Category: দেশ

Get updates on India News Headlines National News from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • Gurpatwant Singh Pannun: রাত পোহালেই বিশ্বকাপ, ভারতকে ফের হুমকি-বার্তা খালিস্তানপন্থী জঙ্গি পান্নুনের

    Gurpatwant Singh Pannun: রাত পোহালেই বিশ্বকাপ, ভারতকে ফের হুমকি-বার্তা খালিস্তানপন্থী জঙ্গি পান্নুনের

    মাধ্যম নিউজ ডেস্ক: ফের হুমকি-বার্তা নিষিদ্ধ জঙ্গি সংগঠন শিখস ফর জাস্টিসের প্রতিষ্ঠাতা গুরুপন্ত সিং পান্নুনের (Gurpatwant Singh Pannun)। রাত পোহালেই আইসিসি মেন্স ওয়ার্ল্ড কাপ ২০২৩ এর ফাইনাল। তার আগে পান্নুনের এই হুমকি বার্তায় উদ্বেগে ক্রীড়াপ্রেমীরা। রবিবার গুজরাটের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে মুখোমুখি হবে ভারত ও অস্ট্রেলিয়া। পান্নুনের হুমকি-বার্তা পাওয়ার পরেই আরও আঁটোসাঁটো করা হয়েছে স্টেডিয়ামের নিরাপত্তা।

    পান্নুনের হুমকি

    গুজরাট পুলিশ ও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি কোমর কষে নেমেছে হাইভোল্টেজ এই ম্যাচ সম্পন্ন করতে। এদিন বিশ্বকাপ ফাইনাল খেলা দেখতে মাঠে উপস্থিত থাকবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও অস্ট্রেলিয়ার ডেপুটি প্রাইম মিনিস্টার রিচার্ড মার্লস। হুমকি-বার্তায় পান্নুন বলেছে, “১৯ নভেম্বর শিখদের আমরা এয়ার ইন্ডিয়ার বিমানে চড়তে নিষেধ করছি। ১৯ নভেম্বর গ্লোবাল ব্লকেড হবে। বিশ্বের কোথাও এদিন এয়ার ইন্ডিয়ার ওড়ার অনুমতি পাবে না। ১৯ নভেম্বরের পরেও তোমরা এয়ার ইন্ডিয়ার বিমানে চড়ো না। এটা প্রাণঘাতী হতে পারে। এটা ভারত সরকারকেও আমার সতর্কবার্তা। ১৯ নভেম্বর ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বন্ধ রাখা উচিত।”

    ভারতের গায়ে কালি ছেটানোর হীন চেষ্টা

    পান্নুন (Gurpatwant Singh Pannun) আরও বলেছে, “১৯ নভেম্বর ‘ওয়ার্ল্ড টেরর কাপে’র ফাইনাল ম্যাচ হবে। এটা বিশ্বকে দেখানো হবে ভারতে শিখ ভাইদের হত্যা করা হয়েছে এবং এটা করেছে ভারত। যখন আমরা পঞ্জাবকে মুক্ত করতে পারব, তখন এই বিমানবন্দরের নাম হবে শহিদ বিয়ন্ত সিং ও শহিদ সতবন্ত সিং এয়ারপোর্ট।” ভাইরাল হওয়া ভিডিও-বার্তায় পান্নুন বারবার যে দিনটির উল্লেখ করেছে, ঘটনাচক্রে সেই ১৯ নভেম্বর দিনটি প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জন্মদিন। ১৯৮৪ সালে খালিস্তানপন্থী জঙ্গিরা তাঁকে হত্যা করেছিল। এদিনই আবার রয়েছে ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল খেলা। সেই খেলা ভেস্তে দিতেই পান্নুনের যাবতীয় উদ্যোগ বলে ধারণা ওয়াকিবহাল মহলের।

    আরও পড়ুুন: খড়দায় বসে বিদেশি নাগরিকদের অ্যাকাউন্ট সাফ! কোটি কোটি টাকার প্রতারণা

    এই প্রথম নয়, ১৯ নভেম্বর অশান্তি হবে বলে আগেও একটি হুমকি বার্তা দিয়েছিল খালিস্তানপন্থী এই জঙ্গি। দ্বিতীয়বার ফের হুমকি বার্তা পাওয়ার পর দিল্লি সহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরগুলির নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাঁটো করা হয়েছে। প্রসঙ্গত, খালিস্তানপন্থী এই জঙ্গি ভারত থেকে পালিয়ে আমেরিকায় ঘাঁটি গেড়েছে। বর্তমানে সে রয়েছে কানাডায়। সেখান থেকেই ছাড়ছে গর্জন (Gurpatwant Singh Pannun)।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Uttarkashi Tunnel Collapse: দুর্ঘটনার ৫ দিন পরেও সুড়ঙ্গে আটকে শ্রমিকরা, উত্তরকাশী গেল পিএমও দল

    Uttarkashi Tunnel Collapse: দুর্ঘটনার ৫ দিন পরেও সুড়ঙ্গে আটকে শ্রমিকরা, উত্তরকাশী গেল পিএমও দল

    মাধ্যম নিউজ ডেস্ক: উত্তরকাশীতে সুড়ঙ্গে ধসের (Uttarkashi Tunnel Collapse) পর কেটে গিয়েছে পাঁচ দিন। এখনও উদ্ধার করা যায়নি সুড়ঙ্গে আটকে পড়া ৪০ জন শ্রমিককে। বাইরে থেকে অক্সিজেন এবং খাবার সরবরাহ করা হলেও, ক্রমেই মনে-প্রাণে ধ্বস্ত হয়ে পড়ছেন আটকে থাকা শ্রমিকরা। সুড়ঙ্গে আটকে থাকা শ্রমিকদের মধ্যে রয়েছেন এ রাজ্যের তিনজনও।

