Category: দেশ

Get updates on India News Headlines National News from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • Taj Mahal: গত ৪৫ বছরে এই প্রথম! তাজমহলের দেওয়াল ছুঁল যমুনার জল

    Taj Mahal: গত ৪৫ বছরে এই প্রথম! তাজমহলের দেওয়াল ছুঁল যমুনার জল

    মাধ্যম নিউজ ডেস্ক: তাজমহলের (Taj Mahal) দেওয়ালে ধাক্কা মারছে যমুনার ঢেউ। এমন ঘটনা অনেকের কাছেই কাল্পনিক মনে হতে পারে। কিন্তু এটাই বাস্তব। ৪৫ বছরে এই প্রথমবার যমুনার জল পৌঁছে গেল তাজমহলের দোরগোড়ায়। শেষবার এই ছবি দেখা গিয়েছিল ১৯৭৮ সালে। তাজমহল চত্ত্বরে ঢুকে গিয়েছিল যমুনা নদীর জল। তারপর কেটে গিয়েছে সাড়ে চার দশক। তাজমহলের পাশের শান্ত যমুনা যে হঠাৎই এমন ভয়াবহ রূপ ধারণ করবে, তা স্থানীয় বাসিন্দাদের কাছে ছিল অকল্পনীয়।

    ভাসছে উত্তরভারত

    গোটা উত্তরভারত জুড়ে গত কয়েক সপ্তাহ ধরে চলছে প্রবল বৃষ্টিপাত। তার জেরে যমুনার জলস্তর এক ধাক্কায় অনেকটা বেড়ে গিয়েছে। যা টপকে গিয়েছে বিপদসীমার রেখাও। তার ফলে প্লাবিত হয়েছে রাজধানীর বিভিন্ন এলাকা। জল থৈ থৈ লালকেলা চত্বরের ছবি ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। প্লাবিত হয়েছিল দিল্লর সবচেয়ে বড় শ্মশান নিগমবোধ ঘাটও। এবার যমুনার জল ঢুকে পড়ল তাজমহলে। তবে এর ফলে বড় কোনও বিপদের সংকেত এখনও পাওয়া যায়নি।

    কী বলছে এএসআই

    এদিকে, তাজমহল (Taj Mahal) চত্বর জলে ভেসে যাওয়া চিন্তায় পড়েছেন ইতিহাসবিদরাও। ইতিমধ্যে পরিস্থিতি খতিয়ে দেখেছেন আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার প্রতিনিধিরা। তাঁরা জানাচ্ছেন, এখনও পর্যন্ত দুশ্চিন্তার কোনও কারণ নেই। এখনও তাজমহলের বেসমেন্ট পর্যন্ত জল প্রবেশ করেনি। তবে যমুনার বাড়তে থাকা জলস্তরের দিকে নজর রাখছেন তাঁরা। আগামীদিনে বিপদ বাড়তে পারে কি না, তা নিয়ে কাটাছেড়া চলছে। তবে তাজমহলের দেওয়াল স্পর্শ করে ফেলেছে যমুনার জল। আকির্ওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, তাজমহলের বেসমেনেট এখনও জল ঢোকেনি। তাজমহলে এএসআই-এর সংরক্ষণ সহকারী প্রিন্স বাজপেয়ী বলেন, ‘বন্যার প্রবল জলোচ্ছ্বাসেও তাজমহলের মূল স্মৃতিসৌধের মধ্যে জল ঢুকতে পারবে না। কারণ, সেই মতো পরিকল্পনা করেই তা বানানো হয়েছে।’

    আরও পড়ুন: ‘মণিপুরকে বাঁচান’! উদ্বিগ্ন অলিম্পিয়ান মীরাবাঈ চানুর চিঠি প্রধানমন্ত্রীকে

    ১৯৭৮ সালে শেষ বার যমুনার জল তাজমহলের (Taj Mahal) পিছনের দেওয়ালে ধাক্কা মেরেছিল। তখন যমুনার জলস্তর ছিল ২০৭.৪৯ মিটার। গত সপ্তাহে সেই রেকর্ড অবশ্য ভেঙে গিয়েছে। যমুনার জলস্তর পৌঁছে গিয়েছিল ২০৮.৬৬ মিটার। তার পরেও সুরক্ষিত তাজমহল। তবে নতুন করে প্রবল বর্ষণ না হলে আপাতত ভয়ের কিছু দেখছেন না বিশেষজ্ঞরা।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Mirabai Chanu: ‘মণিপুরকে বাঁচান’! উদ্বিগ্ন অলিম্পিয়ান মীরাবাঈ চানুর চিঠি প্রধানমন্ত্রীকে

    Mirabai Chanu: ‘মণিপুরকে বাঁচান’! উদ্বিগ্ন অলিম্পিয়ান মীরাবাঈ চানুর চিঠি প্রধানমন্ত্রীকে

    মাধ্যম নিউজ ডেস্ক: মণিপুরে শান্তি (Manipur Violence) ফেরানোর আবেদন জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)-কে চিঠি লিখলেন অলিম্পিক চ্যাম্পিয়ন মীরাবাই চানু (Mirabai Chanu)। অলিম্পিয়াড মীরাবাঈ চানু বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রশিক্ষণে রয়েছেন। তবে বিদেশে থাকলেও নিজের রাজ্যের পরিস্থিতি নিয়ে বিশেষ উদ্বিগ্ন তিনি। 

