Author: user

  • Sandip Ghosh: ডাক্তারি পেশায় ইতি! সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন বাতিল করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল

    Sandip Ghosh: ডাক্তারি পেশায় ইতি! সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন বাতিল করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল

    মাধ্যম নিউজ ডেস্ক: আরজি কর হাসপাতলের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে (Sandip Ghosh) আর্থিক দুর্নীতি এবং চিকিৎসক তরুণীকে ধর্ষণ করে খুনের মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই আগেই গ্রেফতার করেছে। এখন তিনি জেলে বন্দি। এবার তাঁর নামের আগে ‘ডাক্তার’ লেখার অধিকার কেড়ে নেওয়া হল। রোগী দেখার প্রেসক্রিপশনেও তিনি লিখতে পারবেন না ‘ডাক্তার’ শব্দ। বৃহস্পতিবার, পশ্চিমবঙ্গ মেডিক্যাল কাউন্সিল তাঁর রেজিস্ট্রেশন (Registration) বাতিল করেছে। যদিও অনেক দিন ধরেই আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের একটা বড় অংশের মধ্যে এই দাবি উঠেছিল। এই পদক্ষেপে ব্যাপক শোরগোল পড়েছে।

    নোটিশের জবাব দেননি সন্দীপ (Sandip Ghosh)

    গত ৯ অগাস্ট হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তরুণীকে ধর্ষণ করে খুন করা হয়েছিল। ঘটনায় তথ্যপ্রমাণ লোপাট এবং আত্মহত্যার তত্ত্ব দিয়ে ধামাচাপা দেওয়ার গুরুতর অভিযোগ রয়েছে এই সন্দীপ ঘোষের (Sandip Ghosh) বিরুদ্ধে। পশ্চিমবঙ্গ মেডিক্যাল কাউন্সিলের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করে এই রেজিস্ট্রেশন (Registration) বাতিলের কথা ঘোষণা করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, “গত ৬ সেপ্টেম্বর সন্দীপকে কারণ দর্শানোর কথা বলে নোটিশ পাঠানো হয়েছিল। কিন্তু এই নোটিশের জবাব দেননি সন্দীপ। এই জন্য নথিভুক্ত চিকিৎসকদের রেজিস্টার থেকে তাঁর নাম বাতিল করা হয়েছে।”

    আরও পড়ুনঃ সিবিআইয়ের নজরে আরজি করের হাউজস্টাফ, নথি নিয়ে সিজিওতে সল্টলেকের হোটেল কর্মী

    আর কি রোগী দেখতে পারবেন?

    চিকিৎসক সংগঠন আইএমএ-র রাজ্য শাখার পক্ষ থেকে মঙ্গলবার মেডিক্যাল কাউন্সিলের সভাপতিকে চিঠি পাঠানো হয়েছিল। এই কাউন্সিলের সভাপতি হলেন তৃণমূল সমর্থক চিকিৎসক সুদীপ্ত রায়। চিঠিতে স্পষ্ট করে আবেদন করা হয়, ব্যক্তিগত পরিচয়কে ঊর্ধে রেখে সন্দীপের রেজিস্ট্রেশন যেন অবিলম্বে বাতিল করা হয়। একই ভাবে চিঠিতে সই রয়েছে আরেক তৃণমূলের প্রাক্তন সাংসদ শান্তনু সেনের। আরজি কর-কাণ্ডের শুরু থেকেই শান্তনু এবং তাঁর স্ত্রী-কন্যাকে আন্দোলনকারীদের পাশে দাঁড়াতে দেখা গিয়েছিল। উল্লেখ্য, সন্দীপ (Sandip Ghosh), হত্যাকাণ্ডের পর নিজেই অধ্যক্ষ পদ থেকে পদত্যাগ করেছিলেন। সেই সঙ্গে বলেছিলেন, “আমি অর্থোপেডিক সার্জেন। আমার দু’টো হাত রয়েছে। আমি কিছু করে খেতে পারব।” কিন্তু এখন তাঁর রেজিস্ট্রেশন বাতিল হওয়ার পর ডাক্তারদের একাংশ বলছে, “আর কি রোগী দেখতে পারবেন? খাবেন কী”   

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • India Vs Bangladesh: অশ্বিনের শতরান, জাদেজার ঝোড়ো ইনিংসে বাংলাদেশের বিপক্ষে চালকের আসনে ভারত

    India Vs Bangladesh: অশ্বিনের শতরান, জাদেজার ঝোড়ো ইনিংসে বাংলাদেশের বিপক্ষে চালকের আসনে ভারত

    মাধ্যম নিউজ ডেস্ক: দিনের শুরুটা যদি বাংলাদেশের হয়, তাহলে শেষ বেলাটা অবশ্যই ভারতের (India Vs Bangladesh)। পাকিস্তানকে তাঁদের ঘরের মাঠে হারিয়ে ভারতে এসেছেন শাকিবরা। স্বভাবতই দুরন্ত ছন্দে প্রতিবেশীরা। শুরুটাও করলেন একেবারে আক্রমণাত্মক মেজাজে। বৃহস্পতিবার চেন্নাইয়ে প্রথম টেস্টের প্রথম দিনে মাত্র ৩৪ রানের মধ্যে তিন উইকেট খুইয়ে বেকায়দায় পড়ে যায় ভারত। কিন্তু রবিচন্দ্রন অশ্বিনের (Ravichandran Ashwin) সেঞ্চুরি আর রবীন্দ্র জাদেজার ঝোড়ো ইনিংসে ভর করে দিনের শেষে প্রায় সাড়ে তিনশোর কাছে পৌঁছে গিয়েছে টিম ইন্ডিয়া। প্রথম দিনের শেষে ৬ উইকেট হারিয়ে ভারতের স্কোর ৩৩৯।

