Category: রাজ্য

Get West Bengal News, Bengali Breaking News, Latest News in Bengali only from মাধ্যম | Madhyom, Bengali News Portal for সম্পূর্ণ নিরপেক্ষ বাংলা সংবাদ, বাংলা খবর

  • WBSSC Recruitment: এসএসসির শিক্ষক নিয়োগ, ৩৫ হাজার পদে এখনও পর্যন্ত আবেদন পার সাড়ে পাঁচ লাখ

    WBSSC Recruitment: এসএসসির শিক্ষক নিয়োগ, ৩৫ হাজার পদে এখনও পর্যন্ত আবেদন পার সাড়ে পাঁচ লাখ

    মাধ্যম নিউজ ডেস্ক: পশ্চিমবঙ্গের সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিতে ৩৫৭২৬টি সহকারী শিক্ষক পদের জন্য আবেদন করেছেন সাড়ে পাঁচ লক্ষেরও বেশি পরীক্ষার্থী (WBSSC Recruitment)। এই তথ্য জানিয়েছে স্কুল সার্ভিস কমিশন। প্রসঙ্গত, গত ১৬ জুন অনলাইন আবেদন প্রক্রিয়া চালু করেছে এসএসসি। মূল সময়সীমা ১৪ জুলাই থাকলেও পরে তা বাড়িয়ে ২১ জুলাই পর্যন্ত করা হয়েছে। জানা গিয়েছে, ১৩ জুলাই পর্যন্ত সাড়ে চার লক্ষ আবেদন জমা পড়েছিল। তিন দিনের মধ্যে সংখ্যা আরও ১ লক্ষ বেড়ে গিয়েছে (WBSSC Recruitment Drive)।

    ৯ জুলাই হাইকোর্ট ভর্ৎসনা করে মমতা সরকারকে

    এসএসসির কর্মকর্তাদের মতে, সাম্প্রতিক দিনগুলোতে আবেদনের সংখ্যা উল্লেখযোগ্য। প্রসঙ্গত, গত ৯ জুলাই কলকাতা হাইকোর্ট ভর্ৎসনা করে রাজ্য সরকারকে এবং সাফ জানিয়ে দেয় যে চিহ্নিত অযোগ্যদের কোনওভাবেই নতুন নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া যাবে না। প্রসঙ্গত, গত এপ্রিল মাসে ২৫,৭৫৩ জন শিক্ষক ও শিক্ষাকর্মীর নিয়োগ বাতিল করে সুপ্রিম কোর্ট। এই বাতিলের ক্ষেত্রে হাইকোর্টের রায়কে বহাল রাখে সুপ্রিম কোর্ট। এক্ষেত্রে ২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়াকে (WBSSC Recruitment) সম্পূর্ণভাবে বাতিল বলে ঘোষণা করে শীর্ষ আদালত (WBSSC Recruitment Drive)।

    কী বলছেন চাকরি হারা শিক্ষিকা?

    নতুন এই নিয়োগ প্রক্রিয়ায় পরীক্ষার্থী (WBSSC Recruitment) নিবেদিতা গিন, যাঁর চাকরি গিয়েছে সুপ্রিম কোর্টের রায়ের ফলে, তিনি সংবাদমাধ্যমকে বলেন, “আমি আবেদন করেছি, কিন্তু ফলাফল কী হবে তা আমি সত্যিই বুঝতে পারছি না। শেষবার যখন আমি পরীক্ষা দিয়েছিলাম, তারপর অনেকগুলো বছর কেটে গিয়েছে। যেহেতু আবার আদালত আবেদন করার নির্দেশ দিয়েছে, তাই আমি আবেদন করেছি।”

    অযোগ্যদের জন্য বারবার সওয়াল মমতা সরকারের

    প্রসঙ্গত, গত ৩০ মে আদালতের নির্দেশ অনুসারে এসএসসি নবম-দশম শ্রেণির জন্য ২৩,৩১২টি এবং একাদশ-দ্বাদশ শ্রেণির জন্য ১২,৫১৪টি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি জারি করে। এরপরই অযোগ্যদের (WBSSC Recruitment Drive) পক্ষে বারবার সওয়াল করতে দেখা যায় মমতা সরকারকে (WBSSC Recruitment)। এখানে প্রশ্ন উঠতে থাকে—কেন চিহ্নিত অযোগ্যদের বারবার ঢাল বানাতে চাইছে সরকার? শেষমেষ, হাইকোর্টের নির্দেশে চিহ্নিত অযোগ্যদের আবেদন বাতিল করা হয়।

  • Bengal Dengue: একটানা বৃষ্টিতে রাজ্যে দাপট বাড়ছে ডেঙ্গির, মানছে স্বাস্থ্য দফতর, কিন্তু প্রতিকার কী?

    Bengal Dengue: একটানা বৃষ্টিতে রাজ্যে দাপট বাড়ছে ডেঙ্গির, মানছে স্বাস্থ্য দফতর, কিন্তু প্রতিকার কী?

    তানিয়া বন্দ্যোপাধ্যায় পাল

    গত দুই সপ্তাহ ধরে একটানা বৃষ্টি। রাজ্যের একাধিক জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। মালদা, মুর্শিদাবাদ, পশ্চিম মেদিনীপুর সহ একাধিক জেলায় স্কুল থেকে বসত বাড়ি জলের তলায়! বঙ্গবাসীর দুর্ভোগ বাড়ছে। আর তার মধ্যেই দুশ্চিন্তা বাড়াচ্ছে ডেঙ্গি। গত কয়েক বছরে বর্ষাকালে রাজ্যে ডেঙ্গির প্রকোপ (Bengal Dengue) বাড়ে। একটানা বৃষ্টি আর জমা জলের জেরেই এই সময়ে ডেঙ্গির দাপট বাড়ে। চলতি বছরেও ভোগান্তি বাড়ছে। এমনটাই জানাচ্ছেন চিকিৎসকদের একাংশ। তাঁরা জানাচ্ছেন, রাজ্যের একাধিক জেলায় ডেঙ্গি পরিস্থিতি (Dengue Alert) যথেষ্ট উদ্বেগজনক। যদিও রাজ্যের নগরোন্নয়ন মন্ত্রী এবং কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন, কলকাতায় ডেঙ্গি পরিস্থিতি নিয়ন্ত্রণে। গত কয়েক বছরের তুলনায় চলতি বছরে শহরে ডেঙ্গি সংক্রমণ উল্লেখযোগ্য ভাবে কম। তবে চিকিৎসক মহলের একাংশের আশঙ্কা, কলকাতার কয়েকটি ওয়ার্ড যথেষ্ট বিপজ্জনক। তাই বাড়তি সতর্কতা জরুরি। কলকাতার পাশপাশি হাওড়া, হুগলি এবং মুর্শিদাবাদ, নদিয়ায় মতো জেলার ডেঙ্গি পরিস্থিতি নিয়েও যথেষ্ট আশঙ্কা প্রকাশ করছেন চিকিৎসকদের একাংশ।

    স্বাস্থ্য দফতরের রিপোর্ট কী বলছে?