    উত্তরকাশীতে পিএমও-র দল

    উদ্ধারকার্য খতিয়ে দেখতে পিএমও-র একটি দল গিয়েছে উত্তরকাশীতে। জানা গিয়েছে, উদ্ধারকারী দল শুক্রবার পর্যন্ত ধ্বংসস্তূপ সরিয়ে সুড়ঙ্গের ২৪ মিটার অবধি যেতে পেরেছে। যদিও সুড়ঙ্গে আটকে পড়া শ্রমিকদের উদ্ধার করতে যেতে হবে ৬০ মিটার। ন্যাশনাল হাইওয়ে অ্যান্ড ইনফ্রাকস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড কর্তৃপক্ষ জানিয়েছেন, আটকে পড়া শ্রমিকদের উদ্ধার করতে পাঁচ নম্বর পাইপটি ঢোকানো হচ্ছে সুড়ঙ্গ পথে। কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, সুড়ঙ্গে আটকে পড়া শ্রমিকদের খাবার এবং জল সরবরাহ করা হচ্ছে। চলছে সাইকোলজিক্যাল কাউন্সেলিংও। তাঁরা সাইকোলজিক্যাল এক্সপার্টদের সঙ্গে কথাও বলছেন। তাঁরা প্রত্যেকেই শারীরিক ও মানসিকভাবে সুস্থ রয়েছেন।

    ইন্দোর থেকে আসছে নয়া মেশিন

    জানা গিয়েছে, আটকে পড়া শ্রমিকদের (Uttarkashi Tunnel Collapse) উদ্ধার করতে এতদিন যেসব মেশিন ব্যবহার করা হচ্ছিল, সেগুলির পাশাপাশি নতুন মেশিন আনা হচ্ছে। কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, এখন যে মেশিন কাজ করছে, সেটি ডিজেল চালিত মেশিন। মেশিনটি এনক্লোজড এলাকায় কাজ করছে। তাই ভেন্টিলেশনের জন্য কিছুক্ষণের জন্য বন্ধ রাখতে হচ্ছে মেশিনটি। মেশিনটি চলাকালীন ব্যাপক কম্পনও হচ্ছে। সমস্যা মেটাতে ইন্দোর থেকে উড়িয়ে আনা হচ্ছে অগার মেশিন। উদ্ধারকার্যে যাতে ব্যাঘাত না ঘটে, তাই এই ব্যবস্থা।

    আরও পড়ুুন: কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা দেয়নি মমতা সরকার! অভিযোগ শুনতে কল-সেন্টার চালু করছে বিজেপি?

    উদ্ধারকার্য ত্বরান্বিত করতে বিভিন্ন সংস্থার ৬৫ জন কর্মীকে নিয়োগ করা হয়েছে। এদের মধ্যে রয়েছে এনডিআরএফ, এসডিআরএফ, বর্ডার রোডস অর্গানাইজেশন এবং ইন্দো-টিবেটান বর্ডার পুলিশ। উদ্ধারকার্যে শামিল হয়েছেন থাইল্যান্ড ও নরওয়ের উদ্ধারকারী দলের বিশেষজ্ঞরাও। ন্যাশনাল হাইওয়ে অ্যান্ড ইনফ্রাকস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড কর্তৃপক্ষ জানান, জায়েন্ট ড্রিল মেশিনের সাহায্যে সুড়ঙ্গে ৮০০-৯০০ মিলিমিটার ডায়ামিটারের পাইপ ঢোকানো হচ্ছে। এভাবেই তৈরি করা হবে জায়গা। তার পরেই উদ্ধার করা সম্ভব হবে সুড়ঙ্গে আটকে পড়া শ্রমিকদের (Uttarkashi Tunnel Collapse)। এদিকে, আটকে পড়া শ্রমিকদের উদ্ধার করতে পুজো-আচ্চা শুরু হয়েছে সুড়ঙ্গের মুখে। প্রসঙ্গত, রবিবার দুপুরে জাতীয় সড়কের ওপর সুড়ঙ্গ তৈরি করতে গিয়ে ধস নামে। আটকে পড়েন শ্রমিকরা।  

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

     

  • Assembly Election 2023: ছত্তিসগড় শান্ত! মধ্যপ্রদেশে ভোটে চলল গুলি, জখম বিজেপি প্রার্থী

    Assembly Election 2023: ছত্তিসগড় শান্ত! মধ্যপ্রদেশে ভোটে চলল গুলি, জখম বিজেপি প্রার্থী

    মাধ্যম নিউজ ডেস্ক: মধ্যভারতের প্রধান রাজ্য মধ্যপ্রদেশ ও ছত্তিসগড়ে বিধানসভা নির্বচনে ভোট পড়ল যথাক্রমে ৭১ শতাংশ ও ৬৮ শতাংশ। এদিন দ্বিতীয় দফায় ছত্তিসগড়ে ৭০ আসনে ভোট নেওয়া হয়েছে। মধ্যপ্রদেশে ২৩০ টি আসনে ভোট গ্রহণ করা হয়। ডিসেম্বরের ৩ তারিখে ভোট গণনা পর্ব শুরু হবে। এদিন ভোট গ্রহণের সময় মধ্যপ্রদেশে বিক্ষিপ্ত অশান্তি চোখে পড়ে। ছত্তিসগড়ে ভোট ছিল মোটের উপর শান্তিপূর্ণ।

    ছত্তিসগড়ে নির্বাচন

    ছত্তিসগড় বিধানসভায় মোট ৯০টি আসন। তার মধ্যে মাওবাদী-উপদ্রুত ২০টি আসনে গত ৭ নভেম্বর প্রথম দফা ভোট নেওয়া হয়ে গিয়েছে। বাকি ৭০টি আসনে ভোটগ্রহণ করা হল শুক্রবার। ভোট হল রায়পুর, বিলাসপুর, ভিলাইয়ের মতো গুরুত্বপূর্ণ শহরে। দ্বিতীয় দফায় নির্ধারিত হবে ৯৫৮ জন প্রার্থীর ভাগ্য। 

