Blog

  • Assembly Elections 2023: কবে বিধানসভা নির্বাচন ত্রিপুরা-মেঘালয়-নাগাল্যান্ডে? আজই ঘোষণা করবে কমিশন

    Assembly Elections 2023: কবে বিধানসভা নির্বাচন ত্রিপুরা-মেঘালয়-নাগাল্যান্ডে? আজই ঘোষণা করবে কমিশন

    মাধ্যম নিউজ ডেস্ক: খুব শীঘ্রই উত্তর-পূর্ব ভারতে ভোটের দামামা বাজতে চলেছে। নির্বাচন কমিশন আজ দুপুরেই ত্রিপুরা (Tripura), মেঘালয় (Meghalaya) ও নাগাল্যান্ডের (Nagaland) বিধানসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশ করতে চলেছে। আজ দুপুর আড়াইটে নাগাদ দিল্লিতে সাংবাদিক বৈঠক করে তিন রাজ্যের নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করবে কমিশন। উল্লেখ্য, এই তিন রাজ্যের বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে চলতি বছরের মার্চেই।

    দেশের তিন রাজ্যের ভোটের দিনক্ষণ ঘোষণা আজই

    আগামী ১২ মার্চ নাগাল্যান্ড বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে। মেঘালয় এবং ত্রিপুরা বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে যথাক্রমে ১৫ মার্চ এবং ২২ মার্চ। ফলে উপরিউক্ত তারিখের মধ্যেই ভোট করতে হবে রাজ্যগুলিতে। সেইমতই তিন রাজ্যের নির্বাচনের তারিখ ঘোষণা করতে চলেছে নির্বাচন কমিশন। কমিশন সূত্রের খবর, মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমারের নেতৃত্বে কমিশনের ফূল বেঞ্চ সম্প্রতি নাগাল্যান্ড, ত্রিপুরা ও মেঘালয় সফর করেছে।

    এই তিন রাজ্যের নির্বাচেনর দিনক্ষণ নিয়ে বহুদিন ধরেই জল্পনা চলছিল। তারই মধ্যে নির্বাচন কমিশন দিয়ে দিল নির্বাচনের বার্তা। সমস্ত জল্পনার অবসান করে আজ নির্বাচন কমিশন একটি প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে এই সাংবাদিক বৈঠকের কথা। তবে এখনও পর্যন্ত ভোটের তারিখ ঘোষণা করা না হলেও ইতিমধ্যেই প্রস্তুতি নিতে শুরু করেছে রাজনৈতিক দলগুলো। এবারে এই তিন রাজ্যের মধ্যে মেঘালয় এবং ত্রিপুরায় নির্বাচনী লড়াইয়ে নেমেছে তৃণমূল কংগ্রেস।

    আরও পড়ুন: ২০২৪-এর লোকসভা নির্বাচনে বাংলায় ২৫টি আসন পাবে বিজেপি! দাবি সুকান্তর

    কোন রাজ্যে কোন সরকার রয়েছে?

    এই তিন রাজ্যের মধ্যে নাগাল্যান্ডে চলছে সর্বদলীয় সরকার। সেখানে বিধানসভায় কোনও বিরোধী দল নেই। মেঘালয়ে চলছে বিজেপি ন্যাশনাল পিপলস পার্টির জোট সরকারের শরিক। তবে আসন্ন বিধানসভা নির্বাচনে দুই দল আলাদা লড়াই করবে বলে ঠিক আছে। অন্যদিকে, ত্রিপুরায় বিজেপি রয়েছে ক্ষমতায়। অন্যদিকে, বিরোধী শিবিরের দুই প্রধান দল কংগ্রেস ও সিপিএম জোট করে লড়াই করার পথে হাঁটছে। তবে ত্রিপুরায় ২০২৩-এও ফের গেরুয়া ঝড় উড়বে এই নিয়ে আত্মবিশ্বাসী বিজেপির শীর্ষনেতৃত্ব। আবার ইতিমধ্যেই বিজেপির বিরুদ্ধে মাঠে নেমেছে তৃণমূল কংগ্রেসও।

    এই তিন রাজ্য সহ ২০২৩-এ মোট ৯টি রাজ্যে ভোট হবে। তার মধ্যে নাগাল্যান্ড, মেঘালয় ও ত্রিপুরার ভোট ঘোষণা আজ হতে চলেছে। এরপর ভোট রয়েছে কর্ণাটকে। তারপর ভোট হওয়ার কথা মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড়, মিজোরাম ও তেলেঙ্গানায়। ডিসেম্বরে ভোট হওয়ার কথা জম্মু ও কাশ্মীরেও।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • West Bengal Weather: শহরে ফের চড়ল পারদ! রাজ্য জুড়ে বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় বর্ষণের সম্ভাবনা?

    West Bengal Weather: শহরে ফের চড়ল পারদ! রাজ্য জুড়ে বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় বর্ষণের সম্ভাবনা?

    মাধ্যম নিউজ ডেস্ক: মাঘের শুরুতেই বৃষ্টিতে ভিজবে বাংলা! এমনই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। মকর সংক্রান্তির আগে উধাও হয়েছিল শীত। কিন্তু সংক্রান্তি কাটতেই ফের শীতের ব্যাটিং শুরু হয়েছে। তবে আগের মত হাড়কাঁপানো ঠা্ন্ডা নেই। মঙ্গলবার থেকে আজ তাপমাত্রার পারদ সামান্য বেড়েছে। রয়েছে হালকা শীতের আমেজ। তবে উত্তরবঙ্গে জাঁকিয়ে বসেছে শীত। আগামী কয়েকদিনে আরও নামতে পারে তাপমাত্রা। তার মধ্যেই হাওয়া অফিসের আভাস, বুধবার রাজ্যের বেশ কিছু জেলায় বৃষ্টি হতে পারে।