    প্রধানমন্ত্রীকে আবেদন

    মার্কিন যুক্তরাষ্ট্র থেকেই সরাসরি দিল্লিতে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন মীরাবাঈ চানু (Mirabai Chanu)। চিঠিতে তিনি মণিপুরের অশান্তি (Manipur Violence) থামানোর জন্য বিশেষ পদক্ষেপ করার আবেদন জানিয়েছেন। এব্যাপারে নিজের ট্যুইটার হ্যান্ডেলে একটি ভিডিয়ো-বার্তাও দিয়েছেন তিনি। ১ মিনিট ১০ সেকেন্ডের একটি ভিডিয়ো প্রকাশ করেছেন মীরাবাঈ। তিনি বলছেন, “মণিপুরে সংঘাতের তিন মাস পূর্ণ হতে চলেছে, কিন্তু এখনও শান্তি ফিরে আসেনি। এই সংঘাতের কারণে অনেক খেলোয়াড় প্রশিক্ষণ নিতে পারেননি, শিশুদের পড়াশোনাও বাধাগ্রস্ত হচ্ছে। অনেকে প্রাণ হারিয়েছেন এবং অনেক ঘরবাড়ি ধ্বংস হয়েছে। পুড়ে গিয়েছে।” এরপরই প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আবেদন জানিয়ে তিনি বলেন, “প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আমি আবেদন করতে চাই যে, যত তাড়াতাড়ি সম্ভব এই সংঘাতের অবসান ঘটান এবং মণিপুরের সমস্ত মানুষকে বাঁচাতে এবং শান্তি ফিরিয়ে আনতে পদক্ষেপ করুন।”

    আরও পড়ুন: বিশ্বের প্রথম হোমিওপ্যাথিক মিউজিয়াম হবে কলকাতায়, কেন্দ্রীয় মন্ত্রীর সামনে ঘোষণা

    ভাইরাল চানুর ভিডিয়ো

    ভিডিওবার্তায় চানু (Mirabai Chanu) বলেন, “আসন্ন ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ এবং এশিয়ান গেমসের প্রশিক্ষণের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে থাকলেও আমার বাড়ি মণিপুরে। আমি মণিপুরে না থাকলেও সেখানকার পরিস্থিতি নিয়ে আমি সবসময় চিন্তিত, কবে এই সংঘাতের অবসান ঘটবে।” সোশ্যাল মিডিয়ায় ক্রমশ ভাইরাল হচ্ছে মীরাবাই চানুর এই ভিডিয়ো। মণিপুরে (Manipur Violence) গত কয়েক মাস ধরেই কুকি ও মেইতেই দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ চলছে। এখনও তা পুরোপুরি থামেনি। তবে আগের থেকে পরিস্থিতি অনেকটা স্বাভাবিক বলে জাবি করছে মণিপুর সরকার। ভারতের উত্তর-পূর্বের এই রাজ্যটিতে শান্তি ফেরাতে বদ্ধ পরিকর কেন্দ্র।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Bharat Dal: দেশবাসীর পাতে প্রোটিন দিতে সস্তায় ‘ভারত ডাল’ দেবে কেন্দ্র, দাম কত জানেন?

    Bharat Dal: দেশবাসীর পাতে প্রোটিন দিতে সস্তায় ‘ভারত ডাল’ দেবে কেন্দ্র, দাম কত জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: চিনি, কেরোসিনে ভর্তুকি দেওয়া চলছে। রেশনের মাধ্যমে তা পৌঁছে দেওয়া হয় দেশের প্রতিটি ঘরে। এবার দেশের প্রতিটি ঘরে ভর্তুকি যুক্ত ছোলার ডাল পৌঁছে দিতে উদ্যোগী হল কেন্দ্র। সোমবার এই প্রকল্পের সূচনা করেন কেন্দ্রীয় খাদ্য ও গণবণ্টন মন্ত্রী পীযূষ গয়াল। ডালের নাম দেওয়া হয়েছে ভারত ডাল (Bharat Dal)। ডাল মিলবে ৬০ টাকা কেজি দরে। ভর্তুকিযুক্ত এই ডাল বিক্রি করছে ন্যাশনাল এগ্রিকালচারাল কো-অপারেটিভ মার্কেটিং ফেডারেশন।

    সস্তায় ডাল

    তবে এক কেজি ডালের দাম ৬০ টাকা হলেও, বেশি ডাল নিলে মিলবে আরও ছাড়। এক সঙ্গে যাঁরা ৩০ কেজি ডাল কিনবেন, প্রতি কেজি বাবদ তাঁদের দিতে হবে ৫৫ টাকা করে। কেন্দ্রীয় মন্ত্রী বলেন, এনসিসিএফ, কেন্দ্রীয় ভান্ডার এবং মাদার ডেয়ারির আউটলেট থেকেও এই ব্যান্ডের ছোলার ডাল খুচরো বিক্রি হবে। সাধারণভাবে খুচরো ক্রেতাদের জন্য কেজি প্রতি ৬০ টাকা (Bharat Dal) দাম হলেও, একত্রে ৩০ কেজি কিনলে দর পড়বে কেজি প্রতি ৫৫ টাকা।

