সেই অভিযানের দিনক্ষণ শীঘ্রই জানানো হবে বলে জানিয়েছেন তিনি। উল্লেখ্য, কিছুদিন আগেই এই ডাক দিয়েছিলেন তিনি। তাই পুজোর আগেই সেই কর্মসূচি হবে কি না, তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে।

    আরও পড়ুন: ফের রাজ্য-রাজভবন সংঘাত! মমতার ‘অপরাজিতা বিল’ রাষ্ট্রপতিকে পাঠালেন বোস

    ঠিক কী বলেছিলেন তৃণমূলের নেতা-নেত্রীরা?

    কিছুদিন আগেই তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার একটি বিতর্ক সভায় বলেছেন, ‘‘ছাত্রীদের কোলে বসিয়ে পাশ করিয়ে দেওয়ার একটা চল শুরু হয়েছিল। যার আমি তীব্র নিন্দা করি, ঘৃণা করি। কিন্তু কোলে বসিয়ে পাশ করিয়ে দেওয়ার চলটা যে এখানে এসে দাঁড়াবে, উৎকোচ নিয়ে পাশ করানো হবে, কিংবা কেউ মুখ খোলার সাহস দেখালে যে তাঁর থিসিস আটকে দেওয়া হবে, এমনটা আমি ভাবতে পারিনি।’’ এই মন্তব্যের পর ব্যাপক বিতর্ক হওয়ায় কাকলি ক্ষমা চাইতে বাধ্য হয়েছিলেন। একই ভাবে উদয়ন গুহকে বলতে শোনা গিয়েছিল, ‘‘যাঁরা মনে করছেন যে, কিছু ছাত্রছাত্রীকে ভুল বুঝিয়ে রাত দখল করে পশ্চিমবঙ্গের নবান্ন দখল করবেন, তাঁরা জেনে রাখুন তাঁদের জন্য শুধু ওই রাতের অন্ধকারটুকুই থাকবে। দিনের আলো আপনারা দেখতে পাবেন না। দিনের আলো আপনাদের জন্য থাকবে না।’’ এই ধরনের মন্তব্যের রেকর্ডিং পুজোর দিনগুলিতে বাজানোর ডাক দিয়েছেন শুভেন্দু।

    বিশেষ বৈঠক বিজেপির

    এদিকে, ১৬ সেপ্টেম্বর পর্যন্ত ধর্মতলায় বিজেপির ধর্না কর্মসূচি চলবে।  এরপর ১৭ তারিখ বিশেষ বৈঠক ডেকেছে বিজেপি। তারপরই পরবর্তী কর্মসূচি নিয়ে সিদ্ধান্ত ঘোষণা হবে বলে জানিয়েছেন শুভেন্দু। এছাড়া শুভেন্দু (Suvendu Adhikari) এদিন আরও বলেন, ‘‘ধর্মতলার ধর্না শেষ হলেও গোটা সেপ্টেম্বর মাসটাই বিজেপি নেতা-কর্মীরা প্রত্যেকটি বাজার, স্টেশন এবং বাসস্ট্যান্ডে পথসভা করবেন। এছাড়াও নানা কর্মসূচি চালিয়ে নিয়ে যাবেন।’’ উৎসবের মরশুমে সাধারণত রাজনৈতিক কর্মসূচি দেখা যায় না। কিন্তু আরজি কর কাণ্ড নিঃসন্দেহে ব্যতিক্রম। সেই সূত্রেই এমন কর্মসূচির ডাক দিয়েছেন বিরোধী দলনেতা।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Rajnath Singh: পাকিস্তানি অস্ত্রে ছেয়েছে বাংলাদেশ! সেনাকে তৈরি থাকার বার্তা রাজনাথের

    Rajnath Singh: পাকিস্তানি অস্ত্রে ছেয়েছে বাংলাদেশ! সেনাকে তৈরি থাকার বার্তা রাজনাথের

    মাধ্যম নিউজ ডেস্ক: পাকিস্তান থেকে বিশাল পরিমাণ গোলাবারুদ এবং বিস্ফোরক আমদানি করতে চলেছে বাংলাদেশ (Bangladesh)। যার ফলে সেনাকে সদা সতর্ক থাকার কথা বললেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh)। তাঁর কথায় ভারত শান্তি চায়, কিন্তু নিজের দেশের এক ইঞ্চি জমিও ছাড়তে রাজি নয়। ভারতকে যে কোনও ঘটনার জন্য প্রস্তুত থাকতে হবে, কারণ প্রতিবেশী দেশগুলি অস্থিতিশীল। এতে আঞ্চলিক শান্তি বিঘ্নিত হতে পারে। ভারতের জাতীয় নিরাপত্তার জন্যও চ্যালেঞ্জ তৈরি হতে পারে। 

