Blog

  • Mamata Banerjee: ইউটিউব দেখেই মেঘালয়ের তিনটে ভাষা শিখে নেবেন! কী বললেন মমতা?

    Mamata Banerjee: ইউটিউব দেখেই মেঘালয়ের তিনটে ভাষা শিখে নেবেন! কী বললেন মমতা?

    মাধ্যম নিউজ ডেস্ক: মেঘালয়ে একাধিকবার প্রচারে গেলেও এখনও শিখে উঠতে পারেননি খাসি, গারো, পাঁর– মেঘালয়ের এই তিন ভাষা। তাই এবার ইউটিউব দেখেই মেঘালয়ের ভাষা শিখতে শুরু করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মেঘালয়বাসীর কাছে আপাতত সেরকমই অঙ্গীকার করলেন মমতা।

    অন্য ভাষা শিখতে আগ্রহ

    অন্য রাজ্যে প্রচারে গেলে সেখানকার ভাষায় কথা বলটা জনসংযোগের একটা ধাপ। রাজনীতিকরা চেষ্টা করেন ভিন রাজ্যে প্রচারের সময় সেই রাজ্যের ভাষা বলার। পুরো না হলেও নিদেন পক্ষে দু-এক লাইন। মমতা বন্দ্যোপাধায়ের ক্ষেত্রেও তার অন্যথা হয় না। কিন্তু মেঘালয়ে সেই তাল কেটেছে। বুধবার মেঘালয়ের এক জনসভায় মমতা স্বীকার করে নিয়েছেন তিনি এই পাহাড়ি রাজ্যের ভাষা জানেন না। তাঁর কথায়, ‘পরের বার যখন আসব আপনাদের এলাকায় আপনাদের ভাষা শিখুতে চাই। আমায় শেখান প্লিজ! এর মধ্যে আমি ইউটিউব থেকে শিখতে আরম্ভ করব।’ আপতত ইউটিউব ভরসা হলেও তিনি মেঘালয়ের মানুষের কাছ তাঁদের ভাষা শিখতে পারলেই সবচেয়ে খুশি হবেন। তিনি বলেন, ‘আমি খুশি হব, আপনাদের কাছ থেকে আপনাদের ভাষা শিখলেই।’ 

    আরও পড়ুুন: নথি জাল করে বাবার স্কুলে চাকরি! ভূগোল শিক্ষকের কাণ্ডে সিআইডি ডাকল হাইকোর্ট

    অন্য ভাষা শেখার আগ্রহ মমতার বরাবরের। এমনই দাবি করেন তৃণমূল সুপ্রিমো। বছর কয়েক আগে বাংলায় বাণিজ্য সম্মেলনে সেই কথা নিজেই জানিয়েছিলেন। তিনি নিজে কতগুলি ভাষা জানেন, বিভিন্ন সভায় তার খতিয়ানও দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী। যখন তিনি ভিয়েতনামে গিয়েছিলেন ভিয়েতনামি ভাষা শিখেছিলেন। রাশিয়ার গিয়ে রাশিয়ান ভাষা শিখেছেন। এছাড়া তাঁর জানা ভাষার তালিকায় রয়েছে, গুজরাটি, আসমিজ, মণিপুরী, ওড়িয়া, পঞ্জাবি, মারাঠি, বাংলা, হিন্দি, গোর্খা, নেপালি। এবার সেই তালিকায় ঢুকবে খাসি, গারো, পাঁর ভাষা।  বুধবারই নির্বাচন কমিশন ঘোষণা করেছে, আগামী ২৭ ফেব্রুয়ারি মেঘালয়ে বিধানসভা ভোট। মঙ্গলবারই সে রাজ্যে ভোটপ্রচারে গিয়েছেন মমতা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবার মেঘালয়ের মেদিপাথরের জনসভায় মমতা  জানান মেঘালয় তাঁর মনে। তাই সেখানকার ভাষাও রপ্ত করতে চান তিনি।  

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • Shubman Gill: কণিষ্ঠতম ক্রিকেটার হিসাবে ওয়ান ডে-তে দ্বিশতরান গিলের! গড়লেন আরও নানা রেকর্ড

    Shubman Gill: কণিষ্ঠতম ক্রিকেটার হিসাবে ওয়ান ডে-তে দ্বিশতরান গিলের! গড়লেন আরও নানা রেকর্ড

    মাধ্যম নিউজ ডেস্ক: শ্রীলঙ্কা হোক বা নিউজিল্যান্ড শুভমনের ব্যাট কথা বলেই যাচ্ছে। তিরুঅনন্তপুরমে যেখানে শেষ করেছিলেন, হায়দ্রাবাদে সেখান থেকেই শুরু করলেন শুভমন গিল (Shubman Gill)। গত ম্যাচে ১১৬ রান করেছিলেন ভারতের তরুণ ওপেনার। বুধবার হায়দরাবাদে করলেন ২০৮ রান। ভাঙলেন বহু রেকর্ড।

