Tag: Sourav Ganguly

Sourav Ganguly

  • Ranbir Kapoor: সৌরভের বায়োপিকের ‘অফার পাননি’! কিশোর কুমারের ভূমিকায় দেখা যাবে রণবীরকে!

    Ranbir Kapoor: সৌরভের বায়োপিকের ‘অফার পাননি’! কিশোর কুমারের ভূমিকায় দেখা যাবে রণবীরকে!

    মাধ্যম নিউজ ডেস্ক: সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকে দেখা যাবে না তাঁকে কলকাতায় এসে জানিয়ে দিলেন বলিউড অভিনেতা রণবীর (Ranbir Kapoor)। প্রসঙ্গত বেশ কয়েকদিন ধরেই জোর চর্চা চলছিল সৌরভের বায়োপিক নিয়ে, শোনা যাচ্ছিল রণবীর কাপুর (Ranbir Kapoor) অভিনয় করবেন ওই বায়োপিকে। অভিনেতা তথা গায়ক, কিশোর কুমারের বায়োপিকে তিনিই নাম ভূমিকায় থাকছেন বলেও এদিন জানান তিনি। প্রসঙ্গত, বর্তমানে অভিনেতা কলকাতায় এসেছেন তাঁর আগামী ছবি তু ঝুঠি ম্যায় মক্কার ছবির প্রচারের জন্য। আর সেখানেই রবিবারের একটি ইভেন্টে তিনি সৌরভ গঙ্গোপাধ্যায় সহ কিশোর কুমারের বায়োপিকে কাজ করা নিয়ে কথা বলেন।

    সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার হয়, সেখানেই তাঁকে বলতে শোনা যায় একথা

    সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার হয় এই অনুষ্ঠানের। সেখানে অভিনেতাকে বলতে শোনা যায়, ‘আমার মনে হয় দাদা কেবল ভারতের লিভিং লেজেন্ড নন। তিনি গোটা পৃথিবীর কাছেই তাই। ওঁর বায়োপিক ভীষণই স্পেশাল হবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমার কাছে এই ছবির কোনও অফার এখনও পর্যন্ত আসেনি। আমার মনে হয় এই ছবির স্ক্রিপ্ট নিয়ে এখনও কাজ চলছে।’

    ১১ বছর ধরে কিশোর কুমারের বায়োপিকে কাজ করে চলেছেন রণবীর

    অন্যদিকে কিশোর কুমারের বায়োপিকের বিষয় তিনি বলেন, ‘আমি গত ১১ বছর ধরে কিশোর কুমারের বায়োপিকের উপর কাজ করছি। আশা করছি এটাই আমার পরের বায়োপিক হবে, যেখানে আমি অভিনয় করব। কিন্তু আমি এখনও দাদার উপর যে বায়োপিক হচ্ছে সেই বিষয়ে কিছু শুনিনি।’

    রবিবার সৌরভের সঙ্গে ক্রিকেটও খেলতে দেখা যায় তাঁকে

    রবিবার কলকাতার ইডেন গার্ডেনে রণবীর (Ranbir Kapoor) এবং সৌরভকে ক্রিকেট খেলতেও দেখা যায়। তাঁদের মাঠের একাধিক ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। সেখানে তাঁদের কথা বলতেও দেখা যাচ্ছে। ছবিতে রণবীরকে কালো টিশার্ট এবং প্যান্ট পরে দেখা যাচ্ছে। অন্যদিকে সৌরভের পরনে চিক সাদা টিশার্ট এবং ট্রাউজার। তাঁদের টিশার্টে মজার টিম নেওয়া দেওয়া ছিল বেশ এদিন! রণবীরের আগামী ছবি প্রমোশন হিসেবে অভিনেতার জামায় লেখা ছিল রণবীরের মক্কার এগারো, আর দাদার টিশার্টের পিছনে লেখা ছিল দাদার ঝুঠি এগারো।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     

     

  • Sourav Ganguly: সৌরভ কেন বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডর নন? মমতাকে প্রশ্ন শুভেন্দুর

    Sourav Ganguly: সৌরভ কেন বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডর নন? মমতাকে প্রশ্ন শুভেন্দুর

    মাধ্যম নিউজ ডেস্ক: সৌরভকে (Sourav Ganguly) বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডর করার দাবি জানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) । তাঁর প্রশ্ন বাংলাকে প্রতিনিধিত্ব করতে একজন অবাঙালিকে বেছে নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সৌরভ যখন বাংলার গর্ব তাহলে কেন বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডর নন? সৌরভের প্রতি এখন এত উদার কেন মুখ্যমন্ত্রী? অতীতে তো সৌরভকে যোগ্য মর্যাদা দেওয়া হয়নি। এখন কুম্ভীরাশ্রু শুধুই রাজনীতির স্বার্থে নয় তো? সোমবার প্রেস ক্লাবের একটি অনুষ্ঠানে প্রশ্ন তুললেন শুভেন্দু।

