Tag: news in bengali

news in bengali

  • Gujarat: “ওরা হিন্দু, ওদের শেষ করে দাও”! মুসলিম যুবকদের প্রাণঘাতী হামলা, গুরুতর আহত ৪

    Gujarat: “ওরা হিন্দু, ওদের শেষ করে দাও”! মুসলিম যুবকদের প্রাণঘাতী হামলা, গুরুতর আহত ৪

    মাধ্যম নিউজ ডেস্ক: পবিত্র শ্রাবণ মাসে গুজরাটে (Gujarat) উৎসবের মরসুমও শুরু হয়েছে। দশম ব্রত মণ্ডপ তৈরি করে পুজোর প্রস্তুতি চলছিল। আচমকা, দুই পক্ষের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়। এরপরই এক হিন্দু পরিবারের বাড়িতে ঢুকে পরিবারের সদস্যদের ছুরি দিয়ে এলোপাথাড়ি কোপাতে থাকে কয়েকজন মুসলিম যুবক। এতে ওই পরিবারের ৪ জন গুরুতর আহত হয়েছেন। পুলিশ তদন্তে নেমে ইতিমধ্যে ৪ অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে। ঘটনায় রাজকোটে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। এলাকার মানুষ ভীষণভাবে আতঙ্কিত। হিন্দু পরিবারে এই হামলার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছে বিশ্ব হিন্দু পরিষদ। দোষীদের দ্রুত কঠিন শাস্তির দাবি করেছে হিন্দু সংগঠন।

    অভিযুক্ত মুসলিম যুবকদের পরিচয় (Gujarat)

    জানা গিয়েছে, হিন্দু পরিবারের দুই সদস্য দশম ব্রত মণ্ডপ তৈরি করতে যাচ্ছিলেন। তখন সিকান্দার, আফজাল, সমির ও দারেড নামের ৪ মুসলিম যুবকদের সঙ্গে তাঁদের কথা কাটাকাটি হয়। এরপর যুবকরা, ওই হিন্দু পরিবারের বাড়িতে গিয়ে হামলা চালায়। হিন্দু পরিবারের সদস্য জগদীশভাই ভাঘেলা ভগবতীপাড়া স্ট্রিটেই থাকেন। সেই সঙ্গে একটি মণ্ডপে পরিষেবা দিয়ে থাকেন৷ পাশেই মিহির ও আশিস নামে তাঁর ২ ছেলে ফাস্টফুডের ব্যবসা করেন। 

    এলাকায় মণ্ডপ তৈরি না করি!

    হামলার শিকার পরিবারের পক্ষ থেকে মিহির অভিযোগ করে বলেছেন, “আশাবা পীরের দরগার কাছে বসবাসকারী হিন্দুদের পক্ষ থেকে দশম ব্রতের জন্য একটি প্যান্ডেল তৈরি করতে প্রধান সড়কে যাওয়া হচ্ছিল। পথে সিকান্দার, আফজাল, দারেড ও সমির নামে মুসলিম যুবকরা বাধা দেয়। সেই সঙ্গে আমার বাবাকে হুমকি দিয়ে বলেছিল, পরের বার যেন এই এলাকায় মণ্ডপ তৈরি না করা হয়। এরপর আমার বাবা অন্য একজনের সঙ্গে ইতিমধ্যেই বাড়ি ফিরে এসেছিলেন। আমরা পাড়ায় আড্ডা দিচ্ছিলাম। এমন সময় চারজন মুসলিম যুবক ধারালো অস্ত্র নিয়ে আচমকা হামলা চালায় বাড়িতে। সেই সঙ্গে আমার বাবা-মাকেও মারধর করে। আমার ভাই আশিসের (১৯) পেটে ছুরি দিয়ে পর পর কোপ মারা হয়। বর্তমানে তাকে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে রাখা হয়েছে। তাঁর অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। এরপর রাজকোট (Gujarat) বি বিভাগে একটি মামলা দায়ের করেছি।”

    পরিবারের পাশে বিশ্ব হিন্দু পরিষদ (Gujarat)

    আক্রমণের শিকার এই হিন্দু পরিবারে পাশে দাঁড়িয়েছে বিশ্ব হিন্দু পরিষদ (VHP)। সংগঠনের পক্ষ থেকে পরিবারকে সব রকম সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে। রাজকোটের (Gujarat) বিশ্ব হিন্দু পরিষদের জেলা ইনচার্জ আশিস শেঠ বলেছেন, “পরিবারের পক্ষ থেকে ভগবতীপাড়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। আমরা পরিবারের জন্য সবরকম সাহায্য করব। দুষ্কৃতীদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা গ্রহণের দাবি জানাই। ভিএইচপি সহ সমস্ত হিন্দু গোষ্ঠী পরিবারকে সম্পূর্ণ সমর্থন করবে। আমরা পুলিশের সঙ্গেও কথা বলেছি এবং নিয়ম অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করেছি। পরিবারের আহত ছোট ছেলের অবস্থা আশঙ্কাজনক। অভিযুক্তরা তাকে নির্বিচারে ছুরিকাঘাত করেছে এবং চিৎকার করে বলেছে, ‘‘ওরা হিন্দু, ওদের শেষ করে দাও। এই নির্যাতনের বিরুদ্ধে শেষ পর্যন্ত লড়াই করব।”

    আরও পড়ুনঃ প্রবল বৃষ্টিতে ধসে পড়ল রাজস্থানের বিখ্যাত ‘সোনার কেল্লা’-র দেওয়ালের একাংশ

    ভারতীয় ন্যায় সংহিতায় মামলা দায়ের

    পুলিশের বিরুদ্ধে অভিযোগ, অপরাধ গুরুতর হওয়া সত্ত্বেও প্রথমে হালকা ধারায় মামলা দায়ের করে পুলিশ। কিন্তু আক্রান্ত পরিবার মামলার ধারা নিয়ে তীব্র আপত্তি তোলে। এরপর পরিবার বি ডিভিশন থানায় গিয়ে ফের অভিযোগ দায়ের করে। এরপর উচ্চপদস্থ আধিকারিক জাদেজা, পরিবারকে যথাযথ তদন্তের আশ্বাস দিয়েছেন। এরপর অভিযুক্ত চারজনকেই হেফাজতে নিয়েছে গুজরাট (Gujarat) পুলিশ। অভিযুক্ত চার মুসলিম যুবক সিকান্দার, আফজাল, দারেড (ডালিও নামেও পরিচিত) এবং সমির রউমার বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস) এর ১১৮(২), ১১৫(২), ৩৫২ এবং ৫৪ এনএস ধারায় মামলা দায়ের করা হয়েছে। আবার গুজরাট পুলিশ আইন (GPA) এর ১৩৫ ধারায় মামলা দায়ের করেছে। পরিবারের দাবি, দোষীদের কঠোর শাস্তি চাই।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Bangladesh Crisis: ঢাকায় ভারতীয় হাইকমিশন চালু থাকলেও দিল্লিতে ফিরলেন বহু কর্মী, কেন?

