Tag: Madhyom

Madhyom

  • Pakistan News: পাকিস্তানে পুলিশের কনভয়ে রকেট হামলা জঙ্গিদের, নিহত ১১, পণবন্দি বেশ কয়েকজন

    Pakistan News: পাকিস্তানে পুলিশের কনভয়ে রকেট হামলা জঙ্গিদের, নিহত ১১, পণবন্দি বেশ কয়েকজন

    মাধ্যম নিউজ ডেস্ক: পাকিস্তানের (Pakistan News) পাঞ্জাব প্রদেশে পুলিশের গাড়ি লক্ষ্য করে জঙ্গিদের ছোড়া রকেটে অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে (Terrorist Attack)। আরও, ৭ জন গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি বলে জানা গিয়েছে। এই হামলার ঘটনায় স্থানীয় দুষ্কৃতীদের হাত রয়েছে বলে মনে করছে পাক প্রশাসন। লাহোর থেকে ৪০০ কিমি দূরে এই ঘটনা ঘটেছে। পাকিস্তান প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ হামলার তীব্র নিন্দা করেছেন। কড়া হাতে দুষ্কৃতীদের দমন করার ইঙ্গিতও দিয়েছেন তিনি।

    এখনও বেশি কিছু পুলিশকর্মী পণবন্দি (Pakistan News)!

    পাকিস্তানের সংবাদপত্র ‘ডন’-এর একটি প্রতিবেদন সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার পাঞ্জাব প্রদেশের মচকা এলাকায় তল্লাশি অভিযানে বের হয়েছিল পুলিশের একটি কনভয়। কনভয়ে থাকা দুটি পুলিশভ্যান রহিম ইয়ার খান জেলা থেকে ফিরছিল। কিন্তু সেগুলি কাদায় আটকে খারাপ হয়ে যাওয়ায় রাস্তায় দাঁড়িয়ে পড়েছিল। সেই সময় আচমকা রকেট হামলার শিকার হয় (Terrorist Attack)। কয়েকজন পুলিশকর্মী ঘটনাস্থলেই মারা যান। আরও বেশ কয়েকজনকে পুলিশকে পণবন্দি করা হয় বলে জানা যায় (Pakistan News)। পাক পাঞ্জাব পুলিশ সূত্রে জানা গিয়েছে, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। তবে হামলা চালিয়েই পালিয়ে যায় দুষ্কৃতীরা। পুলিশের আইজি উসমান আনারওয়ারাকে ঘটনাস্থলে যাওয়ার নির্দেশ দিয়েছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম। একই সঙ্গে অপহৃত পুলিশকর্মীদেরন মুক্তির বিষয়টি সুনিশ্চিত করার নির্দেশ দিয়েছেন।

    আরও পড়ুনঃ ‘‘যুদ্ধে কোনও সমস্যার উত্তর মেলে না’’, ইউক্রেন সফরের আগেই বার্তা মোদির

    ডাকাতি এবং লুটপাটের ঘটনা মাঝে মাঝেই ঘটে

    উল্লেখ্য, পাকিস্তানের (Pakistan News) পূর্ব পাঞ্জাব, দক্ষিণ সিন্ধু অঞ্চল এবং পাখতুনখোয়া প্রদেশে দুষ্কৃতী ও  জঙ্গিদের ব্যাপক বাড়বাড়ন্ত। এই দুষ্কৃতীরা জঙ্গলে আত্মগোপন করে থাকে বলে জানা গিয়েছে। তবে প্রশাসনের তেমন কোনও মাথাব্যথা নেই বলে অভিযোগ। এই এলাকায় ডাকাতি এবং লুটপাটের ঘটনা মাঝে মাঝেই ঘটে থাকে। একই ভাবে এই এলাকায় ওই দেশের সেনাবাহিনীর ওপর একাধিক হামলার ঘটনা আগেও ঘটেছিল। তবে একসঙ্গে এত পুলিশের মৃত্যু এই প্রথম ঘটেছে (Terrorist Attack)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Tripura Flood: ত্রিপুরার ভয়াবহ বন্যা, ১৯ জনের মৃত্যু, নামছে ধস, গৃহহীন ৬৫ হাজার

    Tripura Flood: ত্রিপুরার ভয়াবহ বন্যা, ১৯ জনের মৃত্যু, নামছে ধস, গৃহহীন ৬৫ হাজার

    মাধ্যম নিউজ ডেস্ক: টানা বৃষ্টিতে ত্রিপুরার (Tripura Flood) একাধিক জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। বহু এলাকা প্লাবিত। লাফিয়ে লাফিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে চলেছে। গত চার দিনে মৃত্যু হয়েছে অন্তত ১৯ জনের। বৃহস্পতিবার প্রবল বৃষ্টিতে ধস নেমে একই সঙ্গে দুই পরিবারের সাত জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে মহিলা এবং শিশুও রয়েছে। সরকারের উদ্যোগে কয়েকশো ত্রাণ শিবির খোলা হয়েছে। আর বৃষ্টি না থামার কারণে পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কা করছেন রাজ্যবাসী।

    বন্ধ ট্রেন পরিষেবা (Tripura Flood)