    কণিষ্ঠতম ক্রিকেটার হিসাবে দ্বিশতরান

    বুধবার রাজীব গান্ধী স্টেডিয়ামে উপস্থিত সমস্ত দর্শকদের মন্ত্রমুগ্ধ করলেন শুভমন গিল (Shubman Gill)। ভারত-নিউজিল্যান্ডের ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচে ১৪৯ বলে ২০৮ রানের ইনিংস খেললেন গিল। ২৩ বছর ১৩২ দিনে কণিষ্ঠতম ক্রিকেটার হিসাবে ওয়ান ডেতে (IND vs NZ 1st ODI) দ্বিশতরান হাঁকালেন ভারতীয় তরুণ গিল। গত মাসেই ঈশান কিষাণ বাংলাদেশের বিরদ্ধে দ্বিশতরান হাঁকিয়ে রোহিত শর্মার কণিষ্ঠতম ক্রিকেটার হিসাবে দ্বিশতরান করার রেকর্ড ভেঙেছিলেন। এবার কিষাণের রেকর্ড ভাঙলেন গিল। পঞ্চম ভারতীয় হিসাবে ৫০ ওভারের ফর্ম্যাটে দ্বিশতরান করার কৃতিত্ব গড়েলন শুভমন। এর আগে সচিন তেন্ডুলকর, বীরেন্দ্র সেওয়াগ, রোহিত শর্মা ও শুভমন গিল ভারতীয় ক্রিকেটার হিসেবে একদিনের ক্রিকেটে দ্বিশতরান করেন।

    দ্রুততম হাজার রানের মালিক

    এদিন ওয়ান ডে ক্রিকেটে ভারতীয়দের মধ্যে দ্রুততম হাজার রানের মালিক হলেন গিল। ১৯ ইনিংসে এক হাজার রান সম্পূর্ণ করলেন গিল। তাঁর আগে বিরাট কোহলি ও শিখর ধবন এক হাজার রান সম্পূর্ণ করতে ২৪ ইনিংস নিয়েছিলেন। তাঁদের চেয়ে ৫ ইনিংস কম খেলে এক হাজার রান সম্পূর্ণ করলেন গিল।

    আরও পড়ুন: আসন্ন বিশ্বকাপে বিরাট কোহলির ভূমিকা গুরুত্বপূর্ণ হবে: গৌতম গম্ভীর

    দেশের মধ্যে দ্রুততম হাজার রানের অধিকারী হলেও অল্পের জন্য বিশ্বরেকর্ড হাতছাড়া হল গিলের। পাকিস্তানের ফকর জামান ওয়ান ডে-তে ১৮ ইনিংসে এক হাজার রান করেছিলেন। সেটাই এখনও পর্যন্ত দ্রুততম। তাঁর চেয়ে এক ইনিংস বেশি নিলেন গিল।

     কিউইদের বিরুদ্ধে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। শুরুটা ভালই করেছিল ভারত। তবে ৩৮ বলে ৩৪ রান করে ফেরেন রোহিত। বড় রান পাননি বিরাট কোহলি (৮), ঈশান কিষাণ (৫), সূর্যকুমার যাদব (৩১)-রা। বিতর্কিত ভাবে আউট হয়ে সাজঘরে ফিরে গিয়েছেন হার্দিকও। তবু ক্রিজের এক প্রান্ত আঁকড়ে ছিলেন শুভমন। মারার বল মেরেছেন। ছাড়ার বল ছেড়েছেন। দু’বার সুযোগ দিয়েছিলেন তিনি। কিন্তু সেই সুযোগ নিতে ব্যর্থ কিউইরা। শুভমনের ডাবল সেঞ্চুরির উপর ভর করেই কিউয়িদের ৩৫০-এর লক্ষ্য দিল রোহিতের ভারত।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • Bye Election: সাগরদিঘিতে উপনির্বাচনের দিন ঘোষণা কমিশনের, কবে?

    Bye Election: সাগরদিঘিতে উপনির্বাচনের দিন ঘোষণা কমিশনের, কবে?

    মাধ্যম নিউজ ডেস্ক: আগামী ২৭ ফেব্রুয়ারি সাগরদিঘিতে উপনির্বাচনের (Bye Election) দিন ঘোষণা করল নির্বাচন করমিশন। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে সাগরদিঘি থেকে জিতেছিলেন তৃণমূলের সুব্রত সাহা। এই বিধায়ককে মন্ত্রীত্বও দেয় রাজ্যের শাসক দল। রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ এবং উদ্যানপালন দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী ছিলেন সুব্রত বাবু। ২০২২ সালের ২৯ ডিসেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় রাজ্য সরকারের এই মন্ত্রীর। সুব্রত সাহার মৃত্যুর জেরেই উপনির্বাচন হবে সাগরদিঘি বিধানসভায়।

    সাগরদিঘি বিধানসভা কেন্দ্রের টানা তিন বার জিতে বিধায়ক হয়েছিলেন (Bye Election) সুব্রত সাহা। ২০১১ সালে তিনি ছিলেন মুর্শিদাবাদ জেলার এক মাত্র তৃণমূল বিধায়ক। এর পর ২০১৬ এবং ২০২১ সালেও জিতেছিলেন। সাগরদিঘিতে সুব্রতের বিধানসভার নয়া শাসক বেছে নেওয়া হবে ২৭ ফেব্রুয়ারি। ২ মার্চ প্রকাশিত হবে সেই উপনির্বাচনের ফল। সাগরদিঘি-সহ দেশের মোট ৬টি বিধানসভা এবং একটি লোকসভা কেন্দ্রে উপনির্বাচন হবে ২৭ ফেব্রুয়ারি। এর মধ্যে রয়েছে লাক্ষাদ্বীপ লোকসভা কেন্দ্র, অরুণাচল প্রদেশের লুমলা বিধানসভা কেন্দ্র, ঝাড়খণ্ডের রামগড়, তামিলনাড়ুর ইরোদে পূর্ব, পশ্চিমবঙ্গের সাগরদিঘি, মহারাষ্ট্রের কেশব পীঠ ও চিচওয়াড়। 

    ৩১ জানুয়ারি সাগরদিঘি উপনির্বাচনের (Bye Election) নোটিফিকেশন প্রকাশ করার দিন ধার্য করেছে কমিশন। ৭ ফেব্রুয়ারি নমিনেশন জমা দেওয়ার শেষ দিন। ৮ ফেব্রুয়ারি নমিনেশনের স্ক্রুটিনি হবে। ১০ ফেব্রুয়ারি প্রার্থীপদ বাতিলের শেষ দিন। ২৭ ফেব্রুয়ারি উপনির্বাচন এবং ২ মার্চ নির্বাচনের ফলপ্রকাশিত হবে।

    আরও পড়ুন: কম্বল কাণ্ডের তদন্ত চলবে কিন্তু গ্রেফতার করা যাবেনা জিতেন্দ্র-জায়াকে, জানাল হাইকোর্ট

    তৃণমূলের প্রার্থী অভিজিৎ?  

