Blog

  • Indian Movie: প্রথমবার বড় পর্দায় অক্ষয় কুমার ও টাইগার শ্রফ জুটি, আবেগে ভাসছেন ভক্তরা

    Indian Movie: প্রথমবার বড় পর্দায় অক্ষয় কুমার ও টাইগার শ্রফ জুটি, আবেগে ভাসছেন ভক্তরা

    মাধ্যম নিউজ ডেস্ক: নতুন বছরের শুরুতেই খুশির খবর সিনেমাপ্রেমীদের, বিশেষ করে অক্ষয় কুমার ও টাইগার শ্রফ প্রেমীদের জন্য। এবার এক পর্দায় দেখা মিলবে দুই জনপ্রিয় তারকার। এই খবর আগেই প্রকাশ হলেও এবার সেই অপেক্ষার আগুনে ঘি ঢাললেন তারকা জুটি। অক্ষয় কুমার নতুন বছরের শুরুতেই তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে টাইগারের সঙ্গে জেট স্কিয়িংয়ের একটি ছবি শেয়ার করেছেন এবং ভক্তদের নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন। এখানে কমেন্টে নতুন বছরের শুভেচ্ছার বন্যা বইয়ে দিয়েছেন ভক্তরা। প্রথমবারের মতো বড় পর্দায় একসঙ্গে কাজ করছেন তাঁরা। এছাড়াও তাঁর পোস্ট থেকে জানা গিয়েছে, ২০২৪ এর ইদে মুক্তি পাবে তাঁদের ছবি ‘বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ’। তবে কোন ইদে মুক্তি পাবে ছবিটি (Indian Movie), তা এখনও স্পষ্ট করেননি তিনি। আর এই পোস্টটি পেতেই খুশির আবহাওয়া দুই তারকা ভক্তদের মধ্যে।

    ‘বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ’ ছবি প্রসঙ্গ (Indian Movie)

    এই সিনেমার শুটিং অনেকদিন আগে থেকেই শুরু হয়েছিল। তখন থেকেই সবার মধ্যে উন্মাদনা জন্ম নেয়। এই ছবির শুটিং চলাকালীন অক্ষয় কুমার আঘাতও পেয়েছিলেন। সাধারণত অক্ষয় কুমার সিনেমাতে অ্যাকশন সিন (Indian Movie) করার সময় কোনও স্টান্টম্যান বা বডি ডাবল-এর সাহায্য নেন না, সম্পূর্ণ নিজেই সেই দৃশ্যটি তৈরি করেন। তাই অনেক ঝুঁকি নিয়েই তিনি শুটিং-এর কাজ করেন। এই সিনেমার শুটিং-এর সময়ও এই ধরনের একটি অ্যাকশন সিন করার সময় আঘাত পান তিনি। তবে পরে প্রাথমিক চিকিৎসা করিয়ে আবার সেটে ফেরেন তিনি।

    ছবির পরিচালকের দায়িত্বে কে? কারা অভিনয় করেছেন?

    ‘টাইগার জিন্দা হ্যায়’ খ্যাত জনপ্রিয় পরিচালক আলী আব্বাস জাফরের পরিচালনায় তৈরি হয়েছে এই ছবি (Indian Movie) ‘বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ’। এই সিনেমাতে অক্ষয় কুমার ও টাইগার শ্রফ ছাড়াও অভিনয় করেছেন সোনাক্ষী সিনহা, পৃথ্বীরাজ সুকুমারন ও জাহ্নবী কাপুরের মতো আরও অভিনেতা-অভিনেত্রী। এই ছবির প্রযোজনার দায়িত্বে আছেন বাশু ভাগনানি, দীপশিখা দেশমুখ, জ্যাকি ভাগনানি, হিমাংশু কিশন মেহরা এবং আলি আব্বাস জাফর।

    পুরানো ‘বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ’র সঙ্গে কি কোনও মিল থাকছে?

    প্রসঙ্গত, ১৯৯৮ সালে মুক্তি পাওয়া ডেভিড ধাওয়ান  পরিচালিত ‘বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ’ সিনেমাটি (Indian Movie) মূলত একটি কমেডি ছবি ছিল, যেখানে অমিতাভ বচ্চন, গোবিন্দ, মাধুরী দীক্ষিত, রবিনা ট্যান্ডন, অনুপম খের, পরেশ রাওয়ালের মতো অভিনেতাদের অভিনয় করতে দেখা গিয়েছিল, কিন্তু এই নতুন সিনেমাতে পুরনো সিনেমার কোনো মিল আছে কিনা, তা এখনও স্পষ্ট নয়। কিন্তু সিনেমাপ্রেমীরা এই ছবির মুক্তির অপেক্ষাতেই আছেন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Bankura: মুকুটমণিপুর মেলার সূচনা মমতার আমলে! যুবনেত্রীর পর তৃণমূল মন্ত্রীর মন্তব্যে তোলপাড়

    Bankura: মুকুটমণিপুর মেলার সূচনা মমতার আমলে! যুবনেত্রীর পর তৃণমূল মন্ত্রীর মন্তব্যে তোলপাড়

    মাধ্যম নিউজ ডেস্ক: যুবনেত্রীর পর এবার তৃণমূল সরকারের মন্ত্রীর মন্তব্যে ফের বিতর্কের সূত্রপাত। গতকাল বৃহস্পতিবার বাঁকুড়ার (Bankura) মুকুটমণিপুর মেলার সূচনার অনুষ্ঠানে গিয়ে রাজ্যের আদিবাসী দফতরের মন্ত্রী বুলু চিক বরাইক বলেন, “এই সরকারের আমলেই এই মেলা শুরু হয়।” পাল্টা বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুভাষ সরকার বলেন, “মিথ্যে কথা বলাটা তৃণমূলের রন্ধ্রে রন্ধ্রে অবস্থান করছে।” তৃণমূল মন্ত্রীর বক্তব্যে রাজ্যে এবার মেলা নিয়েও শোরগোল পড়ে গেল।

    কবে থেকে মুকুটমণিপুর মেলা?