    গত চার দিন ধরে টানা বৃষ্টি হচ্ছে ত্রিপুরায় (Tripura Flood)। এর ফলে একাধিক নদীর জল বেড়ে গিয়েছে। ধলাই, খোয়াই, দক্ষিণ ত্রিপুরা, পশ্চিম ত্রিপুরা, উত্তর ত্রিপুরা এবং উনকোটির মতো রাজ্যের ছ’টি জেলায় নদীর জল বিপদসীমার ওপর দিয়ে বইছে। বন্যার কারণে রাজ্যে ট্রেন পরিষেবা আপাতত বন্ধ। বন্ধ করে দেওয়া হয়েছে সমস্ত স্কুল, কলেজ। একাধিক জেলায় টেলি যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হয়েছে। এরমধ্যে সব থেকে আতঙ্কের বিষয় হল, বৃষ্টি থামার লক্ষণ দেখা যাচ্ছে না। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, ত্রিপুরার বিস্তীর্ণ অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে। আটটি জেলায় জারি করা হয়েছে লাল সতর্কতা। ২২ অগাস্ট ২৪ ঘণ্টার মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে। বিশেষ করে দক্ষিণ ত্রিপুরার বগাফায় ৪৯৩.৬ মিমি, সেপাহিজলার  সোনামুরায় ২৯৩.৪ মিমি, আগরতলায় ২৩৩ মিমি এবং গোমাইপুরে ১৫৫ মিমি বৃষ্টিপাত হয়েছে। গ্রামের পর গ্রাম ভেসে গিয়েছে। অধিকাংশ চাষের জমি জলের তলায় চলে গিয়েছে। যার ফলে ফসলের ক্ষতি হয়েছে। ভারী, অবিরাম বৃষ্টিপাতের কারণে বন্যায় ৬৫ হাজারের বেশি মানুষ গৃহহীন হয়েছেন। তাঁদের ত্রাণ শিবিরে রাখা হয়েছে। দুইজন নিখোঁজ হয়েছেন। বন্যাকবলিত এলাকায় ২০৩২টি স্থানে ধসের ঘটনা ঘটেছে। যার মধ্যে এনডিআরএফ (NDRF) কর্মীদের উদ্যোগে ১৭৮৯টি ধস কবলিত এলাকা পরিষ্কার করা হয়েছে। অন্যান্য স্থানে পুনরুদ্ধারের কাজ চলছে। সবমিলিয়ে ত্রিপুরায় বন্যার কারণে প্রায় ১৭ লক্ষ মানুষ বিপর্যস্ত।

    আরও পড়ুন: সন্দীপ, চার চিকিৎসক-পড়ুয়া কি সত্যি বলছেন? আজ হবে পলিগ্রাফ টেস্ট

    সাড়ে চারশোর বেশি ত্রাণশিবির

    বন্যা কবলিত (Tripura Flood) এলাকার মানুষদের খাবার, ত্রাণসামগ্রী পৌঁচ্ছে দেওয়ার জন্য সবরকম উদ্যোগ গ্রহণ করা হয়েছে। রাজ্যের নানা প্রান্তে সাড়ে চারশোর বেশি ত্রাণশিবির গড়ে তোলা হয়েছে। রাজ্যের পাশাপাশি জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীও উদ্ধারকাজে হাত লাগিয়েছে ত্রিপুরায়। বন্যা বিপর্যস্ত এলাকায় খাবার এবং অন্যান্য ত্রাণসামগ্রী পৌঁছে দিচ্ছে বায়ুসেনা। ক্ষতিগ্রস্ত জায়গা চিহ্নিত করে সেনার কপ্টার মোতায়েন করা হয়েছে। বৃহস্পতিবারই আগরতলায় পৌঁছেছে আরও বাহিনী। বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ত্রিপুরার গোমতী জেলা। এ ছাড়া, দক্ষিণ ত্রিপুরা, উনকোটিতেও ক্ষয়ক্ষতি বেশি হয়েছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Janmashtami Festival: তালের বড়া, ক্ষীর কিংবা পিঠে! জন্মাষ্টমীর ভোগে এমন নানা পদের ছড়াছড়ি

    Janmashtami Festival: তালের বড়া, ক্ষীর কিংবা পিঠে! জন্মাষ্টমীর ভোগে এমন নানা পদের ছড়াছড়ি

    তানিয়া বন্দ্যোপাধ্যায় পাল

    তালের বড়া, তালের ক্ষীর, তাল-ফুলুড়ি কিংবা তালের পিঠে! বাঙালি বাড়িতে জন্মাষ্টমীর ভোগে (Janmashtami Festival) এমন নানান পদ তৈরির রীতি রয়েছে! শ্রাবণ মাসে বাজারে সহজেই তাল পাওয়া যায়! বর্ষার মরশুমে এই ফলের চাহিদাও অনেক। কিন্তু তাল খেলে কী হয়, শরীরের জন্য কতখানি উপকারী এই ফল? কী বলছে বিশেষজ্ঞ মহল?

    ডায়ারিয়া রুখতে বিশেষ সাহায্য করে

    বিশেষজ্ঞদের একাংশ জানাচ্ছে, কচি তালের শাঁস দেহের ইলেক্ট্রোলাইটের ভারসাম্য বজায় রাখতে বিশেষ সাহায্য করে‌। আর দেহে ইলেক্ট্রোলাইটের ভারসাম্য রক্ষা পেলে ডায়ারিয়ার মতো রোগকে সহজেই কাবু করা যায়। পাশপাশি কচি তালের শাঁস বমি ভাব কমাতেও বিশেষ সাহায্য করে।

    অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর (Janmashtami Festival)

    চিকিৎসকদের একাংশ জানাচ্ছে, তালে থাকে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট। তাই তাল সহজেই দেহের অ্যান্টিঅক্সিডেন্ট জোগানে সাহায্য করতে পারে। এর জেরে ক্যান্সারের মতো রোগের প্রতিরোধ সহজ হয়। আবার এটি স্মৃতিশক্তি বাড়াতেও সাহায্য করে।

    লিভারের জন্য বিশেষ উপকারী

    তাল লিভারের জন্য বিশেষ উপকারী। এমনটাই জানাচ্ছে চিকিৎসকদের একাংশ। তারা জানাচ্ছে, তালে ম্যাগনেশিয়াম, ফসফরাস সহ একাধিক উপাদান থাকে।  এই সব উপাদান লিভারের রোগ কমাতে সাহায্য করে (Janmashtami Festival)।

    বাতের সমস্যার মোকাবিলা করে

    চিকিৎসকদের একাংশ জানাচ্ছে, বাতের সমস্যা মোকাবিলায় তাল (Taler Bora) বিশেষ সাহায্য করে! তালের রস জলের সঙ্গে মিশিয়ে খেলে শরীরে ক্যালসিয়াম ও ভিটামিনের অভাব সহজেই পূরণ হয়। তাই বাতের সমস্যা কমে।

    কোষ্ঠকাঠিন্য দূর করে

    তাল খেলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা সহজেই দূর হয়। চিকিৎসকদের একাংশ জানাচ্ছে, তালে থাকে প্রচুর পরিমাণে খাদ্য আঁশ। তাই এই খাবার খেলে সহজেই কোষ্ঠকাঠিন্যের সমস্যা কমে যায়।

    জেলাটিন কমাবে স্থূলতার ঝুঁকি (Janmashtami Festival) 

    তালে থাকে প্রচুর পরিমাণে জেলাটিন। চিকিৎসকদের একাংশ জানাচ্ছে, জেলাটিন থাকার কারণে অল্প পরিমাণে তাল খেলেও পেট ভরে যাওয়ার মতো অনুভূতি হয়। আর সেই কারণেই বেশি পরিমাণে খাওয়ার প্রয়োজন হয় না। এতে স্থূলতার মতো রোগের ঝুঁকি কমে! 

