Tag: bangla news

bangla news

  • Dilip Ghosh: “নাটক বন্ধ করুন মমতা”, ধর্ষণ-বিরোধী বিলকে কটাক্ষ দিলীপের

    Dilip Ghosh: “নাটক বন্ধ করুন মমতা”, ধর্ষণ-বিরোধী বিলকে কটাক্ষ দিলীপের

    মাধ্যম নিউজ ডেস্ক: আরজি করকাণ্ডের (RG Kar Incident) জেরে আজ, সোমবার থেকে শুরু হচ্ছে দু’দিনের বিশেষ অধিবেশন। ধর্ষকদের ফাঁসির সাজার ব্যবস্থা করতেই বসছে বিশেষ অধিবেশন। মঙ্গলবার এ সংক্রান্ত বিল পেশ হবে বিধানসভায়। ধর্ষণ-বিরোধী যে বিল আনতে চলেছে রাজ্যের তৃণমূল সরকার, তা নিয়ে রাজ্যের শাসকদলকে নিশানা করলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)।

    কী বললেন দিলীপ ঘোষ? (Dilip Ghosh)

    তিনি বলেন, “প্রকাশ্যে মহিলাদের ওপর হামলা হচ্ছে। আরজি করে মহিলার মৃতদেহের ময়নাতদন্তের সময় বাড়ির লোককে রাখা হয়নি। যারা অপরাধীদের আড়াল করছে, তারা কোন মুখে বড় বড় কথা বলে?” বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি বলেন, “আজ নাটক করছে, ফাঁসির আইন আনবে। কে অধিকার দিয়েছে আইন করার? এই নাটক বন্ধ করুন মমতা বন্দ্যোপাধ্যায়।” রবিবার বিকেলে হাওড়া থানা ঘেরাও কর্মসূচি পালন করে বিজেপি। এদিন হাওড়া থানায় এসেছিলেন দিলীপও (Dilip Ghosh)। তিনি অবশ্য এসেছিলেন নবান্ন অভিযানে পুলিশের হাতে গ্রেফতার হওয়া বিক্ষোভকারীদের দেখতে। হাওড়া হাসপাতালের ঘটনা প্রসঙ্গে দিলীপ বলেন, “গত ১২ বছর ধরে একজনই সুপারের পদে বসে রয়েছেন। এটা কীভাবে সম্ভব? নাবালিকাকে সিটি স্ক্যান করতে ভেতরে নিয়ে যাওয়া হল। অথচ সেখানে কোনও মহিলা কর্মী ছিলেন না!”

    আরও পড়ুন: ‘বাইরে অপরাধীরা, ভয়ে নির্যাতিতারা’, ধর্ষণের মামলার বিলম্ব নিয়ে সরব রাষ্ট্রপতি

    আইওয়াশের চেষ্টা রাজ্য সরকারের!

    প্রশ্ন হল, কেন ধর্ষণ-বিরোধী যে বিল বিধানসভায় আনা হচ্ছে, তাকে নাটক বললেন দিলীপ? রাজনৈতিক মহলের মতে, নিছক আইওয়াশ করতেই বিধানসভার বিশেষ অধিবেশন ডেকে আরজি করকাণ্ডে উদ্ভুত পরিস্থিতির মোকাবিলা করতে চাইছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এই চেষ্টা তিনি আগেও করেছেন। চিকিৎসক খুনের পরে পরেই ধর্ষকের শাস্তির দাবিতে পথে নেমে পড়েছিলেন তিনি। এবার আনতে চলেছেন বিল। অথচ, দেশের নয়া আইনেই ধর্ষককে কড়া শাস্তি দেওয়ার সংস্থান রয়েছে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী স্বয়ং।

    দিন দুই আগে কেন্দ্রীয় মন্ত্রী অন্নপূর্ণ দেবী জানিয়েছিলেন, রাজ্যে একাধিক অতিরিক্তি ফাস্ট ট্র্যাক স্পেশাল কোর্ট চালু হয়নি। মন্ত্রীর দাবি, তার জেরে বকেয়া রয়েছে ধর্ষণ ও পকসো সংক্রান্ত কয়েক হাজার মামলা। সে সব ব্যাপারে কোনও উদ্যোগ না নিয়েই বিশেষ অধিবেশন ডেকে মমতা যে ‘নাটক’ করছেন, দিলীপ (Dilip Ghosh) তাঁকেই কটাক্ষ করেছেন (RG Kar Incident) বলে ধারণা ওয়াকিবহাল মহলের।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • RG Kar Incident: ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ নন, লাল জামা পরা ব্যক্তি অভীক দে-ই! পুলিশের দাবি খারিজ আইএমএ-র

    RG Kar Incident: ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ নন, লাল জামা পরা ব্যক্তি অভীক দে-ই! পুলিশের দাবি খারিজ আইএমএ-র

    মাধ্যম নিউজ ডেস্ক: আরজি কর মেডিক্যালে (RG Kar Incident) চিকিৎসকের দেহ উদ্ধারের দিন সেমিনার হলে কারা ছিলেন? বারবার ফিরে আসছে এই প্রশ্ন। তথ্য প্রোমাণ লোপাটের চেষ্টায় সেদিন কী সেমিনার রুমে জড়ো হয়েছিল অনেক মাথা, এমন প্রশ্নও উঠছে। আরজি কর মেডিক্যালের সেমিনার হলে লাল জামা পরা ব্যক্তি এসএসকেএম মেডিক্যাল কলেজের সার্জারি বিভাগের প্রথম বর্ষের পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি অভীক দে। নিজেদের দাবিতে অনড় রয়েছে আইএমএ-র রাজ্য শাখা। যদিও ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (IMA) পশ্চিমবঙ্গ শাখার দাবি খারিজ করে লালবাজার সূত্রে খবর, ওই ব্যক্তি কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ আনিসুর রহমান। চুলের ধরন দেখে আনিসুরকে অভীক বলে মনে হচ্ছে বলে পুলিশের সূত্র উদ্ধৃত করে ওই রিপোর্টে জানানো হয়েছে। 

