তানিয়া বন্দ্যোপাধ্যায় পাল
ভোরে বেশ ঠান্ডার আমেজ। কিন্তু বেলা বাড়তেই উধাও শীতের অনুভূতি! বরং রোদের তেজে তৈরি হচ্ছে অস্বস্তিকর আবহাওয়া। দীর্ঘক্ষণ বাইরে থাকলে গরম অনুভূত হচ্ছে। বছরের এই সময়ে ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে আবহাওয়ার এমন ওঠানামা স্বাভাবিক। তবে মরশুম বদলের এই সময়ে বাড়ে নানা শারীরিক ভোগান্তিও। অনেকেই সর্দি-কাশি, জ্বরে কাবু হন। শ্বাসনালীর সংক্রমণের জেরে দেখা দেয় গলাব্যথা ও অস্বস্তি।
এই ধরনের উপসর্গ থেকে দ্রুত রেহাই পেতে অনেকেই চিকিৎসকের পরামর্শ ছাড়াই অ্যান্টিবায়োটিক খেয়ে থাকেন। আর তাতেই বাড়ছে বিপদের আশঙ্কা। চিকিৎসকদের একাংশের মতে, সাময়িক স্বস্তির আশায় অপ্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক ব্যবহারের অভ্যাস ভবিষ্যতে বড় স্বাস্থ্য সঙ্কটের কারণ হয়ে উঠতে পারে। তাই এখন থেকেই সতর্ক হওয়া জরুরি।
অপ্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক কতখানি ক্ষতিকারক?
চিকিৎসকদের মতে, অ্যান্টিবায়োটিকের কাজ হল ব্যাকটেরিয়াকে ধ্বংস করা অথবা তাদের বংশবৃদ্ধি আটকে দেওয়া। কিন্তু ঋতু পরিবর্তনের সময়ে দেখা দেওয়া সাধারণ সর্দি, ইনফ্লুয়েঞ্জা এবং অধিকাংশ ভাইরাসঘটিত কাশির ক্ষেত্রে এই ওষুধ কার্যকর নয়। কারণ, অ্যান্টিবায়োটিক ভাইরাসের বিরুদ্ধে কাজ করে না। অপ্রয়োজনীয়ভাবে এই ওষুধ ব্যবহার করলে একাধিক শারীরিক সমস্যা দেখা দিতে পারে। এর মধ্যে সবচেয়ে উদ্বেগজনক হল অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স।
অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের ঝুঁকি
বিশেষজ্ঞদের মতে, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স মানুষের শরীরে নয়, ব্যাকটেরিয়ার মধ্যে তৈরি হয়। বারবার বা অনুপযুক্তভাবে অ্যান্টিবায়োটিক ব্যবহার করলে ব্যাকটেরিয়া ধীরে ধীরে ওষুধের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে পারে। ফলে ভবিষ্যতে ব্যাকটেরিয়াজনিত সংক্রমণ হলে সাধারণ অ্যান্টিবায়োটিক আর কার্যকর নাও হতে পারে। প্রয়োজনের সময় সংক্রমণ নিয়ন্ত্রণ করাও কঠিন হয়ে পড়ে। এর ফলে বিভিন্ন সংক্রামক রোগের চিকিৎসায় জটিলতা বাড়তে পারে।
চিকিৎসায় জটিলতা
অতিরিক্ত অপ্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক শরীরে অন্যান্য ওষুধের প্রভাব নষ্ট করে দিতে পারে। একইসঙ্গে পার্শ্বপ্রতিক্রিয়ার ঝুঁকি বাড়তে পারে। পাশাপাশি অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স তৈরি হলে সংক্রমণের চিকিৎসায় আরও শক্তিশালী ওষুধের প্রয়োজন হতে পারে। অনেক ক্ষেত্রে দীর্ঘদিন চিকিৎসা চালাতে হয়। এমনকী হাসপাতালে ভর্তির পরিস্থিতিও তৈরি হতে পারে।
অ্যালার্জির আশঙ্কা
অ্যান্টিবায়োটিকের পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবে ত্বকে র্যাশ, চুলকানি এবং অন্যান্য অ্যালার্জির উপসর্গ দেখা দিতে পারে। বিরল ক্ষেত্রে গুরুতর ও প্রাণঘাতী অ্যালার্জিক প্রতিক্রিয়াও হতে পারে।
পেটের জন্যও বাড়তি বিপদ!
চিকিৎসকদের মতে, মানুষের অন্ত্রে অসংখ্য উপকারী ব্যাকটেরিয়া থাকে। এগুলি হজম প্রক্রিয়া স্বাভাবিক রাখতে এবং অন্ত্রের স্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করে। কিন্তু অপ্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক ব্যবহারের ফলে এই উপকারী ব্যাকটেরিয়াগুলির স্বাভাবিক ভারসাম্য নষ্ট হতে পারে। এর জেরে ডায়রিয়া, পেটব্যথা এবং অন্ত্রের বিভিন্ন সমস্যার ঝুঁকি বাড়ে। এ ছাড়াও অ্যান্টিবায়োটিক ব্যবহারের পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবে বমিভাব, মাথা ঘোরা, ত্বকের সমস্যা এবং ছত্রাকের সংক্রমণ দেখা দিতে পারে।
শিশু ও বয়স্কদের ক্ষেত্রে বিপদ কি বেশি?
