Category: দেশ

Get updates on India News Headlines National News from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • India: জানুয়ারিতে দেশে বাড়ল জিএসটি সংগ্রহের পরিমাণ, কত হল জানেন?

    India: জানুয়ারিতে দেশে বাড়ল জিএসটি সংগ্রহের পরিমাণ, কত হল জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: দেশে বাড়ল জিএসটি সংগ্রহের (GST Collections) পরিমাণ। গত জানুয়ারি মাসে গ্রস এবং নিট দুটি ক্ষেত্রেই বেড়েছে জিএসটি সংগ্রহের পরিমাণ। গত ডিসেম্বরে এই বৃদ্ধি ছিল যথাক্রমে ৭.৩ শতাংশ এবং ৩.৩ শতাংশ। এনসিএইআর-এর মাসিক পর্যালোচনা অনুযায়ী, জানুয়ারি মাসে জিএসটি সংগ্রহের পরিমাণ ছিল (India) যথাক্রমে ১২.৩ এবং ১০.৯ শতাংশ। উৎপাদন ক্ষেত্রেও ব্যাপক উন্নতি হয়েছে।

    পিএমআই বৃদ্ধি পেয়েছে (India)

    জানুয়ারিতে এই ক্ষেত্রে পিএমআই বৃদ্ধি পেয়েছে ৫৭.৭ শতাংশ। এটি আরও বৃদ্ধির ইঙ্গিত দেয়। যদিও পরিষেবা ক্ষেত্রের পিএমআই রয়ে গেছে ৫৬.৫ শতাংশে। এনসিএইআর-এর ডিরেক্টর জেনারেল পুনম গুপ্তা বলেন, “মূল্যস্ফীতির মডারেশন আরও নীতিগত সুযোগ সৃষ্টি করেছে। কৃষি ক্ষেত্রেও বহুল প্রতীক্ষিত স্থিতিশীলতা প্রদর্শন করছে, যা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং গ্রামীণ অর্থনীতির উন্নয়নের জন্য আশাব্যঞ্জক।” ২০২৪-২৫ রবি মরশুমে গত ৪ ফেব্রুয়ারি পর্যন্ত বপন স্বাভাবিক, বপন এলাকার ১০৪ শতাংশে পৌঁছেছে, যেখানে ধান ও ডাল জাতীয় শস্যের বপন যথাক্রমে ১০১.২ শতাংশ ও ১০০.৩ শতাংশে পৌঁছেছে।

    প্রবৃদ্ধির হার

    তবে ব্যাঙ্ক ঋণের প্রবৃদ্ধির হার ২০২৪ সালের ডিসেম্বর মাসে ১১.২ শতাংশে সীমাবদ্ধ ছিল। তার আগের ডিসেম্বরে এই হার ছিল ২০.২ শতাংশ। ব্যাঙ্কগুলি থেকে এনবিএফসি-তে ঋণও কমে গিয়ে ২০২৩ সালের ডিসেম্বর মাসে ১৫ শতাংশ থেকে ২০২৪ সালের ডিসেম্বর মাসে ৬.৭ শতাংশে নেমে আসে। গুপ্ত বলেন, “এনবিএফসি-র মাধ্যমে ভোক্তা অর্থায়ন এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্প (SME) খাতে অর্থায়নের (India) একটি গুরুত্বপূর্ণ উৎস হিসেবে, ঋণের এই ধীর প্রবৃদ্ধির হার দেশের সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধির ওপর আরও চাপ সৃষ্টি করতে পারে।”

    এর প্রেক্ষিতে, নির্ধারিত বাণিজ্যিক ব্যাঙ্কগুলির এনবিএফসি-তে প্রদত্ত এক্সপোজারের ওপর ঝুঁকি পুনরুদ্ধারের সাম্প্রতিক পদক্ষেপকে তিনি স্বাগত জানান। এনসিএইআরয়ের ডিরেক্টর জেনারেল বলেন, “আর একটি বিষয় যা নজরে রাখা প্রয়োজন, তা হল বিদেশি প্রতিষ্ঠান বিনিয়োগের প্রবাহের ধারাবাহিক বহির্গমন।” তিনি বলেন, “প্রায়োগিক গবেষণা দেখায় যে এফআইআই প্রবাহ প্রধানত বাহ্যিক কারণ দ্বারা চালিত হয়, অভ্যন্তরীণ কারণের তুলনায়, এবং এই কারণে এটি যথেষ্ট অস্থির প্রকৃতির। অতীতের মতো, ভারতের এফআইআই প্রবাহের বর্তমান বিপরীত প্রবণতা একটি বৈশ্বিক ঘটনা এবং এটি অন্যান্য অনেক (GST Collections) উদীয়মান বাজার থেকে বিনিয়োগ প্রত্যাহারের সঙ্গেও সম্পর্কিত (India)।”

  • JP Nadda: ‘‘২০২৫ সালেই ভারত থেকে যক্ষ্মাকে নির্মূল করা সম্ভব’’, লক্ষ্যপূরণে প্রত্যয়ী জেপি নাড্ডা

    JP Nadda: ‘‘২০২৫ সালেই ভারত থেকে যক্ষ্মাকে নির্মূল করা সম্ভব’’, লক্ষ্যপূরণে প্রত্যয়ী জেপি নাড্ডা

    মাধ্যম নিউজ ডেস্ক: চলতি বছরেই ভারতবর্ষ থেকে যক্ষ্মা নির্মূল করা হবে। এই ঘোষণা করলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী (Union Health Minister) জেপি নাড্ডা (JP Nadda)। শুক্রবার, জেপি নাড্ডা হাজির ছিলেন নবম জাতীয় সম্মেলন সামিট অন গুড অ্যান্ড রেপ্লিকেবল প্র্যাকটিস অ্যান্ড ইনোভেশন-এ। সেখানেই তিনি আশা প্রকাশ করেন যে, নির্ধারিত সময়সীমার পাঁচ বছর আগেই যক্ষ্মামুক্ত ভারত গড়া সম্ভব।

    যক্ষ্মামুক্ত ভারত ২০২৫ সালেই

    কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা বলেন, ‘‘Sustainable development goals-এর কর্মসূচি অনুযায়ী, ভারতবর্ষকে যক্ষ্মামুক্ত করার কথা ২০৩০ সালের মধ্যে। কিন্তু আমরা মনে করছি, সেই লক্ষ্যমাত্রা ২০২৫ সালের মধ্যেই আমরা পূরণ করে নেব।’’ জেপি নাড্ডা (JP Nadda) যদি নিজের বক্তব্যে সম্পূর্ণ তথ্য ও পরিসংখ্যান দিয়ে বলেন, ‘‘২০১৫ থেকে ২০২৩ সালের মধ্যে ভারতবর্ষে ১৭.৭ শতাংশ টিবি বা যক্ষ্মা রোগীর সংখ্যা কমেছে। প্রসঙ্গত, এই সময়ের মধ্যে বিশ্বজুড়ে যক্ষ্মা রোগের সংখ্যা কমেছে ৮.৩ শতাংশ।’’ একথা জানিয়ে জেপি নাড্ডা বলেন, ‘‘পৃথিবীর যে গড় তার চেয়ে দ্বিগুণ হারে আমরা যক্ষ্মা রোগীর সংখ্যা কমাতে পেরেছি। একথা উল্লেখ্য, ২০১৪ সালেই ক্ষমতায় আসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকার। তারপর থেকেই এই উল্লেখযোগ্য পরিবর্তন দেখা গিয়েছে। নিজের বক্তব্যে জেপি নাড্ডা আরও বলেন, ‘‘করোনা কালে সারা ভারত যখন লকডাউন আক্রান্ত ছিল, তখনও আমাদের যক্ষ্মা রোগীর নির্মূলের কর্মসূচি চলেছিল।’’

    ১০০ দিনে পাঁচ লাখেরও বেশি যক্ষ্মা রোগী চিহ্নিত

    নিজের বক্তব্যে জেপি নাড্ডা (JP Nadda) বলেন, ‘‘বিগত ১০০ দিনে আমরা এখনও পর্যন্ত পাঁচ লাখেরও বেশি যক্ষ্মা রোগীকে চিহ্নিত করেছি। তাঁদের যথাযোগ্য চিকিৎসা চলছে। এর পাশাপাশি যক্ষ্মা মুক্ত ভারতের প্রচার অভিযানও চলছে। ৪৫৫টি জেলাতে যক্ষ্মা মুক্ত ভারতের প্রচার অভিযান চলছে। আমরা ব্লক স্তর পর্যন্ত পৌঁছে যাচ্ছি এবং সেখানেও টিবি মুক্ত ভারতের প্রচার অভিযান চলছে। ২০২৫ সালের মধ্যেই যক্ষ্মা মুক্ত ভারত নির্মাণে আমরা সংকল্পবদ্ধ।’’ প্রসঙ্গত, এই সম্মেলন দুদিন ধরেই চলবে এবং আয়োজন করেছে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক। এই সম্মেলনে হাজির ছিলেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাজি ও ওড়িশার স্বাস্থ্যমন্ত্রী ডক্টর মুকেশ মাহালিং। এর পাশাপাশি হাজির ছিলেন বিজেপি নেতা সম্বিত পাত্র যিনি পুরী লোকসভার সাংসদ।