    বাঁকুড়া (Bankura) জেলার বিষ্ণুপুর মেলার মতো ঐতিহ্যবাহী হল মুকুটমণিপুর মেলা। এই মেলার শুরু হয়েছিল ১৯৯৮ সালে। প্রায় ২৫ বছর ধরে ঐতিহ্য মেনেই এই মেলা অনুষ্ঠিত হয়ে থাকে। কিন্তু রাজ্যের মন্ত্রী বলেন, ‘এই মেলার সূচনা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে।’ আর এই মন্তব্যের কারণেই ব্যাপক বিতর্ক শুরু হয়ে যায়।

    মন্ত্রী কী বলেছিলেন?

    রাজ্য সরকারের অর্থানুকূল্যে মুকুটমণিপুরে (Bankura) মেলার উদ্বোধন অনুষ্ঠানে মন্ত্রী বলেন, “এই মেলা আগে হত না, মুখ্যমন্ত্রী নির্দেশ দেওয়ার পর থেকেই এই মেলা প্রতি বছর হয়ে চলেছে। তাই তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ।” যে মেলা গত ২৫ বছর ধরে চলছে, সেই মেলাকে মাত্র ১২ বছর ধরে চলা একটি সরকারের দ্বারা চালু করা হয়েছে, এই কথা কীভাবে বলা যেতে পারে? এই প্রশ্নে বিরোধীরা কড়া সমালোচনা করেছে রাজ্যের মন্ত্রী বুলু চিক বরাইককে।

    বিজেপির বক্তব্য

    রাজ্যের মন্ত্রীর বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া দিয়েছেন বাঁকুড়ার (Bankura) বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুভাষ সরকার। তিনি বলেন, “মিথ্যে বলাটা ওঁদের একটি বড় বদ অভ্যাস। ২৪ বছর আগে কি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ছিলেন? এই সব অবান্তর কথা বলে মানুষকে বিভ্রান্ত করা যাবে না। শাসক দলের মন্ত্রী ভুলে গেছেন দল আর সরকার এক নয়। সরকারি কাজে দলের নেতানেত্রীর নামে শ্লোগান দেওয়া গণতন্ত্র এবং সংবিধান বিরোধী।”

    ‘কার্জন গেট’ নিয়ে যুবনেত্রীর বেফাঁস মন্তব্য

    যুব তৃণমূলের রাজ্য সভানেত্রী গতকাল বর্ধমানের এক সভায় বক্তব্য রাখতে গিয়ে বলেছিলেন, “ছিল কি গেট? এই আলো ধবধবে রাস্তা, সবটাই তৃণমূলের আমলে হয়েছে।” অথচ ইতিহাস বলছে ১৯০৩ সালে জিটি রোডের ধারে বিরাট তোরণ তৈরি করা হয়েছিল। ১৯০৪ সালে তৎকালীন ভাইসরয় লর্ড কার্জনের নামে ‘কার্জন গেট’ নামকরণ হয়। এরপরে ১৯৪৭ সালের পর দেশ স্বাধীন হলে নাম বদল করে রাখা হয় ‘বিজয় তোরণ’। বিরোধীদের বক্তব্য, ‘তৃণমূলের মধ্যে ইতিহাসবোধ কম”। ফলে মুকুটমণিপুর মেলা (Bankura) নিয়ে মন্ত্রীর মন্তব্যে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে।  

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Howrah Station: মাপকাঠি পরিচ্ছন্নতা ও সবুজায়ন, ৮৩ পয়েন্ট পেয়ে সেরা নির্বাচিত হাওড়া স্টেশন

    Howrah Station: মাপকাঠি পরিচ্ছন্নতা ও সবুজায়ন, ৮৩ পয়েন্ট পেয়ে সেরা নির্বাচিত হাওড়া স্টেশন

    মাধ্যম নিউজ ডেস্ক: ফের পুরস্কৃত হাওড়া স্টেশন (Howrah Station)। পরিচ্ছন্নতা এবং সবুজায়নের মাপকাঠিতে অন্যতম সেরা নির্বাচিত হল পূর্ব ভারতের গেটওয়ে হাওড়া স্টেশন। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, পরিবেশবান্ধব স্টেশন হিসেবে হাওড়া স্টেশনকে প্ল্যাটিনাম রেটিংয়ের তকমা দিয়েছে কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি এবং ইন্ডিয়ান গ্রিন বিল্ডিং কাউন্সিল। হাওড়া স্টেশনের ভাগ্যে জুটেছে সর্বোচ্চ ৮৩ পয়েন্ট। মাত্র ৫ মাসেই এই সাফল্য বলে দাবি করেছে পূর্ব রেল কর্তৃপক্ষ।

    ২০১৮ সালে প্রথম সিলভার রেটিং

    দেশের রেল স্টেশনগুলিকে পরিষ্কার-পরিচ্ছন্ন এবং পরিবেশবান্ধব হিসেবে গড়ে তুলতে সবুজ স্টেশনের তকমা দিতে শুরু করে যৌথভাবে কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি এবং ইন্ডিয়ান গ্রিন বিল্ডিং কাউন্সিল। এই উদ্যোগকে বাস্তবায়িত করতে ভারতীয় রেলের এনভায়রনমেন্ট ডাইরেক্টরেট সহযোগিতা করে। বছর পাঁচেক আগে ২০১৮ সালে প্রথমবার হাওড়া স্টেশন সবুজায়নের জন্য সিলভার রেটিং পায়। এরপর ২০২১ সাল পর্যন্ত তা একই ছিল। ২০২৩ সালের জুন মাসে এই স্টেশন পায় গোল্ড রেটিং। এরপরই নড়েচড়ে বসেন পূর্ব রেলের হাওড়া ডিভিশনের ডিআরএম সঞ্জীব কুমার। হাওড়া স্টেশনকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি সবুজায়নের (Howrah Station) ওপর সমান গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে নোংরা জল, আবর্জনা এবং বর্জ্য পদার্থ নিষ্কাশনের পাশাপাশি নিউ ক্যাব-রোডের দু পাশে বিভিন্ন প্রজাতির গাছপালা দিয়ে সবুজায়ন করা হয়। এতে সৌন্দর্য বৃদ্ধি পায় স্টেশন চত্বরের। তাই রেটিং-এর সর্বোচ্চ নম্বর পেতে দেরি হয়নি হাওড়া স্টেশনের। কৌশিক মিত্র আরও জানিয়েছেন, আগামী দিনেও বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করা হবে, যার মাধ্যমে যাত্রী স্বাচ্ছন্দ্যের পাশাপাশি স্টেশন চত্বরের সৌন্দর্য বৃদ্ধি করা হবে।

