মাধ্যম নিউজ ডেস্ক: আগামী পাঁচ বছরে পশ্চিমবঙ্গের সড়ক পরিকাঠামোর আমূল পরিবর্তনের লক্ষ্যমাত্রা নিল কেন্দ্র ও রাজ্য সরকার। বাংলার সড়ক উন্নয়নে অর্থের কোনও অভাব হবে না বলে আশ্বাস দিলেন কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী নিতিন গড়করি (Nitin Gadkari)। নতুন করে প্রায় ১ লক্ষ কোটি টাকার সড়ক প্রকল্পের ঘোষণা করেছেন তিনি। পাশাপাশি কলকাতার যানজট সমস্যা মেটাতে ১৪ হাজার কোটি টাকা ব্যয়ে ২৫০ কিলোমিটার দীর্ঘ রিং রোড তৈরির পরিকল্পনার কথাও জানিয়েছেন।
একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস গড়করি-শুভেন্দুর
বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস এবং পরে নবান্নে উচ্চপর্যায়ের বৈঠকে এই বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও রাজ্যের একাধিক নতুন সড়ক, সেতু ও যোগাযোগ প্রকল্পের প্রস্তাব কেন্দ্রীয় মন্ত্রীর সামনে তুলে ধরেন। গড়করি জানান, আগামী পাঁচ বছরের মধ্যে পশ্চিমবঙ্গের জাতীয় সড়কগুলিকে আমেরিকার রাস্তার মতো উন্নত করে তোলার লক্ষ্য রয়েছে। তাঁর কথায়, ‘‘আমি সেই সমস্ত নেতার মধ্যে পড়ি না, যাঁরা কেবল ঘোষণা করে চলে যান। আমি যা বলব, তা ঢাক-ঢোল পিটিয়ে করেও দেখাব।’’
কলকাতার যানজট কমাতে ১৪ হাজার কোটির রিং রোড
কলকাতার যানজট সমস্যা নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনার পর ২৫০ কিলোমিটার দীর্ঘ রিং রোড প্রকল্পের অনুমোদনের কথা ঘোষণা করেন গড়করি। এই প্রকল্পে ব্যয় হবে প্রায় ১৪ হাজার কোটি টাকা। দিল্লি ও মুম্বইয়ের পর কলকাতার যোগাযোগ ব্যবস্থাকে আরও উন্নত করার পরিকল্পনা নিয়েছে কেন্দ্র। এছাড়াও কলকাতার বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তার উপরে স্তরভিত্তিক উড়ালপুল নির্মাণের প্রস্তাব দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী। গড়করি জানান, এক পিলারে চারটি রাস্তা তৈরি করা হবে কলকাতাতেও। নীচে থাকবে রোড, তার উপরে ফ্লাইওভার, তার উপরে ফ্লাইওভার, তার উপর থাকবে মেট্রো। থাকবে না কোনও ট্রাফিক জ্যাম। বিষয়টি সমীক্ষা করে দেখার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
রাজ্যের সড়ক ও যোগাযোগ ব্যবস্থায় একগুচ্ছ পরিকল্পনা
কোলাঘাটের অনুষ্ঠানে ৮,৭০০ কোটি টাকার ২২টি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস হয়। পাশাপাশি রাজ্যের সড়ক পরিকাঠামোর উন্নয়নে একাধিক পরিকল্পনার কথা উঠে এসেছে।
প্রধান প্রকল্প ও প্রস্তাবগুলি হল—
- কলকাতা-বনগাঁ-পেট্রাপোল: ৭৫ কিলোমিটার দীর্ঘ জাতীয় সড়ক ৩৫-এর সম্প্রসারণ।
- ফলতা-বাগনান সেতু: হুগলি নদীর উপর নতুন সেতু নির্মাণের প্রস্তাব।
- জাতীয় সড়ক ১১৭: প্রায় ৩৫ কিলোমিটার অংশের অ্যালাইনমেন্ট ও সম্প্রসারণ।
- দক্ষিণ ২৪ পরগনা: কাকদ্বীপ থেকে গঙ্গাসাগর সংযোগ এবং জোকা-নামখানা ও নন্দকুমার-দিঘা চার লেনের রাস্তা।
- সুন্দরবন: একাধিক সেতু নির্মাণ, গোসাবা সেতু এবং গোসাবা থেকে বনগাঁ পর্যন্ত সড়ক যোগাযোগের পরিকল্পনা।