    Bangladesh Crisis: ঢাকায় ভারতীয় হাইকমিশন চালু থাকলেও দিল্লিতে ফিরলেন বহু কর্মী, কেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: শেখ হাসিনার দেশত্যাগের পর থেকেই রাজনৈতিক সংকটে বাংলাদেশ (Bangladesh Crisis)। শেষ পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, ধারাবাহিক হিংসার ঘটনায় বাংলাদেশে ২৩২ জন নিহত হয়েছেন। এমত পরিস্থিতিতে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হল বাংলাদেশের ভারতীয় ভিসা সেন্টারগুলি। অন্যদিকে, এবার বাংলাদেশে থাকা ভারতীয় হাইকমিশনের (Indian High Commission) অপ্রয়োজনীয় কর্মীদের দেশে ফিরিয়ে আনল ভারত। জানা গিয়েছে, এই অপ্রয়োজনীয় কর্মীদের বাণিজ্যিক ফ্লাইটের মাধ্যমে ভারতে ফিরিয়ে আনা হয়েছে। 

    ঢাকা থেকে দিল্লি এলেন ভারতীয় হাইকমিশনের কর্মচারীরা 

    বাংলাদেশে গণঅভ্যুত্থানের (Bangladesh Crisis) পর অন্তর্বর্তী সরকার গঠন ঘিরে রাজনৈতিক ডামাডোল চলছে। এমন পরিস্থিতিতে বাংলাদেশে অবস্থিত ভারতীয় হাইকমিশন থেকে নিজেদের কর্মীদের একাংশকে ফিরিয়ে এনেছে ভারত। ভারতীয় হাইকমিশন (Indian High Commission) সূত্রে জানা যাচ্ছে, বাংলাদেশে রাজনৈতিক সংকটের প্রেক্ষাপটে বর্তমানে একান্ত জরুরি নয় এমন কর্মী ও তাঁদের পরিবারের সদস্যদের ফিরিয়ে নেওয়া হচ্ছে। ইতিমধ্যেই ঢাকা থেকে দিল্লি এসে পৌঁছেছেন সকলে। তবে কূটনীতিকরা বাংলাদেশেই থাকছেন। হাইকমিশনের স্বাভাবিক কাজকর্ম চালু আছে। এ প্রসঙ্গে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, ”বর্তমানে বাংলাদেশে আনুমানিক ১৯,০০০ ভারতীয় নাগরিক রয়েছে যার মধ্যে প্রায় ৯০০০ জন ছাত্র। তবে চিন্তার কোনও কারণ নেই, আমরা আমাদের কূটনীতিকদের মাধ্যমে বাংলাদেশে ভারতীয় সম্প্রদায়ের সঙ্গে ক্রমাগত যোগাযোগ রাখছি।” 

    আরও পড়ুন: বাংলাদেশে ভাঙা পড়েছে বঙ্গবন্ধুর মূর্তি, ‘মানা যায় না’, বলছে ভাষা-শহিদের পরিবার

    বন্ধ বাংলাদেশের ভারতীয় ভিসা সেন্টারগুলি

    এখনও স্বাভাবিক নয় বাংলাদেশের পরিস্থিতি (Bangladesh Crisis)। ভারত-বাংলাদেশ সীমান্তগুলিতে সতর্ক ভাবে পাহারায় রয়েছে বিএসএফ। এমত পরিস্থিতিতে এবার অনির্দিষ্টকালের জন্য বন্ধ হল বাংলাদেশের ভারতীয় ভিসা সেন্টারগুলি। বুধবার ভারতীয় ভিসা সেন্টারের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী জানা গিয়েছে, পরবর্তী নির্দেশিকা না দেওয়া পর্যন্ত বাংলাদেশে অবস্থিত সব ভারতীয় ভিসা সেন্টারগুলি বন্ধ থাকবে। ভারতীয় ভিসা সেন্টারের ওয়েবসাইটে আরও বলা হয়েছে, পরবর্তী কবে ভিসার জন্য আবেদন করা যাবে, তা এসএমএসের মাধ্যমে জানানো হবে। 

    উল্লেখ্য, হাসিনার দেশ ছাড়ার পর বৃহস্পতিবার নোবেলজয়ী অর্থনীতিবিদ মহম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হওয়ার কথা। আপাতত ১৫ সদস্যের সরকার গঠিত হতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Jaisalmer Fort: প্রবল বৃষ্টিতে ধসে পড়ল রাজস্থানের বিখ্যাত ‘সোনার কেল্লা’-র দেওয়ালের একাংশ

    Jaisalmer Fort: প্রবল বৃষ্টিতে ধসে পড়ল রাজস্থানের বিখ্যাত ‘সোনার কেল্লা’-র দেওয়ালের একাংশ

    মাধ্যম নিউজ ডেস্ক: জয়সলমেরে প্রবল বৃষ্টিতে (Heavy Rains) দ্বাদশ শতকের বিখ্যাত ‘সোনার কেল্লা’র (Jaisalmer Fort) দেওয়াল ধসে পড়েছে। একে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়ে ছিল। তবে সঠিক রক্ষণাবেক্ষণের অভাবে পুরানো দেওয়ালগুলি দুর্বল হয়ে পড়েছিল। আর অতিভারী বর্ষণে তা ভেঙে পড়েছে।

    দেওয়ালের পাথর ধসে রাস্তায় স্তূপ (Jaisalmer Fort)

    জানা গিয়েছে, গত সপ্তাহ থেকেই ভারী বৃষ্টিপাতের (Heavy Rains) কারণে শহরের একাধিক এলাকা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। বৃষ্টির ফলে পাহাড়ি অঞ্চলে দেখা দিয়েছে ধস-জনিত সমস্যা। এই কারণেই দূর্গের প্রাচীরের একাংশে ফাটল দেখা দেয় এবং তা ধসে পড়ে। মঙ্গলবার সকালে, প্রায় ১১টার দিকে এই কেল্লার শিব রোডের দেওয়ালটি ভেঙে পড়ে। দুর্গের দেওয়ালের পাথর ধসে রাস্তায় স্তূপ হয়ে রয়েছে। কিন্তু এই দেওয়ালে ধসজনিত ভাঙন প্রথম নয়। আগেও আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া (ASI) থেকে বেশ কয়েকবার মেরামত করা হয়েছিল। এই বর্ষায় প্রাচীরের একাংশ ভেঙে পড়েছে, যা দুর্গের বাসিন্দাদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। 

