Category: রাজ্য

Get West Bengal News, Bengali Breaking News, Latest News in Bengali only from মাধ্যম | Madhyom, Bengali News Portal for সম্পূর্ণ নিরপেক্ষ বাংলা সংবাদ, বাংলা খবর

  • ZSI: পরিবেশ রক্ষার বার্তা দিতে সক্রিয় শতাব্দী প্রাচীন জেডএসআই, আসছেন কেন্দ্রীয় মন্ত্রী 

    ZSI: পরিবেশ রক্ষার বার্তা দিতে সক্রিয় শতাব্দী প্রাচীন জেডএসআই, আসছেন কেন্দ্রীয় মন্ত্রী 

    মাধ্যম নিউজ ডেস্ক: পালিত হতে চলেছে শতাব্দী প্রাচীন জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার (ZSI) ১০৮ তম প্রতিষ্ঠা দিবস। এই উপলক্ষে আগামিকাল ১ জুলাই, সল্টলেকের নিক্কো পার্ক সংলগ্ন ইস্ট প্যাভিলিয়নে এই বিশেষ দিনের সূচনা করবেন কেন্দ্রীয় বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন দফতরের মন্ত্রী ভূপেন্দ্র যাদব। এই অনুষ্ঠানকে স্মরণে রেখে তিনি ‘অ্যানিম্যাল ট্যাক্সোনোমি সামিট ২০২৩’ শীর্ষক এক সম্মেলনেরও সূচনা করবেন। কলকাতা প্রেস ক্লাবে সম্প্রতি এক সাংবাদিক সম্মেলনে একথা জানান জেডএসআই-এর নির্দেশক ডক্টর ধৃতী বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, এই অনুষ্ঠানে কেন্দ্র সরকারের ‘মিশন লাইফ’ (লাইফস্টাইল ফর এনভায়রনমেন্ট) ভাবনাকে নিয়েই জেডএসআই-এর কর্মকাণ্ডের উপস্থাপন করা হবে। পরিবেশ রক্ষার বার্তা দিতে এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হবে।

    প্রকাশিত হবে পুস্তক (ZSI)

    অনুষ্ঠানে (ZSI) মন্ত্রী ‘অ্যানিম্যাল ডিসকভারিজ ২০২২’ শীর্ষক একটি পুস্তক প্রকাশ করবেন, যেখানে দেশ জুড়ে আবিষ্কৃত ৬০০ নতুন প্রজাতির সন্ধান থাকবে। তাছাড়া স্বাধীনতার ৭৫ বছরকে স্মরণ করতে ও আজাদি কি অমৃত মহোৎসবের অঙ্গ হিসেবে ‘৭৫ ওয়েটল্যান্ড ফনা অফ ইন্ডিয়া’ এবং ‘৭৫ এন্ডেমিক বার্ডস অফ ইন্ডিয়া’ শীর্ষক দু’টি প্রামাণ্য পুস্তক প্রকাশিত হবে। অনুষ্ঠানে দফতরের রাষ্ট্রমন্ত্রী অশ্বিণী কুমার চৌবে এবং বন দফতরের ডিরেক্টর জেনারেল তথা দফতরের বিশেষ সচিব চন্দ্রপ্রকাশ গোয়েল উপস্থিত থাকবেন।

    যোগদান করবেন চার শতাধিক প্রাণীবিদ্যা বিশেষজ্ঞ (ZSI)

    ১০৮ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত অ্যানিম্যাল ট্যাক্সোনমি সামিট ২০২৩-এ দেশ-বিদেশের চার শতাধিক প্রাণীবিদ্যা বিশেষজ্ঞ যোগদান করবেন। লন্ডনের ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামের প্রতিনিধিরাও উপস্থিত থাকবেন। এই সম্মেলনে (ZSI) ১২ জন খ্যাতনামা বিশেষজ্ঞ পশু শ্রেণিকরণ, বায়োজিওগ্রাফি সহ বিভিন্ন বিষয়ে বক্তব্য রাখবেন। এই সম্মেলনে উপস্থাপিত গবেষণাপত্র সমূহ শতাব্দী প্রাচীন ‘ইন্ডিয়ান জুলজি’ পত্রিকাতেও পরবর্তীতে প্রকাশিত হবে। জেডএসআই-এর প্রথম মহিলা নির্দেশক ধৃতী বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সংস্থা ভুটান সরকারের সঙ্গে কয়েকটি মউ চুক্তিও স্বাক্ষর করবে। ভবিষ্যত গবেষণার আদান-প্রদানের লক্ষ্যেই এই চুক্তি স্বাক্ষরিত হবে। অ্যানিম্যাল ট্যাক্সোনোমি সামিট চলবে ৩ রা জুলাই পর্যন্ত।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Saayoni Ghosh: সব সম্পত্তির হিসেব চায় ইডি! সিজিও-তে হাজিরা দিলেন সায়নী

    Saayoni Ghosh: সব সম্পত্তির হিসেব চায় ইডি! সিজিও-তে হাজিরা দিলেন সায়নী

    মাধ্যম নিউজ ডেস্ক: দু’দিন ধরে জল্পনা চলছিল। ছিল বিস্তর কৌতুহলও। বঙ্গ রাজনীতির অলিন্দে একটাই প্রশ্ন ঘোরাফেরা করছিল। ইডি তলবে কি হাজিরা দেবেন তৃণমূলের যুবনেত্রী তথা অভিনেত্রী সায়নী ঘোষ (Saayoni Ghosh)? অবশেষে আজ, শুক্রবার নির্ধারিত সময়ের কিছু পরেই সিজিও কমপ্লেক্সে হাজির হলেন সায়নী। শুক্রবার সকাল ১১টা নাগাদ তাঁকে সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে বলা হয়েছিল। এদিন ১১টা ২০ মিনিট নাগাদ সিজিও-তে আসেন অভিনেত্রী। 

    ঠিক কী কারণে সায়নীকে তলব?

