Blog

  • Bangladesh Crisis: অশান্ত বাংলাদেশ, অনুপ্রবেশের সম্ভাবনা প্রবল! জল-স্থল সীমান্তে সতর্ক বিএসএফ

    Bangladesh Crisis: অশান্ত বাংলাদেশ, অনুপ্রবেশের সম্ভাবনা প্রবল! জল-স্থল সীমান্তে সতর্ক বিএসএফ

    মাধ্যম নিউজ ডেস্ক: অগ্নিগর্ভ বাংলাদেশ (Bangladesh Crisis)। চারিদিকে শুধুই হাহাকার আর কান্নার রোল। অন্যদিকে, একদলের উন্মত্ত উল্লাস। সংখ্যালঘুদের উপর অত্যাচার সীমাহীন। সোনার বাংলা ভূলুণ্ঠিত। শুধু সংখ্যালঘুরাই নয়, আক্রান্ত হচ্ছেন আওয়ামি লিগের নেতা-কর্মীরাও। প্রাণভয়ে অনেকে পালিয়ে আসছেন সীমান্তপারে। বাংলাদেশের এই চলমান রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষিতে তাই ভারতীয় সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করতে ব্যবস্থা নিল বিএসএফ। বাংলাদেশ ও ভারতের মধ্যে জলসীমানা অনেকটা। তাই কড়া নজরদারি চালানো হচ্ছে জলসীমায়। বাংলাদেশ সীমান্ত বরাবর ডাঙাতেও হাই অ্যালার্ট জারি করা হয়েছে। বিএসএফের (BSF) পক্ষ থেকে বাড়ানো হয়েছে নজরদারি। কাঁটাতার ঘেরা সীমান্তে রাত-টহলের জন্য নাইট ভিশন ক্যামেরার সংখ্যা বাড়ানো হয়েছে। বেড়েছে জওয়ানের সংখ্যাও।

    সুন্দরবনে জলসীমায় কড়া পাহাড়া

    বাংলাদেশের (Bangladesh Crisis) বর্তমান পরিস্থিতিতে সুন্দরবনের ভারত-বাংলাদেশ জলসীমানায় নিরাপত্তা নিশ্চিত করতে সুন্দরবনের নদী ও সমুদ্রে হাই অ্যলার্ট জারি করা হয়েছে। এখন বাংলাদেশ ও ভারতের জলসীমানায় ২৪ ঘণ্টা টহল দিচ্ছে জলে-স্থলে চলতে পারা ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর হোভারক্রাফ্ট। এদিন বেলায় ফ্রেজারগঞ্জ ঘাঁটিতে পৌঁছে গিয়েছে বিশেষ এই হোভারক্রাফ্ট। উপকূলরক্ষী বাহিনীর জওয়ানরা হোভারক্রাফ্টে চেপে বঙ্গোপসাগরে ভারত-বাংলাদেশ জলসীমানায় টহলদারি শুরু করেছেন। অনেক সময়ে বাংলাদেশ থেকে জলদস্যু বা মৎস্যজীবীরা জলসীমানা পেরিয়ে চলে আসে এ পারে‌। ট্রলারে বাংলাদেশি অনুপ্রবেশ আটকাতে এই হোভারক্রাফ্ট অনেকটাই কাজে আসবে বলে মনে করা হচ্ছে। উপকূলরক্ষী বাহিনীর পাশাপাশি সুন্দরবনের উপকূল এলাকার প্রতিটি থানাই জলপথে পেট্রোলিং চালাচ্ছে। এ দিন সকাল থেকে ফ্রেজারগঞ্জ উপকূল থানার স্পিডবোট এবং এফআইবি বোট নদী এবং সমুদ্রে টহল দিয়েছে।

    গ্রামবাসীদের দল

    সীমান্ত দিয়ে অনুপ্রবেশ রুখতে এবার একজোট হলেন গ্রামবাসীরাও। গ্রামে গ্রামে টিম করে সচেতনতা প্রচার চালাচ্ছে বর্ডার সিকিউরিটি ফোর্স। জেল ভাঙা জামাত জঙ্গিরা যে কোনও সময় সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকতে পারে, এমন প্রচারও চালাচ্ছে বিএসএফ (BSF)। মূলত বাংলাদেশের এই পরিস্থিতির মধ্যে যাতে কোনও ভাবে অনুপ্রবেশ না ঘটে সেই বিষয়ে গুরুত্ব দিতেই, নদিয়া,  জলপাইগুড়ি, কোচবিহারের সীমান্তবর্তী এলাকায় গ্রামবাসীদের সঙ্গে বৈঠক করে বিএসএফ। গেদে ৩২ নম্বর ব্যাটেলিয়ানের উদ্যোগে সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে নদিয়ায় বৈঠকে বসেন পঞ্চায়েত প্রধান সদস্য-সহ অন্যান্য প্রতিনিধিরা। কোনও অপরিচিত মানুষ দেখলে গ্রামবাসীদের কী কর্তব্য সেটাও বুঝিয়ে দিয়েছে সেনা-আধিকারিকরা।

    গ্রামবাসীদের করণীয়

    বুধবার সীমান্তবর্তী একাধিক গ্রামে গিয়ে অনুপ্রবেশ (Bangladesh Crisis) রুখতে গ্রামবাসীদের কী করণীয় তা বুঝিয়ে বলেন বিএসএফ (BSF) আধিকারিকরা। গ্রামবাসীদের তাঁরা বলেন, ‘‘অচেনা কাউকে গ্রামে দেখলে বিএসএফ বা পুলিশকে জানাবেন। রাতে খুব দরকার না হলে বাড়ির বাইরে বেরোবেন না। আর বেরোলেও সীমান্তের কাটাতারের দিকে যাবেন না।’’ তবে বাংলাদেশের পরিস্থিতির কোনও প্রভাব সীমান্তের এপারে পড়ার সম্ভাবনা দেখছেন না গ্রামগুলির বাসিন্দারা। তাঁরা জানিয়েছেন, বিএসএফ ও পুলিশের পাহারায় নিরাপদে রয়েছেন তাঁরা।

    উত্তরবঙ্গে সতর্কতা

    উত্তরবঙ্গের ফুলবাড়ি সীমান্তে সরদারপাড়া, ধদাগছ, লক্ষ্মীস্থান, নারায়ণজোতসহ প্রায় ১২টি সীমান্তবর্তী গ্রাম রয়েছে। সেখান থেকে অনুপ্রবেশের আশঙ্কা করছে বিএসএফ (BSF)। এব্যাপারে গ্রামবাসীদের সতর্ক করেছেন বিএসএফ আধিকারিকরা। বুধবার গ্রামে গ্রামে গিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলেন তাঁরা। বিএসএফের নর্থবেঙ্গল ফ্রন্টিয়ারের আইজি সুর্যকান্ত শর্মা বলেন, “সম্প্রতি বাংলাদেশে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে। অনুপ্রবেশ, অপ্রীতিকর ঘটনা রুখতে আমরা প্রস্তুত রয়েছি। সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে। সীমান্তবর্তী এলাকাতেও গ্রামবাসীদের সতর্ক করা হচ্ছে যাতে কোনও সন্দেহজনক কাওকে বা অপরিচিত কাউকে দেখলে সঙ্গে সঙ্গে আমাদের বা পুলিশকে জানানো হয়।” দক্ষিণ দিনাজপুর থেকে কোচবিহার পর্যন্ত উত্তরের পাঁচ জেলার ভারত-বাংলাদেশ সীমান্তের প্রায় চার হাজার কিলোমিটার সীমান্তের মধ্যে ৯৩৬ কিলোমিটার নর্থবেঙ্গল ফ্রন্টিয়ারের অধীনে। সীমান্তে নজরদারির জন্য চারটি সেক্টরে মোট ১৮টি বিএসএফ ব্যাটেলিয়ন মোতায়েন করা হয়েছে।