    আরও পড়ুন: আইসিসি-তে যান দাদা! সৌরভের হয়ে প্রধানমন্ত্রীর কাছে আর্জি মমতার

    উল্লেখ্য, সোমবারই উত্তরবঙ্গ সফরে যাওয়ার আগে মুখ্যমন্ত্রী বিসিসিআই (BCCI) প্রেসিডেন্ট পদ থেকে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাদ যাওয়া নিয়ে সরব হন। এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) কাছে উনি অনুরোধ জানান সৌরভকে যেন ভারত থেকে আইসিসি-তে পাঠানো হয়। এ প্রসঙ্গে এদিন শুভেন্দু বলেন, ‘উনি (মমতা বন্দ্যোপাধ্যায়) আর্জি জানালে প্রধানমন্ত্রী কেন শুনবেন? উনি যে প্রধানমন্ত্রীকে কোমরে দড়ি পরে ঘোরানোর কথা বলেন, প্রধানমন্ত্রীকে বলেন কিম্ভূত, কিমাকার, তার বেলা। আর প্রধানমন্ত্রী খেলার বিষয়ে নাক গলান না।  আর মমতা বন্দ্যোপাধ্যায়ের সৌরভ গঙ্গোপাধ্যায়কে নিয়ে কুম্ভীরাশ্রু ফেলার কোনও দরকার নেই। পশ্চিমবঙ্গের ব্র্যান্ড অ্যাম্বাসাডর করেছেন শাহরুখ খানকে। আপনার যদি সত্যিই সৌরভ গঙ্গোপাধ্যায়কে মর্যাদা দেওয়ার ইচ্ছে থাকত আপনি অনেক আগেই তাঁকে পশ্চিমবঙ্গের ব্র্যান্ড অ্যাম্বাসাডর করতেন।’

    আরও পড়ুন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিসিআই প্রেসিডেন্ট হচ্ছেন রজার বিনি! জানেন তিনি কে?

    ২০১৯ সালে বিসিসিআই-র সভাপতি হন সৌরভ। তিন বছরের মেয়াদে ক্রিকেট প্রশাসক হিসেবে দক্ষতার পরিচয় দিয়েছেন তিনি। সৌরভের আমলেই দিন-রাতে টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে ভারতে। এমনকী, কোভিড আবহে সফল আইপিএলও। সূত্রের খবর, বোর্ডের প্রসিডেন্ট হিসেবে কাজ চালিয়ে যেতে চেয়েছিলেন সৌরভ, কিন্তু বোর্ডের বাকি সদস্যের সমর্থন পাননি। তাঁকে আইপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান হওয়ার প্রস্তাব দেওয়া হয়। সবিনয়ে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন মহারাজ। এরপর ইডেনে দাঁড়িয়ে সৌরভ নিজেই জানিয়ে দেন, সিএবি নির্বাচনে সভাপতি পদে লড়বেন তিনি। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Mamata-Modi-Sourav:  আইসিসি-তে যান দাদা! সৌরভের হয়ে প্রধানমন্ত্রীর কাছে আর্জি মমতার

    Mamata-Modi-Sourav: আইসিসি-তে যান দাদা! সৌরভের হয়ে প্রধানমন্ত্রীর কাছে আর্জি মমতার

    মাধ্যম নিউজ ডেস্ক: সৌরভের হয়ে ব্যাট ধরলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) কাছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) হয়ে অনুরোধ জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গ সফরে যাওয়ার আগে সোমবার তিনি প্রধানমন্ত্রীর উদ্দেশে বলেন,  “আইসিসিতে যাওয়ার জন্য সৌরভ যোগ্য। তাই প্রধানমন্ত্রীকে অনুরোধ করব সৌরভ যেন আইসিসি-র ভোটে লড়তে পারে তা দেখবেন। ও বঞ্চিত। সরকারের কাছে আর্জি এটা রাজনৈতিক বিষয় নয়, সৌরভ যোগ্য ওকে আইসিসিতে পাঠানো হোক।”

    আরও পড়ুন: নামিবিয়ার জয়ে ভারত কী গ্রুপ অফ ডেথ-এ! জানেন টি-টোয়েন্টি বিশ্বকাপের নয়া সমীকরণ?

     সম্প্রতি বিসিসিআই-এর সভাপতির পদ থেকে বাদ পড়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়৷ মমতা উত্তরবঙ্গ সফরের আগে সেই প্রসঙ্গ তুলেই বললেন, “আমি একটা কথা আপনাদের বলব৷ সারা বিশ্বের ক্রিকেট প্রেমীদের পক্ষ থেকে বলব, সৌরভ আমাদের গর্ব৷ সৌরভ দক্ষতার সঙ্গে মাঠেও খেলেছে, প্রশাসনেও কাজ করেছে৷ ও বিসিসিআই-এর সভাপতি ছিল৷” উল্লেখ্য, সৌরভের সঙ্গেই বিসিসিআইয়ে সচিব ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর ছেলে জয় শাহ। শীর্ষ আদালতের নির্দেশ অনুযায়ী, দুই জনেই আরও একটি টার্ম পদে থাকতে পারতেন। কিন্তু জয় শাহ থাকলেও সৌরভকে বাদ দেওয়া হয়। এ নিয়ে ক্রমাগত জলঘোলা হচ্ছে। 

    আরও পড়ুন: শেষ ওভারে শামি ম্যাজিক! অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে জয়ী ভারত 