শিশু এবং বয়স্কদের ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক ব্যবহারে বাড়তি সতর্কতা প্রয়োজন। কারণ, এই দুই বয়সের মানুষের ক্ষেত্রে অপ্রয়োজনীয় বা অনুপযুক্ত অ্যান্টিবায়োটিক ব্যবহার বাড়তি স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে।
শিশু:
শিশুদের ক্ষেত্রে অন্ত্রের উপকারী জীবাণুর স্বাভাবিক ভারসাম্য তখনও গড়ে ওঠার পর্যায়ে থাকে। ফলে অপ্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক ব্যবহারে ডায়রিয়া, বমি, অ্যালার্জি-সহ একাধিক পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে। তাই শিশুর বয়স ও শারীরিক অবস্থা অনুযায়ী ওষুধের প্রয়োজনীয়তা এবং মাত্রা চিকিৎসককেই নির্ধারণ করতে হবে। নিজের সিদ্ধান্তে শিশুকে অ্যান্টিবায়োটিক দেওয়া বিপজ্জনক হতে পারে।
বয়স্ক:
বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা ও শারীরিক সক্ষমতায় পরিবর্তন আসে। পাশাপাশি অনেক বয়স্ক মানুষের ডায়াবেটিস, কিডনি কিংবা হৃদ্রোগের মতো সমস্যা থাকে। তাঁদের অনেককেই একসঙ্গে একাধিক ওষুধ খেতে হয়। ফলে অ্যান্টিবায়োটিকের সঙ্গে অন্যান্য ওষুধের পারস্পরিক প্রতিক্রিয়া এবং পার্শ্বপ্রতিক্রিয়ার আশঙ্কা বাড়তে পারে। তাই চিকিৎসকের পরামর্শ ছাড়া এই ওষুধ খাওয়া উচিত নয়।
শীতের সর্দি-কাশি থেকে রেহাই পেতে কী পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা?
চিকিৎসকদের মতে, ঋতু পরিবর্তনের সময়ে বিভিন্ন ভাইরাস সক্রিয় হয়ে ওঠে। ফলে সর্দি-কাশি, জ্বর ও গলাব্যথার মতো উপসর্গ দেখা দেওয়া অস্বাভাবিক নয়। সাধারণ ভাইরাসঘটিত সংক্রমণের ক্ষেত্রে অ্যান্টিবায়োটিকের পরিবর্তে শরীরকে সুস্থ হয়ে ওঠার জন্য পর্যাপ্ত সময় দেওয়া জরুরি। পাশাপাশি কয়েকটি সহজ অভ্যাস এবং উপসর্গ অনুযায়ী পরিচর্যা স্বস্তি দিতে পারে।
পর্যাপ্ত জল খাওয়ার অভ্যাস:
শরীর সুস্থ রাখতে পর্যাপ্ত জল খাওয়া জরুরি। তাপমাত্রা কমে গেলে অনেকেই জল খাওয়ার পরিমাণ কমিয়ে দেন। কিন্তু অসুস্থতার সময় শরীরে জলের ঘাটতি এড়ানো বিশেষ গুরুত্বপূর্ণ। তাই নিয়মিত জল পান করতে হবে। পাশাপাশি বিভিন্ন সব্জি দিয়ে তৈরি গরম স্যুপ খাওয়া যেতে পারে। এতে শরীর আর্দ্র থাকবে এবং গলার অস্বস্তিও কিছুটা কমতে পারে।
পর্যাপ্ত বিশ্রাম:
সর্দি-কাশি বা জ্বর হলে পর্যাপ্ত ঘুম ও বিশ্রাম জরুরি। বিশ্রাম শরীরের স্বাভাবিক রোগ প্রতিরোধ ব্যবস্থাকে কাজ করতে সাহায্য করে। পাশাপাশি ক্লান্তি কমাতেও ভূমিকা রাখে। তাই অসুস্থ অবস্থায় অতিরিক্ত পরিশ্রম না করে শরীরকে পর্যাপ্ত বিশ্রাম দেওয়া উচিত।
কাশির অস্বস্তি কমাতে মধু:
এক বছরের বেশি বয়সি শিশু থেকে শুরু করে প্রাপ্তবয়স্ক—কাশির অস্বস্তি কমাতে মধু উপকারী হতে পারে। বিশেষজ্ঞদের মতে, বিশেষত রাতে কাশির সমস্যা কমাতে মধু কিছুটা স্বস্তি দিতে পারে। তবে এক বছরের কম বয়সি শিশুকে কোনওভাবেই মধু দেওয়া যাবে না। এতে ইনফ্যান্ট বটুলিজমের ঝুঁকি থাকে।
পরিষ্কার-পরিচ্ছন্নতা:
ভাইরাসঘটিত সংক্রমণের ঝুঁকি কমাতে ব্যক্তিগত পরিচ্ছন্নতার দিকে বাড়তি নজর দিতে হবে। নিয়মিত সাবান দিয়ে হাত ধোয়া, কাশি বা হাঁচির সময় মুখ ও নাক ঢেকে রাখা এবং অসুস্থ অবস্থায় অন্যদের থেকে যথাসম্ভব দূরত্ব বজায় রাখা জরুরি। এই সাধারণ অভ্যাসগুলি সংক্রমণ ছড়ানোর ঝুঁকি কমাতে সাহায্য করে।

Leave a Reply