    মধ্যপ্রদেশে ভোট গ্রহণ

    মধ্যপ্রদেশে বিধানসভা নির্বাচন (Madhya Pradesh Assembly Elections 2023) চলাকালীন প্রকাশ্যে গুলি চালাল (open fire) অজ্ঞাত পরিচয়ের দুষ্কৃতীরা। শুক্রবার মেহগাও বিধানসভা (Mehgaon Assembly constituency) এলাকার এই ঘটনায় বিজেপি প্রার্থী (BJP candidate) জখম হন। ২৩০ আসন বিশিষ্ট মধ্যপ্রদেশ বিধানসভার ভোট একদফায় হয় শুক্রবার। সকাল সাতটা থেকে ভোট চলে বিকেল ৬টা পর্যন্ত। তবে বালাঘাট জেলার বাইহার, লানজি ও পারসওয়ারা বিধানসভা আসনে এবং মান্ডলা ও ডিন্ডোরি জেলার বেশ কয়েকটি বুথে ভোট গ্রহণ চলে ৩টে পর্যন্ত। ওই এলাকাগুলি নকশাল অধ্যুষিত হওয়ায় এই পদক্ষেপ নিয়েছে নির্বাচন কমিশন।

    মধ্যপ্রদেশে বিজেপির গুরুত্বপূর্ণ প্রার্থীদের মধ্যে মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান (বুধনি), দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয়ের পাশাপাশি রয়েছেন তিন কেন্দ্রীয় মন্ত্রী— নরেন্দ্র সিং তোমর (মোরেনা), প্রহ্লাদ পটেল (নরসিংহপুর) এবং ফগ্গন সিং কুলস্তে। কংগ্রেসের ‘মুখ্যমন্ত্রী মুখ’ কমল নাথ ছিন্দওয়াড়ায় প্রার্থী হয়েছেন। রাজ্যের ৪২ হাজার ভোট কেন্দ্রে নিরাপত্তার জন্য আনুমানিক ৭০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে সঙ্গে মধ্যপ্রদেশ পুলিশের ২ লক্ষ কর্মীও মোতায়েন করা হয়। 

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • PM Modi: ডিপফেক নিয়ে উদ্বিগ্ন স্বয়ং প্রধানমন্ত্রীও, হুঁশিয়ারি দিলেন চ্যাট জিপিটিকে

    PM Modi: ডিপফেক নিয়ে উদ্বিগ্ন স্বয়ং প্রধানমন্ত্রীও, হুঁশিয়ারি দিলেন চ্যাট জিপিটিকে

    মাধ্যম নিউজ ডেস্ক: “আমাদের হাতে এখন কৃত্রিম মেধার মতো উন্নত প্রযুক্তি রয়েছে। আমাদের উচিত দায়িত্ববোধের সঙ্গে সেই প্রযুক্তি ব্যবহার করা। কেউ যেন এই ধরনের প্রযুক্তির অপব্যবহার না করেন। এজন্য এ ব্যাপারে উপযুক্ত শিক্ষার প্রসার ঘটানো জরুরি।” শুক্রবার দিল্লিতে বিজেপির সদর দফতরে আয়োজিত দিওয়ালি মিলন অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে একথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। তিনি বলেন, “একটি ফেক ভিডিওতে আমাকে গরবা নাচতে দেখা গিয়েছে। এটা দেখে আমি বিস্মিত হয়েছি। কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিপফেক আমাদের কাছে ক্রমেই বড় চ্যালেঞ্জ হয়ে উঠছে।”

    ‘অশান্তি ও অস্থিরতার সৃষ্টি হতে পারে’

    প্রধানমন্ত্রী বলেন, “আমাদের সমাজের একটা বড় অংশের মানুষের এই জাল ভিডিও যাচাই করার সুযোগ নেই। তাই লোকজন সহজেই ডিপফেককে বিশ্বাস করে নেয়। এতে সমাজে অশান্তি ও অস্থিরতার সৃষ্টি হতে পারে।” তিনি বলেন, “ডিপফেক কীভাবে কাজ করে, এটা কী করতে পারে, কোন চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে আমাদের, এ থেকে কী হতে পারে, এগুলো আমাদের জানতে হবে। দেশবাসীকে এ ব্যাপারে সচেতন হতে হবে। একটি ফেক ভিডিওয় আমাকে গরবা নাচতে দেখা গিয়েছে। স্কুল ছাড়ার পর কোনওদিনই আমি গরবা নাচিনি। আমার প্রিয়জনেরাও এই ভিডিও শেয়ার করছেন। এটা গভীর উদ্বেগের বিষয়।”

    চ্যাট জিপিটিকে হুঁশিয়ারি

    প্রধানমন্ত্রী (PM Modi) জানান, তিনি ইতিমধ্যেই চ্যাট জিপিটির সঙ্গে কথা বলেছেন। তাদের এ ব্যাপারে সতর্ক করার পাশাপাশি ডিপফেক প্রযুক্তিকেও যেন তাদের তৈরি ভিডিও বা অন্য বিষয়বস্তু নিয়ে সতর্ক করা হয়। তিনি বলেন, “গত সপ্তাহেও আমরা ‘ভোকাল ফর লোকালে’র পক্ষে সওয়াল করেছিলাম। আমরা বলেছিলাম, দেশে প্রায় ৪.৫ লাখ কোটি টাকার ব্যবসা হচ্ছে। লোকজন ক্ষুদ্র ব্যবসায় নিযুক্ত হয়ে রোজগার করছেন। এর ভিত্তিতেই আমরা উন্নত ভারত গঠনের পথে এগোতে পারি। এ ব্যাপারে একটা বিশ্বাসের জায়গা গড়ে তুলতে হবে। এ ব্যাপারে দেশবাসীকে উৎসাহ দিতে হবে।”

    আরও পড়ুুন: জমির দালাল থেকে তৃণমূলের প্রধান, রকেট গতিতে উত্তরণই কাল হল রূপচাঁদের

    তিনি (PM Modi) বলেন, “আপনারা এ নিয়ে সম্মেলনের আয়োজন করতে পারেন। সেখানে আলোচনা করতে পারেন দেশের ১০টি শহর কীভাবে এক ট্রিলিয়ান থেকে তিন ট্রিলিয়ন অর্থনীতির হতে পেরেছে। কীভাবে ওই শহরগুলি ক্রমেই তাদের অর্থনীতির ভিত মজবুত করে চলেছে? এ ব্যাপারে আলোচনা করতে আপনারা ওই শহরগুলি থেকে বিশেষজ্ঞদের আনতে পারেন।”

