Tag: Madhyom

Madhyom

  • SIR Supreme Court: ‘‘আপনাকে চিন্তা করতে হবে না’’, ট্রাইবুনাল নিয়ে রাজ্যের আপত্তি পত্রপাঠ খারিজ সুপ্রিম কোর্টের

    SIR Supreme Court: ‘‘আপনাকে চিন্তা করতে হবে না’’, ট্রাইবুনাল নিয়ে রাজ্যের আপত্তি পত্রপাঠ খারিজ সুপ্রিম কোর্টের

    মাধ্যম নিউজ ডেস্ক: নথির সত্যতা যাচাই না-করে, কোনও নতুন নথি গ্রহণ করা হবে না। যে নথিগুলি আগে বিচারবিভাগীয় আধিকারিকের সামনে পেশ করা হয়নি, সেই নতুন নথি ট্রাইবুনালকে না নেওয়ার পরামর্শ দিল শীর্ষ আদালত। এসআইআর (SIR Supreme Court) নিয়ে মামলায় রাজ্যের আপত্তিকে বিশেষ আমল দিল না সুপ্রিম কোর্ট। বুধবারের এই শুনানিতে শীর্ষ আদালত জানাল, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির আশ্বাসে তারা সন্তুষ্ট। আদালতের মতে, ৭ এপ্রিলের মধ্যেই সমস্ত আপত্তির নিষ্পত্তি হয়ে যাবে বলে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। প্রধান বিচারপতি সূর্য কান্ত এদিন বলেন, হাইকোর্টের প্রধান বিচারপতির পাঠানো চিঠিতে স্পষ্ট উল্লেখ রয়েছে যে বিপুল সংখ্যক আবেদন ইতিমধ্যেই নিষ্পত্তি করা হয়েছে। প্রায় ৪৭ লক্ষ মামলার নিষ্পত্তি হয়ে গিয়েছে বলেও আদালতকে জানানো হয়েছে। এই তথ্যের ভিত্তিতেই শীর্ষ আদালত আপাতত সন্তোষ প্রকাশ করেছে।

    ট্রাইবুনালকে নির্দেশ

    প্রধান বিচারপতি (সিজেআই) সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি বিপুল পাঞ্চোলির সমন্বয়ে গঠিত বেঞ্চে এসআইআর মামলার শুনানির সময়,কলকাতা হাইকোর্ট জানায়, বিচারাধীন থাকা ৬০ লক্ষ নামের মধ্যে, ৪৭ লক্ষ নামের নিষ্পত্তি হয়েছে ইতিমধ্যেই। এদিনের শুনানিতে, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি জানান, বিচার বিভাগীয় কর্মকর্তারা প্রতিদিন প্রায় ২ লক্ষ বিচারাধীন মামলার আবেদনকারীদের নিষ্পত্তি করছেন, তাঁরা ৭ই এপ্রিলের মধ্যে বিচারাধীন দাবিগুলি নিষ্পত্তি করবেন। শীর্ষ আদালতে নির্বাচন কমিশন জানিয়েছে, হাইকোর্টের প্রাক্তন প্রধানবিচারপতি, বিচারকদের নেতৃত্বে ১৯টি আপিল ট্রাইবুনাল গঠনের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এবংট্রাইবুনালগুলির অধিবেশনের স্থান হিসেবে নির্দিষ্ট জায়গা ঠিক করা হয়েছে। এই পরিস্থিতিতে ট্রাইবুনালের জন্য কিছু নির্দেশও দেয় সুপ্রিম কোর্ট। আদালতের নির্দেশ, অনলাইন ও অফলাইন – দুই ধরনের আপিল সংক্রান্ত বিষয় সম্পর্কে প্রাক্তন বিচারপতিদের পূর্ণাঙ্গ ধারণা দিতে হবে প্রশিক্ষণের মাধ্যমে। পাশাপাশি, যে নথি আগে বিচার বিভাগীয় আধিকারিকদের সামনে পেশ করা হয়নি, তা নতুন করে গ্রহণ করা যাবে না। কোনও নথি গ্রহণের আগে তার সত্যতা যথাযথভাবে যাচাই করতে হবে বলেও নির্দেশ দেওয়া হয়েছে।

    প্রশিক্ষণ নিয়ে রাজ্যের আপত্তি খারিজ

    ২০ মার্চ কমিশন ‘অ্যাপেলেট ট্রাইবুনাল’ গঠন করেছে। এদিনের শুনানিতে সুপ্রিম কোর্ট স্পষ্ট করে দেয়, জুডিশিয়াল অফিসারদের প্রত্যেককে সাম্মানিক অর্থ, অন্যান্য খরচ কমিশনকে বহন করতে হবে। কমিশনের আইনজীবী ডিএস নাইডু তখন আদালতে বলেন, “এ বিষয়ে আমরা ইতিমধ্যে পদক্ষেপ করেছি।” একই সঙ্গে তিনি জানান, ট্রাইবুনালও দ্রুত কাজ শুরু করবে। সুপ্রিম কোর্টে কমিশনের আইনজীবী জানান, আজ প্রশিক্ষণ চলছে, বৃহস্পতিবার থেকে ট্রাইবুনালের কাজ শুরু হয়ে যাবে। তখন প্রশিক্ষণ প্রক্রিয়া নিয়েই আপত্তি তোলে রাজ্য। রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রশ্ন বলেন, “প্রাক্তন বিচারপতিদের কমিশন কেন প্রশিক্ষণ দেবে? প্রাক্তন বিচারপতিদের স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দিতে হবে।” বিচারপতি জয়মাল্য বাগচী বলেন, “নির্বাচন কমিশনের আধিকারিকদের হস্তক্ষেপ নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না।”

    কল্যাণকে ধমক শীর্ষ আদালতের

    প্রধান বিচারপতি উদাহরণ দিয়ে বুঝিয়ে বলেন, “এটা প্রশিক্ষণ নয়, এটা হচ্ছে কীভাবে পরিস্থিতি খতিয়ে দেখে বিবেচনা করতে হবে। যাঁরা দায়িত্বে রয়েছেন, তাঁরা সকলে প্রাক্তন প্রধান বিচারপতি। আমাকে হঠাৎ করে একটা নতুন ল্যাপটপ দিলে কী করে সেটা কাজ করে তা বুঝতে পারব না।” বিচারপতি জয়মাল্য বাগচী কল্যাণকে ধমক দিয়ে বলেন, “যাঁরা দায়িত্বে রয়েছেন, তাঁদের বিরাট অভিজ্ঞতা রয়েছে। কমিশনের আধিকারিকরা হস্তক্ষেপ করছে বলে আপনাকে উদ্বিগ্ন হতে হবে না।” বিচারপতি জয়মাল্য বাগচী কমিশনকে নির্দেশ দেন, “কোনও ব্যক্তি যখন আবেদন করছেন, তখন তার সম্পর্কে যে সিদ্ধান্তই নেওয়া হোক না কেন, তার কারণ উল্লেখ করে রিমার্কস দিতে হবে।” কমিশনের আইনজীবীর উদ্দেশে তিনি বলেন, “আমি জানতাম না যে সফটওয়্যারে এমন একটি কলাম আছে, যেখানে কারণ দর্শানোর সুযোগ আছে। প্রত্যেক আবেদনকারীর ক্ষেত্রে কী সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, তার কারণ সেখানে উল্লেখ করা হোক।” কমিশনের আইনজীবী তখন বলেন, “আমরা অ্যাপিলেট বডির সামনে সমস্ত রেকর্ড রাখব।”

    ভোট দিতে না পারলে ভোটাধিকার চলে যাবে এমন নয়

    কথা প্রসঙ্গেই বিচারপতি বলেন, “কীসের ভিত্তিতে এই ভোট হচ্ছে তা আমরা দেখতে চাই। কোন ব্যক্তি যদি ভোট দিতে না পারেন, সেটা তার সাংবিধানিক অধিকারের বিষয়। কোন ব্যক্তির নাম বাদ যেতে পারে কিন্তু পরে অ্যাপেলেট তার নাম যুক্ত করতে পারে। একইভাবে কোন ব্যক্তির নাম অন্তর্ভুক্ত থাকলেও পরে তার নাম বাদ যেতে পারে অ্যাপলেট এর মাধ্যমে। অর্থাৎ কোন ব্যক্তি এই নির্বাচনে ভোট দিতে না পারলে তার অর্থ এই নয় যে তার ভোটাধিকার চিরকালের জন্য চলে গেল।”

  • Maoist-Free India: লাল সন্ত্রাস শেষে উন্নয়নের পথে ছত্তিশগড়ের দান্তেওয়াড়া, আত্মসমর্পণ আরও ৫ মাওবাদীর

