Category: দেশ

Get updates on India News Headlines National News from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • EVM: কর্নাটকের ইভিএম ব্যবহার করা হয়েছে আফ্রিকায়! দাবি কংগ্রেসের, প্রমাণ চাইল নির্বাচন কমিশন

    EVM: কর্নাটকের ইভিএম ব্যবহার করা হয়েছে আফ্রিকায়! দাবি কংগ্রেসের, প্রমাণ চাইল নির্বাচন কমিশন

    মাধ্যম নিউজ ডেস্ক: জনসমর্থন হারিয়ে ইভিএমকে (EVM) দুষছে কংগ্রেস (Congress)! ১০ মে হয়েছে কর্নাটক বিধানসভার নির্বাচন। কংগ্রেসের দাবি, ওই নির্বাচনে যেসব ইভিএম ব্যবহার করা হয়েছিল, সেগুলি আগে ব্যবহার করা হয়েছিল দক্ষিণ আফ্রিকায়। কংগ্রেসের দাবি প্রত্যাখান করেছে নির্বাচন কমিশন। এই মিথ্যা তথ্য ছড়িয়ে দেওয়ার উৎস প্রকাশ্যে আনতে কংগ্রেসকে বলেছে নির্বাচন কমিশন।  

    ইভিএম (EVM) নিয়ে কংগ্রেসকে জবাব কমিশনের…

    ৮ মে নির্বাচন কমিশনকে লেখা একটি চিঠিতে কংগ্রেস উদ্বেগ প্রকাশ করেছিল কর্নাটক বিধানসভা নির্বাচনে ব্যবহার হওয়া ইভিএম নিয়ে। পুনর্বিবেচনার এবং পুনরায় যাচাইকরণ প্রক্রিয়ার মধ্য দিয়ে না গিয়েই দক্ষিণ আফ্রিকায় ব্যবহৃত ইভিএমগুলি কর্নাটক বিধানসভা নির্বাচনে ফের ব্যবহার সম্পর্কে স্পষ্ট বক্তব্য চেয়েছিল। নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছিল, দক্ষিণ আফ্রিকায় ইভিএম পাঠানো হয়নি। সেই দেশ যে এই মেশিনগুলি ব্যবহারও করে না সে কথাও জানানো হয়েছে কংগ্রেসকে।

    কংগ্রেস নেতা রণদীপ সিং সুরজেওয়ালাকে পাঠানো চিঠিতে নির্বাচন কমিশন বলেছে যে তারা কর্নাটক বিধানসভা নির্বাচনের জন্য ইলেকট্রনিক্স কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডের নির্মিত নতুন ইভিএম (EVM) ব্যবহার করেছে। নির্বাচন কমিশন এও বলেছে, কংগ্রেসের প্রতিনিধিরা ইভিএম মুভমেন্টের পর্যায়ে এবং কর্নাটক নির্বাচনের আগে ইভিএম কমিশনিংয়ে অংশ নিয়েছিল। কমিশন কংগ্রেসকে এও নিশ্চিত করতে বলেছে যে গুজব ছড়ানোর গুরুতর সম্ভাবনা সহ এই ধরনের মিথ্যা তথ্যের উৎসগুলি জনসমক্ষে প্রকাশ করা উচিত।

    আরও পড়ুুন: প্রথমবার অফিসিয়াল স্টেট ভিজিটে আমেরিকা যাচ্ছেন মোদি, জানুন সফরের গুরুত্ব

    নির্বাচন কমিশনের তরফে বলা হয়েছে, ইভিএমের প্রোটোকল অনুযায়ী সমস্ত জাতীয় এবং রাজ্যের রাজনৈতিক দলগুলিকে জানানো হয় ইভিএম কোথা থেকে এসেছে, সে খবর। পুরো প্রক্রিয়াটা ভিডিওগ্রাফি করে রাখা হয়। ইভিএম সম্পৃক্ত সমস্ত বিষয়ে পরীক্ষা-নিরীক্ষা চলাকানীন রাজনৈতিক দলগুলির প্রতিনিধিরা উপস্থিত থাকেন। প্রসঙ্গত, বুধবার নির্বাচন হয় কর্নাটক বিধানসভার ২২৪টি আসনে। ভোট হয়েছে এক দফায়। ফল প্রকাশ ১৩ মে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • PM Modi: প্রথমবার অফিসিয়াল স্টেট ভিজিটে আমেরিকা যাচ্ছেন মোদি, জানুন সফরের গুরুত্ব

    PM Modi: প্রথমবার অফিসিয়াল স্টেট ভিজিটে আমেরিকা যাচ্ছেন মোদি, জানুন সফরের গুরুত্ব

    মাধ্যম নিউজ ডেস্ক: ন’বছরের মেয়াদে এই প্রথম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi) অফিসিয়াল স্টেট ভিজিটে যাচ্ছেন আমেরিকা (America)। ২২ জুন তিনি আতিথেয়তা গ্রহণ করবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের (Joe Biden)। সেদিনই প্রধানমন্ত্রীর সম্মানে নৈশভোজ দেবেন মার্কিন প্রেসিডেন্ট। ইউএসএর হোয়াইট হাউসের প্রেস সচিব কারআইন জিনপিয়েরে জানান, রাষ্ট্রপতি ভবনের এবং আমেরিকান ফার্স্ট লেডি জিল বাইডেন রাষ্ট্রীয় যাত্রায় যাওয়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অভ্যর্থনা জানাবেন। ২২ জুন একটি রাষ্ট্রীয় নৈশভোজের ব্যবস্থা করা হয়েছে।