    খুশি রেলযাত্রী, রেলের অফিসাররাও

    হাওড়া স্টেশন এই নতুন তকমা পাওয়ায় খুশি রেলযাত্রী থেকে রেলের অফিসাররাও। যাত্রীরাও (Howrah Station) জানিয়েছেন, আগের থেকে অনেকটাই উন্নত হয়েছে হাওড়া স্টেশনের পরিষ্কার-পরিচ্ছন্নতা ও পরিষেবা। পাশেই মেট্রো রেল প্রকল্প শেষের পথে। স্টেশন সংলগ্ন যাত্রীদের বসার জায়গা, প্ল্যাটফর্ম সর্বত্রই নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা হয়। সেক্ষেত্রে হাওড়া স্টেশনকে এই ধরনের পুরস্কারে পুরস্কৃত করায় তাঁরা খুশি।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • COVID19: করোনার নতুন প্রজাতি বাড়াচ্ছে হৃদরোগের ঝুঁকি? কী বলছেন চিকিৎসকরা? 

    COVID19: করোনার নতুন প্রজাতি বাড়াচ্ছে হৃদরোগের ঝুঁকি? কী বলছেন চিকিৎসকরা? 

    তানিয়া বন্দ্যোপাধ্যায় পাল

    করোনার (COVID19) নতুন প্রজাতি নিয়ে উদ্বিগ্ন সরকার থেকে সাধারণ মানুষ সকলেই। করোনা সংক্রমণ যাতে দেশ জুড়ে ছড়িয়ে পড়তে না পারে, সেজন্য একাধিক সরকারি পরিকল্পনা করেছে স্বাস্থ্য মন্ত্রক। কিন্তু তারপরেও করোনার চোখ রাঙানি রয়েছে। চিকিৎসকদের একাংশ জানাচ্ছেন, করোনার নতুন প্রজাতি হৃদযন্ত্রের বাড়তি বিপদ বাড়াচ্ছে।‌

    কেন হৃদযন্ত্র বিকলের আশঙ্কা? (COVID19)

    চিকিৎসকদের একাংশ জানাচ্ছেন, করোনা ভাইরাস (COVID19) ত্বক, চোখ আর ফুসফুসের ওপর কড়া প্রভাব ফেলেছে। কিন্তু সম্প্রতি দেখা গিয়েছে, হৃদযন্ত্রের ওপর এই ভাইরাসের প্রকোপ মারাত্মক। সম্প্রতি জার্নাল অফ আমেরিকান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের তরফ থেকে জানানো হয়েছে, করোনা পরবর্তী সময়ে বিশ্বজুড়ে বেড়েছে হৃদরোগের দাপট। তরুণ প্রজন্মের হৃদযন্ত্র বিকলের ঘটনা বেশি ঘটছে। করোনা ভাইরাসের জেরেই হৃদযন্ত্রের শক্তি কমছে, এমন একাধিক উদাহরণ পাওয়া গিয়েছে। 
    ভারতের হৃদরোগ বিশেষজ্ঞদের একাংশ জানাচ্ছেন, করোনার নতুন প্রজাতি সবচেয়ে বেশি হৃদযন্ত্রের উপরেই প্রভাব ফেলছে। তাঁরা জানাচ্ছেন, এই নতুন প্রজাতিতে যাঁরা আক্রান্ত হচ্ছেন, তাঁদের একাংশ আগেও করোনা আক্রান্ত হয়েছেন। বারবার আক্রান্ত হওয়ায় তাঁদের শরীরে রোগ প্রতিরোধ শক্তি কমছে। পাশপাশি করোনা আক্রান্তের ফুসফুসের সমস্যা বাড়ছে। ফলে, শ্বাসকষ্টজনিত সমস্যা বেশি দেখা দিচ্ছে। আর তার জেরেই দেহের রক্তচাপ ওঠানামা করছে। ফলে, হৃদযন্ত্রের শক্তি কমছে। হৃদযন্ত্র বিকল হওয়ার আশঙ্কাও বাড়ছে।‌

    কী পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞেরা? (COVID19)

    চিকিৎসকেরা জানাচ্ছেন, করোনা পরবর্তী সময়ে স্বাস্থ্যের বিষয়ে বাড়তি খেয়াল রাখা জরুরি। না হলে যে কোনও বড় বিপদ ঘটতে পারে। বিশেষজ্ঞদের পরামর্শ, করোনা আক্রান্তের সুস্থ হয়ে ওঠার পরে খাদ্যাভ্যাস থেকে জীবনযায়, সব কিছুতেই বাড়তি নজরদারি প্রয়োজন। যেহেতু এই করোনার (COVID19) প্রজাতি হৃদরোগের ঝুঁকি বাড়াচ্ছে, তাই সুস্থ হওয়ার পরেও নিয়মিত রক্তচাপ মাপা জরুরি। রক্তচাপ লাগাতার ওঠানামা করলে কিংবা ধারাবাহিক উচ্চ রক্তচাপের সমস্যা দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন। তাছাড়া, ওজনের বিষয়ে বিশেষ সতর্ক থাকতে হবে। কারণ, স্থূলতা কোলেস্টেরল সহ একাধিক সমস্যা তৈরি করে। যা হৃদরোগের ঝুঁকি কয়েকগুণ বাড়িয়ে দেয়। তাই করোনার পরে কম তেলমশলা যুক্ত পুষ্টিকর খাবার খাওয়া দরকার। কিন্তু পুষ্টির দিকে বিশেষ নজরদারি জরুরি‌‌। কারণ, করোনার পরে দেহে রোগ প্রতিরোধ শক্তি কমে যায়। তাই চোখ, ত্বক, লিভার সহ একাধিক অঙ্গে নানান সমস্যা দেখা দেয়। নিয়মিত সিদ্ধ ডিম, দুধ, খিচুড়ি, আপেল, লেবু খাওয়া দরকার। তবেই দেহে প্রয়োজনীয় শক্তির জোগান হবে। তবে, চিকিৎসকদের পরামর্শ, নিয়ম মাফিক যোগাভ্যাস করতে হবে। রক্তচাপ ঠিক রাখতে, হৃদপিণ্ডের কার্যশক্তি বাড়াতে যোগাভ্যাস সবচেয়ে বেশি সাহায্য করে। তাই করোনা আক্রান্ত সুস্থ হয়ে যাওয়ার পরে নিয়মিত অন্তত ৩০ মিনিট যোগাভ্যাস করার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা।

