Blog

  • Abhishek Banerjee: এবার কেষ্ট গড়ে ব্যালট ছিনতাই! অভিষেক চলে যেতেই নবজোয়ারে মারপিট

    Abhishek Banerjee: এবার কেষ্ট গড়ে ব্যালট ছিনতাই! অভিষেক চলে যেতেই নবজোয়ারে মারপিট

    মাধ্যম নিউজ ডেস্ক: জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহের পর এবার অনুব্রত মণ্ডলের গড় বীরভূমে নবজোয়ার কর্মসূচিতে ব্যালট ছিনতাইয়ের ঘটনা ঘটল। পঞ্চায়েত নির্বাচনের প্রার্থী ঠিক করার জন্য দলের পক্ষ থেকে ভোটাভুটির ব্যবস্থা করা হয়েছে। সেই ব্যালট বক্স নিয়ে পালানোর চেষ্টা করে তৃণমূলের একটি দল। পুলিশের সামনেই দুই গোষ্ঠীর হাতাহাতিও শুরু হয়ে যায়। পঞ্চায়েতে প্রার্থী বাছাই নিয়ে প্রথমে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন তৃণমূলের কর্মী-সমর্থকরা। পরে, তাঁরা হাতাহাতিতে জড়িয়ে পড়েন। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) চলে যাওয়ার পর পরই ভোটগ্রহণ কেন্দ্রে ব্যাপক গণ্ডগোল হয়। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এর আগে মালদহের ইংরেজবাজার এলাকায় গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়েছিলেন অভিষেক। এবার কেষ্ট গড়ে ব্যালট ছিনতাইয়ের ঘটনায় রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। এদিনের ব্যালট লুট হওয়ার দৃশ্য দেখে অনেকেই বলেন, কেষ্ট গড়ে পঞ্চায়েত নির্বাচন কেমন হবে তার মহড়া হয়ে গেল।

    ঠিক কী নিয়ে গণ্ডগোল?

    জনসংযোগ যাত্রায় ১৫ তম দিনে কেষ্ট গড়ে নবজোয়ার কর্মসূচির প্রথম দিনেই অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)  মুরারইয়ে চাতরা উচ্চ বিদ্যালয়ের মাঠে একটি সভায় উপস্থিত ছিলেন। সেই সভাতেই বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, “ভারতবর্ষের কোনও রাজনৈতিক দল সাধারণ মানুষকে এমন সুযোগ দেয় না, যারা পঞ্চায়েতে প্রার্থী ঠিক করে। আমাদের দল তৃণমূল কংগ্রেস সেই সুযোগ দিয়েছে।” এমনকী, তিনি হাতে একটি ব্যালট পেপার দেখিয়ে বলেন, “আপনারা নিজেদের প্রার্থী নিজেরাই ঠিক করবেন। “অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) সভা শেষ করে বেরিয়ে যাওয়ার পরেই শুরু হয় পঞ্চায়েতের প্রার্থী নির্বাচনের ভোটাভুটি । আর তাকে কেন্দ্র করে শুরু হয় বচসা ও অশান্তি। ব্যালট নিয়ে ছুটতে থাকেন কয়েকজন তৃণমূল কর্মী। তাঁদের আবার ধরে ফেলেন অন্য কর্মীরা। ব্যালট নিয়ে রীতিমতো হাতাহাতি হয়। পরিস্থিতি সামাল দিতে পুলিশকে হস্তক্ষেপ করতে হয়।

    কী বললেন বিক্ষুব্ধ তৃণমূল কর্মীরা?

    বিক্ষুব্ধ তৃণমূল কর্মীদের বক্তব্য, অভিষেক (Abhishek Banerjee) যে ভাবে ভোট করার কথা বলে গিয়েছেন, সেই নিয়ম মেনে সব কিছু হওয়া দরকার। এলাকার মানুষের পক্ষ থেকে যে প্রার্থীদের নামের তালিকা দেওয়া হয়েছিল, সেই তালিকায় নেই। ব্যালট খুলে দেখা যায়, একেবারে অন্য তালিকা রয়েছে। ষড়যন্ত্র করে এই কাজ করেছে। তাই, প্রকাশ্যে এই গণ্ডগোল।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Karnataka Assembly Election 2023: সকাল থেকে ভোটদাতাদের লম্বা লাইন! কর্নাটকে শুরু ভোটগ্রহণ

    Karnataka Assembly Election 2023: সকাল থেকে ভোটদাতাদের লম্বা লাইন! কর্নাটকে শুরু ভোটগ্রহণ

    মাধ্যম নিউজ ডেস্ক: ২২৪ আসনের কর্নাটক বিধানসভায় শুরু হল ভোটগ্রহণ। কড়া নিরাপত্তার মধ্যে এক দফাতেই হচ্ছে নির্বাচন। বুধবার সকাল ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। সকাল থেকেই রাজ্যের প্রতিটি বুথে দেখা গিয়েছে ভোটারদের লম্বা লাইন। ভোট গণনা হবে আগামী শনিবার (১৩ মে)। 