    মন্ত্রীর বক্তব্য

    তিনি বলেন, কেন্দ্র ভারত ডাল নিয়ে এসেছে, কারণ ডাল যেন সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে। মন্ত্রকের তরফে বলা হয়েছে, রাজ্য সরকারগুলিও ওয়েলফেয়ার স্কিমে চানা ডাল পাবে। পুলিশ, জেল এবং কনজিউমার কো-অপারেটিভ আউটলেটগুলোকেও সরবরাহ করা হবে ভারত ডাল।

    ২০১৪ সালে কেন্দ্রের ক্ষমতায় আসার পর দেশবাসীর জন্য নানা জনমুখী প্রকল্প হাতে নিয়েছে নরেন্দ্র মোদির সরকার। দেশের আমজনতা যাতে সস্তায় খাদ্যসামগ্রী পায়, সেজন্য রেশন সামগ্রীতে বাড়িয়েছে ভর্তুকির পরিমাণ। করোনা অতিমারিকালে নিখরচায় বিলিয়েছে চাল। যেহেতু সস্তায় বেশি প্রোটিন পেতে দেশের সিংহভাগ মানুষ ডালের (Bharat Dal) ওপর নির্ভর করেন, তাই এবার ডালে ভর্তুকি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। দেশবাসীর একটা বড় অংশই নিরামিষ ডাল পছন্দ করেন। সেই কারণেই মুসুরির ডালে ভর্তুকি না দিয়ে সহজলভ্য করে তোলা হচ্ছে ছোলার ডালকে। সস্তায় যে ডাল পেলে উপকৃত হবেন দেশের বেশিরভাগ বাসিন্দাই।

    আরও পড়ুুন: পঞ্চায়েতে নারী নির্যাতন! সত্য সন্ধানে ৫ মহিলা সাংসদকে রাজ্যে পাঠাচ্ছে বিজেপি

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • JP Nadda: এনডিএ-র বৈঠকে ৩৮টি দল! শরিকদের সঙ্গে বসার আগে হুঙ্কার নাড্ডার

    JP Nadda: এনডিএ-র বৈঠকে ৩৮টি দল! শরিকদের সঙ্গে বসার আগে হুঙ্কার নাড্ডার

    মাধ্যম নিউজ ডেস্ক: লোকসভা নির্বাচনকে সামনে রেখে এনডিএ (NDA meeting) শরিকদের নিয়ে  আজ, মঙ্গলবার বৈঠকে বসছে বিজেপি। শাসক না বিরোধী, কার জোর বেশি? এই পরীক্ষার সহজ হিসেব বুঝিয়ে দিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। ২৬টি বিরোধী দল যখন বেঙ্গালুরুতে বৈঠকে বসেছে, তখন তিনি মনে করিয়ে দিয়েছেন, এনডিএ জোটে রয়েছে ৩৮টি দল। উন্নয়নের নিরিখে মানুষ সেই জোটকেই আরও একবার বেছে নেবেন বলে মন্তব্য করেছেন নাড্ডা (JP Nadda)।

    শরিকদের সঙ্গে বৈঠকে বিজেপি

    মঙ্গলবার শরিক দলগুলিকে নিয়ে দিল্লিতে বৈঠকে বসবে বিজেপি। আজ, এনডিএ জোট শরিকদের এই বৈঠক হবে নয়াদিল্লির অশোকা হোটেলে। তার আগে মুখোমুখি হয়ে জে পি নাড্ডা (JP Nadda) বলেন, গত ৯ বছর ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে সুশাসন চলেছে দেশে। আগামী দিনেও সেটাই জারি থাকবে। তিনি উল্লেখ করেন, বিজেপির একটা অ্যাজেন্ডা আছে। যাঁরা সেই অ্যাজেন্ডা মানতে চাইবে, তারা যোগ দিতে পারে। আত্মবিশ্বাসের সঙ্গে তিনি বলেন, ‘দেশ আবারও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকারকেই নির্বাচিত করবে।’

    আরও পড়ুন: পঞ্চায়েতে নারী নির্যাতন! সত্য সন্ধানে ৫ মহিলা সাংসদকে রাজ্যে পাঠাচ্ছে বিজেপি

    বিরোধীদের কটাক্ষ নাড্ডার

    বিরোধী দলগুলির বৈঠককে (NDA meeting) কটাক্ষ করে নাড্ডার দাবি, ওই বৈঠক নেহাতই ছবি তোলার জন্য করা হচ্ছে। তাঁর মতে, ওই দলগুলির না আছে কোনও নেতা, না আছে কোনও পলিসি, না তো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। এদিন নাড্ডা বলেন, “দেশের আমজনতা বুঝে গিয়েছে, বিরোধীদের এই জোট আসলে ২০ লক্ষ কোটি টাকার দুর্নীতি ঢাকার চেষ্টার জোট৷ এদের না আছে নীতি, না আছে আদর্শ৷ আমাদের নীতি স্পষ্ট–সব কা সাথ, সব কা বিকাশ।” সেই লক্ষ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে জোট শরিকরা বিরোধীদের টেক্কা দেওয়ার পথ তৈরি করবেন। লোক জনশক্তি পার্টির রামবিলাস পাসোয়ানের ছেলে চিরাগ পাসোয়ান ইতিমধ্যেই অমিত শাহের সঙ্গে দেখা করে এনডিএ-তে যাগদানের কথা নিশ্চিত করেছেন।  এদিন শাহের সঙ্গে দেখা করার পরে চিরাগের এনডিএ-তে যোগদানের কথা জানিয়েছেন নাড্ডা। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Asian Athletics Championships: এশিয়ান অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপে ২৭ পদক ভারতের, অভিনন্দন-বার্তা মোদির

