Category: দেশ

Get updates on India News Headlines National News from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • Narendra Modi: ‘‘তৃণমূলের দুর্নীতি ভুলবে না বাংলা’’! মধ্যপ্রদেশের সভায় মন্তব্য মোদির

    Narendra Modi: ‘‘তৃণমূলের দুর্নীতি ভুলবে না বাংলা’’! মধ্যপ্রদেশের সভায় মন্তব্য মোদির

    মাধ্যম নিউজ ডেস্ক: এবার নাম করে তৃণমূলের দূর্নীতির কথা জনসমক্ষে তুলে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার ভোপালে বিজেপির বুথ কমিটির সভাপতিদের নিয়ে ‘মেরা বুথ সবসে মজবুত’ কর্মসূচিতে তৃণমূল শাসিত বাংলায় নানা দুর্নীতি চলছে বলে অভিযোগ করেন তিনি। ভোটমুখী মধ্য প্রদেশে এদিন সকালে রেলের এক কর্মসূচীতে অংশ নেন নরেন্দ্র মোদি। পাঁচটি বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রা শুরু করেন তিনি। এরপর, ভোপালে বিজেপির বুথ কমিটির প্রধানদের এক জনসভায় অংশ নিয়েছেন তিনি। শুধু মধ্য প্রদেশের বিজেপির বুথ সমিতির প্রধানরা নন, গোটা দেশের বুথ কমিটির প্রধানরাই অংশ নেন এই সভায়।

    মোদির মন্তব্য

    এদিন কড়া ভাষায় তৃণমূলের সমালোচনা করলেন নরেন্দ্র মোদি। তিনি বলেন, ‘‘তৃণমূলের বিরুদ্ধে ২৩ হাজার কোটি টাকারও বেশি দুর্নীতির অভিযোগ রয়েছে। রোজ ভ্যালি দুর্নীতি, সারদা দুর্নীতি, শিক্ষক নিয়োগ দুর্নীতি, গরু পাচার, কয়লা পাচার চলছে। বাংলার মানুষ কখনও এই দুর্নীতি ভুলতে পারবে না।’’ চলতি মাসেই দিল্লিতে কেন্দ্রীয় সরকারের ‘রোজগার মেলা’ কর্মসূচিতে পশ্চিমবঙ্গ এবং তৃণমূলের নাম না করে, নিয়োগ দুর্নীতির অভিযোগ তুলেছিলেন প্রধানমন্ত্রী। তিনি বলেছিলেন, ‘‘সম্প্রতি আপনারা একটি রাজ্য থেকে পাওয়া খবরে দেখেছেন কী ভাবে ‘ক্যাশ ফর জব’ (টাকার বিনিময়ে চাকরি)-এর ঘটনা ঘটেছে। রেস্তরাঁয় রেট কার্ডের মতোই সেই রাজ্যে বিভিন্ন স্তরের সরকারি চাকরির বিভিন্ন ‘দর’ রয়েছে।’’এদিন সরাসরি তৃণমূলের নাম করে নিশানা করলেন মোদি।

    বিরোধীদের নিশানা

    সামনে লোকসভা ভোট। ২০২৪ ভোটের আগে দলের কর্মীদের উদ্দেশে মোদি বলেন, “পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশে মূল্যবৃদ্ধির অবস্থা মানুষের সামনে তুলে ধরুন। মানুষকে বোঝান, করোনা মহামারি সত্ত্বেও ভারতের অর্থনীতি বেশ ভাল অবস্থায় আছে। মোবাইল ডেটা, আয়ুষ্মান ভারতের মতো আমাদের বিভিন্ন নীতির ফলে মানুষের অনেক টাকা বেঁচেও যাচ্ছে। বিজেপি যে যে রাজ্যে ক্ষমতায় আছে, সব রাজ্যেই জ্বালানির দাম ১০০ টাকার নীচে রয়েছে। অবিজেপি শাসিত রাজ্যগুলিতে কেন জ্বালানির দাম ১০০-র বেশি? মানুষের সামনে এই প্রশ্ন তুলুন।”

    আরও পড়ুন: “পাকিস্তান, বাংলাদেশে তিন তালাক নেই কেন?” মধ্যপ্রদেশের জনসভায় প্রশ্ন প্রধানমন্ত্রীর

    শুধু তৃণমূল নয়, গত ২৩ মে পটনায় নীতীশ কুমারের ডাকা বিজেপি বিরোধী বৈঠকে হাজির বিভিন্ন দলকে নিশান করেন প্রধানমন্ত্রী। মোদির কথায়, “দিন কয়েক আগে বিরোধী দলের নেতারা ছবি তোলার একটি অনুষ্ঠান আয়োজন করেছিল। সেখানে যারা ছিলেন, তাদের সব মিলিয়ে ২০ লক্ষ কোটি টাকার দুর্নীতি রয়েছে। বিরোধীরা যারা একজোট হওয়ার চেষ্টা করছে, তাদের উপর রাগ নয়, দয়া করুন। এর আগে ২০১৯ সালেও আমরা শুনেছিলাম বিরোধী জোটের কথা। এবার একটু বেশি লাফালাফি করছে ওরা। আসলে এছাড়া ওদের কোনও উপায় নেই। ২০২৪ সালে আরও বেশি আসন জিতে ক্ষমতায় আসবে বিজেপি।”

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • PM Modi: “পাকিস্তান, বাংলাদেশে তিন তালাক নেই কেন?” মধ্যপ্রদেশের জনসভায় প্রশ্ন প্রধানমন্ত্রীর