    নরেন্দ্র মোদির (PM Modi) সফরের বিশেষত্ব…

    স্টেট ভিজিটের বিশেষত্ব হল, যে ব্যক্তিকে কোনও রাষ্ট্র আমন্ত্রণ জানায়, তাঁর সম্মানে নৈশভোজ দেওয়া হয়। তাঁর সফরের পুরো খরচটাই বহন করে হোস্ট বা আমন্ত্রণকারী দেশ। জানানো হয় বিশেষ রাষ্ট্রীয় সম্মানও। অতিথির সম্মানে ২১টি তোপধ্বনি দেওয়ার রেওয়াজও রয়েছে। আমন্ত্রণকারী এবং আমন্ত্রিত দেশের সম্মানে বাজানো হয় দুই দেশেরই জাতীয় সঙ্গীত। উপহার আদানপ্রাদান করেন রাষ্ট্রপ্রধানরা। ২০১৪ সালে প্রধানমন্ত্রী হওয়ার পর একাধিকবার আমেরিকা গিয়েছেন মোদি। এবারই প্রথম তিনি যাচ্ছেন স্টেট ভিজিটে। হোয়াইট হাউসের তরফে বলা হয়েছে, ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলকে অবাধ ও সুরক্ষিত রাখার জন্য দুই দেশই দায়বদ্ধ। তাছাড়াও প্রতিরক্ষা, পরিবেশ সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে কৌশলগত বোঝাপড়া রয়েছে দুই দেশের।

    আরও পড়ুুন: নন্দীগ্রামে গৃহযুদ্ধ! তৃণমূল পঞ্চায়েত প্রধানের হুমকিতে ঘরছাড়া দলেরই পঞ্চায়েত সদস্য

    মোদির (PM Modi) আমেরিকা সফর এই বিষয়গুলিকে আরও জোরদার করবে বলে দাবি বাইডেন প্রশাসনের। সরকারের তরফে জারি করা বিবৃতিতে বলা হয়েছে, ভারত ও আমেরিকার মধ্যে কূটনৈতিক অংশীদারিত্বের সম্পর্ককে তুলে ধরবে এই সফর। প্রযুক্তি, বাণিজ্য, শিল্প সহ একাধিক ক্ষেত্রে, যেখানে দুই দেশেরই পারস্পরিক আগ্রহ রয়েছে, তা নিয়ে দ্বিপাক্ষিক আলোচনার সুযোগ পাবেন রাষ্ট্রনেতারা।

    আমেরিকায় ভারতের রাষ্ট্রদূত তরণজিৎ সিংহ সান্ধু বলেন, বাইডেনের আমন্ত্রণে মোদির (PM Modi) এই আমেরিকা সফর ঐতিহাসিক। প্রধানমন্ত্রী এবং বাইডেন দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও দৃঢ় করবেন। এই সফর দুই দেশের প্রধানের কাছেই একটা সুবর্ণ সুযোগ।কূটনীতিকদের মতে, স্বাধীন ও মুক্ত ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল নিয়ে দুই দেশের মধ্যে নীতি সংক্রান্ত আলোচনা হতে পারে। কারণ দুই দেশের তরফেই ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চিনের আগ্রাসনের বিরোধিতা করা হয়েছে। প্রসঙ্গত, এর আগে ২০২১ সালে হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন প্রধানমন্ত্রী।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Cyclone Mocha: ধেয়ে আসছে মোকা! এখন অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত, বাংলা কতটা নিরাপদ?

    Cyclone Mocha: ধেয়ে আসছে মোকা! এখন অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত, বাংলা কতটা নিরাপদ?

    মাধ্যম নিউজ ডেস্ক: সকাল থেকেই কলকাতার আকাশে মেঘ আর রোদের লুকোচুরি। হঠাতই আবহাওয়ার পরিবর্তন। তবে এখনও গরমের হাত থেকে রেহাই মেলেনি। আংশিক মেঘলা আকাশ কয়েকটি জেলায়। শনি ও রবিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার ভোরেই প্রবল থেকে অতি প্রবল ঘূর্ণিঝড়ের চেহারা নিয়েছে মোকা (Cyclone Mocha)। আগামী, ১৪ই মে রবিবার দুপুরে মায়ানমারের সিতওয়ে (sittwe) বন্দরের কাছাকাছি এটি ল্যান্ড ফল করবে। ওই সময় ঝড়ের গতিবেগ হতে পারে ঘণ্টায় ১৫০-১৬০ কিমি। সর্বোচ্চ বেগ হতে পারে ঘণ্টায় ১৭৫ কিমি।

    ধেয়ে আসছে মোকা

    বাংলাদেশের দিকে ক্রমশই ধেয়ে আসছে সাইক্লোন মোকা (Cyclone Mocha)। বাংলাদেশ এবং মায়ানমার উপকূলে এই সাইক্লোন আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। মোকার প্রভাবে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে প্রবল ঝড়-বৃষ্টি হতে পারে। বাংলাদেশের কক্সবাজারের উপর দিয়ে এটি বয়ে যাবে। ওই এলাকায় গভীর তাণ্ডব চালাবে মোকা। ইতিমধ্যেই অ্যালার্ট করা হয়েছে প্রশাসনিক আধিকারিকদের। যে সমস্ত এলাকার উপর দিয়ে সাইক্লোন মোকার তাণ্ডব চালানোর সম্ভাবনা, সেখানে প্রয়োজনীয় ব্যবস্থা রাখা হয়েছে।

    মোকা (Cyclone Mocha) এখন কোথায়?

