Blog

  • CAR: নেই পুঁথিগত বিদ্যা! মাত্র ৭০ হাজার টাকায় বিনা তেলের চারচাকা গাড়ি বানিয়ে তাক লাগালেন বৃদ্ধ

    CAR: নেই পুঁথিগত বিদ্যা! মাত্র ৭০ হাজার টাকায় বিনা তেলের চারচাকা গাড়ি বানিয়ে তাক লাগালেন বৃদ্ধ

    মাধ্যম নিউজ ডেস্ক: অদম্য জেদ আর ইচ্ছেশক্তি থাকলে সবকিছু করা সম্ভব। বয়স সেখানে কোনও বাধা হয়ে দাঁড়াতে পারে না। সে কথাই প্রমাণ করেছেন মেদিনীপুর শহরের জজকোর্টের ৬৫ বছরের শরাফত আলি। পুঁথিগত বিদ্যা তাঁর নেই। তবে, নিজস্ব বুদ্ধি ও মেধা দিয়ে নিজের যাতায়াতের সুবিধার জন্য বিভিন্ন যানবাহনের পরিত্যক্ত জিনিসের সাহায্যে বাড়িতেই তৈরি করে ফেললেন ইলেকট্রিকের চার চাকা গাড়ি (CAR)। যে কারণে সোশ্যাল মিডিয়ার দৌলতে বিভিন্ন এলাকায় এখন তিনি চর্চিত। গাড়ির নামকরণ করেছেন মনো-ই-কার।

    কী দিয়ে তৈরি করা হয়েছে এই গাড়ি (CAR)?

    জানা গিয়েছে, বিদ্যুৎ চালিত গাড়ি (CAR) তৈরি করতে শরাফতসাহেব স্টিয়ারিং সংগ্রহ করেছেন পরিত্যক্ত টাটা ন্যানোর, বিকল হয়ে যাওয়া মহেন্দ্র ভ্যান এর স্টিয়ারিং বক্স, টোটোর চাকা প্রভৃতি। হার্ডওয়্যারের দোকান থেকে সংগ্রহ করেছেন লোহার সামগ্রী। প্রয়োজন অনুসারে বিভিন্ন সময় বিভিন্ন সামগ্রী নিজের মতো করে কিনে বাড়িতে ঝালিয়ে পূর্ণরূপে তৈরি করে ফেলেছেন একটি ইলেকট্রিক কার। নিজস্ব মস্তিষ্কপ্রসূত কায়দায় ইলেকট্রিক ওয়ারিং পর্যন্ত সম্পন্ন হয়েছে। তৈরির প্রথমদিকে অনেকেই হাসাহাসি করছিলেন। কাজ সম্পূর্ণ করার পর সেই গাড়ি (CAR) নিয়ে বাড়ি থেকে রাস্তায় বের হতেই তাক লাগিয়ে দিয়েছেন সকলকে। এখন আর হাসাহাসি নয় তাঁকে ঘিরে ধরেন চক বাজারের লোকজন।

    কী বললেন অভিনব গাড়ি (CAR) নির্মাতা?

    বৃদ্ধ শরাফত আলি প্রায় ৪০ বছর ধরে কাঠের কাজ করে জীবিকা নির্বাহ করেন। বাড়িতে এক ছেলে, সেও বাবার পেশাতেই। তবে তুলনামূলকভাবে বৃদ্ধ শরাফত আলি অনেকটা সৃজনশীল। নিজের তৈরি গাড়ি (CAR) নিয়ে তিনি বলেন, “বর্তমানে পেট্রোলের যা দাম, তাতে বাইক চালানো সমস্যার। তাছাড়া আমার মত বয়স্ক লোকজন বাইকের থেকে চার চাকাতে নিরাপদ। সে কথা মাথায় রেখেই নিজস্ব উদ্যোগ শুরু করেছিলাম। পাঁচ মাসের পরিশ্রমের পর অবশেষে সফল। গাড়ি (CAR) তৈরি করতে খরচ হয়েছে ৭০ হাজার টাকা। এখন নিজে তো বটেই, বাড়ির নাতি-নাতনিদের নিয়ে বাজারে, স্কুলেও যাই। যে পরিমাণ টাকা এটাতে খরচ হয়েছে তাতে হয়তো পুরানো টোটো কিনে নিতে পারতাম, কিন্তু নিজ সৃষ্টির মজা আলাদা। বরাবরই আমি কোনও না কোনও কিছু নতুন জিনিস তৈরি করার চেষ্টা করি, এটা আমার প্যাশন।” তাঁর তৈরি অভিনব গাড়ি (CAR) এখন নজর কেড়েছে সকলের।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Suvendu Adhikari: ফের সভার অনুমতি দেওয়া হল না শুভেন্দুকে, আদালতে যাচ্ছে বিজেপি!

    Suvendu Adhikari: ফের সভার অনুমতি দেওয়া হল না শুভেন্দুকে, আদালতে যাচ্ছে বিজেপি!