    তবে, তাল টাটকা কিনা, সেদিকে খেয়াল রাখা জরুরি বলেই জানাচ্ছে বিশেষজ্ঞদের একাংশ। তারা জানাচ্ছে, পাকা তাল খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তাজা তাল না খেলে নানান সমস্যা হতে পারে। পেটের অসুখ, হজমের গোলমাল সহ একাধিক শারীরিক সমস্যা হতে পারে। তাই তাল পেকে গেলে (Taler Bora) একদিনের বেশি বাড়িতে রাখা উচিত নয়। কারণ, পাকা তাল সতেজ না থাকলে সেই খাবারে কোনও পুষ্টিগুণ থাকবে না। বরং আরও সমস্যা বাড়বে।

     

    DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না। এখানে বলা যে কোনও উপদেশ পালন করার আগে অবশ্যই কোনও চিকিৎসক বা বিশেষজ্ঞের পরামর্শ নিন।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  WhatsappFacebookTwitterTelegram এবং Google News পেজ।

  • Bangladesh Flood: বাংলাদেশের বন্যায় দায়ী নয় ভারত, স্পষ্ট জানাল বিদেশমন্ত্রক, সাহায্যের আর্জি ইউনূসের

    Bangladesh Flood: বাংলাদেশের বন্যায় দায়ী নয় ভারত, স্পষ্ট জানাল বিদেশমন্ত্রক, সাহায্যের আর্জি ইউনূসের

    মাধ্যম নিউজ ডেস্ক: রাজনৈতিক অস্থিরতা হোক বা বন্যা— যে কোনও কিছুর জন্য ভারতের হাত খুঁজতে ব্যস্ত বাংলাদেশের একাংশ। বা বলা ভালো, বর্তমান বিএনপি-জামাত ও তাদের ঘেঁষে থাকা সংগঠনগুলি। গত একমাস ধরে হিংসা ও অশান্তিতে জেরবার বাংলাদেশে এবার বন্যা-পরিস্থিতি। প্রবল বৃষ্টিতে প্লাবিত ভারতের প্রতিবেশী রাষ্ট্রটির একাংশ। বানভাসি সেদেশের ৬ জেলা। তবে এর পিছনেও ভারতের চক্রান্ত দেখছে বাংলাদেশের একাংশ। বাংলাদেশের বন্যা (Bangladesh Flood) পরিস্থিতির জন্য ভারতেকে দায়ী করে বাংলাদেশের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হচ্ছে। বাংলাদেশের একাংশের এই দাবিকে তথ্য দিয়ে খারিজ করেছে ভারতের বিদেশমন্ত্রক। বিশেষজ্ঞরাও এক্ষেত্রে বাংলাদেশের দাবি খারিজ করেছে। যদিও এই কঠিন সময়ে বন্যা নিয়ে উচ্চ পর্যায়ের সমন্বয় গঠন করতে ভারতকে আহ্বান জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনূস।

    বিদেশমন্ত্রকের বিবৃতি

    ত্রিপুরায় গোমাতী নদীর বাঁধের স্লুইস গেট খোলার ফলে বাংলাদেশে বন্যা (Bangladesh Flood) পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে যে অভিযোগ উঠেছে, তা খারিজ করল ভারত। এই প্রেক্ষিতে বৃহস্পতিবার বিবৃতি দিয়ে বিদেশমন্ত্রক সাফ জানিয়েছে, “ত্রিপুরার ডম্বুর জলবিদ্যুৎ কেন্দ্রের বাঁধ খুলে দেওয়ায় বাংলাদেশে বন্যা হচ্ছে। সেদেশে এমন খবর ছড়িয়ে পড়ায় আমরা উদ্বিগ্ন। কারণ, এই তত্ত্ব একেবারেই সত্য নয়। গত কয়েকদিন ধরে ভারত ও বাংলাদেশের নানা জায়গায় ভারী বৃষ্টি হচ্ছে। দুদেশের মধ্যে দিয়ে প্রবাহিত গোমতী নদী সংলগ্ন এলাকায় গত কয়েকদিন ধরে এই বছরের সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে। আমরা উল্লেখ করতে চাই, ডম্বুর জলবিদ্যুৎ কেন্দ্রে বাংলাদেশের সমতলভূমি থেকে ১২০ কিলোমিটার দূরে উচ্চভূমিতে অবস্থিত। এটি একটি কম উচ্চতার (প্রায় ৩০ মিটার) বাঁধ যা থেকে বিদ্যুৎ উৎপন্ন হয়। এখান থেকে কিন্তু বাংলাদেশেও ৪০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ হয়।”

    এছাড়াও বিবৃতিতে জানানো হয়, “বাংলাদেশ সীমান্তবর্তী সমগ্র ত্রিপুরা ও পার্শ্ববর্তী জেলাগুলোতে ২১ অগাস্ট থেকে ভারী বর্ষণ জারি রয়েছে। ফলে এই এলাকায় বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে। ফলে দুদেশের মধ্যে যোগাযোগ স্থাপনে বিঘ্ন ঘটছে। তবু আমরা বাংলাদেশকে বন্যা সংক্রান্ত সমস্ত তথ্য দেওয়ার চেষ্টা করছি।” প্রসঙ্গত, ভারী বৃষ্টির জেরে ত্রিপুরাতেও বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। সেখান থেকে প্রায় ৩৪ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। 