    PM Modi: “পাকিস্তান, বাংলাদেশে তিন তালাক নেই কেন?” মধ্যপ্রদেশের জনসভায় প্রশ্ন প্রধানমন্ত্রীর

    মাধ্যম নিউজ ডেস্ক: “মুসলিমদের ক্ষেত্রে তিন তালাক যদি ধর্মীয়ভাবে এতই গুরুত্বপূর্ণ হয়ে থাকে তাহলে পাকিস্তান, বাংলাদেশ এবং ইন্দোনেশিয়ার মতো দেশে কেন এটা নেই?” মঙ্গলবার মধ্যপ্রদেশের ভোপালে প্রশ্ন তোলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। এদিন একটি জনসভায় বক্তব্য রাখতে গিয়ে অভিন্ন দেওয়ানি বিধির (Uniform Civil Code) পক্ষে সওয়াল করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, “দেশে দুটি আইন কীভাবে চলতে পারে। সুপ্রিম কোর্টও বলেছে যে অভিন্ন দেওয়ানি বিধি লাগু করা উচিত।”

    অভিন্ন দেওয়ানি বিধি

    প্রসঙ্গত, সংবিধানের ৪৪ নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, যখনই দেশের সব রাজ্যের বিধায়ক এবং ভারতের সংসদের জন্য পরিস্থিতি অনুকূল হবে তখনই অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করা উচিত। এই অনুচ্ছেদকে হাতিয়ার করেই বারংবার জনসংঘ থেকে বিজেপি নেতারা অভিন্ন দেওয়ানি বিধির পক্ষে সওয়াল করে এসেছেন। এদিনের জনসভায় কংগ্রেসকেও নিশানা করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, “যারা তিন তালাককে সমর্থন করছে, তারা তুষ্টির ভোটব্যাঙ্কের রাজনীতি করছে। এতে মুসলিম সম্প্রদায়ের মহিলাদের প্রতি অবিচার করা হচ্ছে।” তিন তালাক প্রসঙ্গে তিনি (PM Modi) বলেন, “এতে শুধু মহিলারা নন, পুরো পরিবারই ক্ষতির শিকার হচ্ছে।”

    বিজেপি কর্মীদের লক্ষ্য 

    মধ্যপ্রদেশ বিধানসভার নির্বাচন হবে চলতি বছরই। তাই এদিন বুথস্তরে সংগঠন আরও শক্তিশালী করার ওপরও জোর দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, “ঠান্ডা ঘরে বসে থাকার দল বিজেপি নয়। কর্মীদের ময়দানে নেমে পরিশ্রম করতে হবে। মানুষের সেবায় প্রতিটি বিজেপি কর্মীকে লক্ষ্য স্থির করতে হবে।”

    আরও পড়ুুন: ভারতীয় সেনাবাহিনীতে আইএসআই চর! সিবিআইকেও তদন্তের নির্দেশ হাইকোর্টের

    এই প্রথম নয়, গুজরাট বিধানসভা নির্বাচনের প্রচারে গিয়েও অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করার চিন্তাভাবনার কথা জানিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অভিন্ন দেওয়ানি বিধি লাগু করা যে হবেই, নানা সময় তা জানিয়েছিলেন বিজেপি (PM Modi) নেতারাও। বিবাহ বিচ্ছেদ থেকে শুরু করে সম্পত্তির অধিকার নিয়ে দেশের সব সম্প্রদায়ের জন্য একই আইন চালু করার দাবি জানিয়ে আসছিলেন তাঁরা। যদিও এই বিধির বিরোধিতা করে চলেছে মুসলিম সম্প্রদায়ের নেতাদের একটা বড় অংশ। অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে মামলা দায়ের হয়েছিল সুপ্রিম কোর্টেও। তবে দেশের শীর্ষ আদালত জানিয়ে দিয়েছিল, এ ব্যাপারে সংসদের সিদ্ধান্তই চূড়ান্ত।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Himachal Pradesh: খালি নেই হোটেল, গাড়িতেই আটকে ২০০ পর্যটক! ভারী বর্ষণে বিপর্যস্ত হিমাচল

    Himachal Pradesh: খালি নেই হোটেল, গাড়িতেই আটকে ২০০ পর্যটক! ভারী বর্ষণে বিপর্যস্ত হিমাচল

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারী বর্ষণে বিপর্যস্ত হিমাচল প্রদেশের বেশ কিছু এলাকা। সোমবারই ধসের কারণে একাধিক রাস্তা বন্ধ হয়ে যায়। ভারী বর্ষণের কারণে মৃত্যু হয়েছে ৬ জনের। মঙ্গলের সকাল থেকেই দেখা বৃষ্টিপাতের কারণে  প্রায় ১৫ কিলোমিটার রাস্তাজুড়ে (Highway) সার বেঁধে দাঁড়িয়ে রয়েছে একের পর এক গাড়ি। এর জেরে চরম বিপাকে পড়েছেন পর্যটকেরা। জানা গিয়েছে, কোনও হোটেলে একটিও রুম ফাঁকা নেই। রবিবার দুপুর থেকে সোমবার বিকেল হয়ে গেলেও মাঝরাস্তায় গাড়ির মধ্যেই আটকে রয়েছেন কমপক্ষে ২০০ পর্যটক (Tourists)। প্রসঙ্গত, উত্তরাখণ্ডে গাড়ির মধ্যে আটকে থাকা অবস্থাতেই রবিবার মৃত্যু হয় অনিল বিস্ত নামের একজনের। তাঁর গাড়ির ওপর ধসের জেরে ভারী পাথর এসে পড়ে। এরফলে দুমড়ে মুচড়ে যায় গাড়িটি। 

    কী বলছে প্রশাসন?

