Category: দেশ

Get updates on India News Headlines National News from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • Lok Sabha Elections 2024: প্রধানমন্ত্রীকে রেকর্ড ভোটে জেতাতে বারাণসীতে বিজেপির তারকা প্রচারকের ভিড়

    Lok Sabha Elections 2024: প্রধানমন্ত্রীকে রেকর্ড ভোটে জেতাতে বারাণসীতে বিজেপির তারকা প্রচারকের ভিড়

    মাধ্যম নিউজ ডেস্ক: তিনি বারাণসীর দু’বারের সাংসদ। এবারও বিশ্বনাথ ‘ধামে’ বিজেপির প্রার্থী তিনিই। সেই নরেন্দ্র মোদিকে বারাণসী কেন্দ্রে রেকর্ড ভোটে জেতাতে কোমর বেঁধে নেমে পড়েছে বিজেপির তারকা প্রচারকের দল (Lok Sabha Elections 2024)। পয়লা জুন সপ্তম তথা শেষ দফায় নির্বাচন হবে বারাণসীতে। সোমবার বিশ্বনাথের রাজ্য জয়ে বারাণসীতে ভিড় গেরুয়া পার্টির হেভিওয়েট নেতাদের। এই দলের নেতৃত্বে ছিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব এবং উপমুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক।

    কী বললেন জয়শঙ্কর? (Lok Sabha Elections 2024)

    এদিন তামিল জনগোষ্ঠীর সঙ্গে মত বিনিময় করেন জয়শঙ্কর। পরে সাংবাদিক বৈঠকে বিদেশমন্ত্রী বলেন (Lok Sabha Elections 2024), “বিশ্ব দেখবে, আগামী ৪ জুন ভারতে মোদি ৩.০ সরকার গঠন হবে। বারাণসী নিজেই দেশের পুরো জনগণকে একটি বার্তা দিচ্ছে যে আগামী ৪ জুন তৃতীয়বারের মতো একটি বড় সংখ্যাগরিষ্ঠতা নিয়ে গঠিত হবে মোদি সরকার।” তিনি বলেন, “আজ সারা বিশ্ব ভারতের বিদেশনীতি নিয়ে আলোচনা করছে, যা দেশবাসীর জন্য গর্বের। আজ ভারতের ছবি ও সুনাম সারা বিশ্বে উল্লেখযোগ্যভাবে উন্নত হয়েছে, মোদির দূরদৃষ্টিসম্পন্ন নেতৃত্বের কারণে।”

    বিদেশনীতিতে নয়া দিগন্ত

    জয়শঙ্কর বলেন, “মোদির নেতৃত্বে ভারত তার বিদেশনীতিতে নয়া দিগন্ত উন্মোচন করেছে। আন্তর্জাতিক মঞ্চে ভারতের অবস্থান আরও সুদৃঢ় হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারতের কূটনৈতিক সম্পর্ক আরও উন্নত হয়েছে এবং গতিশীল হয়েছে দেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতা ও অর্থনৈতিক উন্নয়ন।” জয়শঙ্কর যখন বারাণসীর তামিল জনগোষ্ঠীর সঙ্গে মত বিনিময় করছিলেন, তখন যাদব অধ্যুষিত সীর গোবর্ধনপুর এলাকায় জনসভা করছিলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব। গত দশ বছরে প্রধানমন্ত্রীর উন্নয়নমূলক নানা কাজকর্মের প্রসঙ্গ তোলেন তিনি।

    আর পড়ুন: “যতদিন বিজেপি ক্ষমতায় থাকবে, ততদিন…”, সংরক্ষণ নিয়ে কী বললেন নাড্ডা?

    এই সময়সীমায় দেশ কীভাবে এগিয়েছে, কীভাবেইবা বিশ্বের দরবারে ভারতের স্থান উঁচুতে হয়েছে, তা-ও জানান মোহন। এদিনই সিটি সাউথ বিধানসভা এলাকায় বিজেপি আয়োজিত এক জনসভায় বক্তৃতা দেন ব্রজেশ। মোদি সরকারের উন্নয়নমূলক নানা কাজকর্মের ফিরিস্তিও দেন তিনি। পরে বিজেপির এই তারকা প্রচারক দল বারাণসীর বিভিন্ন অংশে গিয়ে মত বিনিময় করেন ভোটারদের সঙ্গে।

    এদিকে, রবিবারই বারাণসীতে ছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, কেন্দ্রীয়মন্ত্রী পীযূষ গোয়েল এবং জয়শঙ্কর। নাড্ডা বলেন, “বারাণসী মোদির পরিবার। বারাণসীর বাসিন্দারা দেশের ঐতিহ্য সংরক্ষণ করেছেন (Lok Sabha Elections 2024)।” আজ, সোমবার বারাণসীতে বিশাল শোভাযাত্রার নেতৃত্ব দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • JP Nadda: “যতদিন বিজেপি ক্ষমতায় থাকবে, ততদিন…”, সংরক্ষণ নিয়ে কী বললেন নাড্ডা?

    JP Nadda: “যতদিন বিজেপি ক্ষমতায় থাকবে, ততদিন…”, সংরক্ষণ নিয়ে কী বললেন নাড্ডা?

    মাধ্যম নিউজ ডেস্ক: “যত দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বিজেপি ক্ষমতায় থাকবে, ততদিন ধর্মের ভিত্তিতে সংরক্ষণ হবে না।” বারাণসীতে সাংবাদিক সম্মেলনে সাফ জানিয়ে দিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা (JP Nadda)। বিজেপি বিরোধীরা ধর্মের ভিত্তিতে সংরক্ষণের পরিকল্পনা করছে বলেও অভিযোগ করেন নাড্ডা। বলেন, “সংবিধানে স্পষ্ট লেখা রয়েছে ধর্মের ভিত্তিতে সংরক্ষণ চলবে না।” তার পরেই তিনি জানিয়ে দেন, বিজেপি যতদিন ক্ষমতায় থাকবে, ততদিন ধর্মের ভিত্তিতে সংরক্ষণ হবে না।

    কী বললেন নাড্ডা? (JP Nadda)

    বিজেপির সর্বভারতীয় সভাপতি (JP Nadda) বলেন, “আমাদের দলিত, উপজাতি, পিছড়েবর্গ এবং একেবারে পিছিয়ে পড়া শ্রেণির সংরক্ষণে কাউকেই আমরা অনধিকার প্রবেশ করতে দেব না। আপনারা দেখবেন, ৪ জুন কী হয় (এদিনই ফল প্রকাশ হবে অষ্টাদশ লোকসভা নির্বাচনের)।” নাড্ডা বলেন, “দীর্ঘদিন ধরে রাজনীতি মানে ছিল ডিভাইড অ্যান্ড রুল। কিন্তু এখন দেশে চলছে উন্নয়নের রাজনীতি।” দশ বছর আগে দেশের রাজনৈতিক অবস্থান কি ছিল, সে প্রশ্নও তোলেন নাড্ডা।

    গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক!