    ক্ষমতা দখলের লড়াই

    এবারের কর্নাটকে ক্ষমতা দখলের লড়াইতে রয়েছে তিন দল। ক্ষমতাসীন বিজেপির বিরুদ্ধে প্রার্থী দিয়েছে কংগ্রেস ও জনতা দল (সেকুলার) বা JD (S)। ভোটে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ২ হাজার ৬১৫ জন প্রার্থী। কর্নাটকে মোট ভোটারের সংখ্যা ৫ কোটি ৩১ লাখ ৩৩ হাজার ৫৪। তাঁদের মধ্যে প্রথম বারের ভোটারের সংখ্যা ১১ লক্ষ ৭১ হাজার। মোট ভোটারদের মধ্যে প্রায় ২ কোটি ৬৬ লক্ষ পুরুষ এবং ২ কোটি ৬২ লক্ষ মহিলা। বিপুল সংখ্যক ভোটার ৫৮ হাজার ৫৪৫টি বুথে ভোট দেবেন। এদিন সকাল সকাল ভোট দেন অভিনেতা প্রকাশ রাজ। বেঙ্গালুরুর একটি বুথে ভোট দেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। প্রার্থীদের মধ্যে অনেকে আবার সকালে বিভিন্ন মন্দিরে পুজোও দেন। গুরুত্বপূর্ণ প্রার্থীদের মধ্যে রয়েছেন মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই, বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক সিটি রবি, প্রদেশ কংগ্রেস সভাপতি ডিকে শিবকুমার এবং তিন প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া (কংগ্রেস), জগদীশ শেট্টার (কংগ্রেস) এবং এইচডি কুমারস্বামী (জেডি-এস)।

    প্রধানমন্ত্রীর আর্জি

    কর্নাটকের জনগণকে, বিশেষ করে বিপুল সংখ্যক তরুণ এবং প্রথমবারের ভোটারদের ভোটদানের মাধ্যমে গণতন্ত্রের উৎসবকে সমৃদ্ধ করার জন্য আর্জি জানিয়ে এদিন সকালে ট্যুইট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। উল্লেখ্য, ভোটের মুখে বুধবার কর্নাটকবাসীকে খোলা চিঠি দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে নমো কর্নাটকবাসীর স্বপ্নকেই তাঁর স্বপ্ন বলে উল্লেখ করেছেন। 

    কর্নাটকবাসীকে ‘সুশাসন ও উন্নয়ন’-র জন্য বিপুল সংখ্যায় ভোট দিতে আর্জি জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। “কর্নাটকের সমস্ত ভাই-বোনদের কাছে আবেদন, নির্বাচনের দিন ঘর থেকে বেরিয়ে ভোট দিন। আপনাদের একটা ভোটই উন্নয়নশীল সরকার গঠনে পাথেয় হবে। রাজ্যকে নতুন দিশা দেখাবে।” ট্যুইটে লেখেন শাহ।

  • Lithium Found in India: জম্মু-কাশ্মীরের পরে লিথিয়ামের বিপুল ভান্ডারের হদিশ মিলল! কোথায়?

    Lithium Found in India: জম্মু-কাশ্মীরের পরে লিথিয়ামের বিপুল ভান্ডারের হদিশ মিলল! কোথায়?

    মাধ্যম নিউজ ডেস্ক: জম্মু-কাশ্মীরের পর ফের দেশে লিথিয়ামের বড়সড় ভান্ডারের (Lithium Found in India) সন্ধান পেল জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। আধিকারিকরা জানাচ্ছেন, রাজস্থানে রিয়াসি জেলায় পাওয়া এই নতুন লিথিয়ামের ভান্ডার (Lithium Found in India) জম্মু-কাশ্মীরের থেকেও সম্ভবত বেশি হতে চলেছে। বিশেষজ্ঞরা বলছেন, লিথিয়ামের এই বিপুল ভান্ডারের সন্ধান মেলায় এর প্রভাব রাজস্থানের দেগানা অঞ্চলের অর্থনীতিতে ব্যাপকভাবে পড়তে পারে। প্রসঙ্গত চলতি বছরের ফেব্রুয়ারি মাসেই জম্মু-কাশ্মীরে দেশের মধ্যে প্রথম লিথিয়াম খনির সন্ধান মিলেছিল। বিশেষজ্ঞদের মতে, যে পরিমাণে লিথিয়াম মজুদ রয়েছে রাজস্থানে তাতে দেশের মোট চাহিদার ৮০ শতাংশই মিটতে পারে। শোনা যাচ্ছে, মোট ৫৯ লক্ষ টন লিথিয়ামের সন্ধান এখানে পাওয়া গেছে। জানা গেছে, জম্মু-কাশ্মীরে বিপুল ভাণ্ডারের সন্ধান পাওয়ার পরেই দেশজুড়ে লিথিয়ামের খোঁজ শুরু হয়, সেই সন্ধানেই সাফল্য মিলল রাজস্থানে।

    লিথিয়ামের ব্যবহার

    লিথিয়াম হল একধরনের হালকা এবং নরম ধাতু। বর্তমান যুগে ব্যাটারির চাহিদা প্রচুর রয়েছে। ব্যাটারি চালিত স্কুটি, স্মার্টফোন অথবা ব্যাটারির দ্বারা বাড়িতে বিদ্যুৎ সংযোগ, এ সমস্ত কিছুই রয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন যে বিপুল পরিমাণে লিথিয়ামের ভান্ডারের (Lithium Found in India) সন্ধান দেশের জম্মু-কাশ্মীর এবং রাজস্থানে মিলল তাতে ব্যাটারি চালিত যে কোনও কিছু সরঞ্জামের দাম কমতে পারে। ব্যাটারি চালিত সরঞ্জামের ব্যবহারে এখন সরকারও জোর দিচ্ছে। তার কারণ এতে কোন রকমের দূষণ ছড়ায় না। তবে বিশেষজ্ঞরা এও জানাচ্ছেন যে, লিথিয়াম খনি থেকে উত্তোলন করার সময় প্রয়োজন হয় প্রচুর পরিমাণ জলের এবং এর ফলে বায়ুমন্ডলে প্রচুর পরিমাণে কার্বন ডাই অক্সাইড গ্যাসও নির্গত হয়। যা পরিবেশের ক্ষতি করে।

