Category: রাজ্য

Get West Bengal News, Bengali Breaking News, Latest News in Bengali only from মাধ্যম | Madhyom, Bengali News Portal for সম্পূর্ণ নিরপেক্ষ বাংলা সংবাদ, বাংলা খবর

  • Employment: সংসারের হাল ধরতে সাইকেল সারাইয়ের দোকান খুলেছেন অঞ্জলি!

    Employment: সংসারের হাল ধরতে সাইকেল সারাইয়ের দোকান খুলেছেন অঞ্জলি!

    মাধ্যম নিউজ ডেস্ক: নারী এক হাতে সংসার সামলাচ্ছে, পরিবার-পরিজনের আবদার মেটাচ্ছে, সন্তান মানুষ করছে, আবার অন্য হাতে রোজগার করে রক্ষা করছে সংসার। তেমনই হলেন দক্ষিণ দিনাজপুরের এক লড়াকু মহিলা, যিনি সাইকেল সারাই (Employment) করে সংসারের হাল ধরেছেন। এ যেন এক হার না মানা গল্প। এ যেন অনেকর কাছেই নতুন করে বাঁচার স্বপ্ন।

    কেন বেছে নিলেন সাইকেল মিস্ত্রির কাজ (Employment)?

    দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী ব্লকের কুসুম্বা এলাকার বাসিন্দা অঞ্জলি বর্মন। দীর্ঘ চার বছর ধরে সংসারের হাল ধরতে তিনি সাইকেলের দোকান (Employment) চালাচ্ছেন গ্রামের রাস্তার পাশে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হাতুড়ি-রেঞ্জ নিয়ে জীবন সংগ্রাম চালিয়ে যাচ্ছেন অঞ্জলি বর্মন। প্রত্যন্ত এলাকায় যেখানে অন্যান্য মহিলারা গৃহস্থালীর কাজ নিয়েই ব্যস্ত থাকেন, সেই জায়গায় দাঁড়িয়ে অঞ্জলি বর্মন যেন এলাকায় এক আলোচিত নাম। জানা গেছে, একটা সময় স্বামীই সংসার চালাতেন। যদিও স্বামী শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ না হওয়ার কারণে বর্তমানে জীবন-জীবিকা হিসাবে সাইকেল মিস্ত্রির কাজ বেছে নিয়েছেন এই মহিলা। গ্রামের রাস্তার পাশে ছোট্ট দোকানে সাইকেল সারানোর পাশাপাশি মোটর সাইকেলেরও ছোটখাট কাজ করেন এই মহিলা।

    কী বলছেন অঞ্জলি?

    প্রথমদিকে একজন মহিলাকে সাইকেল সারানোর (Employment) কাজ করতে দেখে অবাক হতেন অনেকেই। পাশাপাশি নানান কটূক্তিও শুনতে হয়েছে একটা সময়। যদিও বর্তমানে এলাকার বহু মানুষজন তার দোকানে সাইকেল সহ মোটরসাইকেল সারাই করেন বলে জানা গেছে। জীবন যুদ্ধে হার না মানা অঞ্জলি বর্মন তার কাজ নিয়ে সংবাদ মাধ্যমের সামনে বলেন, “ছেলেরা যদি সব কাজ করতে পারে, আমরা মেয়েরা কেন পারব না? যা উপার্জন হয় তাতে সংসার মোটামুটি চলে যায়।” বলাই বাহুল্য, অঞ্জলি বর্মনের মতো মহিলারাই সমাজের অন্যান্য মহিলাদের কাছে এক বড় লড়াইয়ের নিদর্শন।

     

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Arambagh: ছাত্রকে মেরে শাসন করেছিলেন শিক্ষক, পাল্টা অভিভাবকও দিলেন ‘শিক্ষা’!

    Arambagh: ছাত্রকে মেরে শাসন করেছিলেন শিক্ষক, পাল্টা অভিভাবকও দিলেন ‘শিক্ষা’!

    মাধ্যম নিউজ ডেস্ক: কোচিং সেন্টারে টিউশন পড়তে গিয়ে পড়া না পারায় শিক্ষকের মার জুটেছিল ছাত্রের কপালে। বাড়িতে ফিরে বাবাকে সে কথা জানায় আক্রান্ত ছাত্র। এরপর কোচিংয়ের ওই শিক্ষককে পাল্টা পেটানোর অভিযোগ উঠল অভিভাবকের বিরুদ্ধে। এই ঘটনাকে ঘিরে শোরগোল পড়ে গিয়েছে আরামবাগে। মার-পাল্টা মারে জখম হয়েছেন অভিভাবক-শিক্ষক দু’জনেই। বুধবার এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে আরামবাগ (Arambagh) পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের চাঁদুর এলাকায়। জখম শিক্ষকের নাম সামিম চৌধুরী।

    ঠিক কী ঘটেছে?

