Category: দেশ

Get updates on India News Headlines National News from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • Train Accident: মানুষের ভুলেই রেল দুর্ঘটনা অন্ধ্রপ্রদেশে? প্রকাশ্যে এল আসল সত্য

    Train Accident: মানুষের ভুলেই রেল দুর্ঘটনা অন্ধ্রপ্রদেশে? প্রকাশ্যে এল আসল সত্য

    মাধ্যম নিউজ ডেস্ক: ফের দুর্ঘটনার কবলে ট্রেন (Train Accident)। এবার অকুস্থল অন্ধ্রপ্রদেশের ভিজিয়ানগরম। ঠিক কী কারণে এই দুর্ঘটনা, তা নিয়ে চলছিল চুলচেরা বিশ্লেষণ। এবার সামনে এল দুর্ঘটনার প্রকৃত কারণ। ইস্ট কোস্ট রেলওয়ের তরফে জানানো হয়েছে, মানুষের গাফিলতির জেরেই অন্ধ্রপ্রদেশে এই দুই প্যাসেঞ্জার ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়েছে।

    দুর্ঘটনার সম্ভাব্য কারণ

    ইস্ট কোস্ট রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক বিশ্বজিৎ সাহু বলেন, “এই রেল দুর্ঘটনার সম্ভাব্য কারণ মানুষের গাফিলতি। আর সেই ত্রুটির জন্যই গন্তব্য ছাড়িয়ে দ্রুতগতিতে ছুটে গিয়ে বেলাইন হয়ে যায় বিশাখাপত্তনম-রায়গড় প্যাসেঞ্জার স্পেশাল ট্রেনটি।” তিনি জানান, মুখোমুখি সংঘর্ষের জেরে বিশাখাপত্তনম-পলাসা প্যাসেঞ্জার ট্রেনটির দুটি কামরা ও বিশাখাপত্তনম-রায়গড়ের লোকো পাইলটের কোচটি লাইনচ্যুত হয়। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, দুর্ঘটনাস্থল থেকে বিশাখাপত্তনম-পালাসা ট্রেনটির ১১টি বগি ও বিশাখাপত্তনম-রায়গড় ট্রেনের ৯টি বগি সরানো হয়েছে। বাকিগুলি দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে। সেগুলি এখনও ঘটনাস্থল থেকে সরানো যায়নি। 

    কেন্দ্রের তৎপরতা 

    দুর্ঘটনার (Train Accident) পরে পরেই রেলমন্ত্রীর সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পর্যালোচনা করেন পরিস্থিতি। দুর্ঘটনায় মৃতদের প্রতি শোক প্রকাশ করেছেন তিনি। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রীর সঙ্গেও কথা বলেছেন রেলমন্ত্রী। রেল দুর্ঘটনায় প্রাণহানি নিয়ে শোক প্রকাশ করেছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগন রেড্ডি। সোশ্যাল মিডিয়ায় রেলমন্ত্রী জানান, মৃত ও আহতদের ক্ষতিপূরণের প্রক্রিয়া শুরু করা হয়েছে। মৃতদের ক্ষেত্রে ১০ লক্ষ টাকা, গুরুতর আহতদের ক্ষেত্রে ২ লক্ষ টাকা এবং যাঁরা অল্পস্বল্প জখম হয়েছেন, তাঁদের ৫০ হাজার করে টাকা দেওয়া হবে। রেড্ডি সরকারের তরফেও মৃতদের নিকট আত্মীয়দের ২ লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার করে টাকা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে।

    আরও পড়ুুন: ‘‘ভাই-ভাইপো, বাড়ির কুকুর-বিড়াল দুর্নীতিতে যুক্ত’’, মমতাকে নিশানা দিলীপের

    এদিকে, দুর্ঘটনার (Train Accident) জেরে রবিবার রাতেই বাতিল করা হয় বেশ কিছু ট্রেন। সোমবার সকালেও বিশাখাপত্তনম থেকে ছাড়া এবং বিশাখাপত্তনমগামী বহু ট্রেন বাতিল করা হয়েছে। বদল করা হয়েছে বেশ কিছু ট্রেনের যাত্রাপথ। এগুলি হল ০৩৩৫৭ কোয়েম্বাটোর স্পেশাল ফেয়ার, ১৮১৮৯ এর্নাকুলাম এক্সপ্রেস, ১১০২০ কোনারক এক্সপ্রেস, ১২৭০৩ হাওড়া-সেকেন্দ্রাবাদ ফলকনুমা এক্সপ্রেস ও ১২২৪৫ হাওড়া-যশবন্তপুর দুরন্ত এক্সপ্রেস।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Terrorist Attack: কাশ্মীরে পুলিশ আধিকারিকের ওপর জঙ্গি হামলা, শুরু তল্লাশি

    Terrorist Attack: কাশ্মীরে পুলিশ আধিকারিকের ওপর জঙ্গি হামলা, শুরু তল্লাশি

    মাধ্যম নিউজ ডেস্ক: কেরলে প্রার্থনা সভায় বিস্ফোরণের ঘটনার রেশ মিলিয়ে যাওয়ার আগেই জঙ্গি হামলা (Terrorist Attack) কাশ্মীরের শ্রীনগরের ইদগাহ এলাকায়। জঙ্গিদের ছোড়া গুলিতে জখম হয়েছেন এক পুলিশ আধিকারিক। রবিবার বিকেলের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ভূস্বর্গে। যদিও কোনও জঙ্গি সংগঠনের তরফে এই ঘটনার দায় স্বীকার করা হয়নি।

