Blog

  • Sharad Pawar: এনসিপি-র সভাপতি পদে ইস্তফা পাওয়ারের, উত্তরসূরি কে?

    Sharad Pawar: এনসিপি-র সভাপতি পদে ইস্তফা পাওয়ারের, উত্তরসূরি কে?

    মাধ্যম নিউজ ডেস্ক: নিজের হাতে গড়া ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির (NCP) প্রধানের পদ থেকে সরে দাঁড়ালেন শারদ পাওয়ার (Sharad Pawar)। আত্মজীবনীর দ্বিতীয় সংস্করণ প্রকাশের অনুষ্ঠানে তিনি বলেন, আমি এনসিপির সর্বভারতীয় সভাপতির পদে ইস্তফা দিচ্ছি। দলের সভাপতির পদ থেকে সরে দাঁড়ানোর কথা বললেও, তিনি যে আপাতত রাজনীতি ছাড়ছেন না, এদিন তাও জানিয়ে দিয়েছেন বর্ষীয়ান এই রাজনীতিবিদ। তবে দলের রাশ মেয়ে সুপ্রিয়া সুলে নাকি ভাইপো অজিত পাওয়ারের হাতে তুলে দেবেন দলের প্রাক্তন সভাপতি, তা এখনও জানা যায়নি।

    শারদ পাওয়ার (Sharad Pawar) কী ঘোষণা করলেন…

    পাওয়ারের আত্মজীবনীর নাম ‘লোক মাজে সঙ্গতি’। এই বইয়েরই দ্বিতীয় সংস্করণ প্রকাশের অনুষ্ঠান হচ্ছিল মুম্বইয়ে। সেখানেই দলের সভাপতি পদে ইস্তফা দেওয়ার কথা ঘোষণা করেন এই প্রবীণ রাজনীতিবিদ। অনুষ্ঠানে উপস্থিত দলীয় নেতা-কর্মী-সমর্থকরা পাওয়ারের (Sharad Pawar) এই ঘোষণায় প্রথমে হকচকিয়ে গেলেও, পরে তাঁরা সিদ্ধান্ত বদলের আর্জি জানান তাঁকে। যদিও পাওয়ার তাঁর নিজের সিদ্ধান্তেই অনড় থাকেন। পাওয়ার জানান, একটি কমিটি গঠন করা হবে। সেই কমিটিই সিদ্ধান্ত নেবে তাঁর অবর্তমানে দলের সর্বভারতীয় সভাপতি হবেন কে।

    জানা গিয়েছে, দলের ওই কমিটিতে থাকবেন প্রফুল্ল প্যাটেল, সুনীল তাটকরে, কেকে শর্মা, পিসি চাকো, অজিত পাওয়ার, জয়ন্ত পাতিল, সুপ্রিয়া সুলে, ছগন ভুজবল, দিলীপ ওয়ালসে পাতিল, অনিল দেশমুখ, রাজেশ টোপে, জিতেন্দ্র আওহাদ, হাসান মুশরিফ, ধনঞ্জয় মুন্ডে এবং জয়দেব গায়কোয়াড়। কমিটিতে থাকবেন জাতীয়তাবাদী মহিলা কংগ্রেসের সভাপতি ফৌজিয়া খান, জাতীয়তাবাদী যুব কংগ্রেসের সভাপতি ধীরজ শর্মা, জাতীয়তাবাদী যুব কংগ্রেস এবং জাতীয়তাবাদী ছাত্র কংগ্রেসের সভাপতি সোনিয়া দুহান।

    আরও পড়ুুন: বিজেপি কর্মী খুনের প্রতিবাদে কাল ময়নায় ১২ ঘণ্টা বনধের ডাক শুভেন্দুর, জেলা জুড়ে অবরোধ

    পাওয়ার (Sharad Pawar) বলেন, রাজ্যসভায় আমার মেয়াদ শেষ হতে এখনও তিন বছর বাকি রয়েছে। তার পর থেকে আমি আর নির্বাচনে লড়াই করব না। এই তিন বছরে আমি আরও বেশি করে দেশ এবং রাজ্যের হিতে কাজ করে যাব। নতুন কোনও দায়িত্ব নেওয়ার ইচ্ছে আর নেই। তবে তিনি যে আপাতত রাজনীতি থেকে সরছেন না, এদিন তাও জানিয়েছেন পাওয়ার। বলেন, আমার সহকর্মীদের বলতে চাই, প্রেসিডেন্টের পদ থেকে সরে দাঁড়ালেও আমি জনজীবন থেকে সরে যাওয়ার কথা ভাবছি না। আমি আপনাদের সঙ্গেই থাকব। পাওয়ার বলেন, ১৯৯৯ সালে এনসিপি গঠনের পর থেকে আমি দলের সভাপতি। ২৪ বছর ধরে আমি এই পদে রয়েছি। আমার সময় হয়েছে। এই দলকে এগিয়ে নিয়ে যাওয়ার সময় হয়েছে নতুন প্রজন্মের।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Fatima Bhutto: ভাইরাল ছবি! বিয়ের পর হিন্দু মন্দিরে পুজো বেনজির ভুট্টোর ভাইঝি ফতিমার

    Fatima Bhutto: ভাইরাল ছবি! বিয়ের পর হিন্দু মন্দিরে পুজো বেনজির ভুট্টোর ভাইঝি ফতিমার