    Asian Athletics Championships: এশিয়ান অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপে ২৭ পদক ভারতের, অভিনন্দন-বার্তা মোদির

    মাধ্যম নিউজ ডেস্ক: ২৫ তম এশিয়ান অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপে (Asian Athletics Championships) অংশগ্রহণকারী ভারতীয় ক্রীড়াবিদদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রসঙ্গত, তাইল্যান্ডে চলতি মাসের ১২-১৬ তারিখ পর্যন্ত বসেছিল এশিয়ান অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপের আসর। এই প্রতিযোগিতায় ভারতীয় ক্রীড়াবিদরা নিজেদের প্রতিভার স্বাক্ষর সেখানে রাখতে পেরেছেন। মোট ২৭টি মেডেল এনেছেন দেশের খেলোয়াড়রা। প্রসঙ্গত, বিদেশের মাটিতে আয়োজিত কোনও প্রতিযোগিতায় এটাই হল সর্বোচ্চ মেডেল প্রাপ্তি। 

    অভিনন্দন বার্তা প্রধানমন্ত্রী মোদির

    দেশের ক্রীড়াবিদদের সাফল্যে উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী মোদি। এদিন নিজের ট্যুইটার হ্যান্ডেলে প্রধানমন্ত্রী শুভেচ্ছা জানান অ্যাথলিটদের। তিনি লেখেন, দেশের অভূতপূর্ব সাফল্য এসেছে ২৫তম এশিয়ান অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপে (Asian Athletics Championships)। আমাদের অ্যাথলেটিকরা ২৭টি মেডেল জিতেছেন। বিদেশের মাটিতে ভারতীয় ক্রীড়াবিদদের জেতা এটাই সর্বোচ্চ মেডেল। এটা আমাদের গর্বের মুহূর্ত।

    ৬টি সোনা এনেছেন ভারতীয় অ্যাথলিটরা

    প্রসঙ্গত, এই প্রতিযোগিতায় (Asian Athletics Championships) জাপান শীর্ষে রয়েছে। তাদের সংগ্রহে রয়েছে ৩৭টি মেডেল। অন্যদিকে ভারতের ঝুলিতে আসা ২৭টি মডেলের মধ্যে রয়েছে ৬টি সোনা, ১২ টি রুপো, এবং ৯ টি ব্রোঞ্জ। এশিয়ান অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপে ভারতের এই সাফল্য সারাদেশের ক্রীড়ামহলে প্রশংসিত হয়েছে। দেশে মোদি সরকারের আমলে খেলার পরিকাঠামোগত যে উন্নয়ন হয়েছে, তাতেই এমন সাফল্য মিলছে বলে মনে করছেন ক্রীড়া মহলের একাংশ। প্রসঙ্গত, দেশের প্রত্যন্ত এলাকা থেকে অ্যাথলিট তুলে আনতে মোদি সরকার গ্রহণ করে ‘খেলো ইন্ডিয়া’ প্রকল্প।

    আরও পড়ুন: ইন্টার মায়ামির হয়ে জনসমক্ষে এলেন মেসি! বার্ষিক বেতন কত জানেন?

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Jammu & Kashmir: ভারত সরকারের মাইনে নিয়েও রেখেছিলেন জঙ্গি-যোগ, ভূস্বর্গে বরখাস্ত তিন কর্মী

    Jammu & Kashmir: ভারত সরকারের মাইনে নিয়েও রেখেছিলেন জঙ্গি-যোগ, ভূস্বর্গে বরখাস্ত তিন কর্মী

    মাধ্যম নিউজ ডেস্ক: চাকরি করছেন ভারত সরকারের। ফি মাসে মাইনে বাবদ নিচ্ছেন মোটা অঙ্কের টাকাও। অথচ নিয়মিত পাকিস্তানি জঙ্গি সংগঠনের সঙ্গে যোগাযোগ রেখে চলছিলেন জম্মু-কাশ্মীরের (Jammu & Kashmir) তিন সরকারি কর্মী। জঙ্গি-যোগের কথা প্রকাশ্যে আসতেই বরখাস্ত করা হয়েছে ওই তিন কর্মীকে। যে তিনজনকে বরখাস্ত করার কথা জানা গিয়েছে সোমবার, তাঁদের মধ্যে রয়েছেন জম্মু-কাশ্মীর বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ আধিকারিক ফাহিন আসলাম, জম্মু-কাশ্মীর পুলিশের কনস্টেবল আরশিদ আহমেদ থোকের এবং রাজস্ব দফতরের আধিকারিক মুরুয়া হুসেন মির।

    বরখাস্তের কারণ

    জম্মু-কাশ্মীরের উপরাজ্যপাল মনোজ সিনহা তাঁদের বরখাস্ত করেন। সংবিধানের ৩১১ (২)(সি) ধারায় বরখাস্ত করা হয়েছে ওই তিনজনকে। জানা গিয়েছে, পাকিস্তানি জঙ্গি সংগঠনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে চলছিলেন ওই তিনজন। শুধু তাই নয়, জঙ্গিদের রসদ সরবরাহ, জঙ্গিদের মতাদর্শ প্রচার এবং জঙ্গিদের জন্য অর্থ সংগ্রহের কাজও করছিলেন তাঁরা। সেই অভিযোগের ভিত্তিতেই বরখাস্ত করা হয়েছে তাঁদের।

    কে এই ফাহিম?