    এই আবহে মুখ্যমন্ত্রী সৌরভের হয়ে প্রধানমন্ত্রীকে অনুরোধ করেন,”সৌরভকে যে ভাবে অন্যায় ভাবে বাদ দেওয়া হয়েছে, সেটা একমাত্র পূরণ হতে পারে,সৌরভ আইসিসির প্রেসিডেন্ট হল। বিসিসিআই তাঁকে আইসিসিতে মনোনীত করুক। জগমোহন ডালমিয়াও বিসিসিআই থেকে আইসিসি-তে গিয়েছিলেন, সে ভাবে দেখতে গেলে সৌরভও আইসিসির প্রেসিডেন্ট পদের জন্য লড়তে পারেন৷” মমতার এই মন্তব্যের পাল্টা দিয়েছেন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য। তিনি বলেন, “বিজেপির সঙ্গে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সখ্যতা ছিল, আছে এবং থাকবেও। এই বিতর্ক জুড়ে উনি সৌরভের প্রতিষ্ঠা, সম্মান ও মর্যাদাহানি করছেন।” তাঁর প্রশ্ন, সৌরভ যদি বাংলার গর্ব হন তাহলে শাখরুখ কেন বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডর?

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Bengal Premier League: আসছে বেঙ্গল প্রিমিয়ার লিগ! নেপথ্যে সৌরভ, থাকতে পারে কলকাতা, মুম্বই, লখনউ

    Bengal Premier League: আসছে বেঙ্গল প্রিমিয়ার লিগ! নেপথ্যে সৌরভ, থাকতে পারে কলকাতা, মুম্বই, লখনউ

    মাধ্যম নিউজ ডেস্ক: বেঙ্গল প্রিমিয়ার লিগের (Bengal Premier League) আয়োজন করার চিন্তাভাবনা করছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল। এই টুর্নামেন্ট আয়োজনের উদ্যোগ গ্রহণ করছেন প্রাক্তন সিএবি প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। সম্প্রতি আইপিএল নিলামে দেখা গিয়েছে, বাংলার ক্রিকেটাররা কার্যত ব্রাত্যই রয়ে গিয়েছেন। হাতে গোনা কয়েকজন ছাড়া, এবারের নিলামে বাংলা থেকে কোনও নতুন মুখে আস্থা রাখতে পারেনি ফ্র্যাঞ্চাইজিগুলো। সেই জায়গায় এই টুর্নামেন্ট বাংলার তরুণ ক্রিকেটারদের কাছে সুবর্ণ সুযোগ।

    কবে থেকে শুরু লিগ

    কয়েকবছর ধরেই সিএবি বেঙ্গল প্রিমিয়ার লিগের পরিকল্পনা করে যাচ্ছেন। এই টুর্নামেন্ট যে বড়সড় আকারেই আয়োজন করা হবে, তা নিয়ে কোনও সন্দেহ নেই। সিএবি কর্তারা জোর দিচ্ছেন নতুন প্রতিভা তুলে আনার উপরে। যারা জাতীয় স্তরে প্রতিদ্বন্দ্বিতা করার যোগ্য হবে। টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য আইপিএল এ বারে আগে শুরু হয়ে যাচ্ছে। মে মাসের তৃতীয় সপ্তাহের মধ্যে শেষ হয়ে যেতে পারে আইপিএল। তাই জুনের মাঝামাঝি লিগ চালু করতে চায় সিএবি। 

    কটা দলে হবে খেলা

    প্রাথমিক ভাবে যা ঠিক হয়েছে, একই সঙ্গে পুরুষ ও মহিলাদের টি-টোয়েন্টি লিগ চালু করা হবে। যা অন্য কোনও রাজ্য করেনি। অন্যান্য রাজ্যে আইপিএলের ঢংয়ে ফ্র্যাঞ্চাইজি লিগ চালু হলেও শুধু পুরুষদের মধ্যেই তা সীমাবদ্ধ রয়েছে। সিএবি ঠিক করেছে, একই সঙ্গে পুরুষদের লিগ হবে ইডেনে। আর মেয়েদের লিগ হবে সল্ট লেক যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস মাঠে। মেয়েদের ফাইনাল হবে ইডেনে। একই দিনে দু’টি করে ম্যাচ করা হতে পারে। প্রথম বছরে পুরুষদের লিগে থাকবে আটটি দল, মহিলাদের ছ’টি। তার পরে মেয়েদের দলের সংখ্যা বাড়ানো হতে পারে।

    আরও পড়ুন: ২০৩৬ অলিম্পিক্স আয়োজনে ভারত! কোথায় বসবে আসর? কী বললেন অমিত শাহ

    কোন কোন ফ্র্যাঞ্চাইজি খেলবে

    সিএবি কথাবার্তা বলছে আইপিএলের কয়েক জন নামী ফ্র্যাঞ্চাইজি মালিকের সঙ্গে। তার মধ্যে শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স রয়েছে। অম্বানীদের মুম্বই ইন্ডিয়ানস আছে। সঞ্জীব গোয়েন্‌কার লখনউ সুপার জায়ান্ট্স রয়েছে। এই তিনটি ফ্র্যাঞ্চাইজির শীর্ষ স্তরে কথা বলেছেন সৌরভ নিজে। তারা আগ্রহও প্রকাশ করেছে বঙ্গ লিগে দল কেনার ব্যাপারে। প্রত্যেকটা দলে ২০ জন করে ক্রিকেটার খেলবেন বলে জানা গিয়েছে। প্রতিটা দলে একজন করে থাকবেন মার্কি প্লেয়ার। সেটা বাংলার একজন করে নাম করা তারকা ক্রিকেটারকেই রাখা হবে। এছাড়া আইপিএল টুর্নামেন্টে যেমন আইকন প্লেয়ার থাকেন, এখানেও সেভাবেই একজন ক্রিকেটারকে রাখা হবে। দলগুলোকে প্রতিটা ম্যাচেই একজন করে জেলার ক্রিকেটার এবং একজন অনূর্ধ্ব ১৯ ক্রিকেটারকে বাধ্যতামূলকভাবে রাখতে হবে। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • ICC World Cup 2023: নিজে পারেননি, রোহিতরা পারবেন, আশাবাদী সৌরভ! ট্রফি ছোঁয়ার অপেক্ষায় দ্রাবিড়ও

