Category: রাজ্য

Get West Bengal News, Bengali Breaking News, Latest News in Bengali only from মাধ্যম | Madhyom, Bengali News Portal for সম্পূর্ণ নিরপেক্ষ বাংলা সংবাদ, বাংলা খবর

  • Nadia: শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে মাধ্যমিকে সফল দুই বোন

    Nadia: শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে মাধ্যমিকে সফল দুই বোন

    মাধ্যম নিউজ ডেস্ক: ছোট থেকেই পারে না হাঁটতে, পারে না কথা বলতে। মাধ্যমিকে এমনই যমজ দুই বোনের সাফল্যে উৎসাহিত গোটা নদিয়ার (Nadia) বাগআঁছড়া গ্রাম পঞ্চায়েত এলাকা। বিদ্যালয়ের শিক্ষকদের অদম্য চেষ্টা ও বাবামায়ের হাড়ভাঙা পরিশ্রমে আজ স্বপ্নপূরণ বিশেষভাবে সক্ষম দুই বোনের।

    কীভাবে চলেছিল পড়াশুনা

    বড় মেয়ে (Nadia) রুমা মল্লিক। তার প্রাপ্ত নম্বর ৩২৪। ছোট মেয়ে ঝুমা মল্লিক, তার প্রাপ্ত নম্বর ৩২১। দুজনই জন্ম থেকে প্রতিবন্ধী। একজন কোনও রকমে চলাফেরা করতে পারলেও আরেকজন বিকলাঙ্গ। কানে যেমন শুনতে পারে না, বলতে পারে না কথাও। এভাবেই দুই বোন শারীরিক প্রতিবন্ধকতা নিয়ে পড়াশুনা চালিয়ে যাচ্ছে। সংসার সামলানোর পাশাপাশি দুই প্রতিবন্ধী মেয়েকে কীভাবে পড়াশোনা করাবেন, তা নিয়ে সব সময় দুশ্চিন্তায় থাকতেন মা রেখা মল্লিক। পঞ্চম শ্রেণিতে ভর্তির সময় অনেকটাই ভোগান্তিতে পড়তে হয় রুমা-ঝুমাকে। কারণ দুজনেই তো প্রতিবন্ধী, কীভাবে বিদ্যালয়ে (Nadia) যাবে? এই নিয়ে প্রশ্ন তোলেন শিক্ষক এবং শিক্ষিকারা। যদিও অনেক টানাপোড়নের পর বাবা-মা মেয়েদের ভর্তি করান বাগআঁচড়া উচ্চ বিদ্যালয়ে। তারপর থেকেই নিয়মিত বিদ্যালয়ে পঠন পাঠনের জন্য যেত দুই বোন।

    শিক্ষকদের বিশেষ ভূমিকা

    অন্যান্য ছাত্র-ছাত্রীদের থেকে রুমা-ঝুমাকে বেশি নজর দিতেন স্কুলের শিক্ষকরা। মা রেখা মল্লিক জানিয়েছেন, মেয়েদের ভর্তি করানোর সময় একটু সমস্যায় পড়তে হয়েছিল। মা বলেন, আজ যদি বিদ্যালয়ের (Nadia) শিক্ষক-শিক্ষিকারা পাশে না থাকত, তাহলে হয়তো মাধ্যমিক পরীক্ষায় মেয়েরা সাফল্য পেত না।

    আর্থিক সঙ্কটে আবেদন

    বাবা শ্যামল মল্লিক টোটো গাড়ি চালিয়ে কোনওরকম সংসার চালান। মেয়েদের পড়াশোনার জন্য যে অর্থের প্রয়োজন, তা জোগাড় করতেই হিমশিম খেয়ে যেতে হয়। তবুও হাল ছাড়েননি বাবা-মা। শ্যামল মল্লিক আক্ষেপের সুরে বলেন, পরিবারের দুরবস্থার কথা কে না জানে! আজ পর্যন্ত মেয়েরা মাধ্যমিক পরীক্ষায় পাশ করলেও কেউই পাশে দাঁড়ায়নি। বাড়িতে (Nadia) না এসেছে কোনও জনপ্রতিনিধি, না খোঁজ নিয়েছে প্রশাসন। সরকার যদি একটু আর্থিক সহায়তা করত, তাহলে মেয়েদের পড়াশোনার ক্ষেত্রে অনেকটাই সুবিধা হত। তবে হাজার কষ্ট করে হলেও মেয়েদের পড়াশোনা চালিয়ে যাবেন বলে জানিয়েছেন মা-বাবা দুজনেই।  প্রতিবন্ধী দুই বোনের জন্য এখন কোনও সরকারি সহযোগিতা মেলে কি না, সেটাই এখন দেখার।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ। 

  • Budge Budge: বজবজে বিস্ফোরণের পর টনক নড়ল! ২০ হাজার কেজি বাজি বাজেয়াপ্ত, গ্রেফতার কত?

    Budge Budge: বজবজে বিস্ফোরণের পর টনক নড়ল! ২০ হাজার কেজি বাজি বাজেয়াপ্ত, গ্রেফতার কত?