    রক্ষণাবেক্ষণের দায়িত্ব এএসআই-এর

    জয়সলমের পুরসভার কমিশনার লাজপাল সিং বলেন, “খবর পেয়ে পুলিশ একটি দল নিয়ে দুর্গে (Jaisalmer Fort) পৌঁছেছে। নিরাপত্তা নিশ্চিত করার জন্য পুলিশ ব্যারিকেড দিয়ে রাস্তার দু’পাশে আটকে দিয়েছে। অন্যদিকে, আরও বড় দুর্ঘটনা এড়াতে একটি দলকে ঘটনাস্থলে মোতায়েন করেছে পুরসভা। এই দুর্গের রক্ষণাবেক্ষণের দায়িত্ব এএসআই-এর উপর ছিল। তাদেরকে ধসের বিষয়টি অবহিত করা হয়েছে। এই দুর্গটি অনেক পুরনো, সেইসঙ্গে জনবসতিপূর্ণ। প্রবল বৃষ্টির সময় অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে গোটা এলাকা।”

    বিশেষ দল পরিদর্শন করবে

    এএসআই রাজস্থান বিভাগের একজন আধিকারিক বলেন, “উচ্চপদস্থ আধিকারিকদের ক্ষয়ক্ষতির বিষয়ে জানানো হয়েছে। বৃহস্পতিবার একটি উচ্চপর্যায়ের দল পরিদর্শন করবে। আমরা দুর্গের (Jaisalmer Fort) ক্ষয়ক্ষতি মেরামত এবং যত্নের জন্য প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা দ্রুত গ্রহণ করব।”

    স্থানীয় বিশেষজ্ঞের বক্তব্য

    স্থানীয় দুর্গ (Jaisalmer Fort) বিশেষজ্ঞ চন্দন ভাটি বলেন, “এএসআই-কে সোনার কেল্লায় এই ধরনের ক্ষতি সম্পর্কে আগেও অভিযোগ জানানো হয়েছিল, কিন্তু তারা উপেক্ষা করেছে। গত কয়েক দিনে এই দুর্গে বেশ কিছু ছোটখাট ক্ষতের চিহ্ন দেখা গিয়েছে। আমরা বহুবার এএসআই-কে অনুরোধ করেছি। এমনকী, কেল্লার ঐতিহ্য রক্ষায় একাধিক স্মারকলিপি জমা দিয়েছিলাম। কিন্তু কর্তৃপক্ষ উদাসীন ছিল। আবারও বলছি দুর্গের দেওয়ালগুলি খুব খারাপ অবস্থায় রয়েছে, যা অবিলম্বে সংস্কার করা দরকার, নয় তো আরও বড় বিপদ ঘটবে।”

    আরও পড়ুনঃ ‘‘বাঁচান, আশ্রয় দিন…’’! ভারত-সীমান্তে ভিড় বাংলাদেশি শরণার্থীদের, রুখল বিএসএফ

    ১১৫৬ খ্রিস্টাব্দে নির্মিত হয়েছিল দুর্গ

    রাজস্থানের এই দুর্গ (Jaisalmer Fort) বিশ্বের খুব কম জীবন্ত দুর্গগুলির মধ্যে অন্যতম একটি। এটি রাজস্থানের দ্বিতীয় প্রাচীনতম দুর্গ। দুর্গটি ১৫০০ ফুট (৪৬০ মিটার) দীর্ঘ এবং ৭৫০ ফুট (২৩০ মিটার) চওড়া এবং এটি একটি পাহাড়ের উপর নির্মিত, যা পার্শ্ববর্তী গ্রামাঞ্চলের তুলনায় ২৫০ ফুট (৭৬ মিটার) উচ্চতায় অবস্থিত। দুর্গে রয়েছে একটি ১৫ ফুট (৪.৬ মিটার) দৈর্ঘ্যের প্রাচীর, যা দুর্গের বাইরের বলয়কে ধরে রেখেছে। আনুমানিক ১১৫৬ খ্রিস্টাব্দে রাজা রাওয়াল জয়সওয়াল নির্মাণ করেন এই দুর্গ। এরপর তাঁর নামানুসারে এটির নামকরণ করা হয়েছে। মুসলমান পাঠান, মুঘল ও ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করার গৌরব গাথা এই দুর্গ বহন করছে। দুর্গের বিশাল দেওয়ালগুলি হলুদ বেলেপাথরের তৈরি। দিনের বেলায় এই দেওয়াল সিংহের রঙের মতো ছোপ ছোপ দেখায়। সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে মধু-সোনা হয়ে যায় এবং তা হলুদ মরুভূমিতে মিশে যায়। এটি সোনার কেল্লা, সোনার দুর্গ বা স্বর্ণ দুর্গ নামেও পরিচিত। রাজস্থানের অন্য পাঁচটি দুর্গের মতো জয়সলমেরের এই দূর্গটি পার্বত্য দুর্গেরই অংশ।  

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Bangladesh Crisis: ‘‘বাঁচান, আশ্রয় দিন…’’! ভারত-সীমান্তে ভিড় বাংলাদেশি শরণার্থীদের, রুখল বিএসএফ

    Bangladesh Crisis: ‘‘বাঁচান, আশ্রয় দিন…’’! ভারত-সীমান্তে ভিড় বাংলাদেশি শরণার্থীদের, রুখল বিএসএফ

    মাধ্যম নিউজ ডেস্ক: এখনও অশান্ত বাংলাদেশ (Bangladesh Crisis)। প্রতিবেশী দেশটিতে হিংসার শিকার হচ্ছেন বহু সংখ্যালঘু বিশেষ করে হিন্দুরা। বাংলাদেশের এই বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যেই বুধবার দুপুর ১টা নাগাদ প্রায় ৩০০ বাংলাদেশি ভারতে অনুপ্রবেশ করার চেষ্টা করেন। তবে কাঁটাতার পেরিয়ে বাংলাদেশ থেকে ভারতে আসার আগেই তাদের আটকে দিতে সক্ষম হয় বিএসএফ (BSF on Bangladesh Border)। যদিও এর জন্য নিরাপত্তাবাহিনীকে কোনও রকম কঠোর পদক্ষেপ নিতে হয়নি। গুলি চালানোরও কোনও দরকার পড়েনি। 

    পরিস্থিতি মোকাবিলায় সজাগ ও তৎপর বিএসএফ (Bangladesh Crisis)

    বাংলাদেশের অগ্নিগর্ভ পরিস্থিতির মধ্যেই শয়ে শয়ে শরণার্থীরা কাঁটাতার পেরিয়ে বাংলাদেশ থেকে ভারতে আসতে চাইছেন। বুধবার দুপুর থেকেই দেখা যাচ্ছে, রাজ্যের সীমান্তে ভিড় করেছেন বহু বাংলাদেশি। কার্যত কাঁটাতারহীন সীমান্ত পেরিয়ে প্রবেশ করার চেষ্টা করছেন তাঁরা। কোচবিহার ও জলপাইগুড়ির সীমান্তে দেখা গিয়েছে, কাতারে কাতারে মানুষ ভারতে প্রবেশ করার জন্য দাঁড়িয়ে আছেন। 