    কলকাতার আবহাওয়া

    বুধবার সকালে ঘন কুয়াশায় ঢাকা ছিল কলকাতার আকাশ। পরে ধীরে ধীরে আকাশ পরিষ্কার হয়েছে। শহরে সকালের সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। মঙ্গলবার কলকাতার এই সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৭ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩.৩ ডিগ্রি সেলসিয়াস। আজ বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ৫৩ থেকে ৮৩ শতাংশের মধ্যে। পশ্চিমি ঝঞ্ঝার কারণে উত্তুরে হাওয়ার দাপট কমে যাওয়ায় তাপমাত্রার পারদ উপরের দিকে চড়েছে।

    আরও পড়ুন: রাত থেকে রাজ্যের বেশ কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা, জানাচ্ছে হাওয়া অফিস

    বাংলা জুড়ে বৃষ্টির পূর্বাভাস

    দক্ষিণবঙ্গে ফের ঊর্ধ্বমুখী পারদ। আজ ও বৃহস্পতিবার রাজ্যের উপকূলে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃষ্টির সম্ভাবনা বেশি পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায়। কলকাতা, হাওড়া ও উত্তর ২৪ পরগনা জেলায় সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ, ১৮ জানুয়ারি পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে হালকা বৃষ্টি হতে পারে। এদিকে আজ দক্ষিণ ২৪ পরগনায় হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই তিন জেলা ছাড়া দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলির আবহাওয়া শুষ্ক থাকবে। আগামী পাঁচদিনে দক্ষিণের জেলাগুলিতে আবহাওয়ার তেমন কোনও পরিবর্তন ঘটবে না।

    উত্তরবঙ্গে আগামী ২৪ ঘন্টায় দিনের তাপমাত্রা অনেকটাই কম থাকবে। আগামী দু’ তিন দিন হালকা বৃষ্টি থাকবে দার্জিলিং, কালিম্পং-এ। ১৮ ও ১৯ জানুয়ারি দার্জিলিং-ও হালকা বৃষ্টি হতে পারে। আজ হালকা বৃষ্টি হতে পারে কালিম্পং-এ। আলিপুরদুয়ারেও আজ বৃষ্টি হতে পারে। ঘন কুয়াশা থাকবে উত্তরবঙ্গে। কোচবিহার,  উত্তর দিনাজপুর, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে বেশি কুয়াশার সম্ভাবনা রয়েছে।

  • Narendra Modi: ‘‘মোদি এলেই জিতব এটা ভাববেন না, সংগঠনে জোর দিন’’, বিজেপি কর্মীদের উদ্দেশে বার্তা মোদির

    Narendra Modi: ‘‘মোদি এলেই জিতব এটা ভাববেন না, সংগঠনে জোর দিন’’, বিজেপি কর্মীদের উদ্দেশে বার্তা মোদির

    মাধ্যম নিউজ ডেস্ক: জনসংযোগে জোর দিন। জেলায় জেলায় সমাবেশ করুন। সীমান্তবর্তী গ্রামগুলিতে যান। ঘরে ঘরে প্রচার করুন। রাজধানী দিল্লিতে বিজেপির জাতীয় কর্মসমিতির বৈঠকের (BJP National Executive Party Meeting) শেষ দিনে দলীয় কর্মী ও নেতাদের এমনই বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)।

    বিজেপি জোড় প্রচার

    মঙ্গলবার,  বিজেপির কার্যনির্বাহী সমিতির দুই দিনের বৈঠকের শেষদিনে, বিজেপি কর্মীদের সতর্ক করে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী বলেছেন, ‘‘মোদি এলেই জিতব এই মানসিকতা নিয়ে বসে থাকলে চলবে না।’’ কর্মীরা যেন আত্মতুষ্টিতে না ভোগেন। প্রধানমন্ত্রীর পরামর্শ, কেন্দ্রীয় সরকারের বিভিন্ন নীতিগুলি সম্পর্কে মানুষকে সচেতন করতে জনগণের সঙ্গে সংযোগ স্থাপন করুন। পাশাপাশি আরও বেশি সংখ্যক মানুষকে দলের সঙ্গে যুক্ত করতে ‘বিজেপি জোড়’ প্রচার শুরুর পরামর্শও দিয়েছেন মোদি। 

    যুব সম্প্রদায় লক্ষ্য

    প্রধানমন্ত্রী আরও বলেছেন, ‘‘লোকসভা নির্বাচনের আর মাত্র ৪০০ দিন বাকি আছে। ১৮ থেকে ২৫ বছর বয়সী যুবরা এর আগের সরকারের অপশাসন দেখেনি। বর্তমান সরকারের অধীনে ভারতে কীভাবে অপশাসন সরে গিয়ে সুশাসন এসেছে, তা তারা জানে না।’’ প্রধানমন্ত্রী আরও বলেন, ‘‘বিরোধী দলগুলিকে দুর্বল মনে করলে চলবে না। সবাইকে নিজ নিজ ভূমিকা পালন করতে হবে। যুব সম্প্রদায়কে মোদি সরকারের কাজ নিয়ে সচেতন করতে হবে। বিজেপি কর্মীদের সমাজের সকল শ্রেণির সঙ্গে সংযোগ স্থাপন করতে হবে। শুধুমাত্র ভোটের জন্য কাজ করলে চলবে না, দেশে পরিবর্তন আনার জন্য কাজ করতে হবে।’’ 