    পরিকল্পিত বোলিং বাংলাদেশের

    টসে জিতে এদিন বোলিং করতে নামে বাংলাদেশ। প্রথম টেস্টের (India Vs Bangladesh) প্রথম সেশনেই তিন উইকেট তুলে নিয়ে ভারতের টপ অর্ডার ভেঙে দেন হাসান মাহমুদ। চা পানের বিরতির আগে ৬ উইকেট হারিয়ে যথেষ্ট চাপে পড়ে যায় ভারত। ব্যর্থ হন রোহিত (৬), শুভমান (০), বিরাট (৬), রাহুলরা (১৬)। হাফ সেঞ্চুরি করেন যশস্বী। ৩৯ রানের ইনিংস আসে ঋষভ পন্থের ব্যাট থেকে। ভারতের ব্যাটারদের বিরুদ্ধে এদিন নির্দিষ্ট পরিকল্পনা করে নেমেছিল বাংলাদেশ। হাসানের সব চেয়ে বড় শক্তি একই লাইন ও লেংথে দীর্ঘ স্পেল করা। তাঁর বলে গতি রয়েছে। প্রত্যেক ব্যাটারের বিরুদ্ধে যে তিনি পরিকল্পনা করে নেমেছেন, তা আউট হওয়ার ধরনে বোঝা গিয়েছে। রোহিত ও বিরাট অফ স্টাম্পের বাইরের বলে খোঁচা মারতে গিয়ে আউট হয়েছেন। শুভমন আবার লেগ স্টাম্পের বল ফাইন লেগে খেলতে গিয়ে আউট হয়ে ফিরেছেন। তাঁদের দুর্বলতা জেনেই বল করতে নেমেছিলেন বাংলাদেশের পেসাররা। সেটাই স্পষ্ট হয়ে যায় বিরাটদের আউট হওয়ার ধরনে।

    দুরন্ত অশ্বিন

    এদিন চা পানের বিরতি পর্যন্ত খেলায় ছিল বাংলাদেশ (India Vs Bangladesh)। কিন্তু ব্যাটিং ব্যর্থতার দিনে ভারতকে ম্যাচে রাখলেন রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin)। ১০১ তম টেস্টে ষষ্ঠ শতরান করে ফেললেন তিনি। সব চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে স্ট্রাইক রেট। ১১২ বলে ১০২ রানে অপরাজিত অশ্বিন। তাঁর স্ট্রাইক রেট ৯১.০৭। অশ্বিন যখন নেমেছিলেন, তখন ভারত ১৪৪ রানে ৬ উইকেট হারিয়ে ধুঁকছে। ২৫০ রান উঠবে কি না, সেই চিন্তায় চুপ কোচ গম্ভীর। সেখানে অশ্বিন নেমেই পাল্টা মারের খেলা শুরু করলেন। বাংলাদেশের বোলারদের উপর চাপ তৈরি করতে শুরু করেন অশ্বিন। তাতেই ম্যাচ ধীরে ধীরে ভারতের দিকে ঘুরতে শুরু করে। প্রশংসা করতে হবে জাদেজারও। অশ্বিনীকে যোগ্য সঙ্গত দিয়েছেন জাদেজা। দিনের শেষে ১১৭ বলে ৮৬ রান করে অপরাজিত তিনি। তাঁদের সামনে বাংলাদেশের বোলারদের দাপট ফিকে হয়ে যায়। দিনের শুরুতে উইকেট তুলে হাসানেরা যে চাপ তৈরি করেছিলেন, তা শেষ পর্যন্ত ধরে রাখা সম্ভব হয়নি বাংলাদেশের পক্ষে। গ্যালারিতে শুরু হয় গুঞ্জন, ভারত কিন্তু পাকিস্তান নয়! এত সহজে এখান থেকে ট্রফি নিয়ে পদ্মাপারে যাওয়া যাবে না!

     

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Raiganj: উর্দি পরে মদ্যপ অবস্থায় টলমল পায়ে ডিউটি করছেন পুলিশকর্মী! ভিডিও ভাইরাল

    Raiganj: উর্দি পরে মদ্যপ অবস্থায় টলমল পায়ে ডিউটি করছেন পুলিশকর্মী! ভিডিও ভাইরাল

    মাধ্যম নিউজ ডেস্ক: আরজি করের ঘটনার পর গোটা রাজ্যে রাজ্য পুলিশের কার্যকলাপ নিয়ে প্রশ্ন তুলছে সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন মহল। এবারে উর্দি পরে মদ্যপ অবস্থায় এক পুলিশকর্মীর ভিডিও ভাইরাল। ঘটনাটি ঘটেছে বুধবার রাতে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ (Raiganj) শহরের ঘড়িমোড় এলাকায়। ওই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর আবার পুলিশের ভুমিকা নিয়ে প্রশ্ন উঠেছে শহরজুড়ে। এই ঘটনা নিয়ে তীব্র কটাক্ষ করেছে বিজেপি। রায়গঞ্জ পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার কুন্তল বন্দ্যোপাধ্যায় বলেন, ওই পুলিশকর্মীর নাম প্রীতম গুহ। তিনি রায়গঞ্জ থানায় পোস্টিং ছিলেন। তিনি এএসআই। তাঁকে সাসপেন্ড করা হয়েছে। আমরা তাঁর বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করেছি।

    ভাইরাল ভিডিওতে কী দেখা যাচ্ছে? (Raiganj)

    ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, বুধবার রাতে রায়গঞ্জ (Raiganj) শহরের ঘড়িমোড় এলাকায় রাস্তায় ঠিকমতো হাঁটতেও পারছেন না ওই পুলিশকর্মী। কোনওক্রমে সেখান থেকে যাওয়ার চেষ্টা করছেন তিনি। সেই অবস্থায় তাঁকে বিভিন্ন প্রশ্ন করেন স্থানীয় মানুষ। কিন্তু, ঠিকমতো কথাও বলতে পারছেন না তিনি। নাম জিজ্ঞেস করলে নিজের নেমপ্লেটটিও হাত দিয়ে ঢেকে দেন। পরবর্তী সময়ে স্থানীয়রা সেই পুলিশকর্মীকে একটি টোটোতে তুলে দেন। এই  ঘটনা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর তীব্র শোরগোল শুরু হয়েছে শহরজুড়ে।