    জঙ্গিদের খোঁজে তল্লাশি

    এদিন ইদগাহ এলাকায় প্রহরায় ছিলেন ইনসপেক্টর মাসরুর আহমেদ। আচমকাই কয়েকজন জঙ্গি তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে। জঙ্গিরা পুলিশের পিস্তল ব্যবহার করেছিল। ওই পুলিশ আধিকারিককে দ্রুত নিয়ে যাওয়া হয় হাসপাতালে। জঙ্গিদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

    পুলিশের পিস্তল থেকে গুলি

    এক্স হ্যান্ডেলে কাশ্মীর (Terrorist Attack) জোন পুলিশের তরফে ট্যুইট-বার্তায় লেখা হয়েছে, “শ্রীনগরের ইদগাহ এলাকায় জঙ্গিরা গুলি চালায় ইনসপেক্টর মাসরুর আহমেদের ওপর। তাঁকে দ্রুত নিয়ে যাওয়া হয় হাসপাতালে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, জঙ্গিরা পুলিশের পিস্তল থেকে গুলি ছুড়েছিল। এলাকা ঘিরে ফেলা হয়েছে, দায়ের হয়েছে অভিযোগ।” হাসপাতাল সূত্রে খবর, ওই পুলিশ আধিকারিকের অবস্থা আশঙ্কাজনক।

    দিন তিনেক আগে যুদ্ধবিরতি লঙ্ঘন করে জম্মু-কাশ্মীর সীমান্তে হামলা চালায় পাকিস্তান। বৃহস্পতিবার রাতে আরএস পুরা সেক্টরের আর্নিয়া এলাকায় বিএসএফের ঘাঁটি লক্ষ্য করে অতর্কিতে গোলা বর্ষণ শুরু করে পাক রেঞ্জার্সরা। জবাব দেয় ভারতীয় সেনাও। শুক্রবার ভোররাত পর্যন্ত গুলির লড়াই চলে দু’ পক্ষে। এই ঘটনার রেশ মিলিয়ে যাওয়ার আগেই পুলিশ আধিকারিককে লক্ষ্য করে জঙ্গিদের গুলি চালানোর ঘটনায় উদ্বেগ বাড়ছে ভূস্বর্গে।

    বুধবারই জম্মু-কাশ্মীরের শীর্ষ আধিকারিক ও নিরাপত্তা সংস্থাগুলির বৈঠক হয়েছে শ্রীনগরের ১৫ কর্পস হেডকোয়ার্টারে। এই বৈঠকে কাশ্মীরে বিদেশি জঙ্গিদের (Terrorist Attack) ভূমিকা নিয়েও আলোচনা হয়েছে।

    আরও পড়ুুন: “ছত্তিশগড়ে গ্রহণ চলছে, বিজেপিকে ক্ষমতায় আনুন”, রায়পুরের সভায় আবেদন নাড্ডার

    প্রসঙ্গত, চলতি বছর উপত্যকায় ৪৬ জন জঙ্গিকে খতম করা হয়েছে। এর মধ্যে পাকিস্তানি জঙ্গি রয়েছে ৩৭ জন। স্থানীয় জঙ্গি রয়েছে ৯ জন। জানা গিয়েছে, গত ৩৩ বছরে এই প্রথম স্থানীয় জঙ্গির চারগুণ বেশি বিদেশি জঙ্গি খতম হয়েছে ভূস্বর্গে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে খবর, বর্তমানে উপত্যকায় জঙ্গি কার্যকলাপ চালাচ্ছে ১৩০ জন সন্ত্রাসী। এর অর্ধেকই বিদেশি।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     
  • Ernakulam Blast: কেরলে বিস্ফোরণের দায় স্বীকার করে থানায় সন্দেহজনক ব্যক্তি, কী কারণে হামলা?

    Ernakulam Blast: কেরলে বিস্ফোরণের দায় স্বীকার করে থানায় সন্দেহজনক ব্যক্তি, কী কারণে হামলা?

    মাধ্যম নিউজ ডেস্ক: কেরলের কালামাসেরির প্রার্থনা সভায় বিস্ফোরণের (Ernakulam Blast) দায় স্বীকার করে থানায় আত্মসমর্পণ করলেন এক ব্যক্তি। তাঁর দাবি, কনভেনশন সেন্টারে বোমাটি রেখেছিল সে-ই। পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তির নাম ডমিনিক মার্টিন। আত্মসমর্পণের পর তাকে হেফাজতে নিয়েছে পুলিশ। তার দাবি কতটা সত্য, তা খতিয়ে দেখা হচ্ছে। পরীক্ষা করা হচ্ছে তার মানসিক সুস্থতাও। ডমিনিক গুজরাটের বাসিন্দা। মেঙ্গালুরু থেকে কান্নুর হয়ে আরিকোড যাচ্ছিল সে। তার সঙ্গে ছিল একটি ব্যাগ। তার মধ্যেও সন্দেহজনক কিছু জিনিসপত্র পাওয়া গিয়েছে বলে জানিয়েছে ত্রিশুর পুলিশ।

    জিহোবা সাক্ষীর প্রার্থনা সভা

    রবিবার কালামাসেরির একটি কনভেনশন সেন্টারে প্রার্থনা করছিলেন জিহোবা সাক্ষী নামে একটি ধর্মীয় গোষ্ঠীর লোকজন। সেখানেই টিফিন বাক্সে রাখা ছিল আইইডি। আচমকা বিস্ফোরণের জেরে ঘটনাস্থলেই মৃত্যু হয় এক মহিলার। জখম হন প্রায় ৪০ জন। এঁদের মধ্যে ৭জনের অবস্থা আশঙ্কাজনক। নাশকতার ছকের আশঙ্কা করে পুলিশ। এমতাবস্থায় বিস্ফোরণের দায় স্বীকার করে কোদাকারা থানায় আত্মসমর্পণ করে মার্টিন।

    কী বলছে পুলিশ?

