Category: দেশ

Get updates on India News Headlines National News from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • Bihar JDU: “বিহার যা পেয়েছে, তাতে আমরা খুশি”, বিরোধীদের নিশানা জেডিইউয়ের

    Bihar JDU: “বিহার যা পেয়েছে, তাতে আমরা খুশি”, বিরোধীদের নিশানা জেডিইউয়ের

    মাধ্যম নিউজ ডেস্ক: “বিহার যা পেয়েছে (Budget Allocation), তাতে আমরা খুশি।” এহেন মন্তব্য বিহারের শাসক দল জনতা দল ইউনাইটেড (জেডিইউ)-এর (Bihar JDU)। বিশেষ রাজ্যের মর্যাদা দাবি করেছিল বিহার। কেন্দ্র মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের সেই দাবিকে মান্যতা দেয়নি। এই দাবি সম্পর্কে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সংসদে বলেন, “এখনই বিহারকে বিশেষ রাজ্যের মর্যাদা দেওয়া সম্ভব নয়।”

    বাজেটে খুশি নীতীশের দল (Bihar JDU)

    বিশেষ রাজ্যের মর্যাদা না দেওয়া হলেও, বাজেটে বিহারের জন্য ভালোই বরাদ্দ হয়েছে। বড়সড় অর্থনৈতিক সাপোর্টের পাশাপাশি ইন্ডাস্ট্রিয়াল সাপোর্টও দেওয়া হয়েছে নীতীশের রাজ্যকে। তাতেই মুখ্যমন্ত্রীর পাশাপাশি খুশি নীতীশের দলও। জেডিইউয়ের পরামর্শদাতা তথা জাতীয় প্রধান মুখপাত্র কেসি ত্যাগী বলেন, “বিহার যা পেয়েছে, তাতেই আমরা খুব খুশি।” বিহারকে বিশেষ রাজ্যের মর্যাদা না দেওয়ায় জেডিইউ ক্ষুব্ধ বলে যেসব খবর করা হচ্ছে, তা ঠিক নয় বলেও জানান তিনি। ত্যাগী বলেন, “বিরোধীদের চিৎকার করতে দিন। বিষয়টা বিহারের উন্নয়নের সঙ্গে সম্পৃক্ত। বার্ষিক এক লাখ কোটি টাকার প্যাকেজ দেওয়া হচ্ছে আমাদের। এতে  আমাদের ভালোই হল।”

    তৃণমূলকে নিশানা

    তৃণমূলকেও নিশানা করেছেন জেডিইউয়ের (Bihar JDU) প্রধান মুখপাত্র। বলেন, “যখন একজন তৃণমূল নেতা কেন্দ্রের বাজেটকে ‘বিহার বাজেটে’র তকমা দেয়, তার অর্থ দাঁড়ায় বিহারকে স্পেশাল কেয়ার দেওয়া হয়েছে। স্পেশাল ক্যাটেগরি স্টেটাস পেলে প্রচুর কর্মসংস্থান হয়, তখন আর মাইগ্রেশন হয় না। সম্পত্তি হাত বদল হয় না। বদলে যায় না মানুষের ঠিকানা।” নীতীশের দলের এই মুখপাত্র বলেন, “আমাদের সব প্রকল্প, বিশেষ করে বিহারকে কলকাতা-অমৃতসর ইকনোমিক জোনের অংশ করায় এবং গয়ায় সদর দফতর হচ্ছে ঘোষণা করায় কর্মসংস্থান হবে।”

    প্রসঙ্গত, পূর্বের রাজ্যগুলির উন্নয়নকল্পে ‘পূর্বোদয়’ প্রকল্প হাতে নিয়েছে কেন্দ্র। এই প্রকল্পেই বিহারের ব্যাপক উন্নতি হবে বলে আশাবাদী জেডিইউ। ত্যাগী বলেন, “আমরা একটি এয়ারপোর্ট এবং মেডিক্যাল কলেজেরও অনুমোদন পেয়েছি। সেগুলো কোথায় তৈরি হবে, তা ঠিক করবে রাজ্য সরকার। পাটনা-পূর্ণিয়া, বুদ্ধগয়া-বৈশালী এবং ভাগলপুর-বক্সার হাইওয়ে প্রজেক্টও আমরা পেয়েছি।”

    আরও পড়ুন: হিন্দুদের ‘স্বস্তিক’ ও নাৎসিদের ‘হুকড ক্রস’-এ রয়েছে বড় ফারাক, বলল আমেরিকা

    বাজেটে খুশি বিহারের মুখ্যমন্ত্রীও। নীতীশ বলেন, “আমি ওঁদের বলেছিলাম হয় আমাদের বিশেষ রাজ্যের মর্যাদা দিতে হবে, নয়তো বিশেষ প্যাকেজ (Budget Allocation) দিতে হবে। এই বিশেষ প্যাকেজ দেওয়া শুরু হয়েছে (Bihar JDU)।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Budget 2024: ভারত-চিন সংঘাত! সীমান্তের পরিকাঠামো উন্নয়নে আগের থেকে বরাদ্দ বাড়ল ৩০ শতাংশ

    Budget 2024: ভারত-চিন সংঘাত! সীমান্তের পরিকাঠামো উন্নয়নে আগের থেকে বরাদ্দ বাড়ল ৩০ শতাংশ

    মাধ্যম নিউজ ডেস্ক: গত অর্থ বছরের থেকে ৩০ শতাংশ বেশি অর্থ বরাদ্দ করল কেন্দ্রীয় সরকার (Budget 2024) চিন সীমান্তের পরিকাঠামোগত উন্নয়নে। বিগত ২-৩ বছরের তুলনায় এই বরাদ্দ দ্বিগুণের থেকেও বেশি ছাড়িয়েছে। প্রসঙ্গত, দুই পরমাণু শক্তিধর রাষ্ট্রের মধ্যে দীর্ঘদিন ধরেই বিবাদ চলছে। জানা গিয়েছে, চলতি বছরেই (Budget 2024) ভারত সরকার চিন সীমান্তের সড়ক পরিবহন ব্যবস্থার নির্মাণে ৬ হাজার ৫০০ কোটি টাকা বরাদ্দ করেছে। এই বরাদ্দ করা হয়েছে বর্ডার রোডস অর্গানাইজেশনকে।

