Tag: bangla news

bangla news

  • Suvendu on Recruitment: চতুর্থীর সন্ধ্যায় ৪৫ হাজার চাকরির ঘোষণা শুভেন্দুর! বোনাস পাবেন বন্ধ চা বাগানের শ্রমিকরাও

    Suvendu on Recruitment: চতুর্থীর সন্ধ্যায় ৪৫ হাজার চাকরির ঘোষণা শুভেন্দুর! বোনাস পাবেন বন্ধ চা বাগানের শ্রমিকরাও

    মাধ্যম নিউজ ডেস্ক: দেবীপক্ষের শুরুতেই সুখবর। বুধবার, চতুর্থীর সন্ধ্যায় ৪৫ হাজার নিয়োগের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu on Recruitment)। একই সঙ্গে পুজোর জন্য বন্ধ চা বাগানের শ্রমিকদের ৫ হাজার টাকা দেওয়ার ঘোষণাও করেন তিনি। শুভেন্দু বলেন, ‘এটাই তো আসল পরিবর্তন। রাজ্যএ ডাবল ইঞ্জিন সরকারের সুফল। ’ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশাসনিক জীবনের ২৫ বছর পূর্তি উপলক্ষে বুধবার তাঁকে ধন্যবাদ জ্ঞাপন করে সর্বসম্মত প্রস্তাব পাশ করল পশ্চিমবঙ্গ রাজ্য মন্ত্রিসভা। নবান্নে সাংবাদিক বৈঠক করে এ কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এদিন মন্ত্রিসভার বিশেষ অধিবেশনে প্রধানমন্ত্রীর দীর্ঘ রাজনৈতিক অবদানের প্রশংসা করার পাশাপাশি রাজ্যে বিপুল কর্মসংস্থান এবং চা-শ্রমিকদের জন্য বিশেষ বোনাস ঘোষণা করেছে রাজ্য সরকার।

    প্রধানমন্ত্রী মোদিকে ধন্যবাদ

    শুভেন্দু জানান, গুজরাটের মুখ্যমন্ত্রী ও দেশের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদির দীর্ঘ ২৫ বছরের অবদানের স্বীকৃতি হিসেবে ধন্যবাদ জ্ঞাপন প্রস্তাবটি অবিলম্বে প্রধানমন্ত্রীর দফতরে পাঠানো হবে। রাজ্যের মুখ্যসচিব মনোজ আগরওয়াল ইংরাজি এবং বাংলায় এই প্রস্তাব প্রধামন্ত্রীর দফতরে পাঠাবেন বলে জানিয়েছেন শুভেন্দু। মুখ্যমন্ত্রী বলেন, ‘‘বাংলাকে ধ্রুপদী ভাষার মর্যাদা দেওয়া থেকে শুরু করে শান্তিনিকেতনকে আন্তর্জাতিক স্বীকৃতি এনে দেওয়ার কাজ করেছেন প্রধানমন্ত্রী।’’ স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম, ইসকন থেকে শুরু করে নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধার কথাও এদিন স্মরণ করিয়ে দেন তিনি। একইসঙ্গে মুখ্যমন্ত্রী জানান, রাজ্যের সব স্কুল ও মাদ্রাসায় ‘বন্দে মাতরম’ গাওয়া বাধ্যতামূলক করা হয়েছে এবং তা চালুও হয়ে গিয়েছে। ২০৪৭ সালের ‘বিকশিত ভারত’ গড়ার লক্ষ্যে পশ্চিমবঙ্গ বড় ভূমিকা নেবে বলেও তিনি মন্তব্য করেন।

    রাজ্যে কোথায় কত নিয়োগ

    কর্মসংস্থানের ক্ষেত্রে এদিন বড়সড় ঘোষণা করেছে রাজ্য মন্ত্রিসভা (Bengal Cabinet)। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, মোট ৪৫ হাজার ১৮৫টি নতুন শূন্যপদে নিয়োগের অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে স্কুল শিক্ষা দফতরেই নিয়োগ হবেন ৩৩ হাজার ১৯৯ জন। প্রাথমিক, উচ্চ প্রাথমিক, সহকারী শিক্ষক থেকে শুরু করে প্রধান শিক্ষক নিয়োগও অন্তর্ভুক্ত রয়েছে। শুভেন্দুর ঘোষণা অনুযায়ী, স্কুলেই সবচেয়ে বেশি নিয়োগ হচ্ছে। ৩৩,১৯১ জনের মধ্যে অ্যাসিস্ট্যান্ট টিচার (প্রাইমারি) ৪৪৩২ জন, আপার প্রাইমারিতে ৬০৫২ জন, অ্যাসিস্ট্যান্ট টিচার ১২,৩৪৩ জন, ফার্স্ট গ্রেড টিচার ১০৩২ জন, অ্যাসিস্ট্যান্ট টিচার (পিজি) ২৩ জন, এবং ৪,৩৯৪ জন হেডমাস্টার নিয়োগ করা হবে বলে জানা গিয়েছে। এছাড়াও পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরে ৭ হাজার ১১৯ জন, পুলিশে ৯৯৬ জন এবং কারিগরি শিক্ষা ও দক্ষতা উন্নয়ন দফতরে ১ হাজার ৮৮৬ জন কর্মী নিয়োগ করা হবে। অর্থ দফতর এই পদগুলিতে ছাড়পত্র দিয়েছে এবং নিয়ম মেনে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে বলে আশ্বস্ত করেছেন মুখ্যমন্ত্রী।

    কবে শুরু হবে নিয়োগ-প্রক্রিয়া

    নিয়োগ প্রক্রিয়া দ্রুত শুরু করার কথা বলা হলেও, কোন পদে কবে বিজ্ঞপ্তি প্রকাশিত হবে, আবেদন করার যোগ্যতা কী হবে এবং পরীক্ষার সম্ভাব্য সময়সূচি কী—সেই বিষয়ে বিস্তারিত বিজ্ঞপ্তির অপেক্ষা করতে হবে। চাকরিপ্রার্থীদের সংশ্লিষ্ট দফতরের সরকারি বিজ্ঞপ্তির দিকে নজর রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। মহালয়াতেই রাজ্যের ১১ হাজার পুলিশ কনস্টেবলের হাতে নিয়োগপত্র তুলে দিয়েছিলেন তিনি। বলেছিলেন, নভেম্বরের শেষে আরও ৯ হাজার চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করবে পশ্চিমবঙ্গ সরকার। এরই মধ্যে ৪৫ হাজার চাকরি নিয়ে বড় সুখবর দিয়েছেন তিনি।

    চা-শ্রমিকদের জন্য বোনাসের ঘোষণা

    উত্তরবঙ্গের বন্ধ চা-বাগানগুলির শ্রমিকদের মুখে হাসি ফোটাতে বিশেষ প্যাকেজ ঘোষণা করেছে রাজ্য। ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে বন্ধ থাকা ২১ টি চা-বাগানের ১৯ হাজার ৫২৪ জন শ্রমিককে ৫ হাজার টাকা করে পুজো বোনাস দেওয়া হবে। মুখ্যমন্ত্রী বলেন, ‘‘দীর্ঘদিন হল শ্রমিকরা কাজ হারিয়েছেন। বেতন বা বোনাস পাওয়ার প্রশ্নই নেই। আর তাই বন্ধ চা শ্রমিকদের জন্য মানবিক সরকারের ছোট্ট প্রয়াস।’’ যাঁদের বয়স ৬০ ছরের নীচে, মূলত তাঁরাই শ্রম দফতরের মাধ্যমে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা পাবেন। পাশাপাশি, উৎসবের মরশুমে দুর্গাপুজো থেকে ছটপুজো পর্যন্ত সাধারণ রেশনের ৩৫ কেজি চালের সঙ্গে এই পরিবারগুলিকে অতিরিক্ত 50 কেজি করে চাল দেওয়া হবে। চা-শ্রমিকদের পরিকাঠামো উন্নয়নে ৩১২ কোটি টাকার একটি প্রকল্পেও ছাড়পত্র মিলেছে বলে নবান্ন জানিয়েছে।

    পুজো থেকে ফুটবল

    রাজ্যের দুর্গাপুজো নিয়ে পরিসংখ্যান দিয়ে মুখ্যমন্ত্রী জানান, গত বছর রাজ্যে ৪৫ হাজার পুজো হলেও এ বছর তা বেড়ে ৫৮ হাজার হয়েছে। একেবারে শেষ মুহূর্তে আরও ৮০০টি ক্লাবকে পুজোর অনুমতি ও অনুদান দেওয়া হয়েছে। হিন্দু সমাজকে ‘অপমান’ করার অভিযোগে কড়া আইনি ব্যবস্থার বার্তা দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “আমি ওসব ভয়টয় করার লোক নই। সিপিএমের সূর্য যখন মধ্যগগনে তখন আমি লক্ষণ শেঠকে হারিয়েছি। আমি দু’বার মমতা ব্যানার্জিকে হারিয়েছি ওর বাড়িতে এসে।” এর পাশাপাশি পুজোয় অগ্নিবিধি মেনে চলতে এবং মণ্ডপগুলিকে বিপদমুক্ত রাখতে দমকলের একটি সচেতনতামূলক প্রচার ভিডিও-ও এদিন প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। রাজ্য বড় বড় ফুটবল ম্যাচ সুষ্ঠভাবে আয়োজনের প্রসঙ্গ উঠলে মুখ্যমন্ত্রী জানান, কলকাতা ফুটবল ভালবাসে। এ বিষয়ে ক্রীড়ামন্ত্রীকে সবরকম স্বাধীনতা দেন তিনি।

     

     

     

  • Durga Puja 2026: মোট ৫৭,৫০০টি দুর্গাপুজোর অনুমোদন, প্রতিটি কমিটিকে ১ লক্ষ টাকা অনুদানের ঘোষণা! বিরাট উদ্যোগ শুভেন্দু-সরকারের