    আরও পড়ুন: অগ্নিগর্ভ বাংলাদেশ, ভারতের উদ্বেগের একাধিক কারণ

    সীমান্তের কাছেই সেনা

    বিএসএফ (BSF) সূত্রে খবর, উত্তরবঙ্গে ১০৯ কিলোমিটার খোলা সীমান্ত রয়েছে। সেই ফাঁকা সীমান্ত দিয়ে অনুপ্রবেশের আশঙ্কা করছেন এলাকার বাসিন্দাদের অনেকে। বিএসএফের তরফে ফাঁকা সীমান্তে জওয়ানদের নজরদারি দ্বিগুণ করা হয়েছে। চ্যাংরাবান্ধা এবং ফুলবাড়ির মতো সীমান্ত থেকে এক দেড় কিলোমিটার দূরে রাখা হয়েছে সেনাবাহিনীকে। সীমান্ত পরিস্থিতির অবনতি হলে তড়িঘড়ি যাতে সেনাকে কাজে লাগানো যেতে পারে, সেজন্য প্রস্তুতি নেওয়া হয়েছে বলে বিএসএফের উত্তরবঙ্গের মুখ্য জনসংযোগ আধিকারিক (পিআরও) অমিত ত্যাগী জানিয়েছেন। তিনি বলেন, ‘‘নিয়ম মেনে অনেকেই ওপার বাংলা থেকে ভারতে আসছেন। অনিয়মে কাউকেই ঢুকতে দেওয়া হচ্ছে না। সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রাখতে নজরদারি বৃদ্ধি করা হয়েছে। প্রয়োজনে সেনাবাহিনীকেও নামানো হবে। তবে কাঁটাতারহীন কিছু এলাকায় জওয়ানদের তরফেই অস্থায়ী বেড়া দেওয়া রয়েছে।’’

    সতর্ক স্বরাষ্ট্রমন্ত্রক

    সোমবার বাংলাদেশে (Bangladesh Crisis) হাসিনা সরকারের পতনের পর থেকে চূড়ান্ত নৈরাজ্য শুরু হয়েছে সীমান্তের ওপারে। বিদায়ী শাসকদল আওয়ামি লিগ নেতা ও হিন্দুসহ অন্যান্য সংখ্যালঘুদের ওপর পাশবিক অত্যাচার চলছে সীমান্তের ওপারে। এই পরিস্থিতিতে সীমান্তে সর্বোচ্চ পর্যায়ের সতর্কতা জারি করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। সীমান্ত পাহারায় মোতায়েন করা হয়েছে বাড়তি বিএসএফ জওয়ান। তবে তাতেও জল – জঙ্গলে ভরা সীমান্তে অনুপ্রবেশের আশঙ্কা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। টহলদারির পাশাপাশি সীমান্তে নজরদারির জন্য ড্রোন ওড়াচ্ছে বিএসএফ (BSF)। অনুপ্রবেশ রুখতে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত সেনা জওয়ান।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Bangladesh Crisis: মূর্তি ভাঙার পর এবার কি নোট থেকেও সরবে বঙ্গবন্ধুর ছবি? আশঙ্কা বাংলাদেশে

    Bangladesh Crisis: মূর্তি ভাঙার পর এবার কি নোট থেকেও সরবে বঙ্গবন্ধুর ছবি? আশঙ্কা বাংলাদেশে

    মাধ্যম নিউজ ডেস্ক: বাংলাদেশের (Bangladesh Crisis) এই অগ্নিগর্ভ পরিস্থিতিতে নোট বাতিলের আশঙ্কা চরমে। ভারতের তুলনায় বাংলাদেশি টাকার মূল্য অনেকটাই কমে গিয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুরের (Bangabandhu) ছবি রয়েছে বাংলাদেশের টাকায়। ইতিমধ্যে দেশ জুড়ে বঙ্গবন্ধুর ছবি, মূর্তি, স্মারক এবং স্মৃতিচিহ্নকে নিশ্চিহ্ন করার ধ্বংসযজ্ঞ চলছে। বাংলাদেশ ব্যাঙ্কেও চরম অস্থিরতা চলছে। ফলে নোট বাতিল হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।

    এখন বাংলাদেশি টাকার মূল্য কত ভারতে (Bangladesh Crisis)?

    বাংলাদেশি (Bangladesh Crisis) টাকায় রয়েছে বঙ্গবন্ধু মুজিবুর রহমানের (Bangabandhu) ছবি। ফলে যেকোনও সময় নোট বাতিল হয়ে যেতে পারে। এই আশঙ্কা ব্যাপক ভাবে তৈরি হয়েছে দেশে। তাই ভারতীয় বৈদেশিক মুদ্রায় বাংলাদেশি টাকার মূল্য এক ধাক্কায় অনেকটাই কমে গিয়েছে। জানা গিয়েছে, ভারতীয় ১ টাকা বাংলাদেশি মুদ্রায় ১.৪০ টাকা হচ্ছে। ভারতের ১০০ টাকায় বাংলাদেশি মুদ্রায় ১৪০ টাকা করে পাওয়া যাচ্ছে। বাংলাদেশে এই অস্থির অবস্থার আগে পেট্রাপোল সীমান্তে ভারতীয় মুদ্রায় বাংলাদেশি ১০০ টাকায় ৭১ টাকা করে দেওয়া হচ্ছিল। এখন ভারতীয় ১০০ টাকায় বাংলাদেশি ৬৫ টাকা করে দেওয়া হচ্ছে। ভারতীয় টাকার তুলনায় বাংলাদেশি টাকা প্রতি ১০০ টাকায় ৬ টাকা করে কমে গিয়েছে। ফলে নোট বাতিল হয়ে গেলে আরও প্রভাব পড়বে বাংলাদেশি অর্থনীতিতে। ভারত-বাংলাদেশ পেট্রাপোল সীমান্তে ১০০-র বেশি লাইসেন্সধারী মানি এক্সচেঞ্জের কারবারি রয়েছেন। স্বাভাবিক সময়ে হাজার হাজার বাংলাদেশি চিকিৎসা, বেড়ানো, শিক্ষা নানা কারণে ভারতে এসে থাকেন। প্রতিদিন এদের মোটা টাকার কারবার চলে। কিন্তু জুলাই মাস থেকেই ব্যবসা মন্দা চলছে। গত সপ্তাহ থেকে অবস্থা অত্যন্ত সঙ্কটজনক। আতঙ্কে অনেকেই বাংলাদেশি টাকা হোল্ড করা অনেকটাই কমিয়ে দিয়েছেন।

    আরও পড়ুনঃ অগ্নিগর্ভ বাংলাদেশ, ভারতের উদ্বেগের একাধিক কারণ

    সঙ্কটে বাংলাদেশ ব্যাঙ্ক!

