Category: রাজ্য

Get West Bengal News, Bengali Breaking News, Latest News in Bengali only from মাধ্যম | Madhyom, Bengali News Portal for সম্পূর্ণ নিরপেক্ষ বাংলা সংবাদ, বাংলা খবর

  • Atiq Ahmed: আতিক খুনের প্রতিবাদে বাংলায় পুলিশি ঘেরাটোপে মোমবাতি মিছিল! কারা করল?

    Atiq Ahmed: আতিক খুনের প্রতিবাদে বাংলায় পুলিশি ঘেরাটোপে মোমবাতি মিছিল! কারা করল?

    মাধ্যম নিউজ ডেস্ক: উত্তরপ্রদেশে আতিক আহমেদকে (Atiq Ahmed) গুলি করে খুন করার ঘটনার প্রতিবাদে রাস্তায় নেমে মোমবাতি মিছিল করল রাজা ইসলামিক মিশন নামে একটি সংগঠন। উত্তর দিনাজপুরের ইসলামপুরের রামগঞ্জ এলাকায়। ১৬ এপ্রিল সন্ধ্যায় রামগঞ্জ বাজারে এই মোমবাতি মিছিল হয়। মিছিলে সংগঠনের বহু সদস্য পা মেলান। আতিক আহমেদ খুন হওয়ার পর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করেছিলেন, উত্তরপ্রদেশে নৈরাজ্য এবং আইনশৃঙ্খলা সম্পূর্ণ ভেঙে পড়ার ছবি দেখে আমি স্তম্ভিত। পাল্টা টুইট করে শুভেন্দু অধিকারী বলেছিলেন, পশ্চিমবঙ্গের নৈরাজ্য ও আইনশৃঙ্খলার অবনতি দেখে আপনি কবে স্তম্ভিত হবেন? স্বাভাবিকভাবে আতিক আহমেদ (Atiq Ahmed) ইস্যুতে রাজনৈতিক নেতাদের মধ্যে তর্ক, বিতর্কের মাঝে ১৬ এপ্রিল রাজা ইসলামিক মিশনের ব্যানারে প্রকাশ্যে মোমবাতি মিছিল হওয়ার ঘটনায় রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। একজন দাগি দুষ্কৃতীর মৃত্যুর ঘটনায় মোমবাতি মিছিল করা নিয়ে অনেকেই প্রশ্ন তুলতে শুরু করেছেন।

    কী বললেন মোমবাতি মিছিলের উদ্যোক্তারা?

    মোমবাতি মিছিলে রাজা ইসলামিক মিশনের সঙ্গে একাধিক সংগঠনের সদস্যরা ছিলেন বলে উদ্যোক্তাদের দাবি। মোমবাতি মিছিলের একটি ভিডিও সামনে এসেছে, তাতে দেখা যাচ্ছে, সকলের হাতে মোমবাতি ছিল। আর পিছনে পুলিশের একটি গাড়ি এসকর্ট করে মিছিলটি নিয়ে যাচ্ছিল। মিছিল শেষে সংগঠনের সদস্যরা উত্তরপ্রদেশ সরকার মুর্দাবাদ বলে স্লোগান দেন। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকেও তাঁরা কটাক্ষ করেন। পাশাপাশি এই রাজ্যের পুলিশের প্রশংসা করেন তাঁরা। রাজা ইসলামিক মিশনের সভাপতি আসজাদ রাজা বলেন, উত্তর প্রদেশে আতিক আহমেদকে (Atiq Ahmed) যে ভাবে খুন করা হয়েছে, তাতে সংবিধানকে খুন করা হয়েছে। কারণ, আতিকের সাজা ঘোষণা হয়ে গিয়েছে। তার উপর পুলিশের সামনে দুষ্কৃতীরা হামলা চালাল? পুলিশের সামনে হামলা হওয়ার পরও পাল্টা হামলা পুলিশ করল না। উত্তরপ্রদেশ প্রশাসন গুন্ডা, মাফিয়াদের বাড়িতে বুলডোজার চালায়। আতিককে (Atiq Ahmed) যারা খুন করল তাদের বাড়িতে বুলডোজার কবে চালানো হবে? এই ঘটনার প্রতিবাদে আমরা এদিন শান্তিপূর্ণ মিছিল করেছিলাম। পুলিশও আমাদের সঙ্গে ছিল।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

     

  • Baby: হাসপাতালে মায়ের কোল থেকে সদ্যোজাত শিশু চুরি! শোরগোল এলাকায়

    Baby: হাসপাতালে মায়ের কোল থেকে সদ্যোজাত শিশু চুরি! শোরগোল এলাকায়

    মাধ্যম নিউজ ডেস্ক: বৃহস্পতিবার দুপুরে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে এক সদ্যোজাত শিশু চুরির ঘটনা ঘটেছে। যা নিয়ে হাসপাতাল জুড়ে শোরগোল পড়ে গিয়েছে। এই ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে চরম গাফিলতির অভিযোগ উঠেছে। হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, খড়িবাড়ি বাতাসির চব্বিশ বছরের গৃহবধূ রঞ্জিতা সিংহ ১৮ এপ্রিল খড়িবাড়ি ব্লক হাসপাতালে এক পুত্রসন্তানের জন্ম দেন। প্রসূতির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বুধবার তাঁকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। তার ২৪ ঘণ্টার মধ্যেই এদিন দুপুরে ওই প্রসূতির বেড থেকে সদ্যোজাত পুত্রসন্তানকে তুলে নিয়ে চলে যাওয়ার অভিযোগ উঠল এক মহিলার বিরুদ্ধে।

    ঠিক কী ঘটেছিল?