    এদিকে সাগরদিঘি বিধানসভার উপনির্বাচনে (Bye Election) তৃণমূলের হয়ে লড়তে পারেন প্র‍য়াত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের ছেলে অভিজিৎ মুখোপাধ্যায়৷ ১৬ জানুয়ারি সাগরদিঘির ধুমারপাহাড়ে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভামঞ্চে অভিজিতের উপস্থিতি তেমনই ইঙ্গিত দিয়েছিল। বক্তব্য রাখতে উঠে মুখ্যমন্ত্রী অভিজিৎ মুখোপাধ্যায়ের নাম নেন ৷ সেই সময় তিনি নিজের আসন ছেড়ে হাতজোড় করে উঠে দাঁড়ান। এরপরেই সাগরদিঘির প্রার্থী হিসেবে অভিজিৎ মুখোপাধ্যায়ের নাম নিয়ে জল্পনা তৈরি হয়। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।  

     
     

     

     

  • Amarnath: আর দুর্গম থাকবে না অমরনাথ যাত্রা! তৈরি হচ্ছে নতুন সড়ক

    Amarnath: আর দুর্গম থাকবে না অমরনাথ যাত্রা! তৈরি হচ্ছে নতুন সড়ক

    মাধ্যম নিউজ ডেস্ক: অমরনাথ (Amarnath) তীর্থযাত্রীদের জন্য সুখবর। দুর্গম অমরনাথ (Amarnath) যাত্রা এবার সুগম হতে চলেছে নেপথ্যে মোদি সরকারের উদ্যোগ। সম্প্রতি কেন্দ্রীয় সরকার অমরনাথ যাত্রাকে আরও সুগম এবং নির্বিঘ্ন করে তুলতে ২২ কিলোমিটার নতুন সড়ক নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে বলে জানা যাচ্ছে। বিভিন্ন সংবাদ মাধ্যমের সূত্রে জানা যাচ্ছে যে বর্ষাকালেও রাস্তাটি যাতে উপযোগী থাকে সেরকম পরিকল্পনা করেই এটি বানানো হচ্ছে।

    কোন দুটি স্থানকে জুড়বে এই সড়ক

    বিভিন্ন সূত্রে আরও জানা যাচ্ছে যে ২২ কিলোমিটার দীর্ঘ প্রস্তাবিত সড়কটি কাশ্মীরের চন্দনবাড়ি থেকে সঙ্গম পর্যন্ত যাবে। সড়কের ১১ কিলোমিটার অংশ জুড়ে থাকবে একটি সুড়ঙ্গপথ, যেটি গণেশটপ নামের এলাকার নিচ দিয়ে যাবে বলে জানা যাচ্ছে। কেন্দ্রীয় সড়ক পরিবহন দপ্তরের পাশাপাশি বিভিন্ন বেসরকারি সংস্থাও এই সড়ক তৈরিতে প্রযুক্তিগত সহায়তা করবে বলেই জানা গেছে। ইতিমধ্যে বেসরকারি সংস্থাগুলির কাছে টেন্ডারের ডাক দিয়েছে কেন্দ্রীয় সড়ক ও পরিবহন দপ্তর। ১৩ ফেব্রুয়ারি থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত বিভিন্ন সংস্থা তাদের টেন্ডার জমা দিতে পারবে বলে জানা গেছে। 

    ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রেও বড় ভূমিকা নেবে প্রস্তাবিত এই সড়ক

    সরকারের সূত্রে জানা গেছে এই সড়ক তৈরি হলে লাদাখ এবং জম্মুর মধ্যে গাড়ি চলাচল করার একটি বিকল্প রাস্তা তৈরি হবে এবং সেক্ষেত্রে শ্রীনগর শহরকে এড়িয়ে জম্মু থেকে সীমান্তবর্তী সেনা ঘাঁটিগুলিতে দ্রুত পৌঁছে যাওয়া যাবে। তবে গোটা প্রকল্পটি বাস্তবায়িত হতে ৫ বছর সময় লাগবে বলেই জানা যাচ্ছে। হিমালয়ের গভীর খাদের ভিতর একটি গুহায় অবস্থিত রয়েছে  অমরনাথ (Amarnath) মন্দির। প্রতিবছর বর্ষার সময় বিশেষত জুলাই-আগস্ট মাসে উপত্যকায় বরফ সরাবার পর পূর্ণ রাত্রির জন্য খুলে দেওয়া হয়। অসংখ্য শিবভক্তদের কাছে এটি পবিত্র তীর্থস্থান। মূলতপায়ে হেঁটে এবং ঘোড়ায় চড়ে অমরনাথ পৌঁছাতে হয় যাত্রীদের। নতুন রাস্তাটি তৈরি হলে বছরের অধিকাংশ সময়েই সড়ক পথে পৌঁছে যাওয়া যাবে অমরনাথ। আবার বন্যার সময় কিংবা আপৎকালীন পরিস্থিতিতে দ্রুত সীমান্তবর্তী এলাকায় পৌঁছে যেতে পারবে ভারতীয় সেনা তাই সবদিক মাথায় রেখে এই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা চলছে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Covid 19: ৩ বছর পর কোভিড নিয়ে সুখবর! ভারতের করোনাগ্রাফে রেকর্ড পতন