    তবে, এমন ঘটনা (Bangladesh Crisis) যে ঘটতে পারে তার আন্দাজ আগে থেকেই পেয়েছিল বিএসএফ। তাই সোমবারের পর থেকেই সীমান্তে নিরাপত্তা বাড়ানো হয়। বুধবার কিছু মানুষ আসা পর্যন্ত সব ঠিক ছিল। কিন্তু শরণার্থীদের সংখ্যা বাড়তে থাকায় বিএসএফ (BSF on Bangladesh Border) সীমান্তেও বাহিনী সংখ্যা বাড়ায়। শরণার্থীদের নিজেদের দেশে ফিরে যেতে অনুরোধ করেন সকলে। বিএসএফের দাবি, এই বাংলাদেশিরা মূলত সানসেরপুরা, ধামেরঘাট, চিরাকুটি, লাখিপাড়া, বোনাগ্রাম, কাঠুমারি, পানিডুবি ও বানিয়াপাড়ার বাসিন্দা। এই গ্রামগুলি সীমান্ত থেকে মাত্র ২-৩ কিলোমিটার দূরে অবস্থিত। 

    আরও পড়ুন: ‘‘হিন্দুদের ওপর, মন্দিরে হামলায় উদ্বিগ্ন’’, বাংলাদেশ নিয়ে প্রতিক্রিয়া ইজরায়েলের

    শরণার্থীদের দাবি (Bangladesh Crisis) 

    বিএসএফ জানায়, প্রায় ৩০০ জন বাংলাদেশি নাগরিক যারা মূলত হিন্দু তারা এসে জমায়েত করেন জলপাইগুড়ি জেলার মানিকগঞ্জের সাতকুড়া সীমান্তে। প্রত্যেক শরণার্থীদের দাবি ছিল, বিএসএফ পারলে গুলি করে তাঁদের মেরে দিক, কিন্তু তাঁরা দেশে ফিরে যাবেন না। এ প্রসঙ্গে, হলদিবাড়ি ছিটমহলের বাসিন্দা জয়প্রকাশ রায় বলেন, ‘‘মহিলারা আর্তনাদ করছেন। বাঁচান বাঁচান বলে চিৎকার করছেন। একটু আশ্রয় চাইছেন। এ দৃশ্য দেখা যায় না!’’ তবে বিএসএফ সূত্রে খবর, উপরতলায় বিষয়টি জানানো হয়েছে। সেখান থেকে পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত শরণার্থীদের কোনও পরিস্থিতিতেই এ পারে ঢুকতে দেওয়া হবে না।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Bangladesh Crisis: মূর্তি ভাঙার পর এবার কি নোট থেকেও সরবে বঙ্গবন্ধুর ছবি? আশঙ্কা বাংলাদেশে

    Bangladesh Crisis: মূর্তি ভাঙার পর এবার কি নোট থেকেও সরবে বঙ্গবন্ধুর ছবি? আশঙ্কা বাংলাদেশে

    মাধ্যম নিউজ ডেস্ক: বাংলাদেশের (Bangladesh Crisis) এই অগ্নিগর্ভ পরিস্থিতিতে নোট বাতিলের আশঙ্কা চরমে। ভারতের তুলনায় বাংলাদেশি টাকার মূল্য অনেকটাই কমে গিয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুরের (Bangabandhu) ছবি রয়েছে বাংলাদেশের টাকায়। ইতিমধ্যে দেশ জুড়ে বঙ্গবন্ধুর ছবি, মূর্তি, স্মারক এবং স্মৃতিচিহ্নকে নিশ্চিহ্ন করার ধ্বংসযজ্ঞ চলছে। বাংলাদেশ ব্যাঙ্কেও চরম অস্থিরতা চলছে। ফলে নোট বাতিল হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।

    এখন বাংলাদেশি টাকার মূল্য কত ভারতে (Bangladesh Crisis)?

    বাংলাদেশি (Bangladesh Crisis) টাকায় রয়েছে বঙ্গবন্ধু মুজিবুর রহমানের (Bangabandhu) ছবি। ফলে যেকোনও সময় নোট বাতিল হয়ে যেতে পারে। এই আশঙ্কা ব্যাপক ভাবে তৈরি হয়েছে দেশে। তাই ভারতীয় বৈদেশিক মুদ্রায় বাংলাদেশি টাকার মূল্য এক ধাক্কায় অনেকটাই কমে গিয়েছে। জানা গিয়েছে, ভারতীয় ১ টাকা বাংলাদেশি মুদ্রায় ১.৪০ টাকা হচ্ছে। ভারতের ১০০ টাকায় বাংলাদেশি মুদ্রায় ১৪০ টাকা করে পাওয়া যাচ্ছে। বাংলাদেশে এই অস্থির অবস্থার আগে পেট্রাপোল সীমান্তে ভারতীয় মুদ্রায় বাংলাদেশি ১০০ টাকায় ৭১ টাকা করে দেওয়া হচ্ছিল। এখন ভারতীয় ১০০ টাকায় বাংলাদেশি ৬৫ টাকা করে দেওয়া হচ্ছে। ভারতীয় টাকার তুলনায় বাংলাদেশি টাকা প্রতি ১০০ টাকায় ৬ টাকা করে কমে গিয়েছে। ফলে নোট বাতিল হয়ে গেলে আরও প্রভাব পড়বে বাংলাদেশি অর্থনীতিতে। ভারত-বাংলাদেশ পেট্রাপোল সীমান্তে ১০০-র বেশি লাইসেন্সধারী মানি এক্সচেঞ্জের কারবারি রয়েছেন। স্বাভাবিক সময়ে হাজার হাজার বাংলাদেশি চিকিৎসা, বেড়ানো, শিক্ষা নানা কারণে ভারতে এসে থাকেন। প্রতিদিন এদের মোটা টাকার কারবার চলে। কিন্তু জুলাই মাস থেকেই ব্যবসা মন্দা চলছে। গত সপ্তাহ থেকে অবস্থা অত্যন্ত সঙ্কটজনক। আতঙ্কে অনেকেই বাংলাদেশি টাকা হোল্ড করা অনেকটাই কমিয়ে দিয়েছেন।

    আরও পড়ুনঃ অগ্নিগর্ভ বাংলাদেশ, ভারতের উদ্বেগের একাধিক কারণ

    সঙ্কটে বাংলাদেশ ব্যাঙ্ক!