    প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ভারী বর্ষণের জেরে রবিবার সন্ধ্যায় মান্ডির কাছে বড়সড় ভূমিধসের ঘটনা ঘটেছে। এর ফলে কিরাতপুর থেকে মানালি চার লেনের হাইওয়েতে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটেছে। চার থেকে পাঁচ হাজারের মতো যানবাহন মহাসড়কের উপর দাঁড়িয়ে রয়েছে খবর। বিস্ফোরক দিয়ে পাথর ফাটিয়ে ধ্বংসাবশেষ সরানোর চেষ্টা চলছে বলেও জানা গিয়েছে প্রশাসনের তরফে। আগামী ৭-৮ ঘণ্টার মধ্যেই হাইওয়ে থেকে বোল্ডার সরিয়ে যান চলাচল শুরু করা যাবে বলেও আশ্বাসও দিয়েছে প্রশাসন। হিমাচল প্রদেশের বিপর্যয় মোকাবিলা দফতরের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে যে ভারী বৃষ্টি ও ধসের ফলে রাজ্যের প্রায় ৮৩টি রাস্তা ও দু’টি জাতীয় সড়ক বিপর্যস্ত হয়ে পড়েছে। 

    প্রশাসনের ফেসবুক পেজ ফলো করার আবেদন 

    পর্যটকরা বাইরে যাওয়ার আগে যেন জেলা প্রশাসনের ফেসবুক পেজের প্রতি ঘণ্টার আপডেটগুলি অনুসরণ করেন, এমনই আবেদন কুলু পুলিশের। আবহবিদরা জানিয়েছেন, গত ২৪ জুন হিমাচলে প্রদেশে (Himachal Pradesh) প্রবেশ করে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। এরপরেই শুরু হয়েছে ভারী বৃষ্টি। প্রবল বৃষ্টিতে একজনের নিখোঁজ হওয়ার খবর মিলেছে। তার খোঁজে শুরু হয়েছে তল্লাশি। ভারী বৃষ্টির জেরে কোথাও কোথাও তৈরি হয়েছে প্লাবন পরিস্থিতি। হড়পাবানের সতর্কতাও জারি করেছে প্রশাসন। আবহবিদরা বলছেন, আগামী বেশ কয়েক দিন ধরেই চলবে ভারী বৃষ্টি। সারা রাজ্যে জারি করা হয়েছে কমলা সতর্কতা। 

    উত্তরাখণ্ডেও একাধিক জায়গায় ধস নেমেছে

    ভারী বৃষ্টির কারণে রবিবারই রুদ্রপ্রয়াগের জেলা শাসক কেদারনাথ মন্দিরের দরজা বন্ধ রাখার ঘোষণা করেছিলেন। বিপর্যয় মোকাবিলা দফতরে গিয়ে পরিস্থিতি খুঁটিয়ে দেখেন মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী। জেলায় জেলায় ত্রাণ শিবির খোলার কথাও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। চারধাম যাত্রার তীর্থ যাত্রীদেরও সতর্ক থাকার পরামর্শ দেয় উত্তরাখণ্ড সরকার।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Air India Flight: দিল্লিগামী বিমানে মাঝ-আকাশে আসনের পাশেই মলত্যাগ, গ্রেফতার যাত্রী

    Air India Flight: দিল্লিগামী বিমানে মাঝ-আকাশে আসনের পাশেই মলত্যাগ, গ্রেফতার যাত্রী

    মাধ্যম নিউজ ডেস্ক: যত কাণ্ড এয়ার ইন্ডিয়ায় (Air India Flight)! একের পর এক আজব ঘটনার সাক্ষী থাকছে এয়ার ইন্ডিয়া’র বিমানের যাত্রীরা। এবার এক যাত্রী মাঝ আকাশে বিমানের শৌচাগার ব্যবহার না করে আসনের পাশেই মলত্যাগ করেছেন বলে অভিযোগ। প্রস্রাব করা এবং থুতু ফেলার অভিযোগও উঠেছে তাঁর বিরুদ্ধে। অভিযুক্ত যাত্রীকে গ্রেফতার করেছে পুলিশ। আবার কাজের সময়সীমা শেষ, তাই আর বিমান চালাবেন না বলে, ৩৫০ জন যাত্রীকে ককপিটে ছেড়ে চলে গেলেন এয়ার ইন্ডিয়ার এক পাইলট।

    ‘অভব্যতা’র অভিযোগ

    মুম্বই থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার (Air India Flight) বিমানে নিজের সিটের পাশেই মলত্যাগ করার অভিযোগ উঠেছে এক যাত্রীর বিরুদ্ধে। প্রস্রাব করে থুতুও নাকি ফেলেছেন তিনি। গত ২৪ জুন মুম্বই থেকে দিল্লির দিকে যাচ্ছিল এয়ার ইন্ডিয়ার এআইসি ৮৬৬ বিমান। সেখানেই ছিলেন রাম সিং। তাঁর আসনের নম্বর ১৭এফ। অভিযোগ, বিমানের আসনের ৯ নম্বর সারির কাছে তিনি প্রস্রাব, মলত্যাগ করেন। থুতুও ফেলেন। তাঁর আচরণে অসঙ্গতি দেখে বিমানকর্মীরা ওই যাত্রীকে প্রথমে মৌখিক ভাবে সতর্ক করেন। পরে তাঁকে অন্য যাত্রীদের থেকে আলাদা করে দেওয়া হয়।যাত্রীর আচরণের কথা পাইলটকে জানানো হয়। বিমান সংস্থাকেও খবর দেওয়া হয় তৎক্ষণাৎ। দিল্লি বিমানবন্দরে নামতেই এয়ার ইন্ডিয়ার তরফে নিরাপত্তারক্ষীদের পাঠিয়ে ওই যাত্রীকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। পরে পুলিশে খবর দেন এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ। পুলিশ গ্রেফতার করে ওই যাত্রীকে। জানা গেছে, ওই যাত্রীর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ২৯৪, ৫১০ ধারায় মামলা রুজু করা হয়েছে।

