Blog

  • Bus Accident: সেতুর রেলিং ভেঙে নদীখাতে বাস! মধ্যপ্রদেশে মৃত ২২, শোকপ্রকাশ মোদির

    Bus Accident: সেতুর রেলিং ভেঙে নদীখাতে বাস! মধ্যপ্রদেশে মৃত ২২, শোকপ্রকাশ মোদির

    মাধ্যম নিউজ ডেস্ক: সেতুর রেলিং ভেঙে নদীখাতে বাস পড়ে মারা গেলেন অন্তত ২২ জন। আহতের সংখ্যা আরও ২৫। ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের খারগোনে অঞ্চলে। দুর্ঘটনার সময় বাসটিতে প্রায় ৫০ জন যাত্রী ছিলেন৷ 

    ঠিক কী ঘটেছে?

    জানা গিয়েছে, বাসটি মধ্যপ্রদেশের শ্রীখণ্ডি থেকে ইন্দোর যাচ্ছিল। দাসাঙ্গা গ্রামের কাছে খারগোনে বোরাদ নদীর উপর সেতুর রেলিং ভেঙে প্রায় ৫০ ফিট নিচে নদীখাতে পড়ে যায় বাসটি। দুর্ঘটনার সঙ্গে সঙ্গেই উদ্ধারকাজে ঝাঁপিয়ে পড়েন স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও উদ্ধারকারী দল। ঘটনাস্থলেই প্রাণ হারান ১৫ জন। 

    আরও পড়ুন: “জ্বলেছে ১৭০০ ঘর, হিংসার বলি ৬০”, বললেন মণিপুরের মুখ্যমন্ত্রী

    আহতদের হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে আরও ৭ জন মারা যান। কয়েকজন আহতের অবস্থা সঙ্কটজনক। ফলে, মৃতের সংখ্যা বাড়তে পারে বলে অনুমান। ঠিক কী কারণে দুর্ঘটনা ঘটেছে, তা এখনও স্পষ্ট নয়। বাস চালকের কোনও ভুল না কি বাসটিতে কোনও যান্ত্রিক গোলযোগ ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে৷

    দুর্ঘটনায় নিহতদের পরিবার প্রতি ৪ লাখ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। গুরুতর আহতদের জন্য ৫০ হাজার টাকা করে আর্থিক সাহায্য আর স্বল্প আহতদের জন্য ২৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা করা হয়েছে মধ্যপ্রদেশ সরকারের তরফে।

    শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর

    ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। হতাহতদের জন্য ক্ষতিপূরণের ঘোষণা করেছে কেন্দ্র। নিহতদের পরিবারের জন্য ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করেছে প্রধানমন্ত্রীর দফতর৷ আহতদেরও প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৫০ হাজার টাকা করে সাহায্য করা হবে৷

  • Memari: অবাককাণ্ড! সামান্য ড্রেন তৈরি নিয়ে গুলি চালাল এক স্কুল পড়ুয়া, কেন জানেন?

    Memari: অবাককাণ্ড! সামান্য ড্রেন তৈরি নিয়ে গুলি চালাল এক স্কুল পড়ুয়া, কেন জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: নিছক ড্রেন তৈরি নিয়ে গণ্ডগোল। আর তার জেরেই চলল গুলি। যদিও গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় কেউ জখম হননি। তবে, সামান্য ড্রেন তৈরির ঘটনা নিয়ে গুলি চালানোর ঘটনায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে মেমারি (Memari) থানার দুর্গাপুর অঞ্চলের মগলামপুর গ্রামে। ইতিমধ্যেই থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার পর পরই পুলিশ ঘটনাস্থলে এসে অভিযুক্ত যুবক ও তার বাবাকে আটক করে নিয়ে যায়।

    ঠিক কী ঘটেছিল?

    মগলামপুর গ্রামের অশোক বিশ্বাস নামে এক বাসিন্দা জল নিকাশির জন্য বাড়ির সামনে ড্রেন তৈরি করছিলেন। মিস্ত্রিরা এসে এদিন ড্রেন তৈরির কাজ শুরু করেছিলেন। অশোকবাবুর প্রতিবেশী বিপ্লব সাধুখাঁ এসে ড্রেনের কাজ করতে বাধা দেয় বলে অভিযোগ। সেইসময় তাঁরা একে অপরের মধ্যে বাক-বিতণ্ডায় জড়িয়ে পড়েন। ঠিক সেই সময় বিপ্লব সাধুখাঁর ছেলে রাজীব সাধুখাঁ আচমকা ঘর থেকে তাদের লাইসেন্স প্রাপ্ত দোনালা বন্দুক বের করে গুলি চালায়। অশোকবাবুকে লক্ষ্য করে গুলি চালানো হয়। স্থানীয় একজনের তত্পরতায় গুলি লক্ষ্যভ্রষ্ট হয়। পরে, স্থানীয় লোকজন ওই যুবকের কাছ থেকে বন্দুক কেড়ে নেয়। অশোকবাবু বলেন, সামনেই আমার ছেলের বিয়ে। তাই বাড়ির সামনে একটি ড্রেন তৈরির কাজ করছিলাম। এক প্রতিবেশী ওই কাজে আমাদের বাধা দেয়। এনিয়ে আমাদের মধ্যে বচসা চলছিল। আচমকা প্রতিবেশীর ছেলে আমাকে লক্ষ্য করে গুলি চালায়। আমার দাদা বন্দুকটি সরিয়ে না নিলে তিন-চারজনের মৃত্যু হতে পারত। ঘটনার পর খুবই আতঙ্কিত হয়ে পড়েছিলাম।

    গুলি চালানো নিয়ে কী বলল অভিযুক্ত যুবক?

