Blog

  • Karnataka: অযোধ্যার পরে এবার কর্নাটকেও গড়ে উঠতে চলেছে নয়নাভিরাম রামমন্দির, জানুন কোথায়

    Karnataka: অযোধ্যার পরে এবার কর্নাটকেও গড়ে উঠতে চলেছে নয়নাভিরাম রামমন্দির, জানুন কোথায়

    মাধ্যম নিউজ ডেস্ক: উত্তর প্রদেশের অযোধ্যায় চলছে রামমন্দির (Ram Temple) গড়ার কাজ। ২০২৪ সালের প্রথমেই সেই মন্দিরের দ্বার খুলে দেওয়ার কথা ভক্তদের জন্য। চোখ ধাঁধানো সেই মন্দির গড় উঠছে ভগবান রামের জন্মস্থলে। এ দেশে আরও একটি রামমন্দির গড়ে উঠতে চলেছে। এই মন্দিরটি অবশ্য হবে কর্নাটকে (Karnataka), রামভক্ত হনুমানের জন্মস্থানে। ১০০ কোটি টাকা ব্যয়ে ভগবান রামের ওই মন্দির গড়ে উঠবে ১৯ একর জমির ওপর। এই মন্দিরটিও হবে চোখ ধাঁধানো। শুক্রবার কর্নাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই ঘোষণা করেন, রামনগর জেলায় তৈরি হবে এই মন্দির। ১৯ একর জমিতে ১০০ কোটি টাকা খরচ করে রামমন্দির তৈরির পরিকল্পনা করেছে কর্নাটক সরকার।

    অঞ্জনাদ্রি হিল…

    কর্নাটকের অঞ্জনাদ্রি হিলে রাম ভক্ত হনুমানের জন্মস্থান বলে লোকবিশ্বাস। সেই কারণেই এখানে হবে ভগবান রামের মন্দির। জানা গিয়েছে, ডিসেম্বর মাসে কর্নাটকের (Karnataka) এক মন্ত্রী প্রস্তাব দেন, এই অঞ্চলটিকে দক্ষিণের অযোধ্যা হিসেবে গড়ে তুলতে হবে। তার পরেই রামমন্দির গড়ে তোলার পরিকল্পনা শুরু করে কর্নাটক সরকার। শুধু রামমন্দির নয়, আগামী দু বছরে রাজ্যের বিভিন্ন মঠ ও মন্দিরগুলি সংস্কার ও উন্নতি সাধন করতে চলেছে কর্নাটক সরকার। এজন্য ব্যয় ধরা হয়েছে ১০০০ কোটি টাকা। এদিন রাজ্য বাজেট পেশ করার সময়ই একথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। বেঙ্গালুরু (Karnataka) শহর থেকে মাত্র ৫০ কিলোমিটার দূরে রয়েছে অঞ্জনাদ্রি হিল। শোনা যায়, রামায়ণের সঙ্গে গভীর যোগ রয়েছে এই অঞ্চলের।

    আরও পড়ুুন: শিবসেনা নাম ও তির-ধনুক প্রতীক ব্যবহার করতে পারবে একনাথ শিন্ডে গোষ্ঠী! হতাশ উদ্ধব-গোষ্ঠী

    প্রাকৃতিক সৌন্দর্যেও ভরপুর কোপ্পাল জেলার এই অঞ্জনাদ্রি হিল এলাকা। এখানেই শ্যুটিং হয়েছিল প্রায় লেজেন্ড হয়ে যাওয়া চলচ্চিত্র শোলের। এখানেই ভগবান রামের পাশাপাশি মন্দির গড়ে উঠবে ভক্ত হনুমানেরও। এর পাশাপাশি কৃষকদের জন্যও সুখবর দিয়েছেন কর্নাটকের মুখ্যমন্ত্রী। তিনি জানান, সুদ-মুক্ত স্বল্প মেয়াদি ঋণ এতদিন দেওয়া হত ৩ লক্ষ টাকা পর্যন্ত। এখন সেটা বেড়ে হল ৫ লক্ষ টাকা। ৫০ কোটি টাকা ব্যয়ে মহিলাদের জন্য রাজ্যের জনবহুল বাজারগুলিতে ২৫০টি শৌচাগার তৈরির পরিকল্পনার কথাও ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Sukanta Majumdar: ‘ডিএ দিতে পারবেন না…আপদ বিদায় হলেই মানুষের মঙ্গল’, মমতাকে কটাক্ষ সুকান্তর

    Sukanta Majumdar: ‘ডিএ দিতে পারবেন না…আপদ বিদায় হলেই মানুষের মঙ্গল’, মমতাকে কটাক্ষ সুকান্তর

    মাধ্যম নিউজ ডেস্ক: মুখ্যমন্ত্রী ডিএ (DA) দিতে পারবেন না। রাজ্যের যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে দিতে পারবেন না। কোনও কিছুই যদি না পারেন, তাহলে মুখ্যমন্ত্রিত্বে থেকেও লাভ নেই। আপদ বিদায় হলেই বাংলার মানুষের মঙ্গল। শুক্রবার কথাগুলি যিনি বললেন, তিনি বিজেপির (BJP) রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। দিন কয়েক আগে বিধানসভায় বাজেট পেশ করতে গিয়ে তিন শতাংশ ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করে রাজ্য সরকার। যদিও বকেয়া ডিএ-র দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে সরকারি কর্মীদের সংগ্রামী যৌথমঞ্চ। সে প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমি ম্যাজিসিয়ান নই। টাকা দাও বললেই হবে না, টাকা জোগাড় করতে হয়। কেন্দ্রের বঞ্চনা সত্ত্বেও আমরা থ্রি পার্সেন্ট ডিএ দিয়েছি। এই প্রসঙ্গেই মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করেন বিজেপির রাজ্য সভাপতি।

