Tag: Madhyom

Madhyom

  • Durgapur: তিন তৃণমূল নেতার সঙ্গে রাত কাটানোর প্রস্তাব, চরম সিদ্ধান্ত নিলেন দুর্গাপুরের বধূ

    Durgapur: তিন তৃণমূল নেতার সঙ্গে রাত কাটানোর প্রস্তাব, চরম সিদ্ধান্ত নিলেন দুর্গাপুরের বধূ

    মাধ্যম নিউজ ডেস্ক: সন্দেশখালির ছায়া এবার দুর্গাপুরে (Durgapur)। স্বামীর কাজ ফিরে পেতে হলে তৃণমূল নেতাদের সঙ্গে স্ত্রীকে রাত্রিবাস করতে দিতে হবে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার নবীন পল্লি এলাকায়। তৃণমূল নেতাদের চাপ সহ্য করতে না পেরে চরম সিদ্ধান্ত নিলেন গৃহবধূ।

    তিন তৃণমূল নেতার সঙ্গে বধূকে রাত কাটানোর প্রস্তাব (Durgapur)

    তৃণমূল নেতাদের মদের দোকান বন্ধের দাবি জানিয়েছিলেন এক গৃহবধূ। ভোটের পরই ওই বধূর স্বামীকে ঠিকাদারের কাজ থেকে সরিয়ে দেওয়া হয়। ফের কাজে ফেরানোর দাবি জানিয়েছিলেন ওই যুবকের স্ত্রী। তৃণমূল নেতাদের সঙ্গে রাত্রিবাস করলেই স্বামীর কাজ ফিরবে বলে প্রস্তাব দেওয়া হয়। সেই কুপ্রস্তাবে সম্মতি না দেওয়াই লাগাতার হুমকি দেয় তৃণমূলের লোকজন। ভয়ে সুইসাইড নোট লিখে আত্মঘাতীর চেষ্টা করেন ওই বধূ। জানা গিয়েছে, দুর্গাপুরের (Durgapur) ইন্দো-আমেরিকান মোড়ের একটি বেসরকারি স্পঞ্জ আয়রন কারখানার ঠিকাদার ছিলেন ওই ব্যক্তি। তাঁর স্ত্রী নবীন পল্লি এলাকায় সুকুমার বাউরি, বিল্লি এবং বিশু নামে এলাকার তিন তৃণমূল নেতার অবৈধ মদের দোকান বন্ধ করার দাবি জানান। তারপরই ওই বধূর স্বামীকে ঠিকাদারি কাজ থেকে সরিয়ে দেয় ২৩নং ওয়ার্ডের তৃণমূল নেতৃত্ব। স্বামীর কাজ ফিরিয়ে দেওয়ার দাবি তোলেন তাঁর স্ত্রী। তৃণমূলের তিন নেতা মিলে রিঙ্কুকে রাত্রিবাসের প্রস্তাব দেন। সেই কুপ্রস্তাবে রাজি না হওয়ায় লাগাতার হুমকি দেন অভিযুক্ত তৃণমূল নেতা। হুমকির ভয়েই সুইসাইট নোট লিখে আত্মঘাতীর চেষ্টা করেন ওই গৃহবধূ। দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। পরে, অবস্থার অবনতি হলে স্থানান্তরিত করা হয় বাঁকুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালে।

    আরও পড়ুন: আজ প্রভু জগন্নাথদেবের স্নানযাত্রা উৎসব, এর মাহাত্ম্য জানেন?

    তৃণমূল নেতাদের শাস্তির দাবি

    স্থানীয় বাসিন্দা অপর্ণা বাউরি বলেন,”গোটা এলাকায় মদ আর জুয়ার দোকান বাড়ছে। বিল্লি,সুকুমার,বদল এবং সুনীল নামে তৃণমূলের (Trinamool Congress) নেতারা এই অবৈধ কাজের সঙ্গে যুক্ত। সেই মদের দোকান বন্ধ করার দাবিতে আন্দোলনে নেমেছিলেন ওই বধূ। নির্বাচনে জিতে যেতেই এলাকায় মারধর এবং অত্যাচার শুরু করে ওরা। ওই গৃহবধূর স্বামীকে ঠিকাদারি কাজ থেকে সরিয়ে দেওয়া হয়। কাজ ফিরিয়ে দেওয়ার দাবি তুললে তিন তৃণমূল নেতার সঙ্গে রাত কাটানোর প্রস্তাব দেওয়া হয়। তারপরই এই সিদ্ধান্ত নিয়েছে ওই বধূ।  দ্রুত তৃণমূল নেতাদের বিরুদ্ধে কড়া ব্যাবস্থা নেওয়া না হলে বৃহত্তর আন্দোলনে নামব।”

    কী বললেন তৃণমূল নেতৃত্ব?

    দুর্গাপুরের ২৩নং ওয়ার্ডের বিদায়ী কাউন্সিলর দেবব্রত সাঁই বলেন,”একটা ঝামেলা হয়েছিল শুনেছিলাম। দুই পাড়ার মধ্যে মদের দোকান নিয়ে বা অন্য কিছু নিয়ে। আমি উভয়পক্ষকে নিয়ে সমস্যা সমাধানের চেষ্টা করলেও এক পক্ষ আসেননি। তারপর এতকিছু হয়েছে এই জানলাম। পুলিশ কড়া ব্যাবস্থা নেবে।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Mahesh Snan Yatra: ২২ ঘড়া জল, দেড়মণ দুধ ঢেলে স্নান করানো হল প্রভু জগন্নাথকে, মাহেশে ব্যাপক ভক্ত সমাগম

    Mahesh Snan Yatra: ২২ ঘড়া জল, দেড়মণ দুধ ঢেলে স্নান করানো হল প্রভু জগন্নাথকে, মাহেশে ব্যাপক ভক্ত সমাগম