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

  • Jammu Kashmir: ভূস্বর্গে জঙ্গি-নিরাপত্তারক্ষী সংঘর্ষ, খতম লস্কর-ই-তইবার ৫ জঙ্গি

    Jammu Kashmir: ভূস্বর্গে জঙ্গি-নিরাপত্তারক্ষী সংঘর্ষ, খতম লস্কর-ই-তইবার ৫ জঙ্গি

    মাধ্যম নিউজ ডেস্ক: ভূস্বর্গে (Jammu Kashmir) ফের খতম জঙ্গি। শুক্রবার নিরাপত্তারক্ষীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে জঙ্গিরা। কুলগাঁওয়ের ওই সংঘর্ষে মৃত্যু হয় পাঁচ জঙ্গির। মৃত জঙ্গিরা লস্কর-ই-তইবার সদস্য ছিল। গত দুদিন ধরে চলছিল সংঘর্ষ। শেষমেশ শুক্রবারে নিকেশ হয় জঙ্গিরা। কাশ্মীর জোন পুলিশ হ্যান্ডেলে করা পোস্টে লেখা হয়েছে, “দ্বিতীয় দিন: পাঁচ জঙ্গি নিকেশ কুলগাঁও পুলিশ, সেনা ও সিআরপিএফ। জঙ্গিদের ডেরা থেকে উদ্ধার হয়েছে আপত্তিকর বস্তু। অভিযান শেষ পর্যায়ে। এলাকা জঙ্গিমুক্ত।”

    জঙ্গিদের খোঁজে চলছে তল্লাশি

    স্থানীয় সূত্রে খবর, জঙ্গিদের খোঁজে এখনও এলাকায় চলছে তল্লাশি। সীমান্তে নিরাপত্তা রক্ষীদের সঙ্গে জঙ্গিদের গুলি বিনিময়ও চলছে। জম্মু-কাশ্মীর পুলিশ সূত্রে খবর, কুলগাঁওয়ের ডিএইচ পোরা অঞ্চলের সামনো এলাকায় বৃহস্পতিবার দুপুরে শুরু হয় সংঘর্ষ। সেই সংঘর্ষই চলছে এখনও। জঙ্গিদের (Jammu Kashmir) বিরুদ্ধে এই যৌথ অভিযানে অংশ নিয়েছে সেনার ৩৪ নম্বর রাষ্ট্রীয় রাইফেলস, ৯ পারা, পুলিশ এবং সিআরপিএফ।

    অনুপ্রবেশের চেষ্টা জঙ্গিদের

    এর আগে নভেম্বরের ১৫ তারিখে উরি সেক্টরে নিয়ন্ত্রণ রেখায় অনুপ্রবেশের চেষ্টা করেছিল জঙ্গিরা। তাদের সে চেষ্টা ব্যর্থ করে দিয়েছে সেনা। ‘অপারেশন কালী’ নামের ওই যৌথ অভিযানে সেনা ও জম্মু-কাশ্মীর পুলিশ অনুপ্রবেশের চেষ্টা রুখে দিয়ে জঙ্গিদের পরিকল্পনা ভেস্তে দেয়। একই অঞ্চলে এদিন অনুপ্রবেশের চেষ্টা করেছিল জঙ্গিরা। সেই চেষ্টায়ও জল ঢেলে দিলেন নিরাপত্তারক্ষীরা। নিহত জঙ্গিদের একজন বশির আহমেদ মালিক। জম্মুকাশ্মীরে সীমান্তপারের সন্ত্রাসীদের এক চাঁই ছিল সে।

    আরও পড়ুুন: বৈঠক শেষে ফের জিনপিংকে ‘একনায়ক’ কটাক্ষ বাইডেনের, কেন চুপ চিনা প্রেসিডেন্ট?

    ফি বার শীতকালে তীব্র ঠান্ডার সুযোগ নিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করে পাক মদতপুষ্ট জঙ্গিরা। ঠান্ডা পড়তেই এবার শুরু হয়ে গিয়েছে জঙ্গিদের তৎপরতা। তবে সীমান্তে সেনার শ্যেনদৃষ্টি এড়িয়ে আপাতত তা সম্ভব হচ্ছে না পাকিস্তানে ঘাঁটি গেড়ে থাকা জঙ্গিদের পক্ষে। প্রসঙ্গত, দ্বিতীয়বার ক্ষমতায় ফিরেই কাশ্মীর থেকে ৩৭০ ধারা রদ করে নরেন্দ্র মোদির সরকার। তার পর থেকে ক্রমেই কমতে থাকে ভূস্বর্গে রক্ত ঝরার পরিমাণ। যদিও বিক্ষিপ্ত অশান্তি লাগিয়েই রেখেছে জঙ্গিরা। এরই সঙ্গে পাল্লা দিয়ে জারি রয়েছে জঙ্গি অনুপ্রবেশ। পাক মদতপুষ্ট জঙ্গিদের সেই প্রচেষ্টা রুখতে গিয়ে নিরাপত্তারক্ষীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ছে জঙ্গিরা (Jammu Kashmir)।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Myanmar: শরণার্থীর ভিড়ে মিশে দেশে ঢুকছেন মায়ানমারের সেনাকর্মী, মাথাব্যথা বাড়ছে ভারতের

    Myanmar: শরণার্থীর ভিড়ে মিশে দেশে ঢুকছেন মায়ানমারের সেনাকর্মী, মাথাব্যথা বাড়ছে ভারতের

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারত-মায়ানমার সীমান্তে চলছে ঘোর যুদ্ধ। ভয়ে দেশ ছেড়ে ভারতে ঢুকে পড়ছে মায়ানমারবাসী। পিঠ বাঁচাতে জনতার ভিড়ে মিশে গিয়ে ভারতে ঢুকে পড়ছে মায়ানমারের (Myanmar) সেনারাও। জানা গিয়েছে, ইতিমধ্যেই ভারতে অনুপ্রবেশ করেছে হাজার পাঁচেক মায়ানমারবাসী। তাঁদের মধ্যে বেশ কয়েকজন সেনাকর্মীও রয়েছেন। ভারতে ঢোকার জন্য মিজোরাম সীমান্তে অপেক্ষার প্রহর গুণছেন বহু শরণার্থী।