    আরও পড়ুন: ১২ বছর পর পঞ্চায়েত প্রচারে মমতা! ‘‘বিজেপির কৃতিত্ব’’, বললেন সুকান্ত

    ককপিট ছাড়লেন পাইলট

    রবিবার লন্ডন থেকে দিল্লি আসার এয়ার ইন্ডিয়ার (Air India Flight) বিমানটি দিল্লিতে অবতরণের সময় খারাপ আবহাওয়ার সম্মুখীন হয়। এরফলে জরুরি অবতরণ করতে হয় রাজস্থানের জয়পুর এয়ারপোর্টে। নির্ধারিত সময় অনুসারে, রবিবার ভোর চারটে নাগাদ দিল্লি পৌঁছনোর কথা যদি এয়ার ইন্ডিয়ার বিমানটির। কিন্তু দিল্লির আবহাওয়া অনুকূল না থাকায় জয়পুরে নামতে হয়। জয়পুরে আপৎকালীন অবতরণের দু’ঘণ্টা পেরিয়ে যাওয়ার পর দিল্লি এয়ার ট্রাফিক কন্ট্রোল থেকে দিল্লি যাত্রার ছাড়পত্র পাওয়া যায়। তখনই বিমান চালাতে অস্বীকার করেন পাইলট। বিমানে ছিলেন ৩৫০ জন যাত্রী। পাইলটের দাবি, তাঁর ডিউটির সময়  পেরিয়ে গিয়েছে, এরপর বিমান চালাতে তিনি অপারগ। পাইলটের দায়িত্বশীলতা নিয়ে প্রশ্ন উঠলেও বিশেষজ্ঞদের মতে, এক্ষেত্রে সত্যিই পাইলটের কাজের সময় শেষ হয়ে গিয়েছিল, বিকল্প ব্যবস্থা রাখা উচিৎ ছিল কোম্পানির। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Karnataka Crime: স্ত্রীর সঙ্গে পরকীয়া! প্রতিশোধ নিতে বন্ধুর গলা কেটে রক্ত পান যুবকের

    Karnataka Crime: স্ত্রীর সঙ্গে পরকীয়া! প্রতিশোধ নিতে বন্ধুর গলা কেটে রক্ত পান যুবকের

    মাধ্যম নিউজ ডেস্ক: সন্দেহ স্ত্রীয়ের সঙ্গে পরকীয়ায় জড়িত বন্ধু। তাই প্রতিশোধ নিতে বন্ধুর গলা কেটে রক্ত খেলেন স্বামী। শুধু তা-ই নয়, বন্ধুকে দিয়ে গোটা ঘটনাটির ভিডিয়ো তুলে রাখেন অভিযুক্ত ব্যক্তি। ঘটনাটি ঘটেছে কর্নাটকের (Karnataka Crime) চিক্কাবাল্লাপুরে। ভিডিয়োটি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ার পরেই ঘটনার তদন্তে নামে পুলিশ। অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। আক্রান্ত ব্যক্তি আপাতত সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন। 

    নৃশংস ঘটনার সাক্ষী কর্নাটক

    পুলিশের তরফে জানানো হয়েছে, অভিযুক্তের নাম বিজয়। সম্প্রতিই মারেশ নামক এক বন্ধুর উপরে হামলা চালায় বিজয়। নিজেই ওই বন্ধুকে বাড়ি নিয়ে গিয়েছিল বিজয়। পরিচয় করিয়েছিল স্ত্রীয়ের সঙ্গে। কিন্তু কয়েকদিনের মধ্যেই বিপদ। তার সন্দেহ ছিল, স্ত্রীর সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে বন্ধু মারেশের। সেই সন্দেহের বশেই বন্ধুর উপর চড়াও হয়। বচসার মাঝেই হঠাৎ সে পকেট থেকে ধারাল অস্ত্র বের করে মারেশের গলায় কোপ বসায়। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়ে মারেশ। তাঁর শরীরের উপরে চেপে বসেই অভিযুক্ত বিজয় তাঁর গলা থেকে বেরনো রক্তপান করে। ওই ভিডিয়ো রেকর্ড করে সোশ্য়াল মিডিয়ায় পোস্ট করা হয়। ভিডিয়োটি (Karnataka Crime) নজরে আসতেই পুলিশ পদক্ষেপ করে। আহত যুবকের অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করা হয়।

    আরও পড়ুন: ৯ বছরে ১৩টি সর্বোচ্চ নাগরিক সম্মানের অধিকারী নরেন্দ্র মোদি! দেখুন তালিকা

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ঘটে কর্নাটকের (Karnataka Crime) চিকবল্লাপুরা জেলার চিন্তামণি তালুকে। গত ১৯ জুন বিজয় তাঁর বন্ধু জনকে নিয়ে স্থানীয় একটি জঙ্গলে যান। সেখানেই ডেকে পাঠানো হয়েছিল মরেশকে। বিজয় যখন মরেশের রক্ত খেতে ব্যস্ত, সেই সময় গোটা ঘটনার ভিডিয়ো করছিলেন জন। তবে গলায় আঘাত পেলেও প্রাণে বেঁচে গিয়েছেন আক্রান্ত যুবক। তাঁকে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়। সুস্থ হওয়ার পর তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে। পুলিশ একটি মামলা রুজু করে এই ঘটনার তদন্ত শুরু করেছে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Narendra Modi: ‘‘ভারতে কী হচ্ছে?’’ দেশে ফিরেই নাড্ডাকে প্রশ্ন মোদির, নিলেন খোঁজখবর