    প্রতিবেদন লেখার সময়, পোর্ট ব্লেয়ার বন্দর থেকে ৫২০ কিলোমিটার পশ্চিম-উত্তর পশ্চিমে এবং বাংলাদেশের কক্সবাজার থেকে ১০১০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পশ্চিমে রয়েছে মোকা (Cyclone Mocha)। মায়ানমারের সিতওয়ে থেকে মোকা রয়েছে ৯৩০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পশ্চিমে। মৌসম ভবন জানিয়েছে, অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার পর আরও উত্তর-উত্তর পূর্ব দিকে এগোচ্ছে মোকা। শনিবার ঘূর্ণিঝড়ের গতি সর্বোচ্চ থাকবে বলে মনে করছেন আবহবিদেরা। 

    আরও পড়ুন: আইএমএফের সাহায্য না পেলে দেউলিয়া হয়ে যাবে পাকিস্তান?

    মোকার (Cyclone Mocha) প্রভাব

    মোকার (Cyclone Mocha) প্রভাবে শনি ও রবিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে কলকাতা, হাওড়া, হুগলি, নদীয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলাতে। কলকাতায় আজ আংশিক মেঘলা আকাশ। দিনের তাপমাত্রা সামান্য কমলেও অস্বস্তিকর আবহাওয়া থাকবে। আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৭ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বেশি। শনি এবং রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ত্রিপুরা এবং মিজোরামেও। রবিবার নাগাল্যান্ড, মণিপুর, দক্ষিণ অসমেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Shiv Sena: সুপ্রিম কোর্টে স্বস্তি মহারাষ্ট্রের শিন্ডে সরকারের, কী বলল আদালত?

    Shiv Sena: সুপ্রিম কোর্টে স্বস্তি মহারাষ্ট্রের শিন্ডে সরকারের, কী বলল আদালত?

    মাধ্যম নিউজ ডেস্ক: সুপ্রিম কোর্টে স্বস্তি মহারাষ্ট্রের (Maharashtra) একনাথ শিন্ডে (Eknath Shinde) গোষ্ঠীর। মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে সহ ১৬ জন বিদ্রোহী শিবসেনা (Shiv Sena) বিধায়কের পদ খারিজ করল না সুপ্রিম কোর্ট। দলত্যাগ বিরোধী আইনে তাঁদের বিধায়ক পদ খারিজের আবেদন জানানো হয়েছিল। এর পাশাপাশি নির্বাচন কমিশনের নির্দেশে শিবসেনার রাশ হাতে পাওয়ার পরে শিন্ডে গোষ্ঠীর চিফ হুইপ উদ্ধব ঠাকরের অনুগামী বিধায়কদের পদত্যাগের যে নির্দেশ দিয়েছিলেন, বুধবার তাকেও অসাংবিধানিক বলল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ। বেঞ্চ সাফ জানিয়ে দিয়েছে, জুন মাসে শিন্ডে গোষ্ঠীর বিদ্রোহের সময় বিধানসভার ডেপুটি স্পিকার (ভারপ্রাপ্ত স্পিকার) নরহরি সীতারাম জিরওয়াল দলত্যাগী বিধায়কদের অবস্থান স্পষ্ট করার যে নির্দেশ দিয়েছিলেন, তা তাঁর এক্তিয়ার বহির্ভূত।

    শিবসেনায় (Shiv Sena) ভাঙন…

    প্রসঙ্গত, মহারাষ্ট্রের (Shiv Sena) মুখ্যমন্ত্রী পদে ছিলেন শিবসেনার উদ্ধব ঠাকরে। মহা বিকাশ আগাড়ি জোটের নেতা হিসেবে মুখ্যমন্ত্রী পদে বসেন তিনি। পরে বিজেপির সঙ্গে হাত মেলানো নিয়ে দলীয় নেতৃত্বের একাংশের সঙ্গে বিরোধ বাঁধে একনাথ শিন্ডের। তার জেরে ভাঙন ধরে শিবসেনার ঘরে। উদ্ধবকে সরিয়ে মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসেন একনাথ। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী পদে উদ্ধবকে পুনর্বহালের আর্জিও খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের মন্তব্য, বিধানসভায় আস্থা ভোটের আগে উদ্ধব নিজেই ইস্তফা দিয়েছিলেন। তাই তাঁকে আবার মুখ্যমন্ত্রীর আসনে ফেরানো সম্ভব নয়। রাজ্যপাল ভগৎ সিংহ কোশিয়ারি মহারাষ্ট্র বিধানসভার বৃহত্তম দল বিজেপি সমর্থিত শিন্ডেকে সরকার গড়তে ডেকে অযৌক্তিক কিছু করেননি বলেও জানিয়েছে সাংবিধানিক বেঞ্চ।