    সেনা-শাসনে বাংলাদেশের (Bangladesh Crisis) পরিস্থিতিতে বুধবারও উত্তাল। পুলিশ, আওয়ামি লিগ এবং সংখ্যালঘুরা হল হামলার মূল লক্ষ্যে। দেশজুড়ে খুন, হত্যা, লুটপাট, অগ্নিসংযোগের ঘটনায় দেশটি যেন মৃত্যুপুরী হয়ে উঠেছে। কোথাও ব্রিজের উপর থেকে ঝুলছে মৃতদেহ আবার কোথাও হোটেলে বন্দি করে আগুন লাগিয়ে পুড়িয়ে মারা হচ্ছে মানুষকে। দেশের ইতিহাস ও ঐতিহ্যের স্মৃতি বিজড়িত মূর্তি ধ্বংস চলছে নির্বিচারে। একাধিক শিক্ষা কেন্দ্রের হাজার হাজার পুস্তক পুড়িয়ে দেওয়া হয়েছে। ঠিক এমন অবস্থায় বাংলাদেশ ব্যাঙ্কে চরম আতঙ্ক তৈরি হয়েছে। ব্যাঙ্কের গভর্নর, ডেপুটি গভর্নরদের পদত্যাগের দাবি উঠেছে কর্মীদের একাংশের মধ্যেই। চাপের মুখে পড়ে পদত্যাগ করতে হয়েছে উচ্চপদস্থ আধিকারিকদের। কোনও ক্রমে সেনার নিরাপত্তায় আধিকারিকরা ব্যাঙ্ক থেকে বেরিয়ে যান।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Nitin Gadkari: কৃষকরা শুধু অন্নদাতা নন, বিটুমিন ও জৈব শক্তির ইন্ধন দাতাও, বললেন গড়করি

    Nitin Gadkari: কৃষকরা শুধু অন্নদাতা নন, বিটুমিন ও জৈব শক্তির ইন্ধন দাতাও, বললেন গড়করি

    মাধ্যম নিউজ ডেস্ক: কৃষকরা শুধু অন্নদাতা নন, তাঁরা শক্তিদাতা, বিটুমিনদাতা এবং জৈব শক্তির ইন্ধনদাতা। সংসদে এক প্রশ্নের উত্তরে এমন কথাই বললেন কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গড়করি (Nitin Gadkari)। বায়ো এভিয়েশন ফুয়েল বা গ্রিনহাউস গ্যাস কার্বন অফসেট এবং খড় থেকে তৈরি জৈব বিটুমিন নিয়ে তিনি আরও বলেছেন, ২০২২ সালের নভেম্বরে এনএইচ সেভেন জিরোনাইনএডি-এর শামলি-মুজাফ্ফরনগর রুটে রাস্তা নির্মাণে জৈব-বিটুমিন (Bio-energy fuel) উৎপাদনের জন্য তিন বছরের একটি পরীক্ষামূলক বিভাগ স্থাপন করা হয়েছে। জ্বালানি খরচ কম করতে এই উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

    কী বললেন কেন্দ্রীয় মন্ত্রী (Nitin Gadkari)?

    কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গড়করি (Nitin Gadkari) বুধবার রাজ্যসভায় প্রশ্নের উত্তরে বলেছেন, “আগামী পাঁচ বছরের মধ্যে ভারতের বিমান চলাচলে ২০ শতাংশ জৈব-বিমান জ্বালানি ব্যবহার করা হবে। ফসলের অবশেষ বা খড় থেকে এই জৈব জ্বালানি উৎপাদন করা হবে। কৃষকরা তার জন্য প্রতি টন ২৫০০ টাকা করে পাবেন। কেন্দ্রীয় সড়ক মন্ত্রক রাস্তা নির্মাণে বায়ো-বিটুমিনকে বেশি করে ব্যবহার করছে। ফলে দেশীয় উৎপাদন বাড়লে ভারতকেও বিদেশি আমদানি কম করতে হবে। বায়ো-বিটুমিন হল একটি জৈব-ভিত্তিক উৎপাদন। ফসলের খড় বা পরিত্যক্ত অংশ থেকে উৎপাদন করা হয়। পাকা রাস্তার উপরিভাগ নির্মাণ কাজে তা ব্যবহৃত হয়ে থাকে। বিশ্বের বৃহত্তম সড়ক যোগাযোগের ৯০ শতাংশ সড়ক নির্মাণে আমরা বিটুমিনকে ব্যবহার করছি। ২০২৩-২৪ সালে বিটুমিনের (Bio-energy fuel) ব্যবহার ছিল ৮৮ লাখ টন, ২০২৪-২৫ সালে যা ১০০ লক্ষ পর্যন্ত পৌঁছে যাবে বলে আশা করা হচ্ছে। এখন মোট বিটুমিনের ৫০ শতাংশ আমদানি করতে হয় এবং যার বার্ষিক আমদানি ব্যয় ২৫ থেকে ৩০ হাজার কোটি টাকা।”

    আরও পড়ুনঃ “পশ্চিমবঙ্গ সরকার কেন ডেঙ্গির তথ্য কেন্দ্রের কাছে নথিভুক্ত করাচ্ছে না?”, আক্রমণ নাড্ডার

    কোথায় কোথায় উৎপাদন করা হচ্ছে

    কেন্দ্রীয় সড়ক এবং পরিবহণ মন্ত্রী নিতিন গড়করি (Nitin Gadkari) আরও বলেছেন, “সেন্ট্রাল রোড রিসার্চ ইনস্টিটিউট (সিআরআরআই) নয়াদিল্লি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ পেট্রোলিয়াম (আইআইপি) দেরাদুনের সহযোগিতায় খড় থেকে বায়ো বিটুমিন তৈরি করেছে। জ্বালানি খাতে অবদান রেখে কৃষকরা এখন ‘শক্তিদাতা’ হয়ে উঠেছেন। আমাদের কৃষকরা এখন শুধু অন্নদাতা নয়, তাঁরা একই সঙ্গে শক্তি উৎপাদকও বটে। এনএইচএআই জাতীয় সড়ক ৪০-এর জোরাবত-শিলং রুটে বায়ো-বিটুমিন দিয়ে একটি ট্রায়াল করার কথাও ভাবা হয়েছে। বায়ো-বিটুমিনের সুবিধা হল জ্বালানির (Bio-energy fuel) খরচ কম করে, গ্রিন হাউস গ্যাস নিঃসরণকে হ্রাস করা এবং সেই সঙ্গে কৃষকদের জন্য আর্থিক সংস্থানের ব্যবস্থা করা। ফলে কৃষিতে উদ্যোগ  ও কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি করার বড় লক্ষ্য রয়েছে।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Bangladesh Crisis: ‘‘হিন্দুদের ওপর, মন্দিরে হামলায় উদ্বিগ্ন’’, বাংলাদেশ নিয়ে প্রতিক্রিয়া ইজরায়েলের

    Bangladesh Crisis: ‘‘হিন্দুদের ওপর, মন্দিরে হামলায় উদ্বিগ্ন’’, বাংলাদেশ নিয়ে প্রতিক্রিয়া ইজরায়েলের

    মাধ্যম নিউজ ডেস্ক: বন্ধুত্বের প্রতিদান দিল ইজরায়েল! বাংলাদেশে (Bangladesh Crisis) হিন্দুদের (Attacks On Hindus) ওপর মুসলমানদের নৃশংস অত্যাচারের বিরুদ্ধে মুখ খুললেন ভারতে নিযুক্ত ইজরায়েলি রাষ্ট্রদূত নাওর গিলন। তিনি বলেন, “বাংলাদেশে হিন্দু ও তাঁদের মন্দিরে যে হামলা হচ্ছে, তাতে আমি উদ্বিগ্ন।”

    উত্তাল বাংলাদেশ (Bangladesh Crisis)

