Category: রাজ্য

Get West Bengal News, Bengali Breaking News, Latest News in Bengali only from মাধ্যম | Madhyom, Bengali News Portal for সম্পূর্ণ নিরপেক্ষ বাংলা সংবাদ, বাংলা খবর

  • By Election: মানিকতলা সহ রাজ্যের চার বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন, তারিখ জানাল কমিশন

    By Election: মানিকতলা সহ রাজ্যের চার বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন, তারিখ জানাল কমিশন

    মাধ্যম নিউজ ডেস্ক: লোকসভা নির্বাচন শেষ হতেই রাজ্যে ফের ভোট। চারটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের (By Election) দিনক্ষণ জানিয়ে দিল নির্বাচন কমিশন (Election Commission)। এই চারটি কেন্দ্র হল, নদিয়ার রানাঘাট দক্ষিণ, উত্তর ২৪ পরগনার বাগদা, কলকাতার মানিকতলা এবং উত্তর দিনাজপুরের রায়গঞ্জ। প্রায় দু’বছর পর এবার বিধায়ক পেতে চলেছে মানিকতলা বিধানসভা কেন্দ্র। আগামী ১০ জুলাই ভোটগ্রহণ হবে এখানে। 

    উপনির্বাচনের দিন

    কলকাতার মানিকতলা-সহ রাজ্যের আরও তিন কেন্দ্রে আগামী ১০ জুলাই উপনির্বাচন (By Election) হবে। ভোটগণনা হবে ১৩ জুলাই। ২১ জুন মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। ২৪ জুন স্ক্রুটিনি হবে। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ২৬ জুন। ১৭ জুলাইয়ের মধ্যে নির্বাচন প্রক্রিয়া শেষ করতে হবে বলে জানিয়েছে কমিশন। পশ্চিমবঙ্গ ছাড়াও দেশের আরও ছ’টি রাজ্যের ন’টি কেন্দ্রে আগামী ১০ জুলাই উপনির্বাচন হবে। ভোট হবে বিহার, তামিলনাড়ু, মধ্যপ্রদেশ, পঞ্জাবের একটি করে কেন্দ্রে। হিমাচল প্রদেশের তিনটি এবং উত্তরাখণ্ডের দু’টি কেন্দ্রেই এই দিনক্ষণ অনুযায়ী উপনির্বাচন হবে।

    কোন কোন কেন্দ্রে ভোট

    রায়গঞ্জে ২০২১ সালের ভোটে বিজেপির টিকিটে জয়ী হয়েছিলেন কৃষ্ণ কল্যাণী। পরে তিনি তৃণমূলে যান। ২০২৪ সালের লোকসভা ভোটে তাঁকে প্রার্থীও করে তৃণমূল। লোকসভা ভোটে লড়ার আগে বিধায়ক পদ থেকে কৃষ্ণ কল্যাণী ইস্তফা দেন। তাই রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হচ্ছে। রানাঘাট দক্ষিণও বিজেপির কেন্দ্র ছিল ২০২১ সালের ভোটে। জিতেছিলেন মুকুটমণি অধিকারী। তবে তিনিও লোকসভা ভোটের মুখে তৃণমূলে যোগ দেন। তাঁকেও তৃণমূল লোকসভার প্রার্থী করে। বিধায়ক পদ থেকে সে সময়ই ইস্তফা দিয়েছিলেন মুকুটমণি। সেই কেন্দ্রে এবার উপনির্বাচন। বাগদার বিধায়ক ছিলেন বিশ্বজিৎ দাস। তিনিও বিজেপির টিকিটে জিতে বিধায়ক হন ২০২১ সালে। পরে তিনি তাঁর পুরনো দল তৃণমূলে ফিরে যান। বনগাঁ লোকসভায় তাঁকে প্রার্থীও করে তৃণমূল। বাগদার বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়ে ভোটে লড়েন তিনি। সেখানেও এবার ভোট হচ্ছে।

    আরও পড়ুন: ঘামে প্যাচপ্যাচ! জ্যৈষ্ঠের গরমে জেরবার জনজীবন, স্বস্তির বৃষ্টি কবে?

    মানিকতলায় ভোট

    গত বিধানসভা নির্বাচনে কলকাতার মানিকতলা কেন্দ্রে জয়ী হয়েছিলেন বর্ষীয়ান তৃণমূল নেতা, অধুনা প্রয়াত সাধন পাণ্ডে। রাজ্যের প্রাক্তন মন্ত্রী সাধন ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে মারা যান। কিন্তু তার পর দীর্ঘ দিন মানিকতলা বিধায়কহীন থাকলেও সেখানে উপনির্বাচন হয়নি। কারণ, গত বিধানসভায় এই কেন্দ্রের পরাজিত বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে কলকাতা হাইকোর্টে ‘ইলেকশন পিটিশন’ দাখিল করেছিলেন। সম্প্রতি তিনি মামলা প্রত্যাহার করে নেন। আইনি জটিলতা কেটে যাওয়ায় এ বার মানিকতলায় উপনির্বাচন (By Election) হতে চলেছে, বলে জানাল কমিশন (Election Commission)। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Bomb Blast: এগরার পর কোলাঘাট! বিস্ফোরণে উড়ল আস্ত ঘর, ক্ষতিগ্রস্ত বেশ কয়েকটি বাড়ি

    Bomb Blast: এগরার পর কোলাঘাট! বিস্ফোরণে উড়ল আস্ত ঘর, ক্ষতিগ্রস্ত বেশ কয়েকটি বাড়ি