    Narendra Modi: ‘‘ভারতে কী হচ্ছে?’’ দেশে ফিরেই নাড্ডাকে প্রশ্ন মোদির, নিলেন খোঁজখবর

    মাধ্যম নিউজ ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্র এবং মিশর সফর সেরে ফিরেই দেশের হালচাল নিয়ে খোঁজখবর নিতে শুরু করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। দিল্লির পালাম বিমানবন্দরে সোমবার ভোরে তাঁকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, মিনাক্ষী লেখী, গৌতম গম্ভীর, হংস রাজ সহ আরও অনেকে।

    দেশের হালচাল কী?

    বিমানবন্দরে পা রেখেই যাঁরা তাঁকে বিমানবন্দরে অভ্যর্থনা জানাতে গিয়েছিলেন, তাঁদের সঙ্গে সৌজন্য বিনিময় করেন প্রধানমন্ত্রী (Narendra Modi)। তারপর দেশের বর্তমান হালহকিকত নিয়ে জে পি নাড্ডাকে প্রশ্ন করেন মোদি। বিজেপি সাংসদ মনোজ তিওয়ারি বলেন, “প্রধানমন্ত্রী নাড্ডাজিকে প্রশ্ন করেন, ভারতে সব কেমন চলছে? নাড্ডাজি বলেন, দলের কর্মীরা সরকারের নয় বছরের সাফল্যে খতিয়ান এবং রিপোর্ট কার্ড নিয়ে বাড়ি বাড়ি জনসংযোগ করছেন। নাড্ডাজি জানান, দেশ সুখেই আছে।”

    মোদির ছয়দিনের বিদেশ সফর ছিল ঘটনাবহুল। আমেরিকা, মিশর জুড়ে প্রধানমন্ত্রী মোদিকে (Narendra Modi) ঘিরে চোখে পড়েছিল উৎসবের ছবি। উল্লেখ্য, গত ২০ জুন মার্কিন যুক্তরাষ্ট্রে পৌঁছেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ২১ জুন যোগ দিবস উপলক্ষে নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের সদর দফতরে  ১৮১টি দেশের প্রতিনিধিদের সঙ্গে যোগাভ্যাস করেন তিনি। যা একটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে পরিণত হয়। হোয়াউট হাউসে রেড কার্পেটে স্বাগত জানানো হয় মোদিকে। এরপর স্টেট গালা ডিনারে অংশ নেন তিনি।

    আরও পড়ুন: বিশ্বের উন্নয়ন, মঙ্গলের শক্তি হল ভারত-মার্কিন বন্ধুত্ব! অভিমত মোদির

    ২৪ জুন প্রধানমন্ত্রী পৌঁছন মিশরে। কায়রো বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান মিশরের প্রধানমন্ত্রী মোস্তাফা ম্যাডবউলি। সেখানে দেশের প্রেসিডেন্ট আবদেল ফাতেয় এল সিসির সঙ্গে বৈঠক করেন তিনি। প্রধানমন্ত্রী মোদিকে ইজিপ্টের সর্বোচ্চ নাগরিক সম্মান, ‘অর্ডার অফ দ্য নাইল’ প্রদান করা হয়। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

  • Narendra Modi: ৯ বছরে ১৩টি সর্বোচ্চ নাগরিক সম্মানের অধিকারী নরেন্দ্র মোদি! দেখুন তালিকা

    Narendra Modi: ৯ বছরে ১৩টি সর্বোচ্চ নাগরিক সম্মানের অধিকারী নরেন্দ্র মোদি! দেখুন তালিকা

    মাধ্যম নিউজ ডেস্ক: ২০১৪ সালে তাঁর ক্ষমতায় আসা। ‘আবকি বার মোদি সরকার’ স্লোগান সেসময় সারা ভারতে বিজেপির সুনামি তুলেছিল। ২০১৯ সালে ফের প্রত্যাবর্তন। ২০২৩ সালে ৯ বছরে পা রেখেছে মোদি সরকার (Narendra Modi)। এই সময়ের মধ্যে প্রধানমন্ত্রী পেয়েছেন ১৩ টি আন্তর্জাতিক সম্মান। 

    পিরামিডের দেশে সর্বোচ্চ নাগরিক সম্মান

    সোমবারই মিশর সফর সেরে দেশে ফিরেছেন নরেন্দ্র মোদি। রবিবারই মিশরের রাষ্ট্রপতি আব্দেল ফতেহ এল-সিসি সেদেশের সর্বোচ্চ সম্মানে ভূষিত করেছেন ভারতের প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর মুকুটে জুড়েছে ‘অর্ডার অফ দ্য নাইল’ সম্মান। মিশরের সর্বোচ্চ এই নাগরিক সম্মান সেদেশের জনজীবনে অবদান রাখা বিশিষ্ট ব্যক্তিত্ব, রাজ পরিবারের সদস্যরা যেমন পান তেমনি বিদেশি নাগরিকরাও পেয়ে থাকেন। মিশর সরকার আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে জানিয়েছে, ‘এই সম্মানের অধিকারীরা চিরস্মরণীয় থাকবেন।’ প্রসঙ্গত, ২৬ বছর পর ভারতের কোনও প্রধানমন্ত্রী মিশর সফরে গিয়েছিলেন।

