Blog

  • Jammu-Kashmir: কুলগামে শিক্ষিকা খুনে অভিযুক্ত আরবাজ মীর! ‘বিশেষ সন্ত্রাসবাদী’ ঘোষণা স্বরাষ্ট্র মন্ত্রকের

    Jammu-Kashmir: কুলগামে শিক্ষিকা খুনে অভিযুক্ত আরবাজ মীর! ‘বিশেষ সন্ত্রাসবাদী’ ঘোষণা স্বরাষ্ট্র মন্ত্রকের

    মাধ্যম নিউজ ডেস্ক: লস্কর কমান্ডার আরবাজ আহমেদ মীরকে ‘বিশেষ সন্ত্রাসবাদী’ হিসাবে ঘোষণা করেছে স্বরাষ্ট্র মন্ত্রক। মীর বর্তমানে পাকিস্তানে আছে। ২০২২-এর মে মাসে কুলগামে স্কুল শিক্ষিকা রজনী বালাকে হত্যার প্রধান অভিযুক্ত এই মীর। শুক্রবার মীরকে ‘বিশেষ সন্ত্রাসবাদী’ ঘোষণা করা হয়। স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে বলা হয় সীমান্তের ওপার থেকে ক্রমাগত সন্ত্রাসের পরিকল্পনা করে যাচ্ছে মীর।  উপত্যকায় জঙ্গিদের মধ্যে অস্ত্র সরবরাহ করে মীর। বিস্ফোরক মজুত করতেও তার জুড়ি মেলা ভার।

    নিষিদ্ধ পিএএফএফ

    কুলগামের গুফবাল গ্রামের মনোজ আহমেদ মীরের ছেলে আরবাজ। অল্প বয়স থেকেই জঙ্গি কার্যকলাপের সঙ্গে যুক্ত। আরবাজ ছাড়াও শুক্রবার (৭ জানুয়ারি), বেআইনি কার্যকলাপ (প্রতিরোধ) আইন, ১৯৬৭ বা ইউএপিএ (UAPA)-এর আওতায় ‘পিপলস অ্যান্টি ফ্যাসিস্ট ফ্রন্ট’ বা পিএএফএফকে (PAFF) একটি সন্ত্রাসবাদী সংগঠন হিসেবে ঘোষণা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। কাশ্মীরের এই শাখা সংগঠনটি পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী জইশ-ই-মহম্মদের ছায়া সংগঠন বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক। তাই এই সংগঠন এবং এর সমস্ত শাখা সংগঠনগুলিকে নিষিদ্ধ করা হয়েছে। বৃহস্পতিবার, একই আইনের অধীনে সন্ত্রাসবাদী সংগঠন লস্কর-ই-তৈবার ছায়া সংগঠন, দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট বা টিআরএফ (TRF)-কে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল।

    আরও পড়ুন: চিন-পাকিস্তান সীমান্তে সড়ক-সুড়ঙ্গে জোর ভারতের, মজুত রাখা যাবে ক্ষেপণাস্ত্র-গোলাবারুদও!

    স্বরাষ্ট্র মন্ত্রকের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পিএএফএফ হল মৌলানা মাসুদ আজহারের নেতৃত্বাধীন জইশ-ই-মহম্মদের একটি ছায়া সংগঠন। ভারতীয় নিরাপত্তা বাহিনী, রাজনৈতিক নেতা, জম্মু ও কাশ্মীর এবং অন্যান্য রাজ্যের অসামরিক নাগরিকদের ক্ষতি করতে পারে এই সংগঠন।  ২০১৯ সালে এই সংগঠন উদ্ভূত হয়েছিল। অন্যান্য রাজ্য থেকে আসা জম্মু-কাশ্মীরে কর্মরত অসামরিক নাগরিকদের ক্রমাগত ভয় দেখায় এই সংগঠন। শুধু তাই নয়, স্বরাষ্ট্র মন্ত্রকের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোশ্যাল মিডিয়াতেও জম্মু-কাশ্মীর এবং ভারতের অন্যান্য বড় শহরে নাশকতার হুমকি দিয়েছে তারা।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • Cash Recovery: অধ্যাপকের বাড়িতে মিলল রাশি রাশি টাকা, পরিমাণ কত জানেন?

    Cash Recovery: অধ্যাপকের বাড়িতে মিলল রাশি রাশি টাকা, পরিমাণ কত জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: রাজ্যে ফের বিপুল পরিমাণ নগদ উদ্ধার (Cash Recovery)। এর আগে টাকা মিলেছিল টালিগঞ্জে, বেলঘরিয়ায় এবং গার্ডেনরিচে। এবার তাড়া তাড়া নোট উদ্ধার হল উত্তর ২৪ পরগনার (North 24 Parganas) খড়দহে, এক অধ্যাপকের ফ্ল্যাটে। এদিন উদ্ধার হল প্রায় ৩২ লক্ষ টাকা। উদ্ধার করলেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের আধিকারিকরা। বৃহস্পতিবার রাত থেকে খড়দহের বিভিন্ন জায়গায় তল্লাশি চালায় পুলিশ।