    জানা গিয়েছে, প্রতিদিনের মতো ২৩ মে আরামবাগের (Arambagh) চাঁদুর এলাকায় কোচিং সেন্টারে পড়াতে গিয়েছিলেন সামিম সাহেব। সেই সময় শেখ নাসিম নামে এক ছাত্রকে পড়া ধরেন তিনি। ওই ছাত্র পড়া বলতে পারেনি। উল্টে কোচিং ক্লাসে দুষ্টুমি করছিল বলে অভিযোগ। অনেকবার বারণ করা সত্ত্বেও না শোনায় রেগে গিয়ে ছাত্রকে লাঠি দিয়ে বেধড়ক পেটান সামিম, এমনটাই অভিযোগ। শিক্ষকের মারে ছাত্রটি মারাত্মকভাবে জখম হয় বলে দাবি পরিবারের। ছাত্রটি বাড়ি ফিরে গোটা বিষয়টি পরিবারকে জানায়। অভিযোগ, এরপরই জখম ওই ছাত্রের পরিবারের লোকজন কোচিং সেন্টারে রে রে করে ছুটে যান। কেন ছাত্রকে মারধর করা হয়েছে, তা  ওই শিক্ষকের কাছে জানতে চান তাঁরা। তা নিয়ে শুরু হয় দু’পক্ষের মধ্যে তুমুল কথা কাটাকাটি। এরপরই শিক্ষককে মারধর করা হয় বলে অভিযোগ। শিক্ষকও পাল্টা চড়াও হন অভিভাবকের উপর। ঘটনার জেরে উভয়কেই চিকিৎসা করাতে হয়েছে।

    কী বললেন অভিভাবক?

    ছাত্রের বাবার অভিযোগ, “আমার ছেলের শরীর এমনিতেই খারাপ ছিল। কিছুদিন আগেই নার্সিংহোম থেকে বাড়ি নিয়ে এসেছি। ওই  শিক্ষক আমার ছেলেকে এমন মেরেছে যে তার নাক-মুখ দিয়ে রক্ত বেরিয়ে গিয়েছে। এই কোচিং সেন্টার যেন এখন বন্ধ থাকে।”

    কী বললেন আক্রান্ত শিক্ষকের পরিবারের লোকজন?

    শিক্ষকের পরিবারের লোকজনের বক্তব্য, “ছাত্র দুষ্টুমি করলে শিক্ষকরা মারে। শিক্ষকদের তো শাসন করার অধিকার রয়েছে। তা বলে বাড়ির লোক এনে শিক্ষক পেটাবে, এ কোথায় হয়”?

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • HS Student: উচ্চ মাধ্যমিকে তৃতীয় বালুরঘাটের শ্রেয়া উচ্চ শিক্ষা নিয়ে দুশ্চিন্তায়! কেন জানেন?

    HS Student: উচ্চ মাধ্যমিকে তৃতীয় বালুরঘাটের শ্রেয়া উচ্চ শিক্ষা নিয়ে দুশ্চিন্তায়! কেন জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: অভাব, অনটন নিত্যসঙ্গী। শত প্রতিকূলতাকে জয় করে বালুরঘাট শহরের উত্তমাশার শ্রেয়া মল্লিক (HS Student) আজ স্টার। অভাবের সঙ্গে লড়াই করে উচ্চ মাধ্যমিকে রাজ্যে তৃতীয় স্থান অধিকার করে নজির সৃষ্টি করেছেন তিনি। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৪। উচ্চশিক্ষার জন্য কলকাতায় যাবেন। কিন্তু, তাঁর এই স্বপ্নপূরণে বাধা হয়ে দাঁড়িয়েছে আর্থিক অনটন। আগামীতে মেয়েকে পড়াবেন কীভাবে, তা নিয়ে চিন্তায় পড়েছেন শ্রেয়ার বাবা-মা।

    নিজের এই সাফল্য নিয়ে কী বললেন শ্রেয়া?