    প্রসূতির পাশের বেডের এক রোগীর আত্মীয়া বলেন, এদিন বেলা বারোটার পর রঞ্জিতা সিংহ নামে ওই প্রসূতির কোলে শিশুটি ছিল। প্রসূতিকে খাইয়ে দিচ্ছিলেন তাঁর মা। সে সময় তাঁর সন্তান কাঁদছিল। অজ্ঞাত পরিচয় এক মহিলা এসে তাঁর শিশুসন্তানটিকে শান্ত করার নাম করে নিয়ে যায়। বলে তুমি খাও। বাইরে থেকে বাচ্চাকে ঘুরিয়ে নিয়ে আসছি। সরল বিশ্বাসে ওই প্রসূতি ও তাঁর মা তাঁদের সদ্যোজাত সন্তানকে ওই মহিলার হাতে তুলে দেন। তার পরই মহিলা ওয়ার্ড থেকে বেরিয়ে যায়। অনেকক্ষণ হয়ে যাওয়ার পরও শিশু নিয়ে মহিলা ফিরে না আসায় সকলে তার খোঁজ শুরু করে। কিন্তু, কোথাও তার হদিশ মেলেনি।

    কী বললেন প্রসূতির পরিবারের লোকজন?

    হাসপাতালের প্রসূতিদের এই ওয়ার্ড থেকে বাইরে বের হতে গেলে তিনটি গেট অতিক্রম করতে হয়। সেখানে বেসরকারি সিকিউরিটি গার্ড রয়েছে। তাহলে একটি শিশুকে নিয়ে এক মহিলা বেরিয়ে যাচ্ছে, তার ছুটি হয়েছে কি না বা সে কেন যাচ্ছে, তার কাছে ডিসচার্জ সার্টিফিকেট রয়েছে কি না-এসব যাচাই কেন করা হয়নি, সে নিয়ে প্রশ্ন উঠেছে। প্রসূতির স্বামী নিত্যানন্দ সিংহ বলেন, বেসরকারি সিকিউরিটি গার্ড যাঁরা গেটে রয়েছেন, তাঁরা কেন ওই মহিলাকে জিজ্ঞাসা করেননি। যে ওয়ার্ডে ঘুরছে, তার পরিচয় কি? যেখান থেকে আমার সন্তানকে নিয়ে যাওয়া হয়েছে, সেখান থেকে বাইরে বের হতে গেলে প্রসূতি ওয়ার্ডের প্রধান গেটের পাশেই রয়েছে নার্স ও ডাক্তারের টেবিল। সেখানে অনেক নার্স ও ডাক্তার থাকার পরও তাঁদের নজরে কেন ধরা পড়ল না?

    কী বললেন হাসপাতালে সুপার?

    এদিকে খবর পেয়ে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ পুলিশ আউটপোস্ট তদন্তে নামে। মেডিক্যাল কলেজের মূল গেটে পুলিশের লাগানো সিসিটিভিতে ধরা পড়ে, এক মহিলা একটি টোটোতে করে বাচ্চা নিয়ে যাচ্ছে। পুলিশ টোটোচালককে আটক করে জেরা করছে। কোথায় ওই মহিলাকে টোটোচালক ছেড়ে এসেছে তা জানার জন্য টোটোচালককে নিয়ে পুলিশ সেই মহিলার সন্ধানে বেরিয়েছে। কেন হাসপাতালের সব জায়গায় সিসিটিভি নেই, নিরাপত্তা কেন ঢিলে-ঢালা, প্রসূতি ওয়ার্ডে বাইরের লোক কী করে ঢোকে? এধরনের প্রশ্নের সদুত্তর দিতে পারেননি হাসপাতাল সুপার ডাঃ সঞ্জয় মল্লিক। তিনি বলেন, গোটা বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Kuntal Ghosh: কুন্তলের বিস্ফোরক চিঠিকাণ্ডে শুনানি হবে ‘সুপ্রিম’ রায়ের পর, সাফ জানাল হাইকোর্ট

    Kuntal Ghosh: কুন্তলের বিস্ফোরক চিঠিকাণ্ডে শুনানি হবে ‘সুপ্রিম’ রায়ের পর, সাফ জানাল হাইকোর্ট

    মাধ্যম নিউজ ডেস্ক: জেলবন্দি প্রাক্তন তৃণমূল (TMC) নেতা কুন্তল ঘোষের (Kuntal Ghosh) বিস্ফোরক চিঠি মামলা সুপ্রিম কোর্টের (Supreme Court) বিচারাধীন। তাই এই মামলার শুনানি হবে সুপ্রিম কোর্টের রায়ের পর। বৃহস্পতিবার জানিয়ে দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এদিন প্রেসিডেন্সি জেলের সুপারের পক্ষ থেকে ৩টি হার্ড ডিস্ক ও অরিজিনাল ভিজিটর রেজিস্টার খাতা জমা দেওয়া হয় আদালতে। এইসব নথি সিল কভারে রেজিস্ট্রার জেনারেলের কাছে জমা দেওয়ার নির্দেশও দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। প্রসঙ্গত, আদালতের নির্দেশ ছিল, সংশোধনাগারের সিসি টিভি ফুটেজ ও অরিজিনাল ভিজিটর রেজিস্টার খাতা পেশ করার।

