মাধ্যম নিউজ ডেস্ক: রাজ্যে বিধানসভার (Assembly Elections) ভোট ঘোষণার আগেই কেন্দ্রীয় বাহিনী আসছে। নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা এখনও বাকি রয়েছে। কিন্তু তার আগেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের বড় ঘোষণা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক চিঠিতে সাফ জানিয়েছে মার্চ মাসে দুই ধাপে আসবেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা (Central Force)। রাজ্যের এসআইআর আবহে সুপ্রিম কোর্ট আইন শৃঙ্খলা নিয়ে চরম অসন্তোষ প্রকাশ করেছে। ইতিমধ্যে জেলায় জেলায় শাসক দলের নেতা-কর্মীরা নির্বাচন কমিশনের বিরুদ্ধে অসহযোগিতা এবং অশান্তির পরিবেশ সৃষ্টি করেছে। পুলিশের গঠন মূলক ব্যবস্থা গ্রহণ না করা এবং কমিশনের কাজকে সহযোগিতা না করার জন্য এই পদক্ষেপ বলে রাজনীতির একাংশের মানুষ মনে করছেন।
কবে কোন কোন বাহিনী (Assembly Elections)
স্বরাষ্ট্রমন্ত্রকের চিঠিতে জানা গিয়েছে, আগামী মার্চ মাসে বিধানসভা ভোটের (Assembly Elections) আগে রাজ্যে আসছে ৪৮০ কোম্পানি বাহিনী (Central Force)। মূলত দুই ধাপে এই কেন্দ্রীয় বাহিনীকে পাঠানো হবে। ১ মার্চ আসবে ২৪০ কোম্পানি বাহিনী। তার মধ্যে ১১০ কোম্পানি থাকবে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ। ৫৫ কোম্পানি থাকবে বর্ডার সিকিউরিটি ফোর্স। ২১ কোম্পানি থাকবে সেন্ট্রাল সিকিউরিটি ফোর্স, ২৭ কোম্পানি থাকবে ইন্দো টিবেটিয়ান বর্ডার পুলিশ, ২৭ কোম্পানি সশস্ত্র সীমা বলের জওয়ানরা। ১০ মার্চ আসছে আরও ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী । তার মধ্যে থাকবে ১২০ কোম্পানি সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ), ৬৫ কোম্পানি বর্ডার সিকিউরিটি ফোর্স(বিএসএফ), ১৬ কোম্পানি সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স(সিআইএসএফ), ২০ কোম্পানি ইন্দো-তিবেটিয়ান বর্ডার পুলিশ(আইটিবিপি), ১৯ কোম্পানি সশস্ত্র সীমা বল (এসএসবি)-এর জওয়ানরা ৷
২০২১ সালে ১০৭১ কোম্পানি নিযুক্ত হয়েছিল
জানা গিয়েছে, এলাকাগুলিকে ভয়মুক্ত করতে, নির্বাচনের (Assembly Elections) দিনে নানা কাজ করতে, ইভিএম সেন্টার, ভোটার গণনা সেন্টার এবং ঠিকঠাক পর্যবেক্ষণের জন্য প্রাথমিক ভাবে এই ৪৮০ কোম্পানি বাহিনী মোতায়েন করা হবে। আগামী ২৮ ফেব্রুয়ারি এসআইআর-এর চূড়ান্ত তালিকা প্রকাশের কথা রয়েছে। এরপর থেকেই রাজ্যে কেন্দ্রীয় বাহিনী চলে আসবে। ২০২১ সালে আট দফায় ভোট হয়েছিল। সেইবার ১০৭১ কোম্পানি বাহিনী (Central Force) মোতায়েন করা হয়েছিল।
অসঙ্গতি সংক্রান্ত শুনানি প্রক্রিয়া চালু থাকবে
একই ভাবে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের দফতরে বৈঠক শুরু হয়েছে। বৈঠকে রয়েছেন একাধিক আধিকারিক। সেখানে রয়েছেন নির্বাচন কমিশনের ডিজি বিজয় পাণ্ডে। হাইকোর্টে কমিশনের অবস্থান কি হবে তা ঠিক করা হচ্ছে। সুপ্রিম কোর্টে রাজ্য প্রশাসনের চূড়ান্ত অসহযোগিতার জন্য এসআইআর নিয়ে ব্যাতিক্রমী নির্দেশ দিয়েছে। ভোটারদের তথ্য যাচাই করবেন কলকাতা হাইকোর্ট দ্বারা নিযুক্ত বর্তমান ও প্রাক্তন বিচারবিভাগীয় আধিকারিকরা ৷ সুপ্রিম কোর্ট আরও নির্দেশে দিয়েছে, ২৮ ফেব্রুয়ারি নির্বাচন কমিশনের প্রকাশিত ভোটার তালিকা চূড়ান্ত নয় ৷ তথ্যগত অসঙ্গতি সংক্রান্ত শুনানি প্রক্রিয়া চালু থাকবে এবং প্রয়োজনে ২৮ তারিখের পর অতিরিক্ত তালিকা প্রকাশ করতে পারবে নির্বাচন কমিশন ৷

Leave a Reply