    শ্রেয়া (HS Student) বাংলায় ৯৯, ইংরেজিতে ১০০, এডুকেশনে ৯৭, দর্শনে ৯১ এবং ভূগোলে ৯৯ পেয়েছেন। শ্রেয়া বলেন, “ভালো রেজাল্ট করব আশা করেছিলাম। কিন্তু, এত ভালো ফল আশা করিনি। আমার এই সাফল্যের পিছনে মা-বাবা, পরিবারের সদস্যরা ছাড়াও শিক্ষক-শিক্ষিকা, প্রাইভেট টিউটরদের অবদান রয়েছে”। আর পড়াশোনার প্রস্তুতি নিয়ে বলতে গিয়ে তিনি বলেন, “ঘড়ি ধরে পড়াশোনা করার পক্ষপাতী আমি ছিলাম না। যখন ইচ্ছে হতো পড়তাম। তবে যতক্ষণ পড়তাম, মন দিয়ে পড়তাম। প্রতিদিন সংবাদপত্র পড়তে ভালোবাসতাম। এছাড়াও গল্পের বই পড়তেও আমার ভালো লাগে। আগামীতে ইংরেজি নিয়ে পড়াশোনা করতে চাই”।

    মেয়ের সাফল্য নিয়ে কী বললেন মা?

    শ্রেয়ার (HS Student) বাবা অধীর মল্লিক বালুরঘাট জেলা আদালতে মুহুরির কাজ করেন। মা তুলসী দে মল্লিক গৃহবধূ। তিনি বলেন, “এই সাফল্যে আমরা খুশি হলেও, মেয়ের ভবিষ্যৎ নিয়ে খুবই চিন্তিত। আর্থিক স্বচ্ছলতা না থাকায় মেয়েকে কোনওরকমে পড়াতে পেরেছি। এবার কলকাতায় মেয়ের পড়ার ইচ্ছে রয়েছে। কিন্তু সেই আর্থিক সামর্থ্য নেই আমাদের। তাই আপাতত ঠিক করেছি বালুরঘাটেই মেয়েকে পড়াব। প্রাইভেট টিউটররা খুব কম টাকায় এতদিন মেয়েকে পড়িয়েছেন। প্রত্যেকের সহযোগিতায় মেয়ের এই সাফল্য। এখন মেয়েকে কীভাবে পড়াব, তা নিয়ে চরম দুশ্চিন্তায় রয়েছি”।

    কী বললেন স্কুলের প্রধান শিক্ষক?

    বালুরঘাট ললিতমোহন আদর্শ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আশিস চক্রবর্তী বলেন, “শ্রেয়া খুব ভাল ছাত্রী (HS Student)। পরিবারের আর্থিক অবস্থা খুবই খারাপ। তাঁকে আমরা বরাবর সাহায্য করেছি। আগামীতেও করব। তাঁর এই সাফল্যে আমরা গর্বিত”।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Barrackpore: সোনার দোকানে ঢুকে এলোপাথারি গুলি, মালিকের ছেলের মৃত্যু, জখম ২

    Barrackpore: সোনার দোকানে ঢুকে এলোপাথারি গুলি, মালিকের ছেলের মৃত্যু, জখম ২

     মাধ্যম নিউজ ডেস্ক: প্রকাশ্য দিবালোকে শ্যুটআউট! পড়়ন্ত বিকেলে জনবহুল এলাকায় সোনার দোকানে ঢুকে ডাকাতিতে বাধা পেয়ে এলোপাথারি গুলি চালাল দুষ্কৃতীরা। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় সোনার দোকানের মালিকের ছেলের। গুলিতে জখম হন দোকানের মালিক নীলরতন সিনহা ও তাঁর নিরাপত্তারক্ষী শংকর। বুধবার বিকেলে ঘটনাটি ঘটেছে বারাকপুর (Barrackpore) ১৪ নম্বর রেলগেট এলাকায়। পুলিশ জানিয়েছে, মৃতের নাম নীলাদ্রি সিনহা (২৯)। দোকানের মালিকসহ দুজনকে স্থানীয় নার্সিংহোমে ভর্তি করা হয়েছে। ঘটনার পর পরই বারাকপুরের (Barrackpore) পুলিশ কমিশনার অলোক রাজোরিয়া ঘটনাস্থলে যান। তিনি বলেন, সমস্ত বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে।

    ঠিক কী ঘটনা ঘটেছিল?