    কী বলছে আইএমএ

    কলকাতা পুলিশের দাবি নিয়ে প্রশ্ন তুলেছে চিকিৎসকদের সংগঠন ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন। পাশাপাশি, এই বিষয়ে অবস্থান স্পষ্ট করার জন্য কলকাতা পুলিশকে কার্যত চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে চিকিৎসকদের সংগঠন। প্রাথমিকভাবে আএএমএ-র দাবি খারিজ করলেও, এবিষয়ে নতুন করে আর কোনও বক্তব্য মেলেনি কলকাতা পুলিশের তরফে। সোশ্যাল মিডিয়ায় তারা লিখেছে, ‘আমরা দৃঢ়ভাবে বলতে পারি ওই ব্যক্তি অভীক দে। ৪১ ঘণ্টা পেরিয়ে গেলেও কলকাতা পুলিশ বলেনি, লাল জামা পরা ব্যক্তি অভীক দে নন। অভীক দে নিজেও সামনে এসে সেমিনার হলে থাকার কথা অস্বীকার করেননি।’ আইএমএ বেঙ্গল অ্যাকশন কমিটির সদস্য অভীক ঘোষ বলেন, মানুষের কাছে এটা খুব পরিষ্কার হয়ে গিয়েছে যে, সেদিনকে আরজি করে ক্রাইম সিনে ঘটনা ঘটার পর বহু মানুষ ঢুকেছেন। বহু মানুষ ঢোকার জন্য নিশ্চিতভাবে সেখানে তথ্যপ্রমাণ বিকৃতি হতে বাধ্য।

    পুলিশের দাবি

    গত শুক্রবার সোশ্যাল মিডিয়ায় দুটি ছবি ভাইরাল হয়ে গিয়েছিল। তাতে দাবি করা হয়েছিল যে আরজি কর (RG Kar Incident) মেডিক্যাল কলেজ এবং হাসপাতালের সেমিনার হলের মধ্যে ওই ছবি তোলা হয়েছে। সাদা চাদর দিয়ে ঘেরা অংশের মধ্যেই তরুণী চিকিৎসকের (স্নাতকোত্তরের দ্বিতীয় বর্ষের পড়ুয়া) দেহ ছিল। সেই পরিস্থিতিতে ‘ক্রাইম সিন’-এ এত লোকজন ছিলেন কেন, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছিল। পরবর্তীতে কলকাতা পুলিশের তরফে সাংবাদিক বৈঠক করে দাবি করা হয় যে ওই দুটি ছবিতে যাঁদের যাঁদের দেখা গিয়েছে, তাঁদের সকলেই পুলিশ বা ফরেন্সিক বিভাগের প্রতিনিধি। তাঁরা কেউ বহিরাগত নন। তবে দ্বিতীয় ছবিতে লাল জামা পরিহিত এক ব্যক্তিকে নিয়ে বিতর্ক শুরু হয়। পুলিশের তরফে দাবি করা হয় যে ওই ব্যক্তি হলেন ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ। যাঁর মাথায় মধ্যবর্তী অংশে টাক ছিল।

    আরও পড়ুন: ‘বাইরে অপরাধীরা, ভয়ে নির্যাতিতারা’, ধর্ষণের মামলার বিলম্ব নিয়ে সরব রাষ্ট্রপতি

    অভীক দে-এর পরিচয়

    অভিযোগ উঠেছে, স্বাস্থ্যক্ষেত্রে যে সিন্ডিকেট আছে, সেটা চালায় ‘উত্তরবঙ্গ লবি’। আর অভীক সেই লবির অন্যতম প্রভাবশালী ব্যক্তি। ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের পশ্চিমবঙ্গ শাখার দাবি, যেভাবে স্নাতকোত্তর কোর্সে ভর্তি হয়েছিলেন অভীক, তা নিয়েও অনেক বিতর্ক আছে। সার্ভিস কোটায় যাতে ভর্তি হতে পারেন, সেজন্য তাঁকে ভুয়ো সার্টিফিকেট দেওয়া হয়েছিল। অভীক সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ বলেও দাবি করা হয়েছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Suvendu Adhikari: “শহরটা যুদ্ধক্ষেত্র নয়”, নির্মম পুলিশি অত্যাচারের বিরুদ্ধে ক্ষোভ শুভেন্দুর

    Suvendu Adhikari: “শহরটা যুদ্ধক্ষেত্র নয়”, নির্মম পুলিশি অত্যাচারের বিরুদ্ধে ক্ষোভ শুভেন্দুর

    মাধ্যম নিউজ ডেস্ক: অন্যের উপর হামলা চালানোটা হল একটা অপরাধ। এই শহরটা যুদ্ধক্ষেত্র নয়। ঠিক এই ভাবেই পুলিশ সামজিক মাধ্যমে বক্তব্য উপস্থাপন করেছে। এবার তার জবাব দিলেন রাজ্যের বিরোধী দলনেতা। নিজের এক্স হ্যান্ডেলে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) সাম্প্রতিক নবান্ন অভিযানের একটি ভিডিও শেয়ার করেন। সেখানে দেখা যাচ্ছে পুলিশ বেধড়কভাবে আন্দলনকারীদের মারধর করছেন। শুভেন্দু মনে করিয়ে দেন, এভাবেই সেদিন পুলিশ মানবাধিকারকে লঙ্ঘন করেছিল। ভিডিওর সত্যতা যাচাই করেনি মাধ্যম।

    শহরকে যুদ্ধক্ষেত্র বানিয়েছে পুলিশ (Suvendu Adhikari)