    বিশেষজ্ঞদের দাবি

    বাংলাদেশের (Bangladesh Flood) কুমিল্লা, ফেনি, চট্টগ্রাম, খাগড়াছড়ি, নোয়াখালি ও মৌলভিবাজার জেলার ৪৩টি উপজেলা বন্যাপ্লাবিত। এই অঞ্চলে মোট ১ লাখ ৮৯ হাজার ৬৬৩টি পরিবার জলবন্দি হয়ে পড়েছে। সব মিলিয়ে ১৭ লাখ ৯৬ হাজার ২৪৮ জন ক্ষতিগ্রস্ত তবে এর জন্য ভারতের দোষ নেই বলেই অভিমত বিশেষজ্ঞদের। তাঁদের দাবি, ২নদেশের মধ্যে দিয়ে একটি নদী প্রবাহিত হলে সেখানে যদি বন্যা হয় তাহলে ভারত ও বাংলাদেশ-২টি দেশেই ভোগান্তি হয়। দুটি দেশের জনগণই সমস্যায় পড়েন। এই ধরনের সমস্যা সামাল দিতে দু’পক্ষের মধ্যে সহযোগিতা প্রয়োজন হয়। বুধবার সকাল থেকে পুরো ত্রিপুরা এবং বাংলাদেশের সীমান্তবর্তী জেলাগুলোয় ভারী বৃষ্টি শুরু হয়েছিল। যার জেরে বিকেল ৩টের পর জলপ্রবাহ অতিরিক্ত বেড়ে যায়। যার পরিণামে স্বয়ংক্রিয় ভাবেই বাঁধের স্লুইস গেট খুলে কিছু জল প্রবাহিত হয়ে যায় বাংলাদেশের দিকে।

    আরও পড়ুন: বিমানে নয়, ১০-ঘণ্টা ট্রেনে চেপে ইউক্রেন যাচ্ছেন মোদি, জানেন এর বিশেষত্ব?

    ভাসছে ত্রিপুরাও

    বাংলাদেশের উত্তর প্রান্তের জেলাগুলিতে এমন বন্যা বলতে গেলে প্রতি বছর হয়ে থাকে। ওই এলাকায় প্রবল বৃষ্টিপাতের রেকর্ড রয়েছে। কিন্তু এবার সীমান্ত লাগোয়া ভারতের ত্রিপুরার একটি নদীর উপর তৈরি জলবিদ্যুৎ প্রকল্পর বাঁধকে কাঠগড়ায় তুলে তীব্র ভারত বিরোধী প্রচার শুরু হয়েছে বাংলাদেশ জুড়ে।  যদিও সে দেশের নদী বিশেষজ্ঞদের একাংশ প্রশ্ন তুলেছে, বিগত এক সপ্তাহ যাবত প্রবল বৃষ্টিপাত হওয়া সত্বেও কেন প্রশাসন জন সাধারণকে আগাম নিরাপদ স্থানে সরিয়ে নেয়নি। ভারতের ত্রিপুরারও বিরাট অংশ জলের তলায়। সেখানে বৃহস্পতিবার পর্যন্ত প্রায় ৩৫ হাজার লোক ক্ষতিগ্রস্ত। ৬৬২০টি পরিবার বন্যার ফলে ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছে। রাজ্যে এখন পর্যন্ত ৩৪৬টি ত্রাণ শিবির গড়ে তোলা হয়েছে।

    বাংলাদেশের আর্জি

    ধলাই জেলায় গোমতী নদীর ডুম্বুর বাঁধের গেট খুলে দেওয়ার কারণেই বাংলাদেশের পূর্বাঞ্চলের সীমান্তবর্তী জেলাগুলোয় সাম্প্রতিক বন্যা পরিস্থিতি (Bangladesh Flood) দেখা দিয়েছে বলে সমাজ মাধ্যমে অভিযোগ উঠেছে ইতিমধ্যেই। বন্য়া নিয়ে সামাজিক মাধ্যমে যে প্রচার চলছে, তা দুঃখজনক, বলে জানান বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের প্রধান, নোবেলজয়ী অর্থনীতিবিদ মহম্মদ ইউনূস। বন্যা পরিস্থিতির মোকাবিলায় তিনি ভারতের কাছে সাহায্যের আর্জি জানান। ইউনূসের সঙ্গে দেখা করেন ভারতের হাইকমিশনার প্রণব বর্মা। ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তাঁদের সাক্ষাত্‍ হয় বলে খবর। সূত্রে খবর, স্রেফ বন্যা পরিস্থিতিই নয়, বৈঠকে দু’দেশের যৌথ নিরাপত্তা, বাণিজ্য়, এবং সর্বোপরি দ্বিপাক্ষিক সুসম্পর্ক বজায় রাখার উপর জোর দেওয়া হয়েছে। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Malda: আরজি করের ‘আবর্জনা’ মালদা হাসপাতালে ফেলা যাবে না, হুঁশিয়ারি জুনিয়র চিকিৎসকদের

    Malda: আরজি করের ‘আবর্জনা’ মালদা হাসপাতালে ফেলা যাবে না, হুঁশিয়ারি জুনিয়র চিকিৎসকদের

    মাধ্যম নিউজ ডেস্ক: আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের তরুণী চিকিৎসককে খুন ও ধর্ষণের ঘটনা নিয়ে দেশজুড়ে আন্দোলন শুরু হয়েছে। এবার মালদা (Malda) মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়ারা নতুন করে আন্দোলনে নামতে চলেছেন। আরজি কর থেকে ট্রান্সফার হওয়া চিকিৎসককে মালদা হাসপাতালে ঢুকতে না দেওয়ার দাবিতে সকলে জোটবদ্ধ হয়ে প্রতিরোধ করার সিদ্ধান্ত নিয়েছেন।

    মালদা মেডিক্যাল আবর্জনার স্তূপ নয় (Malda)