    মাধ্যম নিউজ ডেস্ক: পটাশপুর, চন্দ্রকোণার পর এবার বাঁকুড়ার (Bankura) সিমলাপাল। ফের রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক বিজেপির (BJP) শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) সভার অনুমতি দিল না পুলিশ। বিজেপির দাবি, বিরোধীদের কণ্ঠরোধ করার জন্যই সরকারের নির্দেশে পুলিশ অনুমতি দিতে চাইছে না। সভার অনুমতি চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হচ্ছে পদ্ম শিবির। বৃহস্পতিবার বিকেলে সিমলাপাল রাজবাড়ি মাঠে সভা করার কথা ছিল শুভেন্দুর। সেই মতো যাবতীয় প্রস্তুতিও সেরে ফেলেছিলেন বিজেপির স্থানীয় নেতৃত্ব। একেবারে শেষ মুহূর্তে পুলিশি অনুমতি না মেলায় বাতিল হয়ে যায় সভা।

    শুভেন্দুর (Suvendu Adhikari) সভা বাতিলে বিজেপির প্রতিক্রিয়া…

    বিজেপির বাঁকুড়ার জেলা সভাপতি সুনীল রুদ্র মণ্ডল বলেন, “পুলিশি অনুমতি না মেলায় সিমলাপালে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) পূর্ব নির্ধারিত সভা বাতিল করা হয়েছে”। তিনি বলেন, “সমস্ত নিয়ম মেনে পুলিশ প্রশাসনের কাছে আবেদন করা হলেও, পুলিশ অনুমতি দিতে টালবাহানা করছিল। সভার আগের রাতেও পুলিশি অনুমতি না মেলায় সভা স্থগিত রাখতে হল”। তিনি বলেন, “রাজ্যের পুলিশ প্রাশসন ও মুখ্যমন্ত্রী যেখানে ঠিকই করে ফেলেছেন তাঁরা বিরোধী দলনেতার কার্যক্রমে বাধা দেবেন, সেখানে আর তাঁদের ওপর ভরসা রাখা যায় না”। সভার অনুমতি চেয়ে এদিনই হাইকোর্টের দ্বারস্থ হচ্ছে বিজেপি। বাঁকুড়ার বিজেপি বিধায়ক জানান, শুনানিতে দেরি হলে অন্যদিন সভা হবে।

    বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক তথা সাংসদ জ্যোতির্ময় সিং মাহাত বলেন, “এখন পুলিশের প্রধান কাজ বিজেপিকে আটকানো। বিজেপির কর্মসূচি দেখে এ রাজ্যের শাসক দল আতঙ্কিত। তাই পুলিশের নিজস্ব কাজ না করে বিজেপিকে আটকাতে চাইছে”। তিনি বলেন, “রাজ্যের মানুষ সব দেখছেন, পঞ্চায়েত নির্বাচনে এর প্রভাব পড়বে”।

    আরও পড়ুুন: ‘‘পাকিস্তানে অশান্তির জন্য দায়ী বিজেপি-আরএসএস’’! আজব দাবি শেহবাজের আপ্ত-সহায়কের

    এই প্রথম নয়, এর আগেও শেষ মুহূর্তে শুভেন্দুর (Suvendu Adhikari) সভার অনুমতি বাতিল হয়ে গিয়েছিল। আলু চাষিদের আত্মহত্যার প্রতিবাদ সহ কৃষকদের গুচ্ছ সমস্যার কথা তুলে ধরে সভার ডাক দিয়েছিল বিজেপি। সভা হওয়ার কথা ছিল চন্দ্রকোণার ঝাঁকড়া হাইস্কুল মাঠে। শুভেন্দুর সেই সভাও বাতিল হয়ে গিয়েছিল। পরে হাইকোর্টের নির্দেশে ওই দিনই শর্ত সাপেক্ষে শুভেন্দুকে সভা করার অনুমতি দেয় উচ্চ আদালত।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Imran Khan: ‘‘পাকিস্তানে অশান্তির জন্য দায়ী বিজেপি-আরএসএস’’! আজব দাবি শেহবাজের আপ্ত-সহায়কের

    Imran Khan: ‘‘পাকিস্তানে অশান্তির জন্য দায়ী বিজেপি-আরএসএস’’! আজব দাবি শেহবাজের আপ্ত-সহায়কের

    মাধ্যম নিউজ ডেস্ক: ইমরান খানের (Imran Khan) গ্রেফতারিকে ঘিরে পাকিস্তান জুড়ে জ্বলছে অশান্তির আগুন। পাকিস্তানের এমন অগ্নিগর্ভ পরিস্থিতির জন্য দায়ী নরেন্দ্র মোদি, এমন অভিযোগ তুলে বুধবারই ট্যুইট করেছিলেন সেদেশের এক অভিনেত্রী। এবার একই অভিযোগ তুলে সরব হলেন সেদেশের প্রধানমন্ত্রীর আপ্ত সহায়ক আট্টা তারার। পাকিস্তানের সর্বোচ্চ প্রশাসনিক আধিকারিকের আপ্ত সহায়কের এই বক্তব্যে সেদেশের সরকারের সিলমোহর রয়েছে বলেই মনে করছেন বিশেষজ্ঞ মহলের একাংশ।

    প্রসঙ্গত, মঙ্গলবার প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খানকে (Imran Khan) গ্রেফতার করা হয় ইসলামাবাদ কোর্টের বাইরে থেকে। তাঁর বিরুদ্ধে অভিযোগ রয়েছে জমি কেলেঙ্কারির। মঙ্গলবার সারারাত পুলিশ হেফাজতে থাকার পরে, বুধবার ইমরানকে কোর্টে পেশ করা হয়। জানা গেছে, প্রাক্তন পাক প্রধানমন্ত্রীকে আপাতত ৮ দিনের পুলিশি হেফাজতে চেয়েছে সেদেশের পুলিশ। এই ঘটনার পর থেকেই একের পর এক সেনা অফিসে হামলার খবর মিলেছে। হামলা চলেছে পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের বাড়িতেও। তাঁর বাড়ির সামনের গাড়িগুলিতে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে খবর। সংবাদ সংস্থাগুলি জানাচ্ছে, পেট্রোল বোমাও ছোড়া হয় প্রধানমন্ত্রীর বাড়ির সামনে। রাওয়ালপিন্ডি, লাহোর, পেশোয়ার প্রভৃতি স্থানের পরিস্থিতি এখনও অগ্নিগর্ভ হয়ে রয়েছে। বন্ধ রয়েছে ইন্টারনেট পরিষেবা। দেশের বিস্তীর্ণ অংশে টহল দিচ্ছে সেনা। একমাসের জন্য বন্ধ রয়েছে স্কুল-কলেজ।

    আরও পড়ুন: গ্রেফতার ইমরান! মোদির বিরুদ্ধে মামলা করতে চেয়ে ট্যুইট পাক অভিনেত্রীর, কী বলল দিল্লি পুলিশ?  