    পুলিশের অমানবিক আচরণের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে শুভেন্দু (Suvendu Adhikari) এক্স হ্যান্ডলে বলেছেন, “আমি রাজ্য পুলিশের সঙ্গে একমত যে অপরজনকে আঘাত করাটা একটা অপরাধ। এই শহরটা যুদ্ধক্ষেত্র নয়। কিন্তু ২০২৪ সালের ২৭ অগাস্ট ভুলে গেলেন? কেন কলকাতা পুলিশ এভাবে আন্দোলনকারীদের বেধড়ক মারধর করলেন? মেট্রো রেল স্টেশনে অরাজনৈতিক বিক্ষোভকারীদের উপর হামলা চালালেন হকি স্টিক নিয়ে! তাঁরা কী ওখানে কোনও ব্যারিকেড ভেঙেছিলেন? আপনারা এই শহরকে যুদ্ধক্ষেত্র বানিয়েছেন, আপনারা যুদ্ধের অপরাধকে সংগঠিত করছেন। নিজেদের একবার দেখুন এই ভিডিওতে। আপনারাও সাধু নন। তাই নিজেদের এভাবে উপস্থাপন করবেন না।”

    নির্মম অত্যাচারের ভিডিও

    শুভেন্দুর (Suvendu Adhikari) পোস্ট করা ভিডিওতে দেখা যাচ্ছে, কলকাতা পুলিশ রীতিমতো টানতে টানতে নিয়ে যাচ্ছে বিক্ষোভকারীদের। মাটিতে ফেলে করা হচ্ছে মারধর। এরপর আরও এক আন্দোলনকারীকে বেধড়ক লাঠি দিয়ে পেটানো হচ্ছে। বড় বাজার এলাকায় এই ভাবে পুলিশ নির্মম অত্যাচার করেছে। টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে সকলকে। একই ভাবে বিক্ষোভকারীদের দিকে পাথর ছুড়তেও দেখা গিয়েছে পুলিশকে।

    আরও পড়ুনঃ ফের প্রশ্নে বাংলার নারী নিরাপত্তা! নাবালিকা রোগী ও নার্সের শ্লীলতাহানির অভিযোগে তোলপাড়

    জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি

    অপর দিকে,  আরজি কর হত্যাকাণ্ডের বিরুদ্ধে ন্যায়বিচারের দাবিতে জুনিয়র ডাক্তাররা কর্ম বিরতির ডাক দিয়েছেন। একাধিক কর্মসূচি নিয়েছেন তাঁরা। ঘরের আলো বন্ধ করে প্রদীপ জ্বালিয়ে প্রতীকী প্রতিবাদের কথা জানিয়েছেন। আজ সোমবার, ২ সেপ্টেম্বর লালাবাজার অভিযানের ডাক দিয়েছেন তাঁরা। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Journalist Umesh Upadhyay: চারতলা থেকে পড়ে গিয়ে মৃত সাংবাদিক উমেশ উপাধ্যায়, শোকবার্তা মোদির

    Journalist Umesh Upadhyay: চারতলা থেকে পড়ে গিয়ে মৃত সাংবাদিক উমেশ উপাধ্যায়, শোকবার্তা মোদির

    মাধ্যম নিউজ ডেস্ক: দুর্ঘটনায় প্রয়াত হলেন দেশের অন্যতম বিশিষ্ট সাংবাদিক উমেশ উপাধ্যায় (Journalist Umesh Upadhyay)। রবিবার অত্যন্ত দুঃখজনক এই ঘটনাটি ঘটে সাংবাদিকের নিজের বাড়িতেই। চারতলা থেকে দ্বিতীয় তলে পড়ে যান উমেশ উপাধ্যায়। তাঁর বাড়ির মেরামতের কাজ চলছিল দিল্লির বসন্তকুঞ্জ এলাকায়। সেই কাজ তদারকি করতে গিয়েই মাত্র ৬৪ বছর বয়সেই প্রয়াত হলেন তিনি। বিশিষ্ট সাংবাদিকের প্রয়াণে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও (PM Modi)। প্রসঙ্গত, উমেশ উপাধ্যায়ের (Journalist Umesh Upadhyay) অন্যতম পরিচয় হল যে তিনি দিল্লির বিজেপির প্রাক্তন বিজেপি সভাপতি সতীশ উপাধ্যায়ের দাদা। চারতলা থেকে পড়ে যাওয়ায় তাঁর মাথায় গুরুতর আঘাত লাগে। গতকাল রবিবার সকালেই এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। মাথার পাশাপাশি ব্যাপকভাবে আঘাত লাগে তাঁর মেরুদণ্ডেও।

    প্রধানমন্ত্রীর শোকবার্তা (Journalist Umesh Upadhyay)

    এই ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নিজের এক্স হ্যান্ডেলের বার্তায় প্রধানমন্ত্রী (PM Modi) লেখেন, ‘‘দেশের বিশিষ্ট সাংবাদিক এবং লেখক উমেশ উপাধ্যায়ের (Journalist Umesh Upadhyay) অসংখ্য অবদান রয়েছে ডিজিটাল মিডিয়া এবং টেলিভিশনে। তাঁর মৃত্যুতে এক অপূরণীয় ক্ষতি হল সাংবাদিকতার জগতে। আমি তাঁর পরিবারকে এই সময় সমবেদনা জানাই।’’

    তদন্ত করছে দিল্লি পুলিশ

    আনুষ্ঠানিক বিবৃতিতে জানানো হয়েছে যে, রবিবার সকাল সাড়ে দশটা নাগাদ যখন উমেশ উপাধ্যায় (Journalist Umesh Upadhyay) নিজের বাড়ির কাজ তদারকি করছিলেন তখনই চারতলা থেকে তিনি দ্বিতীয় তলায় পড়ে যান। এরপর বেলা ১১টা নাগাদ তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন উমেশ উপাধ্যায়। ঠিক কীভাবে এমন ঘটনা ঘটল তা তদন্ত করছে দিল্লি পুলিশ।