    রাজীব সাধুখাঁ উচ্চ মাধ্যমিক পড়ুয়া। ঘটনার পর পরই মেমারি (Memari) থানার পুলিশ এসে রাজীব ও তার বাবাকে আটক করে নিয়ে যায়। গুলি চালানো নিয়ে রাজীবের বক্তব্য, আমার বাবাকে সকলেই মারধর করছিল। চোখের সামনে আমি সেটা সহ্য করতে পারিনি। মাথা গরম হয়ে গিয়েছিল। তাই, বাড়ি থেকে বন্দুক নিয়ে এসে গুলি চালিয়েছিলাম।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Madhyamik Result: মাধ্যমিকের ফলপ্রকাশ আগামী সপ্তাহেই? ইঙ্গিত শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর

    Madhyamik Result: মাধ্যমিকের ফলপ্রকাশ আগামী সপ্তাহেই? ইঙ্গিত শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর

    মাধ্যম নিউজ ডেস্ক: মাধ্যমিকের ফলপ্রকাশ (Madhyamik Result) কবে হবে তা জানিয়ে দিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। মঙ্গলবার জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে রবীন্দ্রজয়ন্তী অনুষ্ঠানের ফাঁকে তিনি জানান, আগামী দশ দিনের মধ্যেই ফলপ্রকাশ হবে। পর্ষদ সূত্রে খবর, ফলপ্রকাশের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

    ২ মাসের একটু বেশি সময় পরই ফলপ্রকাশ

    সব কিছু ঠিকঠাক চললে আগামী সপ্তাহেই ফল প্রকাশিত (Madhyamik Result) হবে বলে মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে দাবি। দু’এক দিনের মধ্যেই পর্ষদ এই সংক্রান্ত নির্দেশিকাও প্রকাশ করে দেবে। মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে খবর, ফল প্রকাশের শেষ মুহূর্তের কিছু কাজ চলছে।  দু-একদিনের মধ্যেই ফলের দিনক্ষণের বিষয়ে নির্দেশিকা জারি করবে মধ্যশিক্ষা পর্ষদ। গত ২৩ ফেব্রুয়ারি শুরু হয়েছিল এবছরের মাধ্যমিক পরীক্ষা। শেষ হয়েছিল ৪ মার্চ। এবারের পরীক্ষায় উত্তরপত্র মূল্যায়নের কাজে যুক্ত রয়েছেন ১১৫৩ জন প্রধান পরীক্ষক এবং প্রায় ৪১ হাজার পরীক্ষক। পর্ষদ সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে, পরীক্ষা শেষের আড়াই মাসের মধ্যেই ফল প্রকাশ হতে চলেছে। এর আগে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় জানিয়েছিলেন, মে মাসেই মাধ্যমিকের ফল প্রকাশ হবে। 

    আরও পড়ুন: “মমতা কি আইএস-এর প্রতি সহানুভূতিশীল?”, ‘দ্য কেরালা স্টোরি’ প্রসঙ্গে প্রশ্ন শুভেন্দুর

    পর্ষদ সূত্রে জানা গিয়েছিল, মাধ্যমিক পরীক্ষার পর উত্তরপত্র মূল্যায়ন প্রক্রিয়ায় খাতা দেখা, নম্বর দেওয়া থেকে শুরু করে যাচাই পদ্ধতি অর্থাৎ ফলপ্রকাশের (Madhyamik Result) আগে পর্যন্ত মোট ৫টি ধাপ পেরোতে হয় পর্ষদকে। ভুল-ভ্রান্তি এড়াতে ও মূল্যায়ন প্রক্রিয়া দ্রুততর করতে শেষের দুই ধাপ এবার অনলাইনে করা হয়েছে। যার ফলে এবারের পরীক্ষার ফল অন্যান্য বারের তুলনায় অন্তত দু’সপ্তাহ আগে প্রকাশ হতে চলেছে। আগামী সপ্তাহের মধ্যে যদি ফলপ্রকাশ হয়, সেক্ষেত্রে ২ মাসের একটু বেশি সময় পরই এই ফল বের হতে চলেছে। মনে করা হচ্ছে, মে মাসের শেষের দিকেই উচ্চ মাধ্যমিকেরও ফলপ্রকাশ হতে চলেছে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Calcutta High Court: “স্বাস্থ্যকেন্দ্রে পরিকাঠামো না থাকা সরকারের ব্যর্থতা,” রাজ্যকে ভর্ৎসনা হাইকোর্টের

    Calcutta High Court: “স্বাস্থ্যকেন্দ্রে পরিকাঠামো না থাকা সরকারের ব্যর্থতা,” রাজ্যকে ভর্ৎসনা হাইকোর্টের

    মাধ্যম নিউজ ডেস্ক: ফের একবার কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) ধাক্কা খেল রাজ্য সরকার। স্বাস্থ্য (Health Services) সম্পর্কিত একটি জনস্বার্থ মামলার প্রেক্ষিতে হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম বলেন, “জনগণকে স্বাস্থ্য পরিষেবা দেওয়া রাজ্যের সাংবিধানিক দায়বদ্ধতার মধ্যে পড়ে। কীভাবে এবং কী পরিষেবা দিতে হবে রাজ্যকে তা মনে করিয়ে দেওয়ার দায়িত্ব আদালতের নয়”। আদালত জানিয়েছে, পরিকাঠামো না থাকা সরকারের ব্যর্থতা।

    কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) প্রধান বিচারপতির মন্তব্য…

    যদি পর্যাপ্ত পরিকাঠামো না থাকে তাহলে সেটা সরকারের ব্যর্থতা এবং এটা ধরে নিতে হবে যে সরকার তার জনগণকে পর্যাপ্ত পরিষেবা দিতে পারছে না। মঙ্গলবার প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম ও বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি ছিল। সেই শুনানিতে প্রধান বিচারপতি বলেন, “এলাকার বাসিন্দাদের আপৎকালীন সমস্ত জরুরি পরিষেবা দেওয়ার মতো পরিকাঠামো প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে থাকা উচিত”।

    নদিয়ার তাহেরপুরের প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের করুণ ও ভগ্নপ্রায় দশা নিয়ে স্থানীয় বাসিন্দাদের ক্ষোভ দীর্ঘ দিনের। তাঁদের অভিযোগ, জেলা প্রশাসনকে বিষয়টি জানিয়েও সুরাহা হয়নি। এই মর্মে ২০১৬ সালে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) জনস্বার্থ মামলা দায়ের করেন নবীন চাকি নামে স্থানীয় এক বাসিন্দা।

    আরও পড়ুুন: খেজুরির ৬১ বিজেপি কর্মীকে ঘরে ফেরানোর নির্দেশ হাইকোর্টের, দিতে হবে নিরাপত্তাও

    এদিন রাজ্যের সব প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের উদ্দেশে নির্দেশিকা জারি করার জন্য স্বাস্থ্য সচিবকে নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। নির্দেশিকায় বলতে হবে, রাজ্যের কোনও প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পরিকাঠামোগত বা কর্মীর অভাব থাকলে তা যেন স্বাস্থ্য সচিবকে জানানো হয়। স্বাস্থ্যকেন্দ্র থেকে পাওয়া রিপোর্টের নির্যাস রাজ্যকে জানাবেন সচিব এবং নির্দিষ্ট সময়ের মধ্যে সমাধান করতে হবে সমস্যার। তাহেরপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পরিকাঠামোগত সব চাহিদা মেটানোর নির্দেশও দিয়েছে আদালত (Calcutta High Court)। স্বাস্থ্যকেন্দ্রটি ঠিকঠাক চলছে কিনা বা পর্যাপ্ত কর্মী রয়েছে কিনা, তা নজরদারি করার নির্দেশও দিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।

    মার্চ মাসেই জানা গিয়েছিল, রাজ্যে আরও ২৩টি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র তৈরি করতে চলেছে রাজ্য সরকার। এ জন্য স্বাস্থ্য দফতর বরাদ্দ করেছে ২৩ কোটি টাকা। রাজ্যের তরফে ১৭টি জেলার বিভিন্ন ব্লকে স্বাস্থ্যকেন্দ্রগুলি তৈরির ছাড়পত্রও দেওয়া হয়েছে। জানা গিয়েছে, আলিপুরদুয়ার, বাঁকুড়া, কোচবিহার, দার্জিলিং, হুগলি, হাওড়া, জলপাইগুড়ি, ঝাড়গ্রাম, কালিম্পং, মালদহ, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, উত্তর দিনাজপুর, ডায়মন্ড হারবার ও রামপুরহাট স্বাস্থ্য জেলায় ওই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রগুলি নির্মাণ করা হবে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Imran Khan: জমি দুর্নীতি মামলায় গ্রেফতার প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান

    Imran Khan: জমি দুর্নীতি মামলায় গ্রেফতার প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান

    মাধ্যম নিউজ ডেস্ক: গ্রেফতার হলেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান (Imran Khan)। এদিন ইসলামাবাদ হাইকোর্টের বাইরে তাঁকে গ্রেফতার করে সেদেশের আধাসেনা পাক রেঞ্জার্স। সূত্রের খবর, একটি জমি দুর্নীতি মামলার জেরেই তাঁকে গ্রেফতার করা হয়েছে। আপাতত, রেঞ্জার্সের হেফাজতেই রয়েছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ দলের চেয়ারম্যান। 

    পাক সংবাদমাধ্যমের দাবি, এদিন হাইকোর্টে একটি মামলার শুনানিতে হাজিরা দিতে এসেছিলেন ইমরান (Imran Khan)। জানা যাচ্ছে, আল কাদির ট্রাস্টের জমি দখল করার অভিযোগে সম্প্রতি ইমরানের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছিল। সেই মামলার জামিন নিতেই মঙ্গলবার সকালে ইসলামাবাদ হাইকোর্টে গিয়েছিলেন তিনি।

    আদালত চত্বরে হাতাহাতি

    অভিযোগ, সেই সময় কক্ষের বাইরে ইমরানকে (Imran Khan) গ্রেফতার করা হয়। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, হাইকোর্টের বাইরে সেই সময় চরম বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি হয়। জানা যাচ্ছে, এদিন প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর আইনজীবীদের সঙ্গে রেঞ্জার্সের মারপিট বাধে। ইসলামাবাদ হাইকোর্টের বাইরে ইমরান-সমর্থকদের সঙ্গেও সংঘর্ষ হয় রেঞ্জার্সদের। তাঁর আইনজীবীও আক্রান্ত হন বলেও অভিযোগ। ইমরানের দলের দাবি, গ্রেফতারের পর ইমরানকে রেঞ্জার্স বাহিনী মারধর করে। এর পর তাঁকে গাড়িতে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়। 