    সুকান্ত বলেন…

    সুকান্ত বলেন, কেন্দ্রের বঞ্চনা বলতে উনি কী বোঝাতে চাইছেন, আমি জানি না। যদি ধরেই নিই কেন্দ্রে আবাস যোজনার টাকা বা ১০০ দিনের টাকা, যে টাকা এখন বন্ধ রয়েছে, সেই টাকার কথা বলছেন, তাহলেও প্রশ্ন, এই টাকায় কি ডিএ দেওয়া হয়?  তিনি বলেন, ডিএ তো দিতে হয় রাজ্য সরকারের নিজস্ব রোজগারের টাকা থেকে। এর পরেই সুকান্ত বলেন, উনি কর্মসংস্থানের জোগাড় করতে পারবেন না, রোজগার করতে পারবেন না, ডিএ দিতে পারবেন না, শুধু পদ অলঙ্কৃত করে থাকবেন! দরকার নেই এরকম আপদের। এর পরেই বিজেপির রাজ্য সভাপতি বলেন, আপদ বিদায় হলেই বাংলার মানুষের মঙ্গল।  

    আরও পড়ুুন: মোদির ওপর বিবিসি-র বানানো তথ্যচিত্র ‘প্রচার সর্বস্ব ভিডিও’, তোপ ব্রিটিশ সাংসদের

    সুকান্ত (Sukanta Majumdar) বলেন, ২০১১ সালে কেন্দ্রীয় সরকারের কাছে রাজ্য যে টাকা পেত, ২০২২ সালে সেটা দ্বিগুণেরও বেশি হয়েছে। মুখ্যমন্ত্রী সেকথা বলেন না। অথচ বিভিন্ন পত্রপত্রিকায় সেই তথ্য প্রকাশিত হয়েছে। এদিকে, মুখ্যমন্ত্রী শুধু মিথ্যে বলে মানুষকে বিভ্রান্ত করছেন। এদিকে, বকেয়া ডিএ-র দাবিতে দু দিনের কর্মবিরতির ডাক দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ। সোম ও মঙ্গলবার ওই কর্মবিরতি পালিত হবে। অন্যদিকে, পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, শুক্রবার বিধানসভার উদ্দেশে একটি মিছিলও শুরু করে সরকারি কর্মচারীদের ৩০টি সংগঠন। যদিও সেই মিছিল গন্তব্যে পৌঁছানোর আগেই তা আটকে দেয় পুলিশ। প্রসঙ্গত, ডিএ নিয়ে রাজ্য প্রশাসনের ওপর চাপ বাড়াতে বিধানসভা অভিযানের ডাক দিয়েছিল সরকারি কর্মীদের ৩০টি সংগঠন। মিছিল করে গিয়ে রাজ্যপালের কাছে স্মারকলিপি জমা দেওয়ার কর্মসূচিও নিয়েছিল তারা।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • Karachi Attack: ফের রক্তাক্ত করাচি! পুলিশ প্রধানের দফতরে তালিবান হানা, নিহত ৯

    Karachi Attack: ফের রক্তাক্ত করাচি! পুলিশ প্রধানের দফতরে তালিবান হানা, নিহত ৯

    মাধ্যম নিউজ ডেস্ক: আবার জঙ্গি হামলা করাচিতে। ফের রক্তাক্ত পাকিস্তান (Pakistan)। এবার করাচির পুলিশ দফতরে তালিবান হানা। শুক্রবার রাতে একদল জঙ্গি হামলা চালায় করাচির পুলিশ প্রধানের দফতরে। পালটা জবাব দেয় পুলিশও। দু’পক্ষের গোলাগুলিতে ৯ জনের মৃত্যু হয়েছে। আহত কমপক্ষে ১০ জন। মৃতদের মধ্যে জঙ্গি ও দুই পুলিশকর্মীও রয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাই অ্যালার্ট জারি করা হয়েছে রাজধানী শহরেও।

    হামলার বিবরণ

    করাচি পুলিশ সূত্রে শেষ পাওয়া খবর অনুযায়ী, ৫ জন জঙ্গি সহ মোট ৯ জন মারা গিয়েছে। বেশ কয়েকজন পুলিশকর্মী, দুজন সাধারণ মানুষ সহ মোট ১৭ জন আহত হয়েছে যে ঘটনায়। কয়েকজনের অবস্থা গুরুতর। গত রাতে বেশ কয়েকজন জঙ্গি হামলা চালায় বলেই প্রাথমিকভাবে জানা গিয়েছে। প্রথমে ৩জন সশস্ত্র জঙ্গি পুলিশ কর্তার দফতরে ঢুকে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে। বোমা বিস্ফোরণও ঘটানো হয়। হামলার দায় স্বীকার করেছে তেহরিক-ই-তালিবান (Tehreek-e-Taliban)। যেসময় ওই হামলা চালানো হয় তখন সেখানে পুলিশের বেশ কয়েকজন আধিকারিক ছিলেন। তবে কোনও শীর্ষ কর্তা এই ঘটনায় জখম হয়েছেন বা মারা গিয়েছেন বলে খবর নেই। ঘটনার পরই ঘটনাস্থল সংলগ্ন সমস্ত রাস্তা জনসাধারণের বন্ধ করে দেয় পুলিশ। সেখানে পাঠানো হয় আরও বেশি সংখ্যক বাহিনী।

    আরও পড়ুন: শিবসেনা নাম ও তির-ধনুক প্রতীক ব্যবহার করতে পারবে একনাথ শিন্ডে গোষ্ঠী! হতাশ উদ্ধব-গোষ্ঠী