    সংক্ষিপ্ত জীবনী

    জানা যায়, ১৯৫৮ সালে উত্তরপ্রদেশের মথুরায় জন্মগ্রহণ করেন উমেশ উপাধ্যায়। ২২ বছর বয়সেই তিনি সাংবাদিকতার জগতে প্রবেশ করেন। সেটা ছিল ১৯৮০ সাল। অল্প দিনের মধ্যেই সাংবাদিকতা জগতে নজর কাড়েন উমেশ উপাধ্যায়। সম্প্রতি ‘ওয়েস্টার্ন মিডিয়া ন্যারেটিভস অন ইন্ডিয়া: ফ্রম গান্ধী টু মোদি’- এই শীর্ষক একটি বইও লিখেছেন তিনি যা ব্যাপক জনপ্রিয় হয়। দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন তিনি। এ ছাড়া দিল্লি বিশ্ববিদ্যালয় থেকেও পড়াশোনা করেছিলেন বলে জানা যায়। জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় থেকে তিনি এমফিল করেন ইন্টারন্যাশনাল স্টাডিজের ওপর। এছাড়াও দিল্লি বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কাউন্সিলের সদস্য হিসেবেও কাজ করেছেন তিনি। অনেকগুলি বড় মিডিয়া হাউসের সঙ্গে যুক্ত ছিলেন উপাধ্যায়। নিউজ নেটওয়ার্ক-১৮ এর সভাপতি ছিলেন তিনি। এছাড়াও রিলায়েন্স ইন্ডাস্ট্রিস লিমিটেডের মিডিয়া বিভাগের প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। এছাড়া, জি নিউজ, সাব টিভি, জনমত টিভি, দূরদর্শন, প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়াতেও কাজ করেছেন তিনি।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Paris Paralympics: প্যারালিম্পিক্সের চতুর্থ দিনে জোড়া পদক! ২০০ মিটারে প্রীতির ব্রোঞ্জ, হাইজাম্পে রুপো নিশাদের

    Paris Paralympics: প্যারালিম্পিক্সের চতুর্থ দিনে জোড়া পদক! ২০০ মিটারে প্রীতির ব্রোঞ্জ, হাইজাম্পে রুপো নিশাদের

    মাধ্যম নিউজ ডেস্ক: প্যারিসে প্যারালিম্পিক্সের (Paris Paralympics) দৌড়ে এগিয়ে চলেছে ভারত। চতুর্থ দিনটা ভালোই গেল ভারতের জন্য। প্যারালিম্পিক্সে সুপার সানডে ভারতের শাটলারদের। গেমসের চতুর্থ দিনে ব্যাডমিন্টনে তিনটে রুপোর পদক জয় নিশ্চিত হয়ে গেল ভারতের। এবারে প্যারিস অলিম্পিক্সে ভারত পেয়েছিল ৬টি পদক। ইতিমধ্যেই সেই সংখ্যাকে ছাড়িয়ে গিয়েছে প্যারালিম্পিক্সে (Paralympics 2024) ভারতের পদক জয়ের সংখ্যা। এখনও পর্যন্ত ৭টি পদক পেয়েছে ভারত। নিশ্চিত পদকের প্রত্যাশা করছেন অনেকেই। পদকজয়ীদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

    ব্যাডমিন্টনে বাজিমাত

    এতদিন প্যারালিম্পিক্সে (Paris Paralympics) ভারতের ছেলে শাটলাররাই পদক এনেছিলেন। মেয়েরা পিছিয়ে ছিলেন এবারই প্রথম পদক জেতা নিশ্চিত হয়েছে। মেয়েদের সিঙ্গলসের সেমিফাইনালে মুখোমুখি দুই ভারতীয়—মণীষা রামাদাস আর তুলাসিমাথি মুরুগেসান। এঁর মধ্যে একজন ফাইনালে উঠছেনই। যার অর্থ একটা কমপক্ষে রুপোর পদক প্রাপ্তি নিশ্চিত। ছেলেদের এসএল-৪ ক্যাটাগরির সেমিফাইনালেও প্রতিদ্বন্দ্বিতা করবেন দুই ভারতীয় সুকান্ত কদম আর সুভাষ যতিরাজ। সুভাষ টোকিওতে রুপো পেয়েছিলেন। এই ম্যাচে সুভাষ বা সুকান্ত যেই জিতুন, কমপক্ষে রুপো ভারতের ঘরেই আসবে। ছেলেদের ব্যাডমিন্টনের এসএল-৩ ক্যাটাগরির সিঙ্গলসের ফাইনালে উঠেছেন ভারতেরই নীতেশ কুমার। ফাইনালে তাঁর সামনে ইংল্যান্ডের ড্যানিয়েল বেথেল। অর্থাৎ নীতেশ ফাইনালে হারলেও রুপোর পদক পাচ্ছেনই। 

    নজরে জ্যাভলিন

    সোমবার রাতে ভারতের সকলের নজরে থাকবেন জ্যাভেলিন থ্রোয়ার সুমিত আন্টিল। টোকিওতে সোনা জেতার পরে বিশ্ব মিটে বিশ্বরেকর্ড সহ সোনা পেয়েছিলেন পানিপতের এই যুবক। বিশ্ব প্যারা জ্যাভেলিন মহলে তাঁকে নীরজ চোপড়ার সঙ্গে তুলনা করা হয়। নীরজ প্যারিসে সোনা ধরে রাখতে পারেননি। সুমিতকে নিয়ে এবার সোনার স্বপ্ন দেখছে ভারত। 

    ইতিহাস প্রীতির

    প্যারিসে (Paris Paralympics) এবার ইতিহাস লিখলেন ভারতের প্রীতি পাল। গতবার শ্যুটার অবনী লেখারা দুটি পদক জিতেছিলেন একই সংস্করণে। এবার ভারতের দৌড়বিদ প্রীতি পালও সেই একই নজির গড়ে ফেললেন। আগেই ১০০ মিটারে জিতেছিলেন পদক, এবার ২০০ মিটারেও দেশকে পদক এনে দিলেন প্রীতি। এদিকে টোকিও অলিম্পিক্সে জেতা নিজের রুপোর পদক এবারও নিজের দখলেই রাখলেন ভারতীয় হাইজাম্পার। হাইজাম্পে টি৪৭ বিভাগে রুপো জিতলেন ভারতের নিশাদ কুমার। প্রীতি ও নিশাদের সাফল্যকে কুর্নিশ করেছেন প্রধানমন্ত্রী মোদি। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Manipur: ফের উত্তপ্ত মণিপুর, হিংসায় নিহত এক মহিলা সহ ২, পশ্চিম ইম্ফলে জারি কার্ফু