    মাধ্যম নিউজ ডেস্ক: এগরার খাদিকুল, উত্তর ২৪ পরগনার দত্তপুকুরের পর এবার পূর্ব মেদিনীপুরের কোলাঘাট। বেআইনি বাজি কারখানায়  বিস্ফোরণে (Bomb Blast) উড়ে গেল আস্ত বাড়ি। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে আশপাশের আরও বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের কোলাঘাট থানার পয়াগ গ্রামে।

    ঠিক কী ঘটনা ঘটেছে? (Bomb Blast)

    সোমবার সকাল থেকে পয়াগ গ্রামে পুলিশ পিকেট রয়েছে। যাচ্ছে ফরেন্সিক টিমও। এদিন সকাল থেকে থমথমে রয়েছে এলাকা। জানা গিয়েছে, আনন্দ মাইতি নামে এক ব্যক্তির একটি বাড়ি সম্পূর্ণ ভস্মীভূত (Bomb Blast) হয়ে গিয়েছে। বাড়ির লোকজন ছুটে পালিয়েছেন। এই ঘটনার জেরে স্থানীয় আরও বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। রাতেই ঘটনাস্থলে পৌঁছয় কোলাঘাট থানার বিশাল পুলিশ বাহিনী। দমকলের দু’টি ইঞ্জিন গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। ভোরের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এখনও পর্যন্ত কতজন জখম হয়েছেন, সেই সংখ্যা পরিষ্কার নয়। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে কয়েক কিলোমিটার পর্যন্ত সেই শব্দ শোনা যায় বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। গ্রামবাসীরা বলেন, দুর্ঘটনাগ্রস্ত বাড়িটিতে অবৈধ বাজি কারখানা ছিল। বহুবার পুলিশকে বলার পরও কোনও পদক্ষেপ গ্রহণ করেনি। তারপরই এই বিস্ফোরণের জেরে গোটা বাড়িটিতে আগুন ধরে যায়। অবিলম্বে যারা এই কারবারের সঙ্গে জড়িত রয়েছে তাদের গ্রেফতার করে ব্যবস্থা গ্রহণ করতে হবে।

    আরও পড়ুন: ঘামে প্যাচপ্যাচ! জ্যৈষ্ঠের গরমে জেরবার জনজীবন, স্বস্তির বৃষ্টি কবে?

    খাদিকুল থেকে কোলাঘাট, পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন

    ২০২৩ সালের ১৬ মে পূর্ব মেদিনীপুরের এগরার খাদিকুল গ্রামের বাজি কারখানায় বিস্ফোরণ (Bomb Blast) ঘটেছিল। মৃত্যু হয়েছিল অন্তত ৯ জনের। সেই ঘটনার এক বছরের মাথায় আবার পূর্ব মেদিনীপুরের বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণ ঘটল। খাদিকুলের বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনায় নড়েচড়ে বসেছিল প্রশাসন। কিন্তু, কার্যক্ষেত্রে দেখা গেল, সেই ঘটনার এক বছর কাটতে না কাটতেই আবারও বিস্ফোরণে কেঁপে উঠল পূর্ব মেদিনীপুরের কোলাঘাট। বার বার এই ধরনের বোমা বিস্ফোরণের ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে এলাকাবাসী প্রশ্ন তুলতে শুরু করেছেন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Debangshu Bhattacharya: “তমলুকের জন্য ১০১ শতাংশ পরিশ্রম করেছি”, মমতার বিরুদ্ধে ক্ষোভ দেবাংশুর

    Debangshu Bhattacharya: “তমলুকের জন্য ১০১ শতাংশ পরিশ্রম করেছি”, মমতার বিরুদ্ধে ক্ষোভ দেবাংশুর

    মাধ্যম নিউজ ডেস্ক: লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস ২৯টি আসনে জয়লাভ করেছে। এই জয় ২০১৯ সালের তুলনায় অনেক বেশি। এই জয়ের পর গত শনিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের কালীঘাটের বাড়িতে নবনির্বাচিত সাংসদদের নিয়ে বৈঠক করেন। সেখানে তমলুক লোকসভা নিয়ে আলোচনা হয়। মুখ্যমন্ত্রী দেবাংশু ভট্টাচার্যকে (Debangshu Bhattacharya) আরও সক্রিয় হওয়ার কথা বলেছেন। তৃণমূল কর্মীদের একাংশের দাবি ছিল, দুপুর ১২ টার আগে দেবাংশুকে পাওয়া যায়নি এলাকায়। এরপর রবিবার পাল্টা দেবাংশু ফেসবুকে বিস্ফোরক পোস্ট করেন। ফলে দলের মধ্যে কোন্দলের চিত্র ফের একবার প্রকাশ্যে।

    মমতা কী বলেছিলেন (Debangshu Bhattacharya)?

    তমলুকে দলের হারের বিশ্লেষণ করতে গিয়ে মমতা, দেবাংশুর (Debangshu Bhattacharya) উদ্দেশ্যে বলেন, “তোমার বয়সে আমি যখন যাদবপুরে দাঁড়িয়ে ছিলাম। সকাল ৭ থেকে প্রচারে থাকতাম, বাড়ি বাড়ি যেতাম। তুমি বেলা ১২টায় বেরিয়েছ। আরও সক্রিয়তা দরকার ছিল।”

    কী লিখলেন দেবাংশু?

    বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কাছে ভোটে হেরে তৃণমূল প্রার্থী দেবাংশু (Debangshu Bhattacharya) ফেসবুকে লেখেন, “তমলুকের জন্য ১০১ শতাংশ পরিশ্রম করেছি। সকাল ৮ থেকে দুপুর ১ পর্যন্ত প্রচার করতাম, তারপর দুপুর ৩টেয় বেরিয়ে যেতাম। রাত পর্যন্ত মিটিং, মিছিল, প্রচার করেছি। বিরোধী প্রার্থী আধবেলা প্রচার না করেও জিতে গিয়েছেন। আমি পাগলের মতো বুথে বুথে ঘুরেও জিততে পারিনি। নির্বাচনী ক্ষেত্রে নেমে সাংগঠনিক পরিস্থিতি দেখে চমকে গিয়েছিলাম। মনে হয়েছিল হঠাৎ অগ্নিকুণ্ডে এসে পড়েছি।”

    আরও পড়ুনঃ ভোট পরবর্তী হিংসা জেলায় জেলায় অব্যাহত, মুর্শিদাবাদে খুন এক দুধ ব্যবসায়ী

    আর কী বললেন?

    এই প্রসঙ্গে দেবাংশু (Debangshu Bhattacharya) আরও লেখেন, “অনেক মানুষ চেনা, অনেক রকমারি অভিজ্ঞতাকে কেন্দ্র করে শেষ আড়াই মাস ভিমড়ি খেয়েছি প্রচুর, প্রকাশ্যে সবটা লিখতে কিংবা বলতে চাই না। মার্চে ওজন ছিল ৮৩ কিলো। যা আজ কমে ৭৭ কিলো, সৌজন্যে শেষ আড়াই মাস। এই ৬ কিলো ওজনের বিনিময়ে ৬ লক্ষ ৮৭ হাজার মানুষের ভালোবাসা পেয়েছি, আশীর্বাদ পেয়েছি। সেটাই আমার কাছে এই নির্বাচনের নির্যাস। আগামী দিনে এই রাজনৈতিক নদী পথ আমায় কোন মোহনায় নিয়ে গিয়ে ফেলবে জানি না। শুধু এটুকু জানি, আমার নৌকো খোয়া গিয়েছে, কেবল নিজেকে ভাসিয়ে, বাঁচিয়ে রেখেছি এই অগাধ জলরাশির পৃষ্ঠদেশে।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Asansol: প্রকাশ্যে ডাকাতি-ছিনতাই, চলল গুলি, এবারও টার্গেট সেই সেনকো গোল্ড, আতঙ্ক

    Asansol: প্রকাশ্যে ডাকাতি-ছিনতাই, চলল গুলি, এবারও টার্গেট সেই সেনকো গোল্ড, আতঙ্ক

    মাধ্যম নিউজ ডেস্ক: ভোটের ফল বের হওয়ার পর আসানসোল (Asansol) শিল্পাঞ্চলে ডাকাতি, ছিনতাইয়ের ঘটনায় উদ্বেগ বাড়িয়েছে শহরবাসীর। পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। বিশেষ করে রবিবার দুপুরে একেবারে ভরা বাজারের মধ্যে সোনার দোকানে ভয়ঙ্কর ডাকাতির ঘটনায় চরম আতঙ্কে রয়েছেন শহরবাসী। রানাঘাট, পুরুলিয়ার পর রানিগঞ্জ। এবারও টার্গেট সেই সেনকো গোল্ড।

    রানিগঞ্জে সেনকো গোল্ডে ডাকাতি! (Asansol)

    রবিবার বেলা সাড়ে বারোটা নাগাদ প্রায় ৯ জনের একটি দুষ্কৃতী দল হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে মুখে কাপড় বেঁধে হঠাৎ ঢুকে পড়ে রানিগঞ্জের (Asansol) নেতাজি সুভাষ বোস রোডের ওপর সেনকো গোল্ডের শোরুমে। বন্দুক দেখিয়ে দোকানের কর্মীদের এক জায়গায় বসিয়ে রেখে লুটপাট চালাতে শুরু করে। এদিকে ঘটনার খবর পেয়েই রানিগঞ্জ থানা, শ্রীপুর ফাঁড়ির পুলিশ কর্মীরা ঘটনাস্থলে যান। ডাকাতদের ধরতে পুলিশ কর্মীরা হানা দিতেই প্রায় ২০-২৫ রাউন্ড দুই পক্ষের মধ্যে গুলি বিনিময় হয়। একজন দুষ্কৃতী গুলিবিদ্ধ হয়। তার সঙ্গীরা তাকে তুলে নিয়ে পালিয়ে গেছে বলেই জানা যাচ্ছে। পুলিশের পাশাপাশি ব্যবসায়ীরাও সেখানে জড়ো হন। পরিস্থিতি বেগতিক দেখে দুষ্কৃতীরা এলাকা ছেড়ে পালিয়ে যায়।

    আরও পড়ুন: ঘামে প্যাচপ্যাচ! জ্যৈষ্ঠের গরমে জেরবার জনজীবন, স্বস্তির বৃষ্টি কবে?

    গুলি চালিয়ে ভয় দেখিয়ে গাড়ি ছিনতাই!