    বান্ডিল বান্ডিল টাকা…

    শুক্রবার খড়দহের নাথুপাল ঘাট রোড এলাকায় শিরোমণি আবাসনে হানা দেন বেশ কয়েকজন পুলিশ আধিকারিক। এই আবাসনেরই একতলায় প্রায় আড়াই বছর ধরে স্ত্রী-সন্তানকে নিয়ে বাস করছেন অধ্যাপক অমিতাভ দাস। তাঁর ফ্ল্যাট থেকেই মেলে বিপুল অঙ্কের নগদ (Cash Recovery)। শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির জন্য কমিশন হিসেবে ওই টাকা নেওয়া হয়ে থাকতে পারে বলে অনুমান তদন্তকারীদের। অভিযুক্ত অধ্যাপককে গ্রেফতার করা হয়েছে। গোয়েন্দা সূত্রে খবর, ছাত্রছাত্রীদের বিভিন্ন কলেজে ভর্তি করিয়ে দেওয়ার নাম করে, ভুয়ো সার্টিফিকেট বের করে দিয়েই এই টাকা তুলেছিলেন অধ্যাপক।

    আরও পড়ুুন: আবাস যোজনার তালিকায় নাম দোতলা বাড়ির মালিকের! ঘুরে দেখল কেন্দ্রীয় দল

    অধ্যাপকের এই কাজের সঙ্গে আর কেউ যুক্ত কিনা, এর নেপথ্যে কোনও চক্র রয়েছে কিনা, তাও জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ওই অধ্যাপকের পরিবারের সদস্যদের। এদিন যে টাকা  উদ্ধার (Cash Recovery) হয়, তার সিংহভাগ নোটই ছিল ২০০০ টাকার। টাকা গুণতে নিয়ে আসা হয় ব্যাঙ্ক কর্মীদের। ঠিক কী কারণে গোয়েন্দারা ওই ফ্ল্যাটে তল্লাশি চালালেন, এদিন রাত পর্যন্ত তা স্পষ্ট নয়। ওই ফ্ল্যাটের অন্য আবাসিকদের দাবি, এর আগে সন্দেহজনক কিছু চোখে পড়েনি তাঁদের।

    প্রসঙ্গত, গত জুলাইয়ের শেষ দিকে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। ইডির জালে ধরা পড়ে মন্ত্রী ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ও। দফায় দফায় অর্পিতার বেলঘরিয়ার ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে নগদ ৫০ লক্ষ টাকা (Cash Recovery) বাজেয়াপ্ত করে ইডি। গার্ডেনরিচের ব্যবসায়ী নিসার খানের বাড়ি থেকে ১৭ কোটি টাকা উদ্ধার করে কলকাতা পুলিশ। তার রেশ মিলিয়ে যাওয়ার আগেই ফের নগদ উদ্ধার। এবং সেটা এ রাজ্যেই।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

     
  • UGC: বিশ্ববিদ্যালয়গুলিকে স্নাতকোত্তর কোর্সে ভর্তির নেওয়ার জন্য কুয়েটকে বেছে নেওয়ার আহ্বান জানাল ইউজিসি

    UGC: বিশ্ববিদ্যালয়গুলিকে স্নাতকোত্তর কোর্সে ভর্তির নেওয়ার জন্য কুয়েটকে বেছে নেওয়ার আহ্বান জানাল ইউজিসি

    মাধ্যম নিউজ ডেস্ক: বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (UGC)- এর চেয়ারম্যান এম জগদেশ কুমার সমস্ত কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়কে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ভর্তির জন্য কুয়েট-পিজি-কে বেছে নেওয়ার আবেদন জানালেন। এখনও অবধি, কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়গুলির স্নাতকোত্তর কোর্সে ভর্তির জন্য কুয়েটকে বেছে নেওয়ার বিষয়টি বিকল্প ছিল। বিশ্ববিদ্যালয়গুলি ইচ্ছে করলে এতদিন নিজস্ব প্রবেশিকা পরীক্ষাও নিতে পারত।  

    ইউজিসি (UGC) প্রধান বিশ্বাস করেন যে কুয়েট সারা দেশে প্রার্থীদের জন্য একটি অভিন্ন এবং ন্যায়সঙ্গত প্ল্যাটফর্ম। বিশেষ করে উত্তর-পূর্ব, গ্রামীণ এবং অন্যান্য প্রত্যন্ত অঞ্চলের প্রার্থীদের জন্যে এই পরীক্ষাই সবচেয়ে সুবিধাজনক বিকল্প। কুয়েট-পিজির মাধ্যমে প্রার্থীরা বহু সংখ্যক কেন্দ্রীয় এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ে শুধুমাত্র একটি পরীক্ষা দিয়ে ভর্তি হওয়ার সুযোগ পেতে পারেন। এই পরীক্ষা অনেক বেশি পড়ুয়াকে কভার করতে পারে। ন্যাশনাল টেস্টিং এজেন্সি কে কুয়েট-ইউজি/পিজি পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে।

    আরও পড়ুন: আদালতের নির্দেশে রক্ষাকবচ রইল না অভিষেক-শ্যালিকার, পদক্ষেপ করতে পারবে ইডি? 

    কী বলেছেন ইউজিসি প্রধান? 