    কমেছে ম্যালেরিয়াও

    এই সম্মেলনে বিভিন্ন গবেষকরা নিজেদের প্রদর্শনী দেখান এবং যক্ষ্মা মুক্ত ভারত নির্মাণ করতে তাঁরা কী কী উদ্যোগ নিয়েছেন, সেই সমস্ত নথিও তাঁরা দেখান। নিজের বক্তব্যে জেপি নাড্ডা (JP Nadda) তুলে ধরেন মোদি জমানায় ভারতবর্ষের উল্লেখযোগ্য পরিবর্তনগুলিকে। প্রসঙ্গত, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী নিজের বক্তব্যে আরও তুলে ধরেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্ট। তিনি জানান যে বিশ্ব সংস্থা স্বাস্থ্য সংস্থা ২০২৪ সালে ম্যালেরিয়া সংক্রান্ত যে রিপোর্ট তৈরি করা হচ্ছে সেখানেও ভারতবর্ষে উল্লেখযোগ্য উন্নতি দেখা গিয়েছে। এদেশে কমেছে ম্যালেরিয়া রোগীর সংখ্যা। মোদি জমানায় ২০১৪ সাল থেকে ভারত স্বাস্থ্যক্ষেত্রে উল্লেখযোগ্য উন্নতি লাভ করছে বলেও জানান কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। এ প্রসঙ্গে তিনি উল্লেখ করেন জাতীয় স্বাস্থ্য নীতি ২০১৭ সালের কথা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী বলেন, ২০১৭-র নীতি অনুযায়ী আমরা প্রিভেন্টিভ প্রোমোটিভ ও কম্প্রিহেনসিভ পদ্ধতিতে দেশের মানুষের স্বাস্থ্য উন্নত করার চেষ্টা করছি।

    আয়ুষ্মান আরোগ্য মন্দিরের কথাও উঠে আসে নাড্ডার বক্তব্যে

    জেপি নাড্ডা (JP Nadda) নিজের বক্তব্য বলেন, ‘‘কেন্দ্রীয় সরকার সর্বদাই দায়বদ্ধ হয়ে রয়েছে সারা দেশ জুড়ে সকলকে একটি ভালো স্বাস্থ্যপরিষেবা দেওয়ার জন্য।’’ এ প্রসঙ্গে তিনি উল্লেখ করেন আয়ুষ্মান আরোগ্য মন্দিরের কথা। জাতীয় স্বাস্থ্য মিশনের এই প্রকল্পের মাধ্যমে কীভাবে দেশবাসীর প্রাথমিক স্বাস্থ্যের উল্লেখযোগ্য উন্নতি হয়েছে, সে কথাও নিজের বক্তব্যে তুলে ধরেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। তিনি আরও বলেন, ‘‘ভারতবর্ষে শিশু মৃত্যুর ঘটনা কমেছে মোদি জমানায়।’’ এদিন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রীর বক্তব্যে উঠে আসে আশা কর্মীদের কথা এবং একেবারে নিচুস্তরে যাঁরা স্বাস্থ্য কর্মী আছেন তাঁদের কথা তুলে ধরেন তিনি। জেপি নাড্ডা বলেন, ‘‘পঞ্চায়েতি রাজ ব্যবস্থার মাধ্যমে গ্রামীণ ভারতের স্বাস্থ্য ব্যবস্থাকে আরও মজবুত করা হবে। যে রোগগুলি সংক্রামিত নয় সেগুলি সম্পর্কে বলতে গিয়ে জেপি নাড্ডা বলেন, ‘‘এক্ষেত্রে আমাদেরকে জীবনশৈলীর বদল করতে হবে।’’ এ প্রসঙ্গে জেপি নাড্ডা উল্লেখ করেন যে কীভাবে তাঁরা ডায়াবেটিস, হাইপারটেনশন ও তিন ধরনের ক্যান্সার এর মোকাবিলা করছেন। জেপি নাড্ডা আরও বলেন, ‘‘এদেশের প্রতিটি জেলাতে একটি করে ক্যান্সার সেন্টার গড়ে তোলা হবে আগামী তিন বছরের মধ্যে। আমরা লক্ষ্যমাত্রারে রেখেছি যে ২০০ জেলাকে এর আওতায় আনব।’’

  • Maha kumbh 2025: শুরু হল নাসিক কুম্ভ ২০২৭-এর প্রস্তুতি, মহাকুম্ভস্থল পরিদর্শন বিশেষ প্রতিনিধি দলের

    Maha kumbh 2025: শুরু হল নাসিক কুম্ভ ২০২৭-এর প্রস্তুতি, মহাকুম্ভস্থল পরিদর্শন বিশেষ প্রতিনিধি দলের

    মাধ্যম নিউজ ডেস্ক: মাত্র ২ বছর পরেই ফের কুম্ভমেলার (Maha kumbh 2025) আয়োজন করা হবে দেশে। ২০২৭ সালেই আবার কুম্ভমেলা হবে। এবার আয়োজক শহর মহারাষ্ট্রের নাসিক। দেশের চার শহরে কুম্ভমেলা হয়— প্রয়াগরাজ, হরিদ্বার, নাসিক এবং উজ্জয়িনী। প্রতিটি শহরে কুম্ভমেলা আয়োজনের পৃথক হিসাব রয়েছে। সেই হিসাব অনুযায়ী নাসিকে পরবর্তী কুম্ভের বছর ২০২৭।

    কেন মাত্র দু’বছরের মধ্যেই পরবর্তী কুম্ভমেলা

    নাসিক এবং উজ্জয়িনীতে কুম্ভমেলার আয়োজন করা হয় ১২ বছর অন্তর। এই মেলাকে পূর্ণ কুম্ভমেলা বলা হয়ে থাকে। এর আগে গোদাবরী নদীর তীরে নাসিকে পূর্ণ কুম্ভমেলা হয়েছিল ২০১৫ সালে। সেই হিসাব অনুযায়ী, ১২ বছর সম্পূর্ণ হচ্ছে ২০২৭-এ। ওই বছর ১৭ জুলাই থেকে ১৭ অগাস্ট পর্যন্ত কুম্ভমেলা চলবে। শিপ্রা নদীর ধারে উজ্জয়িনীতে শেষ বার কুম্ভমেলা হয়েছিল ২০১৬ সালে। ১২ বছরের হিসাব অনুযায়ী, সেখানে আবার পূর্ণকুম্ভ আয়োজিত হবে ২০২৮ সালে। অর্থাৎ, পর পর দু’বছর মহারাষ্ট্রে এবং মধ্যপ্রদেশে দু’টি পূর্ণ কুম্ভমেলা হওয়ার কথা।

    হরিদ্বারেও কুম্ভমেলা ২০২৭-এ

    নাসিকে কুম্ভমেলার সময় জুলাই-অগাস্ট। প্রয়াগরাজ এবং হরিদ্বারের ক্ষেত্রে কুম্ভমেলার হিসাব কিছুটা আলাদা। এই দুই শহরে ১২ বছর অন্তর পূর্ণকুম্ভের পাশাপাশি ছ’বছর অন্তর একটি করে অর্ধ কুম্ভমেলারও আয়োজন করা হয়ে থাকে। সুতরাং, প্রয়াগরাজে পরবর্তী কুম্ভমেলাটি হবে আরও ছ’বছর পরে ২০৩১ সালে। হরিদ্বারে শেষ বার কুম্ভমেলা হয়েছিল ২০২১ সালে। সেটি ছিল পূর্ণকুম্ভ। নিয়ম অনুযায়ী, হরিদ্বারেও ২০২৭ সালে একটি অর্ধ কুম্ভমেলার আয়োজন হওয়ার কথা। ২০২৭ সালে একই বছরে পর পর দু’টি কুম্ভমেলার আয়োজন করা হবে। যদিও এই দুই মেলা আয়োজনের সময় ভিন্ন। হরিদ্বারে সাধারণত এপ্রিল মাসে কুম্ভমেলার আয়োজন করা হয়।