     বারাকপুর (Barrackpore) স্টেশন লাগোয়া ১৪ নম্বর রেলগেট থেকে আনন্দপুরী স্টেট ব্যাঙ্কের যাওয়ার রাস্তায় বাঁদিকে সোনার দোকানটি রয়েছে।  দোকানের নাম সিংহ জুয়েলার্স হাউস। দোকানটি ছোট্ট হলেও ভিতরটি অত্যন্ত সাজানো গোছানো রয়েছে। দোকানের ভিতরে ঢোকার জন্য কাচের দরজা রয়েছে। ফলে, ভিতরে কী হচ্ছে তা বাইরে থেকে বোঝার উপায় নেই।  স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, অন্যদিনের মতো নীলরতনবাবুর সঙ্গে তাঁর ছেলে ও দুজন কর্মচারী দোকানে ছিলেন। সন্ধ্যা ৬ টা নাগাদ দুটি বাইকে করে চারজন দুষ্কৃতী আসে। ক্রেতা সেজেই তারা ভিতরে ঢোকে। তিনজনের মাথায় হেলমেট ছিল। একজনের মাথায় টুপি ছিল। ঘটনার সময় দোকানের ভিতরে অন্য ক্রেতা থাকার কোনও তথ্য পাওয়া যায়নি। চারজন ঢোকার পরই প্রথমে সোনার দরদাম করতে করতেই আচমকা একজন আগ্নেয়াস্ত্র বের করে সোনার গয়না সব বের করে দিয়ে বলে। কিন্তু, দোকানের মালিক তাতে রাজি ছিলেন না। এরমধ্যে একজন দুষ্কৃতী জোর করে সোনার গয়না বের করার চেষ্টা করে। সেই সময় দোকানের মালিকের ছেলে নীলাদ্রি তাকে বাধা দেন। পিছনে থাকা এক দুষ্কৃতী তাকে লক্ষ্য করে গুলি চালায়। কাঁদের কাছে গুলি লাগে। তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। চোখের সামনে ছেলেকে গুলি করা দেখে নীলরতনবাবু দুষ্কৃতীদের উপর ঝাঁপিয়ে পড়েন। তাঁকেও দুষ্কৃতীরা গুলি করে। ততক্ষণে গুলির আওয়াজে বাইরে জটলা শুরু হয়ে যায়। দোকানের নিরাপত্তারক্ষী বাধা দেওয়ার চেষ্টা করলে তাকেও দুষ্কৃতীরা গুলি করে। তার পায়ে গুলি লাগে। বাইরে লোকজনের জমায়েত দেখে দুষ্কৃতীরা দোকানের বাইরে বেরিয়ে গুলি ছোঁড়ে বলে অভিযোগ। ভয়ে কেউ সামনে আসতে চায়নি। এই সুযোগে বাইক নিয়ে তারা পালিয়ে যায়। ঘটনার পর পরই বারাকপুর (Barrackpore) পুরসভার চেয়ারম্যান উত্তম দাস যান। তিনি বলেন, এলাকায় সিসি ক্যামেরা রয়েছে। আমরা দোষীদের গ্রেফতারের দাবি জানাচ্ছি।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Asansol: চুরুলিয়ার কবিতীর্থকে ধ্বংস করছে রাজ্য সরকার, অভিযোগ অগ্নিমিত্রা পলের

    Asansol: চুরুলিয়ার কবিতীর্থকে ধ্বংস করছে রাজ্য সরকার, অভিযোগ অগ্নিমিত্রা পলের

    মাধ্যম নিউজ ডেস্ক: বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মদিনে আসানসোলের (Asansol) জামুড়িয়াতে তাঁর জন্মভিটা পরিদর্শন করে, কবির প্রতি বিশেষ শ্রদ্ধা নিবেদন করলেন বিজেপির বিধায়িকা অগ্নিমিত্রা পল। কবির স্মৃতি বিজড়িত স্থান ঘুরে রাজ্য সরকারের বিরুদ্ধে অবহেলার অভিযোগ তুললেন তিনি। সেই সঙ্গে জানান, কেন্দ্রীয় সরকারের কাছে কবিতীর্থের বিষয়টি তুলে ধরবেন।

    আসানসোলে (Asansol) বিদ্রোহী কবির জন্মস্থানে বিজেপির বিধায়িকা

    আজকের দিনেই বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম জামুড়িয়ার চুরুলিয়া (Asansol) গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। এই উপলক্ষে আসানসোল দক্ষিণের বিধায়িকা অগ্নিমিত্রা পল কবিতীর্থ চুরুলিয়ায় এসে কবি এবং কবিপত্নী প্রমীলা দেবীর সমাধিস্থলে শ্রদ্ধা জ্ঞাপন করেন। এরই সঙ্গে অ্যাকাডেমি ঘুরে দেখেন। কবির লেখা কবিতা, কবির পোশাক, বাদ্যযন্ত্র, কবির ব্যবহৃত বিছানা দেখে একদিকে যেমন মুদ্ধ হন, তেমনি অন্যদিকে অবহেলা আর বেহাল দশা নিয়ে দুঃখ প্রকাশ করেন এই বিধায়িকা।

    বিধায়িকার ঠিক কী অভিযোগ ?