    Maoist-Free India: লাল সন্ত্রাস শেষে উন্নয়নের পথে ছত্তিশগড়ের দান্তেওয়াড়া, আত্মসমর্পণ আরও ৫ মাওবাদীর

    মাধ্যম নিউজ ডেস্ক: লাল সন্ত্রাস শেষে উন্নয়নের পথে ছত্তিশগড়ের দান্তেওয়াড়া। এলাকায় মাওবাদী (Maoist-Free India) কার্যকলাপ প্রায় সম্পূর্ণভাবে নির্মূল হয়েছে বলে দাবি করেছে প্রশাসন। সরকারের আহ্বানে সাড়া দিয়ে মঙ্গলবারও ৫ মাওবাদী আত্মসমর্পণ করেন। একই সঙ্গে প্রচুর অস্ত্রও বাজেয়াপ্ত করে পুলিশ। দান্তেওয়াড়ার পুলিশ সুপার গৌরব রাই বলেন, “আজ আমরা এই ঘোষণা করার অবস্থায় রয়েছি যে, এই এলাকায় আর কোনও সক্রিয় মাওবাদী সংগঠন নেই। মাওবাদীদের কাঠামো ভেঙে দেওয়া হয়েছে। যদি কেউ এখনও লুকিয়ে থাকে, তাদের মূলধারায় ফিরে আসার জন্য ২৪ ঘণ্টার সময় দেওয়া হচ্ছে।”

    ‘রেড টেরর’-এর অবসান

    দান্তেওয়াড়ায় (Dantewada) পুলিশ ও সরকারের তরফে আত্মসমর্পণকারী মাওবাদীদের পুনর্বাসনের জন্য ‘লোন ভারাতু’ এবং ‘পুনা মারগেম’ কর্মসূচি চালু করার ফলে ধারাবাহিক ভাবে অস্ত্র ছেড়ে সমাজের মূল স্রোতে ফিরেছেন মাওবাদীরা। গৌরব জানান, যাঁরা আত্মসমর্পণ করেছেন তাঁরা রাজ্য সরকারের ‘নিয়াদ নেল্লানার’ (তোমার ভালো গ্রাম) প্রকল্পে পুনর্বাসন এবং বিকল্প কর্মসংস্থানের সুযোগ পাচ্ছেন। তিনি বলেন, “প্রায় ৪০ বছর ধরে এই এলাকা নকশাল সমস্যায় জর্জরিত ছিল। আমরা ৩১ মার্চ ২০২৬-এর মধ্যে এটি নির্মূল করার যে লক্ষ্য নিয়েছিলাম, তা পূরণ করতে পেরেছি। আজ ‘রেড টেরর’-এর অবসান হয়েছে। এখন আমাদের মূল লক্ষ্য হবে উন্নয়নকে এগিয়ে নিয়ে যাওয়া এবং নিরাপত্তা নিশ্চিত করা।” তিনি আরও জানান, নিরাপত্তা বাহিনী সর্বোচ্চ সতর্কতা ও সাবধানতা বজায় রেখে অভিযান চালিয়ে যাবে। কেন্দ্র ও রাজ্য সরকার, এবং সাধারণ মানুষের সহযোগিতার জন্য কৃতজ্ঞতাও প্রকাশ করেন তিনি।

    ধারাবাহিক অভিযানে সাফল্য

    দান্তেওয়াড়ার সাব-ডিভিশনাল পুলিশ অফিসার রাহুল জানান, গত দুই বছরে ধারাবাহিক অভিযান চালিয়ে বড় সাফল্য মিলেছে। তাঁর কথায়, “প্রতি মাসে ৪-৫টি করে অভিযান চালানো হয়েছে। এর ফলে বহু গুরুত্বপূর্ণ মাওবাদী নেতা আত্মসমর্পণ করেছেন।” প্রাক্তন নকশাল নেতা কোসা নিজের অভিজ্ঞতা তুলে ধরে বলেন, “আমি ২০১০ সালে নকশাল দলে যোগ দিয়েছিলাম ‘জল, জঙ্গল, জমি’ রক্ষার জন্য। কিন্তু এখন মূলধারায় ফিরে এসে ভালো লাগছে। যারা এখনও জঙ্গলে আছেন, তাদেরও ফিরে আসা উচিত।” কোসা বর্তমানে পুলিশ কনস্টেবল পদে কাজ করছেন। প্রশাসনের দাবি, দীর্ঘদিনের সংঘাতের পর এবার দান্তেওয়াড়ায় শান্তি ও উন্নয়নের নতুন অধ্যায় শুরু হচ্ছে।

  • ED Raid Kolkata: বালিগঞ্জে সোনা পাপ্পুর বাড়ি ও পণ্ডিতিয়ায় সান গ্রুপের দফতর সহ ৬ জায়গায় হানা ইডির

    ED Raid Kolkata: বালিগঞ্জে সোনা পাপ্পুর বাড়ি ও পণ্ডিতিয়ায় সান গ্রুপের দফতর সহ ৬ জায়গায় হানা ইডির

    মাধ্যম নিউজ ডেস্ক: বিধানসভা নির্বাচনের মুখে শহরে ফের সক্রিয় হয়ে উঠল ইডি (ED)। বুধবার সাত সকালে শহর কলকাতার মোট ছয়টি জায়গায় একযোগে তল্লাশি অভিযান শুরু করলেন কেন্দ্রীয় তদন্তকারীরা। মূলত আর্থিক অনিয়ম এবং বেআইনি অর্থ লেনদেনের উৎস খুঁজতেই এই বিশাল অভিযান বলে খবর। এখন, ইডির নজরে কসবা, বালিগঞ্জের ত্রাস সোনা পাপ্পু ওরফে বিশ্বজিৎ পোদ্দার। বুধবার সকাল থেকে সোনা পাপ্পুর বালিগঞ্জের বাড়িতে তল্লাশি চালাচ্ছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। ইডি (ED Raid Kolkata) সূত্রে খবর, সোনা পাপ্পু বাড়িতে নেই, তাঁর খোঁজ চলছে।

    কেন ইডির নজরে সোনা পাপ্পু

    বুধবার ভোরবেলা কেন্দ্রীয় আধাসামরিক বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়ে বালিগঞ্জ এলাকার ফার্ন রোডে বিশ্বজিতের বাড়িতে পৌঁছান ইডির আধিকারিকরা। তদন্তকারী সংস্থা সূত্রে খবর, বিশ্বজিতের বিরুদ্ধে ইতিমধ্যেই বেশ কিছু চাঞ্চল্যকর অভিযোগ জমা পড়েছে। একাধিক এফআইআর-এ তার বিরুদ্ধে তোলাবাজি ও ভয় দেখানোর অভিযোগ রয়েছে। বালিগঞ্জ ও দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ এলাকায় সিন্ডিকেট রাজ চালানোর অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। গোয়েন্দাদের অনুমান, সিন্ডিকেটের মাধ্যমে আদায় করা কোটি কোটি টাকা এক প্রভাবশালী রাজনৈতিক নেতার কাছে পৌঁছে দেওয়া হত। ভোটের আগে সেই টাকার সূত্র ধরে তদন্ত শুরু করেছে ইডি (ED Raid Kolkata)।

    সোনা পাপ্পুর সঙ্গে তৃণমূল নেতাদের যোগ

    গত ১ ফেব্রুয়ারি সন্ধেয় অশান্ত হয়ে উঠেছিল গোলপার্কের কাছে কাঁকুলিয়া রোড। বোমা-গুলি-ভাঙচুর থেকে বেলাগাম তাণ্ডব, বাদ যায়নি কিছুই। ওই ঘটনার পর ফেসবুক লাইভ করলেও, অন্যতম মূল অভিযুক্ত সোনা পাপ্পুকে এখনও ছুঁতে পারেনি পুলিশ। কাঁকুলিয়ার ঘটনার পর, তাঁর সঙ্গে রাসবিহারীর তৃণমূল বিধায়ক দেবাশিস কুমার এবং তৃণমূল কাউন্সিলর বৈশ্বানর চট্টোপাধ্যায়ের সঙ্গে ছবি সামনে এসেছিল। এখনও পুলিশের খাতায় ফেরার, সোনা পাপ্পুর নামে সম্প্রতি ইফতারের আমন্ত্রণপত্র বিলি হয়। ইফতার ও ইদ উপলক্ষে অনুষ্ঠানের জন্য সোনা পাপ্পুর নামে কার্ড বিলি করা হয় হেভিওয়েটদের। সেখানে প্রধান অতিথির তালিকায় ছিলেন ফিরহাদ হাকিম, মালা রায় থেকে জাভেদ খান সহ অনেকে। কাঁকুলিয়ায় বোমাবাজি-তাণ্ডবের ২ মাস পরেও অধরা মূল অভিযুক্ত সোনা পাপ্পু। এখানেই প্রশ্ন উঠছে, হেভিওয়েটদের সঙ্গে দহরম-মহরমের সুবাদেই কি পুলিশের ধরাছোঁয়ার বাইরে সোনা পাপ্পু?