    তিনি বলেন, “ওই সময় ভারতকে দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে গণ্য করা হত। কিন্তু বড় সমস্যা ছিল রাজনীতি সম্পর্কে সাধারণ মানুষ উদাসীন থাকতেন। রাজনীতির প্রতি তাঁদের বিশ্বাস ভেঙে গিয়েছিল। এটা গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক। কিন্তু গত দশ বছরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সাধারণ মানুষের আস্থা ফেরাতে পেরেছেন। দেশে উন্নয়নের জোয়ার বইয়ে দিয়েছেন।” বিরোধীরা যে বর্ণ বিভাজনের রাজনীতি করতেন, তা-ও মনে করিয়ে দেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। বলেন, “বিরোধীরা ধর্মের ভিত্তিতে বিভাজন করত, কাস্টইজমে ইন্ধন জোগাত। এই সংস্কৃতির বিলোপ ঘটিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ দেশে চলছে উন্নয়নের রাজনীতি। এর ভিত্তিই হল, সবকা সাথ, সবকা প্রয়াস আউর সবকা বিশ্বাস।”

    আর পড়ুন: ইউপিএ জমানায় ৩৫ মুসলিম শ্রেণি ওবিসি তালিকাভুক্ত হয়েছিল মমতার সুপারিশে!

    এদিন কালভৈরব মন্দিরে পুজোও দেন না্ড্ডা। বলেন, “যখনই আমি বারণসীতে আসি, কালভৈরব মন্দিরে পুজো দিই। পুজো দিই সঙ্কটমোচন এবং কাশী বিশ্বনাথ মন্দিরেও।” তিনি বলেন, “কাশীকে আমরা ধর্মীয় নগরী বলেই জানি। এই শহরই সনাতন ধর্মকে এগিয়ে নিয়ে যায়। এখানে এলে আমি নতুন করে শক্তি নিয়ে ফিরি (JP Nadda)।” প্রসঙ্গত, এই বারাণসী লোকসভা কেন্দ্রেই বিজেপির বাজি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি এই কেন্দ্রের দু’বারের সাংসদ। পয়লা জুন সপ্তম তথা শেষ দফায় নির্বাচন হবে এখানে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Ghar Wapsi: বাংলা ও অসমে ‘ঘর ওয়াপসি’, হিন্দু ধর্মে ফিরে এলেন তিন কন্যা

    Ghar Wapsi: বাংলা ও অসমে ‘ঘর ওয়াপসি’, হিন্দু ধর্মে ফিরে এলেন তিন কন্যা

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারতীয় মুসলিমরা ধর্মান্তকরণের মাধ্যমেই হিন্দু থেকে ইসলামকে গ্রহণ করেছেন – এ তত্ত্ব আজ প্রতিষ্ঠিত। হিন্দু সংস্কৃতিকে ভালোবেসে তাই অনেকেই ফিরে আসছেন সনাতন ধর্মে। সাম্প্রতিক সময়ে এমনই ঘটনা দেখা দেল পূর্ব ভারতের অসম ও পশ্চিমবঙ্গে। ‘ঘর ওয়াপসি’-র পরে মুসলিম মেয়েদের নামকরণও বদলে গেল (Ghar Wapsi)। বিবাহ বন্ধনে প্রত্যেকেই আবদ্ধ হলেন হিন্দু ছেলের সঙ্গে। পশ্চিমবঙ্গের বানু খাতুন হলেন অনু এবং অনীশা খাতুন হলেন অন্বেষা। অন্যদিকে অসম রাজ্যের আমিনা হলেন রাধা রবিদাস।

    পশ্চিমবঙ্গের ‘ঘর ওয়াপসি’ (Ghar Wapsi)

    তবে ‘ঘর ওয়াপসি’-র এই কাজ যে খুব সহজে হয়েছে এমনটা নয়। তাঁদেরকে প্রবল বাধার মুখে পড়তে হয়। কোনও ভাবেই দুই কন্যার বাড়ির লোকজন চায়নি এমন সম্পর্ক মেনে নিতে। এই সময়ে পশ্চিমবঙ্গের হিন্দুত্ববাদী সংগঠন হিন্দু সংহতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। রীতিমতো জাঁকজমকপূর্ণ আয়োজনের মাধ্যমে তাঁদেরকে হিন্দু সমাজে স্বাগত জানানো হয়। ‘ঘর ওয়াপসি’-র মাধ্যমে হিন্দু ধর্মে ফিরে আসা প্রত্যেকেই মনে করছেন, এই ধর্মে মেয়েদের জন্য রয়েছে ব্যাপক স্বাধীনতা ও সম্মান। ‘ঘর ওয়াপসি’-র পরপরই প্রত্যেকে নিজেদের পরিচয়কে গোপন রেখেছিলেন তাঁদের নিজস্ব নিরাপত্তার কারণেই। অন্যদিকে পশ্চিমবঙ্গে আরও একটি ‘ঘর ওয়াপসি’র ঘটনা সামনে এসেছে। দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার মহকুমার লুৎফন্নেসা খাতুন হিন্দু ধর্মকে গ্রহণ করেছেন।

    অসমের ‘ঘর ওয়াপসি’ (Ghar Wapsi)

    অন্যদিকে অসমের ‘ঘর ওয়াপসি’-র (Ghar Wapsi) ঘটনাটি ঘটেছে সেখানকার করিমগঞ্জ জেলাতে। সেখানে নতুনভাবে ঘর বেঁধেছেন ইসলাম ত্যাগ করে আসা আমিনা। তাঁকেও স্বাগত জানাতে রীতিমতো অনুষ্ঠানের আয়োজন করা হয়। গত ২৬ মে আমিনাকে ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে স্বাগত জানায় বিশ্ব হিন্দু পরিষদ। জানা যায়, ২০২০ সালেই প্রেমিক শ্যাম রবিদাসকে বিয়ে করেন আমিনা। জানা গিয়েছে, শ্যামের পরিবার আমিনার পরিবারের সঙ্গে বিবাদে যেতে চায়নি। তাই তারা মানেনি এই বিয়ে। কিন্তু দম্পতি বিশেষ বিবাহ আইনে স্বামী-স্ত্রী হয়ে যায়, তাই তাদের পরিবার তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নিতেও পারেনি। চার বছর ধরে দেশের বিভিন্ন প্রান্তে ঘুরতে থাকে তারা। এই সময়ের মধ্যে আমিনা একটি সন্তানের মা হয়। সন্তানের জন্ম দেওয়ার পরে শ্যাম এবং আমিনা ফিরে আসার কথা চিন্তা করে। এরপরেই বিশ্ব হিন্দু পরিষদে এগিয়ে আসে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • NCBC: ইউপিএ জমানায় ৩৫ মুসলিম শ্রেণি ওবিসি তালিকাভুক্ত হয়েছিল মমতার সুপারিশে!

