Tag: Bengali news

Bengali news

  • Attack: দলীয় কর্মীদের হামলায় টিএমসিপি-র নেতাসহ জখম চার, শাসক দলের কোন্দল প্রকাশ্যে

    Attack: দলীয় কর্মীদের হামলায় টিএমসিপি-র নেতাসহ জখম চার, শাসক দলের কোন্দল প্রকাশ্যে

    মাধ্যম নিউজ ডেস্ক: দুদিন আগেই কামারহাটি পুরসভা এলাকায় বেআইনি বাড়ি নির্মাণে বাধা দেন তৃণমূল কাউন্সিলর। আর তারজন্য কাউন্সিলরকে হুমকি দেওয়ার অভিযোগ ওঠে দলেরই কর্মীর বিরুদ্ধে। এই ঘটনার জের মিটতে না মিটতেই পুরানো বিবাদকে কেন্দ্র করে ফের কামারহাটিতে তৃণমূলের  গোষ্ঠী সংঘর্ষের ঘটনা ঘটে। হামলায় (Attack) তৃণমূল ছাত্র পরিষদের এক নেতা সহ চারজন জখম হন। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা তৈরি হয়। ঘটনাস্থলে বেলঘড়িয়া থানার পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়। ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের এক আধিকারিক বলেন, কোনও একটি বিষয়কে কেন্দ্র করে গণ্ডগোল হয়েছে। অভিযোগ হয়েছে। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।

    ঠিক কী ঘটেছিল?

    স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে,  বেশ কিছুদিন আগে তৃণমূলের রোহিত সিংয়ের সঙ্গে তৃণমূল ছাত্র পরিষদ নেতা দেবজ্যোতি দে-এর লোকজনের গণ্ডগোল হয়েছিল। পরে, তা মিটে যায়। এদিন এলাকা দখলকে কেন্দ্র করেই এবার বেলঘড়িয়া আদর্শপল্লি এলাকায় তৃণমূল ছাত্র পরিষদ নেতা দেবজ্যোতি দে এবং তাঁর সঙ্গীদের ওপর রোহিত সিং এর দলবল আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা (Attack) চালায় বলে অভিযোগ । অভিযোগ, বৃহস্পতিবার রাতে বাঁশ, হকি স্টিক ও পিস্তল দিয়ে হামলা চালানো হয়।

    কী বললেন জখম তৃণমূল ছাত্র পরিষদ কর্মী?

    জখম তৃণমূল ছাত্র পরিষদের কর্মী দেবজ্যোতি দে বলেন, আমরা ক্লাবের সামনে দাঁড়িয়েছিলাম। আচমকা বাইকে করে ১০-১২ জন এসে আমাদের ওপর হামলা (Attack) চালায়। হামলা (Attack)  চালানোর সময় রোহিত সিংসহ কয়েকজনের নাম করে হুমকিও দিয়ে যায়। চরম আতঙ্কে রয়েছি। থানায় অভিযোগও জানিয়েছি। অভিযুক্ত রোহিত সিং নির্দল কাউন্সিলর বাবু মণ্ডলের ঘনিষ্ঠ। রোহিত সিং এলাকায় তৃণমূল কর্মী বলে পরিচিত। ঘটনায় যাদের দিকে অভিযোগের আঙুল সেই নির্দল পুরপিতা বাবু মণ্ডল ও রোহিত সিং এর কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

    কী বললেন বেলঘরিয়া শহর তৃণমূলের সভাপতি?

    বেলঘরিয়া শহর তৃণমূলের সভাপতি সায়ন মুখোপাধ্যায় বলেন, আমাদের সংগঠনের কর্মীদের বেধড়ক মারধর করা হয়। হামলাকারীরা বাবু মণ্ডল আর রোহিত সিংয়ের নাম নেয়। আসলে দুষ্কৃতীরা এলাকা দখলের চেষ্টা করছে। ছাত্র, যুব কর্মীরা তাতে বাধা দিচ্ছে। এটাতেই তাদের আপত্তি। তাই, এই ধরনের হামলা (Attack) চালানো হয়েছে। পুলিশ প্রশাসনকে সমস্ত কিছু জানানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।

    কী বললেন বিজেপি নেতৃত্ব?

    কামারহাটিতে তৃণমূলের এই গোষ্ঠীসংঘর্ষের ঘটনায় সরব হয়েছে বিজেপি নেতৃত্ব । বিজেপি নেতা জয় সাহা বলেন, তৃণমূলের সময় ঘনিয়ে এসেছে । কামারহাটিতে তৃণমূলের গোষ্ঠীসংঘর্ষ রোজকার ঘটনা হয়ে দাঁড়িয়েছে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Akshay Tritiya 2023: মহাভারতের রচনা থেকে গঙ্গার মর্ত্যে আগমন! কী কী মাহাত্ম্য রয়েছে অক্ষয় তৃতীয়ার?

    Akshay Tritiya 2023: মহাভারতের রচনা থেকে গঙ্গার মর্ত্যে আগমন! কী কী মাহাত্ম্য রয়েছে অক্ষয় তৃতীয়ার?

    মাধ্যম নিউজ ডেস্ক:  হিন্দুধর্মে এই দিনটি বিশেষ গুরুত্বপূর্ণ। বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে উদযাপিত হয় অক্ষয় তৃতীয়া (Akshay Tritiya 2023)। দীপাবলি বা ধনতেরাসের মতোই গুরুত্বপূর্ণ এই তিথি। অনেকে এদিন সোনা কিনে থাকেন। দেশের নানা প্রান্তে অক্ষয় তৃতীয়া (Akshay Tritiya 2023) ‘আখা তিজ’ নামেও পরিচিত। শুধুমাত্র হিন্দুদের কাছেই নয়, জৈন সমাজের কাছেও দিনটির মাহাত্ম্য রয়েছে। ভক্তদের বিশ্বাস এই তিথিতে পূজা-অর্চনায় জীবনে সমৃদ্ধি বিরাজ করে। সাধারণত, অক্ষয় তৃতীয়ার (Akshay Tritiya 2023) দিনে ব্যবসায়ীরা সিদ্ধিদাতা গণেশ ও সম্পদ ও সৌভাগ্যের দেবী লক্ষ্মীর পুজো করে থাকেন। পয়লা বৈশাখের মতো অনেক দোকানে অক্ষয় তৃতীয়া থেকেও হালখাতা শুরু করা হয়। অনেক বাড়িতেও অক্ষয় তৃতীয়ায় লক্ষ্মী পুজো করা হয়। পরিবারের মঙ্গল কামনায় বিভিন্ন মন্দিরেও পুজো দেন অনেকে। ভক্তদের বিশ্বাস অনুযায়ী, অক্ষয় তৃতীয়ার সঙ্গে জুড়ে রয়েছে বেশ কিছু পৌরাণিক আখ্যান।