    স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, হাওড়া, হুগলি এবং উত্তর চব্বিশ পরগনার ডেঙ্গি পরিস্থিতি যথেষ্ট উদ্বেগজনক। জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত পাওয়া রিপোর্ট অনুযায়ী, হাওড়ায় ডেঙ্গি আক্রান্তের (Bengal Dengue) সংখ্যা ২৫০ ছাড়িয়েছে। কলকাতায় প্রায় ১২০ জন ডেঙ্গি আক্রান্ত হয়েছেন। উত্তর চব্বিশ পরগনায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা দু’শো ছাড়িয়েছে। হুগলিতে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ১৯০ জন। গত এক মাসে মুর্শিদাবাদে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে কমবেশি ১৫০ জন।‌

    স্বাস্থ্য দফতরের এক কর্তা জানান, বছর প্রথম থেকেই উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, মুর্শিদাবাদ, হাওড়া, হুগলি এবং নদিয়া জেলার উপরে বাড়তি নজরদারি ছিল। এই জেলায় গত কয়েক বছরে ডেঙ্গি পরিস্থিতি (Bengal Dengue) যথেষ্ট উদ্বেগজনক হয়ে উঠেছিল। চলতি বছরেও আক্রান্তের সংখ্যা বাড়ছে। পাশপাশি দুই সপ্তাহ ধরে চলা টানা বর্ষার জেরে পরিস্থিতি আরও জটিল হতে পারে বলেই আশঙ্কা করছেন স্বাস্থ্য প্রশাসনের একাংশ। তাঁরা জানাচ্ছেন, একটানা বৃষ্টির পরে রাজ্যের একাধিক জেলায় জল জমে। আর তখন মশার উপদ্রব বাড়ে। ফলে, ডেঙ্গির দাপটও বাড়ে। আক্রান্তের সংখ্যা বাড়তে থাকে। তাই আগামী কয়েক দিন আরও গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন স্বাস্থ্য কর্তাদের একাংশ।

    হাই অ্যালার্ট জারির পরিকল্পনা স্থানীয় প্রশাসনের

    কলকাতা পুরসভা সূত্রে জানা গিয়েছে, ২৭, ৬৭, ৬৮, ১০১ নম্বর ওয়ার্ড সহ ২০টি ওয়ার্ডে বাড়তি সতর্কতা জারি হয়েছে। এই জায়গাগুলোতে জমা জল সরতে সময় লাগে। তাই মশার উপদ্রব বাড়ার আশঙ্কা বেশি থাকে। ডেঙ্গির প্রকোপ ও বাড়তে পারে বলেই আশঙ্কা করছেন চিকিৎসকদের একাংশ। কলকাতার পাশপাশি বিধাননগর এবং রাজারহাট-গোপালপুর পুরসভার একাধিক জায়গাতেও হাই অ্যালার্ট জারি (Dengue Alert) করার পরিকল্পনা করছে সংশ্লিষ্ট পুরসভা। ডেঙ্গি রুখতে (Bengal Dengue) বৃষ্টি থামার পরেই বাড়তি তৎপরতা প্রয়োজন বলেই জানাচ্ছেন চিকিৎসকদের একাংশ। তাঁরা জানাচ্ছেন, জল জমতে না দেওয়ার উপরে নজরদারি জরুরি। প্রশাসনের তৎপরতা থাকলে তবেই এলাকায় জমা জল থাকবে না। জল জমলে ডেঙ্গি মোকাবিলা কঠিন হয়ে‌ যাবে। আক্রান্তের সংখ্যা বাড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করছেন রাজ্যের চিকিৎসক মহল।

  • Suvendu Adhikari: সরকারেই বাঙালিরা উপেক্ষিত,  কার স্বার্থে আন্দোলন? মমতার রাজনীতি নিয়ে একগুচ্ছ প্রশ্ন শুভেন্দুর

    Suvendu Adhikari: সরকারেই বাঙালিরা উপেক্ষিত,  কার স্বার্থে আন্দোলন? মমতার রাজনীতি নিয়ে একগুচ্ছ প্রশ্ন শুভেন্দুর

    মাধ্যম নিউজ ডেস্ক: ভোটের আগে বাঙালি অস্মিতা নিয়ে নতুন রাজনীতি শুরু করেছে তৃণমূল। এর পিছনে অন্য উদ্দেশ্য লুকিয়ে আছে। বুধবার এমনই অভিযোগ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এতই যদি বাঙালিদের সম্মান নিয়ে চিন্তিত হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তাহলে কেন যোগ্য বাঙালি দক্ষ অফিসারদের প্রশাসনিক ক্ষেত্রে উপেক্ষা করা হচ্ছে তা নিয়েও প্রশ্ন তুললেন তিনি। ভিন রাজ্যে বাঙালি হেনস্থার অভিযোগে তৃণমূল পথে নেমেছে বুধবার। ঠিক তখনই মমতার বিরুদ্ধে চাঁচাছোলা ভাষায় আক্রমণ শানিয়ে শুভেন্দু (Suvendu Adhikari) বলেন, “মমতা হাঁটছে রোহিঙ্গা মুসলমানদের সাপোর্ট করে। কোনও রোহিঙ্গা মুসলমানের নাম ভোটার লিস্টে থাকতে পারে না। বিহারে যদি ৩০ লাখ বাদ চলে যায়, এখানে ৯০ লক্ষ আছে।”

    প্রশাসনিক পদে বাঙালিদের অবহেলা কেন

    বছর ঘুরলে বিধানসভা ভোট। ভিন রাজ্যে বাংলাভাষী শ্রমিকদের হেনস্থা, এই অভিযোগে বুধবার শহরে মিছিল করেন মুখ্যমন্ত্রী। বাঙালি অস্মিতা নিয়ে শাসকদলকে পাল্টা নিশানা করলেন বিরোধী দলনেতা। তৃণমূলের পথে নামার আগেই এক্স হ্যান্ডলে পোস্ট করলেন শুভেন্দু অধিকারী। সোশাল মিডিয়ায় একগুচ্ছ প্রশ্ন তুলেছেন তিনি। শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) লিখেছেন, “বাঙালি অস্মিতার রাজনৈতিক ভাষ্য তৈরি করতে উদ্যত তৃণমূল কংগ্রেস। কাদের স্বার্থে? বাংলাভাষী রোহিঙ্গাদের স্বার্থে? নাকি বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলিমদের স্বার্থে? দুর্নীতির জন্যে শিক্ষকতার চাকরি হারিয়ে রাজপথে বাংলা ভাষায় আর্তনাদ করছে, তাঁদের কথা কানে পৌঁছচ্ছে না কেন? আপনার সরকার ও প্রশাসন যোগ্য ও দক্ষ বাঙালি অফিসার থাকা সত্ত্বেও তাঁদের উপেক্ষা করে। বাইরের লোকেদের খোঁজে, যারা শুধুমাত্র আপনাদের কথায় উঠবে বসবে, তখন কোথায় যায় বাঙালি অস্মিতা? কেন অত্রি ভট্টাচার্য এবং সুব্রত গুপ্ত উপেক্ষিত হলেন এবং মনোজ পন্থকে মুখ্যসচিব করা হল? তিনি আবার এই দুই যোগ্য বাঙালি অফিসারের তুলনায় জুনিয়র। কেন পশ্চিমবঙ্গের সবথেকে সিনিয়র আইপিএস অফিসার সঞ্জয় মুখোপাধ্যায়কে উপেক্ষা করা হয়েছে? কেন ভিনরাজ্য থেকে আসা তাঁর জুনিয়র রাজীব কুমারকে ডিজিপি পদে বসানো হয়েছে?”