    জানা গিয়েছে, বিশ্ববিদ্যালয়ে (Jammu & Kashmir) ফাহিমকে যে চাকরি দেওয়া হয়েছিল, সেজন্য তাঁর কোনও ইন্টারভিউ নেওয়া হয়নি, হয়নি পুলিশ ভেরিফিকেশনও। কোনও বিজ্ঞাপনও দেওয়া হয়নি। এহেন ফাহিমই উপত্যকায় জঙ্গিবাদের মূল প্রচারক। ২০০৮ সালে ওই বিশ্ববিদ্যালয়ে নিয়োগ করা হয় ফাহিমকে। তাঁকে নিয়োগ করেছিলেন কাশ্মীরি বিচ্ছিন্নতাবাদী নেতা সৈয়দ আলি শাহ গিলানি। প্রথমে তাঁকে চুক্তিভিত্তিক কর্মী হিসেবে নিয়োগ করা হয়েছিল। গিলানি ঘনিষ্ঠ ফাহিমের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল কাশ্মীরি আর এক বিচ্ছিন্নতাবাদী ইয়াসিন মালিকের। এই ইয়াসিনকে এনআইএর স্পেশাল কোর্ট যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। সন্ত্রাসবাদীদের অর্থ সাহায্যে দোষী সাব্যস্ত করা হয়েছে তাঁকে।  

    আরও পড়ুুন: বিচার ব্যবস্থা নিয়ে বিতর্কিত মন্তব্য, অভিষেকের বিরুদ্ধে মামলা কলকাতা হাইকোর্টে

    উপত্যকায় ফাহিম জঙ্গিদের (Jammu & Kashmir) হয়ে সক্রিয়ভাবে কাজ করতেন বলে অভিযোগ। ২০০৮, ২০১০ ও ২০১৬ সালে যে হিংসাত্মক আন্দোলন হয় উপত্যকায়, তার আয়োজক ছিলেন ফাহিমই। কাশ্মীর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যে বিক্ষোভ কর্মসূচি পালিত হত, তারও মূল মাথা ছিলেন তিনিই। কাশ্মীর থেকে প্রত্যাহিত হয়েছে ৩৭০ ধারা। তারপর থেকে একটু একটু করে শান্তি ফিরছে ভূস্বর্গে। এমতাবস্থায়ও ফাহিম পড়ুয়াদের মধ্যে বপন করে যাচ্ছিলেন বিচ্ছিন্নতাবাদী মানসিকতার বীজ। জাতীয় নিরাপত্তার পক্ষে তাঁর কার্যকলাপ বিপজ্জনক বলেও দাবি প্রশাসনের।

    এদিকে, নিয়ন্ত্রণ রেখায় ফের ব্যর্থ করে দেওয়া হল অনুপ্রবেশ। রবিবার রাত থেকে সোমবার পর্যন্ত পুঞ্চে অনুপ্রবেশের চেষ্টা করে জঙ্গিরা। নিরাপত্তারক্ষীরা গুলি চালালে মৃত্যু হয় দুই অনুপ্রবেশকারীর। প্রসঙ্গত, ১০ জুলাইও রাজৌরি সেক্টরে নিরাপত্তারক্ষীরা গুলি করে মারে এক অনুপ্রবেশকারীকে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • UCC: অভিন্ন দেওয়ানি বিধির আগেই বহু বিবাহ রোধে বিল আনছে অসম সরকার!

    UCC: অভিন্ন দেওয়ানি বিধির আগেই বহু বিবাহ রোধে বিল আনছে অসম সরকার!

    মাধ্যম নিউজ ডেস্ক: অভিন্ন দেওয়ানি বিধির (UCC) পক্ষে সওয়াল করেছেন খোদ প্রাধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। বিজেপির অ্যাজেন্ডায়ও রয়েছে অভিন্ন দেওয়ানি বিধি লাগু করার কথা। আসন্ন বাদল অধিবেশনেই এ সংক্রান্ত বিল পেশ হতে পারে বলে কিছু দিন আগেই দাবি করেছিলেন দিল্লির এক বিজেপি নেতা। তবে দেশে কবে লাগু হবে অভিন্ন দেওয়ানি বিধি, তার অপেক্ষায় থাকছেন না অসমের মুখ্যমন্ত্রী বিজেপির হিমন্ত বিশ্ব শর্মা।

    বহু বিবাহ রোধে রাজ্য বিল

    তিনি জানান, বহু বিবাহ রোধে রাজ্য বিল পাশ করবে। অভিন্ন দেওয়ানি বিধির ব্যাপারে যতক্ষণ না চূড়ান্ত কোনও সিদ্ধান্ত হচ্ছে, ততদিন এই আইন লাগু থাকবে রাজ্যে। এক জনসভায় ভাষণ দিতে গিয়ে অসমের মুখ্যমন্ত্রী বলেন, অভিন্ন দেওয়ানি বিধি চালুর সিদ্ধান্তের বিষয়ে কেন্দ্রের প্রতি আমাদের রাজ্যের পূর্ণ সমর্থন রয়েছে। বহু বিবাহ রোধে অসম সরকার দ্রুত ব্যবস্থা নেবে বলেও জানান তিনি। অসমের মুখ্যমন্ত্রী বলেন, অভিন্ন দেওয়ানি বিধির (UCC) বিষয়ে সিদ্ধান্ত হবে পার্লামেন্টে।

