Blog

  • Sukanta Majumdar: ‘‘বাবা-মেয়ে তিহাড়ে গেছে, এবার পিসি-ভাইপোও যাবে’’! কটাক্ষ সুকান্তর

    Sukanta Majumdar: ‘‘বাবা-মেয়ে তিহাড়ে গেছে, এবার পিসি-ভাইপোও যাবে’’! কটাক্ষ সুকান্তর

    মাধ্যম নিউজ ডেস্ক: বাঙালি সপরিবারে তীর্থ করতে যেত, এখন তৃণমূলের আমলে নেতারা সপরিবারে জেলে যাচ্ছেন। কটাক্ষ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের (Sukanta Majumdar)। গরু পাচার মামলায় আপাতত তিহাড় জেলে রয়েছেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল ও তাঁর মেয়ে সুকন্যা মণ্ডল। এই প্রসঙ্গেই সুকান্তর কটাক্ষ, “সবে তো কলির সন্ধ্যে! বাবা-মেয়ে পাশাপাশি তিহাড় জেলে আছে, এরপর পিসি-ভাইপোও যাবে।”

    সপরিবারে তিহাড় যাত্রা

    জনসংযোগ যাত্রায় গিয়ে তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়, ইডি-সিবিআই-এর সততা নিয়ে প্রশ্ন তোলেন। এরই পাল্টা দিলেন সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। তিনি বলেন, “বিজেপি ভয় দেখাচ্ছে না। সত্যি সামনে আসছে। তাতেই অনেকে ভয় পাচ্ছেন। চুরি করলে অপরাধীকে সাজা পেতেই হবে। কারুর স্ত্রীর অ্যাকাউন্টে যদি বেহিসেবি টাকা থাকে তাহলে তাঁকেও জেলে যেতে হবে।” এরপরই সুকান্ত বলেন, “আগে তো আমরা সপরিবারে তীর্থে যেতাম, এখন তৃণমূল নেতারা সপরিবারে তিহাড় যাত্রা করেন। আর কদিন পরে অন্য কাউকে দেখবেন। আগে দেখছিলাম নেতাদের সঙ্গে তাঁদের বান্ধবীরা জেলে যাচ্ছেন এখন দেখছি নেতার সঙ্গে তাঁর কন্যাও জেলে গিয়েছেন। এরপর হয়তো পিসি-ভাইপোর পালা।”

    আরও পড়ুন: দেশে বাড়ছে ডেঙ্গি! দ্রুত ভ্যাকসিন আনতে সচেষ্ট গবেষকরা

    তিহাড় কংগ্রেস

    কেষ্টর তিহাড় যাত্রার পরেও জেলা সভাপতি বদল করেনি শাসক দল। সেই বিষয় নিয়েও তৃণমূলের উদ্দেশে কটাক্ষ ছুঁড়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। তৃণমূলের সর্বভারতীয় তকমা যাওয়ার পর সুকান্তর সংযুক্তি, “আর কিছুদিন অপেক্ষা করুন, তৃণমূল কংগ্রেস নাম পরিবর্তন হয়ে তিহাড় কংগ্রেস হয়ে যাবে। তৃণমূল কর্মী মানেই চোর। নব চোর বাছতে এখন রাজ্যের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। উনি রোজ নতুন কিছু বলছেন। আজকে দেখুন ব্যালট বাক্সের জায়গায় নতুন কিছু চুরি হয় কিনা। রাজ্যজুড়ে একটা বিশৃঙ্খলা চলছে।” 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Dengue Virus: দেশে বাড়ছে ডেঙ্গি! দ্রুত ভ্যাকসিন আনতে সচেষ্ট গবেষকরা

    Dengue Virus: দেশে বাড়ছে ডেঙ্গি! দ্রুত ভ্যাকসিন আনতে সচেষ্ট গবেষকরা

    মাধ্যম নিউজ ডেস্ক: দেশের বিভিন্ন প্রান্তে বাড়ছে ডেঙ্গির (Dengue Virus) প্রকোপ। গরম পেরিয়ে বর্ষার শুরু থেকে পুজোর আগে পর্যন্ত বাংলাতেও প্রতি বছর ডেঙ্গির প্রকোপ বৃদ্ধি পায়। এ বছর ডেঙ্গি আরও বাড়তে পারে বলে অনুমান বিশেষজ্ঞদের। দেশে কোভিডের পরে আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে মশাবাহিত এই রোগ। তাই ডেঙ্গি মোকাবিলায় বড়সড় ব্যবস্থা নেওয়ার কথা ভাবছে বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সায়েন্স। গবেষকরা বলছেন, যত দ্রুত সম্ভব ডেঙ্গির ভ্যাকসিন আনার চেষ্টা করতে হবে। শুধু ভারতে নয়, ডেঙ্গি রুখতে বিশ্বজুড়েই গবেষণা চলছে। 

    ডেঙ্গি নিয়ে গবেষণা

    গত ৫০ বছরে দক্ষিণ-পূর্ব এশিয়ায় ডেঙ্গি (Dengue Virus) মারাত্মক সংক্রামক রোগ হয়ে উঠেছে। ডেঙ্গি থেকে জটিল রোগও হচ্ছে। তাই প্লস প্যাথোজেন বিজ্ঞান পত্রিকায় ডেঙ্গি রোখার পদ্ধতি নিয়ে আলোচনা করেছেন বিজ্ঞানীরা। কোথাও মশার বংশ নাশ করার চেষ্টা চলছে, আবার কোথাও মশার জিনেই বদল ঘটানো হচ্ছে। মশার জিনে রদবদল করে অ্যান্টিবডি ঢুকিয়ে সংক্রমণ ছড়ানোর ক্ষমতা কমানোর চেষ্টা করছেন ক্যালিফোর্নিয়ার গবেষকরা। চলছে ডেঙ্গির টিকা আনার প্রচেষ্টা।