    Durga Puja 2026: মোট ৫৭,৫০০টি দুর্গাপুজোর অনুমোদন, প্রতিটি কমিটিকে ১ লক্ষ টাকা অনুদানের ঘোষণা! বিরাট উদ্যোগ শুভেন্দু-সরকারের

    মাধ্যম নিউজ ডেস্ক: রাজ্যে দুর্গাপুজোর সংখ্যা বৃদ্ধি এবং পুজো (Durga Puja 2026) কমিটিগুলিকে আর্থিক সহায়তা দেওয়ার বিষয়টি ঘিরে নতুন করে রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। ২০২৬ সালের দুর্গাপুজোয় প্রায় ১২,৪০০টি অতিরিক্ত পুজোর অনুমোদন দেওয়া হয়েছে বলে দাবি করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এর ফলে রাজ্যে মোট দুর্গাপুজোর সংখ্যা বেড়ে হল প্রায় ৫৭,৫০০। পাশাপাশি প্রতিটি পুজো কমিটিকে ১ লক্ষ টাকা করে অনুদান দেওয়ার কথাও ঘোষণা করেছে রাজ্য সরকার। পুজোর অনুমতি পাওয়ার ক্ষেত্রে উদ্যোক্তাদের যাতে অযথা প্রশাসনিক জটিলতার মুখে পড়তে না হয়, সে বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। পূর্ববর্তী তৃণমূল সরকারের আমলে পুজোর অনুমতি ও প্রশাসনিক বিধিনিষেধ নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছিল, তার সঙ্গে বর্তমান পদক্ষেপের তুলনা টেনেছেন মুখ্যমন্ত্রী। যদিও পূর্ববর্তী সরকারের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলি রাজনৈতিক বিতর্কের বিষয়।

    ২০২৫ সালের তুলনায় বেড়েছে পুজোর সংখ্যা

    সরকারি বক্তব্য অনুযায়ী, ২০২৫ সালে রাজ্যে প্রায় ৪৫,০০০টি কমিউনিটি দুর্গাপুজো অনুষ্ঠিত হয়েছিল। চলতি বছরে সেই সংখ্যা বেড়ে প্রায় ৫৭,৫০০ হয়েছে। মুখ্যমন্ত্রীর দাবি, নতুন করে অনুমোদন পাওয়া পুজো কমিটিগুলিও উৎসব আয়োজনের অনুমতি পেয়েছে। কলকাতায় অতিরিক্ত পুজোর সংখ্যা প্রায় ৪০০ বলে জানানো হয়েছে। নতুন পুজোর অনুমোদন এবং আর্থিক সহায়তার ফলে বিভিন্ন এলাকার পুজো উদ্যোক্তারা উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে মুখ্যমন্ত্রী বলেন, আগের বছরের তুলনায় এ বছর ১২,৪০০টি পুজো বেড়েছে। পুজোর অনুমতি পেতে উদ্যোক্তাদের যাতে প্রশাসনের বিভিন্ন স্তরে ঘুরতে না হয়, সেই ব্যবস্থার উপর জোর দেওয়া হচ্ছে বলেও তাঁর বক্তব্য।

    পুজো কমিটিকে ১ লক্ষ টাকা করে অনুদান

    দুর্গাপুজোর প্রস্তুতিতে আর্থিক সহায়তা দিতে প্রতিটি পুজো কমিটিকে ১ লক্ষ টাকা করে অনুদান দেওয়ার কথা ঘোষণা করেছে রাজ্য সরকার। ১১ অক্টোবর থেকে অনুদান বণ্টন শুরু হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। মুখ্যমন্ত্রীর দাবি, ২০০টিরও বেশি পুজো কমিটি এই অনুদান নিতে অস্বীকার করেছে। তাদের একাংশের অনুরোধ, শহরের বড় পুজোর পাশাপাশি গ্রামাঞ্চলের পুজো কমিটি এবং মহিলাদের পরিচালিত পুজো কমিটিগুলিকে আর্থিক সহায়তার ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হোক। প্যান্ডেল নির্মাণ, আলোকসজ্জা, বিদ্যুৎ সংযোগ এবং অন্যান্য আয়োজনের খরচ সামলাতে এই অনুদান পুজো উদ্যোক্তাদের কাজে আসবে বলে মনে করা হচ্ছে।

    দেবীপক্ষে উৎসবে ভেসেছে রাজ্য

    দুর্গাপুজোর ঐতিহ্য ও ধর্মীয় রীতিনীতি পালনের বিষয়েও গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য অনুযায়ী, পিতৃপক্ষ চলাকালীন পুজোর উদ্বোধন না করে দেবীপক্ষের সূচনার সঙ্গে উদ্বোধনী অনুষ্ঠানকে সামঞ্জস্যপূর্ণ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তা মেনে নিয়েছে পুজো উদ্যোক্তাগুলি। প্রচলিত হিন্দু ধর্মীয় রীতি অনুযায়ী, পিতৃপক্ষ পূর্বপুরুষদের স্মরণের সময়। মহালয়ার মধ্য দিয়ে পিতৃপক্ষের অবসান ঘটে এবং দেবীপক্ষের সূচনা হয়। দুর্গাপুজোর সঙ্গে যুক্ত এই ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যকে গুরুত্ব দেওয়ার বার্তা দিয়েছে রাজ্য সরকার। সেই মতোই দেবীপক্ষের শুরু থেকেই উৎসবে ভেসেছে রাজ্যবাসী।

    জেলায় ভার্চুয়ালি নয়, সরাসরি পুজো উদ্বোধনে মুখ্যমন্ত্রী

    এবার দুর্গোৎসবে শুধু কলকাতা নয়, জেলার পুজোতেও বিশেষ গুরুত্ব মুখ্যমন্ত্রীর। ভার্চুয়ালি নয়, সরাসরি পুজোমণ্ডপে উপস্থিত হয়ে উদ্বোধনের কর্মসূচি নিয়েছেন তিনি। তৃতীয়ার দিন নদিয়ার রানাঘাট থেকে জেলা সফরে পুজো উদ্বোধন কর্মসূচির সূচনা করেছিলেন মুখ্যমন্ত্রী। নদিয়া ও উত্তর ২৪ পরগনার একাধিক পুজোর উদ্বোধন করেছিলেন তিনি। পঞ্চমীতে দ্বিতীয় দফায় জেলা সফরে বেরিয়ে মুর্শিদাবাদ ও পূর্ব মেদিনীপুরের পুজো উদ্যোক্তাদের সঙ্গে উৎসবের আনন্দ ভাগ করে নেবেন মুখ্যমন্ত্রী। সপ্তমীতেও জেলা সফরে যাওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। দুর্গোৎসবকে কেন্দ্র করে পরপর কয়েক দিন জেলা সফরের কর্মসূচি সাজানো হয়েছে। প্রশাসনিক কাজকর্মের পাশাপাশি উৎসবের দিনগুলিতে জেলার মানুষের সঙ্গে সরাসরি জনসংযোগেও বিশেষ গুরুত্ব দিচ্ছেন মুখ্যমন্ত্রী। পূর্ব মেদিনীপুরের হলদিয়া, নন্দীগ্রাম-সহ একাধিক এলাকায় পাঁচটি দুর্গাপুজোর উদ্বোধন করার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর।দুর্গাপুজোর আবহকে রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দিতে ষষ্ঠীর আগের চার দিন দুর্গাপুর, বিষ্ণুপুর, শিলিগুড়ি, কোচবিহার, মালদহ, বহরমপুর এবং দীঘায় বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনের কথা জানানো হয়েছে। কলকাতায় বড় পুজোর পাশাপাশি জেলা ও মফস্বলের উৎসবেও যাতে সমানভাবে সাংস্কৃতিক আবহ তৈরি হয়, সেই লক্ষ্যেই এই উদ্যোগ বলে জানানো হয়েছে।

    বিদ্যুতের চাহিদা ও নিরাপত্তা নিয়ে বাড়তি প্রস্তুতি

    বিপুল সংখ্যক পুজো এবং আলোকসজ্জার কারণে রাজ্যে বিদ্যুতের চাহিদা উল্লেখযোগ্যভাবে বাড়ার আশঙ্কা রয়েছে। বিদ্যুৎ দফতরের অনুমান অনুযায়ী, উৎসবের দিনে বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা ১৪,০০০ মেগাওয়াট ছাড়িয়ে যেতে পারে। অন্যদিকে, ভিড় নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা বজায় রাখতে রাজ্যজুড়ে নিরাপত্তা ব্যবস্থায় জোর দেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে। যাদবপুর পুলিশ ডিভিশনের অধীনে প্রায় ৬৮৫টি দুর্গাপুজো পরিচালনার দায়িত্ব রয়েছে।

    প্রশাসনিক ব্যবস্থাপনার সামনে বড় চ্যালেঞ্জ

    রাজ্যে পুজোর সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, যান চলাচল নিয়ন্ত্রণ, দর্শনার্থীদের নিরাপত্তা এবং ভিড় সামলানো প্রশাসনের কাছে গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হয়ে উঠেছে। পুজোর অনুমোদন দ্রুত দেওয়া এবং আর্থিক সহায়তা পৌঁছে দেওয়ার পাশাপাশি উৎসবের দিনগুলিতে নাগরিক পরিষেবা স্বাভাবিক রাখা কতটা সম্ভব হয়, সেদিকেও নজর থাকবে। পুজো উদ্যোক্তাদের কাছে এখন বড় প্রশ্ন, প্রশাসনিক সহযোগিতার পাশাপাশি বিদ্যুৎ, নিরাপত্তা ও যান চলাচলের ক্ষেত্রে কতটা কার্যকর ব্যবস্থা নিশ্চিত করা যায়।

  • India At UN: সন্ত্রাসবাদকে ‘মানবতাবিরোধী অপরাধ’ হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি ভারতের, রাষ্ট্রপুঞ্জে জোরালো সওয়াল