    আসানসোলের (Asansol) মহিশিলা চক্রবর্তী মোড়ে গুলি চালিয়ে চার চাকা গাড়ি ছিনতাই করে পালাল দুষ্কৃতীরা। রবিবার দুপুরে  এই ঘটনায় এলাকায় তুমুল উত্তেজনা ছড়ায়। এই ঘটনায় নয়না নন্দ দত্ত ও প্রবাল স্যান্যাল নামে দুজন জখম হন। হাসপাতালে চিকিৎসারত অবস্থায় আহত নয়না নন্দ দত্ত বলেন, চারচাকা গাড়িতে করে পরিবার নিয়ে দুর্গাপুর থেকে আমরা অনুষ্ঠান বাড়িতে যোগ দিতে যাচ্ছিলাম। আচমকা চারজন দুষ্কৃতী আমাদের গাড়ি থামিয়ে তাদেরকে হাসপাতালে ছেড়ে দেওয়ার কথা বলে। পরিবারের লোকজন রয়েছে বলে আমি আপত্তি জানালে আমাকে লক্ষ্য করে ওরা গুলি চালায়। এরপরেই ওই চার দুষ্কৃতী আমাদের গাড়ি থেকে বের করে গাড়িটি নিয়ে চম্পট দেয়। প্রবাল স্যান্যাল নামে আরও এক ব্যক্তি বলেন, গুলির আওয়াজ শুনে গাড়ি থেকে বেরিয়ে এলে আমার হাত ঘেঁষে গুলি বেরিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে যান আসানসোল দক্ষিণ থানার পুলিশ ও উচ্চপদস্থ আধিকারিকরা।

    গুলি কাণ্ডে বাজেয়াপ্ত গাড়ি, গ্রেফতার ১

    রানিগঞ্জে (Asansol) সোনার দোকানে ডাকাতি ও আসানসোল মহিশিলা এলাকায় গুলি চালনার ঘটনা একই দলের সংঘটিত। এমনই অনুমান পুলিশের। ঘটনায় ছিনতাই করা গাড়ি সহ একজনকে গিরিডি থেকে আটক করেছে পুলিশ। রবিবার সন্ধ্যায় একথা জানান ডিসি (সেন্ট্রাল) ধ্রুব  দাস। তিনি বলেন, “রানিগঞ্জে সোনার দোকানে ডাকাতির ঘটনার পরে ওই দলটি আসানসোল থেকে একটি গাড়ি ছিনতাই করে পালায়। ঘটনায় পুলিশের একটি টিম পিছু করতে করতে গিরিডি পুলিশের সাহায্য নিয়ে একজনকে আটক করে। তাকে জিজ্ঞাসাবাদ করে গাড়িটিকে বাজেয়াপ্ত করা হয়। বাকিদের খোঁজে তল্লাশি চলছে।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Murshidabad: ভোট পরবর্তী হিংসা জেলায় জেলায় অব্যাহত, মুর্শিদাবাদে খুন এক দুধ ব্যবসায়ী

    Murshidabad: ভোট পরবর্তী হিংসা জেলায় জেলায় অব্যাহত, মুর্শিদাবাদে খুন এক দুধ ব্যবসায়ী

    মাধ্যম নিউজ ডেস্ক: অষ্টাদশ লোকসভা নির্বাচন শেষ হয়েছে। দেশে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন নরেন্দ্র মোদি। এই রাজ্যের তৃণমূল বিপুল সংখ্যায় ভোট নিয়ে ২৯টি আসনে জয় লাভ করেছে। কিন্তু ফল ঘোষণার পর থেকেই জেলায় জেলায় ভোট পরবর্তী হিংসা অব্যাহত। কখনও বিরোধী দলের কর্মীদের টার্গেট করছে শাসক দল, আবার কখনও শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্বে আক্রান্ত হচ্ছেন মানুষ। রবিবার দলীয় কোন্দলে মুর্শিদাবাদে (Murshidabad) গুলিবিদ্ধ হয়ে প্রাণ গেল একজন ব্যক্তির। পরিবারের দাবি, খুনিদের পরিচয় না জানা গেলেও তৃণমূলের দলীয় কোন্দলে খুনের ঘটনা ঘটেছে।

    কীভাবে খুনের ঘটনা ঘটল (Murshidabad)?

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মুর্শিদাবাদের (Murshidabad) হরিহরপাড়ায় গজনীপুর এলাকায় খুন হওয়া ব্যক্তির নাম সনাতন ঘোষ। এই ব্যক্তি এলাকায় তৃণমূল করতেন। পেশায় তিনি ছিলেন একজন দুধ ব্যবসায়ী। গতকাল রবিবার রাত ১২ টায় গজনীপুর থেকে নিজের বাড়িতে বাইকে করে আরও একজনকে সঙ্গে নিয়ে ফিরছিলেন তিনি। কিন্তু গজনীপুর ও শ্রীপুরের মধ্যবর্তী মাঠ এলাকায় কয়েকজন দুষ্কৃতী তাঁদের বাইক থামিয়ে খুব কাছ থেকে গুলি করে।

    পুলিশের বক্তব্য

    মুর্শিদাবাদ (Murshidabad) পুলিশ সূত্রে খবর, সনাতনের দেহের একাধিক জায়গায় গুলি লেগেছে। গুলির শব্দ এবং চিৎকার শুনে আশেপাশের মানুষ ঘটনাস্থলে গিয়ে দেখেন রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন সনাতন। তাঁকে উদ্ধার করে দ্রুত স্থানীয় হরিহরপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। এরপর পুলিশ তাঁকে মুর্শিদবাদ মেডিক্যাল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে জানান।