    সিদ্ধান্ত যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে কূটনৈতিক মহলের একাংশ

    এই সংস্থা সীমান্তে সড়ক নির্মাণের কাজ দেখাশোনা করে। ভারত-চিন সীমান্তের উত্তেজনার আবহে সরকারের এমন সিদ্ধান্ত যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে কূটনৈতিক মহল। শুধু তাই নয় মঙ্গলবার বাজেট পেশ করার সময় সরকারের (Central Government) পক্ষ থেকে তা মেনেও নেওয়া হয়েছে। প্রসঙ্গত, এর আগেই ২০২৩-২৪ অর্থ বছরে বর্ডার রোড অর্গানাইজেশনকে বরাদ্দ করা হয়েছিল পাঁচ হাজার কোটি টাকা কিন্তু চলতি বছরের (Budget 2024) সেই পরিমাণ অনেকটাই বাড়ল বলে মনে করছেন ওয়াকিবহল মহলের একাংশ।

    প্রতিরক্ষা খাতে বরাদ্দ করা হয়েছে ৬ লাখ ২১ হাজার কোটি টাকা (Budget 2024)

    বর্তমানে ভূ-রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা করে বাজেটে প্রতিরক্ষা খাতে বরাদ্দ করা হয়েছে প্রায় ৬ লাখ ২২ হাজার কোটি টাকা। এর মধ্য়ে সীমান্তে পরিকাঠামো উন্নয়নেই বরাদ্দ করা হয়েছে প্রায় ৬,৫০০ কোটি টাকা। একথা এক বিবৃতিতে জানিয়েছে কেন্দ্রীয় সরকার। প্রসঙ্গত, ২০২০ সাল থেকেই ভারত-চিন সংঘাত দুই দেশের সামরিক এবং কূটনৈতিক মহলে উত্তেজনা বাড়িয়েছে। তাৎপর্যপূর্ণভাবে, তার পরের বছর থেকেই উল্লেখযোগ্যভাবে বেড়েছে সীমান্তে পরিকাঠামো তৈরির বরাদ্দ। পরিসংখ্যান বলছে, ২০২১-২২ অর্থবর্ষে সীমান্তে সড়ক পরিকাঠামোতে বরাদ্দ হয়েছিল ২,৫০০ কোটি টাকা, পরের অর্থবর্ষে ২০২২-২৩ সালে তা ৪০ শতাংশ বেড়ে হয় ৩,৫০০ কোটি টাকা। ২০২৩-২৪ অর্থবর্ষে তা ফের ৪০ শতাংশ বাড়ে, বরাদ্দ করা হয় ৫ হাজার কোটি টাকা (Central Government)। চলতি আর্থিক বছরে ফের ৩০ শতাংশ বেড়ে হল ৬ হাজার ৫০০ কোটি।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Agniveer Budget: বাজেটে অগ্নিবীর প্রকল্পকে বিশাল গুরুত্ব, বরাদ্দ বেড়ে ৫,২০৭ কোটি

    Agniveer Budget: বাজেটে অগ্নিবীর প্রকল্পকে বিশাল গুরুত্ব, বরাদ্দ বেড়ে ৫,২০৭ কোটি

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারতীয় সেনাবাহিনীতে অল্প সময়ের জন্য সৈনিক ভর্তির উদ্দেশ্যে সরকার অগ্নিবীর (Agniveer Indian Army) প্রকল্প চালু করেছে। সরকারের উদ্দেশ্য অল্প সময়ের জন্য তিন বাহিনীতে তরুণ সৈনিক ভর্তি করা। ইতিমধ্যেই ভারতীয় সেনায় প্রায় এক লক্ষ অগ্নিবীর ভর্তি করা হয়েছে। বেশি সংখ্যায় তরুণ প্রজন্মকে ভর্তি করলে সেনায় তারুণ্য ও সংখ্যা বল দুটোই বাড়বে। এই লক্ষ্যেই সরকার অগ্নিবীরের (Agniveer Budget) বাজেটেও রেকর্ড হারে বৃদ্ধি করা হচ্ছে।

    অগ্নিবীরের বাজেট বরাদ্দ (Agniveer Budget)

    ২০২২-২৩ প্রাথমিকভাবে অগ্নিবীর প্রকল্পের জন্য ১৫৯.৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। শুধুমাত্র প্রকল্প চালু জন্য প্রাথমিক বাজেট ছিল এটি।

    ২০২৩-২৪ সালে ধাক্কায় এই বছর বাজেট বরাদ্দ (Agniveer Budget) বাড়িয়ে ৩,৮০০ কোটি টাকা করা হয়। এবারের বাজেট বরাদ্দ ছিল নিয়োগ, পরিকাঠামো বৃদ্ধি এবং বিভিন্ন খাতে খরচ বাবদ।

    ২০২৪-২৫ চলতি বছর বাজেট বরাদ্দ বৃদ্ধি করে ৫,২০৭.২৮ কোটি টাকা করা হয়। নিয়োগ পরিকাঠামো বৃদ্ধি সহ অগ্নিবীর প্রকল্পে আরও কিছু উল্লেখ্যযোগ্য পরিবর্তন ও উন্নয়নের জন্য এই উদ্যোগ সরকারের।

    অগ্নিবীরের উপর সরকারের ভরসা  (Agniveer Indian Army)