    সংরক্ষণকে কেন্দ্র করে অশান্তির জেরে উত্তাল বাংলাদেশ। প্রাণ ভয়ে প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিয়ে ৫ অগাস্ট দেশ ছেড়েছেন শেখ হাসিনা। তার আগে পরে বাংলাদেশে চলছে হিন্দু নিধন  যজ্ঞ। হিন্দুদের বাড়িঘর লুটপাট করে জ্বালিয়ে দেওয়া হচ্ছে আগুন। নির্যাতন করা হচ্ছে হিন্দু নারীদের। হিন্দু-নির্যাতনের করুণ কাহিনির ছবি সম্বলিত নানা ভিডিও হয়েছে ভাইরাল। এহেন আবহে মুখ খুললেন ভারতে নিযুক্ত ইজরায়েলি রাষ্ট্রদূত গিলন। বাংলাদেশের জনসংখ্যা ১৭ কোটি। এর মাত্র ৮ শতাংশ হিন্দু। এই হিন্দুরা দীর্ঘদিন ধরে সমর্থন করে আসছেন হাসিনার আওয়ামি লিগকে। হাসিনা ভিটে ছাড়া হতেই বাংলাদেশে আক্ষরিক অর্থেই চলছে হিন্দু নিধন যজ্ঞ (Bangladesh Crisis)।

    কী বললেন ইজরায়েলি রাষ্ট্রদূত?

    এক্স হ্যান্ডেলে গিলন লিখেছেন, “বাংলাদেশে হিন্দু-সহ সংখ্যালঘুদের ওপর এবং তাদের মন্দিরে হামলায় খবরে আমি উদ্বিগ্ন।” গিলনের এই মন্তব্যেই স্পষ্ট, ক্রমেই আন্তর্জাতিক আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠছে বাংলাদেশ। প্রসঙ্গত, ইজরায়েল-হামাস যুদ্ধে ইজরায়েলের পক্ষ নিয়েছিল ভারত। যদিও মানবিক সাহায্য পাঠিয়েছিল প্যালেস্তাইনকে। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের মতে, হামাসের সঙ্গে যুদ্ধে ইজরায়েলের পাশে দাঁড়িয়েছিল ভারত। তাই এবার ভারতের পাশে দাঁড়াল ইজরায়েল।

    আরও পড়ুন: বাংলাদেশে আওয়ামি লীগের উপর হিংসা অব্যহত, উদ্ধার ২৯ জনের দেহ

    এদিকে, দিন দিন বাংলাদেশের (Bangladesh Crisis) পরিস্থিতির অবনতি হওয়ায় মঙ্গলবার সংসদে সর্বদলীয় বৈঠক করলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। সেখানে তিনি উপস্থিত নেতাদের বাংলাদেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন। বাংলাদেশে সংখ্যালঘুদের কল্যাণ মনিটরিংয়ের ভারত সরকার দায়বদ্ধ বলেও মনে করিয়ে দেন জয়শঙ্কর। শেখ হাসিনা ভারতে আসছেন বলে একটি শর্ট নোটিশ পাঠানো হয়েছিল। সেই মতো তিনি ভারতে এসেছেন বলেও জানান বিদেশমন্ত্রী। সর্বদলীয় বৈঠকে তিনি জানান, বাংলাদেশে ভারতীয় রয়েছেন প্রায় ১৯ হাজার। এঁদের মধ্যে ৯ হাজারই ছাত্র। এই ছাত্রদের সিংহভাগই জুলাইয়ের মধ্যে ফিরে এসেছেন দেশে। তিনি জানান, ঢাকায় ভারতীয় সম্প্রদায়ের সঙ্গে (Attacks On Hindus) নিয়মিত যোগাযোগ রেখে চলেছে ভারত সরকার (Bangladesh Crisis)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Paris Olympics 2024: বিনেশকে বাতিল, বিশ্ব কুস্তি সংস্থায় প্রতিবাদ আইওএ-র, কী বললেন ক্রীড়ামন্ত্রী?

    Paris Olympics 2024: বিনেশকে বাতিল, বিশ্ব কুস্তি সংস্থায় প্রতিবাদ আইওএ-র, কী বললেন ক্রীড়ামন্ত্রী?

    মাধ্যম নিউজ ডেস্ক: সোনার লড়াইয়ে নামার আগেই প্যারিস অলিম্পিক্সের (Paris Olympics 2024) ফাইনাল থেকে বাতিল করে দেওয়া হয়েছে বিনেশ ফোগাটকে (Vinesh Phogat)। ওজন বেশি হওয়ার কারণে প্রতিযোগিতা থেকে ছিটকে গিয়েছেন তিনি। সারা দেশের এই হতাশা ভাগ করে নিয়েছেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডব্য। বুধবার লোকসভায় তিনি জানান, ভারতের পক্ষ থেকে সবরকম চেষ্টা করা হচ্ছে যাতে বিনেশকে ফের প্রতিযোগিতায় ফিরিয়ে আনা যায়। বিশ্ব কুস্তি সংস্থায় এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছে ভারতীয় অলিম্পিক্স (Paris Olympics 2024) অ্যাসোসিয়েশন (আইওএ)।

    পিটি ঊষাকে প্রধানমন্ত্রীর নির্দেশ

    এদিন সংসদে ক্রীড়ামন্ত্রী বলেন, ‘‘১০০ গ্রাম ওজন বেশি থাকার কারণে ভারতীয় কুস্তিগির বিনেশ ফোগাটকে বাতিল করে দেওয়া হয়েছে। বিনেশ ৫০ কেজি বিভাগে খেলছিলেন। বিশ্ব কুস্তি সংস্থার নিয়ম অনুযায়ী, প্রতি দিন সকালে প্রতি বিভাগের খেলোয়াড়দের ওজন মেপে দেখা হয়। বুধবার বিনেশের ওজন মেপে দেখা যায়, ৫০ কেজি ১০০ গ্রাম। তাঁর খেলা বাতিল করে দেওয়া হয়।’’ তিনি আরও বলেন, ‘‘আন্তর্জাতিক অলিম্পিক্স কমিটির কাছে এর তীব্র প্রতিবাদ জানিয়েছে ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন। আইওএ-র প্রেসিডেন্ট পিটি ঊষা প্যারিসে রয়েছেন। ফোনে তাঁর সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী। উপযুক্ত পদক্ষেপের নির্দেশ দিয়েছেন তিনি।’’ 

    আপত্তি ভারতীয় অলিম্পিক সংস্থার

    কোয়ার্টার ফাইনালে বিশ্ব চ্যাম্পিয়ন জাপানের সুসাকিকে পরাস্ত করেছিলেন বিনেশ (Vinesh Phogat)। তারপর সেমিতে কিউবার গুজম্যানকে। স্বপ্ন দেখছিল ভারতবাসী। সেমিফাইনালে জিতে ইতিহাসে নাম লিখিয়ে ফেলেছিলেন বিনেশ। এর আগে কোনও ভারতীয় মহিলা অলিম্পিক্সের কুস্তির প্রতিযোগিতায় ওই পর্যায়ে পৌঁছতে পারেননি। কিন্তু এরপরই দুঃস্বপ্ন। অলিম্পিক্সের নিয়ম অনুযায়ী, ওজন বেশি হলে ওই প্রতিযোগীকে পদকের দৌড় থেকে সরিয়ে তালিকার একেবারে শেষে রাখা হয়। বিনেশের ক্ষেত্রেও তাই ঘটেছে। তবে, হাল ছাড়ছে না ভারত। এই বিষয়ে আন্তর্জাতিক কুস্তি সংস্থার কাছে কড়া আপত্তি জানিয়েছে ভারতীয় অলিম্পিক (Paris Olympics 2024) সংস্থা। 

