Tag: news in bengali

news in bengali

  • S Jaishankar: “বহু মেরুকরণের দিকে এগিয়ে যাচ্ছেন ট্রাম্প, এটা ভারতের জন্য…”, বড় বার্তা জয়শঙ্করের

    S Jaishankar: “বহু মেরুকরণের দিকে এগিয়ে যাচ্ছেন ট্রাম্প, এটা ভারতের জন্য…”, বড় বার্তা জয়শঙ্করের

    মাধ্যম নিউজ ডেস্ক: “আমেরিকায় এখন আমরা একজন রাষ্ট্রপতি ও প্রশাসন দেখছি যারা বহু মেরুকরণের দিকে এগিয়ে যাচ্ছে। ভারতের পক্ষে এটা বেশ উপযোগী।” কথাগুলি বললেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর (S Jaishankar)।

    কী বললেন জয়শঙ্কর? (S Jaishankar)

    লন্ডনে চ্যাথাম হাউসের পরিচালক ও প্রধান নির্বাহী ব্রোনওয়েন ম্যাডক্সের সঙ্গে এক আলোচনায় জয়শঙ্কর বলেন, “ট্রাম্পের আমলে মার্কিন যুক্তরাষ্ট্রের বৈদেশিক নীতিতে (Donald Trump) দিল্লি আশ্চর্য হয়নি। বেশিরভাগ সময় রাজনৈতিক নেতারা যা করার প্রতিশ্রুতি দিয়েছিলেন, তার বেশিরভাগটাই করেন বা অন্তত চেষ্টা করেন। তাঁরা সব সময় সফল হন না, বা সব সময় যা চান, তা পান না। কিন্তু সব রাজনৈতিক নেতাদের নিজেদের একটা অ্যাজেন্ডা থাকে। এই আবহে আমি মনে করি, গত কয়েক সপ্তাহে আমরা যা দেখেছি এবং শুনেছি, তার বেশিরভাগটাই প্রত্যাশিত ছিল। তাই আমি একটু অবাক হয়েছি যে অন্যরা তা দেখে অবাক হচ্ছেন।”

    বহু মেরুকরণ

    এর পরেই ভারতের বিদেশমন্ত্রী বলেন, “আমেরিকায় এখন আমরা একজন রাষ্ট্রপতি ও প্রশাসন দেখছি যারা বহু মেরুকরণের দিকে এগিয়ে যাচ্ছে। ভারতের পক্ষে এটা বেশ উপযোগী। আমাদের কখনও মার্কিন রাষ্ট্রপতিদের সঙ্গে কোনও সমস্যা হয়নি, অন্তত সাম্প্রতিক সময়ে। আমাদের ওপর এমন কোনও বোঝা নেই যা আমরা বহন করে চলেছি।” ব্রিকস দেশগুলি আন্তর্জাতিক মুদ্রা হিসেবে ডলারের বদলি খুঁজছে বলে কিছুদিন আগেই অভিযোগ করেছিলেন ট্রাম্প। সে প্রসঙ্গে জয়শঙ্কর (S Jaishankar) বলেন, “আন্তর্জাতিক মুদ্রারূপে মার্কিন ডলারের বদলি খোঁজার কোনও নীতি ভারতের নেই।” তিনি বলেন, “মার্কিন ডলার মুদ্রা রূপে আন্তর্জাতিক অর্থনৈতিক স্থিতিশীলতার উৎস। আর আমরা বিশ্বে আরও অর্থনৈতিক স্থিতিশীলতা চাই। বিশ্বব্যাপী মার্কিন ডলারকে প্রতিস্থাপন করার ব্যাপারে ব্রিকসের সদস্য দেশগুলির মধ্যে ঐক্যবদ্ধ অবস্থান নেই।”

    বুধ-সন্ধ্যায় চ্যাথাম হাউস থিঙ্ক ট্যাঙ্ক আয়োজিত ‘বিশ্বে ভারতের উত্থান ও ভূমিকা’ শীর্ষক এক অধিবেশনেও যোগ দেন ভারতের বিদেশমন্ত্রী। সেখানেও তিনি ট্রাম্পের বহু মেরুকরণের উল্লেখ করেন। ট্রাম্পের প্রশংসা করতে গিয়ে তিনি বলেন, “প্রেসিডেন্ট ট্রাম্পের দৃষ্টিকোণ থেকে আমাদের মধ্যে একটি বড় যৌথ উদ্যোগ হল কোয়াড, যা এমন একটি বোঝাপড়া যেখানে প্রত্যেকে তাদের ন্যায্য অংশ প্রদান করে। এখানে ফ্রি রাইডার্স কেউ নেই। এটি (Donald Trump) একটি ভালো মডেল, কার্যকরীও বটে (S Jaishankar)।”

  • Suvendu Adhikari: মমতাকে ফের গোহারা হারাতে নয়া ‘গেম প্ল্যান’ শুভেন্দুর, ভবানীপুরে খোলা হচ্ছে কার্যালয়ও

    Suvendu Adhikari: মমতাকে ফের গোহারা হারাতে নয়া ‘গেম প্ল্যান’ শুভেন্দুর, ভবানীপুরে খোলা হচ্ছে কার্যালয়ও

    মাধ্যম নিউজ ডেস্ক: রাজ্যে বিধানসভা নির্বাচনের এখনও বাকি এক বছরেরও বেশি সময় (Assembly Elections 2026)। এখন থেকেই রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘাড়ে নিঃশ্বাস ফেলতে শুরু করে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক বিজেপির শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

    মমতার ‘গড়ে’ ধস নামানোর ছক (Suvendu Adhikari)

    ছাব্বিশের বিধানসভা নির্বাচনে কলকাতার ভবানীপুর কেন্দ্রে মমতা ফের প্রার্থী হচ্ছেন ধরে নিয়েই যাবতীয় প্রস্তুতি শুরু করে দিলেন শুভেন্দু। বিজেপি সূত্রে খবর, ভবানীপুর বিধানসভার কেন্দ্রের মধ্যেই পড়ে ৭৩ নম্বর ওয়ার্ড। এখানেই কার্যালয় তৈরির সিদ্ধান্ত নিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা। পয়লা মে কার্যালয়ের উদ্বোধনও করতে চান তিনি। মঙ্গলবার এনিয়ে শুভেন্দু আলোচনা করেন ভবানীপুরের বিজেপি নেতা- কর্মীদের সঙ্গে। বিজেপি ধরেই নিয়েছে নির্বাচনে জয় নিশ্চিত করতে ভবানীপুর ‘গড়ে’ই এবারও প্রার্থী হবেন মমতা। এই গড়েই ধস নামাতে কোমর কষে নামেছন রাজ্যের বিরোধী দলনেতা।

    রেডি প্ল্যান ‘এ’

    জানা গিয়েছে, এই কেন্দ্রে মমতাকে গোহারা হারাতে ১০০ জনেরও বেশি সক্রিয় কর্মীকে নিয়ে একটি টিম গঠন করা হচ্ছে। এই টিমের কাজ হবে ভবানীপুর বিধানসভা কেন্দ্রের নানা তথ্য সংগ্রহ করা। তবে এই টিমে যাঁরা থাকবেন, তাঁদের পরিচয় গোপন রাখা হবে। তথ্য সংগ্রহের পাশাপাশি এই কেন্দ্রের ভোটারদের মন বোঝারও চেষ্টা হবে বলে অসমর্থিত একটি সূত্রের খবর। গত বিধানসভা নির্বাচনে শুভেন্দুকে টেক্কা দিতে নন্দীগ্রামে ঘাসফুলের প্রার্থী হয়েছিলেন মমতা। সেই নির্বাচনে পদ্ম চিহ্নে দাঁড়িয়েছিলেন শুভেন্দু।