    সরকার চাইছে আগামী কয়েক বছরের মধ্যে ৪ থেকে ৫ লক্ষ অগ্নিবীর ভারতীয় সেনার ৩ বিভাগে ভর্তি করা হবে। এর ফলে সৈন্যবাহিনীর সংখ্যা এক ধাক্কায় অনেকটাই বেড়ে যাবে। ফলে ভারত যে কোন সময় যুদ্ধের জন্য প্রস্তুত থাকবে। সরকার পরপর বাজেট (Agniveer Budget) বৃদ্ধি করার পিছনে যুক্তি হল, অগ্নিবীদের প্রয়োজনীয় অস্ত্র, উর্দি ও অন্যান্য প্রয়োজনীয় জিনিস প্রদান করা। সরকার সব দিকে নজর রেখেই পরপর বরাদ্দ বাড়িয়ে চলেছে। প্রাথমিক বাজেটে সরকার পরিকাঠামগত উন্নয়নের দিকে নজর দিয়েছিল। ধীরে ধীরে সরকার অগ্নিবীদের কৌশলগত বৃদ্ধির সংক্রান্ত বিনিয়োগের দিকে নজর দিতে শুরু করে।

    অগ্নিবীর প্রকল্পে সরকারের আস্থা

    অগ্নিবীর প্রকল্পে ক্রমাগত (Agniveer Budget) বিনিয়োগ বৃদ্ধি সরকারের এই প্রকল্পের সাফল্যের দিক নির্দেশ করে। বিনিয়োগ বৃদ্ধিতে বোঝা যায় সরকার অগ্নিবীরদের  (Agniveer Indian Army) উপরে যথেষ্ট আস্থা রেখেছে। প্রসঙ্গত চীন ও পাকিস্তান দু দিক থেকেই ভারতের উপর যুদ্ধের মেঘ ঘনিয়ে আসছে।

    আরও পড়ুন: সেনাবাহিনীতে ‘অগ্নিবীর’ সুমন, প্রত্যন্ত গ্রামে প্রথম সরকারি চাকরিতে খুশির হাওয়া

    একদিকে লাইন অফ একচুয়াল কন্ট্রোলে ড্রাগনের ক্রমাগত আগ্রাসন বৃদ্ধি অন্যদিকে ভারতের পশ্চিম সীমান্তে পাকিস্তানের পাঠানো জঙ্গিদের তান্ডব ও মাদক পাচারের সমস্যা ঠেকাতে অতিরিক্ত বাহিনীর প্রয়োজন বোধ করে সেনা। প্রয়োজনে অগ্নিবীদের দুই ফ্রন্টে পাঠানোর জন্য তৈরি করা হচ্ছে।

     

     

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Bangladesh: বাংলাদেশে বিশৃঙ্খলা! মমতার মন্তব্যে ক্ষুব্ধ হাসিনা সরকার, কেন্দ্রকে চিঠি ঢাকার

    Bangladesh: বাংলাদেশে বিশৃঙ্খলা! মমতার মন্তব্যে ক্ষুব্ধ হাসিনা সরকার, কেন্দ্রকে চিঠি ঢাকার

    মাধ্যম নিউজ ডেস্ক: চাকরি ক্ষেত্রে সংরক্ষণ নিয়ে অশান্ত প্রতিবেশী বাংলাদেশ (Bangladesh)। সম্প্রতি ২১ জুলাই-এর সভা থেকে বাংলাদেশে বিশৃঙ্খলা নিয়ে নিজের মত ব্যক্ত করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এরপরই তাঁর মন্তব্যে বিরোধিতা করে ঢাকা। এ নিয়ে দিল্লিতে চিঠি পাঠিয়েছে হাসিনা সরকার। ঢাকার দাবি, প্রতিবেশী রাজ্যের মুখ্যমন্ত্রী অন্য দেশের আভ্যন্তরীন বিষয় নিয়ে কথা বলতে পারেন না। তাঁর মন্তব্যে বিভ্রান্তির সুযোগ রয়েছে।

    কেন্দ্রের প্রতিক্রিয়া

    সম্প্রতি মমতা বলেছিলেন, বাংলাদেশের (Bangladesh) মানুষ দরজায় কড়া নাড়লে রাজ্যে তাঁদের আশ্রয় দেবেন। মমতার এই মন্তব্য ঘিরেই শোরগোল শুরু হয়। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি সাংসদ রবি শঙ্কর প্রসাদ মুখ্যমন্ত্রীর মন্তব্যের তীব্র বিরোধিতা করে বলেন, “সংবিধান অনুযায়ী এই অধিকার রাজ্য সরকারের নেই। এ বিষয়ে কেন্দ্রীয় সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে।” রাজ্য বিজেপি-র সভাপতি সুকান্ত মজুমদার বলেন, “আমার মনে হয়, এ নিয়ে কেন্দ্রের সঙ্গে কথা বলা উচিত। রাজ্য ওঁর একার নয়। যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো রয়েছে দেশে।” এবার বাংলাদেশের তরফেও মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের বিরোধিতা করা হল।

    বাংলাদেশের চিঠি

    মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতার (Mamata Banerjee) মন্তব্যের প্রতিক্রিয়া জানান বাংলাদেশের (Bangladesh) বিদেশমন্ত্রী হাসান মাহমুদ। তিনি বলেন, “পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে শ্রদ্ধা করি, ওঁর সঙ্গে ভাল সম্পর্ক আমাদের। তবে ওঁর মন্তব্যে বিভ্রান্তির সুযোগ রয়েছে যথেষ্ট।  তাই ভারত সরকারকে এ নিয়ে নোট দিয়েছি আমরা।” বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে মমতা মন্তব্য করেছেন বলেও জানান হাসান। বাংলাদেশ ছেড়ে চলে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি বলেও জানান তিনি। তবে ঢাকার চিঠি নিয়ে এখনও পর্যন্ত কেন্দ্রের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।