    শাসকদলের হাতিয়ার সোনা পাপ্পু

    স্থানীয়দের অভিযোগ, কলকাতা পুরসভার ৬৭ নম্বর ও ৯১ নম্বর ওয়ার্ডে শাসকদলের হয়ে যাবতীয় নিয়ন্ত্রণের কাজ করে সোনা পাপ্পু। বাসিন্দাদের অভিযোগ আরও গুরুতর—বিগত পুরভোট হোক বা অন্য কোনও নির্বাচন, বিরোধীদের ‘ঘরবন্দি’ করতে সোনা পাপ্পুই নাকি শাসকদলের পছন্দের হাতিয়ার। মাত্র মাসখানেক আগে, পুরসভার বিল্ডিং বিভাগে ৫০–৫৫টি বেআইনি নির্মাণের অভিযোগ জমা পড়ে। প্রতিটি অভিযোগেই উঠে এসেছে সোনা পাপ্পুর নাম। এর আগে ২০২২ সালে তার নাম কুখ্যাত দুষ্কৃতীদের তালিকায় জুড়ে জেলবন্দি করেছিল কলকাতা পুলিশ। কিন্তু কিছুদিনের মধ্যেই বেরিয়ে আসে এবং আবার শুরু হয় প্রভাব-প্রতিপত্তি।

    সান এন্টারপ্রাইজের অফিসে ইডি

    এদিকে, দক্ষিণ কলকাতার পণ্ডিতিয়া এলাকার অশ্বিনী দত্ত রোডে সকাল সকাল অভিযানে নামে ইডি (ED Raid Kolkata)। সান এন্টারপ্রাইজের অফিসেও ঢুকেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। সূত্র বলছে, এই সংস্থা নির্মাণ ব্যবসার সঙ্গে জড়িত। গোটা বাড়ি ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান ও ইডি আধিকারিকরা। সূত্রের খবর, কয়েক কোটি টাকার আর্থিক প্রতারণার অভিযোগ পেয়ে সান এন্টারপ্রাইজের অফিসে পৌঁছেছে ইডি। তবে এই সংস্থার সঙ্গে কোনও রাজনৈতিক সংযোগ আছে কি না, তা এখনও স্পষ্ট নয়। তবে, সূত্রের খবর, সোনা পাপ্পু ও সান গ্রুপের বিষয়টি জড়িত।

    তৃণমূল বিধায়ক দেবাশিস কুমারকে ইডি তলব

    ঠিক তিন দিন আগে, কলকাতার বালিগঞ্জ প্লেসের বহুতলে এক ব্যবসায়ীর ফ্ল্যাটে তল্লাশি চালিয়েছিল কেন্দ্রীয় এজেন্সি। ইডি সূত্রে দাবি, আর্থিক দুর্নীতির অভিযোগে, এই তল্লাশি অভিযান চালানো হয়। গত ২৮ মার্চ সকাল ৬টা নাগাদ, কেন্দ্রীয় বাহিনী সঙ্গে করে ব্যবসায়ীর বাড়িতে আসেন কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকেরা। এরপর কোটি কোটি টাকা আর্থিক প্রতারণার মামলায়, কলকাতা পুরসভার মেয়র পারিষদ এবং রাসবিহারীর বিদায়ী তৃণমূল বিধায়ক দেবাশিস কুমারকে জিজ্ঞাসাবাদ করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এই মামলায়, সম্প্রতি, অমিত গঙ্গোপাধ্যায় নামে এক ব্যবসায়ীর ঠিকানায় অভিযান চালানো হয়।

    বাজেয়াপ্ত গুরুত্বপূর্ণ নথি

    এছাড়াও দক্ষিণ কলকাতার আরও কয়েকটি স্থানে পৃথক পৃথক দলে ভাগ হয়ে তল্লাশি চালাচ্ছেন ইডি আধিকারিকরা (ED Raid Kolkata)। বাজেয়াপ্ত করা হয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি ও ডিজিটাল তথ্য। রাজ্যে যখন বিধানসভা নির্বাচনের প্রস্তুতি তুঙ্গে, ঠিক সেই আবহেই কেন্দ্রীয় সংস্থার এই বড়সড় পদক্ষেপ রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। ইডি সূত্রে দাবি করা হয়েছে, বিপুল পরিমাণ ‘কাট মানি’ এবং আর্থিক জালিয়াতির তদন্তেই এই পদক্ষেপ। তবে বিরোধীরা বিষয়টিকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বললেও, ইডি আধিকারিকদের লক্ষ্য এখন এই কোটি কোটি টাকার তোলাবাজি চক্রের শেষ মাথা বা মূল সুবিধাভোগীদের খুঁজে বের করা। শেষ পাওয়া খবর অনুযায়ী, তল্লাশি অভিযান এখনও চলছে এবং সন্দেহভাজন কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

  • Digital Census: আজ থেকে শুরু হচ্ছে ডিজিটাল সেন্সাস! ঘরে বসেই নাম রেজিস্টার, কোন কোন বিষয়ে প্রশ্ন থাকবে?

    Digital Census: আজ থেকে শুরু হচ্ছে ডিজিটাল সেন্সাস! ঘরে বসেই নাম রেজিস্টার, কোন কোন বিষয়ে প্রশ্ন থাকবে?

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রথমবার ভারতে সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে জনগণনা (Digital Census) শুরু হতে চলেছে। দেশের জনসংখ্যার তথ্য সংগ্রহের পদ্ধতিতে এক বড় পরিবর্তন আনতে চলেছে এই পদ্ধতি। আজ, ১ এপ্রিল থেকে আটটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে হাউস লিস্টিং ও হাউজিং সেন্সাস ধাপের মাধ্যমে এই প্রক্রিয়া শুরু হবে। এই জনগণনা দু’টি পর্যায়ে সম্পন্ন হবে বলে জানা গিয়েছে। প্রথম পর্যায়ে পরিবারের তথ্য সংগ্রহ করা হবে—যার মধ্যে থাকবে বাসস্থানের অবস্থা ও মৌলিক পরিষেবার প্রাপ্যতা। দ্বিতীয় পর্যায়, অর্থাৎ জনসংখ্যা গণনার সময়, ব্যক্তিগত তথ্য সংগ্রহ করা হবে।

    প্রথম পর্বে ৩৩টি প্রশ্ন

    দীর্ঘ সময় পর ভারতে হবে আদমশুমারি। এই প্রথমবার দেশে সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে সেন্সাস (Digital Census) করাবে সরকার। যেখানে বাড়ি, পেশা, শিক্ষা, জাতি সব তথ্য় দিতে হবে আপনাকে। সব মিলিয়ে প্রথম পর্বে ৩৩টি প্রশ্ন থাকবে এই ডিজিটাল সেন্সাসে। এর মধ্যে রয়েছে পানীয় জলের ব্যবস্থা, স্নানঘর, রান্নাঘর, এলপিজি-পিএনজি সংযোগ, ইন্টারনেট সুবিধা, বিদ্যুৎ, বাসস্থানের ধরন এবং পরিবারের প্রধান খাদ্যশস্য সংক্রান্ত তথ্য। সরকারের দাবি, এই তথ্য ভবিষ্যৎ নীতি নির্ধারণ ও জনকল্যাণমূলক প্রকল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

    ডিজিটাল পদ্ধতিতে কেন

    প্রথমবারের মতো জাতিগত (কাস্ট) তথ্যও ডিজিটালভাবে নথিভুক্ত করা হবে। রেজিস্ট্রার জেনারেল ও সেন্সাস কমিশনার মৃত্যুঞ্জয় কুমার নারায়ণ জানিয়েছেন, ডিজিটাল পদ্ধতিতে যাওয়ার মূল লক্ষ্য হল নির্ভুলতা ও কার্যকারিতা বৃদ্ধি করা। প্রায় ৩০ লক্ষ গণনাকারী অ্যান্ড্রয়েড ও আইওএস ডিভাইসে উপলব্ধ মোবাইল অ্যাপ ব্যবহার করবেন। এই অ্যাপটি ১৬টি ভাষায় কাজ করতে পারে এবং ইন্টারনেট ছাড়াও ব্যবহারযোগ্য, ফলে দূরবর্তী ও গ্রামীণ এলাকাতেও এটি কার্যকর হবে।