    NCBC: ইউপিএ জমানায় ৩৫ মুসলিম শ্রেণি ওবিসি তালিকাভুক্ত হয়েছিল মমতার সুপারিশে!

    মাধ্যম নিউজ ডেস্ক: সম্প্রতি কলকাতা হাইকোর্টের নির্দেশে বাতিল হয়েছে ৭৭ শ্রেণির ওবিসি শংসাপত্র। এর মধ্যে রয়েছে ৭৫টি মুসলমান শ্রেণি। কলকাতা হাইকোর্টের এই রায়ের পরে গা ঝাড়া দিয়ে উঠল ন্যাশনাল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস বা এনসিবিসি (NCBC)। তালিকা থেকে আরও কিছু শ্রেণিকে বাদ দেওয়া যায় কিনা, তা খতিয়ে দেখার পরিকল্পনা করছে তারা।

    কী বললেন এনসিবিসির চেয়ারম্যান? (NCBC)

    এনসিবিসির চেয়ারম্যান হংসরাজ গঙ্গারাম আহির বলেন, “২০১৪ সালের লোকসভা নির্বাচনের আগে ইউপিএ সরকার ওবিসি তালিকায় এমন কোনও শ্রেণিকে অন্তর্ভুক্ত করেছিল কিনা, যারা ওই শ্রেণিগুলোর (কলকাতা হাইকোর্ট যাদের বাতিল করেছে) মতো, তা খতিয়ে দেখা হবে।” তিনি জানান, ২০১১ সালে পশ্চিমবঙ্গ সরকার সেন্ট্রাল ওবিসি তালিকায় ৪৬টি শ্রেণিকে অন্তর্ভুক্ত করতে সুপারিশ করেছিল তৎকালীন কংগ্রেস পরিচালিত ইউপিএ সরকারকে। এদের মধ্যে ৯টি বাতিল করা হয়েছিল। ২০১৪ সালের ফেব্রুয়ারি মাসে অন্তর্ভুক্ত করা হয়েছিল ৩৭টি শ্রেণি।

    ৩৭ এর মধ্যে ৩৫টিই মুসলমান শ্রেণি

    সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়ে তিনি বলেন, “৩৭টি শ্রেণিকে অন্তর্ভুক্ত করার জন্য নোটিশ জারি করেছিল সরকার। এর মধ্যে ৩৫টি শ্রেণিই মুসলমান সম্প্রদায়ের। কেবল বাংলা থেকেই অন্তর্ভুক্ত হয়েছিল ৩৭টি শ্রেণি। সেই তালিকাই এখন পরীক্ষা করব আমরা।” তিনি বলেন (NCBC), “যদি দেখা যায় কলকাতা হাইকোর্টের নির্দেশে যেসব শংসাপত্র বাতিল হয়েছে, তাদের কোনও শ্রেণি ওই তালিকায় রয়ে গিয়েছে, তাহলে ওই শ্রেণিকে বাদ দেওয়ার জন্য এনসিবিসি সোশ্যাল জাস্টিস মিনিস্ট্রিকে রেকমেন্ড করবে।”

    আর পড়ুন: ২৮ তারিখ কলকাতায় রোড-শো মোদির, আগে যাবেন বাগবাজারে সারদা মায়ের বাড়ি

    প্রসঙ্গত, এর আগে এনসিবিসি রোহিঙ্গা এবং বাংলাদেশিদের ওই তালিকা থেকে বাদ দিয়েছিল। অভিযোগ, এদের ওবিসি সার্টিফিকেট পাইয়ে দিয়েছিল পশ্চিমবঙ্গ সরকার। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকারই এদের এই শংসাপত্র দিয়েছিল। এনসিবিসি কর্তা বলেন, “পশ্চিমবঙ্গ সরকার যেসব মুসলমান শ্রেণিকে ওবিসি তালিকায় অন্তর্ভুক্ত করেছিল কলকাতা হাইকোর্ট তাদের বাদ দিয়েছে, এটা দুঃখজনক। শুনানির সময়ই আমার খারাপ লেগেছিল – হোন না তাঁরা বাঙালি কিংবা বাংলাদেশি। এভাবে চলতে থাকলে যাঁরা প্রকৃতই ওবিসি, তালিকায় ঠাঁই হবে না তাঁদের। উল্লেখ্য, গোটা মুসলমান সমাজকে ওবিসি তালিকার অন্তর্ভুক্ত করায় কর্নাটকের মুখ্যসচিবকে গত মাসে তলব করেছিল এনসিবিসি (NCBC)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Bank Holiday June 2024: জুনের প্রথম দিনেই ছুটি ব্যাঙ্ক! পরিষেবা ব্যাহত আরও ১২ দিন  

    Bank Holiday June 2024: জুনের প্রথম দিনেই ছুটি ব্যাঙ্ক! পরিষেবা ব্যাহত আরও ১২ দিন  

    মাধ্যম নিউজ ডেস্ক: রিজার্ভ ব্যাঙ্কের (RBI) ছুটির তালিকা অনুযায়ী জুনেও অনেকদিন ছুটি থাকবে ব্যাঙ্ক (Bank Holiday June 2024) । ফলে বিভিন্ন ধর্মীয় ছুটি, আঞ্চলিক উৎসব ও সপ্তাহান্তের ছুটির কারণে জুন মাসে মোট ১২ দিন বন্ধ থাকবে ব্যাঙ্কগুলি। যদিও বিভিন্ন রাজ্যে এই ছুটির তালিকায় ভিন্নতা রয়েছে। ফলে পশ্চিমবঙ্গের সঙ্গে অন্য রাজ্যের ব্যাঙ্ক ছুটির তালিকার ভিন্নতা রয়েছে। মাসের প্রথম দিনই ব্যাঙ্ক বন্ধ থাকবে কলকাতায়। কারণ এদিন ভোট রয়েছে কলকাতা ও শহরতলী এলাকায়। জুন মাসে আর কবে কবে ছুটি? দেখে নিন একনজরে…