    কুন্তল ঘোষ (Kuntal Ghosh)…

    ২৯ মার্চ শহিদ মিনারের এক সভায় তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন, সারদা মামলায় হেফাজতে থাকার সময় মদন মিত্র ও কুণাল ঘোষকে তাঁর নাম নিতে বলেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। পরে প্রাক্তন তৃণমূল নেতা কুন্তলও (Kuntal Ghosh) একই অভিযোগ করেন। প্রেসিডেন্সি জেলে বসে ইডি এবং সিবিআইয়ের বিরুদ্ধে অভিযোগ করে চিঠি লিখেছিলেন কুন্তল। সেই চিঠির মূল বক্তব্য হল, তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলার জন্য তাঁকে চাপ দিচ্ছেন ইডি এবং সিবিআইয়ের তদন্তকারীরা। কুন্তলের অভিযোগ, অভিষেকের নাম না বলায় তাঁর ওপর শারীরিক অত্যাচারও চালিয়েছেন তদন্তকারীরা।

    আরও পড়ুুন: হিন্দু নেতাদের খুন করতে প্রশিক্ষণ শিবির চালাচ্ছিল পিএফআই?

    কুন্তলের  (Kuntal Ghosh) বিস্ফোরক চিঠি মামলায় বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেছিলেন, প্রয়োজনে অভিষেককে জিজ্ঞাসাবাদ করতে পারবে ইডি এবং সিবিআই। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে দেশের শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক। সেই মামলায় হাইকোর্টের রায়ের ওপর স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্ট। বিচারপতি গঙ্গোপাধ্যায় আরও বলেছিলেন, ২১ মার্চ থেকে ৬ এপ্রিল পর্যন্ত প্রেসিডেন্সি সংশোধানাগারের প্রবেশ ও বাহিরপথের সিসিটিভির ফুটেজ সংরক্ষণ করতে হবে। ওই সময়ের মধ্যে প্রেসিডেন্সি সংশোধনাগারে কারা গিয়েছিলেন, তা জানাতে ভিজিটর্স রেজিস্টার খাতা জেল কর্তৃপক্ষকে আদালতে জমা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছিল। এদিনই ছিল সেই মামলার শুনানি। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের সেই নির্দেশ মোতাবেক এদিন তিনটি হার্ডডিস্ক, ভিজিটর রেজিস্টার খাতা কলকাতা হাইকোর্টে জমা দেন প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষ।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Eid 2023: ঈদের জন্য রেড রোড ও ময়দানের প্রস্তুতির যাবতীয় খরচ এবার করছে মমতার সরকার!

    Eid 2023: ঈদের জন্য রেড রোড ও ময়দানের প্রস্তুতির যাবতীয় খরচ এবার করছে মমতার সরকার!

    মাধ্যম নিউজ ডেস্ক: মুসলিম সম্প্রদায়ের মানুষজন ঈদের দিন (Eid 2023) রেড রোডে নামাজ পড়বেন, এরমধ্যে নতুনত্ব কিছু নেই। কিন্তু এবার এই ঘটনাকে ঘিরেই ঝুলি থেকে বেরিয়ে পড়েছে বিড়াল, বিরোধী দলের পক্ষ থেকে এমনই জোরালো অভিযোগ তোলা হয়েছে। রাজ্য সরকারের পূর্ত দফতরের এক টেন্ডার বিজ্ঞপ্তিতে দেখা যাচ্ছে, রেড রোড এবং ময়দান এলাকা জুড়ে ঈদের নামাজ পড়ার জন্য যাবতীয় বন্দোবস্ত করতে মাঠে নেমেছে রাজ্য সরকারই। তিনটি পৃথক কাজের জন্য সব মিলিয়ে বরাদ্দ করা হয়েছে প্রায় সাড়ে ২৬ লক্ষ টাকা। বিরোধী মহল থেকে প্রশ্ন তোলা হয়েছে, কোনও একটি নির্দিষ্ট সম্প্রদায়ের ধর্মাচরণের জন্য রাজ্য সরকার কি এভাবে দরাজ হস্তে দানধ্যান করতে পারে?

    ঈদের টেন্ডার বিজ্ঞপ্তিতে ঠিক কী বলা হয়েছে?

    এবার ৫ ই এপ্রিল জারি করা ওই টেন্ডার বিজ্ঞপ্তিতে দেখা যাচ্ছে, ঈদ-উল-ফিতর (Eid 2023) উপলক্ষে আশপাশের গ্রাউন্ড থেকে আবর্জনা সরানো, মাঠ পরিষ্কার করা, বাস্কেটবল ক্লাবের সামনে জমে থাকা জলকাদা বালি দিয়ে ভর্তি করা ইত্যাদি কাজের জন্য বরাদ্দ করা হয়েছে ৬ লক্ষ ৪৯ হাজার ১৩ টাকা। ঈদ-উল-ফিতরের জন্য অস্থায়ী প্যান্ডেল, স্টেজ এবং আনুষঙ্গিক জিনিসপত্র তৈরির জন্য বরাদ্দ করা হয়েছে ৯ লক্ষ ৯৭ হাজার ৮৮৯ টাকা। ময়দান এলাকায় গেট এবং এই সংক্রান্ত কাজের জন্য বরাদ্দ করা হয়েছে ৯ লক্ষ ৯৮ হাজার ৭৮৯ টাকা।  এই সমস্ত কাজই তিনদিনের মধ্যে শেষ করার জন্য সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। এমনকি টাকা আরও লাগলে দেবে গৌরী সেন, এমনও আশ্বাস দিয়ে রাখা হয়েছে। 