    কেরলের (Ernakulam Blast) অতিরিক্ত ডিজি (আইন-শৃঙ্খলা) এম আর অজিত কুমার বলেন, “ত্রিশুর গ্রামীণ অঞ্চলের কোদাকরা থানায় এসে আত্মসমর্পণ করে ডমিনিটক মার্টিন নামে এক ব্যক্তি। সে জানিয়েছে, জিহোবা সাক্ষী গ্রুপেরই (এই গ্রুপের সদস্যরাই প্রার্থনা করছিলেন) অন্তর্গত সে। তবে সে সত্য বলছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। আমরা সব দিক খতিয়ে দেখছি। কেন মার্টিন নিজের গ্রুপের সদস্যদের ওপর হামলা চালাল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।”

    এদিকে, হামলার ব্যাপারে আলোচনার জন্য সোমবার রাজধানী তিরুবনন্তপুরমে সর্বদলীয় বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। পুলিশের একটি সূত্র জানিয়েছে, প্রার্থনা সভায় এই বিস্ফোরণ সন্ত্রাসবাদী হামলা। বিস্ফোরণের সময় ওই কনভেনশন সেন্টারে ছিলেন হাজার দুয়েক মানুষ। হামলার প্রেক্ষিতে পড়শি রাজ্য কর্নাটক ও তামিলনাড়ুতে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। নিবিড় নজরদারি শুরু (Ernakulam Blast) হয়েছে সীমান্তবর্তী এলাকায়।  

    আরও পড়ুুন: “ছত্তিশগড়ে গ্রহণ চলছে, বিজেপিকে ক্ষমতায় আনুন”, রায়পুরের সভায় আবেদন নাড্ডার

    জিহোবা সাক্ষীরা খ্রিস্টানদেরই একটি সম্প্রদায়। এদের বিশ্বাস, জিহোবা আব্রাহাম, মুসা এবং যিশু খ্রিস্টেরও ঈশ্বর। এদের ওয়েবসাইটে বলা হয়েছে, আমরা সব ধর্মকে সম্মান করি। রাজনৈতিক বিষয়ে নিরপেক্ষতা অবলম্বন করে চলি। সমাজে সত্যের প্রচার করাই আমাদের মূল ও একমাত্র লক্ষ্য।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     
     
  • JP Nadda: “ছত্তিশগড়ে গ্রহণ চলছে, বিজেপিকে ক্ষমতায় আনুন”, রায়পুরের সভায় আবেদন নাড্ডার

    JP Nadda: “ছত্তিশগড়ে গ্রহণ চলছে, বিজেপিকে ক্ষমতায় আনুন”, রায়পুরের সভায় আবেদন নাড্ডার

    মাধ্যম নিউজ ডেস্ক: “ছত্তিশগড়ে পাঁচ বছর ধরে গ্রহণ চলছে।” রবিবার রায়পুরের জনসভায় এই ভাষায়ই কংগ্রেসকে আক্রমণ শানালেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা (JP Nadda)। ছত্তিশগড়ের কংগ্রেস সরকার আপাদমস্তক দুর্নীতিতে ডুবে রয়েছে বলেও অভিযোগ বিজেপির এই শীর্ষ নেতার।

    ভূপেশ বাঘেলের দুর্নীতি…

    তিনি বলেন, “ভূপেশ বাঘেলের দুর্নীতি, অদক্ষতা এবং অবিশ্বাস আমরা চোখে দেখেছি। আমি অবিশ্বাস্য বলছি কারণ আপনি কি দেখেছেন একজন মুখ্যমন্ত্রীর সচিব বছরের পর বছর জেলে রয়েছেন? কপালে যদি দুর্নীতি লেখা থাকে, তাহলে তার চেয়ে বড় প্রমাণ আর কী প্রয়োজন হতে পারে!” উপস্থিত জনতার দিকে নাড্ডার প্রশ্ন, “এরকম দুর্নীতিগ্রস্ত সরকারের কি ক্ষমতায় থাকা উচিত?”

    প্রতিশ্রুতিভঙ্গ সরকারের

    ৯০ আসনের ছত্তিশগড় বিধানসভায় ভোট হবে দু’ দফায়। প্রথম দফার ভোট হবে ৭ নভেম্বর। দ্বিতীয় দফায় ভোট হবে ওই মাসেরই ১৭ তারিখে। এদিনের জনসভায় নাড্ডার প্রশ্ন, “এই (কংগ্রেস) সরকার তরুণদের সঙ্গে প্রতারণা করেছে কি না? মহিলারা কী প্রতি মাসে ৫০০ টাকা করে পাচ্ছেন? মদ কেলেঙ্কারি ঘটেছে কি না? ভূপেশ বাঘেল মদের ওপর নিষেধাজ্ঞা জারি করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই নিষেধাজ্ঞা জারি না করে তিনি কেলেঙ্করি করেছেন। সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রেও দুর্নীতি করেছেন তিনি। তিনি গরু এবং গোবরের ক্ষেত্রেও দুর্নীতি করতে ছাড়ছেন না।”

    বিজেপিকে রাজ্যে ক্ষমতায় আনার আবেদন জানিয়ে বিজেপির সর্বভারতীয় সভাপতি (JP Nadda) বলেন, “গতকাল চন্দ্রগ্রহণ ছিল। ছত্তিশগড়েও গত পাঁচ বছর ধরে গ্রহণ চলছে। এখন সময় এসেছে এই গ্রহণ থেকে মুক্তি পাওয়ার। এরকম একটা দুর্নীতিগ্রস্ত সরকারের ক্ষমতায় থাকার কোনও অধিকারই নেই।”

    আরও পড়ুুন: ‘বালুর সঙ্গে একাধিকবার ফোনে কথা! মুখ্যমন্ত্রীর নির্দেশে দুর্নীতি হয়েছে’, বিস্ফোরক শুভেন্দু

    প্রথম দফায় নির্বাচন হবে ২০টি বিধানসভা কেন্দ্রে। এদিনের সভায় ওই কেন্দ্রগুলিতে ভোটারদের বাড়ি বাড়ি যেতে নির্দেশ দেন দলীয় কর্মীদের। নাড্ডা (JP Nadda) বলেন, “আপনারা ভোটারদের ভোট দিতে উৎসাহিত করুন। তাঁরা আপনাদের ভোট দিন অথবা না দিন কিন্তু গণতন্ত্রকে শক্তিশালী করুন। আপনারা তাঁদের ভোট দিতে অনুরোধ করুন।”

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • PM Modi: ‘মেরা যুব ভারত’ গঠনের ডাক, মন কী বাতে আর কী বললেন প্রধানমন্ত্রী?