    ICC World Cup 2023: নিজে পারেননি, রোহিতরা পারবেন, আশাবাদী সৌরভ! ট্রফি ছোঁয়ার অপেক্ষায় দ্রাবিড়ও

    মাধ্যম নিউজ ডেস্ক:  মনে পড়ছে ‘চক দে ইন্ডিয়া’! মনে পড়ছে কবীর খান-কে! ‘উইনিং কোচ, লুজিং ক্যাপ্টেন’! রবিবার আমেদাবাদে ভারত যদি বিশ্বকাপ জিততে পারে তাহলে দ্রাবিড়ের ক্ষেত্রেও উপমাটি অনেকাংশে খাটবে।  ক্রিকেটার দ্রাবিড় ২০০৩ সালে অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপ জিততে পারেননি। কোচ দ্রাবিড়ের সামনে সুযোগ এসেছে তার মধুর প্রতিশোধ নেওয়ার। 

    কী ভাবছেন দ্রাবিড়

    বিশ্বকাপে দ্রাবিড় খেলোয়াড় হিসাবে খেলেছেন, অধিনায়ক হিসাবে খেলেছেন। এখনও পর্যন্ত ট্রফি ছুঁতে পারেননি দ্রাবিড়। এ বারের বিশ্বকাপে তিনি কোচ। মাঠে নেমে ব্যাট ধরতে পারবেন না। দ্রাবিড়ের পরিকল্পনা মাঠে নেমে বাস্তবায়িত করবেন রোহিত শর্মা, বিরাট কোহলি, মহম্মদ শামিরা। ২০ বছর পর ভারতীয় সাজঘরে কমলা রঙের জার্সিটা পরে বসে থাকা দ্রাবিড় হয়তো শোনাবেন সেই দিনের কাহিনি। ২৩ মার্চ, ২০০৩ জোহানেসবার্গে টানা আট ম্যাচ জিতে ফাইনাল খেলতে নেমেছিল সৌরভের ভারত। টসে জিতে সেদিন প্রথমে ব্যাট করে অস্ট্রেলিয়া তুলেছিল ৩৫৯ রান। টি-টোয়েন্টি ক্রিকেটের জন্মের আগে সেদিন পন্টিংয়ের সেই ১২১ বলে ১৪০ রানের অপরাজিত ইনিংস ছিল বিধ্বংসী। অস্ট্রেলিয়ার অধিনায়ক যখন সেই ম্যাচে একের পর এক ছক্কা হাঁকাচ্ছিলেন, দ্রাবিড় দাঁড়িয়েছিলেন উইকেটের পিছনে। ভারতীয় দলের উইকেটরক্ষার দায়িত্ব ছিল তাঁর কাঁধে। সেদিন সাতটা বোলার ব্যবহার করেও পন্টিংকে আটকাতে পারেননি সৌরভ।

    আরও পড়ুন: বিশ্বকাপ ফাইনালে প্রধানমন্ত্রী মোদি! আসছেন অস্ট্রেলিয়ার ডেপুটি প্রাইম মিনিস্টারও

    কী বলছেন সৌরভ

    তাঁর দল না পারলেও রোহিতরা যে বিশ্বকাপের অন্যতম দাবিদার তা মানলেন সৌরভ গঙ্গোপাধ্যায়ও। বললেন, “অস্ট্রেলিয়াকে পরাস্ত করার লক্ষ্য় নিয়ে তৈরি ভারত। ফাইনালের জন্য দলকে শুভেচ্ছা। পুরো টুর্নামেন্টে যে দুর্দান্ত পারফরম্য়ান্স দিয়েছে দল,সেই ধার যদি ধরে রাখতে পারে রোহিতরা, তাহলে ভারতকে ছাপিয়ে যাওয়া মুশকিল।” প্রায় এক যুগ পর বিশ্বকাপ ফাইনালে ভারত। উন্মাদনা যেন বাঁধ মানছে না ভারতীয় ক্রিকেটপ্রেমীদের। ভারতের হাতে ট্রফি উঠুক আশায় বুক বাঁধছে আসমুদ্র হিমাচল। ভারতকে নিয়ে স্বপ্ন দেখছেন সৌরভও। ফাইনাল নিয়ে সৌরভের সংযোজন, “অস্ট্রেলিয়া যথেষ্ট ভালো দল। একটা ভালো ফাইনাল ম্য়াচ হতে চলেছে।”

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Jadavpur University: যাদবপুরে ছাত্রের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় গ্রেফতার আরও ৩

    Jadavpur University: যাদবপুরে ছাত্রের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় গ্রেফতার আরও ৩