    কীভাবে পূরণ করবেন ফর্ম

    সাধারণ মানুষ চাইলে স্ব-নিবন্ধন (self-enumeration) পোর্টালের মাধ্যমে অনলাইনেও নিজেদের তথ্য জমা দিতে পারবেন। তথ্য জমা দেওয়ার পর একটি ইউনিক সেলফ-এনুমারেশন আইডি দেওয়া হবে, যা যাচাইকরণের সময় কর্মকর্তাদের দেখাতে হবে। প্রথম পর্যায়ের প্রশ্নপত্রে মোট ৩৩টি প্রশ্ন থাকবে। এর মধ্যে থাকবে বাড়ির ধরন, নির্মাণ সামগ্রী, মালিকানার অবস্থা, পরিবারের সদস্যসংখ্যা, ইন্টারনেট, স্মার্টফোন, যানবাহন ও অন্যান্য গৃহস্থালি সামগ্রীর প্রাপ্যতা সম্পর্কিত তথ্য। । এর বাইরে গৃহস্থের ঘরে ফ্রিজ , টিভি, মাইক্রোওভেন, ওয়াশিং মেশিন আছে কিনা তা নথিভুক্ত করতে হবে ফর্মে। স্ব-নিবন্ধনের সুযোগটি কর্মকর্তারা বাড়িতে যাওয়ার প্রায় ১৫ দিন আগে চালু হবে, যাতে মানুষ আগেভাগেই নিজেদের তথ্য জমা দিতে পারেন। প্রশাসনের তরফে জানানো হয়েছে, এই প্রক্রিয়ায় অংশগ্রহণের জন্য কোনও নথির প্রয়োজন হবে না এবং সমস্ত তথ্য গোপন রাখা হবে।

    লিভ-ইন সম্পর্কে থাকলেও ‘বিবাহিত’

    ১৯৪৮ সালের আদমশুমারি আইন এবং ১৯৯০ সালের আদমশুমারি বিধি অনুযায়ী ২০২৭ সালে হবে জনগণনা। আর সেই জনগণনার সময় লিভ-ইন যুগলদেরও ‘বিবাহিত’ হিসেবেই গণ্য করা হবে। দেশের জনগণনা নিয়ে মানুষের একাধিক প্রশ্নের উত্তর দিতে একটি পোর্টাল চালু করেছে কেন্দ্র। সেখানেই জানানো হয়েছে এমন তথ্য। আদমশুমারির সরকারি পোর্টালে ‘ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেনে’ (FAQ)-এ বলা হয়েছে এই কথা। সেখানে জানানো হয়েছে, লিভ-ইন কাপল যদি নিজেদের সম্পর্ককে স্থিতিশীল বলে বর্ণনা করে তবে তাদেরকে বিবাহিত ধরা হবে।

    দুই ধাপে হবে জনগণনা

    জনগণনা হবে দুটি ভাগে। প্রথমে হাউসিং এনলিস্টিং এবং পরে পপুলেশন এনুমারেশন। প্রথমটি চলবে ১ এপ্রিল থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। যার মধ্যে ৪৫ দিনের প্রাথমিক যে সময়কাল, তার প্রথম ১৫ দিন নিজেই সব তথ্য দেওযা যাবে পোর্টালে। প্রসঙ্গত, আদমশুমারিতে উত্তরদাতাদের তাঁদের উত্তরের সপক্ষে প্রমাণ দাখিল করার প্রয়োজন হয় না। দ্বিতীয় পর্যায়ে হবে জনগনণা। যেখানে ব্যক্তির নাম, বয়স, লিঙ্গ, শিক্ষা, পেশা, ধর্ম ও বৈবাহিক অবস্থান সম্পর্কে জানাতে হবে। এই পর্বে বাড়িতে পরিদর্শনে আসা কর্মী এবং কর্মকর্তারা পরিচয়পত্রের ভিত্তিতে কিছু তথ্য জানতে চাইবেন। যেগুলির উত্তর দেওয়া বাধ্যতামূলক। এই সমস্ত প্রশ্নগুলির উত্তর কোনও ভাবে ভুল দেওয়া যাবে না। নাহলে আইনি জটিলতায় পড়তে হতে পারে। ১১,৭১৮.২৪ কোটি টাকার বাজেট এবং ৬.৩৯ লক্ষেরও বেশি প্রশাসনিক ইউনিটের অংশগ্রহণে এই জনগণনা ভবিষ্যতের সরকারি নীতি ও উন্নয়ন পরিকল্পনা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

    কোন-কোন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে কাজ

    ১ এপ্রিল থেকে প্রথম পর্যায়ের (India’s First Digital Census) কাজ শুরু হচ্ছে নির্দিষ্ট ৮টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে (যেমন: আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, দিল্লি, গোয়া, কর্ণাটক, লাক্ষাদ্বীপ, মিজোরাম, ওড়িশা এবং সিকিম)। এরপর পর্যায়ক্রমে বাকি রাজ্যগুলোতেও এই কাজ চলবে। সোমবার এই ঘোষণা করেছেন রেজিস্ট্রার জেনারেল ও সেন্সাস কমিশনার মৃত্যুঞ্জয় কুমার নারায়ণ। তিনি জানান স্বাধীনতার পর এই নিয়ে অষ্টমবার এই সেন্সাস করা হবে দেশে। এই কাজ করবে ৩০ লক্ষ তথ্য দাখিলকারী। যার মধ্যে পর্যবেক্ষক ছাড়াও আধিকতারিকরা থাকবেন।

  • Daily Horoscope 01 April 2026: কাজের জায়গায় প্রতিযোগিতা বাড়বে এই রাশির জাতকদের

    Daily Horoscope 01 April 2026: কাজের জায়গায় প্রতিযোগিতা বাড়বে এই রাশির জাতকদের

    চাকরি থেকে ব্যবসা, বন্ধু থেকে ব্যক্তিগত জীবন, ভ্রমণ থেকে স্বাস্থ্য—

    মেষ
    ১) হঠাৎ কোনও সুযোগ এসে আপনাকে চমকে দিতে পারে।
    ২) কাজের চাপ বাড়লেও নিজেকে সামলে নেবেন।
    ৩) পুরনো ভুল থেকে শিক্ষা নেওয়ার সময়।

    বৃষ
    ১) অর্থনৈতিক বিষয়ে নতুন ভাবনা কাজে লাগাতে পারেন।
    ২) পরিবারের কারও সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে।
    ৩) নিজের আরাম ও স্বাস্থ্যের দিকে নজর দিন।

    মিথুন
    ১) নতুন মানুষের সঙ্গে পরিচয় ভবিষ্যতে কাজে লাগবে।
    ২) কাজের ক্ষেত্রে দ্রুত সিদ্ধান্ত নিতে হতে পারে।
    ৩) অযথা কথা বলে ঝামেলায় জড়াবেন না।

    কর্কট
    ১) মনের মধ্যে দ্বিধা থাকলেও এগোতে হবে।
    ২) কর্মক্ষেত্রে কারও সাহায্য পেতে পারেন।
    ৩) অতীত নিয়ে না ভেবে বর্তমানেই থাকুন।

    সিংহ
    ১) নিজের দক্ষতা প্রমাণ করার সুযোগ পাবেন।
    ২) দায়িত্ব বাড়লেও তা সামলাতে পারবেন।
    ৩) কারও প্রতি অতিরিক্ত রাগ দেখাবেন না।

    কন্যা
    ১) পরিকল্পনা অনুযায়ী কাজ এগোতে পারে।
    ২) অর্থনৈতিক দিক একটু শক্তিশালী হবে।
    ৩) বিশ্রাম নেওয়াও সমান জরুরি।

    তুলা
    ১) নতুন কোনও কাজ শুরু করার ইচ্ছা জাগবে।
    ২) সম্পর্কের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি মিটতে পারে।
    ৩) নিজের সিদ্ধান্তে অটল থাকুন।

    বৃশ্চিক
    ১) গোপন পরিকল্পনা সফল হতে পারে।
    ২) কাজের জায়গায় প্রতিযোগিতা বাড়বে।
    ৩) মাথা ঠান্ডা রেখে পরিস্থিতি সামলান।

    ধনু
    ১) ভ্রমণের সুযোগ বা পরিকল্পনা তৈরি হতে পারে।
    ২) নতুন কিছু শেখার আগ্রহ বাড়বে।
    ৩) অর্থ ব্যয়ের ক্ষেত্রে সচেতন থাকুন।