    আরও পড়ুন: মাথায় বুলেটপ্রুফ টুপি, কাঁধের পিছনে ব্যালিস্টিক শিল্ড, কড়া প্রহরায় আদালতে ইমরান

    ইমরানের দলের দাবি

    পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের সহ-সভাপতি ফাওয়াদ চৌধুরি বলেন, ‘‘জোর করে ইমরানকে তুলে নিয়ে গিয়েছে পাক রেঞ্জার্স। তাঁর আইনজীবী ফয়জল চৌধুরীও হামলার শিকার হয়েছেন।’’ আর এক পিটিআই নেতা মুসররাত চিমার দাবি, ‘ওরা ইমরান খানের উপর অত্যাচার করছে। খান সাহেবকে মারধর করছে। সম্ভবত ওঁর সঙ্গে কিছু করা হয়েছে।’ পাক সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, গ্রেফতারির আগে পাকিস্তানের ক্রিকেট বিশ্বকাপজয়ী দলের ‘কাপ্তান’ (Imran Khan) না কি বলেন, ‘‘পাক সামরিক বাহিনীর বিরুদ্ধে অভিযোগে অটল রয়েছি। এই জন্য গ্রেফতার বা মৃত্যুবরণ করতেও রাজি।’’

    কী বলছে প্রশাসন?

    যদিও, সব অভিযোগ খারিজ করেছে পাক রেঞ্জার্স। প্রশাসন সূত্রের খবর, গ্রেফতারির পর ইমরানকে (Imran Khan) হাইকোর্ট চত্বরের বাইরে নিয়ে গিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে রেঞ্জার্স। এদিকে, ইমরান খানের গ্রেফতারির পরই, ইসলামাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি আমির ফারুক অবিলম্বে ইসলামাবাদের ইন্সপেক্টর জেনারেল এবং স্বরাষ্ট্র সচিবকে তলব করেন। একইসঙ্গে পাকিস্তানের অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলকে তিনি ১৫ মিনিটের মধ্যে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন। এই গ্রেফতারির পিছনে কে বা কারা রয়েছে, তা অবিলম্বে খুঁজে বের করার নির্দেশ দিয়েছে আদালত।

     

  • Calcutta High Court: খেজুরির ৬১ বিজেপি কর্মীকে ঘরে ফেরানোর নির্দেশ হাইকোর্টের, দিতে হবে নিরাপত্তাও

    Calcutta High Court: খেজুরির ৬১ বিজেপি কর্মীকে ঘরে ফেরানোর নির্দেশ হাইকোর্টের, দিতে হবে নিরাপত্তাও

    মাধ্যম নিউজ ডেস্ক: একুশের বিধানসভা নির্বাচনের পর থেকে ঘর ছাড়া ছিলেন তাঁরা। এবার বিজেপির (BJP) ঘর ছাড়া ৬১ জন কর্মীকে ঘরে ফেরানোর নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। সোমবার হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার নির্দেশ, দীর্ঘদিন যাঁরা ঘর ছাড়া, তাঁদের ফেরাতে উদ্যোগী হতে হবে পুলিশকেই। তবে যাঁদের বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে, তাঁদের ক্ষেত্রে আইনি পদক্ষেপেও ছাড় দেওয়া হয়েছে পুলিশকে। আদালতের নির্দেশ, ঘর ছাড়াদের মঙ্গলবারই ফেরাতে হবে খেজুরির শেরখান চকে। নির্দেশে আরও বলা হয়েছে, ঘর ছাড়াদের ঘরে ফেরানোর পর গোটা এলাকায় অন্তত ৮জন পুলিশ কর্মীকে নিরাপত্তা দিতে হবে। ঘর ছাড়াদের এলাকায় লাগাতে হবে সিসিটিভিও। মামলা চলাকালীন যাতে সিসিটিভি ক্যামেরার ফুটেজ ডিলিট না হয়, তাও নিশ্চিত করতে হবে পুলিশকে।

    একুশের বিধানসভা নির্বাচনের পর থেকে শেরখানচক এলাকার ওই ৬১জন বিজেপি কর্মী ঘর ছাড়া রয়েছেন বলে অভিযোগ। বিজেপির দাবি, তাঁদের একাধিকবার ঘরে ফেরানোর চেষ্টা করা হলেও, তা সফল হয়নি। বিজেপির অভিযোগ, শাসক দলের হুমকির ফলে অনেকেই ঘরে ফিরতে পারছেন না। যদিও তৃণমূলের দাবি, হামলা চালানোর পর ভয়ে ঘরবাড়ি ছেড়ে নন্দীগ্রামে গিয়ে বসবাস করছেন বিজেপির ওই কর্মীরা। কাউকে বাড়ি ফিরতে বাধা দেওয়া হয়নি।

    কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশ…

    সোমবার হয় ওই মামলার শুনানি (Calcutta High Court)। বিচারপতি মান্থার নির্দেশ, ঘর ছাড়াদের ঘরে ফেরাতে উদ্যোগী হতে হবে রাজ্যকেই। যেহেতু এলাকায় বিস্ফোরণের অভিযোগ রয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে বিস্ফোরক আইনের ধারাও যুক্ত করতে হবে পুলিশকে।ঘর ছাড়াদের এলাকায় লাগাতে হবে সিসিটিভিও। মামলা চলাকালীন যাতে সিসিটিভি ক্যামেরার ফুটেজ ডিলিট না হয়, তাও নিশ্চিত করতে হবে পুলিশকে।