    নাসিক কুম্ভের প্রস্তুতি

    সম্প্রতি নাসিক কুম্ভ ২০২৭-র প্রস্তুতি ঠিকভাবে করার জন্য প্রয়াগরাজে মহাকুম্ভ পরিদর্শন (Maha kumbh 2025) করে এক প্রতিনিধি দল। তারা বিভিন্ন বিভাগের কর্মকর্তাদের সঙ্গে মহাকুম্ভের গৃহীত ব্যাপক প্রস্তুতি সম্পর্কে জানার চেষ্টা করেন। নাসিক থেকে আসা ২০ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন বিভাগীয় কমিশনার ডঃ প্রবীণ গেদাম এবং বিভিন্ন বিভাগের উর্ধ্বতন কর্মকর্তারা, যেমন স্পেশ্যাল ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ দত্তাত্রয় করালে, জেলা ম্যাজিস্ট্রেট জলজ শর্মা, পৌর কমিশনার মনীষা খাত্রি এবং নাসিক মেট্রোপলিটন রিজিওন ডেভেলপমেন্ট অথরিটির সিইও মানিক গুরসাল। ডঃ প্রবীণ গেদাম বলেন, ‘‘আমরা ২০২৭ সালের নাসিকের কুম্ভমেলাকে ২০২৫ সালের মহাকুম্ভের মতোই জাঁকজমকপূর্ণ করে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। এটি অর্জনের জন্য, আমরা এখানকার ব্যবস্থাগুলো অধ্যয়ন করার সিদ্ধান্ত নিয়েছি। আমাদের দল এই বিশাল অনুষ্ঠানের জন্য বাস্তবায়িত ব্যবস্থাপনা খতিয়ে দেখবে। স্নানঘাট ও আখড়া সহ গুরুত্বপূর্ণ স্থানগুলো পরিদর্শন করেছি আমরা। এটি নাসিক কুম্ভের জন্য আমাদের প্রস্তুতি আরও উন্নত করতে সহায়তা করবে।’’

  • Modi-Ursula Meeting: চিনকে রুখতে ভরসা ‘বিশ্বস্ত বন্ধু’ ভারত, মোদির সঙ্গে দীর্ঘ বৈঠকে ইউরোপীয় কমিশনের

    Modi-Ursula Meeting: চিনকে রুখতে ভরসা ‘বিশ্বস্ত বন্ধু’ ভারত, মোদির সঙ্গে দীর্ঘ বৈঠকে ইউরোপীয় কমিশনের

    মাধ্যম নিউজ ডেস্ক: বিশ্বের বাণিজ্যিক মানচিত্রে বড় বদল আনবে ভারত-পশ্চিম এশিয়া-ইউরোপ অর্থনৈতিক করিডর। দু’দিনের ভারত সফরে এসে এমনই অভিমত ব্যক্ত করলেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লিয়েন (Modi-Ursula Meeting)। চিনের আগ্রাসী অর্থনীতি ও একচেটিয়া উৎপাদননীতিকে ঠেকাতেই দিল্লির সঙ্গে বৈঠকে ইউরোপীয় কমিশনের। শুক্রবার দু’দিনের ভারত সফরের দ্বিতীয় দিনে দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করলেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা।

    মোদি-উরসুলা বৈঠক

    মোদির সঙ্গে বৈঠকের পরে উরসুলা বলেন, ‘‘আমরা ভারত-ইউরোপীয় ইউনিয়ন সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে চাই।’’ ইইউ-র কাছে ভারত সেই বিশ্বস্ত বন্ধু এবং কৌশলগত অংশীদার (Modi-Ursula Meeting) বলে জানিয়ে তাঁর মন্তব্য, ‘‘ভারত-পশ্চিম এশিয়া-ইউরোপ অর্থনৈতিক করিডর (আইএনইসি) নির্মাণ প্রকল্পকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দৃঢ় পদক্ষেপ করা হবে।’’ ওই করিডর নির্মিত হলে বিশ্বের বাণিজ্যিক মানচিত্রে বড় বদল হবে বলেও দাবি করেন তিনি। মোদির সঙ্গে বৈঠকের পর উরসুলা জানান, চলতি বছরের শেষেই দ্বিপাক্ষিক মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) সই হতে পারে। অন্য দিকে যৌথ সাংবাদিক বৈঠকে প্রধানমন্ত্রী মোদি বলেন, ‘‘দু’পক্ষই বিনিয়োগ সুরক্ষা চুক্তির পাশাপাশি ভৌগোলিক বাণিজ্যের মানচিত্রে সহযোগিতা বৃদ্ধির জন্য আলোচনার অগ্রগতির দিকে তাকিয়ে রয়েছে।’’

    ইউরোপীয় কমিশনের প্রতিনিধি দল

    এই প্রতিনিধি দলে ইউরোপীয় কমিশনের (EC) প্রেসিডেন্ট উরসুলা সহ ২২ জন কমিশনার রয়েছেন। এটি হল ২০১৯ সালে গঠিত ইউরোপীয় কমিশনের প্রথম বাইরের সফর এবং প্রথমবারের মতো একসঙ্গে ভারত সফর করছেন ইউরোপীয় কমিশনাররা। ভারত এবং ইউরোপীয় ইউনিয়ন তাদের কৌশলগত অংশীদারিত্বের তৃতীয় দশকে পদার্পণ করেছে। এই আবহে কমিশনারদের এই সফর ভারত-ইউরোপ সম্পর্কে নতুন এক যুগের সূচনা করবে, বলে অভিমত কূটনৈতিক মহলের।

    চিন নির্ভরতা কমানো লক্ষ্য

    বর্তমানে জোগানের শৃঙ্খলে চিন-নির্ভরতা উদ্বেগের কারণ পশ্চিমের দেশগুলির। তাদের সেই উদ্বেগকে কাজে লাগাতে চাইছে নয়াদিল্লি। ১০-১৪ মার্চ ব্রাসেলসে হবে ভারত-ইইউ-এর বাণিজ্য বৈঠক হবে। তার আগে গাড়ি, ওয়াইন-সহ বিভিন্ন পণ্যে আমদানি শুল্ক কমাতে দিল্লিকে অনুরোধ করবে ইউরোপীয় কমিশন। ভারতও চাইছে নিজ শর্তে ইউরোপের সদস্য দেশগুলিতে পণ্য রফতানি বৃদ্ধির সুযোগ বাড়াতে।

    বিদেশমন্ত্রীর সঙ্গে বৈঠ

    বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গেও বৈঠক করেন উরসুলা। তাঁদের মধ্যে বাণিজ্য ও শুল্ক সম্পর্কিত আলোচনার পাশাপাশি কথা হয় প্রতিরক্ষাক্ষেত্রে সমন্বয় এবং রাশিয়া-ইউক্রেন নিয়েও। নয়াদিল্লি পৌঁছে উরসুলা তাঁর সমাজমাধ্যমের হ্যান্ডলে পোস্ট করেছিলেন, ‘আমার প্রতিনিধিদের (কমিশনার) নিয়ে দিল্লির মাটি ছুঁলাম। সংঘাত এবং প্রবল প্রতিযোগিতার এই কালখণ্ডে প্রয়োজন হয় বিশ্বস্ত বন্ধুর। ইউরোপের ক্ষেত্রে ভারত সেই বিশ্বস্ত বন্ধু এবং কৌশলগত অংশীদার। এই অংশীদারি কীভাবে পরবর্তী ধাপে এগিয়ে নেওয়া যায়, তা নিয়ে আলোচনা হবে আমাদের।’

    সম্পর্কের গভীরতা

    ভারত ১৯৬২ সালে ইউরোপীয় অর্থনৈতিক কমিউনিটির (যা পরবর্তীতে ইউরোপীয় ইউনিয়ন) সঙ্গে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা করে। ১৯৯৩ সালে এক যৌথ রাজনৈতিক ঘোষণা এবং ১৯৯৪ সালের সহযোগিতা চুক্তি ভারত-ইউরোপ সম্পর্ককে আরও শক্তিশালী করে। এখনও পর্যন্ত ১৫টি ভারত-ইউরোপীয় শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে, প্রথম সম্মেলনটি ২০০০ সালে লিসবনে হয়েছিল। ২০০৪ সালে হেগে অনুষ্ঠিত পঞ্চম সম্মেলনে ভারত এবং ইউরোপীয় ইউনিয়ন তাদের সম্পর্ককে কৌশলগত অংশীদারিত্বে পরিণত করে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলাও একাধিকবার বৈঠক করেছেন। ২০২২ সালের এপ্রিল মাসে প্রেসিডেন্ট ভন ডার লায়েন ভারত সফর করেন এবং রাইসিনা সংলাপে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা দেন।

    বৈঠক ও উদ্যোগ

    ২০২০ সালের জুলাই মাসে অনুষ্ঠিত সর্বশেষ ভারত-ইউরোপীয় শীর্ষ সম্মেলনে “ভারত-ইউরোপীয় কৌশলগত অংশীদারিত্ব: ২০২৫ এর রোডম্যাপ” গৃহীত হয়। ২০২১ সালের মে মাসে অনুষ্ঠিত শীর্ষ বৈঠকে একটি মুক্ত বাণিজ্য এবং বিনিয়োগ চুক্তি নিয়ে আলোচনা পুনরায় শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়। সেখানেই ভারত ও ইউরোপের দেশগুলি এক সম্মতিতে পৌঁছেছে, যা পরবর্তী কয়েক বছরের মধ্যে স্বাক্ষরিত হতে পারে। ভারত-ইউরোপীয় বাণিজ্য ও প্রযুক্তি কাউন্সিল (TTC) ২০২২ সালে প্রতিষ্ঠিত হয়, যা বাণিজ্য, নির্ভরযোগ্য প্রযুক্তি এবং নিরাপত্তা সম্পর্কিত চ্যালেঞ্জ মোকাবিলায় কৌশলগত সমন্বয়ের এক গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবে কাজ করবে। টিটিসি-এর প্রথম মন্ত্রিপরিষদ বৈঠক ২০২৩ সালের মে মাসে অনুষ্ঠিত হয়েছিল, এবং দ্বিতীয় বৈঠক দিল্লিতে অনুষ্ঠিত হবে।