    মাধ্যম নিউজ ডেস্ক: বিয়ের পর হিন্দু মন্দিরে গিয়ে পুজো দিলেন পাকিস্তানের লেখিকা তথা প্রাক্তন পাক প্রধানমন্ত্রী জুলফিকার আলি ভুট্টোর নাতনি ফতিমা ভুট্টো (Fatima Bhutto)। সম্পর্কে তিনি নিহত পাক (Pakistan) প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর (Benazir Bhutto) ভাইঝি। পাকিস্তানের বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টোর তুতো বোন।

    হিন্দু মন্দিরে পুজো

    গত শুক্রবার ঘরোয়াভাবেই তাঁর নিকাহর অনুষ্ঠান হয়। তারপরেই করাচির (Karachi) একটি মন্দিরে যান নবদম্পতি। নেটদুনিয়ায় ভাইরাল হয়ে যায় তাঁদের ছবি। সেই ছবি দেখে নেটিজেনদের অবশ্য মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে। অনেকেই ফতিমার (Fatima Bhutto) আচরণের প্রশংসা করেছেন। তবে একাংশের মতে, ফতিমা কেন মন্দিরে গিয়েছেন। সংবাদ সংস্থা সূত্রে খবর, বিয়ের পর নবদম্পতি গিয়েছিলেন শিবমন্দিরে। সেখানে শিব লিঙ্গের মাথায় দুধ ঢালেন ফাতিমা ও তাঁর স্বামী গ্রাহাম জিব্রাম। করাচির হিন্দু সিন্ধি পরিবারগুলি ওই মন্দিরে পুজো দেয়। সেই মন্দিরে কট্টর মুসলিম ভুট্টো পরিবারের কোনও সদস্য পুজো দিচ্ছেন, এমন ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। 

    নবদম্পতিকে শুভেচ্ছা

    সদ্য ৪০ বছর বয়সী ফতিমার (Fatima Bhutto) সঙ্গে বিয়ে হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের গ্রামাম জিব্রানের। ফতিমার দাদু জুলফিকার ভুট্টোর লাইব্রেরিতে বিবাহ অনুষ্ঠান সম্পন্ন হয়। নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়ে অনেকেই তাঁদের এই পদক্ষেপকে স্বাগত জানান। ফতিমা ও গ্রাহামকে সকলে আশীর্বাদ করুন, এমন আবেদনও জানান অনেকে। তবে নেটিজেনদের একাংশ আবার প্রশ্ন তুলেছে, প্রবল আর্থিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে পাকিস্তান। এহেন পরিস্থিতিতে এইভাবে উদযাপন না করলেই ভাল হত। তবে এই প্রসঙ্গে ফতিমার তরফে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি।

    আরও পড়ুুন: অভিষেকের সভার আগেই তৃণমূলে ভাঙন, বিজেপিতে যোগ দিলেন বহু কর্মী

    ৪১ বছর বয়সি এই আমেরিকার নাগরিক বিয়ের আগে ইসলাম ধর্মগ্রহণ করেন। ইসলাম ধর্মগ্রহণের পর তাঁর নাম পরিবর্তন করে জিব্রান রাখা হয়েছে। পাকিস্তানের রাজনীতিতে ভুট্টো পরিবারের দীর্ঘ ইতিহাস রয়েছে। এই পরিবারের বেশ কয়েকজন সদস্য পাকিস্তানের প্রধানমন্ত্রী হয়েছেন। পাকিস্তান পিপলস পার্টিতে ভুট্টো পরিবারের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। ১৯৭৯ সালে সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর জুলফিকার আলি ভুট্টোকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। ভুট্টো পরিবারের দীর্ঘ রাজনৈতিক ইতিহাস থাকলেও ফাতিমা ভুট্টো নিজেকে রাজনীতির সঙ্গে জড়াননি। তিনি একজন লেখক ও মানবাধিকারকর্মী হিসেবেই নিজেকে গড়ে তুলেছেন।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

  • Suvendu Adhikari: বিজেপি কর্মী খুনের প্রতিবাদে কাল ময়নায় ১২ ঘণ্টা বনধের ডাক শুভেন্দুর, জেলা জুড়ে অবরোধ

    Suvendu Adhikari: বিজেপি কর্মী খুনের প্রতিবাদে কাল ময়নায় ১২ ঘণ্টা বনধের ডাক শুভেন্দুর, জেলা জুড়ে অবরোধ

    মাধ্যমে নিউজ ডেস্ক: তৃণমূল নেতা খুনের প্রতিবাদে ১২ ঘণ্টা বনধ ডাকল বিজেপি। মঙ্গলবার ময়নায় এসে একথা জানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তিনি (Suvendu Adhikari) বলেন, আগামীকাল বুধবার ময়নায় ১২ ঘণ্টা বনধ পালিত হবে। আর জেলায় ১০০টি জায়গায় পথ অবরোধ করা হবে। বৃহস্পতিবার নিহত দলীয় কর্মীকে শ্রদ্ধাজ্ঞাপন এবং খুনের ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানিয়ে ১৫ হাজার কর্মীকে নিয়ে মিছিল হবে। প্রসঙ্গত, সোমবার রাতে দলীয় কর্মীকে বাড়ির সামনে থেকে অপহরণ করে নৃশংশভাবে খুন করা হয়। সোমবার রাতেই বিজেপি কর্মীরা থানায় বিক্ষোভ দেখান। মঙ্গলবার সকাল থেকেই বিজেপি কর্মীরা রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধ করেন। পুলিশ কর্মীদের সঙ্গে অবরোধকারীদের বচসা হয়। প্রায় পাঁচ ঘণ্টা ধরে অবরোধ চলে। যার জেরে রাস্তায় ব্যাপক যানজট তৈরি হয়। পুলিশ বহু চেষ্টা করেও অবরোধ তুলতে ব্যর্থ হয়। পরে, শুভেন্দু (Suvendu Adhikari) এসে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে অবরোধ তোলার ব্যবস্থা করেন। তিনি বলেন, নন্দীগ্রামসহ বহু এলাকা ঠান্ডা করেছি। এই এলাকা ঠান্ডা করে ছাড়ব। এর শেষ দেখে ছাড়ব। 

    দলীয় কর্মী খুন নিয়ে কী বললেন বিরোধী দলনেতা (Suvendu Adhikari)?