    মাধ্যম নিউজ ডেস্ক: হুগলির মাহেশে জগন্নাথ স্নানযাত্রা (Mahesh Snan Yatra) পড়ল ৬২৮ বছরে। বাংলার পুরাতন রথযাত্রা মধ্যে উল্লেখযোগ্য হল এই রথযাত্রা। আজ জগন্নাথের স্নানযাত্রায় প্রচুর ভক্তের সমাগম হয়েছে। মূলত প্রতিবছরই জগন্নাথদেবের এই আবির্ভাব দিবস তিথিতে প্রভুকে স্নান করিয়ে অভিষেক করানো হয়। বিভিন্ন নিয়ম এবং পুজাচারের মধ্য দিয়ে এই মহা উৎসব পালন করা হয়। জগন্নাথদেবকে স্নান করানোর পর তিনি আবার অন্তরালে চলে যান। পরবর্তীকালে রথযাত্রার (Rath Yatra 2024) দিন তাঁকে আবার রাজপথে দেখতে পাওয়া যায়। আবার মায়াপুর ইসকনের শাখা রাজাপুর জগন্নাথ মন্দিরে ধুমধাম করে পালিত হচ্ছে স্নানযাত্রা (Snan Yatra 2024)। ভোরবেলা থেকেই শুরু হয়েছে এই স্নানযাত্রার অনুষ্ঠান। দেশ-বিদেশের হাজার হাজার ভক্তের সমন্বয়ে এদিন জগন্নাথদেবের অভিষেক ঘটানো হয়।

    দেড়মণ দুধ ঢেলে স্নানযাত্রা জগন্নাথের (Mahesh Snan Yatra)

    আষাঢ় মাস মানেই দুর্গাপুজোর ঢাকে কাঠি পড়ে। গ্রীষ্মের প্রবল গরমের পর প্রভু জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রাকে স্নান (Snan Yatra 2024) করানো হয়। হুগলির মাহেশে ২২ ঘড়া জল এবং দেড়মণ দুধ ঢেলে স্নান করানো হয়েছে প্রভু জগন্নাথকে। এই মাহেশের স্নানযাত্রা ছয়শ বছরের বেশি প্রাচীন, ফলে দূরদূরান্ত থেকে আসেন প্রচুর ভক্ত। সকালে গর্ভগৃহ থেকে বের করে জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে মন্দিরের বারান্দায় রাখা হয়। তারপর বিগ্রহকে নিয়ে যাওয়া হয় মন্দির সংলগ্ন মাঠের স্নানমঞ্চে। এরপর করানো হয় স্নান। তবে পুরীতে জগন্নাথের কলেবর পরিবর্তিত হলেও মাহেশে একই বিগ্রহে পুজো করে আসা হচ্ছে। স্নানের পর ঠাকুরের খুব জ্বর আসে, প্রভু জগন্নাথ লেপ মুড়ি দিয়ে শুয়ে থাকেবন। এরপর রথযাত্রার ঠিক ২দিন আগে মন্দির আবার খোলা হয়। জ্বর সারলে মাসির বাড়িতে যান জগন্নাথ দেব। মাহেশের রথের স্নানযাত্রায় ব্যাপক ভক্তের সমাগম হয়।

    ইসকন জনসংযোগ আধিকারিকের বক্তব্য (Snan Yatra 2024)

    মাহেশের স্নানযাত্রার (Mahesh Snan Yatra) পাশাপাশি মায়াপুর ইসকন মন্দিরের জনসংযোগ আধিকারিক রসিক গৌরাঙ্গ দাস বলেছেন, “ভগবান জগন্নাথদেবের আবির্ভাব তিথি উপলক্ষে মায়াপুর ইসকনের শাখা রাজাপুরের জগন্নাথ মন্দিরে তাঁকে স্নান (Snan Yatra 2024) করিয়ে অভিষেক করানো হয়। সকল ভক্তরাই এদিন সুযোগ পান জগন্নাথদেবকে স্নান করানোর। শুধুমাত্র দেশের ভক্তরাই নয় বিদেশেরও হাজার হাজার ভক্তরা এই অনুষ্ঠান উপলক্ষে রাজাপুরে এসে উপস্থিত হন। ভোর বেলা থেকেই এই অনুষ্ঠান শুরু হয়। তবে জগন্নাথদেবের স্নান করানোর পর তিনি জগদেশ রূপে আবার সকলের অন্তরালে চলে যান। পরবর্তীকালে রথযাত্রার দিন (Rath Yatra 2024) তাঁকে আবার রাজপথে দেখা মেলে। সেদিন তিনি রাজাপুর থেকে তাঁর মামার বাড়ি ইসকন মন্দিরের প্রাণকেন্দ্রে চলে আসেন। আজকের এই দিনটি বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে পালন করা হয়ে থাকে। একই সঙ্গে হাজার হাজার ভক্তদের জন্য থাকে প্রসাদের ব্যবস্থা।”

    আরও পড়ুনঃ আজ প্রভু জগন্নাথদেবের স্নানযাত্রা উৎসব, এর মাহাত্ম্য জানেন?

    নবদ্বীপে পোড়ামাতলায় স্নানযাত্রা

    তীর্থ নগরী নদিয়ার নবদ্বীপ শহরের প্রাণকেন্দ্র পোড়ামাতলায় অবস্থিত মা পোড়ামা মন্দির। এই মন্দিরকে ঘিরে সারা বছর দেশ-বিদেশ থেকে বহু তীর্থযাত্রী এবং নবদ্বীপ পার্শ্ববর্তী এলাকার মানুষের আনাগোনা চলে। জানা যায়, প্রায় পাঁচশো বছরের পুরানো এই মা পোড়ামা মন্দির। এই মন্দিরে প্রতি বছর জগন্নাথের স্নানযাত্রার (Snan Yatra 2024) দিনে পরম্পরা মেনে মা পোড়ামার বার্ষিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শনিবার ভোরবেলায় নবদ্বীপের সুরধনীগঙ্গা থেকে ১০৮ ঘড়া গঙ্গাজল নিয়ে আসা হয় এবং মাকে স্নান করিয়ে অভিষেক অনুষ্ঠিত হয়। দুপুরে মায়ের ভোগারতির পর বিকেলে ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়। মায়ের মন্দিরে পুজো দেওয়ার জন্য এদিন সকাল থেকে দেখা গেল পোড়ামা মন্দির প্রাঙ্গনে অসংক্ষ্য ভক্তদের ভিড়।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Monsoon Update: অবশেষে অপেক্ষার অবসান! দক্ষিণবঙ্গে আগমন বর্ষার, ভারী বৃষ্টি কবে থেকে?