    PM Modi: ‘মেরা যুব ভারত’ গঠনের ডাক, মন কী বাতে আর কী বললেন প্রধানমন্ত্রী?

    মাধ্যম নিউজ ডেস্ক: অক্টোবরের ৩১। সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিন। এই দিনে ‘মেরা যুব ভারত’ নামে একটি প্লাটফর্মের সূচনা হচ্ছে দেশজুড়ে। বিভিন্ন ইভেন্টের মাধ্যমে জাতি গঠনের সুযোগ দেওয়া হবে দেশের তরুণদের। রবিবার ‘মন কী বাতে’র ১০৬তম পর্বে জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)।

    ‘মেরা যুব ভারত’

    এদিন দেশবাসীকে উৎসবের মরশুমের শুভেচ্ছাও জানিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি জানান, ‘মেরা যুব ভারত’ নামের একটি ওয়েবসাইটও চালু হতে চলেছে। মাইভারত. গভ.ইন নামের এই ওয়েবসাইটে তরুণদের নাম নথিভুক্ত করা উচিত। প্রধানমন্ত্রী বলেন, “মাই ভারত দেশের তরুণদের বিভিন্ন ইভেন্টের মাধ্যমে জাতি গঠনের সুযোগ করে দেবে। দেশ গঠনে দেশের যুব শক্তিকে কাজে লাগানোর এটা একটা মৌলিক প্রচেষ্টা।”

    ‘ভোকাল ফর লোকাল’

    ২০১৪ সালে প্রধানমন্ত্রী হন নরেন্দ্র মোদি। ওই বছরই ৩ অক্টোবর প্রথম সম্প্রচারিত হয় আধঘণ্টার বেতার অনুষ্ঠান ‘মন কী বাত’। এই অনুষ্ঠানের শততম-পর্বটি দেখানো হয়েছে রাষ্ট্রসংঘে। এদিনের ‘মন কী বাতে’ প্রধানমন্ত্রী শ্রদ্ধা জ্ঞাপন করেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকেও। ৩১ অক্টোবর নিজেরই দেহরক্ষীর গুলিতে খুন হয়েছিলেন ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা। এই দিনটি আবার সর্দার বল্লভ ভাই প্যাটেলের জন্মদিনও। প্রধানমন্ত্রী (PM Modi) বলেন, “এই অনুষ্ঠান এমন একটা সময়ে হচ্ছে, যখন দেশবাসী উৎসবের মেজাজে রয়েছে। আপনাদের সকলকে আমি আসন্ন উৎসবের জন্য অভিনন্দন জানাই।” প্রধানমন্ত্রীর মুখে শোনা গিয়েছে ‘ভোকাল ফর লোকালে’র কথা। স্থানীয় পণ্য কেনার জন্য প্রধানমন্ত্রী পর্যটকদের উৎসাহিত করেছেন। স্থানীয় জিনিস কেনার ক্ষেত্রে ইউপিআই ব্যবহারের ওপরও জোর দিয়েছেন প্রধানমন্ত্রী।

    আরও পড়ুুন: ‘বালুর সঙ্গে একাধিকবার ফোনে কথা! মুখ্যমন্ত্রীর নির্দেশে দুর্নীতি হয়েছে’, বিস্ফোরক শুভেন্দু

    ১৫ নভেম্বর বিরসা মুন্ডার জন্মদিন। এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, “বিরসা মুন্ডা আমাদের হৃদয়ে থাকেন। আমরা তাঁর জীবন থেকে শিখেছি সত্যিকারের সাহসিকতা কাকে বলে। কীভাবে নিজের লক্ষ্যে দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকা যায়, তাও ওঁর জীবন থেকে শিক্ষনীয়।” বিরসার জন্মদিনটিকে আদিবাসী গৌরব দিবস হিসেবে পালনের কথাও জানিয়েছেন প্রধানমন্ত্রী। এশিয়ান গেমসে ভারতের সাফল্য নিয়েও উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী। এই গেমসে অংশ গ্রহণকারী ভারতীয় অ্যাথলিটদের ভূয়সী প্রশংসাও করেছেন তিনি।

    প্রতিমাসের শেষ রবিবার সম্প্রচারিত হয় প্রধানমন্ত্রীর ‘মন কী বাতে’র অনুষ্ঠান। অনুষ্ঠানে যোগ দেন বিজেপির শীর্ষ নেতানেত্রীরা। ছত্তিসগড়ে এদিনের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। হিমাচল প্রদেশ থেকে অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর। ওড়িশার ভুবনেশ্বরে ‘মন কী বাতে’র (PM Modi) অনুষ্ঠানে যোগ দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Mahua Moitra: সময় দেওয়া হল মহুয়াকে, তবে ২ নভেম্বর হাজিরার চিঠি ধরাল এথিক্স কমিটি

    Mahua Moitra: সময় দেওয়া হল মহুয়াকে, তবে ২ নভেম্বর হাজিরার চিঠি ধরাল এথিক্স কমিটি