    মাধ্যম নিউজ ডেস্ক: দক্ষিণ ২৪ পরগনার বজবজের (Budge Budge) মহেশতলার বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণের পর নড়চড়ে বসে পুলিশ। রবিবার রাতভর তল্লাশি চালায় পুলিশ। মহেশতলা, বজবজসহ একাধিক জায়গায় বাজি কারখানায় হানা দিয়ে ধরপাকড় করা হয়। প্রচুর শব্দবাজি বাজেয়াপ্ত করা হয়।

    কত শব্দবাজি বাজেয়াপ্ত করল পুলিশ?

    এগরার পর বজবজের (Budge Budge) চিংড়িপোতা এলাকায় বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণের পরই পুলিশের পক্ষ থেকে অভিযান চালানো হয়। এমনিতে চিংড়িপোতা এলাকা বাজি তৈরির জন্য বিখ্যাত। এই এলাকায় একাধিক বাজি কারখানা রয়েছে। পুলিশের একটি অংশকে ম্যানেজ করেই বেআইনি এই সব কারখানা চলে বলে স্থানীয়দের অভিযোগ। রবিবার সন্ধ্যায় বাজি বিস্ফোরণে তিনজনের মৃত্যুর ঘটনায় পুলিশ নড়েচড়ে বসে। পুলিশের পদস্থ আধিকারিকদের নেতৃত্বে একের পর এক বেআইনি বাজি কারখানায় অভিযান শুরু হয়। বহু বন্ধ দোকান খুলে বাজি বাজেয়াপ্ত করে পুলিশ। অনেক জায়গায় বাজি তৈরির কাজ করছিলেন শ্রমিকরা। সেখানে পুলিশ অভিযান চালিয়ে জিনিসপত্র বাজেয়াপ্তের পাশাপাশি অনেককে গ্রেফতার করে। সবমিলিয়ে ২০ হাজার কেজি শব্দবাজি বাজেয়াপ্ত করেছে পুলিশ। পাশাপাশি বাজি তৈরির মশলাও উদ্ধার করা হয়েছে। এই সব বাজি কারখানার আড়ালে বোমা তৈরি হত কি না তা নিয়ে এলাকাবাসী প্রশ্ন তুলেছেন। তবে, রবিবার রাতভর পুলিশ অভিযান চালিয়ে বজবজ মহেশতলা এলাকা থেকে ৩৮ জনকে গ্রেফতার করেছে। পুলিশি অভিযানের নামে মারধর করা হয়েছে বলে বাজি কারখানার শ্রমিকরা অভিযোগ করেন।

    আরও পড়ুন: এগরার পর বজবজ! বিস্ফোরণে বাজি কারখানার মালিকের স্ত্রী, মেয়েসহ তিনজনের মৃত্যু

    বাজি কারখানায় কীভাবে বিস্ফোরণ ঘটল?

    প্রসঙ্গত, রবিবার সন্ধ্যায় বজবজের (Budge Budge) চিংড়িপোতার নন্দরামপুর দাসপাড়া এলাকায় জয়দেব ঘাঁটির বাড়িতে বিস্ফোরণ হয়। প্রাথমিকভাবে জানা গিয়েছে, ধূপের আগুন থেকে বাজিতে আগুন লেগে বিস্ফোরণ হয়। তবে, এই বিস্ফোরণের পর ফরেন্সিক টিম এসে তদন্ত করবে কি না তা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট করে কোনও কিছু জানানো হয়নি।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Budge Budge Blast: এগরার পর বজবজ! বিস্ফোরণে বাজি কারখানার মালিকের স্ত্রী, মেয়েসহ তিনজনের মৃত্যু

    Budge Budge Blast: এগরার পর বজবজ! বিস্ফোরণে বাজি কারখানার মালিকের স্ত্রী, মেয়েসহ তিনজনের মৃত্যু

    মাধ্যম নিউজ ডেস্ক: পূর্ব মেদিনীপুরের এগরার পর দক্ষিণ ২৪ পরগনার বজবজ। বেআইনি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে (Budge Budge Blast) কেঁপে ওঠে গোটা এলাকা। আগুনে ঝলসে কারখানার মালিক জয়দেব ঘাঁটির স্ত্রী, মেয়ে এবং শাশুড়ির মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, মৃতদের নাম যমুনা দাস (৬০), জয়শ্রী ঘাঁটি (১০) ও পম্পা ঘাঁটি (৩০)। জয়দেববাবুর স্ত্রী পম্পাদেবী, মেয়ে জয়শ্রী এবং যমুনাদেবী তাঁর শাশুড়ি ছিলেন। ঘটনায় আরও একজন গুরুতর জখম হয়েছেন। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিস্ফোরণের খবর পেয়ে দমকলবাহিনী গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

    ঠিক কী ঘটেছিল?