    অক্ষয় তৃতীয়ার (Akshay Tritiya 2023) মাহাত্ম্য

    পুরাণ মতে, অক্ষয় তৃতীয়ায় (Akshay Tritiya 2023) বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরামের জন্ম হয়।

    অক্ষয় তৃতীয়াকে দেশের অনেক প্রান্তে পরশুরাম জয়ন্তীও বলা হয়। ভক্তদের বিশ্বাস, এই দিন জন্মেছিলেন বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরাম।

    ঋষি জমদগ্নি ও মাতা রেণুকার পুত্র পরশুরাম জাতিতে ব্রাহ্মণ হলেও আচার আচরণে ছিলেন ক্ষত্রিয়। পিতৃহত্যার প্রতিশোধ নিতে তিনি পৃথিবীকে ২১ বার ক্ষত্রিশূন্য করেছিলেন। ব্রহ্মক্ষত্রিয় পরশুরামের রাজত্ব ছিল দেশের বিস্তীর্ণ অংশে।

    অক্ষয় তৃতীয়া (Akshay Tritiya 2023) থেকেই সত্য যুগের অবসান ও ত্রেতা যুগের শুরু হয়।

    অক্ষয় তৃতীয়া থেকে নতুন যুগের শুরু করা হয়। ভবিষ্যপুরাণ অনুসারে সত্য, ত্রেতা ও কলিযুগের সূচনা হয়। দ্বাপর যুগের অবসান ঘটে অক্ষয় তৃতীয়াতেই।

    সত্যযুগে নারায়ণ মত্‍স্য, কূর্ম, বরাহ ও নরসিংহ অবতার রূপে ধরাধামে আসেন। ত্রেতাযুগে তিনি বামন অবতার, পরশুরাম অবতার ও রাম অবতার রূপে জন্ম নেন। অধর্মের বিনাশ করে ধর্মের প্রতিষ্ঠা করতে বারবার অবতার-রূপে পৃথিবীতে এসেছেন বিষ্ণু।

    বিশ্বাস মতে, অক্ষয় তৃতীয়ায় (Akshay Tritiya 2023) শ্রীকৃষ্ণের বাল্যবন্ধু সুদামা তাঁকে অন্ন ভোগ দেন।

    পুরাণ অনুযায়ী, এই বিশেষ তিথিতেই  সুদামা তাঁর বাল্যবন্ধু শ্রীকৃষ্ণকে অন্নভোগ দেন। তার পরিবর্তে কৃষ্ণ তাঁর এই প্রিয় বন্ধুকে সুখ ও সমৃদ্ধির কামনা করেন।

    এরপর থেকেই সুদামার জীবন সুখ সমৃদ্ধিতে ভরে যায়। ভক্তদের বিশ্বাস এইদিন দান করলে তার ফল খুব তাড়াতাড়ি পাওয়া যায়।

    মহাভারত অনুসারে বনবাসে থাকাকালীন অক্ষয় তৃতীয়াতেই (Akshay Tritiya 2023) শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে অক্ষয়পাত্র দান করেন।

    এই দিনই দ্রোপদীকে অক্ষয়পাত্র দান করেছিলেন শ্রীকৃষ্ণ, যাতে বনবাসে তাঁদের কখনও খাদ্যাভাব না হয়।

    পুরাণ মতে দেবী অন্নপূর্ণার কাছেই এই পৃথিবীর সমস্ত খাদ্য রয়েছে। এদিন খাদ্যসামগ্রী দান করলে কোনও খাবারের অভাব হয় না বলে প্রচলিত বিশ্বাস। এই কারণে অক্ষয় তৃতীয়া থেকেই ক্ষেতে বীজ রোপণ করা শুরু করেন কৃষকরা। 

    অক্ষয় তৃতীয়া (Akshay Tritiya 2023) থেকেই বেদব্যাস মহাভারত লেখা শুরু করেন।

    মহাভারতকে বলা হয় পঞ্চম বেদ। অক্ষয় তৃতীয়া (Akshay Tritiya 2023) থেকেই মহর্ষি বেদব্যাস মহাভারত রচনা শুরু করেন।

    মহাভারতের মধ্যেই রয়েছে শ্রীমদ ভগবত্‍ গীতা। বলা হয়ে থাকে, গীতার অষ্টদশ অধ্যায় যিনি পাঠ করেন, তাঁকে কোনও দুঃখ কষ্ট স্পর্শ করতে পারে না।

    অক্ষয় তৃতীয়াতেই (Akshay Tritiya 2023) ভগীরথের প্রার্থনায় স্বর্গ থেকে মর্ত্যে নেমে আসেন গঙ্গা।

    পুরাণ অনুসারে অক্ষয় তৃতীয়াতেই (Akshay Tritiya 2023) স্বর্গ থেকে মর্ত্যে আসেন দেবী গঙ্গা।

    এদিন থেকে মর্ত্যে প্রবাহিত হতে শুরু করে এই পূণ্যসলিলা নদী। রাজা ভগীরথ তপস্যায় খুশি হয়ে মহাদেবের বরে অক্ষয় তৃতীয়া তিথিতে মর্ত্যে নেমে আসেন গঙ্গা। ভক্তদের বিশ্বাস, গঙ্গার জলে স্নান করলে গত সাত জন্মের পাপ ধুয়ে যায় বলে মনে করা হয়।

    কুবেরকে এই বিশেষ তিথিতে বরদান করেছিলেন মহাদেব।

    পুরাণ মতে, এদিনই কুবেরের তপস্যায় তুষ্ট হয়ে মহাদেব তাঁকে অতুল ঐশ্বর্য প্রদান করেছিলেন। এ দিনেই কুবেরের লক্ষ্মীলাভ হওয়ায় বৈভব-লক্ষ্মীর পূজা করা হয়।

    চারধামযাত্রা ও চন্দন উৎসব

    পুরীতে জগন্নাথের রথযাত্রার জন্য রথ তৈরি শুরু হয় অক্ষয় তৃতীয়া (Akshay Tritiya 2023) থেকেই।

    অক্ষয় তৃতীয়া থেকেই (Akshay Tritiya 2023) রথ তৈরির কাজে হাত লাগানো হয়।

    পুরীর জগন্নাথ ধামে এদিন থেকেই ধুমধাম করে শুরু হয় চন্দনযাত্রা উৎসব। টানা ২১ দিন চলে।