    Manipur: ফের উত্তপ্ত মণিপুর, হিংসায় নিহত এক মহিলা সহ ২, পশ্চিম ইম্ফলে জারি কার্ফু

    মাধ্যম নিউজ ডেস্ক: একমাস আগেই মণিপুরের (Manipur) দুই জনগোষ্ঠী কুকি ও মেইতেইদের মধ্যে সম্পন্ন হয়েছে শান্তি চুক্তি। কিন্তু তাতেও এড়ানো গেল না হিংসা। ফের উত্তপ্ত হল মণিপুর এবং এরই মধ্যে সশস্ত্র দুষ্কৃতীদের গুলিতে নিহত হলেন ২ জন। একজন নিহতের নাম নাংবাম সুরবালা দেবী, বয়স ৩১ বছর। অন্যদিকে, অপর মৃতের পরিচয় এখনও জানা যায়নি। এই ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ৯ জন। যাদের মধ্যে ওই নিহত মহিলার নাবালিকা কন্যাসন্তানও রয়েছে। দুষ্কৃতীদের সঙ্গে সংঘর্ষে দুই পুলিশ কর্মীও গুরুতর জখম হয়েছেন বলে খবর মিলেছে। সংঘর্ষের নেপথ্যে কুকি জঙ্গিগোষ্ঠীদের হাত রয়েছে বলে প্রাথমিক তদন্তে পুলিশ অনুমান করছে। অশান্তির কারণে পশ্চিম ইম্ফলে জারি করা হয়েছে কার্ফু।

    ড্রোনে করে গ্রামে অস্ত্র ও বোমা ফেলা হচ্ছিল (Manipur) 

    মণিপুরের (Manipur) পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবারে পশ্চিম ইম্ফল জেলার কৌত্রাক এলাকায় সংঘর্ষ ও গুলির লড়াই শুরু হয়। জানা গিয়েছে, ওই এলাকায় হঠাৎই সশস্ত্র দুষ্কৃতীরা হামলা চালায়। ড্রোনে করেও গ্রামে অস্ত্র ও বোমা ফেলা হচ্ছিল বলে জানা গিয়েছে। মণিপুর সরকারের তরফ থেকে এই ঘটনার নিন্দা করা হয়েছে। এর পাশাপাশি, মুখ্যমন্ত্রী এন বীরেন সিং অভিযুক্তদের কড়া শাস্তি দেওয়ার আশ্বাস দিয়েছেন। প্রসঙ্গত, ২০২৩ সালের মে মাস থেকেই অশান্ত হতে শুরু করে মণিপুর (Manipur Violence)। সেখানকার দুই জনগোষ্ঠীর (কুকি ও মেইতেই) মধ্যে শুরু হয় সংঘর্ষ। দেড় বছর প্রায় হতে চলল তবুও থামেনি সংঘর্ষ। গতমাসেই কুকি ও মেইতেই ২ জনগোষ্ঠীর মধ্যে শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়। প্রসঙ্গত, ইম্ফল উপত্যকায় সংখ্যাগরিষ্ঠ হল মেইতেই জনগোষ্ঠী। সম্প্রতি তারা দাবি জানিয়েছিল, তফশিলি উপজাতির তকমা তাদের দিতে হবে। এই দাবির বিরোধিতা করে অপর স্থানীয় জনগোষ্ঠী কুকিরা এই নিয়ে বিরোধ করলে, সংঘর্ষের সূত্রপাত সেখান থেকেই।

    অশান্ত মণিপুর (Manipur) 

    কুকি ও মেইতেইদের বিরোধের জল প্রথমে গড়ায় মণিপুর হাইকোর্টে। ২০২৩ সালের প্রথম দিকে হাইকোর্ট জানায় যে, মেইতেই জনগোষ্ঠীকে তফশিলি উপজাতির তকমা দেওয়া যায় কিনা তা খতিয়ে দেখুক রাজ্য সরকার। হাইকোর্টের এমন নির্দেশের পরেই ২০২৩ সালের এপ্রিলের শেষ সপ্তাহে মণিপুরের (Manipur) ‘অল ট্রাইবাল স্টুডেন্ট ইউনিয়ন’ একটি মিছিল আয়োজন করে। সেই মিছিল থেকে প্রথম হিংসা ছড়ায় চূড়াচাঁদপুর জেলায়। অশান্ত মণিপুরে (Manipur Violence) এখনও পর্যন্ত হিংসায় প্রাণ হারিয়েছেন কয়েকশো মানুষ। এরই মধ্যে ২০২৩ সালের জুলাই মাসে ভাইরাল হয়েছিল এক বিভীষিকার ভিডিও। সেখানে দেখা গিয়েছিল দুই মহিলাকে নগ্ন করে ঘোরানো হচ্ছে। পরে তাঁদের মাঠে নিয়ে গিয়ে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। সেই ঘটনা ঘটে ২০২৩ সালের ৪ মে তবে ভিডিও ভাইরাল হয় জুলাই মাসে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Draupadi Murmu: ‘বাইরে অপরাধীরা, ভয়ে নির্যাতিতারা’, ধর্ষণের মামলার বিলম্ব নিয়ে সরব রাষ্ট্রপতি

    Draupadi Murmu: ‘বাইরে অপরাধীরা, ভয়ে নির্যাতিতারা’, ধর্ষণের মামলার বিলম্ব নিয়ে সরব রাষ্ট্রপতি