    আরও পড়ুুন: ‘লড়াই চলবে’, বঙ্গ বিজেপির প্রশংসা করে জানিয়ে দিলেন মোদি

    গ্রামীণ এলাকায় যান

    জাতীয় কর্মসমিতির বৈঠকে গ্রামীণ এলাকায় বিজেপির সংগঠন মজবুত করার বার্তাও দিয়েছেন প্রধানমন্ত্রী। সব শ্রেণির মানুষের কাছে গিয়ে বিজেপি সরকার কী কী ভাল কাজ করেছে, সেই বার্তা পৌঁছে দেওয়ার কথা বলেছেন মোদি। দেশের প্রত্যেক প্রান্তের নেতাদের কাছে তাঁর আর্জি, সাধারণ মানুষের কাছে পৌঁছতে হবে। বাংলায় বিজেপি কর্মীরা যেভাবে লড়াই করছেন, তার প্রশংসাও করেন তিনি। বিশেষত সীমান্তবর্তী গ্রামগুলিতে কার্যকলাপ বাড়ানোর দিকে নজর দিতে বলেন তিনি। প্রয়োজনে প্রত্যেক জেলায় সমাবেশ করার কথাও বলেন। সংখ্যালঘুদের কাছে গিয়েও বিজেপি সরকারের ‘সুশাসনে’র প্রচার চালানোর পরামর্শ দিয়েছেন তিনি। মোদির কথায়, ‘‘ভারতে সেরা সময় চলছে। এই উন্নয়নের কর্মযজ্ঞে আমাদের নিজেদের উৎসর্গ করা দরকার।’’

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • Skipping Meals: উপোষ এবং খাবারে কম সময়ের বিরতি মৃত্যুর ঝুঁকি বাড়ায়! কী বলছে গবেষণা?

    Skipping Meals: উপোষ এবং খাবারে কম সময়ের বিরতি মৃত্যুর ঝুঁকি বাড়ায়! কী বলছে গবেষণা?

    মাধ্যম নিউজ ডেস্ক: খাবার না খাওয়া (Skipping Meals) এবং খাবারের কম সময়ের বিরতি মৃত্যুর ঝুঁকিকে ত্বরান্বিত করে। এমনই দাবি করছে একটি গবেষণা। অনেক সময় ব্যস্ত জীবনে মানুষ খাবার খাওয়া এড়িয়ে যান। এর দীর্ঘমেয়াদী ফল অত্যন্ত ক্ষতিকারক। খাদ্য আমাদের শরীরে শক্তির যোগান দেয়। খাবার না খেলে শরীরের বিভিন্ন অঙ্গ প্রভাবিত হয়। এক সমীক্ষায় পরামর্শ দেওয়া হয়েছে যে, প্রতিদিনের সাধারণ তিনটি খাবারের একটি বাদ পড়লে তার গুরুতর প্রভাব পড়তে পারে।   

    ৪০ বছরের বেশি বয়সী ২৪,০১১ জন প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিকের ওপর একটি গবেষণা (Skipping Meals) করা হয়। গবেষণায় দাবি করা হয়েছে যে, দিনে শুধুমাত্র একবার খাবার খেলে মৃত্যুর ঝুঁকি সবথেকে বেশি হয়। এদিকে, যারা প্রাতঃরাশ বাদ দেন তাদের কার্ডিওভাসকুলার রোগ-সম্পর্কিত মৃত্যুর ঝুঁকি বেড়ে যায়। প্রতিদিন তিনবার খাবার যারা খান, তাঁদের প্রতিটি খাবারের মধ্যে, কমপক্ষে সাড়ে চার ঘণ্টার বিরতি থাকা জরুরি।

    কী বললেন বিশেষজ্ঞরা?   

    টেনেসি বিশ্ববিদ্যালয়ের মহামারী বিশেষজ্ঞ ইয়াংবো সান বলেন, “আমাদের গবেষণায় দেখা গিয়েছে যে, যারা প্রতিদিন বেশি খাবার খেয়েছেন (Skipping Meals) তাদের তুলনায় যারা দিনে মাত্র একবার খাবার খান তাদের মৃত্যুর সম্ভাবনা বেশি। এই ফলাফলের ভিত্তিতে, আমরা সারাদিনে কমপক্ষে দুই থেকে তিনবার খাবার খাওয়ার পরামর্শ দিই।”  

    গবেষণায় আরও উল্লেখ করা হয়েছে যে, যারা বেশি ধূমপান করেন, বেশি অ্যালকোহল পান করেন, যারা কম পুষ্টিকর খাবার খান এবং বেশি স্ন্যাকস খান, তাদের মিল স্কিপ করার (Skipping Meals) সম্ভাবনা বেশি। 

    আইওয়া বিশ্ববিদ্যালয়ের মহামারীবিদ ওয়েই বাও বলেন, ”আমাদের গবেষণা খাবারের সময় এবং দৈনিক মিলের সময়কালের পরিপ্রেক্ষিতে শরীরের আচরণ এবং মৃত্যুর মধ্যে সম্পর্কের বিষয়টি তুলে ধরে।”

    আরও পড়ুন: পরীক্ষা না নিয়েই পুরো নম্বর, পর্ষদ সভাপতির কাছে জবাব চাইল হাইকোর্ট

    গবেষণায় কাজের সময়, চাপ, দারিদ্র্য, বিভিন্ন ডায়েটিং এবং উপবাসের পদ্ধতির মতো কারণগুলিকে দায়ী করা হয়েছে। মানুষের দিনে তিনবেলা (Skipping Meals) খাবার না খাওয়ার মূল কারণই এগুলি। খাবার না খাওয়া একজন ব্যক্তির মানসিক সুস্থতাকেও ক্ষতিগ্রস্থ করতে পারে এবং ব্রেনেও প্রভাব ফেলতে পারে। ২০১৯ সালে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণায় দেখা যায় যে,  যারা মিল স্কিপ করেন তাদের মেজাজের সমস্যাও দেখা যায়। একটি খাবার না খেলে রক্তে শর্করার পরিমাণ কমতে পারে এবং মেজাজে তার প্রভাব পড়তে পারে। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Justice Abhijit Ganguly: পরীক্ষা না নিয়েই পুরো নম্বর, পর্ষদ সভাপতির কাছে জবাব চাইল হাইকোর্ট

    Justice Abhijit Ganguly: পরীক্ষা না নিয়েই পুরো নম্বর, পর্ষদ সভাপতির কাছে জবাব চাইল হাইকোর্ট