    আরও পড়ুন: ক্ষমা চাইতে বললেন রাহুলকে, নিট নিয়ে সুপ্রিম-নির্দেশের পরই বড় ঘোষণা শিক্ষামন্ত্রীর

    রিপোর্ট তলব রাজভবনের

    বাংলার রাজ্যপাল সিভি আনন্দ বোসও মুখ্যমন্ত্রীর বাংলাদেশ (Bangladesh) নিয়ে মন্তব্যের প্রেক্ষিতে রিপোর্ট তলব করেছেন। রাজ্যপাল বলেন, “মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) প্রকাশ্যে অন্য দেশ থেকে আসা মানুষজনকে আশ্রয় দেওয়ার দায়িত্ব নিয়েছেন। সংবিধান লঙ্ঘন করেছেন উনি।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • NEET Row: ক্ষমা চাইতে বললেন রাহুলকে, নিট নিয়ে সুপ্রিম-নির্দেশের পরই বড় ঘোষণা শিক্ষামন্ত্রীর

    NEET Row: ক্ষমা চাইতে বললেন রাহুলকে, নিট নিয়ে সুপ্রিম-নির্দেশের পরই বড় ঘোষণা শিক্ষামন্ত্রীর

    মাধ্যম নিউজ ডেস্ক: সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষা নিট (NEET Row) বাতিলের দাবি খারিজ সুপ্রিম কোর্টের। শীর্ষ আদালতের অভিমত, পরীক্ষায়  এমন ব্যাপক দুর্নীতির প্রমাণ মেলেনি, যে কারণে পুনরায় নিট পরীক্ষা নিতে হবে। সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্তকে স্বাগত জানালেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান (Dharmendra Pradhan)৷ তাঁর মতে, আদালতে সত্যের জয় হয়েছে৷ একইসঙ্গে বিরোধীদের, যারা দিনকয়েক আগেই সংসদে একযোগে তাঁকে আক্রমণ করেছিলেন, তাদেরও পাল্টা জবাব দিতে ভোলেননি শিক্ষামন্ত্রী।

    শীর্ষ আদালতের অভিমত

    মঙ্গলবার নিট-ইউজি (NEET Row) নিয়ে একগুচ্ছ মামলার শুনানি ছিল সুপ্রিম কোর্টে। শুনানি শেষে দেশের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের গঠিত বেঞ্চ নিট-ইউজি বাতিল এবং ফের পরীক্ষা নেওয়া সংক্রান্ত সব মামলা খারিজ করে দেয়৷ বেঞ্চ জানায়, পরীক্ষায় এমন কোনও বিস্তর অনিয়ম নজরে আসেনি, যার জন্য ফের নিট পরীক্ষা নিতে হবে।   

    কী বললেন শিক্ষামন্ত্রী  

    শীর্ষ আদালতের সিদ্ধান্তে দারুণ খুশি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান (Dharmendra Pradhan)। তিনি বলেন, “এটা দেশের যুবদের জয়। সুপ্রিম কোর্টের এই ঐতিহাসিক রায়ের পর আমি একটাই কথা বলতে চাই, সত্যমেব জয়তে। যখন নিটের (NEET Row) প্রসঙ্গটি সামনে আসে, তখন আজকের সুপ্রিম কোর্টের রায়ের পরই বিরোধীদের ভূমিকা স্পষ্ট হয়ে গেল। গতকাল পর্যন্ত লোকসভার বিরোধী দলনেতার আচরণ যা ছিল…দেশের শিক্ষা ব্যবস্থাকে ‘রাবিশ’ বলা, তা নিয়ে প্রশ্ন তোলাই ওনার মানসিক অবস্থা স্পষ্ট করে।” নিটের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলায় বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে ক্ষমা চাইতে বলেন শিক্ষামন্ত্রী। 

    বিরোধীদের রাজনীতি

    নিট (NEET Row) নিয়ে বিরোধীরা রাজনীতি করছে বলে দাবি করেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান (Dharmendra Pradhan)। তিনি বলেন, “দেশের পড়ুয়াদের বিভ্রান্ত করে, ভুল পথে চালনার চেষ্টা করছে বিরোধীরা। এগুলি সবই তাদের রাজনীতির অংশ ছিল। আমি বিরোধী পক্ষে থাকা সকলকে, যারা এই ধরনের দায়িত্বহীন আচরণে যুক্ত ছিলেন, তাদের বলছি, দেশের পড়ুয়া, যুব সমাজ ও অভিভাবকদের কাছে ক্ষমা চাওয়া উচিত। তোমরা দেশের ক্ষতি করেছো, দেশে অশান্তি তৈরি করার চেষ্টা করেছো। দেশ কখনও ক্ষমা করবে না। রাজনৈতিক শত্রুতা আলাদা বিষয়, কিন্তু পড়ুয়ারা দেশের ভবিষ্যত।”

    রাহুলকে আক্রমণ

    এদিন এক্স হ্যান্ডলে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী (Dharmendra Pradhan) লেখেন, “লোকসভার বিরোধী দলনেতা এবং তাঁর ক্ষুদ্র চক্রীদল মায়াকান্না করছে। কিন্তু, বাস্তব বলছে, কেন্দ্রে কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকারের সময় এবং উত্তর প্রদেশের মসনদে অখিলেশ যাদব থাকাকালীন যা প্রশ্নফাঁস হয়েছে, তাতে রাহুল গান্ধী ও অখিলেশ যাদবের জন্য পোকাভর্তি পাত্র খুলে যাবে।” লোকসভার বিরোধী দলনেতাকে আক্রমণ করে ধর্মেন্দ্র প্রধান আরও লেখেন, “হতে পারে অন্যায্য কাজের মৌলিক বিষয়গুলি খুব ভাল জানেন রাহুল গান্ধী। সেজন্যই শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে অপকর্ম রুখতে বিল বাস্তবায়নে ব্যর্থ হয়েছে কংগ্রেস। কোন চাপে এবং কোন সমঝোতায় বেনিয়ম রুখতে কংগ্রেস আইন আনতে অস্বীকার করেছিল, সেটা কি বিরোধী দলনেতা বলবেন?”