    আরও পড়ুুন: “মমতা কি আইএসআইএসের প্রতি সহানুভূতিশীল?”, ‘দ্য কেরালা স্টোরি’ প্রসঙ্গে প্রশ্ন শুভেন্দুর

    বিচারপতি মান্থার পর্যবেক্ষণ, পরিস্থিতি উপলব্ধি করেই কোর্ট এমন নির্দেশ দিতে বাধ্য হল। এদিন শুনানির (Calcutta High Court) সময় সরকারি আইনজীবী বলেন, যাঁরা বাড়িতে নেই, তাঁদের কারও কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে, কেউ আবার ভিন রাজ্যে কাজ করেন। বিচাপতির মান্থার নির্দেশ, যাঁদের বিরুদ্ধে অপরাধের মামলা রয়েছে, তাঁদের ক্ষেত্রে পুলিশ আইনত পদক্ষেপ করতে পারবে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • The Kerala Story: ‘‘আপনি ভয় পাচ্ছেন কেন?’’ ‘দ্য কেরালা স্টোরি’ নিষিদ্ধ করায় মমতাকে প্রশ্ন বিবেকের

    The Kerala Story: ‘‘আপনি ভয় পাচ্ছেন কেন?’’ ‘দ্য কেরালা স্টোরি’ নিষিদ্ধ করায় মমতাকে প্রশ্ন বিবেকের

    মাধ্যম নিউজ ডেস্ক: সুদীপ্ত সেনের পরিচালনা এবং আদাহ শর্মা অভিনীত ‘দ্য কেরালা স্টোরি’ (The Kerala Story) ছবিটি রাজ্যে নিষিদ্ধ করা হয়েছে। সোমবার নবান্ন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, শান্তি-সৌহার্দ্য বজায় রাখতে এই রাজ্যে ‘দ্য কেরালা স্টোরি’ নিষিদ্ধ করা হল। এরপরই মুখ্যমন্ত্রীকে কড়া ভাষায় আক্রমণ করলেন ‘দ্য কাশ্মীর ফাইলস্‌’-এর পরিচালক বিবেক অগ্নিহোত্রী।  

    বেঙ্গল ফাইলস

    সোমবার রাজ্যে ‘দ্য কেরালা স্টোরি’ (The Kerala Story) ছবিটির প্রদর্শন প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘এই সিনেমায় যে সব দৃশ্য দেখানো হয়েছে, তা রাজ্যের শান্তিশৃঙ্খলার পক্ষে বিপজ্জনক হতে পারে। তাই এই ছবিকে নিষিদ্ধ করা হল।’’ এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর কথায় উঠে এসেছে ‘দ্য দিল্লি ফাইল্‌স’ প্রসঙ্গও। দিন কয়েক আগেই ‘দ্য কাশ্মীর ফাইলস’ খ্যাত পরিচালক বিবেক অগ্নিহোত্রী এসেছিলেন বাংলায়। এসেছিলেন ওই ছবির অভিনেতা অনুপম খেরও। বাংলায় এসে তাঁরা জানিয়েছিলেন, খুব শীঘ্রই ‘দ্য দিল্লি ফাইল্‌স’ নামেও একটি ছবি করতে চলেছেন তাঁরা। সেখানে ‘বেঙ্গল ফাইলস’ অর্থাৎ বাংলার গোপন তথ্য প্রকাশ্যে আনবেন তাঁরা। 

    মমতার দাবি

    মমতা সোমবার নবান্নে সাংবাদিক বৈঠকে বলেছেন, ‘‘বিজেপি মনোনীত কিছু তারকা এখানে এসেছিলেন। ওঁরা বলেছিলেন, ওঁরা ‘বেঙ্গল ফাইল্‌স’ খুলবেন। যদি এঁরা ‘দ্য কাশ্মীর ফাইল্‌স’ করে থাকেন কাশ্মীরের মানুষকে খাটো করে দেখানোর জন্য, এ বার কেরলের মানুষের ক্ষেত্রে একপেশে বক্তব্য দিয়ে ‘দ্য কেরালা স্টোরি’ করেছেন, বাংলাকে তা হলে এ ভাবেই দেখাবে।’’

    বিবেকের ট্যুইট

    এনিয়ে, বিবেকের ট্যুইট, ‘‘হ্যাঁ ঠিক কথাই। আমি দিন কয়েক আগে বাংলায় এসেছিলাম। গোপাল পাঁঠা ও খিলাফত দ্বারা সংগঠিত যে গণহত্যা হয়েছিল সেই সম্পর্কিত সাক্ষাৎকার নিতে। আপনি কেন এত ভয় পাচ্ছেন?’’ বিবেক মমতাকে পাল্টা প্রশ্ন করেছেন, ‘‘কিসের ভিত্তিতে আপনি বলছেন ‘দ্য কাশ্মীর ফাইলস্‌’ ছবিতে সেখানকার মানুষদের ছোট দেখানো হয়েছে? এই ছবি কোনও একটি রাজনৈতিক দলের মদতে পুষ্ট— এমন তথ্যই বা পেলেন কোথা থেকে? এ বার আমি যদি একটি মানহানি ও গণহত্যা অস্বীকারের মামলা করি আপনার বিরুদ্ধে তা হলে কেমন হয়?’’