    India At UN: সন্ত্রাসবাদকে ‘মানবতাবিরোধী অপরাধ’ হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি ভারতের, রাষ্ট্রপুঞ্জে জোরালো সওয়াল

    মাধ্যম নিউজ ডেস্ক: সন্ত্রাসবাদের বিরুদ্ধে আন্তর্জাতিক লড়াইকে আরও শক্তিশালী করতে রাষ্ট্রপুঞ্জের (UN) মঞ্চে সন্ত্রাসবাদকে ‘মানবতাবিরোধী অপরাধ’ হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি জানাল ভারত (India At UN)। গত ১২ অক্টোবর রাষ্ট্রপুঞ্জের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ষষ্ঠ কমিটির বৈঠকে এই অবস্থান স্পষ্ট করে নয়াদিল্লি। একই সঙ্গে সন্ত্রাসবাদ প্রতিরোধ, তদন্ত এবং অপরাধীদের বিচারের আওতায় আনার ক্ষেত্রে প্রতিটি রাষ্ট্রের প্রাথমিক দায়িত্বের উপর জোর দিয়েছে ভারত। মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধ ও শাস্তি সংক্রান্ত আন্তর্জাতিক সম্মেলনের প্রস্তাবিত কাঠামো নিয়ে আলোচনায় অংশ নিয়ে ভারত জানিয়েছে, যে সমস্ত সন্ত্রাসবাদী কর্মকাণ্ড (India on Terrorism) মানবতাবিরোধী অপরাধের নির্ধারিত শর্ত পূরণ করে, সেগুলিকে যথাযথভাবে এই অপরাধের আওতায় অন্তর্ভুক্ত করা উচিত। রাষ্ট্রপুঞ্জে ভারতের স্থায়ী মিশনের তরফে সমাজমাধ্যমে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, জাতীয় আইন ও বিচারব্যবস্থার মাধ্যমে মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধ, তদন্ত এবং অভিযুক্তদের বিচারের মুখোমুখি করার প্রাথমিক দায়িত্ব সংশ্লিষ্ট রাষ্ট্রেরই। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট দেশের ভৌগোলিক অধিক্ষেত্র ও জাতীয় বিচারব্যবস্থার অগ্রাধিকার বজায় রাখার পাশাপাশি রাষ্ট্রের সার্বভৌমত্ব এবং অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতিকেও সম্মান জানাতে হবে।

    নতুন আন্তর্জাতিক চুক্তি নিয়ে ভারতের অবস্থান

    মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধ ও শাস্তি নিশ্চিত করতে নতুন কোনও আন্তর্জাতিক চুক্তি তৈরি হলে তা যেন ইতিমধ্যে কার্যকর থাকা আন্তর্জাতিক আইনি ব্যবস্থার পরিপূরক হয়, সেই দাবি জানিয়েছে ভারত। বিদ্যমান আন্তর্জাতিক আইনি কাঠামোর বিধানগুলিকে হুবহু নতুন চুক্তিতে স্থানান্তরের বিরোধিতাও করেছে নয়াদিল্লি। ভারতের মতে, এই ধরনের আন্তর্জাতিক কাঠামো গড়ে তোলার ক্ষেত্রে আন্তর্জাতিক আইনের সর্বজনস্বীকৃত নীতি, দেশগুলির জাতীয় স্তরে আইন প্রয়োগ ও বিচার পরিচালনার সক্ষমতা বৃদ্ধি এবং স্বচ্ছ ও অন্তর্ভুক্তিমূলক আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানবতাবিরোধী অপরাধের মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর পাশাপাশি প্রতিটি দেশের আইনগত অধিকার ও সার্বভৌমত্বের ভারসাম্য বজায় রাখার উপরও জোর দিয়েছে ভারত।

    সন্ত্রাসবাদ মোকাবিলায় নিরাপত্তা পরিকাঠামো জোরদার

    রাষ্ট্রপুঞ্জে ভারতের এই অবস্থান আন্তর্জাতিক স্তরে সন্ত্রাসবাদবিরোধী প্রচেষ্টার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। সীমান্তপারের সন্ত্রাসবাদ মোকাবিলা, সন্ত্রাসে অর্থায়নের নেটওয়ার্ক ভেঙে দেওয়া এবং কেন্দ্রীয় ও রাজ্যস্তরের নিরাপত্তা সংস্থাগুলির মধ্যে সমন্বয় বৃদ্ধির উপর গুরুত্ব দিয়েছে ভারত। পাশাপাশি, গোয়েন্দা তথ্যের আদানপ্রদান, পুলিশ ও নিরাপত্তা বাহিনীর আধুনিকীকরণ এবং সাইবার নিরাপত্তা ব্যবস্থার সম্প্রসারণের মাধ্যমেও দেশের নিরাপত্তা পরিকাঠামো শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে। ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে উদ্ভূত নতুন ধরনের হুমকি মোকাবিলায় সক্ষমতা বৃদ্ধির বিষয়টিও ভারতের নিরাপত্তা কৌশলের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। রাষ্ট্রপুঞ্জের ষষ্ঠ কমিটিতে ভারতের বক্তব্যের মূল সুর, সন্ত্রাসবাদ ও মানবতাবিরোধী অপরাধের বিরুদ্ধে আন্তর্জাতিক সহযোগিতা আরও জোরদার করতে হবে। তবে নতুন কোনও আন্তর্জাতিক আইনি ব্যবস্থা গড়ে তোলার সময় বিদ্যমান চুক্তির সঙ্গে অপ্রয়োজনীয় পুনরাবৃত্তি এড়িয়ে জাতীয় বিচারব্যবস্থা, রাষ্ট্রের সার্বভৌমত্ব এবং আন্তর্জাতিক আইনের স্বীকৃত নীতিগুলিকে যথাযথ গুরুত্ব দিতে হবে।

  • UPI Transaction: ২,০০০ টাকার বেশি ইউপিআই লেনদেনে এমডিআর চালুর সিদ্ধান্ত স্থগিত, দীপাবলির পর কার্যকর হতে পারে নতুন নিয়ম

    UPI Transaction: ২,০০০ টাকার বেশি ইউপিআই লেনদেনে এমডিআর চালুর সিদ্ধান্ত স্থগিত, দীপাবলির পর কার্যকর হতে পারে নতুন নিয়ম

    মাধ্যম নিউজ ডেস্ক: দীপাবলির আগে ব্যবসায়ীদের স্বস্তি দিয়ে ২,০০০ টাকার বেশি মূল্যের নির্দিষ্ট ইউপিআই (UPI Transaction) মার্চেন্ট লেনদেনে মার্চেন্ট ডিসকাউন্ট রেট (MDR) চালুর প্রস্তাবিত সিদ্ধান্ত আপাতত স্থগিত রাখল ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI)-এর ইউপিআই অ্যান্ড সার্ভিসেস স্টিয়ারিং কমিটি। নতুন নিয়ম কার্যকর করার সম্ভাব্য সময় দীপাবলির পর, অর্থাৎ ৮ নভেম্বর, ২০২৬-এর পরে। তবে কার্যকর হওয়ার নির্দিষ্ট তারিখ এখনও ঘোষণা করা হয়নি। গত ১৫ সেপ্টেম্বর এই সংক্রান্ত কাঠামো বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছিল। প্রাথমিকভাবে ১৫ অক্টোবর থেকে নতুন নিয়ম কার্যকর হওয়ার কথা ছিল। কিন্তু উৎসবের মরশুমে ব্যবসায়ীদের উপর অতিরিক্ত আর্থিক চাপ এড়াতে তা পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট মহলে মনে করা হচ্ছে। দীপাবলি ও বিয়ের মরশুমে খুচরো বাজারে কেনাকাটা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। এই সময় ছোট দোকানদার থেকে শুরু করে বড় ব্যবসায়ীরা বিক্রি বাড়ানোর পাশাপাশি পণ্য মজুত, কর্মী নিয়োগ এবং অন্যান্য পরিচালন ব্যয় সামলাতে ব্যস্ত থাকেন। এই পরিস্থিতিতে নতুন লেনদেন-সংক্রান্ত খরচ চালু হলে ব্যবসায়ীদের উপর অতিরিক্ত চাপ তৈরি হতে পারত। সিদ্ধান্ত পিছিয়ে যাওয়ায় আপাতত সেই আশঙ্কা কিছুটা কমল।

    ব্যবসায়ী সংগঠনগুলির দাবি মেনে সিদ্ধান্ত?

    প্রস্তাবিত MDR কাঠামো নিয়ে ব্যবসায়ী সংগঠনগুলির তরফে আপত্তি জানানো হয়েছিল। কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্স (CAIT) উৎসবের মরশুমের পরে নতুন নিয়ম চালুর পক্ষে সওয়াল করে। সংগঠনটির মতে, উৎসবের ঠিক আগে মার্চেন্টদের উপর নতুন চার্জ কার্যকর হলে ব্যবসায়িক খরচ ও লেনদেনের ব্যবস্থাপনা নিয়ে অনিশ্চয়তা তৈরি হতে পারে। নিয়ম কার্যকরের সময়সীমা পিছিয়ে দেওয়ায় ব্যবসায়ী, খুচরো বিক্রেতা এবং পেমেন্ট পরিষেবা প্রদানকারীরা নতুন কাঠামো সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পাওয়ার সুযোগ পাবেন। তবে এই সিদ্ধান্তকে এমডিআর চালুর প্রস্তাব বাতিল হিসেবে দেখার কোনও কারণ নেই। আপাতত শুধু কার্যকর করার সময় পিছিয়ে দেওয়া হয়েছে।

    সাধারণ গ্রাহকদের ইউপিআই লেনদেন কি বিনামূল্যেই থাকবে?