    বিগত ৯ বছরে মোদির মুকুটে জুড়েছে ১৩ আন্তর্জাতিক সম্মান, একনজরে দেখে নেব সেগুলি    

    ১) কমপ্যানিয়ন অফ দ্য অর্ডার অফ লোগোহু: পাপুয়া নিউ গিনি দ্বীপরাষ্ট্রের এই সর্বোচ্চ নাগরিক সম্মান নেরেন্দ্র মোদি (Narendra Modi) পান ২০২৩ সালের মে মাসে। 

    ২) কমপ্যানিয়ন অফ দ্য অর্ডার অফ ফিজি: মোদিকে বিশ্বনেতা স্বীকৃতি দিয়ে সর্বোচ্চ নাগরিক সম্মান দেয় ফিজি। ২০২৩ সালের মে মাসে এই সম্মান প্রাপ্ত হন মোদি।

    ৩) এবাকল অ্যাওয়ার্ড: ২০২৩ সালের মে মাসে রিপাবলিক অফ পালাউ-এর এই সর্বোচ্চ নাগরিক সম্মান মোদি পান সেদেশের রাষ্ট্রপতি সুরাঞ্জেল এস হুইপসের হাত থেকে।

    ৪) অর্ডার অফ দ্য ড্রুক গ্যালপো: ভুটানের এই সর্বোচ্চ নাগরিক সম্মান মোদি পান ২০২১ সালে।  

    ৫) লিজিয়ন অফ মেরিট: মার্কিন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর তরফ থেকে এই সম্মান মোদি পান ২০২০ সালে।    
        
    ৬) কিং হামাদ অর্ডার অফ দ্য রেনেসাঁ: বাহারিনের এই সর্বোচ্চ নাগরিক সম্মান  মোদি পান ২০১৯ সালে।
        
    ৭) অর্ডার অফ দ্য ডিস্টিনগুইজড রুল অফ নিশান ইজউদ্দিন: মালদ্বীপের এই সর্বোচ্চ নাগরিক সম্মান মোদি পান ২০১৯ সালে।
        
    ৮) অর্ডার অফ সেন্ট অ্যান্ড্রু অ্যাওয়ার্ড: রাশিয়ার সর্বোচ্চ নাগরিক সম্মান মোদির মুকুটে আসে ২০১৯ সালে।

    ৯) অর্ডার অফ জায়েদ অ্যাওয়ার্ড: আরবের সর্বোচ্চ নাগরিক সম্মান মোদি পান ২০১৯ সালে।

    ১০) গ্র্যান্ড কলার অফ দ্য স্টেট অফ দ্য পালেস্তাইন অ্যাওয়ার্ড:  পালেস্তাইনের এই সর্বোচ্চ সম্মান মোদি পান ২০১৮ সালে।

    ১১) স্টেট অর্ডার অফ গাজি আমির আমানুল্লা খান: আফগানিস্তানের সর্বোচ্চ এই নাগরিক সম্মান প্রধানমন্ত্রী পান ২০১৬ সালে।

    ১২) অর্ডার অফ আব্দুল-আজিজ আল সৌদ: সৌদি আরবের অমুসলিমদের সর্বোচ্চ এই সম্মান মোদি পান ২০১৬ সালে

    ১৩) ২০২৩ সালের জুন মাসে পেলেন মিশরের সর্বোচ্চ নাগরিক সম্মান ‘অর্ডার অফ দ্য নাইল’

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

  • PM Modi US Visit: বিশ্বের উন্নয়ন, মঙ্গলের শক্তি হল ভারত-মার্কিন বন্ধুত্ব! অভিমত মোদির

    PM Modi US Visit: বিশ্বের উন্নয়ন, মঙ্গলের শক্তি হল ভারত-মার্কিন বন্ধুত্ব! অভিমত মোদির

    মাধ্যম নিউজ ডেস্ক: আমেরিকা ও মিশর সফর শেষে রবিবার রাতেই দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী (PM Modi US Visit)। তাঁর ঠিক আগেই খোদ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রধানমন্ত্রী মোদির মার্কিন সফরের একগুচ্ছ ছবি ও ভিডিও পোস্ট করে সারা বিশ্বের সামনে ফের একবার ভারত-আমেরিকার (India-USA Relation) বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে তুলে ধরেন। তাঁর কথায়, গোটা বিশ্বের ভাল করার একটা শক্তি ভারত ও আমেরিকার বন্ধুত্ব। এই ট্যুইটের জবাব দেন প্রধানমন্ত্রী (PM Modi US Visit) মোদিও। সরকারে আসার পর থেকেই বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে মৈত্রীর মাধ্যমে কূটনীতিক সম্পর্কের যে নীতি মোদি নিয়েছেন তা বিশ্বে ইতিমধ্যেই সমাদৃত। শুধু আমেরিকা নয়, মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তেহ এল সিসিও ভারত-মিশর বন্ধুত্বের কথা বলেছেন।

    বাইডেন-মোদি ট্যুইট বার্তা

    রবিবারই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন চলতি সপ্তাহেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ, আলোচনা ও নৈশভোজের একটি ভিডিও মন্তাজ পোস্ট করে বলেন, “বিশ্বের সবথেকে ফলপ্রসূ বন্ধুত্ব হল আমেরিকা ও ভারতের সম্পর্ক। এই বন্ধুত্ব আরও মজবুত, আরও ঘনিষ্ঠ হয়েছে, যা আগে কখনও ছিল না।”