    নিয়োগ দুর্নীতি কাণ্ডে আজ তৃণমূল যুব নেত্রী তথা অভিনেত্রী সায়নি ঘোষকে (Saayoni Ghosh) তলব করেছিল ইডি। এই মর্মে বুধবার তাঁকে নোটিশ পাঠিয়েছিল ইডি। সূত্রের খবর, নিয়োগ দুর্নীতি মামলায় অন্যতম অভিযুক্ত ধৃত কুন্তল ঘোষের সম্পত্তি সংক্রান্ত তদন্তে উঠে আসে সায়নী ঘোষের নাম। এই সম্পত্তি কেনাবেচাতেও নাম জড়িয়েছে সায়নীর। সম্পত্তি কেনাবেচার সূত্রে আর্থিক লেনদেনের হদিশ পেয়েছেন গোয়েন্দারা। এই সংক্রান্ত নথি চাওয়া হয় অভিনেত্রীর কাছে। ইডি সূত্রে খবর, শুক্রবার অভিনেত্রীকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সহ আর্থিক লেনদেনের যাবতীয় নথি নিয়ে হাজির হতে বলা হয়েছিল। 

    গত ৪৮-ঘণ্টা কোথায় ছিলেন?

    কিন্তু কোথায় ছিলেন সায়নী ঘোষ (Saayoni Ghosh)? ইডি নোটিস পাওয়ার পর থেকেই যোগাযোগ-বিচ্ছিন্ন হন সায়নী। দলীয় কর্মসূচি তো দূরের কথা, বাড়িতেও দেখা পাওয়া যাচ্ছিল না তাঁর। বুধবার নোটিস পাওয়ার পর থেকে দলীয় কর্মসূচিতে দেখা যায়নি তাঁকে। জানা যায়, বুধবার সকাল সাড়ে আটটা নাগাদ তিনি বাড়ি থেকে বের হন। তার পর রাতে ফেরেননি। বৃহস্পতিবার গোটা দিনও তাঁর কোনও খোঁজ ছিল না। এমনকি, তিনি কোথায়, সেই উত্তর দিতে পারেননি তাঁর দলের নেতারাও। তাঁকে ফোনে পাওয়া যায়নি। হোয়াটস অ্যাপেও সক্রিয় ছিলেন না তিনি। এসব নিয়েই বুধবার থেকে রাজ্য রাজনীতিতে তুমুল শোরগোল পড়ে গিয়েছিল, যা তুঙ্গে ওঠে বৃহস্পতিবার। 

    প্রচারে ব্যস্ত ছিলেন সায়নী!

    কুন্তল ঘোষ গ্রেফতার হওয়ার পর সায়নী (Saayoni Ghosh) বলেছিলেন, ‘ইডি ডাকলে যাব।’ কিন্তু ইডি ডাকার পর সায়নী কার্যত বেপাত্তা হয়ে গিয়েছিলেন। সায়নীর তরফে কোনও আইনজীবীও ইডি-র সঙ্গে যোগাযোগ করেনি বলেই সূত্রের খবর। ভোটের কাজে ব্যস্ত থাকার কারণ দেখিয়ে সম্প্রতি হাজিরা এড়িয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, মলয় ঘটকরা। সায়নীও কি সেই পথেই হাঁটতে চলেছেন? এমনও প্রশ্ন ঘোরাফেরা করছিল। তাই তিনি আদৌ হাজিরা দেবেন কি না, তা নিয়ে তৈরি হয়েছিল ধোঁয়াশা। অবশেষে জল্পনা, সব ধোঁয়াশার অবসান ঘটিয়ে সিজিও কমপ্লেক্সে ‘উদয়’ হলেন সায়নী। এসেই বললেন, ‘‘আমি প্রচারের কাজে ব্যস্ত ছিলাম। আমাকে ৪৮ ঘণ্টার নোটিসে ইডি ডেকেছে। সেই ডাকে সাড়া দিয়ে সশরীরে উপস্থিত হয়েছি। আমি তদন্তে ১০০ শতাংশ সহযোগিতা করব।’’

    আরও পড়ুন: ২০ জন তৃণমূল নেতার বিরুদ্ধে এফআইআর মৃত বিজেপি কর্মীর স্ত্রী-র

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Weather Update: বৃষ্টির সাময়িক বিরতি! কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ৪ ডিগ্রি বাড়তে পারে তাপমাত্রা

    Weather Update: বৃষ্টির সাময়িক বিরতি! কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ৪ ডিগ্রি বাড়তে পারে তাপমাত্রা

    মাধ্যম নিউজ ডেস্ক: সকালেই ‘সুয্যিমামা’দেখা দিয়েছেন। পরিষ্কার আকাশ। আাপাতত বৃষ্টিবাদলার বিরতি। সপ্তাহান্তে দক্ষিণবঙ্গে ফের বাড়বে তাপমাত্রা, সঙ্গে ঘাম, অস্বস্তি। আলিপুর আবহাওয়া দফতর (Weather Update) সূত্রে খবর, দক্ষিণবঙ্গে ৪ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। তবে বিক্ষিপ্তভাবে বৃষ্টিও চলবে। কলকাতায় হালকা বৃষ্টি হতে পারে। আংশিক মেঘলা আকাশ। আজ সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩০ ও ২৬ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৮ শতাংশ এবং সর্বনিম্ন ৯২ শতাংশ। ফলে প্যাচপ্যাচে গরম বাড়বে।

    মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস

    শুক্রবার দক্ষিণবঙ্গের তিনটি জেলায় উত্তর ২৪ পরগনা, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বিক্ষিপ্তভাবে (Weather Update) ভারী বৃষ্টি হবে। বাকি জেলাগুলিতে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান ও বীরভূম বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। আবহাওয়া দফতর বলছে, আজ, শুক্রবার থেকেই কমছে বৃষ্টির পরিমাণ। বাতাসে আর্দ্রতাও বেড়ে যাবে বেশ খানিকটা। দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ২৪ পরগনায় আজ অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকলেও, ঠান্ডা ভাব স্থায়ী হবে না।

    আরও পড়ুন: বর্ষায় বাড়ছে ত্বকের সংক্রমণ! কাদের ঝুঁকি বেশি?