    দল এবং সরকার একাকার হয়ে গিয়েছিল তৃণমূলের সভাতেও

    উল্লেখ্য, কয়েকদিন আগে একই ধরনের একটি ঘটনা এভাবেই প্রকাশ্যে এসেছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা ছিল শহিদ মিনারে। আর ওই সভার জন্য যাবতীয় বন্দোবস্ত করতে মাঠে নেমেছিল খোদ রাজ্য সরকার। সেবারও দেখা গিয়েছিল, পূর্ত দফতর রেড রোড এবং আশপাশের এলাকায় প্যান্ডেল তৈরি, ব্যারিকেড বসানো ইত্যাদি কাজের জন্য তড়িঘড়ি টেন্ডার ডেকেছিল। তখনও প্রশ্ন উঠেছিল, একটি রাজনৈতিক দলের জন্য সরকার কি এভাবে টাকা খরচ করতে পারে? বিরোধীরা তখনও তীব্র সমালোচনা করে বলেছিল, দল ও সরকার যে একাকার হয়ে গেছে, এটাই তার বড় প্রমাণ।

    তোষণের রাজনীতিরই জ্বলন্ত প্রমাণ, তোপ বিজেপির

    ঈদের (Eid 2023) ওই টেন্ডার বিজ্ঞপ্তি প্রকাশ্যে আসতেই বিজেপি নেতৃত্ব রাজ্য সরকারের ব্যাপক সমালোচনায় নেমেছে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে এই প্রসঙ্গটি উত্থাপন করেন। তিনি বলেন, সরকার তাহলে সব জায়গাতেই নামাজ পড়ার জন্য খরচের ব্যবস্থা করুক। আর শুধু একটি ধর্ম কেন, সব ধর্মের জন্যই সরকার এমন দরাজহস্ত হোক। পরে এ ব্যাপারে ট্যুইট-বাণও নিক্ষেপ করেন রাজ্যের বিরোধী দলনেতা। 

    বিজেপির সাফ কথা, তৃণমূল সরকারের তোষণের রাজনীতি যে কোন পর্যায়ে পৌঁছতে পারে, তার আরও একটি জলজ্যান্ত প্রমাণ সামনে এল। বিজেপি নেতৃত্ব বলছে, যে রাজ্যে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ে সরস্বতী পুজো বন্ধ করে দেওয়া হয়, দুর্গাপুজোর বিসর্জনের জন্য আদালতের দ্বারস্থ হতে হয়, রাজ্যের একাধিক জায়গায় মিছিলে নির্লজ্জ আক্রমণের ঘটনা ঘটে, সেখানে ঈদের নামাজের যাবতীয় খরচ বহন করছে রাজ্য সরকার? এরপরেও সাধারণ মানুষের আর বোঝার কিছু বাকি থাকে কি?
    বিজেপি নেতৃত্বের কটাক্ষ, মুসলিমদের ঠকিয়ে রাজনীতি করার দিন যে শেষ, তা সাগরদিঘিই বুঝিয়ে দিয়েছে। তৃণমূল সরকারের শেষের সেই দিন যে এগিয়ে আসছে, তা এই ধরনের তোষণনীতি থেকেই পরিষ্কার।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Recruitment Scam: ‘অভিষেকের নাম ভাঙিয়ে তোলা টাকা কুন্তল খাটাচ্ছে হাওয়ালায়’, বিস্ফোরক অভিযোগ তাপসের

    Recruitment Scam: ‘অভিষেকের নাম ভাঙিয়ে তোলা টাকা কুন্তল খাটাচ্ছে হাওয়ালায়’, বিস্ফোরক অভিযোগ তাপসের

    মাধ্যম নিউজ ডেস্ক: নিয়োগ দুর্নীতিতে (Recruitment Scam) জেলে রয়েছেন প্রাক্তন তৃণমূল (TMC) নেতা কুন্তল ঘোষ (Kuntal Ghosh)। ওই একই কেলেঙ্কারিতে নাম জড়ানোয় জেলে রয়েছেন বারাসতের জাতীয় পুরস্কার পাওয়া প্রধান শিক্ষক তাপস মণ্ডলও। বৃহস্পতিবার ফের বোমা ফাটালেন তিনি। আলিপুরের বিশেষ সিবিআই আদালত চত্বরে তাপস বলেন, আগে আমি বলেছিলাম ১০০ কোটির খেলা। এখন যেটা শুনছি, সেটা হল ৫০০ কোটি টাকার খেলা। তিনি বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম ভাঙিয়ে কুন্তল যে টাকা তুলেছে, সেই টাকা হাওয়ালায় খাটাচ্ছে। জেলে বসেই টাকা খাটাচ্ছে। জেলের ভিতরে অত্যাচার করা হচ্ছে। কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে চাপ দেওয়ার অভিযোগও করেছেন প্রাক্তন তৃণমূল নেতা। এদিন সে প্রসঙ্গে তাপস বলেন, আরে সব নাটক। ওর নাটক আপনারা জানেন না তো! শুধু দেখতে থাকুন। আরও অনেক নাটক দেখবেন। তিনি বলেন, কেবল অভিষেক নন, দলের বহু নেতার নাম করে কুন্তল টাকা তুলেছে। কাউকে টাকা দেয়নি। সব টাকা ওর কাছেই আছে।