    চারধামযাত্রা শুরু হয় এদিন থেকেই।

    এদিন থেকেই খুলে যায় চারধামের অন্যতম বদ্রীনাথ মন্দিরের দরজা।

    তার সঙ্গে এদিনই মথুরায় বাঁকে বিহারীর দর্শন পাওয়া যায়। সারা বছর পোশাকের আড়ালে ঢাকা থাকেন বাঁকে বিহারী। তাঁর চরণ দর্শন করতে পারলে মৃত্যুর পর স্বর্গে স্থান হয় বলে প্রচলিত বিশ্বাস।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • GAIL: ক্ষতিপূরণ নিয়ে বচসা, কেন্দ্রীয় সংস্থার গ্যাসের পাইপলাইনের কাজ বন্ধ করে দিলেন জমিদাতারা

    GAIL: ক্ষতিপূরণ নিয়ে বচসা, কেন্দ্রীয় সংস্থার গ্যাসের পাইপলাইনের কাজ বন্ধ করে দিলেন জমিদাতারা

    মাধ্যম নিউজ ডেস্ক: গ্রামবাসীদের বিক্ষোভের জেরে থমকে গেল কেন্দ্রীয় সংস্থার (GAIL) গ্যাসের পাইপলাইন বসানোর কাজ। হলদিয়া থেকে পানাগড় শিল্পতালুক পর্যন্ত পাইপলাইনের মাধ্যমে বেসরকারি কারখানাগুলির জ্বালানির জন্য গ্যাস সরবরাহ করার পরিকল্পনা নিয়েছে ওই কেন্দ্রীয় সংস্থা। কিন্তু জমি নিয়ে সেই আন্দোলনের জেরে আপাতত প্রকল্পটি অথই জলে পড়ে গেল। গেইল বা গ্যাস অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড হল কেন্দ্রীয় সংস্থা। তারা মাটির নিচ দিয়ে হলদিয়া থেকে পানাগড় শিল্পতালুক পর্যন্ত গ্যাসের পাইপলাইন বসানোর কাজ শুরু করেছে।

    কীভাবে বন্ধ হয়ে গেল কাজ?

    বৃহস্পতিবার সকালে সংস্থার কর্মীরা যন্ত্রপাতি এবং বেশ কয়েকটি গাড়ি নিয়ে বুদবুদের খান্ডারি গ্রামে মাটির তলা দিয়ে পাইপলাইন (GAIL) বসানোর কাজ শুরু করতেই প্ল্যাকার্ড এবং পোস্টার নিয়ে বিক্ষোভ দেখান এলাকার মানুষ ও জমির মালিকরা। দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখানোর পর দুপুর নাগাদ হঠাৎই এলাকার বাসিন্দাদের সঙ্গে প্রথমে বচসা ও পরে হাতাহাতি শুরু হয়ে যায় সংস্থার কর্মীদের। মুহূর্তের মধ্যে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। খবর পেয়ে ঘটনাস্থলে বুদবুদ থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকাবাসীর বিক্ষোভের জেরে বন্ধ রাখা হয় কাজ।

    কী দাবি এলাকার বাসিন্দাদের?

    এলাকার বাসিন্দাদের দাবি, প্রতি শতকে তাঁদের ৮০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে। কিন্তু দেওয়া হচ্ছে ২৪ হাজার টাকা। সেই ক্ষতিপূরণ না দিলে তাঁরা কোনওভাবেই কাজ শুরু করতে দেবেন না। যদিও এদিন ঘটনাস্থলে পুলিশ পৌঁছে গ্রামবাসীদের সঙ্গে কথা বলে বিষয়টি (GAIL) প্রশাসনিকভাবে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে বলে আশ্বাস দেয়। তারপরই বিক্ষোভ উঠিয়ে নেন গ্রামবাসীরা।

    কী বলছে বিজেপি নেতৃত্ব?

    পূর্ব বর্ধমান জেলার বিজেপি নেতা রমন শর্মা বলেন, এটা (GAIL) স্থানীয় প্রশাসনের বিষয়। স্থানীয় প্রশাসনেরই তো হিয়ারিং করার কথা। জানিনা আদৌ হিয়ারিং হয়েছে কিনা। তৃণমূলের নেতারা হয়তো  মাঝখানে এসে নিজেদের পকেটে টাকা ঢুকিয়ে নিয়েছে। এটা তদন্তের বিষয়। সর্বভারতীয় ক্ষেত্রেই পাইপলাইনের কাজ চলছে। পাইপ লাইনের কাজ তো হবেই। কিন্তু যাদের জমির উপর দিয়ে কাজটা হবে, তাদের সঙ্গে আলোচনা করাটা তো স্থানীয় প্রশাসনেরই দায়িত্ব।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • TMC: নন্দীগ্রামের তৃণমূল নেতা শেখ সুফিয়ানকে নোটিশ পাঠাল ব্যাঙ্ক! কেন?

    TMC: নন্দীগ্রামের তৃণমূল নেতা শেখ সুফিয়ানকে নোটিশ পাঠাল ব্যাঙ্ক! কেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী এজেন্ট তথা জেলা পরিষদের সহকারী সভাধিপতি শেখ সুফিয়ানকে নোটিশ পাঠাল ব্যাঙ্ক। কাঁথি কো- অপারেটিভ ব্যাঙ্কের  নন্দীগ্রাম শাখার পক্ষ থেকে এই নোটিশ পাঠানো হয়েছে। ব্যাঙ্ক কর্তৃপক্ষের বিরুদ্ধে আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূল (TMC) নেতা শেখ সুফিয়ান। এ নিয়ে সিপিএম ও বিজেপি তীব্র কটাক্ষ করেছে।

    তৃণমূলের (TMC)  ওই নেতার বিরুদ্ধে কেন নোটিশ পাঠাল ব্যাঙ্ক?

    ব্যাঙ্ক সূত্রে খবর, সেখ সুফিয়ান নামে ওই তৃণমূল (TMC) নেতার ব্যাঙ্কে লোন বাকি রয়েছে ৪৯ লক্ষ টাকা।  ২০১৪ সালে নিজের জাহাজ বাড়ি তৈরির জন্য ২৫ লক্ষ টাকা লোন নিয়ে ছিলেন তিনি। ২০২০ সালে ব্যবসার কাজে একটি ট্রলার কেনার জন্য তিনি ২৭ লক্ষ ৫০ হাজার টাকার লোন নিয়েছিলেন। বাড়ির কিছুটা টাকা শোধ করলেও এখনও পর্যন্ত ৭ লক্ষ টাকা বাকি রয়েছে বলে ব্যাঙ্ক সূত্রে জানা গিয়েছে। যদিও ট্রলার কেনার পর সেই লোনও তিনি শোধ করেননি। ঋণ নেওয়ার পর তিন বছর কেটে গেলেও কিস্তির টাকা পরিশোধ করেননি। বিষয়টি কয়েকবার আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করেছিল ব্যাঙ্ক কর্তৃপক্ষ। কিন্তু, লাভ হয়নি। এরপরই নোটিশ পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

    কী বললেন কাঁথি কো- অপারেটিভ ব্যাঙ্কের কর্মকর্তা?