    বিধায়িকা বলেন, বর্তমান রাজ্য সরকারের জন্য আজ এই কবিতীর্থ (Asansol) ধ্বংস হতে চলেছে। আজ কবির জন্মদিন, অথচ রাজ্য সরকারের তরফে কবির প্রতি বিশেষ স্মরণে কোনও পদক্ষেপ নেই। তিনি বলেন, শান্তিনিকেতনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত কত সুন্দর পরিবেশ। অথচ কবিতীর্থ চুরুলিয়া আজ ধ্বংসের মুখে। রাজ্য সরকার এদিকে কোনও নজর দিচ্ছে না। তিনি আরও বলেন, এই বিষয়ে রাজ্যপালকে জানাব এবং সেই সঙ্গে কেন্দ্রীয় মন্ত্রীর সাথেও কথা বলব।

    তৃণমূলের প্রতিক্রিয়া

    অপরদিকে বিজেপি নেতৃত্বের এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে তৃণমূল কংগ্রেসের আসানসোল (Asansol) পুর নিগমের মেয়র পারিষদ গুরুদাস চ্যাটার্জি বলেন, মুখ্যমন্ত্রী যখন বলেছেন, তখন নিশ্চয়ই এটি হেরিটেজ হিসেবে যাতে স্বীকৃতি পায়, তার কাজ করা হবে। তিনি আরও বলেন, কিছু পদ্ধতি থাকে। সেগুলো মেনে মন্ত্রী মলয় ঘটকের মাধ্যমে ব্যবস্থা নিশ্চয়ই করা হবে। যদিও নজরুল ইসলামের জন্মভিটা চুরুলিয়া এখন নজরুল মেলা উপলক্ষে সেজে উঠতে শুরু করেছে। এলাকায় উৎসবের আমেজ। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • HS Rank: উচ্চ মাধ্যমিকে তৃতীয়, আইআইটিতে গবেষণার স্বপ্ন কি অধরাই থেকে যাবে চন্দ্রবিন্দুর?

    HS Rank: উচ্চ মাধ্যমিকে তৃতীয়, আইআইটিতে গবেষণার স্বপ্ন কি অধরাই থেকে যাবে চন্দ্রবিন্দুর?

    মাধ্যম নিউজ ডেস্ক: লড়াইয়ের আরেক নাম যেন চন্দ্রবিন্দু। দারিদ্রতা থামাতে পারেনি তাঁর লড়াই। বাবা-মায়ের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দোকান সামলেছেন। একইসঙ্গে চালিয়ে গিয়েছেন পড়াশোনা। সেই কষ্টই দেখাল সাফল্যের পথ। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে তৃতীয় স্থান (HS Rank) অধিকার করলেন তমলুকের চন্দ্রবিন্দু মাইতি। তাঁর মোট প্রাপ্ত নম্বর ৪৯৪। ছেলের কৃতিত্বে খুশি তাঁর বাবা-মাও। ফুটপাথের ধারে সামান্য একটি দোকান রয়েছে তাঁদের। পড়াশোনার পাশাপাশি সেই দোকানে বাবা-মায়ের সঙ্গে হাতে হাত মিলিয়ে সাহায্য করেও এই নম্বর পেয়ে খুশি চন্দ্রবিন্দু। কিন্তু এতবড় একটা খুশির খবর তাঁদের দুশ্চিন্তাই যেন বাড়িয়ে দিল। এরপর? এরপর পড়াশোনার খরচ জোগাবেন কী করে? যা ছিল, সবই তো শেষ।

    কষ্টের দাম (HS Rank) দিয়েছে ছেলে, বললেন মা

    তাঁর মা নীলিমা মাইতি জানিয়েছেন, গয়না, জমি বিক্রি করে ছেলেকে পড়িয়েছেন। কষ্টের দাম (HS Rank) দিয়েছে ছেলে। পরবর্তীতে আইআইটিতে গবেষণা করতে চান চন্দ্রবিন্দু। তার জন্য খরচ অনেক। সেই খরচ কীভাবে সামলাবেন, সেটাই এখন মাথাব্যথার বিষয় হয়ে দাঁড়িয়েছে। নীলিমাদেবী বললেন, সেই খরচ জোগানোর পয়সা আমাদের নেই। তাই সবার কাছেই আমরা সাহায্য প্রার্থী। আর্থিক অনটনের মাঝে পাশে পেয়েছেন কয়েকজন আত্মীয়-স্বজনকে। কিন্তু তাঁরা যেটুকু সাহায্য করেছেন, সেটাও তো ফেরত দিতে হবে। আর কেউ সাহায্যের জন্য এগিয়ে আসেনি। তাই নিজের জিনিস বলতে যা কিছু ছিল সবই বিক্রি করে দিতে হয়েছে। কিন্তু এত সমস্যার কথা কোনওদিন ছেলেকে বুঝতে দিইনি। ছেলে মাঝে মাঝে প্রশ্ন করত, তুমি সব কিছু এভাবে শেষ করে দেবে? আমি বলতাম, তাতে কী হয়েছে? তুই মাথা উঁচু করে দাঁড়ালে সেটাই আমার সব পাওয়া।

    কী বলছেন চন্দ্রবিন্দু?