    আরও পড়ুন: রত্ন ভান্ডারের ভিতর গোপন সুড়ঙ্গ! পুরীর জগন্নাথ মন্দিরে হতে পারে লেজার স্ক্যানিং

    ক্রীড়ামন্ত্রকের সাহায্য

    কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী এদিন জানান, বিনেশকে অলিম্পিকের (Paris Olympics 2024) প্রস্তুতির জন্য সকল সহায়তা করেছে সরকার। তাঁর প্রয়োজন অনুযায়ী ব্যক্তিগত কর্মী নিয়োগ করা হয়েছে। হাঙ্গেরির বিখ্যাত কোচ ওলেস আকোস এবং ফিজিও অশ্বিনী পাটিল তাঁর সঙ্গে সবসময় থাকেন। এছাড়া, দুজন স্পারিং পার্টনার্স (অনুশীলনের সহযোগী), স্ট্রেন্থ অ্যান্ড কন্ডিশনিং বিশেষজ্ঞ রাখার জন্য বিনেশকে অর্থ সহায়তা করেছে মোদি সরকার। তারপরেও এই ঘটনা দুঃখজনক। সূত্রের খবর, বুধবার অসুস্থ হয়ে পড়েছেন বিনেশ। তাঁকে প্যারিসের হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তাঁর শরীরে জলের ঘাটতি থাকায় এই অসুস্থতা। সারা রাত ধরে ওজন কমানোর জন্য পরিশ্রম করেছিলেন বিনেশ। তাই সকালে অসুস্থ হয়ে পড়েন, এমনই অনুমান।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Bangladesh Crisis: অশান্ত বাংলাদেশে হোটেলে আগুন! বাঁচতে ৪ তলা থেকে ঝাঁপ ভারতীয় যুবকের

    Bangladesh Crisis: অশান্ত বাংলাদেশে হোটেলে আগুন! বাঁচতে ৪ তলা থেকে ঝাঁপ ভারতীয় যুবকের

    মাধ্যম নিউজ ডেস্ক: বাংলাদেশের ছাত্র আন্দোলনে (Bangladesh Crisis) বর্তমানে কোণঠাসা হচ্ছে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়। গত দুদিন ধরে চলেছে লাগাতার হিন্দুদের উপর অত্যাচার। এবার নিজের প্রাণ বাঁচাতে চারতলা থেকে ঝাঁপ দিলেন ভারতীয় (Indian) যুবক। কয়েকদিন আগে ব্যবসার কাজে বাংলাদেশে গিয়েছিলেন অসমের বাসিন্দা রবিউল ইসলাম। সঙ্গে ছিলেন তাঁর ভাই শাহিদ আলি। তখনও বাংলাদেশের পরিস্থিতি এতটা তপ্ত হয়নি। সে সময় দুজনে যশোরের একটি হোটেলে উঠেছিলেন। সোমবার বিকেলে তাঁদের হোটেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। এরপর প্রাণে বাঁচাতে চারতলা থেকে ঝাঁপ দিয়েছিলেন শাহিদ। মঙ্গলবার অ্যাম্বুল্যান্সে করে দেশে ফেরেন তাঁরা। জানা গিয়েছে, দু’পা ভেঙে গিয়েছে শাহিদের। 

    কী জানিয়েছেন তাঁরা? (Indian) 

    এ ঘটনার প্রসঙ্গে দুই ভাই জানান, আমদানি-রফতানির ব্যবসার কাজের সূত্রেই তাঁরা বাংলাদেশ গিয়েছিলেন। যশোরের একটি হোটেলের ১২ তলার একটি ঘরে উঠেছিলেন তাঁরা। সোমবার দুপুরের পরে বাইরে কিছু শব্দ শুনে হোটেলের ঘরের জানলা খোলেন রবিউল এবং শহিদ। তাঁরা দেখেন আন্দোলনকারীদের (Bangladesh Crisis) একাংশ ওই হোটেলটি ঘিরে ফেলেছেন। কিছু বুঝে ওঠার আগে হোটেলের মধ্যে থেকে হট্টগোল শুনতে পান। খবর পান, হোটেলে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। কী করবেন বুঝে উঠতে না পেরে চার তলা থেকে পাশের একটি ভবনে চলে যান দু’জন। সেখান থেকে ঝাঁপ দেন দুই ভাই। ঘটনায় গুরুতর আহত হন তাঁরা। তাঁদের কথায়, ‘‘কোনও রকমে প্রাণ নিয়ে ফিরলাম। শুনেছি দু’জন মারা গিয়েছেন।’’ যদিও মৃতের কোনও তথ্য এখনও সরকারি ভাবে পাওয়া যায়নি। 

    আরও পড়ুন: বাংলাদেশে নিপীড়িত হিন্দুরা, ভিডিও শেয়ার করে পাশে দাঁড়ালেন সোনু সুদ

    ভারতীয়দের ফিরিয়ে আনার পরিকল্পনা 

    যদিও বাংলাদেশের পরিস্থিতির (Bangladesh Crisis) অবনতি হওয়ার পর, ভারত কূটনীতিকদের পাশাপাশি বাংলাদেশে আটকে পড়া ভারতীয়দের ফিরিয়ে আনার পরিকল্পনা করছে। সূত্র মারফৎ জানা গিয়েছে, প্রয়োজনে ভারত তার কূটনীতিক ও নাগরিকদের ফিরিয়ে আনতে বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ করছে। তবে বাংলাদেশে আটকে পড়া ভারতীয়রা বর্তমানে বিমানবন্দরের পাশাপাশি পশ্চিমবঙ্গের পেট্রাপোল, কোচবিহার, মালদা, দক্ষিণ দিনাজপুর সীমান্তের বেশ কয়েকটি এলাকা হয়ে ফিরে আসছে। বাংলাদেশের অগ্নিগর্ভ পরিস্থিতি কাটিয়ে সোমবার রাত থেকে ধীরে ধীরে ফ্লাইট পরিষেবা আবার শুরু হয়। ফলে বাংলাদেশে কর্মরত বেশ কয়েকজন ভারতীয় (Indian) যাত্রী মঙ্গলবার সকালে ফিরে আসেন দেশে। সেই সব যাত্রীদের মধ্যে এক যাত্রী জানান, “আমরা বাংলাদেশে কাজ করি। গতকাল আমাদের ফ্লাইট বাতিল করা হয়েছে। রবিবার, আমরা ভারতে ফেরার সিদ্ধান্ত নিয়েছিলাম। আমরা যখন রাত সাড়ে ন’টার সময় ফ্লাইটে উঠতে যাচ্ছিলাম, তখন জানতে পারি যে ফ্লাইট বাতিল হয়ে গেছে। এরপর আমরা কোনও খাবার ও জল ছাড়াই বিমানবন্দরে আটকে পড়েছিলাম।” 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Bangladesh Crisis: অশান্ত বাংলাদেশ! ঘরে ফিরতে না পেরে চরম উদ্বেগে ভারতে আসা বাংলাদেশিরা

    Bangladesh Crisis: অশান্ত বাংলাদেশ! ঘরে ফিরতে না পেরে চরম উদ্বেগে ভারতে আসা বাংলাদেশিরা