    বাণিজ্য ও বিনিয়োগ

    ভারত ও ইউরোপীয় ইউনিয়ন (India-Europe Partnership) প্রায় ১৫ বছর ধরে একটি মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করছে। ইউরোপীয় ইউনিয়ন ভারতকে সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার হিসাবে গড়ে তুলেছে। ২০২৩-২৪ সালে ভারত ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ছিল ১৩৫ বিলিয়ন ডলার, যার মধ্যে ভারতীয় রফতানি ছিল ৭৬ বিলিয়ন ডলার এবং আমদানি ৫৯ বিলিয়ন ডলার।

    প্রযুক্তি সহযোগিতা

    চিন প্রযুক্তির ক্ষেত্রে দ্রুত উন্নতি করছে, সেই প্রেক্ষাপটে ভারত ও ইউরোপীয় ইউনিয়নের প্রযুক্তি সহযোগিতা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ২০০৭ সালে সায়েন্স অ্যান্ড টেকনোলজি কোঅপারেশন চুক্তির আওতায় এই সহযোগিতা চলছে। ২০২২ সালে উচ্চ ক্ষমতাসম্পন্ন কম্পিউটিং (HPC) এবং ২০২৩ সালে সেমিকন্ডাক্টর গবেষণায় সহযোগিতা নিয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

    সবুজ শক্তির সমাধান

    ভারত-ইউরোপীয় (India-Europe Partnership) সবুজ হাইড্রোজেন সহযোগিতা উদ্যোগের আওতায়, ভারত ২০২৪ সালের নভেম্বরে ব্রাসেলসে অনুষ্ঠিত ইউরোপীয় হাইড্রোজেন সপ্তাহে একমাত্র অংশীদার দেশ ছিল। ইউরোপীয় বিনিয়োগ ব্যাংক ভারতীয় হাইড্রোজেন প্রকল্পে ১ বিলিয়ন ইউরো বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে।

    জনগণ ও জনগণের সম্পর্ক

    ভারত-ইউরোপীয় সম্পর্কের একটি শক্তিশালী ভিত্তি হল জনগণের সম্পর্ক। ইউরোপে ভারতীয় মহল সম্প্রসারিত হচ্ছে, যার মধ্যে ছাত্র, গবেষক এবং দক্ষ পেশাজীবী রয়েছে। ২০২৩-২৪ সালে ইউরোপীয় ইউনিয়ন ব্লু কার্ডের শীর্ষ প্রাপক ছিল ভারতীয় পেশাজীবীরা।

    প্রতিরক্ষা ও মহাকাশ

    ভারত এবং ইউরোপীয় ইউনিয়ন (India-Europe Partnership) তাদের প্রতিরক্ষা সহযোগিতা শক্তিশালী করছে, বিশেষ করে সমুদ্র নিরাপত্তা এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে। ২০২৩ সালের অক্টোবর মাসে প্রথম যৌথ নৌযান মহড়া অনুষ্ঠিত হয়। মহাকাশ গবেষণায় ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ISRO) এবং ইউরোপীয় মহাকাশ সংস্থা (ESA) একসাথে কাজ করছে, যেমন চন্দ্রযান-৩ এবং আদিত্য-এল-ওয়ান মিশনে।

    কী বলছে কমিশন

    কমিশনের সফররত এক কর্তা বলেন, ‘‘ভারত বৃহৎ উদীয়মান অর্থনীতি। সেখানে ছোট-বড় কৃষিজীবী মানুষ ও উদ্যোগ রয়েছে। এটি আমাদের চুক্তিতে প্রতিফলিত হবে। কৃষিপণ্য আমদানির ক্ষেত্রে আমাদের সদস্য রাষ্ট্রগুলি আগ্রহী। তবে চুক্তি যা-ই হোক, ভারসাম্য থাকা জরুরি। যেমন গাড়ি, ওয়াইন এবং স্পিরিটের মতো পণ্যের উপর ভারতের শুল্ক অনেক বেশি। ইইউ এই শুল্ক শূন্যে নামিয়ে আনার চেষ্টা করবে।’’ সংশ্লিষ্ট মহলের মতে, রাষ্ট্রগোষ্ঠী হিসেবে ভারতের বৃহত্তম বাণিজ্য সহযোগী ইইউ। গত বছর দ্বিপাক্ষিক বাণিজ্য হয়েছে ১২,৬০০ কোটি ডলার। এক দশকে বেড়েছে ৯০%।

  • Uttarakhand: উত্তরাখণ্ডে তুষারধস, বরফের নিচে আটকে ৪৭ নির্মাণকর্মী, চলছে উদ্ধারকাজ

    Uttarakhand: উত্তরাখণ্ডে তুষারধস, বরফের নিচে আটকে ৪৭ নির্মাণকর্মী, চলছে উদ্ধারকাজ

    মাধ্যম নিউজ ডেস্ক: উত্তরাখণ্ডের (Uttarakhand) চামোলি জেলায় ব্যাপক তুষারধস (Avalanche)। এর ফলেই সীমান্ত সড়ক সংস্থার (বিআরও) ৪৭ নির্মাণকর্মী বরফের নিচে আটকে পড়েছেন বলে খবর মিলেছে। শুক্রবারই ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা। জানা গিয়েছে, শ্রমিকরা যখন মানা গ্রামের সীমান্ত এলাকায় কাজ করছিলেন, তখনই ঘটে এই বিপত্তি। শেষ খবর পাওয়া পর্যন্ত, উদ্ধারকাজে ইতিমধ্যে ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশ (আইটিবিপি) এবং সেনাবাহিনীর কর্মীদের নামানো হয়েছে। উত্তরাখণ্ড পুলিশের আইজি নিলেশ আনন্দ ভর্নে জানিয়েছেন, এখনও পর্যন্ত ১০ জন শ্রমিককে উদ্ধার করা হয়েছে। তাঁদের মানা গ্রামের নিকটবর্তী সেনা শিবিরে নিয়ে যাওয়া হয়েছে। তাঁদের অবস্থা আশঙ্কাজনক বলেই জানা যাচ্ছে।

    কী জানালেন উত্তরাখণ্ডের (Uttarakhand) মুখ্যমন্ত্রী?

    ইতিমধ্যে সামনে এসেছে উত্তরাখণ্ডের (Uttarakhand) মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির বিবৃতি। সেখানে তিনি জানিয়েছেন, আইটিবিপি, বিআরও এবং সেনাবাহিনী যৌথভাবে উদ্ধার অভিযান চালাচ্ছে। দুর্ঘটনার খবর পাওয়ার পরেই আটকে পড়া সকল শ্রমিকদের নিরাপত্তার জন্য প্রার্থনা করেছেন তিনি। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী বলেন, ‘‘মানা গ্রামের কাছে বিআরও পরিচালিত নির্মাণকাজের সময় একটি তুষারধসের ফলে বহু শ্রমিক আটকে পড়েছেন। আমরা তাঁদের নিরাপদে উদ্ধারের জন্য সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছি।’’

    আবহাওয়া খারাপ, কঠিন হচ্ছে উদ্ধারকাজ

    বিআরও-র ইঞ্জিনিয়ার সিআর মীনা সংবাদমাধ্যমকে বলেন, ভারী তুষারপাতের কারণে উদ্ধার কাজ কঠিন হয়ে পড়ছে। তিন থেকে চারটি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পাঠানো হয়েছে, তবে দুর্গম আবহাওয়ার কারণে দলে পৌঁছানোতে দেরি হচ্ছে। এদিকে, গতকাল বৃহস্পতিবারই লাহুল ও স্পিতি পুলিশ ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ওই অঞ্চলে তুষারধসের সতর্কতা জারি করেছে। এই সতর্কবার্তায় বলা হয়েছে, মাঝারি আকারের তুষারধসের সম্ভাবনা রয়েছে এবং সবাইকে নির্দিষ্ট নিরাপদ রাস্তায় চলাচলের (Uttarakhand) পরামর্শ দেওয়া হয়েছে।এই আবহে দিল্লির মৌসম ভবন উত্তরাখণ্ড-সহ বেশ কয়েকটি পাহাড়ি অঞ্চলের জন্য কমলা সতর্কতাও জারি করেছে। তারা জানিয়েছে, শুক্রবার রাত পর্যন্ত এই অঞ্চলগুলিতে খুব ভারী বৃষ্টিপাতের (২০ সেমি পর্যন্ত) সম্ভাবনা রয়েছে৷ হাওয়া অফিস আরও জানিয়েছে, হরিয়ানা ও পশ্চিম উত্তর প্রদেশ-এ বজ্রপাত, শিলাবৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে।