    কী বললেন শাহবাজ শরিফের আপ্তসহায়ক?  

    বৃহস্পতিবার পাকিস্তানের প্রধানমন্ত্রীর আপ্তসহায়ক বলেন, “পাকিস্তানকে অশান্ত করতে ভারত থেকে গুন্ডা পাঠিয়েছে বিজেপি-আরএসএস। তারাই ভাঙচুর করেছে, আগুন দিয়েছে, গতকালের অশান্তির জন্য সম্পূর্ণভাবে দায়ী বিজেপি।” আরও অভিযোগ তোলা হয়েছে, পাকিস্তানে অশান্তির ঘটনায় ভারতে বিজেপি-আরএসএসের সদর দফতরে নাকি মিষ্টি বিতরণও করা হয়েছে।

    লন্ডনে ঘেরাও নওয়াজ শরিফের বাড়ি…

    ইমরানের গ্রেফতারিতে দেশ ছাড়িয়ে অশান্তির আঁচ ছড়িয়েছে বিদেশেও। গতকালই লন্ডনে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের বাড়ি ঘেরাও করেন ইমরানের সমর্থকরা। সংবাদ সংস্থা সূত্রে খবর, কানাডা, আমেরিকায়ও ইমরানকে গ্রেফতারির প্রতিবাদ জানানো হচ্ছে। আমেরিকায় সিএনএনের সদর দফতরের সামনে শেহবাজ সরকারের বিরুদ্ধে বিক্ষোভ দেখানো হয়। প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর মুক্তির দাবিতে কানাডাতেও বড় জমায়েত হয়েছে বলে জানা গেছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Dementia: স্মৃতিশক্তি কমছে মারাত্মকভাবে, মনে রাখার ক্ষমতা কমছে স্কুল পড়ুয়াদেরও!

    Dementia: স্মৃতিশক্তি কমছে মারাত্মকভাবে, মনে রাখার ক্ষমতা কমছে স্কুল পড়ুয়াদেরও!

     তানিয়া বন্দ্যোপাধ্যায় পাল

    লেখার মাঝেই হারিয়ে যায় শব্দ! এমনকী পরিচিত বর্ণ কীভাবে লিখতে হবে, সেও অনেক সময় মনে পড়ে না। দক্ষিণ কলকাতার বছর তেরোর স্কুল পড়ুয়ার স্কুল থেকে অভিভাবককে জানানো হচ্ছে, পরিচিত অনেক কিছুই হঠাৎ ভুলে যাচ্ছে সে। সত্তরের চৌকাঠ পার হওয়ার আগেই আবার নিজের বাড়ির ঠিকানা হামেশাই ভুলে যান বাগুইআটির এক প্রৌঢ়! এমনকী বিকেলে হেঁটে ফেরার পথে কোন গলিতে ঢুকছেন, সেটাও ঠিক বুঝতে পারেন না! চিকিৎসকরা জানাচ্ছেন, এগুলো ব্যতিক্রম নয়। গত তিন বছরে স্মৃতিশক্তি হ্রাসের (Dementia) সমস্যা মারাত্মকভাবে বেড়েছে।

    স্মৃতিশক্তি হ্রাসের সমস্যা নতুন স্বাস্থ্য বিপর্যয়? 

    বিশেষজ্ঞরা জানাচ্ছেন, ৬০ বছরের পর স্মৃতিশক্তি কমার প্রবণতা কয়েক বছর ধরেই বাড়ছে। ডিমেনশিয়ায় (Dementia) আক্রান্তের সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। প্রবীণদের এই সমস্যা জীবনযাপনের মান কমাচ্ছে। অধিকাংশ ক্ষেত্রে ডিমেনশিয়ার মতো রোগের চিকিৎসা শুরু হয় দেরিতে। ফলে চিকিৎসার সুযোগ কমে যায়। কিন্তু চিকিৎসকরা জানাচ্ছেন, গত তিন বছর ধরে শুধু বয়স্কদের নয়, কমবয়সীদের মধ্যে মারাত্মকভাবে বাড়ছে স্মৃতিশক্তি হ্রাসের প্রবণতা। এমনকী স্কুল পড়ুয়াদের মধ্যেও দেখা দিচ্ছে এই সমস্যা।

    কী ধরনের উপসর্গ দেখা দিচ্ছে? 

    বিশেষজ্ঞরা জানাচ্ছেন, অধিকাংশ ক্ষেত্রে ভুক্তভোগী (Dementia) হঠাৎ খুব সাধারণ বিষয় মনে করতে পারছেন না। সাধারণ ঘটনা বা খুব চেনা জিনিসও অস্পষ্ট হয়ে উঠছে। মাঝেমধ্যে একটা খালি খালি ভাব মনে হওয়া! অর্থাৎ, কী হচ্ছে, কিছুই বুঝতে পারেন না। যাকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় ব্রেন ফগিং বলা হয়। অনেক সময় মাথা ঝিমঝিম করে। আত্মবিশ্বাসে ঘাটতি দেখা দেয়।

    স্মৃতিশক্তি হ্রাস-বৃদ্ধির নেপথ্যে কী কারণ? 