    মাধ্যম নিউজ ডেস্ক: মানিক ভট্টাচার্য জমানার আরও এক দুর্নীতি এল কলকাতা হাইকোর্টের নজরে! অ্যাপটিটিউড পরীক্ষা না নিয়েই ‘ফুল মার্কস’ পেয়েছেন পরীক্ষার্থীরা! ৬ পরীক্ষার্থীর বয়ান নিয়ে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় পর্যবেক্ষণ, “২০১৬ প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় কোনও অ্যাপটিটিউড টেস্ট হয় নি।” প্রাথমিক শিক্ষা পর্ষদ সভাপতির হলফনামা আকারে কৈফিয়ত তলব হাইকোর্টের। ৭ দিনে এই মামলার হলফনামা তলব করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Ganguly)। আদালত হলফনামায় জানতে চান, অ্যাপটিটিউড টেস্ট না হলে নম্বর বন্টন কী ভাবে হল? ফের অস্বস্তিতে পড়ল প্রাথমিক শিক্ষা পর্ষদ।

    কী অভিযোগ?         

    প্রাথমিকে অ্যাপটিটিউড টেস্ট ছাড়াই ২০১৬ সালে শিক্ষক নিয়োগ করা হয়েছে! কলকাতা হাইকোর্টে সাক্ষী দেন ৬ জন চাকরিপ্রার্থী। এ বিষয়ে ৭ দিনের মধ্যে আদালতে হলফনামা জমা দিতে হবে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতিকে। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Justice Abhijit Ganguly) নির্দেশ, ২৪ জানুয়ারির মধ্যে পর্ষদ সভাপতিকে জানাতে হবে ওই নিয়োগ প্রক্রিয়ায় অ্যাপটিটিউড টেস্ট হয়েছিল কি না। পাশাপাশি, তিনি হলফনামা দিয়ে জানাবেন এ বছর কী পদ্ধতিতে অ্যাপটিটিউড টেস্ট নেওয়া হচ্ছে।

    আরও পড়ুন: ‘মানচিত্রে আজাদ কাশ্মীর চিহ্নিত করো’!, পর্ষদের মাধ্যমিক টেস্ট পেপারের প্রশ্নে বিতর্ক     
     
    প্রাথমিকের শিক্ষক নিয়োগে ইন্টারভিউর অংশ হিসাবে অ্যাপটিটিউড টেস্ট করা হয়। তার জন্যে আলাদা নম্বর নির্ধারিত ছিল। নিয়ম অনুযায়ী (Justice Abhijit Ganguly) অ্যাপটিটিউড টেস্ট বাধ্যতামূলক। মূলত চক পেনসিল, ব্ল্যাকবোর্ডের ব্যবহারের মাধ্যমে অ্যাপটিটিউড টেস্ট করা হয়। কিন্তু অভিযোগ এই অংশটিকে বাদ দিয়েই শিক্ষক নিয়োগ করা হয়েছে।

    এই মামলায় প্রিয়ঙ্কা নস্কর-সহ কয়েক জন চাকরিপ্রার্থীর থেকে সাক্ষ্য গ্রহণ করেন বিচারপতি গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Ganguly)। চাকরিপ্রার্থীরা সাক্ষী দিয়ে জানা যায়, বেশির ভাগ জেলাতেই অ্যাপটিটিউড টেস্ট করা হয়নি। অনেক জায়গায় শ্রেণিকক্ষের পরিবর্তে বারান্দায় ইন্টারভিউ নেওয়া হয়েছে বলে অভিযোগ। একজন পরীক্ষার্থী জানান, সব নিয়ে ৪টে প্রশ্ন করা হয়। ঘরে দুজন ছিলেন ইন্টারভিউ নেওয়ার সময়। কোনও ব্ল্যাকবোর্ড ছিল না।

    মামলাকারীদের আইনজীবী (Justice Abhijit Ganguly) তরুনজ্যোতি তিওয়ারি জানান, “অধিকাংশ জেলায় অ্যাপটিটিউড টেস্ট নেওয়াই হয়নি। পরীক্ষার্থী অ্যাপটিটিউড টেস্ট ছাড়া নম্বর কী ভাবে পেলেন, তা জানতে চায় আদালত। এক্ষেত্রেই দুর্নীতি, বেছে বেছে অ্যাপটিটিউড টেস্টের নম্বর বসানো হয়েছে। আমার মামলাকারীদের অনেককে ২ বা ৩ নম্বর দেওয়া হয়েছে। অথচ চাকরি প্রাপকদের সেই নম্বর বাড়িয়ে দেওয়া হয়েছে৷”

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     

     
     
  • Shahbaz Sharif: “যুদ্ধ নয়, এবার শান্তি চাই”, কাশ্মীর নিয়ে মোদিকে আলোচনায় বসার বার্তা দিলেন শাহবাজ

    Shahbaz Sharif: “যুদ্ধ নয়, এবার শান্তি চাই”, কাশ্মীর নিয়ে মোদিকে আলোচনায় বসার বার্তা দিলেন শাহবাজ

    মাধ্যম নিউজ ডেস্ক: যুদ্ধ নয়, এবারে শান্তি চায় পাকিস্তান, এমনটাই জানালেন পাকিস্তানের মুখ্যমন্ত্রী শাহবাজ শরিফ (Shahbaz Sharif)। ভারতের সঙ্গে তিন-তিনবার যুদ্ধ করে যথেষ্ট শিক্ষা পেয়েছে পাকিস্তান। তাই এবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সৎ ভাবে এবং বিশদে আলোচনায় বসতে চান পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। কারণ এই যুদ্ধের ফলে উন্নয়ন তো দূর, বেড়েছে বেকারত্ব, দেশটি আরও দুঃস্থ হয়ে পড়েছে। ফলে এবারে ভারতকে শান্তির প্রস্তাব দিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেছেন, তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে কাশ্মীর নিয়ে কথা বলতে চান। সম্প্রতি একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন তিনি।