    কয়েকদিন আগেই পূর্ব মেদিনীপুরের এগরার খাদিকুল গ্রামে বেআইনি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ (Budge Budge Blast) হয়। তাতে কারখানার মালিকসহ ১০ জনের মৃত্যু হয়। সেই ঘটনার জের মিটতে না মিটতেই রবিবার সন্ধ্যায় বজবজের চিংড়িপোতা গ্রাম পঞ্চায়েত এলাকার নন্দরামপুর দাসপাড়ায় বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ হয়। তবে, আচমকা কীভাবে বিস্ফোরণ ( BudgeBudge Blast) ঘটল তা জানা যায়নি। ওই কারখানায় কতজন কাজ করছিলেন, বোমা তৈরি হচ্ছিল কি না তা এখনও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট করে বলা হয়নি। তবে, চিংড়িপোতা এলাকায় একাধিক বেআইনি বাজি কারখানা রয়েছে। এগরার ঘটনার পরও এই সব বেআইনি কারবার বন্ধে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কোনও উদ্যোগ নেওয়া হয়নি বলে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ। আর তার জেরেই অকালে তিনজনের প্রাণ গেল।

    বিস্ফোরণের তদন্তভার নিল সিআইডি

    বজবজ বিস্ফোরণকাণ্ডে তদন্তভার নিল সিআইডি। সোমবার দুপুরে সিআইডি (এসএস) সায়ক দাস ঘটনাস্থল পরিদর্শন করেন। ঘটনাস্থল থেকে বেশকিছু নমুনা সংগ্রহ করা হয়। পরে, সিআইডি কর্তা বলেন, সমস্ত বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাস্থল থেকে বারুদের নমুনা পাওয়া গিয়েছে। ফরেন্সিক টিমকে খবর দেওয়া হয়েছে।

    বজবজে বেআইনি বাজি কারখানার বিস্ফোরণ নতুন নয়

    বজবজ এলাকায় এর আগেও একাধিক বিস্ফোরণের (Budge Budge Blast) ঘটনা ঘটেছে। জানা গিয়েছে, গত মার্চ মাসে মহেশতলা পুরসভার ৩০ নম্বর ওয়ার্ডে পুঁটখালি মণ্ডলপাড়ায় বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণ ঘটে। তাতে তিনজনের মৃত্যু হয়। এর আগে ২০২১ সালে ডিসেম্বর মাসে বজবজ-২ ব্লকের নোদাখালি থানার মোহনপুর আর্যপাড়ায় বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণের (BudgeBudge Blast) ঘটনা ঘটে। এই ঘটনার পর পরিবেশ দফতর জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনকে দিয়ে একটি কমিটি গঠন করে দিয়েছিল। কমিটির কাজ ছিল, এই বিষয়ে নজরদারি করা। সেই কমিটি যে শুধু লোকদেখানো ছিল তা এদিনের ঘটনায় আরও একবার প্রমাণিত হয়ে গেল।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • BJP: পঞ্চায়েতে ভোট লুট রুখতে বুথে বুথে মহিলা ব্রিগেড গড়ল বিজেপি

    BJP: পঞ্চায়েতে ভোট লুট রুখতে বুথে বুথে মহিলা ব্রিগেড গড়ল বিজেপি

    মাধ্যম নিউজ ডেস্ক: লক্ষ্য আলিপুরদুয়ার জেলা পরিষদ এবং ছয়টি পঞ্চায়েত সমিতি  দখল করা। এবার সেই লক্ষ্যপূরণে বুথে বুথে মহিলা ব্রিগেড তৈরি করল বিজেপি (BJP)। এমনিতেই এই জেলায় গত লোকসভা ও বিধানসভা ভোটে শাসকদলকে মাথা তুলে দাঁড়াতে দেয়নি গেরুয়া শিবির। আলিপুরদুয়ারের পাঁচটি বিধানসভা ও একটি লোকসভা কেন্দ্র  রয়েছে। সবকটিতেই বিজেপি ক্ষমতায় রয়েছে। সামনে পঞ্চায়েত ভোট ধরে নিয়ে এবারে গেরুয়া শিবির প্রস্তুতি শুরু করেছে।

    মহিলা ব্রিগেডে কতজন সদস্য থাকবেন?

    পাখির চোখ আলিপুরদুয়ার জেলা পরিষদ ও ছয়টি পঞ্চায়েত সমিতি  দখল করা। তবে পঞ্চায়েত ভোটে শাসক দল ভোট লুট থেকে ছাপ্পা ভোট করাতে পারে এমনটা ধরে নিয়েই বিজেপির (BJP) মহিলা মোর্চা রীতিমত কোমর বেঁধে পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে। তারা প্রত্যেকটি বুথে পাঁচজন করে মহিলাদের নিয়ে বুথরক্ষা বাহিনী গঠন করছে। ইতিমধ্যে প্রায় ৮০ শতাংশ বুথে মহিলা বুথ সুরক্ষা বাহিনী  গঠন করা হয়েছে। পাঁচজন করে মহিলা যারা বুথ সুরক্ষা বাহিনীতে থাকবেন, তারাই ঢাল হিসাবে কাজ করবেন। যাতে কোনওভাবেই কোনও বুথ থেকে ভোট লুট ও ছাপ্পা করাতে না পারে শাসক দল। মহিলাদের সাহায্য করবে যুব মোর্চা থেকে দলের কার্যকর্তারাও।

    কী বললেন বিজেপি (BJP) জেলা সভাপতি?