    জুনিয়র চিকিৎসকদের স্বাস্থ্য ভবন অভিযানের পরই তড়িঘড়ি বদল করা হয় আরজি করে (RG Kar Incident) সদ্য দায়িত্ব নেওয়া নয়া প্রিন্সিপ্যাল সহ চার শীর্ষ আধিকারিককে। বদলি করা হয় চেস্ট মেডিসিন বিভাগের প্রধান অরুনাভ দত্ত চৌধুরীকে। তাঁকে বদলি করা হয়েছে মালদা (Malda) মেডিক্যাল কলেজে। সেই নির্দেশিকা জারি হওয়ার পর থেকেই মালদা মেডিক্যালে বিক্ষোভ শুরু হয়েছে। আন্দোলনরত চিকিৎসক পড়ুয়ারা সাফ জানাচ্ছেন, অরুনাভ দত্ত চৌধুরীর বিরুদ্ধে একাধিক অভিযোগ সামনে আসার কারণেই ওনাকে মালদা মেডিক্যালে ট্রান্সফার করা হয়েছে। বিষয়টি কোনওভাবেই মেনে নেওয়া যায় না। আন্দোলনরত এক চিকিৎসক পড়ুয়া রবি মীনা বলেন, ‘‘আমরা ওনাকে এখানে আসতে দেব না। প্রয়োজনে তালা মেরে দেওয়া হবে। কারণ, মালদা মেডিক্যাল কোনও আবর্জনার স্তূপ নয়। আরজি কর থেকে আবর্জনা তুলে এখানে ফেলে দেওয়া হবে, সেটা আমরা মেনে নেব না।’’ এক মহিলা পড়ুয়া চিকিৎসক সুহানি সাহিল বলেন, ‘‘আরজি করের পরিত্যক্ত অধ্যাপকদের এখানে ফেলে দেওয়া হোক এটা আমরা মানতে পারব না। মালদা মেডিক্যালের পরিবেশ খারাপ হোক আমরা তা চাই না। উনি এখানে এলে আমরা একত্রিত হয়ে লড়াই করব।’’ জুনিয়র চিকিৎসক রাজশেখর মুখোপাধ্যায়, সোহানি সাইতি বলেন, ‘‘ওনার যদি কোনও গাফিলতি না থাকত, তবে ওনাকে ট্রান্সফার করা হত না। বিষয়টিকে ধামা চাপা দেওয়ার চেষ্টা চলছে। মালদায় এলে আমরা একত্রিত হয়ে লড়াই করব।’’

    হাসপাতালের অধ্যক্ষ কী বললেন?

    মালদা (Malda) মেডিক্যালে অরুনাভবাবুকে রুখতে একসঙ্গে লড়াইয়ের বার্তাও দিয়েছেন আন্দোলনকারীরা। এই বিষয়ে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালের অধ্যক্ষ পার্থ প্রতিম মুখোপাধ্যায় বলেন, ‘‘ওয়েবসাইটে আমরা দেখেছি। তবে এখনও অর্ডার কপি হাতে পাইনি।’’ এর আগে, সন্দীপ ঘোষকে নিয়েও এক পন্থা অবলম্বন করেছিলেন মেডিক্যাল পড়ুয়ারা। রাতারাতি ‘পুরস্কার বদলি’ করে ন্যাশনাল মেডিক্যালে পাঠানো হয় আরজি করের প্রাক্তন অধ্যক্ষ  সন্দীপ ঘোষকে। এর পরই, ন্যাশনাল মেডিক্যালে তুমুল বিক্ষোভ শুরু হয়। চিকিৎসক-পড়ুয়ারা জানিয়ে দিয়েছিলেন, সন্দীপকে তাঁরা সেখানে ঢুকতে দেবেন না। এমনকী, অধ্যক্ষের ঘরে তালাও লাগিয়ে দিয়েছিলেন পড়ুয়ারা। তাঁদের দাবি ছিল, ন্যাশনাল মেডিক্যালের পরিবেশ দূষিত হোক, তাঁরা চান না। এবার মালদা মেডিক্যালেও দেখা গেল একই চিত্র।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • RG Kar Incident: সুপ্রিম অনুরোধেও অটল, কর্মবিরতি চলবে, জানিয়ে দিলেন চিকিৎসকরা

    RG Kar Incident: সুপ্রিম অনুরোধেও অটল, কর্মবিরতি চলবে, জানিয়ে দিলেন চিকিৎসকরা

    মাধ্যম নিউজ ডেস্ক: আরজি কর মামলার (RG Kar Incident) শুনানির সময় সুপ্রিম কোর্টের (Supreme Court) প্রধান বিচারপতি বলেছিলেন চিকিৎসকরা যেন কাজে ফেরেন। সেইমতো কর্মবিরতি প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে একাধিক চিকিৎসক সংগঠন। তবে কর্মবিরতির পথ থেকে সরছে না জুনিয়র ডক্টর্স ফ্রন্ট। বাংলার এই চিকিৎসক সংগঠন তদন্তের অগ্রগতি জানা না পর্যন্ত ‘সিজওয়ার্ক’-জারি থাকবে বলে জানিয়ে দিয়েছে। জানা গিয়েছে, আজ শুক্রবার, সিবিআই দফতরে গিয়ে তদন্তের অগ্রগতির বিষয়ে জানতে চাইবেন চিকিৎসকরা। এরপরই কর্মবিরতি নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

    কী বলছেন চিকিৎসকরা

    বাংলার জুনিয়র ডাক্তাররা নিজেদের অবস্থানে অনড়। এখনই কর্মবিরতি প্রত্যাহার করছেন না তাঁরা। বৃহস্পতিবার রাতে জেনারেল বডি বৈঠক হয়। সেখানেই সিদ্ধান্ত নেওয়া হয়, রাজ্যের সব সরকারি হাসপাতালেই কর্মবিরতি চলবে। আরজি কর হাসপাতালে (RG Kar Incident) ৩১ বছর বয়সি তরুণী ট্রেনি চিকিৎসকের খুনের সঙ্গে জড়িত সবাইকে গ্রেফতার করলে তবেই কর্মবিরতি উঠবে। তাঁদের কথায়, সিবিআইয়ের তদন্তের গতিপ্রকৃতি এখন‌ও স্পষ্ট নয়। জিজ্ঞাসাবাদের তালিকা দীর্ঘ হলেও নতুন করে কোন‌ও গ্রেফতার নেই। সন্দীপ ঘোষের ভূমিকাও স্পষ্ট নেই। তদন্তের গতিপ্রকৃতি ইতিবাচক না হ‌ওয়া পর্যন্ত কর্মবিরতি জারি থাকবে। তদন্তের গতিধারা নিয়ে কথা বলতেই শুক্রবার সিবিআই দফতরে যাবেন চিকিৎসকরা।

    আরও পড়ুন: বিমানে নয়, ১০-ঘণ্টা ট্রেনে চেপে ইউক্রেন যাচ্ছেন মোদি, জানেন এর বিশেষত্ব?