    আরও পড়ুন: নেতাজি জন্ম-জয়ন্তী পালন! কালই রাজ্যে আসছেন আরএসএস প্রধান মোহন ভাগবত

    মোদিকে শান্তির বার্তা শাহবাজের

    সম্প্রতি একটি সাক্ষাৎকারে পাকিস্তানের প্রধানমন্ত্রী (Shahbaz Sharif) বলেছেন, “ভারতের সঙ্গে যুদ্ধ করে আমাদের যথেষ্ট শিক্ষা হয়েছে। ঠেকে শিখেছিই বলা চলে। ৩টি যুদ্ধের জেরে প্রায় দেউলিয়া হয়ে যেতে বসেছে পাকিস্তান। তাই আর যুদ্ধ নয়, এ বার পাকিস্তান শান্তি চায়।” তিনি আরও জানিয়েছেন, তিনি ভারতের প্রধানমন্ত্রী মোদির সঙ্গে কাশ্মীর সংক্রান্ত বিষয় নিয়ে কথা বলতে চান। তিনি বলেন, “ভারতীয় নেতৃত্বকে আমি বলতে চাই, আসুন আমরা একসঙ্গে বসে এক টেবিলে আমাদের যত গুরুতর সমস্যা রয়েছে, তা নিয়ে কথা বলি। কাশ্মীরের মত সমস্যাগুলির সমাধান করি। কারণ আমরা শান্তির বার্তা নিয়ে অগ্রগতি করব, না কি এই ঝগড়া এবং অশান্তি চালিয়ে নিয়ে যাব, তা পুরোপুরি আমাদের উপর নির্ভর করে।” তিনি জানিয়েছেন, ভারত ও পাকিস্তান দু’টি দেশই পরমাণু শক্তিধর। ফলে যুদ্ধ বাঁধলে দুই দেশের কী পরিণতি হতে পারে তা ভেবেও চিন্তিত পাক প্রধানমন্ত্রী।

    যখন পাকিস্তানের এই পরিস্থিতি, তখন সাক্ষাৎকারে শরিফ মন্তব্য করেছেন, যে দেশ পারমাণবিক শক্তিতে বলীয়ান, তাদের অর্থনীতি বাঁচানোর জন্য এভাবে ভিক্ষে করা লজ্জার। বিভিন্ন দেশের কাছে ঋণ চাওয়া নিয়ে এমন মন্তব্য করেন।

    সম্প্রতি পাকিস্তানের একটি বহুল প্রচারিত ইংরেজি সংবাদপত্রে একটি প্রতিবেদন বেরোয়। সেই প্রতিবেদনে দাবি করা হয়, যেখানে ভারতের দিনে দিনে অগ্রগতি হচ্ছে, সেখানে পাকিস্তান ক্রমশ আরও গভীর অর্থনৈতিক সঙ্কটের মধ্যে তলিয়ে যাচ্ছে এবং শরিফকে বিশ্বের দরবারে কার্যত ভিক্ষার ঝুলি নিয়ে যেতে হচ্ছে। এটিতে আরও উল্লেখ করা হয়েছে, শরিফ (Shahbaz Sharif) যাতে দ্রুত পাক অর্থনীতিকে মজবুত করার দিকে জোর দেন। অন্যদিকে ভারত যে ২০৩৭ সালের মধ্যে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনৈতিক শক্তি হয়ে ওঠায় নজর দিয়েছে, সেকথাও বলা হয়েছে এই প্রতিবেদনে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • CV Ananda Bose: রাজ্য-রাজভবন সংঘাতে ইতি! উপাচার্যদের বৈঠক শেষ কী বললেন রাজ্যপাল?

    CV Ananda Bose: রাজ্য-রাজভবন সংঘাতে ইতি! উপাচার্যদের বৈঠক শেষ কী বললেন রাজ্যপাল?

    মাধ্যম নিউজ ডেস্ক: শিক্ষাক্ষেত্রের উন্নতির জন্য সদা ব্যস্ত রাজ্যপাল সিভি আনন্দ বোস। উন্নয়নের স্বার্থে মানুষকেই প্রাধান্য দিতে চান রাজ্যপাল। কোনওরকম রাজনীতি নয় যা ঠিক তাই করতে আগ্রহী রাজ্যপাল। মঙ্গলবার, রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্য ও শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে বৈঠক শেষে এমনই ইঙ্গিত দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তাঁর পাশে দাঁড়িয়ে রাজ্য-রাজভবন সংঘাতে ইতিও টানলেন শিক্ষামন্ত্রী। রাজ্য-রাজভবন-বিকাশভবন এবার থেকে একসঙ্গে কাজ করবে বলে জানালেন ব্রাত্য বসু। রাজ্যপাল সি ভি আনন্দ বোসকেই ‘ আচার্য’ সম্বোধন করেন তিনি।

    অতীতের সংঘাতে ইতি

    জগদীপ ধনখড় বাংলার রাজ্যপাল থাকাকালীন তাঁর জমানায় রাজ্য-রাজ্যপাল সংঘাত বারবার শিরোনামে উঠে এসেছে। ধনখড়ের আমলেই রাজ্যপালের পরিবর্তে মুখ্যমন্ত্রীকে আচার্য করার জন্য বিল আনা হয়েছিল বিধানসভায়। উল্লেখ্য, শিক্ষা দফতরের প্রচুর ফাইল আটকে রয়েছে রাজভবনে। তাই রাজ্যপালের সাহায্য কাম্য রাজ্য শিক্ষা দফতরের। এদিন বৈঠক শেষে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন,‘‘আমাদের মহামহিম রাজ্যপাল তথা সব বিশ্ববিদ্যালয়ের আচার্যের সঙ্গে সব বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের ঐতিহাসিক বৈঠক হয়েছে। এই প্রথম রাজভবনে রাজ্যপালের অনুজ্ঞায় আমি, আমার বিভাগীয় প্রধান এবং সরকার পোষিত বিশ্ববিদ্যালয়ের সব উপাচার্যদের নিয়ে রাজভবনে বৈঠক করেছি। আচার্য সব হালহকিকত খুঁটিনাটি জেনেছেন। প্রত্যেক উপাচার্যের সঙ্গে মাননীয় আচার্য আলাদা ভাবে কথা বলেছেন। প্রতিটি বিশ্ববিদ্যালয়ের খবর নিয়েছেন।” 