    চন্দ্রবিন্দু জানিয়েছেন, দাদুর কিছু জমি রয়েছে। সেই জমি বিক্রি করেই হয়তো পড়াশোনার (HS Rank) খরচ চালাতে হবে তাঁকে। সেটাও কম পড়তে পারে। যদি কেউ পাশে দাঁড়ায়, এমনটাই আবেদন তাঁদের। চন্দ্রবিন্দু বলেন, যদি কেউ সাহায্য করে তো খুবই ভালো হয়। একই সঙ্গে মুখ্যমন্ত্রীর কাছেও আবেদন জানাচ্ছি, যাতে কিছু সাহায্য পাই।

     

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Madhyamik Result: অঙ্ক নিয়ে গবেষণার ইচ্ছা! টানাটানির সংসারে কি পূরণ হবে স্বপ্ন?

    Madhyamik Result: অঙ্ক নিয়ে গবেষণার ইচ্ছা! টানাটানির সংসারে কি পূরণ হবে স্বপ্ন?

    মাধ্যম নিউজ ডেস্ক: পাতলা গড়ন। সাধারণ খেটে খাওয়া ঘরের আর পাঁচটা মেয়ের মতোই। কিন্তু পড়াশোনার জগৎটা তার একেবারেই আলাদা। অত্যন্ত মেধাবী ছাত্রী স্নেহা বিশ্বাস। মাধ্যমিকে ৬৪২ পেয়ে নজর কেড়েছে গরিব কৃষকের মেয়ে এই স্নেহা। দক্ষিণ দিনাজপুরের তপন ব্লকের আউটিনা অঞ্চলের প্রত্যন্ত গ্রাম খলসি। সেখান থেকে প্রায় চার কিলোমিটার দূরে তিলন হাই স্কুল থেকে সেই সাফল্যের খবর (Madhyamik Result) তাই খুব সহজেই পৌঁছে যায় বালুরঘাটে।

    ছিল শুধু একজন গৃহশিক্ষক (Madhyamik Result)!

    উচ্চ মাধ্যমিক পাশ বাবা হরেকৃষ্ণ বিশ্বাস তিন বিঘা জমিতে চাষ করেন। দুই ছেলেমেয়ে, স্ত্রীকে নিয়ে টানাটানির সংসার। স্নেহা পরিবারের বড়। ছোট ভাই তৃতীয় শ্রেণির পড়ুয়া। মা অর্চনার কাছেই স্নেহার পড়াশোনা। স্নেহা বাংলায় ৯০, ইংরেজিতে ৯১, অঙ্কে ৯৩, ভৌতবিজ্ঞানে ৯৮, জীবন বিজ্ঞানে ৯১, ইতিহাসে ৮৭ ও ভূগোলে ৯২ নম্বর (Madhyamik Result) পেয়েছে। মেয়েটাকে আরও সাহায্য করতে পারলে আরও ভাল করতো। আনন্দের মাঝেও যেন কিছুটা আক্ষেপ বাবা-মায়ের। এক গৃহশিক্ষক ছাড়া আর কারও কাছে পড়ার সুযোগ ছিল না স্নেহার। বালুরঘাটের ললিতমোহন আদর্শ হাই স্কুলের প্রধান শিক্ষক আশিস চক্রবর্তী স্নেহাকে একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগে ভর্তি করিয়ে সমস্ত সহায়তার আশ্বাস দিয়েছেন। কষ্ট হলেও বালুরঘাটে ছোট একটি ঘর ভাড়া নিয়ে মেয়ের উচ্চশিক্ষার স্বপ্ন পূরণে ফের লড়াইয়ের জন্য তৈরি, জানান অর্চনা। আর স্নেহা জানায়, অঙ্ক নিয়ে গবেষণার ইচ্ছা রয়েছে।

    কেউ যদি সাহায্য করত (Madhyamik Result), আর্জি বাবার

    এই বিষয়ে স্নেহার বাবা হরেকৃষ্ণ বিশ্বাস বলেন, আমি পেশায় কৃষক। আমার স্ত্রী, তিন ছেলেমেয়েকে নিয়ে সংসার। অতি কষ্টে আমাদের দিন চলে। আমার মেয়ের মাধ্যমিকে (Madhyamik Result) সাফল্য দেখে আমরা গর্বিত। আমার মেয়ে ভবিষ্যতে অঙ্ক নিয়ে গবেষণা করতে চায়। কিন্তু মাঝে আমার আর্থিক অবস্থা বাধা হয়ে পড়ছে। মেয়েটাকে কেউ যদি সাহায্য করত, তাহলে ভালো হতো।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Dakshin Dinajpur: ধ্বংসের মুখে বানগড়! পর্যটনকেন্দ্র তৈরির দাবি তুললেন বিজেপি বিধায়ক