    সংবাদমাধ্যমকে এম জগদেশ কুমার (UGC) এই বিষয় বলেন, “কুয়েট সারাদেশের প্রার্থীদের, বিশেষ করে উত্তর-পূর্ব, গ্রামীণ এবং অন্যান্য প্রত্যন্ত অঞ্চলের প্রার্থীদের জন্য একটি সাধারণ প্ল্যাটফর্ম এবং সবাইকে সমান সুযোগ প্রদান করে। বিশ্ববিদ্যালয়গুলির সঙ্গে পড়ুয়াদের আরও ভালো সংযোগ স্থাপনে সহায়তা করে। একটি একক পরীক্ষা প্রার্থীদের অনেক বেশি শিক্ষা প্রতিষ্ঠানে পড়ার জন্যে আবেদন করার সুযোগ দেয়।”  

    আরও পড়ুন: কুয়েটের সঙ্গে জেইই এবং নীট সংযুক্তিকরণের পথে ইউজিসি? জানুন বিস্তারিত 

    তিনি (UGC) আরও বলেন, “ন্যাশনাল টেস্টিং এজেন্সি- কে কুয়েট-ইউজি এবং পিজি পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে। কুয়েট- ইউজি- র মতো সমস্ত কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের কুয়েট-পিজি- তেও যোগদান করা উচিত। এটি দেশের পড়ুয়াদের ভারতের সেরা বিশ্ববিদ্যালয়গুলিতে পড়ার সুযোগ করে দেবে। আমি সমস্ত কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়কে পিজি প্রোগ্রামে ভর্তির জন্য কুয়েট-পিজি- র স্কোর ব্যবহার করার অনুরোধ জানাচ্ছি।”   

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • Pradhan Mantri Awas Yojana: আবাস যোজনার তালিকায় নাম দোতলা বাড়ির মালিকের! ঘুরে দেখল কেন্দ্রীয় দল

    Pradhan Mantri Awas Yojana: আবাস যোজনার তালিকায় নাম দোতলা বাড়ির মালিকের! ঘুরে দেখল কেন্দ্রীয় দল

    মাধ্যম নিউজ ডেস্ক: দোতলা বাড়ির মালিক জরিফ শেখ। মালদহের কালিয়াচকের বাঙ্গিটোলা এলাকায় তাঁর বাড়ি। পেশায় কাঠের মিস্ত্রি জরিফের বাড়িতে শুক্রবার পৌঁছে গেল কেন্দ্রীয় সরকারের তিন সদস্যের প্রতিনিধি দল (Central Investigation Team)। কারণ জরিফের নাম উঠেছে প্রধানমন্ত্রী আবাস যোজনা (Pradhan Mantri Awas Yojana) প্রকল্পের তালিকায়। এদিন সকালে চরিঅনন্তপুর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা পেশায় রেলকর্মী কুলেশ মণ্ডলের বাড়িতেও গিয়েছিলেন ওই প্রতিনিধি দলের সদস্যরা। কারণ তাঁর নামও রয়েছে ওই তালিকায়। কেবল এই দুজন নন, আরও অনেকে বাড়িতেই গেলেন এই প্রতিনিধি দলের সদস্যরা। এঁদের মধ্যে যাঁদের ওই তালিকায় নাম থাকার কথা নয়, অথচ রয়েছে, এবং তালিকায় যাঁদের নাম থাকার কথা ছিল, অথচ নেই, তাঁদের বাড়িতেও। কথা বললেন বাড়ির মালিকদের সঙ্গেও। তিন সদস্যের এই প্রতিনিধি দলে ছিলেন ডেপুটি সেক্রেটারি পদমর্যাদার আধিকারিক শক্তিকান্ত সিংহ, অ্যাসিস্ট্যান্ট কমিশনার চাহাত সিংহ এবং অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার গৌরব আহুজা।

    দুর্নীতির অভিযোগ…

    বৃহস্পতিবার রাতেই প্রধানমন্ত্রী আবাস যোজনা (Pradhan Mantri Awas Yojana) প্রকল্পে ওঠা অভিযোগ খতিয়ে দেখতে মালদহে পৌঁছে গিয়েছিলেন তাঁরা। শুক্রবার সকালে মালদহের কালিয়াচক ৩ নম্বর ব্লকের চরিঅনন্তপুর, কামারপুর গ্রামের বেশ কয়েকটি বাড়িতে যান। কথা বলেন স্থানীয়দের সঙ্গে।

    আরও পড়ুুন: আবাস দুর্নীতিতে অভিযোগ জানানো যাবে হেল্পলাইন নম্বরে, বললেন সুকান্ত

    প্রসঙ্গত, রাজ্যের বিভিন্ন জেলায় আবাস যোজনা প্রকল্পে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছে। মালদহের বিভিন্ন ব্লকেও আবাস যোজনা প্রকল্পে স্বজনপোষণ, দুর্নীতি এবং অনিয়মের অভিযোগ উঠেছে। কয়েকটি ব্লকে এর প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয়রা। তারই প্রেক্ষিতে কেন্দ্রের গ্রামোন্নয়ন দফতরের ওই প্রতিনিধি দল আসে মালদহে। এদিন পূর্ব মেদিনীপুরের কয়েকটি এলাকায়ও আবাস যোজনায় (Pradhan Mantri Awas Yojana) ওঠা দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে যায় কেন্দ্রের প্রতিনিধিদের অন্য একটি দল।