    ডেঙ্গির ভ্যাকসিন

    ভারতে ডেঙ্গির জন্য কোনও টিকা এখনও চালু হয়নি। টিকা এলে এবং ট্রায়াল সফল হলে বহু মানুষের প্রাণ বাঁচবে, বলে ধারণা গবেষকদের। এর আগে প্যানাসিয়া বায়োটেক লিমিটেড এবং সানোফি ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড নামক দু’টি সংস্থা ডেঙ্গির টিকার ক্লিনিকাল ট্রায়ালের অনুমতি পেয়েছে। যার মধ্যে প্যানাসিয়া বায়োটেক লিমিটেড প্রথম ও দ্বিতীয় পর্যায়ের ট্রায়াল সম্পন্ন করেছে। সানোফি ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের টিকা ইতিমধ্যে আমেরিকায় ডেঙ্গি মোকাবিলার জন্য অনুমোদন পেয়েছে।

    আরও পড়ুুন: অভিষেক সভা ছাড়তেই ব্যালট লুঠের চেষ্টা, তৃণমূল কর্মীদের মধ্যে হাতাহাতি

    ডেঙ্গির পরীক্ষা

    ডায়ারিয়া, বমি, ক্লান্তি, একেবারেই খেতে না পারা—এসব যদি একদিনও থাকে, তাহলেই ডেঙ্গির পরীক্ষা করানোর পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। এক্ষেত্রে ডেঙ্গি পিসিআর (Dengue Real-Time PCR Test) করান। যদি রিপোর্ট পজিটিভ আসে, তাহলে ধরে নিতে হবে যে আপনি ডেঙ্গিতে আক্রান্ত। জ্বর, গায়ে যদি অ্যালার্জি বেরোয়, চোখে ব্যথা, জয়েন্ট পেইন হলেই প্রথমে ডেঙ্গি টেস্ট করান। ফেলে রাখবেন না কোনওভাবেই।

    ডেঙ্গি হলে সাবধানে থাকুন

    ডেঙ্গি যদি ধরা পড়ে তাহলে প্রথম ৭ দিন খুবই সাবধানে থাকতে হবে। তারপরও অন্তত ১৫ দিন নিয়ম মেনে চলতে হবে। প্রচুর জল খেতে হবে। বাইরের খাবার দাঁতে কাটা চলবে না। হালকা-ঘরোয়া খাবার খান। ফুলস্লিভ জামা পরতে হবে। বাড়িতে মশার ওষুধ স্প্রে করুন। কোথাও জল জমতে দেবেন না। বাড়িতে সিট্রোনেলা অয়েল ব্যবহার করতে পারলেও খুব ভাল। এর গন্ধে মশা খুবই কম আসে। বাড়ির আশপাশে জলাশয় থাকলে সেখানে গাপ্পি মাছ ছাড়তে পারেন। এই মাছ মশার লার্ভা খেয়ে নেয়। কোনও রকম কার্বোনেটেড পানীয় খাওয়া চলবে না।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Martial Art: মার্শাল আর্টের উৎপত্তি কি ভারতেই? জেনে নিন কোথায় এবং কীভাবে?

    Martial Art: মার্শাল আর্টের উৎপত্তি কি ভারতেই? জেনে নিন কোথায় এবং কীভাবে?

    মাধ্যম নিউজ ডেস্ক: মার্শাল আর্ট। শব্দটি শুনলে প্রথমেই আমাদের মাথায় আসে, ক্যারাটে এবং কুংফু। কিন্তু অনেকেরই হয়তো জানা নেই, এই বৈদেশিক যুদ্ধকলা তথা মার্শাল আর্টের (Martial Art) উৎপত্তি বলতে গেলে আমাদের ভারতেই। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। ভারতীয় মার্শাল আর্ট কালারিপায়াত্তু নামে পরিচিত, যা সবথেকে প্রাচীন মার্শাল আর্টের মধ্যে একটি বলে মনে করা হয়। আসলে ইতিহাস তাই-ই বলছে। 

    কী এই কালারিপায়াত্তু?

    কালারিপায়াত্তু হল এক প্রাচীন ভারতীয় যুদ্ধকলা, যা মনে করা হয় আজ থেকে প্রায় তিন হাজার বছরের প্রাচীন একটি মার্শাল আর্ট (Martial Art)। এই কালারিপায়াত্তুর উৎপত্তি ভারতের কেরল থেকে। জানা যায়, আজ থেকে প্রায় কয়েক হাজার বছর আগে বৌদ্ধ ধর্মগুরু বোধিধর্মন ধর্মপ্রচারের লক্ষ্যে দক্ষিণ ভারতে এসে পৌঁছেছিলেন। কিন্তু সেখানে ঘটে বিপত্তি। সেই স্থানের মানুষজন সন্দেহের বশে বোধিধর্মনকে আক্রমণ করে। সেই সময় নিজেকে রক্ষা করার জন্যই তিনি যুদ্ধ কৌশলের মাধ্যমে একাই লড়াই করেন অত মানুষের বিরুদ্ধে। এই অভিনব যুদ্ধকৌশল ও আত্মরক্ষার পদ্ধতি দেখে মানুষ অবাক হয়ে যান এবং তাঁর কাছে থেকে এই যুদ্ধকলা শিখতে চান। রাজি হয়ে বোধিধর্মন তাঁদের এই যুদ্ধকলা শেখানও। এর পর থেকেই এই যুদ্ধকলা কালারিপায়াত্তু নামে আজও বিখ্যাত হয়ে আছে।  