    দক্ষিণবঙ্গে বাড়তে পারে তাপমাত্রা

    বৃহস্পতিবার আলিপুর আবহাওয়া দফতর (Weather Update) জানিয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপরে একটি অক্ষরেখা রয়েছে, যার ফলে ২-৩ দিন কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। সেটা সত্যি হলে গরম থেকে সামান্য রেহাই পেতে পারে কলকাতাবাসী। এর পরে আগামী এক সপ্তাহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস আছে। তবে বৃষ্টির পরিমাণ কমই থাকবে। আবহাওয়া দফতর বলছে, শনিবার থেকে আগামী ২-৩ দিনে চার ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে তাপমাত্রা। উত্তরবঙ্গে অবশ্য হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে সব জেলাতেই। ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে। তবে কাল, শনিবার থেকে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে উত্তরবঙ্গে। ইতিমধ্যেই একাধিক এলাকায় জারি করা হয়েছে কমলা সতর্কতা।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Panchayat Election 2023: সৌদি আরবে থেকেও মনোনয়ন পেশ! তৃণমূলের সেই নেতার প্রার্থীপদ খারিজ

    Panchayat Election 2023: সৌদি আরবে থেকেও মনোনয়ন পেশ! তৃণমূলের সেই নেতার প্রার্থীপদ খারিজ

    মাধ্যম নিউজ ডেস্ক: মনোনয়নপত্র (Panchayat Election 2023) পেশ-পর্ব শুরুর চারদিন আগেই তিনি চলে গিয়েছিলেন মক্কা। হজ করতে। সেখান থেকেই তিনি নাকি মিনাখাঁর প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। এনিয়ে সরব হন বিরোধীরা। আদালতের দ্বারস্থ হন তাঁরা। কীভাবে মক্কা থেকেই মনোনয়ন, স্ক্রুটিনি? ওঠে প্রশ্ন। রাজ্য নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও ওঠে প্রশ্ন। শেষ পর্যন্ত বাতিল হয়ে গেল তৃণমূলের (TMC) ওই প্রার্থীর প্রার্থীপদ।

    মইনউদ্দিনের কীর্তি!

    জানা গিয়েছে, উত্তর ২৪ পরগনার মিনাখাঁ ব্লকের কুমারজুলি গ্রাম পঞ্চায়েতের প্রভাবশালী নেতা মইনউদ্দিন গাজি। তৃণমূলের ওই নেতা ৪ জুন দেশের বাইরে চলে যান। মনোনয়নপত্র পেশ-পর্ব শুরু হয় তারও চারদিন পরে। অথচ দেখা যায়, কুমারজুলি গ্রাম পঞ্চায়েতে ঘাসফুলের প্রতীকে মনোনয়নপত্র (Panchayat Election 2023) পেশ করেছেন তিনি। তার পরেই তাঁর মনোনয়নকে চ্যালেঞ্জ করে মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে। 

    আদালতে বিরোধীরা

    বিমান সংক্রান্ত তথ্যের উল্লেখ করে আবেদনকারী আদালতে জানান, পঞ্চায়েত নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগেই দেশ ছেড়ে চলে গিয়েছেন মইনউদ্দিন। তাই তাঁর পক্ষে সশরীরে গিয়ে মনোনয়নপত্র পেশ করা সম্ভব নয়। যদিও আশ্চর্যজনকভাবে দেখা যায়, বিডিও অফিসে মনোনয়নপত্র পেশ করেছেন তিনি। তাঁর মনোনয়নপত্র গৃহীতও হয়েছে। আবেদনকারীর বক্তব্য ছিল, মনোনয়নপত্র পেশ পর্বে কোথাও অনিয়ম হয়েছে। মামলার (Panchayat Election 2023) দ্রুত শুনানির পাশাপাশি আদালতে ওই প্রার্থীর মনোনয়নপত্র বাতিলের আবেদনও করেন তিনি।

    আরও পড়ুুন: তৃণমূলের সমবায়ে কোটি কোটি টাকা তছরুপ! গ্ৰেফতার ম্যানেজার ও ক্যাশিয়ার

    এর আগে ওই মামলার শুনানিতে বিস্ময় প্রকাশ করে আদালত বলে, যেখানে প্রার্থীরা সশরীরে গিয়েও মনোনয়ন জমা দিতে পারছেন না, তাঁদের ওপর আক্রমণ নেমে আসছে বলে অভিযোগ উঠছে, সেখানে একজন প্রার্থী বিদেশে থেকে কীভাবে মনোনয়ন জমা দিলেন? এটা কীভাবে সম্ভব? রাজ্যের আইনজীবী অবশ্য যুক্তি দিয়েছিলেন, আইন মেনে ওই প্রার্থীর প্রস্তাবক মনোনয়নপত্র জমা দিয়েছেন। প্রশ্ন ওঠে, ওই ব্যক্তি যখন বিদেশ রয়েছেন, তখন তাঁর সই কে করলেন? এসব বিষয় কমিশনকে জানানোর নির্দেশ দেয় আদালত। স্বরাষ্ট্র মন্ত্রকের কাছেও ওই ব্যক্তির বিদেশে থাকা সংক্রান্ত রিপোর্ট তলব করা হয়। শুক্রবারও কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার এজলাসে শুনানি হওয়ার কথা ওই মামলার। তার আগেই এদিন রাজ্য নির্বাচন কমিশন খারিজ করে দেয় মইনউদ্দিনের প্রার্থীপদ।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

     