    বাংলায় বাদ যাবে ৯০ লক্ষ ভোটার

    বিজেপি বিধায়ক সরাসরি দাবি করেছেন, “মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে চিনে গেছেন। ভোট ছাড়া তাঁর কাছে আর কিছু গুরুত্বপূর্ণ নয়। বাঙালি অস্মিতার মোড়কে আসলে পাহাড়প্রমাণ দুর্নীতি থেকে নজর ঘোরানোর চেষ্টা চলছে।” শুভেন্দুর দাবি, শেষ জনগণনায় দেখা যাচ্ছে জাতীয় গড়ের থেকে পশ্চিমবঙ্গের গ্রোথ ১০ শতাংশ বাড়ানো। আর ভোটার তালিকায় ১৬ থেকে ২৫। সাংবাদিক বৈঠকে একেবারে পরিসংখ্যান তুলে ধরে শুভেন্দু বলেন, “জাতীয় গ্রোথ যেখানে ৭ শতাংশ, সেখানে ৯টি বাংলাদেশ বর্ডার জেলায় গড় বৃদ্ধি ২০ থেকে ৩০ শতাংশ। ২০১৪ থেকে ২০২৪ মমতার আমলে মেখলিগঞ্জে ২৪.৭৭ শতাংশ বৃদ্ধি। মাথাভাঙায় ২১.৭৯। কোচবিহার উত্তর ১৯.৫৯, কোচবিহার দক্ষিণ ১৯.৭৯, শীতলকুচি ২৪.৬২, দিনহাটা ২৫.৯৩, নাটাবাড়ি, তুফানগঞ্জ. কুমারগ্রামে ২১.১০।” এরপরই আক্রমণের ধার আরও বাড়িয়ে বলেন, “রোহিঙ্গা মুসলমানদের হাতে বাংলা যেতে দেওয়া হবে না। কোনও ভারতীয় হিন্দু-মুসলিম-শিখ-খ্রিস্টান, জৈন, পারসি, বৌদ্ধদের বিরুদ্ধে আমাদের কোনও অভিযোগ নেই। সব ধর্মের লোক থাকবে। কিন্তু কোনও রোহিঙ্গা মুসলমানদের নাম ভোটার তালিকায় থাকবে না।”

    বিএসএফ-এর দায় নেই

    মমতা যখন অনুপ্রবেশ নিয়ে বিএসএফ-এর দিকে দায় ঠেলছেন সেই সময় শুভেন্দু কিন্তু অন্য চাল দিয়েছেন। এদিন তিনি বলেন, ‘মুখ্যমন্ত্রী বলছেন অনুপ্রবেশ বিএসএফ-এর দায়িত্ব। আমি বলছি, আপনি কেন্দ্রকে ৫৪০ কিলোমিটার জায়গা দেননি কেন? ২০১৬ সাল থেকে বারংবার ভারত সরকার স্বরাষ্ট্র দফতর এবং অনুরোধ করা সত্ত্বেও। আপনি বিএসএফ-কে সম্পূর্ণ জমি দিয়ে, তাতে কাঁটাতার লাগানোর সময় দিয়ে, তারপর বিএসএফ-র দিকে আঙুল তুলুন। আমরাও না হয় তখন সমর্থন করব।’

     

     

  • PM Modi: তৃণমূলকে মাত দিতে ১৮ জুলাই দুর্গাপুরে প্রধানমন্ত্রী, জানুন তাঁর কর্মসূচি

    PM Modi: তৃণমূলকে মাত দিতে ১৮ জুলাই দুর্গাপুরে প্রধানমন্ত্রী, জানুন তাঁর কর্মসূচি

    মাধ্যম নিউজ ডেস্ক: ২১ জুলাই ধর্মতলায় সমাবেশ তৃণমূলের। ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে ওই জনসভায়ই ভোটের বাদ্যি বাজিয়ে দেবে তৃণমূল। তবে ঘাসফুল শিবিরকে সেই সুযোগ দেবে না পদ্ম শিবির (BJP)। তৃণমূলের সেই জনসমাবেশের ঠিক তিন দিন আগেই রাজ্যে প্রধানমন্ত্রীকে এনে বিপক্ষ দলকে মাত দিতে চাইছে বিজেপি। ১৮ জুলাই রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। এবার তিনি সভা করবেন দক্ষিণবঙ্গে, দুর্গাপুরে। প্রধানমন্ত্রীর সফর নিয়ে কার্যত ফুটছে বঙ্গ বিজেপি শিবির।

    নজরে দক্ষিণবঙ্গ (PM Modi)

    পদ্ম শিবির সূত্রে খবর, ১৮ জুলাই পশ্চিমবঙ্গে আসছেন প্রধানমন্ত্রী। এর আগে তিনি এসেছিলেন উত্তরবঙ্গে, আলিপুরদুয়ারে। সেখানেও সভা করেছিলেন তিনি। এবার নজরে দক্ষিণবঙ্গ। প্রধানমন্ত্রী যেদিন পশ্চিমবঙ্গ সফরে আসছেন, সেই দিনই বিহারেও বেশ কিছু কর্মসূচি রয়েছে তাঁর। বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য জানান, ১৮ জুলাই দুপুরে অন্ডাল বিমানবন্দরে অবতরণ করবে প্রধামন্ত্রীর বিমান। সেখান থেকে তিনি সোজা যাবেন নেহরু স্টেডিয়ামে। সেখানেই এক জনসভায় ভাষণ দেবেন তিনি।