    মকর
    ১) দীর্ঘদিনের পরিশ্রমের ফল সামনে আসবে।
    ২) ঊর্ধ্বতনদের কাছ থেকে স্বীকৃতি পেতে পারেন।
    ৩) শরীরের ছোট সমস্যা অবহেলা করবেন না।

    কুম্ভ
    ১) সৃজনশীল কাজে সাফল্য মিলবে।
    ২) বন্ধুমহলে নতুন কোনও পরিকল্পনা হতে পারে।
    ৩) সময় ব্যবস্থাপনায় মনোযোগ দিন।

    মীন
    ১) অন্তর্দৃষ্টি আজ আপনাকে সঠিক পথ দেখাবে।
    ২) ব্যক্তিগত সম্পর্কে নতুন মোড় আসতে পারে।
    ৩) ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত এড়িয়ে চলাই ভালো।

  • Petrol Pump: ইরান-আমেরিকার যুদ্ধকালীন পরিস্থিতিতে মোদির বড় সিদ্ধান্ত, করোসিন মিলবে পেট্রোল পাম্পে

    Petrol Pump: ইরান-আমেরিকার যুদ্ধকালীন পরিস্থিতিতে মোদির বড় সিদ্ধান্ত, করোসিন মিলবে পেট্রোল পাম্পে

    মাধ্যম নিউজ ডেস্ক: মধ্যপ্রাচ্যে ইরান-আমেরিকা যুদ্ধের প্রভাব পড়েছে গোটা বিশ্বে। পেট্রো জ্বালানি, রান্নার গ্যাসে বিরাট প্রভাব পড়ছে। তাই এই অবস্থায় কেন্দ্রীয় সরকার বড় ঘোষণা করেছে। সাধারণ মানুষের সুবিধার্থে এবং কালোবাজারি রুখতে আরও একটি বড় পদক্ষেপ নিল নরেন্দ্র মোদি সরকার। এবার থেকে খোলা বাজারের কেরোসিন তেল (Kerosene) পেট্রোল পাম্পেই (Petrol Pump) পাওয়া যাবে। কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তের ফলে রেশন দোকানের ওপর নির্ভরতা কমবে এবং সাধারণ মানুষ সহজেই উন্নত মানের কেরোসিন সংগ্রহ করতে পারবেন। জ্বালানি তেল সংগ্রহে এই ঘোষণা সাধারণ মানুষের দারুণ ভাবে সহায়ক হবে বলে মনে করছেন ওয়াকিবহাল মহল।

    নতুন সিদ্ধান্তের মূল লক্ষ্য (Kerosene)

    এতদিন পর্যন্ত কেরোসিন (Kerosene) মূলত গণবণ্টন ব্যবস্থা বা রেশন দোকানের মাধ্যমেই উপভোক্তাদের কাছে পৌঁছাত। কিন্তু সেখানে প্রায়শই জালিয়াতি এবং কালোবাজারির অভিযোগ উঠত। মোদি সরকারের এই নতুন পদক্ষেপের ফলে মানুষের প্রয়োজনীয়তা এবং দুর্ভোগ অনেকটাই কমবে বলে মনে করা হচ্ছে।

    • সহজলভ্যতা: রেশন কার্ড থাকুক বা না থাকুক, যে কেউ এখন পেট্রোল পাম্প থেকে নির্ধারিত মূল্যে কেরোসিন কিনতে পারবেন।
    • স্বচ্ছতা: পেট্রোল পাম্পে (Petrol Pump) ডিজিটাল পদ্ধতিতে বিক্রি হওয়ায় জালিয়াতির সুযোগ কমবে।
    • মান নিয়ন্ত্রণ: পাম্প থেকে সরাসরি তেল পাওয়ায় তেলের গুণমান বজায় থাকবে।

    রেশন ডিলারদের বিকল্প পথ

    সরকার সূত্রে জানানো হয়েছে, শুধুমাত্র পেট্রোল পাম্প নয়, চাইলে রেশন ডিলাররাও তাদের দোকানে ছোট সিলিন্ডার এলপিজি বা অন্যান্য পেট্রোলিয়ামজাত পণ্য বিক্রি করতে পারবেন। এর ফলে রেশন ডিলারদের আয় যেমন বাড়বে, তেমনই প্রত্যন্ত এলাকার মানুষ হাতের কাছেই রান্নার জ্বালানি (Kerosene) পাবেন। জ্বালানি ও সরবরাহ ব্যবস্থার ওপর নজর রাখতে একটি আন্তঃমন্ত্রকীয় গোষ্ঠী গঠন করা হয়েছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং-এর নেতৃত্বে আয়োজিত প্রথম বৈঠকে বর্তমান পরিস্থিতি মোকাবিলায় দ্রুত সিদ্ধান্ত গ্রহণ এবং দীর্ঘমেয়াদি প্রস্তুতির ওপর জোর দেওয়া হয়। বৈঠকে নির্মলা সীতারামন, কিরেন রিজিজু, হরদীপ সিং পুরি, মনোহর লাল খট্টর এবং জেপি নাড্ডাসহ শীর্ষ মন্ত্রীরা উপস্থিত ছিলেন।

    ভর্তুকিহীন কেরোসিন

    উল্লেখ্য, পেট্রোল পাম্পে (Petrol Pump) যে কেরোসিন (Kerosene) পাওয়া যাবে তা হবে ভর্তুকিহীন বা ‘নন-সাবসিডাইজড’। যারা রান্নার গ্যাস (LPG) ব্যবহার করেন না বা যাদের অতিরিক্ত কেরোসিনের প্রয়োজন হয়, তারা এই সুবিধা নিতে পারবেন। তবে যারা দারিদ্র্যসীমার নিচে (BPL) রয়েছেন, তাদের জন্য রেশন দোকানের মাধ্যমে ভর্তুকিযুক্ত কেরোসিন সরবরাহ আগের মতোই জারি থাকবে কি না, তা নিয়ে রাজ্যগুলির সঙ্গে আলোচনা চলছে। সেক্ষেত্রে ভয়ের কোনও ব্যাপার নেই।

    পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেমের মাধ্যমে বণ্টন

    ২৯ মার্চ জারি হওয়া এক গেজেট বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সীমিত সময়ের জন্য নির্দিষ্ট কিছু পেট্রোল পাম্পের মাধ্যমে কেরোসিন (Kerosene) বিক্রির অনুমতি দেওয়া হয়েছে, যাতে সাধারণ মানুষের কাছে এই জ্বালানি সহজে পৌঁছে যায়। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক রাষ্ট্রায়ত্ত তেল বিপণন সংস্থাগুলিকে দিল্লি, হরিয়ানা, উত্তর প্রদেশ, গুজরাট-সহ মোট ২১টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেমের (Petrol Pump) মাধ্যমে উন্নত মানের কেরোসিন সরবরাহের অনুমতি দিয়েছে। উল্লেখ্য, এই সব জায়গায় আগে ধাপে ধাপে কেরোসিন সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছিল।

    পেট্রোলিয়াম বিধিমালা, ২০০২ শিথিল

    নতুন নিয়ম অনুযায়ী, নির্দিষ্ট পেট্রোল পাম্পগুলো (Petrol Pump) রান্না ও আলোর ব্যবহারের জন্য কেরোসিন মজুত ও সরবরাহ করতে পারবে। তবে প্রতিটি পাম্প সর্বোচ্চ ৫,০০০ লিটার পর্যন্ত কেরোসিন সংরক্ষণ করতে পারবে। জেলায় জেলায় সর্বাধিক দুটি করে এমন আউটলেট নির্ধারণ করবে সংশ্লিষ্ট রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসন।

    ই-বিজ্ঞপ্তির মাধ্যমে পেট্রোলিয়াম বিধিমালা, ২০০২-এর কিছু শর্তকে এখন শিথিল করা হয়েছে। ফলে কেরোসিন ডিলার ও পরিবহণকারী যানবাহনের জন্য লাইসেন্স সংক্রান্ত নিয়মও সহজ করা হয়েছে। বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে পেট্রোল ও গ্যাস সরবারহেকে নিশ্চিত করতেই এই পরিকল্পনার কথা জানিয়েছে সরকার। জ্বালানির (Kerosene) প্রাপ্যতা ও সরবরাহ শৃঙ্খল স্বাভাবিক রাখতে এই সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিদ্যমান খুচরা পাম্পগুলিকে ব্যবহার করে দ্রুত কেরোসিন পৌঁছে দেওয়ার লক্ষ্যেই তেল সংস্থাগুলিকে এই অনুমতি দেওয়া হয়েছে। তবে সমস্ত ক্ষেত্রে পেট্রোলিয়াম (Petrol Pump) ও বিস্ফোরক নিরাপত্তা সংস্থার নির্ধারিত নিরাপত্তা বিধি মেনে চলতে হবে। এই বিজ্ঞপ্তি আপাতত ৬০ দিন বা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে।