    নন্দীগ্রামে গোল দিয়ে ঘোল খাইয়েছিলেন

    নির্বাচনের ঢের আগেই তিনি ঘোষণা করে দিয়েছিলেন নন্দীগ্রামে তাঁর ঘরের মাঠে দাঁড়িয়ে গোল দেবেন রাজ্যের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী মমতাকে। নির্বাচনের ফল বের হলে দেখা যায়, ‘কথা’ রেখেছেন শুভেন্দু। গোহারা হারিয়েছেন তৃণমূল সুপ্রিমোকে। শেষে ভবানীপুরে উপনির্বাচন করিয়ে ভোটে জিতিয়ে আনতে হয় মমতাকে। এভাবেই (Suvendu Adhikari) সেবার কোনওক্রমে মুখ রক্ষা হয় তৃণমূল সুপ্রিমোর (Assembly Elections 2026)। ওয়াকিবহাল মহলের মতে, নন্দীগ্রামে শুভেন্দু যে অস্ত্রে বধ করেছিলেন মমতাকে, এবারও সেই অস্ত্র প্রয়োগ করেই ভবানীপুরে তৃণমূল নেত্রীর গায়ে ছিটিয়ে দিতে চান পরাজয়ের কালি।

    ভবানীপুরে জেতা সহজ

    প্রসঙ্গত, কিছুদিন আগেই শুভেন্দু বলেছিলেন, নন্দীগ্রামের চেয়ে ভবানীপুরে জেতা সহজ। চব্বিশের লোকসভা নির্বাচনের পরিসংখ্যান তুলে ধরে শুভেন্দু বৈঠকে দেখিয়ে দিয়েছেন, ভবানীপুর বিধানসভা কেন্দ্রের আটটি ওয়ার্ডের মধ্যে ৫টিতে এগিয়ে বিজেপি। এই ওয়ার্ডগুলি হল ৬৩, ৭০, ৭১, ৭২ এবং ৭৪। আর তৃণমূল এগিয়েছিল মাত্র তিনটিতে – ৭৩, ৭৭ এবং ৮২ নম্বর ওয়ার্ডে। মুখ্যমন্ত্রী এই ৭৩ নম্বর ওয়ার্ডেরই ভোটার। গত লোকসভা নির্বাচনে এই ওয়ার্ডে বিজেপি তৃণমূল প্রার্থীর চেয়ে পিছিয়ে ছিল মাত্র ২৭৯ ভোটে। মুখ্যমন্ত্রী যে ওয়ার্ডের ভোটার, সেখানেই কার্যালয় খুলে তৃণমূল সুপ্রিমোর ঘাড়ে নিঃশ্বাস ফেলতে চান শুভেন্দু। রাজনৈতিক মহলের মতে, সেই কারণেই জায়ান্ট কিলারের (নন্দীগ্রামে মমতাকে হারানোর পর এমন খেতাব দেওয়া হয়েছে শুভেন্দুকে) এহেন উদ্যোগ।

    শুভেন্দুর নির্দেশ

    বিজেপি সূত্রে খবর, মঙ্গল-সন্ধ্যার বৈঠকে শুভেন্দু জানিয়েছেন, সংখ্যালঘু অধ্যুষিত ৭৭ নম্বর ওয়ার্ডের দিকে বিশেষ নজর না দিলেও চলবে। তবে বাকি ওয়ার্ডগুলিতে ঝাঁপিয়ে পড়তে হবে। আর যদি তা করা যায়, তাহলে এই কেন্দ্রে বিজেপির জয় এক প্রকার নিশ্চিত। গেরুয়া শিবির সূত্রে খবর, আগামী এক বছরের মধ্যে যাতে প্রতিটি বুথে বিজেপি লড়াই করার মতো শক্তি সঞ্চয় করতে পারে, সেই বিষয়ে এখন থেকেই দলীয় নেতা-কর্মীদের পদক্ষেপ করতে বলেছেন শুভেন্দু (Suvendu Adhikari)। শুভেন্দুর ওই বৈঠকে উপস্থিত ছিলেন দক্ষিণ কলকাতা জেলার বিজেপির এক নেতা। তিনি বলেন, “মুখ্যমন্ত্রীর সঙ্গে লড়াই হবে বলে মানসিকভাবে আমরা অনেকেই পিছিয়ে থাকি। কিন্তু শুভেন্দুদা আমাদের শক্তি জুগিয়েছেন।” তিনি বলেছেন, “বুথে শক্তি জোগাতে পারলেই আমরা মুখ্যমন্ত্রীকে লড়াইয়ের মুখে ফেলতে পারব। প্রতিটি বুথ আগলে রাখতে পারলেই যে জোরদার লড়াই সম্ভব, বৈঠকে আমাদের মনোবল বাড়িয়ে সে কথাই বলেছেন শুভেন্দুদা।”

    শুভেন্দুর গেম প্ল্যান

    বিজেপি সূত্রে খবর, শুভেন্দুর নির্দেশ, যে ওয়ার্ডগুলিতে লোকসভা নির্বাচনে বিজেপি এগিয়ে ছিল, সেগুলিতে জয়ের ব্যবধান আরও বাড়াতে হবে। আর যেগুলিতে পদ্ম-প্রার্থী পিছিয়েছিলেন, সেগুলিতে কমাতে হবে ব্যবধান। দলীয় কর্মীদের ভোটার লিস্টের দিকেও বাড়তি নজর দেওয়ার নির্দেশ দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা। বৈঠকে তিনি দলীয় নেতা-কর্মীদের জানিয়ে দিয়েছেন, ভুয়ো ভোটার বাদ দেওয়ার অছিলায় যেন বিরোধী ভোটারদের নাম বাদ না দেওয়া হয়, তা খেয়াল রাখতে হবে। বৈঠকে শুভেন্দু জানিয়ে দিয়েছেন, এখন থেকে ঝাঁপিয়ে পড়লে কেবল ভবানীপুরই নয় (Assembly Elections 2026), দক্ষিণ কলকাতার রাসবিহারী কেন্দ্রেও বিজেপি প্রার্থীর জয় সম্ভব (Suvendu Adhikari)।

  • Dehydration: হঠাৎ বাড়ছে তাপমাত্রা! ডিহাইড্রেশনের ঝুঁকিও বাড়ছে! কী পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞেরা?

    Dehydration: হঠাৎ বাড়ছে তাপমাত্রা! ডিহাইড্রেশনের ঝুঁকিও বাড়ছে! কী পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞেরা?

    মাধ্যম ডেস্ক: বসন্তের মাঝেই চড়ছে তাপমাত্রার (Temperature) পারদ। আবহবিদদের একাংশ জানাচ্ছেন, চলতি সপ্তাহে গরম আরও বাড়বে। এবার মার্চেই বাঙালি উষ্ণতা টের পেতে পারে। রোদের ঝাঁঝ বাড়ছে। তার সঙ্গে বাড়ছে অস্বস্তি। তাপমাত্রার পারদ বেড়ে যাওয়ার বাড়ছে রোগের ঝুঁকিও। চিকিৎসকদের একাংশ জানাচ্ছেন, সবচেয়ে বেশি আশঙ্কা ডিহাইড্রেশন (Dehydration) নিয়ে। এর জেরে মারাত্মক শারীরিক সমস্যা হতে পারে।

    কেন আশঙ্কায় চিকিৎসকেরা (Dehydration)?

    চিকিৎসকদের একাংশ জানাচ্ছেন, বসন্তকালে একাধিক রোগের প্রকোপ বাড়ে। শীত ফুরিয়ে আসে। আবার গরমের মরশুম শুরু হয়। এর ফলে, বাতাসে নানান ভাইরাস সক্রিয় হয়ে ওঠে। কিন্তু চলতি বছরে হঠাৎ করেই তাপমাত্রা অনেকখানি বদলে গেল। বিশেষজ্ঞদের একাংশ জানাচ্ছেন, রাজ্য থেকে শীত দ্রুত বিদায় নিয়েছে। আর তারপরেই চড়ছে তাপমাত্রার পারদ। আর গত কয়েকদিনে সেই পারদ অনেকখানি চড়েছে! এর ফলে নানান রোগের সংক্রমণের ঝুঁকিও অনেকখানি বেড়ে গিয়েছে। বিশেষত ডিহাইড্রেশনের (Dehydration) ঝুঁকি বাড়ছে। চিকিৎসকদের একাংশের আশঙ্কা, হঠাৎ গরমে আবহাওয়ায় শুষ্ক ভাব অনেকটাই বেড়ে গিয়েছে। এর ফলে শরীরেও জলের চাহিদা বাড়ছে। সেই চাহিদা পূরণ না হলেই ডিহাইড্রেশনের ঝুঁকি তৈরি হয়। বিশেষ করে শিশুদের জন্য এই ঝুঁকি বেশি বলেই জানাচ্ছেন চিকিৎসকদের একাংশ। তাঁরা জানাচ্ছেন, শিশুরা অনেক বেশি দৌড়াদৌড়ি করে, এর ফলে তাদের ঘাম বেশি হয়। তারা বেশি‌ ক্লান্ত হয়ে পড়ে। শরীরে পর্যাপ্ত পরিমাণ জল না থাকলে তাই এই পরিবেশে (Temperature)  শিশুদের ডিহাইড্রেশনের ঝুঁকি বেড়ে যায়।

    কী পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞ মহল?

    চিকিৎসকদের একাংশ জানাচ্ছেন, জল খাওয়ার পরিমাণের দিকে নজরদারি জরুরি। তাঁরা জানাচ্ছেন, শিশুদের পাশপাশি প্রাপ্ত বয়স্কদের ও জলের পরিমাণ নিয়ে সজাগ থাকা জরুরি। প্রাপ্ত বয়স্কদের দিনে চার থেকে পাঁচ লিটার জল খাওয়া দরকার। পাঁচ বছরের বেশি বয়সী শিশুদের দুই থেকে তিন লিটার জল নিয়মিত খাওয়া জরুরি।

    জলের পাশপাশি নিয়মিত রসালো ফল খাওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞদের একাংশ। তাঁরা জানাচ্ছেন, এই সময়ে তরমুজ, পেঁপে জাতীয় ফল নিয়মিত খেলে খুবই উপকার হবে। এই ধরনের ফল রসালো। এই ফল খেলে সহজেই শরীরে জলের ঘাটতি পূরণ হয়।

    এই আবহাওয়ায় এসি ঘরে না থাকার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞদের একাংশ। তাঁরা জানাচ্ছেন, এসি ঘরে দীর্ঘক্ষণ থাকলে শুষ্কতা বাড়ে। তাই এই আবহাওয়ায় এসি ঘরে থাকলে একাধিক রোগে আক্রান্ত (Dehydration) হওয়ার ঝুঁকিও বাড়বে।

    ঘাটতি মেটাতে লেবুর রস খাওয়ার পরামর্শ

    শরীরে জলের ঘাটতি মেটাতে লেবুর রস খাওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞদের একাংশ। তাঁরা জানাচ্ছেন, যেকোনও ধরনের লেবুতে‌ ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। এর ফলে শরীরে রোগ প্রতিরোধ শক্তি বাড়ে। পাশপাশি ডিহাইড্রেশনের ঝুঁকিও কমে।

    এই আবহাওয়ায় শরীর সুস্থ রাখতে হালকা সহজ পাচ্য খাবার খাওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞদের (Temperature) একাংশ। তাঁরা জানাচ্ছেন এই শুষ্ক আবহাওয়ায় হজমের গোলমালে অনেকেই ভোগেন। এতে শরীরে আরও নানান সমস্যা তৈরি হয়। তাই কম তেল ও মশলা দিয়ে তৈরি হালকা খাবার খাওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞদের একাংশ। তাঁরা জানাচ্ছেন, এতে সহজেই হজম হবে। অ্যাসিডিটির (Dehydration) সমস্যা তৈরি হলে শরীরে আরও জলের ঘাটতি দেখা দিতে পারে। তাই সহজে হজম হয় এমন খাবার খাওয়া জরুরি।

  • Ramakrishna 288: “তুমি না গীতা, বেদান্ত পড়? তুমি না শিখাও ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা?”

    Ramakrishna 288: “তুমি না গীতা, বেদান্ত পড়? তুমি না শিখাও ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা?”

    শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে ভক্তসঙ্গে ও কলিকাতায় চৈতন্যলীলা-দর্শন

    তৃতীয় পরিচ্ছেদ

    ১৮৮৪, ২১শে সেপ্টেম্বর

    শ্রীরামকৃষ্ণের জ্ঞানোন্মাদ ও জাতি বিচার

    পূর্বকথা ১৮৫৭—কালীমন্দির প্রতিষ্ঠার পর জ্ঞানীপাগলদর্শন—হলধারী 

    শ্রীরামকৃষ্ণ (Ramakrishna)—শ্রীমতীর প্রেমোন্মাদ। আবার ভক্তি-উন্মাদ আছে। যেমন হনুমানের। সীতা আগুনে প্রবেশ করেছে দেখে রামকে মারতে যায়। আবার আছে জ্ঞানোন্মআদ। একজন জ্ঞানী পাগলের মতো দেখে ছিলাম। কালীবাড়ির সবে প্রতিষ্ঠার পর। লোকে বললে, রামমোহন রায়ের ব্রাহ্মসভার একজন। একপায়ে ছেঁড়া জুতা, হাতে কঞ্চি আর একটি ভাঁড়, আঁবচারা। গঙ্গায় ডুব দিলে। তারপর কালীঘরে গেল। হলধারী তখন কালীঘরে বসে আছে। তারপর মত্ত হয়ে স্তব করতে লাগল —

    ক্ষ্রৌং ক্ষ্রৌং খট্টাঙ্গধারিণীম্ ‌ইত্যাদি

    “কুকুরের কাছে গিয়ে কান ধরে তার উচ্ছিষ্ট খেলে—কুকুর কিছু বলে নাই। আমারও তখন এই অবস্থা আরম্ভ হয়েছে। আমি হৃদের গলা ধরে বললাম, ওরে হৃদে, আমারও কি ওই দশা হবে?

    “আমার উন্মাদ অবস্থা! নারায়ণ (Kathamrita) শাস্ত্রী এসে দেখলে, একটা বাঁশ ঘাড়ে করে বেরাচ্ছি। তখন সে লোকদের কাছে বললে ওহ্‌, উন্মস্ত্‌ হ্যায়। সে অবস্থায় জাত বিচার কিছু থাকতো না। একজন নীচ জাতি, তার মাগ শাক রেঁধে পাঠাতো, আমি খেতুম।

    “কালীবাড়িতে (Ramakrishna) কাঙালীরা খেয়ে গেল, তাদের পাতা মাথায় আর মুখে ঠেকালুম। হলধারী তখন আমায় বললে, তুই করছিস কি? কাঙালীদের এঁটো খেলি, তোর ছেলেপিলের বিয়ে হবে কেমন করে? আমার তখন রাগ হল। হলধারী আমার দাদা হয়। তাহলে কি হয়? তাকে বললাম, তবে রে শ্যালা, তুমি না গীতা, বেদান্ত পড়? তুমি না শিখাও ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা? আমার আবার ছেলেপুলে হবে তুমি ঠাউরেছ! তোর গীতাপাঠের মুখে আগুন (Kathamrita)!

    (মাস্টারের প্রতি) — “দেখ, শুধু পড়াশুনাতে কিছু হয় না। বাজনার বোল লোকে মুখস্থ বেশ বলতে পারে, হাতে আনা বড় শক্ত!”

    ঠাকুর (Ramakrishna) আবার নিজের জ্ঞানোন্মাদ অবস্থা বর্ণনা করিতেছেন।

    আরও পড়ুনঃ “ধ্যান করবার সময় তাঁতে মগ্ন হতে হয়, উপর উপর ভাসলে কি জলের নিচে রত্ন পাওয়া যায়?”

    আরও পড়ুনঃ “আবার সেই সমাধি! আবার নিস্পন্দন দেহ, স্তিমিতি লোচন, দেহ স্থির

    আরও পড়ুনঃ দেখিয়াই ঠাকুর উচ্চহাস্য করিয়া ছোকরাদের বলিয়া উঠিলেন, “ওই রে আবার এসেছে”

    আরও পড়ুনঃ “ধ্যান করবার সময় তাঁতে মগ্ন হতে হয়, উপর উপর ভাসলে কি জলের নিচে রত্ন পাওয়া যায়?”