    মাধ্যম নিউজ ডেস্ক: নির্যাতিতারা সমাজ থেকে পর্যাপ্ত সহযোগিতা পান না, এবার এমনই দাবি করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (Draupadi Murmu)। আরজি কর কাণ্ড নিয়ে আগেই মুখ খুলেছিলেন তিনি। রবিবার নয়াদিল্লিতে সুপ্রিম কোর্টের ৭৫ বর্ষপূর্তির অনুষ্ঠানে এবার বিচারবিভাগের কাছে তিনি প্রশ্ন করলেন, ধর্ষণের মতো সংবেদনশীল ঘটনায় কেন দেরিতে বিচার পাবেন নির্যাতিতারা? কেন মামলা ঝুলে থাকবে মাসের পর মাস? (President on Woman Safety)

    ‘ভয়ে কাটাচ্ছেন নির্যাতিতারা

    সুপ্রিম কোর্টের ৭৫ তম বর্ষপূর্তির অনুষ্ঠানে রাষ্ট্রপতি (Draupadi Murmu) বলেন, ‘‘এটা খুবই দুর্ভাগ্যের যে আমাদের সামাজিক জীবনে একজন অপরাধী অপরাধ করার পরও নির্ভয়ে ঘুরে বেড়াচ্ছে। আর তাদের অপরাধের শিকার যাঁরা, তাঁরা ভয়ে রয়েছেন। যেন তাঁরাই কোনও অপরাধ করেছেন। অপরাধের শিকার হওয়া মহিলাদের অবস্থা তো আরও খারাপ। কারণ, সমাজের মানুষজনও তাঁকে সমর্থন করেন না।’’ তাঁর (President on Woman Safety) কথায়, ‘‘ধর্ষণের মতো মামলায় যখন বহু দেরিতে বিচার মেলে, তখন বিচার ব্যবস্থার উপর আস্থা হারিয়ে ফেলেন সাধারণ মানুষ। তখন তাঁদের মনে ধারণা হয়, বিচার প্রক্রিয়া এমনই অসংবেদনশীল।’’

    বিচারালয় মন্দির

    রাষ্ট্রপতির (Draupadi Murmu) মত, গ্রামের মানুষের কাছে বিচার বিভাগ ‘ঈশ্বরের সমান’। কারণ তাঁরা সেখানে ন্যায়বিচার খুঁজে পান। এর পরেই দ্রৌপদী বলেন, ‘‘একটা কথা আছে, ‘ভগবান কা ঘর দের হ্যায়, অন্ধের নেহি’। অর্থাৎ ভগবানের বিচারে বিলম্ব হতে পারে, কিন্তু অন্যায় হতে পারে না। এখন প্রশ্ন হল, কত বিলম্ব? বিচার পেতে কত দিন অপেক্ষা করবেন মানুষ? আমাদের এ বিষয়ে ভাবা উচিত। যত দিনে মানুষ শেষমেশ বিচার পান, তত দিনে তাঁর জীবন থেকে হাসি মুছে গিয়েছে। কেউ কেউ হয়তো বেঁচেও নেই। এ বার এই ধরনের ঘটনায় দ্রুত এবং সুষ্ঠু ন্যায়বিচার নিশ্চিত করার কথা ভাবতে হবে বিচার ব্যবস্থাকে।’’

    মামলায় বারবার স্থগিতাদেশ নয়

    আরজি কর কাণ্ডে আগে রাষ্ট্রপতি (Draupadi Murmu) বলেছিলেন, “যথেষ্ট হয়েছে। ছাত্র, ডাক্তার এবং নাগরিকরা যখন কলকাতায় প্রতিবাদ জানাচ্ছেন, তখন অপরাধীরা অন্যত্র ঘাপটি মেরে আছে। কোন সভ্য সমাজে মেয়ে-বোনদের উপর এমন নৃশংস নির্যাতন চলতে পারে না।” বলেছিলেন, মহিলাদের (President on Woman Safety) বিরুদ্ধে এই ধরনের জঘন্য অপরাধ প্রতিরোধে সামাজিক পরিবর্তনের আশু প্রয়োজন। এদিন তিনি এই সূত্র ধরেই বলেন, ‘‘সবার আগে বদলাতে হবে এই ‘স্থগিতাদেশের সংস্কৃতি’কে। মামলায় বারবার স্থগিতাদেশ জারি করার এই রীতি এ বার বদলানোর সময় এসেছে।’’

    আরও পড়ুন: ১৫৬টি ককটেল ওষুধ নিষিদ্ধ করল কেন্দ্র, জানেন তালিকায় কী কী?

    বিচারবিভাগে মহিলারা

    এদিন শুধু সমালোচনাই নয়, সেই সঙ্গে বিচার ব্যবস্থায় মহিলাদের সংখ্যা বৃদ্ধি হতে দেখে খুশি রাষ্ট্রপতি। প্রসঙ্গত, রবিবারের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। ছিলেন কেন্দ্রীয় আইন ও বিচার প্রতিমন্ত্রী অর্জুন রাম মেঘওয়ালও। এদিন সুপ্রিম কোর্টের পতাকা ও প্রতীকেরও উদ্বোধন করেন রাষ্ট্রপতি (President Draupadi Murmu)। একই সঙ্গে বিচারবিভাগীয় ব্যবস্থা যেসব সমস্যার সম্মুখীন হচ্ছে, সবাইকে একজোট হয়ে তার মোকাবিলা করার কথাও বলেন রাষ্ট্রপতি President on Woman Safety। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Kaushiki Amavasya 2024: কৌশিকী অমাবস্যা শুরু, তারাপীঠে দেবীর ভোগে আজ থাকছে বিশেষ পদ

    Kaushiki Amavasya 2024: কৌশিকী অমাবস্যা শুরু, তারাপীঠে দেবীর ভোগে আজ থাকছে বিশেষ পদ