    শুভেন্দু (Suvendu Adhikari) বলেছেন, এই দলীয় কর্মী খুন বিচ্ছিন্ন কোনও ঘটনা নয়। গত কয়েক মাস ধরে অলোক বেড়া, সম্রাটের মতো নেতাকে জোর করে পুলিশ দলবদল করিয়েছে। সম্রাট ফিরে এসেছে। অলোক বেড়া এখনও ওদের কাছে আছে। এটা বড় ষড়ষন্ত্র। ময়নার বাকচা ফেলতে পারলে ময়না ব্লকে পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলকে আবার প্রতিষ্ঠা করতে পারবে। ২০১৮-তে তৃণমূল জেতেনি। আপনাদের নমিনেশন আটকে দিয়ে গায়ের জোরে ওরা জিতেছে। এই পরিকল্পনা করেছে মমতার তিন পুলিশ অমরনাথ, হাসান আর প্রাক্তন ওসি গোপালা। আর উস্কানিদাতা সৌমেন মহাপাত্র, সংগ্রাম দোলুই, শেখ শাহজাহান, উত্তম বারিখ, মনোরঞ্জন হাজরা। আর এই ঘটনার সিবিআই তদন্তের দাবি করেছে পরিবার ও এলাকার মানুষ। তিনি আরও বলেন, আর এক যুব কর্মী সঞ্জয় তাঁতি। তাঁকেও তুলে নিয়ে গিয়েছিল ওরা। কীভাবে রক্তাক্ত করেছে তাঁকে। এদের অপরাধ এরা বিজেপি করে। ময়নার বাকচাতে ২০১৮ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত প্রায় আড়াইশো থেকে তিনশো বিজেপি কর্মীদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। হাজারের বেশি বিজেপি কর্মী বিভিন্ন সময়ে জেল খেটেছে গত পাঁচ বছরে। প্রসেনজিতের মতো পঞ্চায়েত সদস্য জেলে রয়েছেন।

    মুখ্যমন্ত্রীকে নিয়ে কী বললেন শুভেন্দু (Suvendu Adhikari)?

    দলীয় কর্মী খুনের ঘটনায় শুভেন্দু (Suvendu Adhikari) যে প্রচণ্ড ক্ষুব্ধ হয়েছেন তা তাঁর বডি ল্যাঙ্গুয়েজে প্রকাশ পাচ্ছিল। এদিন তিনি বলেন, এর আগে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে রাজবংশী যুবককে মমতার পুলিশ গুলি করে খুন করেছে। এদিন বিজয়বাবুকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে খুন করা হল। তিনি নমশূদ্র। দলিতরা তৃণমূলকে ভোট দেয়নি বলেই বেছে বেছে তাদের খুন করা হচ্ছে। খুনি মমতা এসব করছে। এর শেষ দেখে ছাড়ব।

    বিজেপি কর্মীর দেহ উদ্ধারে পুলিশের ভূমিকা নিয়ে কী বললেন বিরোধী দলনেতা (Suvendu Adhikari)?

    শুভেন্দু (Suvendu Adhikari) বলেন, মমতার পুলিশ অমরনাথ ও হাসান নামের এক অ্যাডিশন্যাল পুলিশের নেতৃত্বে আমাদের দলীয় কর্মীর নিথর দেহ উদ্ধার করে ময়না দিয়ে না এসে চোরের মতো নালা পেরিয়ে তমলুকের মর্গে রেখেছে। এ লজ্জা রাখার নয়। পশ্চিমবঙ্গে এই প্রথম কোথাও খুনিদের কাছ থেকে দেহ সংগ্রহ করল মমতা পুলিশ।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Drinking Water: নলকূপ চাপতে গিয়ে হাতল ছিটকে কারও দাঁত উড়ে যাচ্ছে, কারও ফাটছে কপাল!

    Drinking Water: নলকূপ চাপতে গিয়ে হাতল ছিটকে কারও দাঁত উড়ে যাচ্ছে, কারও ফাটছে কপাল!

    মাধ্যম নিউজ ডেস্ক: জলের জন্য কারও উড়ে গেছে দাঁত, আবার কারও ফেটে গেছে কপাল, নাক ও ঠোঁট। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। কেন এই অবস্থা? চলুন জেনে নেওয়া যাক আসল ঘটনা কী। ভরা গ্রীষ্মের তীব্র দাবদাহের মধ্যে জলকষ্টে ভুগছেন হরিশ্চন্দ্রপুর থানার তুলসীহাটা গ্রাম পঞ্চায়েতের কিসমত বড়োল গ্ৰামের মানুষজন। প্রায় তিন মাসেরও বেশি সময় ধরে গ্রামের নলকূপগুলিতে জল উঠছে না। তীব্র পানীয় জলের (Drinking Water) সংকট দেখা দিয়েছে ওই গ্রামে। বাড়ি থেকে প্রায় ৫০০ মিটার দূরে মাঠের মিনি পাম্প থেকে পানীয় জল বয়ে নিয়ে আসতে হচ্ছে গ্রামের বধূদের। পুকুরের ঘোলাটে জলে স্নান, কাপড় কাচা ও বাসন ধোয়ার কাজ করে থাকেন তাঁরা। বাড়ির নলকূপ চাপতে গিয়ে হাতল ছিটকে ঘটছে দুর্ঘটনা। নলকূপের হাতলের আঘাতে গ্ৰামের অনেক মহিলার দাঁত ভেঙে গেছে, আবার কেউ কপাল, নাক ও ঠোঁট ফেটে জখম হয়েছেন।

    কী বলছেন গ্রামবাসীরা?