    আরও পড়ুুন: রামনবমীর মিছিলে অশান্তি, ৬টি এফআইআর দায়ের করে তদন্ত শুরু এনআইএ-র

    ২০২২ সালের জুন মাসে প্রকাশ্যে আসে শিবসেনার (Shiv Sena) অভ্যন্তরীণ কোন্দল। বিদ্রোহী ৪০ জন বিধায়ককে নিয়ে উদয়পুরের রিসর্টে আশ্রয় নেন শিবসেনার একনাথ শিন্ডে। পরে সেখান থেকে তাঁদের নিয়ে চলে যাওয়া হয় বিজেপি শাসিত অসমে। বিদ্রোহী শিবিরে বিধায়কের সংখ্যা বেশি হওয়ায় মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দেন উদ্ধব। পতন ঘটে মহা বিকাশ আগাড়ি জোট সরকারের। পরের দিনই বিজেপির সঙ্গে হাত মিলিয়ে মহারাষ্ট্রে সরকার গড়ে শিবসেনার শিন্ডে গোষ্ঠী। মুখ্যমন্ত্রী হন একনাথ শিন্ডে। উপমুখ্যমন্ত্রী হন বিজেপি নেতা তথা মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     
     
  • Amritsar: ৭ দিনে ৩ বার! অমৃতসরের স্বর্ণ মন্দিরের কাছে ফের বিস্ফোরণ, গ্রেফতার ৫

    Amritsar: ৭ দিনে ৩ বার! অমৃতসরের স্বর্ণ মন্দিরের কাছে ফের বিস্ফোরণ, গ্রেফতার ৫

    মাধ্যম নিউজ ডেস্ক: পাঞ্জাবের (Punjab) স্বর্ণ মন্দিরের (Golden Temple) কাছে আবার বিস্ফোরণ (Blast)। বুধবার মধ্য রাতে অমৃতসরে (Amritsar) স্বর্ণ মন্দিরের কাছে বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়। এই নিয়ে স্বর্ণ মন্দিরের কাছে গত এক সপ্তাহে তৃতীয়বার বিস্ফোরণ হল। ক্রুড বোমা (Crude Bomb) বিস্ফোরণ করানো হয়েছিল বলে অনুমান। ইতিমধ্যেই পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, স্বর্ণ মন্দিরের কাছে অশান্তি সৃষ্টি করাই তাঁদের লক্ষ্য ছিল।

    হতাহতের খবর নেই

    পুলিশ সূত্রে খবর, রাত সওয়া ১২টা থেকে সাড়ে ১২টার মধ্যে স্বর্ণমন্দির এলাকার শ্রী গুরু রামদাস নিবাসের কাছে বিস্ফোরণ ঘটে। হরমন্দির সাহিবের কাছে যে উদ্যান রয়েছে, তার সামনের গলিপথেই বিস্ফোরণের শব্দ শোনা যায়। তবে হতাহতের কোনও খবর নেই বলে পাঞ্জাব পুলিশ সূত্রে খবর। খবর পেয়ে ঘটনাস্থলে যায় স্থানীয় পুলিশ এবং দমকল। পুলিশ স্বর্ণ মন্দির সহ গোটা এলাকা ঘিরে ফেলেছে। যে ঘরে বিস্ফোরণ হয়, সেখানে দুই ব্যক্তি ও এক মহিলা ছিলেন। তাদের ইতিমধ্যেই জেরা করা শুরু করেছে পুলিশ। এই ঘটনার পিছনে বড় কোনও নাশকতার ছক ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তবে এখনও অবধি কোনও সন্ত্রাসবাদী সংগঠন এই বিস্ফোরণের দায় স্বীকার করেনি বলেই জানা গিয়েছে।

    আরও পড়ুন: বিশ্বভারতীর মুকুটে নয়া পালক! বিশ্বে প্রথম হেরিটেজ বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতি

    তদন্তে পাঞ্জাব পুলিশ

    এই প্রথম বার নয়, সাত দিনের মধ্যে পর পর তিন বার স্বর্ণ মন্দির (Amritsar) এলাকায় বিস্ফোরণ হয়েছে। চলতি বছরের ৬ মে স্বর্ণ মন্দিরের কাছে হেরিটেজ সরণিতে প্রথম বিস্ফোরণ হয়। তার ঠিক দু’দিন পর একই এলাকায় আবার বিস্ফোরণের প্রবল শব্দ পাওয়া যায়। গত ৬ মে-র বিস্ফোরণের ঘটনায় ৬ জন আহত হন। বেশ কিছু বিল্ডিংয়ের কাঁচ ভেঙে যায় বিস্ফোরণের জেরে। এর ৩০ ঘণ্টা বাদেই ফের আরেকটি বিস্ফোরণ হয়। তবে এই বিস্ফোরণের মাত্রা কিছুটা কম ছিল। ওই বিস্ফোরণে ১জন আহত হন। ঘটনাস্থল পরিদর্শন করে যায় এনআইএ-র দলও। পুলিশের দাবি, বিস্ফোরণের পর ঘটনাস্থল থেকে কিছু লিফলেট পাওয়া গিয়েছে। বোমা ফাটার পর তার অবশিষ্টাংশও উদ্ধার করেছে পুলিশ। এই বিস্ফোরণগুলির নেপথ্যে কার হাত রয়েছে, তা জানার জন্য তদন্ত চলছে। পাঞ্জাব পুলিশ ইতিমধ্যেই পাঁচ জনকে গ্রেফতার করেছে। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Karnataka Assembly: পড়ল রেকর্ড ভোট, ত্রিশঙ্কু হবে কর্নাটক বিধানসভা?