    সেনাকে বার্তা প্রতিরক্ষামন্ত্রীর (Rajnath Singh)

    লখনউয়ে ‘সশক্ত ও সুরক্ষিত ভারত: দ্য ট্রান্সফর্মেশন অফ দ্য আর্মড ফোর্সেস’ শীর্ষক অনুষ্ঠানে রাজনাথ  সেনার জয়েন্ট কমান্ডারদের উদ্দেশে বলেন, ‘‘রাশিয়া-ইউক্রেন, ইজরায়েল-হামাসের মধ্যে যুদ্ধ চলছে। পড়শি বাংলাদেশেও (Bangladesh) এখন স্থিতিশীলতা নেই। কাজেই আমাদের সব সময়েই সজাগ দৃষ্টি রাখতে হবে।’’ তাঁর সংযোজন, ‘‘আমরা বেশ শান্তিতেই আছি। তবে এই ঘটনাগুলো বিশ্লেষণ করে যেতে হবে। নিজেদের সুরক্ষিত রাখতে কী কী স্ট্র্যাটেজি নেওয়া যেতে পারে, তা যেন সব সময়ই ভাবনার মধ্যে থাকে।’’ সেনার শীর্ষ স্তরের কর্তাদের প্রতি রাজনাথ সিংয়ের (Rajnath Singh) অনুরোধ, ‘‘আপনারা আত্মনির্ভর ভারতের সঙ্গে সাযুজ্য রেখে বাহিনীতে আধুনিক অস্ত্র (মেড ইন ইন্ডিয়া) ও প্রথাগত পুরোনো অস্ত্র রাখুন। নতুন প্রযুক্তির ব্যবহার করুন।’’

    বাংলাদেশের প্রতি নজর (Bangladesh)

    সূত্রের খবর, হাসিনা বিদায়ের পর নয়া নীতি নিয়েছে বাংলাদেশ সেনা (Bangladesh Army)। পাকিস্তানের অর্ডন্যান্স ফ্যাক্টরিকে ৪০,০০০ রাউন্ড গুলি কেনার বরাত দিয়েছে বাংলাদেশ। সেই সঙ্গে ২০০০টি ট্যাঙ্কের গোলা, ৪০ টন আরডিএক্স বিস্ফোরক এবং ২,৯০০ রকেটেরও অর্ডার দিয়েছে ঢাকা। অথচ, গত বছর তারা পাকিস্তান থেকে শুধুমাত্র ১২,০০০ রাউন্ড গুলি কিনেছিল। চলতি বছরের সেপ্টেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে, তিনটি ধাপে বাংলাদেশকে (Bangladesh) এই গোলাগুলি দেবে পাকিস্তান। ঢাকায় এখন মহম্মদ ইউনুসের নেতৃত্বে এক নতুন সরকারের আগমন ঘটেছে। তারা ভারতের বদলে, চিন-পাকিস্তানের সঙ্গে সম্পর্ক জোরদার করতে বেশি আগ্রহী বলে মনে করছে নয়াদিল্লি। বিশেষ করে, বাংলাদেশে এই মুহূর্তে ভারত-বিরোধী মনোভাব ক্রমে বাড়ছে। বাংলাদেশের এই সকল ঘটনাকে যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখছে ভারত। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, (Rajnath Singh) সেনাবাহিনীকে বাংলাদেশের পরিস্থিতি বিশ্লেষণ করার নির্দেশ দিয়েছেন। বাংলাদেশের উপর নজর রাখতে বলেছেন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • RG Kar Incident: ফের নির্যাতিতার বাড়িতে সিবিআই, দীর্ঘক্ষণ কথা, পুলিশের বিরুদ্ধে কী বললেন বাবা-মা?

    RG Kar Incident: ফের নির্যাতিতার বাড়িতে সিবিআই, দীর্ঘক্ষণ কথা, পুলিশের বিরুদ্ধে কী বললেন বাবা-মা?