    সুপ্রিম-আর্জি

    সুপ্রিম কোর্টের তরফ থেকে চিকিৎসকদের কাছে আর্জি জানানো হয়েছিল যাতে কর্মবিরতি তুলে নেওয়া হয়। এই আবহে দিল্লির এইমস-এ চিকিৎসকরা কর্মবিরতি প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন। বাকি দেশেও আন্দোলনরত চিকিৎসকরা (RG Kar Incident) সেই পথেই হাঁটছেন। বৃহস্পতিবার শীর্ষ আদালতের (Supreme Court) অনুরোধে কর্মবিরতি প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় ফেডারেশন অব অল ইন্ডিয়া মেডিক্যাল অ্যাসোসিয়েশন। দেশের সব হাসপাতালের রেসিডেন্স ডক্টর অ্যাসোসিয়েশন বা আরডিএ-ও সংখ্যাগরিষ্ঠের মতামতের ভিত্তিতে একই সিদ্ধান্ত নিয়েছে। এদিন আরডিএ জানিয়েছে, সুপ্রিম কোর্ট বলেছে, তাদের উপর ভরসা রাখতে, কাজে ফিরতে। সেই ভরসাতেই কাজে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকরা। চিকিৎসকদের টানা ৩৬ ঘণ্টা ডিউটি নিয়ে এদিন শীর্ষ আদালত উদ্বেগ প্রকাশ করে। চিকিৎসকদের উপযুক্ত নিরাপত্তা প্রদানের কথাও বলা হয়। একইসঙ্গে সুপ্রিম কোর্ট আহ্বান জানায়, চিকিৎসক সংগঠনগুলি যেন তাদের কর্মবিরতি তুলে নেয়। চিকিৎসায় ফেরে। সেই ডাকেই সারা দিয়েছে কর্মবিরতি প্রত্যাহার করেছে একাধিক সংগঠন। ব্যতিক্রম পশ্চিমবঙ্গের জুনিয়র চিকিৎসক সংগঠন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • PM Modi Ukraine Visit: বিমানে নয়, ১০-ঘণ্টা ট্রেনে চেপে ইউক্রেন যাচ্ছেন মোদি, জানেন এর বিশেষত্ব?

    PM Modi Ukraine Visit: বিমানে নয়, ১০-ঘণ্টা ট্রেনে চেপে ইউক্রেন যাচ্ছেন মোদি, জানেন এর বিশেষত্ব?

    মাধ্যম নিউজ ডেস্ক: আকাশ পথে নয়, পোল্যান্ড থেকে ট্রেনে ইউক্রেনে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi Ukraine Visit)। দক্ষিণ-পূর্ব পোল্যান্ড থেকে দীর্ঘ ট্রেন যাত্রার পর ইউক্রেনের রাজধানী কিয়েভে পৌঁছবেন মোদি। রাশিয়ার সঙ্গে যুদ্ধের আবহে ইউক্রেনের কূটনৈতিক পরিবহণ মাধ্যম হয়ে উঠেছে রেল পথই। যুদ্ধ পরিস্থিতিতে ইউক্রেনে সব থেকে নিরাপদ পরিবহণ ‘রেল ফোর্স ওয়ান’ (Rail Force One)। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রঁ, ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, ব্রিটেনের প্রাক্তন প্রধানমন্ত্রী ঋষি সুনক এই ট্রেনে সফর করেছেন।

    রেলফোর্স ওয়ান কী

    বিলাস বহুল পর্যটনের জন্য ২০১৪ সালে চালু হয় এই ‘রেল ফোর্স ওয়ান’ (Rail Force One)। তবে রাশিয়ার সঙ্গে যুদ্ধ পরিস্থিতিতে রাষ্ট্রনেতা ও কূটনীতিকদের ইউক্রেন যাতায়াতের জন্য ব্যবহার হচ্ছে ‘রেল ফোর্স ওয়ান’। এই ট্রেনের ভিতরে যা রয়েছে তা কোনও বিলাসবহুল বিমানের থেকে কম নয়। বিশেষ ভাবে তৈরি এই ট্রেনে রয়েছে অত্যাধুনিক নিরাপত্তা ব্যবস্থা। হাই প্রোফাইল যাত্রীর যাত্রা সুখকর করতে রয়েছে নানা সামগ্রী। কাঠের প্যানেল-সহ কেবিনে বিশ্রাম করতে পারবেন যাত্রীরা। বৈঠক করার জন্য রয়েছে প্রশস্ত টেবিল। ট্রেনে সোফা, টিভি ছাড়াও ঘুমনোর জন্য আরামদায়ক বিছানাও রয়েছে।

    আয়রন বা লৌহ-কূটনীতি (PM Modi Ukraine Visit)

    এই ট্রেন পথ ‘আইরন কূটনীতির’ অংশ। ইউক্রেন পরিচালিত এই ট্রেনে বিশ্বনেতারা সওয়ার হয়ে ইউক্রেনের প্রতি নিজেদের সহমর্মিতা দেখান। বসার জায়গা থেকে শুরু করে নিরাপত্তার দিক থেকে এই ট্রেন অন্য ট্রেনের থেকে একেবারেই আলাদা। ট্রেনে কনফারেন্স রুম পর্যন্ত রয়েছে। শুধু তাই নয়, নিরাপত্তার কথা মাথায় রেখে এই ট্রেন কখন ছাড়বে এবং কখন নির্দিষ্ট গন্তব্যে পৌঁছবে তাও গোপন রাখা হয়। ট্রেনের পাশাপাশি রেললাইনের নিরাপত্তার দিকেও বিশেষ নজর থাকে ৷ দিনের বিভিন্ন সময়ে এই রেল লাইনের প্রতিটি অংশে নজরদারি চলে। নিরাপত্তার ভার থাকে সেনার হাতে। রাশিয়া হামলা শুরু করার পর পাল্টা কূটনৈতিক পদক্ষেপ হিসেবে এই রেলপথ শুরু করে ইউক্রেন (PM Modi Ukraine Visit)। বিশ্বের তাবড় নেতাদের ট্রেনে পোল্যান্ড থেকে ইউক্রেনে নিয়ে গিয়ে রাশিয়ার ওপর চাপ তৈরি করাই এই কূটনীতির লক্ষ্য। দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে অস্ত্র বা অন্য সামগ্রী নিয়ে যাওয়ার ক্ষেত্রে এই ট্রেন লাইনের ব্যবহার করে ইউক্রেন সেনা।

    আরও পড়ুন: ‘‘যুদ্ধে কোনও সমস্যার উত্তর মেলে না’’, ইউক্রেন সফরের আগেই বার্তা মোদির