    মাধ্যম নিউজ ডেস্ক: বাংলাদেশে (Bangladesh Crisis) ক্ষমতাচ্যুত হয়েছেন শেখ হাসিনা। দেশ ছেড়েছেন তিনি। অগ্নিগর্ভ পরিস্থিতি এখন ওপার বাংলায়। চরম আতঙ্কে আর উদ্বেগে রয়েছেন কলকাতায় আসা বাংলাদেশি নাগরিকরা (Bangladeshis in India)। ঘন ঘন পরিবারের লোকজনের সঙ্গে তাঁরা যোগাযোগ করছেন। অনেকে আবার অস্থির পরিস্থিতির মধ্যেও দেশে ফেরার তোড়জোড় শুরু করেছেন। অনেকে আবার বাড়ি না ফিরতে পেরে চরম দুশ্চিন্তায় রয়েছেন।

     ভারতে চরম উদ্বেগে রয়েছেন বাংলাদেশি পড়ুয়ারা (Bangladesh Crisis)

    গুজরাটের বরোদায় মহারাজা সয়াজিরাও বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ থেকে পড়তে এসেছেন এক পড়়ুয়া। স্নাতকোত্তর পারফর্মিং আর্টস বিভাগের ওই ছাত্র বলেন, “মাসখানেক ধরেই দেশের অবস্থা খারাপ। তবে, সোমবারের পর থেকে দেশের (Bangladesh Crisis) পরিস্থিতি নিয়ে বার বার খোঁজ নিচ্ছি। দেশে আমাদের এলাকায় আক্রমণের মুখে পড়ছেন মূলত আওয়ামি লিগের সমর্থকরা। আমাদের এলাকার লোকজন চরম আতঙ্কের মধ্যে রয়েছে। বাড়ি ফেরার পরিস্থিতি এখন নেই। ফলে, ফোনেই পরিবারের লোকজনের সঙ্গে যোগাযোগ রেখে চলেছি। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এক বাংলাদেশি ছাত্রী বলেন, ‘‘আমার বাড়ি ফরিদপুরে। বাড়িতে ফোন করে জানতে পারি, প্রায় একশো জনের বাইকবাহিনী আমাদের পাড়ায় ঘুরছে, ভাঙচুরের ঘটনাও ঘটেছে। আতঙ্কে সারা রাত ঘুমোতে পারিনি। আমার কলেজ শিক্ষক বাবাকে জামাতপন্থী এক সহকর্মী জানিয়েছেন, ভয় পাবেন না। প্রয়োজনে বাবার সহকর্মীর বাড়িতে গিয়ে পরিবার থাকতে পারে বলে তিনি আশ্বাস দিয়েছেন। আমার বাবাকে ওই সহকর্মী আরও জানিয়েছেন, পরিস্থিতি ঠিক না হওয়া পর্যন্ত আপাতত কয়েক দিন তিনি যেন তাঁর সঙ্গেই কলেজে যাতায়াত করেন।’’

    আরও পড়ুন: বাংলাদেশে ইস্কনের মন্দির ভাঙচুর, ছত্রখান বিগ্রহও

    চিকিৎসা করাতে এসে বিপাকে বাংলাদেশিরা!

    স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যে বাংলাদেশ (Bangladesh Crisis) থেকে কলকাতায় চিকিৎসা করাতে এসেছেন প্রায় ৩০০-রও কাছাকাছি মানুষ। যার মধ্যে কিছুজন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন। শীঘ্রই তাদের মধ্যে কাউকে ছুটিও দেওয়া হবে। যদি চিকিৎসাধীনদের কোনও সমস্যা হয়, তবে হাসপাতাল কর্তৃপক্ষ ওপারে তাঁদের পড়শীদের সঙ্গে কথা বলানোর ব্যবস্থা করছে। তবে, স্বাস্থ্য দফতর সূত্রে খবর, ভিসা শেষ হয়ে গেলে অন্যান্য দেশের মতো হাইকমিশন সেই ব্যবস্থা নেয়। বাংলাদেশের ক্ষেত্রেও একই নিয়ম রয়েছে। দিদির চিকিৎসা করাতে সপ্তাহখানেক আগে যশোর থেকে কলকাতা এসেছেন সুরসিনা খাতুন। বর্তমানে চিকিৎসা করানো হয়ে গিয়েছে। কিন্তু, বাড়ি কি করে ফিরবেন তা নিশ্চিত নয়। তিনি বলেন, “চিকিৎসার জন্য এদেশে এসেছিলাম। এখন বাড়ি কী করে ফিরব বুঝতে পারছি না। বর্তমানে দেশে ব্যক্তিগত গাড়ি চলছে বলে শুনেছি। তবে যা পরিস্থিতি হল, তা ভালো না বলেই মনে হচ্ছে। শেখ হাসিনা দেশ ও জাতিকে ধ্বংস করে পদত্যাগ করলেন।” ফরিদপুর থেকে কলকাতায় চিকিৎসা করাতে আসা আরেক বাংলাদেশি (Bangladeshis in India) বাবুল হোসেন। তিনি বলেন, “বাড়ির লোকের সঙ্গে কথা হয়েছে। ওরা বলছে দেশের অবস্থা ভালো নয়, চিকিৎসা করে তাড়াতাড়ি যাতে আমি ফিরে যেতে পারি, তার অনুরোধ করছে। বাস, ট্রেন সব বন্ধ। বিমানে যাওয়ার ইচ্ছা রয়েছে।”

    সীমান্তে মোতায়েন সেনা

    এদিন সকাল থেকেই বিএসএফের সঙ্গে শিলিগুড়ির ফুলবাড়ি সীমান্তে নজরদারি চালাতে দেখা যায় সেনা আধিকারিকদের। সীমান্তের নিরাপত্তায় দু’কোম্পানি সেনা মোতায়েন করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। তবে ওপার বাংলার (Bangladesh Crisis) পরিস্থিতি দ্রুত ঠিক হোক, এটাই চাইছেন সেখানকার সাধারণ নাগরিকরা। প্রতিদিন ফুলবাড়ি সীমান্ত দিয়ে দুই বাংলার মধ্যে সাধারণ মানুষ ও পণ্য সামগ্রীর ট্রাকের যাতায়াত লেগে থাকে। বাংলাদেশে অশান্তির কারণে বর্তমানে তা অনেকটাই ফিকে। সীমান্তের পরিবেশ থমথমে। বন্ধ বেশিরভাগ দোকানপাট।  

    আতঙ্ক নিয়ে বাড়়ি ফিরছেন বাংলাদেশিরা

    আতঙ্কের মধ্যেই ভারত ছেড়ে পরিবারের টানে বাংলাদেশে ফিরছেন এপারে থাকা বাংলাদেশিরা (Bangladeshis in India)। বাংলাদেশের ঠাকুরগাঁওয়ের বাসিন্দা মুস্তাক আলি বলেন, “এলাকার অবস্থা উত্তপ্ত। বাড়ির লোকজনদের জন্য চিন্তা হচ্ছে। তাই, বাড়ি ফিরতে চাইছি।” আরেক বাসিন্দা রিঙ্কি সেন বলেন, “আমাদের দেশে (Bangladesh Crisis) এখনও খুবই খারাপ অবস্থা। ওখানে পরিবার রয়েছে। ফলে, এখানে থাকলে বেশি চিন্তা হচ্ছে। তাই, বাড়ি ফেরার জন্য সীমান্তে এসেছি। সীমান্ত পার হলেই বাড়ি ফিরতে পারব কি না জানি না। যানবাহন সবই বন্ধ। তবুও, বাড়ি ফিরব। যা হওয়ার ওখানেই হবে। আতঙ্ক নিয়েই যাচ্ছি।”   

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Bangladesh crisis: অগ্নিগর্ভ বাংলাদেশ, ভারতের উদ্বেগের একাধিক কারণ