    Karnataka Assembly: পড়ল রেকর্ড ভোট, ত্রিশঙ্কু হবে কর্নাটক বিধানসভা?

    মাধ্যম নিউজ ডেস্ক: বুধবার নির্বিঘ্নেই শেষ হল কর্নাটক বিধানসভা (Karnataka Assembly) নির্বাচন। ভোট হয়েছে বিধানসভার ২২৪টি আসনেই। বিকেল ৫টা পর্যন্ত ভোট পড়েছে ৬৫.৬৯ শতাংশ। নির্বাচনের ফল বেরবে ১৩ মে। তবে এবার বিধানসভা হতে পারে ত্রিশঙ্কু। পাঁচটি এক্সিট পোলের (Exit Poll) ইঙ্গিত অন্তত তাই। কিংমেকার হতে পারে এইচডি কুমারস্বামীর জনতা দল সেকুলার। যে দল ক্ষমতায় আসবে, তাদের পেতে হবে ম্যাজিক ফিগার ১১৩টি আসন।

    কর্নাটক বিধানসভা (Karnataka Assembly) নির্বাচন…

    এবিপি নিউজ-সি ভোটারের (Karnataka Assembly) সমীক্ষা অনুযায়ী বিজেপি পেতে পারে ৮৩-৯৫টি আসন। কংগ্রেস পেতে পারে ১০০-১১২টি আসন। কুমারস্বামীর দল পেতে পারে ২১-২৯টি আসন। অন্যদের ভাগ্যে জুটতে পারে ২-৬টি আসন। ইন্ডিয়া টিভি-সিএনএক্সের সমীক্ষা অনুযায়ী বিজেপি পেতে পারে ৮০-৯০টি, কংগ্রেস ১১০-১২০টি, কুমারস্বামীর দল ২০-২৪টি এবং অন্যরা ১-৩টি আসন। নিউজ নেশান-সিজিএসের ভবিষ্যদ্বাণী, বিজেপি পেতে পারে ১১৪টি, কংগ্রেস ৮৬টি, কুমারস্বামীর দল ২১টি এবং অন্যরা ৩টি আসন। রিপাবলিক টিভি-পি এমএআরকিউয়ের সমীক্ষা অনুযায়ী, বিজেপি ৮৫-১০০টি, কংগ্রেস ৯৪-১০৮টি, কুমারস্বামীর দল ২৪-৩২টি এবং অন্যরা ২-৬টি আসন পেতে পারে।

    সুবর্ণ নিউজ-জন কি বাতের মতে, বিজেপি পেতে পারে ৯৪-১১৭টি, কংগ্রেস ৯১-১০৬টি, কুমারস্বামীর দল ১৪-২৪টি এবং অন্যরা ০-২টি আসন পেতে পারে। টাইমস নাও-ইটিজির সমীক্ষায় প্রকাশ, বিজেপি ৮৫টি, কংগ্রেস ১১৩টি, কুমারস্বামীর দল ২৩টি এবং অন্যরা ৩টি আসন পেতে পারে। টিভি ৯ ভারতবর্ষ-পোল্সট্রাটের (Karnataka Assembly) সমীক্ষায় প্রকাশ, বিজেপি পেতে পারে ৮৮-৮৯টি, কংগ্রেস ৯৯-১০৯টি, কুমারস্বামীর দল ২১-২৬টি এবং অন্যরা ০-৪টি আসন। জি নিউজ মার্টিজের সমীক্ষায় প্রকাশ, বিজেপি পেতে পারে ৭৯-৯৪টি, কংগ্রেস ১০৩-১১৮টি, কুমারস্বামীর দল ২৫-৩৩টি এবং অন্যরা পেতে পারে ২-৫টি আসন।

    আরও পড়ুুন: ইমরানকে খুনের ষড়যন্ত্রের অভিযোগ, পাকিস্তানে এমন ঘটনা ঘটেছে আগেও

    কর্নাটকের (Karnataka Assembly) শাসন ক্ষমতায় রয়েছে বিজেপি। বিরোধী দল কংগ্রেস। লড়াইয়ের ময়দানে রয়েছে কুমারস্বামীর দল। রয়েছে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টিও। তবে এক্সিট পোলের ভবিষ্যদ্বাণী মিললে এবার ত্রিশঙ্কু হতে চলেছে বিধানসভা। যদিও কুমারস্বামীর দল যাদের সঙ্গ নেবে, শেষ হাসি হাসবে তারাই।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Mamata Banerjee: নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি! মমতাকে আইনি নোটিস বিবেক অগ্নিহোত্রীর

    Mamata Banerjee: নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি! মমতাকে আইনি নোটিস বিবেক অগ্নিহোত্রীর