    Monsoon Update: অবশেষে অপেক্ষার অবসান! দক্ষিণবঙ্গে আগমন বর্ষার, ভারী বৃষ্টি কবে থেকে?

    মাধ্যম নিউজ ডেস্ক: অবশেষে স্বস্তি। উত্তরবঙ্গে বর্ষা (Monsoon Update) প্রবেশ করেছিল গত ৩১ মে৷ কিন্তু এক ফোঁটা বৃষ্টির জন্য চাতকের মতো চেয়ে ছিল দক্ষিণবঙ্গবাসী৷ এবার সেই অপেক্ষার অবসান ঘটল। ২১ জুন দক্ষিণবঙ্গেও (West Bengal Weather Update) প্রবেশ করল বর্ষা। সম্প্রতি এমনটাই জানাল আলিপুর আবহাওয়া দফতর। তবে দুই বঙ্গে বর্ষা প্রবেশের এই ফারাক গত পাঁচ বছরে দেখা যায়নি ৷

    দক্ষিণবঙ্গে প্রবেশ বর্ষার (Monsoon Update) 

    আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, গাঙ্গেয় বঙ্গের মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা ও কলকাতার বেশিরভাগ অংশে ইতিমধ্যেই বর্ষা প্রবেশ করেছে। একইসঙ্গে পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, বীরভূম জেলার কিছু অংশেরও দখল নিয়েছে মৌসুমী বায়ু। তবে বর্ষা এলেও ভারী বৃষ্টি এখনই হবে না সেখানে। বরং রবিবারের পর বৃষ্টি কমতে পারে ৷ 

    আবহাওয়ার পূর্বাভাস 

    আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ৩-৪ দিনের মধ্যে ওড়িশা, দক্ষিণবঙ্গ, ঝাড়খণ্ড, বিহারের আরও কিছু অংশে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর অগ্রগতির জন্য পরিস্থিতি অনুকূল থাকবে। আবহবিদদের মতে, খুব বেশি বৃষ্টি (Monsoon Update) না হলেও দিনের তাপমাত্রা কম থাকবে। কলকাতা-সহ আশেপাশের জেলাগুলিতে আকাশ মেঘাছন্ন থাকবে। রাতের তাপমাত্রাও যে খুব বাড়বে তা না। পাশাপাশি, আর্দ্রতা ও অস্বস্তিজনক আবহাওয়া থেকে মুক্তি পাওয়া যাবে।

    দক্ষিণবঙ্গের আবহাওয়া (West Bengal Weather Update) 

    আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, ঝিরঝিরে হালকা বৃষ্টি (Monsoon Update) চললেও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এখনই ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। বরং আগামী রবিবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির দাপট বেশ কমে যাবে। সেই সঙ্গে বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি। কাল থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রাও কিছুটা বাড়তে পারে। তবে আগামী সপ্তাহের বুধবারের পর থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ফের বৃষ্টি বাড়বে। 

    আরও পড়ুন: নেদারল্যান্ডসের বিরুদ্ধে গোলশূন্য ড্র করল এমবাপে-হীন ফ্রান্স

    কলকাতার আবহাওয়া 

    আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, শনিবার কলকাতা শহরে হালকা বৃষ্টি (Monsoon Update) হতে পারে। বৃষ্টির হাত ধরে আর্দ্রতাজনিত অস্বস্তি থেকে মুক্তি মিলবে। শনিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৩ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। তবে এরপর আগামী দিন চারেক শহর কলকাতার আবহাওয়ায় বিশেষ বদল নেই। 

    ফের বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে 

    অন্যদিকে, আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তরবঙ্গের যে অংশে বর্ষার (Monsoon Update) প্রবেশের বাকি ছিল, সেই অংশেও ছড়িয়েছে মৌসুমী বায়ু। ফলে উত্তরবঙ্গে এখন বৃষ্টি কিছুটা কমলেও সোমবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে। দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি এই পাঁচ জেলায় বৃষ্টি চলবে। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • T20 World Cup 2024: সেমির দোরগোড়ায় দক্ষিণ আফ্রিকা, শেষ ওভারে হেরে কঠিন লড়াই ইংল্যান্ডের

    T20 World Cup 2024: সেমির দোরগোড়ায় দক্ষিণ আফ্রিকা, শেষ ওভারে হেরে কঠিন লড়াই ইংল্যান্ডের

    মাধ্যম নিউজ ডেস্ক: জমে উঠেছে সুপার এইটের লড়াই। গ্রুপ বি থেকে সেমিফাইনাল (T20 World Cup 2024) কার্যত নিশ্চিত দক্ষিণ আফ্রিকার। প্রথম দুটো ম্যাচে জিতে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ শীর্ষে তাঁরা। আর প্রথম ২টো ম্যাচ হেরে এই গ্রুপ থেকে কার্যত বিদায় আয়োজক আমেরিকার। এখন লড়াই ওয়েস্ট ইন্জিজ আর ইংল্যান্ডের। শেষ ম্যাচে আমেরিকার বিপক্ষে জিততেই হবে ফিল সল্টদের। অন্যদিকে দক্ষিণ আফ্রিকাকে শেষ ম্যাচে হারিয়ে দিলে সেমিফাইনালেও দেখা যাবে ক্যালিপসোর মূর্ছনা। এই গ্রুপে একটি করে ম্যাচ জিতে ওয়েস্ট ইন্ডিজ (West Indies) ও ইংল্যান্ড উভয়েরই পয়েন্ট ২। 