    সবথেকে বেশি পরিমাণ লিথিয়াম রয়েছে অস্ট্রেলিয়ায়

    পরিসংখ্যান বলছে সারা বিশ্বের মোট ৪৭ শতাংশ লিথিয়াম অস্ট্রেলিয়াতে পাওয়া যায়। চিলিতে পাওয়া যায় ৩০ শতাংশ লিথিয়াম। চিন ১৫ শতাংশ লিথিয়াম উত্তোলন করে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Amit Shah: রবীন্দ্র-প্রভাবেই জাতীয় শিক্ষানীতিতে মাতৃভাষায় জোর মোদির, জানালেন শাহ

    Amit Shah: রবীন্দ্র-প্রভাবেই জাতীয় শিক্ষানীতিতে মাতৃভাষায় জোর মোদির, জানালেন শাহ

    মাধ্যম নিউজ ডেস্ক: ফের একবার মাতৃভাষার মাধ্যমে শিক্ষাদানের গুরুত্ব বোঝালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। মঙ্গলবার রবীন্দ্রজয়ন্তীর অনুষ্ঠানে যোগ দিতে কলকাতায় এসেছিলেন তিনি। সায়েন্স সিটি অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে শাহ বলেন, “যে শিশু মাতৃভাষায় কথা বলতে পারবে না, পড়তে পারবে না, মাতৃভাষায় পড়ার সুযোগ দেওয়া হবে না, সেই শিশুর ভাবনা, বিচার করার ক্ষমতা থাকবে না”। তিনি জানান, সেই জন্যই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জাতীয় শিক্ষানীতিতে মাতৃভাষার ওপর জোর দিয়েছেন। রবীন্দ্র-তীর্থ শান্তিনিকেতনের শিক্ষা ব্যবস্থারও ভূয়সী প্রশংসা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, “গোটা বিশ্বের শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে অনুকরণযোগ্য হল শান্তিনিকেতন। আগামিদিনে শান্তিনিকেতনই সমস্ত বিশ্বকে শিক্ষার নয়া পথ দেখাবে”। তিনি বলেন, “শান্তিনিকেতন প্রতিষ্ঠার মধ্যে দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর (Rabindranath Thakur) শিক্ষাকে এক অন্য মাত্রায় নিয়ে গিয়েছিলেন”।

    অমিত শাহ (Amit Shah) উবাচ…

    স্বাধীনতা আন্দোলনেও যে রবীন্দ্রনাথের ভূমিকা ছিল, এদিন তাও স্মরণ করিয়ে দেন শাহ। তিনি (Amit Shah) বলেন, “স্বাধীনতা আন্দোলনের প্রতিটি নেতার অনুপ্রেরণা ছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ। বিশ্বের দরবারে ভারতের সাহিত্য-সংস্কৃতিকে তিনিই তুলে ধরেছিলেন। প্রথমবার সাহিত্যে নোবেল পুরস্কারও তিনি এনেছিলেন। দুই দেশের জাতীয় সঙ্গীতের রচয়িতাও ছিলেন রবীন্দ্রনাথ”। কেবল বাংলা নয়, শাহের রাজ্য গুজরাটের সঙ্গেও যে কবিগুরুর বিশেষ সম্পর্ক ছিল, এদিন তাও মনে করিয়ে দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, “গুজরাট ও গুজরাটি সাহিত্যের সঙ্গে গুরুদেবের বিশেষ সম্পর্ক ছিল। গুজরাটের অনেক সাহিত্য রবীন্দ্রনাথ বাংলায় অনুবাদ করেছেন এবং আহমেদাবাদের অনেকের সঙ্গে তাঁর যোগাযোগ ছিল। আজও আহমেদাবাদের মানুষ রবি ঠাকুরকে স্মরণ করেন”।

    আরও পড়ুুন: “স্বাস্থ্যকেন্দ্রে পরিকাঠামো না থাকা সরকারের ব্যর্থতা,” রাজ্যকে ভর্ৎসনা হাইকোর্টের

    এদিন সকালে জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে গিয়ে শাহ শ্রদ্ধা জানান কবিগুরুকে। ঘুরে দেখেন ঠাকুরবাড়ি। তাঁর সঙ্গে ছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন সন্ধেয় সায়েন্স সিটি অডিটোরিয়ামে আয়োজিত রবীন্দ্র সন্ধ্যায় যোগ দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। অবনীন্দ্রনাথ ঠাকুরের ওপর একটি ‘লাইট অ্যান্ড সাউন্ড’ শো-র উদ্বোধনও করেন তিনি। তার আগে তিনি (Amit Shah) গিয়েছিলেন পেট্রাপোল সীমান্তে। সেখানে একটি থানার উদ্বোধন করেন শাহ। শিলান্যাস করেন দ্বিতীয় কার্গো গেটের। প্রশংসা করেন বিএসএফের। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আর্থিক উন্নয়নে বড় ভূমিকা পেট্রাপোলের। পেট্রাপোল সীমান্তে বাণিজ্যের অঙ্ক বেড়েছে”। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমলে সীমান্তবর্তী গ্রামগুলির যে ব্যাপক উন্নতি হয়েছে, তাও জানান শাহ।  

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Cyclone: বাংলাদেশ-মায়ানমার উপকূলে আছড়ে পড়তে পারে ‘মোকা’, শুক্র থেকে রাজ্যে বৃষ্টি?