    ভারতীয় পুরাণ ও মার্শাল আর্ট

    শুধুমাত্র বোধিধর্মনকেই যে এই মার্শাল আর্টের (Martial Art) প্রবক্তা বলা যেতে পারে, এমনটা নয়। ভারতীয় নানা পুরাণে এইরকম যুদ্ধকলার নিদর্শন পাওয়া গেছে। হিন্দু পুরাণ অনুসারে ভগবান শিব হলেন যুদ্ধের দেবতা। আর এই সমস্ত যুদ্ধকলা তাঁরই সৃষ্ট, এমনটাই মানা হয়। বিপদকালে যুদ্ধের জন্য শারীরিক সক্ষমতা বৃদ্ধি করতে এবং মন ও শরীরকে সুস্থ রাখতে এগুলি চর্চা করা হত। ঋষি জামদগ্নের পুত্র পরশুরাম কঠিন তপস্যার মাধ্যমে ভগবান শিবকে প্রসন্ন করেন এবং  ভগবান শিব তাঁকে এই সমস্ত যুদ্ধকলা শেখান। পরশুরাম ছিলেন ভগবান বিষ্ণুর ষষ্ঠ অবতার। তিনিই ভারতীয় ঋষিদের এই যুদ্ধবিদ্যা শিখিয়েছিলেন। আত্মরক্ষার এই কৌশলের বর্তমান নিদর্শন কালারিপায়াত্তু।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Artificial Intelligence: কৃত্রিম বুদ্ধিমত্তার জের, ৫ বছরে বিশ্বে কাজ হারাতে পারেন ১.৪ কোটি!

    Artificial Intelligence: কৃত্রিম বুদ্ধিমত্তার জের, ৫ বছরে বিশ্বে কাজ হারাতে পারেন ১.৪ কোটি!

    মাধ্যম নিউজ ডেস্ক: ট্যুইটারের মালিকানা ইলন মাস্কের হাতে যাওয়ার পর থেকেই সেখানে শুরু হয় একের পর এক ছাঁটাই। কাজ হারান বহু কর্মী। গুগল, মেটা, আমাজন প্রত্যেক সংস্থাই কর্মী ছাঁটাইয়ের পথে এগিয়েছে বিগত এক বছর ধরে। করোনা পরবর্তী সময়ে বিশ্বব্যাপী আর্থিক মন্দাকেই দায়ী করছেন এক্ষেত্রে অর্থনীতিবিদরা। তবে আবারও নাকি বিশ্বজুড়ে চাকরি হারাতে চলেছেন অসংখ্য মানুষ। এবারে সংখ্যাটা দাঁড়াবে ১ কোটির ওপর। এমনই আশঙ্কার কথা শোনা যাচ্ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম বা ডব্লিউইএফের রিপোর্টে। সেখানে বলা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা (Artificial Intelligence) বা এআই-এর প্রয়োগ প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। এরফলে কর্মী সংকোচনের দিকে এগোতে পারে সংস্থাগুলি। আর শুধু এ কারণেই আগামী ৫ বছরে বিশ্ব জুড়ে কাজ হারাতে পারেন প্রায় ১ কোটি ৪০ লক্ষ মানুষ।

    কৃত্রিম বুদ্ধিমত্তা (Artificial Intelligence) আশীর্বাদ না অভিশাপ…

    বিশেষজ্ঞরা বলছেন, কৃত্রিম বুদ্ধিমত্তার (Artificial Intelligence) বহুল ব্যবহারের ভাল দিক যেমন আছে, তেমনই রয়েছে নেতিবাচক কিছু বিষয়। তার মধ্যে অন্যতম হল কর্মীসঙ্কোচন। কারণ, কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগের জন্য সংস্থাগুলি যেমন কিছু কর্মী নিয়োগ করবে, তেমনই এর ব্যবহারের ফলে পুরনো অনেক কর্মীর আর প্রয়োজন বোধ করবে না সংস্থাগুলো। বিশেষত, কৃত্রিম বুদ্ধিমত্তার (Artificial Intelligence) প্রয়োগের ফলে ডেটা এন্ট্রি অপারেটর অথবা ক্যাশিয়ার পোস্টের কাজগুলোর জন্য দরকার পড়বেনা কোনও কর্মীর, এমনটাই জানাচ্ছেন বিশেষজ্ঞরা। অন্যদিকে কাজের পরিধি বাড়বে ডেটা বিশ্লেষক বা কৃত্রিম বুদ্ধিমত্তা বিশেষজ্ঞদের। সমীক্ষায় দেখা যাচ্ছে ২০২৭ ডেটা বিশ্লেষকদের চাহিদা বাড়বে ৩০ শতাংশ। কৃত্রিম বুদ্ধিমত্তার বিভিন্ন টুল ব্যবহারের জন্য একদিকে যেমন বহু প্রশিক্ষিত কর্মীর দরকার পড়বে তেমনি কাজও হারাবেন বহু মানুষ। তাই প্রশ্ন থেকেই যাচ্ছে, কৃত্রিম বুদ্ধিমত্তা (Artificial Intelligence) আশীর্বাদ না অভিশাপ।

    সমীক্ষা….