    Bangladesh crisis: অগ্নিগর্ভ বাংলাদেশ, ভারতের উদ্বেগের একাধিক কারণ

    মাধ্যম নিউজ ডেস্ক: আশান্তির আগুনে পুড়ছে বাংলাদেশ (Bangladesh crisis)। চলছে হিন্দু নিধন যজ্ঞ। প্রত্যাশিতভাবেই পড়শি বন্ধু দেশের এই অশান্তিতে সিঁদুরে মেঘ দেখছে ভারত (Anti Terrorism Crusade)। ভারতের উদ্বেগের কারণ একাধিক।

    ভারতের উদ্বেগের কারণ (Bangladesh crisis)

    এর মধ্যে রয়েছে মুক্তি বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা, উত্তরপূর্ব ভারতে শান্তি বজায় রাখা, বাংলাদেশে বসবাসকারী ভারতীয়দের নিরাপত্তা নিশ্চিত করা এবং সর্বোপরি, সে দেশের নয়া সরকারের সঙ্গে নতুন করে সম্পর্ক গড়ে তোলা। দীর্ঘদিন ধরেই সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়ছে ভারত। প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিয়ে শেখ হাসিনা দেশ ছেড়ে চলে যাওয়ায় সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের লড়াই খানিকটা হলেও ধাক্কা খাবে বলেই মত বিশেষজ্ঞদের।

    হাসিনাকে বেশি গুরুত্ব ভারতের

    বরাবরই ভারত বিএনপির চেয়ে বেশি গুরুত্ব দিয়েছে হাসিনার আওয়ামি লিগকে। এর কারণ হল, ইন্ডিয়ান মুজাহিদিন এবং লস্কর-ই-তৈবার মতো জঙ্গি সংগঠনের প্রতি বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টিভঙ্গী। ভারতে একাধিক জঙ্গি হামলার নেপথ্যে রয়েছে এই দুই সন্ত্রসবাদী সংগঠনের হাত। ৭/১১-র মুম্বই ট্রেনে বিস্ফোরণ, ২০০৮ সালের জয়পুর বোমা হামলা, ওই বছরই আমেদাবাদে বিস্ফোরণ, ২০১০ সালে জামে মসজিদে হামলা, বেঙ্গালুরু স্টেডিয়ামে বিস্ফোরণ, ২০১১ সালে মুম্বইয়ে ধারাবাহিক বিস্ফোরণ এবং আরও অনেক জঙ্গি কার্যকলাপের নেপথ্যে রয়েছে এই দুই সংগঠনের হাত (Bangladesh crisis)। দেশজুড়ে ইন্ডিয়ান মুজাহিদিন বিভিন্ন জায়গায় ঘাঁটি গেড়েছে। বিশেষ করে মহারাষ্ট্রে।

    ইন্ডিয়ান মুজাহিদিনের চেয়ে কোনও অংশে কম যায় না লস্কর-ই-তৈবা। ২৬/১১ হামলার নেপথ্যে তারাই। ২০০২ সালে মুম্বইয়ে ১১টি জঙ্গি হামলার ঘটনা ঘটেছিল। এসবেরই নেপথ্যে ছিল ওই দুই জঙ্গি সংগঠনের হাত। গোয়েন্দা রিপোর্ট বলছে, হাসিনা-হীন জমানায় এই জঙ্গি সংগঠন বাংলাদেশে ডেরা বেঁধেছিল। সেখান থেকেই চক্রীরা ভারতে চালিয়ে গিয়েছিল একের পর এক অপারেশন। ভারত-বাংলাদেশ সীমান্তে সন্ত্রাসীদের প্রশিক্ষণও দেওয়া হত। জঙ্গিরা ভারতে অপরাধ করে দিব্যি ঢুকে যেত হাসিনা-হীন সরকারের ছাতার তলায়। পরে সুযোগ বুঝে সেখান থেকে তারা চলে যেত পাকিস্তানে।

    আরও পড়ুন: অরাজক পরিস্থিতি বাংলাদেশে, অব্যাহত হিন্দু নিধন যজ্ঞ

    বিশেষজ্ঞদের মতে, এই জঙ্গি সংগঠনগুলির লাগাম ধরতে বিএনপি কিছুই করেনি। ২০০৯ সালে ক্ষমতায় এসে সন্ত্রাসবাদ বন্ধে কোমর কষে নামেন হাসিনা। সেই প্রক্রিয়াই আপাতত ধাক্কা খাবে বলে ওয়াকিবহাল মহলের ধারণা। হাসিনার দেশ ছেড়ে চলে যাওয়াটা পাকিস্তানের আইএসআই এবং চিনের কাছে (Anti Terrorism Crusade) ‘পৌষ মাস’ হয়ে দাঁড়াল বলেই ধারণা আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের (Bangladesh crisis)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Bangladeshi Hindus: বাংলাদেশে আতঙ্কে রয়েছেন হিন্দুরা, সুরক্ষা দিক ভারত, চাইছে সঙ্ঘ

    Bangladeshi Hindus: বাংলাদেশে আতঙ্কে রয়েছেন হিন্দুরা, সুরক্ষা দিক ভারত, চাইছে সঙ্ঘ

    মাধ্যম নিউজ ডেস্ক: বাংলাদেশে কোটা বিরোধী আন্দোলন চলাকালীন হিংসার ঘটনা বাড়তে শুরু করেছে। শেখ হাসিনা পদত্যাগ করার পর থেকে হিংসা, অগ্নিসংযোগের পরিমাণ আরও বেড়েছে। বিভিন্ন জায়গায় দোকানপাট লুট করা হচ্ছে। সরকারি দফতরে অগ্নিসংযোগ করা হচ্ছে। কোটা বিরোধী আন্দোলন পরিণত হয়, সরকার বিরোধী আন্দোলনে। সরকারের পতনের পর এখন হিন্দুদের (Bangladeshi Hindus) টার্গেট করা হচ্ছে। এই পরিস্থিতির জন্য উদ্বেগ প্রকাশ করেছে আরএসএস (RSS)।

    আরএসএসের দাবি (RSS)

    এই পরিস্থিতিতে বাংলাদেশি হিন্দুদের রক্ষা করতে ভারত সরকারের কাছে আর্জি জানাল আরএসএস। মঙ্গলবার রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের (RSS) সর্বভারতীয় কার্যনির্বাহী কমিটির সদস্য সুরেশ ভৈয়াজি জোশি বলেন, বাংলাদেশে (Bangladeshi Hindus) হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আরএসএস কেন্দ্রীয় সরকারকে অনুরোধ করেছে। রাজনৈতিক অস্থিরতায় দেশটি নৈরাজ্যকর পরিস্থিতির সম্মুখীন।” জোশি মঙ্গলবার সংবাদমাধ্যমের কর্মীদের সঙ্গে কথা বলার সময় একথা জানান। তিনি আরও বিশদভাবে বলেন, “বাংলাদেশ একটি ভিন্ন দেশ। সন্ত্রাস কবলিত বাংলাদেশে বেশ কয়েকটি জেলায় হিন্দুদের বাড়ি এবং দোকান ভাঙচুর করা হয়েছে এবং অগ্নিসংযোগ করা হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে বহু মন্দির।