    আরও পড়ুনঃ সুকান্ত মন্ত্রী হতেই বাজি ফাটিয়ে মিছিল করে উৎসবে মাতলেন বালুরঘাটবাসী

    পরিবারেরে বক্তব্য

    মৃত সনাতনের পরিবারের (Murshidabad) পক্ষ থেকে এক মাসি বলেছেন, “রাতের বেলায় পার্টির মিটিং করে বাইকে করে ফিরছিলেন সনাতন। কিন্তু পেছন থেকে একটি গাড়ি এসে, রাস্তায় তাঁদের বাইক দাঁড় করিয়ে দুষ্কৃতীরা ৬ রাউন্ড গুলি করে। এই গুলি সনাতনের কানে, বুকে, পেটে লাগে। যারা গুলি করেছে তাদের পরিচয় জানা না গেলেও দলীয় কোন্দলের কারণে খুনের ঘটনা ঘটেছে। এর আগেও রাজনৈতিক কারণে তাঁকে বার বার হুমকি দেওয়া হচ্ছিল।” যদিও তৃণমূলের অভিযোগ বিজেপির দিকে। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।  

  • Balurghat: সুকান্ত মন্ত্রী হতেই বাজি ফাটিয়ে মিছিল করে উৎসবে মাতলেন বালুরঘাটবাসী

    Balurghat: সুকান্ত মন্ত্রী হতেই বাজি ফাটিয়ে মিছিল করে উৎসবে মাতলেন বালুরঘাটবাসী

    মাধ্যম নিউজ ডেস্ক: স্বাধীনতার ৭৭ বছর পর প্রথম মন্ত্রী পেল বালুরঘাট (Balurghat)। সেখান থেকে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বালুরঘাট লোকসভা কেন্দ্র থেকে দ্বিতীয়বারের জন্য সাংসদ নির্বাচিত হওয়া সুকান্তকে নিয়ে আগেই চর্চা চলছিল। অবশেষে রবিবার দুপুরে এনিয়ে বার্তা পৌঁছায় সুকান্তর পরিবার এবং দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপি নেতৃত্বদের কাছে। খবর মুহূর্তে ছড়িয়ে পড়ে জেলায়। এরপরেই  উচ্ছ্বাসে মেতে ওঠেন দলের নেতাদের পাশাপাশি কর্মী-সমর্থকরা।

    বাজি ফাটিয়ে মিছিল করে উৎসবে মাতলেন বালুরঘাটবাসী (Balurghat)

    সুকান্তর মন্ত্রীত্ব পাওয়াকে কেন্দ্র করে বালুরঘাট (Balurghat) শহরে থাকা বিজেপির জেলা কার্যালয় চত্বরে গেরুয়া আবির খেলায় মেতে ওঠেন সকলে। বাজনা, মাইক, বাতি জ্বালিয়ে সন্ধ্যায় বিজেপি কর্মীরা মিছিল বের করেন শহরে। সেই মিছিলে সামিল হন সুকান্তর স্ত্রী কোয়েল চৌধুরী এবং তাঁর পরিবার। জেলা প্রসাশনিক ভবন এবং থানা মোড়ে চলে বাজি প্রদর্শনী। সেখানেই গাড়ির মধ্যে জায়ান্ট স্ক্রিন লাগিয়ে প্রধানমন্ত্রী সহ কেন্দ্রীয় মন্ত্রীদের শপথ গ্রহণ অনুষ্ঠান দেখানোর ব্যবস্থা করা হয়। সেই অনুষ্ঠান দেখতে দলের নেতা-কর্মী এবং সাধারণ মানুষ ভিড় করেন। জেলার প্রথম কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে শপথ নেন সুকান্ত মজুমদার। তাঁর এই সাফল্যকে স্বাগত জানিয়েছেন জেলার সাধারণ মানুষ। রবিবার সন্ধ্যার পর কার্যত উৎসবে মেতে ওঠেন বালুরঘাটবাসী। বিজেপির এক কর্মী বলেন, দাদা আমাদের মন্ত্রী হয়েছেন। আমরা গর্বিত। তবে, দাদা রাজ্য সভাপতি থাকলে আরও ভালো লাগবে। এদিন খবরটা শোনার পর থেকেই আমরা আনন্দে মেতে উঠি। টিভির পর্দায় দাদার শপথ অনুষ্ঠানও আমরা দেখলাম। খুবই ভালো লাগল। শুধু সাংসদ থেকে তিনি প্রচুর উন্নয়নমূলক কাজ করেছেন। এবার মন্ত্রী হয়ে তিনি আরও অনেক বেশি কাজ করবেন। দাদার হাত ধরে বালুরঘাটে প্রচুর উন্নয়ন হবে।

    আরও পড়ুন: ঘামে প্যাচপ্যাচ! জ্যৈষ্ঠের গরমে জেরবার জনজীবন, স্বস্তির বৃষ্টি কবে?

    স্ত্রীকে ফোন করে মন্ত্রী হওয়ার কথা জানান সুকান্ত

    সুকান্ত মজুমদারের স্ত্রী কোয়েল মজুমদার বলেন, রবিবার বেলা সাড়ে বারোটা নাগাদ আমাকে ফোন করে সুকান্ত আনন্দের খবরটি দিয়েছেন। আমরা এতে আপ্লুত। এজন্য জেলাবাসীর (Balurghat) ভূমিকা সবচেয়ে বেশি।  সুকান্তকে বড় দায়িত্ব দেওয়ার জন্য প্রধামন্ত্রীকে কৃতজ্ঞতা জানাই।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Weather Update: ঘামে প্যাচপ্যাচ! জ্যৈষ্ঠের গরমে জেরবার জনজীবন, স্বস্তির বৃষ্টি কবে?

    Weather Update: ঘামে প্যাচপ্যাচ! জ্যৈষ্ঠের গরমে জেরবার জনজীবন, স্বস্তির বৃষ্টি কবে?