    মাধ্যম নিউজ ডেস্ক: টাকা নিয়ে লোকসভায় প্রশ্ন বিতর্কে সাংসদ তৃণমূলের মহুয়া মৈত্রকে (Mahua Moitra) ফের তলব করল এথিক্স কমিটি। ২ নভেম্বর সকাল ১১টায় সংসদের এথিক্স কমিটির ঘরে হাজিরা দিতে হবে বাংলার সাংসদকে। এর আগে যেদিন ডাকা হয়েছিল, পূর্ব নির্ধারিত কর্মসূচি থাকায় সেদিন তিনি উপস্থিত হতে পারবেন না বলে জানিয়েছিলেন মহুয়া। এথিক্স কমিটিকে তিনি জানিয়েছিলেন, ৫ নভেম্বরের পর যে কোনও দিন হাজিরা দিতে পারবেন তিনি। তবে পাঁচ নভেম্বরের আগেই তাঁকে তলব করল এথিক্স কমিটি। এবার মহুয়াকে তলব করা হল ২ নভেম্বর।

    মহুয়ার চিঠি

    এথিক্স কমিটিকে লেখা চিঠিতে মহুয়া জানিয়েছিলেন, ৩০ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত তাঁর লোকসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় বিজয়া সম্মেলন রয়েছে। সেগুলি আগে থেকে ঠিক করা। সেখানে তাঁকে উপস্থিত থাকতেই হবে। তাই তিনি ৩১ তারিখ দিল্লিতে এথিক্স কমিটিতে হাজিরা দিতে পারছেন না। ৫ নভেম্বরের পর কমিটির সুবিধা অনুযায়ী যে কোনও দিন, যে কোনও সময় ডাকা হলে হাজির হবেন তিনি। তিনি যে নিজের বক্তব্য কমিটির সামনে বলতে আগ্রহী, তাও চিঠিতে উল্লেখ করেছেন তৃণমূল নেত্রী।

    রমেশ বিধুরির প্রসঙ্গ উল্লেখ

    এথিক্স কমিটিকে লেখা চিঠিতে মহুয়া রাজস্থানের সাংসদ বিজেপির রমেশ বিধুরির প্রসঙ্গ উত্থাপন করেছেন। তিনি লিখেছেন, রমেশ রাজস্থানে তাঁর লোকসভা কেন্দ্রে পূর্ব পরিকল্পিত কর্মসূচির কথা জানিয়ে লোকসভার স্বাধিকার রক্ষা কমিটির কাছে সময় চেয়েছিলেন। সেই সময় তাঁকে মঞ্জুরও করা হয়েছিল। বাংলার সাংসদের (Mahua Moitra) আবেদন, একইভাবে তাঁকেও যেন সময় মঞ্জুর করা হয়।

    চিঠিতে মহুয়া লিখেছেন, দুবাইয়ের ব্যবসায়ী দর্শন হীরানন্দানিকেও যেন তলব করে কমিটি। তাঁর বক্তব্যও এ ক্ষেত্রে শোনা জরুরি। কারণ হীরানন্দানি ইতিমধ্যেই একটি চ্যানেলে জানিয়েছেন, কমিটির সামনে হাজির হতে আপত্তি নেই তাঁর। কমিটির সামনে তাঁকে ও হীরানন্দানিকে মুখোমুখি বসিয়ে প্রশ্ন করতে দেওয়া হোক। তিনি তথ্যপ্রমাণ সহকারে বলুন, কী কী উপহার তিনি দিয়েছেন (Mahua Moitra)।

    আরও পড়ুুন: মুছে গেল ‘ইন্ডিয়া’, রেলের ‘ভারত’ নামের প্রস্তাবে সিলমোহর কেন্দ্রীয় মন্ত্রিসভার

                                

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ। 

  • Bharat: মুছে গেল ‘ইন্ডিয়া’, রেলের ‘ভারত’ নামের প্রস্তাবে সিলমোহর কেন্দ্রীয় মন্ত্রিসভার

    Bharat: মুছে গেল ‘ইন্ডিয়া’, রেলের ‘ভারত’ নামের প্রস্তাবে সিলমোহর কেন্দ্রীয় মন্ত্রিসভার

    মাধ্যম নিউজ ডেস্ক: দেশ স্বাধীন হয়েছে পঁচাত্তর বছর আগে। এখনও গায়ে লেগে রয়েছে ঔপনিবেসিকতার তকমা। দেশের নাম রয়ে গিয়েছে ‘ইন্ডিয়া’। দেশের গা থেকে ঔপনিবেসিকতার তকমা ঝেড়ে ফেলতে উদ্যোগী হয়েছে নরেন্দ্র মোদির সরকার। তাই নয়াদিল্লিতে আয়োজিত জি২০ শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পরিচয় হিসেবে লেখা ছিল ‘ভারত’ (Bharat)। শুধু তাই নয়, ওই সম্মেলনে উপস্থিত রাষ্ট্রনেতাদের সম্মানে নৈশভোজের আয়োজন করেছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সেজন্য রাষ্ট্রপতি ভবনের তরফে পাঠানো হয়েছিল আমন্ত্রণপত্র। সেখানেও ‘প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া’র পরিবর্তে লেখা হয়েছিল ‘প্রেসিডেন্ট অফ ভারত’।  

    ‘ইন্ডিয়া’র বদলে দেশের নাম ‘ভারত’