    প্রস্তাবিত কাঠামোয় সমস্ত ইউপিআই লেনদেনের উপর চার্জ বসানোর কথা বলা হয়নি। বরং নির্দিষ্ট কিছু উচ্চমূল্যের মার্চেন্ট লেনদেনের ক্ষেত্রেই এমডিআর প্রযোজ্য হওয়ার প্রস্তাব রয়েছে।

    প্রস্তাবিত নিয়ম অনুযায়ী—

    • ব্যক্তি থেকে ব্যক্তির মধ্যে (P2P) লেনদেন: বিনামূল্যেই থাকবে।
    • ২,০০০ টাকা পর্যন্ত মার্চেন্ট লেনদেন: এমডিআর থেকে অব্যাহতি দেওয়ার প্রস্তাব রয়েছে।
    • যোগ্য ক্ষুদ্র ব্যবসায়ী: ইউপিআই কিউআর কোডের মাধ্যমে মাসে সর্বোচ্চ ১ লক্ষ টাকা পর্যন্ত প্রাপ্তির ক্ষেত্রে নির্দিষ্ট পি২পিএম শ্রেণির ব্যবসায়ীরা অব্যাহতির আওতায় থাকবেন।
    • ২,০০০ টাকার বেশি নির্দিষ্ট মার্চেন্ট লেনদেন: প্রস্তাবিত কাঠামো অনুযায়ী এমডিআর প্রযোজ্য হতে পারে।

    প্রস্তাবিত কাঠামোয় উল্লেখিত হিসাব অনুযায়ী, লেনদেনের সংখ্যার নিরিখে ব্যক্তি থেকে ব্যবসায়ীর কাছে হওয়া প্রায় ৯৫–৯৬ শতাংশ ইউপিআই লেনদেনই এই চার্জের আওতার বাইরে থাকবে। অর্থাৎ, সাধারণ মানুষের দৈনন্দিন ছোটখাটো কেনাকাটা, দোকানে কিউআর কোড স্ক্যান করে টাকা দেওয়া কিংবা পরিচিতদের কাছে টাকা পাঠানোর ক্ষেত্রে আপাতত বিনামূল্যে লেনদেনের ব্যবস্থাই বজায় রাখার কথা বলা হয়েছে। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হল, প্রস্তাবিত নিয়মে মার্চেন্টদের গ্রাহকদের কাছ থেকে এমডিআর আদায় করার অনুমতি দেওয়া হয়নি। অর্থাৎ, এই চার্জ কার্যকর হলেও তা ব্যবসায়ীদের উপর প্রযোজ্য হওয়ার কথা; গ্রাহকের কাছ থেকে অতিরিক্ত অর্থ নেওয়ার কথা নয়।

    প্রস্তাবিত এমডিআর-এর হার কত?

    প্রস্তাবিত কাঠামোয় নির্দিষ্ট উচ্চমূল্যের মার্চেন্ট লেনদেনের ক্ষেত্রে ০.৪ শতাংশ MDR ধার্য করার কথা বলা হয়েছে। ৭৫,০০০ টাকা বা তার বেশি মূল্যের লেনদেনে এই চার্জের সর্বোচ্চ সীমা ৩০০ টাকা রাখার প্রস্তাব রয়েছে। এ ছাড়াও কয়েকটি নির্দিষ্ট ক্ষেত্রের জন্য পৃথক হার বা ছাড়ের ব্যবস্থা প্রস্তাব করা হয়েছে। যেমন—

    • রেল, টেলিকম, বিমা, জ্বালানি, ইউটিলিটি এবং কৃষি উপকরণ: নির্দিষ্ট লেনদেনে ৫ টাকার ফ্ল্যাট চার্জের প্রস্তাব।
    • পুঁজিবাজার সংক্রান্ত লেনদেন: ০.০২ শতাংশ হারে ছাড়যুক্ত MDR, যার ক্ষেত্রেও নির্দিষ্ট সর্বোচ্চ সীমা প্রযোজ্য।

    অর্থাৎ, সব ধরনের ব্যবসার জন্য একই হারে চার্জ বসানোর প্রস্তাব নেই। লেনদেনের ধরন, ব্যবসার ক্ষেত্র এবং প্রযোজ্য ছাড়ের ভিত্তিতে চার্জের কাঠামো আলাদা হতে পারে। ক্ষুদ্র ব্যবসায়ীদের ক্ষেত্রে ছাড়ের বিষয়টি বিশেষ গুরুত্বপূর্ণ। পাড়ার দোকান, রাস্তার ধারের বিক্রেতা এবং ছোট খুচরো ব্যবসায়ীদের কাছে ইউপিআই কিউআর কোড এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থপ্রদানের মাধ্যম। অতিরিক্ত খরচের চাপ থেকে এই ব্যবসায়ীদের সুরক্ষা দেওয়াই প্রস্তাবিত ছাড়ের অন্যতম উদ্দেশ্য।

    ইউপিআই ব্যবস্থার আর্থিক স্থায়িত্ব কেন গুরুত্বপূর্ণ?

    ভারতের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থায় ইউপিআই বর্তমানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। মোবাইল ফোন ও কিউআর কোডের মাধ্যমে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা পাঠানোর সুবিধা শহর থেকে ছোট শহর এবং গ্রামীণ এলাকাতেও ছড়িয়ে পড়েছে। প্রদত্ত তথ্য অনুযায়ী, দেশে সক্রিয় ইউপিআই ব্যবহারকারীর সংখ্যা ৫৫ কোটির বেশি। মাসিক লেনদেনের মোট মূল্য প্রায় ৩০ লক্ষ কোটি টাকা এবং এর মধ্যে মার্চেন্ট লেনদেনের পরিমাণ প্রায় ৯ লক্ষ কোটি টাকা বলে উল্লেখ করা হয়েছে। এই বিপুল লেনদেনের পরিকাঠামো পরিচালনা করতে ব্যাঙ্ক, পেমেন্ট অ্যাগ্রিগেটর এবং অন্যান্য পরিষেবা প্রদানকারী সংস্থাকে নিয়মিত বিনিয়োগ করতে হয়। প্রযুক্তিগত পরিকাঠামো বজায় রাখা, সাইবার নিরাপত্তা জোরদার করা, প্রতারণা প্রতিরোধ এবং আরও বেশি ব্যবসায়ীকে ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার আওতায় আনার জন্য খরচ প্রয়োজন। এত দিন ইউপিআই লেনদেনে এমডিআর না থাকায় এই ব্যবস্থার সঙ্গে যুক্ত সংস্থাগুলির জন্য সরাসরি মার্চেন্ট-সাইড রাজস্বের একটি সম্ভাব্য উৎস সীমিত ছিল। প্রস্তাবিত কাঠামোর মাধ্যমে নির্দিষ্ট কিছু লেনদেনে সীমিত চার্জ চালুর পরিকল্পনা করা হয়েছে। তবে একই সঙ্গে সাধারণ ব্যবহারকারী এবং যোগ্য ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য ছাড় বজায় রাখার কথাও বলা হয়েছে। মূল চ্যালেঞ্জ হল, ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার আর্থিক স্থায়িত্ব নিশ্চিত করার পাশাপাশি সাধারণ মানুষের কাছে পরিষেবাটিকে সহজলভ্য ও সাশ্রয়ী রাখা।

    উৎসবের মরশুমে স্বস্তি, ভবিষ্যতে নতুন নিয়ম

    দীপাবলির আগে এমডিআর চালুর সিদ্ধান্ত পিছিয়ে দেওয়ায় ব্যবসায়ীরা বর্তমান নিয়মে আরও কিছুদিন লেনদেন চালিয়ে যাওয়ার সুযোগ পাবেন। একই সঙ্গে মার্চেন্ট ও পেমেন্ট পরিষেবা প্রদানকারী সংস্থাগুলি নতুন নিয়ম সম্পর্কে নিজেদের প্রস্তুতি সম্পূর্ণ করার সময় পাবে। তবে নতুন কাঠামো কার্যকর হওয়ার আগে কোন ধরনের লেনদেনে কত চার্জ লাগবে, কোন ব্যবসায়ী ছাড় পাবেন এবং কীভাবে চার্জ গণনা করা হবে—এই বিষয়গুলি স্পষ্ট করা জরুরি।প্রাথমিক সূচি অনুযায়ী ১৫ অক্টোবর, ২০২৬ থেকে নিয়মটি কার্যকর হওয়ার কথা থাকলেও এখন তা দীপাবলির পর চালুর সম্ভাবনা রয়েছে। সংশোধিত তারিখ আলাদাভাবে জানানো হবে। সব মিলিয়ে, প্রস্তাবিত MDR কাঠামো বাতিল না করে তার বাস্তবায়ন পিছিয়ে দেওয়ার সিদ্ধান্তের ফলে উৎসবের মরশুমে ব্যবসায়ীরা সাময়িক স্বস্তি পেলেন। অন্যদিকে, সাধারণ গ্রাহকদের জন্য বিনামূল্যে ইউপিআই লেনদেনের সুবিধা বজায় রাখা এবং ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার দীর্ঘমেয়াদি আর্থিক স্থায়িত্ব নিশ্চিত করা—এই দুই লক্ষ্যকে একসঙ্গে সামনে রেখেই পরবর্তী পদক্ষেপ নেওয়ার কথা রয়েছে।

  • Shah Attacks Rahul: ২০২৯ সালের লোকসভা নির্বাচনে চতুর্থ পরাজয়ের জন্য প্রস্তুত থাকুক কংগ্রেস, রাহুলকে নিশানা শাহের

    Shah Attacks Rahul: ২০২৯ সালের লোকসভা নির্বাচনে চতুর্থ পরাজয়ের জন্য প্রস্তুত থাকুক কংগ্রেস, রাহুলকে নিশানা শাহের