    জঙ্গি দমনের বার্তা

    দীর্ঘদিন ধরে জঙ্গি সমস্যায় জর্জরিত পাকিস্তান। গত কয়েক মাসে দেশের মধ্যে বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত সংস্থায় জঙ্গিদের হানা বেড়েছে। কিছু সপ্তাহ আগেই পুলিশরা ব্যবহার করেন এমন একটি মসজিদকে টার্গেট করা হয়েছিল। সেখানে বোমা বিস্ফোরণে প্রাণ হারাতে হয়েছিল অনেক পুলিশ কর্মী-অফিসারকে। এবার জঙ্গিরা রাতের অন্ধকারে এভাবে পুলিশের হেড কোয়ার্টারে হামলা চালানোয় বড়সড় প্রশ্ন উঠেছে নিরাপত্তা নিয়েও। পুলিশ কোয়ার্টারে জঙ্গিহানা প্রসঙ্গে পাক প্রধানমন্ত্রী বলেছেন, ‘পাকিস্তান শুধু সন্ত্রাসকে মূল থেকে উপড়েই ফেলবে না। জঙ্গিদের মেরে যোগ্য ন্যায়বিচারও জোগাড় করে নেবে। রাষ্ট্রকে সুরক্ষিত করতে সন্ত্রাসের দুষ্টকে দমন করতেই হবে।’ সিন্ধ প্রদেশের মুখ্যমন্ত্রী মুরাদ আলি শাহ এই ঘটনার নিন্দা করেছেন। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Maha Shivratri: আজ মহাশিবরাত্রি, পবিত্র ব্রত পালনের নেপথ্য লৌকিক কাহিনী জানুন

    Maha Shivratri: আজ মহাশিবরাত্রি, পবিত্র ব্রত পালনের নেপথ্য লৌকিক কাহিনী জানুন

    শুভ্র চট্টোপাধ্যায়: ভক্তদের কাছে শিবরাত্রির বিশেষ মাহাত্ম্য রয়েছে। এইদিন দেবাদিদেব মহাদেবের আরাধনায় মেতে ওঠেন দেশবিদেশের ভক্তরা। তাঁদের বিশ্বাস এই বিশেষ তিথিতে মহাদেব সন্তুষ্ট হলে সকল মনস্কামনা পূরণ করেন। এই বিশেষ তিথিতে ভক্তরা একটি সারাদিনব্যাপী উপবাস পালন করে এবং বিশ্বজুড়ে শিব মন্দিরগুলিতে পূজা করা হয়। ভক্তরা সাধারণত শিবলিঙ্গে দুধ, বেলপাতা নিবেদন করেন এবং মোক্ষ প্রার্থনা করেন।
     বেশ কয়েকটি পুরাণে মহা শিবরাত্রির (Maha Shivratri) উল্লেখ পাওয়া যায়। মধ্যযুগীয় শৈব গ্রন্থগুলিতে শিবরাত্রির দিন উপবাস ও লিঙ্গরূপের শিবের পূজার কথা উল্লেখ রয়েছে।

    শিবরাত্রির ব্রত পালনের লৌকিক কাহিনী

    হিন্দু মহাপুরাণ তথা শিবমহাপুরাণ (Maha Shivratri) অনুসারে এই রাত্রেই শিব সৃষ্টি, স্থিতি ও প্রলয়ের মহা তাণ্ডব নৃত্য করেছিলেন। আবার অন্য একটি পৌরাণিক আখ্যান মতে, এই রাত্রেই শিব ও পার্বতীর বিয়ে হয়েছিল।  এই মহাশিবরাত্রিতে শিব তাঁর প্রতীক লিঙ্গ তথা শিবলিঙ্গ রূপে প্রকাশিত হয়ে জীবের পাপনাশ ও মুক্তির পথ দেখিয়েছিলেন। 

    কিন্তু শিবরাত্রির ব্রত পালনের সঙ্গে জড়িয়ে রয়েছে একটি প্রচলিত কাহিনী।  এই কাহিনী তিনজনকে কেন্দ্র করে শিব, যমরাজ এবং এক ব্যাধ।
    লৌকিক কথা অনুসারে, কাশীতে বাস করতেন এক ব্যাধ। এমনই একদিন শিকারে বেরিয়ে দিনভর অভুক্ত ছিলেন সেই ব্যাধ। ক্ষুধার্থ অবস্থায় তিনি ঘুমিয়ে পড়েছিলেন এক গাছের নিচে। এদিকে যখন তাঁর ঘুম ভাঙল তখন সন্ধ্যা। হিংস্র জন্তুতে ভর্তি সেই জঙ্গল। প্রাণ বাঁচাতে উঠে পড়লেন একটি বেল গাছে। সেখানেই রাত্রিযাপন করেছিলেন ওই শিকারী।

    এদিকে ওই বেলগাছের নিচেই ছিল একটি শিবলিঙ্গ। গাছে ব্যাধের নড়াচড়ার ফলে ওই গাছ থেকে বেশ কয়েকটি বেলপাতা পড়েছিল শিবলিঙ্গে। আর ব্যাধ ছিলেন উপবাসী। দিনটি ছিল শিবরাত্রির দিন। পরের দিনে ব্যাধ বাড়ি ফিরে খেতে বসলে তাঁর বাড়িতে আসেন এক অতিথি। এদিকে ঘরে খাবার কম। তাই অতিথি সেবা করতে নিজের খাবারই সেই অতিথিকে নিবেদন করেছিলেন শিকারী। ফলে নিজের অজান্তেই পালন করে ফেলেছিলেন ব্রত।