  • Indian Navy: নৌসেনার নতুন ‘মেঘনাদ’! রাশিয়া থেকে ভারতে আসছে ব্রহ্মস ক্ষেপণাস্ত্রবাহী স্টেলথ ফ্রিগেট ‘তমাল’

    Indian Navy: নৌসেনার নতুন ‘মেঘনাদ’! রাশিয়া থেকে ভারতে আসছে ব্রহ্মস ক্ষেপণাস্ত্রবাহী স্টেলথ ফ্রিগেট ‘তমাল’

    মাধ্যম নিউজ ডেস্ক: শীঘ্রই বিশ্বের সবচেয়ে উন্নত মাল্টি-রোল স্টেলথ গাইডেড মিসাইল ফ্রিগেট ‘তমাল’ পেতে চলেছে ভারতীয় নৌসেনা (Indian Navy)। এই যুদ্ধজাহাজটি তৈরি করেছে রাশিয়া। বলা হচ্ছে বিদেশ থেকে ভারতে আসা এটাই হবে শেষ ফ্রিগেট (Stealth Frigate Tamal)। রাবণ-পুত্র মেঘনাদের (ইন্দ্রজিৎ) মতোই আড়ালে থেকে শত্রুর উপর প্রাণঘাতী আঘাত হানতে দক্ষ তমাল। ভারত এবং রাশিয়ার যৌথ উদ্যোগে ইয়নটার শিপইয়ার্ডে নির্মিত বিশ্বের সবচেয়ে উন্নত ‘স্টেলথ গাইডেড মিসাইল ফ্রিগেট’গুলির অন্যতম তমাল।

    রাশিয়ার প্রযুক্তিগত সহায়তা

    প্রতিরক্ষা মন্ত্রক সূত্রের খবর, চলতি বছরের জুন মাসেই আনুষ্ঠানিক ভাবে নৌসেনায় (Indian Navy) যোগ দিয়ে সমুদ্রযুদ্ধের মহড়ায় যোগ দেবে আইএনএস তমাল। প্রসঙ্গত, ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চিনের মোকাবিলার জন্য নৌসেনাকে আধুনিক যুদ্ধের উপযোগী করে তোলার উদ্যোগ নিয়েছে মোদি সরকার। ২০১৬ সালের সমঝোতা এবং ২০১৮ সালে সই হওয়া চূড়ান্ত চুক্তি অনুযায়ী আইএনএস তলোয়ার শ্রেণির চারটি স্টেলথ ফ্রিগেট (Stealth Frigate Tamal) বানাচ্ছে রাশিয়া। চুক্তির মোট অঙ্ক ২৫০ কোটি ডলার (প্রায় ২১ হাজার কোটি টাকা)। এই তালিকার প্রথমটি, আইএনএস তুষিল ইতিমধ্যেই ভারতীয় নৌসেনায় যোগ দিয়েছে। এ বার পালা আইএনএস তমালের। অত্যাধুনিক এই যুদ্ধজাহাজ পরিচালনা এবং যুদ্ধকৌশলের প্রশিক্ষণে যোগ দিতে এখন রাশিয়ায় রয়েছেন ভারতীয় নৌসেনার ২০০ জন অফিসার এবং কর্মী।

    কী কী অস্ত্রে সমৃদ্ধ তমাল

    ৩০ ‘নট’ গতিবেগ সম্পন্ন তমাল একটানা ৩ হাজার কিলোমিটার দূরত্ব পথ অতিক্রম করতে সক্ষম। ব্রহ্মস সুপারসনিক (শব্দের চেয়ে বেশি গতিবেগ সম্পন্ন) ক্ষেপণাস্ত্র ছাড়াও আইএনএস তমালে (Stealth Frigate Tamal) থাকছে বিমানবিধ্বংসী কামান। পাশাপাশি থাকছে সাবমেরিন ধ্বংসকারী টর্পিডো। এ ছাড়া দু’টি রুশ কামোভ-২৮ এবং কামোভ-৩১ হেলিকপ্টার থাকছে, যা শত্রুর অবস্থান পর্যবেক্ষণের পাশাপাশি হামলার কাজেও ব্যবহার করা যাবে। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রের খবর, রাশিয়ায় এখন যুদ্ধজাহাজ তমালের ট্রায়াল চলছে। বিশেষ করে এর জন্য ২০০ জন ভারতীয় নৌসেনা সেন্ট পিটার্সবার্গে পৌঁছেছেন। এই ট্রায়াল চলবে প্রায় ৬ সপ্তাহ। এটি সফলভাবে সম্পন্ন হলে, তমালকে ভারতে আনার জন্য প্রস্তুত করা হবে।

  • Islamic State: দুই বাংলা, উত্তর-পূর্ব ভারত নিয়ে ‘আইএস বেঙ্গল প্রভিন্স’ গড়ার ভয়াবহ ছক করছে আইসিস!

    Islamic State: দুই বাংলা, উত্তর-পূর্ব ভারত নিয়ে ‘আইএস বেঙ্গল প্রভিন্স’ গড়ার ভয়াবহ ছক করছে আইসিস!

    মাধ্যম নিউজ ডেস্ক: আইসিস জঙ্গি সংগঠনের প্রাথমিক উদ্দেশ্য হল খিলাফতকে প্রতিষ্ঠা এবং সারা বিশ্বব্যাপী ইসলামের রাজত্ব কায়েম করা। কিন্তু বর্তমানে বেশ কোনঠাসা এই জঙ্গি সংগঠন (Islamic State)। তারা সেই অবস্থায় নেই যে সারা পৃথিবীর জুড়ে খিলাফত ঘোষণা করতে পারে। সেই জন্য তারা চিহ্নিত করেছে পৃথিবীজুড়ে বেশ কিছু অঞ্চল, যেগুলিতে তারা প্রবেশ করতে পারবে, সংগঠনের জাল ছড়াতে পারবে এবং নিজেদের খিলাফতের আদর্শকে তারা স্থাপন করতে পারবে। প্রসঙ্গত, আগেই এই জঙ্গি সংগঠন ঘোষণা করেছিল যে তারা খিলাফত প্রতিষ্ঠা করেছে ইরাক এবং তার প্রতিবেশী অঞ্চলগুলিতে। এর পাশাপাশি, তারা আফ্রিকা মহাদেশের বেশ কিছু দেশেও খিলাফত প্রতিষ্ঠার কথা বলে।

    বাংলাদেশ হয়ে পশ্চিমবঙ্গ, উত্তর-পূর্ব ভারত টার্গেট আইসিসের!

    ২০২৫ সালের জানুয়ারির শুরুতেই খবর ভেসে আসে অল বেঙ্গলি মিডিয়া থেকে। এখানেই বার্তা দেওয়া হয় যে তারা সম্পূর্ণভাবে প্রস্তুতি চালাচ্ছে ‘ইসলামিক স্টেট বেঙ্গল প্রভিন্স’ গড়ে তোলার জন্য। যে বার্তা দিয়েছে এই জঙ্গি সংগঠন তা হালকা ভাবে নিচ্ছেন না গোয়েন্দারা। কারণ এই ধরনের যে পরিকল্পনা অল বেঙ্গলি মিডিয়া প্রচার করেছে, তা নতুন বা প্রথম কিছু নয়। এখানে প্রতিফলিত হচ্ছে তাদের দীর্ঘদিনের যে উদ্দেশ্য সেটাই। ইসলামিক স্টেট বেঙ্গল প্রভিন্সে কোন কোন অঞ্চল থাকবে তাও তারা ঘোষণা করে দিয়েছে। এখানে থাকবে সম্পূর্ণ বাংলাদেশ (Bangladesh), পশ্চিমবঙ্গ এবং উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলি। অল বেঙ্গলি মিডিয়ার মতে, এই সমস্ত অঞ্চলগুলিতে আগামী দিনে খিলাফত প্রতিষ্ঠা হতে চলেছে। খিলাফতের পথে যে কোন ধরনের বাধা এলে তা প্রতিরোধ করতেও প্রস্তুত তারা বলে দাবিও করা হয়েছে অল বেঙ্গলি মিডিয়ায়।

    কী বলছেন গোয়েন্দা কর্তা (Islamic State)

    ভারতের গোয়েন্দা দফতরের এক শীর্ষ আধিকারিক (Islamic State) অর্গানাইজার পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন যে, এদের পরিকল্পনাই হল বিভিন্ন মডিউল গড়ে তোলা। এই জঙ্গি মডিউলগুলির মাধ্যমে তারা কাজ চালাতে চায়। এরা প্রতিনিয়ত নতুন নতুন অঞ্চলকে তাদের ইসলামিক স্টেট বেঙ্গল প্রভিন্স-এর অংশও বানাচ্ছে। তবে এদের প্রাথমিক উদ্দেশ্য হল পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশকে তাদের ইসলামিক স্টেট প্রভিন্স গড়ে তোলা। ইতিমধ্যে তারা এই বার্তাও দিতে শুরু করেছে যে যদি বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের মুসলিম জনগোষ্ঠী এক হয়ে যায়, তাহলে তারা এটা করতে পারবে।