     

    DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না। এখানে বলা যে কোনও উপদেশ পালন করার আগে অবশ্যই কোনও চিকিৎসক বা বিশেষজ্ঞের পরামর্শ নিন।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • South 24 Parganas: রাম মন্দির উদ্বোধনের আমন্ত্রণপত্র পেয়ে উচ্ছ্বসিত গঙ্গাসাগরের সাধু-সন্ন্যাসীরা

    South 24 Parganas: রাম মন্দির উদ্বোধনের আমন্ত্রণপত্র পেয়ে উচ্ছ্বসিত গঙ্গাসাগরের সাধু-সন্ন্যাসীরা

    মাধ্যম নিউজ ডেস্ক: পুরাণ অনুযায়ী সত্য, ত্রেতা, দ্বাপর, কলি-এই চার যুগের মধ্যে দ্বাপর যুগের শ্রেষ্ঠ পীঠস্থান কুরুক্ষেত্র। একই ভাবে কলি যুগের শ্রেষ্ঠ পীঠস্থান হল দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas) গঙ্গাসাগর। এই গঙ্গাসাগরেই গঙ্গা এবং বঙ্গোপসাগরের মিলন সঙ্গমস্থল পুণ্য তীর্থক্ষেত্রে পরিণত হয়েছে। আর মাত্র হাতে গোনা কয়েকটা দিনের পরই মকর সংক্রান্তির পুণ্যস্নান করতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সন্ন্যাসীরা এসে ভিড় জমাবেন। লক্ষ লক্ষ ভক্তদের সমাগম হবে এই তীর্থধামে। এবার অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধনের নিমন্ত্রণপত্র পেয়ে সাধু সন্ন্যাসীদের মধ্যে তীব্র উচ্ছ্বাস লক্ষ্য করা গিয়েছে।

    কী বলেন গঙ্গাসাগরের সন্ন্যাসীরা (South 24 Parganas)?

    রাম মন্দিরের নিমন্ত্রণ পেয়ে গঙ্গাসাগরের (South 24 Parganas) সন্ন্যাসী কৃষ্ণানন্দ গিরি বলেন, “রাম মন্দির তৈরি হচ্ছে, এটা আমাদের কাছে খুশির খবর। হিন্দু সমাজের জন্য অত্যন্ত গর্বের বিষয়। এই মন্দির দীর্ঘ দিনের আন্দোলনের ফসল। অনেক সাধু, সন্ন্যাসী আগেও মন্দিরের জন্য আত্মত্যাগ করেছেন। একটা সময় ‘কর সেবকরা’ মন্দির নির্মাণের জন্য ইট নিয়ে গিয়েছিলেন। শিলাপুজো করে অনেক আগেই মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপনা করা হয়েছিল। সময় বদলে যাবে, মানুষ বদলে গেলেও অযোধ্যা শ্রীরামের অযোধ্যা হিসাবেই থাকবে। ঈশ্বরের বিগ্রহ নির্মাণের খবরে আমরা অনেক খুশি। প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন, এটা খুব আনন্দের কথা। তবে সামনেই মেলা, ফলে মেলার ব্যস্ততা রয়েছে। আমাদের নিমন্ত্রণপত্র এবং প্রসাদী চাল দিয়ে যাওয়ার কথা বলা হয়েছে।”

    আগামী ২২ জানুয়ারি উদ্বোধন রাম মন্দিরের

    ২২ শে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার আগে গঙ্গাসাগর মেলায় আসা সাধু-সন্ন্যাসীদের হাতে এসে পৌঁছাল মন্দির উদ্বোধনের আমন্ত্রণপত্র। আমন্ত্রণপত্র পেয়ে খুশি গঙ্গাসাগর মেলায় আসা সাধু-সন্ন্যাসীরা। গঙ্গাসাগরকে নিয়ে যেমন রয়েছে হিন্দুদের একাধিক পৌরাণিক কাহিনী, ঠিক তেমনি অন্যতম পীঠস্থান অযোধ্যার শ্রীরামকে ঘিরে রয়েছে ঐতিহাসিক নানান কাহিনী। হিন্দু ধর্ম চেতনায় একে অপরের সাথে যেন অঙ্গাঙ্গিভাবে যুক্ত। সমানেই গঙ্গাসাগর (South 24 Parganas) মেলা। কিন্তু তাঁরা সেই অযোধ্যায় গিয়ে পৌঁছাতে পারবেন কিনা, তা নিয়ে অনেকটাই সন্দেহ প্রকাশ করেছেন। তবে এমন আমন্ত্রণপত্র তাঁদের  কাছে অনেকটাই গর্বের বলে জানাচ্ছেন সাধু-সন্ন্যাসীরা।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Howrah: এই বোধহয় উন্নয়ন! ভাঙাচোরা রাস্তায় টোটো উল্টে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত্যু শিশুর

    Howrah: এই বোধহয় উন্নয়ন! ভাঙাচোরা রাস্তায় টোটো উল্টে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত্যু শিশুর

    মাধ্যম নিউজ ডেস্ক: একদিকে ভাঙা রাস্তা, অন্যদিকে টোটোর দৌরাত্ম্য। এই দুইয়ের জেরে মাঝেমধ্যেই বড়সড় দুর্ঘটনা ঘটছে হাওড়া শহরে। প্রায় প্রতিদিনই জখম হচ্ছেন মানুষ। এবার স্কুল থেকে ফেরার পথে টোটো উল্টে রাস্তায় পড়ে গিয়ে মৃত্যু হল এক শিশুর। ওই টোটোতে চেপেই বাড়ি ফিরছিল বছর তিনেকের রূপক মালিক। টোটোটি চালাচ্ছিলেন তার দাদু গণেশ। হাওড়া পুরসভার (Howrah) ৪৫ নম্বর ওয়ার্ডের হাঁসখালি পোলের কাছে হরেকৃষ্ণ নগরে টোটোটি যখন ভাঙা রাস্তার উপর দিয়ে যাচ্ছিল, সেই সময় সেটি লাফাতে থাকে এবং উল্টে যায়। টোটো থেকে পড়ে জখম হয় ওই শিশুটি। তার মাথায় চোট লাগে। শিশুর দাদুর পায়ের হাড় ভেঙে যায়। স্থানীয় হাসপাতালে চিকিৎসা শুরু করা হলেও শেষ পর্যন্ত শিশুটির মৃত্যু হয়। 