    ছাব্বিশের বিধানসভা নির্বাচন

    রাজনৈতিক শিবিরের ধারণা, ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দলীয় সংগঠনকে শক্তিশালী করা ও প্রস্তুতির বার্তা দেওয়ার লক্ষ্যেই মোদির এই পশ্চিমবঙ্গ সফর। বিজেপির তরফে এ রাজ্যে প্রধানমন্ত্রীর কর্মসূচি প্রকাশ করা হয়েছে। জানা গিয়েছে, শুক্রবার বেলা ১টা ৪৫ মিনিটের বিমানে বিহারের দ্বারভাঙা বিমানবন্দর থেকে দুর্গাপুরের উদ্দেশে রওনা দেবেন তিনি। বেলা ২টো ৪৫ মিনিট নাগাদ দুর্গাপুরের অন্ডাল বিমানবন্দর থেকে নেমে তিনি রওনা দেবেন পরবর্তী সরকারি কর্মসূচিতে যোগ দিতে। বেলা তিনটে থেকে সাড়ে তিনটে পর্যন্ত দুর্গাপুরের বিভিন্ন সরকারি প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। ৩টে ৪০ মিনিট নাগাদ তিনি উপস্থিত হবেন নেহরু স্টেডিয়ামের জনসভায়। বিকেল ৫টা নাগাদ সেখান থেকে দিল্লির উদ্দেশে রওনা দেবেন প্রধানমন্ত্রী।

    তৃণমূলকে উৎখাত করতে ঘুঁটি সাজাচ্ছে পদ্ম শিবির

    রাজনৈতিক মহলের মতে, ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে রাজ্য থেকে তৃণমূলকে উৎখাত করতে ঘুঁটি সাজাচ্ছে পদ্ম শিবির। সেই কারণেই বদল করা হয়েছে রাজ্য সভাপতি। বিজেপির (BJP) অধ্যাপক নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারকে সরিয়ে ওই পদে বসানো হয়েছে শমীক ভট্টাচার্যকে। এবার স্বয়ং প্রধানমন্ত্রীকে (PM Modi) নিয়ে এসে ছাব্বিশের ভোটের আগে ওয়ার্মআপ ম্যাচ সেরে নিতে চাইছে গেরুয়া শিবির। বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় বলেন, “এটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রুটিন সফর হলেও, রাজ্যে রাজনৈতিক বার্তা দেওয়ার গুরুত্ব রয়েছে এই সফরে। আমরা চাই, ২১ জুলাইয়ের আগে বাংলার মাটিতে তিনি (প্রধানমন্ত্রী) একটি শক্তিশালী বার্তা দিয়ে যান।”

    প্রধানমন্ত্রীর রোড-শো

    বিজেপি সূত্রে খবর, প্রধানমন্ত্রীর এবারের কর্মসূচিতে রোড-শো নেই। তবে তাঁর যাত্রাপথ এমন ভাবে সাজানো হয়েছে যে, অন্ডাল বিমানবন্দর থেকে নেহরু স্টেডিয়ামে যাওয়ার শেষ তিন কিলোমিটার পথ তিনি করতে পারেন রোড-শো। এই পথের দূরত্ব ১৫ কিলোমিটার। শেষ তিন কিলোমিটার জনসংযোগ করবেন প্রধানমন্ত্রী। পদ্ম শিবির সূত্রে খবর, ওই তিন কিলোমিটার পথের দু’পাশে জড়ো হবেন বিজেপি কর্মী-সমর্থকরা। দলীয় পতাকা, ফ্লেক্স, ফেস্টুন, ব্যানারে সাজানো হবে ওই রাস্তাটা। প্রধানমন্ত্রীর (PM Modi) কনভয় যখন ওই এলাকা দিয়ে যাবে, তখন রাস্তার দুপাশে উপস্থিত জনতা পুষ্পবৃষ্টি করবে। যদিও প্রধানমন্ত্রী কনভয় থেকে নামবেন না। তবে এই ধরনের জমায়েত দেখলে গাড়িতে বসেই করজোড়ে এবং সহাস্য শুভেচ্ছা গ্রহণ করতে করতেই এগোন প্রধানমন্ত্রী। অনেক সময় গাড়ির দরজা খুলে পাদানিতে দাঁড়িয়ে জনতার উদ্দেশে হাতও নাড়তে দেখা গিয়েছে তাঁকে। বিজেপি সূত্রে খবর, তেমন কোনও উপায়েই নেহরু স্টেডিয়ামে আয়োজিত জনসভায় ঢোকার আগে প্রধানমন্ত্রী একপ্রস্ত জনসংযোগ সেরে নেবেন।

    গুচ্ছ সরকারি কর্মসূচির উদ্বোধন

    প্রধানমন্ত্রী এদিন (BJP) দুর্গাপুরে একগুচ্ছ সরকারি কর্মসূচির উদ্বোধনও করবেন। এর মধ্যে রয়েছে দুর্গাপুর থেকে কলকাতা গ্যাস পাইপলাইন পরিষেবা। বাঁকুড়া ও পুরুলিয়ায় গ্যাস বিতরণ প্রকল্পের পাশাপাশি রঘুনাথপুরে এবং মেজিয়ায় তাপ বিদ্যুৎ প্রকল্পের একাংশ। এছাড়াও একাধিক প্রকল্পের শিলান্যাসও করবেন তিনি। সব মিলিয়ে প্রধানমন্ত্রী এদিন সাড়ে ৫ থেকে ৬ হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। প্রসঙ্গত, গত ২৯ মে আলিপুরদুয়ারে জনসভা করেছিলেন প্রধানমন্ত্রী। সেই সময়ই বিজেপির তৎকালীন রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত বলেছিলেন, “এখন থেকে প্রতি মাসে একবার করে বাংলায় আসবেন প্রধানমন্ত্রী (PM Modi)।” সেই মতো প্রধানমন্ত্রীর পশ্চিমবঙ্গ সফর হওয়ার কথা ছিল জুনে। তবে ঠাসা কর্মসূচির কারণে ওই মাসে এ রাজ্যে আসতে পারেননি তিনি। তাই আসছেন জুলাইয়ে। এরপর ফের অগাস্টে বঙ্গ সফরে আসতে পারেন প্রধানমন্ত্রী।

    প্রধানমন্ত্রীর কর্মসূচির প্রস্তুতিপর্ব খতিয়ে দেখতে দুর্গাপুরে ঘাঁটি গেড়েছেন বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনশল, রাজ্য সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়। তাঁদের (BJP) সঙ্গে রয়েছেন দুই সাংসদ সৌমিত্র খাঁ এবং সৌমেন্দু অধিকারী-সহ বিজেপির অন্য নেতারা (PM Modi)।

  • TMC: বিজেপি কর্মী অভিজিৎ সরকার খুনে কাঠগড়ায় ৩ তৃণমূল নেতা, আগাম জামিনের আবেদন

    TMC: বিজেপি কর্মী অভিজিৎ সরকার খুনে কাঠগড়ায় ৩ তৃণমূল নেতা, আগাম জামিনের আবেদন

    মাধ্যম নিউজ ডেস্ক: একুশের বিধানসভা নির্বাচনের আগে-পরে ব্যাপক রক্ত ঝরেছিল পশ্চিমবঙ্গে। বিরোধীদের ওপর প্রচুর অত্যাচার হয়েছিল বলেও অভিযোগ। এই নির্বাচনের ফল ঘোষণার দিনই রাতে খুন হন বেলেঘাটার বিজেপি কর্মী অভিজিৎ সরকার।