    রবিবার প্রকাশিত হয়েছে ডব্লিউইএফের একটি সমীক্ষা। সূত্রের খবর, সব মিলিয়ে বিশ্বের প্রায় ৮০০ সংস্থার কাছ থেকে তথ্য নিয়ে তৈরি হয়েছে রিপোর্ট। সুইৎজারল্যান্ডের দাভোসে এই সংস্থা প্রতি বছরই বিশ্বনেতাদের নিয়ে একটি আলোচনাসভার আয়োজন করে। চলতি বছরের আলোচনায় উঠে এসেছিল, ২০২৭ সালের মধ্যে সারা বিশ্বে ৬ কোটি ৯ লক্ষ নতুন চাকরি হবে। কিন্তু একই সঙ্গে ৮ কোটি ৩ লক্ষ মানুষ কর্মহীনও হয়ে পড়বেন। সমীক্ষা বলছে, আগামী ৬ বছর শুধু কৃত্রিম বুদ্ধিমত্তার বহুল ব্যবহারে প্রায় ১ কোটি ৪০ লক্ষ মানুষের কাজ চলে যাবে। যা বর্তমান কর্মসংস্থানের প্রায় ২ শতাংশ প্রায়।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Afzal Ansari: রাহুলের পর এবার সাংসদ পদ খারিজ হল বিএসপির আফজল আনসারির

    Afzal Ansari: রাহুলের পর এবার সাংসদ পদ খারিজ হল বিএসপির আফজল আনসারির

    মাধ্যম নিউজ ডেস্ক: দু বছরের কারাদণ্ড হওয়ায় সাংসদ পদ খুইয়েছেন কংগ্রেস (Congress) নেতা রাহুল গান্ধী (Rahul)। এবার সাংসদ পদ খোয়ালেন বহুজন সমাজবাদী পার্টির (BSP) আফজল আনসারি (Afzal Ansari)। শনিবার উত্তর প্রদেশের একটি আদালত আফজলকে চার বছরের কারাদণ্ড দেয়। তার পরেই লোকসভার সচিবালয় বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেয়, আফজল আনসারির সাংসদ পদ বাতিল করা হল। প্রসঙ্গত, সংসদের নিয়ম অনুযায়ী, কোনও সাংসদের কারাদণ্ড হলে তাঁর সাংসদ পদ খারিজ হয়ে যায়।

    আফজল আনসারির (Afzal Ansari) বিরুদ্ধে অভিযোগ…

    আফজলের (Afzal Ansari) বিরুদ্ধে অভিযোগ, ২০০৫ সালে উত্তর প্রদেশের গাজিপুরে বিজেপি বিধায়ক কৃষ্ণানন্দ রাইকে অপহরণ করে খুন করেছিলেন। উত্তর প্রদেশের ওই আদালত শনিবার গ্যাংস্টার রাজনীতিক মুখতার আনসারিকে ১০ বছরের কারাদণ্ডের নির্দেশ দেয়। এই মুখতারেরই ভাই আফজল। জরিমানার পাশাপাশি আফজলকে কারাদণ্ডের নির্দেশ দেন আদালত। তার পরেই খারিজ হয়ে যায় তাঁর সাংসদ পদ। প্রসঙ্গত, গুজরাটের সুরাটের একটি ম্যাজিস্ট্রেট আদালত ২৩ মার্চ কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীকে দু বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দেয়।

    আরও পড়ুুন: দাড়িভিটে ছাত্র মৃত্যু, হাইকোর্টের প্রশ্নের মুখে রাজ্য মানবাধিকার কমিশন

    উনিশের লোকসভা নির্বাচনের প্রচারে গিয়ে কর্নাটকের কোল্লারের এক জনসভায় রাহুল বলেছিলেন, সব চোরের পদবি মোদি হয় কী করে? নীরব মোদি, ললিত মোদি, নরেন্দ্র মোদি…। এর পরেই গুজরাটের বিজেপি বিধায়ক পূর্ণেশ মোদি সুরাট থানায় অভিযোগ দায়ের করেন। পরে মামলাও হয়। সেই মামলার প্রেক্ষিতেই সুরাটের ম্যাজিস্ট্রেট আদালত রাহুলকে দু বছরের কারাদণ্ড দেয়। এর পরের দিনই রাহুলের সাংসদ পদ খারিজ করে বিজ্ঞপ্তি জারি করে লোকসভার সচিবালয়। নগর দায়রা আদালতেও আবেদন করে সাজা মকুব হয়নি রাহুলের। ফের তিনি আবেদন করেন গুজরাট হাইকোর্টে। শনিবার শুনানি হয়। পরবর্তী শুনানি ৮ মে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     
  • GST Collection: এপ্রিলে রেকর্ড গড়ল জিএসটি আদায়ের পরিমাণ, কত জানেন?