    এই গ্রামেরই বাসিন্দা বন্দনা প্রামাণিক বললেন, তিনমাস হল কল থেকে জল মিলছে না। আধ মাইল দূর থেকে জল (Drinking Water) আনতে হচ্ছে। সবাইকেই জানানো হয়েছে। নলকূপ থেকে জল নিতে গিয়ে দাঁত ভেঙে গেছে, খেতে পারছি না। খুবই সমস্যার মধ্যে দিয়ে দিন কাটছে। আরেক মহিলা পুতুল দাস বললেন, নলকূপ থেকে জল নিতে গেলেই হাতল ছিটকে আসছে। অনেক দূর থেকে জল আনতে হচ্ছে। বাসিন্দা কল্যাণ দাস বললেন, আমাদের আটটা পাড়ার কোথাও জল ওঠে না। প্রতি গ্রামে পাইপলাইন বসছে, এখানে কেন হবে না? সবাইকে জানিয়েছি। তা সত্ত্বেও জল পাচ্ছি না। আমাদের দাবি, দ্রুত এই সমস্যার সমাধান করা হোক। 

    বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি

    গ্রামবাসীদের অভিযোগ, স্থানীয় গ্রাম পঞ্চায়েতের সদস্য থেকে শুরু করে প্রশাসনিক দফতরের কাছে বারবার লিখিত আবেদন জানিয়েও সমস্যার সমাধান হয়নি। তাই ক্ষোভে ফুঁসছে গোটা গ্রামবাসী। মূলত নলকূপের উপরেই ভরসা এখানকার মানুষের। কিন্তু এই গ্রীষ্মে জলস্তর মাটির অনেকটা নিচে নেমে যাওয়ায় নলকূপ থেকে জল (Drinking Water) বেরোচ্ছে না। তাই গ্রামবাসীরা এলাকায় সাবমার্সিবল বসানোর দাবি জানিয়েছেন। কিন্তু এই সমস্যা কবে দূর হবে, সেদিকেই এখন তাকিয়ে রয়েছেন গ্রামবাসীরা। শীঘ্রই সমস্যা দূর না হলে বৃহত্তর আন্দোলনের পথে যাওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।

     

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • CBI Enquiry: সিবিআই তদন্তের দাবিতে হাইকোর্টের দ্বারস্থ কালিয়াগঞ্জে নিহত মৃত্যুঞ্জয়ের পরিবার

    CBI Enquiry: সিবিআই তদন্তের দাবিতে হাইকোর্টের দ্বারস্থ কালিয়াগঞ্জে নিহত মৃত্যুঞ্জয়ের পরিবার

    মাধ্যম নিউজ ডেস্ক: দিন কয়েক আগে রাজবংশী যুবক মৃত্যুঞ্জয় বর্মণকে খুনের অভিযোগে উত্তপ্ত হয়ে উঠেছিল উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ। ওই ঘটনায় সিবিআই তদন্তের (CBI Enquiry) দাবি জানিয়েছেন মৃত্যুঞ্জয়ের পরিবার। মঙ্গলবার ওই দাবিতে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হয়েছেন মৃত্যুঞ্জয়ের ভাই মৃণালকান্তি। সিবিআই তদন্ত চেয়ে মামলা দায়েরের আর্জি জানানো হয়েছে। এ ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে বিচারপতি রাজাশেখর মান্থার। হাইকোর্টের তরফে অনুমতি দেওয়া হয়েছে মামলা দায়েরের। বুধবার মামলাটির শুনানি হওয়ার কথা।

    সিবিআই তদন্তের (CBI Enquiry) দাবি…

    ২১ এপ্রিল দ্বাদশ শ্রেণির এক ছাত্রীকে গণধর্ষণ করে খুনের অভিযোগে উত্তপ্ত হয়েছিল কালিয়াগঞ্জ। ওই ঘটনার রেশ মিলিয়ে যাওয়ার আগেই ২৬ এপ্রিল রাতে মৃত্যুঞ্জয়ের মৃত্যুকে কেন্দ্র করে ফের একবার তপ্ত হয়ে ওঠে কালিয়াগঞ্জ সংলগ্ন রাধিকাপুর পঞ্চায়েতের চাঁদগ্রাম। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রাত দুটো নাগাদ পুলিশের পোশাকে (CBI Enquiry) বেশ কয়েকজন একটি গাড়িতে চেপে স্থানীয় পঞ্চায়েত সমিতির সদস্য বিষ্ণু বর্মণের বাড়িতে হাজির হন। তাঁকে না পেয়ে তাঁর বাড়ির বয়স্ক একজনকে মারধর করতে করতে গাড়িতে তোলা হয়। গুলিও চালান পুলিশের পোশাকধারীরা।

    আরও পড়ুুন: স্ত্রী, ছেলের সামনে ময়নার বিজেপি নেতাকে অপহরণ করে খুন! অভিযুক্ত তৃণমূল