    শুরু হয়েছে রাজনৈতিক তরজা

    এই ঘটনায় পুলিশ (Raiganj) ও রাজ্য সরকারকে তীব্র কটাক্ষ করেছেন বিজেপির জেলা সভাপতি বাসুদেব সরকার। তিনি বলেন, রাজ্যে আইনশৃঙ্খলার কঙ্কালসার অবস্থা, যা বারে বারে সামনে আসছে। আরজি করের ঘটনা তার জ্বলন্ত প্রমাণ। বুধবার রাত পৌনে দশটা নাগাদ এক উর্দিধারী পুলিশ (Police) অফিসার গলি থেকে টলতে-টলতে বেরোচ্ছেন, গলির মধ্যে মেয়েদের কটূক্তি করছেন। ঘড়িমোড়ে যখন এসেছেন, তিনি হাঁটতে পারছেন না। টলে-টলে পড়ে যাচ্ছেন। আমরা এই ঘটনার তীব্র নিন্দা করছি। এর জন্য মুখ্যমন্ত্রী দায়ী।

    অপরদিকে, এই প্রসঙ্গে তৃণমূলের জেলা সহ সভাপতি অরিন্দম সরকার বলেন, ওই পুলিশ অফিসার যে কাজটি করেছেন, তা সমর্থনযোগ্য নয়। তিনি ডিউটিতে ছিলেন কি না, তা জানা নেই, তবে উর্দি পরে ডিউটি অবস্থাতে কেউ মদ খেলে অবশ্যই সেটি এক ধরনের ক্রাইম। এবিষয়ে অবশ্যই জেলা পুলিশ-প্রশাসন আইন আনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে। কোনও মহিলাকে কটূক্তি করা হয়েছে কিনা, তা আমাদের জানা নেই।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • India Post: ভারতীয় ডাক বিভাগে ৫০-৬০ শতাংশ রাজস্ব বৃদ্ধির পরিকল্পনা, জানালেন মন্ত্রী

    India Post: ভারতীয় ডাক বিভাগে ৫০-৬০ শতাংশ রাজস্ব বৃদ্ধির পরিকল্পনা, জানালেন মন্ত্রী

    মাধ্যম নিউজ ডেস্ক: ইন্ডিয়া পোস্ট (India Post) বা ভারতীয় ডাক ব্যবস্থায় হাই-টেকের পরিষেবা এখন সর্বত্র মিলবে। এই বড় পরিকল্পনার কথা জানালেন কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। তিনি বলেন, “ডাক বিভাগের গ্রামীণ এবং প্রত্যন্ত অঞ্চলের মানুষের দোরগোড়ায় পরিষেবা পৌঁছে দেওয়ার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে ইন্ডিয়া পোস্টের আয় বৃদ্ধিরও ব্যাপক সম্ভাবনা রয়েছে। সকল রকম সম্ভাবনার কথা মাথায় রেখে আমরা পরিকল্পনা শুরু করেছি।” একটি নতুন দৃষ্টিভঙ্গির রূপরেখা দিতে চেয়েছেন তিনি, আর তাই কর্মী, উদ্যোক্তা, নেতৃত্ব এবং আধুনিক যোগাযোগের ক্রমবর্ধমান চাহিদার গুরুত্বের উপর জোর দিয়েছেন।

    দফতরের রাজস্ব ৫০-৬০ শতাংশ বৃদ্ধি হবে(India Post)

    নয়াদিল্লিতে পাবলিক অ্যাফেয়ার্স ফোরাম অফ ইন্ডিয়ার অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে কেন্দ্রীয় টেলিকম মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বলেন, “ভারতীয় ডাক (India Post) ব্যবস্থাকে ব্যবসায়িক পুনর্গঠনের দিকে নজর দিয়ে, এখন থেকে ভারত সরকার একটি লজিস্টিক কোম্পানিতে রূপান্তর করার পরিকল্পনা করেছে। আগামী ৩-৪ বছরের মধ্যে এই দফতরের রাজস্ব ৫০-৬০ শতাংশ বৃদ্ধি করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। ভারতীয় ডাকের বার্ষিক টার্নওভার হল ১২,০০০ কোটি টাকার কাছাকাছি। আগামী দিনে একে বৃদ্ধির চেষ্টা করব।” ভারতের আর্থ-সামাজিক কাঠামোতে এই দফতরের মূল ইতিহাসকে সম্মান জানিয়ে বিশেষ গুরুত্বের কথাও বলেন। তিনি আরও বলেন, “আমাদের এই মেল বা চিঠির ব্যবসা থেকে নিজেদেরকে রূপান্তর করতে হবে। আমাদের পরিষেবাগুলিকে পরিবহণ করতে নতুন মাধ্যমের কথাও ভাবতে হবে।”

    আরও পড়ুনঃ চিন সীমান্তে বরফের নীচে চাপা পড়েছিলেন, তিন দিন পর জীবিত উদ্ধার জওয়ান

    ২৫,০০০ গ্রামে হবে মোবাইল নেটওয়ার্ক সংযোগ

    উত্তর-পূর্ব উন্নয়ন মন্ত্রী জ্যোতিরাদিত্য আবার বলেন, “ভারত সরকার একটি সড়ক নেটওয়ার্ক করার বিস্তৃত পরিকাঠামো তৈরিতে উল্লেখযোগ্য পরিমাণ অর্থ বিনিয়োগ করতে চলেছে। এখনও সারাদেশে ২৫,০০০ গ্রাম এবং উত্তর-পূর্বে ৬,০০০ গ্রামে মোবাইল টাওয়ার নেই। ইউএসও ফান্ডের মাধ্যমে আগামী বছরের মাঝামাঝি এই বিস্তীর্ণ এলাকায় মোবাইল নেটওয়ার্ক স্থাপন করা হবে। ডাক বিভাগের (India Post) সঙ্গে ভারতের অনেক পুরনো ইতিহাস জড়িয়ে রয়েছে। ১৮৫২ সাল থেকে যখন বার্তা বাহক চিঠিগুলি পায়রার সাথে বাঁধা ছিল সেই সময়ের ইতিহাস জড়িয়ে রয়েছে। ১৯১১ সালে প্রথম এয়ারমেইল পরিষেবা চালু হয়েছিল, আর এটাই আমাদের ইতিহাস।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • BJP: ৫০ হাজার যুবার কর্মসংস্থান, ছাত্রীদের স্কুটি, হরিয়ানায় নির্বাচনী ইস্তাহার প্রকাশ বিজেপির