    Covid 19: ৩ বছর পর কোভিড নিয়ে সুখবর! ভারতের করোনাগ্রাফে রেকর্ড পতন

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রায় ৩ বছর পর করোনা নিয়ে স্বস্তির খবর পাওয়া গেল। সারা বিশ্বে যখন করোনার প্রকোপ কিছুটা কমেছে, তখন চিনে এর দাপট বেড়েই চলেছে। ফলে ভারতেও কেন্দ্রীয় সরকারের তরফে করোনা নিয়ে বিশেষ সতর্কবার্তা দেওয়া হয়েছিল। কিন্তু তারই মধ্যে এল খুশির খবর। অবশেষে ২০২৩-এর ১৭ জানুয়ারি এখনও অবধি সবথেকে কম সংখ্যক করোনা আক্রান্ত হল এদেশে। ভারতে গত ২৪ ঘণ্টায় মাত্র ৮৯টি নতুন করোনাভাইরাস সংক্রমণ নথিভুক্ত হয়েছে, যা ২৭ মার্চ, ২০২০-এর পর থেকে সর্বনিম্ন। মঙ্গলবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুসারে এমনটাই বলছে দেশের করোনাগ্রাফ।

    ৩ বছর পর ভারতের করোনার গ্রাফে রেকর্ড পতন

    সূত্রের খবর অনুযায়ী, এর আগে এত কম করোনায় আক্রান্তের সংখ্যা হয়নি। ৭ মার্চ, ২০২০ থেকে এখনও পর্যন্ত সর্বনিম্ন বলে মনে করা হচ্ছে। কারণ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক সূত্রে খবর, ভারতে গত ২৪ ঘণ্টায় মাত্র ৮৯টি নতুন করোনা সংক্রমণের ঘটনা ঘটেছে। যা ২০২০ সালের পর থেকে সর্বনিম্ন বলেই খবর। ফলে চিনে করোনার ভ্যারিয়েন্ট বিএফ.৭-এর দাপটের মাঝেই করোনাগ্রাফে এই সর্বনিম্ন পতনে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন দেশবাসী।

    আরও পড়ুন: নাক বন্ধ? হতে পারে করোনা! নতুন কোভিড উপসর্গগুলো জানেন?

    মঙ্গলবার দেশে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা কমে হয়েছে ২,০৩৫। অন্যদিকে, সুস্থতার হার প্রায় ৯৮ শতাংশের আশেপাশে। এখনও পর্যন্ত সুস্থ হয়েছেন ৪ কোটি ৪১ লক্ষ ৪৮ হাজার ৪৭২ জন। সারা দেশে মোট কোভিড আক্রান্তের সংখ্যা এখনও অবধি ৪.৪৬ কোটি। সারা দেশে মোট কোভিডে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ৩০ হাজারের কিছু বেশি।

    ১০২৭ দিন পর দিল্লিতে কোভিড আক্রান্তের সংখ্যা শূন্য

    প্রায় ৩ বছর বা ১০২৭ দিন পর গতকাল, ১৬ জানুয়ারি রাজধানী দিল্লিতে করোনায় কেউ আক্রান্ত হননি। ২০২০ সালের ২৪ মার্চ দিল্লিতে শেষবারের মত কোনও কোভিড কেস দেখা যায়নি। আর আজ এমন ঘটনা ঘটল। প্রসঙ্গত, এর আগে দিল্লিতে প্রায় ২৬,৫০০-এর বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন। সেখানে দেখা গিয়েছে, গতকাল নতুন করে কোনও করোনা আক্রান্তের সংখ্যা দেখা যায়নি। আবার কেউ কোভিডে মারাও যাননি গতকাল। ফলে দিল্লিবাসীর জন্যও এটি একটি স্বস্তির খবর।  

  • OXFAM: ভারতের এক শতাংশ মানুষের হাতে রয়েছে ৪০ শতাংশ সম্পদ!

    OXFAM: ভারতের এক শতাংশ মানুষের হাতে রয়েছে ৪০ শতাংশ সম্পদ!

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারতের (India) মোট সম্পদের ৪০ শতাংশ অধিকারে রয়েছে মাত্র ১ শতাংশ মানুষের হাতে। জনসংখ্যার নীচের অর্ধেকের অধিকারে রয়েছে মাত্র ৩ শতাংশ সম্পদ। সোমবার এক সমীক্ষায় এই তথ্য প্রকাশ পেয়েছে। দাভোসে ওর্য়াল্ড ইকোনোমিক ফোরামের অ্যানুয়াল মিটিংয়ের প্রথম দিনে অক্সফ্যাম (OXFAM) ইন্টারন্যাশনাল জানিয়েছে, ভারতের ১০ জন ধনীতম ব্যক্তির সম্পদ দিয়ে এ দেশের সমস্ত শিশুকে স্কুলে ফিরিয়ে আনা যেতে পারে।