    মাধ্যম নিউজ ডেস্ক: এপ্রিলের পর ফের জুনে তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী, তার উপর আপেক্ষিক আর্দ্রতার আধিক্য, অস্বস্তি বেড়েই চলেছে। রবিবারই কলকতার পারদ পেরিয়েছিল ৩৯ ডিগ্রি। তার উপর আর্দ্রতার বাড়াবাড়ি, ফলে সকাল থেকেই ঘামে ভিজেছে শহর। সপ্তাহের শুরুতে সেই অস্বস্তি আরও যে বাড়তে চলেছে, তেমনই আশঙ্কাবাণী শোনাল হাওয়া অফিস। আলিপুর হাওয়া অফিস (Weather Update) সূত্রে খবর, বুধবার পর্যন্ত এই অস্বস্তি বজায় থাকবে। বৃহস্পতিবার রাজ্যজুড়ে নামতে পারে স্বস্তির বৃষ্টি (Rainfall)। 

    শহরের তাপমাত্রা

    সোমবার সকাল থেকেই অস্বস্তিকর আবহাওয়া (Weather Update) শহর কলকাতায়। রবিবার তাপমাত্রা ৪০ ডিগ্রির থেকে সামান্য কম ছিল। অসহ্য গরম সইতে হয়েছে সাধারণ মানুষকে। সোমবারও তার ব্যতিক্রম হবে না। এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৯ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩০ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৪.৭ ডিগ্রি বেশি এবং সোমবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৯.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২.৬ ডিগ্রি বেশি। এদিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৮৩ শতাংশ এবং সর্বনিম্ন ৫৮ শতাংশ। আগামী দুই দিন শহরের কোথাও বৃষ্টিপাতের (Rainfall) কোনও সম্ভাবনা নেই। 

    তাপপ্রবাহের সতর্কতা

    দক্ষিণবঙ্গের জেলায় জেলায় চরম অস্বস্তিকর আবহাওয়া চলছে গত কয়েক দিন ধরেই। দু’দিনে এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে, বলে জানিয়ে আলিপুর আবহাওয়া দফতর (Weather Update)। দক্ষিণবঙ্গের পশ্চিমের চার জেলায় তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে। বীরভূম, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়াতে বুধবার পর্যন্ত তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। এছাড়াও এদিন গরম এবং অস্বস্তিকর আবহাওয়া থাকতে পারে বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায়।

    আরও পড়ুন: স্নায়ু-যুদ্ধে জয়ী ভারত, বুমরার বিষাক্ত বোলিংয়ে ৬ রানে হার পাকিস্তানের

    দক্ষিণবঙ্গে কবে বর্ষার প্রবেশ

    চলতি সপ্তাহের শেষে দক্ষিণবঙ্গে প্রবেশ করতে পারে মৌসুমী বায়ু (Rainfall)। বুধ বা বৃহস্পতিবারের আগে মৌসুমী বায়ুর অগ্রসর হওয়ার সম্ভাবনা অত্যন্ত কম বলেই জানাচ্ছেন আবহবিদরা। মৌসুমী অক্ষরেখা আহমেদ নগর নিজামাবাদ সুকমা মালকানগিরি বিজয়নগরম পর্যন্ত বিস্তৃত। অন্যদিকে, অক্ষরেখাটির একটি অংশ ইসলামপুরেই থমকে রয়েছে।

    উত্তরে চলছে বৃষ্টি

    দক্ষিণে বৃষ্টির (Rainfall) দেখা না মিললেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে ভিজবে উত্তরবঙ্গ। উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস (Weather Update) মিলেছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জেলাতে ভারী বৃষ্টির সঙ্গে দমকা বাতাস বইতে পারে। মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও ঝোড়ো হাওয়ার সঙ্গে ষ্টির পূর্বাভাস রয়েছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Rekha Patra: “গণনাকেন্দ্র হয়ে উঠেছিল তৃণমূলের পার্টি অফিস”, হারের পর তোপ রেখা পাত্রের

    Rekha Patra: “গণনাকেন্দ্র হয়ে উঠেছিল তৃণমূলের পার্টি অফিস”, হারের পর তোপ রেখা পাত্রের

    মাধ্যম নিউজ ডেস্ক: সন্দেশখালির প্রতিবাদী মুখ রেখা পাত্রকে (Rekha Patra) লোকসভার ভোটে প্রার্থী করে বিরাট চমক দিয়েছিল বিজেপি। কিন্তু তৃণমূলের প্রার্থী হাজি নুরুলের কাছে ৩ লক্ষের বেশি ভোটে হারতে হয়েছে। রেখার নির্বাচনী প্রচার ছিল বিরাট জমজমাট। দেশের প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী তাঁর সমর্থনে একাধিক সভায় সন্দেশখালিতে অত্যাচারের কথা তুলে ধরেছিলেন। একই সঙ্গে তৃণমূল নেতা শেখ শাহজাহানের অত্যাচারের বিরুদ্ধে বিজেপি তীব্র আক্রমণ করেছিল। কিন্তু তবুও বিজেপি জয়ী হতে পারেনি বসিরহাট লোকসভা কেন্দ্রে। তাহলে পরাজয়ের কারণ কী ছিল? বিজেপি নেত্রী রেখা পাত্র বলেছেন, “এই ফলাফলে বিরাট চক্রান্ত করা হয়েছে। আমাদের কাউন্টিং এজেন্টদের বের করে দেওয়া হয়েছিল। গণনাকেন্দ্র হয়ে উঠেছিল তৃণমূলের পার্টি অফিস। আমরা এই নিয়ে আদালতের দ্বারস্থ হব।”

    কী বললেন রেখা পাত্র (Rekha Patra)?