    মাধ্যম নিউজ ডেস্ক: আজ সোমবার ২ সেপ্টেম্বর ভোর ৫টা ৫মিনিটেই শুরু হয়েছে কৌশিকী অমাবস্যা (Kaushiki Amavasya 2024)। সারা বছর ধরেই তারাপীঠে (Tarapith) ভক্তদের ভিড় দেখা যায়, তবে কৌশিকী আমাবস্যায় যেন আলাদাই জমজমাট হয়ে ওঠে তারাপীঠ। আগামিকাল, অর্থাৎ মঙ্গলবার ৩ সেপ্টেম্বর সকাল ৬টা ২৯ পর্যন্ত এই অমাবস্যার তিথি থাকবে বলে জানা গিয়েছে। সোমবার ভোর চারটের সময় দেবীকে স্নান করানো হয়েছে। এর পরই হয় মঙ্গল আরতি হয়। মঙ্গলবারে ভোর ৫টা ৫ মিনিটেই ভক্তদের জন্য খুলে দেওয়া হয় গর্ভগৃহের দরজা। কৌশিকী অমাবস্যার কারণে গতকাল অর্থাৎ রবিবার রাত থেকেই ভক্তরা লাইনে দাঁড়িয়ে পড়েন। উৎসব উপলক্ষে পূর্ব রেল (Indian Railways) চালাচ্ছে বিশেষ ট্রেনও।

    ভোগে কী কী ব্যঞ্জন থাকছে?

    তারাপীঠে মা তারাকে এদিন (Kaushiki Amavasya 2024) বিশেষ ভোগ নিবেদন করা হবে। যার মধ্যে থাকবে পোলাও, খিচুড়ি, অন্ন, দু’রকম ভাজা, শোল মাছ ভাজা, একাধিক তরকারি, অন্যান্য মাছ, বলির পাঁঠার মাংস, পায়েস, মিষ্টি, চাটনি ইত্যাদি। সন্ধ্যার ভোগে মা তারাকে অর্পণ করা হবে লুচি, সুজি, ভাজা ও নানান রকমের মিষ্টান্ন। সোমবার কৌশিকী অমাবস্যার রাতের ভোগে মা তারাকে অর্পণ করা হবে খিচুড়ি, মাছ ভাজা ও বলি দেওয়া পাঁঠা মাংস। উৎসব উপলক্ষে গোটা তারাপীঠ সেজে উঠেছে ফুল ও আলোর মালায়। গোটা মন্দির চত্বর মুড়ে ফেলা হয়েছে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে।

    ছুটবে বিশেষ ট্রেন (Kaushiki Amavasya 2024)

    কৌশিকী অমাবস্যায় পুণ্যার্থীদের তারাপীঠের উদ্দেশে যাতায়াতের সুবিধার জন্য বিশেষ ট্রেন চালানোর (Indian Railways) কথা ঘোষণা করেছে পুর্ব রেল। আজ সোমবার ২ সেপ্টেম্বর থেকে বুধবার ৪ সেপ্টেম্বর পর্যন্ত হাওড়া থেকে রামপুরহাট ও রামপুরহাট থেকে হাওড়া পর্যন্ত এই বিশেষ ট্রেন চলবে বলে পূর্ব রেল কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে। এ বিশেষ ট্রেনটি সোমবার থেকে বুধবার পর্যন্ত হাওড়া স্টেশন থেকে ভোর ৫টা ৪৫ মিনিটে ছাড়বে। রামপুরহাট পৌঁছাবে ঠিক সকাল ৯টা ৫০ মিনিটে। তারপর ওই ট্রেন রামপুরহাট থেকে বেলা ১১টা ৩২ মিনিটে ছাড়বে এবং হাওড়া পৌঁছাবে ৩টা ৫৫ মিনিটে। বিশেষ ট্রেন যাওয়া আসার সময় যে সমস্ত স্টেশনগুলিতে দাঁড়াবে সেগুলি হল শেওড়াফুলি, ব্যান্ডেল, বর্ধমান, গুসকরা, বোলপুর, সাঁইথিয়া। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র এক বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছেন যে তারাপীঠে পুণ্যার্থীদের (Kaushiki Amavasya 2024) যেন কোনও ধরনের অসুবিধা না হয় সে কথা ভেবেই রেলের তরফে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Jagdeep Dhankhar: আরজি করকাণ্ডে সিব্বলকে নিশানা ধনখড়ের, কী বললেন জানেন?

    Jagdeep Dhankhar: আরজি করকাণ্ডে সিব্বলকে নিশানা ধনখড়ের, কী বললেন জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: “কলকাতার একটি সরকারি হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনা মানবতাকে লঙ্ঘিত করেছে। কিছু বিচ্ছিন্ন কণ্ঠ এই যন্ত্রণাকে আরও বাড়িয়ে তুলছে।” কথাগুলি বললেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। ধনখড় এক সময় পশ্চিমবঙ্গের রাজ্যপাল ছিলেন। তাই শহর (RG Kar Incident) কলকাতা এবং এ রাজ্যের রাজনৈতিক আবহ তাঁর চেনা।

    সিব্বলকে আক্রমণ (Jagdeep Dhankhar)

    উপরাষ্ট্রপতির নিশানায় যিনি, তিনি প্রবীণ আইনজীবী তথা রাজ্যসভার সাংসদ কপিল সিব্বল। সিব্বল সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের হয়ে ধর্ষণ হত্যা মামলা লড়ছেন তিনি। এদিনের আগেও একবার ধনখড়ের চাঁদমারি ছিলেন সিব্বল। এক জনসভায় উপরাষ্ট্রপতি বলেছিলেন, “সুপ্রিম কোর্টের বারের একজন সদস্য ও সংসদেরও একজন সদস্য বলছেন যে কলকাতার ঘটনা একটি লক্ষণীয় ব্যাধি। এমন ঘটনা সাধারণত ঘটে থাকে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি।”

    কী বললেন ধনখড়?