    বিজেপির (BJP) জেলা সভাপতি ভূষণ মোদক বলেন, “আলিপুরদুয়ারে বিজেপির যা সংগঠন এবং মানুষের যে সমর্থন রয়েছে তাতে আমরা নির্বিঘ্নে জেলা পরিষদ গঠন করতে পারবো। নিরপেক্ষভাবে ভোট হলে শাসক দল একটিও জেলা পরিষদের আসন দখল করতে পারবে না। তাই ভোট লুট এবং ছাপ্পা রুখতে আমাদের মহিলা ছাত্র যুবরা পঞ্চায়েত ভোটের জন্য তৈরি হচ্ছে”। সম্প্রতি মহিলা মোর্চার আলিপুরদুয়ার জেলা সম্মেলনে মহিলাদের বিরাট উপস্থিতি এবং তাদের উৎসাহ উদ্দীপনা গেরুয়া শিবিরকে অনেকটাই উজ্জীবিত করেছে। মহিলা মোর্চার বৈঠকে উপস্থিত হয়ে কেন্দ্রীয় মন্ত্রী জন বারলা ও বিধায়ক মনোজ টিগ্গা রাজ্যে মহিলাদের উপর নির্যাতনের ঘটনা থেকে শুরু করে সরকারি চাকরিতে দুর্নীতির বিষয়গুলি মহিলা ব্রিগেডের সদস্যদের প্রত্যেকের বাড়ি বাড়ি প্রচারের নির্দেশ দেন।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • NJP: শুরু হল এনজেপি-গুয়াহাটি বন্দে ভারত এক্সপ্রেসের ট্রায়াল রান, কবে থেকে চলবে এই ট্রেন?

    NJP: শুরু হল এনজেপি-গুয়াহাটি বন্দে ভারত এক্সপ্রেসের ট্রায়াল রান, কবে থেকে চলবে এই ট্রেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: উত্তরবঙ্গবাসীর কাছে খুশির খবর। তবে, শুধু উত্তরবঙ্গ নয়, রাজ্যবাসীও এই খবর শুনে আনন্দিত হবে। কারণ, এনজেপি (NJP) – হাওড়ার পর এবার এনজেপি -গুয়াহাটি বন্দে ভারত এক্সপ্রেস চালু হতে চলেছে।  আগামী ২৫মে  বন্দে ভারত এক্সপ্রেস চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। তারই প্রস্তুতি হিসেবে রবিবার সকালে এনজেপি (NJP) – গুয়াহাটি বন্দে ভারত এক্সপ্রেসের ট্রায়াল রান হল। উল্লেখ্য রাজ্যের প্রথম বন্দে ভারত এক্সপ্রেস এনজেপি -হাওড়ার চালু হওয়ার পর  দক্ষিণবঙ্গের তথা দেশের অন্যান্য প্রান্তে পর্যটকদের ঢল নেমেছে উত্তরবঙ্গে। এনজেপি- গুয়াহাটি বন্দে ভারত এক্সপ্রেস চালু হলে পর্যটকদের ভিড় আরও বাড়বে।

    ট্রায়াল রানে বন্দে ভারত এক্সপ্রেস গুয়াহাটি যেতে কতক্ষণ সময় নিল?

    ঘোষণা আগেই ছিল। এনজেপি (NJP) -হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস চালুর পরপরই এনজেপি- গুয়াহাটি বন্দে ভারত এক্সপারেস চালুর কথা জানিয়েছিল রেল দফতর। সম্প্রতি হাওড়া – পুরি বন্দে ভারত এক্সপ্রেস চালু হওয়ার পর এনজেপি- গুয়াহাটি বন্দে ভারত এক্সপ্রেস শীঘ্রই চালু হওয়ার সম্ভাবনা জোরাল হয়ে ওঠে। এই ট্রেনটি চালু হতে যে আর বেশি দেরি নেই তা এদিন ট্রায়াল রানের মধ্য দিয়ে তা পরিষ্কার হয়ে গিয়েছে। এটি উত্তর- পূর্ব ভারতের প্রথম বন্দে ভারত এক্সপ্রেস হবে। এদিন সকাল ৬.১০ মিনিট নাগাদ এনজেপি থেকে গুয়াহাটির উদ্দেশ্যে বন্দে ভারত এক্সপ্রেসের ট্রায়াল রান শুরু হয়। গুয়াহাটিতে এদিনই  সকাল সাড়ে এগারোটা নাগাদ ট্রেনটি পৌঁছায়। সবমিলিয়ে সাড়ে পাঁচ ঘণ্টা সময় লাগে। এনজেপি- হাওড়া, হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেস চালু হওয়ার পরপরই এনজেপি গুয়াহাটি বন্দে ভারত এক্সপ্রেস চালু হওয়ার মধ্য দিয়ে রেল দফতর সর্বত্র পর্যটনের বিকাশের ক্ষেত্রে  নতুন দিগন্ত উন্মোচিত করে চলেছে বলে মনে করছেন ট্যুর অপারেটররা।

    কী বললেন এডিআরএম?