    রিপোর্ট…

    ওই রিপোর্টে বলা হয়েছে, ২০১৭ থেকে ২০২১ সাল পর্যন্ত এই সময়ে গৌতম আদানির কাছ থেকে এককালীন কর আদায় করলে সরকারের কোষাগারে আসতে পারত ১.৭৯ লক্ষ কোটি টাকা। এই পরিমাণ অর্থ দিয়ে এক বছরের জন্য ৫০ লক্ষের বেশি প্রাথমিক শিক্ষকের বেতন দেওয়া যেত। প্রকাশিত রিপোর্টটির শিরোনাম সার্ভাইভাল অফ দ্য রিচেস্ট। রিপোর্টে বলা হয়েছে, যদি ভারতের বিলিয়নিয়ারদের মোট সম্পদের ওপর দুই শতাংশ কর ধার্য করা হত, তাহলে তার পরিমাণ দাঁড়াত ৪০ হাজার ৪২৩ কোটি টাকা। যে টাকায় আগামী তিন বছর ধরে দেশের অপুষ্টিতে ভোগা মানুষকে পুষ্টিকর খাবার দেওয়া যেত।ওই রিপোর্ট (OXFAM) থেকেই জানা গিয়েছে, দেশের দশজন বিলিয়নিয়ারের এককালীন পাঁচ শতাংশ কর ধার্য হলে তা হত স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের ২০২২-২৩ অর্থবর্ষের বরাদ্দের চেয়ে দেড় গুণ বেশি। এই অর্থবর্ষে আয়ুষ মন্ত্রকের চেয়েও তা ঢের বেশি। প্রসঙ্গত, এই অর্থবর্ষে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের বরাদ্দ ৮৬ হাজার ২০০ কোটি টাকা। আর আয়ুষের বরাদ্দ ৩ হাজার ৫০ কোটি টাকা।

    ভারতে লিঙ্গ বৈষম্য যে এখনও প্রবল, রিপোর্টে (OXFAM) উল্লেখ করা হয়েছে তাও। বলা হয়েছে, ভারতের পুরুষ কর্মীরা যেখানে এক টাকা রোজগার করেন, সেখানে মহিলাদের আয় ৬৩ পয়সা। তফশিলি জাতির কোনও কর্মীর আয় ৫৫ পয়সা। আর গ্রামীণ কোন কর্মীর আয় শহরের কর্মীদের ২০১৮-’১৯ সালের আয়ের অর্ধেক। অক্সফ্যামের ভারতের সিইও অমিতাভ বেহার বলেন, দেশের দলিত, আদিবাসী, মুসলমান, মহিলা এবং অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকরা এই সিস্টেমে ভুগতেই আছেন, যে সিস্টেমে ধনীতমদের অস্তিত্ব নিশ্চিত করা হয়েছে।

     

  • Mohan Bhagwat: নেতাজি জন্ম-জয়ন্তী পালন! কালই রাজ্যে আসছেন আরএসএস প্রধান মোহন ভাগবত

    Mohan Bhagwat: নেতাজি জন্ম-জয়ন্তী পালন! কালই রাজ্যে আসছেন আরএসএস প্রধান মোহন ভাগবত

    মাধ্যম নিউজ ডেস্ক: বুধবার কলকাতায় আসছেন আরএসএস প্রধান মোহন ভাগবত। থাকবেন আগামী সোমবার পর্যন্ত। ছ’দিনের সফরের বেশিটা জুড়েই থাকবে সাংগঠনিক বৈঠক। তার মধ্যেই বৃহস্পতিবার পূর্ব ভারতের বিভিন্ন রাজ্য থেকে আসা বিভিন্ন ক্ষেত্রে বিশিষ্টদের সঙ্গে কলকাতায় দেখা করবেন ভাগবত। সবটাই একান্তে। রুদ্ধদ্বার। শেষ দিন শহিদ মিনারে প্রকাশ্য কর্মসূচি। এমনই হয়ে থাকে আরএসএস তথা ভাগবতের যে কোনও রাজ্য সফরের কর্মসূচিতে। অতীতে বাংলা তথা কলকাতাতেও হয়েছে। মঙ্গলবার কলকাতা প্রেস ক্লাবে সঙ্ঘের তরফে ভাগবতের সফরসূচি ঘোষণা করা হয়।

    নেতাজি জয়ন্তী পালন

    মঙ্গলবার সাংবাদিক বৈঠকে মূল বক্তা ছিলেন সঙ্ঘের সাংগঠনিক পূর্ব ক্ষেত্রের (পূর্ব ভারত) সঙ্ঘচালক (সভাপতি) অজয়কুমার নন্দী। ছিলেন দক্ষিণবঙ্গের প্রচার প্রমুখ বিপ্লব রায়, কলকাতার প্রচার প্রমুখ শুভ্রজিৎ বন্দ্যোপাধ্যায়-সহ অন্যান্যরা।  রাজ্যের প্রচার প্রমুখ বিপ্লব বলেন, ‘‘সঙ্ঘ তো বরাবরই পরিবর্তনের পক্ষে। সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলার জন্যই প্রায় শতবর্ষ বয়স হতে চলা সঙ্ঘ এখনও সমান ভাবে প্রাসঙ্গিক এবং জীবন্ত। আমরা বিশ্বাস করি, আদর্শ অটুট রেখে সময়ের সঙ্গে সঙ্গে বহিরাঙ্গে বদল আনতে হয়।’’ আগামী বৃহস্পতিবার শহরের কোনও হোটেলে বিশিষ্টদের নিয়ে একান্তে কথা বলবেন আরএসএস প্রধান মোহন ভাগবত।  তবে সেখানে কে কে আসবেন তা এখনও প্রকাশ করেনি সঙ্ঘ। তবে অনুমান করা হচ্ছে কলকাতার বাসিন্দা তিন বিখ্যাত ধ্রুপদী শিল্পী অজয় চক্রবর্তী, রাশিদ খান এবং তেজেন্দ্রনারায়ণ মজুমদার আমন্ত্রণ পেতে পারেন। কারণ, গত কয়েক বছরে ‘সম্পর্ক তৈরি করতে’ এঁদের বাড়িতে গিয়েছিলেন ভাগবত।

    আরও পড়ুন: চলতি বছরের অক্টোবরেই সম্পন্ন হবে রাম মন্দিরের প্রথম তলার নির্মাণ!