    রবিবার এইমস হৃষিকেশের একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল ধনখড় বলেন, “কলকাতার ঘটনার মতো ঘটনাগুলি সমগ্র সভ্যতাকে লজ্জায় ফেলে দেয়।” এর পরেই উপরাষ্ট্রপতি বলেন, “যখন মানবতা লজ্জিত হয়েছে, তখন কিছু বিচ্ছিন্ন কণ্ঠস্বর ওঠে। এই কণ্ঠস্বর উদ্বেগের কারণ হয়। তারা কেবল আমাদের অসহনীয় যন্ত্রণাকে আরও বাড়িয়ে দেয়। সংক্ষেপে বলতে গেলে, তারা আমাদের আহত বিবেকের ওপর নুনের ছিটে দিচ্ছে।” তারা বলে, “এটি একটি লক্ষনীয় অসুস্থতা, আকছার ঘটে এমন ঘটনা। যখন এমন মন্তব্য কারও কাছ থেকে আসে, যিনি একজন সাংসদ, একজন প্রবীণ আইনজীবী, তখন দোষের মাত্রা অত্যন্ত গুরুতর।”

    আরও পড়ুন: আর নমাজ বিরতি পাবেন না অসমের মুসলমান বিধায়করা, কেন জানেন?

    উপরাষ্ট্রপতি বলেন, “এই ধরনের শয়তানি চিন্তার কোনও অজুহাত হতে পারে না। আমি এমন ভুল পথে হাঁটা আত্মাগুলিকে তাদের চিন্তাভাবনা পর্যালোচনা করার এবং প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করার আহ্বান জানাই।” তিনি (Jagdeep Dhankhar) বলেন, “এটা এমন একটা মুহূর্ত নয়, যেখানে আপনাকে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে দেখতে হবে। এই রাজনৈতিক দৃষ্টিকোণ একটি বিপজ্জনক। এটি আপনার পক্ষপাতিত্বকে হত্যা করে।”

    কর্মস্থলে চিকিৎসকদের নিরাপত্তার প্রয়োজনীয়তার ওপর জোর দেন উপরাষ্ট্রপতি। বলেন, “একজন চিকিৎসক নিজেকে ঈশ্বরের পর্যায়ে রূপান্তরিত করতে পারেন না। তিনি কেবল একটি সীমা পর্যন্ত সাহায্য করতে পারেন। তিনি ঈশ্বরের নিকটস্থ।” ধনখড় বলেন, “চিকিৎসক, নার্স, কম্পাউন্ডার ও স্বাস্থ্যযোদ্ধাদের নিরাপত্তা অটুটভাবে (RG Kar Incident) সুরক্ষিত রাখা উচিত (Jagdeep Dhankhar)।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Daily Horoscope 02 September 2024: রক্তচাপ নিয়ে চিন্তা বাড়তে পারে এই রাশির জাতকদের

    Daily Horoscope 02 September 2024: রক্তচাপ নিয়ে চিন্তা বাড়তে পারে এই রাশির জাতকদের

    চাকরি থেকে ব্যবসা, বন্ধু থেকে ব্যক্তিগত জীবন, ভ্রমণ থেকে স্বাস্থ্য—কী বলছে ভাগ্যরেখা? কেমন কাটতে পারে দিন?

    মেষ

    ১) আইনি সমস্যা থেকে মুক্তিলাভ।

    ২) নিজের প্রতিভা প্রকাশের বিশেষ দিন।

    ৩) দিনটি অনুকূল।

    বৃষ

    ১) প্রেমে মাত্রাছাড়া আবেগ ক্ষতি ডেকে আনতে পারে।

    ২) কর্মক্ষেত্রে জটিলতা কাটতে পারে।

    ৩) বন্ধুদের সাহায্য পাবেন।

    মিথুন

    ১) প্রেমের ক্ষেত্রে দিনটি শুভ।

    ২) পরিবারের কোনও গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান হতে পারে।

    ৩) সখপূরণ হবে।

    কর্কট

    ১) অতিরিক্ত পরিশ্রমে শারীরিক দুর্বলতার যোগ।

    ২) মাত্রাছাড়া রাগ আপনার ক্ষতি ডেকে আনতে পারে।

    ৩) বিবাদে জড়াবেন না।

    সিংহ

    ১) ভ্রমণের পক্ষে দিনটি শুভ নয়।

    ২) মা-বাবার সঙ্গে বিবাদে মাথা ঠান্ডা রাখতে হবে।

    ৩) গুরুজনদের পরামর্শ মেনে চলুন।

    কন্যা

    ১) কুটিরশিল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিদের অগ্রগতি হতে পারে।

    ২) আপনার রসিকতা অপরের বিপদ ডেকে আনতে পারে।

    ৩) ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন।

    তুলা

    ১) দুপুর নাগাদ ব্যবসা ভালো হবে।

    ২) ইচ্ছাপূরণ হওয়ার দিন।

    ৩) পরিবারের সঙ্গে সময় কাটান।

    বৃশ্চিক

    ১) বাড়তি খরচের জন্য সংসারে বিবাদ হতে পারে।

    ২) দাঁতের রোগ বাড়তে পারে।

    ৩) ডাক্তারের কাছে যেতে হতে পারে।

    ধনু

    ১) রক্তচাপ নিয়ে চিন্তা বাড়তে পারে।

    ২) দুপুরের পরে দিনটি ভালো কাটলেও মানসিক চাপ থাকবে।

    ৩) ধৈর্য ধরুন।

    মকর

    ১) আপনার সহিষ্ণু স্বভাবের জন্য সংসারে শান্তি রক্ষা পাবে।

    ২) চিকিৎসার জন্য প্রচুর ব্যয় হতে পারে।

    ৩) সবাইকে বিশ্বাস করবেন না।

    কুম্ভ

    ১) ব্যবসায় কিছু পাওনা আদায় হতে পারে।

    ২) চাকরির স্থানে কাজের চাপ বৃদ্ধি।

    ৩) দিনটি প্রতিকূল।

    মীন

    ১) কোনও সুসংবাদ পাওয়ার জন্য মন চঞ্চল থাকবে।

    ২) কর্মে একটু জটিলতা থাকলেও সফল হবেন।

    ৩) ভালোই কাটবে দিনটি।

     

    DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

LinkedIn
Share