    তারপর কেটে গিয়েছিল বহু বহু বছর। ব্যাধের মৃত্যুর সময় তাঁকে নিতে আসেন যমদূতেরা। এদিকে ব্যাধকে নিতে আসেন শিবদূতেরাও। দুই পক্ষের দূতদের মধ্যে বাধে লড়াই। অবশেষে যমদূতরা কৈলাসে যান দেবাদিদেবকে নালিশ করতে। তখন শিবপ্রহরী নন্দী যমদূতদের বলেন, যেহেতু ব্যাধ শিবচতুর্দশীর দিনে ব্রত পালন করেছিলেন তাই পুণ্যলাভ করেছেন। এই কারণেই যমদূতরা তাঁকে নিয়ে যেতে পারেন না। সমস্ত ঘটনা যমদূতরা জানিয়েছিলেন যমরাজকে। সব শুনে যমরাজ বলেছিলেন, শিব চতুর্দশীতে এই ব্রত যিনি পালন করবেন তিনি সমস্ত পাপ থেকে রক্ষা পাবেন। আরও বলেছিলেন, সেই ব্রতপালনকারীর ওপরে থাকবে না যমের অধিকার।

    আবার হিন্দু পুরাণ অনুসারে, এই দিনে ভগবান শিব দেবী পার্বতীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। ভগবান শিব পুরুষকে (মননশীলতা) মূর্ত করেছেন, যেখানে মা পার্বতীর প্রকৃতির (প্রকৃতি) ব্যক্তিত্ব রয়েছে। চেতনা এবং শক্তি উভয়ের মিলনের সাথে এটি সৃষ্টিকে সহজ করে তোলে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     

     

     

     

  • Shiv Sena Party: শিবসেনা নাম ও তির-ধনুক প্রতীক ব্যবহার করতে পারবে একনাথ শিন্ডে গোষ্ঠী! হতাশ উদ্ধব-গোষ্ঠী

    Shiv Sena Party: শিবসেনা নাম ও তির-ধনুক প্রতীক ব্যবহার করতে পারবে একনাথ শিন্ডে গোষ্ঠী! হতাশ উদ্ধব-গোষ্ঠী

    মাধ্যম নিউজ ডেস্ক: সরকার,মুখ্যমন্ত্রীর পদ আগেই গিয়েছিল। এবার শিবসেনার (Shiv Sena) নাম ও দলের প্রতীক হারালেন বালাসাহেব ঠাকরের ছেলে উদ্ধব ঠাকরে (Uddhav Thackeray)। ভারতের নির্বাচন কমিশন জানিয়ে দিল, ‘শিব সেনা’ নামটি, দলের চিহ্ন ‘তির ও ধনুক’-এই সবই ব্যবহার করতে পারবে একমাত্র শিবসেনার একনাথ শিন্ডে গোষ্ঠী। রাজনীতিতে কোনও কিছুই পৈতৃক সূত্রে পাওয়া যায় না, তা যোগ্যতা দিয়ে অর্জন করতে হয়। বিশেষ করে আম-জনতার ভরসা। 

    আসল শিবসেনা!

    আসল শিবসেনা কারা! এই নিয়ে গত বছরই মহারাষ্ট্রে দ্বন্দ্ব শুরু হয়। একনাথ শিন্ডের নেতৃত্বে শিবসেনার  অন্দরে বিদ্রোহের সময় দুটি গোষ্ঠীর মধ্যে দলের নাম ও চিহ্ন নিয়ে বিবাদ শুরু হয়েছিল। নির্বাচন কমিশনের কাছে দুটি গোষ্ঠীই আবেদন করেছিল। তখন শিবসেনার চিহ্ন ও নাম- ফ্রিজ করে রাখার নির্দেশ দেয় নির্বাচন কমিশন। সেই সময়ে উপনির্বাচনের জন্য একনাথ শিন্ডে গোষ্ঠী দুটি তরোয়াল-একটি ঢাল চিহ্ন হিসেবে ব্যবহার করেছিল। অন্যদিকে উদ্ধব গোষ্ঠীর চিহ্ন ছিল মশাল।  দুপক্ষের লড়াই মীমাংসা করার জন্য সুপ্রিম কোর্ট বল ঠেলেছিল নির্বাচন কমিশনে। শুক্রবার সে ব্যাপারে বড় রায় দিল নির্বাচন সদন। তারা জানিয়ে দিল, উদ্ধবরা কোনওভাবেই শিবসেনার নাম ও প্রতীক ব্যবহার করতে পারবেন না। বালাসাহেবের প্রতিষ্ঠা করা দলের প্রতীক তির-ধনুকের অধিকারও ছেলের কাছে রইল না। নির্বাচন কমিশন জানিয়েছে, শিবসেনা নাম ও তির-ধনুক প্রতীক ব্যবহার করতে পারবে একনাথ শিন্ডে গোষ্ঠী।

    আরও পড়ুন: নিয়োগ দুর্নীতিকাণ্ডে ফের নয়া মোড়! সিবিআইয়ের জালে বাগদার ‘রঞ্জন’

    কমিশনের যুক্তি

    কমিশন বলেছে, উদ্ধবরা যেভাবে শিবসেনার নেতৃত্বে থেকে গিয়েছেন দিনের পর দিন তা নির্বাচন প্রক্রিয়ার মধ্যে দিয়ে হয়নি। কমিশনের নিয়ম, প্রতিটা দলকেই নেতা বাছতে হবে নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে। কিন্তু উদ্ধবরা নেতৃত্বে থেকেছেন কোটা সিস্টেম তথা সংরক্ষণ ব্যবস্থার মধ্যে দিয়ে। যা কখনওই কাম্য নয়। একনাথ শিন্ডে গোষ্ঠীর মুখপাত্র শীতল মাথরে বলেন, ‘এটা আমাদের জন্য বড় দিন। আমরা বলছিলাম আমরাই আসল শিব সেনা। এখন প্রচুর শিবসৈনিক আমাদের সঙ্গে আসবেন কারণ দলের নাম-পরিচয় আমরা পেয়েছি।’ উদ্ধব ঘনিষ্ঠ নেতা সঞ্জয় রাউত বলেন, ‘আজ নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত জানিয়েছে তাতে তাদের বিশ্বাসযোগ্যতা নিয়েই প্রশ্ন উঠবে।’