    আরও পড়ুন: ‘দোষী’ আইনজীবীদের চিহ্নিত করে মামলা, বিচারপতি মান্থা বিক্ষোভকাণ্ডে বলল হাইকোর্ট

    রাজ্যপালের অভিমত

    মঙ্গলবারের বৈঠক যে ফলপ্রসূ হয়েছে সে কথা জানিয়েছেন খোদ রাজ্যপাল সি ভি আনন্দ বোসও। তিনি বলেন, ‘‘আমাদের খুবই উৎসাহজনক, অনুপ্রেরণাদায়ক আলোচনা হয়েছে। আলোচনার সারমর্ম, নতুন প্রজন্মের কাছে শিক্ষার সব দরজা খুলে দেওয়া। যাতে নতুন প্রজন্ম বাংলাকে এগিয়ে নিয়ে যেতে পারে। শিক্ষা সব থেকে শক্তিশালী হাতিয়ার। সমাজে পরিবর্তনের জন্য এটা গুরুত্বপূর্ণ। উপাচার্যেরা অসাধারণ পরামর্শ দিয়েছেন। সব নিয়েই ভাবনাচিন্তা হবে। নতুন বাংলা হবে, সেই বাংলা দেশকে এবং দেশ বিশ্বকে পথ দেখাবে। যা গুরুদেব বলেছেন, চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ যেথা শির।’ এ প্রসঙ্গে বিজেপি নেতা শমীক ভট্টাচার্য বলেন, “কুড়িজন উপাচার্যকে ইউজিসির নির্দেশ না মেনে রাজ্যপালকে সম্পূর্ণ উপেক্ষা করে তাঁরা নিয়োগ করেছিলেন। সেই মামলা চলছে। সমস্ত জায়গায় আচার্য হিসাবে মুখ্যমন্ত্রীকে বসানোর চেষ্টা করেছিলেন ব্রাত্য বসুরা। তবে বাস্তবায়িত হয়নি। আমরা চাই সংঘাতের আবহ না থাকুক। এটাই স্বাভাবিক যে রাজভবন-রাজ্য-নবান্ন একসঙ্গে কাজ করবে। এই পরিবেশ তৃণমূলই নষ্ট করেছিল।”

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • Recruitment: এলআইসিতে ৩০০ পদে কর্মী নিয়োগ, বেতন মাসে ৫৩ হাজার টাকা, জানুন বিস্তারিত

    Recruitment: এলআইসিতে ৩০০ পদে কর্মী নিয়োগ, বেতন মাসে ৫৩ হাজার টাকা, জানুন বিস্তারিত

    মাধ্যম নিউজ ডেস্ক: ৩০০ পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া (Recruitment)। অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসারস পদে কর্মী নিয়োগ করা হবে। যেকোন ভারতীয় নাগরিক এই পদে আবেদন করতে পারবেন।

    আরও পড়ুন: পাকিস্তানে ফের বিয়ে করেছেন দাউদ ইব্রাহিম! এনআইএ-কে জানালেন ভাগ্নে 

    এলআইসি সংস্থার তরফে জানানো হয়েছে, দেশের বিভিন্ন প্রান্তে কর্মী নিয়োগ করা হবে। এলআইসি-তে অ্যাসিস্টেন্ট অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার পদে কর্মী নিয়োগ করা হবে। যারা এই শূন্য়পদে আবেদন (Recruitment) করতে আগ্রহী, তারা সরাসরি এলআইসি-র অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারেন। সংস্থার তরফে জানানো হয়েছে, যেকোনও স্নাতকরাই এই শূন্য়পদে আবেদন করতে পারেন।  ইতিমধ্যেই এই শূন্যপদে আবেদনের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আগামী ৩১ জানুয়ারি, ২০২৩ অবধি আবেদন করা যাবে।

    এই বিষয়ে জেনে নিন কিছু বিশেষ তথ্য।  

    পদের নাম

    অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসারস

    শূন্যপদ

    ৩০০ টি।

    শিক্ষাগত যোগ্যতা 

    যেকোনও স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে স্নাতক ডিগ্রি  করা থাকলে আবেদন করতে পারবেন।

    বেতন

    পে লেভেল অনুযায়ী প্রতিমাসে বেতন ৫৩,৬০০/- টাকা। সর্বাধিক বেতন ৯২ হাজার ৮৭০ টাকা হবে।

    বয়স

    প্রার্থীর বয়স ২১ বছর থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।

    কীভাবে বেছে নেওয়া হবে?

    লিখিত প্রিলিমস পরীক্ষা নেওয়া হবে। এরপর সেখানে পাশ করা প্রার্থীকে মেনস লিখিত পরীক্ষা দিতে হবে। এরপর ইন্টারভিউের মাধ্যমে যোগ্য প্রার্থীকে এলআইসি বেছে নেবে। সব শেষে হবে ডকুমেন্টস ভ্যারিফিকেশন এবং মেডিক্যাল টেস্ট। 

    আবেদন পদ্ধতি

    ইচ্ছুক প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার সময় প্রার্থীর বৈধ ইমেইল আইডি, মোবাইল নাম্বার, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট সহ সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে।

    আবেদন ফি

    অসংরক্ষিত প্রার্থীদের ক্ষেত্রে ৭০০ টাকা এবং সংরক্ষিত প্রার্থীদের ক্ষেত্রে ৮৫ টাকা ধার্য করা হয়েছে।

    আবেদন শুরু

    ১৫ জানুয়ারি, ২০২৩। 

    আবেদনের শেষ তারিখ

    ৩১ জানুয়ারি, ২০২৩। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

     
  • IND vs NZ ODI: আজ ভারত-নিউজিল্যান্ড প্রথম একদিনের ম্যাচ, কখন কোথায় দেখবেন খেলা?