    মাধ্যম নিউজ ডেস্ক: পরপর নির্বাচনে পরাজয়ের জন্য কংগ্রেসকে আত্মসমীক্ষার পরামর্শ দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Shah Attacks Rahul)। মঙ্গলবার কংগ্রেস নেতা তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে নিশানা করে তিনি বলেন, নির্বাচনে পরাজয়ের কারণ খুঁজতে হবে দলের ভিতরেই। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর (SIR)-কে দায়ী করে রাজনৈতিক ব্যর্থতা আড়াল করা যায় না বলেও মন্তব্য করেন তিনি। পাশাপাশি, ২০২৯ সালের লোকসভা নির্বাচনে আরও একটি পরাজয়ের জন্য রাহুল গান্ধীকে প্রস্তুত থাকার কটাক্ষও করেন শাহ। রাহুলকে তীব্র কটাক্ষ করে তিনি বললেন, ‘এসআইআর-কে দোষ দিচ্ছেন কেন? আপনি দায়িত্ব নেওয়ার পরে থেকেই কংগ্রেস হারছে।’ গুজরাটের গান্ধীনগর পুরসভার ৪৪টি আসনের মধ্যে ৩৮টিতেই জিতেছে বিজেপি। ৫টি আসন গিয়েছে কংগ্রেসের ঝুলিতে। একটিতে জয়ী হয়েছেন নির্দল প্রার্থী। তার পরেই সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে রাহুল গান্ধী আর কংগ্রেসকে একযোগে তুলোধনা করেন শাহ।

    এসআইআর-কে দায়ী করার যুক্তি গ্রহণযোগ্য নয়

    নির্বাচন কমিশন এবং মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে এসআইআর-কে কেন্দ্র করে রাহুল গান্ধী-সহ বিরোধী ইন্ডিয়া জোটের নেতাদের প্রতিবাদের মধ্যেই এই মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তাঁর বক্তব্য, ভোটার তালিকা সংশোধন শুরু হওয়ার আগেও বিভিন্ন নির্বাচনে কংগ্রেস পরাজিত হয়েছে। ফলে প্রতিটি নির্বাচনী ব্যর্থতার জন্য এসআইআর-কে দায়ী করার যুক্তি গ্রহণযোগ্য নয়। অমিত শাহ বলেন, “আমি বিষয়টি স্পষ্ট করে বলতে চাই এবং বিশেষ করে রাহুলজিকে জানাতে চাই, কংগ্রেস গত ৪১ বছরে গুজরাটে একটিও নির্বাচনে জয় পায়নি। ১৯৮৫ সালে শেষবার জিতেছিল তারা। তার পর থেকে গুজরাটে ধারাবাহিক ভাবে পরাজয়ের মুখে পড়েছে কংগ্রেস।” রাহুল গান্ধীকে আত্মসমীক্ষার পরামর্শ দিয়ে শাহের বক্তব্য, গুজরাটে কংগ্রেসের পরাজয়ের কারণ এসআইআর কি না, তা আগে খতিয়ে দেখা উচিত। নির্বাচন কমিশনকে দোষারোপ করার পরিবর্তে দলের সাংগঠনিক দুর্বলতা ও রাজনৈতিক কৌশল নিয়ে ভাবনাচিন্তা করা প্রয়োজন।

    ২০২৯-এর পরাজয় নিয়েও কটাক্ষ

    কংগ্রেসের বিরুদ্ধে আক্রমণের সুর আরও চড়িয়ে শাহ বলেন, ২০২৯ সালের লোকসভা নির্বাচনে পরাজয়ের জন্যও রাহুল গান্ধিকে প্রস্তুত থাকতে হবে। তাঁর অভিযোগ, রাহুল বারবার অসত্য প্রচার করছেন। এসআইআর-বিরোধী আন্দোলনের মাধ্যমে অনুপ্রবেশকারীদের আড়াল করার চেষ্টা হচ্ছে বলেও দাবি করেন তিনি। যদিও এই অভিযোগের সমর্থনে বক্তব্যে নির্দিষ্ট কোনও প্রমাণ তুলে ধরেননি স্বরাষ্ট্রমন্ত্রী। পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু এবং পুদুচেরির উপনির্বাচনে কংগ্রেসের পরাজয়ের প্রসঙ্গও উল্লেখ করেন শাহ। তাঁর যুক্তি, ২০২৪ সালের লোকসভা নির্বাচনের পর এসআইআর প্রক্রিয়া শুরু হলেও তার আগেও কংগ্রেস নির্বাচনে পরাজিত হয়েছে। এমনকী ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণের সময়েও দলটি হেরেছে বলে দাবি করেন তিনি। কংগ্রেসের রাজনৈতিক অবস্থানকে আক্রমণ করে শাহ দলটির বিরুদ্ধে নেতিবাচক রাজনীতি, গণতন্ত্রবিরোধী এবং সংবিধানবিরোধী আচরণের অভিযোগ তোলেন। তাঁর মতে, নির্বাচনী প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলার পরিবর্তে কংগ্রেসের উচিত নিজেদের নেতৃত্ব, সাংগঠনিক কাঠামো এবং নির্বাচনী কৌশলের দুর্বলতা চিহ্নিত করা।

    গুজরাটের পুরসভা নির্বাচনে বিজেপির সাফল্যের দাবি

    গুজরাটের স্থানীয় নির্বাচনে বিজেপির সাফল্যকেও নিজের বক্তব্যের সমর্থনে তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী। তাঁর দাবি, তিনটি স্থানীয় স্বায়ত্তশাসিত সংস্থায় মোট ১০৪টি আসনের মধ্যে ৯০টিতে জয় পেয়েছে বিজেপি। এই তিনটি সংস্থার মধ্যে রয়েছে দুটি পুরসভা এবং একটি পুরনিগম। গান্ধীনগর পুরনিগমে বিজেপি ৪৪টি আসনের মধ্যে ৩৮টিতে জয় পেয়েছে বলে জানান শাহ। তাঁর আরও দাবি, আগের নির্বাচনের তুলনায় এই পুরনিগমে বিজেপির ভোটের হার ১০ শতাংশ বেড়েছে। আম আদমি পার্টিকেও কটাক্ষ করেন তিনি। শাহের দাবি, দলটি ৩২টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করলেও প্রতিটি আসনেই জামানত হারিয়েছে। গুজরাটের নির্বাচনী ফলাফলকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি রাজ্যের ভোটারদের সমর্থনের প্রতিফলন বলে দাবি করেন স্বরাষ্ট্রমন্ত্রী। পাশাপাশি, রাজস্থানের স্থানীয় নির্বাচনেও বিজেপি ব্যাপক সাফল্য পেয়েছে বলে উল্লেখ করেন তিনি।  মঙ্গলবার গুজরাট পুরভোটে গান্ধীনগর–সহ তিন পুরসভায় বিজেপির জয়জয়কারকে তুলে ধরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের তোপ— ‘এটা জনাদেশ, সার–এফেক্ট নয়, আর এটা যত তাড়াতাড়ি কংগ্রেস বুঝবে, ততই ভালো!’

    এসআইআর ঘিরে সংঘাত অব্যাহত

    ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনকে কেন্দ্র করে নির্বাচন কমিশনের সঙ্গে বিরোধীদের সংঘাত ক্রমশ বাড়ছে। রাহুল গান্ধী-সহ ইন্ডিয়া জোটের নেতারা এসআইআর প্রক্রিয়ার বিরুদ্ধে সরব হয়েছেন এবং নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। অন্যদিকে, অমিত শাহের বক্তব্য, নির্বাচনে ধারাবাহিক পরাজয়ের কারণ খুঁজতে কংগ্রেসকে নিজেদের রাজনৈতিক ও সাংগঠনিক অবস্থান পর্যালোচনা করতে হবে। গুজরাটের নির্বাচনী ফলাফল এবং বিভিন্ন রাজ্যে উপনির্বাচনে কংগ্রেসের পারফরম্যান্সের প্রসঙ্গ তুলে বিরোধীদের যুক্তিকে চ্যালেঞ্জ করেছেন তিনি। ২০২৯ সালের লোকসভা নির্বাচনকে সামনে রেখে শাসক ও বিরোধী শিবিরের এই রাজনৈতিক বাক্‌যুদ্ধ আগামী দিনে আরও তীব্র হওয়ার ইঙ্গিত মিলছে। এসআইআর নিয়ে বিরোধীদের আপত্তি এবং নির্বাচনী প্রক্রিয়া সম্পর্কে তাদের অভিযোগের পাশাপাশি কংগ্রেসের নেতৃত্ব ও নির্বাচনী কৌশল নিয়ে বিজেপির আক্রমণ—দুই বিষয়ই জাতীয় রাজনীতির গুরুত্বপূর্ণ বিতর্ক হয়ে উঠেছে।

     

  • India UK Trade: ভারত-যুক্তরাজ্য বাণিজ্য সম্পর্কে নতুন গতি, এআই-সহ বিভিন্ন ক্ষেত্রে ১০০ কোটি পাউন্ডেরও বেশি চুক্তি

    India UK Trade: ভারত-যুক্তরাজ্য বাণিজ্য সম্পর্কে নতুন গতি, এআই-সহ বিভিন্ন ক্ষেত্রে ১০০ কোটি পাউন্ডেরও বেশি চুক্তি