  • Singur: তৃণমূলের সমবায়ে কোটি কোটি টাকা তছরুপ! গ্ৰেফতার ম্যানেজার ও ক্যাশিয়ার

    Singur: তৃণমূলের সমবায়ে কোটি কোটি টাকা তছরুপ! গ্ৰেফতার ম্যানেজার ও ক্যাশিয়ার

    মাধ্যম নিউজ ডেস্ক: সিঙ্গুরের খাসেরচক চকগোবিন্দ সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডে অর্থ তছরুপের ঘটনায় সংস্থার ম্যানেজার ও ক্যাশিয়ারকে গ্ৰেফতার করেছে পুলিশ। ডেপুটি রেজিস্ট্রার অফ কো-অপারেটিভ সোসাইটির (DRCS) পক্ষ থেকে করা লিখিত অভিযোগের ভিত্তিতে সমবায়ের (Singur) ম্যানেজার সুখেন্দু দাস ও ক্যাশিয়ার কৌশিক অধিকারীকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন হুগলি জেলা গ্ৰামীণ পুলিশ সুপার আমন দীপ। ধৃতদের বিরুদ্ধে সমবায়ের প্রায় ২ কোটি ২৯ লক্ষ টাকা তছরুপের অভিযোগ রয়েছে। অন্যদিকে এই ঘটনাকে কেন্দ্র করে বিজেপি ও তৃণমুলের মধ্যে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

    কীভাবে ক্ষোভ পরিণত হল বিক্ষোভে?

    উল্লেখ্য, সিঙ্গুরের ওই সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডে দীর্ঘদিন ধরে গ্রাহকরা তাঁদের জমানো টাকা না পেয়ে হয়রানির শিকার হচ্ছিলেন। তার পরেই সমবায়ে কোটি টাকা তছরুপের ঘটনা সামনে আসে। তৃণমুল পরিচালিত সমবায়ের (Singur) পরিচালন সমিতির সেক্রেটারি অশোককুমার দাস ম্যানেজার ও ক্যাশিয়ারের বিরুদ্ধে অর্থ তছরুপের অভিযোগ তোলেন। তারপর সমবায়ের ম্যানেজার ও ক্যাশিয়ার অর্থ তছরুপের জন্য একে অপরের দিকে অভিযোগের আঙুল তোলেন। ঘটনাকে কেন্দ্র করে গোপালনগর এলাকায় ক্রমেই মানুষের মধ্যে ক্ষোভ বাড়তে থাকে। গরিব মানুষের অর্থ ফিরিয়ে দেবার দাবিতে সমবায় চত্বরে পোস্টার লাগায় বাম কৃষক সংগঠন। পাশাপাশি কয়েকদিন আগে হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায় সমবায় এলাকায় গিয়ে গ্রাহকদের কাছ থেকে তাঁদের হয়রানির কথা শোনেন।

    কীভাবে অবশেষে গ্রেফতার?

    ডেপুটি  রেজিস্ট্রার অফ কো অপারেটিভ সোসাইটি গত ১৬ ই জুন সিঙ্গুর থানায় সমবায়ের ওই দুর্নীতি নিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের সূত্র ধরে পুলিশ সমবায়ের ম্যানেজার সুখেন্দু দাস ও ক্যাশিয়ার কৌশিক অধিকারীকে গ্রেফতার করে ২৭ শে জুন চুঁচুড়া স্পেশাল আদালতে পাঠায়। পুলিশের আবেদনের ভিত্তিতে আদালত চার দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয়। বর্তমানে নিজেদের হেফাজতে নিয়ে অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করে এই ঘটনায় আর কে কে যুক্ত আছে, তা খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকরা। এ বিষয়ে হুগলি জেলা গ্রামীণ পুলিশ সুপার আমন দীপ জানান, ডিআরসিএস থেকে একটা অভিযোগ করা হয় সমবায়ের (Singur) ম্যানেজার ও ক্যাশিয়ার প্রায় ২ কোটি ২৯ লক্ষ টাকার একটা গরমিল করেছেন। তার প্রেক্ষিতে থানায় আইপিসি ৪০৬ ও ৪২০ ধারায় একটি কেস শুরু করে তদন্ত শুরু করা হয়েছে। কিভাবে তারা এত টাকা গরমিল করল, তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি ঘটনায় আর কেউ যুক্ত আছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

    ভোট সামনে বলেই গ্রেফতার? প্রশ্ন বিজেপির

    অন্যদিকে সমবায়ের এই ঘটনা নিয়ে সরাসরি রাজ্যের শাসক দলকে আক্রমণ করতে ছাড়েনি রাজ্যের গেরুয়া শিবির। সিঙ্গুরের বিজেপি নেতা মধুসূদন দাস বলেন, এত বড় ঘটনায় শুধু ম্যানেজার আর ক্যাশিয়ার জড়িত, এটা বিশ্বাসযোগ্য নয়। তৃণমূল পরিচালিত বোর্ড। একটা সিস্টেমে কাজ হয় সমবায়ে। বোর্ডের অনুমতি ছাড়া কোনও কিছু পাশ হয় না। ভোট এসে গেছে বলে এদের গ্রেফতার করে দেখানো হচ্ছে, আমরা দুর্নীতির বিরুদ্ধে আছি। তাহলে এতদিন অ্যারেস্ট করা হয়নি কেন? এই ঘটনায় আরও যারা পিছনে আছে, সেই  সমস্ত রাঘববোয়ালদের সামনে আনতে হবে। যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের (Singur) টাকা ফেরত দিতে হবে।

    কী বলছে তৃণমূল?