    সন্দেশখালির বিজেপি নেত্রী রেখা পাত্র (Rekha Patra) বলেছেন, “আমি পালিয়ে যাইনি। একটা সমস্যা হয়েছিল সেই জন্য ১০ মিনিটের জন্য বাইরে বেরিয়েছিলাম। সেটাকে তৃণমূল, রেখা পাত্র পালিয়েছে বলে মিথ্যা প্রচার করেছে। তৃণমূল কারচুপি করেছে। মিথ্যা খেলায় বুক বেঁধেছে ওরা। ২০২১ সাল থেকে রাজ্যে বিজেপিকে হারাতে এই অপচেষ্টা করছে তৃণমূল। প্রধানমন্ত্রী, বিরোধী দলনেতাকে ছোট করার জন্য প্ল্যানিং করে হারানো হয়েছে। এই হার, পরাজয় হিসাবে মানছি না। যত‌ই মিথ্যা আশায় বুক বাঁধুন। বেশিদিন বুক বেঁধে থাকতে পারবেন না।”

    আরও পড়ুনঃ লোকসভার নিরিখে বিধানসভায় বিজেপির আসন সংখ্যা কত দাঁড়াল জানেন?

    আর কী বললেন রেখা?

    এলাকায় রেখা নেই বলে তৃণমূল অপপ্রচার করলে, মুখের উপর জবাব দিয়ে রেখা (Rekha Patra) বলেন, “আমি চোর নই যে লুকিয়ে থাকব। সময় হলেই আমি যাবো সন্দেশখালি। এই লড়াইকে শক্তিশালী করতে আমি মানুষের পাশে দাঁড়াব। তৃণমূল আমার যে কর্মীদের উপর ভোট পরবর্তী সন্ত্রাস চালাচ্ছে, তাঁদের পাশে আমি দাঁড়িয়েছি। অনেক কর্মী ঘর ছাড়া হয়েও বিজেপি করছেন, তাঁদের আমি কৃতজ্ঞতা জানাই। যেখানে যেখানে অত্যাচার হবে আমি সেখানে সেখানে যাব। একটা বড় প্ল্যানিং করে আমাকে হারানো হয়েছে। রাজনীতিতে যখন এসেছি, আমি রাজনীতিতে থাকব।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Bangladesh MP Murder Case: বাগজোলা খাল থেকে উদ্ধার হাড়গোড়! বাংলাদেশের সাংসদ খুনে নয়া মোড়?

    Bangladesh MP Murder Case: বাগজোলা খাল থেকে উদ্ধার হাড়গোড়! বাংলাদেশের সাংসদ খুনে নয়া মোড়?

    মাধ্যম নিউজ ডেস্ক: বাংলাদেশের সাংসদ আনোয়ারুল আজিম খুনের (Bangladesh MP Murder Case) তদন্তে এবার চাঞ্চল্যকর মোড়। এই খুনের ঘটনায় ধৃত মহম্মদ সিয়াম হোসেনকে জেরা করে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে এবার বাগজোলা খাল (Bagjola Canal) থেকে হাড়গোড় উদ্ধার করল সিআইডি। নিউটাউনে বাংলাদেশের সাংসদ খুনে ধৃত সিয়ামকে নিয়ে সিআইডি ভাঙড়ের সাতুলিয়া এলাকায় বাগজোলা খালে তল্লাশি শুরু করে সিআইডি। সঙ্গে ছিল নৌসেনা এবং কলকাতা পুলিশের ডিএমজি টিম। ডুবুরি নামিয়ে চলছিল তল্লাশি। সেখানেই উদ্ধার হয় বেশ কিছু হাড়। 

    ঠিক কী ঘটেছিল? (Bangladesh MP Murder Case) 

    রবিবার সকালে সিয়ামকে নিয়ে ভাঙড় এলাকায় পৌঁছে বাগজোলা খালের (Bagjola Canal) কাছে আসেন সিআইডি আধিকারিকেরা। এলাকা শনাক্তকরণের পরেই ডুবুরি নামিয়ে তল্লাশি চালানো হয়। সূত্রের খবর, তল্লাশির পর একটি ঝোপের পাশ থেকে হাড়গোড়গুলি উদ্ধার করা হয়। হাড়গুলি প্রাথমিক ভাবে দেখে অনুমান, সেগুলি মানুষেরই। তবে, সেই হাড় বাংলাদেশের সাংসদেরই কি না তা এখনও স্পষ্ট নয়। ফরেন্সিক পরীক্ষার পরেই  তা জানা যাবে। অর্থাৎ বাংলাদেশের সাংসদ খুনে এবার আরও এক বড় সূত্র পেতে চলেছে সিআইডি।
    এর আগে এই ঘটনার (Bangladesh MP Murder Case) তদন্তে নেমে কিছু মাংসের টুকরো উদ্ধার করেছিলেন তদন্তকারীরা। এবার উদ্ধার হল কিছু হাড়। এই হাড় এবং মাংসপিণ্ড বাংলাদেশের সাংসদের কিনা তা জানার জন্য তলব করা হয়েছে তাঁর মেয়েকে। তিনি এসে ডিএনএ স্যাম্পেল দিলে তা পরীক্ষা করে দেখা হবে।

    আরও পড়ুন: কেন্দ্রীয় নিরাপত্তা পেলেন কার্তিক মহারাজ! ভারত সেবাশ্রমের সন্ন্যাসীর নিরাপত্তায় ৪ জওয়ান