    কেন ট্রেন সফর মোদির

    রুশ-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতির কারণে ইউক্রেনের আকাশ এখন বিপজ্জনক। আকাশপথে বাণিজ্যিক উড়ান পরিষেবা বন্ধ। ফলে বিমানে চেপে কিয়েভে পৌঁছনোর উপায় নেই। তাই ট্রেনই (Rail Force One) ভরসা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi Ukraine Visit) এর আগেও বেশ কয়েকবার ট্রেনে সফর করেছেন। ২০১৮ সালে ওয়ার্ল্ড ইকনমিক ফোরামের একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার সময় জুরিখ থেকে দাভোস পর্যন্ত ট্রেনে গিয়েছিলেন প্রধানমন্ত্রী। এছাড়া সে বছর অক্টোবর মাসে জাপানে গিয়ে প্রধানমন্ত্রী সিনজো আবেকে সঙ্গে নিয়ে বুলেট ট্রেনে সফর করেন মোদি।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Daily Horoscope 23 August 2024: বন্ধুর সঙ্গে বিবাদের যোগ রয়েছে এই রাশির জাতকদের

    Daily Horoscope 23 August 2024: বন্ধুর সঙ্গে বিবাদের যোগ রয়েছে এই রাশির জাতকদের

    চাকরি থেকে ব্যবসা, বন্ধু থেকে ব্যক্তিগত জীবন, ভ্রমণ থেকে স্বাস্থ্য—কী বলছে ভাগ্যরেখা? কেমন কাটতে পারে দিন?

    মেষ

    ১) স্ত্রীর কথায় বিশেষ ভাবে মনোযোগ দেওয়া প্রয়োজন।

    ২) খেলাধুলায় নাম করার ভালো সুযোগ হাতছাড়া হতে পারে।

    ৩) পুরনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে।

    বৃষ

    ১) ভ্রমণের সুযোগ হাতছাড়া হতে পারে।

    ২) নিজের অজান্তেই কোনও কাজের সুবাদে সকলের প্রীতিলাভ করবেন।

    ৩) ভালো-মন্দ মিশিয়ে কাটবে।

    মিথুন

    ১) কর্মক্ষেত্রে সম্মান পাবেন।

    ২) একাধিক পথে আয় বাড়তে পারে।

    ৩) সবাই আপনার প্রশংসা করবে।

    কর্কট

    ১) বন্ধুদের জন্য অশান্তি বাড়তে পারে।

    ২) আগুন থেকে বিপদের আশঙ্কা। 

    ৩) ধৈর্য ধরতে হবে।

    সিংহ

    ১) অশান্তি থেকে সাবধান থাকা দরকার।

    ২) ব্যবসায় বাড়তি লাভ হতে পারে।

    ৩) বাণীতে সংযম রাখুন।

    কন্যা

    ১) ব্যবসায় কাজের দায়িত্ব বাড়তে পারে।

    ২) নেশার প্রতি আসক্তি বৃদ্ধি পেতে পারে।

    ৩) দুশ্চিন্তা বাড়বে।

    তুলা

    ১) লোকে দুর্বলতার সুযোগ নিতে পারে।

    ২) ব্যবসায় সমস্যা বাড়তে পারে।

    ৩) কর্মক্ষেত্রে বাধা।

    বৃশ্চিক

    ১) দাম্পত্য জীবনে অশান্তির সময়।

    ২) ব্যবসায় চাপ বাড়তে পারে।

    ৩) সবাইকে বিশ্বাস করবেন না।

    ধনু

    ১) অর্শের যন্ত্রণা বৃদ্ধি পেতে পারে।

    ২) কর্মক্ষেত্রে সুনাম বাড়তে পারে।

    ৩) ডাক্তারের কাছে যেতে হতে পারে।

    মকর

    ১) ব্যবসায় অশান্তি বাড়তে পারে।

    ২) চাকরির স্থানে উন্নতির সুযোগ পেতে পারেন।

    ৩) আধ্যাত্মিকতায় মনোনিবেশ করুন।

    কুম্ভ

    ১) শারীরিক সমস্যার জন্য ব্যবসায় সময় দিতে পারবেন না।

    ২) দাম্পত্য সম্পর্কে উন্নতির সময়।

    ৩) কর্মক্ষেত্রে বাধা।

    মীন

    ১) চিকিৎসার জন্য খরচ বৃদ্ধি।

    ২) কোনও বন্ধুর সঙ্গে বিবাদের যোগ রয়েছে। 

    ৩) ভেবেচিন্তে কথা বলুন।

     

    DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • UPI: ভারতে দৈনিক ইউপিআই লেনদেন এখন ইউরোপীয় ইউনিয়নের জনসংখ্যার সমান

    UPI: ভারতে দৈনিক ইউপিআই লেনদেন এখন ইউরোপীয় ইউনিয়নের জনসংখ্যার সমান

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারতে দৈনিক ইউপিআই (UPI) লেনদেন ইউরোপীয় ইউনিয়নের (European Union) জনসংখ্যার সমান। বুধবার ওয়ারশ-তে ভারতীয় প্রবাসীদের সম্মেলন অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একটি তুলনা করে ডিজিটাল লেনদেনের তাৎপর্যকে তুলে ধরেছেন। তিনি উল্লেখ করে বলেন, দৈনিক ডিজিটাল লেনদেনের পরিমাণ ব্যাপক ভাবে বৃদ্ধি পেয়েছে। ডিজিটাল ভারতের পথে আরও এক ধাপ এগিয়েছে দেশ।

    ভারতে ৯,৮৪০.১৪ মিলিয়ন ইউপিআই লেনদেন (UPI)

    কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি এবং রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ভারতের ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচারের সাফল্যের কথা তুলে ধরেছেন। তাঁর এক্স হ্যান্ডলে প্রধানমন্ত্রীর ভাষণের একটি ক্লিপ পোস্ট করে বলেন, “৪৪৮ মিলিয়ন হল ইউরোপীয় ইউনিয়নের (European Union) মোট জনসংখ্যা। একই ভাবে ভারতের দৈনিক ইউপিআই লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৪৬৬ মিলিয়ন। সারা দেশে নগদহীন এই লেনদেনের প্ল্যাটফর্ম ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে। দেশের ডিজিটাল (UPI) অর্থনীতির ভিত্তিস্বরূপ এটি একটি মাইলফলক পদক্ষেপ। এনপিসিআই (NPCI)-এর মতে, ইউপিআই পেমেন্ট বছরে ৪৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। বর্তমানে এই লেনদেনের মোট মূল্য ২০.৬৪ ট্রিলিয়ন ছাড়িয়ে গিয়েছে।