    জুন্টা সেনার বিরুদ্ধে লড়ছে বিদ্রোহী গোষ্ঠী

    বছর কয়েক আগে অং সান সু চি-র দলকে সরিয়ে মায়ানমারের রাশ হাতে নেয় সেনা পরিচালিত জুন্টা সরকার। সম্প্রতি জুন্টা সেনার বিরুদ্ধে অস্ত্র ধরে বিদ্রোহী গোষ্ঠী। তার পর থেকেই চলছে দু’ পক্ষে তুমুল সংঘর্ষ। মণিপুর, মিজোরাম ও নাগাল্যান্ড এই তিন রাজ্যের সীমানা লাগোয়া ভারত-মায়ানমার সীমান্ত রয়েছে দেড় হাজার কিলোমিটারের কাছাকাছি। এই অঞ্চলে দেড়শোরও বেশি জনগোষ্ঠীর বাস। ভারতে ঢুকে এদের ভিড়েই মিশে যাচ্ছে অনুপ্রবেশকারীরা (Myanmar)। দিন কয়েক আগে এ দেশে আশ্রয় নিয়েছিলেন মায়ানমারের ৩৯ জন সেনাকর্মীও। রবিবার ঢুকে পড়েছে আরও পাঁচজন। এঁদের শনাক্ত করে মায়ানমারে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।

    ভারতের শিরঃপীড়ার কারণ 

    পড়শি দেশের এই গৃহযুদ্ধই শিরঃপীড়ার কারণ হচ্ছে ভারতের। তাই ‘মিশন মায়ানমার’ হাতে নিয়েছে নয়াদিল্লি। এর লক্ষ্য হল, মায়ানমার সীমান্তবর্তী ভারতের গ্রামগুলির বাসিন্দাদের নিরাপত্তা দেওয়া এবং মায়ানমারের দুর্গতদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া। মায়ানমারের পরিস্থিতি যাতে হাতের বাইরে চলে না যায়, সেই চেষ্টাও করছে নয়াদিল্লি। সীমান্তে বাড়ানো হয়েছে নজরদারি।

    আরও পড়ুুন: গাজায় প্রবীণ হামাস নেতার বাড়িতে হানা ইজরায়েলের, কোথায় গেলেন প্রাক্তন প্রধানমন্ত্রী?

    বিদেশমন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি বলেন, “আমরা মায়ানমারে শান্তি, স্থিতিশীলতা ও গণতন্ত্র ফিরিয়ে আনার আহ্বান জানাচ্ছি। ভারত-মায়ানমার সীমান্তে মিজোরামের জোখাওথারের উল্টো দিকে, মায়ানমারের চিন প্রদেশের রিখাওদার এলাকায় তীব্র লড়াইয়ের ফলে, মায়ানমারের নাগরিকরা ভারতে পালিয়ে আসছেন। আমাদের সীমান্তের কাছাকাছি এই ধরনের ঘটনা নিয়ে আমরা গভীরভাবে উদ্বিগ্ন।” তিনি বলেন, “মায়ানমারের পরিস্থিতি নিয়ে ভারতের অবস্থান খুব স্পষ্ট। হিংসা বন্ধ হোক, এটাই চায় ভারত। আমরা চাই গঠনমূলক আলোচনার মাধ্যমে এই পরিস্থিতির সমাধান হোক।” বাগচি বলেন, “মানবিক কারণে সংশ্লিষ্ট প্রতিবেশী রাজ্যের স্থানীয় কর্তৃপক্ষ তাঁদের সেখানে থাকার ব্যবস্থা করে দিয়েছে। যারা মায়ানমারে (Myanmar) ফিরে যেতে ইচ্ছুক, আমরা তাদের ফিরে যাওয়ার ব্যবস্থাও করে দিয়েছি।”

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

  • Parliament: মহুয়াকাণ্ডের জের! এবার থেকে সংসদে প্রশ্ন করতে হবে স্বয়ং সাংসদদেরই?

    Parliament: মহুয়াকাণ্ডের জের! এবার থেকে সংসদে প্রশ্ন করতে হবে স্বয়ং সাংসদদেরই?

    মাধ্যম নিউজ ডেস্ক: ঘুষ নিয়ে সংসদে প্রশ্ন করেছিলেন কৃষ্ণনগরের সাংসদ তৃণমূলের মহুয়া মৈত্র। এমনই অভিযোগ ওঠায় মহুয়ার সাংসদ পদ বাতিলের সুপারিশ করেছিল সংসদের (Parliament) এথিক্স কমিটি। এমতাবস্থায় সাংসদের আপ্ত সহায়ক কিংবা অন্য কেউ আর প্রশ্ন করতে পারবেন না বলে সিদ্ধান্ত নিতে চলেছে লোকসভার সচিবালয়। সংসদের অধিবেশনে কোনও প্রশ্ন করতে হলে তা করতে হবে স্বয়ং সাংসদকেই। সূত্রের খবর, আসন্ন শীতকালীন অধিবেশনেই এই নিয়ম লাগু করা হতে পারে।

    সংসদের শীতকালীন অধিবেশন

    ৪ ডিসেম্বর শুরু হবে সংসদের শীতকালীন অধিবেশন। জানা গিয়েছে, এই অধিবেশনেই প্রশ্ন করার অধিকারের নিয়মে আনা হচ্ছে বদল। এবার থেকে আর সাংসদদের আপ্ত-সহায়করা অনলাইনে প্রশ্ন জমা দিতে পারবেন না। আপ্ত-সহায়কদের এই অধিকার প্রত্যাহার করে নেওয়া হচ্ছে অনির্দিষ্টকালের জন্য। প্রশ্ন করতে হলে সাংসদদের নিজস্ব অ্যাকাউন্ট থেকেই তা করতে হবে। এবং তা করতে হবে স্বয়ং সাংসদকেই। বিষয়টি নিয়ে বুধবার বৈঠকে বসেছিল লোকসভার (Parliament) সচিবালয়। তবে অদূর ভবিষ্যতে আপ্ত-সহায়কদের অ্যাকাউন্ট পরিচালনার অধিকার ফিরিয়ে দেওয়া হবে কিনা, সে বিষয়ে কোনও সিদ্ধান্ত হয়নি ওই বৈঠকে।