    কলকাতায় চিকিৎসা করাতে এসে গত ১৩ মে বাংলাদেশের সাংসদ রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গিয়েছিলেন। এরপর তদন্তে নেমে একের পর এক তথ্য সামনে উঠে আসে। এখনও পর্যন্ত সিআইডি সূত্রে যা জানা গিয়েছে, তাতে ঝিনাইদহের সাংসদকে নিউটাউনের ফ্ল্যাটে খুনের (Bangladesh MP Murder Case) পর হাড়-মাংস আলাদা করা হয়। তারপর প্যাকেটবন্দি করে সেগুলি নিয়ে যাওয়া হয়েছিল ভাঙড়ের উত্তর কাশীপুর থানা এলাকায়। পরে, প্যাকেট থেকে বের করে হাড়-মাংস ছড়িয়ে দেওয়া হয়েছিল বাগজোলা খালে (Bagjola Canal)। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Kartik Maharaj: কেন্দ্রীয় নিরাপত্তা পেলেন কার্তিক মহারাজ! ভারত সেবাশ্রমের সন্ন্যাসীর নিরাপত্তায় ৪ জওয়ান

    Kartik Maharaj: কেন্দ্রীয় নিরাপত্তা পেলেন কার্তিক মহারাজ! ভারত সেবাশ্রমের সন্ন্যাসীর নিরাপত্তায় ৪ জওয়ান

    মাধ্যম নিউজ ডেস্ক: লোকসভা ভোটের মাঝেই আচমকা চর্চায় উঠে এসেছিল মুর্শিদাবাদের (Murshidabad) কার্তিক মহারাজ (Kartik Maharaj) ওরফে স্বামী প্রদীপ্তানন্দের নাম। তাঁর বিরুদ্ধে রাজনৈতিক পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটের আবহ মিটতেই এবার সেই কার্তিক মহারাজ কেন্দ্রীয় নিরাপত্তা পেতে চলেছেন। সূত্রের খবর, এ বার থেকে তাঁর নিরাপত্তার দায়িত্বে থাকবেন কেন্দ্রীয় বাহিনীর চার জওয়ান।  

    মুখ্যমন্ত্রীর অভিযোগ

    লোকসভা ভোটের মধ্যে গত ১৮ মে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরামবাগের সভা থেকে সরাসরি কার্তিক মহারাজের (Kartik Maharaj) নাম উল্লেখ করে বলেছিলেন, “আমি ভারত সেবাশ্রম সংঘকে অনেক সম্মান করতাম, কিন্তু যে লোকটা তৃণমূলের এজেন্টকে বসতে দেন না তাঁকে আমি সাধু বলে মনে করি না।  তার কারণ, সে ‘ডাইরেক্ট পলিটিক্স’ করে দেশটার সর্বনাশ করছে।” মমতা এও বলেন, “সব সজ্জন সমান হয় না। সব সাধুও সমান নয়। আমাদের মধ্যেই কি সবাই সমান আছেন? আমি আইডেনটিফাই করেছি বলেই বলছি।”

    ঠিক কী ঘটেছিল? (Kartik Maharaj) 

    এর পরেই বিষয়টি নিয়ে সরব হন মহারাজ। বিতর্কিত মন্তব্যের অভিযোগে মুখ্যমন্ত্রীকে আইনি চিঠিও পাঠিয়েছিলেন। তাঁর দাবি, মুখ্যমন্ত্রীর বক্তব্যের কোনও সারবত্তা নেই। ওই বক্তব্যে তাঁর ‘মানহানি’ হয়েছে বলে চিঠিতে উল্লেখ করেছিলেন কার্তিক মহারাজ। সম্মানহানির চেষ্টায় মুখ্যমন্ত্রী ‘অসত্য’ এবং ‘বিভ্রান্তিকর’ মন্তব্য করেছেন বলেও অভিযোগ করেছিলেন ভারত সেবাশ্রম সঙ্ঘের ওই সন্ন্যাসী।
    এরপর মুখ্যমন্ত্রীর মন্তব্যের পরিপ্রেক্ষিতে বিতর্কের আবহে কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হয়ে নিরাপত্তা চেয়েছিলেন কার্তিক মহারাজ (Kartik Maharaj)। তিনি দাবি করেছিলেন, ভারত সেবাশ্রম সঙ্ঘের আশ্রমে হামলা হতে পারে। আশ্রম ভেঙে গুঁড়িয়ে দেওয়া হবে বলে একটি হুমকি-চিঠিও তিনি পেয়েছেন বলে আদালতে জানিয়েছিলেন কার্তিক মহারাজ। তাই ভোট মিটতেই তাঁর নিরাপত্তার ব্যবস্থা করা হল। 

    কার্তিক মহারাজের মন্তব্য (Kartik Maharaj) 

    এ প্রসঙ্গে, কার্তিক মহারাজ বলেন, ‘‘আমার আশ্রমে দুহাজারেরও বেশি ছাত্রছাত্রী রয়েছে। অভিভাবকেরা এই পরিবেশে নিরাপত্তাহীনতায় ভুগছিলেন। আমি তাঁদের কথা ভেবে নিরাপত্তার আবেদন করেছিলাম। আবেদন মঞ্জুর হওয়ায় অভিভাবকেরা খুব খুশি। আমিও খানিকটা আশ্বস্ত। তবে সন্ন্যাসী মানুষ হিসাবে আমার নিরাপত্তাহীনতা কিংবা বাড়তি নিরাপত্তার কোন লালসা নেই।’’

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

LinkedIn
Share