  • Sambhal: উদ্ধার ৪১টি মন্দির, ১৯টি প্রাচীন কূপ! হিংসা অতীত, মাত্র ১০০ দিনেই সম্ভল ফিরছে পুরানো গরিমায়

    Sambhal: উদ্ধার ৪১টি মন্দির, ১৯টি প্রাচীন কূপ! হিংসা অতীত, মাত্র ১০০ দিনেই সম্ভল ফিরছে পুরানো গরিমায়

    মাধ্যম নিউজ ডেস্ক: এক সময় ছিল সমৃদ্ধ জনপদ। হিন্দু অধ্যুষিত এলাকায় ছিল মন্দির, ঐতিহাসিক কূপ। কয়েক শতাব্দীর পুরানো এই সব মন্দিরে নিত্য হত পুজোপাঠ। ১৯৭৮ সালে কারা যেন হিংসার আগুন লাগাল। প্রাণভয়ে এলাকা ছেড়ে পালালেন হিন্দুরা (Uttar Pradesh)। পেছনে পড়ে রইল মন্দির, ইতিহাস, জমি-জিরেত সব (Sambhal)। পরবর্তীকালে অবৈধ নির্মাণের কারণে লোকচক্ষুর আড়ালে চলে যেতে থাকে আস্ত ‘ইতিহাস’। সম্প্রতি অবৈধ দখলদারদের হঠাতে গিয়ে উদ্ধার করা হয় মন্দির-কূপ-ইতিহাস সব। মাত্র ১০০ দিনের মধ্যেই ফের হারানো গরিমা ফিরে পেয়েছে উত্তরপ্রদেশের সম্ভল। জেলা প্রশাসন এবং ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণের যৌথ প্রচেষ্টায় উদ্ধার হয়েছে ৪১টি মন্দির ও ১৯টি প্রাচীন কূপ।

    সম্ভলের ভোল বদল (Sambhal)

    সম্ভলের এই ভোল বদল ঘটে গত ২৪ নভেম্বর। ওই দিন ষোড়শ শতকের মুঘল আমলের সম্ভলের শাহি জামে মসজিদের আদালত-পর্যবেক্ষিত ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণের সমীক্ষাকে কেন্দ্র করে ফের সংঘর্ষের ঘটনা ঘটে। ঐতিহাসিক সত্যতা যাচাইয়ের উদ্দেশ্যে শুরু হয় সমীক্ষার কাজ। তার জেরে শুরু হয় ভয়াবহ সংঘর্ষ। মৃত্যু হয় পাঁচজনের। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় যায় পুলিশ। জখম হন বেশ কয়েকজন পুলিশ কর্তা। পুরো জনপদটি বিশৃঙ্খলায় পর্যবসিত হয়। দ্রুত ছড়িয়ে পড়ে আতঙ্ক। শয়ে শয়ে মানুষ বাড়িঘর এবং ব্যবসা ছেড়ে পালাতে বাধ্য হন।

    কী বলছেন পুলিশ কর্তা (Uttar Pradesh)

    নাম প্রকাশে অনিচ্ছুক (Sambhal) এক প্রবীণ পুলিশ কর্তা বলেন, “৩০০ থেকে ৫০০টি বাড়ি তালাবন্ধ, শহর থেকে নিখোঁজ হয়েছেন অন্তত ২,০০০ মানুষ। সবাই সংঘর্ষে জড়িত ছিল না। তবে পুলিশ যখন বাড়ি বাড়ি তল্লাশি শুরু করে, তখন আতঙ্ক ছড়িয়ে পড়ে। ১৯৭৮ সালের হিংসার পর থেকে এই পরিবারের অনেকেই দখল করা জমিতে বসবাস করছিল। শেষমেশ আইন তাদের নাগাল পেয়েছে।” এই বিশৃঙ্খলার মধ্যেই শহরের হারানো গরিমা পুনরুদ্ধারের চেষ্টা শুরু হয়। তার সুফলও মেলে। দখলদারদের হঠিয়ে যেসব জিনিস পুনরাবিষ্কার করা হয়, তার মধ্যে রয়েছে অমরপতি খেড়া। এই খেড়াটি সংরক্ষিত করেছিল ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ।

    ৭৫ বছর ধরে লোকচক্ষুর আড়ালে ছিল

    গত ৭৫ বছর ধরে লোকচক্ষুর আড়ালে ছিল এটি। এই জায়গাটিকে দধীচি আশ্রম বলে মনে করা হয়। ২১টি সমাধিও রয়েছে এখানে। এর মধ্যে একটি সমাধি পৃথ্বীরাজ চৌহানের গুরু অমরপতির। অন্য যে সব ঐতিহ্যবাহী স্থান (Uttar Pradesh) পুনরুদ্ধার করা হয়েছে, সেগুলি হল সারাইতারিনের দরবার এলাকায় রাজা টঙ্কের আদালত, টোটা মাইনা সমাধি এবং একটি প্রাচীন শিব মন্দির। চান্দৌসির ১৫০ বছরের পুরোনো একটি প্রাচীন কুয়ো, যা ১৮৫৭ সালের বিদ্রোহের সময়কার ভূগর্ভস্থ সুড়ঙ্গের সঙ্গে সংযুক্ত। ভদ্রকাশ্রম, স্বর্গদ্বীপ, চক্রপাণি এবং একটি প্রাচীন তীর্থস্থল দাহ স্থান মন্দির। খাগগু সারাইয়ের কার্তিকেশ্বর মন্দির, সারাইতারিনের রাধাকৃষ্ণ মন্দির এবং সম্ভলের স্থাপত্য ঐতিহ্যের অংশ হিসেবে আবিষ্কৃত হয়েছে একটি বিশাল প্রাচীন কুয়ো।

    যোগী আদিত্যনাথের বক্তব্য

    হারানো ইতিহাস (Sambhal) পুনরুদ্ধারের পর উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বিধানসভায় বলেছিলেন, “সম্ভলের ৬৮টি তীর্থস্থান এবং ১৯টি কুয়োর চিহ্ন মুছে ফেলার চেষ্টা করা হয়েছিল। আমাদের সরকারের দায়িত্ব ছিল সেগুলি খুঁজে বের করা। এখন যখন আমরা সেগুলি আবিষ্কার করেছি, আমরা নিশ্চিত করব যে সেগুলি সংরক্ষিত করা হবে। আমরা শুধুমাত্র আমাদের ন্যায্য অধিকারটুকুই চাই।” জানা গিয়েছে, যোগী প্রশাসন এগুলিকে বন্ধন স্কিমের সঙ্গে যুক্ত করেছে। সরকারের পরিকল্পনা, সম্ভলকে উত্তরপ্রদেশের মোরাদাবাদ বিভাগের ধর্মীয় পর্যটন করিডরের একটি প্রধান কেন্দ্র করে তোলা। সম্ভল ত্রিনেত্র কল্কি দেব তীর্থ সমিতি নামে একটি সংস্থা যা হারিয়ে যাওয়া ঐতিহাসিক স্থানগুলির পুনরুজ্জীবনের কাজ করছে এই উদ্যোগে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

    প্রত্নরত্ন উদ্ধার

    আমরপতি খেদা খনন করার (Sambhal) সময় প্রত্নতাত্ত্বিকরা মাটির নীচে প্রাচীন মুদ্রা, মাটির হাঁড়ি এবং বিরাগী প্রদীপের সন্ধান পেয়েছেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ আবিষ্কারটি হল এমন একটি মুদ্রা, যাতে ভগবান রাম, মা সীতা এবং ভগবান লক্ষ্মণের ছবি খোদাই করা রয়েছে। এই আবিষ্কারগুলি এই জায়গার গভীর ঐতিহাসিক এবং ধর্মীয় (Uttar Pradesh) তাৎপর্য প্রমাণ করে। সম্ভলের জেলা ম্যাজিস্ট্রেট রাজেন্দ্র সিংহ বলেন, “সম্ভল তার পুরনো গৌরবে ফিরে এসেছে। আমাদের লক্ষ্য হল এর পরিচয় সংরক্ষণ করা এবং এটিকে একটি ধর্মীয় ও পর্যটন নগরীতে রূপান্তরিত করা।” এসপি কৃষ্ণ কুমার বিষ্ণোইয়ের দাবি, “হিংসার পর এখন পরিস্থিতি পুরোপুরি শান্ত। দোষীদের বিচারের আওতায় আনা হচ্ছে এবং আইনশৃঙ্খলা পুনরুদ্ধার হয়েছে।” এক্সিকিউটিভ অফিসার মণিভূষণ তিওয়ারি বলেন, “আমরা চাই দর্শকরা হেঁটে হেঁটে ঘুরে দেখুন এই জায়গাগুলো। অনুভব করুন সেগুলির ঐতিহাসিক গুরুত্ব। ধর্মীয় ইতিহাসে সম্ভলের গুরুত্ব অনুধাবন করুন তাঁরা। বিশেষত (Uttar Pradesh) ভগবান কল্কির সঙ্গে এই এলাকার সম্পর্ক (Sambhal)।”