    GST Collection: এপ্রিলে রেকর্ড গড়ল জিএসটি আদায়ের পরিমাণ, কত জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: ২০২৩ সালের এপ্রিল মাসে জিএসটি আদায়ের (GST Collection) পরিমাণ ১.৮৭ লাখ কোটি টাকা। সোমবার ২০২৩ সালের এপ্রিল মাসের জিএসটি সংগ্রহের রিপোর্ট প্রকাশ করেছে অর্থমন্ত্রক। সেখানেই জানা গিয়েছে আদায়ের পরিমাণ ১.৮৭ লাখ কোটি টাকা। এটি এখনও পর্যন্ত সর্বোচ্চ। কেন্দ্রীয় সরকারের তরফে জারি করা বিবৃতিতে বলা হয়েছে, এপ্রিল ২০২৩ সালে মোট জিএসটি সংগ্রহ সর্বকালের সর্বোচ্চ স্থানে রয়েছে। যা এপ্রিল ২০২২ এ ১, ৬৭, ৫৪০ লাখ কোটি টাকার সংগ্রহের চেয়ে ১৯,৪৯৫ কোটি টাকা বেশি। বৃদ্ধির পরিমাণ ১২ শতাংশ।

    জিএসটি আদায়ের (GST Collection) পরিমাণ…

    অর্থমন্ত্রক সূত্রে জানা গিয়েছে, এ বছরের মোট জিএসটি আয় (GST Collection) ১ লক্ষ ৮৭ হাজার ৩৫ কোটি টাকার মধ্যে সিজিএসটি রয়েছে ৩৮ হাজার ৪৪০ কোটি, এসজিএসটি রয়েছে ৪৭ হাজার ৪১২ কোটি, আইজিএসটি রয়েছে ৮৯ হাজার ১৫৮ কোটি এবং সেস ১২ হাজার ২৫ কোটি টাকা। অর্থমন্ত্রক সূত্রে আরও জানা গিয়েছে, চলতি বছরের মার্চে মোট ৯ কোটি ই-বিল পাশ হয়েছে। যেখানে এক মাস আগে, ফেব্রুয়ারিতে ৮.১ কোটি ই-বিল পাশ হয়েছিল। অর্থাৎ অনলাইন মোডে ই-বিল দেওয়ার হার ১১ শতাংশ বৃদ্ধি পেয়েছে। চলতি বছরের এপ্রিলে দৈনিক সর্বাধিক কর সংগ্রহ হয়েছে ২০ তারিখ। সেদিন মোট ৯.৮ লক্ষ লেনদেনের মাধ্যমে ৬৮ হাজার ২২৮ কোটি টাকা কর সংগ্রহ হয়েছে। গত বছরও ২০ এপ্রিল সর্বাধিক কর সংগ্রহ হয়েছিল। তবে তার পরিমাণ ছিল তুলনামূলকভাবে কম। ৯.৬ লক্ষ লেনদেনের মাধ্যমে কর সংগ্রহ হয়েছিল ৫৭ হাজার ৮৪৬ কোটি টাকা।

    আরও পড়ুুন: অভিষেক সভা ছাড়তেই ব্যালট লুঠের চেষ্টা, তৃণমূল কর্মীদের মধ্যে হাতাহাতি

    প্রসঙ্গত, জিএসটি (GST Collection) হল ভারতে পণ্য ও পরিষেবার ওপর লাগু করা কর ব্যবস্থা। এর আগে এ ক্ষেত্রে ভ্যাট করের প্রচলন ছিল। জিএসটি হল ভ্যাটের ডিজিটালাইজড ফর্ম, যেখানে পণ্য ও পরিষেবাগুলি ট্র্যাক করা যায়। ভ্যাট ও জিএসটি উভয়েরই একই ট্যাক্সেশন স্ল্যাব রয়েছে। অর্থমন্ত্রকের বিবৃতিতে আরও বলা হয়েছে, এপ্রিল ২০২৩ সালের রাজস্ব গত বছরের একই মাসে জিএসটি রাজস্বের তুলনায় ১২ শতাংশ বেশি হয়েছে। এ বছর এপ্রিল মাসে পরিষেবা আমদানি সহ অভ্যন্তরীণ লেনদেন থেকে আয় গত বছরের একই মাসের আয়ের তুলনায় ১৬ শতাংশ হারে বেশি।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Rajasekhar Mantha: দাড়িভিটে ছাত্র মৃত্যু, রাজ্য মানবাধিকার কমিশনকে ভর্ৎসনা হাইকোর্টের

    Rajasekhar Mantha: দাড়িভিটে ছাত্র মৃত্যু, রাজ্য মানবাধিকার কমিশনকে ভর্ৎসনা হাইকোর্টের

    মাধ্যম নিউজ ডেস্ক: দাড়িভিট (Darivit) স্কুলে গুলিতে ছাত্রের মৃত্যুর জেরে প্রশ্নের মুখে রাজ্য মানবাধিকার কমিশন (State Human Rights Commission)। গোটা ঘটনায় নিজেদের নিরাপদ দূরত্বে সরিয়ে রেখেছে কমিশন। দূর থেকে গোটা ঘটনা দেখছে রাজ্য মানবাধিকার কমিশন। মন্তব্য কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার (Rajasekhar Mantha)। ডিএম-এসপির ওপর এতটাই ভরসা যে রিপোর্ট চেয়েই দায়িত্ব শেষ। ২০২০ সাল থেকে কমিশনের সদস্য ছিল না বলে দাবি করা হচ্ছে। আদালতের প্রশ্ন, ২০১৮ থেকে ২০১৯ সাল পর্যন্ত ছিল, সেই সময় কী করেছে রাজ্য কমিশন?  জাতীয় মানবাধিকার কমিশন লোক পাঠিয়ে একাধিক রিপোর্ট তৈরি করেছে। সে রিপোর্ট নিয়ে যতই বিতর্ক হোক, তবুও তারা করেছে, আপনারা কী করছেন?