    খুনের ঘটনায় কাঠগড়ায় তৃণমূলের ৩ (TMC)

    এই খুনের ঘটনায় নাম জড়ায় বেলেঘাটার বিধায়ক তৃণমূলের (TMC) পরেশ পাল, কলকাতা পুরসভার মেয়র পারিষদ (বস্তি) তৃণমূলের স্বপন সমাদ্দার এবং ৩০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তৃণমূলেরই পাপিয়া ঘোষ। সেজন্য কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) আগাম জামিনের আবেদন করেন তাঁরা। তৃণমূলের এই নেতাদের আইনজীবীদের পক্ষ থেকে জানানো হয়েছে, এই মামলায় রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই তাঁদের নাম জড়ানো হয়েছে। তদন্তে সহযোগিতা করার ইচ্ছে থাকলেও, সিবিআই হঠাৎই তাঁদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করায় তাঁরা আদালতের কাছে আগাম জামিনের আবেদন করেন। প্রসঙ্গত, সিবিআই ইতিমধ্যেই ওই তিন তৃণমূল নেতাকে ১৮ জুলাইয়ের মধ্যে হাজিরা দেওয়ার জন্য নোটিশ দিয়েছে। আদালত সূত্রে খবর, ১৬ জুলাই বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে ওই তৃণমূল নেতাদের আগাম জামিনের আবেদনের শুনানি হতে পারে।

    বিজেপি কর্মী খুনে অভিযুক্ত তাঁরা

    কলকাতার বেলেঘাটার বাসিন্দা অভিজিৎ বিজেপির সক্রিয় কর্মী ছিলেন। একুশের বিধানসভা নির্বাচনের ফল বের হয় ২ মে। তার পরেই কলকাতার বেশ কয়েকটি এলাকায় হিংসার ঘটনা ঘটে। সেই সময় ফেসবুক লাইভে এসে অভিজিৎ অভিযোগ করেন, তাঁর বাড়ি ও পোষ্যদের ওপর আক্রমণ করা হয়েছে। এরই কয়েক ঘণ্টার মধ্যেই উদ্ধার হয় তাঁর মৃতদেহ। তাতেই নাম জড়ায় ওই তিন তৃণমূল নেতার। খুনের প্রেক্ষিতে অভিজিতের পরিবারের পক্ষ থেকে সিবিআই তদন্তের দাবি জানানো হয় কলকাতা হাইকোর্টে। আদালতের নির্দেশে তদন্তভার পায় কেন্দ্রীয় তদন্তকারী এই সংস্থা (TMC)। সম্প্রতি চার্জশিট দাখিল করে সিবিআই। সেখানেই উল্লেখ করা হয়েছে পরেশ, স্বপন এবং পাপিয়ার নাম।

    বিজেপি নেতৃত্বের অভিযোগ, এই খুনের ঘটনায় জড়িত শাসক দল তৃণমূলের একাধিক নেতাকে বাঁচানোর চেষ্টা করা হচ্ছে দীর্ঘ দিন ধরে। কিন্তু শেষমেশ সামনে আসছে সত্য। উল্লেখ্য, এর আগে ব্যাংকশাল কোর্টে হাজিরা এড়িয়েছিলেন (Calcutta High Court) তৃণমূলের এই তিন অভিযুক্ত নেতা (TMC)।

  • Weather Update: নিম্নচাপের প্রভাব! কলকাতা-সহ দক্ষিণবঙ্গে আরও দু-দিন বৃষ্টির পূর্বাভাস

    Weather Update: নিম্নচাপের প্রভাব! কলকাতা-সহ দক্ষিণবঙ্গে আরও দু-দিন বৃষ্টির পূর্বাভাস

    মাধ্যম নিউজ ডেস্ক: ভরা বর্ষায় নিম্নচাপের জেরে মঙ্গলবারও গাঙ্গেয় পশ্চিমবঙ্গে সকাল থেকেই চলছে বৃষ্টি। মঙ্গলবার রাজ্যের ১১ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে ৩০-৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরের জেলাগুলিতেও। আবহাওয়াবিদরা জানিয়েছেন, বুধবার এই নিম্নচাপের প্রভাব কমবে। মঙ্গলবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে সামান্য কম। একটানা বৃষ্টিতে কলকাতার নীচু এলাকায় জল জমে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে।

    দক্ষিণ-পূর্ব গাঙ্গেয় পশ্চিমবঙ্গে গভীর নিম্নচাপ

    হাওয়া অফিস সূত্রে খবর, দক্ষিণ-পূর্ব গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশ অবস্থান করছে গভীর নিম্নচাপ। এটির অভিমুখ রয়েছে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে। এটি কলকাতার ৯০ কিলোমিটার উত্তরে রয়েছে। আর বর্ধমান থেকে ৫০ কিলোমিটার পূর্বে রয়েছে। আগামী ২৪ ঘণ্টায় এটি গাঙ্গেয় পশ্চিমবঙ্গ অতিক্রম করবে পশ্চিম ও উত্তর-পশ্চিম অভিমুখে। এদিকে বঙ্গোপসাগরের নিম্নচাপের উপর মৌসুমী অক্ষরেখা। উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকায় রয়েছে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব। যার প্রভাবে আজ মঙ্গলবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে।

    সপ্তাহান্তে উত্তরবঙ্গে প্রবল বৃষ্টি

    আজ উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলার কিছু অংশে। উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গে লক্ষ্যনীয়ভাবে বৃষ্টি বাড়বে এই সপ্তাহের শেষে। ১৯ ও ২০ জুলাই অর্থাৎ শনি ও রবিবার উত্তরবঙ্গে ভারী বৃষ্টি হতে পারে একাধিক জেলায়।

    কলকাতার আবহাওয়া

    হাওয়া অফিস বলছে, এদিনও কলকাতায় মূলত মেঘলা আকাশ। দিনভর কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী দু-তিন ঘণ্টায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির সতর্কতা রয়েছে। এ দিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৯ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। আজ শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৬.১ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ০.৮ ডিগ্রি কম। গতকাল, সোমবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৪ ডিগ্রি সেলসিয়াস। বুধবারও কলকাতা-সহ দক্ষিণের সব জেলায় ঝড়-বৃষ্টির জন্য সতর্কতা জারি করা হয়েছে ৷ দক্ষিণবঙ্গে আগামী রবিবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। তবে বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত জেলাগুলিতে বৃষ্টির দাপট কমবে। বুধবার নিম্নচাপ ঝাড়খণ্ডের দিকে সরলে বৃষ্টির পরিমাণ কমবে।