    Cyclone: বাংলাদেশ-মায়ানমার উপকূলে আছড়ে পড়তে পারে ‘মোকা’, শুক্র থেকে রাজ্যে বৃষ্টি?

    মাধ্যম নিউজ ডেস্ক: শেষমেশ সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হল বঙ্গোপসাগরের নিম্নচাপ। হাওয়া অফিস সূত্রে খবর, মঙ্গলবার সন্ধের মধ্যেই নিম্নচাপ পরিণত হবে গভীর নিম্নচাপে। বুধবার পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে ঘূর্ণিঝড়ে (Cyclone)। ১৪ থেকে ১৫ মে-র মধ্যে ওই ঘূর্ণিঝড় ঘণ্টায় ১৫০ কিমি বেগে আছড়ে পড়তে পারে বাংলাদেশ-মায়ানমার উপকূলে। আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় বলেন, গতকালের নিম্নচাপ আরও একটু ঘনীভূত হয়েছে। ১০ তারিখে সেটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। বাংলাদেশ ও মায়ানমার উপকূলের দিকে সেটির অভিমুখ হতে পারে।

    ঘূর্ণিঝড়ের (Cyclone) প্রভাব…

    এদিকে, প্রবল গরমে পুড়ছে দক্ষিণবঙ্গ। রাজ্যের কয়েকটি জেলায় জারি হয়েছে তাপপ্রবাহের সতর্কতা। এরই মধ্যে এল বৃষ্টির পূর্বাভাস। আলিপুর আবহাওয়া দফতর মঙ্গলবার জানাল, সপ্তাহান্তের শুরুতেই রাজ্যে বেশ কিছু জেলায় (Cyclone) বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যা চলবে রবিবার পর্যন্ত। আবহাওয়া দফতরের পূর্বাভাস, শুক্রবার থেকে বৃষ্টি শুরু হতে পারে কলকাতা সংলগ্ন এবং রাজ্যের উপকূলবর্তী চার জেলায়। আপাতত উপকূলবর্তী দুই ২৪ পরগনা এবং মেদিনীপুরে তিনদিন বৃষ্টির পূর্বাভাস দিয়েছেন আবহবিদরা। আলিপুর হাওয়া অফিসের অধিকর্তা বলেন, ১০ তারিখ তাপমাত্রা বাড়বে। পূর্ব মেদিনীপুর, কলকাতা ছাড়া দক্ষিণবঙ্গের সব জেলায় আগামিকাল তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হবে। তবে আগামী ১২ ও ১৩ মে রাজ্যের উপকূলবর্তী তিন জেলা অর্থাৎ দুই ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

    এদিকে, উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে ১১ মে মালদহ ও দক্ষিণ দিনাজপুরে তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। তবে উত্তরবঙ্গের দুই জেলা দার্জিলিং ও কালিম্পঙের পাশাপাশি জলপাইগুড়িতে আগামী ২৪ ঘণ্টায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া দফতর।

    আরও পড়ুুন: “স্বাস্থ্যকেন্দ্রে পরিকাঠামো না থাকা সরকারের ব্যর্থতা,” রাজ্যকে ভর্ৎসনা হাইকোর্টের

    আবহবিজ্ঞানীরা জানাচ্ছেন, ১৪ মে সকাল থেকে ১৫ মে সকালের মধ্যে ঘূর্ণঝড় (Cyclone) মোকা বাংলাদেশ বা মায়ানমার উপকূল দিয়ে স্থলভাগে প্রবেশ করবে। তাঁদের অনুমান সঠিক হলে, মোকার উত্তর বঙ্গোপসাগরে প্রবেশ করার সম্ভাবনা অনেকটাই কম। মোকা উত্তর বঙ্গোপসাগরে প্রবেশ না করলে পশ্চিমবঙ্গ উপকূলে মেঘলা আকাশ, হালকা বৃষ্টি ও সামান্য ঝোড়ো বাতাস ছাড়া আর কোনও প্রভাব সেভাবে পড়বে না বলেই অনুমান আবহবিদদের।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

  • Bomb: পঞ্চায়েত ভোটের আগে শাসনে উদ্ধার হল ব্যাগ ভর্তি তাজা বোমা, আতঙ্ক

    Bomb: পঞ্চায়েত ভোটের আগে শাসনে উদ্ধার হল ব্যাগ ভর্তি তাজা বোমা, আতঙ্ক

    মাধ্যম নিউজ ডেস্ক: উত্তর ২৪ পরগনার শাসনে তেঘরিয়া প্রাথমিক বিদ্যালয়ের কাছেই ব্যাগ ভর্তি বোমা (Bomb) উদ্ধার হল। স্কুলের সামনে বোমা পড়ে থাকায় আতঙ্ক ছড়িয়েছে। আর কিছুদিন পরই পঞ্চায়েত ভোট। তার আগেই শাসনের মতো জায়গায় ব্যাগ ভর্তি বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

    ব্যাগ ভর্তি বোমা (Bomb) কোথায় রাখা ছিল?