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • BBC: মোদির ওপর বিবিসি-র বানানো তথ্যচিত্র ‘প্রচার সর্বস্ব ভিডিও’, তোপ ব্রিটিশ সাংসদের

    BBC: মোদির ওপর বিবিসি-র বানানো তথ্যচিত্র ‘প্রচার সর্বস্ব ভিডিও’, তোপ ব্রিটিশ সাংসদের

    মাধ্যম নিউজ ডেস্ক: আঁতুড় ঘর ব্রিটেনেই প্রবল সমালোচনার মুখে পড়েছিল বিবিসি (BBC)। জঙ্গি বনে যাওয়া এক মহিলা পরে ফিরেছেন সমাজের মূলস্রোতে। ব্রিটেনের ওই মহিলা ফের নাগরিকত্বের জন্য আবেদন করেছেন। তাঁর জীবনের নানা ওঠাপড়া নিয়ে তথ্যচিত্র বানিয়ে ব্রিটেনবাসীর সমালোচনার চাঁদমারি হয়েছিল এই সংবাদ সংস্থা। এবার ভারতের (India) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Modi) ওপর বানানো তথ্যচিত্রকে প্রচার সর্বস্ব ভিডিও বলে দাগিয়ে দিলেন ব্রিটিশ সাংসদ জন বব ব্ল্যাকম্যান। নিম্নমানের সাংবাদিকতার অপমানজনক খণ্ডচিত্র বলেও অভিহিত করেছেন তিনি।

    ব্রিটিশ সাংসদ বলেন…

    ব্রিটিশ সাংসদ বলেন, এই তথ্যচিত্র কখনওই প্রদর্শিত হওয়া উচিত নয়। তিনি বলেন, গুরুত্বপূর্ণ ঘটনাগুলি উপেক্ষা করা হয়েছে। ভারতের সুপ্রিম কোর্ট মোদির বিরুদ্ধে গুজরাট হিংসায় জড়িত থাকার অভিযোগ খারিজ করে দিয়েছে। মোদির বিরুদ্ধে কোনও প্রমাণ পাওয়া যায়নি বলেও উল্লেখ করেছে ভারতের শীর্ষ আদালত। এইসব ঘটনাই উপেক্ষা করা হয়েছে। বিবিসির ভারতের অফিসে হানা দিয়েছিল আয়কর দফতর। এদিন সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়ে বব ব্ল্যাকম্যান বলেন, এটা কোনও নতুন ঘটনা নয়। সব কিছুই ঠিকঠাক চলছে।

    আরও পড়ুুন: নিয়োগ দুর্নীতিকাণ্ডে ফের নয়া মোড়! সিবিআইয়ের জালে বাগদার ‘রঞ্জন’

    বর্তমানে ব্রিটেনের ক্ষমতায় রয়েছে কনজারভেটিভ পার্টি। সেই দলেরই সাংসদ ব্ল্যাকম্যান। তিনি জয়ী হয়েছিলেন হ্যারো ইস্ট কেন্দ্র থেকে। ব্রিটিশ সাংসদ বলেন, ২০০২ সালে গুজরাট হিংসা থামাতে যথা সাধ্য চেষ্টা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ওই সাক্ষাৎকারে কার্যত বিবিসির মুণ্ডুপাত করেছেন ব্রিটিশ সাংসদ। মোদির বিরুদ্ধে মিথ্যা দুর্নাম রটানোয় বিবিসিকে কাঠগড়ায়ও তোলেন তিনি। ব্ল্যাকম্যান বলেন, এটা খুবই দুঃখজনক ঘটনা। মনে হচ্ছে ভারত-ব্রিটেন সম্পর্কে ফাটল ধরানোর উদ্দেশ্যে বিবিসি (BBC) এটা করেছিল।

    তিনি বলেন, আমি মনে করি, এটা একটা বিরাট লজ্জাজনক ঘটনা। ব্রিটিশ সাংসদ বলেন, বর্তমানে ভারত ও ব্রিটেন ব্যাণিজ্যিক দিক নিয়ে আলোচনা করছে। সেই সময় দুই দেশের সম্পর্কে ফাটল ধরানোর এই চেষ্টা দুঃখজনক। ওই সাক্ষাৎকারে মোদির ভূয়সী প্রশংসাও করেন ব্ল্যাকম্যান। তিনি বলেন, মোদির নেতৃত্বে ভারত সরকার দেশের অর্থনীতির ভোল বদলে দিয়েছে। বিশ্বের লিডিং অর্থনীতির দেশ হওয়ার দৌড়েও রয়েছে ভারত। প্রসঙ্গত, ইংল্যান্ডকে সরিয়ে বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতির দেশের শিরোপা পেয়েছে মোদির ভারত।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।    

  • India Australia: শামির ৪ উইকেট! জাদেজা-অশ্বিনের দুরন্ত বলে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস শেষ ২৬৩ রানে

    India Australia: শামির ৪ উইকেট! জাদেজা-অশ্বিনের দুরন্ত বলে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস শেষ ২৬৩ রানে

    মাধ্যম নিউজ ডেস্ক: কোটলার স্পিন ট্র্যাকে মহম্মদ শামিও ৪ উইকেট নিয়েছেন। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস শেষ হয়েছে ২৬৩ রানে। সর্বোচ্চ ৮১ রান উসমান খোয়াজার। হ্যান্ডসকম্বের অপরাজিত ৭২ রানে। তিনটি করে উইকেট নিলেন রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজা। এদিন টেস্টে ২৫০টি উইকেট পূর্ণ হল জাদেজার। দিনের শেষে ভারতের স্কোর বিনা উইকেটে ২০ রান। রোহিত শর্মা ১৩ রানে ও লোকেশ রাহুল ৪ রানে অপরাজিত রয়েছে। ভারত পিছিয়ে ২৪২ রানে।