    এ বার নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনে কলকাতায় থাকছেন ভাগবত। সেই কারণে ২৩ জানুয়ারি শহিদ মিনারে সঙ্ঘ ‘নেতাজি লহ প্রণাম’ অনুষ্ঠান করবে। থাকবেন ভাগবত। এই কর্মসূচি প্রসঙ্গে অজয়কুমার বলেন, ‘‘নেতাজি জয়ন্তী পালন সঙ্ঘের কাছে নতুন কিছু নয়। স্বয়ংসেবকদের দৈনিক প্রাতঃস্মরণ মন্ত্রেই নেতাজি রয়েছেন। সঙ্ঘস্থান মানে শাখায় জন্মদিন অনুষ্ঠানও হয়।’’ ওই অনুষ্ঠানে মোহন ভাগবতের থাকা প্রসঙ্গে অজয়কুমার জানান, ‘‘এটা ঘটনাচক্র। এক বছর আগে থেকেই সরসঙ্ঘচালক কবে, কোন রাজ্যে যাবেন সেটা ঠিক হয়ে থাকে। এটাই আমাদের ধারা। এমন একটা দিনে তাঁকে কলকাতায় পাওয়া যাচ্ছে দেখেই ওই কর্মসূচি নেওয়া হয়েছে।’’

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • BJP National Executive: বিজেপির সভাপতি পদে বহাল রইলেন নাড্ডাই, শাহি ঘোষণার কারণ জানেন?  

    BJP National Executive: বিজেপির সভাপতি পদে বহাল রইলেন নাড্ডাই, শাহি ঘোষণার কারণ জানেন?  

    মাধ্যম নিউজ ডেস্ক: ফের জেপি নাড্ডার (JP Nadda) ওপরই ভরসা রাখল গেরুয়া শিবির। মঙ্গলবার ভারতীয় জনতা পার্টির জাতীয় সভাপতি হিসেবে বাড়ানো হল নাড্ডার মেয়াদ। আগামী বছর দেশে সাধারণ নির্বাচন। এই সময় পর্যন্ত নাড্ডাই থাকছেন বিজেপির সভাপতি। বিজেপি নেতা তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) ঘোষণা, ভারতীয় জনতা পার্টির জাতীয় সভাপতি হিসেবে জেপি নাড্ডার মেয়াদ ২০২৪ সালের জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। এদিন জাতীয় কর্মসমিতির (BJP National Executive) বৈঠকে শাহ বলেন, জেপি নাড্ডার নেতৃত্বে বিহারে আমাদের সর্বোচ্চ স্ট্রাইক রেট ছিল। এনডিএ মহারাষ্ট্রে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে, উত্তর প্রদেশে জিতেছে এবং পশ্চিমবঙ্গে আমাদের সংখ্যা বেড়ছে। তিনি বলেন, আমরা গুজরাটেও জয় পেয়েছি। নাড্ডার নেতৃত্বে ১২০টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিজেপি জয়ী হয়েছে ৭৩টি আসনে।

    মোদিজির নেতৃত্বে…

    কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমি নিশ্চিত যে মোদিজির নেতৃত্বে এবং নাড্ডাজির সঙ্গে আমরা ২০২৪ সালের নির্বাচনে ২০১৯ এর তুলনায় বেশি আসনে জিতব। প্রসঙ্গত, ২০২০ সালের ২০ জানুয়ারি তিন বছরের জন্য সভাপতি পদে নির্বাচিত হয়েছিলেন নাড্ডা। এর পর এদিন ফের বাড়ানো হল তাঁর কার্যকালের মেয়াদ। এদিকে, চলতি বছর ৯টি রাজ্যের বিধানসভা নির্বাচন হওয়ার কথা। এই ৯টি রাজ্যেই জিততে হবে বিজেপিকে। সোমবার বিজেপির জাতীয় কর্মসমিতির (BJP National Executive) বৈঠকে এই সুরই বেঁধে দিলেন বিজেপির সভাপতি জেপি নাড্ডা (BJP National Executive)। এদিনের বৈঠকে তিনি বলেন, এখন থেকেই ঝাঁপিয়ে পড়ুন বিধানসভা নির্বাচনের জন্য। ৯টি রাজ্যের বিধানসভা নির্বাচনেই আমাদের জয়ী হতে হবে। এদিন পাশ হয়েছে রাজনৈতিক প্রস্তাব। নরেন্দ্র মোদির নেতৃত্বে বিশ্ব দরবারে ভারতের মুখ উজ্জ্বল হয়েছে বলে তাতে বলা হয়েছে। যদিও বিরোধীরা সরকার এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিরন্তর আক্রমণ করে চলেছেন, তা সত্ত্বেও।

    নাড্ডার নির্দেশ, দলের সব নেতানেত্রীকে কোমর বেঁধে নামতে হবে। যাতে ৯টি রাজ্যেই জয়ী হয় বিজেপি। তাহলে চব্বিশের লোকসভা নির্বাচনে হ্যাটট্রিকের রাস্তা আরও মসৃণ হবে। নাড্ডা বলেন, বাইশে গুজরাটে যেভাবে বিপুল আসনে বিজেপি জয়ী হয়েছে, সেই মডেলে বাকি রাজ্যগুলিতে ভোট করাতে হবে কর্মীদের (BJP National Executive)। ঐতিহাসিক জয় চাই। প্রসঙ্গত, যে ৯টি রাজ্যে জয় চাইছেন বিজেপি নেতৃত্ব, সেই রাজ্যগুলির মধ্যে মধ্যপ্রদেশ, কর্নাটক এবং ত্রিপুরায় বিজেপির সরকারই রয়েছে। নাগাল্যান্ড ও মেঘালয়ে রয়েছে জোট সরকার।