    বিশেষজ্ঞরা জানাচ্ছেন, গত তিন বছরে স্মৃতিশক্তি হ্রাসের (Dementia) প্রবণতা বেড়েছে। বিশেষত কমবয়সীদের মধ্যেও এই প্রবণতা প্রবল। আর তার অন্যতম কারণ করোনা বলেই মনে করছেন চিকিৎসকদের একাংশ। কারণ, বিশ্বের বিভিন্ন দেশে সমীক্ষা করে দেখা গিয়েছে, ব্রেন ফগিংয়ের মতো সমস্যা অর্থাৎ, হঠাৎ করে মস্তিষ্ক ঝাপসা হয়ে যাওয়া বেড়েছে। আর যে রোগীরা এই সমস্যায় আক্রান্ত হচ্ছেন, তাঁরা করোনা আক্রান্ত হয়েছিলেন। চিকিৎসকরা জানাচ্ছেন, কমবয়সী রোগীরা অধিকাংশ ক্ষেত্রেই করোনা আক্রান্ত হয়েছিলেন। তাই বলা যেতে পারে, করোনামুক্তির পরেও শরীরে যে সব দীর্ঘমেয়াদি সমস্যা হচ্ছে, তার মধ্যে অন্যতম হল স্মৃতিশক্তি হ্রাস। তবে, করোনার পাশাপাশি দূষণকেও স্মৃতিশক্তি হ্রাসের অন্যতম কারণ বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। কারণ, দূষণের জেরে মস্তিষ্কের কোষের কার্যক্ষমতা কমছে, আর তার জেরেই মনে রাখার ক্ষমতাও কমছে।

    কীভাবে বাড়বে স্মৃতিশক্তি? 

    বিশেষজ্ঞদের পরামর্শ, কমবয়সীরা ব্রেন ফগিং কিংবা ভুলে যাওয়ার কোনও রকম উপসর্গ (Dementia) দেখলেই দেরি করবেন না। দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। নির্দিষ্ট ওষুধ ও থেরাপির সাহায্যে এই ধরনের সমস্যা কমতে পারে এবং সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠা সম্ভব। কিন্তু, অনেকক্ষেত্রে রোগীরা চিকিৎসা অনেক দেরিতে শুরু করেন। ফলে, পরিস্থিতি জটিল হয়ে ওঠে। সাধারণ বিষয় মনে রাখতে না পারার জেরে আত্মবিশ্বাস কমতে থাকে। ফলে, মানসিক অবসাদ গ্রাস করে। তবে, জীবনযাপনের পরিবর্তন এই ধরনের সমস্যা কমাতে সাহায্য করে। স্মৃতিশক্তি বাড়াতে মোবাইল, ল্যাপটপে সময় কাটানো কমানোর পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। দিনের অধিকাংশ সময় মোবাইলে দিলে মনে রাখার ক্ষমতা কমে। কারণ, মস্তিষ্কের কার্যকারিতা কমতে থাকে। নিয়মিত মেডিটেশনের পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। মনঃসংযোগের অভ্যাস স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে।

     

    DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না। এখানে বলা যে কোনও উপদেশ পালন করার আগে অবশ্যই কোনও চিকিৎসক বা বিশেষজ্ঞের পরামর্শ নিন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • BJP: ময়নায় নিহত বিজেপি নেতার বাড়িতে মোতায়েন কেন্দ্রীয় বাহিনী, কী বললেন পরিবারের লোকজন?

    BJP: ময়নায় নিহত বিজেপি নেতার বাড়িতে মোতায়েন কেন্দ্রীয় বাহিনী, কী বললেন পরিবারের লোকজন?

    মাধ্যম নিউজ ডেস্ক: ময়নায় নিহত বিজেপি (BJP) নেতা বিজয়কৃষ্ণ ভুঁইয়ার পরিবারের সদস্যদের এবার নিরাপত্তা দেবেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। আদালতের নির্দেশে বুধবার সকালেই ডিএসপি পদমর্যাদার এক আধিকারিক সহ দুজন আসেন পরিবারের সঙ্গে কথা বলতে। কেন্দ্রীয় জওয়ানরা কোথায় থাকবেন, কীভাবে মৃতের পরিবারকে সুরক্ষা দেওয়া হবে, সেই সংক্রান্ত বিস্তারিত তথ্য সংগ্রহ করা হয়। এরপরই সন্ধ্যায় ১২ জন সিআইএসএফ জওয়ান বিজয়বাবুর বাড়িতে আসেন।

    কেন্দ্রীয় বাহিনী নিয়ে কী বললেন নিহত বিজেপি (BJP) নেতার পরিবারের লোকজন?

    বিজয়কৃষ্ণের মেয়ে টুম্পা ভুঁইয়া বলেন, বাবার মৃত্যুর প্রায় দেড় সপ্তাহ পর বাড়িতে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা এসেছেন। এরজন্য তাঁদের ধন্যবাদ। কারণ, রাজ্য পুলিশের উপর আমাদের কোনও আস্থা নেই। বাবা খুন হওয়ার পর রাজ্য পুলিশ তদন্ত করে কয়েকজনকে গ্রেফতার করেছে। আরও অনেকেই এখন বাইরে রয়েছে। অভিযুক্তরা সকলে গ্রেফতার না হওয়া পর্যন্ত আমরা আতঙ্কে রয়েছি। এখন কেন্দ্রীয় বাহিনী আসায় কিছুটা হলেও সাহস পাচ্ছি। বিজয়বাবুর ছেলে রনজিৎ ভুঁইয়া বলেন, তদন্তভার কেন্দ্রীয় এজেন্সির হাতে যতক্ষণ না দেওয়া হচ্ছে, আমাদের আন্দোলন চলবে। বাবাকে খুনের ঘটনায় অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