    অস্ট্রেলিয়ার ইনিংস

    টসে হেরে ভারতের দিনটা ভাল শুরু হয়নি। রোহিত জানালেন, টসে জিতলে তিনিও ব্যাট করার সিদ্ধান্ত নিতেন। ম্যাচ শুরু হওয়ার পর সেটা বোঝা যাচ্ছিল। শামি এবং সিরাজকে খেলতে অসুবিধা হচ্ছিল না দুই অজি ওপেনার ডেভিড ওয়ার্নার এবং খোয়াজার। কিন্তু ওয়ার্নারের খারাপ ছন্দ জুটি ভাঙে। বাইরের বলে খোঁচা লাগাতে গিয়ে ফিরে গেলেন। চলতি সিরিজ়‌ে তাঁর খারাপ অব্যাহত। দ্বিতীয় উইকেটে ধস সামাল দিয়েছিলেন খোয়াজা এবং মার্নাস লাবুশেন। তবে সেই জুটিও বেশি ক্ষণ টেকেনি। অশ্বিনের ঘূর্ণিতে তাঁর প্রতিরোধও ভেঙে পড়ে। কোটলার পিচে কী ভাবে খেলতে হয়, সতীর্থদের সেই পাঠ দিচ্ছিলেন খোয়াজা। উপমহাদেশের পিচে সাম্প্রতিক কালে বেশ সফল তিনি। খোয়াজা ফেরার পর মনে করা হয়েছিল অস্ট্রেলিয়ার ইনিংস বেশি ক্ষণ টিকবে না। কিন্তু হ্যান্ডসকম্ব এবং অধিনায়ক কামিন্স মিলে ধস সামাল দেন। দাঁতে দাঁত চেপে লড়লেন দু’জনে। সপ্তম উইকেটে ৫৯ রানের ওই জুটি অস্ট্রেলিয়ার দুশো রান পার করে।

    আরও পড়ুন: বেফাঁস মন্তব্যের জের! মুখ্য নির্বাচক পদ থেকে সরে গেলেন চেতন শর্মা

    বন্ধ হটস্টার

    শুক্রবার দুপুরে হঠাত্ই বন্ধ  হয়ে গেল ডিজনি + হটস্টার। দিল্লিতে ভারত বনাম অস্ট্রেলিয়ার দ্বিতীয় টেস্ট ম্যাচের  সময়েই হঠাত্ OTT প্ল্যাটফর্মে সমস্যা শরু হয়। Hotstar-এ দেখা যাচ্ছে PB-4000 এরর আসছে। কিছু ব্যবহারকারী আবার NM 4000  এরর রিপোর্টও পেয়েছেন। সাধারণত কোনও ওয়েবসাইট তার লোকেশন সনাক্ত  করতে না পারলে এই দু’টি এরর দেখায়। তবে অনেকের খালি ব্ল্যাক পেজ লোড  হচ্ছিল। এভাবে হঠাত্ খেলা দেখা বন্ধ হয়ে যাওয়ায় অনেকে বিরক্ত হয়েছেন। সোশ্যাল  মিডিয়ায় হটস্টার ডাউন লিখে টুইট-পোস্ট করতে শুরু করেন ক্রিকেটপ্রেমীরা।  

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • IPL 2023: প্রকাশিত হল আইপিএলের সূচি, ম্যাচ কবে শুরু ও শেষ, জানুন বিস্তারিত

    IPL 2023: প্রকাশিত হল আইপিএলের সূচি, ম্যাচ কবে শুরু ও শেষ, জানুন বিস্তারিত

    মাধ্যম নিউজ ডেস্ক: চলতি বছর আইপিএলের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল ভারতীয় ক্রিকেট বোর্ড। মহিলা আইপিএলের সূচি ঘোষণা আগেই হয়ে গিয়েছিল। এবার পুরুষদের আইপিএলেরও পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করল বিসিসিআই। ৩১ মার্চ থেকে শুরু হবে প্রতিযোগিতা। আর ফাইনাল খেলা হবে ২৮মে। গতবারের চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্স ও চেন্নাই সুপার কিংসের ম্যাচ দিয়ে শুরু হবে আইপিএল ২০২৩। ৩১ মার্চ আইপিএল ২০২৩-এর উদ্বোধনী ম্যাচে আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে মুখোমুখি হবেন মহেন্দ্র সিং ধোনি ও হার্দিক পান্ডিয়া ব্রিগেড। ২৮ মে ফাইনালও হবে মোদি স্টেডিয়ামেই।

    আইপিএল-এর সূচি

    আইপিএল ২০২৩-এও ১০টি দলকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। গ্রুপ ‘এ’-তে রয়েছে– মুম্বই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়্যালস, কলকাতা নাইট রাইডার্স, দিল্লি ক্যাপিটালস এবং লখনউ সুপার জায়েন্টস। অপরদিকে গ্রুপ ‘বি’তে রয়েছে – চেন্নাই সুপার কিংস, পাঞ্জাব সুপার কিংস, সানরাইজার্স হায়দ্রাবাদ, রয়্যালস চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং গুজরাট টাইটান্স। এবারের আইপিএলের গ্রুপ পর্বে মোট ৭০ টি ম্যাচ হবে। ৩১ মার্চ প্রথম ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্সের বিরুদ্ধে মুখোমুখি হবে চারবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস। আর ২১ মে হবে গ্রুপ পর্যায়ের শেষ ম্যাচ। মুখোমুখি হবে আরিসিবি ও গুজরাট। আবার, আইপিএল পূর্বের ন্যায় প্রত্যেকটি ফ্র্যাঞ্চাইজির শহরে ফেরায় প্রতি দলকে ৭টি করে হোম ম্যাচ ও ৭টি করে অ্যাওয়ে ম্যাচ খেলতে হবে।