  • Bofors Case: বোফোর্স মামলায় গুরুত্বপূর্ণ নথির খোঁজে আমেরিকার দ্বারস্থ ভারত

    Bofors Case: বোফোর্স মামলায় গুরুত্বপূর্ণ নথির খোঁজে আমেরিকার দ্বারস্থ ভারত

    মাধ্যম নিউজ ডেস্ক: বোফোর্স মামলায় (Bofors Case) গুরুত্বপূর্ণ নথির খোঁজে আমেরিকার দ্বারস্থ হল ভারত (India)। মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে ভারত এ ব্যাপারে একটি জুডিশিয়াল অনুরোধ পাঠিয়েছে। বোফোর্স কেলেঙ্কারি ৬৪ কোটি টাকার মামলা। সরকার আটের দশকের শেষের দিকে কংগ্রেস সরকারের আমলে সুইডেন থেকে ১৫৫ মিমি ফিল্ড আর্টিলারি গান কেনার সঙ্গে জড়িত এই কেলেঙ্কারির তদন্ত পুনরুজ্জীবিত করতে চাইছে বলেই ধারণা ওয়াকিবহাল মহলের।

    ‘রোগেটরি লেটার’ (Bofors Case)

    সূত্রের খবর, দিন কয়েক আগে একটি বিশেষ আদালত থেকে জারি করা হয় ‘রোগেটরি লেটার’ (Letter Rogatory)। সেটি পাঠানো হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের বিচার বিভাগে। ভারতীয় সংস্থা সেই কেসের বিস্তারিত তথ্য চেয়েছে। এই তথ্য মার্কিন প্রাইভেট গোয়েন্দা সংস্থা ফেয়ারফ্যাক্সের প্রধান মাইকেল হার্শম্যানের কাছে ছিল। এই তথ্যে উল্লেখ করা হয়েছিল যে সুইডিশ অস্ত্র নির্মাতা এবি বোফোর্স ভারত থেকে ৪০০টি হাউইৎজার কামানের অর্ডার পাওয়ার জন্য ঘুষ দিয়েছিল বলে অভিযোগ (Bofors Case)।

    হার্শম্যানের দাবি

    ২০১৭ সালে হার্শম্যান দাবি করেছিলেন, খবর ছড়িয়ে পড়তেই তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী “রেগে গিয়েছিলেন”। হার্শম্যানের দাবি, তিনি সুইস ব্যাঙ্কে মোঁ ব্লঁ (Mont Blanc) নামের একটি অ্যাকাউন্ট খুঁজে পেয়েছিলেন। এই অ্যাকাউন্টেই বোফোর্সের দেওয়া ঘুষের অর্থ জমা রাখা হয়েছিল বলে অভিযোগ উঠেছিল। হার্শম্যান আরও দাবি করেছিলেন, তৎকালীন কংগ্রেস সরকার তাঁর তদন্তকে নস্যাৎ করার চেষ্টা করেছিল (India)।

    এজেন্সিটি প্রথমবার দিল্লির আদালতের সঙ্গে অক্টোবর মাসে যোগাযোগ করেছিল। মার্কিন কর্তৃপক্ষের কাছ থেকে তথ্য সংগ্রহের পরিকল্পনার কথা তাদের জানিয়েছিল। এই পদক্ষেপটি হার্শম্যানের কারণে নেওয়া হয়েছিল। তিনি ভারতীয় এজেন্সিগুলির সঙ্গে সহযোগিতা করতে সম্মত হয়েছিলেন।

    প্রসঙ্গত, ‘লেটার রোগেটরি’ হল একটি আনুষ্ঠানিক, লিখিত অনুরোধ যা একটি দেশের আদালত অন্য দেশের আদালতের কাছে পাঠায় প্রমাণ সংগ্রহ বা ফৌজদারি মামলার তদন্ত এবং বিচারের সুবিধার্থে সহায়তার জন্য।

    ১৯৯০ সালে এই মামলা নথিভুক্ত (India) করেছিল সিবিআই। ১৯৯৯ ও ২০০০ সালে চার্জশিট দাখিল করে। রাজীব গান্ধীকে নির্দোষ ঘোষণা করার পর একটি বিশেষ আদালত হিন্দুজা ভাইদের-সহ বাকি অভিযুক্তদের বিরুদ্ধে সমস্ত অভিযোগও খারিজ করে দেয় (Bofors Case)।

  • Volodymyr Zelenskyy: হোয়াইট হাউসের ঘটনায় দুঃখ প্রকাশ, জেলেনস্কির মুখে এখন শান্তির বার্তা

    Volodymyr Zelenskyy: হোয়াইট হাউসের ঘটনায় দুঃখ প্রকাশ, জেলেনস্কির মুখে এখন শান্তির বার্তা

    মাধ্যম নিউজ ডেস্ক: শেষমেশ মার্কিন চাপের কাছে নতি স্বীকার করে নিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভালোদিমির জেলেনস্কি (Volodymyr Zelenskyy)! হোয়াইট হাউসকাণ্ডের জেরে ইউক্রেনকে সব রকম সামরিক সহায়তা দেওয়া (Ukraine Peace) বন্ধ করার কথা ঘোষণা করেছিলেন ৪৭তম মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই প্রকাশ্যে দুঃখ প্রকাশ করলেন ইউক্রেনের প্রেসিডেন্ট।

    ইউক্রেনের প্রেসিডেন্টের দুঃখ প্রকাশ (Volodymyr Zelenskyy)

    তিনি বলেন, “শুক্রবার ওয়াশিংটনের হোয়াইট হাউসে আমাদের বৈঠকটি যেমন হওয়া উচিত ছিল, তেমন হয়নি। এটা দুঃখজনক যে এটা এভাবে ঘটেছে। এখন সময় এসেছে সব কিছু ঠিক করার। আমরা চাই, ভবিষ্যতের সহযোগিতা ও যোগাযোগ গঠনমূলক হোক।” মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় এক বিবৃতিতে ইউক্রেনের প্রেসিডেন্ট (Volodymyr Zelenskyy) বলেন, “আমি শান্তির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। আমার দেশ স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য যত তাড়াতাড়ি সম্ভব আলোচনায় বসতে চায়।” এর পরেই তিনি বলেন, “আমি ও আমার দল সর্বদা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দৃঢ় নেতৃত্বে কাজ করতে প্রস্তুত।” জেলেনস্কি বলেন, “কেউই এই যুদ্ধ চায় না।”

    যুদ্ধ শেষ করতে রাজি

    ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, “আমরা যুদ্ধ শেষ করার জন্য দ্রুত কাজ করতে প্রস্তুত এবং এর প্রথম পদক্ষেপ হতে পারে বন্দিদের মুক্তি এবং আকাশ ও সমুদ্রে যুদ্ধবিরতি; যদি রাশিয়াও একই কাজ করে। এর আওতায় ক্ষেপণাস্ত্র, দূরপাল্লার ড্রোন, জ্বালানি ও অন্যান্য অসামরিক পরিকাঠামোর ওপর বোমা-হামলা নিষিদ্ধ করা উচিত। আমরা পরবর্তী সব পদক্ষেপ খুব দ্রুত সম্পন্ন করতে চাই। এবং একটি শক্তিশালী চূড়ান্ত চুক্তিতে সম্মত হওয়ার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করতে চাই। ইউক্রেনের সার্বভৌমত্ব ও স্বাধীনতা বজায় রাখার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র যে পরিমাণ সাহায্য করেছে, আমরা তা সত্যিই মূল্যবান বলে মনে করি। আর আমরা সেই মুহূর্তটির কথা মনে করি, যখন প্রেসিডেন্ট ট্রাম্প ইউক্রেনকে জ্যাভেলিন সরবরাহ করেছিলেন, তখন পরিস্থিতি বদলে গিয়েছিল। এজন্য আমরা কৃতজ্ঞ।”

    জেলেনস্কি বলেন, “ইউক্রেন যে কোনও সময় এবং যে কোনও সুবিধাজনক বিন্যাসে খনিজ ও নিরাপত্তা সংক্রান্ত চুক্তি স্বাক্ষর করতে প্রস্তুত। আমরা এই চুক্তিকে বৃহত্তর নিরাপত্তা ও দৃঢ় নিরাপত্তা নিশ্চয়তার জন্য একটি পদক্ষেপ হিসেবে দেখছি (Ukraine Peace)। আমি সত্যিই আশা করি, এটি কার্যকরভাবে কাজ করবে (Volodymyr Zelenskyy)।”

  • Bankrupt Bangladesh: বস্ত্রের পর চিংড়ি, বন্ধ হচ্ছে একের পর এক শিল্প, দেউলিয়ার পথে বাংলাদেশ?