    BJP: ৫০ হাজার যুবার কর্মসংস্থান, ছাত্রীদের স্কুটি, হরিয়ানায় নির্বাচনী ইস্তাহার প্রকাশ বিজেপির

    মাধ্যম নিউজ ডেস্ক: আসন্ন হরিয়ানার বিধানসভা ভোটকে মাথায় রেখে বৃহস্পতিবার নির্বাচনী ইস্তাহার প্রকাশ করল বিজেপি (BJP)। প্রসঙ্গত, বুধবারই প্রকাশিত হয়েছিল কংগ্রেসের নির্বাচনী ইস্তাহার। যাকে এদিন ভাঁওতা বলে তোপ দাগেন বিজেপি নেতৃত্ব। বিজেপির নির্বাচনী ইস্তাহার প্রকাশের অনুষ্ঠানে হাজির ছিলেন দলের সর্বভারতীয় সভাপতি ও কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা (JP Nadda) এবং হরিয়ানা বিজেপির সভাপতি মোহনলাল বাদলি।

    মহিলাদের মাসে ২,১০০ টাকা (BJP)

    সমগ্র অনুষ্ঠানটি হয় হরিয়ানা রাজ্যের রোহতকে। ভারতীয় জনতা পার্টি আশ্বাস দিয়েছে, যুবকদের চাকরির ব্য়বস্থা যেমন করা হবে, তেমনই প্রতি মাসে ‘লাডো লক্ষ্মী যোজনা’র মাধ্যমে মহিলাদের ২,১০০ টাকা করে ভাতা দেওয়া হবে। রাজ্যে কর্মসংস্থান বৃদ্ধি করতে ভারতীয় জনতা পার্টি ঘোষণা করেছে যে সে রাজ্যে একাধিক শিল্প শহর প্রতিষ্ঠা করা হবে। যেখানে ৫০ হাজারেরও বেশি গ্রামীণ যুবক-যুবতীদের কর্মসংস্থান (BJP) হবে।

    কলেজ ছাত্রীদের বিনামূল্যে স্কুটি

    বিজেপি (BJP) আরও ঘোষণা করেছে যে স্বাস্থ্য ক্ষেত্রে ‘চিরায়ু আয়ুষ্মান যোজনা’ আনা হবে, যার মাধ্যমে চিকিৎসা ক্ষেত্রে সরকার ১০ লাখ টাকা পর্যন্ত সাহায্য করবে হরিয়ানার নাগরিকদের। প্রসঙ্গত, এতদিন পর্যন্ত এই ব্যবস্থার মাধ্যমে হরিয়ানার নাগরিকদের ৫ লাখ টাকা পর্যন্ত ছাড় দেওয়া হত। এর পাশাপাশি, বিজেপি আরও আশ্বাস দিয়েছে যে, ক্ষমতায় এলে তারা কলেজ ছাত্রীদের বিনামূল্যে স্কুটার বিতরণ করবে ‘আওয়াল বালিকা যোজনা’র মাধ্যমে। গৃহস্থ মহিলাদের এলপিজি সিলিন্ডারে ৫০০ টাকা পর্যন্ত ভর্তুকি দেবে সরকার।

    এটা কোনও ইস্তাহার নয়, এটা আমাদের সংকল্পপত্র

    এদিনের নির্বাচনী ইস্তাহার প্রকাশের অনুষ্ঠানে (BJP) জেপি নাড্ডা কংগ্রেসকে তোপ দেগে বলেন, ‘‘কংগ্রেসের ইস্তাহার শুধুমাত্র একটা অনুষ্ঠান এবং জনগণকে প্রতারণা করার অনুষ্ঠান।’’ তিনি আরও উদাহরণ টেনে এনে বলেন, ‘‘দশ বছর আগে ঠিক কী চলত হরিয়ানাতে! সরকারি চাকরি পেতে গেলে যুবকদেরকে ঘুষ দিতে হতো।’’ হরিয়ানায় বিজেপি সভাপতি জেপি নাড্ডা (JP Nadda) আরও জোর দিয়ে বলেন, ‘‘বিজেপির নির্বাচনী ইস্তাহারের আলাদা গুরুত্ব রয়েছে।’’ তিনি ঘোষণা করেন, ‘‘এটা কোনও ইস্তাহার নয় এটা আমাদের সংকল্পপত্র। এটা মনে রাখতে হবে হরিয়ানা কখনও থামবে না।’’ 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • CBI: সিবিআইয়ের নজরে আরজি করের হাউজস্টাফ, নথি নিয়ে সিজিওতে সল্টলেকের হোটেল কর্মী

    CBI: সিবিআইয়ের নজরে আরজি করের হাউজস্টাফ, নথি নিয়ে সিজিওতে সল্টলেকের হোটেল কর্মী

    মাধ্যম নিউজ ডেস্ক: আরজি করকাণ্ডে (rg kar) তদন্তে নেমে চাঞ্চল্যকর তথ্য সিবিআইয়ের হাতে এসেছে। চিকিৎসক ছাত্রীর ধর্ষণ ও খুনের ঘটনায় এবার সিবিআইয়ের নজরে সল্টলেকের সেক্টর টুয়ের একটি হোটেল। হোটেলের এক কর্মীকে তলব করল সিবিআই (CBI)। চাওয়া হয়েছে হোটেলের রেজিস্টার ও সিসিটিভি ফুটেজ। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার নির্দেশমতো বৃহস্পতিবার হোটেলের রেজিস্টার সহ বিভিন্ন নথি সিবিআইয়ের দফতরে জমা করেছে হোটেল কর্তৃপক্ষ।