    শাসনের সদ্যারআটি তেঘরিয়া এলাকায় রাস্তার ধারে একটি কালভার্টের নীচেই ব্যাগ ভর্তি তাজা বোমা (Bomb) দেখতে পান এলাকার বাসিন্দারা। তাঁরা পুলিশকে খবর দেন। পুলিশ এসে বোমা বাজেয়াপ্ত করে। পুলিশ সূত্রে খবর, ব্যাগে ৮ টি তাজা বোমা পাওয়া গিয়েছে। তবে কে বা কারা রেখে গিয়েছে, তা এখনও স্পষ্ট নয়। পঞ্চায়েত নির্বাচনের এলাকায় সন্ত্রাস করার জন্যই দুষ্কৃতীরা হয়তো বোমা রাখতে পারে বলেই অনুমান করা হচ্ছে। শাসনের মাটি বিভিন্ন সময় রাজনৈতিকভাবে উত্তপ্ত হয়ে উঠেছিল বাম জমানায়। পালাবদলের পর তৃণমূল সরকার আসে। তৃণমূল কংগ্রেস আসার পর মাঝে মধ্যেই অশান্ত হয়ে ওঠে শাসনের মাটি। এবার পঞ্চায়েত নির্বাচনের আগেই সেই শাসনেই কালভার্টের নীচে থেকে উদ্ধার হল বোমা (Bomb)। কারা কোন উদ্দেশ্যে বোমাগুলি রেখেছিল তা তদন্ত করে দেখছে শাসন থানার পুলিশ। যদিও এই বিষয়ে তৃণমূল নেতৃত্ব মুখ খুলতে রাজি হয়নি।

    কী বললেন বিজেপি নেতৃত্ব?

    সামনেই পঞ্চায়েত ভোটের আগে কীভাবে এল এতগুলো তাজা বোমা (Bomb) তা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপি বারাসত সাংগঠনিক জেলার সভাপতি তাপস মিত্র বলেন, সামনেই পঞ্চায়েত নির্বাচন। আর সেই পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল জেনে গিয়েছে, তারা এবার একটি ভোটও পাবে না। তাই যেভাবে হোক সেই পঞ্চায়েত নির্বাচন যাতে সুষ্ঠুভাবে না হয় তার জন্যই তারা বোমা (Bomb), গুলি, পিস্তল আগে থেকেই মজুত করে রাখছে। তিনি আরও বলেন, মানুষ তৃণমূল সরকারের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। তাই এসব করে আর লাভ হবে না।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • India: ফের বিশ্ব জুড়ে মন্দার অশনি সংকেত! ভারতেও কি প্রভাব পড়বে?

    India: ফের বিশ্ব জুড়ে মন্দার অশনি সংকেত! ভারতেও কি প্রভাব পড়বে?

    মাধ্যম নিউজ ডেস্ক: ফের শোনা যাচ্ছে মন্দার (Recession) পদধ্বনি! সম্প্রতি একটি রিপোর্ট প্রকাশ করেছে ওয়ার্ল্ড অফ স্ট্যাটিসটিকস। সেখানেই মিলেছে মন্দার অশনি সংকেত। ইতিমধ্যেই গোটা বিশ্বে একবার ধাক্কা দিয়েছে মন্দা। বহু কোম্পানি বন্ধ হয়ে গিয়েছে। কর্মী ছাঁটাই করে মন্দার মোকাবিলা করার চেষ্টা করছেন বহু কোম্পানির মালিক। এমতাবস্থায় ফের ভয়ঙ্কর আশঙ্কার কথা শোনাল ওই রিপোর্ট। ওয়ার্ল্ড অফ স্ট্যাটিসটিকসের রিপোর্ট থেকে জানা গিয়েছে, মন্দার সব চেয়ে বেশি প্রভাব পড়বে ব্রিটেনে (Britain)। এখানে মন্দা হতে পারে ৭৫ শতাংশ।

    ভারতের (India) আশঙ্কা কত?

    ভারতীয় (India) বংশোদ্ভূত প্রধানমন্ত্রী ঋষি সুনকের দেশের পরেই জায়গা হয়েছে নিউজিল্যান্ডের। এখানে মন্দার প্রভাব হতে পারে ৭০ শতাংশ। তিন নম্বরে রয়েছে জো বাইডেনের আমেরিকা। এখানে মন্দার প্রভাব পড়ার সম্ভাবনা ৬৫ শতাংশ। ইউরোপের আর এক দেশ ফ্রান্সেও মন্দার আশঙ্কা রয়েছে। তবে তা ব্রিটেনের মতো নয়। এখানে মন্দার প্রভাব পড়তে পারে ৫০ শতাংশ। ৬০ শতাংশ মন্দার প্রভাব পড়তে পারে কানাডা, ইতালি এবং জার্মানিতে। মন্দার অশনি সংকেত দেখা দিতে পারে দক্ষিণ আফ্রিকায়ও। এখানে মন্দার প্রভাব ৪৫ শতাংশ।