    প্রসঙ্গত, ১ লা মে পূর্ব মেদিনীপুর জেলার ময়নার বাকচা গ্রাম পঞ্চায়েত এলাকার গোড়ামহল গ্রামের বিজেপির (BJP) বুথ সভাপতি বিজয়কৃষ্ণ ভুঁইয়াকে অপহরণ করে খুন করে একদল দুষ্কৃতী। বিজেপির অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাঁর স্ত্রী ও ছেলের সামনে থেকেই মারতে মারতে তুলে নিয়ে যায় বিজয়কৃষ্ণকে। উদ্ধার করার জন্য বারবার অনুরোধ করা হলেও পুলিশ সঠিক সময়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়নি বলেই অভিযোগ তাঁর পরিবারের। শেষ পর্যন্ত বিজেপি নেতার রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করে ময়না থানার পুলিশ। ঘটনায় দোষীদের শাস্তির দাবি জানিয়ে রাজ্য পুলিশের উপর অনাস্থা প্রকাশ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় নিহত বিজেপি (BJP) নেতার পরিবার। পুলিশের ভূমিকায় অসন্তুষ্ট আদালত, বিজেপি নেতার পরিবারের লোকজনকে নিরাপত্তা দেওয়ার জন্য কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার নির্দেশ দেয়। আদালতের সেই নির্দেশের পরিপ্রেক্ষিতে ১০ ই মে রাতে ময়নায় নিহত বিজেপি (BJP) নেতার বাড়িতে আসেন জওয়ানরা।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Pathaan: প্রথা ভেঙে বাংলাদেশে মুক্তি পাচ্ছে শাহরুখ খানের ‘পাঠান’! প্রথম ২ দিনের টিকিট প্রায় শেষ

    Pathaan: প্রথা ভেঙে বাংলাদেশে মুক্তি পাচ্ছে শাহরুখ খানের ‘পাঠান’! প্রথম ২ দিনের টিকিট প্রায় শেষ

    মাধ্যম নিউজ ডেস্ক: দীর্ঘ প্রতীক্ষা এবং জটিলতা কাটিয়ে বাংলাদেশে মুক্তি পেতে চলেছে শাহরুখ খানের কামব্যাক ফিল্ম ‘পাঠান’ (Pathaan)। কথা ছিল ইদেই মুক্তি পাবে। তবে কূটনৈতিক জটিলতার কারণে আটকে ছিল এই ছবির মুক্তি। আগামী ১২ মে বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে শাহরুখ খান-দীপিকা পাড়ুকোন অভিনীত ‘পাঠান’। ভারতে মুক্তির ৩ মাস এবং ওটিটি রিলিজের কয়েক সপ্তাহ পর বাংলাদেশের হলগুলিতে এই ছবি কতটা চলবে তা নিয়ে একটা প্রশ্ন ছিল।

    কিন্তু সেই আশঙ্কা দূর হয়েছে অগ্রিম টিকিট কাটার চাহিদা দেখে। ইতিমধ্যে খবর, অগ্রিম বুকিংয়ে ‘পাঠান’ হাউজফুল হয়ে গিয়েছে। সে দেশের অধিকাংশ প্রেক্ষাগৃহে প্রথম সপ্তাহান্তে প্রায় সব শোয়ের টিকিট বিক্রি হয়ে গিয়েছে। বাংলাদেশে আরও বেশি সংখ্যক হলে এই ছবি মুক্তি পাওয়ায় অনুরোধ জানিয়েছেন হলমালিকরা, তবে প্রযুক্তিগত কিছু কারণে ৪১টির বেশি প্রেক্ষাগৃহে এখনই মুক্তি সম্ভব নয়।

    নজির পাঠানের

    এত দিন ভারতীয় হিন্দি ছবি মুক্তির ক্ষেত্রে আপত্তি ছিল বাংলাদেশ সরকারের। প্রায় ৫২ বছর পর সে দেশে কোনও হিন্দি ছবি মুক্তি পাচ্ছে। অতীতে বাংলাদেশে তিনটি হিন্দি ছবি রিলিজ করলেও ২০১৫ সাল থেকে কোনও হিন্দি ছবি মুক্তি পাচ্ছিল না হাসিনার দেশে। ‘পাঠান’ (Pathaan) সেই প্রথা ভেঙে নজির গড়তে চলেছে। 

    আরও পড়ুন: ৭ দিনে ৩ বার! অমৃতসরের স্বর্ণ মন্দিরের কাছে ফের বিস্ফোরণ, গ্রেফতার ৫

    যশরাজ ফিল্মস্‌-এর আন্তর্জাতিক ডিস্ট্রিবিউশনের ভাইস প্রেসিডেন্ট নেলসন ডিসুজা সংবাদমাধ্যমকে বলেন, ‘‘সিনেমা সব সময় দেশ, সংস্কৃতি এবং জাতিগত দূরত্ব কমিয়েছে। সীমানার বেড়াজাল পেরিয়ে মানুষকে মুগ্ধ করেছে। বাংলাদেশের প্রশাসনের সিদ্ধান্তকে কুর্নিশ জানাই আমরা। অনেক ধন্যবাদ। বাংলাদেশে শাহরুখ খানের একটা বিরাট সংখ্যক অনুরাগী রয়েছে।’’ বাংলাদেশে এই ছবির পরিবেশক অনন্যা মামুনের কথায়, ‘‘ভারতীয় সরকারি অনুমতি নিয়ে এই প্রথম কোনও ভারতীয় হিন্দি ছবি বাংলাদেশের মানুষ প্রেক্ষাগৃহে বসে দেখবেন। ইতিমধ্যেই দারুণ সাড়া পাচ্ছি। মাল্টিপ্লেক্সগুলিতে অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে।’’ তিনি আরও জানান, মুক্তির এত দিন পর বাংলাদেশের দর্শকের মাঝে ‘পাঠান’ (Pathaan) এতটা সাড়া ফেলবে, তা কল্পনা করতে পারেননি মামুন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Amritsar: ৭ দিনে ৩ বার! অমৃতসরের স্বর্ণ মন্দিরের কাছে ফের বিস্ফোরণ, গ্রেফতার ৫