    নিয়োগ দুর্নীতি (Recruitment Scam)…

    তাপসের অভিযোগের প্রেক্ষিতে কুন্তল বলেন, ওর মাথা খারাপ হয়ে গিয়েছে। ভুলভাল বকছে। এদিন ফের একবার তদন্তকারী সংস্থার বিরুদ্ধে (Recruitment Scam) সুর চড়িয়েছেন কুন্তল। তিনি বলেন, বিজেপির মুখপাত্র আর কেন্দ্রীয় এজেন্সির মুখপাত্র এক। তাহলে বুঝে নিন তদন্ত কোন দিকে যাচ্ছে। তিনি বলেন, হাতে একটা আংটি থাকলে কেউ প্রভাবশালী হয় না। আমার হাতে আংটি নেই, ঘামাচি আছে। কাউকে ইঙ্গিত করিনি, যে বোঝার ঠিক বুঝে যাবে। কুন্তল বলেন, কেন পার্থ চট্টোপাধ্যায়কে ইঙ্গিত করব? পার্থ চট্টোপাধ্যায় আমার সিনিয়র লোক। কেন্দ্রীয় এজেন্সির হাল কী, যে হাতে একটা আংটি থাকলে বলছে প্রভাবশালী। তাই বলছি আমার হাতে আংটি নেই, ঘামাচি আছে। তিনি ফের বলেন, বিজেপির মুখপাত্র আর কেন্দ্রীয় এজেন্সির মুখপাত্র এক, তা হলে তদন্ত কোন পথে যাচ্ছে বুঝে নিন।

    আরও পড়ুুন: হিন্দু নেতাদের খুন করতে প্রশিক্ষণ শিবির চালাচ্ছিল পিএফআই?

    নিয়োগ দুর্নীতিকাণ্ডে (Recruitment Scam) গ্রেফতার হওয়ার পর থেকেই পরস্পরের বিরুদ্ধে অভিযোগ করেছেন কুন্তল ও তাপস। তাপস প্রথমে অভিযোগ করেছিলেন, শিক্ষকের চাকরি পাইয়ে দেওয়ার নামে কুন্তল কমপক্ষে ১০০ কোটি টাকার দুর্নীতি করেছে। কুন্তলের পাল্টা অভিযোগ, তাঁর কাছে টাকা চেয়েছিলেন তাপস। সেই টাকা না দেওয়ার কারণেই ফাঁসাচ্ছেন।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     
  • Chit Fund: সব চিটফান্ড মামলার বিচার হবে একই আদালতে, নির্দেশ হাইকোর্টের

    Chit Fund: সব চিটফান্ড মামলার বিচার হবে একই আদালতে, নির্দেশ হাইকোর্টের

    মাধ্যম নিউজ ডেস্ক: সারদা (Sarada), রোজভ্যালি (Rose Valley), টাওয়ার, এমপিএসের মতো সব বেআইনি অর্থলগ্নি সংস্থার (Chit Fund) বিচার প্রক্রিয়া হবে একই আদালতে। আগেই এ ব্যাপারে আদালতের কাছে আর্জি জানিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তার পরেও রাজ্যের বিভিন্ন জায়গায় আলাদা আলাদা আদালতে বিচার চলছিল নানা চিটফান্ড মামলার। বুধবার কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চের নির্দেশ, এবার থেকে রাজ্যের বিভিন্ন আদালতে বিচারাধীন চিটফান্ড মামলাগুলির বিচার করতে হবে আদালতের একই এজলাসে। আদালতের আরও নির্দেশ, রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করে সমস্ত বেআইনি অর্থলগ্নি সংস্থার মামলার বিচার প্রক্রিয়া সিবিআই আদালতে করার ব্যবস্থা করতে হবে হাইকোর্টের রেজিস্ট্রারকে।

    বেআইনি অর্থলগ্নি সংস্থা (Chit Fund)…

    প্রসঙ্গত, কেন্দ্রীয় এজেন্সির পাশাপাশি এমপিএসের কর্ণধার প্রবীর কুমার চন্দ্র সহ তিনজন আদালতে বলেন, রাজ্যের বিভিন্ন আদালতে মোট ২৮টি মামলা চলছে। সেগুলির তদন্ত করছে সিবিআই। সেই সমস্ত মামলা এক জায়গায় এনে বিচার করা হোক। সেই আবেদনের প্রেক্ষিতেই সব মামলা একই সিবিআই আদালতে চালানোর নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। সারদা, রোজভ্যালির মতো অর্থলগ্নি সংস্থাগুলির (Chit Fund) বিরুদ্ধে মামলা চলছে বেশ কয়েক বছর ধরে। কিন্তু আজও সিবিআই কিংবা ইডি ওই সংস্থাগুলির বিরুদ্ধে চূড়ান্ত চার্জশিট জমা দিতে পারেনি।

    ২০১৩ সালে প্রকাশ্যে এসেছিল সারদা চিটফান্ড কেলেঙ্কারি। তারপর থেকে ঝুলি থেকে বের হতে থাকে একের পর এক চিটফান্ড কেলেঙ্কারি। এমপিএস, পিনকন, টাওয়ার, ত্রিভুবন অ্যাগ্রো সহ বহু চিটফান্ডের বিরুদ্ধে দায়ের হয় একাধিক মামলা। সারদা কেলেঙ্কারি প্রকাশ্যে আসতে সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়েছিলেন সুদীপ্ত সেন, দেবযানী মুখোপাধ্যায় সহ আরও অনেকে। পরে গ্রেফতার করা হয় রোজভ্যালির কর্ণধার গৌতম কুণ্ডুকেও। তারও পরে ধরা পড়েন আইকোর কর্তা অনুকূল মাইতি সহ অন্যরা। সেই থেকেই জেল খেটে চলেছেন তাঁরা।

    আরও পড়ুুন: ‘গরমে মাথা খারাপ হয়ে গিয়েছে’! মমতাকে কটাক্ষ করে আর কী কী বললেন সুকান্ত?