    দক্ষিণ আফ্রিকার দাপট

    দক্ষিণ আফ্রিকার (T20 World Cup 2024) বিরুদ্ধে ইংল্যান্ড টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয়। প্রথমে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা শুরুটা ভালো করেছিল। তাদের ওপেনিং জুটি ৮৬ রান করে। কিন্তু ভালো শুরু করেও সেটা ধরে রাখতে পারেনি তারা। কুইন্টন ডি কক ৬৫ রান করেন ওপেন করতে নেমে। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে দক্ষিণ আফ্রিকা করে ১৬৩ রান। জোফ্রা আর্চার নেন তিনটে উইকেট। বিশ্বজয়ীদের সামনে ১৬৪ রানের টার্গেট বড় ছিল না। কিন্তু ফিল সল্ট ফ্লপ হতেই ইংল্যান্ডের পারফরম্যান্সও আশানুরূপ হল না। রান তাড়া করতে নেমে ফিল সল্ট ও জস বাটলারের জুটি ১৫ রান করে। ফিল সল্ট এদিন মাত্র ১১ রান করেন। বাটলার ১৭ রান করে ফেরেন। জনি বেয়ারস্টো ব্যর্থ হন। তিনি করেন ১৬ রান। একটা সময় ১০ ওভারে ৬১ রানে চার উইকেট হারিয়ে ফেলেছিল ইংল্যান্ড। সেখান থেকে দলকে টানেন হ্যারি ব্রুক। বিরতির পর জাতীয় দলে ফিরে তিনি দলকে জয়ের দোরগোড়ায় নিয়ে যান। ৫৩ রানে আউট হন তিনি। তাঁর সঙ্গে পার্টনারশিপ তৈরি করেন লিয়াম লিভিংস্টোন। তিনি করেন ৩৩ রান। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৬ রান করে ইংল্যান্ড। ৭ রানে জিতে যায় দক্ষিণ আফ্রিকা। তাদের হয়ে দুটো করে উইকেট নেন কাগিসো রাবাডা ও কেশব মহারাজ। এই জয়ের ফলে টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2024) সেমিফাইনাল কার্যত নিশ্চিত দক্ষিণ আফ্রিকার।

    হোপের ব্যাটে ক্যালিপসোর সুর

    সুপার এইটে ওয়েস্ট ইন্ডিজ (West Indies) ৯ উইকেটে হারাল মার্কিন যুক্তরাষ্ট্রকে (USA)। প্রথমে ব্যাট করে আমেরিকা করে ১২৮ রান। জবাবে  রান তাড়া করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ ১ উইকেট হারিয়েই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে ফেলে। মাত্র ৩৯ বলে ৮২ রান করে অপরাজিত থেকে যান শাই হোপ। ওপেন করতে নেমে একাই মারলেন ৮টি ছক্কা। নিকোলাস পুরান মাত্র ১২ বলে ২৭ রানে অপরাজিত থেকে যান। তিনিও হাঁকান ৩টি ছক্কা। এই জয়ের ফলে শেষ চারে ওঠার দৌড়ে টিকে রইল ওয়েস্ট ইন্ডিজ। আর টানা দুটো ম্যাচ হেরে আমেরিকার বিদায় প্রায় নিশ্চিত হয়েই গেল। 

  • Anti Paper Leak Law: পরীক্ষায় অনিয়ম রুখতে কড়া দাওয়াই কেন্দ্রের, ধরা পড়লেই জেল-জরিমানা

    Anti Paper Leak Law: পরীক্ষায় অনিয়ম রুখতে কড়া দাওয়াই কেন্দ্রের, ধরা পড়লেই জেল-জরিমানা

    মাধ্যম নিউজ ডেস্ক: এখনও থিতু হয়নি নিট ইউজি ২০২৪ বিতর্ক। এমতাবস্থায় প্রশ্নপত্র ফাঁস রোধে (Anti Paper Leak Law) কড়া দাওয়াইয়ের পথে কেন্দ্রের নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন এনডিএ সরকার। সাফ জানিয়ে দিল, দেশের বিভিন্ন প্রবেশিকা ও প্রতিযোগিতামূলক পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নপত্র ফাঁস রুখতে নয়া আইন কার্যকর করবে সরকার।

    কী বলা হয়েছে নয়া আইনে? (Anti Paper Leak Law)

    গত ফেব্রুয়ারি মাসেই সংসদে পাশ হয়েছিল পাবলিক এগজামিনেশন (প্রিভেনশন অফ আনফেয়ার মিনস) অ্যাক্ট, ২০২৪। পরে তা আইনেও পরিণত হয়। নিট ইউজি এবং নেট নিয়ে বিতর্ক শুরু হতেই শুক্রবার রাতে এই আইন কার্যকর করতে কেন্দ্রের তরফে জারি করা হয়েছে নির্দেশিকা। আইনটি ২১ জুন থেকে বলবৎ হয়েছে বলেও জানানো হয়েছে নির্দেশিকায়। কেন্দ্রের তৈরি এই আইন (Anti Paper Leak Law) অনুযায়ী, যদি কোনও ব্যক্তি প্রশ্নপত্র ফাঁস বা উত্তরপত্রে অনিয়ম করতে গিয়ে ধরা পড়েন, তা হলে তাঁর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করা হবে।

    সাজা শুনলে চমকে যাবেন

    দোষী সাব্যস্ত হলে ন্যূনতম তিন বছরের জেল হবে। সর্বাধিক পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ডও হতে পারে। সঙ্গে ১০ লাখ টাকা জরিমানাও হতে পারে। এক কোটি টাকা পর্যন্ত জরিমানা হতে পারে সেই সব নিয়ামক বা আয়োজক সংস্থার, যারা পরীক্ষায় অনিয়ম হচ্ছে জেনেও চুপ থাকবে। পরীক্ষা নিয়ামক সংস্থার কোনও পদস্থ আধিকারিক যদি দুর্নীতির সঙ্গে যুক্ত থাকেন বলে প্রমাণিত হয়, তাহলে সাজা ভোগ করতে হবে তাঁকেও। ন্যূনতম তিন বছরের সাজা হবে তাঁর। নিয়ামক কর্তৃপক্ষ বা আয়োজক সংস্থার তরফে কোনও ব্যক্তির বিরুদ্ধে যদি দুর্নীতিতে জড়িত থাকার প্রমাণ মেলে, তাহলে ন্যূনতম পাঁচ বছর এবং সর্বাধিক দশ বছরের সাজা হতে পারে। গুণতে হবে এক কোটি টাকা জরিমানাও।