    সেনা-শাসনে বাংলাদেশের (Bangladesh Crisis) পরিস্থিতিতে বুধবারও উত্তাল। পুলিশ, আওয়ামি লিগ এবং সংখ্যালঘুরা হল হামলার মূল লক্ষ্যে। দেশজুড়ে খুন, হত্যা, লুটপাট, অগ্নিসংযোগের ঘটনায় দেশটি যেন মৃত্যুপুরী হয়ে উঠেছে। কোথাও ব্রিজের উপর থেকে ঝুলছে মৃতদেহ আবার কোথাও হোটেলে বন্দি করে আগুন লাগিয়ে পুড়িয়ে মারা হচ্ছে মানুষকে। দেশের ইতিহাস ও ঐতিহ্যের স্মৃতি বিজড়িত মূর্তি ধ্বংস চলছে নির্বিচারে। একাধিক শিক্ষা কেন্দ্রের হাজার হাজার পুস্তক পুড়িয়ে দেওয়া হয়েছে। ঠিক এমন অবস্থায় বাংলাদেশ ব্যাঙ্কে চরম আতঙ্ক তৈরি হয়েছে। ব্যাঙ্কের গভর্নর, ডেপুটি গভর্নরদের পদত্যাগের দাবি উঠেছে কর্মীদের একাংশের মধ্যেই। চাপের মুখে পড়ে পদত্যাগ করতে হয়েছে উচ্চপদস্থ আধিকারিকদের। কোনও ক্রমে সেনার নিরাপত্তায় আধিকারিকরা ব্যাঙ্ক থেকে বেরিয়ে যান।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Nitin Gadkari: কৃষকরা শুধু অন্নদাতা নন, বিটুমিন ও জৈব শক্তির ইন্ধন দাতাও, বললেন গড়করি

    Nitin Gadkari: কৃষকরা শুধু অন্নদাতা নন, বিটুমিন ও জৈব শক্তির ইন্ধন দাতাও, বললেন গড়করি

    মাধ্যম নিউজ ডেস্ক: কৃষকরা শুধু অন্নদাতা নন, তাঁরা শক্তিদাতা, বিটুমিনদাতা এবং জৈব শক্তির ইন্ধনদাতা। সংসদে এক প্রশ্নের উত্তরে এমন কথাই বললেন কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গড়করি (Nitin Gadkari)। বায়ো এভিয়েশন ফুয়েল বা গ্রিনহাউস গ্যাস কার্বন অফসেট এবং খড় থেকে তৈরি জৈব বিটুমিন নিয়ে তিনি আরও বলেছেন, ২০২২ সালের নভেম্বরে এনএইচ সেভেন জিরোনাইনএডি-এর শামলি-মুজাফ্ফরনগর রুটে রাস্তা নির্মাণে জৈব-বিটুমিন (Bio-energy fuel) উৎপাদনের জন্য তিন বছরের একটি পরীক্ষামূলক বিভাগ স্থাপন করা হয়েছে। জ্বালানি খরচ কম করতে এই উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

    কী বললেন কেন্দ্রীয় মন্ত্রী (Nitin Gadkari)?

    কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গড়করি (Nitin Gadkari) বুধবার রাজ্যসভায় প্রশ্নের উত্তরে বলেছেন, “আগামী পাঁচ বছরের মধ্যে ভারতের বিমান চলাচলে ২০ শতাংশ জৈব-বিমান জ্বালানি ব্যবহার করা হবে। ফসলের অবশেষ বা খড় থেকে এই জৈব জ্বালানি উৎপাদন করা হবে। কৃষকরা তার জন্য প্রতি টন ২৫০০ টাকা করে পাবেন। কেন্দ্রীয় সড়ক মন্ত্রক রাস্তা নির্মাণে বায়ো-বিটুমিনকে বেশি করে ব্যবহার করছে। ফলে দেশীয় উৎপাদন বাড়লে ভারতকেও বিদেশি আমদানি কম করতে হবে। বায়ো-বিটুমিন হল একটি জৈব-ভিত্তিক উৎপাদন। ফসলের খড় বা পরিত্যক্ত অংশ থেকে উৎপাদন করা হয়। পাকা রাস্তার উপরিভাগ নির্মাণ কাজে তা ব্যবহৃত হয়ে থাকে। বিশ্বের বৃহত্তম সড়ক যোগাযোগের ৯০ শতাংশ সড়ক নির্মাণে আমরা বিটুমিনকে ব্যবহার করছি। ২০২৩-২৪ সালে বিটুমিনের (Bio-energy fuel) ব্যবহার ছিল ৮৮ লাখ টন, ২০২৪-২৫ সালে যা ১০০ লক্ষ পর্যন্ত পৌঁছে যাবে বলে আশা করা হচ্ছে। এখন মোট বিটুমিনের ৫০ শতাংশ আমদানি করতে হয় এবং যার বার্ষিক আমদানি ব্যয় ২৫ থেকে ৩০ হাজার কোটি টাকা।”

    আরও পড়ুনঃ “পশ্চিমবঙ্গ সরকার কেন ডেঙ্গির তথ্য কেন্দ্রের কাছে নথিভুক্ত করাচ্ছে না?”, আক্রমণ নাড্ডার

    কোথায় কোথায় উৎপাদন করা হচ্ছে

    কেন্দ্রীয় সড়ক এবং পরিবহণ মন্ত্রী নিতিন গড়করি (Nitin Gadkari) আরও বলেছেন, “সেন্ট্রাল রোড রিসার্চ ইনস্টিটিউট (সিআরআরআই) নয়াদিল্লি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ পেট্রোলিয়াম (আইআইপি) দেরাদুনের সহযোগিতায় খড় থেকে বায়ো বিটুমিন তৈরি করেছে। জ্বালানি খাতে অবদান রেখে কৃষকরা এখন ‘শক্তিদাতা’ হয়ে উঠেছেন। আমাদের কৃষকরা এখন শুধু অন্নদাতা নয়, তাঁরা একই সঙ্গে শক্তি উৎপাদকও বটে। এনএইচএআই জাতীয় সড়ক ৪০-এর জোরাবত-শিলং রুটে বায়ো-বিটুমিন দিয়ে একটি ট্রায়াল করার কথাও ভাবা হয়েছে। বায়ো-বিটুমিনের সুবিধা হল জ্বালানির (Bio-energy fuel) খরচ কম করে, গ্রিন হাউস গ্যাস নিঃসরণকে হ্রাস করা এবং সেই সঙ্গে কৃষকদের জন্য আর্থিক সংস্থানের ব্যবস্থা করা। ফলে কৃষিতে উদ্যোগ  ও কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি করার বড় লক্ষ্য রয়েছে।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Bangladesh Crisis: অশান্ত বাংলাদেশে হোটেলে আগুন! বাঁচতে ৪ তলা থেকে ঝাঁপ ভারতীয় যুবকের