    দুদিনের মধ্যে ফল প্রকাশের ঘোষণা

    পাশাপাশি মঙ্গলবার সন্ধ্যায় শিক্ষামন্ত্রী জানান, দু’দিনের মধ্যেই ২০২৪ সালের নিট-ইউজি পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশিত হবে ৷ তিনি এ-ও জানান, এনটিএ পুনর্গঠনের জন্য উচ্চ পর্যায়ের কমিটিও গঠন করেছে কেন্দ্র। ধর্মেন্দ্র বলেন, ‘‘এনটিএ-কে সম্পূর্ণ রূপে ত্রুটিমুক্ত করতে বদ্ধপরিকর। আগামী দু’দিনের মধ্যে এনটিএ নিট-ইউজির চূড়ান্ত ফলাফল ঘোষণা করবে। সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের ভিত্তিতে পরীক্ষার মেধাতালিকা স‌ংশোধন করা হবে।’

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Hardeep Puri: ইউপিএ আমলে চাকরি হয়েছে ২.৯ কোটি, মোদি জমানায় ১২.৫ কোটি, জানালেন কেন্দ্রীয় মন্ত্রী

    Hardeep Puri: ইউপিএ আমলে চাকরি হয়েছে ২.৯ কোটি, মোদি জমানায় ১২.৫ কোটি, জানালেন কেন্দ্রীয় মন্ত্রী

    মাধ্যম নিউজ ডেস্ক: স্টেট ব্যাঙ্কের রিপোর্টকে (SBI Report On Employment) হাতিয়ার করে কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী (Hardeep Puri) তোপ দাগলেন ইউপিএ-কে। তিনি জানিয়েছেন, ইউপিএ সরকারের জমানায় ১০ বছরে মাত্র ২.৯ কোটি কর্মসংস্থানের সুযোগ হয়েছিল অন্যদিকে, মোদির আমলে দশ বছরে ১২.৫ কোটি চাকরি হয়েছে। পেট্রোলিয়াম ও ন্যাচারাল গ্যাস মন্ত্রকের মন্ত্রী আরও জানিয়েছেন যে ভারতবর্ষ ক্রমশই এগিয়ে চলেছে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হওয়ার দিকে। 

    কী বললেন কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ পুরী (Hardeep Puri)?

    সংবাদ মাধ্যমকে হরদীপ পুরী (Hardeep Puri) বলেন, ‘‘স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার প্রধান অর্থনীতিবিদ একটি রিপোর্ট সামনে এনেছেন, যেখানে দেখা যাচ্ছে মোদি জমানায় অর্থাৎ ২০১৪ থেকে ২০২৪ সাল পর্যন্ত ১২.৫ কোটি যুবক-যুবতীর চাকরি হয়েছে, এর সঙ্গে যদি আমরা যদি তুলনা করি ইউপিএ জমানার, তাহলে সে ক্ষেত্রে তখন শুধু চাকরি (SBI Report On Employment) হয়েছিল ২.৯ কোটি মানুষের।’’ কেন্দ্রীয় মন্ত্রী আরও জানিয়েছেন, আগামী আর্থিক বছরে অর্থনৈতিক বৃদ্ধি ৭.৫ থেকে ৮ শতাংশ পর্যন্ত হতে পারে। আগামী দুবছরের মধ্যে ভারতের অর্থনীতি পাঁচ ট্রিলিয়ন মার্কিন ডলারে পৌঁছে যাবে বলেও জানিয়েছেন তিনি। এর পাশাপাশি ভারতীয়দের মাথাপিছু আয় অনেকটাই বেড়ে যাবে বলে ধারণা কেন্দ্রীয় মন্ত্রীর (Hardeep Puri)।

    দেশ তৃতীয় বৃহত্তম অর্থনীতি হওয়ার দিকে এগিয়ে চলেছে

    কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ পুরী (Hardeep Puri) আরও বলেন, ‘‘একসময় বিশ্বের অর্থনৈতিক মানচিত্রে ভারতের স্থান ছিল দশ ও এগারো নম্বরে, বর্তমানে পঞ্চম স্থান অধিকার করেছে ভারত। দেশ এগিয়ে চলেছে মোদিজীর নেতৃত্বে। বিগত ১০ বছরেই এমনটা সম্ভব হয়েছে। বর্তমানে দেশ তৃতীয় বৃহত্তম অর্থনীতি হওয়ার দিকে এগিয়ে চলেছে। আপনারা যদি আবাসন থেকে পরিকাঠামো থেকে মোবাইল রফতানি দেখেন তাহলে সব কিছুতেই আমাদের দেশ এগিয়ে রয়েছে। শুধু তাই নয়, যোগাযোগ ব্যবস্থাতেও গত ১০ বছরে আমরা অনেকটাই উন্নতি করতে পেরেছি।’’

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Union Budget 2024: মুদ্রা যোজনায় বরাদ্দ দ্বিগুণ, উঠল অ্যাঞ্জেল ট্যাক্স, ঋণে কাদের অগ্রাধিকার?

    Union Budget 2024: মুদ্রা যোজনায় বরাদ্দ দ্বিগুণ, উঠল অ্যাঞ্জেল ট্যাক্স, ঋণে কাদের অগ্রাধিকার?