    বিজেপির অভিযোগ উড়িয়ে দিয়ে সিঙ্গুর (Singur) ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি গোবিন্দ ধারা বলেন, পরিচালন সমিতিকে অন্ধকারে রেখেই এইসব তছরুপ করা হয়েছে। এর সাথে বোর্ড কোনও ভাবে যুক্ত নয়। তদন্তে আইনি পথে যদি বোর্ডের কেউ জড়িত প্রমাণ হয়, তখন সে সাজা পাবে। দল কোনও অন্যায়কে প্রশ্রয় দেবে না। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Recruitment Scam: চার পুরসভায় মিলল ১ হাজার ওএমআর শিট! চাঞ্চল্যকর দাবি সিবিআইয়ের

    Recruitment Scam: চার পুরসভায় মিলল ১ হাজার ওএমআর শিট! চাঞ্চল্যকর দাবি সিবিআইয়ের

    মাধ্যম নিউজ ডেস্ক: পুর নিয়োগ কেলেঙ্কারি (Recruitment Scam) মামলায় অভিযান চালানো হয়েছে ১৪টি পুরসভায়। তবে ৪টি পুরসভার নথিতে মিলেছে ১ হাজার ওএমআর শিট। এমনই দাবি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের। ২০১৪ সালের পর থেকে পুরসভাগুলির বিভিন্ন পদে যেসব নিয়োগ হয়েছে, তার ওএমআর শিটের কপি রয়েছে এই নথিতে। ওএমআর শিট ধরে চাকরিপ্রার্থীদের নামের তালিকা তৈরি করা হচ্ছে। এই তালিকা থেকে যাঁরা চাকরি পেয়েছেন, প্রয়োজনে তাঁদেরও জিজ্ঞাসাবাদ করবে সিবিআই।

    সিবিআইয়ের তল্লাশি

    পুর নিয়োগ কেলেঙ্কারি মামলার শেকড়ে পৌঁছতে ১৪টি পুরসভায় তল্লাশি চালিয়েছিল সিবিআই। যদিও ৫টি পুরসভায় নিয়োগ (Recruitment Scam) সংক্রান্ত কোনও নথিই মেলেনি। সেই কারণে ওই পুরসভাগুলিকে নোটিশ পাঠায় সিবিআই। তাতে বলা হয়েছে, ২০১৪ সালের পর থেকে নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য পাঠাতে হবে। কোন পদে নিয়োগ, কীভাবে নিয়োগ করা হয়েছে, বেতন কত এবং পুরসভার কাউন্সিলরদের বোর্ড মিটিং সংক্রান্ত তথ্য জানাতে বলা হয়েছে। বাকি পুরসভাগুলি থেকে যেসব নথিপত্র মিলেছে, নিয়োগ দুর্নীতি তদন্তে সেগুলি যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই খবর সিবিআই সূত্রে।

    আদালতের পর্যবেক্ষণ

    পুর নিয়োগ কেলেঙ্কারি মামলায় সিবিআই তদন্তের রায়ই বহাল রাখল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। বহাল রয়েছে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চের নির্দেশও। আদালতের পর্যবেক্ষণ, শিক্ষা থেকে পুরসভায় নিয়োগ দুর্নীতি পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে আরও বড় রূপ নিয়েছে। ডিভিশন বেঞ্চের এই রায়ের জেরে আপাতত স্বস্তি পেল না রাজ্য সরকার। দুই সিঙ্গল বেঞ্চের পর এবার ডিভিশন বেঞ্চেও ধাক্কা খেল তারা। এদিনও খারিজ হয়ে গেল তাদের আবেদন।

    আরও পড়ুুন: “কোরান নিয়ে যদি এমন ভুল দেখান,” ‘আদিপুরুষ’ মামলায় আদালতের ভর্ৎসনা নির্মাতাদের

    প্রসঙ্গত, জুন মাসের প্রথম সপ্তাহের শেষের দিকে কলকাতা থেকে জেলা সহ মোট ১৪টি জায়গায় হানা দেয় সিবিআই। কেন্দ্রীয় এই গোয়েন্দা সংস্থার একটি দল প্রথমে যায় সল্টলেকের পুর ও নগরোন্নয়ন (Recruitment Scam) দফতরে। পরে একাধিক দলে বিভক্ত হয়ে সিবিআইয়ের গোয়েন্দারা হানা দেন দমদম, দক্ষিণ ও উত্তর দমদম পুরসভা, বারাকপুর, পানিহাটি, কাঁচড়াপাড়া, টিটাগড়, চুঁচুড়া এবং শান্তিপুর সহ বিভিন্ন পুরসভায়। পুর নিয়োগ কেলেঙ্কারি মামলায় গ্রেফতার করা হয়েছিল অয়ন শীলকে। তাঁর চুঁচুড়ার ফ্ল্যাটে এবং বাড়িতেও তল্লাশি চালান সিবিআই আধিকারিকরা।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

     

  • Suvendu Adhikari: ‘‘রাজ্যের পুলিশ তৃণমূলের পার্টি ক্যাডারের থেকেও অধম’’! বিস্ফোরক শুভেন্দু

    Suvendu Adhikari: ‘‘রাজ্যের পুলিশ তৃণমূলের পার্টি ক্যাডারের থেকেও অধম’’! বিস্ফোরক শুভেন্দু

    মাধ্যম নিউজ ডেস্ক: রাজ্যের পুলিশ তৃণমূলের পার্টি ক্যাডারের থেকেও অধম। বৃহস্পতিবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ঝাড়গ্রামের সাঁকরাইলে দলীয় কর্মসূচিতে যোগ দিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) এই মন্তব্য করেন। এদিন তিনি জেলা পরিষদের ১১ নম্বর আসনের বিজেপি প্রার্থী শুভঙ্কর মাহাতোর পরিবারের সঙ্গে দেখা করেন।এই ক্যান্সার আক্রান্ত শুভঙ্করবাবুকে দুদিন আগে থানার ওসি মারধর করেন। আক্রান্ত পরিবারের পাশে থাকার তিনি বার্তা দেন।

    দলীয় প্রার্থীকে হামলা প্রসঙ্গে কী বললেন শুভেন্দু(Suvendu Adhikari)?