    ২০১৪ সাল থেকে সারদা ও রোজভ্যালি (Chit Fund) মামলার তদন্ত করছে সিবিআই। তদন্ত শুরু হয়েছে নারদকাণ্ডেও। তার পর থেকে এ পর্যন্ত কোনও মামলায়ই চূড়ান্ত চার্জশিট জমা দিতে পারেনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সারদা কেলেঙ্কারির পিছনে বৃহত্তর ষড়যন্ত্র রয়েছে বলে জানিয়েছিল সুপ্রিম কোর্ট। তারপর এতগুলো বছর কেটে গেলেও, সেই ষড়যন্ত্রের কিনারা করতে পারেনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Sukanta Majumdar: ‘গরমে মাথা খারাপ হয়ে গিয়েছে’! মমতাকে কটাক্ষ করে আর কী কী বললেন সুকান্ত?

    Sukanta Majumdar: ‘গরমে মাথা খারাপ হয়ে গিয়েছে’! মমতাকে কটাক্ষ করে আর কী কী বললেন সুকান্ত?

    মাধ্যম নিউজ ডেস্ক: রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একই সঙ্গে নিশানা করলেন বিজেপির রাজ্য সভাপতি  তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। নদিয়ার শান্তিপুরে একটি দলীয় কর্মসূচিতে এসে সুকান্ত (Sukanta Majumdar) বলেন, “তৃণমূলের মধ্যে এখন পিসি তৃণমূল না ভাইপো তৃণমূল, এই নিয়ে লড়াই চলছে। আগে বাবার দরবারে সব পাগল ছিল, এখন পিসির দরবারে পাগলগুলো এসেছে।”

    সুকান্তের দাবি

    বুধবার প্রথমে জাতীয় সড়কে প্রায় পাঁচ কিলোমিটার বাইক র‍্যালিতে অংশ নেন সুকান্ত (Sukanta Majumdar)। এরপরেই শান্তিপুর থানার গোবিন্দপুরে একটি বেসরকারি লজে দলীয় সম্মেলনে অংশগ্রহণ করেন। সম্মেলন শেষে সাংবাদিকদের মুখোমুখি হন সুকান্ত। মুকুল রায় প্রসঙ্গে বলেন, “অনেকেরই অনেক কিছু ইচ্ছা হয়। বিষয়টা পুরো ঘোলা জলের মধ্যে রয়েছে আগে পরিষ্কার হোক। উনি এখনও অফিসিয়ালি আমাদের দলের বিধায়ক। যদিও তাঁর পদ খারিজ নিয়ে আমরাই মামলা করেছিলাম। কারণ তিনি তৃণমূলের পতাকা হাতে তৃণমূলে যোগদান করেছিলেন।”

    আরও পড়ুন: রবীন্দ্র জন্মজয়ন্তীতে কলকাতায় অমিত শাহ! নববর্ষের পর ফের জনসভা বাংলায়

    বিজেপি রাজ্যে ক্ষমতায় এলে রাজ্যের শিল্প ব্যবস্থার পরিবর্তন হবে। কলকাতার পার্শ্ববর্তী জেলাগুলিতে যেখানে শিল্পবান্ধব পরিবেশ রয়েছে সেখানে শিল্প তৈরি করা হবে। সুকান্তের (Sukanta Majumdar) কথায়, “লাখ লাখ কোটি কোটি বেকার যুবক-যুবতীদের কেউ সরকারি চাকরি দিতে পারবে না। চাকরি হবে শিল্পের মাধ্যমে আর সেটা আমরা করব।” পাশাপাশি তিনি বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের গরমে মাথা খারাপ হয়ে গিয়েছে। বলছেন স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চাই। স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্যে এসে বলে গিয়েছেন ১৪ তারিখে আর প্রতিক্রিয়া দিচ্ছেন ১৭ তারিখে। তার থেকেই বোঝা যায় ওনার মাথা খারাপ হয়ে গিয়েছে।” তৃণমূল জাতীয় দলের তকমা হারানোর পর মমতা বন্দ্যোপাধ্যায় অমিত শাহকেই তিনবার ফোন করেছিলেন বলে দাবি করেন সুকান্ত। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • ED: পার্থ-অর্পিতার জেল হেফাজতের মেয়াদ বাড়ল! পরবর্তী শুনানি কবে?

    ED: পার্থ-অর্পিতার জেল হেফাজতের মেয়াদ বাড়ল! পরবর্তী শুনানি কবে?