    বিশেষজ্ঞ মহলের অভিমত

    রাজনৈতিক ও অর্থনৈতিক বিশেষজ্ঞদের মতে, জ্বালানি (Kerosene) ক্ষেত্রে স্বচ্ছতা আনতে এবং সাধারণ মানুষের ভোগান্তি কমাতে এটি মোদি সরকারের একটি সুপরিকল্পিত পদক্ষেপ। এর ফলে খনিজ তেলের খোলা বাজার আরও বিস্তৃত হবে এবং সাধারণ মানুষ লাইনে দাঁড়ানোর ঝামেলা থেকে মুক্তি পাবেন।

  • UPI: অনলাইন লেনদেনে বড় বদল! ১ এপ্রিল থেকে শুধুমাত্র ওটিপি-তে কাজ হবে না, কড়া নিয়ম আনল আরবিআই

    UPI: অনলাইন লেনদেনে বড় বদল! ১ এপ্রিল থেকে শুধুমাত্র ওটিপি-তে কাজ হবে না, কড়া নিয়ম আনল আরবিআই

    মাধ্যম নিউজ ডেস্ক: আপনি কি ইউপিআই (UPI), নেট ব্যাঙ্কিং বা ডেবিট-ক্রেডিট কার্ডের মাধ্যমে লেনদেন করেন? তবে আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। বুধবার, ১ এপ্রিল থেকে ডিজিটাল পেমেন্টের নিরাপত্তা আরও জোরদার করতে বড়সড় পরিবর্তন আনছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)। নতুন নিয়ম অনুযায়ী, অনলাইন জালিয়াতি রুখতে এখন থেকে শুধুমাত্র ওটিপি (OTP) বা ওয়ান টাইম পাসওয়ার্ড দিয়ে লেনদেন করা যাবে না। তার সঙ্গে যুক্ত হবে নিরাপত্তার আরও একটি স্তর।

    কী এই নতুন নিয়ম (UPI)?

    আরবিআই (RBI) জানিয়েছে, এতদিন পর্যন্ত অনলাইনে (UPI) টাকা পাঠাতে বা কেনাকাটা করতে মোবাইলে আসা ওটিপি-ই ছিল প্রধান ভরসা। কিন্তু সাইবার অপরাধীরা যেভাবে ওটিপি চুরির মাধ্যমে গ্রাহকদের অ্যাকাউন্ট ফাঁকা করে দিচ্ছে, তাতে উদ্বিগ্ন কেন্দ্রীয় ব্যাঙ্ক। তাই এবার থেকে ‘টু-ফ্যাক্টর অথেনটিকেশন’ (2FA) বাধ্যতামূলক করা হচ্ছে। নতুন নীতি অনুযায়ী, প্রতিটি লেনদেন সম্পন্ন করতে কমপক্ষে দুটি আলাদা নিরাপত্তা পদ্ধতি ব্যবহার করতে হবে। এর মধ্যে একটি অবশ্যই হতে হবে ‘ডায়নামিক’ বা পরিবর্তনশীল ওটিপি। অন্যটি হতে পারে আপনার পিন (PIN), পাসওয়ার্ড, ফিঙ্গারপ্রিন্ট বা ফেস আইডি-র মতো বায়োমেট্রিক তথ্য।

    গ্রাহকদের ওপর কী প্রভাব পড়বে?

    আরবিআই আরও জানিয়েছে যে, আন্তঃসীমান্ত লেনদেনের ক্ষেত্রেও একই ধরনের নিয়ম প্রযোজ্য হবে। এই নিয়মগুলো আন্তর্জাতিক কার্ড পেমেন্টের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। ২০২৬ সালের অক্টোবরের মধ্যে সম্পূর্ণ বাস্তবায়ন সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। এটি বৈশ্বিক লেনদেনের ক্ষেত্রে সমপরিমাণ নিরাপত্তা ও সরক্ষাকে নিশ্চিত করবে। ওটিপি (UPI) কোনওভাবে হ্যাক হলেও দ্বিতীয় স্তরের নিরাপত্তা (যেমন বায়োমেট্রিক বা পিন) ছাড়া টাকা হাতানো সম্ভব হবে না।

    ঝুঁকিভিত্তিক যাচাইকরণ

    সব লেনদেনের জন্য একই নিয়ম থাকবে না। আপনার লেনদেনের পরিমাণ, ব্যবহৃত ডিভাইস এবং লোকেশনের ওপর ভিত্তি করে ব্যাঙ্ক ঠিক করবে বাড়তি কতটুকু নিরাপত্তা যাচাই প্রয়োজন। বাড়তি একটি স্তরের যাচাইকরণের ফলে পেমেন্ট সফল হতে আগের চেয়ে কয়েক সেকেন্ড বেশি সময় লাগতে পারে। আন্তর্জাতিক কার্ড পেমেন্টের ক্ষেত্রেও এই কড়া নিয়ম কার্যকর হবে, যা ২০২৬ সালের অক্টোবরের মধ্যে পুরোপুরি বাস্তবায়িত করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।

    ব্যাঙ্কগুলির দায়বদ্ধতা বাড়ছে

    আরবিআই (RBI) স্পষ্ট করে দিয়েছে যে, ডিজিটাল পেমেন্ট সিস্টেম নিরাপদ রাখার মূল দায়িত্ব ব্যাঙ্ক এবং পেমেন্ট প্ল্যাটফর্মগুলির। যদি সিস্টেমের ত্রুটির কারণে কোনো গ্রাহক আর্থিক প্রতারণার শিকার হন, তবে ব্যাঙ্ককে দ্রুত সেই অভিযোগ সমাধান করতে হবে এবং প্রয়োজনে ক্ষতিপূরণ দিতে হবে। বিশেষজ্ঞদের মতে, ডিজিটাল ইন্ডিয়ার প্রসারের সাথে সাথে সাইবার ক্রাইম যে হারে বাড়ছে, তা রুখতে এই পদক্ষেপ এক যুগান্তকারী ভূমিকা নেবে। প্রাথমিকভাবে গ্রাহকদের কিছুটা অভ্যস্ত হতে সময় লাগলেও, দীর্ঘমেয়াদে এটি সাধারণ মানুষের কষ্টার্জিত উপার্জনের সুরক্ষা নিশ্চিত করবে।

  • Bengal Elections 2026: ভোটের আচরণবিধি লঙ্ঘন করছেন মুখ্যমন্ত্রী! মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে নালিশ বিজেপির

    Bengal Elections 2026: ভোটের আচরণবিধি লঙ্ঘন করছেন মুখ্যমন্ত্রী! মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে নালিশ বিজেপির

    মাধ্যম নিউজ ডেস্ক: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ জানাল বিজেপি। মঙ্গলবার এই বিষয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) এর দফতরে হাজির হয় বিজেপির প্রতিনিধি দল। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের নেতৃত্বে এই প্রতিনিধিদল সিইও দফতরে গিয়ে সরাসরি অভিযোগ জানায়।

    কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে মহিলাদের উস্কানি

    শুভেন্দু অধিকারীর অভিযোগ,‘‘মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনী আদর্শ আচরণবিধি মানছেন না। তিনি কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে মহিলাদের উস্কানি দেওয়ার মতো মন্তব্য করছেন, যা অত্যন্ত গুরুতর।’’ শুধু তাই নয়, বিজেপির দাবি, মুখ্যমন্ত্রী নাকি প্রকাশ্যে এমন কথাও বলেছেন, ৪ মের পর বিজেপি কর্মীদের গলায় পোস্টার ঝুলিয়ে বলতে হবে ‘‘আমরা বিজেপি করি না।’’ শুভেন্দুর প্রশ্ন,‘‘একজন মুখ্যমন্ত্রী কীভাবে এমন মন্তব্য করতে পারেন? তিনি প্রার্থী হলেও তাঁর সাংবিধানিক দায়িত্ব রয়েছে। এভাবে কি ভোট-পরবর্তী হিংসার ইঙ্গিত দেওয়া যায়?’’ এই সমস্ত অভিযোগই মঙ্গলবার লিখিত আকারে সিইও দফতরে জমা দেওয়া হয়েছে।