    কাঁথি কো- অপারেটিভ ব্যাঙ্কের অন্যতম কর্ণধার শেখ অ্যাপোলো আলি বলেন  “ওই ব্যক্তির দু’টি লোন রয়েছে। একটি হাউস বিল্ডিং লোন আর একটা ব্যবসা সংক্রান্ত লোন। দু’টি লোনের কিস্তি সময় মতো জমা না পড়ায় রিকভারি সেকশনে তাঁর ফাইল পাঠানো হয়েছে। তবে, এখনই নিলাম নোটিশ পাঠানোর কথা নয়। প্রথমে ডিফল্ট নেটিশ পাঠানো হবে। পরে, লোন পরিশোধ না করলে চূড়ান্ত নেটিশ ও পরবর্তী পর্যায়ে নিলামের নোটিশ পাঠানো হবে “।

    কী বললেন তৃণমূল (TMC) নেতা শেখ সুফিয়ান?

     জাহাজ বাড়ির মালিক শেখ সুফিয়ান গোটা বিষয়টি রাজনৈতিক চক্রান্ত হিসেবে দাবি করেছেন। তিনি বলেন ” আমি ২০১৪ সালে বাড়ি তৈরি করার জন্য এবং  ২০২০  ট্রলার কেনার জন্যই লোন নিয়ে ছিলাম। শুভেন্দু অধিকারী ব্যাঙ্কের চেয়ারম্যান ছিলেন। তখন আমার লোন অনুমোদন হয়েছিল। লোনের বেশ কিছু টাকা পরিশোধ করেছি। কিছুটা বাকি রয়েছে। টাকা শোধ করে দেব। তিনি আরও বলেন, ব্যাঙ্ক আমার সঙ্গে দ্বিচারিতা করেছে, ট্রলারটি ঠিক সময় দেয়নি। আমি দ্রুত লোক আদালতে যাচ্ছি।

    কী বললেন সিপিএম নেতা?

     সিপিএম নেতা পরিতোষ পট্টনায়ক বলেন,” সুফিয়ানবাবুর জাহাজ বাড়ি দেখতে স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী এসেছিলেন। কেন্দ্রের বিজেপি সরকারের কোলে বসা ব্যবসায়ীরা ব্যাঙ্ক ঋণ নিয়ে বিদেশে পালিয়ে গিয়েছেন। আর দিদির স্নেহধন্য সুফিয়ান বাবুও সমবায় ব্যাঙ্ক থেকে ঋণ নিয়েছেন। এখন ওই টাকা শোধ করবেন কি না তা সময় বলবে। তবে, এসবের জন্যে আখেরে ক্ষতি হবে সাধারণ মানুষের  “।

    কী বললেন বিজেপি নেতৃত্ব?

    বিজেপি-র তমলুক সাংগঠনিক জেলার সহ সভাপতি প্রলয় পাল কটাক্ষের সুরে বলেন  “১০০দিনের কাজ,আবাস যোজনার বাড়ি সহ একাধিক চুরি থেকে বাঁচতে এই লোন দেখান হয়েছে। সবই লোক দেখানো ঘটনা। মানুষ বুঝবে যে হীরু ডাকাতের বংশধর সুফিয়ান লোন করে বাড়ি করেছে “।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Rape: উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীকে ধর্ষণ করে খুনের অভিযোগ, উত্তাল কালিয়াগঞ্জ, লাঠিচার্জ, টিয়ারগ্যাস

    Rape: উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীকে ধর্ষণ করে খুনের অভিযোগ, উত্তাল কালিয়াগঞ্জ, লাঠিচার্জ, টিয়ারগ্যাস

    মাধ্যম নিউজ ডেস্ক: এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীকে ধর্ষণ (Rape) করে খুনের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে৷ ঘটনাকে ঘিরে উত্তাল কালিয়াগঞ্জ থানার সাহেবঘাটা সংলগ্ন পালোইবাড়ি। রাস্তার ওপর টায়ার জ্বালিয়ে অবরোধ করেন ক্ষুব্ধ গ্রামবাসীরা৷ অবিলম্বে অভিযুক্ত ওই যুবককে তাদের সামনে হাজির করানোর দাবি তোলেন তাঁরা। সব মিলিয়ে কালিয়াগঞ্জে রাজ্য সড়কের উপর ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতেই ওই উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীকে ফুঁসলিয়ে পালোই বাড়ি এলাকার একটি পুকুরের পাশে ফাঁকা জায়গায় নিয়ে গিয়ে ওই যুবক ধর্ষণ (Rape) করে বলে অভিযোগ৷ এরপর প্রমাণ লোপাটের জন্য ওই যুবতীকে পুকুরের জলে চুবিয়ে মারা হয় বলে জানান মৃতার আত্মীয়রা। গোটা ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।

    ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করার পাশাপাশি টিয়ার গ্যাসের সেলও ফাটাল পুলিশ

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত ছাত্রী ও অভিযুক্ত যুবক ভিন্ন সম্প্রদায়ের৷ মৃতার বাড়ি মালগাঁও গ্রাম পঞ্চায়েতের সাহেবঘাটার গাঙ্গুয়া এলাকায়। নৃশংস ঘটনায় অভিযুক্তের কঠোর শাস্তির দাবি তুলেছেন মৃতার পরিবার ও গ্রামবাসীর৷ এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে গেলে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়ে পুলিশ। পুলিশকে ঘিরে তুমুল বিক্ষোভ দেখান উত্তেজিত গ্রামবাসীরা। অভিযুক্তের শাস্তির দাবিতে এলাকার দোকানপাটও বন্ধ করে দেন তাঁরা। আন্দোলনের তীব্রতা ক্রমশ বাড়তে থাকে। রাস্তার ওপর কাঠকুট ফেলে আগুনের তীব্রতা বাড়ান ক্ষুব্ধ গ্রামবাসীরা৷ পুলিশের সামনেই লাঠিসোঁটা নিয়ে জড়ো হতে থাকেন তাঁরা। পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুঁড়তে থাকেন তাঁরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে নামানো হয় কমব্যাট ফোর্স৷ উত্তেজিত জনতাকে পালটা ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করার পাশাপাশি টিয়ার গ্যাসের শেল ফাটাতে দেখা যায় পুলিশকে৷ ঘটনায় মহিলা, পুরুষ সহ বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ। তবে পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত যুবক কালিয়াগঞ্জ থানায় আত্মসমর্পণ করেছে।

    কী বললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী?

    রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ট্যুইট করে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির কড়া সমালোচনা করেছেন। তিনি বলেছেন, পশ্চিমবঙ্গে আরও এক নাবালিকাকে ধর্ষণ (Rape) করে খুন করা হল। আদিবাসী মহিলাদের দণ্ডি খাটানোর পর এবার রাজবংশী সম্প্রদায়ের ছাত্রীর মৃতদেহ উদ্ধার হয়েছে। তাঁর অভিযোগ, ভাইপোর নবজোয়ার কর্মসূচির নিরাপত্তা নিশ্চিত করতে ব্যস্ত পশ্চিমবঙ্গের পুলিশ। পশ্চিমবঙ্গের আইন বলে কিছু নেই। এর দাম চোকাতে হচ্ছে মহিলাদের। রাজ্য সরকার ব্যবস্থা না নেওয়ায় দুষ্কৃতীরা সাহস পাচ্ছে। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • TMC: রাজনীতি না করেই তৃণমূল কংগ্রেসের কমিটিতে! প্রকাশ্যে তোপ দলের প্রাক্তন মন্ত্রীর

    TMC: রাজনীতি না করেই তৃণমূল কংগ্রেসের কমিটিতে! প্রকাশ্যে তোপ দলের প্রাক্তন মন্ত্রীর

    মাধ্যম নিউজ ডেস্ক: পঞ্চায়েত ভোট যত এগিয়ে আসছে, তৃণমূল (TMC) দলের অন্তর্কলহ ততই প্রকাশ্যে চলে আসছে। দলের বিশৃঙ্খল পরিস্থিতিকেই তুলে ধরছে নানা ঘটনা। এবার গোষ্ঠীদ্বন্দ্বের আসল চেহারাটা বেরিয়ে এল মালদায়। উত্তর দিনাজপুরের তৃণমূল কংগ্রেস নেতা করিম চৌধুরীর পর জেলা কমিটি নিয়ে বেসুরো গাইলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী। 

    দল নিয়ে কী বললেন প্রাক্তন মন্ত্রী?

    তাঁর সোজাসাপটা তোপ, রাজনীতি করেননি, এমন ব্যক্তিই স্থান পেয়েছেন জেলা তৃণমূল কংগ্রেসের (TMC) কমিটিতে। এই একটিমাত্র লাইন বলে তিনি থেমে থাকেননি। একের পর এক বোমা ফাটিয়েছেন। তুনি বলেছেন, যাঁরা বিগত দিনে দলের মিছিলে হাঁটেননি, স্লোগান দেননি, পাড়ায় পাঁচটি ছেলে নেই, বুথ নির্বাচনে হেরে যান, তাঁরাই দলের দায়িত্বে। কলকাতার নেতারা পর্যালোচনা না করেই জেলা কমিটি তৈরি করেছেন। তাঁর পাল্টাও অভিযোগ, যাঁদের কমিটিতে রাখা হয়েছে, তাঁরা দলের বিরোধিতা করে এসেছেন। পঞ্চায়েত, লোকসভা, বিধানসভা সর্বত্র। নিজের বুথে হেরেছেন। এঁদের যদি দলে নিয়ে আসা হয়, তাহলে পার্টির ভবিষ্যৎ কী? ফলে দলের কর্মীদের মধ্যে ক্ষোভ বাড়ছে। পঞ্চায়েত নির্বাচনের আগে কৃষ্ণেন্দুবাবুর এমন মন্তব্য ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা।

    কী বলছেন জেলার তৃণমূল কংগ্রেস নেতৃত্ব?

    জেলা তৃণমূল কংগ্রেসের (TMC) সভাপতি আব্দুল রহিম বক্সি বিষয়টিকে আমল দিতে নারাজ। তিনি বলেন, কিছু ব্যক্তি আছে, যারা দলের বিরোধিতা করে। সমাজে এই ধরনের মানুষ ঘুরে বেড়ায়। যদি বিরোধী কথা বলতে না পারে, তাহলে রাতে ঘুম হয় না। তাঁর দাবি, বুথ থেকে জেলাস্তর পর্যন্ত সমস্ত নেতৃত্ব এই কমিটি দেখে খুশি হয়েছেন। কারণ সবার সঙ্গে আলোচনা সাপেক্ষেই এই কমিটি গঠিত হয়েছে। এই ধরনের অভিযোগ ভিত্তিহীন। আর যাঁরা বলছেন সংখ্যালঘুদের সম্মান দেওয়া হয় না, তাঁরাও ঠিক কথা বলছেন না। সমাজের বিভিন্ন স্তরের মানুষের প্রতিনিধিত্বই রয়েছে কমিটিতে। তাঁর পাল্টা অভিযোগ, যাঁরা এসব কথা বলছেন, তাঁরা তলায় তলায় বিজেপির সঙ্গে হাত মিলিয়েছেন, কংগ্রেসের সঙ্গে জোট বেঁধেছেন। মালদা জেলায় আমরা সবাই জোটবদ্ধ। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা এই জেলায় একসঙ্গে কাজ করছি। 

    তৃণমূল কংগ্রেসের কোন্দল দীর্ঘদিনের, তোপ বিজেপির

    বিষয়টি নিয়ে দক্ষিণ মালদার বিজেপি সংগঠনের সাধারণ সম্পাদক অম্লান ভাদুড়ি কটাক্ষ করে বলেন, তৃণমূল কংগ্রেসের (TMC) কোন্দল দীর্ঘদিনের। আজ যাঁরা দলের দারিত্ব পেয়েছেন, তাঁরা নিজেদের আত্মীয়স্বজনকে তৃণমূল কংগ্রেসের জেলা কমিটিতে নিয়েছেন। তাই ক্ষোভ বাড়ছে। মালদা জেলায় তৃণমূল গোষ্ঠীদ্বন্দ্বে দীর্ণ হয়ে আছে। সামনে পঞ্চায়েত নির্বাচন হওয়ায় তা স্বাভাবিক কারণে বড় আকার নিচ্ছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • BJP: হাসপাতালে শিশু চুরিকাণ্ডে চাপ বাড়াচ্ছে বিজেপি, রাত পর্যন্ত সুপারকে ঘেরাও করে বিক্ষোভ

    BJP: হাসপাতালে শিশু চুরিকাণ্ডে চাপ বাড়াচ্ছে বিজেপি, রাত পর্যন্ত সুপারকে ঘেরাও করে বিক্ষোভ