    IND vs NZ ODI: আজ ভারত-নিউজিল্যান্ড প্রথম একদিনের ম্যাচ, কখন কোথায় দেখবেন খেলা?

    মাধ্যম নিউজ ডেস্ক: শ্রীলঙ্কার বিরুদ্ধে বছরের প্রথম একদিনের সিরিজে দুরন্ত জয় ছিনিয়ে নিয়েছে ভারতীয় দল। এবার মিশন নিউজিল্যান্ড। সাদা বলের ক্রিকেটে বরাবর ভারতের কাছে শক্ত গাঁট কিউয়িরা। সেটা ভালমতই জানেন রোহিতরা। এবার সেই রেকর্ড উল্টে দেওয়ার সুযোগ রয়েছে মেন ইন ব্লু-দের সামনে। বর্তমানে আইসিসি একদিনের ক্রমতালিকায় এক নম্বরে রয়েছে কিউয়িরা। তার ওপর পাকিস্তানের মাটতে পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট এবং একদিনের সিরিজ খেলে ভারতে আসছে তারা। ফলে, উপমহাদেশের উইকেট সম্পর্কে তারা যথেষ্ট ওয়াকিবহাল। অন্যদিকে, ঘরের মাঠে সদ্য শ্রীলঙ্কাকে একদিনের সিরিজে হোয়াইওয়াশ করে উজ্জীবিত ভারতীয় দল। ফলে, সিরিজ যে হাড্ডাহাড্ডি হবে, তা নিয়ে কোনও সন্দেহ নেই। 

    চোটের জন্য নেই শ্রেয়স

    তবে, কিউয়িদের বিরুদ্ধে মাঠে নামার আগেই ভারতীয় শিবিরে বড় ধাক্কা। চোটের জন্য এবার গোটা নিউজিল্যান্ড সিরিজ থেকে ছিটকে গেলেন শ্রেয়স আয়ার। বিসিসিআই সূত্রে খবর, পিঠের সমস্যায় কাবু নাইট রাইডার্স অধিনায়ক। আপাতত জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাবে যাবেন তিনি। এছাড়া, ব্যক্তিগত কারণে চলতি সিরিজে দলে নেই কেএল রাহুল এবং অক্ষর প্যাটেল। চোটের জন্য চলতি সিরিজে ভারত পাচ্ছে না জসপ্রীত বুমরাহকেও।

    ঘরের মাঠে নামতে মুখিয়ে সিরাজ

    তবে, সদ্যসমাপ্ত শ্রীলঙ্কা সিরিজে বুমরাহদের অনুপস্থিতি টের পেতে দেননি মহম্মদ সিরাজ-উমরান মালিকরা। ঘরের মাঠে প্রথমবার নীল জার্সিতে নামতে মুখিয়ে রয়েছেন হায়দ্রাবাদের ক্রিকেটার মহম্মদ সিরাজ। এই মুহূর্তে দুরন্ত ফর্মে রয়েছেন তিনি। শেষ ম্যাচে, তিনি একাই শ্রীলঙ্কার ব্যাটিং অর্ডার ধসিয়ে দিয়েছিলেন। বাইশ গজে আগুন ধরাচ্ছেন তিনি। ফলে, তাঁকে ঘিরে প্রত্যাশার পারদ চড়ছে। এই ম্যাচে পরিবারের সামনে ভাল পারফরম্যান্স করার জন্য মুখিয়ে রয়েছেন তিনি।

    শুভমানের সামনে অনন্য রেকর্ডের হাতছানি

    অনন্য কীর্তির সামনে দাঁড়িয়ে ভারতের এই মুহূর্তে নির্ভরযোগ্য ওপেনার ব্যাটার শুভমান গিল। গত সিরিজে দারুন ছন্দে ছিলেন। প্রত্যাশা, কিউয়িদের বিরুদ্ধেও তাঁর এই ফর্ম বজায় থাকবে। আর তা হলে, নতুন নজির স্থাপন করতে পারেন এই তরুণ ব্যাটার। ভারতের হয়ে একদিনের ক্রিকেটে দ্রুততম ১০০০ রান করার তালিকায় যুগ্ম শীর্ষস্থানে রয়েছেন বিরাট কোহলি ও শিখর ধবন। দুজনই ২৪ ইনিংসে এই মাইলস্টোন পার করেন। এখন ১৮ ইনিংসে ৮৯৪ রান করে ফেলেছেন গিল। ফলে, আশা করা যায়, চলতি সিরিজেই তিনি হাজার রান পার করে ফেলবেন। সেই অপেক্ষাতেই ক্রিকেটভক্তরা।

    ভারত-নিউজিল্যান্ড পূর্ণ সফরসূচি:

    প্রথম একদিনের ম্যাচ- ১৮ জানুয়ারি, হায়দ্রাবাদ
    দ্বিতীয় একদিনের ম্যাচ- ২১ জানুয়ারি, রায়পুর
    তৃতীয় একদিনের ম্যাচ- ২৪ জানুয়ারি, ইন্দোর

    প্রথম টি২০ – ২৭ জানুয়ারী, রাঁচি
    দ্বিতীয় টি২০ – ২৯ জানুয়ারী, লখনউ
    তৃতীয় টি২০ – ১ ফেব্রুয়ারি, আহমেদাবাদ

    কবে, কোথায় আয়োজিত হবে ভারত বনাম নিউজিল্যান্ড প্রথম একদিনের ম্যাচ?