    মাধ্যম নিউজ ডেস্ক: জেল হেফাজতের মেয়াদ বাড়ল প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং তাঁর বান্ধবী অর্পিতার। ১৯ জুন পরবর্তী শুনানি বলে জানিয়েছে ব্যাঙ্কশাল কোর্ট। প্রসঙ্গত গত বছরের জুলাই মাসের শেষ সপ্তাহে গ্রেফতার করা হয়েছিল প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে। বান্ধবী অর্পিতার দুটি ফ্ল্যাট থেকে উদ্ধার হয় প্রায় ৫০ কোটি টাকা। চাকরি প্রার্থীদের নথিও পাওয়া যায়। অন্যদিকে ৩ মে পর্যন্ত জেল হেফাজতের মেয়াদ বাড়ল নিয়োগ দুর্নীতি মামলায় অন্যতম অভিযুক্ত শান্তনু বন্দ্যোপাধ্যায়ের। জেলবন্দি আসামি আংটি পড়তে পারেন না। কিন্তু প্রাক্তন শিক্ষামন্ত্রী কতটা প্রভাবশালী ভাবুন! এখনও হাতে রয়েছে আংটি। ইডির (ED) আইনজীবির এই সওয়ালের ভিত্তিতে প্রেসিডেন্সির জেলসুপারকে চলতি মাসের ২৬ তারিখে সশরীরে হাজিরার নির্দেশ দিল আদালত।

    আরও পড়ুন: আজও চলবে তাপপ্রবাহ! বৃষ্টি শুরু হচ্ছে কবে?

    আংটি তত্ত্ব…..

    বুধবার পার্থর একটি মামলায় ব্যাঙ্কশাল কোর্টে ভার্চুয়াল শুনানি ছিল। শুনানি চলাকালীন ইডির (ED) আইনজীবী পার্থর আঙুলের দিকে বিচারকের দৃষ্টি আকর্ষণ করেন। দেখা যায় পার্থর আঙুলে বেশ কিছু আংটি। বিচারক পার্থর উদ্দেশে প্রশ্ন করেন, “আপনি তো জেলবন্দি। আপনার হাতে এতগুলো আংটি কেন? আপনি জানেন না যে, জেলবন্দিদের হাতে আংটি রাখা যায় না?” জবাবে তৃণমূলের প্রাক্তন মহাসচিব বলেন, ‘এগুলো সোনার আংটি নয়। আমি স্বাস্থ্যের কারণে দীর্ঘদিন ধরেই এগুলো ধারণ করি।

    ইডি-র (ED) আইনজীবীর উদ্দেশে বিচারক এ নিয়ে প্রশ্ন করেন। জবাবে আইনজীবী বলেন, পার্থকে যখন নাকতলার বাড়ি থেকে গ্রেফতার করানো হয়েছিল তখন এগুলো খোলা হয়নি। কারণ জেলার ও ডেপুটি জেলারের দায়িত্ব এগুলো দেখার। আঙুলে থাকা আংটিগুলিকে অস্ত্র করে আদালতের সামনে পার্থর প্রভাবশালী হওয়ার তত্ত্ব ফের তুলে ধরেন ইডির (ED) আইনজীবী।

    আরও পড়ুন: মিশনারিদের বিরুদ্ধে ধর্মান্তকরণের অভিযোগ! পৃথিবীর মধ্যে দ্রুত খ্রিস্টান জনসংখ্যা বাড়ছে নেপালে

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Amartya Sen: ১৫ দিনের মধ্যে অমর্ত্য সেনকে জমি ছাড়ার নির্দেশ দিল বিশ্বভারতী কর্তৃপক্ষ

    Amartya Sen: ১৫ দিনের মধ্যে অমর্ত্য সেনকে জমি ছাড়ার নির্দেশ দিল বিশ্বভারতী কর্তৃপক্ষ

    মাধ্যম নিউজ ডেস্ক: নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের (Amartya Sen) জমি নিয়ে বিশ্বভারতী কর্তৃপক্ষ কী পদক্ষেপ নেয়, সেদিকে সকলের নজর ছিল। উচ্ছেদ নোটিশ দেওয়ার পর থেকে নোবেলজয়ীর জমি নিয়ে বিশ্বভারতী কর্তৃপক্ষ কড়া পদক্ষেপ নিতে চলেছে বলে জল্পনা চলছিল। সেই জল্পনার অবসান ঘটিয়ে এবার ১৫ দিনের মধ্যে নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে (Amartya Sen) জমি ছাড়তে বলে বুধবার নোটিশ দিল বিশ্বভারতী কর্তৃপক্ষ।

    নোবেলজয়ীকে (Amartya Sen) দেওয়া বিশ্বভারতীর নোটিশে কী রয়েছে?

    বিশ্বভারতীর দেওয়া চিঠিতে বলা হয়েছে, অনুমোদিত দখলদার উচ্ছেদ আইন ১৯৭১ ধারা ৫-এর উপধারা ১-এর অধীনে ক্ষমতা প্রয়োগ করে ফেরানো হবে বিতর্কিত ১৩ ডেসিমেল জমি। ৬ মের মধ্যে বিশ্বভারতীর প্লট নম্বর ২০১ উত্তর পশ্চিম কোণে ১৯০০/২৪৮৭ সুরুল মৌজার ১৯০০ জেএল নম্বর ১০৪ পাবলিক সম্পত্তির উপর অনুমোদিত দখল জমি খালি করার নির্দেশ দিয়েছেন বিশ্বভারতীর ভারপ্রাপ্ত যুগ্ম কর্মসচিব ও এস্টেট অফিসার। ওই সময়সীমার মধ্যে জমি খালি করা না হলে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারির পাশাপাশি প্রয়োজনে বল প্রয়োগের মাধ্যমেও খালি করার নির্দেশ দিয়েছেন বিশ্বভারতী কর্তৃপক্ষ। এর আগে ‘প্রতীচী’র গেটে উচ্ছেদের নোটিশ ঝুলিয়ে দিয়েছিল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। নোটিশে উল্লেখ করা হয়েছিল, ১৯ এপ্রিল এই জমি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বিশ্বভারতী কর্তৃপক্ষ। বুধবারই সেই দিন ছিল। এবার তারা কড়া পদক্ষেপ গ্রহণ করল।

    বিশ্বভারতীকে জবাবি চিঠিতে কী  লিখেছিলেন অমর্ত্য সেন (Amartya Sen)?