    আর পড়ুন: “মঙ্গলবারের মধ্যে সকল ঘরছাড়ারা ঘরে ফিরুক”, ভোট-পরবর্তী হিংসা মামলায় কড়া বার্তা হাইকোর্টের

    নয়া এই আইনের লক্ষ্যই হল বিভিন্ন পাবলিক পরীক্ষাগুলোয় দুর্নীতিতে লাগাম টানা। এই পরীক্ষাগুলির মধ্যে রয়েছে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন, স্টাফ সিলেকশন কমিশন, রেলওয়েজ, ব্যাঙ্কিং রিক্রুটমেন্ট এবং ন্যাশনাল টেস্টিং এজেন্সি। প্রসঙ্গত, মোটা অঙ্কের টাকার বিনিময়ে বিভিন্ন পাবলিক পরীক্ষাগুলোর প্রশ্নপত্র বিক্রি করতে সক্রিয় হয়ে উঠেছে কয়েকটি সংস্থা এবং কোচিং সেন্টার। সেইসব সংস্থা এবং কোচিং সেন্টারের মূলোৎপাটন করতেই নয়া আইন লাগু করল কেন্দ্র (Anti Paper Leak Law)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  WhatsappFacebookTwitterTelegram এবং Google News পেজ।

  • Murshidabad: তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি, বোমাবাজি, রণক্ষেত্র সামশেরগঞ্জ

    Murshidabad: তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি, বোমাবাজি, রণক্ষেত্র সামশেরগঞ্জ

    মাধ্যম নিউজ ডেস্ক: কারখানার সামনে বিক্ষোভ দেখানোকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল মুর্শিদাবাদে (Murshidabad) সামশেরগঞ্জ থানার মহব্বতপুর গ্রামে। ব্যাপকভাবে গুলি আর বোমাবাজিতে রীতিমতো উত্তপ্ত হয়ে উঠল এলাকা। শুক্রবার রাতে এই ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক তৈরি হয়েছে। এই ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন নূর ইসলাম নামে এক তৃণমূল কর্মী। পাশাপাশি জখম হয়েছেন আরও বেশ কয়েকজন। তাঁদের চিকিৎসার জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলাকারীদের পিছনেও তৃণমূলের একাংশের মদত রয়েছে। ফলে, শাসক দলের কোন্দল প্রকাশ্যে চলে এসেছে।

    ঠিক কী ঘটনা ঘটেছে? (Murshidabad)

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সামশেরগঞ্জ (Murshidabad) থানার মহব্বতপুর গ্রামে একটি কারখানা থেকে লাগাতার বিষাক্ত গ্যাস ছড়ানোর জন্য রীতিমতো আতঙ্ক ছড়ায় গ্রামবাসীদের মধ্যে। বারবার জানানো সত্ত্বেও সমস্যার কোনও সমাধান না মেলায় গ্রামবাসীরা ক্ষোভে ফেটে পড়েন। শুক্রবার তাঁরা কারখানার গেটের সামনে বিক্ষোভ দেখানোর সিদ্ধান্ত নেন। যদিও বিষয়টি আগাম জানতে পেরে কারখানায় মজুদ রাখা হয়েছিল বেশকিছু বেআইনি আগ্নেয়াস্ত্র ও প্রচুর সংখ্যক বোমা। এমনই দাবি গ্রামবাসীদের। স্থানীয় তৃণমূল কর্মী নূর ইসলামের নেতৃত্বে গ্রামবাসীরা কারখানার সামনে হাজির হলে তাঁদের লক্ষ্য করে চালানো হয় এলোপাথাড়ি গুলি ও বোমা। ঘটনাস্থলে গুলিবিদ্ধ হয়ে গুরুতরভাবে আহত হন নূর ইসলাম নামে ওই এলাকার একজন তৃণমূল কর্মীসহ আরও বেশ কয়েকজন। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় সামশেরগঞ্জ থানার পুলিশ। ঘটনাস্থল থেকে ২০ জনকে হাতেনাতে গ্রেফতার করা হয়। পাশাপাশি একাধিক বেআইনি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

    আরও পড়ুন: শিক্ষা মন্ত্রকের আধিকারিকদের উপস্থিতিতে রবিবার ফের পরীক্ষা ১,৫৬৩ জন নিট প্রার্থীর

    কারখানা কর্তৃপক্ষের কী বক্তব্য?

    কারখানা কর্তৃপক্ষের বক্তব্য, নিয়ম মেনেই কারখানা চলছে। গায়ের জোরে ওই কারখানা বন্ধ করে দিতে চাইছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। যদিও হামলার বিষয়ে তারা মুখ খুলতে চায়নি। কারখানা কর্তৃপক্ষের সঙ্গে রয়েছে তৃণমূলের অন্য গোষ্ঠীর লোকজন। সব মিলিয়ে তৃণমূলের (Trinamool Congress) গোষ্ঠীদ্বন্দ্বের জেরে এই ঘটনা বলে অনুমান করা হচ্ছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Snan Yatra 2024: আজ প্রভু জগন্নাথদেবের স্নানযাত্রা উৎসব, এর মাহাত্ম্য জানেন?