    ওয়ার্ল্ড অফ স্ট্যাটিসটিকসের ওই রিপোর্ট থেকেই জানা গিয়েছে, অস্ট্রেলিয়ায় মন্দার আশঙ্কা রয়েছে ৪০ শতাংশ। রাশিয়ায় ৩৭.৫ শতাংশ। রাশিয়ার নীচে রয়েছে এশিয়ার দেশ জাপান। উদীয়মান সূর্যের এই দেশে মন্দার আশঙ্কা ৩৫ শতাংশ। দক্ষিণ কোরিয়ায় মন্দার সম্ভাবনা ৩০ শতাংশ। মেক্সিকোয় এই আশঙ্কা ২৭.৫ শতাংশ। স্পেনে মন্দার আশঙ্কা ২৫ শতাংশ। মন্দার কবলে পড়তে পারে সুইজারল্যান্ডও। এখানে মন্দার আশঙ্কা ২০ শতাংশ। ব্রাজিলে এই সম্ভাবনা ১৫ শতাংশ। এশিয়ার আর একটি দেশ চিনে মন্দার প্রভাব পড়তে পারে ১২.৫ শতাংশ।

    তবে এই তালিকায় নেই নরেন্দ্র মোদির ভারত (India)। ওয়ার্ল্ড অফ স্ট্যাটিসটিকসের রিপোর্ট থেকেই জানা গিয়েছে, ভারতে মন্দার আশঙ্কা শূন্য। দ্বীপরাষ্ট্র ইন্দোনেশিয়ায় মন্দার প্রভাব পড়তে পারে ২ শতাংশ। সৌদি আরবে এটাই হতে পারে ৫ শতাংশ। জানা গিয়েছে, চলতি বছর এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বিশ্বের প্রধান অঞ্চলগুলির মধ্যে সব চেয়ে বেশি গতিশীল হবে। এতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে চিন ও ভারত (India)। আইএমএফের প্রতিবেদনে বলা হয়েছে, এ অঞ্চলের এই দুটি বৃহত্তম ও উদীয়মান অর্থনীতি চলতি বছরের বৈশ্বিক প্রবৃদ্ধির প্রায় অর্ধেক অবদান রাখবে। বাকি অর্ধেকের এক পঞ্চমাংশ হবে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

  • Cattle Smuggling Case: গরুপাচার কাণ্ডে গ্রেফতারির এখানেই শেষ নয়! আদালতে জানাল ইডি

    Cattle Smuggling Case: গরুপাচার কাণ্ডে গ্রেফতারির এখানেই শেষ নয়! আদালতে জানাল ইডি

    মাধ্যম নিউজ ডেস্ক: তদন্ত এগিয়ে চলেছে দ্রুত গতিতে। গরুপাচার কাণ্ডে (Cattle Smuggling Case) গ্রেফতারির এখানেই শেষ নয়। আরও অনেককেই গ্রেফতার করা হবে এই মামলায়। ইডির আইনজীবী নীতেশ রাণা দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টে এই কথা জানিয়েছেন। মঙ্গলবার, ইডি-র আইনজীবীর এই দাবি ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।

    আর কে?

    এনামুল হক, সতীশ কুমার, সায়গল হোসেন থেকে অনুব্রত ও তাঁর কন্যা সুকন্যা মণ্ডল, মণীশ কোঠারিদের গ্রেফতারের পর আর কার পালা? জল্পনা চলছে। এর আগে ইডি আদালতে জানিয়েছে, ভুয়ো ঋণ দেখিয়ে নিজের বেআইনি কারবার ঢাকার চেষ্টা করেছিলেন অনুব্রত মণ্ডল। এই ভুয়ো ঋণের সঙ্গে যোগ পাওয়া গিয়েছে তাঁর হিসাবরক্ষক মণীশ কোঠারির। তাঁরই এক আত্মীয়ের মাধ্যমে অনুব্রত এই ঋণ নিয়েছিলেন বলে অভিযোগ। ইডি দাবি করে, মণীশ কোঠারির আত্মীয় মনোজ মেহেনত ২.৪ শতাংশ কমিশনে ভুয়ো ঋণের ব্যবস্থা করে দিতেন অনুব্রতকে। কালো টাকা সাদা করতে এই পথ বেছে নিয়েছিলেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি।

    সুকন্যাই ঠিক করতেন 

    এদিন অনুব্রত মণ্ডল প্রার্থনা করেছেন, তাঁর মেয়ে সুকন্যা যেন দ্রুত জামিন পেয়ে যান। আগামী ১২ মে রাউস অ্যাভিনিউ কোর্টে সুকন্যার জামিনের শুনানি হবে। অনুব্রত আজ রাউস অ্যাভিনিউ কোর্ট চত্বরে সাংবাদিকদের সামনে বলেছেন, ‘‘ঈশ্বর যেন জামিনটা করিয়ে দেন।’’ গত শনিবার তিহাড় জেলে অনুব্রতের সঙ্গে সুকন্যার দেখা হয়েছিল। তবে ইডির দাবি, গরুপাচারের (Cattle Smuggling Case) থেকে প্রাপ্ত কালো টাকা কোথায় কী ভাবে খাটানো হবে তা ঠিক করতেন অনুব্রতর মেয়ে সুকন্যা মণ্ডলই। অনুব্রতর সিএ মণীশ কোঠারিই নাকি জেরায় ইডিকে এই কথা জানিয়েছেন। 

    আরও পড়ুন: ছত্তীসগঢ়ে ২০০০ কোটি টাকার দুর্নীতি! অবৈধ মদ ব্যবসায় ‘কিংপিন’ এক আইএএস অফিসার, দাবি ইডির