    মাধ্যম নিউজ ডেস্ক: উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ার্ডের ভিতরে মায়ের কোল থেকে এক সদ্যোজাতকে চুরি করার অভিযোগ ওঠে এক মহিলার বিরুদ্ধে। ঘটনার পর ২৪ ঘণ্টা পার হয়ে গেলেও এখনও নিখোঁজ হওয়া শিশুর খোঁজ মেলেনি। যা নিয়ে হাসপাতাল তথা শিলিগুড়ি শহর জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ঘটনার পর হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতির অভিযোগে আন্দোলন শুরু করে বিজেপি (BJP)। বৃস্পতিবার রাত পর্যন্ত নিখোঁজ শিশু উদ্ধার এবং শিশুচোরকে  গ্রেফতারের দাবিতে বিজেপির স্থানীয় যুব মোর্চার নেতারা ওই পরিবারের সদস্যদের নিয়ে সুপার ডাঃ সঞ্জয় মল্লিককে ঘেরাও করে বিক্ষোভ করেন। এই বিক্ষোভে উপস্থিত ছিলেন বিজেপির (BJP)  শিলিগুড়ি সাংগঠনিক জেলার সভাপতি,  মাটিগাড়া -নকশালবাড়ি বিধায়ক আনন্দময় বর্মন।

    কী বললেন বিজেপি (BJP) বিধায়ক?

    হাসপাতাল থেকে শিশু চুরির ঘটনা নিয়ে সরব হন বিজেপি (BJP) বিধায়ক আনন্দময় বর্মন। তিনি বলেন, এই শিশু চুরির ঘটনা হাসপাতাল কর্তৃপক্ষ তথা রাজ্য সরকারের চূড়ান্ত গাফিলতির জন্যই হয়েছে। সবেতেই কাটমানির রমরমা। কোটি কোটি টাকা খরচা দেখিয়ে  বেসরকারি সংস্থার নিরাপত্তা কর্মীদের চুক্তির ভিত্তিতে হাসপাতালগুলিতে  নিয়োগ করা হচ্ছে।  হাসপাতালের অন্যান্য গুরুত্বপূর্ণ কাজও চলছে এধরনের চুক্তির কর্মী দিয়ে। এই কর্মী নিয়োগের জন্য যে পরিমাণ  টাকা খরচ দেখানো হয়, সেই অনুপাতে কর্মী নেওয়া হয় না। খরচের তুলনায় কম কর্মী দিয়ে কাজ করানো হয়। একারণেই উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিরাপত্তায় ফাঁকফোকর রয়েছে। সেই সুযোগেই প্রসূতি ওয়ার্ড থেকে শিশু চুরির ঘটনা ঘটেছে। প্রসূতি ওয়ার্ডে যেভাবে বহিরাগতরা অবাধে ঘোরাফেরা করে তাতে হাসপাতাল কর্তৃপক্ষের কোনও নজর নেই। প্রসূতি বিভাগের মতো একটি গুরুত্বপূর্ণ জায়গায় কোনও সিসিটিভির ব্যবস্থা নেই। এ নিয়ে বারবার রোগী কল্যাণ সমিতির বৈঠকে বলা হয়েছে। কোনও লাভ হয়নি। এই শিশুচুরির ঘটনায় হাসপাতাল সুপারের পদত্যাগ দাবি করছি।

    কী বললেন বিজেপি-র (BJP)  সর্বভারতীয় সহ সভাপতি?

    শুক্রবার দলীয় কর্মসূচিতে যোগ দিতে দিলীপ ঘোষ শিলিগুড়ি যান। সেখানে মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে শিশু চুরির ঘটনা প্রসঙ্গে বিজেপি-র (BJP)  সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ বলেন, এ রাজ্যে কয়লা চুরি, রেশন চুরি, গরুচুরি, চাকরি চুরির তালিকায় এবার শিশু চুরির ঘটনাও যুক্ত হল। এটা প্রত্যাশিত। কেননা রাজ্যের তৃণমূল সরকার চুরির উপর টিকে রয়েছে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Heat Wave: নির্বিচারে গাছ কাটা ও অপরিকল্পিত সৌন্দর্যায়নই বাড়াচ্ছে তাপমাত্রা! মত পরিবেশবিদদের

    Heat Wave: নির্বিচারে গাছ কাটা ও অপরিকল্পিত সৌন্দর্যায়নই বাড়াচ্ছে তাপমাত্রা! মত পরিবেশবিদদের

    তানিয়া বন্দ্যোপাধ্যায় পাল

    সমুদ্রের ঢেউ আছড়ে পড়ছে। গর্জন শোনা যাচ্ছে স্পষ্ট। সাদা ফেনা আছড়ে পড়ার মাঝে দাঁড়িয়ে আছে সারি দেওয়া ঝাউগাছ! সবুজের মাঝে সেই সীমাহীন সমুদ্র দেখাই ছিল দীঘার অন্যতম আকর্ষণ! যদিও সে আকর্ষণ এখন অতীত। কারণ, অধিকাংশ ঝাউবন কেটে ফেলেছে রাজ্য সরকার। তার জায়গায় হয়েছে সৌন্দর্যায়ন! গাছ কেটে বসানো হয়েছে পাথরের মূর্তি, পাথরের ফুটবল! সবুজ গাছের জায়গা নিয়েছে সিন্থেটিক ঘাস! 

    গাছ কাটা নির্বিচারে হয়েছে রবি ঠাকুরের শান্তিনিকেতনেও! শান্তিনিকেতন চত্বরের পাশাপাশি গোয়ালপাড়া, তপোবনেও বড় গাছ কেটে বসেছে ‘আই লাভ শান্তিনিকেতন’ ফলক! 
    বাদ যায়নি কলকাতাও! যাদবপুর-গল্ফ গ্রিন থেকে শোভাবাজার কিংবা হাওড়া, সর্বত্র পাথরের নানা মূর্তি আর বাগান সাজানোর জন্য গত কয়েক বছরে নির্বিচারে কাটা হয়েছে গাছ! আর বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এতেই বাড়ছে বিপদ (Heat Wave)! 