    Snan Yatra 2024: আজ প্রভু জগন্নাথদেবের স্নানযাত্রা উৎসব, এর মাহাত্ম্য জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: আজ, শনিবার, প্রভু জগন্নাথদেবের স্নানযাত্রা (Snan Yatra 2024)। প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে স্নানযাত্রা হয়। যে কারণে, এই পূর্ণিমাকে দেবস্নান পূর্ণিমা বা স্নান পূর্ণিমা বলেও অভিহিত করা হয়ে থাকে। এদিন বাংলা, ওড়িশা সহ দেশের বিভিন্ন প্রান্তে জগন্নাথদেবের স্নানযাত্রা মহাসমারোহে পালিত হয়। তবে, সবচেয়ে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান হয় পুরী ধামে। ফলে, সারা বিশ্বের চোখ এখন পুরীতে। এছাড়া, এ রাজ্যের মাহেশেও বড় করে হয় এই উৎসব। এদিনের এই শুভ তিথিতে হিন্দু ধর্মাবলম্বীরা শুভ বা পুণ্য কাজ সারেন। 

    রথযাত্রার (Rath Yatra) ঢাকে কাঠি…

    জগন্নাথদেবের স্নানযাত্রা (Snan Yatra 2024) থেকেই ঢাকে কাঠি পড়ে গেল রথযাত্রার। প্রস্তুতি-পর্ব যদিও আরও সপ্তাহ তিনেক আগে প্রভুর চন্দন-যাত্রার মাধ্যমে শুরু হয়েছিল। দীর্ঘগরমে ভক্তদের মতোই কষ্ট পান জগন্নাথ। সঙ্গে মাথা ধরে। তাই গ্রীষ্মকালে তাঁর কপালে চন্দনের প্রলেপ দেওয়া হয়, যাকে বলে চন্দন উৎসব। বর্ষার আগমনে হয় স্নানযাত্রা। যা থেকেই কার্যত রথযাত্রার কাউন্টডাউন শুরু হয় বলে ধরে নেওয়া হয়। এদিন জগন্নাথ ধাম মন্দিরের স্নান কক্ষে (Snan Yatra 2024) রীতি মেনে ঐতিহ্যবাহী আচার-অনুষ্ঠানের মাধ্যমে ১০৮ কলসে সুগন্ধি জল দিয়ে স্নান করানোর পালা চলে জগন্নাথ-বলরাম-সুভদ্রা ত্রয়ীকে। প্রথমে জগন্নাথ, তারপর বলরাম এবং শেষে সুভদ্রার পুজো করে নিয়ে যাওয়া হয় স্নানের জন্য৷ অনুষ্ঠানের পর গজাননের পোশাকে সজ্জিত হন প্রভু জগন্নাথ।

    জ্বর আসবে জগন্নাথদেবের…

    সাধারণত বছরে একবার মহাপ্রভু শ্রীজগন্নাথ তার ভাই বোনদের সঙ্গে স্নান করেন (Snan Yatra 2024)। এই দিনটি জগন্নাথের জন্মদিন হিসেবেও পালিত হয়। যার ফলে, এদিন ধুম জ্বর আসে জগন্নাথদেবের। ফলে, ১৫ দিন ধরে তাঁর চিকিৎসা চলে। এই সময়ে শ্রীমন্দিরের দ্বার বন্ধ থাকে। ভক্তরা প্রভুর দর্শন করতে পারেন না। অন্তরালেই রাখা হয়ে এই তিন দেবদেবীকে। বিশ্বাস, রাজবৈদ্যের আয়ুর্বৈদিক পাঁচন খেয়ে ১৫ পর সুস্থ হয়ে ওঠেন জগন্নাথদেব। চিকিৎসায় আরোগ্য লাভ করে দরজা খোলা হয়। সুস্থ হয়ে উঠেই জগন্নাথদেব নতুন বেশভূষায় সুসজ্জিত হয়ে দর্শন দেন। তখন জগন্নাথধামে পালিত হয় নেত্রোৎসব বা নবযৌবন উৎসব। এরপর, তিন ভাই-বোন মাসির বাড়ি যাওয়ার তোড়জোড় করেন। রাজবেশে সজ্জিত হয়ে, মহাসমারোহে রথে চেপে তাঁদের মাসির বাড়ি যান। তাই স্নানযাত্রার সঙ্গেই জুড়ে রয়েছে রথযাত্রা(Rath Yatra)। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Sheikh Hasina: বিদেশমন্ত্রী জয়শঙ্করের সঙ্গে বৈঠক হাসিনার, আজ কথা প্রধানমন্ত্রী মোদির সঙ্গে

    Sheikh Hasina: বিদেশমন্ত্রী জয়শঙ্করের সঙ্গে বৈঠক হাসিনার, আজ কথা প্রধানমন্ত্রী মোদির সঙ্গে

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারত-বাংলাদেশ দুই দেশের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক আগামী দিনেও অব্যাহত থাকবে। দুই দেশ সবসময়েই একে অপরের পাশে আছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার (Sheikh Hasina) সঙ্গে বৈঠকের পর এমনই মত প্রকাশ করলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর (S Jaishankar)। দু’দিনের সফরে শুক্রবারই ভারতে এসেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই দু’দিন দিল্লিতে একাধিক কর্মসূচি রয়েছে তাঁর। শুক্রবার ভারতে এসেই বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে একান্ত বৈঠক সারেন হাসিনা।

    ঘনিষ্ঠ এবং স্থায়ী সম্পর্ক 

    হাসিনার (Sheikh Hasina) ভারত সফর প্রসঙ্গে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে জয়শঙ্কর (S Jaishankar) লেখেন, ‘‘বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে পেরে খুবই আনন্দিত। তাঁর এই সফর আমাদের দু’দেশের স্থায়ী এবং ঘনিষ্ঠ সম্পর্ককে জোরদার করবে।’’ শুক্রবার হাসিনাকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন বিদেশ মন্ত্রকের প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং। এই সফর দু’দেশের সম্পর্ককে ত্বরান্বিত করতে সাহায্য করবে জানিয়েছেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল।