    মাধ্যম নিউজ ডেস্ক: ছোট ব্যবসায়ী এবং উদ্যোগপতিদের মুখে হাসি ফোটাল কেন্দ্রীয় বাজেট ২০২৪-২৫ (Union Budget 2024)। মোদি সরকারের অন্যতম প্রকল্প মুদ্রা যোজনায় বরাদ্দের ঊর্ধ্বসীমা বৃদ্ধি করল কেন্দ্র। ১০ লক্ষ টাকা থেকে মুদ্রা লোন বেড়ে হচ্ছে ২০ লক্ষ টাকা। সরকারি ব্যাঙ্ক এমএসএমই-র মূল্যায়ন করে ঋণ দেবে। আগের ঋণ শোধ করলে তাদের আরও বেশি ঋণ পাওয়ার অধিকার থাকবে। একই সঙ্গে উদ্যোগপতিদের মুখে হাসি ফুটিয়ে মঙ্গলবার স্টার্টআপগুলির ‘অ্যাঞ্জেল ট্যাক্স’ প্রত্যাহারের কথা ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitharaman)।

    ২০ লক্ষ টাকা পর্যন্ত মুদ্রা-ঋণ

    প্রধানমন্ত্রী মুদ্রা যোজনার অধীনে রয়েছে মুদ্রা ঋণ (Mudra Loan)। মঙ্গলবার অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmal Sitharaman) বলেন, ‘সরকারের গ্যারান্টিতে ২০ লক্ষ টাকা মুদ্রা লোন দেওয়া হবে। ১০ লক্ষ টাকা থেকে মুদ্রা লোন বেড়ে হচ্ছে ২০ লক্ষ টাকা।’ এদিন বাজেট পেশের সময় অর্থমন্ত্রী জানান, এমএসএমই-র (MSME) জন্য ক্রেডিট গ্যারান্টি স্কিম থাকছে। ১০০ কোটি টাকা মূল্যের সেলফ ফাইনান্সিং গ্যারান্টি ফান্ড এর জন্য তৈরি হচ্ছে। এগুলির ঋণ (Union Budget 2024) দেওয়ার ক্ষেত্রে কাজ করবে সরকারি ব্যাঙ্ক। এই যোজনায় মূলত অ-কর্পোরেট এবং অ-কৃষি ক্ষেত্রে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সুবিধার জন্য ঋণ দেওয়া হয়। এই ক্ষেত্রের সুবিধার জন্য বিশেষ ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। MSME-এর জন্য ক্রেডিট গ্যারান্টি স্কিমের কথা বলা হয়েছে। এই শিল্পক্ষেত্রের জন্য যন্ত্র কিনতে এবং উন্নত পরিকাঠামো ব্যবহার করার জন্য় টার্ম লোনের সুবিধাও থাকছে। এছাড়া, এমএসএমই-দের (MSME) জন্য এক্সপোর্ট হাব তৈরি করা হবে। এদিন অর্থমন্ত্রী জানান, এমএসএমই-র জন্য একছাদের নীচে উৎপাদন থেকে রফতানির ব্যবস্থা থাকবে। 

    ‘অ্যাঞ্জেল ট্যাক্স’ প্রত্যাহার

    মোদি ৩.০ সরকারের বাজেটে স্টার্টআপগুলির উপর থেকে ‘অ্যাঞ্জেল ট্যাক্স’ (Angel Tax) প্রত্যাহার করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। সরকার বছরের পর বছর ধরে স্টার্টআপগুলির জন্যে নানাবিধ উদ্যোগ নিলেও ‘অ্যাঞ্জেল ট্যাক্স’ বাতিলের ক্ষেত্রে সেভাবে নজর দেয়নি। তবে ২০২৪-২৫ অর্থবর্ষের বাজেটে (Union Budget 2024) এই বিতর্কিত কর অপসারনের দাবি জানিয়ে স্টার্টআপগুলি জোরালো আওয়াজ তুলেছিল। ‘অ্যাঞ্জেল ট্যাক্স’ হল এমন একটি কর যা স্টার্টআপের বিনিয়োগ মূল্য যদি স্টার্টআপ কোম্পানির স্টকের বাজার মূল্যের থেকে বেশি হয়, তাহলে সেই নির্দিষ্ট স্টার্টআপের উপর এই কর বসানো হত ৷

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Budget 2024: বাজেটে প্রতিরক্ষা খাতে বাড়ল বরাদ্দ, ‘মেক ইন ইন্ডিয়া’য় জোর?

    Budget 2024: বাজেটে প্রতিরক্ষা খাতে বাড়ল বরাদ্দ, ‘মেক ইন ইন্ডিয়া’য় জোর?

    মাধ্যম নিউজ ডেস্ক: মঙ্গলবার, ২৩ জুলাই প্রথম পূর্ণাঙ্গ বাজেট (Budget 2024) পেশ করল তৃতীয় মোদি সরকার। সংসদে বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এবারের বাজেটে সব চেয়ে বেশি বরাদ্দ প্রতিরক্ষা (Defence) মন্ত্রকে। প্রতিরক্ষায় দক্ষতা ও আত্মনির্ভরতা বাড়াতে নজিরবিহীনভাবে এদিন পেশ হওয়া বাজেটে প্রতিরক্ষা মন্ত্রকের জন্য বরাদ্দ হয়েছে ৬.২২ লাখ কোটি টাকা। এবারের বাজেটের মোট বরাদ্দের ১২.৯ শতাংশ। গত বাজেটের চেয়ে ৪.৭৯ শতাংশ বেশি।

    প্রতিরক্ষা মন্ত্রকের বক্তব্য (Budget 2024)