    অভিন্ন দেওয়ানি বিধি

    তবে রাষ্ট্রপতির সম্মতিক্রমে নিজের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রয়েছে রাজ্যের। ল’ কমিশন এবং পার্লামেন্টারি কমিটি বর্তমানে অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে বিভিন্ন রাজ্য ও সংগঠনের মত জানতে চেয়েছে। অসম সরকার এ ব্যাপারে ইতিমধ্যেই পূর্ণ সমর্থন ব্যক্ত করেছে। তিনি জানান, বহু বিবাহ রোধে সিদ্ধান্ত নেওয়ার বিষয়টি বর্তমানে ঝুলে রয়েছে অসমে। এর কারণ হল, এটি অভিন্ন দেওয়ানি বিধি বিলের একটা অংশ মাত্র। তিনি বলেন, তাই আমরা ভাবছি অসমে দ্রুত বহু বিবাহ রোধে বিল আনা যায় কিনা।

    আরও পড়ুুন: “তুঙ্গে মোদির জনপ্রিয়তা, তাই কলেবরে বাড়ছে এনডিএ”, বললেন রাজনাথ

    গত মে মাসেই মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ঘোষণা করেছিলেন, বহু বিবাহ রোধে বিল পাশ করাবে অসম সরকার। এজন্য গুয়াহাটি হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি রুমি ফুকানের নেতৃত্বে একটি কমিটিও গড়া হয়েছিল। রিপোর্ট দেওয়ার জন্য কমিটিকে ৬০ দিনের সময়সীমা দেওয়া হয়েছিল। যদি এই সময়সীমার মধ্যে বিশেষজ্ঞ কমিটি রিপোর্ট দিতে পারে, তাহলে সেপ্টেম্বরে বিধানসভার অধিবেশনেই পেশ করা হবে বিলটি (UCC)। তা নিতান্তই সম্ভব না হলে বিলটি পেশ করা হবে জানুয়ারিতে, শীতকালীন অধিবেশনে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Rajnath Singh: “তুঙ্গে মোদির জনপ্রিয়তা, তাই কলেবরে বাড়ছে এনডিএ”, বললেন রাজনাথ

    Rajnath Singh: “তুঙ্গে মোদির জনপ্রিয়তা, তাই কলেবরে বাড়ছে এনডিএ”, বললেন রাজনাথ

    মাধ্যম নিউজ ডেস্ক: “ভারতে মোদিজির (PM Modi) জনপ্রিয়তা তুঙ্গে। তিনি ক্রমেই বিশ্ব নেতা হয়ে উঠছেন। তিনি বিদেশেও ভারতকে গর্বিত করছেন।” কথাগুলি বললেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ (Rajnath Singh)। রবিবার লখনউয়ের এক জনসভায় তিনি বলেন, “আগে আন্তর্জাতিক মঞ্চে ভারতের কথা গুরুত্ব দিয়ে শোনা হত না। আজ যখন ভারত কথা বলে, তখন সমগ্র বিশ্ব তা শোনে।”

    ভারতের সম্মান বৃদ্ধি

    রাজনাথ বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে আন্তর্জাতিক স্তরে ভারতের সম্মান বৃদ্ধি পেয়েছে। আগে আন্তর্জাতিক মঞ্চগুলিতে ভারতের কথায় গুরুত্ব দেওয়া হত না। আজ যখন ভারত কথা বলে, গোটা বিশ্ব মনযোগ দিয়ে সেই কথা শোনে। যখন আমাদের দেশের প্রধানমন্ত্রী অন্য দেশ সফরে যান, তাঁকে কীভাবে স্বাগত জানানো হয়, তা আপনারা টিভিতে দেখেছেন।” প্রতিরক্ষামন্ত্রী (Rajnath Singh) বলেন, “অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ওঁকে ‘বস’ বলে সম্বোধন করেন। আমেরিকার প্রেসিডেন্ট মোদিজিকে বলেন যে আপনি বিশ্বের শক্তিশালী নেতা। তাঁর স্বাক্ষর নেওয়ার ইচ্ছে প্রকাশ করেছেন। মুসলিম দেশগুলিও তাঁকে সর্বোচ্চ সম্মান দিচ্ছে। পাপুয়া গিনির প্রধানমন্ত্রী পায়ে হাত দিয়ে প্রণাম করছেন। এটা অত্যন্ত সম্মানের। শুধু ওঁর কাছে নয়, সব ভারতবাসীর কাছেই।”

    ভারতের উন্নতি

    তিনি বলেন, “ভারত বর্তমানে বিশ্বের অন্যতম দ্রুত বৃদ্ধি পাওয়া অর্থনীতির দেশ। ২০১৩-১৪ সালে বিশ্বের বৃহত্তম অর্থনীতির দেশের তালিকায় ভারত ছিল ১১ নম্বরে। বর্তমানে তা পঞ্চম স্থানে এসে পৌঁছেছে। লখনউয়ে দেশের ইঞ্জিনিয়ররা ব্রাহ্মোস মিশাইল তৈরি করছেন। এই মিশাইল বয়ে নিয়ে যাওয়ার জন্য বিশেষ রেলপথ তৈরি হবে। তার জেরে হবে প্রচুর কর্মসংস্থানও।”