    শোকাচ্ছন্ন পরিবার (Howrah)

    এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শিশুটির পরিবার সূত্রে জানা গেছে, রূপক স্থানীয় একটি স্কুলে নার্সারিতে পড়াশোনা করত। বৃহস্পতিবার সকালে স্কুল থেকে টোটোয় চাপিয়ে নিয়ে আসছিলেন দাদু গণেশ। গনেশবাবু জানান, রাস্তা খারাপ থাকায় টোটো উল্টে যায়। গুরুতর জখম হন দু’জনেই। এরপর স্থানীয় বাসিন্দারা শিশু-সহ তার দাদুকে হাওড়া হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেন। শিশুটির শারীরিক অবস্থার অবনতি হয়। পরে সেখানেই মৃত্যু হয়। গণেশবাবু ওই হাসপাতালে (Howrah) চিকিৎসাধীন। শিশুর মৃত্যুতে শোকাচ্ছন্ন পরিবার। তারা রাস্তার বেহাল দশাকে দুষছে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, শিশুটির মাথায় হ্যামারেজ হয়েছিল। তার জেরেই মৃত্যু।

    টোটোর দৌরাত্ম্য কমেনি (Howrah)

    এদিকে হাওড়া শহরজুড়ে যত্রতত্র টোটোর দৌরাত্ম্য কমাতে হাওড়া সিটি পুলিশের পক্ষ থেকেও বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। অনুমোদনহীন রাস্তায় এবং জাতীয় সড়কে বেপরোয়া টোটোর বিরুদ্ধে ইতিমধ্যেই কয়েক দফায় অভিযান চালিয়ে কয়েক শত টোটো আটক করেছে হাওড়া সিটি পুলিশ। তারপরেও কমানো যায়নি টোটোর দৌরাত্ম্য। অন্যদিকে তিন বছরের এই শিশুর মৃত্যুর জন্য স্থানীয় বাসিন্দারা ভাঙা রাস্তাকেই দায়ী করেছেন। তাঁদের অভিযোগ, হাঁসখালি পোল সংলগ্ন  হরেকৃষ্ণ নগরের এই সিমেন্টের রাস্তা কয়েক বছর আগেই ভেঙে চৌচির হয়ে যায়। রাস্তার মাঝখানে বড় বড় গর্ত তৈরি হয়। বাসিন্দারা হাওড়া (Howrah) পুরসভাকে বারবার জানালেও রাস্তা মেরামত করা হয়নি। মাঝেমধ্যেই এই রাস্তায় টোটো উল্টে দুর্ঘটনা ঘটে। এদিনও টোটো উল্টে গিয়েই ওই শিশুর মৃত্যু হয়।

    কী অভিযোগ বাসিন্দাদের? (Howrah)

    স্থানীয় বাসিন্দা সুজাতা সাধুখাঁ বলেন, দীর্ঘদিন ধরে রাস্তার এই বেহাল অবস্থা। বিশেষ করে বর্ষাকালে এই বড় বড় গর্তে জল জমে থাকায় দুর্ঘটনা আরও বাড়ে। পাইপলাইন তৈরি বা অন্যান্য কাজে মাঝেমধ্যে রাস্তা খোঁড়া হয়। কিন্তু তারপর সেই রাস্তার মেরামত করা হয় না। ওই অবস্থাতেই পড়ে থাকে। ফলে সেই ভাঙা রাস্তা দিয়ে প্রাণ হাতে তাঁদের প্রতিদিন চলাচল করতে হয়। প্রত্যক্ষদর্শী সুজাতা অধিকারী বলেন, ভাঙা রাস্তার কারণে একজন শিশু চলে গেল। এটা খুবই খারাপ লাগছে। টোটো উল্টে যাওয়ার পরেই শিশুটির মাথায় চোট লেগে। মাথা ফেটে রক্ত বেরতে থাকে। সেই অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু বাঁচানো যায়নি। আর এক বাসিন্দা গোপালচন্দ্র বসু বলেন, দীর্ঘদিন রাস্তাটি (Howrah) ভাঙাচোরা, মেরামতির কাজও শুরু হয়েছে একদিকে। অন্যদিকে যে অংশটি বেশি ভাঙা, সেখান দিয়েই এদিন টোটো যেতে গিয়ে দুর্ঘটনা ঘটে।

    সাফাই পুর-প্রশাসকের

    হাওড়া (Howrah) পুরসভার প্রশাসকমণ্ডলীর চেয়ারম্যান সুজয় চক্রবর্তী জানিয়েছেন, অনেক সময় জরুরি কাজের জন্য রাস্তা খোঁড়াখুঁড়ি করতে হয়। এক্ষেত্রে কী হয়েছে, তা খোঁজ নিয়ে দেখবেন। তিনি বলেন, শিশুটির মৃত্যু খুবই দুর্ভাগ্যজনক। তবে ৪৫ ও ৪৬ নম্বর ওয়ার্ডে পুরসভার পক্ষ থেকে বেশ কিছু রাস্তা ইতিমধ্যেই মেরামত করা হয়েছে। এই রাস্তাটি কী অবস্থায় ছিল, সে বিষয়টি খতিয়ে দেখা হবে এবং পুরসভার পক্ষ থেকে সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Malda: লোকসভার আগে বিজেপির প্রচার শুরু, জেলায় ঘুরবে “মোদি গ্যারান্টি ভ্যান”

    Malda: লোকসভার আগে বিজেপির প্রচার শুরু, জেলায় ঘুরবে “মোদি গ্যারান্টি ভ্যান”