    Bangladesh Crisis: অশান্ত বাংলাদেশে হোটেলে আগুন! বাঁচতে ৪ তলা থেকে ঝাঁপ ভারতীয় যুবকের

    মাধ্যম নিউজ ডেস্ক: বাংলাদেশের ছাত্র আন্দোলনে (Bangladesh Crisis) বর্তমানে কোণঠাসা হচ্ছে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়। গত দুদিন ধরে চলেছে লাগাতার হিন্দুদের উপর অত্যাচার। এবার নিজের প্রাণ বাঁচাতে চারতলা থেকে ঝাঁপ দিলেন ভারতীয় (Indian) যুবক। কয়েকদিন আগে ব্যবসার কাজে বাংলাদেশে গিয়েছিলেন অসমের বাসিন্দা রবিউল ইসলাম। সঙ্গে ছিলেন তাঁর ভাই শাহিদ আলি। তখনও বাংলাদেশের পরিস্থিতি এতটা তপ্ত হয়নি। সে সময় দুজনে যশোরের একটি হোটেলে উঠেছিলেন। সোমবার বিকেলে তাঁদের হোটেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। এরপর প্রাণে বাঁচাতে চারতলা থেকে ঝাঁপ দিয়েছিলেন শাহিদ। মঙ্গলবার অ্যাম্বুল্যান্সে করে দেশে ফেরেন তাঁরা। জানা গিয়েছে, দু’পা ভেঙে গিয়েছে শাহিদের। 

    কী জানিয়েছেন তাঁরা? (Indian) 

    এ ঘটনার প্রসঙ্গে দুই ভাই জানান, আমদানি-রফতানির ব্যবসার কাজের সূত্রেই তাঁরা বাংলাদেশ গিয়েছিলেন। যশোরের একটি হোটেলের ১২ তলার একটি ঘরে উঠেছিলেন তাঁরা। সোমবার দুপুরের পরে বাইরে কিছু শব্দ শুনে হোটেলের ঘরের জানলা খোলেন রবিউল এবং শহিদ। তাঁরা দেখেন আন্দোলনকারীদের (Bangladesh Crisis) একাংশ ওই হোটেলটি ঘিরে ফেলেছেন। কিছু বুঝে ওঠার আগে হোটেলের মধ্যে থেকে হট্টগোল শুনতে পান। খবর পান, হোটেলে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। কী করবেন বুঝে উঠতে না পেরে চার তলা থেকে পাশের একটি ভবনে চলে যান দু’জন। সেখান থেকে ঝাঁপ দেন দুই ভাই। ঘটনায় গুরুতর আহত হন তাঁরা। তাঁদের কথায়, ‘‘কোনও রকমে প্রাণ নিয়ে ফিরলাম। শুনেছি দু’জন মারা গিয়েছেন।’’ যদিও মৃতের কোনও তথ্য এখনও সরকারি ভাবে পাওয়া যায়নি। 

    আরও পড়ুন: বাংলাদেশে নিপীড়িত হিন্দুরা, ভিডিও শেয়ার করে পাশে দাঁড়ালেন সোনু সুদ

    ভারতীয়দের ফিরিয়ে আনার পরিকল্পনা 

    যদিও বাংলাদেশের পরিস্থিতির (Bangladesh Crisis) অবনতি হওয়ার পর, ভারত কূটনীতিকদের পাশাপাশি বাংলাদেশে আটকে পড়া ভারতীয়দের ফিরিয়ে আনার পরিকল্পনা করছে। সূত্র মারফৎ জানা গিয়েছে, প্রয়োজনে ভারত তার কূটনীতিক ও নাগরিকদের ফিরিয়ে আনতে বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ করছে। তবে বাংলাদেশে আটকে পড়া ভারতীয়রা বর্তমানে বিমানবন্দরের পাশাপাশি পশ্চিমবঙ্গের পেট্রাপোল, কোচবিহার, মালদা, দক্ষিণ দিনাজপুর সীমান্তের বেশ কয়েকটি এলাকা হয়ে ফিরে আসছে। বাংলাদেশের অগ্নিগর্ভ পরিস্থিতি কাটিয়ে সোমবার রাত থেকে ধীরে ধীরে ফ্লাইট পরিষেবা আবার শুরু হয়। ফলে বাংলাদেশে কর্মরত বেশ কয়েকজন ভারতীয় (Indian) যাত্রী মঙ্গলবার সকালে ফিরে আসেন দেশে। সেই সব যাত্রীদের মধ্যে এক যাত্রী জানান, “আমরা বাংলাদেশে কাজ করি। গতকাল আমাদের ফ্লাইট বাতিল করা হয়েছে। রবিবার, আমরা ভারতে ফেরার সিদ্ধান্ত নিয়েছিলাম। আমরা যখন রাত সাড়ে ন’টার সময় ফ্লাইটে উঠতে যাচ্ছিলাম, তখন জানতে পারি যে ফ্লাইট বাতিল হয়ে গেছে। এরপর আমরা কোনও খাবার ও জল ছাড়াই বিমানবন্দরে আটকে পড়েছিলাম।” 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Bangladesh crisis: অগ্নিগর্ভ বাংলাদেশ, ভারতের উদ্বেগের একাধিক কারণ

    Bangladesh crisis: অগ্নিগর্ভ বাংলাদেশ, ভারতের উদ্বেগের একাধিক কারণ

    মাধ্যম নিউজ ডেস্ক: আশান্তির আগুনে পুড়ছে বাংলাদেশ (Bangladesh crisis)। চলছে হিন্দু নিধন যজ্ঞ। প্রত্যাশিতভাবেই পড়শি বন্ধু দেশের এই অশান্তিতে সিঁদুরে মেঘ দেখছে ভারত (Anti Terrorism Crusade)। ভারতের উদ্বেগের কারণ একাধিক।

    ভারতের উদ্বেগের কারণ (Bangladesh crisis)

    এর মধ্যে রয়েছে মুক্তি বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা, উত্তরপূর্ব ভারতে শান্তি বজায় রাখা, বাংলাদেশে বসবাসকারী ভারতীয়দের নিরাপত্তা নিশ্চিত করা এবং সর্বোপরি, সে দেশের নয়া সরকারের সঙ্গে নতুন করে সম্পর্ক গড়ে তোলা। দীর্ঘদিন ধরেই সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়ছে ভারত। প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিয়ে শেখ হাসিনা দেশ ছেড়ে চলে যাওয়ায় সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের লড়াই খানিকটা হলেও ধাক্কা খাবে বলেই মত বিশেষজ্ঞদের।