    রাজ্যে গাছ লাগানোর কোনও উদ্যোগই নেই

    গত কয়েক বছরে রাজ্যে তাপমাত্রার পারদ বেড়েছে। কিন্তু সরকারের তরফে গাছ লাগানোর কোনও উদ্যোগ নেওয়া হয়নি। বরং গাছ কাটা হয়েছে একাধিক জায়গায়! দিল্লি, হায়দরাবাদ, বেঙ্গালুরুর মতো শহরের থেকেও এ বছরে কলকাতার তাপমাত্র বেশি। তার কারণ হিসাবে বনস্পতি নিধন বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। পরিবেশবিদরা জানাচ্ছেন, যে কোনও বড় শহরে বর্তমানে উন্নয়ন পরিকল্পনায় গাছ লাগানো, বিশেষত বড় গাছ লাগানো আবশ্যক হয়ে উঠছে। সেই পথে হেঁটেছে দিল্লি, বেঙ্গালুরুর মতো শহর। গত দশ বছরের প্রচেষ্টার ফল তারা এখন পাচ্ছে। কিন্তু গত দশ বছরে শুধুমাত্র কলকাতা শহরে যে পরিমাণ গাছ কাটা হয়েছে, তার এক শতাংশও লাগানো হয়নি। এ নিয়ে সরকারের বিশেষ উদ্যোগও নেই। 

    বাঙ্গুর, লেকটাউন থেকে শোভাবাজার, গিরিশ পার্ক অথবা যাদবপুর, গল্ফ গ্রিনের মতো কলকাতার যেসব এলাকায় তুলনামূলকভাবে বেশি গাছ ছিল, সেখানে অধিকাংশ জায়গায় এখন নানারকম মূর্তি, ফোয়ারা লাগিয়ে সাজানো হচ্ছে! ফলে পরিস্থিতি (Heat Wave) আরও ভয়ানক হচ্ছে! পরিবেশবিদরা জানাচ্ছেন, বড় গাছ শুধু ছায়ার আরাম দেয় না, বড় গাছ সূর্যের তেজকেও সরাসরি আসা থেকে আটকায়। ফলে সামগ্রিক তাপমাত্রা কম থাকে। সকাল থেকে যেভাবে রোদের তাপে (Heat Wave) মানুষ পুড়েছে, তা একমাত্র বড় গাছ আটকাতে পারে। রাস্তার পাশে গাছ লাগানোর তেমন কোনও উদ্যোগ গত কয়েক বছরে রাজ্য সরকার নেয়নি। এমনকী বেশ কিছু জায়গায় নির্বিচারে গাছ কাটা হলেও সরকার কোনও পদক্ষেপ করেনি। বন দফতরকে জানিয়েও বিশেষ ফল পাওয়া যায়নি। 

    সবটাই সরকারের অপরিকল্পিত নীতির ফল?

    গত কয়েক বছর ধরেই বৃষ্টির ঘাটতি দেখা দিচ্ছে। আবার কিছু জায়গায় অতি বৃষ্টিতে বন্যা হচ্ছে। সবটাই হচ্ছে সরকারের অপরিকল্পিত নীতির জন্য, এমনটাই মনে করছে বিশেষজ্ঞ মহল। 
    বড় গাছের বিকল্প কখনই বাগান করা, বিশেষত সিন্থেটিক ঘাসের বাগান হতে পারে না বলেই স্পষ্ট মত বিশেষজ্ঞদের। রাজনৈতিক মহল অবশ্য মনে করছে, শহর থেকে জেলা- যত্রতত্র এই সৌন্দর্যায়নের পিছনেও রয়েছে দুর্নীতির আঁচ। এই সৌন্দর্যায়নের নামে যে মূর্তি কিংবা ফোয়ারা তৈরি হয়, কারা সেগুলো তৈরি করছেন, নিয়ম মাফিক টেন্ডারের মাধ্যমে সংশ্লিষ্ট সংস্থা কাজ পাচ্ছে কি না, সে নিয়েও প্রশ্ন তুলছে রাজনৈতিক মহলের একাংশ! 

    বিশেষজ্ঞদের সতর্কবাণী, নির্বিচারে গাছ কাটা এবং গাছ না লাগিয়ে শহরের উন্নয়নের নামে যা হচ্ছে, তার ফল ভুগতে হবে পরবর্তী প্রজন্মকে!

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Gold Shop: সোনার দোকানের ভিতরে থাকা ডাকাত ধরতে পুলিশের মাইকিং, জেলা জুড়ে শোরগোল

    Gold Shop: সোনার দোকানের ভিতরে থাকা ডাকাত ধরতে পুলিশের মাইকিং, জেলা জুড়ে শোরগোল

    মাধ্যম নিউজ ডেস্ক: সোনার দোকানের (Gold Shop) সামনেই চলছে  পুলিশি মাইকিং। আর দোকানের ভিতরে রয়েছে একদল ডাকাত। পুলিশের পক্ষ থেকে মাইকিং করে আগ্নেয়াস্ত্র বাইরে ফেলে আত্মসমর্পণ করার কথা বলা হচ্ছে। পুলিশের সঙ্গে রয়েছেন কয়েকশো মানুষ। বৃহস্পতিবার রাতে এমনই ঘটনার সাক্ষী থাকলেন রামপুরহাটের নিউটাউন এলাকার মানুষ। দেখে মনে হবে সিনেমার কোনও শুটিং চলছে। কিন্তু, বাস্তবে একদল ডাকাতকে হাতনাতে ধরতে পুলিশ এভাবে দোকানের বাইরে মাইকিং করার দৃশ্য এই এলাকার মানুষ আগে কখনও দেখেননি। অন্যদিকে,  ডাকাতির ঘটনায় চারজনকে গ্রেফতার করে রামপুরহাট থানার পুলিশ। ঘটনায় দুটি মোটরসাইকেল বাজেয়াপ্ত করা হয়েছে। ধৃতদের কাছ থেকে একটি নাইন এমএম আগ্নেয়াস্ত্র, পাঁচটি গুলি ও বেশ কিছু সোনার ও রুপোর গহনা উদ্ধার করা হয়েছে।

    ঠিক কী ঘটেছিল?

    এদিন সন্ধে প্রায় সাড়ে আটটা নাগাদ ডাকাতের দল ওই সোনার দোকানে (Gold Shop) ঢোকে। ১৪ নম্বর জাতীয় সড়কের ধারে রামপুরহাটের নিউটাউনের কাছে অবস্থিত ওই সোনার দোকানে (Gold Shop) হানা দেয় চার–পাঁচ জনের একটি ডাকাত দল। সেই সময় দোকান মালিকের তৎপরতায় এলাকার বাসিন্দারা ঘটনস্থলে পৌঁছে যায়। কিন্তু, ততক্ষণে দুষ্কৃতীরা  সোনার দোকানের ভিতরে ঢুকে গিয়ে দোকান ভিতর থেকে বন্ধ করে দিয়েছিল। এরপর এলাকাবাসীরা দোকানের সামনে পৌঁছে দোকানটিকে চারিদিক থেকে ঘিরে ফেলেন এবং খবর দেওয়া হয় পুলিশে। টানটান উত্তেজনার পরিস্থিতি তৈরি হয় রামপুরহাটের ওই সোনার দোকান চত্বরে। খবর পেয়ে পুলিশের নাগাড়ে মাইকিংয়ের পরেও দোকান থেকে দুষ্কৃতীরা বের হয়নি। পরে,  ড্রোন ক্যামেরা দিয়ে ডাকাত দলের গতিবিধি বোঝার চেষ্টা করে পুলিশ। পুলিশ দোকান এবং বাড়ির ভিতরে ঢোকার প্রস্তুতি নেয়। ডাকাত দলের উদ্দেশে ‘লাস্ট ওয়ার্নিং’ দেওয়া হয় পুলিশের পক্ষ থেকে। তারপর সবকিছু চুপচাপ হয়ে যায়। দোকানের (Gold Shop)  মালিক বেরিয়ে এসে জানান, দুষ্কৃতীরা পালিয়ে গিয়েছে।

    কী বললেন স্থানীয় বাসিন্দারা?