    বিবেকের খোলা চিঠি

    ‘দ্য কেরালা স্টোরি’র (The Kerala Story)  মুক্তির প্রসঙ্গে ট্যুইটারে একটি খোলা চিঠিতে লেখেন, “প্রিয় বিপুল শাহ এবং সুদীপ্ত সেন। আদাহ্ এবং ‘দ্য কেরালা স্টোরি’র সমগ্র দল, প্রথমে আমি আপনাকে সাহসী প্রচেষ্টার জন্য অভিনন্দন জানাই। একইসঙ্গে, আমি আপনাকে এই দুঃসংবাদটিও দিই যে এরপর থেকে আপনার জীবন আগের মতো হবে না। আপনি অকল্পনীয় ঘৃণা দেখতে পাবেন। আপনার দমবন্ধ লাগবে। অনেক সময় আপনি বিভ্রান্ত এবং হতাশ হয়ে পড়তে পারেন।” তিনি আরও বলেছেন, “কিন্তু মনে রাখবেন, ঈশ্বর সেই কাঁধকে পরীক্ষা করেন যার উপর তিনি পরিবর্তনের এজেন্ট হওয়ার দায়িত্ব দিতে পারেন। সিনেমা যদি আপনার ধর্মের পথ অনুসরণ করার একটি মাধ্যম হয়, তবে কখনওই থামবেন না। ভারতীয় গল্পকারদের সম্প্রদায় বৃদ্ধি পেতে দিন। নতুন, তরুণ প্রতিভাবান, ভারতীয় গল্পকারদের সাহায্য করুন। এই ভারতীয় রেনেসাঁ একটি নতুন ভারতের পথপ্রদর্শক আলো হয়ে উঠুক।”

    আরও পড়ুন: “মমতা কি আইএস-এর প্রতি সহানুভূতিশীল?”, ‘দ্য কেরালা স্টোরি’ প্রসঙ্গে প্রশ্ন শুভেন্দুর

    ফোনে হুমকি

    ফোন করে হুমকি দেওয়া হল বিতর্কিত বলিউড ছবি ‘দ্য কেরালা স্টোরি’র (The Kerala Story) এক কুশলীকে। ছবির পরিচালক সুদীপ্ত সেন থানায় অভিযোগ দায়ের করার পর পুরো বিষয়টি নিয়ে তদন্তে নেমেছে মুম্বই পুলিশ। পুলিশ সূত্রে খবর, অভিযোগ পাওয়ার পর ওই কলাকুশলীর জন্য পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। তবে লিখিত অভিযোগ না করার কারণে কোনও এফআইআর নথিভুক্ত করা হয়নি বলে পুলিশ জানিয়েছে। ছবির পরিচালক সুদীপ্তর অভিযোগ, তাঁর ছবিতে কাজ করার জন্যই ওই কলাকুশলীকে হুমকি দেওয়া হয়েছে। ফোনে হুমকি দিয়ে বলা হয়, এই ছবি তৈরি করে ভাল কাজ করেননি ছবির নির্মাতা এবং কলাকুশলীরা। ওই কলাকুশলীকে বাড়ি থেকে একা না বেরনোর হুমকি দেওয়া হয় বলেও সুদীপ্তের অভিযোগ।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • N Biren Singh: “জ্বলেছে ১৭০০ ঘর, হিংসার বলি ৬০”, বললেন মণিপুরের মুখ্যমন্ত্রী

    N Biren Singh: “জ্বলেছে ১৭০০ ঘর, হিংসার বলি ৬০”, বললেন মণিপুরের মুখ্যমন্ত্রী

    মাধ্যম নিউজ ডেস্ক: “৩ মে-র দুর্ভাগ্যজনক ঘটনায় অন্ততপক্ষে ৬০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ২৩১ জন। সেই সঙ্গে ১৭০০-র কাছাকাছি ঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে। রাজ্যে শান্তি ফিরিয়ে আনার জন্য আমি রাজ্যবাসীর কাছে আবেদন করছি। আটকে পড়া মানুষদের তাদের নিজ নিজ গন্তব্যে পৌঁছে দেওয়ার কাজও শুরু করা হয়েছে।” সোমবার কথাগুলি বললেন মণিপুরের (Manipur) মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহ (N Biren Singh)। তিনি বলেন, “মণিপুরের বিভিন্ন প্রান্তে যাঁরা ঘরছাড়া হয়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন, তাঁদের সব রকম সাহায্য করছে সরকার। এখনও পর্যন্ত ২০ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে পাঠানো হয়েছে। আরও ১০ হাজার মানুষ আশ্রয়হীন”।

    এন বীরেন সিংহের (N Biren Singh) হুঁশিয়ারি…

    মুখ্যমন্ত্রী বলেন, “আজ (সোমবার) পর্যন্ত আমরা ২১৪টি আগ্নেয়াস্ত্র এবং ৪২৭৩ রাউন্ড কার্তুজ উদ্ধার করেছি। যাঁরা এখনও নিজেদের কাছে আগ্নেয়াস্ত্র রেখেছেন, ২৪ ঘণ্টার মধ্যে তাঁদের তা সমর্পণ করতে বলেছি”। মণিপুরের এই পরিস্থিতির জন্য যাঁরা দায়ী, তাঁদের চিহ্নিত করতে উচ্চ পর্যায়ে তদন্ত করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী (N Biren Singh)। যেসব সরকার ও প্রশাসনিক কর্তা পরিস্থিতি সামলাতে এবং নিজ নিজ দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন, তাঁদেরও কঠিন শাস্তি দেওয়া হবে বলেও জানান এন বীরেন।