    মোদি-হাসিনা বৈঠক

    শনিবার দুপুরে শীর্ষ প্রতিনিধি পর্যায়ে এব‌ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত বৈঠক করবেন হাসিনা (Sheikh Hasina)। সই হওয়ার কথা ১০টিরও বেশি চুক্তিপত্রে। এর মধ্যে অন্তত ৪টির মেয়াদ শেষে পুনর্নবীকরণ হওয়ার কথা রয়েছে। উঠতে পারে তিস্তার জল বণ্টনের বিষয়ও। বিদেশ মন্ত্রকে সূত্রে জানানো হচ্ছে, অর্থনৈতিক ও বাণিজ্য সহযোগিতাকে এগিয়ে নিয়ে যাওয়া, প্রতিরক্ষা সহযোগিতায় নতুন মোড় তৈরি করা, বিদ্যুৎ ও জ্বালানি ক্ষেত্রে সহযোগিতা বাড়ানো, সংযোগ ব্যবস্থা ও দ্বিপাক্ষিক পরিকাঠামোর উন্নতি, মংলা বন্দর পরিচালনার মতো বিষয়গুলি গুরুত্ব পাবে মোদি-হাসিনা বৈঠকে। তিস্তার পাশাপাশি এবারের আলোচনায় বিশেষ গুরুত্ব পেতে পারে গঙ্গা জলচুক্তি। ২০২৬-এ যেটির মেয়াদ শেষ হবে। সেই চুক্তির নবীকরণ ঢাকার অগ্রাধিকারের তালিকায় আছে। এছাড়া বৈঠকে গুরুত্ব পাবে অর্থনৈতিক নিরাপত্তা। ভারতের বাংলাদেশে নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহ নিশ্চিত করার জন্য সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা রয়েছে বলেও জানা গিয়েছে। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • UEFA Euro 2024: নেদারল্যান্ডসের বিরুদ্ধে গোলশূন্য ড্র করল এমবাপে-হীন ফ্রান্স

    UEFA Euro 2024: নেদারল্যান্ডসের বিরুদ্ধে গোলশূন্য ড্র করল এমবাপে-হীন ফ্রান্স

    মাধ্যম নিউজ ডেস্ক: একদিনে তিন তিনটি ম্যাচ। শুক্রবার ইউরো কাপে (UEFA Euro 2024) নেদারল্যান্ডসের বিরুদ্ধে গোলশূন্য ড্র করল ফ্রান্স। অন্যদিকে পোল্যান্ডকে ৩-১ গোলে হারাল অস্ট্রিয়া। আর স্লোভাকিয়ার বিরুদ্ধে জিতে বেলজিয়ামের উপর চাপ বাড়াল ইউক্রেন। এদিনের ম্যাচে প্রথমার্ধেই তিন গোলে এগিয়ে যেতে পারত ফ্রান্স। কিন্তু সেটা তারা করতে পারেনি। কারণ একাধিক গোলের সুযোগ হেলার হারান আঁতোয়া গ্রিজম্যানরা। যার নিট ফল, শেষ পর্যন্ত কোনও গোলই করতে পারল না ফরাসিরা।

    এমবাপে-হীন ফ্রান্স 

    নাকের চোটের কারণে এদিন প্রথম একাদশে ছিলেন না কিলিয়ান এমবাপে। আঠারো জনের দলে তাঁকে রাখা হলেও, শেষ পর্যন্ত দিদিয়ের দেশঁ কোনও রকম ঝুঁকি নিয়ে নামাননি এমবাপেকে। তারকা ফুটবলারের অনুপস্থিতি প্রতি মুহূর্তে টের পাচ্ছিল ফ্রান্স, যখন একের পর এক গোল মিসের ধারা চলছিল। এই ম্যাচে অধিনায়কের দায়িত্ব পালন করেন আঁতোয়া গ্রিজম্যান। কিন্তু তিনি এদিন রীতিমতো হতাশ করেন। ফাঁকা গোল পেয়েও, দলকে লিড এনে দিতে পারেননি। স্বাভাবিক ভাবেই ফ্রান্সের প্রাপ্তির ভাঁড়ার এদিন শূন্যই থেকে যায়। 

    ম্যাচের প্রথম দিকে অবশ্য আগ্রাসী ফুটবল খেলছিল দুই দলই। তবে শুরুটা দুই দল যতটা আক্রমণাত্মক ছন্দে করেছিল, খেলা (UEFA Euro 2024) যত গড়ায়, সেই আক্রমণের ঝাঁজ তত কমতে থাকে। দুই দলের ট্যাকটিক্যাল লড়াইয়ে মাঝমাঠেই আটকে থাকে খেলা। ফ্রান্সের ফুটবলাররা এদিন হতাশাজনক ফুটবল খেলেন। দ্বিতীয়ার্ধেও সেই একই ছবি। তবে ম্যাচের ৬৫ মিনিটে ভালো সুযোগ পেয়েছিল ফ্রান্স। কিন্তু ম্যাচের ৬৯ মিনিটে গোল করে ফেলেছিল নেদারল্যান্ডস (Netherlands vs France)। এরপর ফ্রান্সের বক্সের মধ্যে বল নিয়ে কাড়াকাড়ি চলছিল। সেখান থেকে বল পেয়ে বক্সের বাইরে থেকে শট মেরেছিলেন জাভি সিমন্স। ভাগ্যের জোরে বেঁচে যায় ফ্রান্স। অফসাইডের জন্য গোল বাতিল করে দেন রেফারি। 

    আরও পড়ুন: শিক্ষা মন্ত্রকের আধিকারিকদের উপস্থিতিতে রবিবার ফের পরীক্ষা ১,৫৬৩ জন নিট প্রার্থীর