    এদিন উত্তর-পূর্ব সীমান্ত রেলের এডিআরএম সঞ্জয় চিলওয়ারওয়ার বলেন, আমরা দেখে নেব নির্ধারিত সময়ের মধ্যে ট্রেনটি গন্তব্যে পৌঁছচ্ছে  কি না। কোথাও গতি কম বা বেশি করতে হলে সে বিষয়টি ট্রায়ালের মধ্য দিয়েই ধরা পড়বে। এখনও পর্যন্ত আমাদের কাছে রেল দফতর থেকে যে নির্দেশিকা এসেছে প্রস্তুতি নেওয়ার জন্য তাতে আগামী ২৫ মে  এনজেপি (NJP)  – গুয়াহাটি বন্দে ভারত এক্সপ্রেস চালু হওয়ার কথা রয়েছে। আমরাও সবকিছু প্রস্তুতি নিয়ে রেখেছি। কাজেই ২৫ মে এই বন্দে ভারত এক্সপ্রেস চালু হতে আর সমস্যার কিছু নেই। এদিন ট্রায়াল রান দিয়েই আমরা চূড়ান্ত প্রস্তুতি সেরে নেওয়া হল।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Suvendu Adhikari: ফের নাম বদল রাজ্যের! মৎস্য প্রকল্পেও টাকা বন্ধের আবেদন জানাবেন শুভেন্দু

    Suvendu Adhikari: ফের নাম বদল রাজ্যের! মৎস্য প্রকল্পেও টাকা বন্ধের আবেদন জানাবেন শুভেন্দু

    মাধ্যম নিউজ ডেস্ক: নানা দুর্নীতির অভিযোগে কেন্দ্রীয় সরকার ১০০ দিনের কাজের প্রকল্পে টাকা বন্ধ করে দেওয়ায় বেকায়দায় পড়ে গিয়েছে মমতার সরকার। এই ইস্যুতে শুধু মমতা বন্দ্যোপাধ্যায় নন, তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ও বারবার সরব হয়েছেন। কিন্তু তাঁদের ভাগ্যে যে ভবিষ্যতে আরও দুর্দিন অপেক্ষা করছে, তা পরিষ্কার হয়ে গেল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) কথায়। রবিবার ন্যাশনাল লাইব্রেরি হলে দলের কার্যকারিণী বৈঠকে তিনি বলেন, ফের কেন্দ্রীয় প্রকল্পের নাম বদলে দিয়েছে এ রাজ্যের সরকার। সর্বশেষ যে সার্কুলার রাজ্য সরকার মৎস্যজীবীদের জন্য প্রকাশ করেছে, সেখানে প্রধানমন্ত্রী মৎস্য যোজনার নাম বদলে করে দেওয়া হয়েছে বঙ্গ মৎস্য যোজনা। তাই কেন্দ্রীয় মৎস্যমন্ত্রীকে চিঠি লিখে এই প্রকল্পে টাকা বন্ধ করে দেওয়ার আবেদন জানাবেন তিনি।

    আর কী বললেন শুভেন্দু (Suvendu Adhikari)?

    শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) বলেন, এখনও নাম বদল হচ্ছে। গিরিরাজ সিংজি দেখিয়েছেন, চুরি কীভাবে আটকাতে হয়। নাম বদল কী করে রুখতে হয়। আমি চাইবো এটা অন্য দফতরগুলোও করে দেখাক। এ বিষয়ে উদ্যোগ নিতে হবে। আমরা সবাই থাকব। যতক্ষণ না নাম বদল করে, টাকা বন্ধ করতে বলব।

    অভিষেককে তোপ সুকান্তর

    তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) সম্প্রতি অভিযোগ করেছেন, কেন্দ্র ১০০ দিনের টাকা না দেওয়াতেই রাজ্যের মানুষকে বাজি কারখানায় কাজ করতে হচ্ছে। এ ব্যাপারে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)।এদিন তিনি বলেন, তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডের ওই বক্তব্যের পর স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, রাজ্যে একটা সরকার ১২ বছর ক্ষমতায় থাকার পরেও পেটের ভাত জোগাড়ের জন্য মানুষকে প্রধানমন্ত্রীর ১০০ দিনের কাজের দিকে তাকিয়ে থাকতে হচ্ছে। এরা নিজেরাই স্বীকার করছে যে সরকার অপদার্থ। এদের এই রূপ সাধারণ মানুষের সামনে তুলে ধরতে হবে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Durgapur: দুর্গাপুরে নকল একে-৪৭ সহ ভুয়ো সেনা অফিসার গ্রেফতার, এলাকায় চাঞ্চল্য

    Durgapur: দুর্গাপুরে নকল একে-৪৭ সহ ভুয়ো সেনা অফিসার গ্রেফতার, এলাকায় চাঞ্চল্য

    মাধ্যম নিউজ ডেস্ক: একজন ভুয়ো সেনা অফিসারকে দুর্গাপুর (Durgapur) থানার পুলিশ শনিবার রাতে গ্রেফতার করেছে। ধৃতের নাম হায়দার বেগলো। সে ছত্তিসগড়ের বাসিন্দা। তার কাছ থেকে পুলিশ নকল একে-৪৭ সেভেন, একটি পিস্তল, ভারতীয় সেনার পোশাক এবং নকল পরিচয়পত্র উদ্ধার করেছে। কেন এই ব্যক্তি ভুয়ো পরিচয় নিয়ে দুর্গাপুরে বসবাস করছিল, তা নিয়ে পুলিশ তদন্তে নেমেছে।

    দুর্গাপুরে (Durgapur) কীভাবে আটক!