    Amritsar: ৭ দিনে ৩ বার! অমৃতসরের স্বর্ণ মন্দিরের কাছে ফের বিস্ফোরণ, গ্রেফতার ৫

    মাধ্যম নিউজ ডেস্ক: পাঞ্জাবের (Punjab) স্বর্ণ মন্দিরের (Golden Temple) কাছে আবার বিস্ফোরণ (Blast)। বুধবার মধ্য রাতে অমৃতসরে (Amritsar) স্বর্ণ মন্দিরের কাছে বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়। এই নিয়ে স্বর্ণ মন্দিরের কাছে গত এক সপ্তাহে তৃতীয়বার বিস্ফোরণ হল। ক্রুড বোমা (Crude Bomb) বিস্ফোরণ করানো হয়েছিল বলে অনুমান। ইতিমধ্যেই পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, স্বর্ণ মন্দিরের কাছে অশান্তি সৃষ্টি করাই তাঁদের লক্ষ্য ছিল।

    হতাহতের খবর নেই

    পুলিশ সূত্রে খবর, রাত সওয়া ১২টা থেকে সাড়ে ১২টার মধ্যে স্বর্ণমন্দির এলাকার শ্রী গুরু রামদাস নিবাসের কাছে বিস্ফোরণ ঘটে। হরমন্দির সাহিবের কাছে যে উদ্যান রয়েছে, তার সামনের গলিপথেই বিস্ফোরণের শব্দ শোনা যায়। তবে হতাহতের কোনও খবর নেই বলে পাঞ্জাব পুলিশ সূত্রে খবর। খবর পেয়ে ঘটনাস্থলে যায় স্থানীয় পুলিশ এবং দমকল। পুলিশ স্বর্ণ মন্দির সহ গোটা এলাকা ঘিরে ফেলেছে। যে ঘরে বিস্ফোরণ হয়, সেখানে দুই ব্যক্তি ও এক মহিলা ছিলেন। তাদের ইতিমধ্যেই জেরা করা শুরু করেছে পুলিশ। এই ঘটনার পিছনে বড় কোনও নাশকতার ছক ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তবে এখনও অবধি কোনও সন্ত্রাসবাদী সংগঠন এই বিস্ফোরণের দায় স্বীকার করেনি বলেই জানা গিয়েছে।

    আরও পড়ুন: বিশ্বভারতীর মুকুটে নয়া পালক! বিশ্বে প্রথম হেরিটেজ বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতি

    তদন্তে পাঞ্জাব পুলিশ

    এই প্রথম বার নয়, সাত দিনের মধ্যে পর পর তিন বার স্বর্ণ মন্দির (Amritsar) এলাকায় বিস্ফোরণ হয়েছে। চলতি বছরের ৬ মে স্বর্ণ মন্দিরের কাছে হেরিটেজ সরণিতে প্রথম বিস্ফোরণ হয়। তার ঠিক দু’দিন পর একই এলাকায় আবার বিস্ফোরণের প্রবল শব্দ পাওয়া যায়। গত ৬ মে-র বিস্ফোরণের ঘটনায় ৬ জন আহত হন। বেশ কিছু বিল্ডিংয়ের কাঁচ ভেঙে যায় বিস্ফোরণের জেরে। এর ৩০ ঘণ্টা বাদেই ফের আরেকটি বিস্ফোরণ হয়। তবে এই বিস্ফোরণের মাত্রা কিছুটা কম ছিল। ওই বিস্ফোরণে ১জন আহত হন। ঘটনাস্থল পরিদর্শন করে যায় এনআইএ-র দলও। পুলিশের দাবি, বিস্ফোরণের পর ঘটনাস্থল থেকে কিছু লিফলেট পাওয়া গিয়েছে। বোমা ফাটার পর তার অবশিষ্টাংশও উদ্ধার করেছে পুলিশ। এই বিস্ফোরণগুলির নেপথ্যে কার হাত রয়েছে, তা জানার জন্য তদন্ত চলছে। পাঞ্জাব পুলিশ ইতিমধ্যেই পাঁচ জনকে গ্রেফতার করেছে। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Suvendu Adhikari: লটারির টাকায় রাজ্যজুড়ে নবজোয়ার তৃণমূলের! বিস্ফোরক শুভেন্দু

    Suvendu Adhikari: লটারির টাকায় রাজ্যজুড়ে নবজোয়ার তৃণমূলের! বিস্ফোরক শুভেন্দু

    মাধ্যম নিউজ ডেস্ক: তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্যজুড়ে তৃণমূলে নবজোয়ার নামে জনসংযোগ কর্মসূচি শুরু হয়েছে। আর এই কর্মসূচি ঘিরে একাধিক জেলায় ব্যালট ছিনতাই, তৃণমূল কর্মীদের মধ্যে মারপিটের ঘটনা ঘটছে। পঞ্চায়েত ভোটের আগে এই নবজোয়ার কর্মসূচি নিয়ে বিস্ফোরক অভিযোগ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বুধবার সন্ধ্যায় হুগলির উত্তরপাড়ায় দলীয় কর্মসূচিতে যোগ দিয়ে শুভেন্দু (Suvendu Adhikari) বলেন, ডিয়ার লটারির টাকায় নবজোয়ার কর্মসূচি চলছে। লটারির টাকায় তৃণমূলের নবজোয়ার। ইনকাম ট্যাক্সের রিটার্নে লটারির উল্লেখ করেছে। তৃণমূলের নির্বাচনী বন্ডে মাসে ২৫ থেকে ৩০ কোটি টাকা দেয় এই লটারি সংস্থা। আমার কাছে সব তথ্যপ্রমাণ রয়েছে। কোটি কোটি মানুষের সঙ্গে বঞ্চনা করার এই ব্যবসা বন্ধ করব। সাবধান ডিয়ার লটারি, সাবধান পশ্চিমবঙ্গের জনগন, সাবধান তৃণমূল। চলছে নবজোয়ার, যাচ্ছি আমি তিহাড়।