    এসব নিয়ে বিতর্ক কম হয়নি। তবে ‘ইন্ডিয়া’র পরিবর্তে মোদি সরকার যে দেশের নাম ‘ভারত’ই (Bharat) চাইছেন, তার প্রমাণ মিলেছিল সেদিনই। আগামিদিনেও যে দেশের নাম ‘ভারত’ চাইছে মোদি সরকার, ফের প্রমাণ মিলল তার। রেলের ‘ভারত’ নামের প্রস্তাবের ওপর সিলমোহর দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। দিন কয়েক আগে রেলের তরফে সরকারের কাছে ‘ইন্ডিয়া’র বদলে ‘ভারত’ নামকরণের প্রস্তাব দেওয়া হয়েছিল। শুক্রবার তাতেই সিলমোহর দেয় মন্ত্রিসভা। জানা গিয়েছে, এভাবেই ধাপে ধাপে ‘ইন্ডিয়া’র বদলে দেশের নাম ‘ভারত’ করার পরিকল্পনা করেছে কেন্দ্রীয় সরকার।

    সরকার পক্ষের যুক্তি 

    বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। বিজেপিকে পরাস্ত করতে জোট বেঁধেছে বিজেপি বিরোধী ২৬টি রাজনৈতিক দল। জোটের নাম দেওয়া হয়েছে ‘ইন্ডিয়া’। বিরোধীদের অভিযোগ, সেই কারণেই দেশের নাম ‘ভারত’ করতে উঠেপড়ে লেগেছে কেন্দ্রের বিজেপি সরকার। বিরোধীদের মতে, এটা মোদি সরকারের কাছে শাঁখের করাতের মতো। কারণ দেশের নাম ‘ইন্ডিয়া’, আবার বিরোধী জোটের নামও ‘ইন্ডিয়া’। তাই দেশের নাম ‘ইন্ডিয়া’র পরিবর্তে ‘ভারত’ করার তোড়জোড়। তাঁদের কটাক্ষ, জোটের নাম ‘ভারত’ করা হলে দেশের নাম ‘ইন্ডিয়া’ করা হবে। যদিও সরকার পক্ষের পাল্টা যুক্তি, সংবিধানে বলা হয়েছে, ‘ইন্ডিয়া’ এবং ‘ভারত’ একই। তাই মন্ত্রিসভায় পেশ করা প্রস্তাবনার ইংরেজি নথিতে ‘ভারত’ থাকায় কোনও ত্রুটি নেই।

    আরও পড়ুুন: “তৃণমূলের ঝুলি থেকে বিড়াল বেরিয়েছে, খুন হতে পারেন বালু”, আশঙ্কা দিলীপের

    বাদ-বিসম্বাদের এই আবহে স্কুলের পাঠ্যবই থেকে ‘ইন্ডিয়া’কে মুছে ফেলে তার জায়গায় ‘ভারত’ (Bharat) করার সুপারিশ করেছে এনসিইআরটি। সেই চর্চা চলতে চলতেই রেলের নথি থেকে থেকে মুছে গেল ‘ইন্ডিয়া’। নয়া নাম হল ‘ভারত’।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ। 

  • Mahua Moitra: বড় পদক্ষেপ এথিক্স কমিটির, কেন্দ্রের থেকে চাওয়া হল মহুয়ার বিদেশযাত্রার তথ্য

    Mahua Moitra: বড় পদক্ষেপ এথিক্স কমিটির, কেন্দ্রের থেকে চাওয়া হল মহুয়ার বিদেশযাত্রার তথ্য

    মাধ্যম নিউজ ডেস্ক: এবার লোকসভার সাংসদ তৃণমূলের মহুয়া মৈত্রের (Mahua Moitra) বিদেশযাত্রা সংক্রান্ত যাবতীয় তথ্য চাইল লোকসভার এথিক্স কমিটি। অভিযুক্ত সাংসদের বিদেশযাত্রা সংক্রান্ত যাবতীয় তথ্য কেন্দ্রীয় বিদেশ মন্ত্রকের কাছে চাওয়া হয়েছে কমিটির তরফে। একইসঙ্গে মহুয়াকে ঘুষ দেওয়ায় অভিযুক্ত দুবাইবাসী ভারতীয় শিল্পপতি দর্শন হীরানন্দানির বিভিন্ন দেশে যাওয়ার তথ্যও চেয়েছে ওই কমিটি। প্রসঙ্গত, এই শিল্পপতির কাছ থেকেই অর্থ ও উপহার নিয়ে লোকসভায় প্রশ্ন তোলার অভিযোগে কাঠগড়ায় মহুয়া।

    এথিক্স কমিটির তৎপরতা

    তৃণমূল সাংসদের বিরুদ্ধে প্রধান অভিযোগকারী দু’জন। একজন সাংসদ বিজেপির নিশিকান্ত দুবে এবং অন্যজন আইনজীবী জয় অনন্ত দেহাদ্রাই। এই দু’জনকেই তলব করে তাঁদের বয়ান নথিভুক্ত করেছে এথিক্স কমিটি। ৩১ অক্টোবর, মঙ্গলবার বেলা ১১টায় মহুয়াকে এথিক্স কমিটির সামনে হাজিরাও দিতে বলা হয়েছে। মহুয়া এথিক্স কমিটির সামনে আসার আগেই তাঁর বিদেশযাত্রা সংক্রান্ত তথ্য হাতে পেতে মরিয়া কমিটি। শুধু তাই নয়, কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রকের কাছে জানতে চাওয়া হয়েছে কোন কোন তারিখে কোথা থেকে মহুয়ার সংসদের অ্যাকাউন্টে লগ-ইন করা হয়েছিল।