    মাধ্যম নিউজ ডেস্ক: সামনেই লোকসভার ভোট। ময়দানে বিজেপি নেমে পড়েছে। ভোটারদের মন জয় করতে কেন্দ্রীয় প্রকল্পের সুবিধার কথা প্রচার করার কাজ শুরু হয়ে গিয়েছে দেশ জুড়ে। এবার মালদায় (Malda) লোকসভা ভোটের আগে তাই সাধারণের কাছে কেন্দ্রীয় সরকারের প্রকল্পের প্রচার তুলে ধরতে উদ্যোগী বিজেপি। প্রতিটি লোকসভায় ঘুরবে ট্যাবলো। যার নাম দেওয়া হয়েছে “মোদি গ্যারান্টি ভ্যান”। আজ শুক্রবার মালদহ উত্তরে এই ট্যাবলোর সূচনা করেন মালদা উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মু। উপস্থিত ছিলেন বিজেপি বিধায়ক ও জেলা নেতৃত্ব।

    ট্যাবলোয় পাওয়া যাবে আবেদনপত্র (Malda)

    আগামী এক মাসেরও বেশি সময় মালদার বিভিন্ন গ্রামাঞ্চল এবং শহরে কেন্দ্রীয় সরকারের প্রকল্প সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করার কাজ করা হবে। একই সঙ্গে প্রচার চালানো হবে এই গ্যারান্টি ভ্যান থেকে। এছাড়া কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পে নাম নথিভুক্তকরণের জন্য আবেদনপত্র পাওয়া যাবে এই প্রচার ভ্যানেই। এর ফলে সাধারণ বহু মানুষ উপকৃত হবেন বলে দাবি করেছেন মালদা উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মু।

    কী বললেন খগেন মুর্মু?

    মালদা উত্তর লোকসভার সাংসদ খগেন মুর্মু বলেন, “এই গাড়ি হল মোদি গ্যারান্টি ভ্যান। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মুখে যা বলেন, বাস্তবে তাই করে দেখান। গত নয় বছরে কী কী প্রকল্প নেওয়া হয়েছে, সাধারণ মানুষের কাছে কীভাবে এই সুযোগ পৌঁছাবে, সেই কথা এই গাড়িতে প্রচার করা হবে। দেশের পিছিয়ে থাকা দলিত সাধারণ মানুষ কীভাবে উন্নয়নের পথে ভারতকে এগিয়ে নিয়ে যাবেন, সেই কথাও এলাকায় এলাকায় ঘুরে প্রচার করা হবে। স্বনির্ভর ভারত, আত্মনির্ভর ভারত গড়তে গেলে এই মোদির গ্যারান্টি একান্ত প্রয়োজন। যদি কেউ কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হয়ে থাকেন, তাহলে সরাসরি আবেদন করতে পারবেন। আজ মালদায় দুটি গাড়ি এসেছে। আগামীতে আরও গাড়ি আসবে। সারা দেশ জুড়ে ২০০০ এর বেশি গাড়ি মোদির গ্যারান্টি নিয়ে প্রচার করছে। নয় বছরের সরকারের কাজে প্রকল্প এখনও যাঁরা জানেন না, তাঁদের কাছে পৌঁছানোই এই প্রচারের একমাত্র লক্ষ্য।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Kolkata Airport: বিশ্বের সেরা দশ বিমানবন্দরের তালিকায় কলকাতা, বছরের শুরুতে সাফল্য আরও

    Kolkata Airport: বিশ্বের সেরা দশ বিমানবন্দরের তালিকায় কলকাতা, বছরের শুরুতে সাফল্য আরও

    মাধ্যম নিউজ ডেস্ক: বিশ্বের সেরা দশ বিমানবন্দরের তালিকায় স্থান পেল কলকাতা বিমানবন্দর (Kolkata Airport)। বিশ্বের সব মধ্যম আকারের বিমানবন্দরের মধ্যে নবম স্থান পেয়েছে কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর। এছাড়া দেশের মধ্যে দ্বিতীয় লাভজনক বিমানবন্দর হিসেবে স্থান পেয়েছে কলকাতা। এদিকে বৃহৎ বিমানবন্দর বিভাগে যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থান পেয়েছে হায়দরাবাদ ও বেঙ্গালুরু বিমানবন্দর। উড়ান টিকিটের ভাড়ার নিরিখে অষ্টম স্থান পেয়েছে বেসরকারি উড়ান সংস্থা ইন্ডিগো। এশিয়া প্রশান্ত মহাসাগরীয় এলাকায় বিমান পরিষেবার কোম্পানিগুলির মধ্যে চতুর্থ স্থানে রয়েছে ভারতের এই সংস্থা। সম্প্রতি বিভিন্ন বিভাগে বিশ্বের সেরা বিমানবন্দরগুলির তালিকা প্রকাশ করেছে আন্তর্জাতিক বিমানবন্দর পর্ষদ। সেখানে কর্মদক্ষতা ও সময়ানুবর্তিতার নিরিখে দ্বিতীয় ও তৃতীয় স্থান পেয়েছে বেঙ্গালুরু ও হায়দরাবাদ বিমানবন্দর।

    উড়ান সংস্থার র‍্যাঙ্কিং হয় কীভাবে? (Kolkata Airport)

    উল্লেখ্য, বিমানবন্দর বা উড়ান সংস্থার ব়্য়াঙ্কিং দেওয়া হয় অন টাইম পারফরম্য়ান্স বা ওটিপি-র উপর ভিত্তি করে। নবম স্থানে থাকা কলকাতা বিমানবন্দরের ওটিপি ৮৩.৯১ শতাংশ বলে জানা গিয়েছে। বৃহৎ বিমানবন্দরের বিভাগে ৮৪ শতাংশের বেশি ওটিপি পেয়ে দ্বিতীয় স্থানে উঠেছে এসেছে হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর। এই বিভাগে তৃতীয় স্থান পাওয়া বেঙ্গালুরুর কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরের ওটিপি ৮৪. ৪  শতাংশ। কোভিড পরবর্তী সময়ে কলকাতা বিমানবন্দর সবচেয়ে বেশি যাত্রী পেয়েছে সদস্য সদ্য শেষ হওয়া ২০২৩ সালের ডিসেম্বর মাসে। কলকাতা বিমানবন্দরের তথ্য বলছে, সর্বমোট ১৮ লক্ষ ৫০ হাজার যাত্রী ডিসেম্বর মাসে কলকাতা বিমানবন্দরে পা রেখেছেন বিমান ধরতে বা বিমানে করে এসে। কোভিডের সময় একাধিক নিষেধাজ্ঞার জন্য বিমানযাত্রীর সংখ্যা কমে গিয়েছিল কলকাতায়। কিন্তু কোভিড বিধি উঠে যাওয়ার পর থেকে কলকাতা সহ রাজ্য এবং দেশের জনজীবন যত স্বাভাবিক ছন্দে ফিরেছে, ততই ফের কলকাতা বিমানবন্দর (Kolkata Airport) হয়ে যাতায়াতের জন্য যাত্রীদের ভিড় বেড়েছে। তার মধ্যেই দেখা যাচ্ছে ২৩ ডিসেম্বরেই কলকাতা বিমানবন্দরে রেকর্ড সংখ্যক যাত্রী হয়েছে। কোনও একটি মাসের ক্ষেত্রে এই যাত্রীসংখ্যা অভূতপূর্ব।