    স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সেই গুলির আঘাতেই মৃত্যু হয় বিষ্ণুর ভাই মৃত্যুঞ্জয়ের। মৃত্যুঞ্জয়কে খুনের অভিযোগের তদন্ত শুরু করেছে সিআইডি। সোমবার অকুস্থলে গিয়ে নমুনা সংগ্রহ করেছেন সিআইডির আধিকারিকরা। সেদিন পুলিশের ওই অভিযানের নেতৃত্বে ছিলেন কালিয়াগঞ্জ থানার এএসআই মোয়াজ্জেম হোসেন। তাঁর বিরুদ্ধেই এফআইআর দায়ের করেন মৃণালকান্তি। রাজ্যের তদন্তকারী সংস্থা সিআইডির ওপর ভরসা রাখতে পারছেন না মৃত্যুঞ্জয়ের পরিবার। তাঁদের দাবি, সিবিআই (CBI Enquiry) তদন্ত হলেই মৃত্যুঞ্জয়ের মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। সেই কারণেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তাঁর ভাই।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Maa Kali: মা কালী পোস্টার বিতর্কে এবার ক্ষমা চাইল ইউক্রেন, ট্যুইটে দুঃখ প্রকাশ

    Maa Kali: মা কালী পোস্টার বিতর্কে এবার ক্ষমা চাইল ইউক্রেন, ট্যুইটে দুঃখ প্রকাশ

    মাধ্যম নিউজ ডেস্ক: মা কালী (Maa Kali) পোস্টার বিতর্কে এবার ক্ষমা চাইল ইউক্রেন (Ukraine)। ইউক্রেনের বিদেশ প্রতিমন্ত্রী এমিন ঝোপার একটি ট্যুইট করে দুঃখ প্রকাশ করেন। বিতর্কিত ট্যুইটটি সরিয়ে নেওয়া হয়েছে বলে দাবি করেন ঝোপার। ট্যুইট-বার্তায় তিনি লেখেন, ইউক্রেন প্রতিরক্ষা মন্ত্রকের এক ট্যুইটে হিন্দু দেবী কালীকে বিকৃতভাবে দেখানো হয়েছিল। সেই ট্যুইটের জন্য আমরা দুঃখিত। ইউক্রেন এবং এ দেশের জনগণ অনন্য ভারতীয় সংস্কৃতিকে সম্মান করে এবং আমাদের প্রতি ভারতের (India) সমর্থনের জন্য আমরা কৃতজ্ঞ। সেই বিতর্কিত ছবিটি ইতিমধ্যেই সরিয়ে দেওয়া হয়েছে।

    মা কালীর (Maa Kali) বিকৃত ছবি… 

    সম্প্রতি ট্যুইটারে একটি স্ক্রিনশট ভাইরাল হয়। তাতে দেখা যায়, দুটি ছবির কোলাজ। কোলাজের একদিকে ধোঁয়ার মতো পাক খাওয়া মেঘ। অন্য দিকে মেঘের মধ্যে থেকে মা কালীর (Maa Kali) বিকৃত ছবি। ওই ছবিতে মা কালীর বেশ মেরিলিন মনরোর মতো। গলায় মুণ্ডমালা। সোশ্যাল মিডিয়ায় এই ছবি ভাইরাল হতেই ভারতে শুরু হয় বিতর্ক। মা কালীর ওই ছবি পোস্ট করা হয়েছিল ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রকের ট্যুইটার অ্যাকাউন্ট থেকে। এহেন আবহে ভারতীয় নেটিজেনরা, বিশেষকরে সনাতনী হিন্দুরা দাবি তুলেছিলেন, ইউক্রেনকে যাতে ভবিষ্যতে আর কোনও সাহায্য না করে ভারত। এর পরে পরেই পোস্টটি সরিয়ে নেওয়া হয়।

    এ প্রসঙ্গে ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রকের সিনিয়র উপদেষ্টা কাঞ্চন গুপ্তা বলেন, ভারতের থেকে সাহায্য চাইতে সম্প্রতি দিল্লিতে এসেছিলেন ইউক্রেনের বিদেশ প্রতিমন্ত্রী। সেই মুখোশের পিছন থেকে ইউক্রেন সরকারের বাস্তব রূপটা বেরিয়ে এসেছে। একটি প্ররোচনামূলক পোস্টারে মা কালীর (Maa Kali) ক্যারিকেচার পোস্ট করা হয়েছে। বিশ্বজুড়ে সমস্ত হিন্দুর ভাবাবেগে আঘাত করা হয়েছে। এর পরে পরেই ক্ষমা চেয়ে নিল ইউক্রেন (Ukraine)।

    আরও পড়ুুন: অভিষেকের সভার আগেই তৃণমূলে ভাঙন, বিজেপিতে যোগ দিলেন বহু কর্মী

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • IPL 2023: আইপিএল-এর মর্যাদা নষ্ট! গম্ভীর, বিরাট ও নবীনকে শাস্তি দিল বিসিসিআই