  • Ashim Ghosh: হরিয়ানার রাজ্যপাল পদে বাঙালি, রাষ্ট্রপতি মনোনীত করলেন অসীম ঘোষকে

    Ashim Ghosh: হরিয়ানার রাজ্যপাল পদে বাঙালি, রাষ্ট্রপতি মনোনীত করলেন অসীম ঘোষকে

    মাধ্যম নিউজ ডেস্ক: হরিয়ানার রাজ্যপাল হিসেবে মনোনীত হলেন পশ্চিমবঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি অসীম ঘোষ (Ashim Ghosh)। সোমবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এক বিজ্ঞপ্তিতে এই মনোনয়নের কথা ঘোষণা করেন। দীর্ঘ রাজনৈতিক ও শিক্ষাবিষয়ক অভিজ্ঞতাসম্পন্ন এই বর্ষীয়ান নেতার রাজ্যপাল পদে মনোনয়নের খবর আসতেই খুশির হাওয়া গেরুয়া শিবিরের অন্দরে। তিনি বর্তমান রাজ্যপাল বন্দারু দত্তাত্রেয়ের স্থলাভিষিক্ত হবেন (Governor Of Hariyana)।

    ১৯৪৪ সালে জন্ম অসীম ঘোষের (Ashim Ghosh)

    ১৯৪৪ সালে হাওড়ায় জন্মগ্রহণ করেন অসীম ঘোষ (Governor Of Hariyana)। পড়াশোনা করেন হাওড়ার বিবেকানন্দ ইনস্টিটিউশনে, এরপর কলকাতার বিদ্যাসাগর কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক ও কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ১৯৬৬ থেকে ২০০৪ সাল পর্যন্ত টানা ৩৮ বছর রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপনা করেন তিনি। রাজনীতিতে প্রবেশ ১৯৯১ সালে, বিজেপিতে যোগদানের মাধ্যমে।

    বঙ্গ বিজেপির পরিচিত মুখ অসীম (Ashim Ghosh)

    বিজেপির রাজনীতিতে অসীম ঘোষের (Ashim Ghosh) অবদান দীর্ঘ ও উল্লেখযোগ্য। ১৯৯৬ সালে তিনি বিজেপির রাজ্য সম্পাদক হন। ১৯৯৮ সালে রাজ্য সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পান। ১৯৯৯ থেকে ২০০২ সাল পর্যন্ত তিনি ছিলেন বিজেপির পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি। ত্রিপুরার দায়িত্বপ্রাপ্ত পর্যবেক্ষক ছিলেন ২০০৩ থেকে ২০০৫ সাল পর্যন্ত। এছাড়াও, ২০০৪ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিজেপির রাষ্ট্রীয় কর্ম সমিতির সদস্যও ছিলেন তিনি। বিজেপির রাজ্য বুদ্ধিজীবী সেলের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবেও দীর্ঘদিন কাজ করেছেন। রাজনীতির পাশাপাশি শিক্ষাক্ষেত্রেও তাঁর ভূমিকা তাঁকে ব্যতিক্রমী করে তুলেছে।

    নতুন রাজ্যপাল গোয়ায়, লাদাখে নয়া লেফটেন্যান্ট গভর্নর

    হরিয়ানার পাশাপাশি গোয়া এবং লাদাখেও নতুন রাজ্যপাল ও লেফটেন্যান্ট গভর্নরের নাম ঘোষণা করা হয়েছে। গোয়ার নতুন রাজ্যপাল হচ্ছেন পুষ্পতি অশোক গজপতি। তিনি তেলুগু দেশম পার্টির দীর্ঘদিনের নেতা এবং সাতবার বিধায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন। ২০১৪ সালে বিজয়নগরম লোকসভা কেন্দ্র থেকে জিতে মোদির প্রথম মন্ত্রিসভায় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের দায়িত্বেও ছিলেন প্রায় চার বছর। লাদাখের নতুন লেফটেন্যান্ট গভর্নর হিসেবে নিযুক্ত হয়েছেন কোভিন্দর গুপ্তা। তিনি বিজেপির বর্ষীয়ান নেতা ও আরএসএসের দীর্ঘদিনের সদস্য। জম্মু-কাশ্মীরে পিডিপি-বিজেপি জোট সরকারের সময় তিনি উপ-মুখ্যমন্ত্রীর পদে ছিলেন।

  • BJP Bandh: জোড়া মৃত্যুতে বিজেপির বন‍্ধে স্তব্ধ খেজুরি, মিছিল শুভেন্দুর, ধস্তাধস্তি পুলিশের সঙ্গে

    BJP Bandh: জোড়া মৃত্যুতে বিজেপির বন‍্ধে স্তব্ধ খেজুরি, মিছিল শুভেন্দুর, ধস্তাধস্তি পুলিশের সঙ্গে

    মাধ্যম নিউজ ডেস্ক: পূর্ব মেদিনীপুরের খেজুরিতে (khejuri) দুই ব্যক্তির রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে চরম উত্তেজনার সৃষ্টি হয়েছে। নিহতদের পরিবার ও স্থানীয় বিজেপি নেতৃত্ব দাবি করেছে, এটি নিছক দুর্ঘটনা নয়, বরং একটি পরিকল্পিত খুন। এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক উত্তাপ চরমে পৌঁছেছে। ঘটনার প্রতিবাদে সোমবার বিজেপির ডাকা বন‍্ধে খেজুরিতে ব্য়াপক প্রভাব পড়ে। কার্যত স্তব্ধ হয়ে যায় খেজুরি। একাধিক জায়গায় রাস্তায় অবরোধ, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়। সব মিলিয়ে সোমবার দিনভর রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা। শনিবারই শুভেন্দু দাবি করেছিলেন, “এটি নিছক দুর্ঘটনা নয়, বরং সুসংগঠিত খুন। এই ঘটনার তদন্ত নিরপেক্ষভাবে করতে হবে।” তাঁর আরও দাবি ছিল, “ময়নাতদন্ত রাজ্য সরকারি হাসপাতালে হলেও কোনও আপত্তি নেই, তবে সেখানে কেন্দ্রীয় হাসপাতালের একজন চিকিৎসক উপস্থিত থাকতে হবে। পরিবারের সদস্যদেরও ময়নাতদন্তের সময় থাকতে দিতে হবে।” সেসময়ই তিনি সোমবার বন‍্ধের কথা ঘোষণা করেন।