    রামপুরহাটের বুকে এই ধরনের ঘটনা আগে কখনও ঘটেনি। পুলিশ অনেক চেষ্টা করেছে। তাতে সন্দেহ নেই। তবে, এত চেষ্টা করার পরও যদি দুষ্কৃতীদের ঘটনাস্থল থেকে গ্রেফতার করা সম্ভব হত, তাহলে আরও ভাল লাগত। আমাদের দাবি, অবিলম্বে দুষ্কৃতীদের গ্রেফতার করতে হবে।

    এই ঘটনা নিয়ে কী বললেন জেলা পুলিশের এক আধিকারিক?

    জেলা পুলিশের এক আধিকারিক বলেন, একটি বাড়ির নীচেরতলায় সোনার দোকানটি (Gold Shop) রয়েছে। আর দোকানের পিছনে ফাঁকা মাঠ। দুষ্কৃতীরা কোনওভাবে দোকানের পিছনের দরজা দিয়ে বের হয়। পরে, তারা আম গাছে উঠে পাঁচিল টপকে ফাঁক মাঠ দিয়ে পালিয়ে যায়।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Weather Report: ভিজল ডুয়ার্স! দক্ষিণবঙ্গে আজও চলবে তাপপ্রবাহ, সব জেলায় বৃষ্টি কবে?

    Weather Report: ভিজল ডুয়ার্স! দক্ষিণবঙ্গে আজও চলবে তাপপ্রবাহ, সব জেলায় বৃষ্টি কবে?

     মাধ্যম নিউজ ডেস্ক: হাওয়া অফিস অনেক আগেই পূর্বাভাস (Weather Report) দিয়েছিল যে এই বছরের গরম ভেঙে দিতে পারে অতীতের সব রেকর্ড। স্বাভাবিকের থেকে তাপমাত্রার পারদ গোটা দেশেই এই বছর বেশি থাকবে। গত কয়েক দিনের দাবদাহ সেই কথা মিলিয়ে দিয়েছে। বৃষ্টিতে উত্তরবঙ্গের কিছু অংশ স্বস্তি পেয়েছে গতকাল। স্বস্তির বৃষ্টিতে ভিজেছে ডুয়ার্স। আজও দক্ষিণবঙ্গ জুড়ে চলবে তাপপ্রবাহ। সর্বোচ্চ তাপমাত্রা বিভিন্ন জেলায় ৪০ ডিগ্রির উপর থাকবে। অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াস। হাওয়া অফিস সূত্রে খবর, আজও বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের বেশ কিছু জেলায়। প্রসঙ্গত, ভয়ংকর এই গরমের মধ্যেই নতুন বিশ্ব রেকর্ড গড়ে ফেলল বাংলা। ফের দেশের উষ্ণতম স্থানের  তকমা পেল বাঁকুড়া। পাশাপাশি পৃথিবীর ১৫টি উষ্ণতম স্থানের মধ্যে ১৩ নম্বরে রয়েছে জঙ্গলমহলের এই জেলা। 

    শীর্ষে বাঁকুড়া… 

    বৃহস্পতিবার এই জেলার সর্বোচ্চ তাপমাত্রা উঠেছে ৪৪.৩ ডিগ্রি সেলসিয়াসে। এই নিয়ে একটানা তিন দিন ৪৪ ডিগ্রি সেলসিয়াসের উপরে পৌঁছল বাঁকুড়ার তাপমাত্রা। আবহাওয়া দফতর সূত্রে খবর, গত কয়েকদিন ধরেই দেশের উষ্ণতম জায়গার লড়াইয়ে রয়েছে বাঁকুড়া। কিন্তু ওড়িশার বারিপদা বা উত্তরপ্রদেশের প্রয়াগরাজ কিছুটা হলেও এগিয়ে থাকছিল। এদিন সবাইকে পিছনে ফেলে শীর্ষে পৌঁছে গেল বাঁকুড়া। দেশের দ্বিতীয় উষ্ণতম জায়গাও বাংলার। পশ্চিম বর্ধমানের পানাগড়। সেখানে সর্বোচ্চ তাপমাত্রা ৪৩.৯ ডিগ্রি সেলসিয়াস। উষ্ণতম শহরের তকমা যে এভাবে বাংলার কপালে জুটবে, এমন কৃতিত্ব অবশ্য বাঙালি দুঃস্বপ্নেও আশা করেনি!

    রবি ও সোমবার বাংলার সব জেলাতেই ঝড়-বৃষ্টিপাতের পূর্বাভাস

    তবে তীব্র দাবদাহের মধ্যে কিছুটা আশার খবর শুনিয়েছে আবহাওয়া দফতর। উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টি শুরু হয়েছে। শনিবার থেকে বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের কিছু জেলায়। তবে, আগামী রবি ও সোমবার বাংলার সব জেলাতেই ঝড়-বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। ঝড়-বৃষ্টি হতে পারে কলকাতাতেও। বৃষ্টি নামলেই তাপপ্রবাহের হাত থেকে রেহাই মিলবে এবং ২-৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমতে পারে বলে আশ্বাস আবহাওয়া দফতরের। এদিনই অবশ্য স্বস্তির বৃষ্টি নেমেছে কালিম্পং সহ ডুয়ার্সের বিস্তীর্ণ এলাকায়। বলা ভাল, ঝড় ও শিলাবৃষ্টিতে লন্ডভন্ড হয়ে গিয়েছ ভুটান সীমান্ত চামুর্চি সংলগ্ন ডুয়ার্সের বিস্তীর্ণ এলাকা। বেশ কিছু বাড়ির টিনের চালে শিল পরে বড় বড় ছিদ্র হয়ে গিয়েছে। বিদ্যুৎহীন হয়ে পড়েছে বেশ কিছু এলাকা। একইভাবে শিলাবৃষ্টি হয়েছে কালিম্পং জেলার লাভা, লোলেগাঁও এলাকায়। সবমিলিয়ে, দক্ষিণবঙ্গে তাপপ্রবাহ চললেও প্রচণ্ড দাবদাহের মধ্যে কিছুটা স্বস্তি মিলেছে ডুয়ার্সবাসীর।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share