    মাধ্যম নিউজ ডেস্ক: যাদবপুরে প্রথম বর্ষের ছাত্রের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় গ্রেফতার আরও তিন। শুক্রবার প্রাক্তন ও বর্তমান মিলিয়ে আরও তিন ছাত্রকে থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। পুলিশ (Jadavpur University) সূত্রে খবর, ৯ অগাস্ট ঘটনার দিন রাতে ওই হস্টেলে একাধিকবার জিবি বৈঠকে বসেন ছাত্ররা। বৈঠকে এই তিনজন ছাড়াও কয়েকজন প্রাক্তনীও উপস্থিত ছিলেন। যাদবপুরকাণ্ডে সৌরভ চৌধুরী নামে আগেই এক প্রাক্তনীকে গ্রেফতার করেছিল পুলিশ। তদন্তকারীরা জানতে পেরেছেন, সেই রাতে সৌরভের নেতৃত্বেই জিবির বৈঠক হয়েছিল। এদিন যাদবপুর থানায় আসেন কলকাতা পুলিশের ডিসি (এসএসডি) বিদিশা কালীতা। এদিন তাঁর নেতৃত্বেই জেরা করা হয় ওই তিন ছাত্রকে। তাঁদের কথায় অসঙ্গতি ধরা পড়ায় করা হয় গ্রেফতার।

    ঘটনার পুনর্নির্মাণ

    যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের এক পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু হয়। তার পরেই তোলপাড় হয় রাজ্য-রাজনীতি। প্রাক্তন ও বর্তমান ছাত্র মিলিয়ে এ পর্যন্ত ৯জনকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের হোমিসাইড শাখা। শুক্রবার এক পড়ুয়াকে নিয়ে গিয়ে সেই রাতের ঘটনার পুনর্নির্মাণ করিয়েছে পুলিশ। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসু ও ডিন অফ স্টুডেন্টস রজত রায়কে জিজ্ঞাসাবাদ করেছে লালবাজার।

    যাদবপুরে পথ অবরোধ, বচসা 

    অন্যদিকে, এদিন সন্ধ্যায় যাদবপুরে (Jadavpur University) রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় ছাত্রছাত্রীদের একাংশ। দিনের ব্যস্ত সময়ে পথ অবরোধ হওয়ায় ব্যাপক যানজট হয়। বিপাকে পড়েন অফিস ফেরত মানুষজন। বেশ কিছুক্ষণ অবরোধ করে রাখা হয় যাদবপুর থানার সামনের রাস্তা। সার দিয়ে দাঁড়িয়ে যায় গাড়ি। দেখা দেয় ব্যাপক যানজট। গুরুত্বপূর্ণ রাস্তা অবরোধ হওয়ায় পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন সাধারণ মানুষ। অবরোধকারীদের সঙ্গে তুমুল বচসাও হয় নিত্যযাত্রীদের। বেশ কিছুক্ষণের ভোগান্তি শেষে তুলে নেওয়া হয় অবরোধ। ততক্ষণে অবশ্য যানজটে নাভিশ্বাস ওঠার জোগাড় যাত্রীদের।

    আরও পড়ুুন: “২০৪৭ সালের মধ্যে প্রতিটি গ্রামে উন্নয়নের দীপ জ্বালাতে হবে”, বললেন প্রধানমন্ত্রী

    র‍্যাগিং বন্ধে সৌরভের দাওয়াই 

    “র‍্যাগিং (Jadavpur University) বন্ধ করার জন্য তাড়াতাড়ি আইন আনা প্রয়োজন।” শুক্রবার কলকাতার এক অনুষ্ঠানে যোগ দিয়ে এ কথা বললেন প্রাক্তন অধিনায়ক তথা বিসিসিআইয়ের সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি বলেন, “বিশ্ববিদ্যালয় পড়াশোনা করার জায়গা। সেটাই মূল লক্ষ্য হওয়া উচিত।র‍্যাগিং বন্ধে কড়া আইন করা উচিত।” 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Sourav Ganguly: বিশ্বকাপে ভারত-পাকিস্তান সেমিফাইনাল ইডেনে! বললেন সৌরভ

    Sourav Ganguly: বিশ্বকাপে ভারত-পাকিস্তান সেমিফাইনাল ইডেনে! বললেন সৌরভ

    মাধ্যম নিউজ ডেস্ক: এক দিনের বিশ্বকাপের (World Cup 2023) সেমিফাইনালের দৌড়ে চারটি নয় পাঁচটি দল বাছলেন প্রিন্স অফ ক্যালকাটা।  প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) চান পাকিস্তান সেমিফাইনালে উঠুক ও ভারতের সামনে পড়ুক। তা হলে খেলা হবে কলকাতায়। ইডেন সৌরভের ঘরের মাঠ। তাই সেখানেই বিশ্বকাপে ভারত-পাকিস্তান সেমিফাইনাল ম্যাচ হোক, চাইছেন প্রাক্তন বিসিসিআই সভাপতি। সৌরভ বলেন, ‘‘আমি চাই ভারত-পাকিস্তান সেমিফাইনাল হোক। তা হলে ইডেনে খেলা হবে।’’