    IPL 2023: আইপিএল-এর মর্যাদা নষ্ট! গম্ভীর, বিরাট ও নবীনকে শাস্তি দিল বিসিসিআই

    মাধ্যম নিউজ ডেস্ক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ অর্থাৎ আইপিএল-এর মর্যাদা নষ্ট করেছেন গম্ভীর, বিরাট ও নবীন তাই ম্যাচের পর এই তিনজনকেই শাস্তি দিল বিসিসিআই। লখনউয়ের একানা স্টেডিয়ামে ম্যাচের মধ্যে ঝামেলায় জড়ান লখনউ সুপার জায়ান্টসের ফাস্ট বোলার নবীন-উল-হক ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ব্যাটসম্যান বিরাট কোহলি। এরপর ম্যাচ শেষ হতেই সেই ঘটনার রেশ টেনে বিতর্কে জড়ান বিরাট কোহলি (Virat Kohli) ও গৌতম গম্ভীর (Goutam Gambhir)। এই তিনজনকেই জরিমানা করেছে বিসিসিআই। আইপিএলের আচরণবিধি লঙ্ঘনের জন্য লখনউ মেন্টর গৌতম গম্ভীরকে তাঁর ম্যাচ ফির ১০০ শতাংশ জরিমানা করা হয়েছে। আরসিবি ব্যাটসম্যান বিরাট কোহলিরও ১০০ শতাংশ ম্যাচ ফি কাটা যাবে। এছাড়া ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা দিতে হবে নবীন-উল-হককে। 

    স্লেজিংয়ের ভিডিও

    ম্যাচ চলাকালীন স্লেজিংয়ের একটি ভিডিও সামনে এসেছে। ওই ভিডিয়োয় দেখা গিয়েছে, সোমবার একানা স্টেডিয়ামে লখনউ সুপার জায়েন্টস ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ম্যাচের মধ্যে বিরাটের সঙ্গে নবীনের উত্তপ্ত বাক্য বিনিময় হয়। সেইসময় ২৩ বছরের আফগানিস্তানের ক্রিকেটারকে বিরাট জুতো দেখান বলে অভিযোগ উঠেছে।

    এই ঘটনার রেশ ম্যাচের শেষে হাত মেলানোর পর্বেও ছিল। হাত মেলানোর সময় নবীন এবং বিরাটের একপ্রস্থ ঝামেলা হয়। শেষে বিরাট এবং গম্ভীরকে উত্তপ্ত বাক্যবিনিময়ে জড়িয়ে পড়তে দেখা যায়। দু’জনেই একে অপরের দিকে তেড়ে যান। এমনই পরিস্থিতি তৈরি হয় যে দুই দলের খেলোয়াড় এবং সাপোর্ট স্টাফরা হস্তক্ষেপ করতে বাধ্য হন। তাঁদের দু’জনকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। 

    আরও পড়ুন: সোনার ছেলে সাত্ত্বিক-চিরাগ! ব্যাডমিন্টন এশিয়া চ্যাম্পিয়নশিপে শীর্ষে ভারত

    কঠোর পদক্ষেপ বোর্ডের

    এই ঘটনার পরেই কঠোর পদক্ষেপ করল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড অর্থাৎ বিসিসিআই এবং আইপিএলের আয়োজক কমিটি। জানা গেছে, খেলার মাঠের মর্যাদা ভঙ্গের জন্য বিরাট-গম্ভীর দু’জনকেই মোটা অঙ্কের টাকা জরিমানা দিতে হবে। ম্যাচের কয়েক ঘণ্টা পর এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানা গেছে। শুরুটা হয়েছিল সেই ২০১৩ সালের আইপিএলে। কেকেআর বনাম আরসিবি ম্যাচে। এরপরও একাধিকবার বিতর্কে জড়িয়েছেন এই দুই তারকা ক্রিকেটার। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • BJP: স্ত্রী, ছেলের সামনে ময়নার বিজেপি নেতাকে অপহরণ করে খুন! অভিযুক্ত তৃণমূল

    BJP: স্ত্রী, ছেলের সামনে ময়নার বিজেপি নেতাকে অপহরণ করে খুন! অভিযুক্ত তৃণমূল

    মাধ্যম নিউজ ডেস্ক: তৃণমূল সরকারের দ্বিতীয় বর্ষপূর্তির দিনই এক বিজেপি (BJP) নেতাকে স্ত্রী, ছেলের সামনেই হামলা চালানোর অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দৃষ্কৃতীদের বিরুদ্ধে। পরে, ওই নেতাকে অপহরণ করে খুন করা হয়। সোমবার রাতে এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল পূর্ব মেদিনীপুরের ময়নার বাকচা এলাকা। পুলিশ ও বিজেপি সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম বিজয়কৃষ্ণ ভুঁইয়া। তিনি বিজেপির বুথ সভাপতি ছিলেন। এই ঘটনায় সঞ্জয় তাঁতি নামে আরও এক বিজেপি কর্মীর খোঁজ মিলছিল না। পরে, গভীর রাতে তাঁকে পুলিশ উদ্ধার করে।

    ঠিক কী ঘটনা ঘটেছে?

    সোমবার রাতে বিজেপি-র (BJP) বুথ সভাপতি বিজয়বাবু ও তাঁর স্ত্রী ও ছেলের উপর তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালায়। তৃণমূলের অঞ্চল সভাপতি মনোরঞ্জন হাজরার নেতৃত্বে হামলা হয়েছে বলে অভিযোগ। স্ত্রী, ছেলের সামনেই বিজেপি নেতাকে বেধড়ক মারধর করা হয়। বিজেপি নেতার চিত্কার শুনে পাড়ার লোকজন ছুটে এলে আগ্নেয়াস্ত্র দেখিয়ে বিজয়বাবুকে তুলে নিয়ে যায় দুষ্কৃতীরা। এলাকায় বোমাবাজিও করা হয় বলে অভিযোগ। পরে, রাতেই তাঁর দেহ উদ্ধার হয়।