    কেন সল্টলেকের হোটেলের কর্মীকে ডাকা হল? (CBI)

    সিবিআই (CBI) সূত্রে জানা গিয়েছে, ৯ অগাস্টের ওই ঘটনার তদন্তে নেমে বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে বেশ কয়েকটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছিলেন তদন্তকারী আধিকারিকরা। সেই মোবাইল ফোনের সূত্র ধরেই সিবিআইয়ের গোয়েন্দারা জানতে পেরেছেন যে, এক ব্যক্তি বাজেয়াপ্ত হওয়া মোবাইল থেকে সেক্টর টুয়ের ওই হোটেলে বুকিং করেছিলেন। জানা যাচ্ছে, আশিস পাণ্ডে বলে একটি নাম তদন্তকারীদের হাতে এসেছে। তাঁর সম্পর্কে বিশেষ খোঁজ খবর নিতে চাইছেন তদন্তকারীরা। সল্টলেকের ওই হোটেলে ৯ অগাস্ট উঠেছিলেন আশিসবাবু। ১০ তারিখ তিনি ওই হোটেল ছেড়ে দেন। ৯ তারিখ সকালে আরজি করের ঘটনা প্রকাশ্যে আসার পর তিনি সেখানে উপস্থিত ছিলেন বলে তদন্তকারীরা জানতে পেরেছেন। আশিস পাণ্ডের গতিবিধি জানতেই হোটেলের কর্মীকে তলব করেছেন তদন্তকারীরা।

    আরও পড়ুন: ‘‘সনাতন ধর্মের উত্থানের সময় এসেছে’’, বললেন সঙ্ঘ প্রধান মোহন ভাগবত

    কে এই আশিস?

    জানা গিয়েছে, আশিস পাণ্ডে আরজি কর হাসপাতালের একজন হাউজস্টাফ। পাশাপাশি তিনি আরজি করের টিএমসিপি ইউনিটের সভাপতি। এর আগে, তৃণমূলের বিধায়ক চিকিৎসক আরজি করের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান সুদীপ্ত রায়ের কল রেকর্ড নিয়ে সিবিআইকে (CBI) তৎপর হতে দেখা গিয়েছে। আদালতেও উঠেছিল কল রেকর্ড প্রসঙ্গ। সেদিন বেশ কয়েকজনের সঙ্গে কথা বলেছিলেন সুদীপ্ত রায়। এর আগে এই কল রেকর্ডের সূত্র ধরেই মেডিক্যাল কলেজের এমএসভিপি-কে তলব করা হয়েছিল। ক্যালকাটা হার্ট রিসার্চ ক্লিনিকেরও এক চিকিৎসককে তলব করা হয়েছিল। জানা যাচ্ছে, কল ডিটেইলসে আশিস পাণ্ডের নাম প্রকাশ্যে আসার পর সুদীপ্ত রায় স্বীকার করেন, ঘটনার পর টিএমসিপি ইউনিটের সভাপতি হিসেবে আশিসকে সেদিন যেতে বলেছিলেন। আশিস পাণ্ডেকে ইতিমধ্যেই বেশ কয়েক দফা জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তিনি যে ঘটনাক্রম বলেছিলেন, তার সঙ্গে হোটেলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে হোটেল কর্তৃপক্ষের বক্তব্য শুনবে সিবিআই।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Daily Horoscope 20 September 2024: বুদ্ধির ভুলের জন্য ক্ষতি হতে পারে এই রাশির জাতকদের

    Daily Horoscope 20 September 2024: বুদ্ধির ভুলের জন্য ক্ষতি হতে পারে এই রাশির জাতকদের

    চাকরি থেকে ব্যবসা, বন্ধু থেকে ব্যক্তিগত জীবন, ভ্রমণ থেকে স্বাস্থ্য—কী বলছে ভাগ্যরেখা? কেমন কাটতে পারে দিন?