    বাইরে থেকে দুর্গাপুর (Durgapur) শিল্পাঞ্চলে বহু মানুষ কাজ করতে আসেন। এখনে স্থায়ী এবং অস্থায়ী বাসিন্দা প্রচুর বসবাস করে থাকেন। এর মধ্যে পরিযায়ী শ্রমিকের সংখ্যাটাও প্রচুর। দুর্গাপুর থানা থেকে একটি বিশেষ ক্যাম্পের আয়োজন করা হয়। যার উদ্দেশ্য ছিল সামাজিক সচেতনতা। পরিযায়ী শ্রমিকদের বেশিরভাগই এখানে ঘরভাড়া নিয়ে বসবাস করে থাকেন। পুলিশের আধিকারিকরা পাড়ায় পাড়ায় ভাড়াটেদের উপর তথ্য সংগ্রহের কাজ শুরু করেছেন বলে জানা যায়। প্রয়োজনীয় তথ্য পেতে দুর্গাপুর থানা থেকে একটি বিশেষ ফর্মও চালু করা হয়েছে। এরকমই তথ্য পেয়ে ছত্তিসগড়ের ভুয়ো সেনার খোঁজ মিলল দুর্গাপুরে। পরে পুলিশ তথ্য যাচাই করে দুর্গাপুরের সুভাষপল্লির একটি বাড়ি থেকে ভুয়ো ওই অফিসার হায়দার বেগলোকে গ্রেফতার করে বলে জানা গেছে। ভুয়ো অফিসার গ্রেফতারে এলাকায় চাঞ্চল্য শুরু হয়েছে। 

    পুলিশের বক্তব্য

    পুলিশ জানিয়েছে, হায়দার বেগলো ভারতীয় সেনার অফিসার পরিচয় দিয়ে সুভাষপল্লির বেনাচিতি এলাকায় একটি বাড়িতে ভাড়াটে হিসেবে ছিল। প্রায় দু’মাস ধরে সে সেখানে বসবাস করছিল। পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, কেন সে সেনার পোশাক, ভুয়ো পরিচয়পত্র, এয়ারগান অস্ত্র এবং একটি বাইক ব্যবহার করত, কী উদ্দেশ্য ছিল তার, তা নিয়ে তদন্ত চলছে। অবশ্য হায়দার নিজে পুলিশের কাছে স্বীকার করে নিয়েছে, সে ভুয়ো সেনা অফিসার। পুলিশ আরও জানিয়েছে, হায়দারের স্ত্রীর সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তবে তার স্ত্রী হায়দারকে আর্মি অফিসার বলেই জানেন। ভুয়ো সেনার অভিসন্ধি কী ছিল, তা জানার জন্য এখনও তদন্ত চলছে। পুলিশ জানিয়েছে, ধৃতকে দুর্গাপুর (Durgapur) মহকুমা আদালতে পেশ করা হয়েছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Corruption: সরকারি চাকরির নামে কয়েক লক্ষ টাকা প্রতারণা, জালে তৃণমূলের প্রাক্তন প্রধান

    Corruption: সরকারি চাকরির নামে কয়েক লক্ষ টাকা প্রতারণা, জালে তৃণমূলের প্রাক্তন প্রধান

    মাধ্যম নিউজ ডেস্ক: সরকারি চাকরি দেওয়ার নাম করে প্রতারণার (Corruption) অভিযোগে এর আগে একাধিক তৃণমূল নেতার নাম জড়িয়েছে। এবার এই অপরাধের সঙ্গে জড়িয়ে গেল এক পুলিশ কর্মী এবং এক তৃণমূল পঞ্চায়েত সদস্যের নাম। কলকাতা পুলিশের এক এএসআই এবং তাঁর স্ত্রী সহ চারজনকে এই অভিযোগে ইতিমধ্যে গ্রেফতারও করেছে লালবাজারের গোয়েন্দা শাখা। লালবাজার সূত্রে খবর, ধৃত চারজনকে শনিবার গ্রেফতার করা হয়েছে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে। রবিবার তাদের ব্যাঙ্কশাল আদালতে তোলা হয়। পুলিশ তদন্ত করে দেখছে যে এই ঘটনায় কোনও উচ্চপদস্থ পুলিশ অফিসার জড়িয়ে আছে কিনা। প্রসঙ্গত, গত এপ্রিল মাসে হেয়ার স্ট্রিট থানায় এ বিষয়ে অভিযোগ দায়ের করা হয়েছিল।

    ঘটনাটি ঠিক কী?