    কোনও রুটই বন্ধ হয়নি (Kolkata Airport)

    বিশেষজ্ঞদের দাবি, বিমানভাড়া বাস ও রেলের থেকে অনেকটাই বেশি। তা সে টিকিট আগে কিনে রাখা হোক কী পরে। সাধারণত বিমানের টিকিটের ক্ষেত্রে ভাড়া বাড়ে প্রিমিয়াম হারে। অর্থাৎ বিমানের যাত্রার সময় যত এগিয়ে আসে, সেই বিমানের টিকিটের ভাড়াও ততই বাড়ে। এই ভাড়া বহন করার ক্ষমতা কতজনের আছে, সেটার ওপরেই একটি বিমানের পরিষেবা প্রদানের ক্ষেত্রে লাভজনক বা ক্ষতির বিষয়টি চিহ্নিত হয়। অর্থাৎ বিমান চালিয়ে লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে, তা টিকিট বিক্রির টাকা থেকেই বোঝা যায়। এখন কোনও সংস্থাই অলাভজনক রুটে বিমান চালাতে চায় না। সবাই লাভজনক রুটেই বিমান চালাতে চাইছে। সেই হিসাবে দেখা যাচ্ছে কলকাতা থেকে কোভিড পরবর্তী সময়ে দেশের মধ্যেকার নানা শহরে যাওয়ার জন্য যত নতুন রুট চালু হয়েছে, তার কোনওটাই বন্ধ হয়ে যায়নি। সেই সব রুটে যাত্রী পাওয়া যাচ্ছে। পাশাপাশি সময় বাঁচানোর জন্যও অনেকে ট্রেনের বদলে বিমানকে বেছে নিচ্ছেন। কলকাতা থেকে সরাসরি বিদেশে যাওয়ার বিমান কম থাকলেও দেখা যাচ্ছে দেশের মধ্যেকার নানা শহরে যাওয়া বিমানের সংখ্যা ক্রমশ বেড়ে চলেছে। তা সে ভোরের বিমান হোক কী মধ্যরাতের বিমান। আর যেহেতু বিমান বাড়ছে, পাল্লা দিয়ে যাত্রী সংখ্যাও বাড়ছে। আর তাই বিমানবন্দরও (Kolkata Airport) লাভজনক হিসাবে দ্রুত উঠে আসছে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Toy Train: এক মাসে পাঁচ বার! দার্জিলিঙে ফের লাইনচ্যুত টয় ট্রেন, আতঙ্কে পর্যটকরা

    Toy Train: এক মাসে পাঁচ বার! দার্জিলিঙে ফের লাইনচ্যুত টয় ট্রেন, আতঙ্কে পর্যটকরা

    মাধ্যম নিউজ ডেস্ক: লাইনচ্যুত হল হেরিটেজ টয় ট্রেন (Toy Train)। ইংরেজি নতুন বছরের প্রথম দিনের পর ফের বৃহস্পতিবার। এদিন দার্জিলিং থেকে ঘুমে যাওয়ার পথে টয় ট্রেনের জয় রাইডের ইঞ্জিন লাইনচ্যুত হয়। কেউ হতাহত না হলেও দুর্ভোগে পড়েন পর্যটকরা। এক মাসের মধ্যে পাঁচবার টয় ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনায় বিপাকে দার্জিলিং হিমালয়ান রেল ( ডিএইচার)।

    ঠিক কী হয়েছিল? (Toy Train)

    বৃহস্পতিবার দুপুরে দার্জিলিং থেকে ৫৯ জন যাত্রী নিয়ে টয় ট্রেনের একটি জয় রাইড ঘুমের উদ্দেশে যাত্রা করে। বেলা দুটো নাগাদ ঘুম স্টেশনের কাছে মেরি ভিলার কাকঝোরায় হঠাৎই ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়। ঝাঁকুনিতে আতঙ্কে পর্যটকরা ট্রেন থেকে নেমে পড়েন। প্রায় এক ঘণ্টার চেষ্টায় ট্রেনটিকে লাইনে তুলে ফের চালানো হয়েছে বলে জানান ডিআরএম সুরেন্দ্র কুমার। যাত্রীদের সকলেই সেই ট্রেনে (Toy Train) আবার ভ্রমণ করেছেন। কিন্তু দীর্ঘক্ষণ অপেক্ষার পর বিরক্তি প্রকাশ করে বেশ কিছু পর্যটক সড়ক পথে দার্জিলিং ফিরে যান।

    পরপর দুর্ঘটনায় পর্যটকদের বিরক্তি ও ভীতি (Toy Train)