    কামারপুর এলাকায় বাড়ি হিমাংশু রায়ের। আবাস যোজনায় আবেদন করেও বাড়ি পাননি তিনি। হিমাংশু বলেন, আমার বাড়িতে কেন্দ্রীয় সরকারের একটি দল এসেছিল। আমি গরিব মানুষ। আবেদন করেও আবাস যোজনা প্রকল্পের কোনও সুবিধা পাইনি। সে কথা অফিসারদের জানিয়েছি। তিনি বলেন, ওঁরা আমাদের বাড়ির অবস্থা দেখে গিয়েছেন। এতদিন পঞ্চায়েত ও ব্লক প্রশাসনকে জানিয়েও কোনও কাজ হচ্ছিল না। এবার হয়তো কেন্দ্রের অফিসারদের সমস্যার কথা জানিয়ে সুফল মিলতে পারে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

     
     
  • Bengal Weather Update: শীতের দাপট থাকবে আরও পাঁচ-ছয় দিন! সকাল থেকেই ভিড় চিড়িয়াখানা, ইকো পার্কে

    Bengal Weather Update: শীতের দাপট থাকবে আরও পাঁচ-ছয় দিন! সকাল থেকেই ভিড় চিড়িয়াখানা, ইকো পার্কে

    মাধ্যম নিউজ ডেস্ক: শীতে জবুথবু কলকাতা। কুয়াশার চাদর সরিয়েই জেগে উঠছে শহরবাসী। শুক্রবার মরসুমের শীতলতম দিন দেখেছিল শহর। শনিবার শহরের তাপমাত্রা বাড়ল ২ ডিগ্রি সেলসিয়াস। ফলে উত্তুরে হাওয়ার প্রভাব থাকলেও সেই কনকনে ঠান্ডার অনুভূতি কিছুটা কমেছে। শনিবার শহরের তাপমাত্রা আবার বেড়ে ১২ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। যদিও এই তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি কম। দিনের সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছতে পারে ২৩ ডিগ্রি সেলসিয়াসে।

    শীতাতুর পরিবেশ

    আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, সকাল থেকে আকাশ পরিষ্কার থাকবে। রোদ ঝলমলে দিন। সপ্তাহান্তে শীতের রোদ গায়ে মেখেই পিকনিক করতে যেতে পারবেন শীতবিলাসীরা। এদিন সকাল থেকেই ভিক্টোরিয়া থেকে চিড়িয়াখানা, ইকো পার্ক, নিকো পার্ক, সায়েন্স সিটি ভিড় জমিয়েছেন সাধারণ মানুষ। গত ক’দিন ধরেই ঠান্ডায় জবুথবু কলকাতা ও রাজ্যের বিভিন্ন জেলা। হাওয়া অফিস জানাচ্ছে, আগামী ক’দিন ঠান্ডার আমেজ বহাল থাকতে পারে শহরে। পাশাপাশি শীতের কাঁপুনি ভাব টের পাওয়া যাবে বিভিন্ন জেলাতেও। প্রসঙ্গত, শুক্রবার দক্ষিণবঙ্গের মধ্যে সবচেয়ে পারদপতন হয়েছিল পুরুলিয়ায়। কালিম্পংয়ের থেকেও বেশি ঠান্ডা পড়েছে পশ্চিমাঞ্চলের এই জেলাতে। কালিম্পংয়ে যেখানে ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, সেখানে পুরুলিয়ার তাপমাত্রা নেমেছে ৬.২ ডিগ্রি সেলসিয়াসে। সামনেই মকর সংক্রান্তি। এই সময়টা এমনিই তাপমাত্রার পারা পতন হয়। সেইমতোই আগামী অন্তত ৫-৬ দিন শীতের আমেজ থাকবে, আশ্বাস হাওয়া অফিসের।

    আরও পড়ুন: শুভেন্দুর বিরুদ্ধে মিথ্যা বয়ান দিতে বলেছিল পুলিশ! বিস্ফোরক অভিযোগ রামচন্দ্র পান্ডার

    উত্তরবঙ্গের জেলাগুলিতেও জাঁকিয়ে শীত পড়েছে। দার্জিলিং-এর সর্বনিম্ন তাপমাত্রা ৫ ডিগ্রির আশপাশে হলেও,আপাতত তুষারপাতের সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া দফতর। আগামী সোমবার পর্যন্ত উত্তরের জেলাগুলিতে তাপমাত্রার সেরকম কোনও হেরফের হবে না। কুয়াশার তেমন কোনও পূর্বাভাস নেই। হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে আগামী ৪৮ ঘন্টায় রাতের তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন না হলেও, পরের দুদিনে তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • Suvendu Adhikari: শুভেন্দুর বিরুদ্ধে মিথ্যা বয়ান দিতে বলেছিল পুলিশ! বিস্ফোরক অভিযোগ রামচন্দ্র পান্ডার