    আক্রান্ত পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করার পর শুভেন্দু বলেন, বিষয়টি খুবই নিন্দনীয়। দেশ জুড়ে নিন্দার ঝড় বইছে। দলীয় প্রার্থী দুরারোগ্য ক্যান্সার রোগী। এই ওসি যেভাবে একজন জেলা পরিষদের প্রার্থীকে আক্রমণ করেছে, তাতে প্রমাণিত হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পুলিশ নিরপেক্ষ নয়। তারা পার্টির ক্যাডারের থেকেও অধম। শুভঙ্কর মাহাতোকে মনোনয়ন প্রত্যাহার করে নিতে এখানে চাপ দেওয়া হয়েছিল। সাঁকরাইল ব্লকের ২০১৮ সালে বিজেপি পঞ্চায়েত সমিতি এবং অধিকাংশ গ্রাম পঞ্চায়েত দখল করেছিল। এখানে বিজেপির জনসমর্থন অনেক বেশি। কিন্তু, এই একজন দলদাস ওসিকে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর ভাইপো যে গুন্ডামি করাচ্ছে,  সেটা এখানে আমরা দেখেছি। এই তোলামূলের ওসি, মমতা পুলিশ দুটো মিথ্যে মামলা করেছে। আমি জেলা সভাপতিকে দায়িত্ব দিয়ে যাচ্ছি মামলার কপিগুলো তুলবে এবং বিজেপি প্রার্থীর স্ত্রী হাইকোর্টে রিট পিটিশন করবে। মমতা পুলিশের বিরুদ্ধে যা ব্যবস্থা নেওয়ার নেওয়া হবে। শুভঙ্কর মাহাতো একজন কুড়মি সমাজের মানুষ। তার উপর পুলিশের এই হামলা চালানোর ঘটনা মেনে নেওয়া যায় না। অভিযুক্ত ওসিকে শুধু সাসপেন্ড নয় যাতে গ্রেফতার করা হয় তারজন্য যা যা  করা দরকার তা করা হবে।

    জঙ্গলমহলে পুলিশি অত্যাচার নিয়ে কী বললেন শুভেন্দু?

    তপসিয়ায় শুভেন্দু (Suvendu Adhikari) বলেন, পুলিশ দিয়ে অত্যাচার করছে। মিথ্যা মামলা করছে। এভাবে জঙ্গলমহলকে দমিয়ে রাখা যায় না। জঙ্গলমহল প্রতিবাদী মানুষের জায়গা।  জঙ্গলমহলে যত অত্যাচার হবে তত প্রতিরোধ হবে। নয়াগ্রামে বিজেপির সভায় শুভেন্দু অধিকারি বলেন,‘সিপিএমের তিনতলা পাকা বাড়ি। তার সঙ্গে কম্পিটেশন করে চোর তৃণমূলও তিনতলা পার্টি অফিস বানিয়েছে। ছাদ থেকে পতাকা নাড়াচ্ছেন। নয়াগ্রামের আইসি দাঁড়িয়েছেন। পুলিশের আসকারায় এসব হচ্ছে। জঙ্গলমহলে পুলিশিরাজ চলবে না।’

    মুখ্যমন্ত্রীকে নিয়ে কী বললেন শুভেন্দু ?

    মাওবাদী তকমা দিয়ে সাধারণ মানুষের উপর পুলিশি অত্যাচারের বামফ্রন্টের আমলের সেই দিন ফিরিয়ে আনতে চান মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ, তাঁর সঙ্গে মানুষ নেই। কর্মসংস্থান দিতে পারেননি। মানুষের পেটে ভাত, হাতে কাজ দিতে পারেননি। ৫০০ টাকা দিয়ে কারো সংসার চলে না। বিজেপি শাসিত রাজ্যগুলিতে এর থেকে অনেক বেশি মহিলারা টাকা পান। সেই জায়গায় ভোটের জেতার জন্য অত্যাচার একমাত্র রাস্তা। একটা পানীয় জলের কাছে আড়াইশো মহিলা বালতি নিয়ে দাঁড়িয়ে থাকেন। জল দিতে পারেনি, গ্রাম দখল করা ছাড়া বিকল্প কিছু নেই। জঙ্গলমহলের ছেলেরা ওড়িশা এবং ঝাড়খন্ডে গিয়ে  কাজ করে। মুখ্যমন্ত্রী কাজ দিতে পারেনি। জঙ্গলমহলের কোনও বাড়িতে পুরুষ মানুষ থাকে না। পুরো পঞ্চায়েত চুরি করেছে। শৌচালয়ের টাকা মেরেছে। প্রধানমন্ত্রী আবাস যোজনার এত হকদার একটাও প্রকৃত লোক পায়নি।

    পঞ্চায়েতে  ক্ষমতায় আসলে বিজেপির পদক্ষেপ নিয়ে কী বললেন বিরোধী দলনেতা (Suvendu Adhikari)?

    বিরোধী দলনেতা বলেন, জঙ্গলমহলে আমাদের পঞ্চায়েত সদস্যদের জয়ী করুন। মানুষের পঞ্চায়েত হবে। গ্রাম সংসদের সভায় বসে উপভোক্তা কারা হবেন তা ঠিক করা হবে। সে যদি তৃণমূল, সিপিএমের লোক পাওয়ার যোগ্য হয়, তবে তিনিও পাবেন। পঞ্চায়েতে কোনও রাজনীতি হবে না। আমরা সেটা নিশ্চিত করব। গতবারে মানুষ বিজেপিকে ভোট দিয়েছিল। এসপিকে দিয়ে ফলাফল বদলে দেওয়া হয়েছে। ভাঙা গড়ার খেলা করে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Weather Forecast: উত্তরে ভারী বৃষ্টির পূর্বাভাস, কেমন থাকবে দক্ষিণের আকাশ?

    Weather Forecast: উত্তরে ভারী বৃষ্টির পূর্বাভাস, কেমন থাকবে দক্ষিণের আকাশ?