    হাড্ডাহাড্ডি লড়াই পোল্যান্ড-অস্ট্রিয়ার

    অন্যদিকে ইউরো কাপে (UEFA Euro 2024) শুক্রবার পোল্যান্ডকে ৩-১ হারিয়ে গ্রুপ ডি-তে লড়াই জমিয়ে দিল অস্ট্রিয়া। আগের ম্যাচে ফ্রান্সের কাছে অল্পের জন্য হারলেও এ দিন পোল্যান্ডকে হারাতে সমস্যা হয়নি অস্ট্রিয়ার। কারন শুরু থেকে পোল্যান্ডকে চাপে ফেলেছিল অস্ট্রিয়া। বিপক্ষের বক্সে একের পর এক ক্রস ভাসাচ্ছিল। ৯ মিনিটেই এগিয়ে যায় তারা। ফলে গ্রুপে তারা উঠে এল দ্বিতীয় স্থানে। 

    স্লোভাকিয়াকে হারাল ইউক্রেন

    আর ইউরো কাপে অন্য আরেক ম্যাচে পিছিয়ে পড়েও স্লোভাকিয়াকে হারাল ইউক্রেন। ২-১ গোলে জিতেছে ইউক্রেন। ইভান শ্রাঞ্জের গোলে প্রথমার্ধে এগিয়ে গিয়েছিল স্লোভাকিয়া। দ্বিতীয়ার্ধে সমতা ফেরান মিকোলা শাপারেঙ্কো। আর খেলার শেষ দিকে শাপারেঙ্কোর পাস থেকেই গোল করেন রোমান ইয়ারেমচুক। ফলে গ্রুপ ই-তে চাপ বাড়ল বেলজিয়ামের উপর। প্রথম ম্যাচে (UEFA Euro 2024) স্লোভাকিয়ার কাছে হেরে গ্রুপে সবার নীচে তারা।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Daily Horoscope 22 June 2024: সিংহ রাশির জাতকদের চোখে সমস্যা দেখা দেবে আজ

    Daily Horoscope 22 June 2024: সিংহ রাশির জাতকদের চোখে সমস্যা দেখা দেবে আজ

    চাকরি থেকে ব্যবসা, বন্ধু থেকে ব্যক্তিগত জীবন, ভ্রমণ থেকে স্বাস্থ্য—কী বলছে ভাগ্যরেখা? কেমন কাটতে পারে দিন?

    মেষ

    ১) গতকালের কোনও আটকে থাকা কাজ সম্পন্ন হতে পারে।

    ২) রাতে পরিজনদের সঙ্গে আনন্দে সময় কাটাবেন।

    ৩) ছাত্রছাত্রীদের পরীক্ষার প্রস্তুতির গতি বাড়াতে হবে, তখনই সাফল্য আসবে।

    বৃষ

    ১) সন্তানের ভবিষ্যতের কারণে চিন্তিত থাকলে এবার স্বস্তি পেতে পারেন।

    ২) রাজনীতির ক্ষেত্রে আপনাদের প্রচেষ্টা সফল হবে।

    ৩) পারিবারিক ব্যবসায়ে বাবার সহযোগিতা পাবেন।

    মিথুন

    ১) দামী জিনিস চুরি যেতে পারে।

    ২) বহুদিন ধরে আটকে থাকা কাজ সন্ধ্যা নাগাদ সম্পন্ন হবে।

    ৩) মনের মধ্যে আনন্দ থাকবে।

    কর্কট

    ১) কর্মক্ষেত্রে শুভ সংবাদ পাবেন।

    ২) ব্যবসার জন্য আজকের দিনটি শুভ।

    ৩) পরিশ্রমের ফল পাবেন।

    সিংহ

    ১) নিজের সৌম্য বাণীর কারণে বিশেষ সম্মান পাবেন।

    ২) আজ অধিক দৌড়ঝাঁপ করতে হবে।

    ৩) চোখে সমস্যা দেখা দেবে আজ।

    কন্যা

    ১) সন্তানকে নিজের ভবিষ্যতের জন্য চেষ্টা করতে দেখে আনন্দিত হবেন।

    ২) বাড়িতে কোনও শুভ অনুষ্ঠান হতে পারে।

    ৩) সমাজে আপনার জনপ্রিয়তা বাড়বে।

    তুলা

    ১) বাড়িতে কোনও অনুষ্ঠান আয়োজিত হওয়ায় পরিবারের সদস্যদের আনন্দ বহুগুণ বাড়বে।

    ২) বেশ কিছু দিন ধরে লেনদেনের সমস্যা চলতে থাকলে তার সমাধান খুঁজে পাবেন।

    ৩) হাতে পর্যাপ্ত পরিমাণ অর্থের আগমন হতে পারে।

    বৃশ্চিক

    ১) বাস্থ্যের প্রতি কোনও গাফিলতি করবেন না।

    ২) বায়ু, মুত্র, রক্ত ইত্যাদি সংক্রান্ত সমস্যা আপনাকে চিন্তিত করে তুলবে।

    ৩) চিকিৎসকের পরামর্শ নিন, ধীরে ধীরে স্বাস্থ্যোন্নতি হবে।

    ধনু

    ১) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করার সুযোগ পাবেন।

    ২) দাম্পত্য জীবন সুখে কাটবে।

    ৩) কর্মক্ষেত্রে কোনও মহিলা বন্ধুর সহযোগিতা লাভ করবেন।

    মকর

    ১) পারিবারিক ও আর্থিক জীবনে সাফল্য লাভ করতে পারবেন।

    ২) রোজগারের চেষ্টা সফল হবে।

    ৩) ব্যবসায় লাভের নতুন সুযোগ পাবেন।

    কুম্ভ

    ১) জীবনসঙ্গীর স্বাস্থ্য দুর্বল হবে।

    ২) সন্ধ্যাবেলা অপ্রয়োজনে দৌড়াদৌড়ি করতে হবে।

    ৩) আর্থিক পরিস্থিতি দুর্বল হবে।

    মীন

    ১) ছেলে-মেয়ের কাজের চিন্তায় সময় কাটাবেন।

    ২) দাম্পত্য কলহের অবসান ঘটবে আজ।

    ৩) ধর্মীয় যাত্রা ও শুভ কাজ করলে ব্যয় বাড়তে পারে।

     DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

LinkedIn
Share