    Suvendu Adhikari: শুভেন্দুর বিরুদ্ধে মিথ্যা বয়ান দিতে বলেছিল পুলিশ! বিস্ফোরক অভিযোগ রামচন্দ্র পান্ডার

    মাধ্যম নিউজ ডেস্ক: পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন কাঁথি পুরসভার টেন্ডার দুর্নীতিতে (Contai Municipality Tender Scam) অভিযুক্ত ঠিকাদার রামচন্দ্র পণ্ডা। গ্রেফতারের পর পুলিশ নাকি তাঁকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে বয়ান দিতে হুমকি দিয়েছিল। শুভেন্দু ঘনিষ্ঠ কাঁথি পুরসভার ঠিকাদার রামচন্দ্র পান্ডার আরও অভিযোগ টেবিলে রিভলভার রেখে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে (Suvendu Adhikari) বয়ান দিতে জোর করেছিল পুলিশ। কিছু না বললে পরপর মামলায় ফাঁসিয়ে দেওয়ারও হুমকি দেওয়া হয়েছিল।

    রামচন্দ্রকে গ্রেফতার

    গত ২৮ ডিসেম্বর গ্রেফতার করা হয়েছিল রামচন্দ্র পাণ্ডাকে। দারুয়া ফ্রেন্ডস সমবায় সমিতির সভাপতি কাকলি পাণ্ডার অভিযোগের ভিত্তিতে পূর্ব মেদিনীপুর পুলিশ গ্রেফতার করেছিল রামচন্দ্রকে। তাঁর আইনজীবীরা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়ে জামিন চাওয়ার পাশাপাশি অভিযোগ করেন, শাসকদল তৃণমূল কংগ্রেস কাকলি পাণ্ডার উপর চাপ তৈরি করে মিথ্যে অভিযোগ করতে বাধ্য করে। তার ভিত্তিতে গ্রেফতার করা হয় রামচন্দ্রকে। তাঁর গ্রেফতার নিয়ে ইতিমধ্যেই সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। জামিনও মিলেছে কাঁথি (Kanthi) পুরসভার ঠিকাদার তথা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) ঘনিষ্ঠ রামচন্দ্র পাণ্ডার (Ramchandra Panda)। 

    মিথ্যা অভিযোগ 

    গত বুধবার সশরীরে কলকাতা হাইকোর্টে হাজির হন কাকলি পাণ্ডা। তিনি বলেন, কেউ বা কারা তাঁকে জোর করে একটা কাগজে সই করিয়ে নেয়। তারপর থানায় তুলে নিয়ে গিয়ে অভিযোগ দায়ের করতে বাধ্য করে। এরপরেই সিবিআই তদন্তের নির্দেশ দেয় হাইকোর্ট। সেইসঙ্গে রামচন্দ্র পাণ্ডার জামিন মঞ্জুর করা হয়। এখানেই থামেনি আদালত। বিচারপতি রাজশেখর মান্থার বেঞ্চ বলে, রামচন্দ্র পাণ্ডা ও কাকলি পাণ্ডাকে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা দিয়ে রাখতে হবে।

    আরও পড়ুন: এবার ‘ভুয়ো’ এফআইআর! কাঁথি টেন্ডার দুর্নীতি মামলায় সিবিআই-নির্দেশ হাইকোর্টের

    কী বললেন রামচন্দ্র

    জামিন পাওয়ার পরই  রামচন্দ্র পণ্ডা বলেন, তদন্তে বসিয়ে বাজে প্রশ্ন করা হয়। শুভেন্দু অধিকারীর টাকা কোথায় তা জানতে চাওয়া হয়। রীতিমতো থ্রেট করে কাঁথি থানার আইসি বলেন,নবান্ন থেকে বড় অফিসাররা এসেছেন। সেই তিনজন অফিসার এসে বসে টেবিলে রিভলভার রাখেন, রিভলভার দেখিয়ে বলা হয় টাকা কোথায় না বললে ৮৭ টা কেস দেওয়া হবে। ৮৭ টা কেসে ৭ দিন করে জেল খাটানো হবে বলেও শাঁসানো হয়েছে। এরকম কিছু ঘটেনি, অভিযোগ উড়িয়ে পাল্টা দাবি করেন কাঁথির এসডিপিও। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • TMC: শুভেন্দুর দাবিতেই শিলমোহর তৃণমূল বিধায়কের! দল ‘কোম্পানি’, মমতা ‘ব্র্যান্ড’, বললেন গৌতমও

    TMC: শুভেন্দুর দাবিতেই শিলমোহর তৃণমূল বিধায়কের! দল ‘কোম্পানি’, মমতা ‘ব্র্যান্ড’, বললেন গৌতমও

    মাধ্যম নিউজ ডেস্ক: রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক বিজেপির (BJP) শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) দাবিতেই শিলমোহর দিলেন তৃণমূলের (TMC) বিধায়ক! তৃণমূলকে তিনি কোম্পানি বলে অভিহিত করলেন। তিনি এও জানালেন, এই কোম্পানির ব্র্যান্ড স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। নিজের দলকে কোম্পানি এবং দলের জন প্রতিনিধিদের মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভ বলে মন্তব্য করে বিতর্কে জড়ালেন উত্তর হাওড়ার বিধায়ক তৃণমূলের গৌতম চৌধুরী। গৌতমের এই মন্তব্যকে হাতিয়ার করে শাসক দলকে নিশানা করতে শুরু করেছে বিজেপি।