    মহুয়া মৈত্রের বিরুদ্ধে অভিযোগ

    ঘুষের বদলে প্রশ্ন করার অভিযোগ উঠেছিল তৃণমূল নেত্রী মহুয়া মৈত্রের বিরুদ্ধে। এও অভিযোগ উঠেছিল, মহুয়া তাঁর সাংসদ অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিয়েছিলেন ব্যবসায়ী হিরানন্দানিকে। হিরানন্দানির কাছ থেকে এজন্য ২ কোটি টাকা ও নানাবিধ দামি উপহার নিয়েছিলেন মহুয়া। তৃণমূল নেত্রীর বিরুদ্ধে এই অভিযোগ পৌঁছায় লোকসভার এথিক্স কমিটির কাছে। এথিক্স কমিটি তলব করে কৃষ্ণনগরের সাংসদকে। কমিটির বৈঠক চলাকালীন মাঝপথে বেরিয়ে চলে আসেন মহুয়া। কমিটি মহুয়ার সাংসদ পদ বাতিলের সুপারিশ করে। এ সংক্রান্ত রিপোর্ট গৃহীত হয় এথিক্স কমিটির বৈঠকেও।

    আরও পড়ুুন: জয়নগরে তৃণমূল নেতা খুনে নদিয়া থেকে গ্রেফতার ‘মাস্টারমাইন্ড’

    জানা গিয়েছে, রিপোর্টে মহুয়ার সাংসদ পদ বাতিল করা ও তাঁর বিরুদ্ধে ওঠা আর্থিক অনিয়মের অভিযোগ খতিয়ে দেখতে সরকারি তদন্ত করার সুপারিশও করা হয়েছে। সংসদের শীতকালীন অধিবেশনে স্পিকার ওম বিড়লা সংসদে (Parliament) পেশ করতে পারেন এথিক্স কমিটির রিপোর্ট। সেটি পেশ করা হলে সর্বতোভাবে সমর্থন জানাবে বিজেপি।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Niti Aayog Report: ফের এক গোল চিনকে! স্কুল শিক্ষায় বেজিংকে পিছনে ফেলল মোদির ভারত?

    Niti Aayog Report: ফের এক গোল চিনকে! স্কুল শিক্ষায় বেজিংকে পিছনে ফেলল মোদির ভারত?

    মাধ্যম নিউজ ডেস্ক: স্কুল শিক্ষায় চিনকে পিছনে ফেলে দিল ভারত। বর্তমানে ভারতে স্কুলের সংখ্যা চিনের চেয়ে পাঁচগুণ বেশি (Niti Aayog Report)। সরকারি নীতির কারণে চিনে বন্ধ হয়ে যাচ্ছে একের পর এক আন্তর্জাতিক ও বেসরকারি স্কুল। সেগুলিকে সচল রাখতে একটিকে মিশিয়ে দেওয়া হচ্ছে অন্যটির সঙ্গে। কেউ কেউ আবার পাততাড়ি গুটিয়ে চলে যাচ্ছে।

    পাততাড়ি গোটাচ্ছে স্কুল

    জিনপিং সরকারের কঠোর নিয়ম, অতিমারি-উত্তর কালে অর্থনৈতিক মন্দা ও বিদেশি পড়ুয়ার সংখ্যা ক্রমশ কমতে থাকায় সে দেশের স্কুলগুলির দশা বেহাল। স্কুল শিক্ষার বিষয়ে নীতি আয়োগের সর্বশেষ রিপোর্ট থেকেই জানা গিয়েছে এসব তথ্য। সাম্প্রতিক এক প্রতিবেদন থেকেও জানা গিয়েছে, ২০২০ সালে এক লক্ষ ৮০ হাজারের কাছাকাছি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ছিল। চিনা শিক্ষা ব্যবস্থার এক তৃতীয়াংশই ছিল এই প্রতিষ্ঠানগুলি। প্রতিষ্ঠানগুলিতে পড়াশোনা করত ৫ কোটি ৬ লক্ষ ছাত্রছাত্রী। এই স্কুলগুলির সিংহভাগই হয় ব্যবসা গুটিয়ে নিয়েছে, নয়তো একটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে অন্যটিকে।

    হা-পড়ুয়া দশা 

    কোভিড অতিমারি পরিস্থিতিতে চিন ছেড়েছেন বহু বিদেশি। চিন-তাইওয়ান ভূরাজনৈতিক উত্তেজনার জেরেও জিনপিংয়ের দেশ ছেড়ে অন্যত্র গিয়ে থিতু হয়েছেন অনেকে। এসব কারণেও চিনে কমেছে বিদেশির সংখ্যা। যার প্রভাব পড়েছে ড্রাগনের দেশের বেসরকারি স্কুলগুলিতে। কারণ এই স্কুলগুলিতেই পড়ত তাঁদের ছেলেমেয়েরা (Niti Aayog Report)। নীতি আয়োগের রিপোর্টে এও জানা গিয়েছে, সংখ্যাতত্ত্বের নিরিখে চিনকে পিছনে ফেললেও, ভারতের বহু অঙ্গরাজ্যের স্কুলগুলিরও হা-পড়ুয়া দশা। অনেক রাজ্যে ৫০ শতাংশেরও বেশি প্রাথমিক বিদ্যালয়ে ৬০ জনেরও কম শিক্ষার্থী রয়েছে।

    আরও পড়ুুন: ‘‘তৃণমূল বলে কিছু নেই, পুলিশও কন্ট্রোলে নেই’’! থানায় যুবকের মৃত্যুতে বিস্ফোরক দিলীপ