    ‘ভয় ও উস্কানিমূলক’ পরিবেশ

    প্রসঙ্গত, এর ঠিক একদিন আগেই দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনের সদর দফতরে একই অভিযোগ জানায় বিজেপি। কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল, কিরেণ রিজিজু, অরুণ সিং ও সুকান্ত মজুমদারের স্বাক্ষরিত চিঠিতে অভিযোগ করা হয়, মুখ্যমন্ত্রী ও তৃণমূলের সভা-সমাবেশ থেকে পরিকল্পিতভাবে ‘ভয় ও উস্কানিমূলক’ পরিবেশ তৈরি করা হচ্ছে। চিঠিতে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে ২৫ মার্চ ময়নাগুড়ি ও নকশালবাড়ি এবং ২৬ মার্চ পাণ্ডবেশ্বরের সভার বক্তব্য। পাশাপাশি তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের ২৮ মার্চের এক সাংবাদিক বৈঠকের মন্তব্যকেও নিশানা করা হয়েছে। বিজেপির দাবি, এই সমস্ত বক্তব্য ভোটারদের প্রভাবিত করার উদ্দেশ্যে দেওয়া এবং তা সরাসরি নির্বাচনী আচরণবিধির পরিপন্থী। তাদের অভিযোগ, রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্থানীয় পুলিশ ‘নিষ্ক্রিয়’ এবং ‘পক্ষপাতদুষ্ট’। স্পর্শকাতর এলাকায় আরও বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন, অতিরিক্ত আইএএস ও আইপিএস পর্যবেক্ষক নিয়োগের দাবিও জানানো হয়েছে। এমনকী ভারতীয় ন্যায় সংহিতা ও জনপ্রতিনিধিত্ব আইনের আওতায় এফআইআর দায়েরের আর্জিও জানানো হয়েছে।

  • Leander Paes: জল্পনায় সিলমোহর, পদ্ম-শিবিরে নাম লেখালেন পদ্মপ্রাপক টেনিস তারকা লিয়েন্ডার পেজ

    Leander Paes: জল্পনায় সিলমোহর, পদ্ম-শিবিরে নাম লেখালেন পদ্মপ্রাপক টেনিস তারকা লিয়েন্ডার পেজ

    মাধ্যম নিউজ ডেস্ক: কথা আগেই হয়ে গিয়েছিল। এবার পদ্ম-শিবিরে নাম লেখালেন টেনিস তারকা লিয়েন্ডার পেজ (Leander Paes)। মঙ্গলবার দিল্লির বিজেপি সদর দফতরে কেন্দ্রীয় নেতৃত্ব এবং সুকান্ত মজুমদারের উপস্থিতিতে ভারতীয় জনতা পার্টিতে আনুষ্ঠানিকভাবে যোগদান করলেন অলিম্পিক পদকজয়ী এই কিংবদন্তি। গত সপ্তাহেই কলকাতার নিউটাউনের এক অভিজাত হোটেলে বিজেপি (Bengal BJP) নেতৃত্বের সঙ্গে তাঁর গোপন বৈঠক ঘিরে যে গুঞ্জন দানা বেঁধেছিল, এদিন তাতেই শিলমোহর পড়ল।

    নিউ টাউনের সেই ‘পাকা কথা’ (Leander Paes)

    ঘটনার সূত্রপাত গত সপ্তাহে। কলকাতায় কেন্দ্রীয় নেতৃত্বের সফরের সময় নিউটাউনের একটি হোটেলে বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীনের (Bengal BJP) সঙ্গে দীর্ঘ বৈঠক করেন লিয়েন্ডার। সেই রুদ্ধদ্বার বৈঠকের খবর প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়—তবে কি ২০২৬-এর বিধানসভা নির্বাচনের আগেই যোগদান করবেন টেনিস মহাতারকা (Leander Paes)? মঙ্গলবার দিল্লিতে তাঁর হাতে দলীয় পতাকা তুলে দেওয়ার পর সেই জল্পনাই বাস্তব রূপ পেল। পদ্ম-শিবিরে যোগদান করে পদ্মপ্রাপক (২০১৪ সালে পদ্মভূষণ পুরস্কার বিজয়ী) ক্রীড়াবিদ লিয়েন্ডার বলেন, “আমার জন্ম পশ্চিমবঙ্গে। কিন্তু আমি যখন খেলা শুরু করি, তখন ওখানে টেনিসের এত পরিকাঠামো ছিল না। আজও দেশে কোনও ইন্ডোর টেনিস কোর্ট নেই। এখন আগের চেয়ে পরিস্থিতি ভালো হয়েছে। তবে ক্রীড়া এবং ক্রীড়া প্রশিক্ষণে আরও উন্নতির সুযোগ রয়েছে।”

    কেন এই দলবদল?

    ২০২১ সালের অক্টোবরে গোয়ায় মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে তৃণমূলে যোগ দিয়েছিলেন লিয়েন্ডার। গোয়া নির্বাচনে দলের হয়ে প্রচারও করেছিলেন। তবে গত কিছু সময় ধরে জোড়া-ফুল শিবিরের সঙ্গে তাঁর দূরত্ব বাড়ছিল বলে খবর। এদিন বিজেপিতে (Bengal BJP) যোগ দিয়ে লিয়েন্ডার (Leander Paes) বলেন, “আমি ৪০ বছর দেশের হয়ে খেলেছি। এবার দেশের যুব সমাজ ও ক্রীড়াক্ষেত্রের উন্নতির জন্য কাজ করতে চাই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কর্মপদ্ধতি এবং দেশের খেলাধুলার প্রসারে তাঁর দৃষ্টিভঙ্গি আমাকে গভীরভাবে অনুপ্রাণিত করেছে।”

    বঙ্গ-রাজনীতিতে লিয়েন্ডারের গুরুত্ব

    লিয়েন্ডারের যোগদানের সময় সুকান্ত মজুমদার তাঁর পারিবারিক ঐতিহ্যের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, “লিয়েন্ডার পেজ (Leander Paes) মহাকবি মাইকেল মধুসূদন দত্তের উত্তরসূরি। বাংলার মাটির সঙ্গে তাঁর এই গভীর যোগসূত্রকে আগামী নির্বাচনে কাজে লাগাতে চাইছে বিজেপি। বিশেষ করে কলকাতার শহুরে এবং শিক্ষিত ভোটারদের কাছে লিয়েন্ডারের গ্রহণযোগ্যতা দলকে বাড়তি অক্সিজেন দেবে। দেশের যুবক-যুবতীদের এই খেলায় আসার জন্য অনুপ্রাণিত করেছে। লিয়েন্ডারের ছবি, খেলার ভিডিও, তাঁর ম্যাচ দেখে বাঙালি যুব সমাজ বড় হয়েছে। আজ পশ্চিমবঙ্গের বিজেপির (Bengal BJP) জন্য এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন বলে আমার মনে হয়।” তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে দল আরও শাক্তিশালী হবে।

    বিধানসভায় কি প্রার্থী হবেন?

    লিয়েন্ডারকে (Leander Paes) আসন্ন বিধানসভা নির্বাচনে প্রার্থী করা হবে কি না, তা নিয়ে এখনও দলের তরফে স্পষ্ট কিছু জানানো হয়নি। তবে সূত্রের খবর, কলকাতার কোনো একটি গুরুত্বপূর্ণ আসন থেকে তাঁকে লড়াইয়ে নামানোর কথা ভাবছে পদ্ম-শিবির। শুধুমাত্র প্রার্থী হিসেবেই নয়, রাজ্যজুড়ে বিজেপির তারকা প্রচারক হিসেবেও বড় ভূমিকায় দেখা যেতে পারে তাঁকে। খেলার কোর্টে বহুবার প্রতিকূল পরিস্থিতি থেকে ম্যাচ বের করে এনেছেন লিয়েন্ডার। এবার রাজনীতির পিচে তিনি কতটা সফল হন, সেদিকেই তাকিয়ে রয়েছে বাংলার রাজনৈতিক মহল।

  • Masood Azhar’s Brother Dies: কারণ ঘিরে ধোঁয়াশা, পাকিস্তানে জইশ প্রধান মাসুদ আজহারের দাদার রহস্যজনক মৃত্যু

    Masood Azhar’s Brother Dies: কারণ ঘিরে ধোঁয়াশা, পাকিস্তানে জইশ প্রধান মাসুদ আজহারের দাদার রহস্যজনক মৃত্যু