    শুভেন্দু অধিকারী…

    ২০২০ সালে ভাবাদর্শ বদলের জেরে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন শুভেন্দু অধিকারী। তার পর থেকেই তৃণমূলকে তিনি প্রাইভেট লিমিটেড কোম্পানি বলে কটাক্ষ করে আসছেন। বৃহস্পতিবার হাওড়ার জগৎবল্লভপুরের দক্ষিণ ঝাঁপড়দহে দলের এক কর্মিসভায়ও তিনি ফের বলেন, তৃণমূল একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি। ওই কোম্পানির মালিক মমতা বন্দ্যোপাধ্যায়। আর ভাইপো ম্যানেজিং ডিরেক্টর।

    শুক্রবার হাওড়ায়ই দিদির সুরক্ষা কবচ নিয়ে সাংবাদিক বৈঠক করেন গৌতম। ওই বৈঠকে শুভেন্দুর সঙ্গে সুর মিলিয়ে তিনিও বলেন, তৃণমূল একটা কোম্পানি। এর পরেই গৌতমের সংযোজন, যার ব্র্যান্ড হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা কেউ কিছু নই। আমরা জন প্রতিনিধিরা একটা ওষুধ কোম্পানির মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভের মতো। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ই সব।

    আরও পড়ুুন: ‘এটা রাহুলের প্রপিতামহ নেহরুর ভারত নয়’, কেন একথা বললেন বিজেপি নেতা?

    গৌতমের মন্তব্যের জেরে অস্বস্তিতে তৃণমূল (TMC)। গৌতমকে ইতিমধ্যেই দল সতর্ক করেছে বলে জানান হাওড়া সদরের তৃণমূল সভাপতি কল্যাণ ঘোষ। তিনি বলেন, গৌতম চৌধুরীর সঙ্গে রাজ্য ও জেলা নেতৃত্বের এ বিষয়ে কথা হয়েছে। উনি জানিয়েছেন, ভুলবশত এই মন্তব্য করেছেন। গৌতমের মন্তব্যকেই হাতিয়ার করেছে বঙ্গ বিজেপি। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, সত্যি কথাটাই উনি বলে ফেলেছেন। ওই দলে যাঁরা রয়েছেন, সকলেই বসের কথা শুনে কাজ করেন। তিনি বলেন, তৃণমূল দল গণতন্ত্র মানে না। ওই দলে গণতন্ত্র নেই।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Joshimath: ‘ডুবছে’ জোশীমঠ! কারণ জানতে বিশেষজ্ঞ কমিটি, সরানো হল ৪৭ পরিবারকে

    Joshimath: ‘ডুবছে’ জোশীমঠ! কারণ জানতে বিশেষজ্ঞ কমিটি, সরানো হল ৪৭ পরিবারকে

    মাধ্যম নিউজ ডেস্ক: ভূমিধসের কারণে বৃহস্পতিবার ফাটল দেখা গিয়েছিল জোশীমঠে (Joshimath)। এলাকার বেশ কিছু বাড়ির দেওয়ালেও ফাটল দেখা গিয়েছে। ঝুঁকি তৈরি হয়েছে শত শত বাড়ি মাটির তলায় চলে যাওয়ার। তার পরে এদিন রাতেই এলাকার বেশ কিছু পরিবারকে স্থানান্তরিত করা হয়েছে আশ্রয় শিবিরে। সংবাদ মাধ্যম সূত্রে খবর, বাড়িতে ফাটল দেখা দিয়েছে এ রকম প্রায় ৪৭টি পারিবারকে প্রশাসনের তরফে ইতিমধ্যেই নিয়ে যাওয়া হয়েছে আশ্রয় শিবিরে। ভূমিধসের জেরে যাঁরা ক্ষতিগ্রস্ত হয়েছেন, প্রশাসনের তরফে তাঁদের ত্রাণও দেওয়া হচ্ছে।

    জোশীমঠের পরিস্থিতি…

    হিমালয়ের শহর জোশীমঠের বিস্তীর্ণ অংশে কেন ফাটল ধরল, তা জানতে বিশেষজ্ঞ কমিটি গড়েছে রাজ্য সরকার। প্রসঙ্গত, ভূমধসের কারণেই এলাকায় দেখা গিয়েছে বিরাট ফাটল। ফাটল ধরেছে এলাকার বেশ কিছু বাড়িতে। ঘটনার জেরে আতঙ্কের সৃষ্টি হয়েছে এলাকায়। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী (CM) পুষ্কর সিং ধামি জানান, জোশীমঠের পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে। পরিস্থিতি খতিয়ে দেখতে তিনি জোশীমঠ পরিদর্শনে যাবেন। ধামি বলেন, জোশীমঠে ভূমিধস এবং তার জেরে বাড়িতে ফাটল সম্পর্কে আলোচনা করতে এদিন সন্ধ্যায় উচ্চ পর্যায়ের বৈঠক করব। আগামিকাল আমি জোশীমঠ পরিদর্শন করব। বিজেপির তরফেও একটি দলকে পাঠানো হবে জোশীমঠে।