    এর কারণ হিসেবে জানা গিয়েছে, দুর্বল পরিকাঠামো, প্রধান শিক্ষক কিংবা অধ্যক্ষের অভাব সহ নানা সমস্যায় জর্জরিত এই স্কুলগুলি। সেই কারণেই কমেছে পড়ুয়ার সংখ্যা। সমস্যার সমাধানে স্কুলগুলির একটিকে অন্যটির সঙ্গে মিশিয়ে দেওয়ার পরামর্শ দিয়েছে নীতি আয়োগ। রিপোর্টে বলা হয়েছে, এভাবে দূর করা যেতে পারে হা-পড়ুয়া দশা। জাতীয় শিক্ষা নীতির সুপারিশ মেনে রাজ্যগুলিকে বড় দ্বাদশ শ্রেণির স্কুল তৈরির পরামর্শও দেওয়া হয়েছে (Niti Aayog Report)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Infosys Prize 2023: ভারতকে শিক্ষক প্রশিক্ষণের জন্য ২০ বিলিয়ন ডলার বিনিয়োগের বার্তা এন আর নারায়ণ মূর্তির

    Infosys Prize 2023: ভারতকে শিক্ষক প্রশিক্ষণের জন্য ২০ বিলিয়ন ডলার বিনিয়োগের বার্তা এন আর নারায়ণ মূর্তির

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারতকে আগামী ২০ বছরের জন্য প্রাথমিক এবং মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের প্রশিক্ষণের জন্য বার্ষিক ১ বিলিয়ন করে মোট ২০ বিলিয়ন ডলার বিনিয়োগ করতে হবে বলে বার্তা দিলেন ইনফোসিস প্রতিষ্ঠাতা এন আর নারায়ণ মূর্তি। এই কথা বেঙ্গালুরুতে ইনফোসিস পুরস্কার ২০২৩ (Infosys Prize 2023) প্রদানের অনুষ্ঠানে বলেছেন তিনি। এই অনুষ্ঠানে তিনি বলেন, “কেন্দ্রের মোদি সরকারের প্রবর্তিত জাতীয় শিক্ষা নীতিকে দেশে দ্রুত বাস্তবায়ন করা একান্ত প্রয়োজন। সরকারকে আরও কার্যকর ভূমিকা গ্রহণ করতে হবে।” ভারত এবং সারা বিশ্বের বিজ্ঞানী, গবেষক, অধ্যাপক এবং অর্থনীতিবিদদের প্রতি বছর ছয়টি বিভাগে পুরস্কার দেওয়া হয় এই সংস্থার পক্ষ থেকে। এই বছরও ছয় জনকে পুরস্কৃত করা হয়েছে। 

     ঠিক কী বললেন এন আর নারায়ণ মূর্তি (Infosys Prize 2023)?

    এন আর নারায়ণ মূর্তি, ইনফোসিস সায়েন্স ফাউন্ডেশন আয়োজিত ইনফোসিস পুরস্কার অনুষ্ঠানে (Infosys Prize 2023) ‘জাতীয় শিক্ষা নীতি’র বাস্তবায়ন নিয়ে বলেন, “শিক্ষার ক্ষেত্রে জাতীয় শিক্ষা নীতি (এনইপি) কে যত তাড়াতাড়ি সম্ভব বাস্তবায়ন করতে হবে। এর বাস্তবায়নের একটি উপায় হল দেশের ২৮ টি রাজ্য এবং ৮ টি কেন্দ্র শাসিত অঞ্চলে ২৫০০ টি ট্রেনিং টিচার কলেজ তৈরি করতে হবে। বিজ্ঞান, প্রযুক্তি, ইঞ্জিনারিং, গণিত বিষয়ে দেশ-বিদেশের অভিজ্ঞ শিক্ষক দিয়ে ব্যাপক প্রশিক্ষণ কর্মসূচী গ্রহণ করতে হবে। চারজন করে প্রশিক্ষক, ১০০ জন করে প্রাথমিক শিক্ষককে এবং ১০০ জন করে মাধ্যমিক শিক্ষককে প্রশিক্ষণ দেওয়ার কাজ করবেন। আমরা এই পদ্ধতি মেনে ২ লাখ ৫০ হাজার করে প্রাথমিক এবং মধ্যমিক শিক্ষকদের মোট ৫ লাখ শিক্ষককে প্রশিক্ষণ দেবো। ফলে আগামী আরও ৫ বছরে প্রশিক্ষিতরাই প্রশিক্ষক হয়ে উঠবেন। এই জন্য আমাদের প্রতিবছর ১০ লাখ অর্থাৎ ১ বিলিয়ন ডলার খরচ করতে হবে, যা আগামী ২০ বছরের জন্য ভারতের খরচ হবে ২০ বিলিয়ন ডলার। আমাদের দেশ দ্রুত ৫ ট্রিলিয়ন অর্থনীতির দেশ হবে, ফলে এতে খরচ করা খুব একটা কঠিন কিছু হবে না। অতিরিক্ত বোঝা হবে না।”