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারত ও যুক্তরাজ্যের (India UK Trade) মধ্যে বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও মজবুত করতে বড় পদক্ষেপ। ভারতে আসা ব্রিটিশ বাণিজ্য প্রতিনিধিদল ১০০ কোটি পাউন্ডেরও বেশি মূল্যের নতুন বাণিজ্যিক চুক্তির কথা ঘোষণা করেছে। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই গবেষণা, কৃষি, শিক্ষা, উন্নত উৎপাদন শিল্প এবং বিমান পরিষেবা-সহ একাধিক ক্ষেত্রে এই চুক্তির মাধ্যমে দুই দেশের মধ্যে বিনিয়োগ ও কর্মসংস্থানের নতুন সম্ভাবনা তৈরি হবে বলে মনে করা হচ্ছে। ব্রিটিশ হাইকমিশনের প্রকাশিত বিবৃতি অনুযায়ী, এই বাণিজ্যিক উদ্যোগের মধ্যে এআই গবেষণায় ৫ কোটি পাউন্ড বিনিয়োগের ঘোষণা বিশেষভাবে উল্লেখযোগ্য। পাশাপাশি, বিমান পরিষেবা সংস্থা মেনজিস এভিয়েশন ভারতে তাদের ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনা করেছে। দুই দেশের মধ্যে স্বাক্ষরিত মুক্ত বাণিজ্য চুক্তিকে কাজে লাগিয়ে বাণিজ্যিক সম্পর্ক আরও এগিয়ে নিয়ে যাওয়াই এই সফরের অন্যতম লক্ষ্য। ১০০টিরও বেশি ব্যবসায়িক প্রতিষ্ঠানের প্রতিনিধিদের নিয়ে গঠিত ব্রিটিশ প্রতিনিধিদলে রয়েছেন যুক্তরাজ্যের ব্যবসা ও বাণিজ্য সচিব জোনাথন রেনল্ডস, স্কটল্যান্ডের সচিব, পরিবেশ, খাদ্য ও গ্রামীণ বিষয়ক দফতরের সচিব, উত্তর ইংল্যান্ডের সাতজন মেয়র এবং বিভিন্ন আঞ্চলিক প্রশাসনের প্রতিনিধিরা।

    পীযূষ গোয়েলের সঙ্গে বৈঠক, জেটকোর ১৬তম সম্মেলন

    সফর চলাকালীন নয়াদিল্লিতে কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েলের সঙ্গে বৈঠক করেন ব্রিটিশ বাণিজ্য সচিব জোনাথন রেনল্ডস। পাশাপাশি, দুই দেশের যৌথ অর্থনৈতিক ও বাণিজ্য কমিটি বা জেটকোর (JETCO) ১৬তম বৈঠকে যৌথভাবে সভাপতিত্ব করেন তাঁরা। পীযূষ গোয়েল জানান, ভারত ও যুক্তরাজ্যের অভিন্ন বাণিজ্যিক ও অর্থনৈতিক অগ্রাধিকারগুলিকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে। তিনি বলেন, ভারত-যুক্তরাজ্য সমন্বিত অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তির (CETA) সুযোগ কার্যকরভাবে কাজে লাগানো, বাণিজ্যিক বাধা দূর করা এবং দুই দেশের ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলির মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা বাড়ানোর উপর গুরুত্ব দেওয়া হয়েছে। ধারাবাহিক আলোচনা, শক্তিশালী প্রাতিষ্ঠানিক ব্যবস্থা এবং যৌথ উদ্যোগের মাধ্যমে দুই দেশের অর্থনৈতিক সহযোগিতা আরও গভীর করার প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করা হয়েছে।

    চুক্তির পর প্রায় ১২০০ কোটি পাউন্ডের বাণিজ্যিক উদ্যোগ

    ভারত-যুক্তরাজ্য মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরের পর দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক ক্রমশ গতি পাচ্ছে। ব্রিটিশ হাইকমিশনের বিবৃতি অনুযায়ী, ২০২৫ সালের জুলাইয়ে চুক্তি স্বাক্ষরের পর থেকে প্রায় ১২০০ কোটি পাউন্ড মূল্যের বাণিজ্যিক চুক্তির ঘোষণা করা হয়েছে। এই ধারাবাহিকতায় মেটা ফর ডেটা টেকনোলজিস (MFD) যুক্তরাজ্যে এআই গবেষণার জন্য ৫ কোটি পাউন্ড বিনিয়োগের কথা ঘোষণা করেছে। অন্যদিকে, ব্রিটেনের বিমান পরিষেবা সংস্থা মেনজিস এভিয়েশন ভারতে ব্যবসা সম্প্রসারণের মাধ্যমে ৬০ কোটি পাউন্ডেরও বেশি রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নিয়েছে। উন্নত উৎপাদন শিল্প, প্রযুক্তি, বিমান পরিষেবা, শিক্ষা, কৃষি এবং খাদ্য ও পানীয় শিল্পে নতুন অংশীদারিত্ব গড়ে তোলার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। এর ফলে উভয় দেশের ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলি নতুন বাজারে প্রবেশের সুযোগ পাবে বলে আশা করা হচ্ছে।

    স্কটল্যান্ডের রফতানি ও কর্মসংস্থানেও জোর

    ব্রিটিশ প্রতিনিধিদলে স্কটল্যান্ড এবং যুক্তরাজ্যের খাদ্য ও পানীয় শিল্পের একাধিক গুরুত্বপূর্ণ সংস্থার প্রতিনিধিরাও রয়েছেন। তাঁদের মধ্যে রয়েছে এগ্রিকালচার অ্যান্ড হর্টিকালচার ডেভেলপমেন্ট বোর্ড, ব্রিটিশ মিট প্রসেসরস অ্যাসোসিয়েশন, ফিভার-ট্রি, কেন্ডামিল, ন্যাশনাল ফার্মার্স ইউনিয়ন, স্যামন স্কটল্যান্ড, স্কচ হুইস্কি অ্যাসোসিয়েশন এবং ওয়াকার্স শর্টব্রেড। স্কটল্যান্ডের সচিব ডগলাস আলেকজান্ডার বলেন, এই বাণিজ্য চুক্তি স্কটল্যান্ডের রফতানিকারকদের জন্য নতুন সম্ভাবনা তৈরি করবে। বিশেষ করে স্যামন মাছ ও হুইস্কি উৎপাদকরা ভারতীয় বাজারে আরও বেশি ব্যবসার সুযোগ পেতে পারেন। একই সঙ্গে স্কটল্যান্ডে বিদেশি বিনিয়োগ বৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টিতেও এই চুক্তি সহায়ক হবে বলে তিনি আশাবাদী। পরিবেশ, খাদ্য ও গ্রামীণ বিষয়ক সচিব অ্যাঞ্জেলা ঈগল জানান, ব্রিটিশ কৃষক এবং খাদ্য ও পানীয় সংস্থাগুলির সঙ্গে কাজ করে চুক্তির প্রতিশ্রুতিগুলিকে বাস্তব রফতানির সুযোগে পরিণত করার চেষ্টা করছে সরকার। ভারতীয় বাজারে ব্রিটিশ পণ্যের পরিচিতি বাড়ানো এবং নতুন বাণিজ্যিক সম্পর্ক গড়ে তোলাই এই উদ্যোগের লক্ষ্য।

    বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে সহযোগিতা

    সফরের পরবর্তী পর্যায়ে ব্রিটিশ বাণিজ্য সচিব জোনাথন রেনল্ডস কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী জিতেন্দ্র সিংয়ের সঙ্গে ভারত-যুক্তরাজ্য বিজ্ঞান ও উদ্ভাবন পরিষদের বৈঠকে যৌথভাবে সভাপতিত্ব করবেন। এ ছাড়া মুম্বইয়ে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তাঁর। সেখানে আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর পাশাপাশি ব্রিটিশ পণ্য ও পরিষেবার প্রদর্শনীমূলক বাণিজ্য মঞ্চেও অংশ নেবেন তিনি।

    দীর্ঘমেয়াদে বছরে ২৫৫০ কোটি পাউন্ড বাণিজ্য বৃদ্ধির প্রত্যাশা

    ভারত-যুক্তরাজ্য বাণিজ্য চুক্তি কার্যকর হওয়ার তিন মাসের মাথায় এই প্রতিনিধিদলের সফরকে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। ব্রিটিশ হাইকমিশনের বিবৃতি অনুযায়ী, দীর্ঘমেয়াদে এই চুক্তির ফলে দুই দেশের মধ্যে বার্ষিক বাণিজ্যের পরিমাণ ২৫৫০ কোটি পাউন্ড পর্যন্ত বাড়তে পারে। বিশেষজ্ঞ মহলের মতে, চুক্তির সুফল বাস্তবায়িত হলে নতুন বিনিয়োগ, রফতানি বৃদ্ধি, প্রযুক্তিগত সহযোগিতা এবং কর্মসংস্থানের ক্ষেত্রে উভয় দেশই লাভবান হতে পারে। এখন মূল লক্ষ্য, চুক্তির মাধ্যমে তৈরি হওয়া সম্ভাবনাগুলিকে বাস্তব বাণিজ্যিক সাফল্যে রূপান্তরিত করা।

  • Protest Against Muhammad Yunus: “আপনি সন্ত্রাসবাদী, এখানে কেন এসেছেন?” নিউইয়র্ক বিমানবন্দরে প্রবাসী বাংলাদেশিদের বিক্ষোভের মুখে ইউনূস

    Protest Against Muhammad Yunus: “আপনি সন্ত্রাসবাদী, এখানে কেন এসেছেন?” নিউইয়র্ক বিমানবন্দরে প্রবাসী বাংলাদেশিদের বিক্ষোভের মুখে ইউনূস

    মাধ্যম নিউজ ডেস্ক: নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের প্রাক্তন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসকে ঘিরে উত্তেজনা ছড়াল। বাংলাদেশি প্রবাসীদের একাংশ তাঁকে ‘সন্ত্রাসবাদী’ বলে আক্রমণ করে। তাঁদের অভিযোগ, ইউনূসের আমলে বাংলাদেশে গণতন্ত্র ধ্বংস হয়েছে এবং হাজার হাজার মানুষের মৃত্যু হয়েছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওয় দেখা গিয়েছে, বিমানবন্দর থেকে বেরিয়ে যাওয়ার সময় ইউনূসকে লক্ষ্য করে এক বিক্ষোভকারী চিৎকার করে বলছেন, “আপনি সন্ত্রাসবাদী, এখানে কেন এসেছেন? আপনি আমার দেশের গণতন্ত্র ধ্বংস করেছেন!” অন্য এক ব্যক্তিকে বলতে শোনা যায়, “বাংলাদেশে হাজার হাজার মানুষকে হত্যা করেছেন।” বিক্ষোভকারীদের কয়েক জনের অভিযোগ, তাঁর আমলে বহু বাংলাদেশি পুলিশকর্মীর মৃত্যু হয়েছে। বিক্ষোভরত প্রবাসী বাংলাদেশীরা ইউনূসকে ‘ফিরে যান’ স্লোগান দেন।