    Bankrupt Bangladesh: বস্ত্রের পর চিংড়ি, বন্ধ হচ্ছে একের পর এক শিল্প, দেউলিয়ার পথে বাংলাদেশ?

    মাধ্যম নিউজ ডেস্ক: হাসিনা জমানায় রকেটের গতিতে উত্থান হচ্ছিল বাংলাদেশের। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেরে গত ৫ অগাস্ট প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিয়ে বাংলাদেশ ছাড়েন আওয়ামি লিগ সুপ্রিমো শেখ হাসিনা। ক্ষমতায় (India) বসেন মহম্মদ ইউনূস। তার পর থেকেই পতন হতে থাকে বাংলাদেশের (Bankrupt Bangladesh) উন্নয়নের পারা। বিশেষজ্ঞদের একটা বড় অংশের মতে, এভাবে চলতে থাকলে বাংলাদেশেরও অবস্থা হবে পাকিস্তানের মতো। ভিক্ষাপাত্র হাতে বিশ্বের দোরে দোরে ঘুরলেও, সাহায্য মিলবে না। কিন্তু এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার জন্য যে উদ্যোগের প্রয়োজন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ইউনূসকে তা নিতে দেখা যায়নি। বরং গদি আঁকড়ে বসে থাকতে যা যা করণীয়, কৌশলে তিনি তা অহরহ করে চলেছেন বলে অভিযোগ।

    অবনতির দিকে যাচ্ছে বাংলাদেশ (Bankrupt Bangladesh) 

    হাসিনা-উত্তর জমানায় বাংলাদেশের পরিস্থিতি ক্রমেই অবনতির দিকে যাচ্ছে। ৪৭তম মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার কারণে এমনিতেই সঙ্কটের সম্মুখীন হয়েছে বাংলাদেশের পোশাক শিল্প। গোদের ওপর বিষফোঁড়ার মতো এখন আবার দেখা দিয়েছে নয়া সঙ্কট। বন্ধ হওয়ার মুখে বাংলাদেশের চিংড়ি ব্যবসা। বন্ধ হয়ে গিয়েছে চিংড়ি প্রক্রিয়াকরণের সিংহভাগ কারখানা। রফতানির পরিমাণ হ্রাস ও বিভিন্ন চ্যালেঞ্জের কারণে সম্পূর্ণভাবে ধ্বংসের মুখে চিংড়ি প্রক্রিয়াকরণ শিল্প।

    কারও পৌষ মাস তো কারও সর্বনাশ

    কথায় বলে, কারও পৌষ মাস তো কারও সর্বনাশ। বাংলাদেশের কাছে যেটা সর্বনাশের কারণ হয়ে দাঁড়িয়েছে, সেটাই ভারতের কাছে হয়েছে পৌষ মাস। কারণ যে যে শিল্পগুলি বাংলাদেশে মুখ থুবড়ে পড়ছে, সেই সেই ক্ষেত্রে বিশ্ব বাজারে ভারতের কাছে খুলে যাচ্ছে সুযোগের আবারিত দ্বার (Bankrupt Bangladesh)।

    ডেইলি স্টারের রিপোর্ট

    বাংলাদেশের পত্রিকা দ্য ডেইলি স্টারের একটি রিপোর্টে বলা হয়েছে, একসময় লাখ লাখ মার্কিন ডলার আয় করা চিংড়ি প্রক্রিয়াকরণ শিল্প এখন তীব্র মন্দার মুখে পড়েছে। রফতানি অর্ধেকে নেমে (India) আসার কারণে অধিকাংশ চিংড়ি কারখানা বন্ধ হয়ে গিয়েছে। বাংলাদেশের চিংড়ি শিল্পে হাজার হাজার মানুষের কর্মসংস্থান হত। এটি দেশের গ্রামীণ অর্থনীতির মেরুদণ্ডও ছিল। তবে, কাঁচামালের ঘাটতি, রফতানির পতন, পরিবেশগত পরিবর্তন এবং সরকারের উত্থান-পতনের কারণে এই শিল্প এখন ডুবে যাচ্ছে।

    বাংলাদেশ ফ্রোজেন ফুডস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের বক্তব্য

    বাংলাদেশ ফ্রোজেন ফুডস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (BFFEA)-এর মতে, আগে দেশে ১০৯টি চিংড়ি প্রক্রিয়াকরণ কারখানা ছিল (Bankrupt Bangladesh)। তবে বর্তমানে চালু রয়েছে খুলনায় মাত্র ৩০টি এবং চট্টগ্রামে ১৮টি কারখানা। বাকি সব বন্ধ হয়ে গিয়েছে। এসব কারখানার বার্ষিক উৎপাদন ক্ষমতা প্রায় ৪,০০,০০০ টন হলেও তারা প্রয়োজনীয় চিংড়ি উৎপাদনের মাত্র ৭ শতাংশ পাচ্ছে। এই ঘাটতির কারণে অনেক কারখানা ইতিমধ্যেই ঝাঁপ বন্ধ করতে বাধ্য হয়েছে। কোম্পানিগুলি তাদের প্রয়োজনীয় চিংড়ির মাত্র ২৫-৩০ শতাংশ সংগ্রহ করতে পারছে, যার ফলে বেশ কয়েকটি কারখানা উৎপাদন চলাকালীনই বন্ধ হয়ে গিয়েছে।

    আদতে লাভ হয়েছে ভারতের

    রাজনৈতিক ডামাডোলের বাজারে বাংলাদেশের উন্নয়নের পারদ পতন হওয়ায় আদতে লাভ হয়েছে ভারতের। ভারত চিংড়ির একটি বৃহৎ রফতানিকারক দেশ। ভারতে উৎপাদিত চিংড়ি চলে যায় মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান এবং ইউরোপীয় ইউনিয়নের বাজারে। ২০২৩-২৪ সালে ভারত ১ লাখ ৭৮১ হাজার ৬০২ মেট্রিক টন চিংড়ি রফতানি করেছে। এই পরিমাণ চিংড়ির মোট মূল্য ৬০,৫২৩.৮৯ কোটি টাকা। মার্কিন যুক্তরাষ্ট্র ভারত থেকে আমদানি করেছে ২৯৭,৫৭১ মেট্রিক টন ফ্রোজেন চিংড়ি। বাংলাদেশি চিংড়ি সবচেয়ে বেশি পছন্দ করা হয়। বাংলাদেশ এই চিংড়ি বেশিরভাগ রফতানি করে ইউরোপীয় দেশগুলিতে। বাংলাদেশের ৯০ শতাংশের বেশি চিংড়ি রফতানি হয় ইইউ দেশগুলিতে। বাংলাদেশে এই শিল্পে সঙ্কট দেখা দেওয়ায় এখন ভারত এই দেশগুলিতে রফতানি করতে পারবে। ফলে ভারতে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি পাবে (Bankrupt Bangladesh)।