    মাধ্যম নিউজ ডেস্ক: ঘটনার পর প্রায় এক মাস অতিক্রান্ত। তদন্তের দাবিতে আন্দোলন চলছে। বিচারের আশায় দিন গুনছেন আরজি করের (RG Kar Incident) নির্যাতিতার বাবা-মা-পরিবার-পরিজন থেকে সবাই। তারই মধ্যে পুলিশের বিরুদ্ধে একের পর এক ক্ষোভ উগড়ে দিয়েছে নির্যাতিতার পরিবার। তাদের কথা শুনতেই ২৮ অগাস্টের পর ৬ সেপ্টেম্বর, ফের একবার নির্যাতিতার বাড়িতে গেলেন সিবিআইয়ের (CBI) আধিকারিকরা। প্রায় আড়াই ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর সেখান থেকে বেরিয়ে আসেন তাঁরা। যদিও কী কথা হয়েছে, সে নিয়ে মুখ খোলেননি কেউই। 

    কী কী নিয়ে আলোচনা

    সিবিআইয়ের একটি সূত্রের দাবি, আরজি কর-কাণ্ড (RG Kar Incident) নিয়ে সংবাদমাধ্যমকে যে সব সাক্ষাৎকার দিয়েছিলেন নির্যাতিতার বাবা-মা, সেই বিষয়ে প্রশ্ন করা হয়েছে তাঁদের। এর আগে ২৮ অগাস্ট নির্যাতিতার বাড়িতে গিয়েছিলেন সিবিআইয়ের (CBI) দুই আধিকারিক। সূত্র মারফত জানা গিয়েছিল, কিছু তথ্য সংগ্রহ করে চলে গিয়েছিলেন। নির্যাতিতার বাবা-মা দাবি করেছেন, পাশে থাকার আশ্বাস দিয়েছেন তদন্তকারীরা। তদন্তকারীরা নিজেদের সেরাটা দেওয়ার আশ্বাসও দিয়েছেন বলে জানান তাঁরা। তদন্তকারীদের সঙ্গে আর কী কথা হয়েছে, তা বিশদে জানাতে চাননি নির্যাতিতার বাবা-মা। তবে তদন্তের যাতে দ্রুত নিষ্পত্তি হয়, সেই দাবি তোলেন তাঁরা। 

    আরও পড়ুন: ১৪ অগাস্টের পর ৮ সেপ্টেম্বর, সেই রিমঝিমরা আবার ডাক দিলেন ‘মেয়েদের রাত দখল’-এর

    বিরোধীদের দাবি

    বুধবার রাতে আরজি করের (RG Kar Incident) আন্দোলনকারীদের মঞ্চে হাজির হয়েছিলেন নির্যাতিতা চিকিৎসকের বাবা-মা। সেখানে পুলিশের বিরুদ্ধে টাকা দিয়ে মুখ বন্ধ করার গুরুতর অভিযোগ এনেছিলেন তাঁরা। সেই সূত্রে ঘটনার তদন্তের দাবি উঠেছিল। সূত্রের দাবি, এ ব্যাপারেই নির্যাতিতার পরিবারের সঙ্গে শুক্রবার প্রায় আড়াই ঘণ্টা কথা বলেছেন তদন্তকারীরা। বুধবার আরজি করে দাঁড়িয়ে নির্যাতিতার বাবার স্পষ্ট কথা ছিল, মেয়ের দেহ যখন দাহ করা হয়নি তখন বাড়িতেই ডিসি নর্থ অভিষেক গুপ্তা তাঁকে টাকা দেওয়ার চেষ্টা করেন! কিন্তু তিনি সেই টাকা নেননি। যদিও এই টাকা রাজ্য সরকারের তরফে ক্ষতিপূরণের টাকা কিনা তা স্পষ্ট করে বলেননি নির্যাতিতার বাবা-মা। এরপরই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেন, অবিলম্বে এই বিষয়টি খতিয়ে দেখা হোক। তারপরই নির্যাতিতার বাড়িতে ফের তদন্তকারীদের (CBI) উপস্থিতি ঘিরে তৈরি হয়েছে নয়া জল্পনা।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Daily Horoscope 07 September 2024: চাকরির স্থানে সুনাম বৃদ্ধি পেতে পারে এই রাশির জাতকদের

    Daily Horoscope 07 September 2024: চাকরির স্থানে সুনাম বৃদ্ধি পেতে পারে এই রাশির জাতকদের

    চাকরি থেকে ব্যবসা, বন্ধু থেকে ব্যক্তিগত জীবন, ভ্রমণ থেকে স্বাস্থ্য—কী বলছে ভাগ্যরেখা? কেমন কাটতে পারে দিন?