    বিচারপতি রাজাশেখর মান্থার (Rajasekhar Mantha) প্রশ্ন…

    স্কুলে শিক্ষক নিয়োগের দাবিতে আন্দোলন করতে গিয়েই প্রাণ হারিয়েছিলেন ইসলামপুরের দাড়িভিট স্কুলের দুই প্রাক্তন ছাত্র। ২০১৮ সালের ২০ সেপ্টেম্বর মাসে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় তাপস বর্মণ ও রাজেশ সরকার নামে দুই ছাত্রের। সেই ঘটনায় তোলপাড় হয় রাজ্য-রাজনীতি। তদন্ত করেছিল সিআইডি। যদিও সিবিআই তদন্তের দাবি জানিয়েছিলেন দুই ছাত্রের পরিবারই। এ নিয়ে হাইকোর্টে দায়ের হয় মামলা। সোমবার হাইকোর্টে সেই মামলার শুনানি চলাকালীন রাজ্য মানবাধিকার কমিশনের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা হয়েছে কি না, এদিন সে প্রশ্নও করেন বিচারপতি মান্থা (Rajasekhar Mantha)।

    আরও পড়ুুন: কর্নাটকে বিজেপির ইস্তাহারে জোর কর্মসংস্থান, এনআরসি ও মহিলা ক্ষমতায়নে

    এর আগে আদালতে প্রায় একই রকম প্রশ্নের সম্মুখীন হয় সিআইডি। রাজ্যের এই তদন্তকারী সংস্থাকে বিচারপতি বলেন, সাংসদ, বিধায়ক, উচ্চ পদস্থ পুলিশ আধিকারিকরা সেখানে উপস্থিত ছিলেন বলে দাবি করা হচ্ছে। তাঁদের জিজ্ঞাসাবাদ করে কী তথ্য পাওয়া গিয়েছে? যে পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল, তাঁদের কি জিজ্ঞাসাবাদ করা হয়েছে? করা হয়ে থাকলে তাঁরা কী জানিয়েছেন? ঘটনাস্থল থেকে পুলিশ গুলির খোল উদ্ধার করলেও, সেগুলি সিআইডিকে হস্তান্তর করা হয়নি বলে অভিযোগ। সেই অভিযোগ কেন উঠছে?  সিআইডির উদ্দেশে বিচারপতি মান্থা (Rajasekhar Mantha) বলেন, জাতীয় মানবাধিকার কমিশন অনুসন্ধান করে সিবিআই তদন্তের পক্ষে সুপারিশ করেছে। কিন্তু রাজ্য মানবাধিকার কমিশন প্রথমে অনুসন্ধান করলেও, পরে তারা সরে আসে কেন? এ নিয়ে সিআইডির বক্তব্য কী? সিআইডির পরে এবার হাইকোর্টের প্রশ্নের মুখে পড়ল রাজ্য মানবাধিকার কমিশনও।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     
     
  • BSF: সীমান্তে এক জার সাপের বিষ উদ্ধার বিএসএফ-এর, বাজারমূল্য জানলে চমকে উঠবেন!

    BSF: সীমান্তে এক জার সাপের বিষ উদ্ধার বিএসএফ-এর, বাজারমূল্য জানলে চমকে উঠবেন!

    মাধ্যম নিউজ ডেস্ক: সীমান্তে সন্দেহজনক একজার ভর্তি সাপের বিষ উদ্ধার করল ১৩৭ ব্যাটেলিয়ান বিএসএফ (BSF)। দক্ষিণ দিনাজপুর জেলার হিলির গয়েশপুর বিওপি-র পাহানপাড়া সীমান্তে উদ্ধার হওয়া সাপের বিষের আন্তর্জাতিক বাজার মূল্য প্রায় ১৩ কোটি টাকা। বিএসএফ (BSF) অভিযান চালিয়ে সাপের বিষের জার উদ্ধার করলেও পাচারকারীরা পালিয়ে যায়। তারা বাংলাদেশ সীমান্তে গা ঢাকা দিয়েছে বলে বিএসএফ (BSF) সূত্রে জানা গিয়েছে।

    ঠিক কী ঘটেছিল?

    বিএসএফের (BSF) পক্ষ থেকে জানানো হয়েছে যে, একটি বিশেষ সূত্রে খবর পেয়ে রবিবার রাত সাড়ে বারোটা নাগাদ সীমান্তের ভারতীয় গ্রাম পাহানপাড়া এলাকায় গোপনে অপেক্ষা করতে থাকে বিএসএফ দল। বাংলাদেশ থেকে দুই পাচারকারী সীমান্তের দিকে এগিয়ে আসে। তারা ভারতীয় ভূখন্ডে আসতেই বিএসএফ (BSF) তাদের পিছনে ধাওয়া করে। পরিস্থিতি বেগতিক দেখে তারা বাংলাদেশ সীমান্তের দিকে ছুটে পালাতে থাকে। তাদের আটকাতে এক রাউন্ড গুলি ছোঁড়ে বিএসএফ (BSF)। কিন্তু ওই দুই পাচারকারী ততক্ষণে বাংলাদেশ সীমান্তে পালিয়ে যেতে সক্ষম হয়। এমনিতেই বিএসএফের (BSF) কাছে সাপের বিষ পাচার হওয়ার খবর ছিল। কিন্তু, দুই পাচারকারী পালানোর সময় তাদের হাতে কোনও জিনিস ছিল না। ফলে, পাচারকারীদের ফেলে যাওয়া সামগ্রীর খোঁজে তল্লাশি শুরু করে বিএসএফ। অনেক খোঁজাখুঁজির পর উদ্ধার হয় একটি জার। যেখানে লেখা রয়েছে, কোবরা এসপি, ড্রাগন কোম্পানি, মেড ইন ফ্রান্স।  কোড নম্বর ৬০৯৭। সেই জারের মধ্যে তরল দ্রব্য কোবরা সাপের বিষ বলে মনে করছে বিএসএফ (BSF) ।   

    বিএসএফের (BSF) কী বক্তব্য ?