    উত্তরাখণ্ডের (Uttarakhand) চামোলি জেলায় রয়েছে জোশীমঠ (Joshimath)। সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা ছ হাজার ফিট। বদ্রীনাথ থেকে হেমকুণ্ড সাহিব পর্যন্ত এলাকার বিভিন্ন বাড়িতে ফাটল ধরেছে। জানা গিয়েছে, এ পর্যন্ত বিভিন্ন এলাকার ৫৬১টি বাড়িতে ফাটল দেখা দিয়েছে। এর মধ্যে রয়েছে রবিগ্রামের ১৫৩টি, গান্ধীনগরের ১২৭টি, মনোহরবাগের ৭১টি, সিংধরের ৫২টি, পারসারির ৫০টি, আপার বাজারের ২৯টি, সুনীলের ২৭টি, মারওয়াড়ির ২৮টি এবং লোয়ার বাজারের ২১টি বাড়ি।

    এদিকে, ভূমিধসের কারণে আপাতত স্থগিত করে দেওয়া হয়েছে চার ধাম যাত্রার রাস্তা চওড়া করার কাজ। হেলং থেকে মারওয়াড়ি পর্যন্ত ওই রাস্তা চওড়া করার কাজ শুরু হয়েছিল। ১২ হাজার কোটি টাকা ব্যয়ে ওই রাস্তা চওড়া করার প্রকল্প হাতে নিয়েছে সরকার। সেই কাজই আপাতত বন্ধ থাকছে বলে প্রশাসন সূত্রে খবর।  

     

  • MCD Mayor: আপ-বিজেপি হাতাহাতি! স্থগিত হয়ে গেল দিল্লি পুরসভার মেয়র নির্বাচন প্রক্রিয়া

    MCD Mayor: আপ-বিজেপি হাতাহাতি! স্থগিত হয়ে গেল দিল্লি পুরসভার মেয়র নির্বাচন প্রক্রিয়া

    মাধ্যম নিউজ ডেস্ক: দিল্লি পুর অধিবেশনে আপ এবং বিজেপি কাউন্সিলরদর হাতাহাতির জেরে শুক্রবার স্থগিত হয়ে গেল মেয়র নির্বাচন প্রক্রিয়া। ফের কবে এই নির্বাচন অনুষ্ঠিত হবে, তা সিদ্ধান্ত নেবেন দিল্লির লেফটেন্যান্ট গভর্নর ভি কে সাক্সেনা। অঙ্কের হিসাবে দিল্লিতে আপ-এর মেয়র এবং ডেপুটি মেয়র পদে জয়ের কথা। কিন্তু দিল্লির পুর আইন বলছে, মেয়র এবং ডেপুটি মেয়র নির্বাচনে ‘দলত্যাগ বিরোধী আইন’ কার্যকরী নয়। আর সেই ‘অঙ্কে’ ভর করেই কাউন্সিলর সংখ্যার হিসাবে অনেক পিছিয়ে থেকেও মেয়র ভোটে প্রার্থী দিয়েছিল বিজেপি। তাই ঝামেলার আশঙ্কা ছিলই। সেটাই সত্যি হল।

    ওয়েলে নেমে হাতাহাতি

    শুক্রবার অধিবেশনের সূচনায় বিতর্ক তৈরি হয় দিল্লির লেফটেন্যান্ট গভর্নর ভিকে সাক্সেনা মনোনীত তদারকি স্পিকার সত্য শর্মার ভূমিকায়। বিজেপি নেতা সত্য মেয়র ভোটের আগে মনোনীত পুর সদস্যদের (অল্ডারম্যান) নাম শপথগ্রহণ করাতে গেলে বাধা দেন আপ সদস্যেরা। দিল্লির লেফটেন্যান্ট গভর্নর আগেই ১০ জনকে মনোনীত সদস্য হিসাবে ঘোষণা করেছিলেন। এসময়ই ওয়েলে নেমে পড়েন আপ কাউন্সিলরেরা। এরপরেই দু দলের কাউন্সিলরদের মধ্যে শুরু হয়ে যায় ধাক্কাধাক্কি, মারপিট। স্লোগান, পাল্টা স্লোগান উঠতে থাকে অরবিন্দ কেজরিওয়াল ও নরেন্দ্র মোদির নামে। পরিস্থিতি বুঝে মেয়র নির্বাচন প্রক্রিয়া স্থগিত করে দেওয়া হয় এদিনের মতো।