    হাসিনাকে বেশি গুরুত্ব ভারতের

    বরাবরই ভারত বিএনপির চেয়ে বেশি গুরুত্ব দিয়েছে হাসিনার আওয়ামি লিগকে। এর কারণ হল, ইন্ডিয়ান মুজাহিদিন এবং লস্কর-ই-তৈবার মতো জঙ্গি সংগঠনের প্রতি বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টিভঙ্গী। ভারতে একাধিক জঙ্গি হামলার নেপথ্যে রয়েছে এই দুই সন্ত্রসবাদী সংগঠনের হাত। ৭/১১-র মুম্বই ট্রেনে বিস্ফোরণ, ২০০৮ সালের জয়পুর বোমা হামলা, ওই বছরই আমেদাবাদে বিস্ফোরণ, ২০১০ সালে জামে মসজিদে হামলা, বেঙ্গালুরু স্টেডিয়ামে বিস্ফোরণ, ২০১১ সালে মুম্বইয়ে ধারাবাহিক বিস্ফোরণ এবং আরও অনেক জঙ্গি কার্যকলাপের নেপথ্যে রয়েছে এই দুই সংগঠনের হাত (Bangladesh crisis)। দেশজুড়ে ইন্ডিয়ান মুজাহিদিন বিভিন্ন জায়গায় ঘাঁটি গেড়েছে। বিশেষ করে মহারাষ্ট্রে।

    ইন্ডিয়ান মুজাহিদিনের চেয়ে কোনও অংশে কম যায় না লস্কর-ই-তৈবা। ২৬/১১ হামলার নেপথ্যে তারাই। ২০০২ সালে মুম্বইয়ে ১১টি জঙ্গি হামলার ঘটনা ঘটেছিল। এসবেরই নেপথ্যে ছিল ওই দুই জঙ্গি সংগঠনের হাত। গোয়েন্দা রিপোর্ট বলছে, হাসিনা-হীন জমানায় এই জঙ্গি সংগঠন বাংলাদেশে ডেরা বেঁধেছিল। সেখান থেকেই চক্রীরা ভারতে চালিয়ে গিয়েছিল একের পর এক অপারেশন। ভারত-বাংলাদেশ সীমান্তে সন্ত্রাসীদের প্রশিক্ষণও দেওয়া হত। জঙ্গিরা ভারতে অপরাধ করে দিব্যি ঢুকে যেত হাসিনা-হীন সরকারের ছাতার তলায়। পরে সুযোগ বুঝে সেখান থেকে তারা চলে যেত পাকিস্তানে।

    আরও পড়ুন: অরাজক পরিস্থিতি বাংলাদেশে, অব্যাহত হিন্দু নিধন যজ্ঞ

    বিশেষজ্ঞদের মতে, এই জঙ্গি সংগঠনগুলির লাগাম ধরতে বিএনপি কিছুই করেনি। ২০০৯ সালে ক্ষমতায় এসে সন্ত্রাসবাদ বন্ধে কোমর কষে নামেন হাসিনা। সেই প্রক্রিয়াই আপাতত ধাক্কা খাবে বলে ওয়াকিবহাল মহলের ধারণা। হাসিনার দেশ ছেড়ে চলে যাওয়াটা পাকিস্তানের আইএসআই এবং চিনের কাছে (Anti Terrorism Crusade) ‘পৌষ মাস’ হয়ে দাঁড়াল বলেই ধারণা আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের (Bangladesh crisis)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Bangladeshi Hindus: বাংলাদেশে আতঙ্কে রয়েছেন হিন্দুরা, সুরক্ষা দিক ভারত, চাইছে সঙ্ঘ

    Bangladeshi Hindus: বাংলাদেশে আতঙ্কে রয়েছেন হিন্দুরা, সুরক্ষা দিক ভারত, চাইছে সঙ্ঘ

    মাধ্যম নিউজ ডেস্ক: বাংলাদেশে কোটা বিরোধী আন্দোলন চলাকালীন হিংসার ঘটনা বাড়তে শুরু করেছে। শেখ হাসিনা পদত্যাগ করার পর থেকে হিংসা, অগ্নিসংযোগের পরিমাণ আরও বেড়েছে। বিভিন্ন জায়গায় দোকানপাট লুট করা হচ্ছে। সরকারি দফতরে অগ্নিসংযোগ করা হচ্ছে। কোটা বিরোধী আন্দোলন পরিণত হয়, সরকার বিরোধী আন্দোলনে। সরকারের পতনের পর এখন হিন্দুদের (Bangladeshi Hindus) টার্গেট করা হচ্ছে। এই পরিস্থিতির জন্য উদ্বেগ প্রকাশ করেছে আরএসএস (RSS)।

    আরএসএসের দাবি (RSS)

    এই পরিস্থিতিতে বাংলাদেশি হিন্দুদের রক্ষা করতে ভারত সরকারের কাছে আর্জি জানাল আরএসএস। মঙ্গলবার রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের (RSS) সর্বভারতীয় কার্যনির্বাহী কমিটির সদস্য সুরেশ ভৈয়াজি জোশি বলেন, বাংলাদেশে (Bangladeshi Hindus) হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আরএসএস কেন্দ্রীয় সরকারকে অনুরোধ করেছে। রাজনৈতিক অস্থিরতায় দেশটি নৈরাজ্যকর পরিস্থিতির সম্মুখীন।” জোশি মঙ্গলবার সংবাদমাধ্যমের কর্মীদের সঙ্গে কথা বলার সময় একথা জানান। তিনি আরও বিশদভাবে বলেন, “বাংলাদেশ একটি ভিন্ন দেশ। সন্ত্রাস কবলিত বাংলাদেশে বেশ কয়েকটি জেলায় হিন্দুদের বাড়ি এবং দোকান ভাঙচুর করা হয়েছে এবং অগ্নিসংযোগ করা হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে বহু মন্দির।

    আহ্বান জানিয়েছে ভিএইচপিও

    শুধু আরএসএস নয়, এর আগে, কেন্দ্রের কাছে একই অনুরোধ করেছে বিশ্ব হিন্দু পরিষদও। মঙ্গলবার, ভিএইচপি নেতা অলোক কুমার বাংলাদেশের (Bangladesh Crisis) অস্থির রাজনৈতিক পরিস্থিতি এবং হিন্দুদের ওপর নির্যাতনের কথা তুলে ধরে বলেন, “সমস্ত সংখ্যালঘু হিন্দু ও শিখদের পাশে আমরা রয়েছি। হিন্দুদের ব্যবসায়িক প্রতিষ্ঠান, বাড়ি-ঘর, মন্দিরকে লক্ষ্য করে দুষ্কৃতীরা হামলা চালাচ্ছে। ভারত অবশ্যই বাংলাদেশের পরিস্থিতিতে অন্ধ হয়ে থাকতে পারে না। বাংলাদেশে সংখ্যালঘুদের সুরক্ষার জন্য সম্ভাব্য সব পদক্ষেপ নিতে ভারত সরকারকে আহ্বান জানাচ্ছি।’’