  • Calcutta High Court: ২০১৬-এর পর স্কুলের সমস্ত নিয়োগ খতিয়ে দেখতে হবে ডিআইদের! নির্দেশ বিচারপতি বসুর

    Calcutta High Court: ২০১৬-এর পর স্কুলের সমস্ত নিয়োগ খতিয়ে দেখতে হবে ডিআইদের! নির্দেশ বিচারপতি বসুর

    মাধ্যম নিউজ ডেস্ক: ভুয়ো শিক্ষক নিয়োগ মামলা নিয়ে আরও কড়া পদক্ষেপ নিল কলকাতা হাইকোর্ট। ২০১৬ সালের পরে রাজ্যের সমস্ত জেলায় যত সরকারি স্কুল আছে, তাতে যতজন নিয়োগ হয়েছেন, তাদের সকলের নিয়োগ পদ্ধতি সংশ্লিষ্ট জেলার ডিআই-কে খতিয়ে দেখার নির্দেশ দিলেন বিচারপতি বিশ্বজিৎ বসু। বিচারপতির এই নির্দেশে রীতিমত শোরগোল পড়ে গিয়েছে শিক্ষামহলে। মুর্শিদাবাদের বেলডাঙার একটি স্কুলের প্রধান শিক্ষক বাবার স্কুলে জালিয়াতি করে চাকরি করছেন ছেলে। এই মামলার শুনানিতেই আজ এমন নির্দেশ দিলেন বিচারপতি বসু। শুধু তাই নয়, রাজ্যের মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক স্কুলে গত ছ’বছরে যত শিক্ষক এবং অশিক্ষক কর্মী নিয়োগ করা হয়েছে, তাদের হিসাব রাজ্যের কাছে চাইলেন বিচারপতি বিশ্বজিৎ বসু। পাশাপাশি বিচারপতি জানিয়ে দিয়েছেন, ওই হিসাব বা রিপোর্ট আগামী ২ ফেব্রুয়ারির মধ্যে আদালতে জমা দিতে হবে।

    মুর্শিদাবাদের ভুয়ো শিক্ষক মামলায় প্রশ্ন তোলেন বিচারপতি

    বৃহস্পতিবার একটি মামলার শুনানি চলাকালীন এই নির্দেশ দেন বিচারপতি। মুর্শিদাবাদের গোথা এয়ার হাই স্কুলের প্রধান শিক্ষক আশিস তিওয়ারির পুত্র অনিমেষের বিরুদ্ধে এক পাস করা শিক্ষকের নিয়োগপত্র জাল করে প্রধান শিক্ষক বাবার স্কুলে চাকরি নেওয়ার অভিযোগ ওঠে। গত তিন বছর ধরে তিনি বেতনও পেয়েছেন। অথচ জেলা স্কুল পরিদর্শকের কাছে তাঁর নিয়োগের কোনও নথিই ছিল না! ঘটনাটি জানার পরেই বিচারপতি প্রশ্ন করেন, “একজন ভুয়ো শিক্ষক তিন বছর ধরে চাকরি করছেন, আর সেই জেলার ডিআই তা জানেন না? কীভাবে সম্ভব?” নিয়োগপত্রে নাম না থাকা সত্ত্বেও কী ভাবে ওই ‘শিক্ষক’ এতদিন বেতন পেলেন?  এরপরই গোটা ঘটনার তদন্তভার সিআইডিকে দিয়েছেন বিচারপতি বসু। বিচারপতি আরও বলেন, “তবে তো এমন অনেক জালিয়াতিই হয়ে থাকতে পারে, যার এখনও খবরই নেই রাজ্যের কাছে!” তার পরেই এমন নির্দেশ দিলেন ডিআইয়ের।

    আরও পড়ুন: খারিজ জামিন-সওয়াল, ফের ১৪ দিন জেল হেফাজতে পার্থ, সুবীরেশ সহ ৭

    ২০১৬-এর পর স্কুলের সমস্ত নিয়োগ খতিয়ে দেখতে হবে ডিআইদের

    গত ছ’বছরে অর্থাৎ ২০১৬ সালের পর থেকে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক স্তরে স্কুলে নিয়োগের একটিই পরীক্ষা হয়েছে। তবে বেশ কয়েক দফায় নিয়োগ হয়েছে প্রায় সাড়ে ২৩ হাজার শিক্ষক এবং অশিক্ষক কর্মীর। এদের মধ্যে নবম-দশম শ্রেণির শিক্ষকের সংখ্যা সবচেয়ে বেশি— ১১,৪২৫ জন। এ ছাড়াও একাদশ এবং দ্বাদশ শ্রেণির সাড়ে ৫ হাজার শিক্ষক, ৪৪৮৭ জন গ্রুপ-ডি কর্মী এবং ২,০৩৭ জন গ্রুপ-সি কর্মী নিয়োগ করা হয়েছে। বিচারপতি বসুর নির্দেশে এ বার এই সমস্ত চাকরিই নিয়োগপত্র পেয়ে যথাযথ প্রক্রিয়ায় হয়েছিল কি না, তা খতিয়ে দেখবেন জেলা স্কুল পরিদর্শক বা ডিআইরা।