    আরও পড়ুুন: “মমতা কি আইএসআইএসের প্রতি সহানুভূতিশীল?”, ‘দ্য কেরালা স্টোরি’ প্রসঙ্গে প্রশ্ন শুভেন্দুর

    রাজ্যের হিংসা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ভূমিকার প্রশংসাও করেছেন তিনি। মুখ্যমন্ত্রী (N Biren Singh) বলেন, “হিংসার প্রথম দিন থেকে শাহ এই পরিস্থিতি মোকাবিলায় সক্রিয় ভূমিকা নিয়েছেন। রাজ্যে কেন্দ্রীয় বাহিনী পাঠিয়েছেন। এজন্য স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আমি কৃতজ্ঞ”। এদিকে, মণিপুরে প্রাণহানি এবং সম্পত্তির ক্ষয়ক্ষতির বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট। হিংসায় ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণ ও পুনর্বাসনের উদ্যোগের গতি বাড়াতে কেন্দ্র এবং মণিপুর সরকারকে নির্দেশ দিয়েছে আদালত। ধর্মীয় উপাসনাস্থলগুলিকে নিরাপত্তা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।

    গত বুধবার মণিপুরের চূড়াচাঁদপুরে প্রথম হিংসার ঘটনা ঘটে। পরে তা ছড়িয়ে পড়ে গোটা রাজ্যে। মণিপুরের সিংহভাগ বাসিন্দা মেইতেই সম্প্রদায়ভুক্ত। তফশিলি উপজাতি ঘোষণার দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করছে তারা। এই দাবির বিরোধিতা করে বুধবার মিছিল বের করে ‘অল ট্রাইবাল স্টুডেন্টস ইউনিয়ন অফ মণিপুর’। তার পরেই অশান্ত হয়ে ওঠে উত্তর-পূর্বের এই রাজ্য।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Suvendu Adhikari: “মমতা কি আইএস-এর প্রতি সহানুভূতিশীল?”, ‘দ্য কেরালা স্টোরি’ প্রসঙ্গে প্রশ্ন শুভেন্দুর

    Suvendu Adhikari: “মমতা কি আইএস-এর প্রতি সহানুভূতিশীল?”, ‘দ্য কেরালা স্টোরি’ প্রসঙ্গে প্রশ্ন শুভেন্দুর

    মাধ্যম নিউজ ডেস্ক: রাজ্যে ‘দ্য কেরালা স্টোরি’ দেখানো নিষিদ্ধ করেছে তৃণমূল (TMC) পরিচালিত মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সরকার। রাজ্য সরকারের এহেন সিদ্ধান্তে মমতাকে কার্যত ধুয়ে দিল বিজেপি (BJP)। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari), বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সহ একাধিক পদ্ম-নেতা নিশানা করেছেন রাজ্য সরকারকে। ট্যুইট-বার্তায় শুভেন্দু লেখেন, “আমি যতটুকু জানি, কেরলে কীভাবে মহিলাদের মগজ ধোলাই করেন কট্টরপন্থী ধর্মগুরুরা, তা-ই ছবিতে তুলে ধরা হয়েছে। ছবিতে দেখানো হয়েছে, কীভাবে কেরলে মহিলাদের ধর্মান্তরিত করে আফগানিস্তান, ইয়েমেন, সিরিয়ায় আইএসআইএসের হয়ে যুদ্ধ করতে পাঠানো হয়ে থাকে। আইএসআই এবং তাদের কার্য পদ্ধতির বিরুদ্ধাচরণ করে তৈরি হয়েছে ছবিটি। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কি আইএসআইএসের প্রতি সহানুভূতিশীল?”

    শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) ট্যুইট-বাণ…

    শুভেন্দু (Suvendu Adhikari) তাঁর ট্যুইটের সঙ্গে শাবানা আজমির একটি ট্যুইটের স্ক্রিন শট দিয়েছেন। যেখানে অভিনেত্রী এই ছবি নিষিদ্ধ করার সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন। শুভেন্দু লেখেন, “এই ছবি দেখানো হলে কেন আইনশৃঙ্খলা বিঘ্নিত হবে? ছবি নিষিদ্ধ করার সিদ্ধান্ত প্রত্যাহার করা উচিত।

    আর যদি মুখ্যমন্ত্রী রাজ্যের আইনশৃঙ্খলা রক্ষা করতে না পারেন, তাহলে তাঁর পদত্যাগ করা উচিত”। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, “এই সিদ্ধান্ত স্পষ্ট করে দিল তৃণমূল আসলে কাদের দল। আগেই মুখ্যমন্ত্রী তোষণের নির্লজ্জ নজির দেখিয়েছেন। এবার জেহাদিদের কাছে আত্মসমর্পণ করলেন। শিল্পের স্বাধীনতা, বাকস্বাধীনতা নিয়ে তৃণমূলের কোনও কথা বলার অধিকার নেই”।

    বিজেপি নেতা শমীক ভট্টাচার্য বলেন, “আমরা রাজ্য সরকারের এই সিদ্ধান্তকে ধিক্কার জানাচ্ছি। এই সিদ্ধান্ত ধর্মীয় মৌলবাদের কাছে আত্মসমর্পণের একটি নিদর্শন”। তিনি বলেন, “লাভ জিহাদ বিজেপির (Suvendu Adhikari) তৈরি করা নয়। কিন্তু পশ্চিমবঙ্গে শুধুমাত্র রাজনৈতিক প্রেক্ষাপটে সমগ্র সংখ্যালঘু সমাজকে আজ অপমান করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়”।