- উত্তরবঙ্গ: দার্জিলিং-শিলিগুড়ি এবং শিলিগুড়ি থেকে দক্ষিণবঙ্গ পর্যন্ত সড়ক যোগাযোগ উন্নত করা।
- শিল্প ও পর্যটন: জামশেদপুর থেকে পানাগড় হয়ে বাঁকুড়ার বিষ্ণুপুর, সোনামুখী ও মুকুটমণিপুর হয়ে দামোদর সেতু পর্যন্ত বিকল্প সড়ক। এর মাধ্যমে দুর্গাপুর ও জামশেদপুরের শিল্পাঞ্চলের পাশাপাশি পর্যটনকেন্দ্রগুলির যোগাযোগ উন্নত করার পরিকল্পনা।
- জেলা সদর: রাজ্যের সমস্ত জেলা সদরকে চার লেনের রাস্তার মাধ্যমে যুক্ত করা।
- রাস্তা সম্প্রসারণ: দুই লেনের রাস্তা চার লেন এবং কয়েকটি চার লেনের রাস্তা ছয় লেনে উন্নীত করা।
বেলুড় মঠ-দক্ষিণেশ্বর রোপওয়ে, ফরাক্কায় দ্বিতীয় সেতু
সড়ক প্রকল্পের পাশাপাশি পর্যটন ও ধর্মীয় স্থানগুলির যোগাযোগ উন্নত করতেও উদ্যোগী হয়েছে রাজ্য। দক্ষিণেশ্বর থেকে বেলুড় মঠ পর্যন্ত রোপওয়ে তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এই প্রকল্পের ডিপিআর (ডিটেলড প্রজেক্ট রিপোর্ট) এবং মানচিত্র তৈরির কাজ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। কার্শিয়াং-দার্জিলিং রোপওয়ে নিয়েও পরিকল্পনা রয়েছে।
অন্যদিকে, পূর্ব মেদিনীপুরে মাতঙ্গিনী হাজরার নামে নরঘাটে নতুন সেতু এবং ফরাক্কার দ্বিতীয় সেতু উদ্বোধন ও জাতির উদ্দেশে উৎসর্গ করা হয়েছে। মুখ্যমন্ত্রীর মতে, ফরাক্কার দ্বিতীয় সেতু উত্তরবঙ্গের পাশাপাশি উত্তর-পূর্ব ভারত এবং নেপাল ও ভুটানের সঙ্গে বাণিজ্য ও পর্যটনের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।
রাজ্য সড়ককে জাতীয় সড়কের মর্যাদা দিতে প্রধানমন্ত্রীর দ্বারস্থ শুভেন্দু
পশ্চিমবঙ্গে জাতীয় সড়কের দৈর্ঘ্য অন্যান্য অনেক রাজ্যের তুলনায় কম। রাজ্যের প্রায় ৪,৫০৫ কিলোমিটার হাইওয়ে নেটওয়ার্কের মধ্যে ১,৫০০ কিলোমিটার রাস্তা জাতীয় সড়ক কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়ার দাবি আগে থেকেই জানিয়ে আসছে রাজ্য।
এদিনের বৈঠকেও বিষয়টি নিয়ে আলোচনা হয়। তবে নিয়মগত জটিলতার কারণে জাতীয় সড়ক কর্তৃপক্ষ (এনএইচএআই) এখনই ওই রাস্তাগুলির দায়িত্ব নিতে পারছে না। এর জন্য প্রধানমন্ত্রীর দফতরের হস্তক্ষেপ প্রয়োজন। মুখ্যমন্ত্রী জানান, তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখে এই বিষয়ে আবেদন জানাবেন।শুভেন্দু বলেন, ‘‘গত ১৫ বছর রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের সঙ্গে সম্পর্ক রাখেনি। প্রয়োজনীয় কো-অর্ডিনেশন ছিল না। স্বাভাবিকভাবে আমরা বঞ্চিত হয়েছি।’’
প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, রাজ্যের পূর্ত দফতরের অধীনে থাকা সাতটি জাতীয় সড়কের দায়িত্ব কেন্দ্রীয় সংস্থাগুলির হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
- এনএইচএআই-এর দায়িত্বে: জঙ্গিপুর-ওমরপুর-কৃষ্ণনগর-বনগাঁ-বসিরহাট-ঘোজাডাঙা (জাতীয় সড়ক ৩১২), বিহার-পশ্চিমবঙ্গ সীমান্ত থেকে গাজোল (জাতীয় সড়ক ৩১) এবং ফারাক্কা পর্যন্ত জাতীয় সড়ক ৩৩।