    কবে কোথায় ব্যাঙ্ক বন্ধ (Bank Holiday June 2024)

    ১ জুন: সপ্তম দফার লোকসভা নির্বাচন (Loksabha Election 2024) । ৮ রাজ্যের ৫৭টি কেন্দ্রে স্থানীয়ভাবে বন্ধ থাকবে ব্যাঙ্ক। এরাজ্যে কলকাতা, দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনায় বন্ধ থাকবে ব্যাঙ্ক।

    ৯ জুন: হিমাচল প্রদেশ, হরিয়ানা এবং রাজস্থান রাজ্যে মহারানা প্রতাপ জয়ন্তীর কারণে ছুটি।

    ১০ জুন: পাঞ্জাবের শ্রী গুরু অর্জুন দেবের শহিদ দিবসের কারণে ছুটি।

    ১৪ জুন: ওড়িশার ব্যাঙ্কগুলি এই দিনে পহিলি রজর জন্য বন্ধ থাকবে।

    ১৫ জুন: উত্তর-পূর্ব রাজ্য মিজোরামের ব্যাঙ্কগুলি ওয়াইএমএ দিবসের জন্য বন্ধ থাকবে; এবং ওড়িশার ব্যাঙ্কগুলি রজ সংক্রান্তির জন্য বন্ধ থাকবে।

    ১৭ জুন: বকরি-ইদ বা ইদুজ্জোহা উপলক্ষে কিছু রাজ্য ছাড়া ভারতজুড়ে ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে।

    ২১ জুন: বতঁ সাবিত্রী ব্রতের জন্য অনেক রাজ্যের ব্যাঙ্ক বন্ধ থাকবে।

    সপ্তাহ শেষের ব্যাঙ্ক ছুটির তালিকা

    ৮ জুন দ্বিতীয় শনিবার ভারত জুড়ে ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে।

    ২২ জুন চতুর্থ শনিবার ভারত জুড়ে ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে।

    ২, ৯, ১৬, ২৩ এবং ৩০ জুন মাসের পাঁচ রবিবার ভারত জুড়ে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

    ব্যাঙ্কের শাখা বন্ধ থাকলেও ব্যাহত হবে না অনলাইন পরিষেবা

    ব্যাঙ্কিং ব্যবস্থায় এখন দুটি দিক। একটি শাখার কাজকর্ম, অন্যটি অনলাইন (Online Banking) পরিষেবা। মোবাইল ব্যাঙ্কিং বা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে লেনদেনের ক্ষেত্রে কোন সমস্যা নেই।

    আরও পড়ুন: রেমালের প্রকোপে প্রায় দশ ঘণ্টা পর শিয়ালদা দক্ষিণ শাখায় চলল ট্রেন

    যেদিন ব্যাঙ্কের শাখা আপনার এলাকায় বন্ধ থাকবে সেদিন UPI-এর মাধ্যমে টাকা লেনদেন করতে পারেন। এছাড়াও আপনি নগদ তোলার জন্য এটিএম ব্যবহার করতে পারেন। এখন ডিজিটাল ব্যাঙ্কিংয়ের জমানায় ঘরে বসেই টাকা পাঠানো যায়। তবে নির্দিষ্ট কিছু ক্ষেত্রে ব্যাঙ্কের শাখায় যেতেই হয়। সেই কাজের জন্য আগামী দিনে ব্যাঙ্কে যাওয়ার আগে আপনার এলাকায় ছুটির (Bank Holiday June 2024) তালিকা দেখে নিন। না হলে ব্যাঙ্কে গিয়েও খালি হাতে ফিরে আসতে হবে আপনাকে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Drone Technology: বিশ্বজুড়ে সামরিক ড্রোনের চাহিদা তুঙ্গে, ২০৩০ সালের মধ্যে বিপুল উৎপাদন ভারতেই

    Drone Technology: বিশ্বজুড়ে সামরিক ড্রোনের চাহিদা তুঙ্গে, ২০৩০ সালের মধ্যে বিপুল উৎপাদন ভারতেই

    মাধ্যম নিউজ ডেস্ক: মনুষ্যবিহীন আকাশযান হল ড্রোন। বর্তমানে পৃথিবীব্যাপী যুদ্ধে ড্রোন প্রযুক্তি (Drone Technology) ব্যাপকভাবে ব্যবহার করা হচ্ছে। আভ্যন্তরীণ নিরাপত্তা, নজরদারি চালানোর কাজে এর জুড়ি নেই। সাম্প্রতিক সময়ে লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজগুলিতে আক্রমণ শানাতে হুথি জঙ্গিগোষ্ঠী ব্যবহার করে ড্রোন। ড্রোন হামলা, তাই আজ অতি পরিচিত শব্দ হয়ে উঠেছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধেও এর ব্যাপক ব্যবহার দেখা গিয়েছে। অন্যদিকে, তুর্কি সেনা আরবের বিরুদ্ধেও সফলভাবে ড্রোন ব্যবহার করেছে। অন্যান্য দেশের মতো ভারতেও নিরাপত্তার কাজে ড্রোন ব্যবহার করা হয়। দেশে মোদি জমানায় বাড়ছে ড্রোনের উৎপাদনও। বিশেষজ্ঞদের মতে, ২০৩০ সালের মধ্যেই কয়েক বিলিয়ন মার্কিন ডলারের ড্রোন উৎপাদন করতে সক্ষম হবে আমাদের দেশ। আজকে আমাদের এই প্রতিবেদনে ড্রোনের উৎপত্তি, তার সামরিক প্রয়োগ, ভারতীয় সেনাবাহিনীতে ড্রোনের ব্যবহার এই সমস্ত কিছু নিয়েই আলোচনা করা হবে।