    আরও পড়ুন: শামির ৪ উইকেট! জাদেজা-অশ্বিনের দুরন্ত বলে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস শেষ ২৬৩ রানে

    এবারে মোট ১২টি মাঠে হবে আইপিএলের আসর। দশ দলের ১০টি মাঠ ছাড়াও আরও ২টি মাঠও রয়েছে। মাঠগুলি হল আমদাবাদ, মোহালি, লখনউ, হায়দ্রাবাদ, বেঙ্গালুরু, চেন্নাই, কলকাতা, জয়পুর, মুম্বই, গুয়াহাটি ও ধরমশালা।

    উল্লেখ্য, ১ এপ্রিল অ্যাওয়ে ম্যাচ দিয়ে কেকেআর তাদের আইপিএলে অভিযান শুরু করবে। কেকেআরের বিপক্ষ দল পাঞ্জাব কিংস। কলকাতার দলটি খেলতে যাবে মোহালিতে। এর পর ৬ এপ্রিল কেকেআর ইডেন গার্ডেন্সে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে খেলবে।

    প্রসঙ্গত, চলতি বছরের ৪ মার্চ থেকে শুরু হচ্ছে প্রথম মহিলা আইপিএল। পনেরো দিন ধরে যা চলবে। ফাইনাল হবে আগামি ২২ মার্চ।  মহিলা আইপিএল নিয়ে এমনিতেই উন্মাদনা তুঙ্গে, তারই মধ্যে পুরুষদের আইপিএল নিয়েও সূচি ঘোষণা করা হল। মহিলা আইপিএল নিয়ে পুরোদমে কাজ শুরু করে দিয়েছে বোর্ড।

  • Calcutta High Court: দস্যু রত্নাকর পরে বাল্মীকি হন! ‘লেডি ম্যাকবেথ’-এর পর এসএসসি প্রসঙ্গে অভিমত হাইকোর্টের

    Calcutta High Court: দস্যু রত্নাকর পরে বাল্মীকি হন! ‘লেডি ম্যাকবেথ’-এর পর এসএসসি প্রসঙ্গে অভিমত হাইকোর্টের

    মাধ্যম নিউজ ডেস্ক: স্কুল সার্ভিস কমিশনকে এবার বাল্মীকির সঙ্গে তুলনা করল কলকাতা হাইকোর্ট। নিয়োগে অনিয়মের জন্য অযোগ্য নবম-দশমের ৯৫২ জন শিক্ষকের তালিকা প্রকাশ করতে এসএসসি-কে নির্দেশ দিয়েছিল আদালত।  শুধু তাই নয়, তাঁদের নাম, রোল নম্বরের পাশাপাশি এবং বাবার নাম ও স্কুলের তথ্যও উল্লেখ করতে বলা হয়েছিল।  আদালতের নির্দেশ মতো এসএসসি সেই কাজে এগিয়েছিল। এ প্রসঙ্গে শুক্রবার আদালতের পর্যবেক্ষণ, রত্নাকর যদি বাল্মীকি হতে পারেন, তবে কমিশন নিজেদের পরিবর্তন করলে ক্ষতি কী?

    আদালতে সওয়াল-জবাব

    বৃহস্পতিবার নিয়োগ দুর্নীতি মামলায় সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চে কমিশন জানিয়েছিল, “অনেক ভুল হয়েছে। এখন সংশোধন করার সময় এসেছে। আমরা তাই করছি।” শুক্রবার এই মন্তব্যের প্রসঙ্গ টেনেই নবম-দশম শ্রেণির ৯৫২ জন শিক্ষকের মধ্যে কিছু ব্যক্তির আইনজীবী বলেন, “স্কুল সার্ভিস কমিশন এখন সব এজলাসে গিয়ে সাধু সাজছে। নিজেদের যুধিষ্ঠির বলে প্রমাণ করতে চাইছে। এমন ভাব করছে যেন তারা কোনও ভুল করেনি। এই সবকিছুই কমিশনের ভুলের জন্য হচ্ছে।” এরপরেই বিশ্বজিৎ বসু পালটা প্রশ্ন করেন, “আমাদের দেশের পুরাণ অনুযায়ী দস্যু রত্নাকর পরে বাল্মীকি হয়েছিলেন। এটা ভালো লক্ষণ। অসুবিধা কোথায় ?

    আরও পড়ুন: নিয়োগ দুর্নীতিকাণ্ডে ফের নয়া মোড়! সিবিআইয়ের জালে বাগদার ‘রঞ্জন’

    বৃহস্পতিবার গ্ৰুপ ডি কর্মী নিয়োগ মামলায় বিচারপতি সুব্রত তালুকদার এবং বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে এসএসসি-র আইনজীবীর দাবি ছিল, ‘‘যা ভুল হয়েছে, তা সংশোধন করতে সব ধরনের চেষ্টা করা হচ্ছে। আদালতকে সব তথ্য দিয়ে সাহায্য করছি। আমাদের যুধিষ্ঠির হতে গত দেড় বছর লেগেছে।’’ একই ভাবে নবম-দশম শ্রেণির মামলাতেও নিজেদের ভুল শোধরানোর কথা জানিয়েছে এসএসসি। যা দেখে বিচারপতি তালুকদার লেডি ম্যাকবেথের সঙ্গে এসএসসি-র তুলনা করেন। প্রসঙ্গত, গ্রুপ ডি নিয়োগ দুর্নীতি মামলায় ১ হাজার ৯১১ জনের চাকরি বাতিলের পাশাপাশি সেই পদে নিয়োগের জন্যও নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। রায়দানের তিন সপ্তাহের মধ্যেই সেই নির্দেশ কার্যকরী করার কথাও বলা হয়েছিল।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Kuntal Ghosh: কুন্তল ঘোষকে আরও ১৪ দিনের জেল, হেফাজতে নিতে পারে সিবিআই!