    দলত্যাগী এক বিধায়কের বাড়িতে আয়কর হানা নিয়ে সরব শুভেন্দু (Suvendu Adhikari)

    বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া কৃষ্ণকল্যাণীর বাড়িতে কিছুদিন আগেই আয়কর হানা দেয়। সেই প্রসঙ্গে তিনি (Suvendu Adhikari) বলেন, ভিতরে বিজেপি, বাইরে তৃণমূল এমন একজন বিধায়কের বাড়িতে তিনদিন ধরে আয়কর হানা দিয়েছিল। আপনারা সংবাদমাধ্যমে বিষয়টি দেখেছেন। কিন্তু, ফলাফলটা পাননি। শুনে রাখুন, আমি যা বলি দায়িত্ব নিয়ে বলি। ওই মমতাভক্তের বাড়ি থেকে ৩ কোটি টাকা নগদ এবং ৬ কোটি টাকার গয়না উদ্ধার হয়েছে। আয়কর দফতরকে বলব, বিরোধী দলনেতার অভিযোগ সত্যি হলে, সংবাদমাধ্যমকে বিষয়টি জানান।

    সিপিএম, কংগ্রেস কর্মীদের কী বার্তা দিলেন বিরোধী দলনেতা (Suvendu Adhikari)?

    শুভেন্দু (Suvendu Adhikari) বলেন, সিপিএম এখন সাইনবোর্ড। কয়েকদিন আগে এই জায়গায় সিপিএম মিছিল করেছে। তাদের কোনও অনুমতি লাগেনি। অথচ আমাদের হাইকোর্ট থেকে অনুমতি নিয়ে মিছিল করতে হচ্ছে। তাহলেই ভাবুন সেটিংটা কে করছে। তাঁর কটাক্ষ, এই সিপিএমের দোসর কংগ্রেস। তাদের দিল্লির নেতারা এই চোর সরকারদের বাঁচাতে আইনি লড়াই করছেন। ভাবতে পারেন? এরপরই সিপিএমের উদ্দেশে তিনি বলেন এদের কালিয়াগঞ্জে মৃত্যুঞ্জয় বর্মণের খুনের প্রতিবাদে পাবেন না, রিষড়া, শিবপুরে ইনসাফ মিছিলে পাবেন না, এই দল সাইনবোর্ড হয়ে গিয়েছে। বেশি কথা বলবনা। শুধু বলবো যে কজন এখনো আছেন তাঁরা চলে আসুন। আমরাই পারবো সাফ করতে। গত মাসের ২ তারিখে রামনবমীর মিছিলকে কেন্দ্র করে রিষড়া এলাকায় ধুন্ধুমার কাণ্ড ঘটে যায়। রক্তাক্ত হন পুরশুরার বিজেপি বিধায়ক বিমান ঘোষ সহ অনেকেই জখম হন। পুলিশও সেদিন আক্রান্ত হন। এই রেশ দু তিনদিন ধরে চলে। ওই ঘটনার জেরে পুলিশ প্রচুর লোককে ধরপাকড় করে। যদিও পরবর্তীকালে সবাই প্রায় জামিনে ছাড়া পেয়ে যায়। ওই দিন যে সমস্ত রামভক্তরা মার খেয়ে, জেল খেটে বেড়িয়েছেন তাঁদের পাশে থাকার বার্তা দিতেই শ্রীরামপুর সাংগঠনিক জেলা বিজেপির পক্ষ থেকে হিন্দমোটর ধারসা মোড় থেকে উত্তরপাড়া কোতরং পর্যন্ত পদযাত্রার আয়োজন করা হয়। যদিও এই মিছিলের অনুমতি স্থানীয় পুলিশ দেয়নি। শ্রীরামপুর সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি মোহন আদক হাইকোর্ট থেকে আইনি লড়াইয়ে অনুমতি বার করে আনেন।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

  • Visva Bharati: বিশ্বভারতীর মুকুটে নয়া পালক! শান্তিনিকেতন পেতে চলেছে বিশ্ব হেরিটেজের স্বীকৃতি

    Visva Bharati: বিশ্বভারতীর মুকুটে নয়া পালক! শান্তিনিকেতন পেতে চলেছে বিশ্ব হেরিটেজের স্বীকৃতি

    মাধ্যম নিউজ ডেস্ক: ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ তালিকায় ফের উঠে এল বাংলা।​ রবীন্দ্র জয়ন্তীর পরেই জানা গেল সুখবর। ইউনেস্কোর (UNESCO) ওয়ার্ল্ড হেরিটেজ তালিকায় ঠাঁই পেতে চলেছে রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিধন্য বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। দুর্গাপুজো ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ তালিকায় জায়গা করে নেওয়ার পর এবার শান্তিনিকেতনের পালা। ২৫ বৈশাখের ঠিক পরদিন, বুধবার ট্যুইট করে এই কথা জানিয়েছেন কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রী জি কিষাণ রেড্ডি। 