    দলীয় কর্মী খুনের প্রতিবাদে রাস্তা অবরোধ বিজেপি-র (BJP)

    সোমবার ঘটনার পরই বিজেপি (BJP) কর্মীরা ক্ষোভে ফেটে পড়েন। রাতেই বিজেপি বিধায়ক অশোক দিন্দা মঙ্গলবার ময়নার তিনমাথা মোড়ে পথ অবরোধের ডাক দিয়েছিলেন। বিধায়কের নির্দেশ মতো এদিন সকালেই বিজেপি কর্মীরা রাস্তায় হাজির হন। টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করেন। বিক্ষোভের নেতৃত্ব দেন বিজেপি (BJP) বিধায়ক। এদিন অবরোধ তুলতে এলে পুলিশ কর্মীদের সঙ্গে বিজেপি কর্মীদের বচসা হয়। অবিলম্বে দলীয় কর্মী খুনে অভিযুক্তদের গ্রেফতারের দাবি জানিয়ে বিজেপি কর্মীরা অবস্থান বিক্ষোভ করেন।

    কী বললেন বিজেপি (BJP) বিধায়ক?

    বিজেপি (BJP) বিধায়ক অশোক দিন্দা বলেন, বিজেপির বুথ সভাপতির পাশাপাশি তাঁর স্ত্রী ও ছেলেকে মারধর করা হয়। দলীয় নেতার ছোট ছেলে পাড়ার লোকজনকে ডাকতে গেলে দুষ্কৃতীরা বাইকে করে বিজয়বাবুকে তুলে নিয়ে পালিয়ে যায়। পরে, তাঁর মৃতদেহ উদ্ধার হয়। কোথায় দেহ উদ্ধার হয়েছে পুলিশ কিছু জানায়নি। তমলুক হাসপাতালে দেহ রয়েছে। রাজ্যের হাসপাতালে ময়না তদন্তে আমাদের বিশ্বাস নেই। তাই, হাইকোর্টের নির্দেশে কেন্দ্রীয় সরকার পরিচালিত হাসপাতালে বিজেপি নেতার দেহ ময়না তদন্ত করা হবে। তৃণমূলের প্রাক্তন বিধায়কের নেতৃত্বে এই হামলা হয়েছে।

    কী বললেন তৃণমূল নেতৃত্ব?

    ময়নার প্রাক্তন বিধায়ক সংগ্রাম দলুই বলেন, এই ঘটনার সঙ্গে শাসক দল কোনওভাবে জড়িত নয়। দোকান বা পারিবারিক বিবাদের কারণেই ওই বিজেপি (BJP) নেতাকে খুন করা হয়েছে। স্থানীয় তৃণমূল নেতা মনোরঞ্জন হাজরা বলেন, এই ঘটনার সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই। তবে, ঘটনা ঘটার পর দেখা গেল বিজেপি কর্মীরা আমাদের কর্মীদের বাড়ি, ঘর ভাঙচুর করে লুঠপাট চালায়। সমস্ত বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

  • Suvendu Adhikari: ‘বাংলার গণতন্ত্রের ইতিহাসে একটা অভিশপ্ত দিন’, ভোট পরবর্তী হিংসা নিয়ে ট্যুইট শুভেন্দুর

    Suvendu Adhikari: ‘বাংলার গণতন্ত্রের ইতিহাসে একটা অভিশপ্ত দিন’, ভোট পরবর্তী হিংসা নিয়ে ট্যুইট শুভেন্দুর

    মাধ্যম নিউজ ডেস্ক: ভোট পরবর্তী হিংসা ও সন্ত্রাসের কথা স্মরণ করে তৃতীয় তৃণমূল সরকারের দ্বিতীয় বর্ষপূর্তিতে শাসকদলকে কড়া আক্রমণ করলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বাংলার গণতন্ত্রের ইতিহাসে এটা অভিশপ্ত দিন হিসেবে উল্লেখ করেন রাজ্যের বিরোধী দলনেতা।

    শুভেন্দুর ট্যুইটবার্তা

    এদিন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ট্যুইটবার্তায় ২০২১ সালের ২ মে তারিখকে স্মরণ করেন। ট্যুইটবার্তায় বিরোধী দলনেতা জানান, ‘২০২১-এর ২ মে, যাঁরা অভূতপূর্ব ভোট-পরবর্তী ভয়াবহ হিংসা ও সন্ত্রাসের শিকার হয়েছিলেন তাঁদের শ্রদ্ধা জানাই। সেই কালো দিনের (Black Day) দ্বিতীয় বর্ষপূর্তি পালন করা হচ্ছে, বর্তমানে আঞ্চলিক দলে পরিণত হওয়া তৃণমূল কংগ্রেস সবরকম নৃশংসতা দেখিয়েছিল। বাংলার গণতন্ত্রের ইতিহাসে এটা অভিশপ্ত, কালো দিন। আমাদের কর্মীদের বলিদান কখনও ভুলব না, তাঁদের সঠিক বিচার দিতে আমরা বদ্ধপরিকর। বাংলার বিজেপি কর্মীদের ওপর সেই অত্যাচারের কথা আমরা যেন ভুলে না যাই।’ 

    রাজ্যজুড়ে কালা দিবস

    আজই রাজ্যজুড়ে কালা দিবস পালনের ডাক দিয়েছে বিজেপি (BJP)। গঙ্গায় তর্পণ কর্মসূচিও আছে গেরুয়া শিবিরের, জানিয়েছেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। বিজেপির দাবি, রাজ্যজুড়ে ভোট-পরবর্তী হিংসায় দলের কর্মীদের অত্যাচারিত হওয়ার ঘটনা ঘটেছে বহুবার। বহু বিজেপি কর্মীকে খুন হতে হয়েছে। বহু কর্মী ঘরছাড়া হয়ে অন্য রাজ্যে পালিয়ে গিয়েছেন। 