    গোয়েন্দাদের তরফ থেকে জানা গেছে, মাসখানেক আগে বাঁশদ্রোণীর বাসিন্দা আখতার বানু নামে একজন লালবাজার কর্তাদের কাছে অভিযোগ জানান, তাঁর ছেলেকে মন্ত্রীর কোটায় স্বাস্থ্য দফতরে চাকরি দেওয়ার নাম করে কয়েক লক্ষ টাকা নেয় বেনিয়াপুকুর থানায় কর্মরত অফিসার সঞ্জীব দেঁড়ে। জানা যায়, এই চক্রে সঞ্জীব ছাড়াও জড়িত রয়েছে আরও চারজন। সেই মতো গ্রেফতার করা হয় সঞ্জীবের স্ত্রী বর্ণালীকে। তিনি বর্তমানে পঞ্চায়েত সদস্য এবং খলিশানি গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান ছিলেন। এলাকাবাসীর থেকে টাকা তো তুলতেনই, সঙ্গে বাইরের এলাকা থেকেও টাকা তোলার অভিযোগ উঠেছিল এই দম্পতির বিরুদ্ধে। রবিবার তাঁদের দু’জনকে বাউড়িয়া বুড়িখালির একটি বহুতল থেকে গ্রেফতার করেন লালবাজারের পুলিশ কর্তারা। এর পাশাপাশি পুলিশ গ্রেফতার করেছে সৈকত নামের এক সিভিক ভলান্টিয়ারকে। তিনি গোয়েন্দা দফতরের রিসেপশনে কর্মরত ছিলেন বলে জানা যাচ্ছে। কার্তিক মান্না নামের এক দালালকেও গ্রেফতার করেছে পুলিশ। জানা গেছে, গত মাসে অভিযোগ দায়ের হতেই সঞ্জীবের বিরুদ্ধে গোপন তদন্তে নামেন লালবাজারের গোয়েন্দারা। তখনই এই চক্রের হদিশ মেলে।  

    তদন্তে কী উঠে এল?

    তদন্তে জানা গিয়েছে, এই চক্র স্বাস্থ্য দফতরে চাকরি দেওয়ার নাম করে প্রায় ৫০ লক্ষ টাকা তুলেছে বিভিন্ন জনের কাছে। শুধু তাই নয়, কিছু জনকে ভুয়ো নিয়োগপত্রও বিলি করা হয়। ইতিমধ্যে গোয়েন্দারা বেশ কিছু ভুয়ো নথি উদ্ধার করেছেন ধৃতদের কাছ থেকে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Naihati: চড়া সুদের টোপ! দেড় কোটি টাকা হাতিয়ে পালিয়ে গেল দম্পতি

    Naihati: চড়া সুদের টোপ! দেড় কোটি টাকা হাতিয়ে পালিয়ে গেল দম্পতি

    মাধ্যম নিউজ ডেস্ক: কেউ ৫০ হাজার টাকা, কেউ আবার এক লক্ষ টাকা বা তার বেশি জমা দিয়েছিলেন এক দম্পতির কাছে। এরকমভাবে সবমিলিয়ে প্রায় দেড় কোটি টাকা হাতিয়ে নিয়ে পালানোর অভিযোগ উঠেছে ওই দম্পতির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বারাকপুর মহকুমার নৈহাটির (Naihati) অরবিন্দপল্লি এলাকায়। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ইতিমধ্যেই সোমাশ্রী লাহিড়ী মজুমদার ও বিশ্বজিৎ মজুমদার নামে এই দম্পতির বিরুদ্ধে  প্রতারিতরা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

    ঠিক কী অভিযোগ?

    কাউকে চাকরি দেওয়ার নামে, কাউকে আবার কম টাকায় বেশি সুদের টোপ দিয়ে তারা সাধারণ মানুষের থেকে টাকা তুলতেন। টাকা জমা দেওয়ার পর কয়েক মাস চড়া সুদও দিতেন। ফলে, অনেকে বিশ্বাস করে তাদের কাছে টাকাও দিয়েছেন। কিন্তু, প্রতিশ্রুতি রক্ষা করতে না পারার কারণে এলাকার মানুষ ক্ষোভে ফেটে পড়েন। প্রতারিত হয়েছে বুঝতে পেরে এলাকার মানুষ রবিবার নৈহাটিতে (Naihati) ওই দম্পতির বাড়িতে চড়াও হন। ততক্ষণে বাড়িতে তালা মেরে তারা এলাকা ছেড়ে পালিয়ে গিয়েছে। তাদের সঙ্গে মোবাইলে যোগাযোগ করার চেষ্টা করেন প্রতারিতরা। কিন্তু, মোবাইল সুইচড অফ থাকায় তাদের নাগাল পাননি প্রতারিতরা। এরপরই থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তাঁরা। বারাকপুর পুলিশ কমিশনারেটের এক আধিকারিক বলেন, অভিযোগ হয়েছে। অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে।

    কী বললেন প্রতারিতরা?

    প্রতারিতদের বক্তব্য, অল্প টাকায় বেশি সুদের লোভ দেখিয়ে ওরা টাকা তুলত। সমস্ত টাকা দেওয়ার নথি আমাদের কাছে রয়েছে। রয়েছে কাগজপত্র। ফলে, সহজেই আমরা বিশ্বাস করে টাকা দিয়েছিলাম। সমস্ত নথি আমাদের কাছে রয়েছে। তবে, এভাবে আমরা প্রতারিত হব তা বুঝতে পারিনি। তনুশ্রী সরকার নামে এক প্রতারিত হওয়া এক মহিলা বলেন, ওই দম্পতি আমাকে বেসরকারি সংস্থা চাকরি করে দেবে বলে পঞ্চাশ হাজার টাকা নিয়েছিল। আমরা সকলেই নৈহাটি (Naihati) থানায় অভিযোগ দায়ের করেছি।

    কী বললেন তৃণমূলের চেয়ারম্যান পরিষদের সদস্য?