    মেষ

    ১) পড়াশোনার জন্য বিদেশযাত্রা হতে পারে।

    ২) গৃহনির্মাণের সুযোগ হাতছাড়া না করাই ভাল হবে।

    ৩) দিনটি অনুকূল।

    বৃষ

    ১) বাড়িতে অশান্তির জন্য প্রতিবেশীদের কাছে হাসির পাত্র হবেন।

    ২) চাকরির স্থানে সুনাম বৃদ্ধি পেতে পারে।

    ৩) বাণীতে সংযম রাখুন।

    মিথুন

    ১) প্রেমের ব্যাপারে চিন্তার খবর আসতে পারে।

    ২) বাইরে থেকে অভিজ্ঞতা সঞ্চয় করতে পারেন।

    ৩) বিরোধীদের থেকে সাবধান থাকুন।

    কর্কট

    ১) কোনও কারণে উদ্বেগ বাড়তে পারে।

    ২) সংসারের দায়িত্ব দ্বিগুণ হওয়ার সম্ভাবনা রয়েছে। 

    ৩) প্রিয়জনের সঙ্গে সময় কাটান।

    সিংহ

    ১) মনঃকষ্ট বাড়তে পারে।

    ২) পিতার সঙ্গে মতান্তর হতে পারে।

    ৩) ধর্মস্থানে যেতে পারেন।

    কন্যা

    ১) অতিরিক্ত উদারতার জন্য কাজের ক্ষতি হতে পারে।

    ২) হঠাৎ করে কোনও চাকরির যোগ আসতে পারে।

    ৩) গুরুজনদের পরামর্শ মেনে চলুন।

    তুলা

    ১) শত্রুর কারণে সকালে মাথাগরম হতে পারে।

    ২) সাবধান থাকতে হবে, শরীরে অস্ত্রোপচারের সম্ভাবনা রয়েছে।

    ৩) সবাইকে বিশ্বাস করবেন না।

    বৃশ্চিক

    ১) সকালবেলাতেই কিছু দান করার জন্য ইচ্ছা হতে পারে।

    ২) অভিভাবকদের পরামর্শ আপনার জন্য কার্যকর হবে।

    ৩) দিনটি ভালোই কাটবে।

    ধনু

    ১) অতিরিক্ত চাপের জন্য কাজের প্রতি অনীহা দেখা দিতে পারে।

    ২) উচ্চশিক্ষার যে কোনও কাজ সফল হবে। 

    ৩) ধৈর্য ধরুন।

    মকর

    ১) সকালে অহেতুক কোনও অশান্তিতে জড়িয়ে পড়তে পারেন।

    ২) প্রতিবেশীদের ঈর্ষার কারণে কাজে বাধা আসতে পারে।

    ৩) দিনটি ভালো-মন্দ মিশিয়ে কাটবে।

    কুম্ভ

    ১) কোনও প্রভাবশালী ব্যক্তির কাছ থেকে চাপ আসতে পারে।

    ২) কর্মস্থানে মনোমালিন্য সৃষ্টি হতে পারে।

    ৩) ভেবে চিন্তে সিদ্ধান্ত নিন।

    মীন

    ১) কিছু কেনার জন্য স্ত্রীর সঙ্গে আলোচনা হতে পারে।

    ২) শত্রুর সঙ্গে আপস করতে হতে পারে।

    ৩)  ধৈর্য্য ধরতে হবে আরও বেশি।

     

    DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • RG Kar Protest: পুজোর আগেই ফের নবান্ন অভিযান? ছাত্র সমাজের আন্দোলনে এবার উত্তরবঙ্গও

    RG Kar Protest: পুজোর আগেই ফের নবান্ন অভিযান? ছাত্র সমাজের আন্দোলনে এবার উত্তরবঙ্গও

    মাধ্যম নিউজ ডেস্ক: আরজি করকাণ্ডের (RG Kar Protest) প্রতিবাদে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের পক্ষ থেকে ফের বড়সড় আন্দোলনে নামার ডাক দেওয়া হয়েছে। ফের কি নবান্ন অভিযান (Nabanna Abhijan) হতে চলেছে, তা নিয়ে চর্চা শুরু হয়েছে। ২৭ অগাস্ট অভিযানকে ঘিরে রীতিমতো সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়েছিল। তবে ওই কর্মসূচিতে মানুষের স্বতঃস্ফূর্ত সাড়া দেখে ফের একই ধরনের অভিযানে নামতে চলেছে ছাত্র সমাজ। শুক্রবার সেই ইঙ্গিত দিয়েছেন নবান্ন অভিযানে ছাত্র সমাজের অন্যতম মুখ শুভঙ্কর হালদার। তবে কেমন কর্মসূচি হবে তা নিয়ে এখনই মুখ খুলতে নারাজ তাঁরা। জানা যাচ্ছে, ছাত্র সমাজের দ্বিতীয় অভিযানে দক্ষিণবঙ্গের পাশাপাশি যোগ দেবে উত্তরবঙ্গের মানুষও।