    ইনফোসিস পুরস্কার ২০২৩

    ইনফোসিস সায়েন্স ফাউন্ডেশন (ISF)-এর তরফ থেকে ছয়টি বিভাগে ইনফোসিস পুরস্কার ২০২৩-এর (Infosys Prize 2023) বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে বলে জানা গিয়েছে। যে বিভাগগুলির মধ্যে পুরস্কার পেয়েছেন সেগুলি হল, ইঞ্জিনিয়ারিং এবং কম্পিউটার সায়েন্স বিভাগে সচিদানন্দ ত্রিপাঠী, আইআইটি কানপুর। হিউম্যানিটিজ বিভাগে পান জাহ্নবী পালকে, সাইন্স গ্যালারি বেঙ্গালুরু। লাইফ সায়েন্সেস বিভাগে পান অরুণ কুমার শুক্লা, আইআইটি কানপুর। ম্যাথমেটিকাল সায়েন্সেস বিষয়ে পান ভার্গভ ভট্ট, ইনস্টিটিউট ফর অ্যাডভান্সড স্টাডি এবং প্রিন্সটন ইউনিভার্সিটি। আবার ফিজিক্যাল সায়েন্সেস বিষয়ে পান মুকুন্দ ঠাট্টা, ন্যাশনাল সেন্টার ফর বায়োলজিক্যাল সায়েন্সেস। সোশ্যাল সায়েন্সেসে পুরস্কার পান করুণা মানতেনা, কলম্বিয়া বিশ্ববিদ্যালয়। প্রতিটি বিভাগের জন্য ইনফোসিস পুরস্কারে পুরস্কার প্রপাকদের একটি স্বর্ণপদক, একটি প্রশংসাপত্র এবং এক লাখ টাকার চেক প্রদান করা হয়েছে বলে জানা গিয়েছে। অনুষ্ঠানটি আয়োজিত হয়েছিল বেঙ্গালুরু ইনফোসিস সায়েন্স ফাউন্ডেশনের অফিসে। পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করতে এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রিস গোপালকৃষ্ণান, নারায়ণ মূর্তি, শ্রীনাথ বাটনি, কে. দীনেশ এবং এসডি শিবুলাল।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Uttarakhand: উত্তরাখণ্ডের সুড়ঙ্গে ৩দিন আটকে ৪০ শ্রমিক, আজই উদ্ধারের সম্ভাবনা, জানাল প্রশাসন

    Uttarakhand: উত্তরাখণ্ডের সুড়ঙ্গে ৩দিন আটকে ৪০ শ্রমিক, আজই উদ্ধারের সম্ভাবনা, জানাল প্রশাসন

    মাধ্যম নিউজ ডেস্ক: রবিবারই উত্তরাখণ্ডে (Uttarakhand) দেরাদুনের কাছে একটি নির্মীয়মান সুড়ঙ্গে ধস নামে। ৭০ ঘণ্টা ধরে সেখানে আটকে রয়েছেন ৪০ জন শ্রমিক। এখনও তাঁদের উদ্ধার করা সম্ভব হয়নি। তবে উদ্ধার কাজ খুব তৎপরতার সঙ্গে এগিয়ে নিয়ে যাচ্ছে এনডিআরএফ ও এসডিআরএফ। উত্তরকাশীর সিল্কইয়ারা ও দাদলাগাঁওয়ের মাঝে এই ব্রহ্মখাল-যমুনোত্রী টানেলে ধসের জেরে ৪০ জন শ্রমিক সেখানে আটকে পড়েন। জানা গিয়েছে, ১৬০ জনের উদ্ধারকারী দল সমস্ত রকমের প্রচেষ্টা চালাচ্ছেন। প্রশাসনের তরফে জানানো হয়েছে, শ্রমিকদের উদ্ধার করার সবরকম চেষ্টা হচ্ছে। কিন্তু প্রাকৃতিক কারণে বার বার উদ্ধারকাজে ব্যাঘাত ঘটছে। নতুন করে এলাকায় ধস নামায় উদ্ধারকর্মীরা কাজ বন্ধ রাখতে বাধ্য হন। নতুন ড্রিল মেশিন নিয়ে এসে ফের উদ্ধারের কাজ শুরু করা হয়েছে। সে রাজ্যের প্রশাসন জানিয়েছে, একটি পাইপের মাধ্যমে আটকে পড়া শ্রমিকদের খাবার পৌঁছানো হচ্ছে। উল্লেখ্য, পশ্চিমবঙ্গ থেকেও ওই ৪০ জন আটকে পড়া শ্রমিকদের মধ্যে রয়েছেন একজন। এছাড়াও বিহার, ঝাড়খণ্ড, উত্তর প্রদেশ, ওড়িশা থেকেও অনেকেই রয়েছেন সেখানে। 

    শ্রমিকদের সঙ্গে যোগাযোগ রয়েছে প্রশাসনের

    শেষ খবর পাওয়া পর্যন্ত জানা গিয়েছে, টানেলে আটকে পড়া ৪০ জনকে যথাযথভাবে অক্সিজেনও সরবরাহ করা হচ্ছে। তাঁদের সঙ্গে উদ্ধারকারী দলের সংযোগ রয়েছে। ওয়াকি টকিতে চলছে কথা। শ্রমিকরা জানিয়েছেন, তাঁরা সুস্থ ও অক্ষত রয়েছেন। ড্রিল করে একটি পাইপ ভিতরে ঢোকানোর চেষ্টা হচ্ছে। সেই পাইপ দিয়েই শ্রমিকরা বেরিয়ে আসতে পারবেন। মঙ্গলবার সেই পাইপ ঢোকানোর প্ল্যাটফর্ম (Uttarakhand) তৈরির কাজ অনেকটাই হয়ে গেছিল। কিন্তু নতুন করে ধস নামায় সেই কাজ আটকে যায়। আবার নতুন করে ড্রিলিংয়ের কাজ শুরু করতে হয়।

    কীভাবে উদ্ধারের পরিকল্পনা করা হচ্ছে শ্রমিকদের?

    কাজ চলাকালীন একটি ২০ মিটারের পাথরের স্ল্যাব সুড়ঙ্গের রাস্তা বন্ধ করে দেয় বলে জানিয়েছে প্রশাসন (Uttarakhand)। ৩ ফুট ব্যাসের অনেকগুলি পাইপ সুড়ঙ্গে ড্রিল মেশিনের মাধ্যমে ঢোকানো হবে। তারপর পাইপগুলি একটার পরে একটা জুড়ে এরপর প্যাসেজ তৈরি করে শ্রমিকদের উদ্ধার করা হবে বলে জানিয়েছেন উত্তরকাশীর জেলাশাসক অভিষেক রুহেলা। সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘‘সব ঠিক থাকলে বুধবারের মধ্যে শ্রমিকদের উদ্ধার করা যাবে।’’ উত্তরাখণ্ডে এমন দুর্ঘটনা এই প্রথম নয়। ইদানীং প্রায় গোটা বছর ধরেই পাহাড়ে ধস নামতে দেখা যাচ্ছে। এর আগে জোশীমঠে বিরাট এলাকা জুড়ে ধস নেমেছিল।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share