    মাধ্যম নিউজ ডেস্ক: মানহানির মামলা করার হুঁশিয়ারি দিয়েছিলেন আগেই, এবার মমতাকে আইনি নোটিস পাঠালেন ‘দ্য কাশ্মীর ফাইল্‌স’(The Kashmir Files)-এর পরিচালক বিবেক অগ্নিহোত্রী (Vivek Agnihotri)। তাঁর মন্তব্যের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) নিঃশর্ত ক্ষমা চাওয়ারও দাবি জানিয়েছেন পরিচালক।

    নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি

    ‘দ্য কেরালা স্টোরি’ প্রসঙ্গে বলতে গিয়ে ‘দ্য কাশ্মীর ফাইল্‌স’ প্রসঙ্গও টেনে আনেন মমতা। একটি বিশেষ সম্প্রদায়কে হেনস্থা করার জন্য তৈরি করা হয়েছে ‘দ্য কাশ্মীর ফাইল্‌স’, মন্তব্য করেন তিনি। মমতার এই বক্তব্যের তীব্র বিরোধিতা করে সোমবারই সমাজমাধ্যমের পাতায় তোপ দেগেছিলেন বিবেক। মঙ্গলবার মমতাকে আইনি নোটিস পাঠান তিনি। সমাজমাধ্যমের পাতায় সে কথা জানিয়ে বিবেক লেখেন, ‘‘বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর সম্পূর্ণ ভুল ও আপত্তিকর মন্তব্যের দ্বারা ‘দ্য কাশ্মীর ফাইল্‌স’ ও আমাদের আগামী ছবি ‘দ্য দিল্লি ফাইল্‌স’-এর ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছেন। এই মর্মে আমি, অভিষেক আগরওয়াল ও পল্লবী জোশী তাঁকে আইনি নোটিস পাঠিয়েছি।’’

    পরিচালক বিবেক অগ্নিহোত্রী আরও জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ‘দ্য কেরালা স্টোরি’, ‘দ্য কাশ্মীর ফাইলস’ সিনেমাকে ‘ষড়যন্ত্র’ এবং বেশিরভাগ অংশ ‘কাল্পনিক ও পরিকল্পিত’ বলে উল্লেখ করেছেন। এই মন্তব্য তুলে ধরে মুখ্যমন্ত্রীকে পাঠানো আইনি নোটিস পাঠিয়ে বলা হয়েছে, “আপনি একই ট্যুইট করেছেন এবং সিনেমার নাম না নিয়ে বিধানসভায় বিবৃতিও দিয়েছেন। আপনি আরও বলেছেন যে, অশান্তি সৃষ্টির ষড়যন্ত্র করে সিনেমাটি তৈরি করা রয়েছে। আপনিও জনগণকে সিনেমাটি না দেখার আহ্বান জানিয়েছেন।”

    আরও পড়ুন: ‘দ্য কেরালা স্টোরি’ আচমকা না দেখানোয় ক্ষুব্ধ দর্শকরা, হলের সামনে বিক্ষোভে বিজেপি, ধস্তাধস্তি

    মুখ্যমন্ত্রীর এহেন মন্তব্যে চলচ্চিত্র নির্মাতাদের “সমস্ত কঠোর পরিশ্রম, প্রতিশ্রুতি, সত্যতা” ক্ষতিগ্রস্থ হয়েছে, যা ‘অপূরণীয়’ বলেও দাবি জানিয়েছেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী। তাই এই ধরনের মন্তব্যের সমর্থনে হয় যথার্থ প্রমাণ দেওয়া অথবা মুখ্যমন্ত্রীকে অভিযোগ প্রত্যাহার করে নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি জানানো হয়েছে আইনি নোটিসে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

     

  • Karnataka Assembly Election 2023: সকাল থেকে ভোটদাতাদের লম্বা লাইন! কর্নাটকে শুরু ভোটগ্রহণ

    Karnataka Assembly Election 2023: সকাল থেকে ভোটদাতাদের লম্বা লাইন! কর্নাটকে শুরু ভোটগ্রহণ

    মাধ্যম নিউজ ডেস্ক: ২২৪ আসনের কর্নাটক বিধানসভায় শুরু হল ভোটগ্রহণ। কড়া নিরাপত্তার মধ্যে এক দফাতেই হচ্ছে নির্বাচন। বুধবার সকাল ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। সকাল থেকেই রাজ্যের প্রতিটি বুথে দেখা গিয়েছে ভোটারদের লম্বা লাইন। ভোট গণনা হবে আগামী শনিবার (১৩ মে)। 

    ক্ষমতা দখলের লড়াই

    এবারের কর্নাটকে ক্ষমতা দখলের লড়াইতে রয়েছে তিন দল। ক্ষমতাসীন বিজেপির বিরুদ্ধে প্রার্থী দিয়েছে কংগ্রেস ও জনতা দল (সেকুলার) বা JD (S)। ভোটে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ২ হাজার ৬১৫ জন প্রার্থী। কর্নাটকে মোট ভোটারের সংখ্যা ৫ কোটি ৩১ লাখ ৩৩ হাজার ৫৪। তাঁদের মধ্যে প্রথম বারের ভোটারের সংখ্যা ১১ লক্ষ ৭১ হাজার। মোট ভোটারদের মধ্যে প্রায় ২ কোটি ৬৬ লক্ষ পুরুষ এবং ২ কোটি ৬২ লক্ষ মহিলা। বিপুল সংখ্যক ভোটার ৫৮ হাজার ৫৪৫টি বুথে ভোট দেবেন। এদিন সকাল সকাল ভোট দেন অভিনেতা প্রকাশ রাজ। বেঙ্গালুরুর একটি বুথে ভোট দেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। প্রার্থীদের মধ্যে অনেকে আবার সকালে বিভিন্ন মন্দিরে পুজোও দেন। গুরুত্বপূর্ণ প্রার্থীদের মধ্যে রয়েছেন মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই, বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক সিটি রবি, প্রদেশ কংগ্রেস সভাপতি ডিকে শিবকুমার এবং তিন প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া (কংগ্রেস), জগদীশ শেট্টার (কংগ্রেস) এবং এইচডি কুমারস্বামী (জেডি-এস)।