    মাধ্যম নিউজ ডেস্ক: বৃহস্পতিবার সকাল থেকেই মুখভার (Weather Forecast) দক্ষিণবঙ্গের আকাশের। ভোর থেকে কোথাও কোথাও ঝিরঝিরে বৃষ্টি (Rain) হয়েছে। এদিন দিনভর বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায়ই বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। জেলার কোথাও কোথাও হালকা, কোথাও কোথাও আবার মাঝারি বৃষ্টি হতে পারে। রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে হতে পারে ভারী বৃষ্টি। তবে এদিন বিকেল থেকে কমতে পারে বৃষ্টিপাতের পরিমাণ।

    বৃষ্টির প্রকোপ

    দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ কমলে কী হবে, বৃষ্টির প্রকোপ বাড়বে উত্তরবঙ্গের প্রায় সব জেলায়ই। আবহাওয়া অফিসের পূর্বাভাস, ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে। ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, মালদহ, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরে। এই জেলাগুলিতে জারি করা হয়েছে কমলা সতর্কতা। উত্তরের জেলাগুলিতে বৃষ্টি চলবে রবিবার পর্যন্ত। প্রবল বর্ষণের (Weather Forecast) জেরে জলস্তর বেড়ে গিয়েছে তিস্তা, তোর্সা, জলঢাকা ও সংকোষ নদীর।

    ধসের আশঙ্কা

    হাওয়া অফিস সূত্রে খবর, উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে সক্রিয় নিম্নচাপ অবস্থান করছে ছত্তিশগড়ের কাছে। তা ক্রমশ এগোচ্ছে মধ্যপ্রদেশের দিকে। তার জেরেই বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে উত্তরবঙ্গে। উত্তরের তিন জেলা কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে এদিন বৃষ্টি হতে পারে ৭০ থেকে ২০০ মিলিমিটার পর্যন্ত। প্রবল বর্ষণের জেরে ধস নামতে পারে পাহাড়ে। নিচু এলাকাগুলি প্লাবিত হতে পারে বলেও সতর্ক করেছে হাওয়া অফিস। তবে শুক্রবার উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে। অবশ্য ভারী বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার ও কোচবিহারে।

    আরও পড়ুুন: ইডির নোটিস মেলার পর থেকেই ‘ভ্যানিশ’ সায়নী! শুক্রবার হাজিরা দেবেন কি?

    শনিবার থেকে ফের ধারা বর্ষণ হতে পারে উত্তরবঙ্গে। আলিপুরদুয়ারে বৃষ্টি হতে পারে ২০০ মিলিমিটার পর্যন্ত। জলপাইগুড়ি ও কোচবিহারে বৃষ্টি হতে পারে ১১০ মিলিমিটার পর্যন্ত। পয়লা জুলাই থেকে ফের বাড়বে দক্ষিণবঙ্গের (Weather Forecast) তাপমাত্রা। জলীয় বাষ্প থাকায় বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তিও। বৃহস্পতিবার সকালে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৯ ডিগ্রি সেলসিয়াস। বুধবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৩ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৯২ থেকে ৯৭ শতাংশ। বৃষ্টি হয়েছে ১৫.২ মিলিমিটার।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     
     
  • Sukanta Majumdar : ‘‘পশ্চিমবঙ্গকে এই রাহু থেকে উদ্ধার করুন’’! প্রভু জগন্নাথের কাছে প্রার্থনা সুকান্তর

    Sukanta Majumdar : ‘‘পশ্চিমবঙ্গকে এই রাহু থেকে উদ্ধার করুন’’! প্রভু জগন্নাথের কাছে প্রার্থনা সুকান্তর

    মাধ্যম নিউজ ডেস্ক: বুধবার উল্টোরথ থেকেই পঞ্চায়েত নির্বাচনের প্রচারে নামল বিজেপি। এদিন বরানগরের নোয়াপাড়ায় রথযাত্রার অনুষ্ঠানে এসে পরোক্ষে তৃণমূল কংগ্রেসকে ‘রাহু’ বলে কটাক্ষ করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। এদিন মহামণ্ডলেশ্বর আশ্রমের উল্টো রথ যাত্রায় অংশ নেন তিনি। 

    তৃণমূলকে আক্রমণ

    উল্টো রথের দিন নিজের হাতে আরতি করা থেকে নিষ্ঠা ভরে জগন্নাথ দেবের আরাধনা করেন সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। রাজ্যে আসন্ন পঞ্চায়েত নির্বাচন নিয়ে সাংবিদকরদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘পঞ্চায়েত নির্বাচনের নামে প্রহসন হচ্ছে। বিরোধীদের আটকানো হচ্ছে, কোথাও কোথাও শোনা যাচ্ছে ফেক ব্যালট পেপার তৈরি করা হচ্ছে। এখনও পর্যন্ত কেন্দ্রীয় বাহিনী মাইক্রোস্কোপ দিয়েও খুঁজে পাচ্ছি না। আপনারা দেখলে আমাদের জানাবেন। এই পরিস্থিতির মধ্যে ভোট হচ্ছে। ভোট হবে না ঘোঁট হবে সেটা ভোটের দিন বোঝা যাবে।’

    রাহু-মুক্তির প্রার্থনা

    শীতলকুচিতে ফের হিংসার ঘটনা প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি (Sukanta Majumdar) বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে যাবেন সেখানেই গুলি চলবে। মমতা বন্দ্যোপাধ্যায় ওখানে গিয়ে ইনস্টিগেট করে এসেছেন ভায়োলেন্স। মমতা বন্দ্যোপাধ্যায় যাওয়া মানেই ওখানে অশান্তি হবে।’ সব শেষে জগন্নাথের কাছে কি প্রার্থনা করলেন সেই প্রসঙ্গে তিনি বলেন, ‘প্রভু জগন্নাথ পশ্চিমবঙ্গকে এই রাহু থেকে উদ্ধার করুন, মুক্তি দিন।’

    আরও পড়ুন: অনুমোদন কেন্দ্রীয় মন্ত্রিসভার, প্রধানমন্ত্রীর নেতৃত্বে গঠিত জাতীয় গবেষণা সংস্থা