    বাইডেনের ট্যুইটকে ট্যাগ করেই উত্তর দেন প্রধানমন্ত্রী মোদিও। তিনি লেখেন, “আমি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সম্পূর্ণ সহমত। বিশ্বের উন্নয়ন, মঙ্গলের শক্তি হল আমাদের দুই দেশের বন্ধুত্ব। এই সম্পর্ক পৃথিবীকে আরও ভাল ও বাসযোগ্য় করে তুলবে। আমার সাম্প্রতিক সফরে যে যে দিকগুলি নিয়ে আলোচনা হয়েছে, তা আমাদের সম্পর্ককে আরও মজবুত করবে।”

    আরও পড়ুন: প্রধানমন্ত্রী মোদিকে দেওয়া ১৩টি পুরস্কারের মধ্যে ৬টি দিয়েছে মুসলিম প্রধান দেশ, দাবি নির্মলার

    ভারত-মার্কিন সম্পর্ক

    ভারত ও আমেরিকার সম্পর্ক নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi US Visit) আগেই বলেছিলেন, ‘‘আমেরিকা এবং ভারত শুধু নীতি তৈরি করছে না। জীবন, স্বপ্ন এবং ভাগ্যকে নতুন রূপ দিচ্ছে…। বিশ্বে ঘটে চলা বিভিন্ন সমস্যা থেকে শুরু করে নতুন প্রযুক্তির ক্ষেত্রে দুই দেশই উন্নত ভবিষ্যতের জন্য শক্তিশালী পদক্ষেপ করছে। আমেরিকার সঙ্গে ভারতের এই নতুন সম্পর্ক (India-USA Relation) এবং যাত্রা বিশ্বকে নতুন রূপ দেবে।’’ আমেরিকার সঙ্গে একাধিক চুক্তির কারণে জেট ইঞ্জিন প্রযুক্তি-সহ অন্যান্য প্রযুক্তিগত ক্ষেত্রে ভারত নতুন দিশা পাবে বলেও আশা প্রকাশ করেন তিনি। আমেরিকার বিনিয়োগের কারণে ভারতে কর্মসংস্থান বাড়বে। দেশের উদ্ভাবনী শক্তিকে আরও উৎসাহিত করবে এই নয়া সম্পর্ক বিশ্বাস প্রধানমন্ত্রীর। মোদি বলেন, ‘‘ভারত এবং আমেরিকার সম্পর্কের নতুন এবং গৌরবময় যাত্রা শুরু হয়েছে। এই নতুন যাত্রা ‘মেক ইন ইন্ডিয়া’, ‘মেক ফর দ্য ওয়ার্ল্ড’-এর ধারণাকে আরও শক্তিশালী করবে।’’

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

  • Narendra Modi: প্রধানমন্ত্রীকে দেওয়া ১৩টি সম্মানের মধ্যে ৬টি দিয়েছে মুসলিম প্রধান দেশ, দাবি নির্মলার

    Narendra Modi: প্রধানমন্ত্রীকে দেওয়া ১৩টি সম্মানের মধ্যে ৬টি দিয়েছে মুসলিম প্রধান দেশ, দাবি নির্মলার

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারতের প্রধানমন্ত্রী হিসাবে নরেন্দ্র মোদি (Narendra Modi) যে ১৩টি বিশেষ নাগরিক সম্মান পেয়েছেন, তার মধ্য়ে ৬টি দিয়েছে মুসলিম প্রধান দেশ। রবিবার, এক সাংবাদিক বৈঠকে এই মন্তব্য করলেন নির্মলা সীতারামন (Nirmala Sitharaman)। কেন্দ্রীয় অর্থমন্ত্রীর মতে, শুধুমাত্র দেশের শান্তি বিঘ্নিত করার উদ্দেশ্যে ভারতে মুসলিমদের পরিস্থিতি নিয়ে অপপ্রচারের চালানো হচ্ছে, পরিকল্পিত প্রচারের অঙ্গ হিসেবে প্রশ্ন তোলা হচ্ছে ভারতের ধর্মনিরপেক্ষ অবস্থান নিয়ে।

    বারাক ওবামার মন্তব্য নিয়ে নির্মলা

    ভারতীয় মুসলিমদের নিয়ে ওবামার (Barak Obama) দুশ্চিন্তা সম্পূর্ণ গুরুত্বহীন বিষয় বলে দাবি করেন নির্মলা সীতারামন (Nirmala Sitharaman)। তিনি বলেন, ‘‘এটা পরিকল্পিত প্রচারের অঙ্গ। বিশেষ করে যখন ভারতের প্রধানমন্ত্রী আমেরিকায় রয়েছেন, সে সময়ে প্রাক্তন প্রেসিডেন্টের ভারতীয় মুসলিমদের নিয়ে দুশ্চিন্তা প্রকাশের ঘটনা স্তম্ভিত করে দেওয়ার মতো।’’ নির্মলার কথায়, ‘‘যে প্রাক্তন প্রেসিডেন্ট ভারত সম্পর্কে প্রশ্ন তুলছেন, তাঁর শাসনকালে ছ’টি মুসলিম অধ্যুষিত দেশে ২৬ হাজার বোমা বর্ষণ করেছিল আমেরিকা (America)। এই ধরনের লোকেদের অভিযোগকে কী ভাবে বিশ্বাস করবে আমজনতা?’’