    ১৩৭ ব্যাটেলিয়ানের পক্ষ থেকে জানানো হয়েছে যে, পাচারকারীদের খোঁজে ব্যাপক তল্লাশি চালানো হয়। পরে, গুলি চালানো হলেও হতাহতের কোনও খবর নেই। উদ্ধার হওয়া সাপের বিষের জারটি সোমবার দুপুরে বালুরঘাট রেঞ্জের বনবিভাগের হাতে তুলে দেওয়া হয়েছে।

    কী বললেন বনবিভাগের আধিকারিক?

    বালুরঘাট বনবিভাগের রেঞ্জ অফিসার সুকান্ত ওঝা বলেন, যে জায়গা থেকে এই জার উদ্ধার হয়েছে, সেই ঘটনাস্থল পরিদর্শন করব। প্রাথমিকভাবে সাপের বিষ বলেই মনে হচ্ছে। তবে, এই বিষয়ে আরও নিশ্চিত হতে আমরা মুম্বই ল্যাবরেটরিতে এই জার পাঠাব।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Abhishek Banerjee: অভিষেক সভা ছাড়তেই ব্যালট লুঠের চেষ্টা, তৃণমূল কর্মীদের মধ্যে হাতাহাতি

    Abhishek Banerjee: অভিষেক সভা ছাড়তেই ব্যালট লুঠের চেষ্টা, তৃণমূল কর্মীদের মধ্যে হাতাহাতি

    মাধ্যম নিউজ ডেস্ক: উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের পর এবার করণদিঘিতে তৃণমূলের নবজোয়ার কর্মসূচিতে চরম বিশৃঙ্খলা তৈরি হয়। ভোটগ্রহণ কেন্দ্র থেকে ব্যালট বাক্স ছিনিয়ে নিয়ে যাওয়ার ঘটনা ঘটে। জানা গিয়েছে, রবিবার করণদিঘিতে প্রার্থী বাছাইয়ে ভোটদান চলাকালীন দুটি ভোট গ্রহণ কেন্দ্রে তুমুল ঝামেলা বাঁধে তৃণমূল কর্মীদের মধ্যে। চাকুলিয়া ব্লকের হপতিয়াগজ গ্রাম পঞ্চায়েত ও গোয়াগাঁও- ২ গ্রাম পঞ্চায়েতের ভোট দান কক্ষে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। করণদিঘির আগে ইসলামপুর কোর্ট ময়দানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) সভা ছিল। সেই সভা শেষে ব্যালট বাক্সে প্রার্থীর নামের কুপন দিতে গিয়ে বিশৃঙ্খলা তৈরি হয়। যদিও পরে দলীয় নেতৃত্বের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

    করণদিঘিতে ঠিক কী হয়েছিল?

    রবিবার চোপড়ায় অভিষেকের (Abhishek Banerjee) সভা ছিল। পরে, সেখান থেকে তিনি ইসলামপুরে সভা করেন। সভা শেষে সেখানেও ব্যালটে ভোট দেওয়া নিয়ে গণ্ডগোল হয়। পরে, বিষয়টি মিটে যায়। সেখান থেকে যুবরাজ চাকুলিয়াতে সভা করেন। পরে, করণদিঘিতে তিনি রাতে থাকেন। করণদিঘিতে অভিষেক (Abhishek Banerjee) পৌঁছানোর পরই ভোটদানের ব্যবস্থা করা হয়েছিল। তিনি দাঁড়িয়ে থেকে ভোটদান শুরু করে সভাস্থল ছেড়ে চলে যান। এরপরই পুরানো এবং নব্য তৃণমূলের মধ্যে হাতাহাতি শুরু হয়। যে ব্যালট বাক্সে ভোটদান চলছিল তৃণমূল কর্মীদের একাংশ তা ছিনতাই করে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এমনিতেই অভিষেক (Abhishek Banerjee) সভা ছেড়ে চলে যাওয়ার পর পরই তৃণমূলের জেলা নেতৃত্ব তাঁর সঙ্গে চলে যান। ভোটদান কেন্দ্রে গণ্ডগোল হচ্ছে শুনে ঘটনাস্থলে ছুটে আসে বিশাল পুলিশ বাহিনী। মন্ত্রী গোলাম রব্বানী, জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল ও করণদিঘির বিধায়ক গৌতম পাল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার জেরে ভোটদান পর্ব বন্ধ করে দেন তৃণমূল নেতৃত্ব।

    ভোটদান নিয়ে তৃণমূল কর্মীদের কী বক্তব্য?