    ১২ জুলাই ফের শুনানি

    আজ গরুপাচার (Cattle Smuggling Case) মামলার মূল অভিযুক্ত এনামুল, সতীশ কুমার, সায়গল হোসেন, অনুব্রত মণ্ডলদের দিল্লির বিশেষ সিবিআই আদালতে তোলা হয়। গত ডিসেম্বরে ইডি গরুপাচারের তদন্তে চার্জশিট দায়েরের পরে আরও তিনটি অতিরিক্ত চার্জশিট পেশ করেছে। এনামুল, বিনয় ও বিকাশ মিশ্র, বিএসএফ অফিসার সতীশ কুমার, অনুব্রত ও সুকন্যা মণ্ডল-সহ মোট ১২ জন অভিযুক্ত এবং এনামুল-অনুব্রতদের ১৪টি সংস্থার নাম রয়েছে চার্জশিটে। আজ অভিযুক্তদের সকলকেই ইডি-র চার্জশিটের প্রতিলিপি তুলে দেওয়া হয়েছে। রাউস অ্যাভিনিউ কোর্ট জানিয়েছে, ১২ জুলাই ফের শুনানি হবে। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Balurghat: বাংলাদেশ আচমকা জল ছাড়ায় আত্রেয়ীর জলস্তর হু হু করে বাড়ছে, দুর্ঘটনায় ত্র্যস্ত প্রশাসন

    Balurghat: বাংলাদেশ আচমকা জল ছাড়ায় আত্রেয়ীর জলস্তর হু হু করে বাড়ছে, দুর্ঘটনায় ত্র্যস্ত প্রশাসন

    মাধ্যম নিউজ ডেস্ক: বালুরঘাটে (Balurghat) আত্রেয়ী নদীর উপর নির্মীয়মাণ বাঁধের কাজ প্রায় শেষের দিকে। কিন্তু মাঝে বাংলাদেশ থেকে জল ছেড়ে দেওয়ায় আত্রেয়ীর জলস্তর বেড়ে গিয়েছে। বিপদ এড়াতে নির্মীয়মাণ বাঁধের পশ্চিমপ্রান্ত দিয়ে জল ছাড়া হচ্ছে। আর সেখানেই স্নান করতে উপচে পড়ছে ভিড়। ওই জলের স্রোতে ইতিমধ্যেই অনেকে ভেসে গিয়েছে। আবার বেশ কয়েকজন নির্মীয়মাণ বাঁধের লোহার আঘাতে জখম হয়েছে। যা নিয়ে বড়সড় দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে। সেচ দফতর ও নির্মাণ সংস্থা প্রশাসনের দ্বারস্থ হয়েছে। পুলিশ গিয়ে সকলকে তুলে দিলেও সমস্যা কাটেনি। তাই ওই এলাকাকে নিষিদ্ধ ঘোষণা করার প্রক্রিয়া শুরু করছে প্রশাসন।

    কী বলছেন প্রশাসনের আধিকারিকরা?

    এবিষয়ে বালুরঘাট (Balurghat) সদর মহকুমাশাসক সুমন দাশগুপ্ত বলেন, আমাকে সেচ দফতরের তরফে বিষয়টি জানানো হয়েছে। আমি পুলিশকে জানিয়েছি। পুলিশ ব্যবস্থাও নিয়েছে। আগামীতে ওই এলাকা বিপজ্জনক ও নিষিদ্ধ বলে প্রচার করা হবে। কেউ যাতে স্নান করতে না নামে, তার জন্য দেখা হচ্ছে। স্থানীয়দের মধ্যে সচেতনতা বাড়ানো হবে। বালুরঘাট থানার আইসি শান্তিনাথ পাঁজা বলেন, ওই জায়গাটা এমনিতেই বিপজ্জনক। তাই সেখানে কেউ যাতে স্নান করতে না নামে, তার জন্য পুলিশ নজরদারি চালাবে। পাশাপাশি সেচ দফতরকেও প্রচার ও সতর্কমূলক ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে। সেচ দফতরের ওই কাজের দায়িত্বপ্রাপ্ত ম্যানেজার সঞ্জয় পারেখ বলেন, আমাদের কাজ এখনও শেষ হয়নি। এর মধ্যেই বাংলাদেশ থেকে জল ছেড়ে দেওয়ায় জলস্তর বেড়েছে। যার ফলে নদীর একপাশ থেকে জল ছেড়ে দিয়েছি আমরা। সেই জলস্রোতে স্থানীয় বহু মানুষ স্নান করতে নামছে। একজন তলিয়ে গিয়েছিল। আমরা বাঁচিয়েছি। এছাড়া দুজন জখম হয়েছে। আমরা কাজ করব, না মানুষ বাঁচাব? যে কোনও সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে। আমরা প্রশাসনকে বিষয়টি জানিয়েছি।

    কাজ শেষের মুখেই নয়া বিপদ

    প্রসঙ্গত, আত্রেয়ীর জলের সমস্যা মেটাতে বালুরঘাট (Balurghat) শহরে এর উপরে ৩২ কোটি টাকা ব্যয়ে তৈরি হচ্ছে স্বল্প উচ্চতার বাঁধ। ওই বাঁধের কাজ ইতিমধ্যেই ৯০ শতাংশ হয়ে গিয়েছে৷ বাকি অংশের কাজ শেষ করতে তোড়জোড় শুরু করেছে সেচ দফতর। ২০২১ এর ডিসেম্বর মাসে সেই কাজ শুরু হয়েছে। নদী বরাবর ২ মিটার উচ্চতা বিশিষ্ট বাঁধের কাজ প্রায় হয়ে গিয়েছে। দুপাশে দুটি স্লুইস গেটের কাজও চলছে। কিন্তু এখনও কাজ শেষ না হতেই বিপদ বাড়ছে এলাকায়।