    আবারও কি নবান্ন অভিযান? (RG Kar Protest)

    ছাত্র সমাজের প্রতিনিধি শুভঙ্কর হালদার বলেন, “এখনই আমরা কী কর্মসূচি, তা বলব না। কারণ, কোনও কিছুই চূড়ান্ত হয়নি। তবে আরজি কর-কাণ্ডের (RG Kar Protest) প্রতিবাদে আমাদের আন্দোলন চলবে। মুখ্যমন্ত্রীর পদত্যাগের যে দাবি আমরা তুলেছি, তা নিয়ে আরও বড় আকারে কর্মসূচির কথা ভাবা হচ্ছে।” খুব তাড়াতাড়ি কর্মসূচির ঘোষণা হয়ে যাবে বলেও দাবি শুভঙ্করের। অক্টোবরের প্রথম সপ্তাহেই দুর্গাপুজো। তবে, তার অনেক আগেই দ্বিতীয় অভিযানের পরিকল্পনা রয়েছে ছাত্র সমাজের। প্রসঙ্গত, ২৭ অগাস্ট নবান্ন অভিযান সফল হয়েছে বলেই মনে করে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ। তাদের ডাকে নবান্ন অভিযান ঘিরে সংঘর্ষের আবহ তৈরি হয় কলকাতা ও হাওড়ায়। কাঁদানে গ্যাস, জলকামানের পাশাপাশি লাঠিও চালায় পুলিশ। পাল্টা ইট ছোড়ার অভিযোগ ওঠে মিছিল থেকে। কয়েকজন পুলিশকর্মী আহতও হন। অভিযানে আহ্বায়কদের কয়েকজনকে গ্রেফতার করা হয়। পরে সায়ন লাহিড়ী নামে এক জনকে পুলিশ গ্রেফতার করে। কলকাতা হাইকোর্ট সায়নকে জামিন দিলেও বিরোধিতা করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য। সেখানেও সায়নের পক্ষেই রায় মেলে।

    আরও পড়ুন: সাতসকালে সন্দীপ ঘোষের বাড়িতে হানা ইডির, তালা খুলে ঢুকলেন অফিসাররা

    আন্দোলনে যোগ দেবে উত্তরবঙ্গও

    আদালতের সেই জয়কে পাথেয় করেই আবার কর্মসূচি নিতে চান শুভঙ্করেরা। তিনি বলেন, “সেদিন সাধারণ মানুষ আমাদের ডাকে যে ভাবে সাড়া দিয়েছেন তা এখনও পাচ্ছি। আদালতও জানিয়ে দিয়েছে, আমরা কোনও অন্যায় করিনি। তাই নির্যাতিতার বিচার এবং মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি নিয়ে আমরা আরও বড় আকারে পথে নামব।” আন্দোলনে (RG Kar Protest) বিজেপির সমর্থন নিয়ে তিনি বলেন, “এটা তো লোকের কথা। রাজ্যের প্রধান বিরোধী দল যদি শাসকের বিরুদ্ধে ছাত্র সমাজের আন্দোলনের পাশে দাঁড়ায় তবে সমস্যা কোথায়? তবে আমার কোনও সাহায্য চাইনি এবং আগামী দিনেও চাইব না।” তিনি বলেন, “গত বুধবার রাতে সাধারণ মানুষের আন্দোলনের সময়ে কোচবিহারের মাথাভাঙায় অত্যাচার করা হয়েছে। আমরা সেখানে আক্রান্তদের সঙ্গে দেখা করতে যাব।”তিনি বলেন, “উত্তরবঙ্গের অনেকেই আমাদের সঙ্গে যোগাযোগ করছেন। আমরা এমন কর্মসূচি নেব, যাতে গোটা রাজ্যের মানুষ অংশ নিতে পারেন। আর সেটা পুজোর আগেই হবে।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Rahul Dravid: ফের কোচের ভূমিকায় দেখা যাবে দ্রাবিড়কে, ফিরলেন রাজস্থান রয়্যালসে

    Rahul Dravid: ফের কোচের ভূমিকায় দেখা যাবে দ্রাবিড়কে, ফিরলেন রাজস্থান রয়্যালসে

    মাধ্যম নিউজ ডেস্ক: রাজস্থান রয়্যালসে (Rajasthan Royals) ফিরে এলেন রাহুল দ্রাবিড় (Rahul Dravid)। তবে এবার মেন্টর নয়, কোচ হিসেবে। দ্রাবিড়ের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তির খবরও শুক্রবার দুপুরে জানিয়েছে রাজস্থান রয়্যালস। গোলাপি-নীল জার্সি নিয়ে রাজস্থানের সিইও জেক লাস ম্যাক্রামের সঙ্গে দ্রাবিড়ের ছবিও পোস্ট করা হয়েছে।