    গত ২০ বছরে ড্রোন প্রযুক্তিতে উল্লেখযোগ্য অগ্রগতি 

    বিশেষজ্ঞদের মতে, বিগত ২০ বছরেই ড্রোন প্রযুক্তির ব্যবহার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। আগেই বলা হয়েছে, ড্রোন হল মনুষ্যবিহীন আকাশ যান (Drone Technology)। যেটি কোনও মানুষকে অপারেট করতে হয় না। প্রযুক্তি ও সফ্টওয়্যারের মাধ্যমে তা উড়তে পারে। বহু দূর থেকে পরিচালিত হতে পারে। আবার যে কোনও প্রাণঘাতী বিস্ফোরক ও ক্ষেপণাস্ত্র বহন করতেও সক্ষম হল ড্রোন। নানা ক্ষেত্রে ড্রোনের ব্যবহার লক্ষ্য করা যায় যথা— কৃষি, প্রাকৃতিক বিপর্যয়, খনিতে কাজ, আবহাওয়া, জমি জরিপ, নির্মাণ, এই সমস্ত ক্ষেত্রেই ড্রোনের উল্লেখযোগ্য অসামরিক ব্যবহার রয়েছে। তাই একথা বলাই যায় ড্রোনের ব্যবহার দুই ধরনের সামরিক ও অসামরিক। সশস্ত্র ড্রোন ও নিরস্ত্র ড্রোন। সাধারণভাবে নিরস্ত্র ড্রোনগুলি নজরদারি চালানোর কাজে ব্যবহার করা হয় অন্যদিকে সশস্ত্র ড্রোন প্রাণঘাতী হামলাও চালাতে সক্ষম।

    ড্রোনের জনপ্রিয়তা এতটুকু কমেনি

    বিংশ শতাব্দীর একেবারে শুরুর দিকে সামরিক কাজে প্রথম ড্রোনের ব্যাপকভাবে বিকাশ শুরু হয়। তবে প্রযুক্তির কারণে সে সময় ড্রোনের ব্যবহারে ব্যাপক বাধা আসে তবুও বিভিন্ন কাজে ড্রোনের জনপ্রিয়তা এতটুকু কমেনি। ইয়েমেন, পাকিস্তান, সোমালিয়ার মত বেশ কতগুলি দেশ যুদ্ধক্ষেত্রের (Drone Technology) বাইরেও শুধুমাত্র গোপন অভিযানে চালাতে সশস্ত্র ড্রোন ব্যবহার করেছিল। ২০১৯ সালে ড্রোন নিয়ে একটি গবেষণা হয় এবং এটি করে নিউইয়র্কের বার্ড কলেজ। ‘সেন্টার ফর দ্য স্টাডি অফ দ্য ড্রোন’-এর গবেষকরা জানিয়েছেন, বর্তমানে পৃথিবীতে প্রায় ১০০টিরও বেশি দেশ সামরিক কাজে ড্রোন ব্যবহার করে এবং সারা বিশ্বে বিভিন্ন সামরিক কাজে বর্তমানে ৩০,০০০-এরও বেশি উন্নত মানের ড্রোন ব্যবহার করা হচ্ছে। ওই গবেষকরা আরও জানিয়েছেন, বর্তমানে সামরিক কাজে ১৭১ ধরনের ড্রোন ব্যবহার করা হয়। ৫৮টি দেশে রয়েছে ২৬৮টি ড্রোন তৈরির ইউনিট। অর্থাৎ, এখান থেকে ড্রোন উৎপাদন হয়। সময়ের সঙ্গে সঙ্গে ড্রোনের মডেলও বদলেছে, বেড়েছে তার ক্ষমতা এবং আকার। অনেক বেশি উচ্চতায় আজ তা উড়তে সক্ষম। গবেষকরা বলছেন, ড্রোনের ব্যবহার কমছেই না, বরং পৃথিবীব্যাপী ক্রমশ তা ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে। পৃথিবীর মধ্যে বৃহত্তম ড্রোন উৎপাদনকারী ও বিক্রেতা দেশ হল মার্কিন যুক্তরাষ্ট্র। দ্বিতীয় স্থানে রয়েছে ইজরায়েল এবং তৃতীয় স্থানে রয়েছে চিন। এর পাশাপাশি, তুরস্ক ও ইরানের মতো দেশগুলিও ড্রোন উৎপাদনে পিছিয়ে নেই। গবেষণা তে দেখা যাচ্ছে যে ভারত এবং ব্রিটেন সারা পৃথিবীর মধ্যে ড্রোনের সবথেকে বড় আমদানিকারক দেশ।

    ড্রোনের ব্যবহার বৃদ্ধির ২টি দিক রয়েছে (Drone Technology)

    যে কোনও দেশে বিদ্রোহ হোক অথবা দুটি দেশের মধ্যে যুদ্ধ, সামরিক ড্রোনের ব্যবহার বেড়েই চলেছে। বিশেষজ্ঞরা বলছেন, ড্রোন ব্যবহারের বৃদ্ধির দুটি দিক রয়েছে। সরবরাহের দিক এবং অন্যটি হচ্ছে চাহিদার দিক। ড্রোনের ব্যাপক চাহিদা যেমন বাড়ছে সেই রকমের রপ্তানিকারক দেশগুলি ভালো মতোই সরবরাহ করতে পারছে। কারণ ড্রোন তৈরি করা তাদের পক্ষে বেশ লাভজনক হয়ে উঠেছে। এর পাশাপাশি প্রযুক্তির অগ্রগতির ফলে উৎপাদনের ক্ষমতাও অনেকটা বৃদ্ধি পেয়েছে। কম সময়ে অনেক বেশি ড্রোন উৎপাদন করা সম্ভব হচ্ছে। সারা পৃথিবীর দিকে নজর দিলে আমরা দেখতে পাবো যে, দুটি দেশের মধ্যে সীমান্ত বিরোধ, কোনও দেশের ওপর সন্ত্রাসবাদী হামলা বা দেশের আভ্যন্তরীণ বিদ্রোহ— এই সমস্ত কিছুতে ড্রোন ব্যবহার করা হচ্ছে।