    হীরানন্দানির হলফনামা

    মহুয়াকে (Mahua Moitra) ব্যবহার করে লোকসভায় আদানি গোষ্ঠী সম্পর্কিত প্রশ্ন যে তিনি তুলেছেন, হলফনামায় তা স্বীকার করে নিয়েছেন শিল্পপতি হীরানন্দানি। মহুয়া যে সংসদের লগ-ইন আইডি তাঁকে দিয়েছিলেন, তাও স্বীকার করে নিয়েছেন হীরানন্দানি। গত সপ্তাহেই স্বাক্ষর করা হলফনামায় হীরানন্দানি মেনে নিয়েছেন যে তিনি মোদি সরকার এবং আদানি গোষ্ঠীকে অস্বস্তিতে ফেলার মতো প্রশ্ন তোলার ক্ষেত্রে কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়াকে ব্যবহার করেছেন। দর্শন হিরানন্দানি জানান, অর্থ ও দামি উপহারের বিনিময়ে তৃণমূল সাংসদ তাঁর সংসদীয় ই-মেল আইডি ও পাসওয়ার্ড দিয়ে দেন। সেখানেই যাবতীয় প্রশ্ন লিখে পাঠাতেন তিনি। আদানি গোষ্ঠী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চাপে ফেলতে চেয়েছেন বলে অভিযোগ, তা প্রায় মেনে নিয়েছেন সেই ব্যবসায়ী। 

    আরও পড়ুুন: রেশন দুর্নীতিকাণ্ডে ধৃত বাকিবুর-জ্যোতিপ্রিয়কে মুখোমুখি বসিয়ে জেরা করবে ইডি!

    ৩১ তারিখ যাবেন না মহুয়া মৈত্র

    এদিকে, ৩১ তারিখে তাঁর পক্ষে এথিক্স কমিটির সামনে হাজিরা দেওয়া সম্ভব নয় বলেই জানিয়ে দিলেন তৃণমূল সাংসদ। মহুয়া জানিয়েছেন, ওই দিন তাঁর পূর্ব নির্ধারিত কর্মসূচি রয়েছে। তবে ৫ নভেম্বরের পর যে কোনও দিন দিল্লিতে এথিক্স কমিটির সামনে হাজিরা দিতে পারবেন তিনি। মহুয়া লিখেছেন, “আমি পশ্চিমবঙ্গের প্রতিনিধি, যেখানে দুর্গাপুজো সব থেকে বড় উৎসব। আমার আগে থেকেই একাধিক বিজয়া দশমী সম্মেলনে (সরকারি ও রাজনৈতিক অনুষ্ঠানে) যোগ দেওয়ার কথা রয়েছে। আগামী ৩০ অক্টোবর থেকে ৪ নভেম্বর অবধি আমার কেন্দ্রে একাধিক কর্মসূচি রয়েছে, সেই কারণে আমি ৩১ অক্টোবর দিল্লিতে যেতে পারব না।” মহুয়া (Mahua Moitra) বলেন, “ব্যবসায়ী দর্শন হিরানন্দানিরও কমিটির সামনে হাজিরা দেওয়া উচিত এবং আমায় যে বিভিন্ন দামি দামি উপহার দেওয়ার দাবি জানিয়েছেন, তার বিস্তারিত তালিকা পেশ করা উচিত। হিরানন্দানির মৌখিক বয়ান ছাড়া এই তদন্ত অসম্পূর্ণ ও পক্ষপাতদুষ্ট হবে। এটা ক্যাঙ্গারু কোর্ট বসানোর সমার্থক হয়ে যাবে। কমিটির চূড়ান্ত রিপোর্ট দেওয়ার আগে হিরানন্দানিকেও তলব করা উচিত।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ। 

  • Ram Mandir Ayodhya: রাম মন্দির উদ্বোধনে কয়েক লক্ষ ভক্ত সমাগম! অযোধ্যায় হোটেলের চাহিদা তুঙ্গে

    Ram Mandir Ayodhya: রাম মন্দির উদ্বোধনে কয়েক লক্ষ ভক্ত সমাগম! অযোধ্যায় হোটেলের চাহিদা তুঙ্গে

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রতীক্ষার অবসান। আগামী ২২ জানুয়ারি অযোধ্যায় রামমন্দিরের (Ram Mandir Ayodhya) উদ্বোধন হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত দিয়েই দ্বারোদঘাটন হবে রামলালার মন্দিরের। রামলালার প্রাণ প্রতিষ্ঠা উৎসবে অংশ নিতে পেরে তিনি গর্বিত অনুভব করবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। ঐতিহাসিক এই মুহূর্তের সাক্ষী থাকতে বহু মানুষ ভিড় করবে অযোধ্যায়। ওই সময় সেখানকার সব হোটেলের প্রায় ৮০ শতাংশ ভর্তি হয়ে গিয়েছে। ওই সময় সেখানে হোটেলের মূল্যও আকাশ ছোঁয়া।

    অযোধ্যায় হোটেলের চাহিদা

    রাম মন্দিরের উদ্বোধন ঘিরে আগামী ১৯ থেকে ২৩ জানুয়ারি অযোধ্যার অধিকাংশ হোটেলেরই ৮০ শতাংশ ঘর ভর্তি হয়ে গিয়েছে। যা পড়ে রয়েছে, তার চাহিদাও তুঙ্গে।  প্রতি রাতে হোটেলের মূল্য ২১ হাজার টাকা পর্যন্ত উঠেছে। যে হোটেলের ঘর ভাড়া ২ হাজার টাকা তা এখন প্রায় ৮ হাজার টাকা হয়েছে। ওই সময় হোটেলের খাদ্য তালিকাতেও পরিবর্তন আনা হয়েছে। রাখা হচ্ছে হরেক নিরামিষ পদ। নতুন নতুন নানা খাবার। থাকছে মিলেট শস্যের হরেক পদও। 