    এক তৃণমূল কর্মী বলেন, পুরানো কর্মীদের নামের তালিকা দেওয়া হয়েছিল। তাঁদের কোনও নাম নেই। নতুন যারা এসেছে তালিকায় তাঁদের নাম রয়েছে। আসলে তালিকা জমা পড়ার পর তালিকায় কাটছাঁট করা হয়েছে। চোখের সামনেই এসব হচ্ছে। অন্য এক তৃণমূল কর্মী বলেন, ব্যালটে ভোট দেওয়া চলছে। সেটা প্রকাশ্যে হচ্ছে। কোনও গোপনীয়তা নেই। আর তাতেই তৃণমূল কর্মীদের বড় অংশ আপত্তি জানান। ফলে, ভোট গ্রহণ বন্ধ করে দেওয়া হয়।

    প্রসঙ্গত, পঞ্চায়েতে প্রার্থী বাছাই করতে অভিনব পদক্ষেপ করেছেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। জেলায় জেলায় ঘুরছেন তিনি। সব সভা থেকেই অভিষেক একটাই বার্তা দিচ্ছেন, তৃণমূল পঞ্চায়েতের প্রার্থী বাছাই করবে না। পঞ্চায়েতের প্রার্থী বাছবে মানুষ। অভিষেকের এই উদ্যোগ কার্যকরী করতে গিয়েই বাঁধছে বিপত্তি। জায়গায় জায়গায় ব্যালট বাক্স ভাঙা থেকে লুঠপাটের ঘটনা সামনে আসছে। কোচবিহার ছাড়াও জলপাইগুড়ির ময়নাগুড়ি, পাহাড়পুর, রাজগঞ্জ থেকে ডাবগ্রাম-ফুলবাড়ি সব জায়গাতেই ব্যালট পেপার নিয়ে মারামারির ঘটনা ঘটেছে। এবার উত্তর দিনাজপুরের করণদিঘিতেও একই ঘটনা ঘটল। যা নিয়ে অস্বস্তিতে পড়েছে তৃণমূলের জেলা নেতৃত্ব।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • TET: বিএড উত্তীর্ণরাও চলতি টেট নিয়োগে অংশ নিতে পারবেন! নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

    TET: বিএড উত্তীর্ণরাও চলতি টেট নিয়োগে অংশ নিতে পারবেন! নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

    মাধ্যম নিউজ ডেস্ক: বিএড (B ed Training) উত্তীর্ণরা প্রাথমিকে চলতি নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন। সোমবার  বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দেন গত বছরের ২৯ সেপ্টেম্বরের আগে যে সব চাকরিপ্রার্থী বিএড প্রশিক্ষণ সম্পূর্ণ করেছেন, তাঁরা চলতি নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন। তাঁদের জন্য প্রাথমিক শিক্ষা পর্ষদকে নতুন করে পোর্টাল খুলতেও নির্দেশ দেন বিচারপতি। ৩ সপ্তাহের মধ্যে পোর্টাল খুলে পরীক্ষার্থীদের সুযোগ দেওয়ার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। যদিও আদালতের পরবর্তী নির্দেশ ছাড়া ওই প্রার্থীদের ফলপ্রকাশ করা যাবে না। তবে যাঁরা আগে আবেদন করেছিলেন, একমাত্র তাঁরাই চলতি টেটে অংশ নেওয়ার সুযোগ পাবেন। নতুন করে আবেদন করা যাবে না। 

    আদালতের পর্যবেক্ষণ

    গত বছর প্রাথমিক স্কুলে প্রায় ১১ হাজার শিক্ষক নিয়োগের কথা ঘোষণা পর্ষদের। গত ২৯ সেপ্টেম্বর তারা নিয়োগ-বিজ্ঞপ্তি জারি করে। সেখানে জানানো হয়, ডিএলএড প্রশিক্ষণরতরাও অংশ নিতে পারবেন এই নিয়োগ প্রক্রিয়ায়। পরে এই পর্ষদের এই নির্দেশ খারিজ করে দেয় বিচারপতি সুব্রত তালুকদার এবং বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ। ডিভিশন বেঞ্চ জানায়, প্রশিক্ষণরতরা নন, যাঁরা প্রশিক্ষণ সম্পূর্ণ করেছেন একমাত্র তাঁরাই অংশ নিতে পারবেন।

    আরও পড়ুন: মে মাসের গরমে বাংলা টেক্কা দেবে রাজস্থানকে! কবে থেকে শুরু তাপপ্রবাহ?

    চলতি নিয়োগ প্রক্রিয়ায় সুযোগ পাওয়ার জন্য মৃন্ময় সরকার-সহ ৫০ জন চাকরিপ্রার্থী কলকাতা হাইকোর্টে মামলা করেন। তাঁদের আইনজীবী ফিরদৌস শামিমের বক্তব্য, ডিএলএড প্রশিক্ষণ শুধুমাত্র প্রাথমিক স্কুলের জন্য। কিন্তু অনেকে বিএড সম্পূর্ণ করে আবার ডিএলএড-এর প্রশিক্ষণ নিচ্ছিলেন। পর্ষদের বিজ্ঞপ্তি অনুসারে, ডিএলএড যোগ্যতায় আবেদন করেন তাঁরা। তখন প্রশিক্ষণ সম্পূর্ণ করার কথা বাধ্যতামূলক বলা হলে বিএড উত্তীর্ণরা আবেদন করতে পারতেন। পর্ষদের ত্রুটির কারণে তাঁরা বঞ্চিত হয়েছেন। ওই মামলায় সোমবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানিয়ে দিলেন, যাঁরা আবেদন করেছেন সেই সব বিএড উত্তীর্ণরা চলতি প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন। আগামী ১২ জুন এই মামলার পরবর্তী শুনানি।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share