    ভারতে ড্রোনের ব্যবহার ও ড্রোন উৎপাদন

    আমাদের নিজেদের দেশের দিকে তাকালে আমরা দেখতে পাবো যে, চিন এবং ভারতের মধ্যে যে ধরনের সীমান্ত বিবাদ চলছে, সেখানে প্রতিরক্ষা ক্ষেত্রে ড্রোন বেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। পাকিস্তান থেকে জঙ্গি অনুপ্রবেশ সমেত সন্ত্রাসে মদত দেওয়ার কাজ চলে। তাই সীমান্তে নিখুঁত নিশানা করতে ভারতের সেনারা ড্রোনের ব্যবহার করেই থাকে। এছাড়াও বিশেষ করে পাঞ্জাবে এবং জম্মু-কাশ্মীরে অস্ত্র গোলাবারুদ, মাদক কারবারের কাজে সন্ত্রাসবাদী ও বিচ্ছিন্নতাবাদীরা ড্রোন ব্যবহার করে। এমন খবর প্রায় শিরোনামে আসে। আগেই বলা হয়েছে, ভারত ড্রোনের অন্যতম বড় আমদানিকারক। সাধারণভাবে ভারতে বেশিরভাগ ড্রোন আমদানি করা হয় ইজরায়েল থেকে। বিশেষজ্ঞরা বলছেন, ১৯৯০ সাল থেকেই ভারতে সামরিক কাজে ড্রোন গুরুত্বপূর্ণ অংশ হিসেবে উঠে এসেছে। শুরুতে ডিআরডিও মানববিহীন এই যানকে পরিচালিত করত। বর্তমানে মোদি জমানায় ভারতে দেশীয় প্রযুক্তিতে ড্রোন তৈরিতে জোর দেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দৃষ্টিভঙ্গি এক্ষেত্রে খুব পরিষ্কার। তিনি ভারতীয় সংস্থাগুলির ওপর ভরসা করেন ড্রোন উৎপাদনে। ড্রোন ইকোসিস্টেম আগামী দিনে ভারতবর্ষে আরও উন্নত হতে চলেছে এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। ২০২১ সালের অগাস্ট মাসে ‘ড্রোন রুলস’ আনে মোদি সরকার। সেখানে দেশীয় সংস্থাগুলিকে ড্রোন প্রযুক্তির কাজে প্রোমোট করার কথা বলা হয়। ২০২১-এর পরবর্তী সময় থেকেই দেখা যাচ্ছে ভারতে ড্রোন নির্মাতা (Drone Technology) সংস্থাও বৃদ্ধি পেয়েছে। ড্রোন নির্মাতা সংস্থাগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো- ideaForge, Aarav Unmanned System (AUS), Asteria aerospace, IOTech, এবং Hubbal Fly. আগামীদিনে ড্রোনের দুনিয়ায় ভারত শীর্ষস্থানীয় দেশ হতে চলেছে একথা বলাই যায়।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Pune Porshe Case: রক্তের নমুনা বদলে অভিযুক্তকে বাঁচাবার চেষ্টা, গ্রেফতার দুই চিকিৎসক

    Pune Porshe Case: রক্তের নমুনা বদলে অভিযুক্তকে বাঁচাবার চেষ্টা, গ্রেফতার দুই চিকিৎসক

    মাধ্যম নিউজ ডেস্ক: পুণের পোর্শে কাণ্ডে (Pune Porshe Case) দুই সিনিয়র ডাক্তারকে গ্রেফতার করেছে পুলিশ। তদন্তের মোড় ঘুরিয়ে দিতে তাঁরা রক্তের নমুনা বদল করে দিয়েছিলেন বলে অভিযোগ। সরকারি হাসপাতাল সাসুন জেনারেল হাসপাতালে দুই বর্ষীয়ান চিকিৎসক এই কাজ করেছেন বলে পুলিশের দাবি। যে আলালের দুলাল প্রাপ্তবয়স্ক হওয়ার আগেই মদের নেশায় চুর হয়ে বেপরোয়া গতিতে বিলাসবহুল পৌঁছে গাড়ির ধাক্কায় ২ যুবক-যুবতীর প্রাণ কেড়ে নেয়। অভিযুক্তের রক্তের নমুনা বদল করা হয়েছে বলে পুলিশের দাবি। ধৃত চিকিৎসকরা হলেন ডক্টর অজয় তাওড়ে এবং ডক্টর শ্রীহরি হারনোল। অজয় বাবু হাসপাতালের ফরেনসিক মেডিসিন বিভাগের প্রধান।

    ঠিক কী হয়েছিল

    ১৯ মে পুণেতে পোর্শে গাড়ির ধাক্কায় (Pune Porshe Case) দু’জনের মৃত্যু হয়েছিল। অভিযোগ, গাড়িটির চালকের আসনে ছিল ১৭ বছরের ওই নাবালক। মদ্যপ অবস্থায় পার্টি থেকে ফিরছিল সে। ওইসময় দ্রুতগতিতে পোর্শে গাড়ি দিয়ে বাইকে থাকা যুগলকে ধাক্কা মারে অভিযুক্ত। ঘটনাস্থলেই মৃত্যু হয় পেশায় আইটি কর্মী আনিস দুদিয়া ও তাঁর বান্ধবী অশ্বিনী কস্তারের। পরদিন ওই অভিযুক্ত তরুণকে সাসুন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর স্বাস্থ্য পরীক্ষা করা হয়। বেলা ১১ টার সময় তাঁর রক্তের নমুনা সংগ্রহ করেন চিকিৎসকরা। এক্ষেত্রে পুলিশের বিরুদ্ধেও গাফিলতির অভিযোগ উঠেছে। রক্তের নমুনা যে অনেক দেরিতে সংগ্রহ করা হয়েছিল তার স্বীকার করেছেন পুনের পুলিশ কমিশনার অমিতেশ কুমার। তিনি বলেন, “পুলিশ জানতে পেরেছে শাসন হাসপাতালে ওই নাবালকের রক্তের নমুনার পরীক্ষার রিপোর্ট বদলে দেওয়া হয়েছিল। যাতে রক্তের অ্যালকোহলের উপস্থিতি না পাওয়া যায়। ১৯ মে বিকেলের পর আরও একবার রক্তের নমুনা সংগ্রহ করা হয়েছিল। সেটা ডিএনএ পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।” জানা গিয়েছে, অভিযুক্তের বাবা বিশাল অগ্রওয়াল ধনকুবের। তিনি পেশায় রিয়েল এস্টেট সংস্থার মালিক। দুর্ঘটনার দুদিন পর ঘরে বাইরে চাপের মুখে পড়ে গিয়ে পুলিশ ওই নাবালকের বিরুদ্ধে গাফিলতি, অনিচ্ছাকৃত খুন এবং মোটর ভেহিকেলস আইন লঙ্ঘন সহ মদ্যপান করে গাড়ি চালানোর অপরাধ এফআইআরে এই যুক্ত করে।

    বাবা জেলে, ঠাকুরদা পুলিশ হেফাজতে (Pune Porshe Case)

    আরও জানা গিয়েছে, প্রথমে জুভেনাইল আদালত ওই অভিযুক্তের জামিন মঞ্জুর করে দেয়। কিন্তু বিতর্কের ঝড় ওঠায় পুনরায় ২২ মে জুভেনাইল আদালত তাঁকে পর্যবেক্ষণ হোমে পাঠানোর নির্দেশ দেয়। ইতিমধ্যেই ওই তরুনের বাবা এবং ঠাকুরদাকে গ্রেফতার করেছে পুলিশ। বাবা জেল হেফাজত এবং ঠাকুরদা পুলিশ হেফাজতে রয়েছেন। ওই পরিবারের সঙ্গে আন্ডারওয়ার্ল্ডের যোগ রয়েছে বলে অভিযোগ উঠেছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Lok Sabha Polls 2024: রেকর্ড ভোট অনন্তনাগ-রাজৌরি লোকসভা কেন্দ্রে, কত শতাংশ জানেন?