    বাংলাদেশের অচলাবস্থায় সুযোগ নিতে চাইছে জঙ্গি গোষ্ঠী

    এই আবহে ইসলামিক স্টেট (Islamic State) জঙ্গিগোষ্ঠী মনে করছে যে বর্তমানে সবচেয়ে ভালো সময় চলছে তাদের। কারণ বাংলাদেশের এই অচলাবস্থা। এই অচলাবস্থাকেই তারা কাজে লাগাতে চাইছে। সবার আগে, বাংলাদেশে ফিলাফত কায়েম করা। তার পর সেখান থেকে ভারতের সীমান্তবর্তী অঞ্চলগুলিতে তারা মৌলবাদকে সর্বদাই ছড়িয়ে দেওয়া। বাংলাদেশ যে ধীরে ধীরে ইসলামি মৌলবাদ এবং জিহাদিদের আয়ত্তে চলে যাচ্ছে, তার প্রমাণ মিলেছে সাম্প্রতিককালে। বাংলাদেশ ইতিমধ্যে পাকিস্তানিদের জন্য ফ্রি ভিসা পাস চালু করেছে। এর ফলে বাংলাদেশে জঙ্গি গোষ্ঠীগুলির কাজ আরও সহজ হয়েছে। ধরা যাক, কোন জঙ্গি বা মৌলবাদী সংগঠনের কেউ ভারতে অপরাধ সংঘঠিত করল। তারপরে চোরা পথে তারা বাংলাদেশে চলে গেল। সেখানে গিয়ে তারা শান্তিতে ঘুমাল এবং পরবর্তীকালে ভিসা নিয়ে তারা পাকিস্তান বেরিয়ে গেল। অর্থাৎ জঙ্গিগোষ্ঠীদের ভারতে প্রবেশের জন্য আন্তর্জাতিক দিক থেকে একটি সেফ করিডোরে পরিণত হয়েছে বাংলাদেশ।

    সম্প্রতি পশ্চিমবঙ্গ সফরে আসেন ডোভাল

    ইতিমধ্যে নিরাপত্তার দায়িত্বে থাকা সংস্থাগুলি এ নিয়ে যথেষ্ট ভাবনা চিন্তা করছেন। কারণ গত অগাস্ট মাসে হাসিনা সরকারের পতনের পর থেকেই জিহাদিদের মুক্তাঞ্চলে (Islamic State) পরিণত হয়েছে বাংলাদেশ। সেখানে একের পর এক উৎসব বন্ধ করে দেওয়া হচ্ছে। হামলার খবর আসছে বিভিন্ন জায়গা থেকে। সম্প্রতি পশ্চিমবঙ্গ সফর করেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। উচ্চ পর্যায়ের একটি মিটিংয়ে তিনি অংশগ্রহণ করেন। তাঁর ওই মিটিংয়ে মালদা, বীরভূম, দক্ষিণ ২৪ পরগনা এবং মুর্শিদাবাদের বেশ কিছু মাদ্রাসাকে নিয়ে তারা আলোচনা করেন। এই মাদ্রাসাগুলির গতিবিধির সন্দেহজনক এবং এগুলি দেশের আভ্যন্তরীণ নিরাপত্তার জন্য যথেষ্ট বিপজ্জনক।

    আইসিসের কাজ দেখার দায়িত্বে কে?

    জানা গিয়েছে, বাংলাদেশে ইসলামিক স্টেট জঙ্গি (Islamic State) সংগঠনের কাজ চালানোর জন্য নিযুক্ত করা হয়েছে মহম্মদ সাইফুল্লাহ উজাকি ওরফে আবু ইব্রাহিম আল হানিফকে। সূত্রের খবর, এই ব্যক্তি একজন ধর্মান্তরিত মুসলিম। প্রথম জীবনে তাঁর নাম ছিল সজীবচন্দ্র দেবনাথ এবং তিনি একজন অর্থনীতিবিদ ছিলেন। কিন্তু বিশ্বাস রাখতেন ইসলামিক স্টেট-এর আদর্শে। ইসলাম ধর্মে ধর্মান্তরিত হওয়ার পরে তিনি বেশ কয়েকমাস সিরিয়াতে চলে যান এবং সেখানেই প্রশিক্ষণ নেন। পরবর্তীকালে তাঁকে বাংলাদেশের কাজ দেখার দায়িত্ব দেওয়া হলে তিনি ফিরে আসেন। ২০১৬ সালের ঢাকা হামলার অন্যতম চক্রান্তকারী বলে মনে করা হয় তাঁকে।

  • National Science Day 2025: বিজ্ঞান সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করাই লক্ষ্য! জেনে নিন জাতীয় বিজ্ঞান দিবসের ইতিহাস

    National Science Day 2025: বিজ্ঞান সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করাই লক্ষ্য! জেনে নিন জাতীয় বিজ্ঞান দিবসের ইতিহাস

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রতি বছর ২৮ ফেব্রুয়ারি ভারতে অত্যন্ত উৎসাহ ও গর্বের সঙ্গে পালন করা হয় জাতীয় বিজ্ঞান দিবস (National Science Day 2025)। ভৌত বিজ্ঞানে নোবেলজয়ী ভারতীয় বিজ্ঞানী সিভি রামন আবিষ্কৃত রামন এফেক্টের আবিষ্কারকে চিরস্মরণীয় করে রাখতেই এই বিশেষ দিনটিকে জাতীয় বিজ্ঞান দিবস হিসেবে ঘোষণা করা হয়। বিজ্ঞান সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা এবং শিক্ষার্থী, বিজ্ঞানী এবং গবেষকদের অনুপ্রাণিত করা হল জাতীয় বিজ্ঞান দিবসের উদ্দেশ্য। এই দিনটি বিজ্ঞান ও প্রযুক্তির গুরুত্ব বোঝার এবং সমাজে এর অবদানকে স্বীকৃতি দেওয়ার সুযোগ দেয়।

    জাতীয় বিজ্ঞান দিবসের উদ্দেশ্য

    জাতীয় বিজ্ঞান দিবস (National Science Day 2025) উদযাপনের মূল উদ্দেশ্য হল বিজ্ঞানের গুরুত্ব এবং এর প্রয়োগের বার্তা জনগণের মধ্যে ছড়িয়ে দেওয়া। এটি প্রতি বছর ভারত প্রধান বিজ্ঞান উৎসব হিসেবে পালিত হয়। মানুষের দৈনন্দিন জীবনে বৈজ্ঞানিক প্রয়োগের গুরুত্ব তুলে ধরা। মানবজাতির কল্যাণে বিজ্ঞানের ব্যবহার করা। বিজ্ঞানের উন্নয়ন এবং নতুন প্রযুক্তি বাস্তবায়ন করা। বিজ্ঞান ও প্রযুক্তি ব্যবহারে নাগরিকদের উৎসাহিত করাই হল জাতীয় বিজ্ঞান দিবসের লক্ষ্য। ন্যাশনাল কাউন্সিল ফর সায়েন্স অ্যান্ড টেকনোলজি কমিউনিকেশন ও ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির যৌথ উদ্যোগে প্রতি বছর ন্যাশনাল সায়েন্স ডে উদযাপিত হয়। মূলত দেশের বিজ্ঞান প্রতিষ্ঠান ও রিসার্চ ল্যাবরেটরিগুলিতে এই দিনটি বিশেষভাবে উদযাপন করা হয়। জনগনের উদ্দেশে ভাষণ, রেডিও ও টেলিভিশন প্রোগ্রাম, বিজ্ঞানের সিনেমা, বিজ্ঞান প্রদর্শনী ও ডিবেট ও কুইজের মাধ্যমে এই দিনটি উদযাপন করা হয়।

    জাতীয় বিজ্ঞান দিবসের থিম

    ২০২৫ সালের জাতীয় বিজ্ঞান দিবসের (National Science Day 2025) থিম হল বৈজ্ঞানিক সমস্যা এবং চ্যালেঞ্জগুলির উপর ভিত্তি তৈরি করা। এই থিমটি বিজ্ঞান এবং সমাজের মধ্যে সংযোগ জোরদার করার উপর দৃষ্টি নিবদ্ধ করে। প্রতি বছর নতুন থিমের মাধ্যমে পালন করা হয় জাতীয় বিজ্ঞান দিবস। বৈজ্ঞানিক সমস্যা এবং চ্যালেঞ্জগুলির উপর ভিত্তি করে তৈরি এবং সমাজে বিজ্ঞানের ভূমিকা তুলে ধরার জন্য তৈরি করা হয় সেই বছরের থিম। এই বছরের জাতীয় বিজ্ঞান দিবসের থিম হল ‘উন্নত ভারতের বিজ্ঞান উদ্ভাবনে বিশ্বব্যাপী নেতৃত্বের জন্য ভারতীয় যুবসমাজের ক্ষমতায়ন’।