    ভরা পর্যটন মরশুমে পর পর টয় ট্রেন লাইনচ্যুত হওয়ায় দেশ-বিদেশের পর্যটরা হতাশ। ঘুরতে এসে এই ধরনের ঘটনায় টয় ট্রেন নিয়ে অনেকেই বিরক্তি প্রকাশ করেছেন, ভীতিও বাড়ছে। কেননা এক মাসের মধ্যে পাঁচবার এই ধরনের ঘটনা ঘটল। ইংরেজি নতুন বছরের প্রথম দিনে একটি জয় রাইড দার্জিলিং স্টেশন থেকে রওনা হওয়ার ১০ মিনিট বাদে লাইনচ্যুত হয়। তার আগে ১৫ ডিসেম্বর দার্জিলিংয়ে পর্যটক ঠাসা টয় ট্রেনের একটি জয় রাইডের ইঞ্জিন লাইন থেকে বেরিয়ে যায়। তার ৭২ ঘণ্টার মধ্যে গত ১৮ ডিসেম্বর শিলিগুড়ি থেকে দার্জিলিং যাওয়ার পথে যাত্রী ঠাসা টয় ট্রেন রংটংয়ের কাছে ইঞ্জিন বিভ্রাটে থমকে পড়ে। সেই ট্রেন আর চালানো যায়নি সেদিন। গত ২০ ডিসেম্বর দুপুরে কার্শিয়াংয়ের কাছে লাইনচ্যুত হল টয় ট্রেনের (Toy Train) একটি লাইট ইঞ্জিন। তবে এতে কোনও যাত্রী ছিল না।

    ইউনেস্কোর সতর্কবার্তায় বিড়ম্বনা (Toy Train)

    আর এর মধ্যেই রক্ষণাবেক্ষণ নিয়ে ডিএইচআরকে সতর্ক করেছে ইউনেস্কো। যা ডিএইচআর কর্তাদের বিড়ম্বনায় ফেলেছে। পরপর দুর্ঘটনার মাঝে ইউনেস্কোর সতর্কবার্তা বিশেষ তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। সম্প্রতি ইউনেস্ক হেরিটেজ টয় ট্রেনের রক্ষণাবেক্ষণ সহ দার্জিলিং এবং ঘুম স্টেশন সংস্কারের কাজ নিয়ে ডিএইচআরকে সতর্ক করেছে। যেভাবে কাজ চলছে তাতে ইউনেস্কো সন্তুষ্ট নয়।

    কী বলছেন রেলকর্তারা?

    উত্তর-পূর্ব সীমান্ত রেলের কাটিহারের ডিআরএম সুরেন্দ্র কুমার বলেন, ছোট ট্রেন (Toy Train), চাকাও ছোট। মাঝে মধ্যে এধরনের ঘটনা ঘটে থাকে। তবে প্রতিটি দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত করা হচ্ছে। ইউনেস্কোর পরামর্শ মতোই আমরা কাজ করছি।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Nadia: বিরোধিতার মাশুল! ভোজালি দিয়ে বিজেপি কর্মীকে খুন করল তৃণমূলের দুষ্কৃতীরা

    Nadia: বিরোধিতার মাশুল! ভোজালি দিয়ে বিজেপি কর্মীকে খুন করল তৃণমূলের দুষ্কৃতীরা

    মাধ্যম নিউজ ডেস্ক: এক বিজেপি কর্মীকে ভোজালি দিয়ে খুনের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য। অভিযোগের তীর তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। অভিযুক্ত গ্রেফতার না হলে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছে বিজেপি। ঘটনাটি ঘটেছে নদিয়ার (Nadia) ভীমপুর থানার পুড়াগাছা এলাকায়। মৃত ওই বিজেপি কর্মীর নাম নিমাই বাগ, বয়স আনুমানিক ৫৯ বছর। জানা গিয়েছে, ভীমপুর থানার আসাননগর পুরাগাছা এলাকার বাসিন্দা নিমাই বাগ দীর্ঘদিন ধরে সক্রিয়ভাবে বিজেপির সঙ্গে যুক্ত ছিলেন। পরিবারের অভিযোগ, এর আগেও বিজেপি করার জন্য তৃণমূলের পক্ষ থেকে তাঁকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হত। যেহেতু ওই এলাকায় সাধারণ মানুষের সঙ্গে নিমাই বাগের সুসম্পর্ক ছিল, সেই কারণে তৃণমূলের চক্ষুশূল হয়ে উঠেছিলেন তিনি। গতকাল রাতে তিনজন বাড়ি থেকে বেরিয়েছিলেন। হঠাৎ রাস্তায় তাঁর রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখেন এলাকার বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় তাঁঁর পরিবারের মানুষ। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ভীমপুর থানার বিশাল পুলিশ বাহিনী। এরপরে নিমাই বাগের মৃতদে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় পুলিশ। আজ মৃতদেহটি ময়না তদন্তের জন্য শক্তিনগর জেলা হাসপাতালে পাঠানো হবে। অন্যদিকে ঘটনার খবর পেয়ে ছুটে আসে ওই এলাকার বিজেপি নেতৃত্ব।

    অভিযুক্তদের গ্রেফতার চান মেয়ে (Nadia)

    এ বিষয়ে মৃত নিমাই বাগের মেয়ে কাজল বাগ (Nadia) বলেন, আমার বাবাকে ভোজলি দিয়ে খুন করেছে ওই এলাকার তৃণমূল কর্মী পরেশ সাঁতরা। বিজেপি করার কারণে এর আগেও তারা আমার বাবাকে হুমকি দিয়েছিল। আমি চাই অবিলম্বে অভিযুক্ত গ্রেফতার হোক এবং আইনত ব্যবস্থা গ্রহণ করুক প্রশাসন।

    আন্দোলনের হুমকি বিজেপির (Nadia)

    অন্যদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুরাগাছা পঞ্চায়েতের বিজেপি প্রধান (Nadia) অশোক বিশ্বাস। ঘটনা তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, আগামিকালের মধ্যে যদি অভিযুক্ত গ্রেফতার না হয়, তাহলে আমরা বড়সড় আন্দোলনের নামব। পাশাপাশি তিনি বলেন, শুধুমাত্র পোড়াগাছার ঘটনা নয়, গোটা রাজ্যজুড়ে তৃণমূল বুঝতে পেরেছে তাদের আর কোনও জায়গা নেই। সেই কারণেই বেছে বেছে বিজেপি কর্মীদের খুন করা হচ্ছে। মানুষ পুলিশের কাছে গিয়েও রেহাই পাচ্ছে না। তার কারণ পুলিশ তৃণমূলের দলদাস। আমরা বহুবার আদালতের দ্বারস্থ হয়েছি। এবার প্রয়োজনে রাস্তা অবরোধের পাশাপাশি বৃহত্তর আন্দোলনে নামব।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

LinkedIn
Share