    Lok Sabha Polls 2024: রেকর্ড ভোট অনন্তনাগ-রাজৌরি লোকসভা কেন্দ্রে, কত শতাংশ জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: রেকর্ড ভোট পড়ল জম্মু-কাশ্মীরের অনন্তনাগ-রাজৌরি লোকসভা কেন্দ্রে (Lok Sabha Polls 2024)। শনিবার ষষ্ঠ দফায় নির্বাচন হয়েছে এই আসনে। দিনের শেষে দেখা গিয়েছে মতদান করেছেন ৫৩ শতাংশ ভোটার। উনিশের লোকসভা নির্বাচনে এই কেন্দ্রে ভোট পড়েছিল মাত্র ৯ শতাংশ। এবার ভোটদানের হার বাড়ল ৬ গুণ।

    রেকর্ড ভোট (Lok Sabha Polls 2024)

    এদিন বেলা তিনটের মধ্যেই এই কেন্দ্রে ভোট পড়ে গিয়েছিল ৪৫ শতাংশ। বেলা ১টার মধ্যে ভোট পড়েছিল ৩৫ শতাংশ। রাজৌরির বুদ্ধল এলাকায় ভোট পড়েছে ৬৮ শতাংশ। কুলগাম বিধানসভা কেন্দ্রে ভোটদানের হার ৩৪ শতাংশের কিছু বেশি। সামগ্রিকভাবে অনন্তনাগ, কুলগাম, সোপিয়ান এবং পুলওয়ামার চেয়ে বেশি ভোট পড়েছে রাজৌরি ও পুঞ্চ জেলায়। বিকেল পাঁচটার মধ্যে এই দুই জেলায় ভোট পড়ে যায় (Lok Sabha Polls 2024) ৬৫ শতাংশ।

    ভোটারদের উৎসাহ 

    জম্মু-কাশ্মীরের পাঁচটি লোকসভা আসনে নির্বাচন হয়েছে পাঁচ দফায়। ষষ্ঠ দফায় ভোট হয়েছে অনন্তনাগ-রাজৌরি কেন্দ্রে। এর আগে বেশি ভোট পড়েছিল শ্রীনগর ও বারামুল্লায়। শতাংশের হিসেবে এই দুই কেন্দ্রে ভোট পড়েছিল যথাক্রমে ৩৫ ও ৫৯। রাজৌরি ও পুঞ্চ জেলায় ভোটারদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। উনিশের নির্বাচনে এই কেন্দ্রে ভোটারের সংখ্যা ছিল ১৩.৯৩ লাখ। সেটাই এবার বেড়ে হয়েছে ১৮.৩৬ লাখ। এর মধ্যে প্রথমবার ভোট দেবেন এমন ভোটারের সংখ্যা ৮১ হাজার। এই লোকসভা কেন্দ্রে কাশ্মীরি পণ্ডিত ভোটার ছিলেন প্রায় ২৫ হাজার।

    আর পড়ুন: ফের জমি দখল! ১০ লক্ষ টাকা দাবি তৃণমূল ঘনিষ্ঠ জমি মাফিয়ার, দায়ের হল অভিযোগ

    উনিশের লোকসভা নির্বাচনে এই কেন্দ্রে জয়ী হয়েছিলেন ন্যাশনাল কনফারেন্স প্রার্থী হাসনেইন মাসুদি। তিনি পেয়েছিলেন মাত্র ৪০ হাজার ১৮০টি ভোট। যদিও ভোটারের সংখ্যা সেবার ছিল ১৩ লাখের কিছু বেশি। ভোট দিয়েছিলেন মাত্র ৯ শতাংশ ভোটার। এই নির্বাচনের পরেই ভূস্বর্গে রদ করা হয় ৩৭০ ধারা। তার পরেই বাড়ল ভোটদানের হার। অথচ ২০১৪ সালে এই কেন্দ্রে ভোট পড়েছিল ২৮ শতাংশ। এই কেন্দ্রে সব চেয়ে বেশি ভোট পড়েছিল ১৯৮৪ সালে, ৭০ শতাংশ। আর সব চেয়ে কম ভোট পড়েছিল ১৯৮৯ সালে, মাত্র ৫ শতাংশ। বর্তমানে রাজৌরি ও পুঞ্চ জেলা অনন্তনাগ লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে। সীমানা পুনর্বিন্যাসের ফলেই এটা হয়েছে। উল্লেখ্য যে, ১৯৬৭ সাল থেকে ২০২২ সালের আগে পর্যন্ত ভূস্বর্গে হয়নি সীমানা পুনর্বিন্যাস। ৩৭০ জারি থাকায় ওই কাজ হয়নি। উনিশে রদ হয় ৩৭০ ধারা। তার পরেই শুরু হয় সীমানা পুনর্বিন্যাসের কাজ (Lok Sabha Polls 2024)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Army Chief Gets Extension: সেনা প্রধানের চাকরির মেয়াদ বাড়ল, কেন জানেন?

    Army Chief Gets Extension: সেনা প্রধানের চাকরির মেয়াদ বাড়ল, কেন জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারতীয় সেনার চিফ জেনারেল মনোজ পাণ্ডের (Army Chief Gets Extension) চাকরির মেয়াদ বাড়ানো হল আরও এক মাস। রবিবার সরকারের তরফে এই মর্মে জারি হয়েছে নির্দেশিকা। তাঁর মেয়াদ বাড়িয়ে করা হল ৩০ জুন। দেশে চলছে অষ্টাদশ লোকসভা নির্বাচন। সপ্তম তথা শেষ দফার নির্বাচন হবে পয়লা জুন। ফল বের হবে ৪ জুন। সরকারি সূত্রে খবর, জেনারেল পাণ্ডের উত্তরসূরি নির্বাচন করবে নয়া সরকার। সেই কারণেই বাড়ানো হল পাণ্ডের চাকরির মেয়াদ।

    বাড়ানো হল চাকরির মেয়াদ (Army Chief Gets Extension)