    নৈহাটি (Naihati) পুরসভার চেয়ারম্যান পরিষদের সদস্য সনত্ দে বলেন, এই শহরে বসে এভাবে গরিব মানুষদের টাকা নিয়ে কেউ পালাতে পারবে না। আমরা পুলিশ প্রশাসনকে বলেছি। অবিলম্বে অভিযুক্তদের গ্রেফতার করে সকলকে টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করতে হবে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • TMC: থানায় কাটমানি নেওয়ার অভিযোগ হতেই আত্মহত্যার চেষ্টা ভাইরাল হওয়া তৃণমূল নেতার

    TMC: থানায় কাটমানি নেওয়ার অভিযোগ হতেই আত্মহত্যার চেষ্টা ভাইরাল হওয়া তৃণমূল নেতার

    মাধ্যম নিউজ ডেস্ক: চাকরির নামে তোলাবাজির লিখিত অভিযোগ দায়ের হতেই ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা তৃণমূলের (TMC) ব্লক সভাপতির। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লকে। ঘটনার পর থেকেই গঙ্গারামপুর মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তপনের তৃণমূলের (TMC) ব্লক সভাপতি অনাদি লাহিড়ী। শনিবার এই ঘটনা সামনে আসতেই জেলাজুড়ে শোরগোল পড়ে যায়। রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

    ঠিক কী অভিযোগ ছিল তৃণমূলের (TMC)  ব্লক সভাপতির বিরুদ্ধে?

    সিভিক ভলান্টিয়ারের চাকরি করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে হাতে করে টাকার বান্ডিল নিচ্ছেন অনাদিবাবু। সম্প্রতি তাঁর এই টাকা নেওয়ার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। যা নিয়ে নিন্দার ঝড় ওঠে সর্বত্র। যদিও এই ঘটনা নিয়ে অভিযুক্ত তৃণমূল নেতার বিরুদ্ধে কোনও পদক্ষেপই নিতে দেখা যায়নি দক্ষিণ দিনাজপুরের জেলা তৃণমূল সভাপতিকে। যা নিয়ে ক্ষোভের সৃষ্টি হয় দলের কর্মীদের একাংশের মধ্যেও। এরই মাঝে শুক্রবার রাতে ওই অভিযুক্ত তৃণমূল নেতা অনাদি লাহিড়ীর বিরুদ্ধে তপন থানায় লিখিত অভিযোগ দায়ের করেন আনোয়ার সরকার নামে ওই ব্লকের আজমতপুর এলাকার এক বাসিন্দা। তিনি বলেন, “তৃণমূলের ব্লক সভাপতি অনাদি লাহিড়ী আমার ছেলে রিয়াজুদ্দিন সরকারকে সিভিক ভলান্টিয়ারের চাকরি করে দেওয়ার নাম করে নগদ আড়াই লক্ষ টাকা নিয়েছে। টাকা ফেরত দিতে প্রথমে গড়িমসি করছিলেন ওই তৃণমূল নেতা। শুধু তাই নয়, এরপর ওই তৃণমূল নেতা আমাকে হুমকিও দেন। তারপরই থানায় লিখিত অভিযোগ জানানো হয়। আমরা অভিযুক্ত তৃণমূল নেতার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।” থানায় অভিযোগের পরই নিজের বাড়িতে ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন তৃণমূল নেতা অনাদি লাহিড়ী। যে ঘটনা সামনে আসতেই রীতিমতো হইচই পড়ে যায়। বর্তমানে গঙ্গারামপুর মহাকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। বিষয়টি নিয়ে সংবাদমাধ্যমের সামনে কিছু বলতে চাননি ওই তৃণমূল নেতা ও তাঁর পরিবারের লোকজন।

    কী বললেন তৃণমূল (TMC) নেতৃত্ব?

    তৃণমূলের (TMC) দক্ষিণ দিনাজপুর জেলার সভাপতি মৃণাল সরকার বলেন, বিজেপির আইটি সেলের পক্ষ থেকে অনাদি লাহিড়ীর ওই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করা হয়েছিল। চক্রান্তের শিকার হয়েছেন তিনি। শুক্রবার রাতে ওই ঘটনা নিয়ে একটি অভিযোগ হওয়ার পরেই ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যা করার চেষ্টা করেছেন তিনি। তিনি এখনও দলের পদে রয়েছেন, তাঁর পাশে সব সময় রয়েছে তৃণমূল কংগ্রেস।

    কী বললেন বিজেপি নেতৃত্ব?

    জেলা বিজেপি নেতা বাপি সরকার বলেন, ঘটনাটি অত্যন্ত দুর্ভাগ্যজনক। এটা তো ঠিক, তিনি নিজে থেকে এ টাকা তোলেননি। দলের যাঁর নির্দেশে তিনি টাকা তুলেছিলেন, তা সকলের সামনে আনা উচিত অনাদিবাবুর। এই দুর্নীতির যাবতীয় তথ্য সামনে আনলে তাঁর নিজের ও পরিবারের সম্মান বাঁচবে। আত্মহত্যার মতো পথও আর তাঁকে বেছে নিতে হবে না।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share