- এনএইচআইডিসিএল-এর দায়িত্বে: সেবক-করোনেশন ব্রিজ-কালিম্পং-সিকিম সীমান্ত, হাসিমারা-জয়গাঁও, বড়দিঘি-ময়নাগুড়ি-চ্যাংড়াবান্ধা এবং শিলিগুড়ি-কার্শিয়াং-দার্জিলিং সড়ক।
এছাড়া ১৬টি রাজ্য সড়ককে জাতীয় সড়কে উন্নীত করার বিষয়েও আলোচনা হয়েছে।
১০ হাজার বৈদ্যুতিন গাড়ি, সড়ক নিরাপত্তায় জোর
রাজ্যের পরিবহণ ব্যবস্থার উন্নয়নে প্রায় ১০ হাজার বৈদ্যুতিন গাড়ি দেওয়ার কথা জানিয়েছে কেন্দ্র। পাশাপাশি সড়ক নিরাপত্তা এবং জাতীয় সড়কের রক্ষণাবেক্ষণেও একাধিক পরিকল্পনা নেওয়া হচ্ছে। ডালখোলা-ইসলামপুর, ভাবতা-বেলডাঙা, পলাশী, ছোট জাগুলিয়া এবং বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের বেহাল অংশ মেরামত ও সম্প্রসারণের বিষয়ে সংশ্লিষ্ট আধিকারিকদের নির্দেশ দিয়েছেন গড়করি।
কাজের অগ্রগতি নিয়মিত পর্যালোচনার জন্যও নির্দিষ্ট ব্যবস্থা করা হয়েছে। প্রতি মাসে মুখ্যসচিব ও জাতীয় সড়কের প্রজেক্ট ডিরেক্টর বৈঠক করবেন। প্রতি দু’মাসে মুখ্যমন্ত্রী পর্যালোচনা বৈঠক করবেন। পাশাপাশি প্রতি ছ’মাসে রাজ্যে একটি করে পরিকাঠামো সংক্রান্ত অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা রয়েছে।
এদিন নবান্নে রাজ্যের রোড অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট (আরবিআরআই) এবং কেন্দ্রীয় ইন্ডিয়ান অ্যাকাডেমি অফ হাইওয়ে ইঞ্জিনিয়ার্সের (আইএএইচই) মধ্যে মউ স্বাক্ষরিত হয়েছে। এর মাধ্যমে সড়ক নির্মাণ ও পরিবহণ পরিকাঠামো সংক্রান্ত প্রশিক্ষণ, পাঠ্যক্রম, বিশেষজ্ঞ শিক্ষক এবং প্রযুক্তিগত সহায়তা পাবে রাজ্যের প্রতিষ্ঠানটি।
পাইপলাইনে ২ লক্ষ কোটির প্রকল্প, নতুন গ্রিনফিল্ড এক্সপ্রেসওয়ের পরিকল্পনা
গড়করি জানিয়েছেন, পশ্চিমবঙ্গে ইতিমধ্যেই প্রায় ৩ লক্ষ কোটি টাকার সড়ক উন্নয়ন কর্মসূচি রয়েছে। তার মধ্যে প্রায় ৪০ হাজার কোটি টাকার ২,৪০০ কিলোমিটার প্রকল্পের কাজ শেষ হয়েছে। আরও প্রায় ৩৫ হাজার কোটি টাকার ৪৫০ কিলোমিটার প্রকল্পের কাজ চলছে। প্রায় ২ লক্ষ কোটি টাকার প্রকল্প রয়েছে পাইপলাইনে। এর পাশাপাশি নতুন করে আরও ১ লক্ষ কোটি টাকার প্রকল্প ঘোষণা করেছেন তিনি। বাংলায় প্রায় ১ লক্ষ ৫০ হাজার কোটি টাকা ব্যয়ে গ্রিনফিল্ড এক্সপ্রেস হাইওয়ে নির্মাণের পরিকল্পনার কথাও জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী।
মহারাষ্ট্রে মন্ত্রী থাকাকালীন একাধিক বড় পরিকাঠামো প্রকল্প বাস্তবায়নের অভিজ্ঞতার কথা তুলে ধরে গড়করি জানান, পরিকাঠামো উন্নয়নের জন্য অর্থের সংস্থান করতে বিভিন্ন বিকল্প ব্যবস্থাও রয়েছে। তাঁর কথায়, ‘‘চিন্তা করবেন না। মহাভারতে দ্রৌপদীর থালার মতো আমার থালাতেও টাকার কোনও অভাব নেই। আপনি চাইতে চাইতে ক্লান্ত হয়ে যাবেন, কিন্তু আমি টাকা দিতে ক্লান্ত হব না।’’
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও কেন্দ্রের সহযোগিতার প্রশংসা করে জানিয়েছেন, গত ছ’মাসে জমি সংক্রান্ত একাধিক জট কাটানোর উদ্যোগ নেওয়া হয়েছে। ফলে বিভিন্ন প্রকল্পের কাজ এগিয়ে নিয়ে যেতে সুবিধা হবে বলে মনে করছে রাজ্য সরকার।

Leave a Reply