    মেষ

    ১) সম্মানহানির সম্ভাবনা রয়েছে।

    ২) কোনও কাজে সময় নষ্ট হতে পারে।

    ৩) বাণীতে সংযম রাখুন।

    বৃষ

    ১) ব্যবসায় লাভের যোগ।

    ২) দুপুরের পরে কিছু পাওনা আদায় হতে পারে।

    ৩) দিনটি অনুকূল।

    মিথুন

    ১) ব্যবসার কাজে মাথা ঠান্ডা রাখুন।

    ২) বুদ্ধির ভুলের জন্য ক্ষতি হতে পারে।

    ৩) বেশিরকাজ কাজেই সাফল্য মিলবে।

    কর্কট

    ১) মনের মতো স্থানে বেড়াতে যাওয়ায় আনন্দ লাভ।

    ২) মিথ্যা বদনাম থেকে সাবধান।

    ৩) দিনটি ভালো-মন্দ মিশিয়ে কাটবে।

    সিংহ

    ১) কর্মক্ষেত্রে উন্নতি শেষ মুহূর্তে গিয়ে আটকে যাওয়ায় মনঃকষ্ট।

    ২) সকাল থেকে দাম্পত্য কলহের সম্ভাবনা।

    ৩) বন্ধুদের সাহায্য পাবেন।

    কন্যা

    ১) ব্যয় বৃদ্ধি পেতে পারে।

    ২) পারিবারিক ভ্রমণে বাধা পড়তে পারে।

    ৩) বিবাদে জড়াবেন না।

    তুলা

    ১) কোনও নিকটাত্মীয়ের জন্য সংসারে বিবাদ।

    ২) ব্যবসায় বিবাদের যোগ থাকলেও লাভ বাড়তে পারে। 

    ৩) দিনটি প্রতিকূল।

    বৃশ্চিক

    ১) দুর্বুদ্ধি থেকে দূরে থাকুন।

    ২) কর্মক্ষেত্রে শত্রুর দ্বারা ক্ষতি হতে পারে।

    ৩) ধর্মস্থানে ভ্রমণ।

    ধনু

    ১) ব্যবসার ক্ষেত্রে তর্ক-বিতর্ক করবেন না।

    ২) আর্থিক সুবিধা পেতে পারেন।

    ৩) দিনটি অনুকূল।

    মকর

    ১) কর্মক্ষেত্রে উন্নতির যোগ।

    ২) সকালের দিকে কোনও দুশ্চিন্তা মাথা খারাপ করবে।

    ৩) প্রিয়জনের সঙ্গে সময় কাটান।

    কুম্ভ

    ১) বিষয়-সম্পত্তি ক্রয়-বিক্রয় নিয়ে গুরুজনের সঙ্গে মনোমালিন্যের যোগ।

    ২) কোনও মহিলার জন্য বাড়িতে আনন্দ বৃদ্ধি পেতে পারে।

    ৩) গুরুজনের পরামর্শ মেনে চলুন।

    মীন

    ১) সকালের দিকে পেটের ব্যথায় কষ্ট পেতে পারেন।

    ২) কেনাকাটার জন্য খরচ বাড়তে পারে।

    ৩) দিনটি প্রতিকূল।

     

    DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না।

     

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • JP Nadda: ‘‘মওত কা সওদাগর কে বলেছিলেন?’’ রাহুল ইস্যুতে খাড়্গেকে চিঠি দিয়ে তোপ নাড্ডার

    JP Nadda: ‘‘মওত কা সওদাগর কে বলেছিলেন?’’ রাহুল ইস্যুতে খাড়্গেকে চিঠি দিয়ে তোপ নাড্ডার

    মাধ্যম নিউজ ডেস্ক: দেশের বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে (Rahul Gandhi) প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে, এই মর্মে অভিযোগ তুলে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখেছিল কংগ্রেস। এমনকী দিল্লি পুলিশের কাছেও অভিযোগ জানানো হয়েছিল। এবার কংগ্রেসের সর্ব ভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়্গেকে পাল্টা চিঠি দিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী তথা বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা (JP Nadda)। তিনি কংগ্রেসকে স্মরণ করিয়ে দিলেন তাঁদের করুচিপূর্ণ মন্তব্যের কথা। মনে করানো হল, কীভাবে রাহুল ও কংগ্রেস নেতারা একাধিকবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কদর্য ভাষায় আক্রমণ করেছিলেন। ঘটনায় ব্যাপক ভাবে রাজনৈতিক শোরগোল পড়েছে। 

    কী বলেলেন নাড্ডা (JP Nadda)?

    প্রবীণ বিজেপি নেতা জেপি নাড্ডা (JP Nadda) কংগ্রেসকে দেওয়া চিঠিতে লিখেছেন, শতাব্দীপ্রাচীন দলের মনে রাখা উচিত কীভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কংগ্রেস নেতারা কখনও সাপ, কখনও কাঁকড়াবিছে, রাক্ষস, আবার পকেটমারের মতো ভাষায় আক্রমণ করেছেন। প্রবীণ বিজেপি নেতা জেপি নাড্ডা (JP Nadda) কংগ্রেসকে দেওয়া চিঠিতে লিখেছেন, “আমি চিঠি পড়েছি। বাস্তবের সঙ্গে কোনও মিল নেই। রাহুল গান্ধীর (Rahul Gandhi) মা সোনিয়া গান্ধী মোদিজিকে উদ্দেশ করে ‘মওত কা সওদাগর’ বলেছিলেন না? আপনি এবং আপনার দলই এই ধরনের লজ্জাজনক মন্তব্যকে প্রশ্রয় দিয়েছেন। তখন কি কংগ্রেস রাজনৈতিক সৌজন্য-ভদ্রতা ভুলে গিয়েছিল?” নাড্ডা (JP Nadda) আরও বলেন, ‘‘কেন রাহুল গান্ধীর মতো ব্যর্থ প্রজেক্টরকে বার বার পণ্য হিসাবে ব্যবহার করতে চাইছে কংগ্রেস? অলচপণ্য বাজারে বার বার চালাতে চাইছে। দেশের সবচেয়ে পুরনো দল এখন ‘কপি পেস্টে’ পরিণত হয়েছে। দেশের মধ্যে সংরক্ষণ এবং জাতপাত নিয়ে যেমন রাজনীতি করেন, ঠিক তেমন আবার বিদেশে গিয়ে সংরক্ষণ শেষ করার কথাও বলেন।”

    আরও পড়ুনঃ ২৭ সেপ্টেম্বর আরজি কর মামলার সুপ্রিম-শুনানি, কোন কোন বিষয় উঠতে পারে

    আমেরিকা সফরে গিয়ে দেশে গণতন্ত্র নেই বলেছেন রাহুল

    ইতিমধ্যে জম্মু-কাশ্মীরে বিধানসভার ভোট শুরু হয়েছে। অক্টোবরের প্রথমেই হরিয়ানায় ভোট গ্রহণ। অপরদিকে সামনেই মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডেও নির্বাচন আসন্ন। দেশে রাজনীতির হাওয়া এখন ব্যাপক উত্তাল। এরমধ্যে রাহুলের (Rahul Gandhi) প্রাণ রক্ষার বিষয়ে হস্তক্ষেপের দাবি জানিয়ে নরেন্দ্র মোদিকে চিঠি দিয়েছে কংগ্রেস। যদিও, প্রধানমন্ত্রী তাতে কোনও উত্তর দেননি। উল্লেখ্য সম্প্রতি আমেরিকা সফরে গিয়ে দেশের বিরোধী দলনেতা তথা কংগ্রেসের নির্বাচিত সাংসদ বলেছেন, ‘‘ভারতে গণতন্ত্র নেই! দেশের পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক।’’ আর এই কথায় সামজিক মাধ্যমে ব্যাপক সমালোচনার ঝড় শুরু হয়েছে। তার মধ্যেই পত্র দিয়ে রাহুল এবং কংগ্রেসকে ধুয়ে দিলেন নাড্ডা (JP Nadda)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Flood in Bengal: বন্যায় টিকার আকাল! রোগীকে নিয়ে এক হাসপাতাল থেকে ছুটতে হচ্ছে অন্য হাসপাতালে