    প্রথম কবে পালন করা হয়

    জাতীয় বিজ্ঞান দিবস (National Science Day 2025) প্রথমবার পালন করা হয় ১৯৮৭ সালের ২৮ ফেব্রুয়ারি। জাতীয় পর্যায়ে জাতীয় বিজ্ঞান দিবস উদযাপনের সিদ্ধান্ত নেয় ভারত সরকার। এই দিনে, স্যার চন্দ্রশেখর ভেঙ্কট রামন, যিনি সিভি রামন নামে পরিচিত, ‘রমন এফেক্ট’ আবিষ্কার করেছিলেন৷ রামন এফেক্ট আবিষ্কারের জন্য ১৯৩০ সালে নোবেল পুরস্কার দেওয়া হয় তাঁকে। রামন এফেক্ট আবিষ্কারকে বিজ্ঞানের ক্ষেত্রে ভারতের একটি বড় অর্জন হিসেবে বিবেচনা করা হয়।

    সিভি রামন ওরফে স্যার চন্দ্রশেখর ভেঙ্কট রামন

    স্যর চন্দ্রসেখর ভেঙ্কট রামন ছিলেন একজন পদার্থবিদ। মাদ্রাজ বিশ্ববিদ্যালয়ের তত্বাবধানে প্রেসিডেন্সি কলেজ থেকে তিনি ১৯১৭ সালে মাস্টার ডিগ্রি অর্জন করেছিলেন। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা শুরু করেন ৷ ১৯২৮ সালে তিনি রামন এফেক্ট আবিষ্কার করেন। এই কারণে ১৯৩০ সালে তিনি পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার পান। ১৯৩৩ সালে তিনি বেঙ্গালুরুতে ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সায়েন্স তৈরি করেন। সেখানকার পদার্থবিদ্যা বিভাগের প্রধানের দায়িত্ব সামলান। ১৯৪৭ সালে তাঁকে রামন রিসার্চ ইনস্টিটিউটের ডিরেক্টরের দায়িত্বভার দেওয়া হয়। ১৯৫৪ সালে, ভারতের সর্বচ্চ নাগরিক সম্মান, ভারত রত্নে ভূষিত করা হয় সিভি রামনকে।

    রামন এফেক্ট আবিষ্কার

    ফোটন কণার অস্থিতিস্থাপক বিকিরণকে বলা হয় রামন এফেক্ট। আলো যখন কোনও স্বচ্ছ পদার্থের মধ্যে দিয়ে যায়, তখন সেটির তরঙ্গদৈর্ঘ্য পরিবর্তনের ব্যখ্যা দেয় এই রামন এফেক্ট। অর্থাৎ সহজ কথায়, আলো ভেঙে যে বিচ্ছুরণ ঘটে, তারই ব্যখ্যা রামন এফেক্ট। ১৯২১ সালে জাহাজে চেপে ইউরোপ যাওয়ার সময় ভূমধ্যসাগরের জলে নীল আলোর বিচ্ছুরণ দেখে তাঁর মধ্যে কৌতুহল জাগে ৷ সেটির কারণ খঁজতে গিয়েই ল্যাবরেটরিতে বসে তিনি মার্কারি ল্যাম্প ও বরফের টুকরো দিয়ে পরীক্ষা শুরু করেন। এই পরীক্ষার ফল ‘রামন এফেক্ট বা রামন ক্রিয়া’ আবিষ্কার৷ দীর্ঘ সাত বছরের গবেষণার পর ১৯২৮ সালে কলকাতার ‘ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অব সায়েন্স’-এ এই আবিষ্কারটি করেছিলেন সি ভি রামন।

    বিজ্ঞানী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

    সম্প্রতি, জাতীয় বিজ্ঞান দিবসকে (National Science Day 2025) স্মরণ করে দেশবাসীকে ‘এক দিনের জন্য বিজ্ঞানী’ হওয়ার পরামর্শ দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মহাকাশে ভারতের সাফল্যের কথা শোনা গিয়েছিল প্রধানমন্ত্রীর ‘মন কি বাত’ অনুষ্ঠানে। মোদি বলেন, ‘‘ইসরো একের পর এক সাফল্য অর্জন করেছে। সময়ের সঙ্গে সঙ্গে মহাকাশে আমাদের অর্জনের তালিকা দীর্ঘ হচ্ছে। তা উৎক্ষেপণ যান তৈরি করা হোক, কিংবা বিভিন্ন ভারতীয় মহাকাশযানের সাফল্য।’’ তার পরই মোদি প্রত্যেক দেশবাসীকে ‘এক দিনের জন্য বিজ্ঞানী’ হওয়ার কথা বলেছেন। বছরের যে কোনও দিনই তা হতে পারে। সেই নির্দিষ্ট দিনে বিভিন্ন বিজ্ঞানমূলক কাজের অংশ হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।

  • Sikh Riot: ‘মোদির কারণেই মিলেছে বিচার’, সজ্জন কুমারের যাবজ্জীবনে মত শিখ হিংসায় ক্ষতিগ্রস্তদের

    Sikh Riot: ‘মোদির কারণেই মিলেছে বিচার’, সজ্জন কুমারের যাবজ্জীবনে মত শিখ হিংসায় ক্ষতিগ্রস্তদের

    মাধ্যম নিউজ ডেস্ক: ১৯৮৪ সালে দিল্লির শিখ বিরোধী হিংসায় (Sikh Riot) কংগ্রেস নেতা সঞ্জন কুমারের যাবজ্জীবন কারাবাসের সাজা শুনিয়েছে আদালত। মঙ্গলবারই এই সাজা ঘোষণা হয়েছে। জোড়া খুনের মামলায় সরকার পক্ষের আইনজীবী সজ্জনের (Sajjan Kumar) মৃত্যুদণ্ডের পক্ষে সওয়াল করেছিল। কিন্তু বিচারক তা খারিজ করেছেন। যাবজ্জীবন কারাদণ্ডের খবর সামনে আসতেই শিখ হিংসায় (Sikh Riot) ভুক্তভোগী পরিবারগুলি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। সংবাদমাধ্যমকে তাঁরা জানিয়েছেন প্রধানমন্ত্রীর কারণেই তাঁরা ন্যায়বিচার পেয়েছেন। এর পাশাপাশি দেশের বিচার ব্যবস্থার প্রতিও তাঁরা আস্থা দেখিয়েছেন।

    মোদির কারণেই মিলেছে বিচার

    শিখ বিরোধী হিংসায় (Sikh Riot) ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য কুলদীপ কৌর বলেন, ‘‘এই রায় আমাদের পক্ষে নয়। আমরা সজ্জন কুমারের ফাঁসি চেয়েছিলাম। কংগ্রেসের অধীনে তাঁকে (সজ্জন কুমার) সুরক্ষা দেওয়া হয়েছিল, কিন্তু আমরা প্রধানমন্ত্রী মোদিকে ধন্যবাদ জানাতে চাই যে তিনি শাস্তি নিশ্চিত করেছেন। মোদি সরকারের কারণেই এই ন্যায়বিচার পাওয়া গিয়েছে। তবে আমরা আরও কঠোর শাস্তির জন্য লড়াই চালিয়ে যাব। সজ্জন কুমারের ফাঁসি না হওয়া পর্যন্ত আদালতে লড়াই চলবে।’’ আরেক ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য লক্ষ্মী কৌর বলেন, ‘‘আমার পরিবারের দুই সদস্যকে জীবন্ত পুড়িয়ে দেওয়া হয়েছিল। কংগ্রেস সরকারের নৃশংসতা আমরা কখনও ভুলতে পারি না। প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে আমরা ন্যায়বিচার পাব ভেবেছিলাম। কংগ্রেসের ওপর এই কালো দাগ কখনও মুছে যাবে না।’’

    কী বলছেন আতর কৌর?

    সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে শিখ দাঙ্গায় (Sikh Riot) ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য আতর কৌর বলেন, ‘‘কংগ্রেস দল অন্যায় করেছে। আমাদের বাড়ির পুত্রবধূ এবং মেয়েদের ওপর বীভৎস নির্যাতন চালানো হয়। আমার আত্মীয় গুরদীপ কৌরকে চোখের সামনেই হত্যা করা হয়েছিল। শিখদেরকে লক্ষ্যবস্তু বানিয়ে এই হত্যালীলা চালানো হয়।’’ রাহুল গান্ধীকে তোপ দেগে আতরের আরও দাবি, ‘‘তিনি (রাহুল গান্ধী) তাঁর ঠাকুমা ইন্দিরা গান্ধীর হত্যার কথা বলেন, কিন্তু আমাদের যন্ত্রণা বুঝতে পারেন না? দাঙ্গার স্মৃতি এখনও আমাদের তাড়া করে বেড়ায়। সজ্জন কুমারকে ফাঁসি দেওয়া উচিত ছিল।’’

  • Godhra Massacre: গোধরা-কাণ্ডের ২৩ বছর পূর্ণ, ফিরে দেখা স্বাধীন ভারতের সবচেয়ে ভয়াবহ এবং মর্মান্তিক গণহত্যা

    Godhra Massacre: গোধরা-কাণ্ডের ২৩ বছর পূর্ণ, ফিরে দেখা স্বাধীন ভারতের সবচেয়ে ভয়াবহ এবং মর্মান্তিক গণহত্যা

    মাধ্যম নিউজ ডেস্ক: আজ অভিশপ্ত ২৭ ফেব্রুয়ারি। আজ থেকে ঠিক ২৩ বছর আগে, ২০০২ সালের এই দিনে, গুজরাটের গোধরায় সবরমতী এক্সপ্রেসের (Godhra Massacre) চারটি কামরায় আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল। অগ্নিকান্ডের ফলে ওই ট্রেনের ঝলসে যাওয়া এস৬ কামরায় থাকা ৫৯ হিন্দু যাত্রীর মৃত্যু হয়। এরপর গুজরাট সরকার নিযুক্ত নানাবতী কমিশন ঘটনার তদন্ত করে জানায়, ট্রেনের কামরায় আগুন লেগে যায়নি, লাগানো হয়েছে। সংঘ পরিবার দাবি করে, ট্রেনে অগ্নিদগ্ধদের অধিকাংশই অযোধ্যা থেকে ফিরতি করসেবক। এই ঘটনার পরই গুজরাটের একটা বড় এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছিল সাম্প্রদায়িক হিংসা।

    গোধরা গণহত্যাকে স্মরণ বিশ্ব হিন্দু পরিষদের

    ২৩ বছর আগে এই দিনে, গুজরাটের গোধরায় (Godhra Massacre) স্বাধীন ভারতের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ এবং মর্মান্তিক গণহত্যার ঘটনাটি ঘটে। অযোধ্যা থেকে ফিরে আসা হিন্দু করসেবকদের (ভগবান রামের ভক্তদের) নিয়ে গুজরাটে ফেরা সবরমতী এক্সপ্রেসে একদল মুসলিম জনতা আগুন ধরিয়ে দেয়। পুরুষ, মহিলা এবং শিশু-সহ ৫৯ জন নিরীহ করসেবক এই আগুনে পুড়ে মারা যান। বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি) করসেবকদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে, তাদের ত্যাগকে অভিবাদন জানায় এবং ভারতকে নাড়িয়ে দেওয়া ‘ভয়াবহ ঘটনা’ স্মরণ করে। ভিএইচপি এই ঘটনাকে স্মরণ করে সোশ্যাল সাইটে বার্তা দেয়। তাঁদের কথায়, ‘‘২৭ ফেব্রুয়ারি ২০০২, এই দিনে, অযোধ্যা থেকে গুজরাটে যাওয়া ৫৯ জন রামভক্তকে ইসলামিক সন্ত্রাসীরা জীবন্ত পুড়িয়ে ফেলে। শহীদ শ্রী রামভক্ত করসেবকদের প্রতি লক্ষ লক্ষ প্রণাম!’’

    কী ঘটেছিল গোধরায়

    ২০০২ সালের ২৫ ফেব্রুয়ারি, শ্রী রাম জন্মভূমিতে পূর্ণাহুতি মহাযজ্ঞে অংশগ্রহণের পর শত শত তীর্থযাত্রী অযোধ্যা থেকে গুজরাটের উদ্দেশে রওনা হয় সবরমতী এক্সপ্রেসে (Godhra Massacre)। দুই দিন পর, ২৭ ফেব্রুয়ারি সকালে, ট্রেনটি গোধরা স্টেশনে সকাল ৭:৪৩ মিনিটে পৌঁছায়। ট্রেনটি যখন যাত্রা শুরু করে, তখন কেউ একজন জরুরি চেন টেনে দেয়, যার ফলে ট্রেনটি সিগন্যাল ফালিয়ার কাছে থামে। সিগন্যাল ফালিয়া একটি মুসলিম-অধ্যুষিত বস্তি এলাকা যা উগ্রপন্থীদের জন্য কুখ্যাত। সাম্প্রদায়িক হিংসা এখানে প্রতিদিনের ঘটনা। কিছুক্ষণের মধ্যেই, প্রায় ২০০০ লোকের একটি সুসংগঠিত জনতা, পাথর, পেট্রল এবং অগ্নিসংযোগকারী পদার্থে সজ্জিত হয়ে ট্রেনটিতে ভয়াবহ আক্রমণ চালায়। যাত্রীদের পালাতে বাধা দেওয়ার জন্য পাথর নিক্ষেপ করা হয়, অন্যদিকে পেট্রলে ভেজা কাপড় ব্যবহার করে ট্রেনের এস-৬ কোচে আগুন ধরিয়ে দেওয়া হয়। আগুনের শিখা দ্রুত কোচটিকে গ্রাস করে। এই কোচে আটকে পড়েন ৫৯ জন হিন্দু তীর্থযাত্রী। যারা ট্রেনের কামরাতেই জীবন্ত অগ্নিদগ্ধ হয়ে যায়। যার মধ্যে ২৭ জন মহিলা এবং ১০ জন শিশু ছিল।

    গণহত্যাকে চাপা দেয় তৎকালীন মিডিয়া

    গুজরাট পুলিশের সহকারী মহাপরিচালক জে মহাপাত্রের মতে, আক্রমণকারীরা অনেক আগেই পেট্রোল বোমা প্রস্তুত করে রেখেছিল, যা ইঙ্গিত দেয় যে এটি একটি আকস্মিক সংঘর্ষ নয় বরং একটি পূর্বপরিকল্পিত সন্ত্রাসী কর্মকাণ্ড। কোচের ভেতরে মৃত অবস্থায় পাওয়া একজন মুসলিম ব্যক্তিকে অগ্নিসংযোগকারী বলে সন্দেহ করা হয়। যিনি আক্রমণ চালানোর সময় আগুনে আটকা পড়েছিলেন। আক্রমণের ভয়াবহ প্রকৃতি সত্ত্বেও, মূলধারার মিডিয়াগুলি দ্রুত ঘটনা থেকে ফোকাস সরিয়ে নেয়। হিন্দুদের আক্রমণকারী এবং মুসলিমদের শিকার হিসেবে চিহ্নিত করা হয়। অপরাধীদের প্রকাশ করার পরিবর্তে, গোধরা ট্রেন পোড়ানোর ঘটনাকে ছোট করে দেখানো হয়। বিশ্বব্যাপী মিডিয়া ইচ্ছাকৃতভাবে গণহত্যাকে উপেক্ষা করে গুজরাটে পরবর্তী দাঙ্গাকে “মুসলিম গণহত্যা” হিসেবে চিত্রিত করে। এর ফলে জীবন্ত পুড়ে যাওয়া ৫৯ জন হিন্দুর স্মৃতি মুছে ফেলতে সক্রিয় হয়ে যায় সেই সময়ের মূলধারার মিডিয়াগুলি।

    আইনি তদন্তে সত্য উদঘাটন

    বামপন্থী বুদ্ধিজীবী, কমিউনিস্ট ইতিহাসবিদ এবং তথাকথিত মানবাধিকার সংগঠনগুলি গোধরা হামলার ঘটনাকে গুজরাটের (Godhra Massacre) তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে অভিযোগের আড়ালে ঢেকে দেওয়ার জন্য অনেক চেষ্টা করেছিল। মিডিয়ার চিত্রায়নের বিপরীতে, আইনি তদন্তের মাধ্যমে সত্য বেরিয়ে আসে। সুপ্রিম কোর্ট নিযুক্ত বিশেষ তদন্ত দল (SIT) নিশ্চিত করেছে যে গোধরা ট্রেনে আগুন লাগানো ছিল উগ্র ইসলামী উপাদানগুলির দ্বারা পূর্বপরিকল্পিত সহিংসতার কাজ। ট্রেনে আগুন ধরানোর এই ঘটনায় ১০০ জনেরও বেশি মানুষকে গ্রেফতার করা হয়েছিল। ২০১১ সালের ফেব্রুয়ারিতে এর মধ্যে ৩১ জনকে দোষী সাব্যস্ত করেছিল নিম্ন আদালত। তাদের মধ্যে ১১ জনের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, আর বাকি ২০ জনের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল। পরবর্তীতে এই রায়ের বিরুদ্ধে আসামিরা গুজরাট হাইকোর্টে আবেদন করেছিল। এরপর ২০১৭ সালে হাইকোর্ট নিম্ন আদালতের রায় বহাল রাখলেও, মৃত্যুদণ্ড প্রাপ্ত ১১ জনের সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিল।

LinkedIn
Share