    প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, বাজেট বরাদ্দের মধ্যে থেকে ১.৭২ লাখ কোটি টাকা ব্যয় করা হবে অস্ত্রশস্ত্র ও সামরিক সরঞ্জাম অধিগ্রহণের জন্য। এর মধ্যে যেমন থাকবে অত্যাধুনিক এবং প্রাণঘাতী অস্ত্রশস্ত্র, তেমনি থাকবে যুদ্ধবিমান, জাহাজ, সাবমেরিন এবং ড্রোনও। ভারতীয় সশস্ত্র বাহিনী যাতে যুদ্ধের জন্য সব সময় প্রস্তুত থাকে, তা নিশ্চিত করতে, রক্ষণাবেক্ষণ ও অপারেশনাল প্রস্তুতির জন্য বরাদ্দ করা হয়েছে ৯২ হাজার ৮৮ কোটি টাকা। এ ক্ষেত্রে বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে গত অর্থবর্ষের চেয়ে ৪৮ শতাংশ। বাজেট বরাদ্দের ১.০৫ লাখ কোটি টাকা দেওয়া হয়েছে দেশীয় সংস্থাগুলির থেকে বিভিন্ন অস্ত্রশস্ত্র ও সামরিক সরঞ্জাম সংগ্রহের জন্য। এই উদ্যোগ ভারতের আত্মনির্ভরতার লক্ষ্যকে আরও এগিয়ে নিয়ে যাবে। অর্থনীতিবিদদের আশা, এতে একদিকে যেমন বাড়বে জিডিপি সংগ্রহ, তেমনি তৈরি হবে কর্মসংস্থানও।

    আরও পড়ুন: বাজেটের প্রশংসায় পঞ্চমুখ মোদি, ভাষণে নিলেন যাদের নাম

    মেক ইন ইন্ডিয়া

    বাজেটে প্রতিরক্ষা খাতে বরাদ্দ বাড়ায় খুশি প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তিনি বলেন, “প্রতিরক্ষা ক্ষেত্রে ((Budget 2024)) আত্মনির্ভরতা ও মেক ইন ইন্ডিয়া কর্মসূচি আরও গতি পাবে।” অস্ত্র ও সামরিক সরঞ্জাম উৎপাদন ও সশস্ত্র বাহিনীর তিন শাখার আধুনিকীকরণের জন্যই এই অর্থ ব্যয় করা হবে বলেও জানান তিনি। সীমান্ত এলাকায় পরিকাঠামো উন্নয়নকেও অগ্রাধিকার দেওয়া হয়েছে বাজেটে। এজন্য বর্ডার রোডস অর্গানাইজেশনকে দেওয়া হয়েছে সাড়ে ৬ হাজার কোটি টাকা। উপকূলীয় নিরাপত্তা রক্ষায় ভারতীয় কোস্ট গার্ডের জন্য বরাদ্দ করা হয়েছে ৭,৬৫১.৮০ কোটি টাকা। কেবল দ্রুতগামী টহলদারি যান, বৈদ্যুতিন নজরদারি (Defence) ব্যবস্থার উন্নতি ও অস্ত্র সংগ্রহের জন্য বরাদ্দ করা হয়েছে সাড়ে ৩ হাজার কোটি টাকা (Budget 2024)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • NEET-UG: নতুন করে আর নিট-ইউজি পরীক্ষা নয়, জানিয়ে দিল সুপ্রিম কোর্ট

    NEET-UG: নতুন করে আর নিট-ইউজি পরীক্ষা নয়, জানিয়ে দিল সুপ্রিম কোর্ট

    মাধ্যম নিউজ ডেস্ক: নতুন করে আর নিট-ইউজি (NEET-UG) পরীক্ষা নয়, এবার জানিয়ে দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। ২০২৪ সালের সর্বভারতীয় ডাক্তারি পরীক্ষা পুরোপুরি বাতিলের আবেদন খারিজ করে দিল দেশের সর্বোচ্চ আদালত। মঙ্গলবার প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ এই নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন, “রেকর্ডে থাকা নথিগুলি প্রশ্নপত্রের পদ্ধতিগত ফাঁসের ইঙ্গিত প্রকাশ করে না।”

    সুপ্রিম কোর্টের বক্তব্য (NEET-UG)

    সুপ্রিম কোর্টের নিট (NEET-UG) মামলার বিষয়ে রায় প্রদানের সময়ে বিচারকেরা এদিন মন্তব্য করেছেন, “গত ৫ মে ডাক্তারি প্রবেশিকা পরীক্ষায় কিছু ত্রুটি ছিল। কিন্তু পরীক্ষা পরিচালনায় সামগ্রিক ভাবে পদ্ধতিগত লঙ্ঘন হয়েছে বলে যে অভিযোগ উঠেছে, বর্তমান পরিস্থিতিতে পাওয়া নথি বিশ্লেষণ করে দেখার পর তা প্রমাণিত হচ্ছে না। ২৪ লাখ পরীক্ষার্থীর ভবিষ্যতের কথা ভেবে নতুন করে নিট নেওয়ার আর দরকার নেই। কারণ পুনরায় পরীক্ষা নেওয়া হলে তা বিপুল সংখ্যক পরীক্ষার্থীরা সমস্যায় পড়বেন।” এই প্রসঙ্গে আবার প্রধান বিচারপতি (Supreme Court) আরও বলেছেন, “ঝাড়খণ্ডের হাজারিবাগ এবং বিহারের পাটনায় নিট ইউজির প্রশ্ন ফাঁস হয়েছে। যে চক্র এর পিছনে ছিল, তারা কিছু নথি পুড়িয়ে ফেলেছে। অভিযুক্তরা এখন সিবিআই হেফাজতে রয়েছে। এই প্রশ্ন ফাঁসের কারণে মোট ১৫৫ জন পরীক্ষার্থী লাভবান হয়েছে। তার মধ্যে ৩০ জন পাটনার এবং ১২৫ জন হাজারিবাগের।”

    আরও পড়ুনঃ বাজেটের প্রশংসায় পঞ্চমুখ মোদি, ভাষণে নিলেন যাদের নাম

    এক সঙ্গে ৬৭ জন প্রথম নিটে!