    প্রধানমন্ত্রীর আর্জি

    কর্নাটকের জনগণকে, বিশেষ করে বিপুল সংখ্যক তরুণ এবং প্রথমবারের ভোটারদের ভোটদানের মাধ্যমে গণতন্ত্রের উৎসবকে সমৃদ্ধ করার জন্য আর্জি জানিয়ে এদিন সকালে ট্যুইট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। উল্লেখ্য, ভোটের মুখে বুধবার কর্নাটকবাসীকে খোলা চিঠি দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে নমো কর্নাটকবাসীর স্বপ্নকেই তাঁর স্বপ্ন বলে উল্লেখ করেছেন। 

    কর্নাটকবাসীকে ‘সুশাসন ও উন্নয়ন’-র জন্য বিপুল সংখ্যায় ভোট দিতে আর্জি জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। “কর্নাটকের সমস্ত ভাই-বোনদের কাছে আবেদন, নির্বাচনের দিন ঘর থেকে বেরিয়ে ভোট দিন। আপনাদের একটা ভোটই উন্নয়নশীল সরকার গঠনে পাথেয় হবে। রাজ্যকে নতুন দিশা দেখাবে।” ট্যুইটে লেখেন শাহ।

  • Lithium Found in India: জম্মু-কাশ্মীরের পরে লিথিয়ামের বিপুল ভান্ডারের হদিশ মিলল! কোথায়?

    Lithium Found in India: জম্মু-কাশ্মীরের পরে লিথিয়ামের বিপুল ভান্ডারের হদিশ মিলল! কোথায়?

    মাধ্যম নিউজ ডেস্ক: জম্মু-কাশ্মীরের পর ফের দেশে লিথিয়ামের বড়সড় ভান্ডারের (Lithium Found in India) সন্ধান পেল জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। আধিকারিকরা জানাচ্ছেন, রাজস্থানে রিয়াসি জেলায় পাওয়া এই নতুন লিথিয়ামের ভান্ডার (Lithium Found in India) জম্মু-কাশ্মীরের থেকেও সম্ভবত বেশি হতে চলেছে। বিশেষজ্ঞরা বলছেন, লিথিয়ামের এই বিপুল ভান্ডারের সন্ধান মেলায় এর প্রভাব রাজস্থানের দেগানা অঞ্চলের অর্থনীতিতে ব্যাপকভাবে পড়তে পারে। প্রসঙ্গত চলতি বছরের ফেব্রুয়ারি মাসেই জম্মু-কাশ্মীরে দেশের মধ্যে প্রথম লিথিয়াম খনির সন্ধান মিলেছিল। বিশেষজ্ঞদের মতে, যে পরিমাণে লিথিয়াম মজুদ রয়েছে রাজস্থানে তাতে দেশের মোট চাহিদার ৮০ শতাংশই মিটতে পারে। শোনা যাচ্ছে, মোট ৫৯ লক্ষ টন লিথিয়ামের সন্ধান এখানে পাওয়া গেছে। জানা গেছে, জম্মু-কাশ্মীরে বিপুল ভাণ্ডারের সন্ধান পাওয়ার পরেই দেশজুড়ে লিথিয়ামের খোঁজ শুরু হয়, সেই সন্ধানেই সাফল্য মিলল রাজস্থানে।

    লিথিয়ামের ব্যবহার

    লিথিয়াম হল একধরনের হালকা এবং নরম ধাতু। বর্তমান যুগে ব্যাটারির চাহিদা প্রচুর রয়েছে। ব্যাটারি চালিত স্কুটি, স্মার্টফোন অথবা ব্যাটারির দ্বারা বাড়িতে বিদ্যুৎ সংযোগ, এ সমস্ত কিছুই রয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন যে বিপুল পরিমাণে লিথিয়ামের ভান্ডারের (Lithium Found in India) সন্ধান দেশের জম্মু-কাশ্মীর এবং রাজস্থানে মিলল তাতে ব্যাটারি চালিত যে কোনও কিছু সরঞ্জামের দাম কমতে পারে। ব্যাটারি চালিত সরঞ্জামের ব্যবহারে এখন সরকারও জোর দিচ্ছে। তার কারণ এতে কোন রকমের দূষণ ছড়ায় না। তবে বিশেষজ্ঞরা এও জানাচ্ছেন যে, লিথিয়াম খনি থেকে উত্তোলন করার সময় প্রয়োজন হয় প্রচুর পরিমাণ জলের এবং এর ফলে বায়ুমন্ডলে প্রচুর পরিমাণে কার্বন ডাই অক্সাইড গ্যাসও নির্গত হয়। যা পরিবেশের ক্ষতি করে।

    সবথেকে বেশি পরিমাণ লিথিয়াম রয়েছে অস্ট্রেলিয়ায়

    পরিসংখ্যান বলছে সারা বিশ্বের মোট ৪৭ শতাংশ লিথিয়াম অস্ট্রেলিয়াতে পাওয়া যায়। চিলিতে পাওয়া যায় ৩০ শতাংশ লিথিয়াম। চিন ১৫ শতাংশ লিথিয়াম উত্তোলন করে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • India: ফের বিশ্ব জুড়ে মন্দার অশনি সংকেত! ভারতেও কি প্রভাব পড়বে?