    আহ্বান জানিয়েছে ভিএইচপিও

    শুধু আরএসএস নয়, এর আগে, কেন্দ্রের কাছে একই অনুরোধ করেছে বিশ্ব হিন্দু পরিষদও। মঙ্গলবার, ভিএইচপি নেতা অলোক কুমার বাংলাদেশের (Bangladesh Crisis) অস্থির রাজনৈতিক পরিস্থিতি এবং হিন্দুদের ওপর নির্যাতনের কথা তুলে ধরে বলেন, “সমস্ত সংখ্যালঘু হিন্দু ও শিখদের পাশে আমরা রয়েছি। হিন্দুদের ব্যবসায়িক প্রতিষ্ঠান, বাড়ি-ঘর, মন্দিরকে লক্ষ্য করে দুষ্কৃতীরা হামলা চালাচ্ছে। ভারত অবশ্যই বাংলাদেশের পরিস্থিতিতে অন্ধ হয়ে থাকতে পারে না। বাংলাদেশে সংখ্যালঘুদের সুরক্ষার জন্য সম্ভাব্য সব পদক্ষেপ নিতে ভারত সরকারকে আহ্বান জানাচ্ছি।’’

    হিন্দুদের নিরাপত্তা দিতে ব্যর্থ সেনা

    বাংলাদেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান একতা পরিষদ জানিয়েছে, প্রায় ৩০০ জন হিন্দুর দোকানঘর এবং বাড়ি ভাঙচুর করা হয়েছে। প্রায় ২৪টির মতো মন্দির ক্ষতিগ্রস্ত করা হয়েছে। ৪০ জনের বেশি সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ আহত হয়েছেন। হামলাকারীরা মনে করছে, হিন্দুরা শেখ হাসিনার দল আওয়ামি লিগের সমর্থক। সেই ভাবনা থেকেই হিন্দুদের (Bangladeshi Hindus) উপরে বেশি আঘাত নেমে আসছে বলে অভিযোগ। সংখ্যালঘুদের সুরক্ষা প্রদান করার কথা বললেও সকল হিন্দুদের নিরাপত্তা এখনও নিশ্চিত করতে পারেনি বাংলাদেশের সেনাবিহিনী।  

    বাংলাদেশে কমছে হিন্দুদের সংখ্যা (Bangladeshi Hindus)

    জানা গিয়েছে, বাংলাদেশে ২০টির বেশি জেলায় হিন্দুরা আক্রান্ত হয়েছেন। বিশেষ করে দিনাজপুর, বগুড়া, রংপুর, শেরপুর, কিশোরগঞ্জ, সিরাজগঞ্জ, নড়াইল, যশোর, পটুয়াখালী, খুলনা, নরসিংদী, সাতক্ষীরা, টাঙ্গাইল, চট্টগ্রাম, হাবিবগঞ্জ, ঢাকা সহ বিভিন্ন জায়গায় হিন্দুদের উপর আক্রমণ বজায় রয়েছে। ভাঙচুর শেষে (Bangladeshi Hindus) তাঁদের সম্পত্তি লুটপাট করা হয়েছে। বাংলাদেশ ২৫ শতাংশ থেকে কমতে কমতে হিন্দুদের জনসংখ্যা ৮ শতাংশে গিয়ে ঠেকেছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Vinesh Phogat: স্বপ্নভঙ্গ বিনেশের! এক্স হ্যান্ডেলে সান্ত্বনা-পোস্ট মোদির, ফোন পিটি ঊষাকেও

    Vinesh Phogat: স্বপ্নভঙ্গ বিনেশের! এক্স হ্যান্ডেলে সান্ত্বনা-পোস্ট মোদির, ফোন পিটি ঊষাকেও

    মাধ্যম নিউজ ডেস্ক: আর মাত্র কয়েক ঘণ্টা পর সোনার পদকের লক্ষ্যে প্যারিস অলিম্পিক্সে নামার কথা ছিল বিনেশ ফোগাটের (Vinesh Phogat)। কিন্তু সব যেন এক লহমায় বদলে গেল। খেলা শুরুর আগেই বুধবার সকালে অলিম্পিক্সে কুস্তির ফাইনাল থেকে বাদ পড়ল বিনেশ ফোগাটের নাম। আর এই খবর প্রকাশ্যে আসতেই এক্স হ্যান্ডেলে পোস্ট করে দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। একইসঙ্গে বিনেশের মনোবল বাড়িয়ে, তাঁর পাশে থাকার বার্তাও দিয়েছেন তিনি।

    কী জানিয়েছেন প্রধানমন্ত্রী? (PM Modi) 

    বিনেশকে (Vinesh Phogat) সান্ত্বনা দিয়ে এক্স হ্যান্ডেল পোস্টে তিনি লিখেছেন, ‘‘তুমি তো বরাবরই চ্যালেঞ্জ নিতে ভালোবাসো। আমার বিশ্বাস তুমি আরও শক্তিশালী হয়ে ফিরে আসবে। আমরা তোমার পাশে আছি।’’একইসঙ্গে তিনি আরও বলেন, “বিনেশ, তুমি চ্যাম্পিয়নের চ্যাম্পিয়ন! তুমি দেশের গর্ব এবং প্রতিটি ভারতীয়ের কাছে অনুপ্রেরণা। আজকের ধাক্কাটা বেদনাদায়ক। আমি কী অনুভব করছি, তা যদি শব্দে বোঝাতে পারতাম..”

    উত্তাল হয়ে উঠল সংসদ

    প্রসঙ্গত, বুধবার রাতেই প্যারিস অলিম্বিক্সে (Paris Olympics) কুস্তির ফাইনাল খেলার কথা ছিল বিনেশের (Vinesh Phogat)। তার আগে বুধবার সকালে হঠাৎই তাঁকে জানিয়ে দেওয়া হয় তিনি ফাইনাল খেলতে পারবেন না। কারণ তাঁর ওজন নির্ধারিত সীমার থেকে ১০০ গ্রাম বেশি রয়েছে। আর বিনেশের নাম অলিম্পিক্স থেকে বাদ হওয়ার পর থেকেই উত্তাল হয়ে ওঠে সংসদ ভবন। বিরোধীরা অভিযোগ করেন, ফাইনালে পৌঁছেও বিনেশের এমন আচমকা বাদ যাওয়া সাধারণ ঘটনা হতে পারে না। এর নেপথ্যে নিশ্চই কোনও ষড়যন্ত্র রয়েছে। এমনকি, তাতে ভারত সরকারেরও হাত থাকতে পারে। 

    আরও পড়ুন: মাত্র ১০০ গ্রাম ওজন বেশি! ফাইনালে উঠেও ডিসকোয়ালিফায়েড বিনেশ ফোগট

    পিটি ঊষাকে ফোন মোদীর

    যদিও বিনেশের (Vinesh Phogat) নাম ফাইনাল থেকে বাদ পড়তেই ভারতীয় অলিম্পিক্স সংস্থার প্রেসিডেন্ট পিটি ঊষাকে ফোন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ঊষার কাছ থেকে প্রধানমন্ত্রী (PM Modi) জানতে চান, ঠিক কী ঘটেছে। এই পরিস্থিতিতে ভারত কী কী করতে পারে, সেটাও জানতে চান মোদি। প্রধানমন্ত্রী এটাও বলেন, এই শাস্তির বিরুদ্ধে কড়া প্রতিবাদ জানালে যদি ফোগাটের কোনও লাভ হয়, তা হলে সেটাও যেন করা হয়। জানা গিয়েছে, বিনেশকে ফাইনাল থেকে বাতিল করার সিদ্ধান্তের বিরুদ্ধে ভারতীয় দলের পক্ষ থেকে আবেদন করা হয়েছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  WhatsappFacebookTwitterTelegram এবং Google News পেজ।

LinkedIn
Share