    এবছর ৫ মে ৫৭১টি শহরের ৪ হাজার ৭৫০টি কেন্দ্রে পরীক্ষা (NEET-UG) অনুষ্ঠিত হয়। ২৩ লাখেরও বেশি প্রার্থী পরীক্ষায় অংশ নিয়েছিল। কিন্তু ফল প্রকাশের পর দেখা গিয়েছে একসঙ্গে প্রথম স্থান অধিকার করেছে মোট ৬৭ জন পড়ুয়া। এরপর থেকেই ভূরি ভূরি অভিযোগ উঠতে শুরু করেছে। প্রশ্ন ফাঁসের সঙ্গে বিশেষ গ্রেসমার্কসের অভিযোগও তোলা হয়। এই নিয়ে সারা দেশে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছিল।  

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Union Budget 2024: বাজেটের প্রশংসায় পঞ্চমুখ মোদি, ভাষণে নিলেন যাদের নাম

    Union Budget 2024: বাজেটের প্রশংসায় পঞ্চমুখ মোদি, ভাষণে নিলেন যাদের নাম

    মাধ্যম নিউজ ডেস্ক: কেন্দ্রীয় বাজেট দেশের উন্নতিকে দিশা দেখাবে। সমাজের প্রতিটি শ্রেণিকে শক্তিশালী করবে, আশা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। অর্থমন্ত্রী নির্মলা সিতারামন বাজেট (Union Budget 2024) পেশ করার পর দেশবাসীর উদ্দেশ্যে ভাষণে এমনটাই জানালেন প্রধানমন্ত্রী। মঙ্গলবার সকাল ১১:০০ টায় তৃতীয় মোদি (Narendra Modi) সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করেন অর্থমন্ত্রী।

    যুবসমাজকে গুরুত্ব (Union Budget 2024)

    প্রধানমন্ত্রীর বিশ্বাস, আগামী প্রজন্ম অর্থাৎ যুবসমাজ এই বাজেটের ফলে একাধিক সুযোগ পাবে। এই বাজেটে সরকারি এবং বেসরকারি উভয় চাকরির দিক নির্দেশ রয়েছে, দাবি সরকারের। বাজেট (Union Budget 2024) নিয়ে ভাষণে প্রধানমন্ত্রী  (Narendra Modi) বলেন, “এটি এমন একটি বাজেট যা দেশের সমস্ত গ্রাম, দরিদ্র মানুষ ও কৃষকদের সমৃদ্ধির পথে নিয়ে যাবে। এই বাজেট নতুন আবির্ভাব হওয়া নিও মিডল ক্লাসের ক্ষমতায়নের ধারাবাহিকতা বজায় রাখবে। আজকের বাজেটে মধ্যবিত্ত শ্রেণী শক্তিশালী হবে।”

    প্রধানমন্ত্রীর ভাষণের কর্মসংস্থানের গুরুত্ব  (Narendra Modi)

    এদিনের প্রধানমন্ত্রীর ভাষণের গুরুত্ব পেয়েছে কর্মসংস্থান। অর্থমন্ত্রীর (Union Budget 2024) ঘোষণাকে উদ্ধৃত করে প্রধানমন্ত্রী বলেন, “বহু কাজের সুযোগ তৈরি হচ্ছে। কর্মক্ষেত্রে প্রবেশ করা নতুন পেশাজীবীদের প্রভিডেন্ট ফান্ডে বিশেষ সুযোগ-সুবিধার বিষয়টিও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। সংসদে তিনি জানান, প্রথমে যারা কাজে ঢুকছেন তাঁদের প্রভিডেন্ট ফান্ডে এক মাসের বেতন জমা দেওয়া হবে। তাছাড়া আগামী পাঁচ বছরে ১ কোটি যুবক যুবতিকে ইন্টার্নশিপের সুযোগ করে দেওয়ার ঘোষণা প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, “এর ফলে গ্রামীন এলাকার যুবকেরা ও শীর্ষস্থানীয় সংস্থায় কাজের সুযোগ পাবে।”

    বাজেটে গুরুত্ব পেল বিহার ও অন্ধ্রপ্রদেশ

    হালকা ও মাঝারি শিল্প এবং ভারী শিল্পের উন্নতিতে বাজেট নতুন পথ দেখাবে, এমনই আশা ব্যক্ত করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi), তিনি বলেন, “বাজেটে ঋণের সহজলভ্যতা বাড়াতে একটি নতুন প্রকল্প ঘোষণা করা হয়েছে। এই বাজেটের রফতানি ও উৎপাদনের বাস্তুতন্ত্রকে প্রতিটি জেলায় নিয়ে যাওয়ার কথা ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। আমরা একসঙ্গে ভারতকে একটি বৈশ্বিক উৎপাদন কেন্দ্রে পরিণত করব। প্রসঙ্গত এই (Union Budget 2024) বাজেটে বিহার ও অন্ধ্রপ্রদেশকে গুরুত্ব দেওয়া হয়েছে। জোট সরকারের দুই প্রধান জোট সঙ্গীকে হতাশ করেনি এই বাজেট। একদিকে বিহারের উন্নতি অন্যদিকে অন্ধ্রপ্রদেশের পরিকাঠামোগত উন্নয়নের দিকে যথেষ্ট লক্ষ্য রাখা হয়েছে এই বাজেটে।

    আরো পড়ুন: নারীশক্তির উন্নয়নে প্রাধান্য, মহিলাদের জন্য কী কী বরাদ্দ কেন্দ্রীয় বাজেটে?

    দুই রাজ্য সরকারের তরফেই আর্থিক সাহায্যের ঘোষণার বিষয়টিকে সাধুবাদ জানানো হয়েছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

LinkedIn
Share