    সোমবারের বন‍্ধে স্তব্ধ খেজুরি

    বিজেপির ডাকা সোমবারের বন‍্ধ (khejuri) ঘিরে সকাল থেকেই খেজুরিতে উত্তেজনা তৈরি হয়। একাধিক এলাকায় রাস্তায় গাড়ি থামিয়ে অবরোধ শুরু করেন সমর্থকরা। হেঁড়িয়া, বাসগোড়া, কলাগাছিয়া, রসুলপুর-সহ বিভিন্ন জায়গায় রাস্তায় আগুন জ্বালিয়ে পথ অবরোধ করা হয়। বহু যানবাহন আটকানো হয়, কয়েকটি গাড়ি ভাঙচুরের ঘটনাও ঘটে। বিশেষ করে হেঁড়িয়া-খেজুরি রাজ্য সড়কে প্রায় চার ঘণ্টা ধরে অবরোধ চলে। পুলিশ অবরোধ সরাতে গেলে বনধ সমর্থকদের সঙ্গে ব্যাপক বচসা এবং ধস্তাধস্তির ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কড়া অবস্থান নেয়, গ্রেফতার করা হয় একাধিক বিজেপি কর্মীকে। পাশাপাশি, রসুলপুর নদীর ফেরিঘাট পরিষেবা সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়।

    শুভেন্দুর মিছিল, পুলিশের বিরুদ্ধে তোপ

    সোমবার সকালে বিজেপির ডাকে বন‍্ধ (khejuri) সফল করতে খেজুরির জনকা থেকে বিদ্যাপীঠ পর্যন্ত পদযাত্রা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মিছিলে ছিল ব্যাপক জনসমাগম। মিছিল শেষে এক সভায় রাজ্য সরকারকে তীব্র ভাষায় আক্রমণ শানান তিনি। তিনি বলেন, “হিন্দুদের পরিকল্পিতভাবে খুন করা হচ্ছে, আর পুলিশ তার গল্প সাজিয়ে তা লুকোচ্ছে। বিজেপি এর প্রতিবাদে রাজপথে নামতে বাধ্য হচ্ছে।” তিনি আরও বলেন, “যে লাঠিতে ‘জয় শ্রীরাম’-এর পতাকা লাগানো হয়েছে, সেগুলোকে আরও মজবুত করতে হবে। সেই লাঠিগুলোতে তেল মাখাতে হবে, কারণ এখন লড়াইটা কঠিন।”

    শুভেন্দু অধিকারীর হুঁশিয়ারি

    ঘটনার পরপরই বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তীব্র প্রতিক্রিয়া জানান। তিনি বলেছিলেন, “এই মৃত্যু রহস্যজনক নয়, এটি নির্মম খুন। পরিকল্পনা করে হিন্দুদের হত্যা করা হচ্ছে। পুলিশ ঘটনাকে বিদ্যুৎস্পৃষ্ট বলে চালাতে চাইছে।” তিনি সেসময় অভিযোগ তোলেন, পুলিশের তরফ থেকে দেহ পরিবারের অনুমতি ছাড়াই তুলে নিয়ে যাওয়া হয়েছে। সোমবার তিনি দাবি করেন, ময়নাতদন্তকারী চিকিৎসককে প্রভাবিত করা হয়েছে। শুভেন্দুর দাবি, উপর মহলের নির্দেশেই মৃত্যুর কারণ হিসেবে বিদ্যুৎস্পৃষ্ট লেখা হয়েছ। এদিন তিনি আরও বলেন, “রাজনীতি ঘরে বসে হয় না, রাস্তায় নামতে হয়। আমরা ২০১১ সালেও এইভাবেই পরিবর্তন এনেছিলাম। আজও পরিবর্তনের ডাক দিতে হবে।” সোমবার (khejuri) সকাল থেকেই নিহতদের পরিবারের হাহাকার খেজুরিকে যেন আরও নিস্তব্ধ করে দেয়। এই জোড়া মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ক্রমশ রাজ্য রাজনীতিতে উত্তেজনা চড়ছে।

    জলসায় গিয়ে রহস্য মৃত্যু (khejuri)

    গত শুক্রবার খেজুরির জনকার ভাঙনবাড়ী গ্রামে একটি  জলসার আয়োজন করা হয়। সেই জলসায় অন্যান্যদের মতো উপস্থিত ছিলেন ২৩ বছর বয়সি যুবক সুজিত দাস এবং ৬৫ বছর বয়সি বৃদ্ধ সুধীরচন্দ্র পাইক। এখানেই রহস্যমৃত্যু হয় দুজনের। এই মৃত্যু ঘিরে এলাকাজুড়ে ছড়িয়ে পড়ে চাঞ্চল্য। নিহতদের পরিবারের অভিযোগ, দেহে একাধিক গুরুতর আঘাতের চিহ্ন ছিল, যা নিছক দুর্ঘটনার ইঙ্গিত দেয় না বরং এটি একটি ‘পরিকল্পিত হত্যাকাণ্ড’ বলেই তাঁরা  বিশ্বাস করেন। মৃত সুজিত দাসের বাড়ি পূর্ব ভাঙনবাড়ীপুর গ্রামে এবং সুধীরচন্দ্র পাইকের বাড়ি ছিল ঝাঁটি হাটি গ্রামে। পরিবারের অভিযোগ অনুযায়ী, মৃত্যুর ঘটনাটি ঘটার পর স্থানীয় প্রশাসনের ভূমিকা ছিল রহস্যজনক। তাঁরা দাবি করেন, পুলিশের পক্ষ থেকে তাঁদের না জানিয়ে মৃতদেহ তড়িঘড়ি উদ্ধার করে নিয়ে যাওয়া হয় এবং পোস্টমর্টেমের জন্য পাঠানো হয়। পরিবারের অনুমান, এর পেছনে কোনও বড় ষড়যন্ত্র থাকতে পারে যা প্রশাসনের একটি অংশ আড়াল করতে চাইছে। এই অভিযোগ সামনে আসতেই বিজেপির স্থানীয় নেতৃত্ব দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রতিবাদে সরব হন। তাঁদের তরফে জানানো হয়, এই মৃত্যুর ঘটনার পেছনে গভীর রাজনৈতিক ষড়যন্ত্র রয়েছে এবং এই ঘটনার পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্ত ছাড়া সত্য সামনে আসবে না। বিজেপি নেতৃত্বের দাবি, এই মৃত্যুর ঘটনার পেছনে শাসক দলের প্রচ্ছন্ন ভূমিকা থাকতে পারে। বিজেপির পক্ষ থেকে সরাসরি অভিযোগ করা হয় যে, রাজ্যে হিন্দুদের লক্ষ্য করে হামলা বাড়ছে এবং প্রশাসন এসব ঘটনাকে ‘দুর্ঘটনা’ বলে চাপা দিতে চাইছে।

  • Rain Forecast: ফের তৈরি নিম্নচাপ অঞ্চল! ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে, সতর্ক করা হল মৎস্যজীবীদের

    Rain Forecast: ফের তৈরি নিম্নচাপ অঞ্চল! ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে, সতর্ক করা হল মৎস্যজীবীদের