    শমীক বলেন, “ভারতবর্ষে বসবাসকারী সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন নিজের দেশকে দেশ বলে মনে করেন না, এটা আমরা কখনও মনে করি না। কেবলমাত্র ভোটব্যাঙ্ক তৈরির স্বার্থে সমস্ত সংখ্যালঘুকে এক ছাতার তলায় নিয়ে এসে তাদের সর্বনাশ করার চেষ্টা করা হচ্ছে”।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • IPL 2023: শেষ বলে নাইটদের নায়ক রিঙ্কু! রাসেল থেকে রানা সকলেই দিলেন সার্টিফিকেট

    IPL 2023: শেষ বলে নাইটদের নায়ক রিঙ্কু! রাসেল থেকে রানা সকলেই দিলেন সার্টিফিকেট

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রবল আকুতি ইডেনের জনতার। রিঙ্কু… রিঙ্কু…শব্দব্রহ্ম তখন গ্যালারি জুড়ে। জয়ের জন্য কলকাতা নাইট রাইডার্সের প্রয়োজন ১ বলে ২ রান। রিঙ্কু পারবেন, এই বিশ্বাস ছিল সমর্থকদের। কারণ, এই আইপিএলেই (IPL 2023) তিনি গুজরাটের বিরুদ্ধে অসাধ্য সাধন ঘটিয়েছিলেন শেষ পাঁচ বলে পাঁচটি ছক্কা হাঁকিয়ে। এবারও হতাশ করলেন না বাঁহাতি রিঙ্কু। শেষ বলে তিনি বাউন্ডারি হাঁকিয়ে ফের জেতালেন দলকে। পাঞ্জাব কিংসকে ৫ উইকেটে হারানোর সুবাদে জেগে রইল প্লে-অফে ওঠার আশাও।  ১১ ম্যাচ খেলে কেকেআরের সংগ্রহ ১০ পয়েন্ট। রয়েছে পঞ্চম স্থানে। 

    রিঙ্কুর বিশ্বাস

    ম্যাচ শেষে রিঙ্কু বলছিলেন, ‘আমি শেষ বল নিয়ে ভাবিনি। পাঁচ ছক্কার ম্যাচেও একইভাবে ব্যাট করেছিলাম। অর্শদীপের শেষ ডেলিভারিতে শট খেলেই দৌড়ে গিয়েছিলাম সিঙ্গলস নিতে। কারণ, মাথায় ছিল এক রান হলেও ম্যাচটা টাই হবে। তখন সুযোগ মিলবে আরও একবার। কিন্তু নন স্ট্রাইকার এন্ডে গিয়ে দেখলাম বলটা বাউরন্ডারি লাইন টপকে গিয়েছে। দলকে এমন একটা জয় এনে দিতে পেরে ভীষণই ভালো লাগছে। আসলে এই পরিস্থিতি মোকাবিলা করার জন্য অনুশীলনে অনেক পরিশ্রম করি। তারই সুফল পাচ্ছি।’

    রাসেল-রানার সার্টিফিকেট

    দলকে জিতিয়ে কেকেআর (IPL 2023) সমর্থকদের হৃদয় জিতলেন রিঙ্কু সিং। আর ২৩ বলে ৪২ রানের ঝোড়ো ইনিংসের সুবাদে ম্যাচের সেরা হলেন রাসেল। তবে তাঁর সামনেও ম্যাচ শেষ করার সুযোগ ছিল। ২ বলে যখন ২ রান দরকার, তখন অহেতুক সিঙ্গলস নিতে গিয়ে রান আউট হন রাসেল। দল চাপে পড়ে যায়। কিন্তু কেন তিনি এমনটা করতে গেলেন? রাসেল জানিয়েছেন, ‘আমার ইচ্ছা ছিল রিঙ্কু ম্যাচটা ফিনিশ করুক। ও দুর্দান্ত এক ক্রিকেটার। ও ভালো ফিনিশারও। তাই সিঙ্গলস নিতে চেয়েছিলাম। তার আগে আমাদের মধ্যে আলোচনাও হয়েছিল। রিঙ্কু জিজ্ঞাসা করেছিল, তুমি যদি বলটা ব্যাটে লাগাতে না পারো, তাহলে কি দৌড়ে রান নেবে? আমি রাজি হয়েছিলাম। তবে জয়টা আমার ব্যাটেই আসা উচিত ছিল। কিন্তু অর্শদীপের ডেলিভারি ছিল অসাধারণ।’

    আরও পড়ুন: বাতাস থেকে জলীয় বাষ্প শুষে নিচ্ছে ‘মোকা’! দক্ষিণবঙ্গ জুড়ে তাপপ্রবাহের ভ্রুকুটি

    কেকেআর অধিনায়ক নীতীশ রানাও প্রশংসায় ভরিয়েছে রিঙ্কু সিংকে। তিনি বলেছেন, ‘আগে ইডেনের গ্যালারি চিৎকার করত রাসেল, রাসেল বলে। এখন রিঙ্কু, রিঙ্কু করছে। একজন ক্রিকেটারের এর চেয়ে বড় প্রাপ্তি আর কী-ই বা হতে পারে।’

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share