    আরও পড়ুুন: ভারতের ‘নুন’ খেয়ে পাকিস্তানের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে ধৃত উত্তর প্রদেশের যুবক

    এদিনই এক সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়ে রাজনাথ (Rajnath Singh) বলেন, “গোটা ভারতে মোদিজিকে চ্যালেঞ্জ করার মতো কেউ নেই। মোদির নেতৃত্বে পূর্ণ আস্থা রয়েছে তামাম ভারতবাসীর। আমাদের প্রধানমন্ত্রী বিশ্ব নেতা হয়ে উঠছেন। সেই কারণে অনেক রাজনৈতিক দলই আমাদের সঙ্গে যুক্ত হওয়ার ইচ্ছে প্রকাশ করেছে। প্রধানমন্ত্রী মোদির জনপ্রিয়তা তুঙ্গে। এবং রাজনৈতিক দলগুলি জানে একটি শক্তিশালী জোটে শামিল হলে তবেই ভবিষ্যৎ নিরাপদ।” তিনি বলেন, “এনডিএ যা ছিল, তা আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী হতে চলেছে।” প্রসঙ্গত, মঙ্গলবার সন্ধেয় দিল্লির অশোকা হোটেলে বসছে এনডিএর বৈঠক। এই বৈঠকে উপস্থিত থাকবে ৩০টিরও বেশি রাজনৈতিক দল।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Uttar Pradesh: ভারতের ‘নুন’ খেয়ে পাকিস্তানের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে ধৃত উত্তর প্রদেশের যুবক

    Uttar Pradesh: ভারতের ‘নুন’ খেয়ে পাকিস্তানের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে ধৃত উত্তর প্রদেশের যুবক

    মাধ্যম নিউজ ডেস্ক: ঘরের খেয়ে আক্ষরিক অর্থেই বনের মোষ তাড়াচ্ছিলেন তিনি। ভারতের খেয়ে তথ্য পাচার করছিলেন পাকিস্তানে (Pakistan)। পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের (ISI) চরবৃত্তি করার অভিযোগে উত্তর প্রদেশের (Uttar Pradesh) এক যুবককে গ্রেফতার করল এটিএস। মহম্মদ রইস নামের ওই যুবকের বিরুদ্ধে অভিযোগ মাত্র ১৫ হাজার টাকার বিনিময়ে ভারতীয় সেনার গুরুত্বপূর্ণ তথ্য পাকিস্তানে পাচার করেছিলেন ওই যুবক।

    দেশের বুকে ছুরি

    ভারতের ক্ষতি করার চেষ্টা অবশ্য এই প্রথম নয়। কেউ কোনও পাক সুন্দরীর প্রেমের ফাঁদে পা দিয়ে আইএসআইকে তুলে দিয়েছেন প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কোনও তথ্য। কেউ আবার টাকার বিনিময়ে ছুরি মেরেছেন দেশের বুকে। এটিএস সূত্রে খবর, উত্তর প্রদেশের গোন্ডা জেলার (Uttar Pradesh) তারাবগঞ্জ এলাকার বাসিন্দা কাজের খোঁজে গিয়েছিলেন মুম্বই। সেখানে তাঁর সঙ্গে আলাপ হয় আরমান নামের এক যুবকের। পুলিশি জেরায় রইস জানিয়েছেন, আরমানই তাঁকে প্রলোভিত করেছিলেন চরবৃত্তিতে।

    গুপ্তচরবৃত্তির প্রস্তাব

    উত্তর প্রদেশের ওই যুবক পুলিশকে জানিয়েছেন, তিনি আরমানকে আরব আমিরশাহিতে চাকরি খুঁজে দিতে বলেছিলেন। তখন আরমান তাঁকে আইএসআইয়ের হয়ে গুপ্তচরবৃত্তি করার প্রস্তাব দেয়। তার বিনিময়ে মোটা টাকা মিলবে বলে প্রতিশ্রুতিও দিয়েছিল আরমান। সে এও জানিয়েছিল, তাকে কিছু করতে হবে না। সে নিজেই রইসের নম্বর আইএসআইয়ের এজেন্টদের দিয়ে দেবে। তারাই যোগাযোগ করে নেবে। ২০২২ সালে ভিন দেশের একটি নম্বর থেকে (Uttar Pradesh) ফোন আসে রইসের কাছে। ফোনের অন্য দিকে থাকা মানুষটি জানিয়েছিল, তার নাম হুসেন। সে পাকিস্তানি গুপ্তচর। রইসকে ভারতীয় সামরিক সেনাঘাঁটিগুলি সম্পর্কে তথ্য চালান করার দায়িত্ব দিয়েছিল হুসেন। এজন্য রইসকে ১৫ হাজার টাকাও পাঠানো হয়। তার পরেই কয়েকজন বন্ধুকে কাজে লাগিয়ে রইস তথ্য পাচার করতে শুরু করেন বলে অভিযোগ।

    আরও পড়ুুন: সিবিআইয়ের নজরে ১৪টি পুরসভা! পুর দুর্নীতির আড়ালে কীসের আঁচ?