    আরও পড়ুন: ‘‘বাবা-মেয়ে তিহাড়ে গেছে, এবার পিসি-ভাইপোও যাবে’’! কটাক্ষ সুকান্তর

    রাজ্যে আসন্ন পঞ্চায়েত ভোট। তার আগে, প্রতিদিনই বাড়ছে তৃণমূল-বিজেপির (BJP) দ্বৈরথ। এক দলের নেতা অপর দলের নেতাকে বিঁধে চলেছেন নাগাড়ে। এই পরিস্থিতিতে আগের দিনই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসংযোগ যাত্রায় পুলিশ মোতায়েন নিয়ে প্রশ্ন তুলে রাজ্য পুলিশের ডিজি-কে চিঠি দিয়েছেন শুভেন্দু অধিকারী। মনোজ মালব্যকে লেখা চিঠিতে বিরোধী দলনেতা প্রশ্ন তুলেছেন, তৃণমূলে নবজোয়ার কর্মসূচিতে নিরাপত্তা দেওয়ার জন্য রাজ্যের কোষাগারে কত টাকা জমা পড়েছে।   

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

  • BJP: অভিষেকের সভার আগেই তৃণমূলে ভাঙন, বিজেপিতে যোগ দিলেন বহু  কর্মী

    BJP: অভিষেকের সভার আগেই তৃণমূলে ভাঙন, বিজেপিতে যোগ দিলেন বহু কর্মী

    মাধ্যম নিউজ ডেস্ক: দক্ষিণ দিনাজপুর জেলায় আসছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার আগে জেলায় তৃণমূলে ভাঙন ধরাল গেরুয়া শিবির। তৃণমূল ও বামফ্রন্ট ছেড়ে বহু কর্মী-সমর্থক যোগ দিলেন বিজেপিতে (BJP)। সোমবার বিকেলে একটি অনুষ্ঠানে সদ্য যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দেন বিজেপির জেলা সভাপতি স্বরূপ চৌধুরী ও তপনের বিধায়ক বুধরাই টুডু।

    তৃণমূল ছেড়ে কতজন বিজেপিতে (BJP) যোগ দিলেন?

    পঞ্চায়েত ভোট যত এগিয়ে আসছে ততই দলবদলের রাজনীতি চলছে দক্ষিণ দিনাজপুরে। সোমবার বিকেলে কুশমণ্ডি ব্লকের মালিগাঁও গ্রাম পঞ্চায়েতের শিকারপুরে বিজেপির (BJP) যোগদান কর্মসূচি ছিল। সেখানেই শতাধিক তৃণমূল ও সিপিএমের কর্মী-সমর্থক গেরুয়া শিবিরে যোগদান করেন। যোগদানকারীদের মধ্যে অন্যতম সিপিআইএমের প্রাক্তন উপপ্রধান বৈজন্তী রায় রয়েছেন। পাশাপাশি বহু আদিবাসী পরিবারের সদস্য রয়েছেন। মঙ্গলবার জেলায় আসছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। দণ্ডিকাণ্ডের সেই আদিবাসী গ্রামের পাশেই যুবরাজের সভা হওয়ার কথা। তার ঠিক আগের দিন বিজেপির (BJP) যোগদান কর্মসূচি রাজনৈতিক তাৎপর্যপূর্ণ বলেই রাজনৈতিক মহলের মত।

    দলত্যাগী কর্মীরা কী বললেন?

    তৃণমূল ছেড়ে বিজেপিতে (BJP) যোগ দেওয়া প্রসঙ্গে দলত্যাগী কর্মীরা বলেন, তৃণমূলে থেকে কোনওরকম সুযোগ সুবিধা পাচ্ছি না। এলাকায় উন্নয়নের বিষয়ে তৃণমূলের কোনও নজর নেই।  তাই নরেন্দ্র মোদির উন্নয়নের যজ্ঞে সামিল হতে বিজেপিতে (BJP) যোগদান করলাম।

    কী বললেন বিজেপি-র (BJP) জেলা সভাপতি?

    এবিষয়ে বিজেপি-র (BJP) জেলা সভাপতি স্বরূপ চৌধুরী বলেন, তৃণমূল থেকে সাধারণ মানুষ মুখ ফেরাচ্ছে। ঘর গোছাতে অভিষেক জেলায় আসছে, তার আগেই তৃণমূলের বহু কর্মী আমাদের দলে যোগ দিলেন। আসলে এই পরিবারগুলি মঙ্গলবার অভিষেকের সভায় থাকতে চান না। এর কিছুদিন আগে জেলার তপন থানা এলাকায় প্রায় ২০০ জন তৃণমূল কর্মী-সমর্থক ছেড়ে আমাদের দলে যোগ দেন।

    কী বললেন তৃণমূল নেতৃত্ব?

    এদিকে যোগদান নিয়ে তৃণমূলের জেলা সহ-সভাপতি সুভাষ চাকি বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় জেলায় আসছেন। এতেই ভয় পেয়েছে বিজেপি (BJP)। তাই ওরা এসব ভুলভাল বলছে। তৃণমূল থেকে কেউ বিজেপিতে যায়নি। উলটে বিজেপি ছেড়ে তৃণমূলে আসছে মানুষ।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share