    কড়া পদক্ষেপ নিতে চলেছে প্রশাসন

    জানা গিয়েছে, ওই বাঁধের পশ্চিমপাড়ে জলের স্রোত বয়ে চলেছে। ওই জলস্রোতের সৌন্দর্য দেখতে যেমন মানুষ ভিড় করছে, তেমনি সেই জলে স্নান করতে বহু মানুষ ভিড় জমাচ্ছে। এদিকে এখনও বাঁধের কাজ শেষ হয়নি। নদীর মধ্যে অনেক জায়গায় লোহার রড, সিমেন্টের পোল সহ নানা ধারালো সরঞ্জাম রয়েছে। ফলে স্নান করতে গিয়ে অনেকেই আহত হয়েছে। একজন জলে তলিয়ে গেলে তাকে দড়ি দিয়ে কোনওরকমে উদ্ধার করা হয়েছে। ফলে বড় দুর্ঘটনার আশঙ্কা থাকছে। তাই প্রশাসনের তরফে ওই এলাকায় পুলিশকে (Balurghat) নজরদারি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। এমনকী বিপজ্জনক এলাকা এবং সাইরেন সহ নানা সতর্কমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। কিছুদিন আগেই আত্রেয়ীতে তলিয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। তাই কড়া পদক্ষেপ নিতে চলেছে প্রশাসন। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Chhattisgarh: ছত্তিসগড়ে ২০০০ কোটি টাকার দুর্নীতি! অবৈধ মদ ব্যবসায় ‘কিংপিন’ এক আইএএস অফিসার, দাবি ইডির

    Chhattisgarh: ছত্তিসগড়ে ২০০০ কোটি টাকার দুর্নীতি! অবৈধ মদ ব্যবসায় ‘কিংপিন’ এক আইএএস অফিসার, দাবি ইডির

    মাধ্যম নিউজ ডেস্ক: অন্তত ২ হাজার কোটি টাকার দুর্নীতি হয়েছে। ছত্তিসগড়ে মদ দুর্নীতি মামলার তদন্তে নেমে এমনই দাবি করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, বেআইনি মদ ব্যবসার (Illegal Liquor business) ‘কিংপিন’ হলেন ছত্তিসগড়ের (Chattisgarh) এক আইএএস অফিসার। শুধু তাই নয়, বেআইনি মদ ব্যবসার টাকা নির্বাচনে ব্যবহৃত হয়েছে বলেও অভিযোগ। একাধিক রাজনৈতিক নেতা এর সঙ্গে যুক্ত।

    অভিযুক্ত আইএএস অফিসার

    ইডি সূত্রে খবর, ছত্তিসগড়ের (Chattisgarh) অবৈধ মদ ব্যবসায় অভিযুক্ত ‘কিংপিন’ হিসাবে নাম উঠে এসেছে আইএএস অফিসার অনিল তুজেতার। গোটা ঘটনার মূলচক্রী হিসাবে উঠে এসেছে এক কংগ্রেস (Congress) নেতার ভাই আনোয়ার ধেবারের নাম। ইডি-র তদন্তে জানা গিয়েছে, ২০১৯ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত রাজ্যে মোট মদ বিক্রির প্রায় ৩০-৪০ শতাংশ হিসাববহির্ভূত অবৈধ মদ হিসাবে বিক্রি হয়েছে। সরকারি তালিকাভুক্ত মদ বিক্রি হলেও তার আয় সরকারি কোষাগারে জমা পড়েনি বলেই ইডির তদন্তে দাবি করা হয়েছে। সব মিলিয়ে মোট ২ হাজার কোটি টাকার দুর্নীতি হয়েছে এই তিন বছরে। মূলত নির্বাচনের কাজেই ব্যবহার হয়েছে এই বিপুল অর্থ।

    আরও পড়ুুন: খেজুরির ৬১ বিজেপি কর্মীকে ঘরে ফেরানোর নির্দেশ হাইকোর্টের, দিতে হবে নিরাপত্তাও

    ইডি জানিয়েছে, সরকারি আধিকারিক, সাধারণ ব্যক্তি এবং রাজনৈতিক নেতৃত্বদের সমন্বয়ে একটি সিন্ডিকেট দ্বারা ছত্তিসগড়ের (Chattisgarh) মদ ব্যবসার বিশাল দুর্নীতি হয়েছে এবং ২ হাজার কোটির বেশি টাকার দুর্নীতি হয়েছে। ছত্তিসগড়ের এই মদ দুর্নীতিতে অভিযুক্ত ব্যবসায়ী আনোয়ার ধেবার রায়পুরের মেয়র তথা কংগ্রেস নেতা আইজাজ ধেবারের দাদা। এই দুর্নীতির অভিযুক্ত ‘কিংপিন’ অনিল তুজেতা ২০০৩ সালের ব্যাচের আইএএস অফিসার। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে দাবি, কংগ্রেস নেতার ভাইয়ের সঙ্গে ১৪.৪১ কোটি টাকার লেনদেন হয়েছে অভিযুক্ত আইএএস অফিসারের। বর্তমানে তিনি রাজ্যের শিল্প ও বাণিজ্য দফতরের যুগ্ম সচিব। শনিবারই আনোয়ার ধেবারকে গ্রেফতার করেছে ইডি। অর্থ তছরুপ আইনের ধারায় তাঁকে ৪ দিনের ইডি হেফাজতে পাঠিয়েছে আদালত।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share