    ইউনূসের ১৮ মাসের শাসন নিয়ে প্রশ্ন

    বাংলাদেশের সংবাদমাধ্যম ডেইলি সান-এর প্রতিবেদন অনুযায়ী, গত ১২ অক্টোবর দোহা থেকে কাতার এয়ারওয়েজের বিমানে নিউইয়র্কে পৌঁছন ইউনূস। বিমানবন্দরের টার্মিনাল ৮-এ পৌঁছনোর পরই একদল বাংলাদেশি প্রবাসী তাঁকে ঘিরে বিক্ষোভ দেখান। ভিডিওয় তাঁকে হুইলচেয়ারে বিমানবন্দর থেকে বেরিয়ে যেতে দেখা গিয়েছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ইউনূসের প্রায় ১৮ মাসের মেয়াদ নিয়ে দীর্ঘদিন ধরেই বিতর্ক চলছে। তাঁর প্রশাসনের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসা, যথেচ্ছ গ্রেফতার, সংখ্যালঘুদের উপর ক্রমবর্ধমান হামলা এবং আইনজীবী, রাজনীতিক, সাংবাদিক, শিক্ষাবিদ ও রাজনৈতিক কর্মীদের দীর্ঘদিন আটক রাখার অভিযোগ উঠেছে। ডেইলি সান-এর একটি সাম্প্রতিক প্রতিবেদনে ওই সময়ে কত জনকে গ্রেফতার করা হয়েছে, কত জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের হয়েছে এবং কত জনের বিচার হয়েছে, তার প্রকাশ্য নথির অভাব নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, অন্তর্বর্তী সরকারের অন্যতম প্রধান প্রতিশ্রুতি ছিল রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানে ব্যাপক সংস্কার করা। কিন্তু সমালোচকদের দাবি, বাস্তবে নির্বাচিত জনপ্রতিনিধিদের পরিবর্তে অনির্বাচিত নাগরিক সমাজের ব্যক্তিত্ব, একটি প্রভাবশালী ‘কিচেন ক্যাবিনেট’ এবং বিভিন্ন স্বার্থগোষ্ঠীর প্রভাব বেড়েছিল। তাঁদের অভিযোগ, এই ব্যবস্থায় গণতান্ত্রিক জবাবদিহি যথেষ্ট ছিল না।

    রাষ্ট্রযন্ত্রের রাজনৈতিক ব্যবহার

    অন্তর্বর্তী প্রশাসনের বিরুদ্ধে ওঠা আরেকটি বড় অভিযোগ হল, রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানকে রাজনৈতিকভাবে প্রভাবিত করা হয়েছে। ডেইলি সান-এর প্রতিবেদন অনুযায়ী, সমালোচকদের একাংশের দাবি, ওই সময়ের রাজনৈতিক অস্থিরতার সুযোগ নিয়ে জামায়াতে ইসলামী এবং ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি) প্রশাসনের কিছু অংশ ও অন্যান্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে নিজেদের প্রভাব বাড়িয়েছে। সমালোচকদের মতে, প্রশাসনিক সংস্কার ও সুশাসনের প্রত্যাশা পূরণের পরিবর্তে ওই সময়ে পৃষ্ঠপোষকতা, ব্যক্তিগত স্বার্থসিদ্ধি এবং দুর্নীতি নিয়ে বিতর্ক বেড়েছে। সব মিলিয়ে, নিউইয়র্ক বিমানবন্দরে ইউনূসকে ঘিরে এই বিক্ষোভ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কার্যকলাপ ও তার উত্তরাধিকার নিয়ে চলতে থাকা রাজনৈতিক বিতর্ককে ফের সামনে নিয়ে এসেছে।

  • Real Madrid vs Barcelona: নভেম্বরে কলকাতায় এল ক্লাসিকো! রিয়াল বনাম বার্সার ম্যাচ দেখতে পারে শহরবাসী

    Real Madrid vs Barcelona: নভেম্বরে কলকাতায় এল ক্লাসিকো! রিয়াল বনাম বার্সার ম্যাচ দেখতে পারে শহরবাসী

    মাধ্যম নিউজ ডেস্ক: শারোদৎসবের আগেই ফুটবল উৎসবে মেতেছিল কলকাতা। গিয়েছেন ভিনিসিয়াস জুনিয়র, ম্যাক্সিমিলিয়ানো আরাউহোরা। ভারতের সঙ্গে ফিফা ফ্রেন্ডলিতে ম্যাচ খেলেছেন ব্রাজিল ও উরুগুয়ে দলের সদস্যরা। এরপরেই আবার চমক। শোনা যাচ্ছে, ফুটবলবিশ্বে অন্যতম সেরা দুই ক্লাব রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার (Real Madrid vs Barcelona) কিংবদন্তি ফুটবলারদের লড়াই দেখতে চলেছে তিলোত্তমা।

    কলকাতায় এল ক্লাসিকো

    নবান্ন সূত্রে খবর, আগামী ২৫ নভেম্বর কলকাতায় এল ক্লাসিকো (El-Classico) হতে পারে। খেলবে স্প্যানিশ তথা ইউরোপীয় ফুটবলের দুই মহাশক্তিধর ক্লাব রিয়াল এবং বার্সা। সন্দেহ নেই কলকাতার ফুটবল প্রেমীদের কাছে এটা বড় খবর। তবে, যেটা জানা যাচ্ছে, এই দুই ক্লাবের বর্তমান তারকা ফুটবলাররা শহরে না-ও আসতে পারেন। সেক্ষেত্রে এই দুই দলের প্রাক্তন ফুটবলাররা মাঠে নামবেন। এই ম্যাচে টিকিটের দাম যাতে সাধারণ মানুষের ক্ষমতার মধ্যে থাকে, সেই দিকটা দেখা হচ্ছে এবার। কারণ, সম্প্রতি ভারত-ব্রাজিলের যে ম্যাচ কলকাতায় হয়েছিল, তার টিকিটের দাম দুর্মূল্য হওয়ায় অনেকেই দেখতে যেতে পারেননি। এদিকে, কারা এই দুই দলকে কলকাতায় আনছে, টিকিটের বন্দোবস্ত কী হবে, তা এখনও স্পষ্ট নয়। রাজ্য সরকারের শীর্ষ সূত্রে খবর, নভেম্বরের তৃতীয় সপ্তাহে এই ম্যাচ হবে। তার পরেই আবার পুরসভা ভোট হওয়ার কথা। ওই পর্বে আইএসএল-এরও ম্যাচ চলবে। তার মধ্যেই শহরে আসবে ভিনিসিয়াস জুনিয়র, ইয়ামেলদের দল।

    রাজ্য সরকারের উদ্যোগে এই বিশেষ ম্যাচ

    গত বছর ডিসেম্বরে লিওনেল মেসিকে কেন্দ্র করে বিপর্যয়ের ছবি দেখেছিল যুবভারতী। যাতে সরাসরি জড়িয়ে গিয়েছিল তৎকালীন শাসকদল তৃণমূল। তর পর অবশ্য পালাবদলের পরে ভারতের সঙ্গে ফ্রেন্ডলি ম্যাচ খেলেছে ব্রাজিল এবং উরুগুয়ে। এবার এল ক্লাসিকোর অপেক্ষা। সরকারের তরফে ইতিমধ্যেই এই ম্যাচের জন্য প্রস্তুতি নেওয়া শুরু হয়ে গিয়েছে বলে জানা গিয়েছে। এই ম্যাচ নিয়ে খুব শীঘ্রই আনুষ্ঠানিক ঘোষণা করা হবে সরকারের তরফ থেকে। অতীতে এভাবেই কলকাতায় খেলে গিয়েছিল বায়ার্ন মিউনিখের লেজেন্ডস দল। ২০০৮ সালে অলিভার কানের বিদায়ী ম্যাচ হিসেবে কলকাতায় মোহন বাগানের বিরুদ্ধে খেলেছিল বায়ার্ন মিউনিখ। এমনকি এর পরেও এসেছিল বায়ার্ন।

  • Rahul Gandhi’s Petition: ভুলে ভরা…! সুপ্রিম কোর্টে করা রাহুল গান্ধীর আবেদনে ১৪টি ত্রুটি, বকেয়া ২২০ টাকা কোর্ট ফি-ও

    Rahul Gandhi’s Petition: ভুলে ভরা…! সুপ্রিম কোর্টে করা রাহুল গান্ধীর আবেদনে ১৪টি ত্রুটি, বকেয়া ২২০ টাকা কোর্ট ফি-ও

    মাধ্যম নিউজ ডেস্ক: ভোটার তালিকায় অনিয়মের অভিযোগ এবং ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়াকে চ্যালেঞ্জ জানিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধী-সহ বিরোধী নেতাদের দায়ের করা যৌথ আবেদনে ১৪টি ত্রুটি চিহ্নিত করল সুপ্রিম কোর্টের রেজিস্ট্রি। এর মধ্যে রয়েছে ২২০ টাকা কোর্ট ফি কম জমা দেওয়া, নয়জন আবেদনকারীর প্রয়োজনীয় অনুমোদনপত্র না থাকা এবং কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের পরিচয়পত্রের অস্পষ্ট ফটোকপি। সোমবার দিল্লিতে নির্বাচন প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে সুপ্রিম কোর্টের দিকে মিছিল করেন বিরোধী ‘ইন্ডি’-জোটের একাধিক নেতা ও সমর্থক। সেই সময়ই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ‘ভোট চুরি’র অভিযোগ তুলে শীর্ষ আদালতে আবেদন জমা দেয় বিরোধী নেতাদের আইনজীবী দল।

    কী কী ত্রুটি চিহ্নিত হয়েছে?