    বুধবার, ১৮ জানুয়ারি হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে ভারত বনাম নিউজিল্যান্ড প্রথম একদিনের ম্যাচটি আয়োজিত হবে।

    কখন থেকে শুরু হবে ভারত বনাম নিউজিল্যান্ড প্রথম একদিনের ম্যাচ?

    ভারত বনাম নিউজিল্যান্ড প্রথম একদিনের ম্যাচ শুরু হবে ভারতীয় সময় দুপুর ১টা ৩০ মিনিটে। টস হবে দুপুর ১টায়।

    টিভিতে কোথায় সরাসরি দেখা যাবে খেলা?

    সরাসরি টিভিতে খেলা দেখতে পাবেন স্টার স্পোর্টস নেটওয়ার্কে (Star Sports Network) এবং দূরদর্শন স্পোর্টসে (Doordarshan Sports)

    অনলাইনে কোথায় সরাসরি দেখবেন খেলা?

    সরাসরি অনলাইনে দেখতে পাবেন ডিজনি+ হটস্টার অ্যাপে (Disney+ Hotstar App)।

  • Mithun Chakraborty: পাখির চোখ পঞ্চায়েত নির্বাচন, বেকায়দায় পড়া তৃণমূলকে জব্দ করতে আসরে মিঠুন

    Mithun Chakraborty: পাখির চোখ পঞ্চায়েত নির্বাচন, বেকায়দায় পড়া তৃণমূলকে জব্দ করতে আসরে মিঠুন

    মাধ্যম নিউজ ডেস্ক: বাঙালির চোখে এখনও তিনি সুপার স্টার। সম্প্রতি প্রজাপতি সিনেমাও নানা কারণে মাইলেজ দিয়েছে তাঁকে। রাজ্যের শাসক দল তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ তাঁর সমালোচনায় মুখর হয়েছেন। তবে তাঁর পাশে দাঁড়িয়েছেন তাঁর সহ অভিনেতা তথা শাসক দলের নেতা অভিনেতা দেব (Deb)। এহেন মিঠুন চক্রবর্তীর (Mithun Chakraborty) জনপ্রিয়তাকে পঞ্চায়েত নির্বাচনে অন্যতম হাতিয়ার করতে চাইছে পদ্ম শিবির (BJP)। ইতিমধ্যেই গ্রাম বাংলায় একপ্রস্ত প্রচার করে ফেলেছেন মিঠুন। আজ, বুধবার থেকে দ্বিতীয় দফার প্রচারে নামবেন তিনি। এদিন দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীতে জনসভা করবেন মহাগুরু। মিঠুনের সঙ্গে থাকবেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিধায়ক অগ্নিমিত্রা পাল সহ অন্য নেতৃবৃন্দ। এদিন এলাকায় প্রতিবাদ মিছিলেও অংশ নেবেন ‘অন্যায় অবিচারে’র নায়ক। পরে যোগ দেবেন ওই জেলারই দলের সাংগঠনিক বৈঠকে। কারণ মিঠন দলের ন্যাশনাল এক্সিকিউটিভ কমিটির সদস্যও বটে।

    পঞ্চায়েত নির্বাচন…

    দোরগোড়ায় পঞ্চায়েত নির্বাচন। উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষের পরে পরেই হতে পারে এই নির্বাচন। নানা কেলেঙ্কারিতে জড়িয়ে পড়ায় এবার রাজ্যের শাসক দল তৃণমূল বেশ খানিকটা ব্যাকফুটে। তাই এখনই শক্তি বাড়িয়ে নেওয়ার সময়। রাজনৈতিক মহলের মতে, শাসক দল ব্যাকফুটে চলে যাওয়ায় অ্যাডভান্টেজ বিজেপি। এর সঙ্গে ‘মহাগুরু’র ((Mithun Chakraborty)) ইমেজ যোগ হলে বিজেপির জয় হবে অনায়াস। আগামী বছর লোকসভা নির্বাচনের আগে যা পদ্ম শিবিরকে বাড়তি মাইলেজ দেবে বলেই ধারণা ওয়াকিবহাল মহলের।

    আরও পড়ুুন: ভোটের আশা না করেই মুসলিমদের সঙ্গেও যোগাযোগ বাড়ান! বিজেপি কর্মীদের বার্তা প্রধানমন্ত্রীর

    এই লক্ষ্যেই গত নভেম্বর মাসের আগেও জনসংযোগের লক্ষ্যে মিঠুনকে প্রচারের কাজে লাগিয়েছে বিজেপি। গত ২৩ নভেম্বর থেকে ২৭ নভেম্বর পর্যন্ত মিঠুন দক্ষিণবঙ্গে একাধিক সভা করেছেন। বিজেপির সেই সভাগুলিতে ভিড় ছিল উপচে পড়ার মতো। বিজেপির সভায় ভিড় দেখে চোখ কপালে ওঠে তৃণমূলের। তার পরেই প্রজাপতি সিনেমা নিয়ে তীব্র আক্রমণ শানান তৃণমূল নেতৃত্ব। যার জবাব দিয়েছেন মিঠুনও। বিজেপি সূত্রের খবর, বুধবার বাসন্তীর পর জেলায় জেলায় পঞ্চায়েত নির্বাচনের প্রচারের কাজেও লাগানো হবে মিঠুনকে। দিন দুয়েক আগে বঙ্গ বিজেপির ভূয়সী প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্বয়ং। প্রতিকূল পরিস্থিতিতে বাংলায় বিজেপি নেতাকর্মীরা যেভাবে লড়ছেন, তাকে উৎসাহিত করেছেন তিনি। বলেছেন, লড়াই চলবে। সেই লড়াইয়ের লক্ষ্যেই কোমর কষে মাঠে নেমে পড়েছেন বিজেপির বঙ্গ বাহিনী।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

     

LinkedIn
Share