    Dakshin Dinajpur: ধ্বংসের মুখে বানগড়! পর্যটনকেন্দ্র তৈরির দাবি তুললেন বিজেপি বিধায়ক

    মাধ্যম নিউজ ডেস্ক: শুধুমাত্র রক্ষণাবেক্ষণের অভাবে আজ ধ্বংসের মুখে দক্ষিণ দিনাজপুর জেলার (Dakshin Dinajpur) ঐতিহাসিক স্থান বানগড়। গঙ্গারামপুর শহর থেকে দূরত্ব প্রায় ২ কিলোমিটার। বানগড়ে এলেই পাল, সেন সহ বিভিন্ন যুগের স্থাপত্য নজরে আসে। কথিত রয়েছে, বান রাজার থেকেই এই নামকরণ হয়েছে। বান রাজার মেয়ে ঊষার সঙ্গে নাকি সম্পর্ক ছিল শ্রীকৃষ্ণের নাতি অনিরুদ্ধের। কিন্তু রাক্ষস বংশের রাজা বান অনিরুদ্ধকে মেনে নেননি। ঊষাকে অপহরণ করে যে রাস্তা দিয়ে নিয়ে যাওয়া হয়েছিল, তা “ঊষাহরণ” রাস্তা নামে পরিচিত। ঊষা-অনিরুদ্ধের বিয়ের ছাদনা তলার চারটি কলা গাছ পাথর স্তম্ভে পরিণত হয়েছে, যা এখন পবিত্র স্থান বলে পরিচিত।

    প্রথম খননকার্য ১৯৩৭ সালে (Dakshin Dinajpur)?

    আরও কথিত রয়েছে, ১৯৩৭ সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের গবেষক কুঞ্জগোবিন্দ গোস্বামীর নেতৃত্বে বানগড়ে প্রথম খননকার্য হয়। সেই সময় মাটির নিচ থেকে ইতিহাসের নানা ধ্বংসাবশেষ মেলে। তার থেকে গুপ্ত, মৌর্য, পাল ও সেন যুগ এবং মুসলিম আমলের বিভিন্ন স্থাপত্য সামনে আসে। পরবর্তীতে ২০০৭, ২০০৮ এবং ২০০৯ সালেও বানগড়ে খননকার্য চালানো হয়। তাতে পাল, সেন সহ অন্য বংশের নানা মূর্তি এবং মুদ্রা উদ্ধার হয়। তবে তারপর আর খননকার্য চালানো হয়নি। দীর্ঘদিন ধরে বানগড়ে (Dakshin Dinajpur) খননকার্য এবং রক্ষণাবেক্ষণ না করার ফলে জায়গাজমি সব দখল হয়ে যাচ্ছে। রাতের অন্ধকারে চুরি হচ্ছে মাটি।

    দাবিপত্র বিজেপি বিধায়কের (Dakshin Dinajpur)

    এদিকে বানগড় উৎখনন করার দাবিতে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আধিকারিকদের হাতে এক বিশেষ দাবিপত্র তুলে দিলেন গঙ্গারামপুরের (Dakshin Dinajpur) বিজেপি বিধায়ক সত্যেন্দ্রনাথ রায়। মঙ্গলবার বানগড় পরিদর্শনে এলে আধিকারিকদের কাছে ইতিহাস প্রসিদ্ধ বানগড়কে পর্যটনকেন্দ্র গড়ে তোলার জোরালো দাবি তোলেন তিনি। এই দাবিপত্র খতিয়ে দেখে আগামিদিনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আধিকারিকরা। এই বিষয়ে বিধায়ক সত্যেন্দ্রনাথ রায় বলেন, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার রায়গঞ্জ সার্কেলের আধিকারিকরা এসেছিলেন। বানগড় উৎখননের পাশাপাশি সীমানা প্রাচীর নির্মাণ, পর্যটনকেন্দ্র তৈরির মতো কিছু দাবি জানিয়েছি।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Rampurhat: দালালরাজ বন্ধ করতে হবে, রামপুরহাট মেডিক্যাল কলেজে স্মারকলিপি বিজেপির

    Rampurhat: দালালরাজ বন্ধ করতে হবে, রামপুরহাট মেডিক্যাল কলেজে স্মারকলিপি বিজেপির

    মাধ্যম নিউজ ডেস্ক: রামপুরহাট (Rampurhat) মেডিক্যাল কলেজ হাসপাতালের বেহাল দশার বিরুদ্ধে ও দালালরাজ বন্ধ করার দাবিতে স্মারকলিপি জমা করল বীরভূম জেলার বিজেপি নেতৃত্ব।