    একদা ছিলেন রাজস্থানের অধিনায়ক (Rahul Dravid)

    প্রসঙ্গত, ক্রিকেটার হিসেবে এক সময় রাজস্থানের হয়ে খেলেছিলেন রাহুল দ্রাবিড়। ছিলেন ক্যাপ্টেনও (Rahul Dravid)। তবে এবার রাজস্থানের কোচের ভূমিকায় দেখা যাবে তাঁকে। উল্লেখ্য, ২০১২ এবং ২০১৩ সালের আইপিএলে রাজস্থানের অধিনায়ক ছিলেন রাহুল দ্রাবিড়। ২০১৪ এবং ২০১৫ সালে রাজস্থানের মেন্টর হিসেবেও কাজ করেছিলেন তিনি। সূত্রের খবর, নিলামের আগে কোন কোন ক্রিকেটারকে ধরে রাখা হবে, সেই নিয়েও রাজস্থানের কর্তারা একপ্রস্থ আলোচনা করেছেন দ্রাবিড়ের সঙ্গে।

    কী বললেন দ্রাবিড়

    জানা গিয়েছে, বেঙ্গালুরুতে গিয়ে এই চুক্তি সই হয়েছে। প্রসঙ্গত বেঙ্গালুরু হল রাহুল দ্রাবিড়ের বাড়ি। চুক্তি সই হওয়ার পরে দ্রাবিড় বলেন, “বিশ্বকাপের পর আরও একটা চ্যালেঞ্জ (Rajasthan Royals) নেওয়ার জন্য এটাই আদর্শ সময় বলে আমার মনে হয়েছে। আর সেই কাজের জন্য নিখুঁত দল রাজস্থানই।”

    ২০২১ সাল থেকে জাতীয় দলের কোচ ছিলেন রাহুল দ্রাবিড় (Rahul Dravid) 

    ২০২১ সাল থেকে জাতীয় দলের কোচ ছিলেন রাহুল দ্রাবিড়। তাঁর কোচিংয়ে চলতি বছরে ভারত টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে, এক দিনের বিশ্বকাপের ফাইনাল খেলেছে ভারতের মাটিতে এবং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালও খেলেছে। শুধু তাই নয়, তার আগে অনূর্ধ্ব-১৯ দলকে বিশ্বকাপ জিতিয়েছিলেন দ্রাবিড়। কোচ হিসেবে তাঁর উল্লেখযোগ্য অবদান রয়েছে। রাজস্থানকে (Rajasthan Royals) তিনি কতটা এগিয়ে নিয়ে যেতে পারেন, সেটাই এখন দেখার। তবে রাজস্থানের সাফল্য একেবারেই নেই। ২০০৮ সালের প্রথম আইপিএল তারা জেতে। তারপর ১৪ বছর পরে ২০২২ সালে ফাইনালে উঠলেও তারা হেরে যায় গুজরাত টাইটান্সের বিরুদ্ধে। ২০২৩ সালে প্লে-অফেই উঠতে পারেনি রাজস্থান। এখন দেখার দ্রাবিড়ের জাদুবলে কিছু হয় কি না।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • RG Kar: ১৪ অগাস্টের পর ৮ সেপ্টেম্বর, সেই রিমঝিমরা আবার ডাক দিলেন ‘মেয়েদের রাত দখল’-এর

    RG Kar: ১৪ অগাস্টের পর ৮ সেপ্টেম্বর, সেই রিমঝিমরা আবার ডাক দিলেন ‘মেয়েদের রাত দখল’-এর

    মাধ্যম নিউজ ডেস্ক: আরজি কর (RG Kar) কাণ্ডের প্রতিবাদে ফের একবার মেয়েদের রাত দখলের (Reclaim The Night) ডাক দেওয়া হল। ১৪ অগাস্ট রাতে মেয়েরা পথে নেমেছিলেন। সে সময় অসংখ্য সাধারণ মানুষও সেই মিছিলে পা মেলান। বেজে ওঠে শঙ্খধ্বনিও। এই কর্মসূচির অন্যতম উদ্যোক্তা ছিলেন রিমঝিম সিংহরা। তাঁদেরই উদ্যোগে ফের একবার ৮ সেপ্টেম্বর মেয়েদের রাত দখলের কর্মসূচির ঘোষণা করা হল।