    পাণ্ডে সেনাপ্রধান পদে বসেছিলেন ২৫ মাস আগে। ৩১ মে তাঁর অবসরের দিন ছিল। যেহেতু দেশে নির্বাচন চলছে এবং পাণ্ডের উত্তরসূরি নির্বাচন হয়নি, তাই কার্যকালের মেয়াদ বাড়ানো হল সেনা প্রধানের। জারি করা বিবৃতিতে প্রতিরক্ষা মন্ত্রকের তরফে বলা হয়েছে, মন্ত্রিসভার অ্যাপয়েন্টমেন্ট কমিটি ২৬ মে, ২০২৪ আর্মি স্টাফের প্রধান মনোজ পাণ্ডের (Army Chief Gets Extension) কার্যকালের মেয়াদ বাড়ানো হল আরও এক মাস। তাঁর অবসরের দিন ছিল ৩১ মে, ২০২৪। সেটাই বাড়িয়ে করা হল ৩০ জুন, ২০২৪।

    জেনারেল পাণ্ডে

    উল্লেখ্য যে, গত কয়েক দশকে এই প্রথম সরকার কোনও সার্ভিস চিফের কার্যকালের মেয়াদ বাড়াল। ২০২২ সালের ৩০ এপ্রিল আর্মি স্টাফের প্রধান নিযুক্ত হন জেনারেল পাণ্ডে। কর্পস অফ ইঞ্জিনিয়ার্স পদে তাঁকে নিয়োগ করা হয়েছিল ১৯৮২ সালে। আর্মি প্রধান পদে নিযুক্ত হওয়ার আগে তিনি ছিলেন আর্মি স্টাফের ভাইস চিফ। এদিকে, জেনারেল পাণ্ডেকে রিটায়ারিং অফিসার্স আয়োজিত সেমিনারে বিদায় সম্বর্ধনা দিয়ে দেওয়া হয়েছিল। জুন মাসে আরও দুই প্রবীণ আধিকারিকের অবসর রয়েছে। তার আগেই বাড়ানো হল সেনা প্রধানের কার্যকালের মেয়াদ।

    আর পড়ুন: “আমার সমাজ-সংস্কৃতির জন্য লড়ব, তাতে মৃত্যু হলে হবে”, মমতাকে তোপ কার্তিক মহারাজের

    এদিকে, অসমর্থিত একটি সূত্রের খবর, আগামী মাসে ভারতে সফরে আসার কথা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার। সেই সময় হতে পারে দুই দেশের মধ্যে অস্ত্র চুক্তি। জেনারেল পাণ্ডের নেতৃত্বে সেই চুক্তির জল গড়িয়েছে অনেক দূর। সম্প্রতি তিনি ঢাকা ঘুরেও এসেছেন। সেই কারণেও তাঁর কার্যকালের মেয়াদ এক মাস বাড়িয়ে দেওয়া হল বলে খবর (Army Chief Gets Extension)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Weather Update: রাজস্থানে তাপমাত্রার হাফ সেঞ্চুরি! ৭২ ঘন্টায় তাপের বলি ২৫ জন

    Weather Update: রাজস্থানে তাপমাত্রার হাফ সেঞ্চুরি! ৭২ ঘন্টায় তাপের বলি ২৫ জন

    মাধ্যম নিউজ ডেস্ক: কলকাতায় ঝড়-বৃষ্টি হলেও জ্বালাপোড়া গরমে কুপোকাৎ রাজস্থানের মানুষ। রাজস্থান ছারাও পশ্চিম ও মধ্য ভারতের রাজ্যগুলিতে তীব্র দহন জ্বালার জেরে সতর্কতা জারি করা হয়েছে। শনিবার রাজস্থানের তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে গিয়েছিল। তীব্র তাপপ্রবাহে হিপস্ট্রোকে গত ৭২ ঘন্টায় ২৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে শেষ ২৪ ঘন্টায় ৬ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। মৃত্যুর সংখ্যা বাড়ায় প্রশাসনের কপালে চিন্তার ভাঁজ।  

    রাজস্থান জুড়ে লাল সতর্কতা (Weather Update)

    সোমবার পর্যন্ত রাজস্থানের ১৩ টি জেলায় লাল সতর্কতা (Weather Update) জারি করেছে প্রশাসন। রাজস্থানের আলওয়ার, বারান, কোটা, বাড়মের, বিকানের, হনুমানগড়, পালি, যোধপুর নাগৌর, জয়সলমের, এবং শ্রী গঙ্গানগর এলাকায় ১০ পর এবং বিকেল ৪টের আগে ঘরের বাইরে না বেরোনোর পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।আবহাওয়া দফতর সূত্রের খবর ২০১৬ সালের ১৯ মে রাজস্থানের ফলোদি-তে তাপমাত্রা ৫১ ডিগ্রী ছড়িয়েছিল।

    আরও পড়ুন: আছড়ে পড়বে রেমাল, হাওড়ায় বেঁধে রাখা হল লঞ্চ, তালা দেওয়া হয়েছে ট্রেনে

    এবার সেই রেকর্ড ভাঙার দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছে তাপমাত্রা। তবে শুধু রাজস্থান নয় পশ্চিমের রাজ্যগুলির মধ্যে পাঞ্জাব, হরিয়ানা, গুজরাট সহ দেশের মধ্যপ্রদেশ এবং উত্তর প্রদেশেও তাপপ্রবাহ চরমে পৌঁছেছে। মধ্যপ্রদেশের রতলাম। রাজগড়, খান্ডুয়া, খারগোন এলাকায় ৪৫ ডিগ্রী ছাড়িয়েছে তাপমাত্রা। দিল্লির তাপমাত্রা ৪৬ডিগ্রি সেলসিয়াসের উপরে পৌঁছেছে। পূর্বের রাজ্য অসমের রাজধানী গুয়াহাটিতেও তাপমাত্রা ক্রমাগত ঊর্ধ্বমুখী।

    গরম কমার কোনও সম্ভাবনা নেই

    তবে পশ্চিমবঙ্গে আপাতত স্বস্তির খবর। সোমবারও তাপমাত্রা ৪০ ডিগ্রী সেলসিয়াসের অনেকটা নিচেই থাকবে। রবিবার সন্ধ্যার পর থেকেই বৃষ্টির তীব্রতা বাড়বে। রাতে আছড়ে পড়বে রিমাল ঘূর্ণিঝড়। মে মাসের তৃতীয় সপ্তাহ ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে তীব্র দহন জ্বালায় কুপোকাৎ হচ্ছে মানুষ। ওই সব রাজ্যে এখনই গরম (Weather Update) কমার কোন সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

LinkedIn
Share