    ২২ জানুয়ারি, ২০২৪ তারিখে অযোধ্যায় (Ram Mandir Ayodhya) ভগবান শ্রী রামলালার শ্রী বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাতে। এমনটাই উল্লেখ করে আনুষ্ঠানিক ঘোষণা করেছে শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট। মন্দিরের নির্মাণ কমিটির চেয়ারপার্সন নৃপেন্দ্র মিশ্র জানিয়েছেন, তিনতলা এই অযোধ্যার মন্দিরের গ্রাউন্ড ফ্লোরের নির্মাণ কাজ ডিসেম্বরের মধ্যে শেষ হয়ে যাবে।  ২০২০ সালের ৫ অগাস্ট অযোধ্যায় রামমন্দিরের শিলান্যাস করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

    আরও পড়ুন: বিরাটের জন্মদিনে বিশেষ ভাবনা সিএবির! বিশ্বকাপের জন্য প্রস্তুত ইডেন

    হাজার হাজার ভক্ত সমাগম

    রামমন্দির নিয়ে দেশজুড়ে উত্তেজনার পারদ তুঙ্গে। মন্দিরের অধিকাংশ নির্মাণকাজই প্রায় সম্পূর্ণ হওয়ার পথে। রামমন্দিরের দেওয়ালগুলিতে সুন্দর নকশা আঁকা হয়েছে। রামলালার প্রাণ প্রতিষ্ঠার শুভ অনুষ্ঠানে দেশের প্রায় চার হাজার সাধু-সন্ত উপস্থিত থাকবেন অযোধ্যায়। সঙ্গে আমন্ত্রণ জানানো হয়েছে, আড়াই হাজার চিন্তাবিদ এবং অন্যান্য বিশিষ্টজনেদের। উপস্থিত থাকার কথা স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্য নাথের। থাকবেন বহু রাজনীতিবিদ, নেতা, মন্ত্রীরা।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Ram Temple: রামলালার প্রাণ-প্রতিষ্ঠা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ছাড়াও আমন্ত্রিত মোহন ভাগবত, যোগী আদিত্যনাথ

    Ram Temple: রামলালার প্রাণ-প্রতিষ্ঠা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ছাড়াও আমন্ত্রিত মোহন ভাগবত, যোগী আদিত্যনাথ

    মাধ্যম নিউজ ডেস্ক: আগামী ২২ জানুয়ারি হবে রামমন্দিরের (Ram Temple) উদ্বোধন। গর্ভগৃহে ওই দিনই প্রতিষ্ঠা হবে রামলালার বিগ্রহের। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্বয়ং। দিনটিকে আবেগপূর্ণ আখ্যা দিয়েছেন তিনি। জানিয়েছেন, উদ্বোধনী অনুষ্ঠানের আমন্ত্রণপত্র পেয়ে তিনি নিজেকে ধন্য মনে করছেন। একটি ঐতিহাসিক অনুষ্ঠানের সাক্ষী হতে পারবেন বলেও খুশি তিনি।

    প্রধানমন্ত্রীর ট্যুইট-বার্তা

    এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী লিখেছেন, “আজকের দিনটি আবেগে পূর্ণ। সম্প্রতি রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের তরফে কয়েকজন আমার সঙ্গে সাক্ষাৎ করতে আমার বাসভবনে এসেছিলেন। তাঁরা আমাকে রামমন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে অযোধ্যায় যাওয়ার আমন্ত্রণ জানিয়েছেন। ওঁদের আমন্ত্রণ পেয়ে আমি ধন্য। আমার সৌভাগ্য যে আমার জীবদ্দশায় একটি ঐতিহাসিক অনুষ্ঠানের সাক্ষী হতে চলেছি।” শ্রীরাম জন্মভূমি ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্পত রাই বলেন, “২২ জানুয়ারি প্রাণ প্রতিষ্ঠা হবে মূর্তির। অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানের আমন্ত্রণপত্র গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীর পাশাপাশি এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন আরএসএসের সরসংঘ চালক মোহন ভাগবত, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।”

    ‘২২ জানুয়ারিই প্রাণ প্রতিষ্ঠা’

    তিনি বলেন, “শ্রীরাম জন্মভূমি ট্রাস্টের তরফে আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করেছি। ২২ জানুয়ারি মন্দিরের গর্ভগৃহে ভগবান রামের মূর্তি প্রতিষ্ঠিত হবে। এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে আমরা প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছি। তিনি আমাদের আমন্ত্রণ গ্রহণ করেছেন। ২২ জানুয়ারি তিনি উপস্থিত থাকবেন। ২২ জানুয়ারিই প্রাণ প্রতিষ্ঠা হবে মূর্তির।” জানা গিয়েছে, মন্দিরের (Ram Temple) উদ্বোধনী অনুষ্ঠানে যাতে দেশের সাধু-সন্তরাও উপস্থিত থাকেন, তাই ইতিমধ্যেই আমন্ত্রণ জানানো হয়েছে তাঁদের।

    আরও পড়ুুন: রেশন দুর্নীতি মামলায় গ্রেফতার রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক

    এদিকে, রামমন্দির প্রতিষ্ঠার দিনক্ষণ ঘোষণা হয়ে যাওয়ার পরেই গতি এসেছেন নির্মাণকার্যে। যুদ্ধকালীন তৎপরতায় চলছে কাজ। মন্দিরের প্রধান পুরোহিত সত্যেন্দ্র দাস জানান, রামলালা দর্শনে পুণ্যার্থীদের যাতে কোনও অসুবিধা না হয়, তাই বসানো হবে ৪২টি দরজা। মন্দিরের গর্ভগৃহে একটি সোনার দরজাও বসানো হবে। দরজায় খোদাই থাকবে ময়ূর, কলস, চক্র এবং ফুল। গর্ভগৃহে রামের দু’টি ছোট মূর্তি স্থাপন করা হবে। গর্ভগৃহের (Ram Temple) দেওয়াল তৈরি হচ্ছে সাদা মার্বেল দিয়ে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

LinkedIn
Share