    মাধ্যম নিউজ ডেস্ক: উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত দ্রুত ঘনীভূত হচ্ছে, যা বর্তমানে উত্তর ওড়িশা এবং পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে অবস্থান করছে (Rain Forecast)। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, এই ঘূর্ণাবর্ত থেকে একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি সক্রিয় রয়েছে মৌসুমী অক্ষরেখাও। এই দুটি আবহাওয়াগত সিস্টেমের মিলিত প্রভাবে রাজ্যের বিভিন্ন অংশে আগামী কয়েক দিনে বৃষ্টির দাপট বাড়বে।

    দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা

    বর্ষা সক্রিয় থাকার কারণে (Low Pressure) রাজ্যের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টি চলছে। কলকাতাতেও আকাশ মেঘাচ্ছন্ন, কখনও ঝিরঝিরে তো কখনও দাপুটে বৃষ্টি হচ্ছে। হাওয়া অফিস জানিয়েছে, সোমবার ও মঙ্গলবার কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি থেকে হালকা বৃষ্টিপাত অব্যাহত থাকবে। একই ধরনের পরিস্থিতি তৈরি হবে হাওড়া, হুগলি এবং উত্তর ২৪ পরগনাতেও। মঙ্গলবার ভারী বৃষ্টিপাত হতে পারে পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় (Rain Forecast)। বিশেষভাবে, পশ্চিম মেদিনীপুরে সোমবার অতি ভারী বৃষ্টির (৭ থেকে ২০ সেন্টিমিটার) সম্ভাবনা থাকায় সতর্কতা জারি করা হয়েছে। নদিয়া, মুর্শিদাবাদ, দুই ২৪ পরগনা, দুই বর্ধমান ও বীরভূমে বৃষ্টি বুধবার পর্যন্ত চলবে। তবে মঙ্গলবারের পর থেকে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় আপাতত নতুন করে কোনও আবহাওয়া সতর্কতা নেই।

    উত্তাল সমুদ্র, মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা

    রবিবার বিকেলে উত্তর বঙ্গোপসাগরে তৈরি হয়েছে (Rain Forecast) একটি নিম্নচাপ অঞ্চল, যা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৭.৬ কিলোমিটার উপরে বিস্তৃত। এর প্রভাবে উপকূলবর্তী পশ্চিমবঙ্গ ও ওড়িশার অঞ্চলে ৩৫ থেকে ৪৫ কিমি প্রতি ঘণ্টা গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। ফলে সমুদ্র হতে পারে অত্যন্ত উত্তাল। আগামী ২৪ ঘণ্টায় মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর।

    উত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস (Rain Forecast)

    উত্তরবঙ্গেও আগামী কয়েক দিনে বৃষ্টিপাত চলবে। মঙ্গলবার দার্জিলিং এবং জলপাইগুড়িতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মঙ্গলবার ভারী বৃষ্টি হতে পারে উত্তর দিনাজপুর ও মালদা জেলায়। তবে মঙ্গলবারের পর থেকে উত্তরের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ কিছুটা কমার সম্ভাবনা থাকলেও সপ্তাহান্তে (শনিবার ও রবিবার) আবারও দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

  • Suvendu Adhikari: খেজুরিতে জোড়া মৃত্যু, খুনের অভিযোগ শুভেন্দুর, সোমবার বনধের ডাক

    Suvendu Adhikari: খেজুরিতে জোড়া মৃত্যু, খুনের অভিযোগ শুভেন্দুর, সোমবার বনধের ডাক

    মাধ্যম নিউজ ডেস্ক: পূর্ব মেদিনীপুরের খেজুরি থানার ভাঙনমারি গ্রামে দু’জনের অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতদের পরিবার দাবি করছে, এটি নিছক দুর্ঘটনা নয়, পরিকল্পিত খুন। যদিও পুলিশ এখনও পর্যন্ত মৃত্যুর কারণ নিয়ে কোনও স্পষ্ট বিবৃতি দেয়নি। মৃতদের মধ্যে একজন হলেন সুজিত দাস, অপরজন সুধীর পাইক। সুজিতের বাবা শশাঙ্ক শেখর দাস অভিযোগ করেছেন, “এটা বিদ্যুৎস্পৃষ্টের ঘটনা নয়। আমার ছেলেকে ঠান্ডা মাথায় খুন করা হয়েছে (Khejuri)। এটা পরিকল্পিত হত্যাকাণ্ড।” একই অভিযোগ তুলেছেন সুধীর পাইকের পরিবারের সদস্যরাও। তাঁদের অভিযোগ, পুলিশ মৃত্যুর প্রকৃত কারণ গোপন করছে।

    সুসংগঠিত খুন দাবি শুভেন্দুর (Suvendu Adhikari)

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মহরম উপলক্ষে শুক্রবার রাতে ভাঙনমারিতে একটি ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। শনিবার সকালে সেই অনুষ্ঠানস্থলের কাছেই সুজিত ও সুধীরের দেহ উদ্ধার হয়। তাঁদের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে বলে পরিবারের দাবি। ঘটনার পর এলাকা পরিদর্শনে যান স্থানীয় বিধায়ক শান্তনু প্রামাণিক, পরে পৌঁছান বিরোধী দলনেতা ও নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তিনি দাবি করেন, “এটি নিছক দুর্ঘটনা নয়, বরং সুসংগঠিত খুন। এই ঘটনার তদন্ত নিরপেক্ষভাবে করতে হবে।” তাঁর আরও দাবি, “ময়নাতদন্ত রাজ্য সরকারি হাসপাতালে হলেও কোনও আপত্তি নেই, তবে সেখানে কেন্দ্রীয় হাসপাতালের একজন চিকিৎসক উপস্থিত থাকতে হবে। পরিবারের সদস্যদেরও ময়নাতদন্তের সময় থাকতে দিতে হবে।”

    অতর্কিত হামলা চালিয়ে তাঁদের হত্যা করা হয় দাবি বিজেপির

    এছাড়াও তিনি (Suvendu Adhikari) বলেন, “হিন্দু হওয়ার কারণেই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাঁদের হত্যা করেছে। কাউকে ছাড়া হবে না।” শুভেন্দু ঘোষনা করেছেন, শনিবার দুপুর ১২টা থেকে ২টো পর্যন্ত খেজুরিতে প্রতিবাদ কর্মসূচি পালন করা হবে। এছাড়া সোমবার হিন্দু সংগঠনগুলির ডাকে খেজুরিতে বন্‌ধ পালিত হবে। খেজুরির জনকা থেকে বিদ্যাপীঠ মোড় পর্যন্ত মিছিলে তিনি নিজেই নেতৃত্ব দেবেন। বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে, সুজিত ও সুধীর ওই রাতে অনুষ্ঠান দেখতে গিয়েছিলেন। সেখানেই অতর্কিত হামলা চালিয়ে তাঁদের হত্যা করা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে খেজুরি জুড়ে তীব্র উত্তেজনা ছড়িয়েছে।

LinkedIn
Share