    সুপ্রিম কোর্টের রেজিস্ট্রির তরফে আবেদনে একাধিক নথিগত ও পদ্ধতিগত ত্রুটির কথা জানানো হয়েছে। এর মধ্যে রয়েছে কয়েকজন আবেদনকারীর প্রয়োজনীয় ‘ভকালতনামা’ বা আইনজীবী নিয়োগের অনুমতিপত্র না থাকা, মল্লিকার্জুন খাড়গের পরিচয়পত্রের স্পষ্ট প্রতিলিপি জমা দেওয়ার নির্দেশ এবং কয়েকটি নথির রঙিন কপি জমা না দেওয়া। এ ছাড়াও আবেদনের কয়েকটি অংশের অক্ষর অত্যন্ত ছোট হওয়া, অস্পষ্ট বা ঝাপসা লেখা, কিছু পৃষ্ঠা অনুপস্থিত থাকা, আঞ্চলিক ভাষায় লেখা পৃষ্ঠা সংক্রান্ত সমস্যা এবং পৃষ্ঠার নম্বরের অসঙ্গতির মতো ত্রুটি তুলে ধরা হয়েছে। এই আবেদনে রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়গে, তৃণমূল কংগ্রেসের সাংসদ সৌগত রায়, সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব, তেজস্বী প্রসাদ যাদব, সুপ্রিয়া সুলে, শিবসেনা (উদ্ধব বালাসাহেব ঠাকরে) গোষ্ঠীর নেতা সঞ্জয় রাউত, ডি রাজা, ঝাড়খণ্ড মুক্তি মোর্চার মহুয়া মাঝি, এম এ বেবি এবং ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগের নেতা ই টি মহম্মদ বশির-সহ একাধিক বিরোধী নেতা আবেদনকারী হিসেবে রয়েছেন। আবেদনে প্রতিপক্ষ হিসেবে নাম রয়েছে ভারতের নির্বাচন কমিশন, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এবং নির্বাচন কমিশনার সুখবীর সিং সান্ধু ও বিবেক যোশীর। রেজিস্ট্রির চিহ্নিত ত্রুটিগুলি সংশোধন করার পরেই আবেদনটি শুনানির জন্য তালিকাভুক্ত হতে পারে।

    আবেদনে কী কী দাবি জানিয়েছে ‘ইন্ডি’ জোট?

    আবেদনকারীদের প্রধান দাবিগুলির মধ্যে রয়েছে— এসআইআর প্রক্রিয়া সংক্রান্ত সমস্ত নথি ও তথ্য আদালতে পেশ করার নির্দেশ। এসআইআর সংক্রান্ত নির্বাচন কমিশনের সিদ্ধান্তগুলির সাংবিধানিক বৈধতা খতিয়ে দেখা। অনিয়মের জন্য দায়ী আধিকারিকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ আবেদনকারীদের অভিযোগ ও সমস্যার প্রতিকার। গোটা প্রক্রিয়ার নিরপেক্ষ তদন্তের জন্য একটি স্বাধীন কমিটি গঠন-সহ অন্যান্য পদক্ষেপ। বিরোধী নেতাদের অভিযোগ, ভোটার তালিকা সংশোধন এবং নির্বাচন পরিচালনার ক্ষেত্রে একাধিক অনিয়ম ঘটেছে। সেই অভিযোগের ভিত্তিতেই তাঁরা আদালতের দ্বারস্থ হয়েছেন। তবে এই অভিযোগগুলির সত্যতা বিচারাধীন বিষয়।

    প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাতের আবেদন খারিজ

    সোমবার সুপ্রিম কোর্টে যাওয়ার আগে বিরোধী নেতারা প্রধান বিচারপতি সূর্য কান্তের সঙ্গে সাক্ষাতের জন্য আবেদন করেছিলেন। তাঁদের উদ্দেশ্য ছিল, কথিত ‘ভোট চুরি’ বন্ধ করা, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ, এসআইআর প্রক্রিয়া স্থগিত করা এবং ব্যালট পেপারে ভোট ফেরানোর দাবিতে একটি স্মারকলিপি জমা দেওয়া। কিন্তু বিষয়টি আদালতের বিচারাধীন থাকায় প্রধান বিচারপতি সাক্ষাতের অনুরোধ গ্রহণ করেননি বলে প্রতিবেদনে জানানো হয়েছে।

  • Police Recruitment: রাজ্যে আরও ৯ হাজার পুলিশ নিয়োগ! সিভিক ভলান্টিয়ার দিয়ে থানা চলবে না, ঘোষণা মুখ্যমন্ত্রীর

    Police Recruitment: রাজ্যে আরও ৯ হাজার পুলিশ নিয়োগ! সিভিক ভলান্টিয়ার দিয়ে থানা চলবে না, ঘোষণা মুখ্যমন্ত্রীর

    মাধ্যম নিউজ ডেস্ক: দেবীপক্ষে নবনিযুক্ত পুলিশ কর্মীদের (Police Recruitment) হাতে নিয়োগপত্র তুলে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। রাজ্যে নভেম্বরের মধ্যে আরও নয় হাজার পুলিশ কর্মী নিয়োগের ঘোষণাও করেন তিনি ৷ তাঁর দাবি, দু’বছরের মধ্যে পুলিশের সংখ্যায় উত্তরপ্রদেশকে ছাপিয়ে যাবে পশ্চিমবঙ্গ। এদিন তিনি জানান, আগের সরকারের তৈরি করা আইনি জটিলতা কাটিয়েই এই নিয়োগ সম্ভব হয়েছে। বিধানসভায় অধিবেশন বসিয়ে ওবিসি জট মুক্ত করেছে বর্তমান সরকার। সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের আইনি বাধা কাটাতে সরকারি আধিকারিকদের ভূমিকার প্রশংসা করেন তিনি। এদিন, দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ার ডাক দিয়ে শুভেন্দু বলেন, “রাষ্ট্র প্রথম, এটা মাথায় রেখে কাজ করবেন। অবৈধ অনুপ্রবেশকারীদেরকে তাড়াবেন। সমস্ত অবৈধ কাজ থেকে দূরে থাকবেন।” বাংলাদেশ, নেপাল, ভুটান ও চিন সীমান্তের প্রসঙ্গ তুলে মুখ্যমন্ত্রী বলেন, “শুধু একা আর্মি বিএসএফ লড়বে না। আপনাকেও প্রয়োজন হলে লড়তে হবে।”

    নিয়ম মেনে নিয়োগ হবে

    মুখ্যমন্ত্রী বলেন, “আমি কথা দিলাম আরও সাড়ে চার বছর এই সরকার আছে। কোথাও এতটুকু ত্রুটি হবে না। নিয়ম মেনে নিয়োগ হবে।” রাজ্যে সিভিক ভলান্টিয়ার দিয়ে থানা চালানোর কড়া সমালোচনা করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, দেশে প্রতি এক লক্ষ মানুষে পুলিশের গড় ১৫৫ জন। উত্তরপ্রদেশে সেই সংখ্যা ২০০। আর পশ্চিমবঙ্গে সবচেয়ে কম, মাত্র ১০৫ জন। এই ঘাটতি মেটাতে আগামী নভেম্বরের শেষ সপ্তাহে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে নয় হাজার নতুন নিয়োগের বিজ্ঞপ্তি জারির ঘোষণা করেন তিনি। পাশাপাশি ডিসেম্বরের মধ্যে কলকাতা পুলিশের চার হাজার কনস্টেবল নিয়োগ সম্পন্ন হবে। পিএসসি-র মাধ্যমে ৬৫০ জন ক্লার্ক এবং ১ হাজার ১৩১ জন এসআই নিয়োগের প্রক্রিয়াও দ্রুত শেষ করা হবে।

    রাজ্য পুলিশকে বিশেষ প্রশিক্ষণ

    মুখ্যমন্ত্রীর কথায়, “আমি কথা দিয়ে গেলাম, পশ্চিমবঙ্গ উত্তরপ্রদেশের উপরে যাবে। দু’বছরের মধ্যে পশ্চিমবঙ্গ উত্তরপ্রদেশের থেকেও পুলিশের সংখ্যায় বেশি থাকবে।” পুলিশ কর্মীদের বকেয়া ডিএ এবং অন্যান্য সুযোগ-সুবিধা নিয়েও এদিন বড় ঘোষণা করেন তিনি। মুখ্যমন্ত্রী জানান, পুরনো পুলিশ কর্মীদের দীর্ঘদিনের বকেয়া ২০ শতাংশ ডিএ মিটিয়ে দেওয়া হয়েছে। ফলে পুজোর আগেই তাঁরা মোট ৩৮ শতাংশ হারে ডিএ পাচ্ছেন। আগামী ১৫ অক্টোবর তাঁদের অগ্রিম বেতনও দেওয়া হবে। রাস্তায় কর্মরত পুলিশদের জন্য হিডকো এবং এনকেডিএ-র তহবিল থেকে ২০ হাজার রেনকোট, ছাতা ও গামবুটের ব্যবস্থা করা হয়েছে। কর্মীদের রেশন ভাতা ১৫০০ টাকা থেকে বাড়িয়ে ২০০০ টাকা করা হয়েছে। সপ্তম পে কমিশন কার্যকর করতে প্রবীণ আইএএস অফিসার নবীন প্রকাশের নেতৃত্বে কমিটি গঠনের কথাও জানান তিনি। রাজ্যের ভৌগোলিক অবস্থানের কথা মাথায় রেখে পুলিশকে আরও দক্ষ করতে বিশেষ প্রশিক্ষণের ঘোষণাও করেন তিনি। আগামী দিনে অসমের লাচিত বরফুকান পুলিশ ট্রেনিং ইনস্টিটিউট এবং গুজরাটের রাষ্ট্রীয় রক্ষা বিশ্ববিদ্যালয়ে রাজ্য পুলিশের কর্মীদের প্রশিক্ষণের জন্য পাঠানো হবে।

LinkedIn
Share