    আরও পড়ুুন: আবাস দুর্নীতিতে অভিযোগ জানানো যাবে হেল্পলাইন নম্বরে, বললেন সুকান্ত

    বিজেপির দাবি

    বিজেপি নেতা মনোজ তিওয়ারির দাবি করেন, “যা হয়েছে সংবিধান মেনেই করা হয়েছে। ওরা (আপ) গণ্ডগোল বাঁধাচ্ছে, কারণ ওঁরা জানে যে ওঁদের নৈতিক পরাজয় হয়েছে। ওঁদের নিজেদের কাউন্সিলরদের উপরেই ওঁদের ভরসা নেই।” সবমিলিয়ে এখন জটিল রাজনৈতিক পরিস্থিতি তৈরি হয়েছে দিল্লি পুরসভার মেয়র নির্বাচন ঘিরে। দিল্লি পুরসভার মেয়র পদে আপ প্রার্থী করেছে প্রথম বার কাউন্সিলর নির্বাচনে জয়ী হওয়া শেলি ওবেরয়কে। ৩৯ বছর বয়সি শেলি দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা। ‘বিজেপির ঘাঁটি’ হিসাবে পরিচিত পূর্ব দিল্লির পটেলনগর এলাকার ৮৬ নম্বর ওয়ার্ডে জয়ী হয়েছেন তিনি। ডেপুটি মেয়র পদে আপের প্রার্থী আলে মহম্মদ খান। আপ নেতা তথা ৬ বারের বিধায়ক শোয়েব ইকবালের ছেলে এ বার চাঁদনি মহল এলাকা থেকে ১৭ হাজারের বেশি ভোটে জিতেছেন। বোর্ড গঠনের জন্য প্রয়োজনীয় আসনসংখ্যা না থাকলেও এখনই মেয়র পদের আশা ছাড়তে নারাজ বিজেপি। তারা মেয়র পদে প্রার্থী করেছে শালিমার বাগের রেখা গুপ্তকে। ডেপুটি মেয়র নির্বাচনে বিজেপির প্রার্থী রামনগর এলাকার একটি ওয়ার্ডের কাউন্সিলর কমল বাগরী। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • Lalan Sheikh: এবার সিআইডির থেকে লালন শেখ মৃত্যুর কেস ডাইরি চাইল আদালত

    Lalan Sheikh: এবার সিআইডির থেকে লালন শেখ মৃত্যুর কেস ডাইরি চাইল আদালত

    মাধ্যম নিউজ ডেস্ক: সিবিআই হেফাজতে মৃত্যু হয় বগটুই মামলার অন্যতম অভিযুক্ত লালন শেখের (Lalan Sheikh)। এই ঘটনায় তদন্তে নেমেছে রাজ্য গোয়েন্দা সংস্থা সিআইডি। শুক্রবার এই মামলার শুনানির সময় সিআইডির থেকে কেস ডায়েরি চাইল কলকাতা হাইকোর্ট। শুক্রবার শুনানি চলার সময় বিচারপতি জয় সেনগুপ্ত নির্দেশ দেন, আগামী সোমবারের মধ্যে সিআইডি-কে কেস ডায়েরি জমা দিতে হবে। তারপর ফের এই মামলার শুনানি হবে। 

    কী জানা গেল?  

    গত ১২ ডিসেম্বর রামপুরহাটের সিবিআই-এর অস্থায়ী ক্যাম্পের শৌচাগার থেকে উদ্ধার হয় লালন শেখের (Lalan Sheikh) ঝুলন্ত দেহ৷ বীরভূম পুলিশের তরফে জানানো হয়, পার্শিয়াল হ্যাঙ্গিং অর্থাৎ আংশিক ঝুলন্ত অবস্থায় লালন শেখের দেহ উদ্ধার হয়। লালনের গলায় ফাঁস লেগে থাকছেও পা ছিল মাটিতে। সিবিআই- এর বিরুদ্ধে লালনকে খুনের অভিযোগ করে তাঁর পরিবার৷ মামলার তদন্তকারী অফিসার-সহ একাধিক সিবিআই আধিকারিকের বিরুদ্ধে এফআইআরও দায়ের করেন লালনের স্ত্রী রেশমা বিবি। এই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে রাজ্য গোয়েন্দা সংস্থা। রামপুরহাটে সিবিআই-এর ওই অস্থায়ী ক্যাম্প ইতিমধ্যেই সিল করা হয়েছে। কিন্তু গত ১৫-২০ দিনে তদন্তে কোন পথে এগোল, কাদের কাদের জিজ্ঞাসাবাদ করা হল, কোন পর্যায়ে তদন্ত পৌঁছল তা কেস ডায়েরিতে দিতে হবে সিআইডি-কে। 

    আরও পড়ুন: বিমানে সহযাত্রীর গায়ে প্রস্রাবের ঘটনায় প্রকাশ্যে অভিযুক্তের পরিচয়, কে সেই ব্যক্তি?

    এর আগে হাইকোর্টের ভ্যাকেশন বেঞ্চে এই মামলার (Lalan Sheikh) শুনানি হয়। সে সময় বিচারপতি জয় সেনগুপ্ত দু’দিন এই মামলা শোনেন। এবার রেগুলার বেঞ্চেও তাঁরই এজলাসে এই মামলার শুনানি। সিবিআই দ্রুত এই মামলা শোনার আর্জি জানালেও আদালত এত তাড়াহুড়ো নিয়ে প্রশ্ন তোলে। আগামী সোমবার বেলা ১১টায় ফের এই মামলার শুনানি হবে।

    ইতিমধ্যেই সিবিআই (Lalan Sheikh) অফিসারদের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে সিআইডি। এখন দেখার কেস ডায়েরিতে কী দেয় রাজ্য পুলিশের গোয়েন্দা সংস্থা। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

     
     

      

     

     

     
     

LinkedIn
Share