  • Immunity Booster: আগের রাতে ভিজিয়ে সকালে খালি পেটে খান এই ৬ ‘সুপারফুড’

    Immunity Booster: আগের রাতে ভিজিয়ে সকালে খালি পেটে খান এই ৬ ‘সুপারফুড’

    মাধ্যম নিউজ ডেস্ক: স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন সকালের সময়টাতে আমাদের প্রত্যেককে নিজেদের স্বাস্থ্যের প্রতি বেশি যত্নবান হওয়া দরকার। তাঁদের মতে এই সময়েই শরীরকে প্রয়োজনীয় পুষ্টি দেওয়া দরকার। আমাদের মধ্যে অনেকেই আছেন যাঁরা ছোটখাটো পুষ্টির অভাবে ভুগি, তবে মনে রাখা দরকার এর কারণে বড় বড় রোগও বাসা বাঁধতে পারে শরীরে। ভেঙে পড়তে পারে স্বাস্থ্য। উদাহরণস্বরূপ বলা যেতে পারে আয়রনের অভাব, ভিটামিন বি ১২-এর অভাব। আবার যেমন ধরুন ভিটামিন এ-র অভাবে অ্যানিমিয়া হয়। ভিটামিন ডি-এর অভাবে রক্তে ক্যালসিয়ামের পরিমাণও কমে যায়, যার ফলে রিকেট রোগ হতে পারে এবং হাড় নরম হয়ে যেতে প্রাপ্তবয়স্ক মানুষদের।

    আগের রাতে ভেজানো কাজুবাদাম, আখরোট, চিনা বাদাম এগুলি হল ভরপুর ভিটামিন বি এবং ভিটামিন ই-এর ভাল উৎস। এই ছোটখাটো সুপার ফুডগুলো (Immunity Booster) যদি নিয়মিত ভাবে খাওয়া হয় তাহলে সুস্থ থাকা যেতে পারে এমনটাই বলছেন বিশেষজ্ঞরা। বিশেষজ্ঞদের মতে এই সমস্ত সুপারফুড ভিজিয়ে রাখলে সেই পুষ্টি শরীরে আরো ভালোভাবে শোষিত হয়, কারণ সারারাত ধরে ভিজিয়ে রাখলে এই সুপারফুডগুলির (Immunity Booster)  মধ্যে থাকা কিছু অ্যাসিড দূর হয়ে যায় ফলে বদহজম হয়না।  অনেকে বলেন বাদাম ভিজিয়ে রাখলে এর হজম ক্ষমতা বেড়ে যায় ফলে শরীরের পক্ষে খুবই উপযোগী হয়।

    আজকে আমরা এমনই কিছু সুপারফুড (Immunity Booster) নিয়ে আলোচনা করব যেগুলি রাতে ভিজিয়ে রেখে সকালে ডায়েট হিসেবে গ্রহণ যায়

    ১) ভেজানো আমন্ড ব্রণ উপশমে সহায়ক

    ব্রণ একটি বড় সমস্যা, বয়ঃসন্ধিকালে সকলেরই মুখে ফুটে ওঠে ব্রণ।

    বিশেষজ্ঞরা বলছেন এই সমস্যা থেকে মুক্তি পেতে এবং একটি উজ্জ্বল ঝরঝরে ত্বক পেতে পাঁচ থেকে সাতটি আমন্ড সারারাত ভিজিয়ে রাখুন এবং সকালে নিয়মিতভাবে খান।

    ২) ভিজিয়ে রাখা কিশমিস ও কেশর মহিলাদের পিরিয়ড সমস্যার সমাধান করে

    মহিলাদের পিরিয়ডের ব্যথা এবং অনিয়মিত পিরিয়ডের সমস্যা থাকলে, বিশেষজ্ঞরা ছয় থেকে আটটি কিশমিস ও দুটি কেশর সারারাত ভিজিয়ে রেখে পরের দিন সকালে খেতে বলছেন।

    ৩) ভেজানো কালো কিশমিস খেলে চুল পড়া বন্ধ হয়

    বিশেষজ্ঞদের মতে চুল পড়া এবং আরও বিভিন্ন ধরনের রোগ থেকে মুক্তি পেতে কালো কিশমিস সারারাত ভিজিয়ে রাখুন এবং পরের দিন সকালে খান।

    ৪) স্মৃতিশক্তি এবং মস্তিষ্কের শক্তি বাড়াতে ভেজানো আখরোট খান

     দুটি আখরোট সারারাত ভিজিয়ে রাখুন এবং সকালে সেটি খান,

    এতে  স্মৃতিশক্তিও একাগ্রতা বৃদ্ধি পাবে এমনটাই মত রয়েছে স্বাস্থ্যবিদদের।

    ৫) মহিলাদের এবং বাচ্চাদের স্বাস্থ্যের জন্য ভিজিয়ে রাখা মুগ ডাল খুব উপযোগী

    দু চামচ মুগ ডাল সারারাত ভিজিয়ে রাখুন এবং সকালে খালি পেটে এটি খান।

    এটি ভালো ত্বক তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় বলেই বিশেষজ্ঞদের ধারণা রয়েছে।

    ৬) কোষ্ঠকাঠিন্যের সমস্যা থেকে মুক্তি পেতে ভেজানো ডুমুরের জুড়ি নেই

    বিশেষজ্ঞদের মতে দুটি ভেজানো ডুমুর আপনার স্বাস্থ্যের জন্য ভালো ফলদায়ক হতে পারে এবং এটি কোষ্ঠকাঠিন্যের সমস্যার উপশম ঘটাতে সক্ষম।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

LinkedIn
Share