    ইডেনে কীভাবে ভারত-পাক

    ২০০৩ সালে দেশকে বিশ্বকাপ (World Cup 2023) ফাইনালে তোলা অধিনায়কের (Sourav Ganguly) আশা, এ বারের বিশ্বকাপে ভারত ও পাকিস্তান উভয় দলই সেমিফাইনাল খেলবে। সৌরভের ভবিষ্যদ্বাণীকে সত্যি করে যদি এই দুই দল সেমিফাইনালে ওঠে, তাহলে এই ম্যাচটি হবে কলকাতার ইডেন গার্ডেন্সে। উল্লেখ্য, কলকাতার ইডেন গার্ডেন্সে ১৬ নভেম্বর বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ আয়োজিত হবে। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে খেলা হবে টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল ম্যাচটি। ১৯ নভেম্বর ফাইনাল ম্যাচ খেলা হবে আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। ভারত সেমিফাইনালে উঠলে তারা শেষ চারের লড়াইয়ে নামবে ওয়াংখেড়েতে। কেবলমাত্র সেমিফাইনালে ভারত যদি পাকিস্তানের মুখোমুখি হয়, তাহলে রোহিতদের সেই ম্যাচ খেলতে হবে কলকাতায়। কেননা পাকিস্তান সেমিফাইনালে উঠলে তারা ইডেনেই খেলবে সেই ম্যাচ। পাকিস্তান দল মুম্বইয়ে টুর্নামেন্টের কোনও ম্যাচ খেলবে না।

    বিশ্বকাপের শেষ চারে কারা

    বিশ্বকাপের শেষ চারে যাবে কোন দলগুলি তারও ভবিষ্যদ্বাণী করেছেন প্রাক্তন অধিনায়ক। সৌরভের (Sourav Ganguly) বিশ্বাস, পাকিস্তান, অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড, ভারতের সঙ্গে ২০২৩ বিশ্বকাপের নকআউটে পৌঁছবে। একইসঙ্গে তিনি নিউজিল্যান্ডের সেমিফাইনালে ওঠার সম্ভাবনা দেখছেন। সৌরভ বলেছেন,  “বলা কঠিন তবে, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও ভারত এই তিন দলই সবচেয়ে বড় দাবিদার। এই বড় টুর্নামেন্টে নিউজিল্যান্ডকে খাটো করে দেখা যাবে না। নিউজিল্যান্ড হবে চতুর্থ দল। পাকিস্তানকে পঞ্চম দল হিসেবে ধরব। তারাও সেমিফাইনালে যেতে পারে।”

    রোহিতের উপর চাপ

    দেশের মাটিতে বিশ্বকাপ (World Cup 2023) হওয়ায় প্রত্যাশার চাপ থাকবে ভারতীয় ক্রিকেটারদের উপর। চাপের মধ্যেই ভাল খেলতে হবে ভারতীয় ক্রিকেটারদের। সৌরভ বলেন, ‘‘চাপ তো থাকবেই। শেষ বিশ্বকাপে রোহিত শর্মা পাঁচটা শতরান করেছিল। এ বার ও অধিনায়ক। ওর উপরেও চাপ থাকবে। ভারতীয় ক্রিকেটারেরা সেটা ভাল ভাবেই জানে। আমি নিশ্চিত চাপ সামলানোর কোনও একটা উপায় বার করবে ওরা।”

    আরও পড়ুন: দলে নেই রিঙ্কু! ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি২০-র স্কোয়াড ঘোষণা ভারতের

    কোচ দ্রাবিড়ের উপর আস্থা

    দলের কোচ রাহুল দ্রাবিড়ের উপর ভরসা রয়েছে সৌরভের। তিনি আশাবাদী, এ বার দ্রাবিড়ের কোচিংয়ে ভাল খেলবে ভারত। সৌরভ বলেন, ‘‘দ্রাবিড় এখন দলের প্রধান কোচ। ও জানে, ক্রিকেটারদের কোন চাপ নিয়ে খেলতে হয়। সেই চাপ সামলে কী ভাবে ভাল খেলতে হয় সেটা দ্রাবিড়ের থেকে ভাল কেউ বুঝিয়ে দিতে পারবে না। আমি আশাবাদী, দেশের মাটিতে ভারত ভাল খেলবে।’’

    নক-আউটে সফল হবে ভারত

    ভারতীয় দল বারবার বড় টুর্নামেন্টের নক-আউটে কেন আটকে যায়, সেই প্রসঙ্গে সৌরভ (Sourav Ganguly) বলেন, ‘গুরুত্বপূর্ণ সময়ে আমরা কখনও কখনও ভালো ক্রিকেট খেলতে পারিনি। এটা মানসিক চাপ বলে আমি মনে করি না। আসলে প্রয়োগ কৌশলেই খামতি থেকে যায়। ওরা (ভারতীয় ক্রিকেটাররা) মানসিকভাবে অত্যন্ত শক্তপোক্ত। আশা করি তাড়াতাড়িই ওরা সেই সীমা পার করবে।’সৌরভ আরও বলেন, ‘আমরা অন্ততপক্ষে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে পেরেছি। এটা কম কৃতিত্ব নয়। আমাদের এবার সুযোগ রয়েছে। আমাদের দলে দারুণ সব ক্রিকেটার রয়েছে। আশা করি এবার আমরা করে দেখাতে পারব।’

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Sukanta Majumdar: কলকাতার শেরিফ করা হোক সৌরভকে, দাবি সুকান্তর

    Sukanta Majumdar: কলকাতার শেরিফ করা হোক সৌরভকে, দাবি সুকান্তর

    মাধ্যম নিউজ ডেস্ক: তাঁকে সম্মান দিয়েছে ত্রিপুরার (Tripura) বিজেপি (BJP) সরকার। ব্র্যান্ড অ্যাম্বাসাডর করা হয়েছে তাঁকে। বাংলার ছেলে হলেও, এ রাজ্যে পানি পাননি তিনি। তিনি প্রাক্তন ক্রিকেটার সৌরভ গঙ্গোপাধ্যায়। এবার তাঁকেই কলকাতার শেরিফ করার দাবি জানালেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)।