    অস্বস্তি বাড়বে তৃণমূলের (RG Kar)

    প্রসঙ্গত, আরজি করকাণ্ডের প্রতিবাদে উত্তাল গোটা বাংলা, দেশের গণ্ডি ছাড়িয়ে প্রতিবাদের আঁচ দেখা গিয়েছে বিদেশেও (RG Kar)। বিচার চাই দাবি তুলে পথে নেমেছেন হাজার হাজার সাধারণ মানুষ ও খ্যাতনামা ব্যক্তিত্ব। নৃশংস ঘটনার ঠিক পাঁচ দিন পরেই স্বাধীনতা দিবসের প্রাক্কালে মেয়েদের রাত দখলের কর্মসূচি হয়। এরপরে ফের তা হতে চলেছে ৮ সেপ্টেম্বর। কোনও কোনও মহলের মতে, ৮ সেপ্টেম্বরের কর্মসূচিও ব্যাপক সফল হবে। জনজাগরণ দেখা যাবে ওই রাতে (Reclaim The Night)। এর পাশাপাশি এই কর্মসূচিতে তৃণমূলের অস্বস্তি অনেকটাই বাড়বে বলে মনে করা হচ্ছে।

    কী জানালেন রিমঝিমরা (RG Kar)

    শুক্রবার সাংবাদিক বৈঠক করে রিমঝিম সিংহরা জানিয়েছেন, আগামী ৮ সেপ্টেম্বর রাতে সকলে পথে নামবেন আবার। কর্মসূচির নাম দেওয়া হয়েছে ‘শাসকের ঘুম ভাঙাতে নতুন গানের ভোর’। এই কর্মসূচির কথা বলতে গিয়ে রিমঝিমেরা সত্যজিৎ রায়ের ‘গুপী গাইন বাঘা বাইন’ ছবির কথাও উল্লেখ করেছেন। তাঁরা জানান, গুপী গাইন যেমন রাজার ঘুম ভাঙিয়েছিলেন, সে ভাবেই শাসকের ঘুম ভাঙাতে চান তাঁরা। সাংস্কৃতিক আঙ্গিকে রাত দখল হবে বলেও জানান রিমঝিমেরা। গানের দল, নাচের দল, সাংস্কৃতিক জগতের বিভিন্ন ব্যক্তিত্বকে এই কর্মসূচিতে আহ্বান জানানো হয়েছে।

    শিলিগুড়িতে ভোর দখল

    অন্যদিকে, ৯ সেপ্টেম্বর ভোর (RG Kar) দখলের ডাক দিয়েছেন অর্জুন পুরস্কারপ্রাপ্ত টেবিল টেনিস তারকা মান্তু ঘোষ ও বেশ কিছু স্বেচ্ছাসেবী সংস্থা। জানা গিয়েছে ৯ সেপ্টেম্বর সোমবার ভোর চারটে দশ থেকে সকাল ছ’টা পর্যন্ত শিলিগুড়িতে এই ভোর দখলের কর্মসূচি চলবে। আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় বিচার চেয়ে উত্তাল হয়েছে। এমন সময়  ক্ষোভের আগুনে ঘি ঢেলেছে তৃণমূল নেতা-মন্ত্রী-বিধায়কদের একের পর মন্তব্য। সম্প্রতি উত্তরপাড়ার অভিনেতা ও তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিক বলেছিলেন, যাঁরা সরকারি পুরস্কার নিয়েছিলেন, তাঁরা ফেরত দেবেন? এরপরেই সরকারি পুরস্কার ফেরাচ্ছেন একের পর এক শিল্পী।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • RG Kar Protest: বিজেপি’র ‘চাক্কা জ্যাম’ কর্মসূচিতে উঠল স্লোগান, ‘দফা এক, দাবি এক-মুখ্যমন্ত্রীর পদত্যাগ’

    RG Kar Protest: বিজেপি’র ‘চাক্কা জ্যাম’ কর্মসূচিতে উঠল স্লোগান, ‘দফা এক, দাবি এক-মুখ্যমন্ত্রীর পদত্যাগ’

    মাধ্যম নিউজ ডেস্ক: আরজি কর-কাণ্ডের (RG Kar Protest) প্রতিবাদে রাজ্য জুড়েই আন্দোলন চলছে। সাধারণ মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ জানাচ্ছেন। ধর্মতলার ওয়াই চ্যানেলে এই ইস্যুতে বিজেপি লাগাতার ধর্না চালিয়ে যাচ্ছে। এই আবহের মধ্যে শুক্রবার রাজ্য জুড়ে বিজেপি’র পক্ষ থেকে চাক্কা জ্যাম কর্মসূচি নেওয়া হয়েছিল। ফলে, কলকাতাসহ জেলায় জেলায় দলের কর্মীরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান।