    রামপুরহাটের হাসপাতালে (Rampurhat) স্মারকলিপি 

    মঙ্গলবার রামপুরহাট (Rampurhat) মেডিক্যাল কলেজ হাসপাতালের ডেপুটি সুপারের কাছে আট দফা দাবি জানিয়ে স্মারকলিপি জমা করে বিজেপি। বিজেপির অভিযোগ, একটু বেশি অসুস্থ হলে ভালোভাবে চিকিৎসা না করে অন্য বড় হাসপাতালে খুব সহজেই রেফার করে দেওয়া হচ্ছে। সাধারণ রোগী রক্ত চাইলে রক্ত পায় না। অথচ শাসক দল তৃণমূলের ঘনিষ্ঠ লোকেরা খুব সহজেই রক্ত পাচ্ছেন। পার্টির রং দেখে হাসপাতালে পরিষেবা দেওয়া হচ্ছে। এমনকী আইসিইউ কেবলমাত্র তৃণমূলের নেতাদের জন্য বরাদ্দ রয়েছে। ২০১৮ সালে এমআরআই পরিষেবা অনুমোদিত হলেও আজ পর্যন্ত তা কেন চালু হল না, সেই দাবিও জানানো হয়। হাসপাতালে তৃণমূলের দালালরাজ বন্ধ করার দাবি তোলা হয় বিজেপির এই স্মারকলিপির মাধ্যমে।

    রামপুরহাট (Rampurhat) হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য

    হাসপাতালের (Rampurhat) অতিরিক্ত মেডিক্যাল সুপারিনটেনডেন্ট ঈশ্বর চট্টোপাধ্যায় বলেন, দাবিপত্র ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেওয়া হবে। বিষয়টি আমাদের নজরে আছে। প্রতিদিন আমরা কোনও না কোনও ব্যবস্থা নিচ্ছি। তাছাড়া যেসব বিভাগে বেশি দুর্নীতি আছে, সেখানকার কর্মীদের অন্যত্র পোস্টিং করে দেওয়া হয়েছে। দুর্নীতির কথা স্বীকার করে তিনি বলেন, বিশেষ করে প্রতিবন্ধী বিভাগ এবং জন্ম-মৃত্যু রেকর্ড সেকশনে বেশি দুর্নীতি ছিল। তবে খুব জটিল অপারেশন ছাড়া কোনও রোগীকে আমরা বর্ধমানে পাঠাই না। শিশুমৃত্যু নিয়ে হাসপাতালের অসহায়তার কথা মেনে নেন ঈশ্বরবাবু। তিনি আরও বলেন, আমাদের হাসপাতালে এসএনসিইউ বিভাগ খুব নড়বড়ে। আমরা মাত্র দুজন ট্রেন্ড মেডিক্যাল অফিসার নিয়ে এসএনসিইউ চালাচ্ছি। তার সঙ্গে হাউস স্টাফ রয়েছে। আরও বলেন, আমরা স্বাস্থ্য ভবনে বার বার জানিয়েছি। এসএনসিইউ-র জন্য স্বাস্থ্য ভবন থেকে পর্যাপ্ত ট্রেন্ড মেডিক্যাল অফিসার না পাঠালে কিছু করার নেই।

    দালালরাজের বিরুদ্ধে সরব বিজেপি

    রামপুরহাট (Rampurhat) মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠকে বসে রোগী কল্যাণ সমিতি। বৈঠকে সকলেই হাসপাতালের দালালরাজ নিয়ে সরব হন। মঙ্গলবার দলের জেলা সভাপতি ধ্রুব সাহা, সহ সভাপতি স্বরূপ রতন সিনহা, শুভাশিস চৌধুরীদের নেতৃত্বে বিজেপির একটি প্রতিনিধি দল ঈশ্বর চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন। তাঁদের দাবি ছিল, অবিলম্বে হাসপাতালে দালালরাজ বন্ধ করতে হবে। অহেতুক রোগীদের বর্ধমানে বদলি করা চলবে না। রোগীর আত্মীয়দের ফুসলিয়ে নার্সিংহোমে পাঠানো বন্ধ করতে হবে। হাসপাতালে বেডের সংখ্যা বাড়াতে হবে। এমআরআই দ্রুত চালু করতে হবে। বেহাল স্বাস্থ্য পরিষেবার উপর ডেপুটেশন দেওয়ার পর, প্রশাসন কী করে তাই এখন দেখার।  

     

     দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share