    আরও পড়ুনঃ ফের সক্রিয় রাজনীতিতে, ভূস্বর্গের ভোটে বিজেপির দায়িত্বে রাম মাধব

    রিজার্ভ ব্যাঙ্কের বক্তব্য

    এই বছরের জুন মাসে ইউপিআই (UPI) লেনদেন ছিল ২০.০৭ ট্রিলিয়ন এবং মে মাসে ছিল ২০.৪৪ ট্রিলিয়ন। জুলাই মাসে দৈনিক লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছিল ৪৬৬ মিলিয়ন বা প্রায় ৬৬,৫৯০ কোটি। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) তার মাসিক বুলেটিনে ইউপিআই-এর অসাধারণ বৃদ্ধির কথা বলেছে। তারা জানিয়েছে, লেনদেনের পরিমাণ ২০১৯-২০-এর ১২.৫ বিলিয়ন থেকে ২০২৩-২৪-এ ১৩১ বিলিয়ন, অর্থাৎ দশ গুণ বৃদ্ধি পেয়েছে। ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস (UPI) লেনদেনগুলি আর্থিক বছরে ৫৭ শতাংশ বার্ষিক বৃদ্ধি পেয়েছে। বিভিন্ন সেক্টরে ডিজিটাল পেমেন্টের গ্রহণযোগ্যতা আরও বাড়িয়ে দিয়েছে। ২০২৩ সালে বোস্টন কনসাল্টিং গ্রুপ (BCG) ব্যাঙ্কিং সেক্টর রাউন্ডআপ অনুসারে ফোন পে (PhonePe) এবং গুগুল পে (Google Pay) বাজারে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • PM Modi:‘‘যুদ্ধে কোনও সমস্যার উত্তর মেলে না’’, ইউক্রেন সফরের আগেই বার্তা মোদির

    PM Modi:‘‘যুদ্ধে কোনও সমস্যার উত্তর মেলে না’’, ইউক্রেন সফরের আগেই বার্তা মোদির

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারত যুদ্ধে বিশ্বাস করে না। ভারত মনে করে যুদ্ধক্ষেত্রে কোনও সমস্যার সমাধান হওয়া অসম্ভব। ইউক্রেন সফরের (Modi Ukraine Visit) আগে পোল্যান্ড থেকে এমনই বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। ইউরোপে যুদ্ধের আবহের মধ্যেই পোল্যান্ডে সরকারি সফরে গিয়েছেন মোদি৷ প্রায় ৪৫ বছরের মধ্যে এই প্রথম কোনও ভারতীয় প্রধানমন্ত্রী পোল্যান্ড সফরে গিয়েছেন৷ ওয়ারশ বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়৷ 

    এটা যুদ্ধের সময় নয়

    ইউক্রেন সফর (Modi Ukraine Visit) শুরুর আগে ফের প্রধানমন্ত্রী মোদির (PM Modi) মুখে শোনা গেল, “দিস ইজ নট অ্যান এরা অব ওয়ার” (এটা যুদ্ধের সময় নয়)। তিনি পোল্যান্ডের মাটিতে সেখানকার প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্কের সঙ্গে দাঁড়িয়ে যুদ্ধ প্রসঙ্গে ভারতের দৃষ্টিভঙ্গি স্পষ্ট করেছেন। মোদি বলেন, ‘‘আমাদের অবস্থান খুব স্পষ্ট৷ আমরা কখনওই যুদ্ধকে সমর্থন করি না৷ যুদ্ধ সবসময়ই মানবতার পরিপন্থী। আমরা পৃথিবীতে শান্তি-মানবতা স্থাপনে বিশ্বাসী৷ পৃথিবী জুড়ে সংঘাতের আবহে শান্তি পুনঃপ্রতিষ্ঠা করার জন্য একজোট হয়ে লড়াই করা জরুরি৷’’ সুন্দর আতিথেয়তার জন্য পোল্যান্ডকে ধন্যবাদ জানিয়েছেন মোদি৷ গৌতম বুদ্ধের অহিংসার দর্শনের তুলনা টেনে মোদি বলেন, “ভারত বুদ্ধের ঐতিহ্যে বিশ্বাসী। তাই ভারত শান্তিতে বিশ্বাস রাখে, যুদ্ধে নয়।” উল্লেখ্য, এর আগে ২০২২ সালে এসসিও সামিটেও রাশিয়া-ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গে এই কথা বলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 

    সহানুভূতি ভারতীয়দের বৈশিষ্ট্য

    মোদি (PM Modi) পোল্যান্ডে প্রবাসী ভারতীয়দের সঙ্গে দেখা করেন। সেখানে তিনি বলেন, “সহানুভূতি ভারতীয়দের অন্যতম বৈশিষ্ট্য। যখনই কোনও দেশ সঙ্কটে পড়েছে, প্রথম দেশ হিসেবে ভারত সাহায্য করেছে। যখন কোভিড এল, তখন ভারত বলেছিল, আগে মানবিকতা।” পোল্যান্ড থেকে মোদি দেশের বিদেশনীতিতে বদল আসার ইঙ্গিতও দেন। তিনি বলেন, “কয়েক দশক ধরে বিদেশনীতির ক্ষেত্রে ভারত অন্য দেশগুলির থেকে দূরত্ব বজায় রাখত। পরিস্থিতি এখন বদলে গিয়েছে। আজ ভারতের নীতি হল সব দেশের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রাখা। 

    ইউক্রেন সফর মোদির

    পোল্যান্ড সফর শেষে আগামিকাল, ২৩ অগাস্ট ইউক্রেনে (Modi Ukraine Visit) যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে কিয়েভে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির সঙ্গে কথা বলবেন। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর (PM Modi) এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিদেশ মন্ত্রকের সচিব (পশ্চিম) তন্ময় লাল জানিয়েছেন, জ়েলেনস্কির সঙ্গে বৈঠকে প্রাধান্য পাবে কৃষি, পরিকাঠামো, স্বাস্থ্য এবং শিক্ষা সংক্রান্ত বিষয়। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

LinkedIn
Share