    সুকান্তর (Sukanta Majumdar) দাবি

    তিনি বলেন, “সৌরভ গঙ্গোপাধ্যায় একজন আইকন। তাঁকে নিয়ে বাংলা এবং বাঙালি পরিচয় দিতে গর্ববোধ করে। পশ্চিমবঙ্গ সরকারের উচিত ছিল সৌরভ গঙ্গোপাধ্যায়কে আগেই ব্র্যান্ড অ্যাম্বাসাডর করা। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হল মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকার সৌরভকে এ ব্যাপারে মর্যাদা দেয়নি। ত্রিপুরায়ও প্রচুর বাঙালি রয়েছেন। ত্রিপুরার পর্যটন দফতরের ব্র্যান্ড অ্যাম্বাসাডর সৌরভ হওয়ায় আমরা খুশি। আমরা ত্রিপুরা সরকারকে ধন্যবাদ জানাই সৌরভ গঙ্গোপাধ্যায়ের মতো একজন ব্যক্তিত্বকে ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে বেছে নেওয়ার জন্য।” বালুরঘাটের সাংসদ বলেন, “রাজ্য সরকারের কাছে আমি দাবি করছি যে কলকাতায় এই মুহূর্তে কোনও শেরিফ নেই। সৌরভকে অবিলম্বে শেরিফ করা হোক।”

    কেন্দ্রীয় হারে ডিএ

    বিজেপি যে ডিএ আন্দোলনকারীদের সঙ্গে রয়েছে, এদিন তা আরও একবার মনে করিয়ে দেন সুকান্ত (Sukanta Majumdar)। তিনি বলেন, “তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বন্ধু। সেই রাজ্যের মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন সরকারি কর্মীদের ৪২ শতাংশ পর্যন্ত ডিএ দিচ্ছেন। তাই দিদি যখন তামিলনাড়ুর দেখাদেখি দ্য কেরালা স্টোরি বাতিল করেছিলেন, তাহলে এবার তামিলনাড়ুর দেখাদেখি এখানে ডিএটাও নিশ্চয়ই দেবেন।” তিনি আরও বলেন, “দিদি, আপনি তো কথায় কথায় এগিয়ে বাংলা বলেন। এবার তো এগিয়ে তামিলনাড়ু হয়ে গেল, বাংলা কোথায় গেল? বাঙালি কোথায় এগোল?”

    আরও পড়ুুন: কর্নাটকের কংগ্রেস সরকারের কাছে ‘হিন্দু বিরোধী’ তিন দাবি অ্যামনেস্টি ইন্ডিয়ার!

    প্রসঙ্গত, কলকাতার শেরিফ পদটি অরাজনৈতিক। শহরের কোনও বিশিষ্ট ব্যক্তিকেই এই পদে বসানো হয়। নিয়োগ হয় এক বছরের জন্য। শেরিফের একটি অফিস থাকে, থাকেন কর্মীও, তবে নির্বাহী কোনও ক্ষমতা শেরিফের থাকে না। মেয়রের ঠিক পরের পদটিই হল শেরিফের। ভারতের একমাত্র মুম্বই ও কলকাতায় রয়েছে ঐতিহ্যবাহী এই পদটি। কলকাতার প্রথম শেরিফ ছিলেন দিগম্বর মিত্র। ১৮৭৪ সালে কলকাতার শেরিফ হয়েছিলেন তিনি। ২০০১ সালে শেরিফ হয়েছিলেন বিখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী সুচিত্রা মিত্র। ২০১৩ সালে তৃণমূল সরকার ওই পদে বসান অভিনেতা রঞ্জিত মল্লিককে। ২০১৯ সালে বসানো হয়েছিল মণিশঙ্কর মুখোপাধ্যায়কে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Sourav Ganguly: বিজেপি শাসিত ত্রিপুরায় ব্র্যান্ড অ্যাম্বাসাডর হচ্ছেন সৌরভ! কী বললেন মহারাজ?

    Sourav Ganguly: বিজেপি শাসিত ত্রিপুরায় ব্র্যান্ড অ্যাম্বাসাডর হচ্ছেন সৌরভ! কী বললেন মহারাজ?

    মাধ্যম নিউজ ডেস্ক: ত্রিপুরার পর্যটন দফতরের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হচ্ছেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। সূত্রের খবর, দিন কয়েক আগেই এই প্রস্তাব মহারাজের কাছে আসে। মঙ্গলবার আলোচনার পর রাজি হয়েছেন মহারাজ। কাজ শুরু হবে জুন মাস থেকেই। এদিন ত্রিপুরার পর্যটনকে বাড়ানোর লক্ষ্যে রাজ্যের পর্যটন মন্ত্রী, সুশান্ত চৌধুরীর সঙ্গে দেখাও করেন সৌরভ। কথা হয়েছে মানিক সাহার সঙ্গেও। এবিষয়ে মহারাজ জানিয়েছেন, কয়েক মাস আগে প্রস্তাব দেওয়া হয়েছিল। সেই প্রস্তাবেই তিনি রাজি হয়েছেন। পর্যটন দফতরের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবেই কাজ করবেন।