    ভ্যানামেই চিংড়ি চাষ

    ভারতের বিভিন্ন রাজ্যে চাষ হচ্ছে ভ্যানামেই চিংড়ি। কয়েক বছর আগে পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুরের সমুদ্রতীরবর্তী এলাকায় জমিতে নোনা জল ঢুকিয়ে চাষ শুরু হয় এই প্রজাতির চিংড়ির। সময়ের সঙ্গে সঙ্গে বাড়তে থাকে চাষের এলাকার পরিমাণও। স্বাভাবিকভাবেই বাড়তে থাকে বাজার। কম লবণাক্ত জলে এই প্রজাতির চিংড়ি চাষ করে পথ দেখিয়েছে হরিয়ানা। সেখানে দুই মৎস্য বিজ্ঞানীর পরামর্শে ভ্যানামেই চাষ করে প্রথমবারই উৎপাদন হয়েছিল ১০ হাজার টন। সেখান থেকেই এই প্রজাতির চিংড়ি চলে যাচ্ছিল গুজরাট এবং দিল্লির বিভিন্ন বাজারে।

    আগেই বিশেষজ্ঞরা জানিয়েছিলেন, আন্তর্জাতিক বাজারে ভ্যানামেইয়ের চাহিদা ক্রমেই বাড়ছে। এই প্রজাতির চিংড়ির স্বাদ বাগদার স্বাদের কাছাকাছি। তবে বাগদার মতো দেখনদারি এর নেই। এর নিজস্ব জৈব (India) গন্ধও তত চড়া নয়। তাই বিশ্বের বাজারে ক্রমেই বাড়ছে এই প্রজাতির চিংড়ির চাহিদা। বাংলাদেশের চিংড়ি শিল্প মার খাওয়ায় এবার সুবর্ণ সুযোগ ভারতের দুয়ারে (Bankrupt Bangladesh)।

  • India: ভারত সফলভাবে চরম দারিদ্র্য দূর করতে পেরেছে, বলছে নয়া গবেষণা

    India: ভারত সফলভাবে চরম দারিদ্র্য দূর করতে পেরেছে, বলছে নয়া গবেষণা

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারত (India) সফলভাবে চরম দারিদ্র্য দূর করতে পেরেছে। গত দশকে দারিদ্র্যের স্তরে সবচেয়ে তীব্র পতনও প্রত্যক্ষ করেছে। সাম্প্রতিক এক গবেষণায়ই উঠে এসেছে এই তথ্য। ভারতের অন্তর্ভুক্তিমূলক বৃদ্ধির ওপর “ভারতে অন্তর্ভুক্তিমূলক বৃদ্ধির চারটি সত্য” শীর্ষক একটি গবেষণায় অর্থনীতিবিদ সুরজিত এস ভল্লা এবং করণ ভাসিন ভারতের দারিদ্র্য প্রবণতার একটি যুগান্তকারী বিশ্লেষণ প্রকাশ করেছেন। গবেষণা করা হয়েছে ২০২২-২৩ এবং ২০২৩-২৪ সালের জন্য গৃহস্থালী ভোগব্যয় সমীক্ষার ভিত্তিতে। সেখানেই জানা গিয়েছে, ভারত সফলভাবে দূর করতে পেরেছে চরম দারিদ্র্য (Poverty)।

    চরম দারিদ্র্য নির্মূল (India)

    সমীক্ষায় প্রাপ্ত তথ্য অনুযায়ী, ২০২৩-২৪ সালে ভারতের চরম দারিদ্র্যের হার ১ শতাংশের নীচে নেমে এসেছে। ২০১১-১২ সালের পরিসংখ্যান অনুযায়ী, ১২.২ শতাংশ মানুষ দরিদ্র ছিল। ২০২৩-২৪ সালে মাত্র ১ শতাংশ মানুষ দারিদ্র্যসীমার নীচে রয়েছে। ওয়ার্ল্ড ব্যাঙ্কের ১.৯ ডলার পিপিপি এবং ২.১৫ ডলার পিপিপি দারিদ্র্যসীমা এই ড্রামাটিক হ্রাসের সত্যতা নিশ্চিত করেছে। এটি ভারতের অর্থনৈতিক অগ্রগতির একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

    বৈষম্য হ্রাস

    এই গবেষণায়ই দেখা গিয়েছে, গত বারো বছরে ভারতে বৈষম্য কমেছে। আয়ের বৈষম্য মাপার সূচক গিনি সহগ ২০১১-১২ সালে ছিল ৩৭.৫। ২০২৩-২৪ সালে এটাই কমে ২৯.১-এ পৌঁছেছে। উচ্চ-উন্নয়নশীল অর্থনীতির দেশগুলোর মধ্যে ভারতের (India) এই বৈষম্য হ্রাস একটি বিরল ঘটনা। বিশ্বের মাত্র কয়েকটি দেশের মধ্যে ভারত এখন এমন একটি দেশ যেখানে বৈষম্য বাড়ছে না, বরং কমছে। ভুটান এবং ডোমিনিকান রিপাবলিক এই ক্ষেত্রে বড় ধরনের হ্রাস দেখিয়েছে। তবে এই দুই দেশেই জনসংখ্যা অনেক কম। সাধারণত, অর্থনৈতিক প্রবৃদ্ধির ফলে বৈষম্য বৃদ্ধি পায়, যেখানে ধনীরা আরও ধনী হন এবং দরিদ্ররা দরিদ্রই থেকে যান। তবে ভারত এ ক্ষেত্রে একটি ব্যতিক্রমী হিসেবেই প্রমাণিত হচ্ছে, যেখানে অর্থনৈতিক ফারাক বাড়ছে না, কমছে।

    গরিবদের মধ্যে বাড়তি ভোগব্যয়

    ভারতের জনসংখ্যার নীচের তিনটি (Poverty) দশমাংশে ভোগব্যয় বৃদ্ধির এক অভূতপূর্ব প্রবণতা দেখা গিয়েছে। গবেষণাটি দেখায়, খাদ্য, গৃহস্থালী পণ্য এবং আসবাবপত্রের মতো টেকসই সামগ্রীর ক্ষেত্রে মাসিক মাথাপিছু ভোগব্যয়ের উল্লেখযোগ্য বৃদ্ধি ঘটেছে। ২০২২-২৩ এবং ২০২৩-২৪ সালের মধ্যে সবচেয়ে দরিদ্র জনগোষ্ঠীর খাদ্যে ব্যয় বেড়েছে ১০.৭ শতাংশ। আর যন্ত্রপাতি ও আসবাবপত্রের মতো ক্ষেত্রে ব্যয় বেড়েছে ২৪.২ শতাংশ। সামগ্রিকভাবে, জনসংখ্যার নীচের ৩০ শতাংশের মাসিক মাথাপিছু ভোগব্যয় ১১.৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এই প্রবণতা নির্দেশ করে যে সরকারি কল্যাণমূলক কর্মসূচি, আয় বৃদ্ধি এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি ভারতের দরিদ্রতম পরিবারের আর্থিক স্থিতিশীলতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

    একটি নতুন দারিদ্র্যসীমার প্রয়োজন

    গবেষকদের দাবি, ভারত প্রায় সম্পূর্ণভাবে চরম দারিদ্র্য দূর করতে সক্ষম হয়েছে, যা খুব কম উন্নয়নশীল দেশ করতে পেরেছে। গবেষকদের যুক্তি, ভারতের বর্তমান দারিদ্র্যসীমা পুরনো এবং এটি বঞ্চনার বৃহত্তর মাত্রাকে সঠিকভাবে প্রতিফলিত করতে ব্যর্থ হয়েছে। তাঁরা ইউরোপীয় মান অনুসারে একটি আপেক্ষিক (India) দারিদ্র্যসীমা গ্রহণের প্রস্তাব দেন। এখানে মধ্যম আয়ের ৬০ শতাংশকে দারিদ্র্যের সীমা ধরা হয়।