    ১৭ এপ্রিল বিশ্বভারতীকে জবাবি চিঠি দিয়েছিলেন অমর্ত্য সেন (Amartya Sen)। অমর্ত্য সেন চিঠিতে লিখেছিলেন, লিজের মেয়াদ শেষ হওয়া পর্যন্ত কেমন করে কেউ এই জমি দাবি করতে পারেন? পাশাপাশি নোবেলজয়ী অর্থনীতিবিদ আরও জানান, ‘প্রতীচী’–র জমির আইনশৃঙ্খলা এবং শান্তিরক্ষার নির্দেশ দিয়েছেন জেলাশাসক। এই জমি তাঁর বাবার। ১.৩৮ একর জমি অমর্ত্য সেনের (Amartya Sen) নামে মিউটেশন করা হয়েছে বলে প্রশাসন জানিয়ে দিয়েছে। মিউটেশন করার কথা জানানো হলেও বিশ্বভারতী তাঁদের নিজেদের সিদ্ধান্তে অনড়।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Amit Shah: রবীন্দ্র জন্মজয়ন্তীতে কলকাতায় অমিত শাহ! নববর্ষের পর ফের জনসভা বাংলায়

    Amit Shah: রবীন্দ্র জন্মজয়ন্তীতে কলকাতায় অমিত শাহ! নববর্ষের পর ফের জনসভা বাংলায়

    মাধ্যম নিউজ ডেস্ক: বৈশাখেই ফের একবার বাংলায় আসতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। নববর্ষের পর ২৫ বৈশাখ। বিজেপি সূত্রে জানা গিয়েছে, ৮ মে বঙ্গ সফরে আসতে পারেন স্বরাষ্ট্রমন্ত্রী। রবীন্দ্রনাথের জন্মজয়ন্তীতে শাহ থাকতে পারেন কলকাতায়। যোগ দিতে পারেন রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠানে। 

    বাংলায় স্বরাষ্ট্রমন্ত্রী

    সাম্প্রতিক সফরে এসেই অমিত শাহ (Amit Shah) জানিয়েছিলেন লাগাতার বিজেপির কেন্দ্রীয় নেতারা এরাজ্যে আসবেন। বিজেপি সূত্রে খবর, ৮ মে রাজ্যে এসে একটি জনসভাও করবেন শাহ। তবে কোথায় সেই জনসভা হবে, তা এখনও ঠিক হয়নি বলে জানা গিয়েছে। তবে মুর্শিদাবাদ এবং কৃষ্ণনগর দুই লোকসভা কেন্দ্রকে জুড়বে এ রকম কোনও স্থানেই এই জনসভা হওয়ার কথা। কর্নাটক থেকে এসে সরাসরি এই জনসভায় যোগ দেবেন শাহ। পরের দিন অবশ্য তাঁর সমস্ত কর্মসূচি থাকবে কলকাতায়। ৯ মে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। ওই দিন সকালে অমিত শাহ যাবেন জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে। সেখানে রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। বিকালে সায়েন্স সিটিতে রবীন্দ্র জয়ন্তীর অপর এক অনুষ্ঠানেও শাহ উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে। 

    আরও পড়ুুন: পাখির চোখ কর্নাটক বিধানসভার ভোট, তারকা প্রচারকের তালিকা প্রকাশ বিজেপির

    লাগাতার কর্মসূচি বাংলায়

    নববর্ষের দিন বীরভূমের সভা থেকে ২০২৪-এর লোকসভা ভোটে বাংলায় ৩৫ আসনের টার্গেট বেঁধে দিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তাই বাঙালি ভাবাবেগকে প্রাধান্য দিয়ে ভোটবাক্সে জয় নিশ্চিত করতেই বিশ্বকবির জন্মদিনে শাহের ফের বাংলায় আগমন বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। পাশাপাশি রাজ্যে আসন্ন পঞ্চায়েত ভোটও। শাহের কথা অনুযায়ী, বঙ্গ বিজেপি নেতৃত্ব ও রাজ্যের কর্মীদের সর্বশক্তি নিয়েই পঞ্চায়েত নির্বাচনে লড়াই করতে হবে। পঞ্চায়েত নির্বাচনের মাধ্যমে লোকসভা ভোটের প্রস্তুতি শুরু করতেও বলা হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর তরফে। দলীয় সূত্রে খবর, তাঁর সাফ নির্দেশ, লাগাতার কর্মসূচি রাখুন। রাজ্য সরকারের দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন করুন। সেই লক্ষ্যেই বাংলায় আবার আগমন শাহের। তবে স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে এখনও এই সফর নিয়ে কোনও কথা জানানো হয়নি। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share