    কলকাতায় বিক্ষোভ (RG Kar Protest)

    শুক্রবার ধর্মতলায় বিজেপির ডাকে চাক্কা জ্যাম কর্মসূচি পালন করা হয়। রাজ্য বিজেপির ডাকে ১ ঘণ্টার প্রতীকী রাস্তা রোকো কর্মসূচি পালিত হয়। শুক্রবার ধর্মতলার মোড়ে পথ অবরোধ (RG Kar Protest) করেন বিজেপির উত্তর কলকাতা জেলার কর্মীরা। উপস্থিত ছিলেন উত্তর কলকাতা জেলা বিজেপি সভাপতি তমোঘ্ন ঘোষ। তিনি বলেন, এন্টালি, খান্না মোড়সহ কলকাতা জুড়েই এই কর্মসূচি পালিত হয়েছে।

    আরও পড়ুন: সাতসকালে সন্দীপ ঘোষের বাড়িতে হানা ইডির, তালা খুলে ঢুকলেন অফিসাররা

    জেলায় জেলায় চাক্কা জ্যাম কর্মসূচি

    নদিয়ার কৃষ্ণনগরেও চাক্কা জ্যাম কর্মসূচি পালন করা হয়। এদিন কৃষ্ণনগর রোড স্টেশন এলাকায় রাজ্য সড়কে বিজেপি কর্মী-সমর্থকরা টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করেছেন। প্রায় এক ঘণ্টার বেশি সময় ধরে রাস্তা অবরোধ করে তাঁরা বিক্ষোভ দেখান। পথ অবরোধ থেকে স্লোগান তোলা হয়, ‘দফা এক, দাবি এক-মুখ্যমন্ত্রীর পদত্যাগ’। অন্যদিকে, বিজেপি’র চাক্কা জ্যাম কর্মসূচি পালিত হয় আসানসোলের নুনি মোড়ে। কর্মীরা রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান। আসানসোলের কোর্ট ঘড়ি মোড়ে রাস্তা বন্ধ করে টায়ার জ্বলিয়ে বিক্ষোভে সামিল হন কর্মীরা। পুলিশের সঙ্গে বচসা হয় তাঁদের। রানিগঞ্জের সাহেবগঞ্জে রাস্তায় অবরোধ করেন বিজেপি কর্মীরা।

    আর জি করকাণ্ডে দোষীদের শাস্তির দাবিতে পূর্ব বর্ধমামের পূর্বস্থলী ১ ব্লকের জাহান নগর পঞ্চায়েতের বিদ্যানগর মোড়ে বিজেপির পক্ষ থেকে পথ অবরোধ করা হয়। এদিন কালনা-কাটোয়া এসটিকেকে রোডে এক গাড়ি চালকের সঙ্গে অবরোধকারীদের তুমুল বচসাকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয়। উপস্থিত ছিলেন বিজেপির জেলার প্রাক্তন জেলা সভাপতি রাজীব ভৌমিক, জেলা সদস্য বিধান ঘোষ, জেলা সম্পাদক প্রাণকৃষ্ণ দেবনাথ। মুর্শিদাবাদের বহরমপুরের ৩৪ নম্বর জাতীয় সড়ক থেকে শুরু করে রাজ্য সড়কের বিভিন্ন জায়গায় চাক্কা জ্যাম কর্মসূচি পালন করা হয়। বহরমপুর সাংগঠনিক জেলা বিজেপির কার্যালয় থেকে একটি প্রতিবাদ মিছিল বের হয়। ৩৪ নম্বর জাতীয় সড়ক গির্জার মোড়ে চাক্কা জ্যাম কর্মসূচিতে অংশ নেন জেলা বিজেপির নেতা ও কর্মীরা। উপস্থিত ছিলেন বহরমপুর বিজেপি (BJP) বিধায়ক সুব্রত মৈত্র, বহরমপুর সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি শাখারভ সরকার সহ জেলা বিজেপির নেতা ও কর্মীরা। দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপের চৌরাস্তার মোড়ে ১১৭ নম্বর জাতীয় সড়ক অবরোধ করলেন বিজেপি কর্মীরা। শুক্রবার দুপুরে তাঁরা অবরোধ করেন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

LinkedIn
Share