    প্রধানমন্ত্রীর কথা প্রসঙ্গে

    রাজ্যে দুর্নীতি নিয়ে প্রধানমন্ত্রীর আক্রমণ, প্রসঙ্গে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী কোনও মিথ্যে কথা বলেননি। মমতা বন্দ্যোপাধ্যায় এত বড় বড় কথা বলছেন। কই বিজেপি-র তো কোনও মন্ত্রী জেলে নেই। তার প্রাক্তন মন্ত্রী, শিক্ষা মন্ত্রী, শিল্প মন্ত্রী জেলে। অথচ মুখ্যমন্ত্রীর লজ্জা লাগে না, লজ্জা পান না। পার্থ নামটা মুখে একবারও আনেন না। তার নামটা নিয়ে এসে বলুন, পার্থ খুব ভালো ছেলে ছিল।’

    রাজ্যপাল সংবিধানের কাস্টডিয়ান

    রাজ্যপালকে বারবার আক্রমণ করছে তৃণমূল। সে প্রসঙ্গে সুকান্ত (Sukanta Majumdar) বলেন, ‘ভালো কাজ যিনি করবেন তাঁকেই তৃণমূল আক্রমণ করবে। রাজ্যপাল যেখানে যেতে চান সেখানে যাবেন। রাজ্যপালের পদক্ষেপ সংবিধানসম্মত, উনি সংবিধানের কাস্টডিয়ান। সংবিধান আমাদের সকলকে গণতান্ত্রিক পদ্ধতিতে অংশগ্রহণ করার অধিকার দিয়েছে। সেই অধিকার রক্ষা করার জন্য কারোর যদি প্রাণ যায়, কেউ যদি আহত হন, তাঁকে দেখতে রাজ্যপাল যেতে পারেন। তিনি উচিত কাজই করছেন বলে আমাদের মনে হয়।’ 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Calcutta High Court: সংরক্ষিত আসনে টেটে পাশ মার্ক নিয়ে ভিন্ন মত ডিভিশন বেঞ্চের দুই বিচারপতির  

    Calcutta High Court: সংরক্ষিত আসনে টেটে পাশ মার্ক নিয়ে ভিন্ন মত ডিভিশন বেঞ্চের দুই বিচারপতির  

    মাধ্যম নিউজ ডেস্ক: টেটের (TET) সংরক্ষিত প্রার্থীদের পাশ নম্বর নিয়ে ভিন্ন মত কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) ডিভিশন বেঞ্চের দুই বিচারপতি। তাই মামলাটি গেল প্রধান বিচারপতির বেঞ্চে। সেখান থেকে যাবে তৃতীয় বেঞ্চে। সেখানেই নির্ধারিত হবে সংরক্ষিত প্রার্থীদের পাশ নম্বর কত।

    এনসিটিই-র নিয়ম

    সংরক্ষিত প্রার্থীদের টেট পাশের জন্য পেতে হবে ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর। যার অর্থ, ১৫০ নম্বরের পরীক্ষায় পেতে হবে ৮২.৫। এনসিটিই-র নিয়ম অনুযায়ী, পরীক্ষার্থীরা ৮২ নম্বর পেলেই পাশ বলে ধরা হবে। প্রাথমিক শিক্ষা পর্ষদের যুক্তি, ১৫০-র মধ্যে ৮২ নম্বর পাওয়া মানে ৫৪.৬৭ শতাংশ নম্বর। অর্থাৎ ৫৫ শতাংশ নম্বর হচ্ছে না। ১ নম্বর বেশি হলে তবেই তা শতাংশের বিচারে হত ৫৫.৩৪। কেবল সেক্ষেত্রেই প্রযোজ্য হত ৫৫ শতাংশের নিয়ম। কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় অবশ্য ৮২ নম্বর পাওয়া টেট প্রার্থীদের মান্যতা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। রায়দানকালে এলাহাবাদ হাইকোর্টের নির্দেশ এবং এনসিটিই-র রিপোর্টেরও উল্লেখ করেছিলেন তিনি। সিঙ্গল বেঞ্চের এই রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গিয়েছিলেন কয়েকজন প্রার্থী।

    ডিভিশন বেঞ্চে ভিন্ন মত

    বুধবার সেই মামলা ওঠে বিচারপতি সুব্রত তালুকদার ও বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে। সেখানেই ভিন্ন মত পোষণ করেন দুই বিচারপতি। বিচারপতি সুব্রত তালুকদার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায়কে সঠিক বলে মত দেন। কিন্তু বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের দাবি, ৮২.৫ নম্বর পেলেই উত্তীর্ণ বলে ধরা হবে। সেক্ষেত্রে তা ৮৩-ও হতে পারে। নম্বরের ক্ষেত্রে পিছিয়ে যেতে রাজি নন তিনি। ডিভিশন বেঞ্চের (Calcutta High Court) দুই বিচারপতি ভিন্ন মত পোষণ করায় মামলাটি গিয়েছে প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের এজলাসে। তিনি সেটি পাঠাবেন তৃতীয় বেঞ্চে। সেখানেই নির্ধারিত হবে উত্তীর্ণ মান কত – ৮২ না ৮৩?

    আরও পড়ুুন: ‘‘এমন পদক্ষেপ করুন যাতে মানুষ ভরসা পায়’’, কমিশনকে হাইকোর্ট

    প্রসঙ্গত, সারা দেশেই ৮২ নম্বরকেই উত্তীর্ণ মান ধরা হয়। এই বিষয়টি নজরে রেখেই যাতে সিঙ্গল বেঞ্চ নম্বরের বিষয়টি বিবেচনা করে, এমনই আবেদন করেছিলেন আবেদনকারীরা। ৮২ নম্বরকেই পাশ মার্ক হিসেবে মান্যতা দেওয়ার নির্দেশ দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। তার পরেই মামলা যায় ডিভিশন বেঞ্চে (Calcutta High Court)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

LinkedIn
Share