    Flood in Bengal: বন্যায় টিকার আকাল! রোগীকে নিয়ে এক হাসপাতাল থেকে ছুটতে হচ্ছে অন্য হাসপাতালে

    মাধ্যম নিউজ ডেস্ক: টানা বৃষ্টিতে জেরবার রাজ্যবাসী। একাধিক জায়গায় জমা জলে (Flood in Bengal) ভোগান্তি বাড়ছে‌। হাওড়া, হুগলি, মেদিনীপুর সহ রাজ্যের বহু এলাকায় বন্যা পরিস্থিতি যথেষ্ট উদ্বেগজনক। আর তার মধ্যেই রেবিস ভ্যাকসিন, অ্যান্টি ভেনম টিকার আকাল পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। এই পরিস্থিতি স্বাস্থ্য পরিষেবায় যথেষ্ট সমস্যা তৈরি করতে পারে বলেও আশঙ্কা চিকিৎসকদের একাংশের।

    কোন ভ্যাকসিনের চাহিদা বাড়ছে? কেন বাড়ছে? (Flood in Bengal)

    রাজ্যের একাধিক জেলায় বন্যা পরিস্থিতির ফলে অধিকাংশ জায়গায় জল জমছে। এই পরিস্থিতিতে সাপের উপদ্রব বাড়ে। আবার ইঁদুর, ছুঁচোর উপদ্রবও বাড়ে। বিশেষত গ্রামীণ এলাকায় সাপে কামড়ানো, ইঁদুর কিংবা ছুঁচোয় কামড়ানোর মতো ঘটনা বাড়তে থাকে। আবার এর সঙ্গে কুকুর কামড়ানোর মতো ঘটনাও ঘটে। যেহেতু খাবার এবং জলের চাহিদা বাড়ে, মানুষের মতো অন্যান্য প্রাণীরাও অস্থির হয়ে থাকে। তাদের বাসস্থানের সমস্যা হয়। আর জমা জলের জেরে অনেক সময়েই ঘরের ভিতরেও সাপ ঢুকে আসে। শিশু থেকে প্রবীণ, সকলের বিপদ বাড়ে। তাই এই সময়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রেবিস এবং অ্যান্টি ভেনম টিকার প্রয়োজনীয়তা বেশি। এই সময়ে জেলাস্তরের হাসপাতালে এই ধরনের টিকার চাহিদা বাড়ে। বিশেষত পশ্চিম মেদিনীপুর, হাওড়া, মালদা সহ একাধিক জেলার বিভিন্ন হাসপাতালে চলতি সপ্তাহে এই টিকার চাহিদা বেড়েছে। কিন্তু চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে এই টিকাগুলির জোগান‌ বাড়েনি। তাই অনেক সময়েই ভোগান্তি বাড়ছে। চিকিৎসকদের একাংশের আশঙ্কা, টিকার জোগান না বাড়ালে পরিস্থিতি বিপজ্জনক (Vaccination problem) হয়ে উঠতে পারে। 

    কেন আশঙ্কিত চিকিৎসক মহল? 

    স্বাস্থ্য ভবন সূত্রে জানা গিয়েছে, মালদা, মুর্শিদাবাদ কিংবা পশ্চিম মেদিনীপুরের মতো জেলার একাধিক প্রত্যন্ত অঞ্চলে সাপে কামড়ানো এবং ইদুরে কামড়ানোর মতো ঘটনা উল্লেখযোগ্য ভাবে বেড়েছে। কিন্তু বন্যাবিধ্বস্ত (Flood in Bengal) পশ্চিম মেদিনীপুর এবং হাওড়ার একাধিক জায়গায় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে রেবিস কিংবা অ্যান্টি ভেনম টিকা নেই। ফলে রোগীকে নিয়ে এক হাসপাতাল থেকে আরেক হাসপাতাল ছুটতে হচ্ছে। প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যে রোগীর ভোগান্তি আরও বাড়ছে। এমনকী প্রাণহানির আশঙ্কাও তৈরি হচ্ছে। চিকিৎসকদের একাংশ জানাচ্ছে, মহকুমা কিংবা জেলা হাসপাতালেও পর্যাপ্ত টিকা নেই। তাই একাধিক হাসপাতালে রোগীকে ঘুরতে হচ্ছে। পরিস্থিতি যথেষ্ট উদ্বেগজনক হয়ে উঠছে বলেই আশঙ্কা করছে চিকিৎসক মহল! তাঁরা জানাচ্ছেন, কুকুর, ইঁদুর কামড়ানোর পরে চব্বিশ ঘণ্টার মধ্যে রেবিস ভ্যাকসিন না দিলে প্রাণ সংশয় তৈরি হয়। পাশপাশি সাপে কামড়ানো ব্যক্তির মৃত্যু রুখতে পারে একমাত্র অ্যান্টি ভেনম টিকা। তাই যত দ্রুত এই টিকা দেওয়া হবে, রোগীর প্রাণ সংশয় তৈরি হবে না। তাই এই টিকা প্রত্যেক হাসপাতালে এবং স্বাস্থ্য কেন্দ্রে পর্যাপ্ত থাকা জরুরি। এক হাসপাতাল থেকে আরেক হাসপাতাল ছুটতে ছুটতে সময় পেরিয়ে গেলে মর্মান্তিক পরিণতি হতে পারে বলেও আশঙ্কা করছে চিকিৎসকদের একাংশ। 

    কী বলছেন স্বাস্থ্যকর্তারা? (Flood in Bengal) 