    Kuntal Ghosh: কুন্তল ঘোষকে আরও ১৪ দিনের জেল, হেফাজতে নিতে পারে সিবিআই!

    মাধ্যম নিউজ ডেস্ক: আজও জামিন পেলেন না কুন্তল ঘোষ (Kuntal Ghosh)। নিয়োগ দুর্নীতির অভিযোগে গ্রেফতার তৃণমূলের হুগলির যুবনেতাকে আরও ১৪ দিন জেল হেফাজতের নির্দেশ দিল নগর দায়রা আদালত। ফলে আপাতত ৩ মার্চ পর্যন্ত প্রেসিডেন্সি জেলেই থাকতে হবে কুন্তলকে। 

    এদিকে এদিনই আদালত চত্বরে আত্মহত্যার হুমকি দিলেন কুন্তল ঘোষ (Kuntal Ghosh)। হুগলির যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি বলেন, “দোষী সাব্যস্ত হলেই আত্মহত্যা করব।” সম্প্রতি কুন্তলকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট৷ তাঁর কাছে ১০০ কোটি টাকা ও মূল্যবান গাড়ি থাকার অভিযোগ উঠেছে৷ শুক্রবার কুন্তলকে আদালতে পেশ করে ইডি৷ সেই সময় তিনি দাবি করেন, “তাঁর বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ ভিত্তিহীন। এগুলো যদি প্রমাণ করতে পারে, তাহলে আত্মহত্যা করব।” নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার হওয়ার পর প্রথমে ইডি হেফাজতে ছিলেন কুন্তল৷ এখন তিনি রয়েছে বিচারবিভাগীয় হেফাজতে৷ এই মুহূর্তে প্রেসিডেন্সি সংশোধনাগারে রয়েছেন তিনি৷ বৃহস্পতিবার সেখানে গিয়ে প্রায় ২ ঘণ্টা তাঁকে জিজ্ঞাসাবাদ করেন গোয়েন্দারা। ইডি সূত্রে জানা গিয়েছে, এর আগে কুন্তল ঘোষকে জেরা করে তদন্তকারী আধিকারিকরা রাজ্যের তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের এই দুর্নীতিতে জড়িত থাকার বিষয়টি জানতে পারেন। কুন্তল ঘোষ ইডিকে জানান, শিক্ষক নিয়োগ দুর্নীতির লভ্যাংশের টাকা পেতেন পার্থ চট্টোপাধ্যায়, মানিক ভট্টাচার্য-সহ রাজ্যের একাধিক প্রভাবশালীরা।

    আরও পড়ুন: খরচে লাগাম টানতে দিল্লি-মুম্বাইয়ের অফিস বন্ধ করল ট্যুইটার, কাজ হবে বাড়ি থেকেই

    শুক্রবার এই মামলার শুনানি ছিল নগর দায়রা আদালতে। আদালত কক্ষে ইডি এবং তাঁর আইনজীবী নিজেদের কথা জানানোর পরেই হঠাৎ কুন্তল জানান, তিনিও কিছু বলতে চান। বিচারক তাঁকে কথা বলার অনুমতি দেন। কুন্তল (Kuntal Ghosh) বলেন, “সব কিছুর মধ্যে একটা পর্দা রয়েছে…।” কুন্তলের বাড়িতে থেকে একটি ধূসর রঙের ডায়েরি উদ্ধার করেছেন গোয়েন্দারা। সেই ডায়েরির পাতায় সাঙ্কেতিক লেখার পাশাপাশি গানের কলিও খুঁজে পায় ইডি। শুক্রবার কোর্ট রুমে এই ডায়েরি নিয়ে কিছু বলতে শুরু  করেছিলেন কুন্তল। কিন্তু ‘ডায়েরি’ শব্দটি শোনামাত্রই বিচারক কুন্তলকে থামিয়ে প্রশ্ন করেন, “আপনি কি নতুন কিছু বলতে চান?” কুন্তল থমকে গিয়ে আবার বলতে শুরু করেন। বিচারকের প্রশ্নের উত্তরে তিনি জানান, “হ্যাঁ। বলতে চাই। গোপাল দলপতির আন্ডারে…”। কিন্তু এ বারও বাক্য সম্পূর্ণ করতে পারেননি কুন্তল। বিচারক আবার তাঁকে থামিয়ে দিয়ে বলেন, “আপনার যদি কিছু নতুন বলার থাকে আইনজীবীর মারফত বলুন।” এরপরেই চুপ করে যান কুন্তল। প্রায় আর কোনও কথাই বলতে পারেননি শুনানি চলাকালীন পুরো সময়ে। পরে কুন্তলের সঙ্গে কথা বলার পর তাঁর আইনজীবী বিচারককে জানান, তাঁদের নতুন কিছু বলার নেই।

    এবার সিবিআই হেফাজতে কুন্তল? 

    এদিকে সূত্র মারফৎ জানা গিয়েছে, এবার কুন্তলকে (Kuntal Ghosh) জেরার জন্যে হেফাজতে নিতে পারে সিবিআই। কুন্তলকে হেফাজতে নিতে চেয়ে আলিপুর বিশেষ সিবিআই আদালতের দ্বারস্থ হচ্ছে তদন্তকারী সংস্থা। আদালত থেকে প্রোডাকশন ওয়ারেন্টও জারি করা হয়েছে। আগামী সোমবার আদালতে পেশ করা হবে কুন্তল ঘোষকে। সিবিআই আধিকারিকরা চাইছেন বিষয়টির গভীরে যেতে। নিয়োগ দুর্নীতিতে কীভাবে কুন্তলের নাম জড়াল তা জানতে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     
LinkedIn
Share