    মাধ্যম নিউজ ডেস্ক: পাকিস্তানে ফের নিষিদ্ধ জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ-এর প্রধান মাসুদের পরিবারে রহস্যমৃত্যু। দিল্লির পার্লামেন্ট থেকে পুলওয়ামা হামলার মাস্টারমাইন্ড এবং জইশ প্রধান মাসুদ আজহারের (Jaish chief Masood Azhar) বড় ভাই, সংগঠনের শীর্ষ নেতা মহম্মদ তাহির আনোয়ারের রহস্যজনক ভাবে মৃত্যু হয়েছে বলে খবর। এই ঘটনায় শুরু হয়েছে জোর জল্পনা। পাকিস্তানের বিভিন্ন সূত্রের খবর অনুযায়ী, তার মৃত্যু কী ভাবে হয়েছে তা নিয়ে এখনও স্পষ্ট কোনও তথ্য সামনে আসেনি। স্বাভাবিক মৃত্যু, অসুস্থতা, নাকি অন্য কোনও কারণ, তা নিয়ে ধোঁয়াশা রয়ে গিয়েছে। মাসুদ আজহারের (Masood Azhar’s Brother Dies) দাদার মৃত্যুর খবর মিললেও ঘটনাটি নিয়ে পাকিস্তানের প্রশাসনের তরফেও কোনও বিস্তারিত বিবৃতি প্রকাশ করা হয়নি, ফলে বিষয়টি আরও রহস্যজনক হয়ে উঠেছে। সোমবার স্থানীয় সময় রাত ১১টায় বহওয়ালপুরে জামিয়া মসজিদ উসমান ওয়ালিতে তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে বলে জইশের টেলিগ্রাম চ্যানেলে ঘোষণা করা হয়েছে।

    ভারতে একাধিক হামলার মূল চক্রী তাহির

    দীর্ঘদিন ধরে জইশের ভারত-বিরোধী কার্যকলাপ এবং নাশকতার ব্লু-প্রিন্ট তৈরির নেপথ্যে অন্যতম মূল চক্রী ছিল এই তাহির আনোয়ার। জইশ-ই-মহম্মদ জঙ্গি সংগঠনের শীর্ষ স্থানীয় কমান্ডার ছিল মাসুদের বড় ভাই তাহির। জঙ্গি সংগঠনের প্রধান মাসুদের ১২ ভাইবোনের মধ্যে সে-ই বড়। জইশ-এর একাধিক ভারতবিরোধী হামলায় যুক্ত ছিল তাহির। ৬২ বছর বয়সি এই জঙ্গি নেতা দুই দশকেরও বেশি সময় ধরে জইশের সামরিক শাখার প্রধানের ভূমিকা পালন করেছে। বিভিন্ন অভিযানের আগে জঙ্গিদের প্রশিক্ষণের দায়িত্ব থাকত তাহিরের উপরেই। ভারতে সংসদে হামলা, পুলওয়ামা হামলার সময়েও জঙ্গিদের প্রশিক্ষণে মাসুদের এই দাদার ভূমিকা ছিল বলে দাবি। সূত্রের খবর, জইশ-ই মহম্মদে যোগদানের আগে তারিক পোল্ট্রি খামারের সঙ্গে যুক্ত ছিল। ১৯৯৯ সালে কান্দাহর কাণ্ডে মাসুদ ভারতের হাত থেকে মুক্ত হওয়ার পরে জইশকে ঢেলে সাজায়। ২০০১ সালে তার ডাকে সংগঠনে যোগ দেয় জঙ্গি নেতার বড়দা তারিক। ২০০১ সাল থেকে আনোয়ার জঙ্গি প্রশিক্ষণ শিবির স্থাপন, পরিচালনা এবং প্রশিক্ষণের তত্ত্বাবধান করে আসছিল। ফলে তার মৃত্যু জইশের জন্য বড় ক্ষতি বলে দাবি করছেন ওয়াকিবহাল মহল।

    মারকাজের দায়িত্বে তাহির

    তাহির দীর্ঘ সময় ধরে জইশের নানা কাজকর্ম সামলাচ্ছিল। সংগঠনের অন্যতম মাথা ছিল সে। মাসুদের আর এক ভাই ইব্রাহিম আজহার আফগনিস্তানে নানা জঙ্গি কার্যকলাপে যুক্ত। তাহিরের দায়িত্বে ছিল সশস্ত্র জঙ্গিরা। পরবর্তী কালে তাকে মারকাজ উসমান-ও-আলির দায়িত্ব দেওয়া হয়। ভারত যখন পাকিস্তানের বিরুদ্ধে সিঁদুর অভিযান চালাচ্ছিল, সেই সময় এই মারকাজেই অস্থায়ী ঠিকানা গড়ে তুলেছিল মাসুদ। প্রতিবেদন অনুযায়ী, মারকাজের দায়িত্ব কাকে দেওয়া হবে, তা নিয়ে নেতৃত্বের মধ্যে টানাপড়েন চলছিল। তার পরই তাহিরকে মারকাজের দায়িত্ব দেওয়া হয়। সূত্রের খবর, বাহাওয়ালপুরে জইশের নতুন নবপ্রতিষ্ঠিত সদর দফতর ‘মারকাজ উসমান-ও-আলি’-তেই গত কয়েক মাস ধরে থাকছিল তারিক। সোমবার ভারতীয় সময় সন্ধ্যা ৬টা নাগাদ সেখানেই মারা যায় সে। সূত্রমতে, সোমবার রাতেই আনুমানিক রাত সাড়ে ১১টায় মারকাজ উসমান-ও-আলি কমপ্লেক্সের ভিতরেই তার জানাজার নমাজ সম্পন্ন হয়। সংগঠনটির বেশ কয়েকজন শীর্ষ সদস্য জানাজায় উপস্থিত ছিল। মাসুদ আজহার, ইব্রাহিম আজহার, তালহা আল সাইফ, আবদুর রউফ এবং মহম্মদ আম্মার আলভির উপস্থিতির কথা জানা গিয়েছে।

    ভারতে জঙ্গি-হামলায় জইশ যোগ

    গত বছর সিঁদুর অভিযানের সময় পাকিস্তানের যে সব জায়গায় হামলা চালিয়েছিল ভারত, তার মধ্যে অন্যতম ছিল বহওয়ালপুর। সেই সময় এক রাতে পাকিস্তানের ২১টি জঙ্গিঘাঁটিতে হামলা চালানো হয়েছিল। সেই হামলায় মৃত্যু হয় জইশ প্রধান আজহারের পরিবারের ১০ জনের। বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে সেই সময় দাবি করা হয়, ওই হামলায় নিহত হয়েছেন মাসুদের বোন এবং ভগ্নিপতিও। দীর্ঘ সময় ধরে ভারতের ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকায় রয়েছেন মাসুদ। এমনকী, রাষ্ট্রপুঞ্জও মাসুদকে ‘জঙ্গি’ বলে দাগিয়ে দেয়। তিনিই জইশের প্রতিষ্ঠাতা। ২০০২ সালে সরকারি ভাবে জইশ-ই-মহম্মদকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল। কিন্তু অভিযোগ, তা কেবল খাতায়কলমে। পাকিস্তানের ক্যাম্পাসে বসে বিনা বাধায় কাজ করত জইশ জঙ্গিরা। ভারতে বিভিন্ন জঙ্গি হামলার নেপথ্যেই ছিল জইশ। ২০০১ সালে দিল্লিতে সংসদে হামলা হোক বা ২০১৬ সালে পঠানকোটে বিমানঘাঁটি কিংবা ২০১৯ সালের পুলওয়ামায় হামলা— এমন নানা জঙ্গি হামলা চালিয়েছিল জইশ।

    অন্তরালে আজহার

    তাহিরের মৃত্যু হলেও ২০০১ সালের সংসদ হামলার পর থেকে এখনও অন্তরালে রয়েছেন মাসুদ আজহার। তবে ২০২৪ সালের শেষের দিকে বহওয়ালপুরে আবার তাঁকে দেখা গিয়েছিল। ভারতীয় গোয়েন্দারা, তার গতিবিধির উপর কড়া নজর রেখেছিলেন। সর্বশেষ খবর থেকে জানা যায়, বাহওয়ালপুরের ওই ক্যাম্পাসে বসেই আবার নতুন করে জঙ্গি হামলার ছক কষছিল আজহার। অপরাশেন সিঁদুরে পরিবারের সদস্য ছাড়াও, জইশ প্রধানের একাধিক ছায়াসঙ্গী এবং সংগঠনের প্রথম সারির বেশ কয়েকজন কমান্ডার খতম হলেও, আজহার ছিল অধরা। তবে, সব মিলিয়ে, অপারেশন সিঁদুর পরবর্তী সময়ে আর্থিক ও সামরিক দিক থেকে খাদের কিনারায় থাকা জইশ-ই-মহম্মদের আর এক শীর্ষ নেতার মৃত্যু আন্তর্জাতিক সন্ত্রাসবাদ দমনের ক্ষেত্রে এক বিরাট মাইলফলক।

LinkedIn
Share