    হিন্দুদের নিরাপত্তা দিতে ব্যর্থ সেনা

    বাংলাদেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান একতা পরিষদ জানিয়েছে, প্রায় ৩০০ জন হিন্দুর দোকানঘর এবং বাড়ি ভাঙচুর করা হয়েছে। প্রায় ২৪টির মতো মন্দির ক্ষতিগ্রস্ত করা হয়েছে। ৪০ জনের বেশি সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ আহত হয়েছেন। হামলাকারীরা মনে করছে, হিন্দুরা শেখ হাসিনার দল আওয়ামি লিগের সমর্থক। সেই ভাবনা থেকেই হিন্দুদের (Bangladeshi Hindus) উপরে বেশি আঘাত নেমে আসছে বলে অভিযোগ। সংখ্যালঘুদের সুরক্ষা প্রদান করার কথা বললেও সকল হিন্দুদের নিরাপত্তা এখনও নিশ্চিত করতে পারেনি বাংলাদেশের সেনাবিহিনী।  

    বাংলাদেশে কমছে হিন্দুদের সংখ্যা (Bangladeshi Hindus)

    জানা গিয়েছে, বাংলাদেশে ২০টির বেশি জেলায় হিন্দুরা আক্রান্ত হয়েছেন। বিশেষ করে দিনাজপুর, বগুড়া, রংপুর, শেরপুর, কিশোরগঞ্জ, সিরাজগঞ্জ, নড়াইল, যশোর, পটুয়াখালী, খুলনা, নরসিংদী, সাতক্ষীরা, টাঙ্গাইল, চট্টগ্রাম, হাবিবগঞ্জ, ঢাকা সহ বিভিন্ন জায়গায় হিন্দুদের উপর আক্রমণ বজায় রয়েছে। ভাঙচুর শেষে (Bangladeshi Hindus) তাঁদের সম্পত্তি লুটপাট করা হয়েছে। বাংলাদেশ ২৫ শতাংশ থেকে কমতে কমতে হিন্দুদের জনসংখ্যা ৮ শতাংশে গিয়ে ঠেকেছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Vinesh Phogat: স্বপ্নভঙ্গ বিনেশের! এক্স হ্যান্ডেলে সান্ত্বনা-পোস্ট মোদির, ফোন পিটি ঊষাকেও

    Vinesh Phogat: স্বপ্নভঙ্গ বিনেশের! এক্স হ্যান্ডেলে সান্ত্বনা-পোস্ট মোদির, ফোন পিটি ঊষাকেও

    মাধ্যম নিউজ ডেস্ক: আর মাত্র কয়েক ঘণ্টা পর সোনার পদকের লক্ষ্যে প্যারিস অলিম্পিক্সে নামার কথা ছিল বিনেশ ফোগাটের (Vinesh Phogat)। কিন্তু সব যেন এক লহমায় বদলে গেল। খেলা শুরুর আগেই বুধবার সকালে অলিম্পিক্সে কুস্তির ফাইনাল থেকে বাদ পড়ল বিনেশ ফোগাটের নাম। আর এই খবর প্রকাশ্যে আসতেই এক্স হ্যান্ডেলে পোস্ট করে দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। একইসঙ্গে বিনেশের মনোবল বাড়িয়ে, তাঁর পাশে থাকার বার্তাও দিয়েছেন তিনি।

    কী জানিয়েছেন প্রধানমন্ত্রী? (PM Modi) 

    বিনেশকে (Vinesh Phogat) সান্ত্বনা দিয়ে এক্স হ্যান্ডেল পোস্টে তিনি লিখেছেন, ‘‘তুমি তো বরাবরই চ্যালেঞ্জ নিতে ভালোবাসো। আমার বিশ্বাস তুমি আরও শক্তিশালী হয়ে ফিরে আসবে। আমরা তোমার পাশে আছি।’’একইসঙ্গে তিনি আরও বলেন, “বিনেশ, তুমি চ্যাম্পিয়নের চ্যাম্পিয়ন! তুমি দেশের গর্ব এবং প্রতিটি ভারতীয়ের কাছে অনুপ্রেরণা। আজকের ধাক্কাটা বেদনাদায়ক। আমি কী অনুভব করছি, তা যদি শব্দে বোঝাতে পারতাম..”

    উত্তাল হয়ে উঠল সংসদ

    প্রসঙ্গত, বুধবার রাতেই প্যারিস অলিম্বিক্সে (Paris Olympics) কুস্তির ফাইনাল খেলার কথা ছিল বিনেশের (Vinesh Phogat)। তার আগে বুধবার সকালে হঠাৎই তাঁকে জানিয়ে দেওয়া হয় তিনি ফাইনাল খেলতে পারবেন না। কারণ তাঁর ওজন নির্ধারিত সীমার থেকে ১০০ গ্রাম বেশি রয়েছে। আর বিনেশের নাম অলিম্পিক্স থেকে বাদ হওয়ার পর থেকেই উত্তাল হয়ে ওঠে সংসদ ভবন। বিরোধীরা অভিযোগ করেন, ফাইনালে পৌঁছেও বিনেশের এমন আচমকা বাদ যাওয়া সাধারণ ঘটনা হতে পারে না। এর নেপথ্যে নিশ্চই কোনও ষড়যন্ত্র রয়েছে। এমনকি, তাতে ভারত সরকারেরও হাত থাকতে পারে। 

    আরও পড়ুন: মাত্র ১০০ গ্রাম ওজন বেশি! ফাইনালে উঠেও ডিসকোয়ালিফায়েড বিনেশ ফোগট

    পিটি ঊষাকে ফোন মোদীর

    যদিও বিনেশের (Vinesh Phogat) নাম ফাইনাল থেকে বাদ পড়তেই ভারতীয় অলিম্পিক্স সংস্থার প্রেসিডেন্ট পিটি ঊষাকে ফোন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ঊষার কাছ থেকে প্রধানমন্ত্রী (PM Modi) জানতে চান, ঠিক কী ঘটেছে। এই পরিস্থিতিতে ভারত কী কী করতে পারে, সেটাও জানতে চান মোদি। প্রধানমন্ত্রী এটাও বলেন, এই শাস্তির বিরুদ্ধে কড়া প্রতিবাদ জানালে যদি ফোগাটের কোনও লাভ হয়, তা হলে সেটাও যেন করা হয়। জানা গিয়েছে, বিনেশকে ফাইনাল থেকে বাতিল করার সিদ্ধান্তের বিরুদ্ধে ভারতীয় দলের পক্ষ থেকে আবেদন করা হয়েছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  WhatsappFacebookTwitterTelegram এবং Google News পেজ।

LinkedIn
Share