    ডেটার ভ্যালিডিটি

    নয়া এইচসিইএস ২০২২-২৩ সমীক্ষায় যে তথ্য সংগ্রহ করা হয়েছিল, তা এইচসিইএস ২০১১-১২-র সমীক্ষার সঙ্গে তুলনীয় নাও হতে পারে – এমন একটা উদ্বেগ গবেষকদের ছিল। তাই ডেটার ভ্যালিডিটির বিষয়টি নিশ্চিত করতে তাঁরা জাতীয় অর্থনৈতিক নথির সঙ্গে সমীক্ষার তথ্যের তুলনা করেছেন সার্ভে টু ন্যাশনাল অ্যাকাউন্টস অনুপাত ব্যবহার করে। তাই ফল সময়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল — ২০১১-১২ সালে ৫২.৪ শতাংশ, ২০২২-২৩ সালে ৪৬.৯ শতাংশ এবং ২০২৩-২৪ সালে ৪৭.৯ শতাংশ। এটি প্রমাণ করে যে দারিদ্র্যের হ্রাস সমীক্ষার পদ্ধতির পরিবর্তনের কারণে নয়, বরং এটি মানুষের জীবনযাত্রার প্রকৃত উন্নতির প্রতিফলন (Poverty)।

    “আপেক্ষিক দারিদ্র্যসীমা”

    গবেষকরা “আপেক্ষিক দারিদ্র্যসীমা” ব্যবহারের প্রস্তাব দিয়েছেন। এটি ইউরোপের অনুরূপ। এখানে দারিদ্র্য সংজ্ঞায়িত হয় মধ্যম আয়ের ৬০ শতাংশ হিসাবে। এই পদ্ধতি ভারতে প্রয়োগ করা হলে জনসংখ্যার ১৬.৫ শতাংশ মানুষ দরিদ্র হিসেবে চিহ্নিত হতেন। অন্য একটি পদ্ধতিতে, গড় আয়ের ৫০ শতাংশ ব্যবহার করলে, ২৪.৭ শতাংশ মানুষ দরিদ্র বলে বিবেচিত হতেন। এটি ভারতের অর্থনীতি বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একটি নতুন, আরও প্রাসঙ্গিক দারিদ্র্যসীমা নির্ধারণের প্রয়োজনীয়তা তুলে ধরে।

    দারিদ্র্য বিতর্কে পরিবর্তন সংক্রান্ত গবেষণাটি দারিদ্র্যের স্তর নিয়ে বিতর্ক থেকে সরে এসে দারিদ্র্য হ্রাসে ভূমিকা রাখা নীতিগুলোর বোঝাপড়ার দিকে মনোযোগ দেয়। গবেষণার ফলগুলি ভল্লা প্রভৃতি (২০২২) এবং রয় ও ভ্যান ডার ওয়াইড (২০২৫)-এর পূর্ববর্তী গবেষণার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, যা গত দশকে ভারতের দারিদ্র্য উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে বলে দাবি করে।

    এছাড়াও, চরম দারিদ্র্যের নির্মূলের পরে, এখন মনোযোগ দিতে হবে মধ্যবিত্ত শ্রেণির সংহতকরণ এবং টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধির (Poverty) জন্য ব্যবস্থা গ্রহণের দিকে। গবেষণাটি দেখায় যে ভারতের লক্ষ্যভিত্তিক কল্যাণমূলক অর্থনৈতিক কৌশলগুলি (India) এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

  • Ramakrishna 287: “ধর্মের সূক্ষ্মা গতি, একটু কামনা থাকলে ভগবানকে পাওয়া যায় না, ছুঁচের ভিতর সুতো যাওয়া একটু রোঁ থাকলে হয় না”

    Ramakrishna 287: “ধর্মের সূক্ষ্মা গতি, একটু কামনা থাকলে ভগবানকে পাওয়া যায় না, ছুঁচের ভিতর সুতো যাওয়া একটু রোঁ থাকলে হয় না”

    শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে ভক্তসঙ্গে ও কলিকাতায় চৈতন্যলীলা-দর্শন

    দ্বিতীয় পরিচ্ছেদ

    ১৮৮৪, ২১শে সেপ্টেম্বর

    ন্যাংটাবাবার শিক্ষা — ঈশ্বরলাভের বিঘ্ন অষ্টসিদ্ধি

    সাধু খাতির করে তাঁকে বসালেন। এমন সময়ে একটা হাতি সেখান দিয়ে যাচ্ছে। তখন নূতন সাধুটি বললেন, ‘আচ্ছা মহারাজ, আপনি মনে করলে এই হাতিটাকে মেরে ফেলতে পারেন?’ সাধু বললেন, ‘য়্যাসা হোনে শক্তা’। এই বলে ধুলো পড়ে হাতিটার গায়ে দেওয়াতে সে ছটফট করে মরে গেল। তখন যে সাধুটি এসেছে, সে বললে, ‘আপনার কি শক্তি! হাতিটাকে মেরে ফেললেন।’ সে হাসতে লাগল। তখন ও সাধুটি বললে (Kathamrita), ‘আচ্ছা, হাতিটাকে আবার বাঁচাতে পারেন?’ সে বললে, ‘ওভি হোনে শক্তা হ্যায়।’ এই বলে আবার যাই ধুলো পড়ে দিলে, অমনি হাতিটা ধড়মড় করে উঠে পড়ল। তখন এ-সাধুটি বললে, ‘আপনার কি শক্তি! কিন্তু একটা কথা জিজ্ঞাসা করি। এই যে হাতি মারলেন, আর হাতি বাঁচালেন, আপনার কি হল? নিজের কি উন্নতি হল? এতে কি আপনি ভগবানকে (Ramakrishna) পেলেন?’ এই বলিয়া সাধুটি অন্তর্ধান হলেন।

    “ধর্মের সূক্ষ্মা গতি। একটু কামনা থাকলে ভগবানকে পাওয়া যায় না । ছুঁচের ভিতর সুতো যাওয়া একটু রোঁ থাকলে হয় না।

    “কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, ভাই আমাকে যদি লাভ করতে চাও তাহলে অষ্টসিদ্ধির একটা সিদ্ধি থাকলে হবে না।

    “কি জান? সিদ্ধাই থাকলে অহংকার হয়, ঈশ্বরকে ভুলে যায়।

    “একজন বাবু এসেছিল—ট্যারা। বলে, আপনি পরমহংস, তা বেশ, একটু স্বস্ত্যয়ন করতে হবে। কি হীনবুদ্দি। ‘পরমহংস’(Ramakrishna); আবার স্বস্ত্যয়ন করতে হবে। স্বস্ত্যয়ন করে ভাল করা,—সিদ্ধাই। অহংকারে ঈশ্বরলাভ হয় না। অহংকার কিরূপ হান? যেন উঁচু ঢিপি, বৃষ্টির জল জমে না, গড়িয়ে যায়। নিচু জমিতে জল জমে আর অঙ্কুর হয়; তারপর গাছ হয়; তারপর ফল হয়।”

    Love to all—ভালবাসায় অহংকার যায়—তবে ঈশ্বরলাভ 

    “হাজরাকে তাই বলি, আমি বুঝেছি, আর সব বোকা— এ-বুদ্ধি করো না। সকলকে ভালবাসতে হয়। কেউ পর নয়। সর্বভূতেই সেই হরিই আছেন। তিনি ছাড়া কিছুই নাই। প্রহ্লাদকে ঠাকুর বললেন, তুমি বর নাও। প্রহ্লাদ বললেন, আপনার দর্শন পেয়েছি, আমার আর কিছু দরকার নাই। ঠাকুর ছাড়লেন না। তখন প্রহ্লাদ বললেন, যদি বর দেবে, তবে এই বর দেও, আমায় যারা কষ্ট দিয়েছে তাদের অপরাধ না হয়।

    “এর মানে এই যে, হরি একরূপে কষ্ট দিলেন। সেই লোকদের (Kathamrita) কষ্ট দিলে হরির কষ্ট হয়।”

    আরও পড়ুনঃ “ধ্যান করবার সময় তাঁতে মগ্ন হতে হয়, উপর উপর ভাসলে কি জলের নিচে রত্ন পাওয়া যায়?”

    আরও পড়ুনঃ “আবার সেই সমাধি! আবার নিস্পন্দন দেহ, স্তিমিতি লোচন, দেহ স্থির

    আরও পড়ুনঃ দেখিয়াই ঠাকুর উচ্চহাস্য করিয়া ছোকরাদের বলিয়া উঠিলেন, “ওই রে আবার এসেছে”

    আরও পড়ুনঃ “ধ্যান করবার সময় তাঁতে মগ্ন হতে হয়, উপর উপর ভাসলে কি জলের নিচে রত্ন পাওয়া যায়?”

LinkedIn
Share