    মঙ্গলবারই কলকাতায় পা রাখেন ত্রিপুরার পর্যটন মন্ত্রী

    প্রাক্তন ভারত অধিনায়ককে (Sourav Ganguly) পর্যটন ক্ষেত্রের ব্র্যান্ড অ্যাম্বাসাডর করতে মঙ্গলবার কলকাতায় আসেন ত্রিপুরার পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরী। বেহালার বাড়িতে গিয়ে তাঁর সঙ্গে আলোচনাও সারেন পর্যটনমন্ত্রী। জানা গিয়েছে, এদিনের বৈঠকে সুশান্তবাবুর পাশাপাশি হাজির ছিলেন ত্রিপুরা পর্যটন দফতরের সচিব উত্তমকুমার চাকমা এবং ওই দফতরের শীর্ষ আধিকারিক তপনকুমার দাস। মহারাজের বাড়িতে ত্রিপুরার মন্ত্রী এবং আমলারা তাঁর হাতে ত্রিপুরা সুন্দরী মন্দিরের একটি ছোট্ট মডেল তুলে দেন।

    কথা মানিক সাহার সঙ্গেও…

    মুখ্যমন্ত্রী মানিক সাহা পরে ফোনে কথা বলেন মহারাজের (Sourav Ganguly) সঙ্গে। পরে ট্যুইট করে বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী লেখেন, ‘‘খুব গর্বের সঙ্গে জানাতে চাই যে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় ত্রিপুরা পর্যটনের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হওয়ার প্রস্তাব গ্রহণ করেছেন। আজকে তাঁর সঙ্গে ফোনে আমার কথা হয়েছে। আমি নিশ্চিত যে সৌরভ গঙ্গোপাধ্যায় আমাদের সঙ্গে যুক্ত হওয়ায় রাজ্যের পর্যটন ক্ষেত্রে উন্নতি হবে।’’

     
    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Sourav Ganguly: ‘ওয়াই’ থেকে ‘জেড’ ক্যাটেগরি! সৌরভের নিরাপত্তা বাড়াল নবান্ন, কেন?

    Sourav Ganguly: ‘ওয়াই’ থেকে ‘জেড’ ক্যাটেগরি! সৌরভের নিরাপত্তা বাড়াল নবান্ন, কেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক তথা প্রাক্তন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) নিরাপত্তা (Sourav Ganguly Security) আরও বাড়ানো হল। আগে ‘ওয়াই’ ক্যাটাগরির নিরাপত্তা পেতেন তিনি। এখন থেকে ‘জেড’ ক্যাটাগরি নিরাপত্তা দেওয়া হবে তাঁকে। 

    সবসময় নিরাপত্তা

    ব্যক্তিগত কারণে নিরাপত্তা বাড়ানো হয়েছে বলে সৌরভের (Sourav Ganguly) ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়েছে। রাজ্য সরকারের থেকেই ‘জেড’ ক্যাটাগরি নিরাপত্তা দেওয়া হবে সৌরভকে। ডিরেক্টর অব সিকিউরিটি থেকে অর্ডার এসেছে লালবাজারে। তাঁকে ‘জেড’ ক্যাটাগরি সিকিউরিটি দেওয়া হবে। রাউন্ড দ্য ক্লক সিকিউরিটি। ‘জেড’ ক্যাটাগরি নিরাপত্তার কারণে সৌরভের সঙ্গে সব সময় দু’জন বিশেষ নিরাপত্তা আধিকারিক থাকবেন। সৌরভের বাড়ি এবং তিনি যেখানে যাবেন সেখানেই এই দুই নিরাপত্তা আধিকারিক যাবেন। সব সময় একটি বিশেষ গাড়ি থাকবে তাঁর সঙ্গে। ২১ মে থেকে এই বাড়তি নিরাপত্তা পাবেন সৌরভ। তাঁর বাড়ির নিরাপত্তাও ২৪ ঘণ্টার জন্য বাড়ানো হচ্ছে। 

    আরও পড়ুন: এগরায় বিস্ফোরণ হওয়া সেই বাজি কারখানার মালিক তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্য

    কী কারণে হঠাৎ তড়িঘড়ি বাড়ানো হল সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) সেই বিষয়ে সঠিকভাবে কোনও কিছু জানা যায়নি। পরিবারের তরফ থেকেও কেও প্রতিক্রিয়া দেয়নি। তবে সূত্রের খবর, ব্যক্তিগত কারণে সৌরভ গঙ্গোপাধ্যায় নিজেই চেয়েছিলেন নিরাপত্তা বৃদ্ধি করতে। দেড় দশক আগে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন সৌরভ। তারপর কয়েক বছর আইপিএলে খেললেও ক্রিকেট প্রশাসনের দিকেই তাঁর মন ছিল। প্রথমে সিএবি প্রেসিডেন্ট ও পরে বিসিসিআই প্রেসিডেন্ট হন তিনি। বর্তমানে দিল্লি ক্যাপিটালসের ডিরেক্টর অফ ক্রিকেট হিসেবে যুক্ত রয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সেই অর্থে এখন তিনি দেশ বা রাজ্য ক্রিকেটের বড় পদে নেই। তারপরেও কেন এই নিরাপত্তা বেষ্টনী আরও বাড়ানো হল সে ব্যাপারে নবান্নের তরফে কিছু স্পষ্ট করা হয়নি।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share