    আরও পড়ুন: ভোগের পদ আড়াইশো! ইসকনে মাসির বাড়িতে পরম আদরে প্রভু জগন্নাথ

    উল্লেখ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) আমেরিকান ‘স্টেট ভিজিট’ (PM Modi US Visist) চলা অবস্থাতেই গত বৃহস্পতিবার তিনি মন্তব্য করেছিলেন, ‘ভারত যদি মুসলিম-সহ তার সংখ্যালঘু নাগরিকদের রক্ষা করতে না পারে, তা হলে সে দেশের টুকরো টুকরো হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।’ ভারতের এথনিক মাইনরিটিদের নিয়ে প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামার এই মন্তব্য মেনে নিতে পারছেন না বহু ভারতীয়ই।

    মুসলিম দেশে মোদির জনপ্রিয়তা

    নির্মলা (Nirmala Sitharaman) দাবি করেন, ‘ভারতের প্রধানমন্ত্রী (Narendra Modi) হিসাবে মোদিকে যে ১৩টি পুরস্কার দেওয়া হয়েছে তার মধ্যে ৬টি দিয়েছে মুসলিম প্রধান দেশ। কোনও তথ্য ছাড়াই শুধু অপপ্রচারের জন্য নানা কথা বলা হচ্ছে। আসলে ভোটের মাধ্যমে মোদি ও বিজেপিকে হারাতে পারছে না কংগ্রেস-সহ বিরোধীরা। সে কারণে এখনও এ সব ভিত্তিহীন প্রচার করছে। গত কয়েকটি ভোটে কংগ্রেস এই ভূমিকা নিয়েছিল। বিজেপি সরকার সবকা সাথ, সবকা বিকাশের কথা বলে। কোনও সম্প্রদায়কে নিয়ে আলাদা করে কোনও বৈষম্য করে না।’

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Bridge Collapse: তিন সপ্তাহের মধ্যে দু’বার, বিহারে ফের ভাঙল নির্মীয়মাণ ব্রিজ

    Bridge Collapse: তিন সপ্তাহের মধ্যে দু’বার, বিহারে ফের ভাঙল নির্মীয়মাণ ব্রিজ

    মাধ্যম নিউজ ডেস্ক: ফারাক মাত্র তিন সপ্তাহের। তার মধ্যেই ফের ভেঙে পড়ল নির্মীয়মাণ ব্রিজ (Bridge Collapse)। বিহারের (Bihar) খাগাড়িয়া জেলার ঘটনায় চাঞ্চল্য। শনিবার দুর্ঘটনার সময় ব্রিজে কেউ না থাকায় মৃত্যুর কোনও খবর নেই। জখমও হননি কেউ। ব্রিজটি তৈরি হচ্ছিল জাতীয় সড়ক কর্তৃপক্ষের তত্ত্বাবধানে। তাই সেতুটি কীভাবে ভেঙে পড়ল তা জানতে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছেন এনএইচএআই কর্তৃপক্ষ।

    ভাঙল ব্রিজ

    সপ্তাহ তিনেক আগে খাগাড়িয়া জেলায় গঙ্গা নদীর ওপর ভেঙে পড়েছিল নির্মীয়মাণ ব্রিজ। এদিন দুপুরে আচমকাই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে মেচি নদীর ওপর নির্মীয়মাণ ব্রিজের পিলারের একটি অংশ। ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়ার প্রজেক্ট ডিরেক্টর অরবিন্দ কুমার বলেন, এদিন মেচি নদীর ওপর নির্মীয়মাণ একটি ব্রিজের পিলার ভেঙে পড়ে। পাটনা থেকে ঘটনাস্থলের দূরত্ব ৪০০ কিমি। এনএইচ ৩২৭-ই-র ওপর নির্মীয়মাণ ওই ব্রিজটি (Bridge Collapse) কিষানগঞ্জ ও কাটিহারের সঙ্গে সংযোগ স্থাপন করবে। তিনি বলেন, প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ব্রিজটির পিলার গাঁথাইয়ের সময় শ্রমিকের ভুলের জন্যই দুর্ঘটনাটি ঘটেছে। এই দুর্ঘটনায় কেউ হতাহত হননি। তবে ঘটনার তদন্তে ৫ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

    স্বপ্ন ভাঙল নীতীশের!

    এর আগে বিহারে ব্রিজ ভেঙে পড়েছিল ৪ জুন। ভাগলপুরে আগুইয়ানি-সুলতানগঞ্জ সংযোগকারী নির্মীয়মাণ ব্রিজটি ভেঙে পড়েছিল হুড়মুড়িয়ে। প্রথমে সেতুর একটি অংশ ভেঙে পড়ে, কয়েক সেকেন্ড পর ভেঙে পড়ে গোটা ব্রিজটাই। সেদিনও হতাহতের কোনও খবর ছিল না। গত বছরও ভেঙে পড়েছিল নির্মীয়মাণ এই ব্রিজটি (Bridge Collapse)। ফের কাজ শুরুর পর আবারও ঘটে দুর্ঘটনা। আগুইয়ানি থেকে সুলতানগঞ্জ পর্যন্ত যোগাযোগকারী এই সেতু মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের স্বপ্নের প্রকল্প।

    আরও পড়ুুন: অসমে বন্যা পরিস্থিতির আরও অবনতি, মৃত ৩, ভারী বৃষ্টির পূর্বাভাস

    এদিনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বিহার ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশন। রাজ্যের সমস্ত ব্রিজের স্ট্রাকচারাল অডিটের ওপর জোর দিয়েছে তারা। সম্পূর্ণ এবং নির্মীয়মাণ সব ব্রিজেরই স্ট্রাকচারাল অডিট করানো প্রয়োজন বলে মনে করে অ্যাসোসিয়েশন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

     
LinkedIn
Share