    উত্তর প্রদেশের বিশেষ ডিজি (আইনশৃঙ্খলা) প্রশান্ত কুমার বলেন, “রইস নামের এক যুবককে এটিএস গ্রেফতার করেছে। তিনি গোন্ডার বাসিন্দা। তাঁকে এটিএস দফতরে তলব করা হয়েছিল। জিজ্ঞাসাবাদের সময় তিনি গুপ্তচরবৃত্তিতে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।”

    পাকিস্তানে তথ্য পাচারের অভিযোগে দিন কয়েক আগেই গ্রেফতার হয়েছিলেন ডিআরডিও বিজ্ঞানী প্রদীপ কুরুলকর। মহারাষ্ট্রের এটিএস গ্রেফতার করেছিল তাঁকে। তিনি অবশ্য টাকা নয়, প্রেমের ফাঁদে পা দিয়ে  তথ্য পাচার করেছিলেন বলে অভিযোগ। আর রইসের বিরুদ্ধে অভিযোগ, তিনি তথ্য পাচার করেছেন টাকার লোভে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     
     
  • NDA: বিরোধীদের মাত দিতে জোটের শক্তি যাচাইয়ের পথে বিজেপি, মঙ্গলে দিল্লিতে বৈঠকে এনডিএ

    NDA: বিরোধীদের মাত দিতে জোটের শক্তি যাচাইয়ের পথে বিজেপি, মঙ্গলে দিল্লিতে বৈঠকে এনডিএ

    মাধ্যম নিউজ ডেস্ক: বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। বিজেপিকে টেক্কা দিতে জোট বাঁধছেন বিরোধীরা। ইতিমধ্যেই একপ্রস্ত বৈঠক হয়ে গিয়েছে বিরোধীদের। ফের বৈঠক হওয়ার কথা শিমলায়। তার আগে অবশ্য বেঙ্গালুরুতে সোমবার বৈঠকে বসছে বিজেপি বিরোধী ২৪টি দল। তার ঠিক পরের দিন সন্ধ্যায় দিল্লির অশোকা হোটেলে বিজেপির নেতৃত্বে বৈঠকে বসছে এনডিএর (NDA) সহযোগী দলগুলি। সংসদের বাদল অধিবেশন শুরু হবে ২০ জুলাই। ওয়াকিবহাল মহলের মতে, তার আগে একবার শক্তি যাচাই করে নিচ্ছে দু পক্ষই।

    নাড্ডার নেতৃত্বে বৈঠক

    এনডিএর বৈঠকে নেতৃত্ব দেবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সহযোগী দলগুলি ছাড়াও বিজেপির তরফে আমন্ত্রণ জানানো হয়েছে নতুন এবং পুরনো কয়েকটি দলকে, এক সময় যারা এনডিএর সহযোগী ছিল। জানা গিয়েছে, বিহারের লোক জনশক্তি পার্টির (রাম বিলাস) চিরাগ পাশোয়ান, হিন্দুস্তানি আওয়াম মোর্চার জিতিন রাম মাঝি, রাষ্ট্রীয় লোক সমতা পার্টির উপেন্দ্র সিংহ কুশওয়াহা এবং বিকাশশীল ইনসান পার্টির মুকেশ শাহনিকে আমন্ত্রণ জানানো হয়েছে। এঁদের দলগুলিকেও এদিন শামিল করা হবে এনডিএতে (NDA)।

    নতুন যাদের আমন্ত্রণ জানানো হয়েছে

    দীর্ঘদিন সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদবের সহযোগী ছিলেন সুহেলদেব ভারতীয় সমাজ পার্টির ওম প্রকাশ রাজভড়। আগের দিনই তিনি ঘোষণা করেছেন এনডিএতে যোগ দিচ্ছেন বলে। উত্তর প্রদেশের মউ জেলার ঘোষির বিধায়ক সমাজবাদী পার্টির দারা সিংহ চৌহান ইস্তফা দিয়েছেন বিধানসভা থেকে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠকের পর তিনিও যোগ দিয়েছেন পদ্ম শিবিরে। চন্দ্রবাবু নায়ডুর তেলগু দেশম পার্টি এবং শিরোমণি আকালি দলের বাদল অবশ্য এনডিএর সঙ্গে থাকছে না।

    আরও পড়ুুন: নন্দিনীর পর এবার প্রেস সচিবকেও সরিয়ে দিলেন রাজ্যপাল, কী কারণে জানেন?

    সূত্রের খবর, অন্ধ্রপ্রদেশে পবন কল্যাণের জনসেনা দলের সঙ্গে গাঁটছড়া বাঁধবে বিজেপি (NDA)। পঞ্জাবে অবশ্য তারা একলা চলো নীতি নিয়েছে। মঙ্গলবারের বৈঠকে বিহারের নিষাদ পার্টির সঞ্জয় নিষাদকেও আমন্ত্রণ জানানো হয়েছে। আমন্ত্রণ জানানো হয়েছে অনু্প্রিয়া প্যাটেলের নেতৃত্বে আপনা দল, এআইএডিএমকে, তামিল মানিলা কংগ্রেস এবং ইন্ডিয়া মাক্কাল কালভি মুন্নেত্রা কাঝাগামকে। অল ঝাড়খণ্ড স্টুডেন্টস ইউনিয়ন, কনরাড সাংমার এনসিপি, নাগাল্যান্ডের এনডিপিপি, সিকিমের এসকেএফ, জোমাথাংয়ের মিজো ন্যাশনাল ফ্রন্ট এবং অসমের অগপকেও আমন্ত্রণ জানানো হয়েছে অশোকা হোটেলের ওই বৈঠকে। সব মিলিয়ে এনডিএর বৈঠকে উপস্থিত থাকবে ৩০টি দল। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

LinkedIn
Share