    প্রত্যেক বছরে হুগলি, হাওড়া কিংবা পশ্চিম মেদিনীপুর জেলার একাধিক অঞ্চলে বন্যা পরিস্থিতি তৈরি হয়। এই ধরনের সমস্যা সম্পর্কে স্বাস্থ্য প্রশাসনের ওয়াকিবহাল থাকা উচিত বলেই মনে করছে চিকিৎসকদের একাংশ। কিন্তু তার পরেও কেন এই সব টিকার আকাল (Vaccination problem)? এই প্রশ্নের অবশ্য কোনও উত্তর দিতে চাননি স্বাস্থ্য ভবনের কর্তারা। এক স্বাস্থ্যকর্তা বলেন, “সব সময় যোগাযোগ রাখা হচ্ছে। প্রত্যেক জেলার হাসপাতালে যাতে ঠিকমতো জীবনদায়ী ওষুধ ও ভ্যাকসিন পৌঁছতে পারে, সে দিকে নজর রয়েছে।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Ramakrishna 138: “ভাব-ভক্তির দ্বারা তাঁর সেই অতুলনীয় রূপ দর্শন করা যায়, মা নানারূপে দর্শন দেন”

    Ramakrishna 138: “ভাব-ভক্তির দ্বারা তাঁর সেই অতুলনীয় রূপ দর্শন করা যায়, মা নানারূপে দর্শন দেন”

    ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর-মন্দিরে শ্রীযুক্ত রাখাল, প্রাণকৃষ্ণ, কেদার প্রভৃতি ভক্তসঙ্গে

    দ্বিতীয় পরিচ্ছেদ

    ১৮৮৩, ১লা জানুয়ারি

    ভাবরাজ্য ও রূপদর্শন

    ঠাকুর (Ramakrishna) সমাধিস্থ—অনেকক্ষণ ভাবাবিষ্ট হইয়া বসিয়া আছেন (Kathamrita)। দেহ নড়িতেছে না—চক্ষু স্পন্দহীন—নিঃশ্বাস পড়িতেছে কিনা—বুঝা যায় না।

    অনেকক্ষণ পরে দীর্ঘনিঃশ্বাস ফেলিলেন—যেন ইন্দ্রিয়ের রাজ্যে আবার ফিরিয়া আসিতেছেন।

    শ্রীরামকৃষ্ণ (প্রাণকৃষ্ণের প্রতি)—তিনি শুধু নিরাকার নন, তিনি আবার সাকার। তাঁর রূপ দর্শন করা যায়। ভাব-ভক্তির দ্বারা তাঁর সেই অতুলনীয় রূপ দর্শন করা যায়। মা নানারূপে দর্শন দেন।

    গৌরাঙ্গদর্শন—রতির মা বেশে মা 

    কাল মাকে দেখলাম। গেরুয়া জামা পরা, মুড়ি সেলাই নাই। আমার সঙ্গে কথা কচ্ছেন।

    আর-একদিন মুসলমানের মেয়েরূপে আমার কাছে এসেছিলেন। মাথায় তিলক কিন্তু দিগম্বরী। ছয় সাত বছরের মেয়ে—আমার সঙ্গে সঙ্গে বেড়াতে লাগল ও ফচকিমি করতে লাগল।

    হৃদের বাড়িতে যখন ছিলাম—গৌরাঙ্গদর্শন হয়েছিল—কালোপেড়ে কাপড় পরা।

    হলধারী বলত তিনি ভাব-অভাবের অতীত। আমি মাকে গিয়ে বললাম, মা, হলধারী এ-কথা বলছে, তাহলে রূপ-টুপ কি সব মিথ্যা? মা রতির মার বেশে আমার কাছে এসে বললে, ‘তুই ভাবেই থাক।’ আমিও হলধারীকে তাই বললাম।

    এক-একবার ও-কথা ভুলে যাই বলে কষ্ট হয়। ভাবে না থেকে দাঁত ভেঙে গেল। তাই দৈববাণী বা প্রতক্ষ্য না হলে ভাবেই থাকব—ভক্তি নিয়ে থাকব। কি বল?

    প্রাণকৃষ্ণ—আজ্ঞা।

    ভক্তির অবতার কেন? রামের ইচ্ছা 

    শ্রীরামকৃষ্ণ (Ramakrishna)—আর তোমাকেই বা কেন জিজ্ঞাসা করি। এর ভিতরে কে একটা আছে। সেই আমাকে নিয়ে এইরূপ কচ্ছে। মাঝে মাঝে দেবভাব প্রায় হত—আমি পুজো না করলে শান্ত হতুম না।

    আমি যন্ত্র, তিনি যন্ত্রী। তিনি যেমন করান, তেমনি করি। যেমন বলান, তেমনি বলি (Kathamrita)।

    প্রসাদ বলে ভবসাগরে, বসে আছি ভাসিয়ে ভেলা।
    জোয়ার এলে উজিয়ে যাব, ভাটিয়ে যাব ভাটার বেলা॥

    ঝড়ের এঁটো পাতা কখনও উড়ে ভাল জায়গায় গিয়ে পড়ল, কখন বা ঝড়ে নর্দমায় গিয়ে পড়ল—ঝড় যেদিকে লয়ে যায়।

    আরও পড়ুনঃ “তিনি লাউ কুমড়ো ফল দেন না—তিনি অমৃত ফল দেন—জ্ঞান, প্রেম, বিবেক, বৈরাগ্য”

    আরও পড়ুনঃ “একটা ঢোঁড়ায় ব্যাঙটাকে ধরেছে, ছাড়তেও পাচ্ছে না—গিলতেও পাচ্ছে না…”

    আরও পড়ুনঃ “বিবেক, বৈরাগ্যরূপ হলুদ মাখলে তারা আর তোমাকে ছোঁবে না”

    আরও পড়ুনঃ “ধ্যান করবার সময় তাঁতে মগ্ন হতে হয়, উপর উপর ভাসলে কি জলের নিচে রত্ন পাওয়া যায়?”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

LinkedIn
Share