    বিশ্বে প্রথম হেরিটেজ বিশ্ববিদ্যালয়

    এই প্রথম কোনও সক্রিয় বিশ্ববিদ্যালয়কে রাষ্ট্রসংঘের তরফ থেকে হেরিটেজ তকমা দেওয়া হবে। কারণ এই হেরিটেজ তকমা এতদিন দেওয়া হতো স্মৃতিসৌধগুলিকে। এই হেরিটেজ বা ঐতিহ্যশালী তকমার কথা বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর মুখে আগেই শোনা গিয়েছিল। এ বছরের গোড়াতেই তিনি বলেছিলেন, বিশ্বভারতী হেরিটেজ বিশ্ববিদ্যালয় তকমা পেতে চলেছে। বিশ্বে প্রথম হেরিটেজ বিশ্ববিদ্যালয়। কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন, ইউনেস্কোর উপদেষ্টা সংগঠন (The International Council on Monuments and Sites) বা ইকোমসের পক্ষ থেকে ওয়ার্ল্ড হেরিটেজ তালিকায় বিশ্বভারতীর নাম নথিভুক্তিকরণের সুপারিশ করা হয়েছে। বিশ্বভারতী এই তকমা পেতে চলায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কৃতজ্ঞতা জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

    আরও পড়ুন: পড়ল রেকর্ড ভোট, ত্রিশঙ্কু হবে কর্নাটক বিধানসভা?

    খুশির হাওয়া শান্তিনিকেতনে

    জানা গিয়েছে, ২০২৩ সালের সেপ্টেম্বরে সৌদি আরবের রিয়াধে ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ কমিটির সভায় আনুষ্ঠানিকভাবে শান্তিনিকেতনকে ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ (UNESCO World Heritage) বলে ঘোষণা করা হতে পারে। ২০২১ সালের ১২ ডিসেম্বর শান্তিনিকেতনে এসেছিলেন ইউনেস্কোর তিন সদস্যের প্রতিনিধি দল। তাঁদের সামনে শান্তিনিকেতনের স্থাপত্য, ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের স্বীকৃতির প্রস্তাব রাখা হয়েছিল। তারপরই সরকারিভাবে সুপারিশ করা হয়েছে। এই সুখবর প্রকাশ্যে আসার পরেই শান্তিনিকেতন জুড়ে যেন উৎসবের আমেজ। বিশ্বভারতী অধ্যাপক কিশোর ভট্টাচার্য বলছেন, নতুন এই সাফল্যের কৃতিত্ব আচার্য ও উপাচার্যর। আমরা এই খবরে খুশি।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • TET Scam: প্রাথমিকে ২০১৪ সালের টেট উত্তীর্ণ হয়ে চাকরি পাওয়া শিক্ষকদের তথ্য তলব সিবিআই-এর

    TET Scam: প্রাথমিকে ২০১৪ সালের টেট উত্তীর্ণ হয়ে চাকরি পাওয়া শিক্ষকদের তথ্য তলব সিবিআই-এর

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রাথমিকে শিক্ষক নিয়োগের তদন্তে এবার ২০১৪ সালের টেট উত্তীর্ণ হয়ে চাকরি পাওয়া শিক্ষকদের তথ্য তলব করল সিবিআই। কলকাতা হাইকোর্টের নির্দেশে এ বিষয়ে বিস্তারিত তথ্য জমা দিতে প্রাথমিক শিক্ষা পর্ষদকে আগেই অবগত করিয়েছিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। এ বার ধাপে ধাপে জেলা প্রাথমিক শিক্ষা আধিকারিকদের থেকে সেই তথ্য সংগ্রহ করার কাজ শুরু করেছে পর্ষদ।

    দ্রুত তথ্য পাঠাতে নির্দেশ

    এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা আধিকারিকদের একটি নির্দিষ্ট নিয়ম মেনে তথ্য পাঠাতে বলা হয়েছে। তথ্যগুলি এক্সেল সিট ১ এবং ২-তে পাঠাতে হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চাকরির নিয়োগপত্র, অ্যাডমিট কার্ড, প্রাতিষ্ঠানিক বিভিন্ন পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার শংসাপত্র, কেস সার্টিফিকেট, এক্সট্রা কারিকুলাম সার্টিফিকেট এবং টেট পরীক্ষায় পাশ করা শংসাপত্র-সহ মোট ছটি জিনিস চাওয়া হয়েছে। জেলা প্রাথমিক শিক্ষা কাউন্সিলের সেক্রেটারি, জেলা স্তরের স্কুলের সাব ইন্সপেক্টরদের এই তথ্যগুলি পাঠাতে বলা হয়েছে। ইতিমধ্যে বেশ কিছু জেলা তাদের তথ্য পর্ষদের কলকাতার দফতরে পাঠিয়ে দিয়েছে বলে খবর। 

    আরও পড়ুন: পড়ল রেকর্ড ভোট, ত্রিশঙ্কু হবে কর্নাটক বিধানসভা?

    পর্ষদ সূত্রে খবর, সিবিআই তথ্য তলব করার পরই ব্যবস্থা নেওয়া হয়। আদালত নির্দেশ দিলে পর্ষদও দ্রুত এ বিষয়ে পদক্ষেপ করে। কলকাতা, দুই ২৪ পরগনা, হুগলি, হাওড়া, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, নদিয়া, বাঁকুড়া, পুরুলিয়া ও বীরভুম জেলা থেকে তথ্য পর্ষদ কর্তাদের হাতে এসে পৌঁছেছে। ঝাড়গ্রাম, মালদা, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান, কোচবিহার, আলিপুরদুয়ার, শিলিগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং জলপাইগুড়ি জেলায় পৃথক বিজ্ঞপ্তি জারি করে চলতি মাসেই তথ্য জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে যাবতীয় তথ্য কলকাতায় সিবিআই-এর নিজাম প্যালেসে জমা দিতে বলা হয়েছে। এই তথ্য সিবিআই-এর হাতে জমা পড়লে তদন্ত গতি পাবে বলেই মনে করা হচ্ছে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share