    India: ফের বিশ্ব জুড়ে মন্দার অশনি সংকেত! ভারতেও কি প্রভাব পড়বে?

    মাধ্যম নিউজ ডেস্ক: ফের শোনা যাচ্ছে মন্দার (Recession) পদধ্বনি! সম্প্রতি একটি রিপোর্ট প্রকাশ করেছে ওয়ার্ল্ড অফ স্ট্যাটিসটিকস। সেখানেই মিলেছে মন্দার অশনি সংকেত। ইতিমধ্যেই গোটা বিশ্বে একবার ধাক্কা দিয়েছে মন্দা। বহু কোম্পানি বন্ধ হয়ে গিয়েছে। কর্মী ছাঁটাই করে মন্দার মোকাবিলা করার চেষ্টা করছেন বহু কোম্পানির মালিক। এমতাবস্থায় ফের ভয়ঙ্কর আশঙ্কার কথা শোনাল ওই রিপোর্ট। ওয়ার্ল্ড অফ স্ট্যাটিসটিকসের রিপোর্ট থেকে জানা গিয়েছে, মন্দার সব চেয়ে বেশি প্রভাব পড়বে ব্রিটেনে (Britain)। এখানে মন্দা হতে পারে ৭৫ শতাংশ।

    ভারতের (India) আশঙ্কা কত?

    ভারতীয় (India) বংশোদ্ভূত প্রধানমন্ত্রী ঋষি সুনকের দেশের পরেই জায়গা হয়েছে নিউজিল্যান্ডের। এখানে মন্দার প্রভাব হতে পারে ৭০ শতাংশ। তিন নম্বরে রয়েছে জো বাইডেনের আমেরিকা। এখানে মন্দার প্রভাব পড়ার সম্ভাবনা ৬৫ শতাংশ। ইউরোপের আর এক দেশ ফ্রান্সেও মন্দার আশঙ্কা রয়েছে। তবে তা ব্রিটেনের মতো নয়। এখানে মন্দার প্রভাব পড়তে পারে ৫০ শতাংশ। ৬০ শতাংশ মন্দার প্রভাব পড়তে পারে কানাডা, ইতালি এবং জার্মানিতে। মন্দার অশনি সংকেত দেখা দিতে পারে দক্ষিণ আফ্রিকায়ও। এখানে মন্দার প্রভাব ৪৫ শতাংশ।

    ওয়ার্ল্ড অফ স্ট্যাটিসটিকসের ওই রিপোর্ট থেকেই জানা গিয়েছে, অস্ট্রেলিয়ায় মন্দার আশঙ্কা রয়েছে ৪০ শতাংশ। রাশিয়ায় ৩৭.৫ শতাংশ। রাশিয়ার নীচে রয়েছে এশিয়ার দেশ জাপান। উদীয়মান সূর্যের এই দেশে মন্দার আশঙ্কা ৩৫ শতাংশ। দক্ষিণ কোরিয়ায় মন্দার সম্ভাবনা ৩০ শতাংশ। মেক্সিকোয় এই আশঙ্কা ২৭.৫ শতাংশ। স্পেনে মন্দার আশঙ্কা ২৫ শতাংশ। মন্দার কবলে পড়তে পারে সুইজারল্যান্ডও। এখানে মন্দার আশঙ্কা ২০ শতাংশ। ব্রাজিলে এই সম্ভাবনা ১৫ শতাংশ। এশিয়ার আর একটি দেশ চিনে মন্দার প্রভাব পড়তে পারে ১২.৫ শতাংশ।

    তবে এই তালিকায় নেই নরেন্দ্র মোদির ভারত (India)। ওয়ার্ল্ড অফ স্ট্যাটিসটিকসের রিপোর্ট থেকেই জানা গিয়েছে, ভারতে মন্দার আশঙ্কা শূন্য। দ্বীপরাষ্ট্র ইন্দোনেশিয়ায় মন্দার প্রভাব পড়তে পারে ২ শতাংশ। সৌদি আরবে এটাই হতে পারে ৫ শতাংশ। জানা গিয়েছে, চলতি বছর এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বিশ্বের প্রধান অঞ্চলগুলির মধ্যে সব চেয়ে বেশি গতিশীল হবে। এতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে চিন ও ভারত (India)। আইএমএফের প্রতিবেদনে বলা হয়েছে, এ অঞ্চলের এই দুটি বৃহত্তম ও উদীয়মান অর্থনীতি চলতি বছরের বৈশ্বিক প্রবৃদ্ধির প্রায় অর্ধেক অবদান রাখবে। বাকি অর্ধেকের এক পঞ্চমাংশ হবে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

LinkedIn
Share